74 Bible Verses About Safety

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Safety
  1. 17 তোমরা পরস্পর সুযোগ নিও না, কিন্তু ঈশ্বরকে ভয় কোরো। আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু।

    18 “ ‘আমার অনুশাসনের অনুগামী হও এবং আমার সব বিধান মেনে চলতে যত্নশীল থেকো, তাহলে তোমরা দেশে নিরাপদে বসবাস করবে। 19 ভূমি ফল উৎপন্ন করবে এবং তৃপ্তি অবধি তোমরা ভোজন করবে ও তোমাদের নিরাপত্তা থাকবে।

  2. 1 যে ব্যক্তি পরাৎপরের আশ্রয়ে বসবাস করে

    সে সর্বশক্তিমানের ছায়ায় বিশ্রাম পাবে।

    2 আমি সদাপ্রভু সম্বন্ধে বলব, “তিনিই আমার আশ্রয় এবং আমার উচ্চদুর্গ,

    আমার ঈশ্বর, যার উপর আমি আস্থা রাখি।”

    3 নিশ্চয় তিনিই তোমাকে

    শিকারির ফাঁদ

    আর মারাত্মক মহামারি থেকে রক্ষা করবেন।

    4 তিনি নিজের পালকে তোমাকে আবৃত করবেন,

    এবং তাঁর ডানার তলায় তুমি আশ্রয় পাবে;

    তাঁর বিশ্বস্ত প্রতিশ্রুতি হবে তোমার ঢাল ও সুরক্ষা।

    5 তুমি রাতের আতঙ্ক থেকে ভয় পাবে না,

    অথবা দিনে উড়ন্ত তির থেকে,

    6 অথবা মহামারি থেকে যা অন্ধকারে আক্রমণ করে,

    অথবা সংক্রামক ব্যাধি থেকে যা দুপুরে ধ্বংস করে।

    7 তোমার পাশে হাজার জনের পতন হতে পারে,

    তোমার ডানপাশে দশ হাজার জনের,

    কিন্তু তা তোমার কাছে আসবে না।

    8 তুমি তোমার চোখ দিয়ে কেবল লক্ষ্য করবে

    আর দুষ্টদের শাস্তি পেতে দেখবে।

    9 যদি তুমি বলো, “সদাপ্রভু আমার আশ্রয়,”

    আর তুমি পরাৎপরকে নিজের বাসস্থান করো,

    10 তোমার কোনও অনিষ্ট হবে না,

    কোনও বিপর্যয় তোমার তাঁবুর কাছে আসবে না।

    11 কারণ তিনি তাঁর দূতদের তোমার বিষয়ে

    তোমার চলার সব পথে তোমাকে রক্ষা করার আদেশ দেবেন;

    12 তাঁরা তোমাকে তাঁদের হাতে তুলে নেবেন,

    যেন তোমার পায়ে পাথরের আঘাত না লাগে।

    13 তুমি সিংহ ও কালসাপের উপর পা দিয়ে চলবে;

    তুমি হিংস্র সিংহ আর সাপকে পদদলিত করবে।

    14 “যেহেতু সে আমাকে ভালোবাসে,” সদাপ্রভু বলেন, “আমি তাকে উদ্ধার করব;

    আমি তাকে রক্ষা করব কারণ সে আমার নাম স্বীকার করে।

    15 সে আমার নামে ডাকবে, আর আমি তাকে উত্তর দেব;

    সংকটে আমি তার সঙ্গে রইব,

    আমি তাকে উদ্ধার করব আর সম্মানিত করব।

    16 দীর্ঘ জীবন দিয়ে আমি তাকে তৃপ্ত করব

    আর আমার পরিত্রাণ তাকে দেখাব।”

  3. 10 সদাপ্রভুর নাম এক সুরক্ষিত মিনার;

    ধার্মিকেরা সেখানে দৌড়ে যায় ও নিরাপদ বোধ করে।

    11 ধনবানদের ধনসম্পত্তিই তাদের সুরক্ষিত নগর;

    তারা ভাবে, তা এমন এক উঁচু প্রাচীর যা মাপা যায় না।

    12 পতনের আগে অন্তর উদ্ধত হয়,

    কিন্তু সম্মানের আগে আসে নম্রতা।

  4. 6 সদাপ্রভু, অনেকে প্রশ্ন করছে, “কে আমাদের উন্নতি ঘটাবে?”

    তোমার মুখের জ্যোতি আমাদের উপর উজ্জ্বল হোক।

    7 তাদের ফসল ও নতুন দ্রাক্ষারসের প্রাচুর্য থেকেও

    তুমি আমার হৃদয় আনন্দে পূর্ণ করেছ।

    8 শান্তিতে আমি শুয়ে থাকব ও ঘুমাব,

    কারণ একমাত্র তুমিই, হে সদাপ্রভু,

    আমায় নিরাপদে বসবাস করতে দিয়েছ।

  5. 25 মানুষের ভয় ফাঁদ হয়ে দাঁড়ায়,

    কিন্তু যে সদাপ্রভুতে নির্ভর করে সে নিরাপদ থাকে।

  6. 3 কিন্তু, হে সদাপ্রভু, তুমি আমার চারপাশের ঢাল,

    আমার গৌরব, তিনি আমার মাথা উঁচু করেন।

    4 আমি স্বরবে সদাপ্রভুর কাছে বিনতি করি,

    আর তিনি তাঁর পবিত্র পর্বত থেকে আমাকে উত্তর দেন।

    5 আমি শুয়ে থাকি এবং ঘুমিয়ে পড়ি;

    আমি আবার জেগে উঠি, কারণ সদাপ্রভু আমায় ধারণ করেন।

    6 যে শত সহস্র লোক আমাকে চতুর্দিকে ঘিরে রেখেছে

    আমি তাদের ভয় করব না।

  7. 5 সদাপ্রভু তোমার রক্ষক,

    সদাপ্রভু তোমার ডানদিকে তোমার ছায়া;

    6 দিনে সূর্য তোমার ক্ষতি করবে না,

    এমনকি রাতে চাঁদও করবে না।

    7 সদাপ্রভু তোমাকে সব অমঙ্গল থেকে রক্ষা করবেন

    আর তিনি তোমার প্রাণরক্ষা করবেন;

    8 তোমার যাওয়া-আসার পথে সদাপ্রভু তোমাকে রক্ষা করবেন

    এখন থেকে চিরকাল পর্যন্ত।

  8. 2 কারণ, তোমরা ভালোভাবেই জানো, রাতের বেলা যেমন চোর আসে, সেভাবেই প্রভুর দিন উপস্থিত হবে। 3 লোকেরা যখন “শান্তি ও নিরাপত্তার” কথা বলবে, তখন গর্ভবতী নারীর প্রসববেদনার মতো অকস্মাৎ তাদের উপর ধ্বংস নেমে আসবে; তারা কোনোক্রমেই তা এড়াতে পারবে না।

  9. 21 হে আমার বাছা, প্রজ্ঞা ও বিচক্ষণতা যেন তোমার দৃষ্টি-বহির্ভূত না হয়,

    সূক্ষ্ম বিচার ও বিচক্ষণতা অক্ষুণ্ণ রেখো;

    22 তোমার জন্য সেগুলি জীবনস্বরূপ হবে,

    তোমার গলার শোভাবর্ধক এক অলংকার হবে।

    23 তখন তুমি নিরাপদে তোমার পথে চলে যাবে,

    ও তোমার পায়ে হোঁচট লাগবে না।

    24 তুমি যখন শুয়ে থাকবে, তখন তুমি ভয় পাবে না;

    তুমি যখন শুয়ে থাকবে, তখন তোমার ঘুমও তৃপ্তিদায়ক হবে।

    25 আকস্মিক বিপর্যয় দেখে ভয় পাবে না

    বা দুষ্টদের সর্বনাশ হতে দেখেও ভয় পাবে না,

    26 কারণ সদাপ্রভু তোমার পাশে দাঁড়াবেন

    ও তোমার পা-কে ফাঁদে পড়া থেকে তিনিই রক্ষা করবেন।

  10. 27 আমার মেষেরা আমার কণ্ঠস্বর শোনে, আমি তাদের জানি, আর তারা আমাকে অনুসরণ করে। 28 আমি তাদের অনন্ত জীবন দান করি; তারা কোনোদিনই বিনষ্ট হবে না। আর কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না। 29 আমার পিতা, যিনি তাদের আমাকে দিয়েছেন, তিনি সবার চেয়ে মহান। আমার পিতার হাত থেকে কেউ তাদের কেড়ে নিতে পারে না। 30 আমি ও পিতা, আমরা এক।”

  11. 17 কিন্তু প্রভু আমার পাশে দাঁড়িয়ে শক্তি দিয়েছিলেন, যেন আমার মাধ্যমে সেই বার্তা সম্পূর্ণরূপে প্রচারিত হয় ও অইহুদি জনগণ তা শুনতে পায়। আবার আমি সিংহের মুখ থেকেও উদ্ধার পেয়েছি। 18 সমস্ত অশুভ আক্রমণ থেকে প্রভু আমাকে রক্ষা করবেন এবং তাঁর স্বর্গীয় রাজ্যে তিনি আমাকে নিরাপদে নিয়ে আসবেন। চিরকাল যুগে যুগে কীর্তিত হোক তাঁর মহিমা। আমেন।

  12. 8 এখানে আমরা এখন প্রত্যেকে নিজের যা মনে হয় ঠিক তাই করছি, তোমরা সেরকম করবে না, 9 কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যে বিশ্রামস্থান ও অধিকার দিচ্ছেন সেখানে তোমরা এখনও পৌঁছাওনি। 10 কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু উত্তরাধিকার হিসেবে যে দেশ তোমাদের দিচ্ছেন তোমরা জর্ডন নদী পার হয়ে গিয়ে যখন সেই দেশে বসবাস করতে থাকবে তখন তিনি চারপাশের সমস্ত শত্রুর থেকে তোমাদের বিশ্রাম দেবেন যেন তোমরা নিরাপদে বসবাস করতে পারো। 11 তখন তোমাদের ঈশ্বর সদাপ্রভু নিজের নামের জন্য এক বাসস্থান বেছে নেবেন—সেখানে তোমরা আমার আদেশ করা সব জিনিস নিয়ে আসবে তোমাদের হোম ও বলি, তোমাদের দশমাংশ ও বিশেষ উপহার, এবং তোমাদের বাছাই করা জিনিস যা তোমরা সদাপ্রভুর কাছে মানত করেছ। 12 আর সেখানে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে আনন্দ কোরো—তোমরা, তোমাদের ছেলেমেয়েরা, তোমাদের দাস-দাসীরা, এবং তোমাদের নগরের লেবীয়েরা যাদের নিজেদের অংশ বা অধিকার তোমাদের মধ্যে নেই। 13 সাবধান, তোমাদের মনের মতো কোনও জায়গায় তোমরা হোমবলি উৎসর্গ করবে না। 14 তোমাদের কোনও এক গোষ্ঠীকে দেওয়া জায়গা থেকে যে জায়গাটি সদাপ্রভু বেছে নেবেন সেখানেই তোমরা হোমবলি উৎসর্গ করবে, আর সেখানে তোমরা আমার আদেশ করা সবকিছু করবে।

  13. 33 কিন্তু যে আমার কথা শোনে সে নিরাপদে বেঁচে থাকবে

    ও অনিষ্টের ভয় না করে স্বচ্ছন্দে থাকবে।”

  14. 35 খ্রীষ্টের প্রেম থেকে কে আমাদের বিচ্ছিন্ন করবে? কষ্ট-সংকট, না দুর্দশা, না নির্যাতন, না দুর্ভিক্ষ, না নগ্নতা, না বিপদ, না তরোয়াল—এর কোনোটিই নয়? 36 যেমন লেখা আছে,

    “তোমার জন্য আমরা প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হই,

    বলির মেষের মতো আমাদের গণ্য করা হয়।”

    37 না, যিনি আমাদের প্রেম করেছেন, তাঁরই মাধ্যমে আমরা এসব বিষয়ে বিজয়ীর থেকেও বেশি বিজয়ী হয়েছি। 38 কারণ আমি নিশ্চিতরূপে জানতে পেরেছি যে, মৃত্যু বা জীবন, স্বর্গদূতেরা বা ভূতেরা, বর্তমান বা ভাবীকালের কোনো বিষয়, না কোনো পরাক্রম, 39 ঊর্ধ্বলোক বা অধোলোক বা সমস্ত সৃষ্টির অন্য কোনো বিষয়, কোনো কিছুই আমাদের প্রভু, খ্রীষ্ট যীশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না।

  15. 12 বিন্যামীনের বিষয়ে তিনি বলেছিলেন:

    “সদাপ্রভু যাকে ভালোবাসেন সে নিরাপদে তাঁর কাছে থাকবে,

    তিনি সবসময় তাকে আড়ালে রাখেন,

    এবং সদাপ্রভু যাকে ভালোবাসেন তাঁরই কাঁধের উপরে তার স্থান।”

  16. 8 “কিন্তু আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি ঈশ্বরের কাছে আবেদন জানাতাম;

    তাঁর কাছেই আমার উদ্দেশ্য ব্যক্ত করতাম।

    9 তিনি এমন সব আশ্চর্য কাজ করেন যা অনুভব করা যায় না,

    এমন সব অলৌকিক কাজ করেন যা গুনে রাখা যায় না।

    10 তিনি ধরণীতে বৃষ্টির জোগান দেন;

    তিনি গ্রামাঞ্চলে জল পাঠান।

    11 সহজসরল লোককে তিনি উন্নত করেন,

    আর শোকার্তদের নিরাপত্তা দেন।

    12 ধূর্তদের পরিকল্পনা তিনি ব্যর্থ করেন,

    যেন তাদের হাত কোনও সাফল্য লাভ না করে।

    13 জ্ঞানীদের তিনি তাদের ধূর্ততায় ধরে ফেলেন,

    আর শঠের ফন্দি দ্রুত নিশ্চিহ্ন হয়ে যায়।

    14 দিনের বেলাতেই তাদের উপর অন্ধকার নেমে আসে,

    মধ্যাহ্নে তারা রাতের মতো হাতড়ে বেড়ায়।

    15 অভাবগ্রস্তকে তিনি শব্দবাণ থেকে রক্ষা করেন;

    তিনি তাদের শক্তিশালীদের খপ্পর থেকে রক্ষা করেন।

    16 তাই দরিদ্র আশায় বুক বাঁধে,

    আর অবিচার নিজের মুখে কুলুপ আঁটে।

  17. 14 নেতৃত্বের অভাবে জাতির পতন হয়,

    কিন্তু উপদেশকদের সংখ্যা বেশি হলে জয় সুনিশ্চিত হয়।

  18. 20 “যখন তোমরা দেখবে সৈন্যসামন্ত জেরুশালেম নগরীকে অবরোধ করেছে, তখন জানবে যে তার ধ্বংসের দিন এগিয়ে এসেছে। 21 তখন যারা যিহূদিয়ায় থাকবে, তারা যেন পার্বত্য অঞ্চলে পালিয়ে যায়, যারা নগরে থাকে, তারা যেন বাইরে চলে যায়; আর যারা গ্রামাঞ্চলে থাকবে, তারা যেন নগরের ভিতরে প্রবেশ না করে। 22 কারণ সেসময় হবে প্রতিশোধের সময়, শাস্ত্রের সমস্ত বাক্য পূর্ণ হওয়ার সময়। 23 সেই সময় গর্ভবতী নারীদের ও স্তন্যদাত্রী মায়েদের কতই না ভয়ংকর কষ্ট হবে! দেশের উপর ঘনিয়ে আসবে চরম দুর্গতি, এই জাতির উপরে নেমে আসবে ঈশ্বরের ক্রোধ।

  19. 10 যেহেতু তুমি ধৈর্যের সঙ্গে সহ্য করে আমার আদেশ পালন করেছ, আমিও তোমাকে সেই পরীক্ষাকাল থেকে রক্ষা করব, যা সকল পৃথিবীবাসীর জন্য সমগ্র জগতে আসতে চলেছে। 11 আমি শীঘ্রই আসছি। তোমার কাছে যা আছে, সযত্নে ধরে থাকো, যেন কেউই তোমার মুকুট কেড়ে নিতে না পারে।

  20. 3 সদাপ্রভুতে আস্থা রাখো আর সদাচরণ করো;

    এই দেশে বসবাস করো আর নিরাপদ আশ্রয় উপভোগ করো।

  21. 15 “ ‘সেই দিনগুলিতে ও সেই সময়ে

    আমি দাউদের বংশে এক ধার্মিক পল্লবকে অঙ্কুরিত করব;

    দেশের জন্য যা যথার্থ ও ন্যয়সংগত, সে তাই করবে।

    16 সেই দিনগুলিতে যিহূদা পরিত্রাণ পাবে

    এবং জেরুশালেম নিরাপদে বসবাস করবে।

    এই নগর তখন এই নামে আখ্যাত হবে,

    সদাপ্রভু আমাদের ধার্মিক ত্রাণকর্তা।’

  22. 11 “আমিই উৎকৃষ্ট মেষপালক। উৎকৃষ্ট মেষপালক মেষদের জন্য তাঁর প্রাণ সমর্পণ করেন। 12 বেতনজীবী লোক মেষপালক নয়, সে মেষপালের মালিকও নয়। তাই সে নেকড়ে বাঘকে আসতে দেখে, মেষদের ছেড়ে পালিয়ে যায়। নেকড়ে তখন মেষপালকে আক্রমণ করে ছিন্নভিন্ন করে দেয়। 13 বেতনজীবী বলেই সে পালিয়ে যায়, মেষপালের জন্য কোনো চিন্তা করে না।

    14 “আমিই উৎকৃষ্ট মেষপালক, আমার মেষদের আমি জানি ও আমার নিজেরা আমাকে জানে— 15 যেমন পিতা আমাকে জানেন ও আমি পিতাকে জানি—আর মেষদের জন্য আমি আমার প্রাণ সমর্পণ করি।

  23. 3 কিন্তু প্রভু বিশ্বস্ত। তিনি তোমাদের শক্তি দেবেন এবং সেই পাপাত্মা থেকে রক্ষা করবেন। 4 তোমাদের সম্পর্কে প্রভুতে আমাদের এই দৃঢ়প্রত্যয় আছে যে, আমাদের সমস্ত আদেশ, যা তোমরা পালন করছ, তা করে যাবে। 5 প্রভু তোমাদের হৃদয়কে ঈশ্বরের প্রেমের পথে এবং খ্রীষ্টের ধৈর্যের পথে চালিত করুন।

  24. 18 আমরা জানি, যে ঈশ্বর থেকে জাত, সে পাপকর্মে রত থাকে না; ঈশ্বর থেকে যে জাত, সে নিজেকে সুরক্ষিত রাখে এবং সেই পাপাত্মা তার ক্ষতি করতে পারে না।

  25. 1 “ ‘তোমরা নিজেদের জন্য প্রতিমা নির্মাণ কোরো না, অথবা প্রতিমূর্তি কিংবা পবিত্র পাথর স্থাপন কোরো না এবং তোমাদের দেশে ক্ষোদিত পাথর রেখে তার সামনে প্রণিপাত কোরো না। আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু।

    2 “ ‘আমার বিশ্রামবার পালন কোরো ও আমার পবিত্র ধর্মধামের প্রতি সম্মান দেখাও। আমি তোমার ঈশ্বর সদাপ্রভু।

    3 “ ‘তোমরা যদি আমার বিধানগুলি অনুধাবন করো ও আমার সব আদেশ মেনে চলতে যত্নশীল থাকো, 4 তাহলে আমি যথাসময়ে বৃষ্টি পাঠাব; ফলে ভূমি শস্য উৎপন্ন করবে ও ক্ষেতের গাছগুলিতে ফল ভরে যাবে। 5 দ্রাক্ষাচয়ন পর্যন্ত তোমাদের শস্যমর্দনের কাজ চলবে, এবং বীজবপনকাল পর্যন্ত দ্রাক্ষাচয়নের কাজ চলবে এবং তোমরা ইচ্ছামতো খাদ্য ভোজন করবে ও নিরাপদে তোমাদের দেশে বসবাস করবে।

    6 “ ‘দেশের প্রতি আমি শান্তি মঞ্জুর করব ও শয়নকালে কেউ তোমাদের ভয় দেখাবে না। আমি দেশ থেকে হিংস্র জন্তুদের তাড়িয়ে দেব ও তোমাদের দেশের মধ্য দিয়ে তরোয়াল যাবে না।

  26. 4 যদিও আমি হেঁটে যাই

    অন্ধকারাচ্ছন্ন উপত্যকার মধ্য দিয়ে,

    আমি কোনও অমঙ্গলের ভয় করব না,

    কারণ তুমি আমার সঙ্গে আছ;

    তোমার লাঠি ও তোমার ছড়ি,

    সেগুলি আমাকে সান্ত্বনা দেয়।

  27. 7 তুমি আমার আশ্রয়স্থল;

    তুমি আমাকে বিপদ থেকে সুরক্ষিত করবে

    এবং মুক্তির গানে আমাকে চারপাশে ঘিরে রাখবে।

  28. 53 তিনি তাদের সুরক্ষিতভাবে পথ দেখালেন, তাই তারা ভীত হল না;

    কিন্তু সমুদ্র তাদের শত্রুদের ঘিরে ফেলল।

  29. 7 যদিও আমি সংকটের মধ্যে দিয়ে যাই,

    তুমি আমার প্রাণ বাঁচিয়ে রাখো।

    আমার বিপক্ষদের ক্রোধের বিরুদ্ধে তুমি তোমার হাত প্রসারিত করো;

    তোমার ডান হাত দিয়ে তুমি আমাকে রক্ষা করো।

    8 সদাপ্রভু আমার জন্য তাঁর সব পরিকল্পনা সফল করবেন,

    কারণ তোমার বিশ্বস্ত প্রেম, হে সদাপ্রভু, অনন্তকালস্থায়ী।

    আমাকে পরিত্যাগ কোরো না, কারণ তুমি আমাকে সৃষ্টি করেছ।

  30. সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।

    1 হে সদাপ্রভু, অনিষ্টকারীদের হাত থেকে আমাকে উদ্ধার করো;

    হিংস্র লোকদের কবল থেকে আমাকে বাঁচিয়ে রাখো,

    2 যারা অন্তরে অনিষ্টের পরিকল্পনা করে,

    এবং প্রতিদিন যুদ্ধ প্ররোচিত করে,

    3 তারা সাপের মতো তাদের জিভ তীক্ষ্ণ করে;

    কালসাপের বিষ তাদের মুখে।

    4 হে সদাপ্রভু, দুষ্টদের হাত থেকে আমাকে সুরক্ষিত রাখো;

    দুরাচারীদের কবল থেকে আমাকে বাঁচিয়ে রাখো,

    কারণ তারা আমার পতনের জন্য ষড়যন্ত্র করছে।

  31. 7 সদাপ্রভু মঙ্গলময়,

    সংকটকালে এক আশ্রয়স্থল।

    যারা তাঁতে নির্ভরশীল হয় তিনি তাদের যত্ন নেন,

  32. 9 দিয়াবল তাঁকে জেরুশালেমে নিয়ে গিয়ে মন্দিরের শীর্ষদেশে তাঁকে দাঁড় করালো। সে বলল, “তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে এখান থেকে নিচে ঝাঁপ দাও। 10 কারণ এরকম লেখা আছে:

    “ ‘তিনি তাঁর দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন,

    যেন তাঁরা যত্নসহকারে তোমাকে রক্ষা করেন,

    11 তাঁরা তোমাকে তাঁদের হাতে তুলে নেবেন,

    যেন তোমার পায়ে পাথরের আঘাত না লাগে।’ ”

    12 যীশু উত্তর দিলেন, “একথাও লেখা আছে, ‘তোমার ঈশ্বর প্রভুকে পরীক্ষা কোরো না।’ ”

    13 প্রলোভনের সমস্ত কৌশল ব্যর্থ হলে দিয়াবল কিছুকালের জন্য যীশুকে ছেড়ে চলে গেল, এবং পরবর্তী সুযোগের অপেক্ষায় রইল।

  33. 31 এসবের প্রত্যুত্তরে তাহলে আমরা কী বলব? ঈশ্বর যদি আমাদের পক্ষে থাকেন, তাহলে কে আমাদের বিরোধী হতে পারে?

  34. 2 তারপর আমি আর একজন স্বর্গদূতকে পূর্বদিক থেকে আসতে দেখলাম, তাঁর কাছে ছিল জীবন্ত ঈশ্বরের সিলমোহর। তিনি সেই চার স্বর্গদূত, যাঁদের ভূমি ও সমুদ্রের উপর অনিষ্ট করার ক্ষমতা দেওয়া হয়েছিল তাঁদের উদ্দেশে উচ্চস্বরে বললেন: 3 “আমরা যতক্ষণ না আমাদের ঈশ্বরের দাসগণের কপালে সিলমোহর দিয়ে ছাপ দিতে পারি, ততক্ষণ পর্যন্ত তোমরা ভূমি বা সমুদ্র বা গাছগুলির প্রতি কোনো অনিষ্ট কোরো না।”

  35. 25 শলোমন যতদিন বেঁচেছিলেন, দান থেকে বের-শেবা পর্যন্ত যিহূদা ও ইস্রায়েলে প্রত্যেকে নিজের নিজের দ্রাক্ষাক্ষেতের ও ডুমুর গাছের নিচে নিরাপদে বসবাস করত।

  36. 7 হে সদাপ্রভু, তুমি দরিদ্রদের নিরাপদে রাখবে

    এবং দুষ্টদের হাত থেকে চিরকাল আমাদের রক্ষা করবে,

  37. দাউদের মিকতাম।

    1 হে আমার ঈশ্বর, তুমি আমাকে নিরাপদে রাখো,

    কারণ আমি তোমাতেই আশ্রয় নিয়েছি।

  38. 13 আর আমাদের প্রলোভনে পড়তে দিয়ো না,

    কিন্তু সেই পাপাত্মা থেকে রক্ষা করো।’

  39. 15 “আর তাই, যখন তোমরা দেখবে, ‘ধ্বংস-আনয়নকারী সেই ঘৃণ্য বস্তু’ পবিত্রস্থানে দাঁড়িয়ে আছে, যা ভাববাদী দানিয়েল উল্লেখ করেছেন—পাঠক বুঝে নিক— 16 তখন যারা যিহূদিয়া প্রদেশে বসবাস করে, তারা পার্বত্য অঞ্চলে পালিয়ে যাক। 17 তখন ছাদের উপরে যে থাকবে, সে যেন কোনো জিনিসপত্র ঘর থেকে নেওয়ার জন্য নিচে নেমে না আসে। 18 মাঠে যে থাকবে, সে যেন জামাকাপড় নেওয়ার জন্য ঘরে ফিরে না যায়। 19 সেই সময় গর্ভবতী নারীদের ও স্তন্যদাত্রী মায়েদের কতই না ভয়ংকর কষ্ট হবে! 20 প্রার্থনা কোরো, যেন তোমাদের পালিয়ে যাওয়া শীতকালে বা বিশ্রামদিনে না হয়। 21 কারণ সেই সময় এমন চরম বিপর্যয় এসে উপস্থিত হবে, যা পৃথিবী সৃষ্টির সময় থেকে এ পর্যন্ত কখনও হয়নি, আর কখনও হবেও না।

    22 “সেই সমস্ত দিনের সংখ্যা যদি কমিয়ে না দেওয়া হত, তাহলে কোনো মানুষই রক্ষা পেত না, কিন্তু যাদের তিনি মনোনীত করেছেন, তাঁদের জন্য সেইসব দিনের সংখ্যা কমিয়ে দেওয়া হবে। 23 সেই সময়, কেউ যদি তোমাদের বলে, ‘দেখো, খ্রীষ্ট এখানে!’ অথবা, ‘তিনি ওখানে!’ তোমরা বিশ্বাস কোরো না। 24 কারণ ভণ্ড খ্রীষ্টেরা ও ভণ্ড ভাববাদীরা উপস্থিত হয়ে বহু বড়ো বড়ো চিহ্ন ও অলৌকিক কাজ করে দেখাবে, যেন সম্ভব হলে মনোনীতদেরও প্রতারিত করতে পারে। 25 দেখো, ঘটনা ঘটবার পূর্বেই আমি তোমাদের একথা বলে দিলাম।

    26 “তাই, কেউ যদি তোমাদের বলে, ‘দেখো, তিনি মরুপ্রান্তরে আছেন,’ তোমরা বেরিয়ে যেয়ো না; কিংবা, ‘তিনি এখানে ভিতরের ঘরে আছেন,’ তা বিশ্বাস কোরো না। 27 কারণ বিদ্যুতের ঝলক যেমন পূর্বদিক থেকে পশ্চিমদিক পর্যন্ত দৃশ্যমান হয়, মনুষ্যপুত্রের আগমনও সেইরূপ হবে। 28 যেখানেই মৃতদেহ, সেখানেই শকুনের ঝাঁক জড়ো হবে।

  40. 12 তাদের সঙ্গে থাকার সময় যে নাম তুমি আমাকে দিয়েছ, সেই নামে আমি তাদের রক্ষা করে নিরাপদে রেখেছি। তাদের মধ্যে আর কেউই বিনষ্ট হয়নি কেবলমাত্র সেই বিনাশ-সন্তান ছাড়া, যেন শাস্ত্রবাক্য পূর্ণ হয়।

  41. 10 পরিশেষে, তোমরা প্রভুতে এবং তাঁর প্রবল পরাক্রমে বলীয়ান হও। 11 ঈশ্বরের সম্পূর্ণ রণসাজ পরে নাও, যেন দিয়াবলের বিভিন্ন চাতুরী প্রতিহত করতে পারো। 12 কারণ আমাদের সংগ্রাম রক্তমাংসের বিরুদ্ধে নয়, কিন্তু আধিপত্য ও কর্তৃত্বের বিরুদ্ধে, অন্ধকারে আচ্ছন্ন এই জগতের শক্তির বিরুদ্ধে এবং স্বর্গীয় স্থানের মন্দ আত্মিক শক্তির বিরুদ্ধে। 13 তাই, ঈশ্বরের সম্পূর্ণ রণসাজ পরে নাও, যেন সেই মন্দ দিন উপস্থিত হলে তোমরা শত্রুর আক্রমণ প্রতিহত করতে পারো এবং সমস্ত বিষয় সম্পন্ন করে স্থির থাকতে পারো। 14 সুতরাং সত্যের বেল্ট কোমরে বেঁধে, ধার্মিকতার বুকপাটা পরে নিয়ে এবং 15 শান্তির সুসমাচার প্রচারের তৎপরতায় চটিজুতো পরে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো। 16 এসব ছাড়া তুলে নাও বিশ্বাসের ঢাল; তা দিয়েই সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ তোমরা নির্বাপিত করতে পারবে। 17 আর ধারণ করো পরিত্রাণের শিরস্ত্রাণ ও আত্মার তরোয়াল, অর্থাৎ ঈশ্বরের বাক্য।

    18 সব উপলক্ষে, সব ধরনের মিনতি ও অনুরোধের সঙ্গে আত্মায় প্রার্থনা করো। এসব স্মরণে রেখে সতর্ক থেকো এবং সকল পবিত্রগণের জন্য সবসময়ই প্রার্থনায় রত থেকো। 19 তোমরা আমার জন্য প্রার্থনা কোরো, যেন আমি যখনই মুখ খুলি, সুসমাচারের গুপ্তরহস্য নির্ভীকভাবে প্রচার করতে আমাকে বাক্য দান করা হয়। 20 এরই জন্য কারাগারে বন্দি হয়েও আমি রাজদূতের কাজ করছি। প্রার্থনা কোরো, যেমন করা উচিত তেমনই আমি সাহসের সঙ্গে সেই ঘোষণা করতে পারি।

  42. 1 পরিশেষে আমার ভাইবোনেরা, প্রভুতে আনন্দ করো। তোমাদের কাছে একই বিষয়ে বারবার লিখতে আমি বিরক্তি বোধ করি না এবং তা তোমাদের পক্ষে নিরাপদও বটে।

  43. 15 ভোর হতে না হতেই, দূতেরা লোটকে অনুরোধ জানিয়ে বললেন, “তাড়াতাড়ি করো! যারা এখানে আছে, তোমার সেই স্ত্রী ও দুই মেয়েকে সাথে নাও, তা না হলে এই নগরটিকে যখন দণ্ড দেওয়া হবে, তখন তোমরাও নিশ্চিহ্ন হয়ে যাবে।”

    16 তিনি যখন ইতস্তত বোধ করছিলেন, তখন সেই ব্যক্তিরা তাঁর হাত, তাঁর স্ত্রীর হাত ও তাঁর দুই মেয়ের হাত চেপে ধরে নিরাপদে তাঁদের নগরের বাইরে নিয়ে গেলেন, কারণ সদাপ্রভু তাঁদের প্রতি দয়াবান ছিলেন। 17 তাঁদের বাইরে বের করে আনার পরেই সেই ব্যক্তিদের মধ্যে একজন বললেন, “প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যাও! পিছনে ফিরে তাকিয়ো না, আর সমভূমিতে কোথাও দাঁড়িয়ো না! পাহাড়-পর্বতে পালিয়ে যাও, তা না হলে তোমরা নিশ্চিহ্ন হয়ে যাবে!”

  44. 8 আমাকে তোমার চোখের মণি করে রাখো;

    তোমার ডানার ছায়ায় আমাকে লুকিয়ে রাখো।

    9 দুষ্ট ব্যক্তি যারা আমাকে ধ্বংস করতে চায় ও

    হত্যাকারী শত্রু যারা আমাকে ঘিরে রেখেছে,

    তাদের হাত থেকে আমাকে রক্ষা করো।

    10 তারা তাদের উদাসীন হৃদয় রুদ্ধ করে রেখেছে,

    এবং তাদের মুখ উদ্ধতভাবে কথা বলে।

  45. 4 সদাপ্রভুর কাছে আমার একটিই নিবেদন,

    যা আমি একান্তভাবে চাই,

    সদাপ্রভুর সৌন্দর্য দেখবার জন্য

    তাঁর মন্দিরে তাঁকে অন্বেষণের উদ্দেশে,

    যেন আমি জীবনের সবকটি দিন

    সদাপ্রভুর গৃহে বসবাস করি।

    5 কারণ সংকটের দিনে

    তিনি নিজের আবাসে আমায় সুরক্ষিত রাখবেন;

    তাঁর পবিত্র তাঁবুর আশ্রয়ে আমাকে লুকিয়ে রাখবেন,

    ও উঁচু পাথরের উপরে আমাকে স্থাপন করবেন।

  46. 19 যারা তোমাকে সম্ভ্রম করে

    আর যারা তোমার শরণাগত

    তাদের প্রতি তোমার সঞ্চিত কল্যাণ কত মহৎ,

    যা তুমি সকলের সাক্ষাতে তাদের উপর প্রদান করো।

    20 মানুষের সব চক্রান্ত থেকে

    তুমি তোমার সান্নিধ্যের ছায়ায় তাদের লুকিয়ে রাখো;

    অভিযোগের জিভ থেকে

    তুমি তোমার আবাসে তাদের নিরাপদে রাখো।

    21 সদাপ্রভুর প্রশংসা হোক,

    কারণ যখন আমি অবরুদ্ধ নগরীতে ছিলাম

    তিনি তাঁর প্রেমের আশ্চর্য ক্রিয়াসকল আমাকে দেখিয়েছেন।

  47. 8 কিন্তু হে সার্বভৌম সদাপ্রভু,

    দেখো আমার দৃষ্টি সাহায্যের জন্য তোমার প্রতি স্থির রয়েছে;

    আমি তোমাতে শরণ নিয়েছি, আমাকে মৃত্যুর হাতে তুলে দিয়ো না।

    9 অনিষ্টকারীদের ফাঁদ থেকে আমাকে সুরক্ষিত রাখো,

    তাদের জাল থেকে যা তারা আমার জন্য ছড়িয়ে রেখেছে।

    10 দুষ্টরা নিজেদের জালেই জড়িয়ে পড়ুক,

    কিন্তু আমাকে নিরাপদে পার হতে দাও।

  48. 28 ভালোবাসা ও বিশ্বস্ততা রাজাকে নিরাপদ রাখে;

    ভালোবাসার মাধ্যমেই তাঁর সিংহাসন দৃঢ় হয়।

  49. 18 যার চলন অনিন্দনীয় সে সুরক্ষিত থাকে,

    কিন্তু যার জীবনযাত্রার ধরন উচ্ছৃঙ্খল সে খাদে গিয়ে পড়বে।

  50. 26 যারা নিজেদের উপর নির্ভর করে তারা মূর্খ,

    কিন্তু যারা জ্ঞানের পথে চলে তারা নিরাপদ থাকবে।

  51. 1 সেদিন যিহূদার দেশে এই গীত গাওয়া হবে:

    আমাদের আছে এক দৃঢ় নগর;

    আমরা ঈশ্বরের পরিত্রাণস্বরূপ প্রাচীর ও প্রাকার-বেষ্টিত আছি।

    2 এর তোরণদ্বারগুলি তোমরা খুলে দাও

    যেন সেই ধার্মিক জাতি এর মধ্যে প্রবেশ করতে পারে,

    সেই জাতি, যারা বিশ্বাস রক্ষা করেছে।

    3 তাকে তুমি পূর্ণ শান্তিতেই রাখবে,

    যার মন সুস্থির,

    কারণ সে তোমার উপরে নির্ভর করে।

    4 তোমরা চিরকাল সদাপ্রভুর উপরে নির্ভর করো,

    কারণ সদাপ্রভু, সেই সদাপ্রভুই হলেন শাশ্বত শৈল।

    5 যারা উচ্চ স্থানে বসবাস করে, তিনি তাদের অবনত করেন,

    তিনি উঁচুতে থাকা সেই নগরীকে নামিয়ে আনেন;

    তিনি তাকে ধরাশায়ী করেন,

    এমনকি, তাকে মাটির সঙ্গে মিশিয়ে দেন।

    6 অত্যাচারী ব্যক্তিদের পা,

    দরিদ্রদের পদক্ষেপ

    সেই নগরকে পদদলিত করছে।

  52. 10 তাই ভয় কোরো না, কারণ আমি তোমার সঙ্গে আছি;

    হতাশ হোয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর।

    আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব;

    আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব।

    11 “যারা তোমার বিরুদ্ধে রেগে ওঠে,

    তারা অবশ্যই লজ্জিত ও অপমানিত হবে;

    যারা তোমার বিরোধিতা করে,

    তারা অসার প্রতিপন্ন হয়ে ধ্বংস হবে।

    12 তুমি যদিও তোমার শত্রুদের খুঁজবে,

    তুমি তাদের সন্ধান পাবে না।

    যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে,

    তাদের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না।

  53. 2 তুমি যখন জলরাশির মধ্য দিয়ে অতিক্রম করবে,

    আমি তোমার সঙ্গে থাকব;

    তুমি যখন নদনদীর মধ্য দিয়ে যাবে,

    সেগুলি তোমাকে মগ্ন করতে পারবে না।

    যখন তুমি আগুনের মধ্য দিয়ে যাবে,

    তুমি দগ্ধ হবে না;

    সেই আগুনের শিখা তোমাকে পুড়িয়ে ফেলবে না।

  54. 5 সদাপ্রভু বলেন, “সেদিন আসন্ন,”

    যখন দাউদের বংশ থেকে আমি এক ধার্মিক পল্লবকে তুলে ধরব,

    সেই রাজা জ্ঞানপূর্বক রাজত্ব করবে

    এবং সেদেশে যথার্থ ও ন্যায়সংগত কাজ করবে।

    6 তার সময়ে যিহূদা পরিত্রাণ পাবে

    এবং ইস্রায়েল নিরাপদে বসবাস করবে।

    আর এই নামে সে আখ্যাত হবে,

    সদাপ্রভু আমাদের ধার্মিক ত্রাণকর্তা।

  55. 37 আমার ভয়ংকর ক্রোধে ও প্রচণ্ড রোষে, আমি যে সমস্ত দেশে তাদের নির্বাসিত করেছিলাম, সেই সমস্ত দেশ থেকে তাদের নিশ্চয়ই সংগ্রহ করব; আমি তাদের পুনরায় এই দেশে ফিরিয়ে আনব এবং তারা নিরাপদে এখানে বসবাস করবে। 38 তারা আমার প্রজা হবে ও আমি তাদের ঈশ্বর হব।

  56. 13 তাঁরা চলে যাওয়ার পরে প্রভুর এক দূত স্বপ্নে যোষেফের কাছে আবির্ভূত হয়ে বললেন, “ওঠো, শিশুটি ও তাঁর মাকে নিয়ে মিশরে পালিয়ে যাও। আমি যতক্ষণ না বলি, সেখানেই থেকো, কারণ শিশুটিকে হত্যা করার জন্য হেরোদ তাঁর অনুসন্ধান করবে।”

    14 অতএব, যোষেফ উঠে শিশুটি ও তাঁর মাকে নিয়ে সেই রাত্রিতেই মিশরের উদ্দেশে রওনা হলেন। 15 হেরোদের মৃত্যু পর্যন্ত তিনি সেখানেই থাকলেন। আর এভাবেই, ভাববাদীর মাধ্যমে প্রভু যা ব্যক্ত করেছিলেন, তা পূর্ণ হল: “মিশর থেকে আমি আমার পুত্রকে ডেকে আনলাম।”

  57. 27 নোহ জাহাজে প্রবেশ করা পর্যন্ত লোকেরা খাওয়াদাওয়া করত, বিবাহ করত ও তাদের বিবাহ দেওয়া হত। তারপর মহাপ্লাবন এসে তাদের সবাইকে ধ্বংস করে দিল।

    28 “লোটের সময়েও একই ঘটনা ঘটেছিল। লোকেরা খাওয়াদাওয়া করছিল, কেনাবেচা, কৃষিকাজ ও গৃহ নির্মাণে ব্যস্ত ছিল। 29 কিন্তু লোট যেদিন সদোম ত্যাগ করলেন, সেদিন আকাশ থেকে আগুন ও গন্ধকের বৃষ্টি নেমে তাদের সবাইকে ধ্বংস করে দিল।

    30 “মনুষ্যপুত্র যেদিন প্রকাশিত হবেন, সেদিনও ঠিক এরকমই হবে। 31 সেদিন ছাদের উপরে যে থাকবে, সে যেন ঘরের ভিতরে জিনিসপত্র নেওয়ার জন্য নিচে নেমে না আসে। সেরকমই, মাঠে যে থাকবে, সে যেন কোনোকিছু নেওয়ার জন্য ফিরে না যায়। 32 লোটের স্ত্রীর কথা মনে করো! 33 যে নিজের জীবন রক্ষা করতে চায়, সে তা হারাবে; আবার যে তার জীবন হারায়, সে তা রক্ষা করবে। 34 আমি তোমাদের বলছি, সেই রাত্রে একই বিছানায় দুজন শুয়ে থাকবে; তাদের একজনকে নিয়ে যাওয়া হবে, অন্যজনকে ছেড়ে যাওয়া হবে। 35 দুজন মহিলা একসঙ্গে জাঁতা পেষণ করবে; একজনকে নিয়ে যাওয়া হবে, অন্যজনকে ছেড়ে যাওয়া হবে। 36 দুজন মাঠে থাকবে; একজনকে নিয়ে যাওয়া হবে, অন্যজনকে ছেড়ে যাওয়া হবে।”

    37 তারা জিজ্ঞাসা করল, “কোথায় প্রভু?”

    তিনি বললেন, “যেখানে মৃতদেহ, শকুনের ঝাঁক সেখানেই জড়ো হবে।”

  58. 13 মানুষের কাছে সাধারণভাবে যেমন ঘটে থাকে, তা ছাড়া অন্য কোনো প্রলোভন তোমাদের প্রতি ঘটেনি। আর ঈশ্বর বিশ্বস্ত। তোমরা যা সহ্য করতে পারো, তার অতিরিক্ত কোনো প্রলোভনে তিনি তোমাদের পড়তে দেবেন না। কিন্তু তোমরা যখন প্রলোভিত হও, তিনিই তোমাদের রক্ষা পাওয়ার পথও করে দেবেন, যেন তার মধ্যেও তোমরা দাঁড়িয়ে থাকতে পারো।

  59. 7 অতএব, তোমরা ঈশ্বরের বশ্যতাধীন হও। দিয়াবলের প্রতিরোধ করো, আর সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে।

  60. 11 যার কান আছে, সে শুনুক, যে পবিত্র আত্মা মণ্ডলীদের কী বলছেন। যে বিজয়ী হয়, সে কখনোই দ্বিতীয় মৃত্যুর কোনো আঘাত পাবে না।

  61. 13 সেই দানব যখন দেখল, তাকে পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছে, সে সেই নারীর পিছনে ধাওয়া করল, যে পুত্রসন্তানের জন্ম দিয়েছিল। 14 সেই নারীকে একটি বড়ো ঈগল পাখির মতো দুটি ডানা দেওয়া হয়েছিল, যেন মরুপ্রান্তরে তার জন্য যে স্থান প্রস্তুত করা হয়েছে, সে সেখানে উড়ে যেতে পারে। সে সেই দানবের নাগালের বাইরে, এক বছর, দু-বছর ও ছয় মাস প্রতিপালিত হবে। 15 তারপর সেই দানবটি তার মুখ থেকে নদীর মতো জলস্রোত বের করল, যেন সেই নারীর নাগাল পায় ও তাকে জলের স্রোতে ভাসিয়ে দিতে পারে। 16 কিন্তু পৃথিবী তার মুখ খুলে সেই নারীকে সাহায্য করল এবং সে নাগ-দানবের মুখ থেকে বের হওয়া সেই নদী গিলে ফেলল। 17 তখন সেই নাগ-দানব সেই নারীর প্রতি ভীষণ ক্রুদ্ধ হয়ে তার বংশের সেই অবশিষ্ট লোকদের সঙ্গে—যারা ঈশ্বরের আদেশ পালন ও যীশুর সাক্ষ্য ধারণ করে—তাদের সঙ্গে যুদ্ধ করতে গেল।

  62. 18 তুমি নিশ্চিন্ত হবে, যেহেতু আশা আছে;

    তুমি সুরক্ষিত থাকবে ও নিরাপদে বিশ্রাম ভোগ করবে।

  63. 8 আমি সর্বদা আমার চোখ সদাপ্রভুতে স্থির রাখি।

    তিনি আমার ডানপাশে আছেন, তাই আমি কখনও বিচলিত হব না।

    9 তাই আমার হৃদয় আনন্দিত এবং আমার জিভ উল্লাস করে;

    আমার দেহ নিরাপদে বিশ্রাম নেবে,

  64. 8 আমরা যেমন শুনেছি,

    সর্বশক্তিমান সদাপ্রভুর নগরীতে,

    আমাদের ঈশ্বরের নগরীতে

    তেমন দেখেছি:

    ঈশ্বর চিরকাল তাকে

    সুরক্ষিত রাখেন।

  65. 22 সদাপ্রভুতে নিজের ভার অর্পণ করো

    আর তিনি তোমাকে বাঁচিয়ে রাখবেন;

    তিনি কখনও ধার্মিকদের

    বিচলিত হতে দেবেন না।

  66. 2 সত্যিই তিনি আমার শৈল ও আমার পরিত্রাণ;

    তিনি আমার আশ্রয় দুর্গ, আমি কখনও বিচলিত হব না।

  67. 8 মানুষের উপর আস্থা রাখার চেয়ে

    সদাপ্রভুর কাছে শরণ নেওয়া শ্রেয়।

  68. একটি আরোহণ সংগীত।

    1 যারা সদাপ্রভুর উপর আস্থা রাখে তারা সিয়োন পর্বতের মতো হয়,

    তারা পরাজিত হয় না অথচ চিরস্থায়ী হয়।

    2 পর্বতমালা যেমন জেরুশালেমকে ঘিরে আছে,

    সদাপ্রভু তেমনই তাঁর প্রজাদের চারিদিকে আছেন

    এখন থেকে অনন্তকাল পর্যন্ত।

  69. 26 যারা সদাপ্রভুকে ভয় করে তাদের কাছে এক নিরাপদ দুর্গ আছে,

    ও তাদের সন্তানদের জন্যও তা এক আশ্রয়স্থান হবে।

  70. 10 সমুদ্রযাত্রী ও সমুদ্রের অভ্যন্তরস্থ সবকিছু,

    দ্বীপপুঞ্জ ও সেগুলির মধ্যে বসবাসকারী সকলে,

    তোমরা সদাপ্রভুর উদ্দেশে এক নতুন গীত গাও,

    পৃথিবীর প্রান্তসীমা থেকে তাঁর প্রশংসা ধ্বনিত হোক।

    11 মরুভূমি ও তার নগরগুলি তাদের কণ্ঠস্বর তুলুক,

    কেদরের উপনিবেশগুলিতে বসবাসকারী লোকেরা উল্লসিত হোক।

    সেলা-র লোকেরা আনন্দে গান করুক;

    পর্বতশিখরগুলি থেকে তারা চিৎকার করুক।

    12 তারা সদাপ্রভুকে মহিমা প্রদান করুক,

    দ্বীপগুলিতে তাঁর প্রশংসা ঘোষণা করুক।

    13 পরাক্রান্ত বীরের মতো সদাপ্রভু অভিযান করবেন,

    যোদ্ধার মতোই তাঁর উদ্যম আলোড়িত হবে;

    রণনাদে তিনি মহা চিৎকার করবেন

    এবং তাঁর সব শত্রুর উপরে তিনি বিজয়ী হবেন।

  71. 18 সেদিন আমি তাদের হয়ে মাঠের সমস্ত পশু, আকাশের সমস্ত পাখি

    এবং মাটিতে বিচরণকারী যাবতীয় সরীসৃপের সঙ্গে একটি চুক্তি করব।

    আমি দেশ থেকে লোপ করব

    ধনুক, তরোয়াল ও যুদ্ধ

    যেন সকলে নিরাপদে শয়ন করতে পারে।

  72. 11 তার মধ্যে লোকেরা বসবাস করবে; কখনোই সেটি ধ্বংস হবে না। জেরুশালেম সুরক্ষিত থাকবে।

  73. 16 আর তিনি তাদের এই রূপকটি বললেন: “এক ধনবান ব্যক্তির জমিতে প্রচুর ফসল হয়েছিল। 17 সে চিন্তা করল, ‘আমি কী করব? এত ফসল মজুত করার মতো কোনো জায়গা আমার নেই।’

    18 “তারপর সে বলল, ‘আমি এক কাজ করব, আমার গোলাঘরগুলি ভেঙে আমি বড়ো বড়ো গোলাঘর নির্মাণ করব। সেখানে আমার সমস্ত ফসল আর অন্যান্য দ্রব্যসামগ্রী মজুত করব। 19 তারপর নিজেকে বলব, “তুমি বহু বছরের জন্য অনেক ভালো ভালো জিনিস মজুত করেছ। এবার জীবনকে সহজভাবে নাও; খাওয়াদাওয়া ও আমোদ স্ফূর্তি করো।” ’

    20 “কিন্তু ঈশ্বর তাকে বললেন, ‘মূর্খ! আজ রাতেই তোমার প্রাণ তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। তাহলে, তোমার নিজের জন্য যে আয়োজন করে রেখেছ, তখন কে তা ভোগ করবে?’

    21 “যে নিজের জন্য ধন সঞ্চয় করে, অথচ ঈশ্বরের উদ্দেশে ধনী নয়, তার পরিণতি এরকমই হবে।”

  74. 15 আমি এই নিবেদন করছি না যে তুমি তাদের জগৎ থেকে নিয়ে নাও কিন্তু সেই পাপাত্মা থেকে তাদের রক্ষা করো।