78 Bible Verses About Being Happy

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Being Happy
  1. 4 তোমরা প্রভুতে সবসময় আনন্দ করো। আমি আবার বলব, আনন্দ করো। 5 তোমাদের শান্তভাব সবার কাছে প্রত্যক্ষ হোক। প্রভু শীঘ্রই আসছেন। 6 কোনো বিষয়েই উৎকণ্ঠিত হোয়ো না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। 7 এতে সব বোধবুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি, খ্রীষ্ট যীশুতে তোমাদের অন্তর ও মন রক্ষা করবে।

    8 অবশেষে বলি, ভাইবোনেরা, যা কিছু সত্য, যা কিছু মহান, যা কিছু যথার্থ, যা কিছু বিশুদ্ধ, যা কিছু আদরণীয়, যা কিছু আকর্ষণীয়—যদি কোনো কিছু উৎকৃষ্ট বা প্রশংসার যোগ্য হয়—তোমরা সেই সমস্ত বিষয়ের চিন্তা করো। 9 তোমরা আমার কাছ থেকে যা শিক্ষা পেয়েছ, যা কিছু পেয়েছ, যা কিছু শুনেছ বা আমার মধ্যে দেখেছ, সেসব অনুশীলন করো। তাহলে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে অবস্থিতি করবেন।

    10 প্রভুতে আমি পরম আনন্দ করি যে, অবশেষে তোমরা আমার সম্বন্ধে চিন্তা করতে নতুন উৎসাহ পেয়েছ। সত্যিই, তোমাদের চিন্তা ছিল, কিন্তু তা দেখানোর সুযোগ তোমাদের ছিল না। 11 আমি অভাবগ্রস্ত বলেই যে একথা তোমাদের বলছি, তা নয়। কারণ যে কোনো পরিস্থিতিতেই আমি সন্তুষ্ট থাকার শিক্ষা লাভ করেছি। 12 অভাব কী, তা আমি জানি এবং প্রাচুর্য কী, তাও আমি জানি। যে কোনো এবং প্রত্যেকটি পরিস্থিতিতে আমি সন্তুষ্ট থাকার গোপন রহস্য শিখেছি—ভালোভাবে উদরপূর্তি করার বা ক্ষুধার্ত থাকার, প্রাচুর্যের মধ্যে থাকার, কিংবা অনটনে থাকার। 13 যিনি আমাকে শক্তি দান করেন, তাঁর মাধ্যমে আমি সবকিছুই করতে পারি।

  2. 7 আমি সদাপ্রভুর প্রশংসা করি, যিনি আমায় সুমন্ত্রণা দেন;

    রাত্রিতেও আমার হৃদয় আমায় উপদেশ দেয়।

    8 আমি সর্বদা আমার চোখ সদাপ্রভুতে স্থির রাখি।

    তিনি আমার ডানপাশে আছেন, তাই আমি কখনও বিচলিত হব না।

    9 তাই আমার হৃদয় আনন্দিত এবং আমার জিভ উল্লাস করে;

    আমার দেহ নিরাপদে বিশ্রাম নেবে,

    10 কারণ তুমি কখনও আমাকে পাতালের গর্ভে পরিত্যাগ করবে না,

    তুমি তোমার বিশ্বস্তদের ক্ষয় দেখতে দেবে না।

    11 তুমি আমাকে জীবনের পথ দেখাও;

    তোমার সান্নিধ্য আমাকে আনন্দ দিয়ে পূর্ণ করবে,

    তোমার ডান হাতে আছে অনন্ত সুখ।

  3. 13 প্রত্যাশার ঈশ্বর তোমাদের সমস্ত আনন্দ ও শান্তিতে পূর্ণ করুন, যেমন তোমরা তাঁর উপরে বিশ্বাস করো, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমের দ্বারা প্রত্যাশায় উপচে পড়ো।

  4. 20 যে শিক্ষায় মনোযোগ দেয় সে উন্নতি লাভ করে,

    ও ধন্য সে, যে সদাপ্রভুতে নির্ভর করে।

  5. 12 প্রিয় বন্ধুরা, যে যন্ত্রণাপূর্ণ পরীক্ষা তোমরা ভোগ করছ, তা কোনো অস্বাভাবিক ঘটনা তোমাদের প্রতি ঘটছে মনে করে বিস্মিত হোয়ো না। 13 কিন্তু খ্রীষ্টের কষ্টভোগে তোমরাও অংশগ্রহণ করছ মনে করে আনন্দ করো, যেন যেদিন তাঁর মহিমা প্রকাশিত হবে, সেদিন তোমরাও অতিশয় আনন্দিত হতে পারো। 14 খ্রীষ্টের নামের জন্য যদি তোমরা অপমানিত হও, তাহলে তোমরা ধন্য, কারণ ঈশ্বরের মহিমাময় আত্মা তোমাদের উপরে অধিষ্ঠান করছেন।

  6. 1 সুতরাং, আমরা এরকম এক বিশাল সাক্ষীবাহিনী দ্বারা পরিবেষ্টিত হওয়ায়, এসো বাধাদায়ক সমস্ত বিষয় ও যেসব পাপ সহজেই আমাদের জড়িয়ে ধরে, সেগুলি ছুঁড়ে ফেলি। আর যে দৌড় আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে, এসো ধৈর্যের সঙ্গে সেই অভিমুখে ছুটে চলি। 2 এসো, আমাদের বিশ্বাসের আদি-উৎস ও সিদ্ধিদাতা যীশুর উপরে আমাদের দৃষ্টি নিবদ্ধ করি, যিনি তাঁর সামনে স্থিত আনন্দের জন্য ক্রুশ সহ্য করলেন, সেই লজ্জাকে উপেক্ষা করলেন ও ঈশ্বরের সিংহাসনের ডানদিকে উপবেশন করলেন। 3 পাপী মানুষের এত বিরোধিতা যিনি সহ্য করলেন, তাঁর কথা বিবেচনা করো, তাহলে তোমরাও ক্লান্তিতে অবসন্ন ও নিরুৎসাহ হবে না।

  7. 3 সদাপ্রভুতে আস্থা রাখো আর সদাচরণ করো;

    এই দেশে বসবাস করো আর নিরাপদ আশ্রয় উপভোগ করো।

    4 সদাপ্রভুতে আনন্দ করো,

    তিনিই তোমার মনের অভিলাষ পূর্ণ করবেন।

  8. 16 আর তিনি তাদের এই রূপকটি বললেন: “এক ধনবান ব্যক্তির জমিতে প্রচুর ফসল হয়েছিল। 17 সে চিন্তা করল, ‘আমি কী করব? এত ফসল মজুত করার মতো কোনো জায়গা আমার নেই।’

    18 “তারপর সে বলল, ‘আমি এক কাজ করব, আমার গোলাঘরগুলি ভেঙে আমি বড়ো বড়ো গোলাঘর নির্মাণ করব। সেখানে আমার সমস্ত ফসল আর অন্যান্য দ্রব্যসামগ্রী মজুত করব। 19 তারপর নিজেকে বলব, “তুমি বহু বছরের জন্য অনেক ভালো ভালো জিনিস মজুত করেছ। এবার জীবনকে সহজভাবে নাও; খাওয়াদাওয়া ও আমোদ স্ফূর্তি করো।” ’

    20 “কিন্তু ঈশ্বর তাকে বললেন, ‘মূর্খ! আজ রাতেই তোমার প্রাণ তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। তাহলে, তোমার নিজের জন্য যে আয়োজন করে রেখেছ, তখন কে তা ভোগ করবে?’

  9. 10 তোমরা যদি আমার আদেশ পালন করো, তাহলে আমার প্রেমে অবস্থিতি করবে, যেমন আমি আমার পিতার আদেশ পালন করে তাঁর প্রেমে অবস্থিতি করছি। 11 আমি তোমাদের একথা বললাম, যেন আমার আনন্দ তোমাদের মধ্যে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। 12 আমি যেমন তোমাদের ভালোবেসেছি, তোমরা তেমনই পরস্পরকে ভালোবেসো, এই আমার আদেশ।

  10. 13 তারাই আশীর্বাদধন্য যারা প্রজ্ঞা খুঁজে পায়,

    যারা বিচক্ষণতা লাভ করে,

    14 কারণ প্রজ্ঞা রুপোর চেয়েও বেশি লাভজনক

    ও সোনার চেয়েও ভালো প্রতিদান দেয়।

    15 প্রজ্ঞা পদ্মরাগমণির চেয়েও বেশি মূল্যবান;

    তোমার আকাঙ্ক্ষিত কোনো কিছুকেই তার সাথে তুলনা করা যায় না।

    16 প্রজ্ঞার ডান হাতে দীর্ঘ পরমায়ু আছে;

    বাঁ হাতে ধন ও সম্মান আছে।

    17 তার পথগুলি সুখকর পথ,

    ও তার সব পথে শান্তি আছে।

    18 যারা প্রজ্ঞাকে ধরে রাখে তাদের কাছে সে এক জীবনবৃক্ষ;

    যারা তাকে অটলভাবে ধরে রাখে তারা আশীর্বাদধন্য হবে।

  11. 20 আমি তোমাদের সত্যি বলছি, তোমরা যখন কাঁদবে ও শোক করবে, জগৎ তখন আনন্দ করবে। তোমরা শোক করবে, কিন্তু তোমাদের শোক আনন্দে রূপান্তরিত হবে। 21 সন্তানের জন্ম দেওয়ার সময় নারী যন্ত্রণায় কাতর হয়ে ওঠে, কারণ তার সময় পূর্ণ হয়েছে। কিন্তু সন্তানের জন্ম হলে, আনন্দে সে তার যন্ত্রণা ভুলে যায়, কারণ জগতে একটি শিশুর জন্ম হয়েছে। 22 তোমাদের ক্ষেত্রেও তাই। এখন তোমাদের শোকের সময়, কিন্তু আমি তোমাদের সঙ্গে আবার সাক্ষাৎ করব এবং তোমরা আনন্দ করবে। তোমাদের সেই আনন্দ কেউ কেড়ে নিতে পারবে না।

  12. 2 হে আমার ভাইবোনেরা, যখনই তোমরা বিভিন্ন প্রকারের পরীক্ষার সম্মুখীন হও, সেগুলিকে নির্মল আনন্দের বিষয় বলে মনে করো, 3 কারণ তোমরা জানো যে, তোমাদের বিশ্বাসের পরীক্ষা ধৈর্য উৎপন্ন করে। 4 ধৈর্যকে অবশ্যই তার কাজ শেষ করতে হবে, যেন তোমরা পরিপক্ব ও সম্পূর্ণ হয়ে উঠতে পারো, কোনো বিষয়ের অভাব তোমাদের না থাকে। 5 তোমাদের কারও যদি প্রজ্ঞার অভাব থাকে, সে ঈশ্বরের কাছে তা চাইবে, যিনি কোনও ত্রুটি না ধরে উদারভাবে সকলকে দান করে থাকেন, আর তাকে তা দেওয়া হবে।

  13. 22 কিন্তু পবিত্র আত্মার ফল হল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, পরোপকারিতা, বিশ্বস্ততা, 23 বিনম্রতা ও আত্মসংযম। এসব বিষয়ের বিরুদ্ধে কোনও বিধান নেই।

  14. 17 তোমার সন্তানদের শাসন করো, ও তারা তোমাকে শান্তি দেবে;

    তারা তোমার জীবনে প্রত্যাশিত আনন্দ নিয়ে আসবে।

  15. একটি আরোহণ সংগীত।

    1 ধন্য তারা সবাই যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে,

    যারা তাঁর নির্দেশিত পথে চলে।

    2 তুমি তোমার পরিশ্রমের ফলভোগ করবে;

    আশীর্বাদ ও সমৃদ্ধি তোমার হবে।

  16. 10 নহিমিয় বললেন, “তোমরা গিয়ে ভালো ভালো খাবার খাও ও মিষ্টি রস পান করে আনন্দ করো, এবং যারা কিছু প্রস্তুত করতে পারেনি তাদের পাঠিয়ে দাও। এই দিনটি প্রভুর উদ্দেশে পবিত্র। তোমরা দুঃখ করো না, কারণ সদাপ্রভুতে যে আনন্দ, তাই তোমাদের শক্তি।”

  17. 22 তোমার সেই বাবার কথা শোনো, যিনি তোমাকে জীবন দিয়েছেন,

    ও তোমার মায়ের বৃদ্ধাবস্থায় তাঁকে হেয় জ্ঞান কোরো না।

    23 সত্য কিনে নাও ও তা বিক্রি কোরো না—

    প্রজ্ঞা, শিক্ষা ও দূরদর্শিতাও কিনে নাও।

    24 ধার্মিক সন্তানের বাবা খুব আনন্দ পান;

    জ্ঞানবান ছেলের জন্মদাতা তাকে নিয়ে আনন্দ করেন।

    25 তোমার বাবা ও মা আনন্দ করুন;

    যিনি তোমাকে জন্ম দিয়েছেন তিনি উল্লসিতা হোন!

  18. 12 আমি জানি মানুষের জীবনকালে আনন্দ করা ও ভালো কাজ করা ছাড়া তার জন্য আর ভালো কিছু নেই। 13 প্রত্যেক মানুষ খাওয়াদাওয়া করবে ও তার পরিশ্রমের ফলে সন্তুষ্ট হবে—এটি ঈশ্বরের দান।

  19. 7 তুমি যাও, আনন্দের সঙ্গে তোমার খাবার খাও, আনন্দিত হৃদয়ে দ্রাক্ষারস পান করো, কারণ তোমার এসব কাজ ঈশ্বর আগেই গ্রাহ্য করেছেন। 8 সবসময় সাদা কাপড় পরবে আর মাথায় তেল দেবে। 9 সূর্যের নিচে ঈশ্বর তোমাকে যে অসার জীবন দিয়েছেন, তোমার জীবনের সেইসব দিনগুলি তোমার স্ত্রী, যাকে তুমি ভালোবাসো, তার সঙ্গে আনন্দে তোমার সকল অসার দিনগুলি কাটাও। কারণ সূর্যের নিচে যে পরিশ্রমে পরিশ্রান্ত হচ্ছো তা তোমার জীবনের পাওনা। 10 তোমার হাতে যে কোনো কাজ আসুক না কেন তা তোমার সমস্ত শক্তি দিয়েই কোরো, কারণ তুমি যে জায়গায় যাচ্ছ, সেই মৃতস্থানে, সেখানে কোনো কাজ বা পরিকল্পনা বা বৃদ্ধি কিংবা বিদ্যা বা প্রজ্ঞা বলে কিছুই নেই।

  20. 1 অতএব, বিশ্বাসের মাধ্যমে যেহেতু আমরা নির্দোষ গণ্য হয়েছি, তাই আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি স্থাপিত হয়েছে। 2 তাঁরই মাধ্যমে বিশ্বাসে আমরা এই অনুগ্রহে প্রবেশের অধিকার অর্জন করেছি ও তার মধ্যেই এখন আমরা অবস্থান করছি। আর আমরা ঈশ্বরের মহিমার প্রত্যাশায় উল্লসিত হচ্ছি। 3 শুধু তাই নয়, আমরা আমাদের দুঃখকষ্টেও আনন্দ করি, কারণ আমরা জানি, দুঃখকষ্ট সহিষ্ণুতাকে, 4 সহিষ্ণুতা অভিজ্ঞতাকে ও অভিজ্ঞতা প্রত্যাশার জন্ম দেয়। 5 সেই প্রত্যাশা আমাদের নিরাশ করে না, কারণ আমাদের প্রতি দেওয়া পবিত্র আত্মা দ্বারা ঈশ্বর তাঁর প্রেম আমাদের হৃদয়ে উজাড় করে ঢেলে দিয়েছেন।

    6 তাহলে বলা যায়, আমরা যখন শক্তিহীন ছিলাম, তখনই খ্রীষ্ট উপযুক্ত সময়ে ভক্তিহীনদের জন্য মৃত্যুবরণ করলেন। 7 কোনো ধার্মিক ব্যক্তির জন্য প্রায় কেউই প্রাণ দেয় না, যদিও কোনো সৎ ব্যক্তির জন্য কেউ হয়তো প্রাণ দেওয়ার সাহস দেখাতেও পারে; 8 কিন্তু ঈশ্বর এভাবে তাঁর প্রেম আমাদের প্রতি প্রদর্শন করেছেন: আমরা যখন পাপী ছিলাম তখন খ্রীষ্ট আমাদের জন্য মৃত্যুবরণ করলেন।

    9 এখন যেহেতু আমরা তাঁর রক্তের দ্বারা নির্দোষ বলে গণ্য হয়েছি, তাঁর মাধ্যমে ঈশ্বরের ক্রোধ থেকে আমরা কত না বেশি নিষ্কৃতি পাব! 10 কারণ যখন আমরা ঈশ্বরের শত্রু ছিলাম, তখন তাঁর পুত্রের মৃত্যুর মাধ্যমে আমরা তাঁর সঙ্গে পুনর্মিলিত হয়েছিলাম, তাহলে আমরা আরও কত বেশি সুনিশ্চিত যে, তাঁর জীবনের দ্বারা আমরা রক্ষা পাব! 11 কেবলমাত্র এই নয়, কিন্তু আমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরে আনন্দ উপভোগও করি, যাঁর মাধ্যমে আমরা এখন পুনর্মিলন লাভ করেছি।

  21. 6 এই কারণে তোমরা মহা উল্লসিত হয়েছ, যদিও বর্তমানে কিছু সময়ের জন্য সমস্ত রকম পরীক্ষায় তোমাদের দুঃখকষ্ট ভোগ করতে হচ্ছে। 7 সোনা আগুনের দ্বারা পরিশোধিত হলেও ক্ষয়প্রাপ্ত হয়। তার থেকেও বহুমূল্য তোমাদের বিশ্বাস তেমনি আগুনের মাধ্যমে শুদ্ধ হয়েছে যেন যীশু খ্রীষ্টের প্রকাশকালে তা প্রশংসা, গৌরব ও মর্যাদা লাভ করতে পারে। 8 তোমরা তাঁকে দেখোনি অথচ তাঁকে ভালোবেসেছ; আর যদিও তোমরা তাঁকে এখন দেখতে পাচ্ছ না, তোমরা তাঁকে বিশ্বাস করে অবর্ণনীয় ও মহিমাময় আনন্দে পূর্ণ হয়ে উঠছ, 9 কারণ তোমরা তোমাদের বিশ্বাসের লক্ষ্য, অর্থাৎ তোমাদের প্রাণের পরিত্রাণ লাভ করছ।

  22. 15 ধন্য সেই লোকেরা, যাদের পক্ষে এসব সত্য;

    ধন্য সেই লোকেরা, সদাপ্রভু যাদের ঈশ্বর।

  23. 13 অট্টহাসির মধ্যেও হৃদয়ে ব্যথা হতে পারে,

    ও আনন্দ শেষ পর্যন্ত বিষাদে পরিণত হতে পারে।

  24. 13 আনন্দিত অন্তর মুখকে প্রসন্ন করে তোলে,

    কিন্তু মানসিক যন্ত্রণা আত্মাকে পিষে ফেলে।

  25. 14 সে তোমার আনন্দ ও উল্লাসের কারণ হবে এবং তার জন্মে অনেক মানুষ উল্লসিত হবে,

  26. 14 কিন্তু ন্যায়সংগত কাজের জন্য যদি তোমরা কষ্টও ভোগ করো, তাহলে তোমরা ধন্য। “তাদের ভীতি প্রদর্শনে তোমরা ভয় পেয়ো না, তোমরা বিচলিত হোয়ো না।”

  27. 22 আনন্দিত হৃদয় ভালো ওষুধ,

    কিন্তু ভগ্নচূর্ণ আত্মা অস্থি শুকনো করে দেয়।

  28. 16 সবসময় আনন্দ করো; 17 অবিরত প্রার্থনা করো; 18 সমস্ত পরিস্থিতিতেই ধন্যবাদ জ্ঞাপন করো, কারণ খ্রীষ্ট যীশুতে তোমাদের জন্য এই হল ঈশ্বরের ইচ্ছা।

  29. 5 অল্পদিন বিয়ে হয়েছে এমন কোনও লোককে যুদ্ধে পাঠানো চলবে না কিংবা তার উপর অন্য কোনও কাজের বোঝা চাপিয়ে দেওয়া চলবে না। তাকে এক বছর পর্যন্ত বাড়িতে স্বাধীনভাবে থাকতে দিতে হবে যেন সে যে স্ত্রীকে বিয়ে করেছে তাকে আনন্দ দিতে পারে।

  30. 17 “ধন্য সেই জন যাকে ঈশ্বর সংশোধন করেন;

    তাই সর্বশক্তিমানের শাস্তি তুচ্ছজ্ঞান কোরো না।

  31. 17 কারণ ঈশ্বরের রাজ্য ভোজনপানের বিষয় নয়, কিন্তু ধার্মিকতার, শান্তির ও পবিত্র আত্মায় আনন্দের।

  32. 11 যেমন তোমরা জানো, যারা কষ্টভোগের সময় নিষ্ঠাবান ছিল তাদের আমরা ধন্য বলে মনে করি। তোমরা ইয়োবের নিষ্ঠার কথা শুনেছ এবং দেখেছ, শেষে প্রভু কী করলেন। প্রভু সহানুভূতিশীল ও করুণায় পূর্ণ।

  33. প্রথম খণ্ড

    1 ধন্য সেই ব্যক্তি

    যে দুষ্টদের মন্ত্রণায় চলে না

    পাপীদের পথে দাঁড়ায় না,

    নিন্দুকদের আসরে বসে না,

    2 কিন্তু সদাপ্রভুর বিধানে আমোদ করে,

    তাঁর বিধান দিনরাত ধ্যান করে।

    3 সেই ব্যক্তি জলস্রোতের তীরে লাগানো গাছের মতো,

    যা যথাসময়ে ফল দেয়,

    এবং যার পাতা শুকিয়ে যায় না,

    সে যা কিছু করে তাতে উন্নতি লাভ করে।

    4 কিন্তু দুষ্টরা সেরকম নয়!

    তারা তুষের মতো

    যা বাতাস উড়িয়ে নিয়ে যায়।

  34. 15 নিপীড়িতদের পক্ষে জীবনের সব দিনই বাজে,

    কিন্তু আনন্দিত অন্তর সর্বদাই ভোজে মেতে থাকে।

  35. 2 নিশ্চয়ই ঈশ্বর আমার পরিত্রাণ;

    আমি আস্থা রাখব ও ভয় পাব না।

    সদাপ্রভু, সদাপ্রভুই আমার শক্তি ও আমার গান;

    তিনি আমার পরিত্রাণ হয়েছেন।”

    3 তোমরা পরিত্রাণের কুয়োগুলি থেকে

    আনন্দের সঙ্গে জল তুলে আনবে।

    4 সেদিন তোমরা বলবে:

    “সদাপ্রভুকে ধন্যবাদ দাও, তাঁর নামে ডাকো;

    তাঁর কৃত সমস্ত কর্ম জাতিসমূহকে জানাও,

    তাঁর নাম উচ্চ বলে ঘোষণা করো।

    5 সদাপ্রভুর উদ্দেশে গীত গাও, কারণ তিনি মহিমাময় অনেক কাজ করেছেন;

    সমস্ত জগৎকে একথা জানাও।

    6 সিয়োনের লোকেরা, তোমরা চিৎকার করো ও আনন্দে গান গাও,

    কারণ ইস্রায়েলের সেই পবিত্রতম জন তোমাদের মধ্যে মহান।”

  36. 13 তোমাদের মধ্যে কেউ কি সমস্যায় ভুগছে? সে প্রার্থনা করুক। কেউ কি সুখে আছে? সে প্রশংসাগান করুক।

  37. 6 সারা বললেন, “ঈশ্বর আমাকে হাসির পাত্রী করে তুলেছেন, আর যে কেউ একথা শুনবে সেও আমাকে নিয়ে হাসাহাসি করবে।”

  38. 5 তোমার দেওয়া বিজয়ে তাঁর গৌরব বিপুল;

    তুমি তাঁকে মহিমা ও প্রতিপত্তিতে আবৃত করেছ।

    6 নিশ্চয় তুমি তাঁকে চিরস্থায়ী আশীর্বাদ দিয়েছ

    তোমার সান্নিধ্যের আনন্দ তাঁকে উল্লসিত করেছে।

    7 কারণ রাজা সদাপ্রভুতে আস্থা রাখেন;

    পরাৎপরের অবিচল প্রেমের গুণে

    তিনি বিচলিত হবেন না।

  39. 3 সন্তানসন্ততি সদাপ্রভুর দেওয়া অধিকার,

    তাঁর দেওয়া পুরস্কার।

    4 যেমন বীরযোদ্ধার হাতে তির

    তেমনি যৌবনে জাত সন্তানসন্ততি।

    5 ধন্য সেই ব্যক্তি

    যার তূণ সেইরকম তিরে পূর্ণ,

    তারা লজ্জিত হবে না

    যখন তারা নগরদ্বারে বিপক্ষদের সঙ্গে বিরোধ করে।

  40. 15 হে সদাপ্রভু, তুমি তো সব বোঝো;

    আমাকে স্মরণ করো ও আমার তত্ত্বাবধান করো।

    আমার পীড়নকারীদের উপরে তুমিই প্রতিশোধ নাও।

    তুমি তো দীর্ঘসহিষ্ণু, আমাকে হরণ কোরো না;

    ভেবে দেখো, তোমার কারণে আমি কত দুর্নাম সহ্য করে থাকি।

    16 যখন তোমার বাক্যসকল এল, আমি তা অন্তরে গ্রহণ করলাম,

    সেগুলি ছিল আমার আনন্দ ও প্রাণের হর্ষজনক,

    কারণ হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর,

    আমি তোমার নাম ধারণ করি।

  41. 9 তোমাদের জন্য আমাদের ঈশ্বরের সান্নিধ্যে যে আনন্দ আমাদের হয়েছে তার প্রতিদানে ঈশ্বরকে কীভাবে পর্যাপ্ত ধন্যবাদ দেব! 10 আবার তোমাদের সঙ্গে মিলিত হয়ে যেন তোমাদের বিশ্বাসের ঘাটতি পূরণ করতে পারি, এজন্য আকুল আগ্রহে দিনরাত আমরা প্রার্থনা করেছি।

  42. 2 আমাদের মুখ হাসিতে পূর্ণ ছিল,

    আনন্দের গানে আমাদের জিভ মুখর ছিল।

    সেই সময় জাতিদের মাঝে লোকেরা বলেছিল,

    “দেখো, সদাপ্রভু তাদের জন্যে কত মহৎ কাজ করেছেন।”

    3 যথার্থই, সদাপ্রভু আমাদের জন্য মহৎ কাজ করেছেন,

    এবং আমরা আনন্দে পূর্ণ হয়েছি।

  43. 1 আমি মনে মনে বললাম, “এখন এসো, আমি তোমাকে আমোদ দিয়ে পরীক্ষা করব যে কী ভালো।” কিন্তু তাও পরীক্ষা করে দেখা গেল যে তা অসার। 2 আমি বললাম, “হাসিও উন্মত্ততা। আর আমোদ কী করে?”

  44. 26 যে তাঁকে সন্তুষ্ট করে, ঈশ্বর তাকে প্রজ্ঞা, বুদ্ধি ও আনন্দ দান করেন, কিন্তু পাপীকে তিনি ধনসম্পদ জোগাড় করবার ও তা জমাবার কাজ দেন, যেন সে তা সেই লোককে দিয়ে যায় যে ঈশ্বরকে সন্তুষ্ট করে। এটাও অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো।

  45. 9 হে যুবক, তোমার যৌবনকালে তুমি সুখী হও,

    আর তোমার যৌবনে তোমার হৃদয় তোমাকে আনন্দ দিক।

    তোমার হৃদয়ের ইচ্ছামতো পথে চলো

    এবং তোমার চোখ যা কিছু দেখে,

    তুমি কিন্তু জেনে রাখো এসব বিষয়ের জন্য

    ঈশ্বর তোমার বিচার করবেন।

  46. 21 “তার মনিব উত্তর দিলেন, ‘বেশ করেছ, উত্তম ও বিশ্বস্ত দাস! তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত থেকেছ; আমি তোমাকে বহু বিষয়ের উপরে তত্ত্বাবধায়ক নিযুক্ত করব। এসো, তোমার মনিবের আনন্দের অংশীদার হও!’

  47. 14 যারা তোমাদের নির্যাতন করে, তাদের আশীর্বাদ করো; আশীর্বাদ করো, অভিশাপ দিয়ো না। 15 যারা আনন্দ করে, তাদের সঙ্গে আনন্দ করো; যারা শোক করে, তাদের সঙ্গে শোক করো। 16 পরস্পরের প্রতি তোমরা সমমনা হও। দাম্ভিক হোয়ো না, কিন্তু সাধারণ মানুষের প্রতি সহযোগিতা করতে ইচ্ছুক হও। নিজেকে বিজ্ঞ বলে মনে করো না।

  48. 6 প্রকৃতপক্ষে ভক্তি মহালাভজনক, যদি তার সঙ্গে থাকে পরিতৃপ্তি; 7 কারণ এ জগতে আমরা কিছুই আনিনি এবং এখান থেকে কিছু নিয়েও যেতে পারি না। 8 কিন্তু যদি আমাদের অন্নবস্ত্রের সংস্থান থাকে, তাহলে তাতেই আমরা সন্তুষ্ট থাকব। 9 যারা ধনী হতে চায়, তারা প্রলোভনে পড়ে। তারা বহু অবোধ ও ক্ষতিকর বাসনার ফাঁদে পড়ে, যা মানুষকে বিনাশ ও ধ্বংসের গর্তে ছুঁড়ে দেয়। 10 কারণ অর্থের প্রতি আসক্তি সকল প্রকার অনর্থের মূল। অর্থলোভী কিছু মানুষ বিশ্বাস থেকে বিচ্যুত হয়েছে ও গভীর দুঃখে নিজেদের বিদ্ধ করেছে।

  49. 9 তিনি নিঃসন্তান মহিলাকে এক পরিবার দেন,

    তাকে ছেলেমেয়েদের সুখী মা করেন।

    সদাপ্রভুর প্রশংসা হোক।

  50. 20 যাদের মন উচ্ছৃঙ্খল সদাপ্রভু তাদের ঘৃণা করেন,

    কিন্তু যারা অনিন্দনীয় পথে চলে তাদের নিয়ে তিনি আনন্দ করেন।

  51. 10 আমি সদাপ্রভুতে মহা আনন্দ করি;

    আমার প্রাণ আমার ঈশ্বরে উল্লসিত হয়।

    যেভাবে বর শোভার জন্য যাজকের মতো মাথায় উষ্ণীষ দেয়,

    যেভাবে কন্যা তার রত্নরাজি দিয়ে নিজেকে সুশোভিত করে,

    সেভাবেই তিনি আমাকে পরিত্রাণের পোশাক পরিয়েছেন,

    আমাকে তাঁর ধার্মিকতার বসনে সুসজ্জিত করেছেন।

  52. 5 যোনা তখন বাইরে গেলেন ও নগরের পূর্বদিকে এক স্থানে বসলেন। সেখানে তিনি নিজের জন্য একটি ছাউনি নির্মাণ করে, তার ছায়ায় বসলেন এবং নগরের প্রতি কী ঘটবে, তা দেখার অপেক্ষায় রইলেন। 6 তারপর সদাপ্রভু ঈশ্বর সেখানে একটি দ্রাক্ষালতা উৎপন্ন করলেন এবং সেটিকে যোনার মাথার উপর পর্যন্ত বৃদ্ধি করালেন, যেন সেটি তার মাথায় ছায়া দেয় ও তার অস্বস্তির আরাম হয়। দ্রাক্ষালতাটির জন্য যোনা ভীষণ আনন্দিত হলেন। 7 কিন্তু পরের দিন ভোরবেলায়, ঈশ্বর একটি কীট পাঠালেন যা দ্রাক্ষালতাটিকে দংশন করলে সেটি শুকিয়ে গেল। 8 সূর্য ওঠার পরে, ঈশ্বর এক উষ্ণ পূবের বাতাস পাঠালেন এবং সূর্য যোনার মাথায় এমন প্রখর তাপ দিতে লাগল যে, যোনা বিবর্ণ হয়ে নিজের মৃত্যু কামনা করে বললেন, “বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়া ভালো।”

    9 কিন্তু ঈশ্বর যোনাকে বললেন, “দ্রাক্ষালতাটির জন্য তোমার রাগ করা কি ঠিক হচ্ছে?”

    যোনা বললেন, “হ্যাঁ ঠিক হচ্ছে, আমি এত রেগে আছি যে, আমি মরে গেলেই ভালো হত।”

    10 কিন্তু সদাপ্রভু বললেন, “তুমি এই দ্রাক্ষালতাটি সম্পর্কে চিন্তিত হয়েছ, যদিও তুমি এটি রোপণ করোনি বা তা বেড়ে উঠতে সাহায্য করোনি। এক রাত্রির মধ্যে এটি অঙ্কুরিত হল ও এক রাত্রির মধ্যেই এটি শুকিয়ে গেল। 11 কিন্তু নীনবীতে 1,20,000 এরও বেশি মানুষ আছে, যারা জানে না কোনটা ডান হাত ও কোনটা বাঁ হাত। তেমনই অনেক পশুও আছে। তাহলে, আমিও কি সেই নীনবী মহানগরীর জন্য চিন্তিত হব না?”

  53. 11 “ধন্য তোমরা, যখন লোকে আমার জন্য তোমাদের অপমান করে, নির্যাতন করে ও মিথ্যা অভিযোগে তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। 12 উল্লসিত হোয়ো, আনন্দ কোরো; কারণ স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ পূর্বে ভাববাদীদেরও তারা একই উপায়ে নির্যাতন করত।

  54. 10 কিন্তু দূত তাদের বললেন, “ভয় কোরো না, আমি তোমাদের কাছে এক মহা আনন্দের সুসমাচার নিয়ে এসেছি—এই আনন্দ হবে সব মানুষেরই জন্য।

  55. 20 যীশু তাঁর শিষ্যদের দিকে তাকিয়ে বললেন,

    “ধন্য তোমরা, যারা দীনহীন

    কারণ ঈশ্বরের রাজ্য তোমাদেরই।

    21 ধন্য তোমরা, যারা এখন ক্ষুধার্ত,

    কারণ তোমরা পরিতৃপ্ত হবে।

    ধন্য তোমরা, যারা এখন কান্নাকাটি করছ,

    কারণ তোমাদের মুখে হাসি ফুটবে।

    22 ধন্য তোমরা, যখন মনুষ্যপুত্রের জন্য মানুষ তোমাদের ঘৃণা করে,

    তোমাদের বহিষ্কার করে ও তোমাদের অপমান করে,

    আবার মন্দ অপবাদ দিয়ে তোমাদের নাম অগ্রাহ্য করে।

    23 “তখন তোমরা উল্লসিত হোয়ো, আনন্দে নাচ কোরো, কারণ স্বর্গে তোমাদের জন্য আছে প্রচুর পুরস্কার। তাদের পূর্বপুরুষেরা ভাববাদীদের সঙ্গেও এরকম আচরণ করেছিল।

  56. 21 ঠিক পরের দিন তারা সদাপ্রভুর উদ্দেশে বলিদান উৎসর্গ করল এবং তাঁর কাছে এই হোমবলিগুলি নিয়ে এসেছিল: 1,000 বলদ, 1,000 মদ্দা মেষ ও মেষের 1,000 মদ্দা শাবক, একইসাথে তারা তাদের পেয়-নৈবেদ্য, ও অজস্র পরিমাণে অন্যান্য সব বলি সমস্ত ইস্রায়েলের জন্য নিয়ে এসেছিল। 22 সেদিন তারা মহানন্দে সদাপ্রভুর উপস্থিতিতে ভোজনপান করল।

    পরে তারা শাসনকর্তা হওয়ার জন্য দাউদের ছেলে শলোমনকে সদাপ্রভুর সামনে অভিষিক্ত করে দ্বিতীয়বার রাজারূপে ও যাজক হওয়ার জন্য সাদোককেও স্বীকৃতি দিয়েছিল। 23 অতএব শলোমন তাঁর বাবা দাউদের স্থলাভিষিক্ত হয়ে রাজারূপে সদাপ্রভুর সিংহাসনে বসেছিলেন। তিনি সমৃদ্ধিলাভ করলেন ও ইস্রায়েলীরা সবাই তাঁর বাধ্য হল। 24 কর্মকর্তা ও যোদ্ধারা সবাই, একইসাথে রাজা দাউদের ছেলেরা সবাই রাজা শলোমনের প্রতি তাদের আনুগত্য দেখিয়েছিলেন।

    25 সমগ্র ইস্রায়েলের দৃষ্টিতে সদাপ্রভু শলোমনকে অত্যন্ত উন্নত করলেন এবং তাঁকে এমন রাজকীয় ঐশ্বর্য দান করলেন, যা ইস্রায়েলের কোনও রাজা কখনও পাননি।

  57. 6 সদাপ্রভুর প্রশংসা হোক,

    কারণ তিনি আমার বিনতি শুনেছেন।

    7 সদাপ্রভু আমার শক্তি ও আমার ঢাল;

    আমার হৃদয় তাঁর উপর আস্থা রাখে এবং তিনি আমাকে সাহায্য করেন।

    আমার হৃদয় আনন্দে উল্লসিত

    এবং গানের মাধ্যমে আমি তাঁর প্রশংসা করব।

    8 সদাপ্রভু তাঁর লোকদের শক্তি,

    তাঁর অভিষিক্ত-জনের মুক্তিদুর্গ।

  58. 4 তখন আমি ঈশ্বরের বেদির কাছে যাব,

    ঈশ্বরের সান্নিধ্যে—যিনি আমার সব আনন্দের উৎস।

    হে ঈশ্বর, আমার ঈশ্বর

    সুরবাহারের ঝংকারে আমি তোমার স্তুতি করব।

  59. 5 যারা চোখের জলে বীজবপন করে,

    তারা আনন্দগান গেয়ে শস্য কাটবে।

    6 যারা চোখের জল ফেলতে ফেলতে বাইরে যায়

    বোনার জন্য বীজ বয়ে নিয়ে যায়,

    আনন্দগান গাইতে গাইতে ফিরে আসবে,

    সঙ্গে আঁটি নিয়ে ফিরে আসবে।

  60. 30 দূতের চোখের আলো হৃদয়ে আনন্দ এনে দেয়,

    ও শুভ সংবাদ অস্থির পক্ষে স্বাস্থ্যস্বরূপ।

  61. 33 “আমি তোমাদের এসব কথা জানালাম, যেন আমার মধ্যে তোমরা শান্তি লাভ করো। এই জগতে তোমরা সংকটের সম্মুখীন হবে, কিন্তু সাহস করো! আমি এই জগৎকে জয় করেছি।”

  62. 25 কিন্তু আমার মনে হয়, আমার ভাই, সহকর্মী ও সংগ্রামী-সঙ্গী ইপাফ্রদীত, যিনি তোমাদেরও সংবাদবাহক এবং আমার প্রয়োজনের দায়িত্ব গ্রহণের জন্য যাঁকে তোমরা পাঠিয়েছিলে, তাঁকে তোমাদের কাছে ফেরত পাঠানো প্রয়োজন। 26 কারণ তিনি তোমাদের সকলের জন্যই অত্যন্ত ব্যাকুল এবং তোমরা তাঁর অসুস্থতার সংবাদ শুনেছিলে বলে তিনি উৎকণ্ঠিত। 27 সত্যিই তিনি অসুস্থ হয়ে মরণাপন্ন হয়েছিলেন, কিন্তু ঈশ্বর তাঁর উপর করুণা করেছেন; শুধু তাঁর উপর নয়, আমার উপরেও করুণা করেছেন, যেন দুঃখের উপর আমার আর দুঃখ না হয়। 28 সেইজন্য, আমি আরও আগ্রহ সহকারে তাঁকে পাঠাচ্ছি, যেন আবার তাঁর দেখা পেয়ে তোমরা আনন্দ করতে পারো এবং আমারও দুঃখ হালকা হয়। 29 প্রভুতে অত্যন্ত আনন্দের সঙ্গে তাঁকে স্বাগত জানিয়ো এবং তাঁর মতো লোকদের সমাদর কোরো। 30 কারণ খ্রীষ্টের কাজের জন্য তিনি মরণাপন্ন হয়েছিলেন, যে সাহায্য দূর থেকে তোমরা আমাকে দিতে অপারগ ছিলে, তার জন্য তিনি তাঁর জীবন বিপন্ন করেছিলেন।

  63. 19 আর আমার ঈশ্বর খ্রীষ্ট যীশুতে স্থিত তাঁর গৌরবময় ধন অনুযায়ী তোমাদের সব প্রয়োজন পূর্ণরূপে মিটিয়ে দেবেন।

  64. 5 কারণ তাঁর ক্রোধ ক্ষণস্থায়ী,

    কিন্তু তাঁর অনুগ্রহ সারা জীবন স্থায়ী;

    অশ্রু রাত্রিব্যাপী হয়,

    কিন্তু উল্লাস সকালে উপস্থিত হয়।

  65. 8 আমি তোমার ইচ্ছা পালন করতে চাই, হে ঈশ্বর;

    তোমার বিধিনিয়ম আমার হৃদয়ে আছে।”

  66. 11 আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লসিত হোক;

    সমুদ্র ও যা কিছু তার মধ্যে আছে, গর্জন করুক।

    12 সমস্ত ময়দান ও সেখানকার সবকিছু উল্লসিত হোক;

    জঙ্গলের সব গাছ আনন্দ সংগীত করুক।

    13 সমস্ত সৃষ্টি সদাপ্রভুর সামনে আনন্দ করুক, কারণ তিনি আসছেন,

    এই জগতের বিচার করার জন্য তিনি আসছেন।

    তিনি ধার্মিকতায় এই পৃথিবীর বিচার করবেন

    এবং তাঁর সত্য অনুযায়ী সব মানুষের বিচার করবেন।

  67. 28 ধার্মিকদের প্রত্যাশা হল আনন্দ,

    কিন্তু দুষ্টদের আশাগুলি নিষ্ফল হয়ে যায়।

  68. 15 সেইজন্য আমি জীবনে আমোদের প্রশংসা করছি, কারণ সূর্যের নিচে খাওয়াদাওয়া ও আমোদ করা ছাড়া মানুষের জন্য ভালো আর কিছুই নেই। তাহলে সূর্যের নিচে ঈশ্বরের দেওয়া মানুষের জীবনের সমস্ত দিনগুলিতে তার কাজে আনন্দই হবে তার সঙ্গী।

  69. 15 আমাদের হৃদয় থেকে আনন্দ চলে গেছে,

    আমাদের নৃত্য শোকে পরিণত হয়েছে।

  70. 44 “স্বর্গরাজ্য হল মাঠে লুকোনো ধনসম্পদের মতো। যখন কোনো মানুষ তার সন্ধান পায় সে পুনরায় তা লুকিয়ে রাখে। পরে আনন্দে সে গিয়ে সর্বস্ব বিক্রি করে ও মাঠটি কিনে নিল।

    45 “আবার স্বর্গরাজ্য এমন এক বণিকের মতো, যে উৎকৃষ্ট সব মুক্তার অন্বেষণ করছিল। 46 যখন সে অমূল্য এক মুক্তার সন্ধান পেল সে ফিরে গিয়ে সর্বস্ব বিক্রি করে তা কিনে নিল।

  71. 25 “কিন্তু অব্রাহাম উত্তর দিলেন, ‘বৎস, স্মরণ করে দেখো, তোমার জীবনকালে তুমি সব উৎকৃষ্ট জিনিস পেয়েছ, লাসার পেয়েছে সব মন্দ জিনিস। কিন্তু এখন সে এখানে লাভ করছে সান্ত্বনা, আর তুমি পাচ্ছ যন্ত্রণা।

  72. 52 আর শিষ্যরা আনন্দে ও পবিত্র আত্মায় পূর্ণ হয়ে উঠল।

  73. 3 কারণ যে অনুগ্রহ আমাকে দেওয়া হয়েছে, তার গুণে আমি তোমাদের প্রত্যেককে বলছি: তোমরা নিজেদের সম্বন্ধে যেমন উপযুক্ত, তার থেকে আরও উচ্চ ধারণা পোষণ কোরো না, কিন্তু ঈশ্বর তোমাকে যে পরিমাণ বিশ্বাস দান করেছেন, সেই অনুযায়ী, সংযমী বিচার দ্বারা নিজের বিষয়ে চিন্তা কোরো। 4 যেমন আমাদের প্রত্যেকের একই শরীরে বহু অঙ্গপ্রত্যঙ্গ আছে, আর এসব অঙ্গপ্রত্যঙ্গের কাজ এক নয়, 5 তেমনই খ্রীষ্টে আমরা, যারা অনেকে, এক দেহ গঠন করি এবং প্রত্যেক সদস্য অপর সদস্যদের প্রতি অঙ্গপ্রত্যঙ্গরূপে যুক্ত। 6 আমাদের প্রতি যে অনুগ্রহ দেওয়া হয়েছে, সেই অনুযায়ী আমাদের বিভিন্ন বরদান আছে। যদি কোনো মানুষের বরদান হয় ভাববাণী বলা, তাহলে সে তার বিশ্বাসের মাত্রা অনুযায়ী তা ব্যবহার করুক। 7 যদি তা হয় সেবাকাজ করার, তাহলে সে সেবাকাজ করুক; যদি তা হয় শিক্ষাদানের, তাহলে সে শিক্ষাদান করুক; 8 যদি তা হয় উৎসাহদানের, তবে সে উৎসাহ দান করুক। যদি তা হয় অন্যের প্রয়োজনে দান করার, সে উদারভাবে দান করুক; যদি তা হয় নেতৃত্বদানের, সে নিষ্ঠার সঙ্গে শাসন করুক; তা যদি হয় করুণা প্রদর্শনের, সে আনন্দের সঙ্গেই তা করুক।

  74. 13 এ সবকিছুর দ্বারা আমরা উৎসাহ লাভ করেছি।

    আমাদের নিজস্ব উৎসাহ ছাড়াও, তীতকে সুখী দেখে আমরাও বিশেষভবে আনন্দিত হয়েছিলাম, কারণ তোমাদের সকলের দ্বারা তাঁর আত্মা সঞ্জীবিত হয়েছে।

  75. 17 এই বর্তমান জগতে যারা ধনবান, তাদের আদেশ দাও, তারা যেন উদ্ধত না হয়, তাদের অনিশ্চিত সম্পদের উপরে তারা যেন আশাভরসা না করে, কিন্তু ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখে, যিনি আমাদের উপভোগের জন্য সবকিছুই সম্পূর্ণরূপে জুগিয়ে দেন। 18 তাদের সৎকর্ম করতে আদেশ দাও, তারা যেন ভালো কাজে সমৃদ্ধ হয়ে উঠতে পারে, দানশীল হয় এবং নিজেদের সম্পদ অপরের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছুক হয়। 19 এভাবে তারা নিজেদের জন্য ধন সঞ্চয় করে তাদের ভবিষ্যতে দৃঢ় ভিত্তিমূল স্থাপন করবে এবং যা প্রকৃতই জীবন, সেই জীবন ধরে রাখতে পারবে।

  76. 5 তোমাদের জীবন অর্থলালসা থেকে মুক্ত রেখো। তোমাদের যা আছে, তাতেই সন্তুষ্ট থেকো। কারণ ঈশ্বর বলেছেন,

    “আমি কখনও তোমাকে ছেড়ে দেব না,

    কখনও তোমায় পরিত্যাগ করব না।”

    6 তাই আমরা আস্থার সঙ্গে বলতে পারি,

    “প্রভুই আমার সহায়, আমি ভীত হব না,

    মানুষ আমার কী করতে পারে?”

  77. 12 তোমরা আনন্দের সঙ্গে বাইরে যাবে

    এবং শান্তির সঙ্গে তোমাদের নিয়ে যাওয়া হবে;

    পাহাড় ও পর্বতেরা তোমাদের সামনে

    আনন্দ সংগীতে ফেটে পড়বে,

    আর মাঠের সমস্ত গাছপালা

    তাদের করতালি দেবে।

  78. 9 এই কারণে আমরাও, যেদিন থেকে তোমাদের কথা শুনেছি সেইদিন থেকে তোমাদের জন্য প্রার্থনা করা থেকে বিরত হইনি। আমরা ঈশ্বরের কাছে প্রতিনিয়ত নিবেদন করি, যেন তোমরা সমস্ত আত্মিক জ্ঞানে ও বোধশক্তিতে তাঁর ইচ্ছার তত্ত্বজ্ঞানে পূর্ণ হও। 10 আমরা এজন্য এই প্রার্থনা করছি যে, তোমরা যেন প্রভুর যোগ্যরূপে জীবনযাপন করো, জীবনের প্রতি ক্ষেত্রেই তোমাদের আচরণ দ্বারা তাঁকে সন্তুষ্ট করে তোলো, সমস্ত শুভকাজে সফল হয়ে ওঠো ও ঐশ্বরিক জ্ঞানে বৃদ্ধিলাভ করো। 11 ঈশ্বরের গৌরবময় শক্তিতে তোমরা পরাক্রান্ত হয়ে যেন অসীম সহিষ্ণুতা ও ধৈর্যের অধিকারী হও এবং 12 সানন্দে পিতাকে ধন্যবাদ জ্ঞাপন করো, যিনি জ্যোতির রাজ্যে পবিত্রগণের যে অধিকার তার অংশীদার হওয়ার জন্য তোমাদের যোগ্য করে তুলেছেন। 13 কারণ অন্ধকারের কর্তৃত্ব থেকে তিনি আমাদের উদ্ধার করে তাঁর পুত্রের রাজ্যে নিয়ে এসেছেন, যাঁকে তিনি প্রেম করেন। 14 তাঁর দ্বারাই আমরা মুক্তি এবং সব পাপের ক্ষমা পেয়েছি।