81 Bible Verses About Joy

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Joy
  1. 22 কিন্তু পবিত্র আত্মার ফল হল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, পরোপকারিতা, বিশ্বস্ততা, 23 বিনম্রতা ও আত্মসংযম। এসব বিষয়ের বিরুদ্ধে কোনও বিধান নেই।

  2. একটি আরোহণ সংগীত।

    1 সদাপ্রভু যখন জেরুশালেমের বন্দিদের ফিরিয়ে আনলেন,

    তখন যেন আমরা স্বপ্ন দেখছিলাম!

    2 আমাদের মুখ হাসিতে পূর্ণ ছিল,

    আনন্দের গানে আমাদের জিভ মুখর ছিল।

    সেই সময় জাতিদের মাঝে লোকেরা বলেছিল,

    “দেখো, সদাপ্রভু তাদের জন্যে কত মহৎ কাজ করেছেন।”

    3 যথার্থই, সদাপ্রভু আমাদের জন্য মহৎ কাজ করেছেন,

    এবং আমরা আনন্দে পূর্ণ হয়েছি।

    4 হে সদাপ্রভু, আমাদের বন্দিদের ফিরিয়ে আনো,

    নেগেভ মরুভূমির জলধারার মতো ফিরিয়ে আনো।

    5 যারা চোখের জলে বীজবপন করে,

    তারা আনন্দগান গেয়ে শস্য কাটবে।

    6 যারা চোখের জল ফেলতে ফেলতে বাইরে যায়

    বোনার জন্য বীজ বয়ে নিয়ে যায়,

    আনন্দগান গাইতে গাইতে ফিরে আসবে,

    সঙ্গে আঁটি নিয়ে ফিরে আসবে।

  3. 7 তোমরা যদি আমার মধ্যে থাকো এবং আমার বাক্য তোমাদের মধ্যে থাকে, তোমরা যা কিছুই প্রার্থনা করো, তা তোমাদের দেওয়া হবে। 8 এতেই আমার পিতা মহিমান্বিত হন যে, তোমরা প্রচুর ফলে ফলবান হও, আর এর দ্বারাই প্রমাণিত হয় যে তোমরা আমার শিষ্য।

    9 “পিতা যেমন আমাকে ভালোবেসেছেন, আমিও তেমন তোমাদের ভালোবেসেছি। তোমরা এখন আমার প্রেমে অবস্থিতি করো। 10 তোমরা যদি আমার আদেশ পালন করো, তাহলে আমার প্রেমে অবস্থিতি করবে, যেমন আমি আমার পিতার আদেশ পালন করে তাঁর প্রেমে অবস্থিতি করছি। 11 আমি তোমাদের একথা বললাম, যেন আমার আনন্দ তোমাদের মধ্যে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়।

  4. 20 আমি তোমাদের সত্যি বলছি, তোমরা যখন কাঁদবে ও শোক করবে, জগৎ তখন আনন্দ করবে। তোমরা শোক করবে, কিন্তু তোমাদের শোক আনন্দে রূপান্তরিত হবে। 21 সন্তানের জন্ম দেওয়ার সময় নারী যন্ত্রণায় কাতর হয়ে ওঠে, কারণ তার সময় পূর্ণ হয়েছে। কিন্তু সন্তানের জন্ম হলে, আনন্দে সে তার যন্ত্রণা ভুলে যায়, কারণ জগতে একটি শিশুর জন্ম হয়েছে। 22 তোমাদের ক্ষেত্রেও তাই। এখন তোমাদের শোকের সময়, কিন্তু আমি তোমাদের সঙ্গে আবার সাক্ষাৎ করব এবং তোমরা আনন্দ করবে। তোমাদের সেই আনন্দ কেউ কেড়ে নিতে পারবে না। 23 সেদিন তোমরা আমার কাছে আর কিছু চাইবে না। আমি তোমাদের সত্যি বলছি, আমার নামে, আমার পিতার কাছে, তোমরা যা কিছু প্রার্থনা করবে, তা তিনি তোমাদের দান করবেন। 24 এখনও পর্যন্ত তোমরা আমার নামে কোনো কিছুই চাওনি। চাও, তোমরা পাবে এবং তখন তোমাদের আনন্দ পূর্ণ হবে।

  5. 3 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক! মৃতলোক থেকে যীশু খ্রীষ্টের পুনরুত্থানের মাধ্যমে, তাঁর মহা করুণায় তিনি এক জীবন্ত প্রত্যাশায় আমাদের নতুন জন্ম দান করেছেন 4 এবং তিনি এক অধিকার দিয়েছেন, যা অক্ষয়, অম্লান এবং নিষ্কলঙ্ক; তা তোমাদেরই জন্য স্বর্গে সঞ্চিত আছে। 5 যে পরিত্রাণ অন্তিমকালে প্রকাশিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, যা প্রভুর আগমনের সময় পর্যন্ত বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের পরাক্রমের দ্বারা সুরক্ষিত রয়েছে। 6 এই কারণে তোমরা মহা উল্লসিত হয়েছ, যদিও বর্তমানে কিছু সময়ের জন্য সমস্ত রকম পরীক্ষায় তোমাদের দুঃখকষ্ট ভোগ করতে হচ্ছে। 7 সোনা আগুনের দ্বারা পরিশোধিত হলেও ক্ষয়প্রাপ্ত হয়। তার থেকেও বহুমূল্য তোমাদের বিশ্বাস তেমনি আগুনের মাধ্যমে শুদ্ধ হয়েছে যেন যীশু খ্রীষ্টের প্রকাশকালে তা প্রশংসা, গৌরব ও মর্যাদা লাভ করতে পারে। 8 তোমরা তাঁকে দেখোনি অথচ তাঁকে ভালোবেসেছ; আর যদিও তোমরা তাঁকে এখন দেখতে পাচ্ছ না, তোমরা তাঁকে বিশ্বাস করে অবর্ণনীয় ও মহিমাময় আনন্দে পূর্ণ হয়ে উঠছ, 9 কারণ তোমরা তোমাদের বিশ্বাসের লক্ষ্য, অর্থাৎ তোমাদের প্রাণের পরিত্রাণ লাভ করছ।

  6. 8 আমি সর্বদা আমার চোখ সদাপ্রভুতে স্থির রাখি।

    তিনি আমার ডানপাশে আছেন, তাই আমি কখনও বিচলিত হব না।

    9 তাই আমার হৃদয় আনন্দিত এবং আমার জিভ উল্লাস করে;

    আমার দেহ নিরাপদে বিশ্রাম নেবে,

    10 কারণ তুমি কখনও আমাকে পাতালের গর্ভে পরিত্যাগ করবে না,

    তুমি তোমার বিশ্বস্তদের ক্ষয় দেখতে দেবে না।

    11 তুমি আমাকে জীবনের পথ দেখাও;

    তোমার সান্নিধ্য আমাকে আনন্দ দিয়ে পূর্ণ করবে,

    তোমার ডান হাতে আছে অনন্ত সুখ।

  7. 2 হে আমার ভাইবোনেরা, যখনই তোমরা বিভিন্ন প্রকারের পরীক্ষার সম্মুখীন হও, সেগুলিকে নির্মল আনন্দের বিষয় বলে মনে করো, 3 কারণ তোমরা জানো যে, তোমাদের বিশ্বাসের পরীক্ষা ধৈর্য উৎপন্ন করে। 4 ধৈর্যকে অবশ্যই তার কাজ শেষ করতে হবে, যেন তোমরা পরিপক্ব ও সম্পূর্ণ হয়ে উঠতে পারো, কোনো বিষয়ের অভাব তোমাদের না থাকে।

  8. 13 প্রত্যাশার ঈশ্বর তোমাদের সমস্ত আনন্দ ও শান্তিতে পূর্ণ করুন, যেমন তোমরা তাঁর উপরে বিশ্বাস করো, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমের দ্বারা প্রত্যাশায় উপচে পড়ো।

  9. 4 তোমরা প্রভুতে সবসময় আনন্দ করো। আমি আবার বলব, আনন্দ করো। 5 তোমাদের শান্তভাব সবার কাছে প্রত্যক্ষ হোক। প্রভু শীঘ্রই আসছেন। 6 কোনো বিষয়েই উৎকণ্ঠিত হোয়ো না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। 7 এতে সব বোধবুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি, খ্রীষ্ট যীশুতে তোমাদের অন্তর ও মন রক্ষা করবে।

  10. 3 যীশু তখন তাদের এই রূপকটি বললেন, 4 “মনে করো, তোমাদের কারও একশোটি মেষ আছে। তার মধ্যে একটি হারিয়ে গেল। সে কি নিরানব্বইটি মেষকে মাঠে রেখে হারানো মেষটি খুঁজে না পাওয়া পর্যন্ত তার সন্ধান করবে না? 5 সেটি খুঁজে পেলে সে সানন্দে তাকে কাঁধে তুলে নিয়ে বাড়ি ফিরে যাবে। 6 পরে বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের ডেকে সে বলবে, ‘আমার সঙ্গে আনন্দ করো; আমি আমার হারানো মেষটি খুঁজে পেয়েছি।’ 7 আমি তোমাদের বলছি, একইভাবে নিরানব্বইজন ধার্মিক ব্যক্তি, যাদের মন পরিবর্তন করার প্রয়োজন নেই, তাদের চেয়ে একজন পাপী মন পরিবর্তন করলে স্বর্গে অনেক বেশি আনন্দ হবে।

    8 “আবার মনে করো, কোনো স্ত্রীলোকের দশটি রুপোর মুদ্রা আছে, কিন্তু তার একটি হারিয়ে গেল। সেটাকে না পাওয়া পর্যন্ত, সে কি প্রদীপ জ্বেলে, ঘর ঝাঁট দিয়ে, তন্নতন্ন করে খুঁজবে না? 9 মুদ্রাটি খুঁজে পেলে, সে তার বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের একসঙ্গে ডেকে বলবে, ‘আমার সঙ্গে আনন্দ করো, আমার হারিয়ে যাওয়া মুদ্রাটি আমি খুঁজে পেয়েছি।’ 10 একইভাবে, আমি তোমাদের বলছি, একজন পাপী মন পরিবর্তন করলে ঈশ্বরের দূতগণের সাক্ষাতে আনন্দ হয়।”

  11. 44 “স্বর্গরাজ্য হল মাঠে লুকোনো ধনসম্পদের মতো। যখন কোনো মানুষ তার সন্ধান পায় সে পুনরায় তা লুকিয়ে রাখে। পরে আনন্দে সে গিয়ে সর্বস্ব বিক্রি করে ও মাঠটি কিনে নিল।

  12. 16 সবসময় আনন্দ করো; 17 অবিরত প্রার্থনা করো; 18 সমস্ত পরিস্থিতিতেই ধন্যবাদ জ্ঞাপন করো, কারণ খ্রীষ্ট যীশুতে তোমাদের জন্য এই হল ঈশ্বরের ইচ্ছা।

  13. 17 কারণ ঈশ্বরের রাজ্য ভোজনপানের বিষয় নয়, কিন্তু ধার্মিকতার, শান্তির ও পবিত্র আত্মায় আনন্দের। 18 কারণ এভাবে যে খ্রীষ্টের সেবা করে, সে ঈশ্বরের প্রীতিপাত্র ও মানুষের কাছেও সমর্থনযোগ্য।

  14. 17 সেই বাহাত্তর জন শিষ্য সানন্দে ফিরে এসে বললেন, “প্রভু, আপনার নামে ভূতেরাও আমাদের অধীনতা স্বীকার করে।”

    18 তিনি উত্তর দিলেন, “আমি আকাশ থেকে বিদ্যুতের মতো শয়তানকে পতিত হতে দেখেছি। 19 আমি তোমাদের সাপ ও কাঁকড়াবিছে পায়ের তলায় পিষে মারার এবং শত্রুর সমস্ত ক্ষমতার উপর কর্তৃত্ব করার অধিকার দান করেছি। কোনো কিছুই তোমাদের ক্ষতি করতে পারবে না। 20 কিন্তু আত্মারা তোমাদের বশীভূত হয় বলে উল্লসিত হোয়ো না, বরং স্বর্গে তোমাদের নাম লেখা হয়েছে বলে উল্লসিত হও।”

    21 সেই সময় যীশু পবিত্র আত্মার মাধ্যমে আনন্দে পরিপূর্ণ হয়ে বললেন, “হে পিতা, তুমি স্বর্গ ও পৃথিবীর প্রভু, আমি তোমার প্রশংসা করি, কারণ তুমি এই সমস্ত বিষয় বিজ্ঞ ও শিক্ষিত মানুষদের কাছ থেকে গোপন রেখে ছোটো শিশুদের কাছে প্রকাশ করেছ। হ্যাঁ পিতা, কারণ এই ছিল তোমার ঈপ্সিত ইচ্ছা।

    22 “আমার পিতা সবকিছুই আমার হাতে সমর্পণ করেছেন। পুত্রকে কেউ জানে না, কেবলমাত্র পিতা জানেন এবং পিতাকে কেউ জানে না, কেবলমাত্র পুত্র জানেন ও পুত্র যার কাছে তাঁকে প্রকাশ করে, সেই জানে।”

  15. 8 আশেপাশের মাঠে কয়েকজন মেষপালক অবস্থিতি করছিল। তারা রাত্রিবেলা তাদের মেষপাল পাহারা দিচ্ছিল। 9 প্রভুর এক দূত তাদের সামনে আবির্ভূত হলেন, ও প্রভুর প্রতাপ তাদের চারপাশে উজ্জ্বল হওয়ায় তারা ভীতচকিত হয়ে উঠল। 10 কিন্তু দূত তাদের বললেন, “ভয় কোরো না, আমি তোমাদের কাছে এক মহা আনন্দের সুসমাচার নিয়ে এসেছি—এই আনন্দ হবে সব মানুষেরই জন্য। 11 আজ দাউদের নগরে তোমাদের জন্য এক উদ্ধারকর্তা জন্মগ্রহণ করেছেন, তিনি খ্রীষ্ট প্রভু।

  16. 6 তোমরা আমাদের এবং প্রভুর অনুকরণ করেছিলে, প্রচণ্ড দুঃখকষ্টের মধ্যেও পবিত্র আত্মার দেওয়া আনন্দে তোমরা সেই বার্তাকে স্বাগত জানিয়েছ। 7 তাই ম্যাসিডোনিয়া এবং আখায়ার সমস্ত বিশ্বাসীর কাছে তোমরা আদর্শ হয়ে উঠেছ।

  17. 1 অতএব, বিশ্বাসের মাধ্যমে যেহেতু আমরা নির্দোষ গণ্য হয়েছি, তাই আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি স্থাপিত হয়েছে। 2 তাঁরই মাধ্যমে বিশ্বাসে আমরা এই অনুগ্রহে প্রবেশের অধিকার অর্জন করেছি ও তার মধ্যেই এখন আমরা অবস্থান করছি। আর আমরা ঈশ্বরের মহিমার প্রত্যাশায় উল্লসিত হচ্ছি। 3 শুধু তাই নয়, আমরা আমাদের দুঃখকষ্টেও আনন্দ করি, কারণ আমরা জানি, দুঃখকষ্ট সহিষ্ণুতাকে, 4 সহিষ্ণুতা অভিজ্ঞতাকে ও অভিজ্ঞতা প্রত্যাশার জন্ম দেয়। 5 সেই প্রত্যাশা আমাদের নিরাশ করে না, কারণ আমাদের প্রতি দেওয়া পবিত্র আত্মা দ্বারা ঈশ্বর তাঁর প্রেম আমাদের হৃদয়ে উজাড় করে ঢেলে দিয়েছেন।

  18. 13 “আমি এখন তোমার কাছে আসছি, কিন্তু জগতে থাকার সময়েই আমি এ সমস্ত বিষয়ে বলছি, যেন আমার আনন্দ তাদের হৃদয়ে সম্পূর্ণ হয়। 14 তোমার বাণী তাদের কাছে আমি প্রকাশ করেছি, কিন্তু জগৎ তাদের ঘৃণা করেছে, কারণ তারা আর জগতের নয়, যেমন আমিও জগতের নই। 15 আমি এই নিবেদন করছি না যে তুমি তাদের জগৎ থেকে নিয়ে নাও কিন্তু সেই পাপাত্মা থেকে তাদের রক্ষা করো। 16 তারা জগতের নয়, যেমন আমিও জগতের নই।

  19. 12 প্রত্যাশায় আনন্দ করো, কষ্ট-সংকটে সহিষ্ণু হও, প্রার্থনায় বিশ্বস্ত থেকো।

  20. 1 খ্রীষ্টের সঙ্গে সংযুক্ত থাকার জন্য তোমরা যদি কোনো অনুপ্রেরণা, তাঁর প্রেমে যদি কোনো সান্ত্বনা, যদি আত্মায় কোনো সহভাগিতা, যদি কোনো কোমলতা ও সহমর্মিতা লাভ করে থাকো, 2 তাহলে তোমরা এক চিত্ত, এক প্রেম, এক আত্মা এবং একই ভাববিশিষ্ট হয়ে আমার আনন্দকে পূর্ণ করো।

  21. 17 যদিও ডুমুর গাছে কুঁড়ি ধরবে না

    এবং আঙুর লতায় কোনো আঙুর ধরবে না,

    যদিও জলপাই গাছ ফলহীন হবে

    এবং ক্ষেতে খাবারের জন্য শস্য ধরবে না,

    যদিও মেষের খোঁয়াড়ে কোনো মেষ থাকবে না

    এবং গোয়ালঘরে গবাদি পশুরা থাকবে না,

    18 তবুও আমি সদাপ্রভুতে আনন্দ করব,

    আমার ঈশ্বর উদ্ধারকর্তায় উল্লসিত হব।

    19 সার্বভৌম সদাপ্রভুই আমার শক্তি;

    তিনি আমার পা হরিণীর পায়ের মতো করেন,

    তিনি আমাকে উচ্চ স্থানে চলতে ক্ষমতা দেন।

    প্রধান বাদকের জন্য; আমার তারযুক্ত যন্ত্রে।

  22. 11 “ধন্য তোমরা, যখন লোকে আমার জন্য তোমাদের অপমান করে, নির্যাতন করে ও মিথ্যা অভিযোগে তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। 12 উল্লসিত হোয়ো, আনন্দ কোরো; কারণ স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ পূর্বে ভাববাদীদেরও তারা একই উপায়ে নির্যাতন করত।

  23. 52 আর শিষ্যরা আনন্দে ও পবিত্র আত্মায় পূর্ণ হয়ে উঠল।

  24. 4 তোমাদের প্রতি আমার গভীর আস্থা আছে; তোমাদের নিয়ে আমার ভীষণ গর্ব। তাই আমি সম্পূর্ণ অনুপ্রাণিত হয়েছি; আমাদের সমস্ত কষ্ট-সংকটের মধ্যেও আমার আনন্দের সীমা নেই।

  25. 1 পরিশেষে আমার ভাইবোনেরা, প্রভুতে আনন্দ করো। তোমাদের কাছে একই বিষয়ে বারবার লিখতে আমি বিরক্তি বোধ করি না এবং তা তোমাদের পক্ষে নিরাপদও বটে। 2 যারা দুষ্কর্ম করে, যারা অঙ্গচ্ছেদ ঘটায়, সেইসব কুকুর থেকে সাবধান থেকো। তাদের সম্বন্ধে সতর্ক হও। 3 কারণ আমরা যারা ঈশ্বরের আত্মায় উপাসনা করি, যারা খ্রীষ্ট যীশুতে গৌরববোধ করি, শরীরের বিষয়ে যাদের কোনো আস্থা নেই, সেই আমরাই তো প্রকৃত সুন্নতপ্রাপ্ত—

  26. 12 প্রিয় বন্ধুরা, যে যন্ত্রণাপূর্ণ পরীক্ষা তোমরা ভোগ করছ, তা কোনো অস্বাভাবিক ঘটনা তোমাদের প্রতি ঘটছে মনে করে বিস্মিত হোয়ো না। 13 কিন্তু খ্রীষ্টের কষ্টভোগে তোমরাও অংশগ্রহণ করছ মনে করে আনন্দ করো, যেন যেদিন তাঁর মহিমা প্রকাশিত হবে, সেদিন তোমরাও অতিশয় আনন্দিত হতে পারো। 14 খ্রীষ্টের নামের জন্য যদি তোমরা অপমানিত হও, তাহলে তোমরা ধন্য, কারণ ঈশ্বরের মহিমাময় আত্মা তোমাদের উপরে অধিষ্ঠান করছেন।

  27. 11 কিন্তু যারা তোমাতে আশ্রয় নেয় তারা আনন্দ করুক;

    তারা চিরকাল আনন্দগান করুক।

    তোমার সুরক্ষা তাদের উপর বিছিয়ে দাও,

    যেন যারা তোমার নাম ভালোবাসে, তারা তোমাতে উল্লাস করে।

  28. 3 আমরা কারও পথে কোনো বাধার সৃষ্টি করি না, যেন আমাদের পরিচর্যা কলঙ্কিত না হয়। 4 বরং, আমরা যেহেতু ঈশ্বরের পরিচারক, সবদিক দিয়ে নিজেদের যোগ্যপাত্ররূপে দেখাতে চাই: মহা ধৈর্যে, কষ্ট-সংকটে, কষ্টভোগ ও দুর্দশায়; 5 প্রহারে, কারাবাসে ও গণবিক্ষোভে, কঠোর পরিশ্রমে, নিদ্রাহীন রাত্রিযাপনে ও অনাহারে; 6 শুদ্ধতায়, জ্ঞানে, সহিষ্ণুতায় ও সদয়ভাবে, পবিত্র আত্মায় ও অকপট ভালোবাসায়; 7 সত্যভাষণে ও ঐশ্বরিক পরাক্রমে, ডান ও বাঁ হাতে ধার্মিকতার অস্ত্রশস্ত্র নিয়ে; 8 গৌরব ও অসম্মানের মধ্যে, অখ্যাতি ও সুখ্যাতিক্রমে; আমরা সত্যনিষ্ঠ, অথচ বিবেচিত হই প্রতারকরূপে; 9 পরিচিত, অথচ যেন অপরিচিতের মতো; মরণাপন্ন, তবুও বেঁচে আছি; প্রহারিত, তবুও নিহত নই; 10 দুঃখার্ত, তবু যেন সবসময়ই আনন্দ করছি; দরিদ্র, তবুও অনেককে সমৃদ্ধ করছি; আমাদের কিছুই নেই, তবুও সবকিছুর অধিকারী।

  29. 5 কারণ তাঁর ক্রোধ ক্ষণস্থায়ী,

    কিন্তু তাঁর অনুগ্রহ সারা জীবন স্থায়ী;

    অশ্রু রাত্রিব্যাপী হয়,

    কিন্তু উল্লাস সকালে উপস্থিত হয়।

  30. 3 আমি যখনই তোমাদের কথা স্মরণ করি, আমি আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই। 4 প্রার্থনার সময়ে আমি তোমাদের সকলের জন্য সর্বদা সানন্দে প্রার্থনা করি, 5 কারণ প্রথম দিন থেকে, আজ পর্যন্ত সুসমাচার প্রচারের কাজে তোমরা আমাকে সহযোগিতা করেছ। 6 এ বিষয়ে আমি সুনিশ্চিত যে, যিনি তোমাদের অন্তরে শুভকর্মের সূচনা করেছেন, খ্রীষ্ট যীশুর দিন পর্যন্ত তিনি তা সুসম্পন্ন করবেন।

  31. 6 সদাপ্রভু, অনেকে প্রশ্ন করছে, “কে আমাদের উন্নতি ঘটাবে?”

    তোমার মুখের জ্যোতি আমাদের উপর উজ্জ্বল হোক।

    7 তাদের ফসল ও নতুন দ্রাক্ষারসের প্রাচুর্য থেকেও

    তুমি আমার হৃদয় আনন্দে পূর্ণ করেছ।

    8 শান্তিতে আমি শুয়ে থাকব ও ঘুমাব,

    কারণ একমাত্র তুমিই, হে সদাপ্রভু,

    আমায় নিরাপদে বসবাস করতে দিয়েছ।

  32. 18 যখন আমি বলেছিলাম, “আমার পা পিছলে যাচ্ছে,”

    তোমার অবিচল প্রেম, হে সদাপ্রভু, আমার সহায়তা করেছিল,

    19 যখন দুশ্চিন্তা আমার অন্তরে গভীর হয়েছিল,

    তোমার সান্ত্বনা আমাকে আনন্দ দিয়েছিল।

  33. 25 দাউদ তাঁর সম্পর্কে বলেছেন,

    “ ‘আমি প্রভুকে নিয়ত, আমার সামনে দেখেছি।

    কারণ, তিনি তো আমার ডানপাশে,

    আমি বিচলিত হব না।

    26 তাই আমার হৃদয় আনন্দিত এবং আমার জিভ উল্লাস করে;

    আমার দেহ প্রত্যাশায় বিশ্রাম নেবে,

    27 কারণ তুমি কখনও আমাকে পাতালের গর্ভে পরিত্যাগ করবে না,

    তুমি তোমার পবিত্রজনকে ক্ষয় দেখতে দেবে না।

    28 তুমি আমার কাছে জীবনের পথ অবগত করেছ,

    তোমার সামনে আমায় আনন্দে পূর্ণ করবে।’

  34. 15 যারা আনন্দ করে, তাদের সঙ্গে আনন্দ করো; যারা শোক করে, তাদের সঙ্গে শোক করো।

  35. 12 তোমার পরিত্রাণের আনন্দ আবার আমাকে ফিরিয়ে দাও

    আর আমাকে বাঁচিয়ে রাখতে এক ইচ্ছুক আত্মা দাও।

    13 তখন আমি অপরাধীদের তোমার পথ শিক্ষা দেব,

    যেন পাপীরা তোমার দিকে ফিরে আসে।

  36. 15 হে সদাপ্রভু, তুমি তো সব বোঝো;

    আমাকে স্মরণ করো ও আমার তত্ত্বাবধান করো।

    আমার পীড়নকারীদের উপরে তুমিই প্রতিশোধ নাও।

    তুমি তো দীর্ঘসহিষ্ণু, আমাকে হরণ কোরো না;

    ভেবে দেখো, তোমার কারণে আমি কত দুর্নাম সহ্য করে থাকি।

    16 যখন তোমার বাক্যসকল এল, আমি তা অন্তরে গ্রহণ করলাম,

    সেগুলি ছিল আমার আনন্দ ও প্রাণের হর্ষজনক,

    কারণ হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর,

    আমি তোমার নাম ধারণ করি।

  37. 24 যিনি তোমাদের বিশ্বাসে হোঁচট খাওয়া থেকে রক্ষা করতে সমর্থ, ও যিনি তোমাদের নির্দোষরূপে ও মহা আনন্দের সঙ্গে তাঁর মহিমাময় উপস্থিতিতে উপস্থাপন করবেন, 25 সেই একমাত্র ঈশ্বর, আমাদের পরিত্রাতা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে মহিমা, রাজকীয় প্রতাপ, পরাক্রম ও কর্তৃত্ব, সকল যুগের শুরু থেকে বর্তমানে ও যুগপর্যায়ের সমস্ত যুগেই হোক! আমেন।

  38. 11 হে ধার্মিক, সদাপ্রভুতে আনন্দ করো ও উল্লাস করো;

    তোমরা যারা অন্তরে ন্যায়পরায়ণ, আনন্দধ্বনি করো।

  39. ধন্যবাদের সংগীত।

    1 সমস্ত পৃথিবী! সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো।

    2 মহানন্দে সদাপ্রভুর আরাধনা করো;

    আনন্দগান সহকারে তাঁর সামনে এসো।

  40. 7 তোমার ভালোবাসা আমাকে খুবই আনন্দ এবং প্রেরণা দিয়েছে, কারণ ভাই, তুমি পবিত্রগণের প্রাণ জুড়িয়েছ।

  41. 10 আমি সদাপ্রভুতে মহা আনন্দ করি;

    আমার প্রাণ আমার ঈশ্বরে উল্লসিত হয়।

    যেভাবে বর শোভার জন্য যাজকের মতো মাথায় উষ্ণীষ দেয়,

    যেভাবে কন্যা তার রত্নরাজি দিয়ে নিজেকে সুশোভিত করে,

    সেভাবেই তিনি আমাকে পরিত্রাণের পোশাক পরিয়েছেন,

    আমাকে তাঁর ধার্মিকতার বসনে সুসজ্জিত করেছেন।

  42. 13 কিন্তু দূত তাঁকে বললেন, “সখরিয়, ভয় পেয়ো না, ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন। তোমার স্ত্রী ইলিশাবেত তোমার জন্য এক পুত্রসন্তানের জন্ম দেবেন। তুমি তার নাম রাখবে, যোহন। 14 সে তোমার আনন্দ ও উল্লাসের কারণ হবে এবং তার জন্মে অনেক মানুষ উল্লসিত হবে, 15 কারণ প্রভুর দৃষ্টিতে সে হবে মহান। সে কখনও দ্রাক্ষারস, বা অন্য কোনো উত্তেজক পানীয় গ্রহণ করবে না এবং জন্মমুহূর্ত থেকেই সে পবিত্র আত্মায় পূর্ণ হবে।

  43. 22 ধন্য তোমরা, যখন মনুষ্যপুত্রের জন্য মানুষ তোমাদের ঘৃণা করে,

    তোমাদের বহিষ্কার করে ও তোমাদের অপমান করে,

    আবার মন্দ অপবাদ দিয়ে তোমাদের নাম অগ্রাহ্য করে।

    23 “তখন তোমরা উল্লসিত হোয়ো, আনন্দে নাচ কোরো, কারণ স্বর্গে তোমাদের জন্য আছে প্রচুর পুরস্কার। তাদের পূর্বপুরুষেরা ভাববাদীদের সঙ্গেও এরকম আচরণ করেছিল।

  44. 52 তাঁরা তখন তাঁকে প্রণাম জানিয়ে মহা আনন্দে জেরুশালেমে ফিরে গেলেন 53 এবং মন্দিরে নিরন্তর ঈশ্বরের বন্দনা করতে থাকলেন।

  45. 41 প্রেরিতশিষ্যেরা আনন্দ করতে করতে মহাসভা ত্যাগ করলেন, কারণ তাঁরা সেই নামের কারণে অপমান ভোগ করার জন্য যোগ্য বলে গণ্য হয়েছিলেন। 42 দিনের পর দিন, মন্দির-প্রাঙ্গণে ও ঘরে ঘরে, তাঁরা শিক্ষা দিতে এবং যীশুই যে সেই খ্রীষ্ট, এই সুসমাচার ঘোষণা করতে কখনও ক্ষান্ত হতেন না।

  46. 1 অতএব, আমার প্রিয় ভাইবোন, তোমাদের, যাদের আমি ভালোবাসি ও যাদের একান্তভাবে পেতে চাই, তোমরাই আমার আনন্দ ও মুকুট। প্রিয় বন্ধুরা, প্রভুতে তোমরা এভাবেই অবিচল থাকো।

  47. 17 তোমাদের নেতাদের নির্দেশ মেনে চলো ও তাদের কর্তৃত্বের বশ্যতাধীন হও। যাদের জবাবদিহি করতে হবে, এমন মানুষের মতো তাঁরা তোমাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখেন। তাঁদের আদেশ পালন করো, যেন তাদের কাজ আনন্দদায়ক হয়, বোঝাস্বরূপ না হয়, তা না হলে, তা তোমাদের পক্ষে লাভজনক হবে না।

  48. 7 সদাপ্রভু আমার শক্তি ও আমার ঢাল;

    আমার হৃদয় তাঁর উপর আস্থা রাখে এবং তিনি আমাকে সাহায্য করেন।

    আমার হৃদয় আনন্দে উল্লসিত

    এবং গানের মাধ্যমে আমি তাঁর প্রশংসা করব।

  49. 23 সঠিক উত্তর দিয়ে মানুষ আনন্দ পায়,

    ও সঠিক সময়ে বলা কথা কতই না প্রশংসনীয়।

  50. 2 যে জাতি অন্ধকারে বসবাস করত,

    তারা এক মহাজ্যোতি দেখতে পেয়েছে;

    যারা মৃত্যুচ্ছায়ার দেশে বসবাস করত,

    তাদের উপরে এক জ্যোতির উদয় হয়েছে।

    3 তুমি সেই জাতির বৃদ্ধি করেছ

    এবং তাদের আনন্দ বর্ধিত হয়েছে;

    তারা তোমার সামনে আনন্দিত হয়

    যেমন লোকে শস্যচয়নের সময়ে করে,

    যেমন যোদ্ধারা আনন্দ করে,

    যখন তারা লুন্ঠিত বস্তু বিভাগ করে।

    4 যেমন তোমরা মিদিয়নকে পরাস্ত করার সময়ে করেছিলে,

    তাদের দাসত্বের জোয়াল

    তোমরা ভেঙে ফেলবে,

    তাদের কাঁধ থেকে ভারী বোঝা তুলে ফেলবে,

    তোমরা নিপীড়নকারীদের লাঠি ভেঙে ফেলবে।

    5 যুদ্ধে ব্যবহৃত প্রত্যেক যোদ্ধার জুতো

    ও রক্তে ভেজা প্রত্যেকটি পোশাক

    অবশ্য দগ্ধ করা হবে,

    সেগুলি আগুনের জ্বালানিস্বরূপ হবে।

    6 কারণ আমাদের জন্য এক শিশুর জন্ম হয়েছে,

    আমাদের কাছে এক পুত্রসন্তান দেওয়া হয়েছে,

    শাসনভার তাঁরই কাঁধে দেওয়া হবে।

    আর তাঁকে বলা হবে

    আশ্চর্য পরামর্শদাতা, পরাক্রমী ঈশ্বর,

    চিরন্তন পিতা, শান্তিরাজ।

    7 তাঁর শাসনক্ষমতা বৃদ্ধির ও শান্তির

    কোনো সীমা থাকবে না।

    তিনি দাউদের সিংহাসনে অধিষ্ঠিত হয়ে

    তাঁর রাজ্যের উপরে কর্তৃত্ব করবেন,

    ন্যায়বিচার ও ধার্মিকতার সঙ্গে

    তিনি তা প্রতিষ্ঠিত করে সুস্থির করবেন,

    সেই সময় থেকে অনন্তকাল পর্যন্ত করবেন।

    সর্বশক্তিমান সদাপ্রভুর উদ্যোগই

    তা সম্পাদন করবে।

  51. 10 আর মুক্তিপণ দেওয়া সদাপ্রভুর লোকেরা প্রত্যাবর্তন করবে।

    তারা গান গাইতে গাইতে সিয়োনে প্রবেশ করবে;

    তাদের মাথায় থাকবে চিরস্থায়ী আনন্দ-মুকুট।

    আমোদ ও আনন্দে তারা প্লাবিত হবে,

    দুঃখ ও দীর্ঘশ্বাস দূরে পলায়ন করবে।

  52. 14 হে সিয়োন-কন্যা, গান করো;

    হে ইস্রায়েল, জয়ধ্বনি করো!

    হে জেরুশালেম-কন্যা,

    তুমি খুশি হও ও অন্তর দিয়ে আনন্দ করো!

    15 সদাপ্রভু তোমার শাস্তি দূর করে দিয়েছেন,

    তোমার শত্রুদের তাড়িয়ে দিয়েছেন।

    সদাপ্রভু, ইস্রায়েলের রাজা, তোমার সঙ্গে আছেন;

    তুমি আর কখনও অমঙ্গলের ভয় করবে না।

    16 সেইদিন

    তারা জেরুশালেমকে বলবে,

    “হে সিয়োন, ভয় করো না;

    তোমার হাত পঙ্গু হতে দিয়ো না।

    17 তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে আছেন,

    সেই মহাযোদ্ধা যিনি তোমাকে বাঁচান।

    তিনি তোমাকে নিয়ে খুবই আনন্দিত হবেন;

    তাঁর ভালোবাসায় তিনি তোমাকে আর তিরস্কার করবেন না,

    কিন্তু গান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করবেন।”

  53. 10 তারাটি দেখতে পেয়ে তাঁরা মহা আনন্দে উল্লসিত হলেন। 11 ঘরের মধ্যে প্রবেশ করে তাঁরা শিশুটিকে তাঁর মা মরিয়মের সঙ্গে দেখতে পেলেন। তাঁরা সকলে ভূমিষ্ঠ হয়ে শিশুটিকে প্রণাম করলেন ও তাঁর উপাসনা করলেন। তারপর তাঁরা তাদের রত্নপেটিকা খুলে তাঁকে সোনা, কুন্দুরু ও গন্ধরস উপহার দিলেন।

  54. 21 “তার মনিব উত্তর দিলেন, ‘বেশ করেছ, উত্তম ও বিশ্বস্ত দাস! তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত থেকেছ; আমি তোমাকে বহু বিষয়ের উপরে তত্ত্বাবধায়ক নিযুক্ত করব। এসো, তোমার মনিবের আনন্দের অংশীদার হও!’

  55. 27 উত্তরে যোহন বললেন, “ঊর্ধ্বলোক থেকে যা দেওয়া হয়েছে একজন মানুষ কেবল তাই গ্রহণ করতে পারে। 28 তোমরা নিজেরাই সাক্ষ্য দিতে পারো যে, আমি বলেছিলাম, ‘আমি সেই খ্রীষ্ট নই, কিন্তু আমি তাঁর আগে প্রেরিত হয়েছি।’ 29 যে বধূকে পেয়েছে সেই তো বর। যে বন্ধু বরের সঙ্গে থাকে, সে তার কথা শোনার প্রতীক্ষায় থাকে ও বরের কণ্ঠস্বর শুনে আনন্দে পূর্ণ হয়ে ওঠে। সেই আনন্দই আমার, তা এখন পূর্ণ হয়েছে। 30 তাঁকে অবশ্যই বৃদ্ধি পেতে হবে, আর আমাকে ক্ষুদ্র হতে হবে।

  56. 34 তোমরা কারাগারে বন্দিদের প্রতি সহানুভূতি দেখিয়েছ এবং তোমাদের সম্পত্তি বাজেয়াপ্ত হলেও তা সানন্দে মেনে নিয়েছ, কারণ তোমরা জানতে যে, তোমাদের জন্য এক উৎকৃষ্টতর ও স্থায়ী সম্পত্তি রাখা আছে।

  57. 3 সত্যের প্রতি তোমার বিশ্বস্ততা এবং কেমনভাবে তুমি সত্যের পথে চলছ, কয়েকজন ভাই এসে আমাকে সেকথা জানানোয়, আমি অত্যন্ত আনন্দ পেয়েছি। 4 আমার সন্তানেরা সত্যে জীবনযাপন করছে, একথা শুনে যে আনন্দ পাই তার থেকে বেশি আনন্দ আর কিছুতেই হতে পারে না।

  58. 1 এসো, আমরা সদাপ্রভুর উদ্দেশে আনন্দগান করি;

    আমাদের পরিত্রাণের শৈলের উদ্দেশে উচ্চস্বরে গান গাই।

    2 আমরা ধন্যবাদের সঙ্গে তাঁর সামনে যাই

    সংগীত ও গান দিয়ে তাঁর উচ্চপ্রশংসা করি।

  59. 28 ধার্মিকদের প্রত্যাশা হল আনন্দ,

    কিন্তু দুষ্টদের আশাগুলি নিষ্ফল হয়ে যায়।

  60. 24 ধার্মিক সন্তানের বাবা খুব আনন্দ পান;

    জ্ঞানবান ছেলের জন্মদাতা তাকে নিয়ে আনন্দ করেন।

    25 তোমার বাবা ও মা আনন্দ করুন;

    যিনি তোমাকে জন্ম দিয়েছেন তিনি উল্লসিতা হোন!

  61. 12 তোমরা আনন্দের সঙ্গে বাইরে যাবে

    এবং শান্তির সঙ্গে তোমাদের নিয়ে যাওয়া হবে;

    পাহাড় ও পর্বতেরা তোমাদের সামনে

    আনন্দ সংগীতে ফেটে পড়বে,

    আর মাঠের সমস্ত গাছপালা

    তাদের করতালি দেবে।

    13 কাঁটাগাছের বদলে দেবদারু

    এবং শিয়ালকাঁটার বদলে গুলমেদি উৎপন্ন হবে।

    এ হবে সদাপ্রভুর সুনামের জন্য,

    তা হবে এক চিরস্থায়ী নিদর্শনস্বরূপ,

    যা কখনও ধ্বংস হবে না।”

  62. 46 প্রতিদিন তারা একসঙ্গে মন্দির-প্রাঙ্গণে মিলিত হত। তারা নিজেদের ঘরে রুটি ভাঙত এবং আনন্দের সঙ্গে ও হৃদয়ের সরলতায় একসঙ্গে খাওয়াদাওয়া করত। 47 তারা ঈশ্বরের প্রশংসা করত এবং সব মানুষ তাদের শ্রদ্ধা করত। আর যারা পরিত্রাণ লাভ করল, প্রভু দিন-প্রতিদিন তাঁদের সঙ্গে পরিত্রাণপ্রাপ্তদের যুক্ত করে তাঁদের সংখ্যা বৃদ্ধি করলেন।

  63. 6 দাউদ সেই ফিলিস্তিনীকে হত্যা করার পর যখন লোকজন ঘরে ফিরে আসছিল, তখন ইস্রায়েলের সব নগর থেকে স্ত্রীলোকেরা নাচ-গান করতে করতে, খঞ্জনি ও সুরবাহার বাজিয়ে আনন্দগান গাইতে গাইতে রাজা শৌলের সঙ্গে দেখা করতে বের হয়ে এল। 7 নাচতে নাচতে তারা গাইল:

    “শৌল মারলেন হাজার হাজার,

    আর দাউদ মারলেন অযুত অযুত।”

  64. 6 তখন যেসব শত্রু আমাকে ঘিরে রয়েছে

    আমার মাথা তাদের উপরে উন্নত হবে;

    তাঁর পবিত্র তাঁবুতে আমি জয়ধ্বনির সাথে বলি উৎসর্গ করব;

    সদাপ্রভুর উদ্দেশে আমি গান করব ও সংগীত রচনা করব।

  65. 11 তুমি আমার বিলাপ নৃত্যে পরিণত করেছ;

    আমার চট খুলে আমাকে আনন্দ দিয়ে আবৃত করেছ,

    12 যেন আমার হৃদয় চুপ করে না থাকে, কিন্তু তোমার জয়গান করে।

    হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি চিরকাল তোমার প্রশংসা করব।

  66. 10 আমার চোখে যা ভালো লাগত আমি তা অস্বীকার করতাম না;

    আমার হৃদয়ের কোনো আনন্দ আমি প্রত্যাখ্যান করতাম না।

    আমার সবকাজেই আমার মন খুশি হত,

    আর এটাই ছিল আমার সব পরিশ্রমের পুরস্কার।

    11 তবুও আমি যা কিছু করেছি আর যা পাওয়ার জন্য পরিশ্রম করেছি

    তার দিকে যখন তাকিয়াছি,

    সবকিছুই অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো;

    সূর্যের নিচে কোনো কিছুতেই লাভ নেই।

  67. 9 প্রজারা তাদের নেতাদের স্বতঃস্ফুর্ত প্রতিক্রিয়া দেখে আনন্দ করল, কারণ তারা মুক্তহস্তে ও সর্বান্তঃকরণে সদাপ্রভুর উদ্দেশে দান দিলেন। রাজা দাউদও খুব খুশি হলেন।

  68. 111 তোমার আইনগুলি আমার চিরকালের উত্তরাধিকার,

    সেগুলি আমার হৃদয়ের আনন্দ।

  69. 46 তখন মরিয়ম বললেন,

    “আমার প্রাণ প্রভুর মহিমাকীর্তন করে,

    47 আমার পরিত্রাতা ঈশ্বরে আমার আত্মা উল্লাস করে।

    48 কারণ তিনি তাঁর এই দীনদরিদ্র দাসীর প্রতি

    দৃষ্টিপাত করেছেন।

    এখন থেকে পুরুষ-পরম্পরা

    আমাকে ধন্য বলে অভিহিত করবে।

    49 কারণ যিনি পরাক্রমী, যিনি আমার জন্য কত মহৎ কাজ সাধন করেছেন—

    তাঁর নাম পবিত্র।

  70. 33 “আমি তোমাদের এসব কথা জানালাম, যেন আমার মধ্যে তোমরা শান্তি লাভ করো। এই জগতে তোমরা সংকটের সম্মুখীন হবে, কিন্তু সাহস করো! আমি এই জগৎকে জয় করেছি।”

  71. 28 আর আমরা জানি যে, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তাঁর ইচ্ছা অনুসারে আহূত, তিনি সব বিষয়ে তাদের মঙ্গলসাধনের জন্য কাজ করেন। 29 কারণ ঈশ্বর যাদের পূর্ব থেকে জানতেন, তিনি তাদের তাঁর পুত্রের প্রতিমূর্তির সাদৃশ্য দান করবেন বলে নির্দিষ্ট করে রেখেছিলেন, যেন তিনি অনেক ভাইয়ের মধ্যে প্রথমজাত হন। 30 আবার যাদের তিনি পূর্ব থেকে নির্দিষ্ট করেছিলেন, তাদের তিনি আহ্বানও করলেন, যাদের আহ্বান করলেন, তিনি তাদের নির্দোষ প্রতিপন্ন করলেন, আর যাদের নির্দোষ প্রতিপন্ন করলেন, তাদের মহিমান্বিতও করলেন।

  72. 17 যেমন তোমাদের বিশ্বস্ত সেবা ঈশ্বরের কাছে এক নৈবেদ্য, তেমন যদি আমাকে পেয়-নৈবেদ্যের মতো ঢেলে দেওয়া হয় ও তার ফলে আমি জীবন হারাই, তবুও আমি আনন্দ করব। আর আমি চাই যে তোমরাও আমার সেই আনন্দের ভাগীদার হও। 18 সুতরাং তোমরাও আনন্দিত হও এবং আমার সঙ্গে আনন্দ করো।

  73. 8 কিন্তু পুত্র সম্পর্কে তিনি বলেন,

    “হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকালস্থায়ী;

    ধার্মিকতার রাজদণ্ড হবে তোমার রাজ্যের রাজদণ্ড।

    9 তুমি ধার্মিকতাকে ভালোবেসেছ,

    আর দুষ্টতাকে ঘৃণা করেছ;

    সেই কারণে ঈশ্বর, তোমার ঈশ্বর,

    আনন্দের তেল দিয়ে অভিষিক্ত করে,

    তোমাকে তোমার সহচরদের ঊর্ধ্বে স্থাপন করেছেন।”

  74. প্রধান সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।

    1 হে সদাপ্রভু, তোমার পরাক্রমে রাজা উল্লাস করেন,

    তিনি আনন্দে চিৎকার করেন কারণ তুমি তাঁকে বিজয়ী করেছ।

  75. 1 হে ধার্মিকেরা, সদাপ্রভুর আনন্দধ্বনি করো;

    তাঁর প্রশংসা করা ন্যায়পরায়ণদের উপযুক্ত।

    2 তোমরা বীণাতে সদাপ্রভুর প্রশংসা করো;

    দশতন্ত্রী সুরবাহারে তাঁর উদ্দেশে সংগীত করো।

    3 তাঁর উদ্দেশে নতুন গান গাও;

    নিপুণ হাতে বাজাও ও আনন্দধ্বনি করো।

  76. 8 আমাকে আনন্দ ও উল্লাসের বাক্য শোনাও;

    আমার হাড়গোড়, যা তুমি পিষে দিয়েছ, এখন আমোদ করুক।

  77. 23 আমার ঠোঁট উচ্চধ্বনি করবে

    আর তোমার প্রশংসা করবে

    কারণ তুমি আমাকে মুক্ত করেছ।

  78. 22 গাঁথকেরা যে পাথরটি অগ্রাহ্য করেছিল

    তাই হয়ে উঠল কোণের প্রধান পাথর।

    23 সদাপ্রভু এটি করেছেন

    আর তা আমাদের দৃষ্টিতে অবিশ্বাস্য।

    24 আজকের এই দিন সদাপ্রভু সৃষ্টি করেছেন;

    আমরা আনন্দ করব এবং খুশি হব।

  79. 8 কোনো একজন অনেক দিন বাঁচতে পারে,

    সে যেন সেই দিনগুলিতে আনন্দ ভোগ করে।

    কিন্তু অন্ধকারের দিনগুলির কথা যেন সে মনে রাখে,

    কারণ সেগুলি হবে অনেক।

    যা কিছু ঘটে তা সবই অসার।

    9 হে যুবক, তোমার যৌবনকালে তুমি সুখী হও,

    আর তোমার যৌবনে তোমার হৃদয় তোমাকে আনন্দ দিক।

    তোমার হৃদয়ের ইচ্ছামতো পথে চলো

    এবং তোমার চোখ যা কিছু দেখে,

    তুমি কিন্তু জেনে রাখো এসব বিষয়ের জন্য

    ঈশ্বর তোমার বিচার করবেন।

  80. 7 এই সমস্ত অসাধারণ, মহৎ প্রত্যাদেশের কারণে, আমি যেন গর্বে ফুলেফেঁপে না উঠি, আমার শরীরে এক কাঁটা, শয়তানের এক দূত, দেওয়া হয়েছে যেন সে আমাকে কষ্ট দেয়। 8 আমার কাছ থেকে এটা সরিয়ে নেওয়ার জন্য তিনবার আমি প্রভুর কাছে মিনতি করেছিলাম। 9 কিন্তু তিনি আমাকে বলেছেন, “আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কারণ আমার শক্তি দুর্বলতায় সিদ্ধিলাভ করে।” অতএব, আমার দুর্বলতা সম্পর্কে আমি সানন্দে আরও বেশি গর্ব করব, যেন খ্রীষ্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। 10 এই কারণে, খ্রীষ্টের জন্য আমি বিভিন্ন দুর্বলতায়, অপমানে, অনটনে, ক্লেশভোগ ও কষ্ট-সংকটে আনন্দ করি, কারণ যখন আমি দুর্বল, তখনই আমি শক্তিমান।

  81. 13 তোমাদের মধ্যে কেউ কি সমস্যায় ভুগছে? সে প্রার্থনা করুক। কেউ কি সুখে আছে? সে প্রশংসাগান করুক।