108 Bible Verses About Protection

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Protection
  1. 1 যে ব্যক্তি পরাৎপরের আশ্রয়ে বসবাস করে

    সে সর্বশক্তিমানের ছায়ায় বিশ্রাম পাবে।

    2 আমি সদাপ্রভু সম্বন্ধে বলব, “তিনিই আমার আশ্রয় এবং আমার উচ্চদুর্গ,

    আমার ঈশ্বর, যার উপর আমি আস্থা রাখি।”

    3 নিশ্চয় তিনিই তোমাকে

    শিকারির ফাঁদ

    আর মারাত্মক মহামারি থেকে রক্ষা করবেন।

    4 তিনি নিজের পালকে তোমাকে আবৃত করবেন,

    এবং তাঁর ডানার তলায় তুমি আশ্রয় পাবে;

    তাঁর বিশ্বস্ত প্রতিশ্রুতি হবে তোমার ঢাল ও সুরক্ষা।

    5 তুমি রাতের আতঙ্ক থেকে ভয় পাবে না,

    অথবা দিনে উড়ন্ত তির থেকে,

    6 অথবা মহামারি থেকে যা অন্ধকারে আক্রমণ করে,

    অথবা সংক্রামক ব্যাধি থেকে যা দুপুরে ধ্বংস করে।

    7 তোমার পাশে হাজার জনের পতন হতে পারে,

    তোমার ডানপাশে দশ হাজার জনের,

    কিন্তু তা তোমার কাছে আসবে না।

    8 তুমি তোমার চোখ দিয়ে কেবল লক্ষ্য করবে

    আর দুষ্টদের শাস্তি পেতে দেখবে।

    9 যদি তুমি বলো, “সদাপ্রভু আমার আশ্রয়,”

    আর তুমি পরাৎপরকে নিজের বাসস্থান করো,

    10 তোমার কোনও অনিষ্ট হবে না,

    কোনও বিপর্যয় তোমার তাঁবুর কাছে আসবে না।

    11 কারণ তিনি তাঁর দূতদের তোমার বিষয়ে

    তোমার চলার সব পথে তোমাকে রক্ষা করার আদেশ দেবেন;

    12 তাঁরা তোমাকে তাঁদের হাতে তুলে নেবেন,

    যেন তোমার পায়ে পাথরের আঘাত না লাগে।

  2. দাউদের গীত।

    1 সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না।

    2 তিনি সবুজ চারণভূমিতে আমাকে শয়ন করান,

    তিনি শান্ত জলের ধারে আমাকে নিয়ে যান,

    3 তিনি আমার প্রাণ সঞ্জীবিত করেন।

    নিজের নামের মহিমায়

    তিনি আমাকে সঠিক পথে পরিচালনা করেন।

    4 যদিও আমি হেঁটে যাই

    অন্ধকারাচ্ছন্ন উপত্যকার মধ্য দিয়ে,

    আমি কোনও অমঙ্গলের ভয় করব না,

    কারণ তুমি আমার সঙ্গে আছ;

    তোমার লাঠি ও তোমার ছড়ি,

    সেগুলি আমাকে সান্ত্বনা দেয়।

  3. একটি আরোহণ সংগীত।

    1 আমি পর্বতমালার দিকে চেয়ে দেখি—

    কোথা থেকে আমার সাহায্য আসে?

    2 স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা,

    সদাপ্রভুর কাছ থেকে আমার সাহায্য আসে।

    3 তিনি তোমাকে হোঁচট খেতে দেবেন না,

    তোমার রক্ষক তন্দ্রাচ্ছন্ন হবেন না;

    4 সত্যিই, যিনি ইস্রায়েলের রক্ষক,

    তিনি তন্দ্রাচ্ছন্ন বা নিদ্রামগ্ন হবেন না।

    5 সদাপ্রভু তোমার রক্ষক,

    সদাপ্রভু তোমার ডানদিকে তোমার ছায়া;

    6 দিনে সূর্য তোমার ক্ষতি করবে না,

    এমনকি রাতে চাঁদও করবে না।

    7 সদাপ্রভু তোমাকে সব অমঙ্গল থেকে রক্ষা করবেন

    আর তিনি তোমার প্রাণরক্ষা করবেন;

    8 তোমার যাওয়া-আসার পথে সদাপ্রভু তোমাকে রক্ষা করবেন

    এখন থেকে চিরকাল পর্যন্ত।

  4. 10 পরিশেষে, তোমরা প্রভুতে এবং তাঁর প্রবল পরাক্রমে বলীয়ান হও। 11 ঈশ্বরের সম্পূর্ণ রণসাজ পরে নাও, যেন দিয়াবলের বিভিন্ন চাতুরী প্রতিহত করতে পারো। 12 কারণ আমাদের সংগ্রাম রক্তমাংসের বিরুদ্ধে নয়, কিন্তু আধিপত্য ও কর্তৃত্বের বিরুদ্ধে, অন্ধকারে আচ্ছন্ন এই জগতের শক্তির বিরুদ্ধে এবং স্বর্গীয় স্থানের মন্দ আত্মিক শক্তির বিরুদ্ধে। 13 তাই, ঈশ্বরের সম্পূর্ণ রণসাজ পরে নাও, যেন সেই মন্দ দিন উপস্থিত হলে তোমরা শত্রুর আক্রমণ প্রতিহত করতে পারো এবং সমস্ত বিষয় সম্পন্ন করে স্থির থাকতে পারো। 14 সুতরাং সত্যের বেল্ট কোমরে বেঁধে, ধার্মিকতার বুকপাটা পরে নিয়ে এবং 15 শান্তির সুসমাচার প্রচারের তৎপরতায় চটিজুতো পরে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো। 16 এসব ছাড়া তুলে নাও বিশ্বাসের ঢাল; তা দিয়েই সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ তোমরা নির্বাপিত করতে পারবে। 17 আর ধারণ করো পরিত্রাণের শিরস্ত্রাণ ও আত্মার তরোয়াল, অর্থাৎ ঈশ্বরের বাক্য।

  5. 3 কিন্তু প্রভু বিশ্বস্ত। তিনি তোমাদের শক্তি দেবেন এবং সেই পাপাত্মা থেকে রক্ষা করবেন। 4 তোমাদের সম্পর্কে প্রভুতে আমাদের এই দৃঢ়প্রত্যয় আছে যে, আমাদের সমস্ত আদেশ, যা তোমরা পালন করছ, তা করে যাবে। 5 প্রভু তোমাদের হৃদয়কে ঈশ্বরের প্রেমের পথে এবং খ্রীষ্টের ধৈর্যের পথে চালিত করুন।

  6. সংগীত পরিচালকের জন্য। কোরহ বংশের সন্তানদের গীত। অলামোৎ অনুসারে।

    1 ঈশ্বর আমাদের আশ্রয় ও বল,

    সংকটকালে সদা উপস্থিত সহায়।

    2 অতএব আমরা ভয় করব না, যদিও পৃথিবী কম্পিত হয়

    এবং সমুদ্রের বুকে পর্বতসকল পতিত হয়,

  7. 3 কিন্তু, হে সদাপ্রভু, তুমি আমার চারপাশের ঢাল,

    আমার গৌরব, তিনি আমার মাথা উঁচু করেন।

    4 আমি স্বরবে সদাপ্রভুর কাছে বিনতি করি,

    আর তিনি তাঁর পবিত্র পর্বত থেকে আমাকে উত্তর দেন।

    5 আমি শুয়ে থাকি এবং ঘুমিয়ে পড়ি;

    আমি আবার জেগে উঠি, কারণ সদাপ্রভু আমায় ধারণ করেন।

  8. 10 তাই ভয় কোরো না, কারণ আমি তোমার সঙ্গে আছি;

    হতাশ হোয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর।

    আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব;

    আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব।

    11 “যারা তোমার বিরুদ্ধে রেগে ওঠে,

    তারা অবশ্যই লজ্জিত ও অপমানিত হবে;

    যারা তোমার বিরোধিতা করে,

    তারা অসার প্রতিপন্ন হয়ে ধ্বংস হবে।

    12 তুমি যদিও তোমার শত্রুদের খুঁজবে,

    তুমি তাদের সন্ধান পাবে না।

    যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে,

    তাদের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না।

  9. 11 কিন্তু যারা তোমাতে আশ্রয় নেয় তারা আনন্দ করুক;

    তারা চিরকাল আনন্দগান করুক।

    তোমার সুরক্ষা তাদের উপর বিছিয়ে দাও,

    যেন যারা তোমার নাম ভালোবাসে, তারা তোমাতে উল্লাস করে।

  10. 7 তুমি আমার আশ্রয়স্থল;

    তুমি আমাকে বিপদ থেকে সুরক্ষিত করবে

    এবং মুক্তির গানে আমাকে চারপাশে ঘিরে রাখবে।

  11. 10 সদাপ্রভুর নাম এক সুরক্ষিত মিনার;

    ধার্মিকেরা সেখানে দৌড়ে যায় ও নিরাপদ বোধ করে।

    11 ধনবানদের ধনসম্পত্তিই তাদের সুরক্ষিত নগর;

    তারা ভাবে, তা এমন এক উঁচু প্রাচীর যা মাপা যায় না।

    12 পতনের আগে অন্তর উদ্ধত হয়,

    কিন্তু সম্মানের আগে আসে নম্রতা।

  12. 17 তোমার বিরুদ্ধে গঠিত কোনো অস্ত্র সফল হবে না,

    তোমার বিরুদ্ধে প্রত্যেক জিহ্বার অভিযোগ তুমি খণ্ডন করবে।

    সদাপ্রভুর দাসেদের এই হল অধিকার,

    আমার কাছে তারা এভাবেই নির্দোষ প্রতিপন্ন হবে,”

    সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।

  13. 28 আমি তাদের অনন্ত জীবন দান করি; তারা কোনোদিনই বিনষ্ট হবে না। আর কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না। 29 আমার পিতা, যিনি তাদের আমাকে দিয়েছেন, তিনি সবার চেয়ে মহান। আমার পিতার হাত থেকে কেউ তাদের কেড়ে নিতে পারে না। 30 আমি ও পিতা, আমরা এক।”

  14. 16 প্রথমবারের আত্মপক্ষ সমর্থনের সময়, আমার পক্ষে একজনও এগিয়ে আসেনি, বরং প্রত্যেকেই আমাকে ছেড়ে চলে গিয়েছিল। এসব যেন তাদের বিপক্ষে না যায়। 17 কিন্তু প্রভু আমার পাশে দাঁড়িয়ে শক্তি দিয়েছিলেন, যেন আমার মাধ্যমে সেই বার্তা সম্পূর্ণরূপে প্রচারিত হয় ও অইহুদি জনগণ তা শুনতে পায়। আবার আমি সিংহের মুখ থেকেও উদ্ধার পেয়েছি। 18 সমস্ত অশুভ আক্রমণ থেকে প্রভু আমাকে রক্ষা করবেন এবং তাঁর স্বর্গীয় রাজ্যে তিনি আমাকে নিরাপদে নিয়ে আসবেন। চিরকাল যুগে যুগে কীর্তিত হোক তাঁর মহিমা। আমেন।

  15. 13 মানুষের কাছে সাধারণভাবে যেমন ঘটে থাকে, তা ছাড়া অন্য কোনো প্রলোভন তোমাদের প্রতি ঘটেনি। আর ঈশ্বর বিশ্বস্ত। তোমরা যা সহ্য করতে পারো, তার অতিরিক্ত কোনো প্রলোভনে তিনি তোমাদের পড়তে দেবেন না। কিন্তু তোমরা যখন প্রলোভিত হও, তিনিই তোমাদের রক্ষা পাওয়ার পথও করে দেবেন, যেন তার মধ্যেও তোমরা দাঁড়িয়ে থাকতে পারো।

  16. 6 তোমরা বলবান হও ও সাহস করো। তাদের তোমরা ভয় পেয়ো না কিংবা আতঙ্কগ্রস্ত হোয়ো না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সঙ্গে যাবেন; তিনি কখনও তোমাদের ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না।”

  17. 7 কারণ সদাপ্রভুর দূত এক পাহারাদার;

    তিনি ঘিরে রাখেন এবং তাদের সবাইকে রক্ষা করেন যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে।

    8 আস্বাদন করো ও দেখো, সদাপ্রভু মঙ্গলময়;

    ধন্য সেই ব্যক্তি যে তাঁতে আশ্রয় নেয়।

    9 হে তাঁর পবিত্র মানুষজন, সদাপ্রভুকে সম্ভ্রম করো,

    কারণ যারা তাঁকে সম্ভ্রম করে তাদের কোনও কিছুর অভাব হয় না।

  18. 23 শান্তির ঈশ্বর স্বয়ং তোমাদের সর্বতোভাবে পবিত্র করে তুলুন। আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আগমনকালে তোমাদের সমগ্র আত্মা, প্রাণ ও দেহ, অনিন্দনীয়রূপে রক্ষিত হোক। 24 যিনি তোমাদের আহ্বান করেন, তিনি বিশ্বস্ত, তিনিই এই কাজ করবেন।

  19. 13 মোশি লোকদের উত্তর দিলেন, “তোমরা ভয় পেয়ো না! শক্ত হয়ে দাঁড়াও এবং তোমরা দেখতে পাবে আজ সদাপ্রভু কীভাবে তোমাদের রক্ষা করবেন। আজ তোমরা যে মিশরীয়দের দেখছ, তাদের আর কখনও দেখতে পাবে না। 14 সদাপ্রভু তোমাদের হয়ে যুদ্ধ করবেন; তোমাদের শুধু স্থির হয়ে থাকতে হবে।”

  20. 1 কিন্তু এখন, সদাপ্রভু এই কথা বলেন,

    ওহে যাকোব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন,

    ওহে ইস্রায়েল, যিনি তোমাকে গঠন করেছেন,

    “তুমি ভয় পেয়ো না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি;

    আমি নাম ধরে তোমাকে ডেকেছি; তুমি আমার।

    2 তুমি যখন জলরাশির মধ্য দিয়ে অতিক্রম করবে,

    আমি তোমার সঙ্গে থাকব;

    তুমি যখন নদনদীর মধ্য দিয়ে যাবে,

    সেগুলি তোমাকে মগ্ন করতে পারবে না।

    যখন তুমি আগুনের মধ্য দিয়ে যাবে,

    তুমি দগ্ধ হবে না;

    সেই আগুনের শিখা তোমাকে পুড়িয়ে ফেলবে না।

    3 কারণ আমি সদাপ্রভু, তোমার ঈশ্বর,

    ইস্রায়েলের সেই পবিত্রতম জন, তোমার পরিত্রাতা;

    তোমার মুক্তিমূল্যরূপে আমি মিশরকে,

    তোমার পরিবর্তে আমি কূশ ও সবাকে দিয়েছি।

  21. 6 সদাপ্রভু আমার সঙ্গে আছেন; আমি ভীত হব না।

    সামান্য মানুষ আমার কী করতে পারে?

    7 সদাপ্রভু আমার সঙ্গে আছেন; তিনি আমার সহায়।

    আমি বিজয়ীর দৃষ্টিতে আমার শত্রুদের দিকে দেখব।

    8 মানুষের উপর আস্থা রাখার চেয়ে

    সদাপ্রভুর কাছে শরণ নেওয়া শ্রেয়।

    9 অধিপতিদের উপর আস্থা রাখার চেয়ে

    সদাপ্রভুর কাছে শরণ নেওয়া শ্রেয়।

  22. 7 তোমার মহান প্রেমের আশ্চর্য কাজগুলি আমাকে দেখাও,

    যারা শত্রুর কবল থেকে বাঁচতে তোমাতে আশ্রয় নেয়

    তুমি তোমার ডান হাত দিয়ে তাদের উদ্ধার করো।

    8 আমাকে তোমার চোখের মণি করে রাখো;

    তোমার ডানার ছায়ায় আমাকে লুকিয়ে রাখো।

    9 দুষ্ট ব্যক্তি যারা আমাকে ধ্বংস করতে চায় ও

    হত্যাকারী শত্রু যারা আমাকে ঘিরে রেখেছে,

    তাদের হাত থেকে আমাকে রক্ষা করো।

    10 তারা তাদের উদাসীন হৃদয় রুদ্ধ করে রেখেছে,

    এবং তাদের মুখ উদ্ধতভাবে কথা বলে।

  23. 17 ধার্মিকরা কেঁদে ওঠে, আর সদাপ্রভু শোনেন;

    তিনি তাদের সব সংকট থেকে মুক্ত করেন।

    18 সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী,

    এবং যারা অন্তরে চূর্ণবিচূর্ণ, তাদের তিনি উদ্ধার করেন।

    19 ধার্মিক ব্যক্তি অনেক দুর্ভোগের সম্মুখীন হয়,

    কিন্তু সদাপ্রভু তাকে সেইসব থেকে মুক্ত করেন;

    20 তিনি ধার্মিকের হাড়গোড় রক্ষা করেন,

    তাদের মধ্যে একটিও ভাঙে না।

  24. 7 যদিও আমি সংকটের মধ্যে দিয়ে যাই,

    তুমি আমার প্রাণ বাঁচিয়ে রাখো।

    আমার বিপক্ষদের ক্রোধের বিরুদ্ধে তুমি তোমার হাত প্রসারিত করো;

    তোমার ডান হাত দিয়ে তুমি আমাকে রক্ষা করো।

  25. 3 আমার ঈশ্বরই আমার শৈল, যাঁতে আমি আশ্রয় নিই,

    আমার ঢাল ও আমার ত্রাণশৃঙ্গ।

    তিনিই আমার দুর্গ, আমার আশ্রয়স্থল ও আমার পরিত্রাতা।

    মারমুখী লোকদের হাত থেকে তুমিই আমাকে রক্ষা করে থাকো।

    4 “আমি সদাপ্রভুকে ডাকলাম, যিনি প্রশংসার যোগ্য,

    এবং শত্রুদের হাত থেকে উদ্ধার পেয়েছি।

  26. সংগীত পরিচালকের জন্য। দাউদের মিকতাম। সেই সময়ে রচিত যখন তিনি শৌলের হাত থেকে পালিয়ে গুহায় লুকিয়েছিলেন। সুর “ধ্বংস কোরো না।”

    1 আমার প্রতি কৃপা করো, হে আমার ঈশ্বর, আমার প্রতি কৃপা করো,

    কারণ আমি তোমাতে আশ্রয় নিয়েছি।

    যতক্ষণ না পর্যন্ত বিপদ কেটে যায়

    আমি তোমার ডানার ছায়ায় আশ্রয় নেবো।

  27. 114 তুমি আমার আশ্রয় ও আমার ঢাল;

    তোমার বাক্য আমার আশার উৎস।

  28. 1 পরিশেষে আমার ভাইবোনেরা, প্রভুতে আনন্দ করো। তোমাদের কাছে একই বিষয়ে বারবার লিখতে আমি বিরক্তি বোধ করি না এবং তা তোমাদের পক্ষে নিরাপদও বটে। 2 যারা দুষ্কর্ম করে, যারা অঙ্গচ্ছেদ ঘটায়, সেইসব কুকুর থেকে সাবধান থেকো। তাদের সম্বন্ধে সতর্ক হও। 3 কারণ আমরা যারা ঈশ্বরের আত্মায় উপাসনা করি, যারা খ্রীষ্ট যীশুতে গৌরববোধ করি, শরীরের বিষয়ে যাদের কোনো আস্থা নেই, সেই আমরাই তো প্রকৃত সুন্নতপ্রাপ্ত—

  29. 14 “যেহেতু সে আমাকে ভালোবাসে,” সদাপ্রভু বলেন, “আমি তাকে উদ্ধার করব;

    আমি তাকে রক্ষা করব কারণ সে আমার নাম স্বীকার করে।

    15 সে আমার নামে ডাকবে, আর আমি তাকে উত্তর দেব;

    সংকটে আমি তার সঙ্গে রইব,

    আমি তাকে উদ্ধার করব আর সম্মানিত করব।

    16 দীর্ঘ জীবন দিয়ে আমি তাকে তৃপ্ত করব

    আর আমার পরিত্রাণ তাকে দেখাব।”

  30. প্রধান সংগীত পরিচালকের জন্য। সদাপ্রভুর দাস দাউদের। সদাপ্রভু যেদিন তাঁর দাস দাউদকে সমস্ত শত্রু এবং শৌলের হাত থেকে উদ্ধার করেছিলেন সেদিন দাউদ সদাপ্রভুর উদ্দেশে এই গীত গেয়েছিলেন। দাউদ বলেছিলেন:

    1 হে সদাপ্রভু, আমি তোমায় ভালোবাসি, তুমি আমার শক্তি।

    2 সদাপ্রভু আমার শৈল, আমার উচ্চদুর্গ, আমার উদ্ধারকর্তা;

    আমার ঈশ্বর আমার শৈল, আমি তাঁর শরণাগত,

    আমার ঢাল, আমার পরিত্রাণের শিং, আমার আশ্রয় দুর্গ।

  31. 16 কিন্তু আমি তোমার পরাক্রমের গান গাইব,

    সকালে আমি তোমার দয়ার গান গাইব;

    কারণ তুমি আমার উচ্চদুর্গ,

    সংকটকালে আমার সহায়।

  32. 4 তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত, আমি সেই একই থাকব,

    তোমাদের চুল পেকে যাওয়া পর্যন্ত, আমিই তোমাদের বহন করব।

    আমিই সৃষ্টি করেছি, আমিই তোমাদের বহন করব;

    আমি তোমাদের ধরে রাখব ও তোমাদের উদ্ধার করব।

  33. 31 এসবের প্রত্যুত্তরে তাহলে আমরা কী বলব? ঈশ্বর যদি আমাদের পক্ষে থাকেন, তাহলে কে আমাদের বিরোধী হতে পারে? 32 যিনি তাঁর নিজ পুত্রকেও নিষ্কৃতি দেননি, কিন্তু আমাদের সকলের জন্য তাঁকে সমর্পণ করেছেন—তিনি কি তাঁর সঙ্গে সবকিছুই অনুগ্রহপূর্বক আমাদের দান করবেন না? 33 ঈশ্বর যাদের মনোনীত করেছেন, তাদের বিরুদ্ধে কে অভিযোগ করবে? ঈশ্বরই তাদের নির্দোষ প্রতিপন্ন করেন।

  34. 6 তাই আমরা আস্থার সঙ্গে বলতে পারি,

    “প্রভুই আমার সহায়, আমি ভীত হব না,

    মানুষ আমার কী করতে পারে?”

  35. 7 অতএব, তোমরা ঈশ্বরের বশ্যতাধীন হও। দিয়াবলের প্রতিরোধ করো, আর সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে। 8 ঈশ্বরের কাছে এসো, তিনিও তোমাদের কাছে আসবেন। পাপীরা, তোমরা তোমাদের হাত ধুয়ে ফেলো ও দ্বিধাগ্রস্ত ব্যক্তিরা, তোমরা তোমাদের অন্তর পরিশুদ্ধ করো।

  36. সংগীত পরিচালকের জন্য। দাউদের মিকতাম। সুর “ধ্বংস কোরো না।” দাউদকে হত্যা করার জন্য শৌল যখন দাউদের গৃহে লোক পাঠিয়ে গোপনে পাহারা বসিয়েছিলেন।

    1 হে ঈশ্বর, আমার শত্রুদের কবল থেকে আমাকে উদ্ধার করো;

    যারা আমাকে আক্রমণ করে তাদের বিরুদ্ধে আমার উচ্চদুর্গ হও।

  37. 7 সদাপ্রভু মঙ্গলময়,

    সংকটকালে এক আশ্রয়স্থল।

    যারা তাঁতে নির্ভরশীল হয় তিনি তাদের যত্ন নেন,

  38. 15 আমি এই নিবেদন করছি না যে তুমি তাদের জগৎ থেকে নিয়ে নাও কিন্তু সেই পাপাত্মা থেকে তাদের রক্ষা করো।

  39. দাউদের মিকতাম।

    1 হে আমার ঈশ্বর, তুমি আমাকে নিরাপদে রাখো,

    কারণ আমি তোমাতেই আশ্রয় নিয়েছি।

    2 আমি সদাপ্রভুকে বললাম, “তুমিই আমার প্রভু;

    তুমি ছাড়া আমার কোনো মঙ্গল নেই।”

  40. 30 ঈশ্বরের সমস্ত পথ সিদ্ধ:

    সদাপ্রভুর বাক্য নিখুঁত;

    যারা তাঁতে শরণ নেয় তিনি তাদের ঢাল।

    31 কারণ সদাপ্রভু ছাড়া আর ঈশ্বর কে আছে?

    আমাদের ঈশ্বর ছাড়া আর শৈল কে আছে?

    32 ঈশ্বর আমায় শক্তি জোগান

    আর আমার পথ সুরক্ষিত রাখেন।

  41. 22 সদাপ্রভু তাঁর দাসদের মুক্ত করবেন;

    যারা তাঁর শরণাগত, তাদের কেউই দোষী সাব্যস্ত হবে না।

  42. 7 এই সমস্ত অসাধারণ, মহৎ প্রত্যাদেশের কারণে, আমি যেন গর্বে ফুলেফেঁপে না উঠি, আমার শরীরে এক কাঁটা, শয়তানের এক দূত, দেওয়া হয়েছে যেন সে আমাকে কষ্ট দেয়। 8 আমার কাছ থেকে এটা সরিয়ে নেওয়ার জন্য তিনবার আমি প্রভুর কাছে মিনতি করেছিলাম। 9 কিন্তু তিনি আমাকে বলেছেন, “আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কারণ আমার শক্তি দুর্বলতায় সিদ্ধিলাভ করে।” অতএব, আমার দুর্বলতা সম্পর্কে আমি সানন্দে আরও বেশি গর্ব করব, যেন খ্রীষ্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। 10 এই কারণে, খ্রীষ্টের জন্য আমি বিভিন্ন দুর্বলতায়, অপমানে, অনটনে, ক্লেশভোগ ও কষ্ট-সংকটে আনন্দ করি, কারণ যখন আমি দুর্বল, তখনই আমি শক্তিমান।

  43. 5 তোমাদের জীবন অর্থলালসা থেকে মুক্ত রেখো। তোমাদের যা আছে, তাতেই সন্তুষ্ট থেকো। কারণ ঈশ্বর বলেছেন,

    “আমি কখনও তোমাকে ছেড়ে দেব না,

    কখনও তোমায় পরিত্যাগ করব না।”

  44. 5 তখন দিয়াবল তাঁকে পবিত্র নগরে নিয়ে গেল এবং মন্দিরের শীর্ষদেশে তাঁকে দাঁড় করালো। 6 সে বলল, “তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে এখান থেকে নিচে ঝাঁপ দাও, কারণ এরকম লেখা আছে:

    “ ‘তিনি তাঁর দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন,

    আর তাঁরা তোমাকে তাঁদের হাতে তুলে নেবেন,

    যেন তোমার পায়ে পাথরের আঘাত না লাগে।’ ”

    7 যীশু তাকে উত্তর দিলেন, “আবার একথাও লেখা আছে, ‘তোমার ঈশ্বর প্রভুকে পরীক্ষা কোরো না।’ ”

  45. 42 সে দাউদের দিকে ভালো করে তাকিয়ে যখন দেখল যে তাঁর বয়স খুব অল্প এবং তিনি সুস্বাস্থ্যের অধিকারী ও রূপবান, তখন সে তাঁকে অবজ্ঞা করল। 43 সে দাউদকে বলল, “আমি কি কুকুর নাকি, যে তুই লাঠি নিয়ে আমার কাছে এসেছিস?” আর সেই ফিলিস্তিনী নিজের দেবতাদের নাম নিয়ে দাউদকে গালাগালি দিল। 44 “এখানে আয়,” সে বলল, “আর আমি তোর মাংস পাখি ও বন্যপশুদের খাওয়াব!”

    45 দাউদ সেই ফিলিস্তিনীকে বললেন, “তুমি তরোয়াল, বর্শা ও বল্লম নিয়ে আমার বিরুদ্ধে লড়তে এসেছ, কিন্তু আমি ইস্রায়েলের সৈন্যদলের ঈশ্বর সেই সর্বশক্তিমান সদাপ্রভুর নামে তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি, তুমি যাঁর নামে টিটকিরি দিয়েছ। 46 আজকের এই দিনে সদাপ্রভু তোমাকে আমার হাতে সমর্পণ করে দেবেন, আর আমি তোমাকে আঘাত করে তোমার মাথা কেটে ফেলব। আজই আমি ফিলিস্তিনী সৈন্যদের মৃতদেহ পাখি ও বন্যপশুদের খাওয়াব, আর সমগ্র জগৎসংসার জানবে যে ইস্রায়েলে একজন ঈশ্বর আছেন। 47 এখানে যারা যারা উপস্থিত আছে তারা সবাই জানবে যে সদাপ্রভু তরোয়াল বা বর্শা দিয়ে উদ্ধার দেন না; কারণ যুদ্ধ তো সদাপ্রভুরই, আর তিনিই তোমাদের সবাইকে আমাদের হাতে সমর্পণ করে দেবেন।”

    48 সেই ফিলিস্তিনী যেই দাউদকে আক্রমণ করার জন্য তাঁর দিকে এগিয়ে এল, তিনি চট করে তার মুখোমুখি হওয়ার জন্য সামনে দৌড়ে গেলেন। 49 তিনি থলি থেকে একটি পাথর বের করে গুলতিতে ভরে সেই ফিলিস্তিনীর কপাল লক্ষ্য করে সেটি ছুঁড়ে মারলেন। পাথরটি তার কপাল ভেদ করে ভিতরে ঢুকে গেল, এবং সে উবুড় হয়ে মাটিতে পড়ে গেল।

  46. 9 কারণ সদাপ্রভুর চোখ তাদেরই শক্তিশালী করে তোলার জন্য গোটা পৃথিবী জুড়ে বিচরণ করে যাচ্ছে, যাদের অন্তর তাঁর প্রতি পুরোপুরি সমর্পিত। আপনি মূর্খের মতো কাজ করেছেন, আর এখন থেকে বারবার আপনাকে যুদ্ধ করতে হবে।”

  47. 5 “দীনহীনদের লুটপাট করা হচ্ছে ও দরিদ্ররা আর্তনাদ করছে,

    সেই কারণে আমি এবার জাগ্রত হব,” সদাপ্রভু বলেন।

    “অনিষ্টকারীদের হাত থেকে আমি তাদের রক্ষা করব।”

  48. 35 তুমি আমাকে তোমার বিজয়ের ঢাল দিয়েছ,

    তোমার ডান হাত আমায় সহায়তা করে;

    তোমার সাহায্য আমায় মহান করেছে।

    36 তুমি আমার চলার পথ প্রশস্ত করেছ,

    যেন আমার পা পিছলে না যায়।

  49. 7 তোমার ডানার ছায়ায় আমি গান করি

    কারণ তুমিই আমার সহায়।

    8 আমি তোমাকে আঁকড়ে ধরে থাকি

    তোমার শক্তিশালী ডান হাত আমাকে ধারণ করে।

    9 যারা আমাকে হত্যা করতে চায় তাদের সর্বনাশ হবে,

    তারা পৃথিবীর গভীরস্থানে নেমে যাবে।

  50. 4 হে সদাপ্রভু, দুষ্টদের হাত থেকে আমাকে সুরক্ষিত রাখো;

    দুরাচারীদের কবল থেকে আমাকে বাঁচিয়ে রাখো,

    কারণ তারা আমার পতনের জন্য ষড়যন্ত্র করছে।

  51. 3 “বড়ো বা ছোটো, তোমাদের ঢালগুলি প্রস্তুত করো

    ও সমরাভিযানে বের হও!

    4 অশ্বগুলিকে সজ্জিত করো,

    যুদ্ধাশ্বে আরোহণ করো!

    শিরস্ত্রাণ পরে

    তোমরা অবস্থান নাও!

    তোমাদের বর্শাগুলি ঝকঝকে করো,

    সব রণসাজ পরে নাও!

  52. 28 আর আমরা জানি যে, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তাঁর ইচ্ছা অনুসারে আহূত, তিনি সব বিষয়ে তাদের মঙ্গলসাধনের জন্য কাজ করেন।

  53. 4 তোমরা প্রভুতে সবসময় আনন্দ করো। আমি আবার বলব, আনন্দ করো। 5 তোমাদের শান্তভাব সবার কাছে প্রত্যক্ষ হোক। প্রভু শীঘ্রই আসছেন। 6 কোনো বিষয়েই উৎকণ্ঠিত হোয়ো না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। 7 এতে সব বোধবুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি, খ্রীষ্ট যীশুতে তোমাদের অন্তর ও মন রক্ষা করবে।

  54. 4 প্রিয় সন্তানেরা, তোমরা ঈশ্বর থেকে। তোমরা খ্রীষ্ট বিরোধীদের পরাস্ত করেছ, কারণ তোমাদের অন্তরে যিনি আছেন, তিনি জগতে যে বিচরণ করে, তার চেয়ে মহান।

  55. 10 যেহেতু তুমি ধৈর্যের সঙ্গে সহ্য করে আমার আদেশ পালন করেছ, আমিও তোমাকে সেই পরীক্ষাকাল থেকে রক্ষা করব, যা সকল পৃথিবীবাসীর জন্য সমগ্র জগতে আসতে চলেছে।

  56. 1 তোমরা যখন তোমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবে তখন তোমাদের চেয়ে বেশি ঘোড়া, রথ ও সৈন্য দেখে ভয় পাবে না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি তোমাদের মিশর থেকে বের করে নিয়ে এসেছেন, তিনি তোমাদের সঙ্গে থাকবেন। 2 তোমরা যুদ্ধযাত্রা করার আগে, যাজক সামনে এসে সৈন্যদের উদ্দেশ্যে বলবেন। 3 তিনি বলবেন, “হে ইস্রায়েল, শোনো আজ তোমরা তোমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করতে যাচ্ছ। দুর্বলচিত্ত হবে না বা ভয় পাবে না; তাদের দেখে আতঙ্কগ্রস্ত হবে না বা ভয়ে কাঁপবে না। 4 কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু যিনি তোমাদের সঙ্গে যাচ্ছেন তিনি তোমাদের হয়ে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমাদের জয়ী করবেন।”

  57. 5 তোমার সমস্ত জীবনকালে কেউই তোমার বিরুদ্ধে উঠে দাঁড়াতে পারবে না। আমি যেমন মোশির সঙ্গে ছিলাম, তেমনই আমি তোমারও সঙ্গে সঙ্গে থাকব; আমি তোমাকে কখনও ছেড়ে দেব না, কখনও পরিত্যাগ করব না।

  58. 9 আমি কি তোমাকে এই আদেশ দিইনি? তুমি শক্তিশালী ও সাহসী হও। তুমি ভীত হোয়ো না; হতাশ হোয়ো না, কারণ তুমি যেখানেই যাবে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে সঙ্গে থাকবেন।”

  59. 8 আমি সর্বদা আমার চোখ সদাপ্রভুতে স্থির রাখি।

    তিনি আমার ডানপাশে আছেন, তাই আমি কখনও বিচলিত হব না।

  60. সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।

    1 ধন্য সেই ব্যক্তি, যে দীনহীনদের জন্য চিন্তা করে;

    সংকটের দিনে সদাপ্রভু তাদের উদ্ধার করেন।

    2 সদাপ্রভু তাকে রক্ষা করেন আর জীবিত রাখেন—

    তিনি তাদের দেশে তাদের সমৃদ্ধি দেন—

    সদাপ্রভু তাকে তার শত্রুদের ইচ্ছায় সমর্পণ করেন না।

  61. সংগীত পরিচালকের জন্য। তারযন্ত্র সহযোগে দাউদের গীত।

    1 হে ঈশ্বর, আমার কান্না শোনো;

    আমার প্রার্থনায় কর্ণপাত করো।

    2 পৃথিবীর সুদূর প্রান্ত থেকে আমি তোমাকে ডাকি,

    আমি তোমাকে ডাকি যখন আমার হৃদয় নিস্তেজ হয়;

    আমার থেকে সুরক্ষিত উচ্চ শৈলের উপরে আমাকে নিয়ে চলো।

    3 কারণ তুমি আমার আশ্রয় হয়েছ,

    বিপক্ষের বিরুদ্ধে তুমি আমার সুদৃঢ় দুর্গ।

    4 আমি চিরকাল তোমার তাঁবুতে বসবাস করার আকাঙ্ক্ষা করি

    এবং তোমার ডানার ছায়াতে আশ্রয় নিই।

  62. 2 সত্যিই তিনি আমার শৈল ও আমার পরিত্রাণ;

    তিনি আমার আশ্রয় দুর্গ, আমি কখনও বিচলিত হব না।

  63. 25 আকস্মিক বিপর্যয় দেখে ভয় পাবে না

    বা দুষ্টদের সর্বনাশ হতে দেখেও ভয় পাবে না,

    26 কারণ সদাপ্রভু তোমার পাশে দাঁড়াবেন

    ও তোমার পা-কে ফাঁদে পড়া থেকে তিনিই রক্ষা করবেন।

  64. 5 প্রজ্ঞা অর্জন করো, বিচক্ষণতা অর্জন করো;

    আমার কথাগুলি ভুলে যেয়ো না বা সেগুলি থেকে সরে যেয়ো না।

    6 প্রজ্ঞাকে পরিত্যাগ কোরো না, ও সে তোমাকে রক্ষা করবে;

    তাকে ভালোবেসো, ও সে তোমাকে পাহারা দেবে।

    7 প্রজ্ঞার আরম্ভ এইরকম: প্রজ্ঞা অর্জন করো।

    এর মূল্যরূপে তোমার যথাসর্বস্য দিতে হলেও, বিচক্ষণতা অর্জন করো।

    8 তাকে লালনপালন করো, ও সে তোমাকে উন্নত করবে;

    তাকে সাগ্রহে গ্রহণ করো, ও সে তোমাকে সম্মানিত করবে।

    9 সে তোমার মাথার শোভাবর্ধন করার জন্য এক ফুলমালা দেবে

    ও তোমাকে চমৎকার এক মুকুট উপহার দেবে।”

  65. 23 সদাপ্রভুর ভয় জীবনের দিকে নিয়ে যায়;

    তখন একজন মানুষ সন্তুষ্ট থাকে, আকস্মিক দুর্দশা তাকে স্পর্শ করতে পারে না।

  66. 5 “ঈশ্বরের প্রত্যেকটি বাক্য নিখুঁত;

    যারা তাঁতে আশ্রয় নেয় তাদের কাছে তিনি এক ঢাল।

  67. 17 যা ন্যায়সংগত, তাই করতে শেখো; ন্যায়বিচার অনুধাবন করো।

    অত্যাচারিত লোকেদের পাশে দাঁড়াও।

    পিতৃহীনদের পক্ষসমর্থন করো,

    বিধবাদের সপক্ষে ওকালতি করো।

  68. 17 তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে আছেন,

    সেই মহাযোদ্ধা যিনি তোমাকে বাঁচান।

    তিনি তোমাকে নিয়ে খুবই আনন্দিত হবেন;

    তাঁর ভালোবাসায় তিনি তোমাকে আর তিরস্কার করবেন না,

    কিন্তু গান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করবেন।”

  69. 19 আমি তোমাদের সাপ ও কাঁকড়াবিছে পায়ের তলায় পিষে মারার এবং শত্রুর সমস্ত ক্ষমতার উপর কর্তৃত্ব করার অধিকার দান করেছি। কোনো কিছুই তোমাদের ক্ষতি করতে পারবে না।

  70. 16 “কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে, তিনি তাঁর একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাঁকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। 17 কারণ জগতের বিচার করতে ঈশ্বর তাঁর পুত্রকে জগতে পাঠাননি, কিন্তু তাঁর মাধ্যমে জগৎকে উদ্ধার করতেই পাঠিয়েছিলেন।

  71. 24 যিনি তোমাদের বিশ্বাসে হোঁচট খাওয়া থেকে রক্ষা করতে সমর্থ, ও যিনি তোমাদের নির্দোষরূপে ও মহা আনন্দের সঙ্গে তাঁর মহিমাময় উপস্থিতিতে উপস্থাপন করবেন, 25 সেই একমাত্র ঈশ্বর, আমাদের পরিত্রাতা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে মহিমা, রাজকীয় প্রতাপ, পরাক্রম ও কর্তৃত্ব, সকল যুগের শুরু থেকে বর্তমানে ও যুগপর্যায়ের সমস্ত যুগেই হোক! আমেন।

  72. একটি আরোহণ সংগীত। শলোমনের গীত।

    1 যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন,

    তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে।

    যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন,

    তবে নগররক্ষীরা বৃথাই রাতে জেগে থাকে।

  73. 15 আমি তোমার সাথেই আছি ও তুমি যেখানেই যাও না কেন, আমি তোমার উপর নজর রাখব, এবং তোমাকে এই দেশেই ফিরিয়ে আনব। যতদিন না আমি তোমার কাছে আমার করা প্রতিজ্ঞাটি পূরণ করছি, ততদিন আমি তোমাকে ত্যাগ করব না।”

  74. 37 তিনি বলবেন: “তাদের দেবতারা এখন কোথায়,

    সেই শৈল কোথায় যার কাছে তারা আশ্রয় নিয়েছিল,

    38 সেই দেবতারা যারা তাদের বলির মেদ খেয়েছিল

    এবং তাদের পেয়-নৈবেদ্যের দ্রাক্ষারস পান করেছিল?

    তারা উঠে তোমাদের সাহায্য করুক!

    তারা তোমাদের আশ্রয় দিক!

    39 “এখন দেখো, আমি, আমিই তিনি!

    আমি ছাড়া আর কোনও ঈশ্বর নেই।

    আমি মৃত্যু দিই এবং আমিই জীবন দিই,

    আমি আঘাত করেছি এবং আমিই সুস্থ করব,

    আমার হাত থেকে কেউ উদ্ধার করতে পারবে না।

  75. 38 পরে শৌল দাউদকে নিজের পোশাকটি পরিয়ে দিলেন। তিনি দাউদের গায়ে যুদ্ধের সাজ ও মাথায় ব্রোঞ্জের শিরস্ত্রাণ চাপিয়ে দিলেন।

  76. প্রধান সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।

    1 সদাপ্রভু সংকটের দিনে তোমাকে উত্তর দেবেন;

    যাকোবের ঈশ্বরের নাম তোমাকে রক্ষা করবেন।

  77. 15 সদাপ্রভুর দৃষ্টি ধার্মিকদের প্রতি রয়েছে,

    এবং তাদের আর্তনাদে তিনি কর্ণপাত করেন;

  78. 3 যখন আমি ভীত, আমি তোমার উপর আস্থা রাখি।

    4 ঈশ্বরে, আমি যার বাক্যের প্রশংসা করি—

    আমি ঈশ্বরে আস্থা রাখি এবং ভীত হই না।

    সামান্য মানুষ আমার কী করতে পারে?

  79. একটি আরোহণ সংগীত।

    1 যারা সদাপ্রভুর উপর আস্থা রাখে তারা সিয়োন পর্বতের মতো হয়,

    তারা পরাজিত হয় না অথচ চিরস্থায়ী হয়।

    2 পর্বতমালা যেমন জেরুশালেমকে ঘিরে আছে,

    সদাপ্রভু তেমনই তাঁর প্রজাদের চারিদিকে আছেন

    এখন থেকে অনন্তকাল পর্যন্ত।

  80. 19 যারা তাঁকে সম্ভ্রম করে তিনি তাদের আকাঙ্ক্ষা পূর্ণ করেন;

    তিনি তাদের কান্না শোনেন আর তাদের রক্ষা করেন।

  81. 33 কিন্তু যে আমার কথা শোনে সে নিরাপদে বেঁচে থাকবে

    ও অনিষ্টের ভয় না করে স্বচ্ছন্দে থাকবে।”

  82. 21 কোনও অনিষ্টই ধার্মিকদের আতঙ্কগ্রস্ত করে না,

    কিন্তু দুষ্টদের অসুবিধা ভোগ করতে হয়।

  83. 26 যারা সদাপ্রভুকে ভয় করে তাদের কাছে এক নিরাপদ দুর্গ আছে,

    ও তাদের সন্তানদের জন্যও তা এক আশ্রয়স্থান হবে।

  84. 12 বিচক্ষণ মানুষেরা বিপদ দেখে কোথাও আশ্রয় নেয়,

    কিন্তু অনভিজ্ঞ লোকেরা এগিয়ে যায় ও শাস্তি পায়।

  85. 1 সেদিন যিহূদার দেশে এই গীত গাওয়া হবে:

    আমাদের আছে এক দৃঢ় নগর;

    আমরা ঈশ্বরের পরিত্রাণস্বরূপ প্রাচীর ও প্রাকার-বেষ্টিত আছি।

    2 এর তোরণদ্বারগুলি তোমরা খুলে দাও

    যেন সেই ধার্মিক জাতি এর মধ্যে প্রবেশ করতে পারে,

    সেই জাতি, যারা বিশ্বাস রক্ষা করেছে।

    3 তাকে তুমি পূর্ণ শান্তিতেই রাখবে,

    যার মন সুস্থির,

    কারণ সে তোমার উপরে নির্ভর করে।

    4 তোমরা চিরকাল সদাপ্রভুর উপরে নির্ভর করো,

    কারণ সদাপ্রভু, সেই সদাপ্রভুই হলেন শাশ্বত শৈল।

    5 যারা উচ্চ স্থানে বসবাস করে, তিনি তাদের অবনত করেন,

    তিনি উঁচুতে থাকা সেই নগরীকে নামিয়ে আনেন;

    তিনি তাকে ধরাশায়ী করেন,

    এমনকি, তাকে মাটির সঙ্গে মিশিয়ে দেন।

    6 অত্যাচারী ব্যক্তিদের পা,

    দরিদ্রদের পদক্ষেপ

    সেই নগরকে পদদলিত করছে।

  86. 16 এমনকি, তোমাদের বাবা-মা, ভাই, আত্মীয়পরিজন ও বন্ধুবান্ধব তোমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। তারা তোমাদের কাউকে কাউকে মৃত্যুমুখে সমর্পণ করবে। 17 আর আমার কারণে তোমরা সকলের কাছে ঘৃণিত হবে। 18 কিন্তু তোমাদের মাথার একটি চুলও বিনষ্ট হবে না। 19 তোমরা যদি অবিচলিত থাকো, তাহলে জীবন লাভ করবে।

  87. 33 “আমি তোমাদের এসব কথা জানালাম, যেন আমার মধ্যে তোমরা শান্তি লাভ করো। এই জগতে তোমরা সংকটের সম্মুখীন হবে, কিন্তু সাহস করো! আমি এই জগৎকে জয় করেছি।”

  88. 11 আমি জগতে আর থাকব না, কিন্তু ওরা এখনও জগতে আছে। আমি তোমার কাছে যাচ্ছি। পবিত্র পিতা, যে নাম তুমি আমাকে দিয়েছ, তোমার সেই নামের শক্তিতে তাদের রক্ষা করো। আমরা যেমন এক, তারাও যেন তেমনই এক হতে পারে। 12 তাদের সঙ্গে থাকার সময় যে নাম তুমি আমাকে দিয়েছ, সেই নামে আমি তাদের রক্ষা করে নিরাপদে রেখেছি। তাদের মধ্যে আর কেউই বিনষ্ট হয়নি কেবলমাত্র সেই বিনাশ-সন্তান ছাড়া, যেন শাস্ত্রবাক্য পূর্ণ হয়।

  89. 19 হে আমার প্রিয় বন্ধুগণ, তোমরা প্রতিশোধ নিয়ো না, কিন্তু ঈশ্বরের ক্রোধের জন্য স্থান ছেড়ে দাও, কারণ একথা লেখা আছে: “প্রতিশোধ নেওয়া আমারই কাজ, আমি প্রতিফল দেব,” একথা প্রভু বলেন।

  90. 13 যিনি আমাকে শক্তি দান করেন, তাঁর মাধ্যমে আমি সবকিছুই করতে পারি।

  91. 8 কেউ যদি তার আত্মীয়স্বজনের, বিশেষত পরিবারের আপনজনদের ভরণ-পোষণ না করে, সে বিশ্বাস অস্বীকার করেছে এবং অবিশ্বাসীর চেয়েও নিকৃষ্ট প্রতিপন্ন হয়েছে।

  92. 19 আমরা এও জানি, আমরা ঈশ্বরের সন্তান, আর সমস্ত জগৎ সেই পাপাত্মার নিয়ন্ত্রণের অধীন।

  93. 32 কারণ সদাপ্রভু ছাড়া আর ঈশ্বর কে আছে?

    আমাদের ঈশ্বর ছাড়া আর শৈল কে আছে?

  94. দাউদের শিগায়োন, যা তিনি বিন্যামীন বংশধর কূশের সম্বন্ধে সদাপ্রভুর প্রতি রচনা করেছিলেন।

    1 হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি তোমাতে শরণ নিই;

    যারা আমার পিছু নেয় তাদের হাত থেকে আমায় রক্ষা করো ও উদ্ধার করো,

  95. 9 দুষ্টদের অত্যাচার তুমি বন্ধ করো

    এবং ধার্মিকদের সুরক্ষিত করো

    তুমি, হে ন্যায়পরায়ণ ঈশ্বর,

    সকলের হৃদয় ও মন অনুসন্ধান করো।

  96. 9 সদাপ্রভু পীড়িতদের আশ্রয়,

    সংকটকালে তিনি নিরাপদ আশ্রয় দুর্গ।

    10 যারা তোমার নাম জানে তারা তোমাতেই আস্থা রাখে,

    কারণ, হে সদাপ্রভু, যারা তোমার অন্বেষণ করে, তাদের তুমি কখনও পরিত্যাগ করোনি।

  97. দাউদের গীত।

    1 সদাপ্রভু আমার জ্যোতি ও আমার পরিত্রাণ,

    তাই আমি কেন ভীত হব?

    সদাপ্রভু আমার জীবনের আশ্রয় দুর্গ,

    তাই আমি কেন কম্পিত হব?

  98. 19 যারা তোমাকে সম্ভ্রম করে

    আর যারা তোমার শরণাগত

    তাদের প্রতি তোমার সঞ্চিত কল্যাণ কত মহৎ,

    যা তুমি সকলের সাক্ষাতে তাদের উপর প্রদান করো।

  99. 11 হে সদাপ্রভু, তোমার করুণা থেকে আমাকে বঞ্চিত কোরো না,

    তোমার প্রেম ও বিশ্বস্ততা আমাকে সর্বদা সুরক্ষিত করুক।

    12 দেখো, অগণিত অশান্তি আমাকে চারিদিকে ঘিরে রেখেছে;

    আমার সব অপরাধ আমাকে ধরেছে, আমি কোনো পথ দেখতে পাই না,

    সেগুলি আমার মাথার চুলের থেকেও বেশি,

    এবং আমি সমস্ত সাহস হারিয়েছি।

    13 প্রসন্ন হও, হে সদাপ্রভু, আর আমাকে উদ্ধার করো;

    তাড়াতাড়ি এসো, হে সদাপ্রভু, আর আমাকে সাহায্য করো।

  100. 7 আমার পরিত্রাণ ও আমার সম্মান ঈশ্বরের কাছ থেকে আসে;

    তিনি আমার শক্তিশালী শৈল, আমার আশ্রয়।

    8 হে আমার ভক্তেরা, তাঁর উপর নিয়ত আস্থা রাখো;

    তাঁরই কাছে তোমাদের হৃদয় ঢেলে দাও,

    কারণ ঈশ্বর আমাদের আশ্রয়।

  101. 12 তিনি আর্তনাদকারী অভাবীদের

    আর অসহায় পীড়িতদের উদ্ধার করবেন।

    13 তিনি দরিদ্র ও অভাবীদের প্রতি দয়া করবেন

    এবং অভাবীদের মৃত্যু থেকে রক্ষা করবেন।

    14 তিনিই তাদের অত্যাচার ও হিংসা থেকে মুক্ত করবেন,

    কারণ তাঁর দৃষ্টিতে তাদের রক্ত মূল্যবান।

  102. 10 যারা সদাপ্রভুকে ভালোবাসে তারা অধর্মকে ঘৃণা করুক,

    কারণ তিনি তাঁর বিশ্বস্তজনেদের প্রাণরক্ষা করেন,

    এবং দুষ্টদের কবল থেকে তাদের উদ্ধার করেন।

  103. একটি আরোহণ সংগীত। দাউদের গীত।

    1 সদাপ্রভু যদি আমাদের পক্ষে না থাকতেন—

    সমগ্র ইস্রায়েল বলুক—

    2 সদাপ্রভু যদি আমাদের পক্ষে না থাকতেন,

    যখন লোকেরা আমাদের আক্রমণ করেছিল,

    3 যখন তাদের ক্রোধ আমাদের বিরুদ্ধে জ্বলে উঠেছিল,

    তখন হয়তো তারা আমাদের জীবন্তই গ্রাস করে ফেলত;

    4 বন্যার জলরাশি হয়তো চারিদিক প্লাবিত করত,

    জলস্রোত হয়তো আমাদের উপর দিয়ে বয়ে যেত,

    5 উত্তাল জলরাশি

    হয়তো ভাসিয়ে নিয়ে যেত আমাদের।

  104. 7 ন্যায়পরায়ণদের জন্য তিনি সাফল্য সঞ্চয় করে রাখেন,

    যাদের চলন অনিন্দনীয়, তাদের জন্য তিনি ঢাল হয়ে দাঁড়ান,

    8 কারণ তিনি ধার্মিকের পথ পাহারা দেন

    ও তাঁর বিশ্বস্তজনেদের গতিপথ রক্ষা করেন।

  105. 5 এবার আমি তোমাদের বলি,

    আমার দ্রাক্ষাক্ষেত্রের প্রতি আমি কী করতে চলেছি:

    আমি এর বেড়াগুলি তুলে ফেলব,

    আর তা ধ্বংস হয়ে যাবে;

    আমি এর প্রাচীরগুলি ভেঙে দেব,

    তখন তা পদদলিত হবে।

    6 আমি তা এক পরিত্যক্ত ভূমি করব,

    তার লতা পরিষ্কার বা ভূমি কর্ষণও করা হবে না;

    সেখানে শেয়ালকাঁটা ও কাঁটাঝোপ উৎপন্ন হবে।

    আমি মেঘমালাকে আদেশ দেব

    যেন সেখানে জল বর্ষণ না করে।”

    7 সর্বশক্তিমান সদাপ্রভুর দ্রাক্ষাক্ষেত্র হল

    ইস্রায়েলের সমস্ত কুল,

    আর যিহূদার লোকেরা হল

    তাঁর মনোরম উদ্যান।

    তিনি ন্যায়বিচারের আশা করলেন, কিন্তু রক্তপাত দেখলেন;

    ধার্মিকতার আশা করলেন, কিন্তু দুর্দশার আর্তনাদ শুনলেন।

  106. 1 “সেই সময় মীখায়েল, সেই মহান অধিপতি যে তোমার স্বজাতিকে রক্ষা করে, উঠে দাঁড়াবে। আর এক সংকটের সময় উপস্থিত হবে, এমন সময় যা জগতের বিভিন্ন জাতির উত্থান থেকে আজ পর্যন্ত কখনও ঘটেনি। কিন্তু সেই সময়ে তোমার লোকেরা, যাদের নাম বইতে পাওয়া যাবে, কেবল তারাই রক্ষা পাবে।

  107. 13 আর আমাদের প্রলোভনে পড়তে দিয়ো না,

    কিন্তু সেই পাপাত্মা থেকে রক্ষা করো।’

  108. 28 যারা কেবলমাত্র শরীর বধ করতে পারে, কিন্তু আত্মাকে বধ করতে পারে না, তাদের ভয় কোরো না। বরং, যিনি আত্মা ও শরীর, উভয়কেই নরকে ধ্বংস করতে পারেন, তোমরা তাঁকেই ভয় কোরো। 29 দুটি চড়ুইপাখি কি এক পয়সায় বিক্রি হয় না? তবুও, তোমাদের পিতার ইচ্ছা ব্যতিরেকে তাদের একটিও মাটিতে পড়ে না। 30 এমনকি, তোমাদের মাথার চুলগুলিরও সংখ্যা গোনা আছে। 31 তাই ভয় পেয়ো না কারণ চড়ুইপাখি থেকেও তোমরা অনেক বেশি মূল্যবান।