85 Bible Verses About Worship

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Worship
  1. 19 সেই নারী বলল, “মহাশয়, আমি দেখছি, আপনি একজন ভাববাদী। 20 আমাদের পূর্বপুরুষেরা এই পর্বতে উপাসনা করতেন, কিন্তু আপনারা, যাঁরা ইহুদি, দাবি করেন যে, জেরুশালেমেই আমাদের উপাসনা করতে হবে।”

    21 যীশু তাকে বললেন, “নারী, আমার কথায় বিশ্বাস করো, এমন সময় আসছে যখন তোমরা এই পর্বতে অথবা জেরুশালেমে পিতার উপাসনা করবে না। 22 তোমরা শমরীয়েরা জানো না, তোমরা কী উপাসনা করছ; আমরা জানি, আমরা কী উপাসনা করি, কারণ ইহুদিদের মধ্য থেকেই পরিত্রাণ উপলব্ধ হবে। 23 কিন্তু এখন সময় আসছে বরং এসে পড়েছে, যখন প্রকৃত উপাসকেরা আত্মায় ও সত্যে পিতার উপাসনা করবে, কারণ পিতা এরকম উপাসকদেরই খোঁজ করেন। 24 ঈশ্বর আত্মা, তাই যারা তাঁর উপাসনা করে, তাদেরকে আত্মায় ও সত্যে উপাসনা করতে হবে।”

  2. 1 এসো, আমরা সদাপ্রভুর উদ্দেশে আনন্দগান করি;

    আমাদের পরিত্রাণের শৈলের উদ্দেশে উচ্চস্বরে গান গাই।

    2 আমরা ধন্যবাদের সঙ্গে তাঁর সামনে যাই

    সংগীত ও গান দিয়ে তাঁর উচ্চপ্রশংসা করি।

    3 কারণ সদাপ্রভু মহান ঈশ্বর,

    সব দেবতার উপর মহান রাজা।

    4 পৃথিবীর গভীরস্থান তাঁর হস্তগত,

    এবং পর্বতগুলির চূড়া তাঁরই অধীন।

    5 সমুদ্র তাঁরই কেননা তিনি তা তৈরি করেছেন,

    আর তাঁর হাত শুষ্ক জমি নির্মাণ করেছে।

    6 এসো, আরাধনায় আমরা তাঁর সামনে নত হই,

    সদাপ্রভু আমাদের সৃষ্টিকর্তার সামনে আমরা হাঁটু পেতে বসি;

    7 কারণ তিনি আমাদের ঈশ্বর

    আর আমরা তাঁর চারণভূমির প্রজা,

    ও মেষ যাদের তিনি যত্ন করেন।

    আজই, যদি তোমরা তাঁর কণ্ঠস্বর শুনতে পাও,

  3. দাউদের গীত।

    1 হে ঈশ্বরের সন্তানেরা, সদাপ্রভুর কীর্তন করো,

    তাঁর মহিমা ও পরাক্রম কীর্তন করো।

    2 তাঁর নামের মহিমার কীর্তন করো,

    পবিত্র শোভায় সদাপ্রভুর আরাধনা করো।

  4. 8 এবং তিনি সেই পুঁথিটি নেওয়া মাত্র সেই চার জীবন্ত প্রাণী ও চব্বিশজন প্রাচীনবর্গ মেষশাবকের সামনে নত হয়ে প্রণাম করলেন। তাঁদের প্রত্যেকের হাতে ছিল একটি করে বীণা ও তাদের হাতে ছিল সুগন্ধি ধূপে পরিপূর্ণ একটি সোনার পাত্র। এই ধূপ হল পবিত্রগণের প্রার্থনা। 9 আর তাঁরা একটি নতুন গীত গাইলেন:

    “তুমি ওই পুঁথি গ্রহণ করার ও

    তার সিলমোহর খোলার যোগ্য,

    কারণ তোমাকে হত্যা করা হয়েছিল,

    আর তোমার রক্ত দ্বারা তুমি

    ঈশ্বরের জন্য সব গোষ্ঠী ও ভাষাভাষী ও জাতি ও দেশ থেকে মানুষদের কিনে নিয়েছ।

    10 আমাদের ঈশ্বরের সেবা করার জন্য তুমি তাদের রাজ্য ও যাজকসমাজ করেছ,

    আর তারা পৃথিবীতে রাজত্ব করবে।”

    11 তখন আমি দৃষ্টিপাত করলাম এবং হাজার হাজার ও অযুত অযুত স্বর্গদূতের কণ্ঠস্বর শুনতে পেলাম। তাঁরা সেই সিংহাসন ও জীবন্ত প্রাণীদের ও প্রাচীনদের ঘিরে ছিলেন। 12 তাঁরা উচ্চকণ্ঠে গাইতে লাগলেন,

    “মেষশাবক, যিনি হত হয়েছিলেন,

    তিনিই পরাক্রম ও ঐশ্বর্য ও প্রজ্ঞা ও শক্তি ও সম্মান ও মহিমা ও প্রশংসা,

    গ্রহণ করার যোগ্য!”

    13 পরে আমি শুনতে পেলাম স্বর্গ ও পৃথিবী ও পৃথিবীর নিচ ও সমুদ্রের অভ্যন্তরস্থ প্রত্যেক সৃষ্ট প্রাণী এবং এই সবকিছুর মধ্যে যা আছে সে সমস্ত গাইছে:

    “যিনি সিংহাসনে উপবিষ্ট, তাঁর

    ও মেষশাবকের প্রশংসা ও সম্মান,

    মহিমা ও পরাক্রম,

    চিরকাল যুগে যুগে হোক!”

    14 সেই চারজন জীবন্ত প্রাণী বললেন, “আমেন,” আর প্রাচীনেরা ভূমিষ্ঠ হলেন ও উপাসনা করলেন।

  5. 1 অতএব, ভাইবোনেরা, ঈশ্বরের বহুবিধ করুণার পরিপ্রেক্ষিতে, আমি তোমাদের কাছে মিনতি করছি, তোমরা তোমাদের শরীরকে জীবন্ত বলিরূপে, পবিত্র ও ঈশ্বরের গ্রহণযোগ্যরূপে উৎসর্গ করো—তাই হবে তোমাদের যুক্তিসংগত আরাধনা। 2 আর তোমরা এই জগতের রীতি অনুযায়ী জীবনযাপন করো না, কিন্তু তোমাদের মনের নতুনীকরণের দ্বারা রূপান্তরিত হও। তখন তোমরা ঈশ্বরের ইচ্ছাকে যাচাই ও অনুমোদন করতে পারবে, যা উৎকৃষ্ট, প্রীতিজনক ও সিদ্ধ।

  6. 8 এই চার জীবন্ত প্রাণীর প্রত্যেকের ছিল ছয়টি করে ডানা এবং তাদের দেহের সর্বত্র এমনকি ডানাগুলির নিচেও ছিল চোখে পরিপূর্ণ। দিনরাত, অবিরাম তারা একথা বলেন:

    “পবিত্র, পবিত্র, পবিত্র,

    প্রভু ঈশ্বর সর্বশক্তিমান,

    যিনি ছিলেন এবং যিনি আছেন এবং যিনি আসছেন।”

    9 যিনি সিংহাসনে উপবিষ্ট ও যিনি যুগে যুগে চিরকাল জীবন্ত, তাঁকে যখনই সেই জীবন্ত প্রাণীরা গৌরব, সম্মান ও ধন্যবাদ অর্পণ করেন, 10 তখন সিংহাসনে উপবিষ্ট ব্যক্তির সামনে ওই চব্বিশজন প্রাচীন প্রণাম করেন ও যিনি যুগে যুগে চিরকাল জীবন্ত, তাঁর উপাসনা করেন। তাঁরা তাদের মুকুট সিংহাসনের সামনে রেখে দিয়ে বলেন,

    11 “আমাদের প্রভু ও ঈশ্বর,

    তুমি মহিমা, সম্মান ও পরাক্রম গ্রহণের যোগ্য;

    কেননা তুমি সবকিছু সৃষ্টি করেছ,

    এবং তোমার ইচ্ছামতোই সবকিছু সৃষ্ট হয়েছে

    ও তাদের অস্তিত্ব প্রকাশিত হয়েছে।”

  7. 1 শলোমন প্রার্থনা শেষ করার পর স্বর্গ থেকে আগুন নেমে এসে হোমবলি ও নৈবেদ্যগুলি গ্রাস করে ফেলেছিল, এবং সদাপ্রভুর প্রতাপে মন্দির পরিপূর্ণ হয়ে উঠেছিল। 2 যাজকেরা সদাপ্রভুর মন্দিরে প্রবেশ করতে পারেননি, কারণ সদাপ্রভুর প্রতাপে মন্দির পরিপূর্ণ হয়েছিল। 3 ইস্রায়েলীরা সবাই যখন আগুন নেমে আসতে দেখেছিল ও মন্দিরের উপর সদাপ্রভুর প্রতাপও দেখতে পেয়েছিল, তখন তারা মাটিতে উবুড় হয়ে পড়ে শান-বাঁধানো চাতালে নতজানু হল, এবং তারা এই বলে সদাপ্রভুর আরাধনা করল ও তাঁকে ধন্যবাদ জানিয়েছিল,

    “তিনি মঙ্গলময়;

    তাঁর প্রেম অনন্তকালস্থায়ী।”

    4 পরে রাজা ও প্রজারা সবাই সদাপ্রভুর সামনে নৈবেদ্য উৎসর্গ করলেন। 5 রাজা শলোমন বাইশ হাজার গবাদি পশু এবং 1,20,000 মেষ ও ছাগল উৎসর্গ করলেন। এইভাবে রাজা ও প্রজারা সবাই ঈশ্বরের মন্দিরটি উৎসর্গ করলেন। 6 যাজকেরা তাদের স্থানে গিয়ে দাঁড়িয়েছিলেন, এবং লেবীয়েরাও সদাপ্রভুর উদ্দেশ্যে বাজানোর উপযোগী সেই বাজনাগুলি নিয়ে দাঁড়িয়ে গেল, যেগুলি রাজা দাউদ সদাপ্রভুর প্রশংসা করার জন্য তৈরি করিয়েছিলেন এবং সেগুলি তখনই বাজানো হত, যখন এই বলে তিনি ধন্যবাদ জানাতেন, “তাঁর প্রেম চিরস্থায়ী।” লেবীয়দের উল্টোদিকে দাঁড়িয়ে যাজকেরা তাদের শিঙাগুলি বাজিয়েছিলেন, এবং ইস্রায়েলীরা সবাই সেখানে দাঁড়িয়েছিল।

  8. ধন্যবাদের সংগীত।

    1 সমস্ত পৃথিবী! সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো।

    2 মহানন্দে সদাপ্রভুর আরাধনা করো;

    আনন্দগান সহকারে তাঁর সামনে এসো।

    3 তোমরা জানো, সদাপ্রভুই ঈশ্বর।

    তিনিই আমাদের সৃষ্টি করেছেন, আর আমরা তাঁরই;

    আমরা তাঁর প্রজা, তাঁর চারণভূমির মেষ।

    4 ধন্যবাদ সহকারে তাঁর দ্বারে

    এবং প্রশংসা সহকারে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করো;

    তাঁকে ধন্যবাদ জানাও, আর তাঁর নামের প্রশংসা করো।

  9. 52 তাঁরা তখন তাঁকে প্রণাম জানিয়ে মহা আনন্দে জেরুশালেমে ফিরে গেলেন 53 এবং মন্দিরে নিরন্তর ঈশ্বরের বন্দনা করতে থাকলেন।

  10. 9 এরপর আমি তাকিয়ে দেখলাম, আর আমার সামনে প্রত্যেক দেশের, গোষ্ঠীর, জাতির ও ভাষাভাষী লোকের এক বিশাল জনারণ্য দেখতে পেলাম যাদের গণনা করার সামর্থ কারও নেই। তারা সেই সিংহাসন ও মেষশাবকের সামনে দাঁড়িয়েছিল। তারা ছিল সাদা পোশাক পরিহিত ও তাদের হাতে ছিল খেজুর পাতা। 10 তারা উচ্চকণ্ঠে চিৎকার করে বলল,

    “পরিত্রাণ দেওয়ার অধিকার সিংহাসনে উপবিষ্ট

    আমাদের ঈশ্বর ও মেষশাবকের অধিকারভুক্ত।”

    11 সব স্বর্গদূত সেই সিংহাসনের চারদিকে এবং সেই প্রাচীনবর্গের ও চারজন জীবন্ত প্রাণীর চারদিকে দাঁড়িয়েছিলেন। তাঁরা সেই সিংহাসনের সামনে নত হয়ে প্রণাম করলেন ও ঈশ্বরের উপাসনা করলেন, 12 বললেন:

    “আমেন!

    প্রশংসা ও মহিমা,

    প্রজ্ঞা ও ধন্যবাদ ও সম্মান,

    পরাক্রম ও শক্তি

    চিরকাল যুগে যুগে আমাদের ঈশ্বরেরই হোক।

    আমেন!”

  11. 7 এরপর হেরোদ সেই পণ্ডিতদের গোপনে ডেকে, সেই তারাটি সঠিক কখন উদিত হয়েছিল, তা তাঁদের কাছ থেকে জেনে নিলেন। 8 তিনি তাঁদের এই বলে বেথলেহেমে পাঠিয়ে দিলেন, “যাও, গিয়ে সযত্নে শিশুটির অনুসন্ধান করো। তাঁর সন্ধান পাওয়া মাত্র আমাকে সংবাদ দিয়ো, যেন আমিও গিয়ে তাঁকে প্রণাম করতে পারি।”

    9 রাজার এই কথা শুনে তাঁরা তাঁদের পথে চলে গেলেন। আর তাঁরা যে তারাটিকে পূর্বদেশে দেখেছিলেন, সেটি তাঁদের আগে আগে চলতে লাগল এবং শিশুটি যেখানে ছিলেন, সেই স্থানের উপরে স্থির হয়ে রইল। 10 তারাটি দেখতে পেয়ে তাঁরা মহা আনন্দে উল্লসিত হলেন। 11 ঘরের মধ্যে প্রবেশ করে তাঁরা শিশুটিকে তাঁর মা মরিয়মের সঙ্গে দেখতে পেলেন। তাঁরা সকলে ভূমিষ্ঠ হয়ে শিশুটিকে প্রণাম করলেন ও তাঁর উপাসনা করলেন। তারপর তাঁরা তাদের রত্নপেটিকা খুলে তাঁকে সোনা, কুন্দুরু ও গন্ধরস উপহার দিলেন।

  12. 9 সেই কারণে, ঈশ্বর তাঁকে সর্বোচ্চ স্থানে উন্নীত করলেন

    এবং সব নাম থেকে শ্রেষ্ঠ সেই নাম তাঁকে দান করলেন,

    10 যেন যীশুর নামে স্বর্গ-মর্ত্য-পাতালনিবাসী

    সকলে নতজানু হয়

    11 এবং পিতা ঈশ্বরের মহিমার জন্য

    প্রত্যেক জিভ স্বীকার করে যে, যীশু খ্রীষ্টই প্রভু।

  13. 3 তাঁরা ঈশ্বরের দাস মোশির গীত ও মেষশাবকের গীত গাইছেন:

    “প্রভু ঈশ্বর, সর্বশক্তিমান,

    মহৎ ও বিস্ময়কর তোমার কর্মসকল;

    যুগপর্যায়ের রাজা,

    ন্যায়সংগত ও সত্য তোমার যত পথ।

    4 হে প্রভু, কে না তোমাকে ভয় করবে

    ও তোমার নামের মহিমা করবে?

    কারণ কেবলমাত্র তুমিই পবিত্র।

    সর্বজাতি এসে তোমার সামনে উপাসনা করবে,

    কারণ তোমার ধর্মময় ক্রিয়াকলাপ প্রকাশিত হয়েছে।”

  14. 1 হারোণের ছেলে নাদব ও অবীহূ তাদের ধূপাধার নিল, এবং তাতে ধূপ দিয়ে আগুন সংযোগ করল ও সদাপ্রভুর সামনে অসমর্থিত আগুন উৎসর্গ করল, যা তাঁর আজ্ঞার পরিপন্থী। 2 সুতরাং সদাপ্রভুর উপস্থিতি থেকে অগ্নি নির্গত হয়ে তাদের গ্রাস করল ও সদাপ্রভুর সামনে তারা মারা গেল। 3 পরে মোশি হারোণকে বললেন, সদাপ্রভু এমন কথাই বলেছিলেন যখন তিনি আমাকে বলেছিলেন:

    “ ‘যারা আমার নিকটবর্তী হয়,

    তাদের আমি আমার পবিত্রতা দেখাব

    ও সব মানুষের দৃষ্টিতে

    আমি সম্মানিত হব।’ ”

    হারোণ নীরব থাকলেন।

  15. 27 হিষ্কিয় যজ্ঞবেদিতে হোমবলি উৎসর্গ করার আদেশ দিলেন। বলিদান শুরু হওয়ার সাথে সাথে সদাপ্রভুর উদ্দেশে গান গাওয়াও শুরু হল, গানের সাথে শিঙা ও ইস্রায়েলের রাজা দাউদের বাজনাগুলিও বাজানো হল। 28 যখন বাদ্যকরেরা বাজনা বাজাচ্ছিল ও শিঙাগুলিও বাজানো হচ্ছিল, তখন সমগ্র জনসমাজ আরাধনায় নতমস্তক হল। হোমবলি উৎসর্গ করা সমাপ্ত না হওয়া পর্যন্ত এসব চালিয়ে যাওয়া হল।

    29 বলিদানের কাজ সম্পন্ন হওয়ার পর, রাজা ও তাঁর সাথে সেখানে উপস্থিত প্রত্যেকে নতজানু হয়ে আরাধনা করলেন। 30 রাজা হিষ্কিয় ও তাঁর কর্মকর্তারা লেবীয়দের আদেশ দিলেন, তারা যেন দাউদের ও দর্শক আসফের লেখা গান গেয়ে সদাপ্রভুর প্রশংসা করে। অতএব তারা খুশিমনে প্রশংসার গান গেয়েছিল এবং মাটিতে মাথা ঠেকিয়ে আরাধনা করল।

  16. 31 সঙ্গে সঙ্গে যীশু তাঁর হাত বাড়িয়ে তাঁকে ধরে ফেললেন ও বললেন, “অল্পবিশ্বাসী তুমি, কেন তুমি সন্দেহ করলে?”

    32 আর তাঁরা যখন নৌকায় উঠলেন তখন বাতাস থেমে গেল। 33 তখন যাঁরা নৌকায় ছিলেন, তাঁরা তাঁকে প্রণাম করলেন, বললেন, “সত্যি, আপনিই ঈশ্বরের পুত্র।”

  17. 15 অতএব এসো, যীশুর মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে অবিরাম প্রশংসার বলি উৎসর্গ করি—তা হল তাঁর নাম স্বীকার করা আমাদের ঠোঁটের ফল।

  18. 20 পরে নোহ সদাপ্রভুর উদ্দেশে একটি যজ্ঞবেদি তৈরি করলেন এবং, সব শুচিশুদ্ধ পশু ও শুচিশুদ্ধ পাখির মধ্যে থেকে কয়েকটি নিলেন, ও সেই বেদিতে হোমবলি উৎসর্গ করলেন। 21 সদাপ্রভু সেই প্রীতিকর সৌরভের ঘ্রাণ নিয়ে মনে মনে বললেন: “মানুষের জন্য আমি আর কখনোই ভূমিকে অভিশাপ দেব না, যদিও শিশুকাল থেকেই মানুষের অন্তরের সব প্রবণতা মন্দ। যেভাবে আমি সব জীবিত প্রাণীকে ধ্বংস করেছি, আমি আর তা করব না।

  19. 1 আর ঈশ্বর এইসব কথা বললেন:

    2 “আমিই তোমার ঈশ্বর সেই সদাপ্রভু, যিনি তোমাকে মিশর থেকে, ক্রীতদাসত্বের সেই দেশ থেকে বের করে এনেছেন।

    3 “আমার সামনে তুমি অন্য কোনও দেবতা রাখবে না।

    4 নিজের জন্য তুমি ঊর্ধ্বস্থ স্বর্গের বা অধঃস্থ পৃথিবীর বা জলরাশির তলার কোনো কিছুর আকৃতিবিশিষ্ট কোনও প্রতিমা তৈরি করবে না। 5 তুমি তাদের কাছে মাথা নত করবে না বা তাদের আরাধনা করবে না; কারণ আমি, তোমার ঈশ্বর সদাপ্রভু, এক ঈর্ষান্বিত ঈশ্বর, বাবা-মার করা পাপের কারণে সন্তানদের শাস্তি দিই, যারা আমাকে ঘৃণা করে তাদের তৃতীয় ও চতুর্থ প্রজন্ম পর্যন্ত দিই, 6 কিন্তু যারা আমাকে ভালোবাসে ও আমার আজ্ঞাগুলি পালন করে, হাজার প্রজন্ম পর্যন্ত তাদের প্রতি ভালোবাসা দেখাই।

  20. 13 সদাপ্রভু বলেন:

    “এই লোকেরা কেবল মুখেরই কথায় আমার কাছে এগিয়ে আসে,

    তারা কেবলমাত্র ওষ্ঠাধরে আমার সম্মান করে,

    কিন্তু তাদের হৃদয় থাকে আমার থেকে বহুদূরে।

    তারা আমার যে উপাসনা করে,

    তা মানুষের শিখিয়ে দেওয়া কিছু নিয়মবিধি মাত্র।

    14 সেই কারণে, আমি আর একবার

    পরপর আশ্চর্য কর্ম করে এদের চমৎকৃত করব;

    জ্ঞানীদের জ্ঞান বিনষ্ট হবে,

    বুদ্ধিমানদের বুদ্ধি উধাও হবে।”

  21. 24 এই ধরনের আদেশ পেয়ে, সে তাঁদের কারাগারের ভিতরের ঘরে নিয়ে গেল এবং কাঠের বেড়ির মধ্যে তাঁদের পা আটকে দিল।

    25 প্রায় মাঝরাতে পৌল ও সীল প্রার্থনা এবং ঈশ্বরের উদ্দেশে স্তবগান করছিলেন। অন্য কারাবন্দিরা তা শুনছিল। 26 হঠাৎই সেখানে এমন এক ভয়ংকর ভূমিকম্প হল যে, কারাগারের ভিত পর্যন্ত কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে কারাগারের সব দরজা খুলে গেল এবং বন্দিদের শিকল খসে পড়ল।

  22. 14 এসব গুণের ঊর্ধ্বে ভালোবাসাকে পরিধান করো, যা সেইসব গুণকে পূর্ণ ঐক্যের বাঁধনে আবদ্ধ করে।

    15 খ্রীষ্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক, কারণ একই দেহের অঙ্গপ্রত্যঙ্গরূপে তোমরা শান্তির উদ্দেশে আহূত হয়েছ। আর তোমরা কৃতজ্ঞ হও। 16 তোমাদের অন্তরে খ্রীষ্টের বাক্য প্রচুর পরিমাণে অবস্থিতি করুক; তোমরা সমস্ত বিজ্ঞতায় বিভূষিত হয়ে পরস্পরকে শিক্ষাদান ও সচেতন করো এবং গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে মুখর হয়ে ঈশ্বরের প্রতি তোমাদের হৃদয়ের কৃতজ্ঞতায় তা করো। 17 আর কথায় ও কাজে, তোমরা যা কিছুই করো, সবই প্রভু যীশুর নামে করো, তাঁরই মাধ্যমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে তা করো।

  23. 6 আবারও, ঈশ্বর যখন তাঁর প্রথমজাতকে এই পৃথিবীতে নিয়ে আসেন, তিনি বললেন,

    “ঈশ্বরের সব দূত তাঁর উপাসনা করুক।”

  24. 7 তিনি উচ্চকণ্ঠে বললেন, “ঈশ্বরকে ভয় করো ও তাঁকে সম্মান দাও, কারণ তাঁর বিচারের সময় এসে উপস্থিত হয়েছে। যিনি স্বর্গ, পৃথিবী, সমুদ্র ও জলের সব উৎস উৎপন্ন করেছেন, তাঁর উপাসনা করো।”

  25. 13 তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করবে, কেবল তাঁরই সেবা করবে এবং তাঁর নামেই শপথ করবে। 14 অন্য দেবতাদের অনুসরণ করবে না, যারা তোমাদের চারিদিকের জাতিদের দেবতা;

  26. 22 কিন্তু শমূয়েল উত্তর দিলেন:

    “সদাপ্রভুর বাধ্য হলে তিনি যত খুশি হন,

    হোম ও বলি পেয়ে কি তিনি তত খুশি হন?

    বলি দেওয়ার থেকে বাধ্য হওয়া ভালো,

    মদ্দা মেষের চর্বির থেকে কথা শোনা ভালো।

  27. 35 ইস্রায়েলীদের সাথে সদাপ্রভু পবিত্র এক নিয়ম স্থাপন করার সময় তাদের আদেশ দিলেন: “অন্য কোনও দেবতার আরাধনা করবে না অথবা তাদের কাছে মাথা নত করবে না, তাদের সেবা করবে না বা তাদের কাছে বলি উৎসর্গ করবে না। 36 কিন্তু সেই সদাপ্রভুরই আরাধনা তোমাদের করতে হবে, যিনি মহাশক্তি দেখিয়ে ও প্রসারিত হাত বাড়িয়ে দিয়ে তোমাদের মিশর থেকে বের করে এনেছিলেন। তাঁরই কাছে তোমরা মাথা নত করবে ও তাঁরই কাছে বলি উৎসর্গ করবে।

  28. 10 সদাপ্রভুর মন্দির নির্মাণকারীরা যখন ভিত্তি প্রতিষ্ঠা করছিল, তখন যাজকেরা নিজেদের নির্দিষ্ট পোশাক পরিধান করে তূরী সঙ্গে নিয়ে নিজেদের নিরূপিত স্থানে এসে দাঁড়াল। সদাপ্রভুর উদ্দেশে স্তুতিগান করার জন্য ইস্রায়েলের রাজা দাউদের নির্দেশসহ লেবীয়েরাও (আসফের বংশজাত) করতাল নিয়ে তাদের নিরূপিত স্থানে এসে দাঁড়াল। 11 সদাপ্রভুর উদ্দেশে তারা এই ধন্যবাদ ও প্রশংসা সংগীত নিবেদন করল

    “তিনি মঙ্গলময়;

    ইস্রায়েলের প্রতি তাঁর দয়া অনন্তকালস্থায়ী।”

    অন্য সকলে সদাপ্রভুর উদ্দেশে উচ্চরবে জয়ধ্বনি করল, কারণ সদাপ্রভুর মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়েছে।

  29. 5 আর লেবীয়দের মধ্যে যেশূয়, কদ্‌মীয়েল, বানি, হশ্‌বনিয়, শেরেবিয়, হোদিয়, শবনিয় ও পথাহিয় বললেন, “ওঠো, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করো, যিনি অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত আছেন।”

    “তোমার প্রতাপান্বিত নাম ধন্য হোক, আমাদের দেওয়া সমস্ত ধন্যবাদ ও প্রশংসার চেয়েও তুমি মহান হও। 6 কেবল তুমিই সদাপ্রভু। তুমিই আকাশমণ্ডল, সর্বোচ্চ আকাশমণ্ডল, তার সমস্ত তারকারাশি, পৃথিবী ও তার উপরের সবকিছু, সমুদ্র ও তার মধ্যে স্থিত সমস্ত কিছু তৈরি করেছ। তুমিই সকলের প্রাণ দিয়েছ এবং স্বর্গের বাহিনী তোমার উপাসনা করে।

  30. 5 ভোজপর্ব শেষ হয়ে যাওয়ার পর, ইয়োব তাদের শুচিশুদ্ধ করার ব্যবস্থা করতেন। ভোরবেলায় তাদের প্রত্যেকের জন্য তিনি এই ভেবে হোমবলি উৎসর্গ করতেন যে, “হয়তো আমার সন্তানেরা পাপ করেছে ও মনে মনে ঈশ্বরকে অভিশাপ দিয়ে বসেছে।” এই ছিল ইয়োবের বহুদিনের নিয়মিত অভ্যাস।

  31. 20 একথা শুনে, ইয়োব উঠে দাঁড়ালেন এবং তাঁর পোশাক ছিঁড়ে ফেললেন ও তাঁর মাথা কামিয়ে ফেললেন। পরে মাটিতে লুটিয়ে পড়ে তিনি আরাধনা করে 21 বললেন:

    “মায়ের গর্ভ থেকে আমি উলঙ্গ হয়ে এসেছি,

    আর উলঙ্গ অবস্থাতেই আমি চলে যাব।

    সদাপ্রভু দিয়েছেন আর সদাপ্রভুই ফিরিয়ে নিয়েছেন;

    সদাপ্রভুর নাম প্রশংসিত হোক।”

  32. সংগীত পরিচালকের জন্য। একটি সংগীত। একটি গীত।

    1 সমস্ত পৃথিবী, ঈশ্বরের উদ্দেশে আনন্দধ্বনি করো!

    2 তাঁর নামের গৌরব কীর্তন করো;

    তাঁর প্রশংসা গৌরবান্বিত করো।

    3 ঈশ্বরকে বলো, “কী অসাধারণ তোমার কার্যসকল!

    এমন তোমার পরাক্রম

    যে তোমার শত্রুরা তোমার সামনে কুঁকড়ে যায়।

    4 সমস্ত পৃথিবী তোমার সামনে অবনত হয়;

    তারা তোমার প্রশংসাগান গায়,

    তারা তোমার নামের প্রশংসাগান গায়।”

  33. 1 যে বছরে রাজা উষিয় মারা যান, আমি প্রভুকে এক উচ্চ ও উন্নত সিংহাসনে বসে থাকতে দেখলাম। তাঁর রাজপোশাকের প্রান্তভাগে মন্দির পরিপূর্ণ ছিল। 2 তাঁর নিকটে উপস্থিত ছিলেন ছয় ডানাবিশিষ্ট সরাফেরা। দুটি ডানা দিয়ে তারা মুখ ঢেকেছিলেন, দুটি ডানা দিয়ে তারা তাদের পা ঢেকেছিলেন এবং দুটি ডানা দিয়ে তারা উড়ছিলেন। 3 আর তারা পরস্পরকে ডেকে বলছিলেন,

    “পবিত্র, পবিত্র, পবিত্র, সর্বশক্তিমান সদাপ্রভু,

    সমস্ত পৃথিবী তাঁর মহিমায় পরিপূর্ণ।”

    4 তাদের কণ্ঠস্বরের শব্দে দরজার চৌকাঠগুলি কেঁপে উঠল এবং মন্দির ধোঁয়ায় পূর্ণ হল।

    5 আমি চিৎকার করে উঠলাম, “ধিক্ আমাকে! আমি শেষ হয়ে গেলাম! আমি অশুচি ওষ্ঠাধরবিশিষ্ট মানুষ। আর আমার দুই চোখ মহারাজকে, সর্বশক্তিমান সদাপ্রভুকে দেখেছে।”

    6 তখন সরাফদের মধ্যে একজন, তাঁর হাতে জ্বলন্ত অঙ্গার নিয়ে আমার কাছে উড়ে এলেন। সেই অঙ্গার তিনি বেদির মধ্য থেকে চিমটা দিয়ে নিয়েছিলেন। 7 তা দিয়ে তিনি আমার মুখ স্পর্শ করলেন এবং বললেন, “দেখো, এটি তোমার ওষ্ঠাধর স্পর্শ করেছে; তোমার অপরাধ অপসারিত এবং তোমার পাপের প্রায়শ্চিত্ত করা হয়েছে।”

    8 তখন আমি প্রভুর কণ্ঠস্বর শুনতে পেলাম। তিনি বলছিলেন, “আমি কাকে পাঠাব? কে আমাদের জন্য যাবে?”

    আমি বললাম, “এই যে আমি। আমাকে পাঠান!”

  34. 10 দানিয়েল যখন শুনলেন যে আদেশনামা জারি হয়েছে, তিনি তার বাড়ির উপরের ঘরে ফিরে গেলেন, যে ঘরের জানালা জেরুশালেমের দিকে খুলত। দিনে তিনবার অভ্যাসমতো নতজানু হলেন ও প্রার্থনা করলেন এবং ঈশ্বরের প্রশংসা করলেন।

  35. 10 যীশু তাকে বললেন, “আমার কাছ থেকে দূর হও শয়তান! কারণ এরকম লেখা আছে, ‘তুমি তোমার ঈশ্বর প্রভুরই আরাধনা করবে, কেবলমাত্র তাঁরই সেবা করবে।’”

  36. 5 তখন দিয়াবল তাঁকে নিয়ে গেল এক উচ্চ স্থানে; এক লহমায় সে তাঁকে বিশ্বের সমস্ত রাজ্য দর্শন করাল। 6 আর সে তাঁকে বলল, “এসবই আমাকে দেওয়া হয়েছে; আমি যাকে চাই, তাকে এগুলি দিতে পারি। এসব অধিকার ও সমারোহ, আমি তোমাকে দিতে চাই। 7 তাই, যদি তুমি আমার উপাসনা করো, তাহলে তুমিই এ সবকিছুর অধিকারী হবে।”

    8 যীশু উত্তর দিলেন, “এরকম লেখা আছে, ‘তুমি তোমার ঈশ্বর প্রভুরই আরাধনা করবে, কেবলমাত্র তাঁরই সেবা করবে।’ ”

  37. 22 তাই এসো রক্ত সিঞ্চনের দ্বারা অপরাধী বিবেক থেকে আমাদের হৃদয়কে শুচিশুদ্ধ করে এবং নির্মল জলে আমাদের দেহ ধুয়ে বিশ্বাসের পূর্ণ নিশ্চয়তায় সরল হৃদয়ে ঈশ্বরের কাছে উপস্থিত হই। 23 এসো, আমরা অবিচলভাবে আমাদের প্রত্যাশার স্বীকারোক্তি আঁকড়ে ধরে থাকি, কারণ যিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি বিশ্বস্ত। 24 আবার এসো, আমরা এও বিবেচনা করে দেখি, কীভাবে আমরা পরস্পরকে প্রেমে ও সৎকর্মে উদ্বুদ্ধ করতে পারি। 25 এসো, আমরা সভায় একত্রিত হওয়ার অভ্যাস পরিত্যাগ না করি, কেউ কেউ যেমন এতে অভ্যস্ত হয়ে উঠেছে। বরং এসো পরস্পরকে উৎসাহিত করি, বিশেষত আরও বেশি তৎপর হয়ে করি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ প্রভুর আগমনের সেইদিন ক্রমশ এগিয়ে আসছে।

  38. 4 সেই চব্বিশজন প্রাচীন ও চারজন জীবন্ত প্রাণী নত হয়ে প্রণাম করে সিংহাসনে উপবিষ্ট ঈশ্বরের উপাসনা করলেন। তাঁরা উচ্চকণ্ঠে বললেন,

    “আমেন, হাল্লেলুইয়া!”

    5 তখন সিংহাসন থেকে এক কণ্ঠস্বর শোনা গেল,

    “ঈশ্বরের দাসেরা,

    তোমরা যারা ঈশ্বরকে ভয় করো,

    সামান্য কি মহান তোমরা সকলে

    আমাদের ঈশ্বরের স্তবগান করো।”

    6 তারপর আমি এক বিপুল জনসমষ্টির রব, প্রবহমান মহা জলস্রোত ও প্রবল বজ্রপাতের মতো ধ্বনি শুনতে পেলাম। সেই ধ্বনিতে ঘোষণা করা হচ্ছিল:

    “হাল্লেলুইয়া!

    কারণ আমাদের সর্বশক্তিমান, প্রভু ঈশ্বর, রাজত্ব করছেন।

    7 এসো আমরা উল্লসিত হই, আনন্দ করি

    এবং তাঁকে মহিমা প্রদান করি!

    কারণ মেষশাবকের বিবাহ-লগ্ন উপস্থিত

    এবং তাঁর কনে নিজেকে প্রস্তুত করেছে।

  39. 14 অন্য আর কোনও দেবতার আরাধনা কোরো না, কারণ যাঁর নাম ঈর্ষাপরায়ণ, সেই সদাপ্রভু ঈর্ষান্বিত ঈশ্বর।

  40. 4 হে ইস্রায়েল, শোনো: আমাদের ঈশ্বর সদাপ্রভু, একই প্রভু। 5 তুমি তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে। 6 এসব আদেশ যা আজ আমি তোমাদের দিচ্ছি তা যেন তোমাদের অন্তরে থাকে। 7 তোমাদের সন্তানদের তোমরা সেগুলি বারবার শেখাবে। ঘরে বসে থাকার সময় ও যখন তোমরা পথে চলবে, শোবার সময় ও যখন ঘুম থেকে উঠবে তাদের সেই সময় বলবে। 8 তোমরা তা মনে রাখবার চিহ্ন হিসেবে হাতে বেঁধে রাখবে এবং তোমাদের কপালে বেঁধে রাখবে। 9 সেগুলি তোমাদের বাড়ির দরজার চৌকাঠে ও তোমাদের দ্বারে লিখে রাখবে।

  41. 6 ইষ্রা মহান ঈশ্বর সদাপ্রভুর গৌরব করলেন, আর সমস্ত লোক হাত তুলে উত্তর দিল, “আমেন! আমেন!” তারপর তারা মাটিতে মাথা ঠেকিয়ে সদাপ্রভুর আরাধনা করল।

  42. 1 সেই একই মাসের চব্বিশ দিনের দিন ইস্রায়েলীরা একত্র হয়ে উপবাস করল, চট পরল এবং মাথায় ধুলো দিল। 2 ইস্রায়েলী সন্তানেরা অন্যান্য জাতির সমস্ত লোকদের কাছ থেকে নিজেদের আলাদা করল। তারা দাঁড়িয়ে নিজেদের পাপ ও তাদের পূর্বপুরুষদের অন্যায় স্বীকার করল। 3 তারা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে তিন ঘণ্টা তাদের ঈশ্বর সদাপ্রভুর বিধানপুস্তক পড়ল, এবং আরও তিন ঘণ্টা নিজেদের পাপস্বীকার ও ঈশ্বর সদাপ্রভুর উপাসনা করল।

  43. 7 কিন্তু আমি, তোমার মহান প্রেমের গুণে,

    তোমার ভবনে প্রবেশ করতে পারি;

    তোমার পবিত্র মন্দিরের সামনে

    শ্রদ্ধায় আমি নত হই।

  44. 4 সদাপ্রভুর কাছে আমার একটিই নিবেদন,

    যা আমি একান্তভাবে চাই,

    সদাপ্রভুর সৌন্দর্য দেখবার জন্য

    তাঁর মন্দিরে তাঁকে অন্বেষণের উদ্দেশে,

    যেন আমি জীবনের সবকটি দিন

    সদাপ্রভুর গৃহে বসবাস করি।

  45. 8 হে প্রভু, দেবতাদের মধ্যে তোমার মতো আর কেউ নেই;

    তোমার কর্মসকলের সঙ্গে কারও তুলনা হয় না।

    9 সমস্ত জাতি যাদের তুমি তৈরি করেছ,

    হে প্রভু, তারা আসবে আর তোমার সামনে আরাধনা করবে,

    তারা তোমার নামের মহিমা করবে।

    10 কেননা তুমি মহান আর তুমি আশ্চর্য কাজ করে থাকো,

    একমাত্র তুমিই ঈশ্বর।

  46. 1 তোমরা সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও;

    সমস্ত পৃথিবী, সদাপ্রভুর উদ্দেশে গীত গাও।

    2 সদাপ্রভুর উদ্দেশে গীত গাও; তাঁর নামের প্রশংসা করো;

    দিনের পর দিন তাঁর পরিত্রাণ ঘোষণা করো।

    3 সমস্ত জাতির মধ্যে তাঁর মহিমা আর সব লোকের মাঝে

    তাঁর বিস্ময়কর কাজের কথা প্রচার করো।

    4 সদাপ্রভু মহান এবং সর্বোচ্চ প্রশংসার যোগ্য;

    সব দেবতার উপরে তিনি সম্ভ্রমের যোগ্য।

    5 কারণ, জাতিগণের সমস্ত দেবতা কেবল প্রতিমা মাত্র,

    কিন্তু সদাপ্রভু আকাশমণ্ডল সৃষ্টি করেছেন।

    6 দীপ্তি ও প্রতাপ তাঁকে ঘিরে রেখেছে;

    পরাক্রম ও মহিমা তাঁর পবিত্রস্থান পূর্ণ করে।

  47. 5 সদাপ্রভু আমাদের ঈশ্বরের গৌরব করো,

    তাঁর পাদপীঠে আরাধনা করো;

    তিনি পবিত্র।

  48. 3 তারা নৃত্যসহকারে তাঁর নামের প্রশংসা করুক

    আর খঞ্জনি ও বীণা দিয়ে তাঁর উদ্দেশে সংগীত করুক।

  49. 6 শ্বাসবিশিষ্ট সবকিছু সদাপ্রভুর প্রশংসা করুক।

    সদাপ্রভুর প্রশংসা করো।

  50. 1 হে সদাপ্রভু, তুমিই আমার ঈশ্বর;

    আমি তোমার নাম উঁচুতে তুলে ধরব ও তোমার নামের প্রশংসা করব,

    কারণ নিখুঁত বিশ্বস্ততায়,

    তুমি বিস্ময়কর সব কাজ করেছ,

    যেগুলির পরিকল্পনা তুমি বহুপূর্বেই করেছিলে।

  51. 13 হঠাৎই বিশাল এক স্বর্গীয় দূতবাহিনী ওই দূতের সঙ্গে সম্মিলিত হয়ে ঈশ্বরের বন্দনা করে বলতে লাগলেন,

    14 “ঊর্ধ্বতমলোকে ঈশ্বরের মহিমা,

    আর পৃথিবীতে তাঁর প্রীতির পাত্র সব মানুষের মাঝে শান্তি।”

  52. 15 তাই, কীভাবে জীবনযাপন করবে সে সম্বন্ধে অত্যন্ত সতর্ক থেকো। জ্ঞানবানের মতো চলো, মূর্খের মতো নয়। 16 সব সুযোগের সর্বাধিক সদব্যবহার করো, কারণ এই যুগ মন্দ। 17 এই জন্য নির্বোধ হোয়ো না, প্রভুর ইচ্ছা কী, তা উপলব্ধি করো। 18 সুরা পান করে মত্ত হোয়ো না, তা ভ্রষ্টাচারের পথে নিয়ে যায়; তার পরিবর্তে আত্মায় পরিপূর্ণ হও। 19 গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে পরস্পর ভাব বিনিময় করো। প্রভুর উদ্দেশে গীত গাও, হৃদয়ে সুরের ঝংকার তোলো। 20 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে সব বিষয়ের জন্য সবসময় পিতা ঈশ্বরকে ধন্যবাদ দাও।

    21 খ্রীষ্টের জন্য সম্ভ্রমবশত একে অপরের বশীভূত হও।

  53. 9 কিন্তু তোমরা এক মনোনীত বংশ, এক রাজকীয় যাজক-সম্প্রদায়, এক পবিত্র জাতি, ঈশ্বরের অধিকারস্বরূপ নিজস্ব এক প্রজা, যেন তোমরা তাঁরই গুণকীর্তন করতে পারো, যিনি তোমাদের অন্ধকার থেকে আহ্বান করে তাঁর আশ্চর্য জ্যোতির মধ্যে নিয়ে এসেছেন।

  54. 8 আমি যোহন, এসব বিষয় শুনলাম ও দেখলাম। আর যখন আমি সেগুলি শুনলাম ও দেখলাম, তখন যে স্বর্গদূত সেসব আমাকে দেখাচ্ছিলেন, আমি তাঁর উপাসনা করার জন্য তাঁর পায়ে পড়ে তাঁকে উপাসনা করলাম। 9 কিন্তু তিনি আমাকে বললেন, “তুমি এরকম কোরো না। আমি তোমার ভাববাদী ভাইদের ও যারা এই পুঁথিতে লিখিত সব বাক্য পালন করে, তাদের সহদাস। কেবলমাত্র ঈশ্বরের উপাসনা করো!”

  55. 2 তখন ঈশ্বর বললেন, “তোমার ছেলেকে, তোমার একমাত্র ছেলেকে, যাকে তুমি ভালোবাসো তাকে—সেই ইস্‌হাককে—নাও ও মোরিয়া প্রদেশে যাও। সেখানে এমন একটি পর্বতের উপর তাকে হোমবলিরূপে উৎসর্গ করো, যেটি আমি তোমাকে দেখিয়ে দেব।”

  56. 8 “পরে আমার জন্য এক পবিত্রস্থান তৈরি করতে তাদের দিয়ো, এবং আমি তাদের মধ্যে বসবাস করব। 9 আমি তোমাদের যে নমুনাটি দেখিয়ে দেব ঠিক সেই অনুসারেই এই সমাগম তাঁবু ও সেটির সব আসবাবপত্র তৈরি কোরো।

  57. 10 যখনই লোকেরা সেই মেঘস্তম্ভটিকে তাঁবুর প্রবেশদ্বারে অবস্থান করতে দেখত, তখনই তারা প্রত্যেকে নিজেদের তাঁবুর প্রবেশদ্বারে দাঁড়িয়ে আরাধনা করত।

  58. 12 এখন হে ইস্রায়েল, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের কাছে কী চান? তিনি কেবল চান যেন তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো, সব ব্যাপারে তাঁর পথে চলো, তাঁকে ভালোবাসো, তোমাদের সমস্ত হৃদয় ও প্রাণ দিয়ে তাঁর সেবা করো, 13 আর তোমাদের মঙ্গলের জন্য আজ আমি তোমাদের কাছে সদাপ্রভুর যেসব আদেশ ও অনুশাসন দিচ্ছি তা পালন করো।

  59. 10 সেইজন্য হে সদাপ্রভু, তোমার দেওয়া জমির প্রথমে তোলা ফসল আমি তোমার কাছেই এনেছি।” তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে টুকরি রাখবে এবং মাথা নত করবে। 11 তোমাদের এবং তোমাদের পরিবারকে তোমাদের ঈশ্বর সদাপ্রভু যেসব ভালো জিনিসপত্র দিয়েছেন তা নিয়ে তোমরা, লেবীয়েরা এবং তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশিরা আনন্দ করবে।

  60. 5 দাউদ ও সমস্ত ইস্রায়েল সদাপ্রভুর সামনে গান গেয়ে ও বীণা, খঞ্জনি, তবলা, সুরবাহার ও করতাল বাজিয়ে আনন্দ প্রকাশ করছিলেন।

  61. 11 যাজকেরা পরে পবিত্রস্থান ছেড়ে চলে গেলেন। সেখানে উপস্থিত যাজকেরা সবাই তাদের বিভাগের কথা না ভেবেই নিজেদের উৎসর্গ করে দিলেন। 12 যেসব লেবীয় গানবাজনা করতেন—আসফ, হেমন, যিদূথূন ও তাদের ছেলেরা ও আত্মীয়স্বজন—তারা সবাই মিহি মসিনার কাপড় গায়ে দিয়ে ও সুরবাহার, বীণা ও খঞ্জনি বাজাতে বাজাতে যজ্ঞবেদির পূর্বদিকে গিয়ে দাঁড়িয়েছিলেন। তাদের সাথে ছিলেন আরও 120 জন যাজক, যারা শিঙা বাজাচ্ছিলেন। 13 শিঙাবাদকেরা ও বাদ্যকররা সদাপ্রভুর উদ্দেশে প্রশংসা ও ধন্যবাদ জানানোর জন্য যুগপৎ বিভিন্ন স্কেলে একই স্বর বাজিয়ে যাচ্ছিলেন। শিঙা, সুরবাহার ও অন্যান্য বাদ্যযন্ত্রের সংগত পেয়ে গায়করাও সদাপ্রভুর উদ্দেশে প্রশংসা করতে গিয়ে গলার স্বর উচ্চগ্রামে তুলেছিল এবং তারা গেয়েছিল:

    “তিনি মঙ্গলময়;

    তাঁর প্রেম চিরস্থায়ী।”

    তখন সদাপ্রভুর মন্দির মেঘে পরিপূর্ণ হয়ে উঠেছিল, 14 এবং সেই মেঘের কারণে যাজকেরা তাদের পরিচর্যা করে উঠতে পারেননি, যেহেতু সদাপ্রভুর প্রতাপে ঈশ্বরের মন্দিরটি পরিপূর্ণ হয়ে উঠেছিল।

  62. 27 পৃথিবীর সব প্রান্তের মানুষ

    সদাপ্রভুকে স্মরণ করবে ও তাঁর দিকে ফিরবে,

    এবং জাতিদের সব পরিবার

    তাঁর সামনে নতজানু হবে,

    28 কারণ আধিপত্য সদাপ্রভুরই

    আর তিনি জাতিদের উপর শাসন করেন।

  63. 4 তখন আমি ঈশ্বরের বেদির কাছে যাব,

    ঈশ্বরের সান্নিধ্যে—যিনি আমার সব আনন্দের উৎস।

    হে ঈশ্বর, আমার ঈশ্বর

    সুরবাহারের ঝংকারে আমি তোমার স্তুতি করব।

  64. 14 “ঈশ্বরের উদ্দেশে ধন্যবাদের নৈবেদ্য উৎসর্গ করো,

    পরাৎপরের কাছে তোমার শপথ পূর্ণ করো,

    15 এবং সংকটের দিনে আমাকে ডেকো;

    আমি তোমাকে উদ্ধার করব, আর তুমি আমার গৌরব করবে।”

  65. 3 আমার মুখ তোমার মহিমা করবে,

    কারণ তোমার প্রেম জীবনের থেকে উত্তম।

    4 যতদিন বাঁচব ততদিন আমি তোমার নামের প্রশংসা করব,

    এবং তোমার প্রতি প্রার্থনায় আমি দু-হাত তুলব।

  66. 1 সদাপ্রভুর প্রশংসা করো, তাঁর নাম ঘোষণা করো;

    জাতিদের জানাও তিনি কী করেছেন।

    2 তাঁর উদ্দেশে গান গাও, তাঁর উদ্দেশে প্রশংসাগীত গাও;

    তাঁর সুন্দর সুন্দর সব কাজের কথা বলো।

    3 তাঁর পবিত্র নামের মহিমা করো;

    যারা সদাপ্রভুর খোঁজ করে তাদের অন্তর উল্লসিত হোক।

    4 সদাপ্রভুর ও তাঁর শক্তির দিকে চেয়ে দেখো;

    সর্বদা তাঁর শ্রীমুখের খোঁজ করো।

    5 মনে রেখো তাঁর করা আশ্চর্য কাজগুলি,

    তাঁর অলৌকিক কার্যাবলি ও তাঁর ঘোষণা করা শাস্তি,

    6 তোমরা তাঁর দাস, হে অব্রাহামের বংশধরেরা,

    তাঁর মনোনীত লোকেরা, হে যাকোবের সন্তানেরা।

  67. 1 সদাপ্রভুর প্রশংসা করো।

    আকাশমণ্ডল থেকে সদাপ্রভুর প্রশংসা করো;

    ঊর্ধ্বলোকে তাঁর প্রশংসা করো।

    2 হে তাঁর সমস্ত স্বর্গদূত, তাঁর প্রশংসা করো;

    হে তাঁর সমস্ত স্বর্গীয় বাহিনী, তাঁর প্রশংসা করো।

  68. 11 “কী তোমাদের ভাবিয়েছে যে,

    তোমাদের অগণ্য সব বলি উৎসর্গ আমার প্রয়োজন?” সদাপ্রভু একথা বলেন।

    “আমার কাছে প্রয়োজনেরও বেশি হোমের পশু আছে,

    সব মেষ ও নধর পশুদের চর্বি আছে;

    ষাঁড়, মেষশাবক ও ছাগলের রক্তে

    আমার কোনও আনন্দ নেই।

    12 তোমরা যখন আমার সামনে উপস্থিত হও,

    কে তোমাদের কাছে এরকম চেয়েছে যে,

    তোমরা আমার প্রাঙ্গণ পা দিয়ে মাড়াও?

    13 অর্থহীন সব বলিদান আমার কাছে আর এনো না!

    তোমাদের ধূপদাহ আমার কাছে ঘৃণ্য মনে হয়।

    অমাবস্যা, সাব্বাথের দিন ও ধর্মীয় সভাগুলি—

    আমি তোমাদের এসব মন্দ জমায়েত সহ্য করতে পারি না।

    14 তোমাদের অমাবস্যার উৎসবগুলি ও নির্ধারিত সব পর্ব,

    আমার প্রাণ ঘৃণা করে।

    সেগুলি আমার পক্ষে এক বোঝাস্বরূপ,

    যেগুলির ভার বয়ে বয়ে আমি ক্লান্ত হয়েছি।

    15 তোমরা প্রার্থনার উদ্দেশে যখন হাত প্রসারিত করো,

    তোমাদের কাছ থেকে আমি আমার দৃষ্টি লুকাব;

    তোমরা যদিও বহু প্রার্থনা উৎসর্গ করো,

    আমি তা শুনব না।

    কারণ তোমাদের হাত রক্তে পূর্ণ!

    16 তোমরা সেইসব ধুয়ে ফেলো ও নিজেদের শুচিশুদ্ধ করো।

    তোমাদের সব মন্দ কর্ম আমার দৃষ্টিপথ থেকে দূর করো!

    অন্যায় সব কর্ম করা থেকে নিবৃত্ত হও।

    17 যা ন্যায়সংগত, তাই করতে শেখো; ন্যায়বিচার অনুধাবন করো।

    অত্যাচারিত লোকেদের পাশে দাঁড়াও।

    পিতৃহীনদের পক্ষসমর্থন করো,

    বিধবাদের সপক্ষে ওকালতি করো।

  69. 13 সেদিন একটি বৃহৎ তূরী বাজানো হবে। যারা আসিরিয়ায় বিনষ্ট হচ্ছিল ও যারা মিশরে নির্বাসিত হয়েছিল, তারা জেরুশালেমের পবিত্র পর্বতে এসে সদাপ্রভুর উপাসনা করবে।

  70. 7 ভণ্ডের দল! যিশাইয় তোমাদের সম্পর্কে সঠিক ভবিষ্যদ্‌বাণী করেছেন:

    8 “ ‘এই লোকেরা তাদের ওষ্ঠাধরে আমাকে সম্মান করে,

    কিন্তু তাদের হৃদয় থাকে আমার থেকে বহুদূরে।

    9 বৃথাই তারা আমার উপাসনা করে;

    তাদের শিক্ষামালা বিভিন্ন মানুষের শেখানো নিয়মবিধি মাত্র।’ ”

  71. 6 তিনি উত্তর দিলেন, “ভণ্ডের দল! যিশাইয় তোমাদের সম্পর্কে সঠিক ভবিষ্যদ্‌বাণী করেছেন: যেমন লেখা আছে:

    “ ‘এই লোকেরা তাদের ওষ্ঠাধরে আমাকে সম্মান করে,

    কিন্তু তাদের হৃদয় থাকে আমার থেকে বহুদূরে।

    7 বৃথাই তারা আমার উপাসনা করে,

    তাদের শিক্ষামালা বিভিন্ন মানুষের শেখানো নিয়মবিধি মাত্র।’

  72. 1 একদিন প্রার্থনার নির্দিষ্ট সময়ে, বেলা তিনটের সময়, পিতর ও যোহন একসঙ্গে মন্দিরের দিকে যাচ্ছিলেন।

  73. 2 তাঁরা যখন প্রভুর উপাসনা ও উপোস করছিলেন, পবিত্র আত্মা বললেন, “বার্ণবা ও শৌলকে আমি যে কাজের জন্য আহ্বান করেছি, সেই কাজের জন্য আমার উদ্দেশ্যে তাদের পৃথক করে দাও।” 3 এভাবে তাঁরা উপোস ও প্রার্থনা শেষ করার পর, তাঁরা তাঁদের উপরে হাত রাখলেন ও তাঁদের বিদায় দিলেন।

  74. 16 আর যে চব্বিশজন প্রাচীন ঈশ্বরের সামনে নিজেদের সিংহাসনে উপবিষ্ট ছিলেন, তাঁরা অধোমুখে প্রণাম করে ঈশ্বরের উপাসনা করলেন:

    17 তাঁরা বললেন,

    “হে সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, যিনি আছেন ও ছিলেন,

    আমরা তোমাকে ধন্যবাদ দিই,

    কারণ তুমি তোমার মহাপরাক্রম গ্রহণ করেছ

    ও রাজত্ব শুরু করেছ।

  75. 16 তারা তাদের ঈশ্বর সদাপ্রভুর সব আদেশ ত্যাগ করল এবং নিজেদের জন্য বাছুরের আকৃতিবিশিষ্ট দুটি প্রতিমার মূর্তি ও আশেরার একটি খুঁটি তৈরি করে নিয়েছিল। তারা আকাশের সব তারকাদলের কাছে মাথা নত করত, ও বায়ালদেবেরও পুজো করত। 17 তারা তাদের ছেলেমেয়েদের আগুনে উৎসর্গ করত। তারা দৈববিচার প্রয়োগ করত এবং মঙ্গল বা অমঙ্গলসূচক লক্ষণ খুঁজে বেড়াত ও সদাপ্রভুর ক্রোধ জাগিয়ে তুলে তাঁর দৃষ্টিতে কুকাজ করার জন্য নিজেদের বিকিয়ে দিয়েছিল।

    18 তাই সদাপ্রভু ইস্রায়েলের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তাঁর উপস্থিতি থেকে তাদের দূর করে দিলেন। একমাত্র যিহূদা বংশ অবশিষ্ট ছিল, 19 এবং এমনকি যিহূদাও তাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশ পালন করেননি। ইস্রায়েলের শুরু করা প্রথা তারাও অনুসরণ করল। 20 তাই সদাপ্রভু ইস্রায়েলের সব লোকজনকে প্রত্যাখ্যান করলেন; তিনি তাদের কষ্ট দিলেন এবং তাঁর উপস্থিতি থেকে তাদের ধাক্কা মেরে দূর করে না দেওয়া পর্যন্ত তিনি তাদের লুঠেরাদের হাতে সঁপে দিলেন।

  76. 31 আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লসিত হোক;

    জাতিদের মধ্যে তারা বলুক, “সদাপ্রভু রাজত্ব করেন!”

    32 সমুদ্র ও সেখানকার সবকিছু গর্জন করুক;

    ক্ষেতখামার ও সেখানকার সবকিছু আনন্দ করুক!

    33 জঙ্গলের সকল গাছ আনন্দ সংগীত করুক,

    সদাপ্রভুর সামনে তারা আনন্দে গান করুক,

    কারণ তিনি পৃথিবীর বিচার করতে আসছেন।

    34 সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়;

    তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

  77. 9 হে সদাপ্রভু, জাতিদের মাঝে আমি তোমার প্রশংসা করব;

    লোকেদের মাঝে আমি তোমার স্তব করব।

  78. দাউদের গীত। যখন তিনি যিহূদার মরুভূমিতে ছিলেন।

    1 হে ঈশ্বর, তুমিই আমার ঈশ্বর,

    আমি সম্পূর্ণ অন্তর দিয়ে তোমার অন্বেষণ করি,

    কেউ যেমন শুষ্ক ও দগ্ধ ভূমিতে

    জলের জন্য ব্যাকুল হয়,

    সেইরকম আমার প্রাণ তোমার জন্য তৃষ্ণার্ত,

    আমার সম্পূর্ণ সত্তা তোমার জন্য ব্যাকুল।

  79. 8 আমার মুখ তোমার প্রশংসায় পূর্ণ,

    আর সারাদিন তোমার মহিমা প্রচার করে।

  80. সংগীত পরিচালকের জন্য। স্বর, গিত্তীৎ। কোরহ বংশের সন্তানদের একটি গীত।

    1 হে সর্বশক্তিমান সদাপ্রভু,

    তোমার আবাস কত মনোরম!

    2 আমার প্রাণ সদাপ্রভুর প্রাঙ্গণের জন্য আকুল হয়,

    এমনকি মূর্চ্ছিতপ্রায় হয়;

    জীবন্ত ঈশ্বরের জন্য

    আমার হৃদয় আর আমার দেহ কেঁদে ওঠে।

    3 এমনকি চড়ুইপাখিও আশ্রয় খুঁজে পেয়েছে,

    দোয়েল নিজের জন্য বাসা পেয়েছে,

    যেখানে সে তার শাবকদের জন্ম দিতে পারে—

    এমন স্থান, যা তোমার বেদির নিকটে,

    হে সদাপ্রভু, আমার রাজা, আমার ঈশ্বর।

  81. 10 তোমার প্রাঙ্গণে একদিন

    অন্যত্র হাজার দিনের চেয়েও শ্রেয়;

    দুষ্টদের তাঁবুতে বাস করার থেকে

    আমি আমার ঈশ্বরের গৃহের দ্বাররক্ষী হয়ে থাকতে চাই।

  82. দাউদের গীত।

    1 হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো;

    হে আমার অন্তিম সত্তা, তাঁর পবিত্র নামের প্রশংসা করো।

  83. 20 সদাপ্রভুর প্রশংসা করো, হে তাঁর দূতেরা,

    তোমরা যারা পরাক্রমী তাঁর পরিকল্পনা সম্পন্ন করো,

    তোমরা যারা তাঁর আদেশ পালন করো।

    21 সদাপ্রভুর প্রশংসা করো, হে তাঁর স্বর্গের সমস্ত বাহিনী,

    তোমরা তাঁর সেবাকারী যারা তাঁর ইচ্ছা পূর্ণ করো।

    22 সদাপ্রভুর প্রশংসা করো, হে তাঁর সমস্ত সৃষ্টি,

    তাঁর আধিপত্যের সমস্ত স্থানে।

    হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো।

  84. 3 সদাপ্রভু মহান ও অতীব প্রশংসার যোগ্য;

    কেউ তাঁর মহানতার পরিমাপ করতে পারে না।

  85. 16 সবসময় আনন্দ করো; 17 অবিরত প্রার্থনা করো; 18 সমস্ত পরিস্থিতিতেই ধন্যবাদ জ্ঞাপন করো, কারণ খ্রীষ্ট যীশুতে তোমাদের জন্য এই হল ঈশ্বরের ইচ্ছা।