56 Bible Verses About Thankfulness
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
16 সবসময় আনন্দ করো; 17 অবিরত প্রার্থনা করো; 18 সমস্ত পরিস্থিতিতেই ধন্যবাদ জ্ঞাপন করো, কারণ খ্রীষ্ট যীশুতে তোমাদের জন্য এই হল ঈশ্বরের ইচ্ছা।
-
15 খ্রীষ্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক, কারণ একই দেহের অঙ্গপ্রত্যঙ্গরূপে তোমরা শান্তির উদ্দেশে আহূত হয়েছ। আর তোমরা কৃতজ্ঞ হও। 16 তোমাদের অন্তরে খ্রীষ্টের বাক্য প্রচুর পরিমাণে অবস্থিতি করুক; তোমরা সমস্ত বিজ্ঞতায় বিভূষিত হয়ে পরস্পরকে শিক্ষাদান ও সচেতন করো এবং গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে মুখর হয়ে ঈশ্বরের প্রতি তোমাদের হৃদয়ের কৃতজ্ঞতায় তা করো। 17 আর কথায় ও কাজে, তোমরা যা কিছুই করো, সবই প্রভু যীশুর নামে করো, তাঁরই মাধ্যমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে তা করো।
-
18 সুরা পান করে মত্ত হোয়ো না, তা ভ্রষ্টাচারের পথে নিয়ে যায়; তার পরিবর্তে আত্মায় পরিপূর্ণ হও। 19 গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে পরস্পর ভাব বিনিময় করো। প্রভুর উদ্দেশে গীত গাও, হৃদয়ে সুরের ঝংকার তোলো। 20 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে সব বিষয়ের জন্য সবসময় পিতা ঈশ্বরকে ধন্যবাদ দাও।
21 খ্রীষ্টের জন্য সম্ভ্রমবশত একে অপরের বশীভূত হও।
-
ধন্যবাদের সংগীত।
1 সমস্ত পৃথিবী! সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো।
2 মহানন্দে সদাপ্রভুর আরাধনা করো;
আনন্দগান সহকারে তাঁর সামনে এসো।
3 তোমরা জানো, সদাপ্রভুই ঈশ্বর।
তিনিই আমাদের সৃষ্টি করেছেন, আর আমরা তাঁরই;
আমরা তাঁর প্রজা, তাঁর চারণভূমির মেষ।
4 ধন্যবাদ সহকারে তাঁর দ্বারে
এবং প্রশংসা সহকারে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করো;
তাঁকে ধন্যবাদ জানাও, আর তাঁর নামের প্রশংসা করো।
5 কারণ সদাপ্রভু মঙ্গলময় এবং তাঁর দয়া অনন্তকালস্থায়ী;
তাঁর বিশ্বস্ততা বংশপরম্পরায় স্থায়ী।
-
4 তোমরা প্রভুতে সবসময় আনন্দ করো। আমি আবার বলব, আনন্দ করো। 5 তোমাদের শান্তভাব সবার কাছে প্রত্যক্ষ হোক। প্রভু শীঘ্রই আসছেন। 6 কোনো বিষয়েই উৎকণ্ঠিত হোয়ো না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। 7 এতে সব বোধবুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি, খ্রীষ্ট যীশুতে তোমাদের অন্তর ও মন রক্ষা করবে।
8 অবশেষে বলি, ভাইবোনেরা, যা কিছু সত্য, যা কিছু মহান, যা কিছু যথার্থ, যা কিছু বিশুদ্ধ, যা কিছু আদরণীয়, যা কিছু আকর্ষণীয়—যদি কোনো কিছু উৎকৃষ্ট বা প্রশংসার যোগ্য হয়—তোমরা সেই সমস্ত বিষয়ের চিন্তা করো।
-
1 এসো, আমরা সদাপ্রভুর উদ্দেশে আনন্দগান করি;
আমাদের পরিত্রাণের শৈলের উদ্দেশে উচ্চস্বরে গান গাই।
2 আমরা ধন্যবাদের সঙ্গে তাঁর সামনে যাই
সংগীত ও গান দিয়ে তাঁর উচ্চপ্রশংসা করি।
3 কারণ সদাপ্রভু মহান ঈশ্বর,
সব দেবতার উপর মহান রাজা।
-
10 এখন যিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য যুগিয়ে দেন, তিনি তোমাদের জন্য বীজ যুগিয়ে দেবেন ও বৃদ্ধি করবেন, সেই সঙ্গে তোমাদের ধার্মিকতার ফসল প্রচুররূপে বৃদ্ধি করবেন। 11 তোমরা সর্বতোভাবে সমৃদ্ধিশালী হবে, যেন তোমরা সব উপলক্ষে মুক্তহস্ত হতে পারো এবং আমাদের মাধ্যমে তোমাদের মুক্তহস্তের সেই দান ঈশ্বরের প্রতি ধন্যবাদ-দানে পরিণত হবে।
12 তোমাদের সাধিত এই সেবাকাজ কেবলমাত্র যে ঈশ্বরের লোকদের অভাব দূর করেছে, তা নয়, কিন্তু তা বহু অভিব্যক্তির মাধ্যমে ঈশ্বরের প্রতি ধন্যবাদ-জ্ঞাপনে উপচে পড়ছে। 13 যে সেবাকাজের দ্বারা তোমরা নিজেদের প্রমাণ করেছ, সেই কারণে খ্রীষ্টের সুসমাচারের প্রতি তোমাদের স্বীকৃত বাধ্যতার জন্য এবং তাদের প্রতি ও অন্য সকলের প্রতি তোমাদের মুক্তহস্তের দানের জন্য লোকেরা ঈশ্বরের প্রশংসা করবে। 14 ঈশ্বর তোমাদের প্রতি যে অপার অনুগ্রহ-দান করেছেন, সেই কারণে তোমাদের জন্য তাদের প্রার্থনায়, তাদের হৃদয় তোমাদের প্রতি ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে। 15 বর্ণনার অতীত ঈশ্বরের দানের জন্য তাঁকে ধন্যবাদ জানাই।
-
53 কারণ এই ক্ষয়প্রাপ্তকে অক্ষয়তা পরিধান করতে হবে এবং এই মরদেহকে অমরতা পরিধান হতে হবে। 54 আর এই ক্ষয়প্রাপ্ত যখন অক্ষয়তা পরিধান করবে ও এই মরদেহ অমরতা পরিধান করবে, তখন এই যে কথা লেখা আছে, তা সত্য প্রমাণিত হবে: “চিরকালের জন্য মৃত্যুকে গ্রাস করা হয়েছে।”
55 “মৃত্যু, তোমার জয় কোথায়?
মৃত্যু, তোমার হুল কোথায়?”
56 মৃত্যুর হুল পাপ ও পাপের পরাক্রম হল বিধান। 57 কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক! তিনি প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের বিজয় দান করেন।
-
2 তোমরা সচেতনভাবে ও ধন্যবাদের সঙ্গে প্রার্থনায় নিবিষ্ট থাকো। 3 আমাদের জন্যও প্রার্থনা করো, যেন ঈশ্বর আমাদের জন্য বাক্যের দরজা উন্মুক্ত করে দেন এবং আমরা খ্রীষ্টের গুপ্তরহস্য ঘোষণা করতে পারি, যে কারণে আমি শিকলে বন্দি আছি।
-
34 সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়;
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
35 চিৎকার করে বলো, “হে আমাদের ত্রাণকর্তা ঈশ্বর, আমাদের উদ্ধার করো;
আমাদের সংগ্রহ করো ও জাতিদের হাত থেকে রক্ষা করো,
যেন আমরা তোমার পবিত্র নামের ধন্যবাদ করতে পারি,
ও তোমার প্রশংসায় মহিমা করতে পারি।”
-
একটি গীত। বিশ্রামবারের জন্য রচিত।
1 সদাপ্রভুর প্রশংসা করা
এবং, হে পরাৎপর, তোমার নামের উদ্দেশে গান করা, উত্তম।
2 দশ-তারের সুরবাহার
এবং বীণার সুর সহযোগে
3 সকালে তোমার অবিচল প্রেম
এবং রাতে তোমার বিশ্বস্ততা প্রচার করা, উত্তম।
-
6 সুতরাং, খ্রীষ্ট যীশুকে যেমন প্রভুরূপে গ্রহণ করেছ, তেমনই তাঁর মধ্যেই জীবনযাপন করতে থাকো। 7 তাঁর মধ্যেই তোমাদের বিশ্বাসের মূল গভীর হোক ও গড়ে ওঠো। তোমরা যে শিক্ষা পেয়েছ তা অনুযায়ী বিশ্বাসে দৃঢ় হও ও ধন্যবাদ অর্পণে উচ্ছ্বসিত হও।
-
1 সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়।
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
2 দেবতাদের ঈশ্বরের ধন্যবাদ করো।
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
3 প্রভুদের প্রভুর ধন্যবাদ করো,
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
-
30 গানের মাধ্যমে আমি ঈশ্বরের নামের প্রশংসা করব
ধন্যবাদ সহকারে আমি তাঁকে গৌরবান্বিত করব।
31 বলদ বলি দেওয়ার থেকেও এসব সদাপ্রভুকে তুষ্ট করবে,
এমনকি শিং ও খুর সহ ষাঁড়ের বলি অপেক্ষাও।
-
1 সর্বপ্রথমেই আমি অনুনয় করছি, সকলের জন্য যেন অনুরোধ, প্রার্থনা, মিনতি এবং ধন্যবাদ জ্ঞাপন করা হয়, 2 বিশেষত রাজা এবং উচ্চপদস্থ সকল ব্যক্তির জন্য, যেন আমরা পরিপূর্ণ ভক্তিতে ও পবিত্রতায়, শান্তিপূর্ণ ও নিরুদ্বিগ্ন জীবনযাপন করতে পারি। 3 আমাদের পরিত্রাতা ঈশ্বরের সামনে এটাই উত্তম ও সন্তোষজনক। 4 তিনি চান, সব মানুষ যেন পরিত্রাণ পায় এবং সত্যের তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে পারে।
-
1 সদাপ্রভুর প্রশংসা করো।
সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়;
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
2 কে সদাপ্রভুর পরাক্রমী কাজকর্ম প্রচার করতে পারে
অথবা তাঁর প্রশংসা সম্পূর্ণ ঘোষণা করতে পারে?
-
দাউদের গীত।
1 হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো;
হে আমার অন্তিম সত্তা, তাঁর পবিত্র নামের প্রশংসা করো।
2 হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো,
এবং তাঁর সব উপকার ভুলে যেয়ো না—
3 যিনি তোমার সমস্ত পাপ ক্ষমা করেন
আর তোমার সব রোগ ভালো করেন,
4 যিনি তোমার জীবন মৃত্যু থেকে মুক্ত করেন
আর তোমাকে প্রেম ও করুণার মুকুটে ভূষিত করেন,
5 তিনি উত্তম দ্রব্যে তোমার মনোবাসনা পূর্ণ করেন
যেন ঈগল পাখির মতো তোমার যৌবন নতুন হয়।
-
10 দানিয়েল যখন শুনলেন যে আদেশনামা জারি হয়েছে, তিনি তার বাড়ির উপরের ঘরে ফিরে গেলেন, যে ঘরের জানালা জেরুশালেমের দিকে খুলত। দিনে তিনবার অভ্যাসমতো নতজানু হলেন ও প্রার্থনা করলেন এবং ঈশ্বরের প্রশংসা করলেন।
-
2 আমাদের প্রার্থনায় তোমাদের নাম উল্লেখ করে আমরা তোমাদের সবার জন্য ঈশ্বরের কাছে সবসময় ধন্যবাদ নিবেদন করি। 3 বিশ্বাসের বলে তোমরা যে কাজ করেছ, প্রেমের বশে যে পরিশ্রম দিয়েছ এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের উপর প্রত্যাশা রেখে যে সহিষ্ণুতার পরিচয় রেখেছ—আমাদের ঈশ্বর ও পিতার সমক্ষে আমরা সেকথা বারবার মনে করি।
-
18 মহাসমাবেশে আমি তোমাকে ধন্যবাদ জানাব;
অগণিত মানুষের মাঝে আমি তোমার প্রশংসা করব।
-
8 তাঁর অবিচল প্রেম এবং মানুষের প্রতি তাঁর আশ্চর্য কাজকর্মের জন্য,
তারা সদাপ্রভুকে ধন্যবাদ দিক।
9 কেননা তিনি তৃষ্ণার্তকে তৃপ্ত করেন
এবং ক্ষুধার্তকে উত্তম দ্রব্য দিয়ে পূর্ণ করেন।
-
3 তোমাদের জন্য প্রার্থনা করার সময় আমরা সবসময় আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। 4 কারণ খ্রীষ্ট যীশুতে তোমাদের বিশ্বাস এবং পবিত্রগণের প্রতি তোমাদের ভালোবাসার কথা আমরা শুনেছি। 5 যে বিশ্বাস ও প্রেম প্রত্যাশা থেকে উৎসারিত হয়, যা স্বর্গে তোমাদের জন্য সঞ্চিত রয়েছে, তা সত্যবাণীর মাধ্যমে তোমরা আগেই শুনেছ। 6 সেই সুসমাচার তোমাদের কাছে উপস্থিত হয়েছে। সুসমাচার শোনার ও ঈশ্বরের অনুগ্রহের নিগূঢ় সত্যকে উপলব্ধি করার দিন থেকে তা যেমন তোমাদের মধ্যে সক্রিয়, তেমনই সারা জগতে এই সুসমাচার ফলপ্রসূ হচ্ছে ও বৃদ্ধি পাচ্ছে। 7 একথা তোমরা আমাদের প্রিয় সহ-সেবক ইপাফ্রার কাছে শিক্ষা পেয়েছ, যিনি আমাদের পক্ষে খ্রীষ্টের একজন বিশ্বস্ত পরিচারক। 8 আত্মাতে তোমাদের ভালোবাসার কথা তিনিও আমাদের জানিয়েছেন।
9 এই কারণে আমরাও, যেদিন থেকে তোমাদের কথা শুনেছি সেইদিন থেকে তোমাদের জন্য প্রার্থনা করা থেকে বিরত হইনি। আমরা ঈশ্বরের কাছে প্রতিনিয়ত নিবেদন করি, যেন তোমরা সমস্ত আত্মিক জ্ঞানে ও বোধশক্তিতে তাঁর ইচ্ছার তত্ত্বজ্ঞানে পূর্ণ হও। 10 আমরা এজন্য এই প্রার্থনা করছি যে, তোমরা যেন প্রভুর যোগ্যরূপে জীবনযাপন করো, জীবনের প্রতি ক্ষেত্রেই তোমাদের আচরণ দ্বারা তাঁকে সন্তুষ্ট করে তোলো, সমস্ত শুভকাজে সফল হয়ে ওঠো ও ঐশ্বরিক জ্ঞানে বৃদ্ধিলাভ করো। 11 ঈশ্বরের গৌরবময় শক্তিতে তোমরা পরাক্রান্ত হয়ে যেন অসীম সহিষ্ণুতা ও ধৈর্যের অধিকারী হও এবং 12 সানন্দে পিতাকে ধন্যবাদ জ্ঞাপন করো, যিনি জ্যোতির রাজ্যে পবিত্রগণের যে অধিকার তার অংশীদার হওয়ার জন্য তোমাদের যোগ্য করে তুলেছেন। 13 কারণ অন্ধকারের কর্তৃত্ব থেকে তিনি আমাদের উদ্ধার করে তাঁর পুত্রের রাজ্যে নিয়ে এসেছেন, যাঁকে তিনি প্রেম করেন। 14 তাঁর দ্বারাই আমরা মুক্তি এবং সব পাপের ক্ষমা পেয়েছি।
-
7 সদাপ্রভু আমার শক্তি ও আমার ঢাল;
আমার হৃদয় তাঁর উপর আস্থা রাখে এবং তিনি আমাকে সাহায্য করেন।
আমার হৃদয় আনন্দে উল্লসিত
এবং গানের মাধ্যমে আমি তাঁর প্রশংসা করব।
-
একটি গীত। একটি সংগীত। মন্দির উৎসর্গ উপলক্ষ্যে দাউদের গীত।
1 হে সদাপ্রভু, আমি তোমার প্রশংসা করি,
কারণ তুমি আমাকে পাতাল থেকে তুলে ধরেছ
এবং আমার শত্রুদের আমাকে নিয়ে উল্লাস করতে দাওনি।
2 হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি সাহায্যের জন্য তোমাকে ডেকেছি,
এবং তুমি আমাকে সুস্থ করেছ।
3 তুমি, হে সদাপ্রভু, আমাকে পাতালের গর্ভ থেকে উত্তোলন করেছ;
তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ যেন মৃত্যুর গর্তে পড়ে না যাই।
4 হে সদাপ্রভুর সব বিশ্বস্ত লোকজন, তাঁর উদ্দেশে প্রশংসা করো;
তাঁর পুণ্যনামের প্রশংসা করো।
5 কারণ তাঁর ক্রোধ ক্ষণস্থায়ী,
কিন্তু তাঁর অনুগ্রহ সারা জীবন স্থায়ী;
অশ্রু রাত্রিব্যাপী হয়,
কিন্তু উল্লাস সকালে উপস্থিত হয়।
-
21 তাঁর অবিচল প্রেম এবং মানুষের প্রতি তাঁর আশ্চর্য কাজকর্মের জন্য,
তারা সদাপ্রভুকে ধন্যবাদ দিক।
22 তারা ধন্যবাদের নৈবেদ্য উৎসর্গ করুক
এবং আনন্দের গানে তাঁর ক্রিয়াকলাপ বলুক।
-
8 সর্বপ্রথম, আমি যীশু খ্রীষ্টের মাধ্যমে, তোমাদের সকলের জন্য আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তোমাদের বিশ্বাসের কথা জগতের সর্বত্র শোনা যাচ্ছে।
-
15 তাদের মধ্যে একজন যখন দেখল, সে সুস্থ হয়ে গেছে, সে ফিরে এসে উচ্চকণ্ঠে ঈশ্বরের প্রশংসা করতে লাগল। 16 সে যীশুর পায়ে লুটিয়ে পড়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাল। সে ছিল একজন শমরীয়।
17 যীশু জিজ্ঞাসা করলেন, “দশজনই কি শুচিশুদ্ধ হয়নি? অন্য নয়জন কোথায়? 18 ফিরে এসে ঈশ্বরের প্রশংসা করার জন্য এই বিদেশি ছাড়া আর কাউকে কি পাওয়া গেল না?” 19 তারপর তিনি তাকে বললেন, “ওঠো, চলে যাও। তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করেছে।”
-
16 আর যে চব্বিশজন প্রাচীন ঈশ্বরের সামনে নিজেদের সিংহাসনে উপবিষ্ট ছিলেন, তাঁরা অধোমুখে প্রণাম করে ঈশ্বরের উপাসনা করলেন:
17 তাঁরা বললেন,
“হে সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, যিনি আছেন ও ছিলেন,
আমরা তোমাকে ধন্যবাদ দিই,
কারণ তুমি তোমার মহাপরাক্রম গ্রহণ করেছ
ও রাজত্ব শুরু করেছ।
18 সব জাতি ক্রুদ্ধ হয়েছিল;
তাই তোমার রোষও উপস্থিত হয়েছে।
মৃতদের বিচার করার সময় এবং
তোমার দাস সেই ভাববাদীদের ও পবিত্রগণের,
আর যতজন তোমার নামে সম্ভ্রম প্রকাশ করে,
ক্ষুদ্র ও মহান নির্বিশেষে সবাইকে
পুরস্কার দেওয়ার জন্য—এবং
পৃথিবী-বিনাশকদের ধ্বংস করার
সময় উপস্থিত হল।”
-
11 হে সদাপ্রভু, মহত্ত্ব ও ক্ষমতা তোমারই
আর প্রতাপ ও রাজসিকতা ও ঐশ্বর্যও তোমারই,
কারণ স্বর্গে ও মর্ত্যে সবকিছু তোমারই।
হে সদাপ্রভু, রাজ্য তোমারই;
সবকিছুর উপরে তুমিই মস্তকরূপে উন্নত।
12 ধনসম্পত্তি ও সম্মান তোমারই কাছ থেকে আসে;
তুমিই সবকিছুর শাসনকর্তা।
সবাইকে উন্নত করার ও শক্তি জোগানোর জন্য
শক্তি ও বল তোমারই হাতে আছে।
13 এখন, হে আমাদের ঈশ্বর, আমরা তোমায় ধন্যবাদ জানাই,
ও তোমার মহিমাময় নামের প্রশংসা করি।
-
11 তখন যীশু রুটিগুলি নিয়ে ধন্যবাদ দিলেন এবং যারা বসেছিলেন তাদের মধ্যে চাহিদামতো ভাগ করে দিলেন। মাছগুলি নিয়েও তিনি তাই করলেন।
-
15 এসবই তোমাদের কল্যাণের জন্য, যেন যে অনুগ্রহ আরও বেশি সংখ্যক মানুষের কাছে উপস্থিত হচ্ছে, তা ঈশ্বরের মহিমার উদ্দেশে উপচে পড়া ধন্যবাদ জ্ঞাপনের কারণ হয়।
16 সেই কারণে, আমরা নিরুৎসাহ হই না। যদিও বাহ্যিকভাবে আমরা ক্ষয়প্রাপ্ত হচ্ছি, তবুও অভ্যন্তরীণভাবে দিন-প্রতিদিন আমরা নতুন হচ্ছি।
-
3 ভাইবোনেরা, তোমাদের জন্য সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিতে আমরা বাধ্য এবং তাই সংগত। কারণ তোমাদের বিশ্বাস এবং পারস্পরিক ভালোবাসা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। 4 তাই সমস্ত নির্যাতন এবং দুঃখকষ্টের মধ্যেও তোমাদের সহনশীলতা ও বিশ্বাসের জন্য ঈশ্বরের মণ্ডলীগুলিতে আমরা গর্ব করি।
-
12 আমাদের প্রভু, খ্রীষ্ট যীশু, যিনি আমাকে শক্তি দান করেছেন এবং আমাকে বিশ্বস্ত বিচার করে যিনি তাঁর পরিচর্যাকাজে আমাকে নিযুক্ত করেছেন, তাঁকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। 13 যদিও আমি এক সময় ঈশ্বরনিন্দুক, নির্যাতনকারী এবং নৃশংস ছিলাম, কিন্তু তিনি আমার প্রতি করুণা প্রদর্শন করেছেন, কারণ অজ্ঞতা ও অবিশ্বাসের বশেই আমি সেসব করেছিলাম। 14 আমাদের প্রভুর অনুগ্রহ, খ্রীষ্ট যীশুতে স্থিত বিশ্বাস ও প্রেম আমার উপরে প্রচুর পরিমাণে বর্ষিত হয়েছে।
-
10 সদাপ্রভুর মন্দির নির্মাণকারীরা যখন ভিত্তি প্রতিষ্ঠা করছিল, তখন যাজকেরা নিজেদের নির্দিষ্ট পোশাক পরিধান করে তূরী সঙ্গে নিয়ে নিজেদের নিরূপিত স্থানে এসে দাঁড়াল। সদাপ্রভুর উদ্দেশে স্তুতিগান করার জন্য ইস্রায়েলের রাজা দাউদের নির্দেশসহ লেবীয়েরাও (আসফের বংশজাত) করতাল নিয়ে তাদের নিরূপিত স্থানে এসে দাঁড়াল। 11 সদাপ্রভুর উদ্দেশে তারা এই ধন্যবাদ ও প্রশংসা সংগীত নিবেদন করল
“তিনি মঙ্গলময়;
ইস্রায়েলের প্রতি তাঁর দয়া অনন্তকালস্থায়ী।”
অন্য সকলে সদাপ্রভুর উদ্দেশে উচ্চরবে জয়ধ্বনি করল, কারণ সদাপ্রভুর মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়েছে।
-
11 তুমি আমার বিলাপ নৃত্যে পরিণত করেছ;
আমার চট খুলে আমাকে আনন্দ দিয়ে আবৃত করেছ,
12 যেন আমার হৃদয় চুপ করে না থাকে, কিন্তু তোমার জয়গান করে।
হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি চিরকাল তোমার প্রশংসা করব।
-
1 অতএব, যেহেতু তোমরা ঈশ্বরের প্রিয় সন্তান, তোমরা ঈশ্বরেরই অনুকরণ করো 2 এবং প্রেমে জীবনযাপন করো, যেমন খ্রীষ্ট আমাদের ভালোবেসেছেন এবং নিজেকে সুরভিত নৈবেদ্য ও বলিরূপে ঈশ্বরের উদ্দেশে উৎসর্গ করেছেন।
3 কিন্তু, তোমাদের মধ্যে যেন বিবাহ-বহির্ভূত যৌনাচার, কোনও ধরনের কলুষতা বা লোভের লেশমাত্র না থাকে। কারণ ঈশ্বরের পবিত্রগণের পক্ষে এ সমস্ত আচরণ অনুচিত। 4 কোনও রকম অশ্লীলতা, নির্বোধের মতো কথাবার্তা বা স্থূল রসিকতা যেন শোনা না যায়, কারণ এসবই অসংগত; বরং ধন্যবাদ জ্ঞাপন করো।
-
17 আমি তোমার উদ্দেশে ধন্যবাদের নৈবেদ্য নিবেদন করব,
আর সদাপ্রভুর নামে ডাকব।
-
62 তোমার ন্যায়সংগত শাসনবিধির জন্য
আমি মাঝরাতে তোমাকে ধন্যবাদ দিতে জেগে উঠি।
-
19 প্রভু ঈশ্বর, আমাদের রক্ষাকর্তার প্রশংসা হোক,
যিনি প্রতিদিন আমাদের বোঝা বহন করেন।
20 আমাদের ঈশ্বর এমন ঈশ্বর যিনি পরিত্রাণ দেন;
সার্বভৌম সদাপ্রভু মৃত্যু থেকে আমাদের উদ্ধার করেন।
-
1 সদাপ্রভুর প্রশংসা করো, তাঁর নাম ঘোষণা করো;
জাতিদের জানাও তিনি কী করেছেন।
2 তাঁর উদ্দেশে গান গাও, তাঁর উদ্দেশে প্রশংসাগীত গাও;
তাঁর সুন্দর সুন্দর সব কাজের কথা বলো।
-
1 সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়;
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
-
25 সেই সময় যীশু বললেন, “হে পিতা, তুমি স্বর্গ ও পৃথিবীর প্রভু, আমি তোমার প্রশংসা করি, কারণ তুমি এই সমস্ত বিষয় বিজ্ঞ ও শিক্ষিত মানুষদের কাছ থেকে গোপন রেখে ছোটো শিশুদের কাছে প্রকাশ করেছ। 26 হ্যাঁ পিতা, কারণ এই ছিল তোমার ঈপ্সিত ইচ্ছা।
-
11 সব স্বর্গদূত সেই সিংহাসনের চারদিকে এবং সেই প্রাচীনবর্গের ও চারজন জীবন্ত প্রাণীর চারদিকে দাঁড়িয়েছিলেন। তাঁরা সেই সিংহাসনের সামনে নত হয়ে প্রণাম করলেন ও ঈশ্বরের উপাসনা করলেন, 12 বললেন:
“আমেন!
প্রশংসা ও মহিমা,
প্রজ্ঞা ও ধন্যবাদ ও সম্মান,
পরাক্রম ও শক্তি
চিরকাল যুগে যুগে আমাদের ঈশ্বরেরই হোক।
আমেন!”
-
20 তখন মহিলা ভাববাদী মরিয়ম, হারোণের দিদি, নিজের হাতে একটি খঞ্জনি তুলে নিলেন, এবং সব মহিলা তাঁর দেখাদেখি খঞ্জনি বাজিয়ে নেচেছিল। 21 মরিয়ম তাদের কাছে গান গাইলেন:
“সদাপ্রভুর উদ্দেশে গাও গান,
কারণ তিনি অত্যন্ত মহিমান্বিত।
ঘোড়া ও সওয়ার উভয়কেই
তিনি করেছেন সমুদ্রে নিক্ষিপ্ত।”
22 পরে মোশি লোহিত সাগর থেকে ইস্রায়েলীদের চালিত করলেন এবং তারা শূর মরুভূমিতে চলে গেল। তিন দিন ধরে তারা মরুভূমিতে জল না পেয়ে ভ্রমণ করল।
-
26 স্বর্গের ঈশ্বরের ধন্যবাদ করো।
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
-
9 নিজেদের ধার্মিকতার প্রতি যাদের আস্থা ছিল ও অন্যদের যারা হীনদৃষ্টিতে দেখত, যীশু এই রূপক কাহিনিটি তাদের বললেন: 10 “দুই ব্যক্তি প্রার্থনার জন্য মন্দিরে গেল; একজন ফরিশী ও অন্যজন কর আদায়কারী। 11 ফরিশী দাঁড়িয়ে নিজের বিষয়ে প্রার্থনা করল, ‘হে ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ জানাই, কারণ আমি কোনো দস্যু, দুর্বৃত্ত, ব্যভিচারী, এমনকি, ওই কর আদায়কারী, বা অন্য লোকের মতো নই। 12 আমি সপ্তাহে দু-দিন উপোস করি এবং যা আয় করি, তার এক-দশমাংশ দান করি।’
13 “কিন্তু কর আদায়কারী দূরে দাঁড়িয়ে রইল। এমনকি, সে স্বর্গের দিকে তাকাতে পর্যন্ত পারল না। সে তার বুক চাপড়ে বলতে লাগল, ‘হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি কৃপা করো।’
14 “আমি তোমাদের বলছি, এই ব্যক্তি ঈশ্বরের কাছে ধার্মিক গণ্য হয়ে ঘরে ফিরে গেল, কিন্তু অন্যজন নয়। কারণ যে কেউ নিজেকে উন্নত করে, তাকে নত করা হবে, আর যে কেউ নিজেকে নত করে তাকে উন্নত করা হবে।”
-
1 কিন্তু একথা মনে রেখো: শেষের দিনগুলিতে ভীষণ দুঃসময় ঘনিয়ে আসবে; 2 মানুষ হবে আত্মপ্রেমী, অর্থপ্রিয়, দাম্ভিক, অহংকারী, পরনিন্দুক, বাবা-মার অবাধ্য, অকৃতজ্ঞ, অপবিত্র, 3 প্রেমহীন, ক্ষমাহীন, কুৎসা-রটনাকারী, আত্মসংযমহীন, নৃশংস, ভালো সবকিছুকে ঘৃণা করবে, 4 বিশ্বাসঘাতক, বেপরোয়া, আত্মাভিমানী, ঈশ্বরকে ভালোবাসার চেয়ে তারা ভোগ-বিলাসকেই বেশি ভালোবাসবে। 5 তারা ভক্তির ছদ্মবেশ ধারণ করবে, কিন্তু তাঁর পরাক্রমকে তারা অস্বীকার করবে। তুমি তাদের সঙ্গে কোনো সম্পর্ক রেখো না।
-
11 যাজকেরা পরে পবিত্রস্থান ছেড়ে চলে গেলেন। সেখানে উপস্থিত যাজকেরা সবাই তাদের বিভাগের কথা না ভেবেই নিজেদের উৎসর্গ করে দিলেন। 12 যেসব লেবীয় গানবাজনা করতেন—আসফ, হেমন, যিদূথূন ও তাদের ছেলেরা ও আত্মীয়স্বজন—তারা সবাই মিহি মসিনার কাপড় গায়ে দিয়ে ও সুরবাহার, বীণা ও খঞ্জনি বাজাতে বাজাতে যজ্ঞবেদির পূর্বদিকে গিয়ে দাঁড়িয়েছিলেন। তাদের সাথে ছিলেন আরও 120 জন যাজক, যারা শিঙা বাজাচ্ছিলেন। 13 শিঙাবাদকেরা ও বাদ্যকররা সদাপ্রভুর উদ্দেশে প্রশংসা ও ধন্যবাদ জানানোর জন্য যুগপৎ বিভিন্ন স্কেলে একই স্বর বাজিয়ে যাচ্ছিলেন। শিঙা, সুরবাহার ও অন্যান্য বাদ্যযন্ত্রের সংগত পেয়ে গায়করাও সদাপ্রভুর উদ্দেশে প্রশংসা করতে গিয়ে গলার স্বর উচ্চগ্রামে তুলেছিল এবং তারা গেয়েছিল:
“তিনি মঙ্গলময়;
তাঁর প্রেম চিরস্থায়ী।”
তখন সদাপ্রভুর মন্দির মেঘে পরিপূর্ণ হয়ে উঠেছিল,
-
20 একথা শুনে, ইয়োব উঠে দাঁড়ালেন এবং তাঁর পোশাক ছিঁড়ে ফেললেন ও তাঁর মাথা কামিয়ে ফেললেন। পরে মাটিতে লুটিয়ে পড়ে তিনি আরাধনা করে 21 বললেন:
“মায়ের গর্ভ থেকে আমি উলঙ্গ হয়ে এসেছি,
আর উলঙ্গ অবস্থাতেই আমি চলে যাব।
সদাপ্রভু দিয়েছেন আর সদাপ্রভুই ফিরিয়ে নিয়েছেন;
সদাপ্রভুর নাম প্রশংসিত হোক।”
22 এসব কিছুতে, ইয়োব অন্যায়াচরণের দোষে ঈশ্বরকে দোষী সাব্যস্ত করে পাপ করলেন না।
-
8 সমস্ত লোক, তোমরা আমাদের ঈশ্বরের প্রশংসা করো,
তাঁর প্রশংসার ধ্বনি শোনা যাক;
9 তিনি আমাদের জীবন সুরক্ষিত করেছেন
আর আমাদের পা পিছলে যাওয়া থেকে আমাদের আগলে রেখেছেন।
-
13 তখন আমরা, তোমার ভক্তজন ও তোমার চারণভূমির মেষপাল
চিরকাল তোমার প্রশংসা করব;
যুগে যুগে
আমরা তোমার স্তবগান করব।
-
4 সেদিন তোমরা বলবে:
“সদাপ্রভুকে ধন্যবাদ দাও, তাঁর নামে ডাকো;
তাঁর কৃত সমস্ত কর্ম জাতিসমূহকে জানাও,
তাঁর নাম উচ্চ বলে ঘোষণা করো।
5 সদাপ্রভুর উদ্দেশে গীত গাও, কারণ তিনি মহিমাময় অনেক কাজ করেছেন;
সমস্ত জগৎকে একথা জানাও।
6 সিয়োনের লোকেরা, তোমরা চিৎকার করো ও আনন্দে গান গাও,
কারণ ইস্রায়েলের সেই পবিত্রতম জন তোমাদের মধ্যে মহান।”
-
17 কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই যে, তোমরা যদিও পাপের ক্রীতদাস ছিলে, শিক্ষার যে আদর্শ তোমাদের কাছে রাখা হয়েছিল, তা তোমরা সমস্ত অন্তর দিয়ে পালন করেছ। 18 তোমাদের পাপ থেকে মুক্ত করা হয়েছে এবং তোমরা ধার্মিকতার ক্রীতদাস হয়েছ।
-
24 কী দুর্ভাগ্যপূর্ণ মানুষ আমি! মৃত্যুর এই শরীর থেকে কে আমাকে উদ্ধার করবে? 25 আমাদের প্রভু, খ্রীষ্ট যীশুর মাধ্যমে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই।
সুতরাং, মনে মনে আমি ঈশ্বরের বিধানের ক্রীতদাস, কিন্তু পাপময় প্রকৃতিতে পাপের বিধানের দাসত্ব করি।
-
13 আমরাও এজন্য ঈশ্বরকে অবিরত ধন্যবাদ জানাই যে, আমাদের কাছে শুনে তোমরা যখন ঈশ্বরের বাক্য গ্রহণ করেছিলে, তা মানুষের নয় বরং ঈশ্বরের বলেই গ্রহণ করেছিলে এবং প্রকৃতপক্ষে সে তো ঈশ্বরেরই বাক্য; তোমরা যারা বিশ্বাস করেছ, তোমাদের অন্তরে সেই বাক্য কাজ করে চলেছে।
-
8 এই চার জীবন্ত প্রাণীর প্রত্যেকের ছিল ছয়টি করে ডানা এবং তাদের দেহের সর্বত্র এমনকি ডানাগুলির নিচেও ছিল চোখে পরিপূর্ণ। দিনরাত, অবিরাম তারা একথা বলেন:
“পবিত্র, পবিত্র, পবিত্র,
প্রভু ঈশ্বর সর্বশক্তিমান,
যিনি ছিলেন এবং যিনি আছেন এবং যিনি আসছেন।”
9 যিনি সিংহাসনে উপবিষ্ট ও যিনি যুগে যুগে চিরকাল জীবন্ত, তাঁকে যখনই সেই জীবন্ত প্রাণীরা গৌরব, সম্মান ও ধন্যবাদ অর্পণ করেন, 10 তখন সিংহাসনে উপবিষ্ট ব্যক্তির সামনে ওই চব্বিশজন প্রাচীন প্রণাম করেন ও যিনি যুগে যুগে চিরকাল জীবন্ত, তাঁর উপাসনা করেন। তাঁরা তাদের মুকুট সিংহাসনের সামনে রেখে দিয়ে বলেন,
11 “আমাদের প্রভু ও ঈশ্বর,
তুমি মহিমা, সম্মান ও পরাক্রম গ্রহণের যোগ্য;
কেননা তুমি সবকিছু সৃষ্টি করেছ,
এবং তোমার ইচ্ছামতোই সবকিছু সৃষ্ট হয়েছে
ও তাদের অস্তিত্ব প্রকাশিত হয়েছে।”
Shows Read in context, Share and Copy.