79 Bible Verses About Trust
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
5 তুমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর উপর আস্থা রাখো
ও নিজের বিচক্ষণতার উপর নির্ভর কোরো না;
6 তোমার সমস্ত পথে তাঁর বশ্যতাস্বীকার করো,
ও তিনি তোমার পথগুলি সোজা করে দেবেন।
7 নিজের দৃষ্টিতে জ্ঞানবান হোয়ো না;
সদাপ্রভুকে ভয় করো ও কুকর্ম এড়িয়ে চলো।
8 এটি তোমার দেহে স্বাস্থ্য ফিরাবে
ও তোমার অস্থির পুষ্টিসাধন করবে।
-
3 তাকে তুমি পূর্ণ শান্তিতেই রাখবে,
যার মন সুস্থির,
কারণ সে তোমার উপরে নির্ভর করে।
4 তোমরা চিরকাল সদাপ্রভুর উপরে নির্ভর করো,
কারণ সদাপ্রভু, সেই সদাপ্রভুই হলেন শাশ্বত শৈল।
-
15 “ভণ্ড ভাববাদীদের থেকে সাবধান। তারা মেষের ছদ্মবেশে তোমাদের কাছে আসে, কিন্তু অন্তরে তারা হিংস্র নেকড়ের মতো। 16 তাদের ফল দ্বারাই তোমরা তাদের চিনতে পারবে। লোকে কি কাঁটাঝোপ থেকে আঙুর, বা শিয়ালকাঁটা থেকে ডুমুরফল পায়? 17 একইভাবে, প্রত্যেক ভালো গাছে ভালো ফল ধরে, কিন্তু মন্দ গাছে মন্দ ফল ধরে। 18 কোনো ভালো গাছে মন্দ ফল ধরতে পারে না এবং কোনো মন্দ গাছে ভালো ফল ধরতে পারে না। 19 যে গাছে ভালো ফল ধরে না, সেই গাছ কেটে আগুনে ফেলে দেওয়া হয়। 20 এভাবে, তাদের ফল দ্বারাই তোমরা তাদের চিনতে পারবে।
-
5 সদাপ্রভু এই কথা বলেন:
“অভিশপ্ত সেই জন, যে মানুষের উপরে নির্ভর করে,
যে তার শক্তির জন্য নিজের শরীরের উপরে আস্থা রাখে
এবং যার হৃদয় সদাপ্রভুর কাছ থেকে বিমুখ হয়।
6 সে হবে পতিত জমিতে কোনো ঝাউ গাছের মতো;
সমৃদ্ধির সময় এলে সে তা দেখতে পাবে না।
মরুভূমির শুকনো স্থানগুলিতে, এক লবণাক্ত ভূমিতে,
সে বসবাস করবে, যেখানে কেউ থাকে না।
7 “কিন্তু ধন্য সেই মানুষ, যে সদাপ্রভুর উপরে নির্ভর করে,
যার আস্থা থাকে তাঁরই উপর।
8 সে জলের তীরে রোপিত বৃক্ষের মতো হবে,
যার শিকড় ছড়িয়ে যায় জলের দিকে।
গ্রীষ্মের আগমনে সে ভয় পায় না,
তার পাতাগুলি সবসময়ই সবুজ থাকে।
খরার বছরে তার দুশ্চিন্তা হয় না
ফল উৎপন্ন করতে সে কখনও ব্যর্থ হয় না।”
-
1 অতএব, ভাইবোনেরা, ঈশ্বরের বহুবিধ করুণার পরিপ্রেক্ষিতে, আমি তোমাদের কাছে মিনতি করছি, তোমরা তোমাদের শরীরকে জীবন্ত বলিরূপে, পবিত্র ও ঈশ্বরের গ্রহণযোগ্যরূপে উৎসর্গ করো—তাই হবে তোমাদের যুক্তিসংগত আরাধনা। 2 আর তোমরা এই জগতের রীতি অনুযায়ী জীবনযাপন করো না, কিন্তু তোমাদের মনের নতুনীকরণের দ্বারা রূপান্তরিত হও। তখন তোমরা ঈশ্বরের ইচ্ছাকে যাচাই ও অনুমোদন করতে পারবে, যা উৎকৃষ্ট, প্রীতিজনক ও সিদ্ধ।
-
11 কারণ তোমাদের জন্য কৃত পরিকল্পনার কথা আমি জানি,” সদাপ্রভু এই কথা বলেন। “তা হল তোমাদের সমৃদ্ধির পরিকল্পনা, তোমাদের ক্ষতি করার নয়, তোমাদের এক আশা ও ভবিষ্যৎ মঙ্গলদানের পরিকল্পনা। 12 তখন তোমরা আমার নামে ডাকবে ও আমার কাছে এসে প্রার্থনা করবে। আর আমি তোমাদের কথা শুনব। 13 তোমরা যখন সম্পূর্ণ মনেপ্রাণে আমার অন্বেষণ করবে, তখন আমাকে খুঁজে পাবে। 14 তোমরা আমার সন্ধান পাবে,” সদাপ্রভু এই কথা বলেন, “আমি তোমাদের বন্দিত্ব থেকে ফিরিয়ে আনব। আমি তোমাদের যেখানে যেখানে নির্বাসিত করেছিলাম, সেই সমস্ত জাতি ও স্থান থেকে তোমাদের সংগ্রহ করব এবং যে দেশ থেকে তোমাদের নির্বাসনে পাঠিয়েছিলাম, সেই দেশে ফিরিয়ে আনব,” সদাপ্রভু এই কথা বলেন।
-
3 সদাপ্রভুতে আস্থা রাখো আর সদাচরণ করো;
এই দেশে বসবাস করো আর নিরাপদ আশ্রয় উপভোগ করো।
4 সদাপ্রভুতে আনন্দ করো,
তিনিই তোমার মনের অভিলাষ পূর্ণ করবেন।
5 তোমার চলার পথ সদাপ্রভুতে সমর্পণ করো;
তাঁর উপর নির্ভর করো আর তিনি এসব করবেন:
6 তিনি তোমার ধার্মিকতার পুরস্কার ভোরের মতো,
আর তোমার সততা মধ্যাহ্নের সূর্যের মতো উজ্জ্বল করবেন।
7 সদাপ্রভুর সামনে নীরব হও,
ধৈর্য ধরে তাঁর প্রতীক্ষায় থাকো;
যখন দুষ্ট ব্যক্তিরা তাদের জীবনে সফল হয়,
যখন তারা তাদের মন্দ পরিকল্পনা কার্যকর করে, তখন বিচলিত হোয়ো না।
-
9 সদাপ্রভু পীড়িতদের আশ্রয়,
সংকটকালে তিনি নিরাপদ আশ্রয় দুর্গ।
10 যারা তোমার নাম জানে তারা তোমাতেই আস্থা রাখে,
কারণ, হে সদাপ্রভু, যারা তোমার অন্বেষণ করে, তাদের তুমি কখনও পরিত্যাগ করোনি।
-
18 কিন্তু সদাপ্রভুর দৃষ্টি তাদের প্রতি আবদ্ধ যারা তাঁকে সম্ভ্রম করে
আর যারা তাঁর অবিচল প্রেমে আস্থা রাখে,
19 তিনি মৃত্যু থেকে তাদের উদ্ধার করেন,
এবং দুর্ভিক্ষের সময় তাদের প্রাণরক্ষা করেন।
20 আমরা সদাপ্রভুর প্রতীক্ষায় আছি;
তিনি আমাদের সহায় ও আমাদের ঢাল।
21 আমাদের হৃদয় সদাপ্রভুতে আনন্দ করে,
কারণ আমরা তাঁর পবিত্র নামে আস্থা রাখি।
22 হে সদাপ্রভু, তোমার অবিচল প্রেম আমাদের উপর বিরাজ করুক,
কারণ তোমার উপরেই আমরা আশা করি।
-
1 তোমাদের মনে হতে পারে যে তোমরা তাদের বিচার করতে পারো কিন্তু তোমাদের অজুহাত দেওয়ার মতো কিছু নেই, কারণ যে বিষয়ে তুমি অন্যদের বিচার করো সেই বিষয়ে তুমি নিজেকেই অপরাধী করে তুলছ, কারণ তোমরা যারা বিচার করো, তোমরাও একই কাজ করে থাকো। 2 এখন, আমরা জানি যে, যারা এই ধরনের আচরণে লিপ্ত থাকে, তাদের বিরুদ্ধে ঈশ্বরের বিচার সত্যের উপরে ভিত্তি করে হয়। 3 তাহলে, তোমরা যখন নিছক মানুষ হয়ে তাদের উপরে শাস্তি ঘোষণা করো অথচ নিজেরাও একই কাজ করো, তখন কি মনে হয় যে তোমরা ঈশ্বরের ন্যায়বিচার এড়াতে পারবে? 4 অথবা তোমরা কি তাঁর দয়া, সহিষ্ণুতা ও ধৈর্যের ঐশ্বর্যের প্রতি অবজ্ঞা করছ, একথা না বুঝে যে ঈশ্বরের করুণা তোমাদের অনুতাপের পথে নিয়ে যায়?
5 কিন্তু তোমাদের একগুঁয়ে ও অনুতাপহীন হৃদয়ের কারণে, তোমরা নিজেদেরই উপরে ঈশ্বরের সেই ক্রোধ প্রকাশ করার দিনের জন্য ঈশ্বরের ক্রোধ জমা করছ, যেদিন তাঁর ধর্মময় ন্যায়বিচার প্রকাশিত হবে। 6 ঈশ্বর “প্রত্যেক মানুষকে তার কাজ অনুযায়ী পুরস্কার দেবেন।” 7 যারা নিরবচ্ছিন্ন সৎকর্মের দ্বারা মহিমা, সমাদর ও অক্ষয়তা অনুসরণ করে তিনি তাদের অনন্ত জীবন দেবেন। 8 কিন্তু যারা স্বার্থচেষ্টা করে সত্যকে প্রত্যাখ্যান করে এবং মন্দের অনুসারী হয়, তাদের উপরে ক্রোধ ও রোষ নেমে আসবে।
-
1 “তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয়। ঈশ্বরকে বিশ্বাস করো, আমাকেও বিশ্বাস করো। 2 আমার পিতার গৃহে অনেক ঘর আছে, যদি না থাকত, আমি তোমাদের বলতাম। তোমাদের জন্য আমি সেখানে স্থান প্রস্তুত করতে যাচ্ছি। 3 আর যখন আমি সেখানে যাই ও তোমাদের জন্য স্থানের ব্যবস্থা করি, আমি আবার ফিরে আসব এবং আমি যেখানে থাকি, সেখানে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের নিয়ে যাব।
-
সংগীত পরিচালকের জন্য। দাউদের মিকতাম। সুর: “সুদূর ওক বৃক্ষের উপর ঘুঘু।” যখন ফিলিস্তিনীরা গাত নগরে দাউদকে বন্দি করেছিল।
1 হে ঈশ্বর, আমার প্রতি কৃপা করো,
কারণ আমার শত্রুরা আমার পশ্চাদ্ধাবন করে;
সারাদিন তারা তাদের আক্রমণ চালিয়ে যায়।
2 আমার প্রতিপক্ষরা সারাদিন আমাকে অনুসরণ করে;
তাদের অহংকারে অনেকে আমাকে আক্রমণ করছে।
3 যখন আমি ভীত, আমি তোমার উপর আস্থা রাখি।
4 ঈশ্বরে, আমি যার বাক্যের প্রশংসা করি—
আমি ঈশ্বরে আস্থা রাখি এবং ভীত হই না।
সামান্য মানুষ আমার কী করতে পারে?
-
19 এখন আমরা জানি যে, বিধান যা কিছু বলে, যারা বিধানের অধীনে আছে আসলে তাদেরই বলে, যেন প্রত্যেকের মুখ বদ্ধ হয় ও সমস্ত জগৎ ঈশ্বরের কাছে জবাবদিহি করতে বাধ্য হয়। 20 সুতরাং, বিধান পালন করে কোনো ব্যক্তিই তাঁর দৃষ্টিতে ধার্মিক ঘোষিত হবে না, বরং, বিধানের মাধ্যমে আমরা পাপ সম্পর্কে সচেতন হয়ে উঠি।
-
8 অবশেষে বলি, ভাইবোনেরা, যা কিছু সত্য, যা কিছু মহান, যা কিছু যথার্থ, যা কিছু বিশুদ্ধ, যা কিছু আদরণীয়, যা কিছু আকর্ষণীয়—যদি কোনো কিছু উৎকৃষ্ট বা প্রশংসার যোগ্য হয়—তোমরা সেই সমস্ত বিষয়ের চিন্তা করো। 9 তোমরা আমার কাছ থেকে যা শিক্ষা পেয়েছ, যা কিছু পেয়েছ, যা কিছু শুনেছ বা আমার মধ্যে দেখেছ, সেসব অনুশীলন করো। তাহলে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে অবস্থিতি করবেন।
-
17 অতএব, কেউ যদি খ্রীষ্টে থাকে, সে এক নতুন সৃষ্টি; পুরোনো বিষয় সব অতীত হয়েছে, দেখো সব নতুন হয়ে উঠেছে। 18 এসবই ঈশ্বর থেকে হয়েছে, যিনি খ্রীষ্টের মাধ্যমে তাঁর নিজের সঙ্গে আমাদের পুনর্মিলিত করেছেন এবং পুনর্মিলনের সেই পরিচর্যা আমাদের দিয়েছেন। 19 তা হল এই যে, ঈশ্বর জগৎকে খ্রীষ্টের মাধ্যমে তাঁর সঙ্গে পুনর্মিলিত করছিলেন, মানুষের পাপসকল আর তাদের বিরুদ্ধে গণ্য করেননি। আর সেই পুনর্মিলনের বার্তা ঘোষণা করা তিনি আমাদের উপর ন্যস্ত করেছেন। 20 অতএব, আমরা খ্রীষ্টের রাজদূত, ঈশ্বর যেন আমাদের মাধ্যমে তাঁর আবেদন জানাচ্ছিলেন। আমরা খ্রীষ্টের পক্ষে তোমাদের কাছে এই মিনতি করছি, ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হও।
-
6 আমি আশ্চর্য বোধ করছি যে, যিনি তোমাদের খ্রীষ্টের অনুগ্রহে আহ্বান করেছেন, তাঁকে তোমরা এত শীঘ্র ছেড়ে দিয়ে, অন্য এক সুসমাচারের দিকে ঝুঁকে পড়েছ— 7 যা আসলে কোনো সুসমাচারই নয়। স্পষ্টত, কিছু লোক তোমাদের বিভ্রান্ত করছে এবং খ্রীষ্টের সুসমাচারকে বিকৃত করার চেষ্টা করছে। 8 কিন্তু যে সুসমাচার আমরা তোমাদের কাছে প্রচার করেছিলাম, তা ছাড়া অন্য কোনো সুসমাচার যদি আমরা বা স্বর্গ থেকে আগত কোনো দূতও প্রচার করে, তাহলে সে চিরকালের জন্য অভিশপ্ত হোক। 9 যেমন আমরা এর আগে বলেছি, তেমনই আমি এখন আবার বলছি, তোমরা যে সুসমাচার গ্রহণ করেছ, তা ছাড়া অন্য কোনও সুসমাচার কেউ যদি প্রচার করে, তাহলে সে চিরকালের জন্য অভিশপ্ত হোক।
-
1 ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের দাস, আমি যাকোব,
বিভিন্ন দেশে বিক্ষিপ্ত অবস্থায় থাকা ইস্রায়েলের বারো গোষ্ঠীর উদ্দেশে:
শুভেচ্ছা।
2 হে আমার ভাইবোনেরা, যখনই তোমরা বিভিন্ন প্রকারের পরীক্ষার সম্মুখীন হও, সেগুলিকে নির্মল আনন্দের বিষয় বলে মনে করো, 3 কারণ তোমরা জানো যে, তোমাদের বিশ্বাসের পরীক্ষা ধৈর্য উৎপন্ন করে। 4 ধৈর্যকে অবশ্যই তার কাজ শেষ করতে হবে, যেন তোমরা পরিপক্ব ও সম্পূর্ণ হয়ে উঠতে পারো, কোনো বিষয়ের অভাব তোমাদের না থাকে। 5 তোমাদের কারও যদি প্রজ্ঞার অভাব থাকে, সে ঈশ্বরের কাছে তা চাইবে, যিনি কোনও ত্রুটি না ধরে উদারভাবে সকলকে দান করে থাকেন, আর তাকে তা দেওয়া হবে।
-
1 ধিক্ তাদের, যারা সাহায্যের জন্য মিশরে নেমে যায়,
যারা অশ্বদের উপরে নির্ভর করে,
যারা তাদের রথবাহুল্যের উপরে
এবং তাদের অশ্বারোহীদের মহাশক্তির উপর আস্থা রাখে,
কিন্তু ইস্রায়েলের পবিত্রতমজনের প্রতি দৃষ্টি করে না,
অথবা সদাপ্রভুর কাছে সাহায্য নেয় না।
2 কিন্তু সদাপ্রভু জ্ঞানবান, তিনিও বিপর্যয় নিয়ে আসতে পারেন,
তিনি তাঁর কথা ফেরত নেন না।
তিনি দুষ্টদের বংশের বিরুদ্ধে উঠে দাঁড়াবেন,
তাদের বিরুদ্ধে দাঁড়াবেন, যারা অন্যায় কর্মকারীদের সাহায্য করে।
3 কিন্তু ওই মিশরীয়েরা মানুষ, তারা ঈশ্বর নয়;
তাদের অশ্বেরা মাংসবিশিষ্ট, তারা আত্মা নয়।
সদাপ্রভু যখন তাঁর হাত বাড়ান,
যে সাহায্য করে, সে হোঁচট খাবে,
যারা সাহায্য পায়, তাদের পতন হবে;
তারা একইসঙ্গে বিনষ্ট হবে।
-
12 আমরা জগতের আত্মাকে লাভ করিনি, কিন্তু লাভ করেছি সেই আত্মাকে, যিনি ঈশ্বর থেকে নির্গত হয়েছেন, যেন আমরা বুঝতে পারি, ঈশ্বর বিনামূল্যে আমাদের কী দান করেছেন। 13 আমরা একথাই বলি, মানুষের জ্ঞান দ্বারা আমাদের শেখানো ভাষায় নয়, কিন্তু পবিত্র আত্মার দ্বারা শেখানো ভাষায়, যা আত্মিক বিভিন্ন সত্যকে আত্মিক ভাষায় ব্যক্ত করে। 14 প্রাকৃতিক মানুষ ঈশ্বরের আত্মা থেকে আগত বিষয়গুলি গ্রহণ করতে পারে না, কারণ সেসব তার কাছে মূর্খতা। সে সেগুলি বুঝতেও পারে না, কারণ সেগুলিকে আত্মিকভাবে বিচার-বিশ্লেষণ করতে হয়। 15 আত্মিক চেতনা সম্পন্ন মানুষ সব বিষয়েরই বিচার করে, কিন্তু সে স্বয়ং কোনো মানুষের বিচারাধীন হয় না।
-
14 সকলের সঙ্গে শান্তিতে বসবাস করতে ও পবিত্র হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করো। পবিত্রতা ব্যতিরেকে কেউ প্রভুর দর্শন পাবে না। 15 সতর্ক থেকো, কেউ যেন ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত না হয়। দেখো, তিক্ততার কোনো মূল যেন অঙ্কুরিত হয়ে সমস্যার সৃষ্টি না করে ও অনেককে কলুষিত না করে।
-
3 আমরা যদি তাঁর আদেশ পালন করি, তাহলেই বুঝতে পারব যে আমরা তাঁকে জেনেছি। 4 যে ব্যক্তি বলে, “আমি তাঁকে জানি,” কিন্তু তাঁর আদেশ পালন করে না, সে মিথ্যাচারী, তার অন্তরে সত্য নেই। 5 কিন্তু যে তাঁর বাক্য পালন করে, তার অন্তরে ঈশ্বরের প্রেম প্রকৃত অর্থেই পূর্ণতা লাভ করেছে। এভাবেই আমরা জানতে পারি যে, আমরা তাঁর মধ্যে আছি। 6 তাঁর মধ্যে বাস করছে বলে যে দাবি করে, সে অবশ্যই তেমন জীবনাচরণ করবে ঠিক যেমন যীশু করতেন।
-
5 ধার্মিকতার বলি উৎসর্গ করো
এবং সদাপ্রভুতে বিশ্বাস করো।
-
দাউদের গীত।
1 হে সদাপ্রভু, আমার ঈশ্বর,
আমি তোমাতেই আস্থা রাখি।
2 আমি তোমাতে আস্থা রাখি;
আমাকে লজ্জিত হতে দিয়ো না।
আমার উপর আমার শত্রুদের জয়লাভ করতে দিয়ো না।
3 যারা তোমার উপর আশা রাখে,
তারা কখনও লজ্জিত হবে না,
কিন্তু যারা অকারণে বিশ্বাসঘাতকতা করে
তারা লজ্জার পাত্র হবে।
4 হে সদাপ্রভু, তোমার পথসকল আমাকে দেখাও,
তোমার পন্থাসকল আমায় শেখাও।
5 তোমার সত্যের পথে আমাকে চালাও ও শিক্ষা দাও,
কারণ তুমিই আমার ঈশ্বর, আমার পরিত্রাতা,
এবং সারাদিন আমি তোমারই প্রত্যাশায় থাকি।
-
7 সদাপ্রভু আমার শক্তি ও আমার ঢাল;
আমার হৃদয় তাঁর উপর আস্থা রাখে এবং তিনি আমাকে সাহায্য করেন।
আমার হৃদয় আনন্দে উল্লসিত
এবং গানের মাধ্যমে আমি তাঁর প্রশংসা করব।
-
4 কিন্তু তাদের প্রতিমাগুলি রুপো ও সোনা দিয়ে তৈরি,
মানুষের হাতে গড়া।
5 তাদের মুখ আছে, কিন্তু তারা কথা বলতে পারে না,
চোখ আছে, কিন্তু তারা দেখতে পায় না।
6 তাদের কান আছে, কিন্তু তারা শুনতে পায় না,
নাক আছে, কিন্তু তারা গন্ধ পায় না।
7 হাত আছে, কিন্তু তারা অনুভব করতে পারে না,
পা আছে, কিন্তু তারা চলতে পারে না,
এমনকি তারা মুখ দিয়ে একটি শব্দও উচ্চারণ করতে পারে না।
8 যারা প্রতিমা তৈরি করে তারা তাদের মতোই হবে,
আর যারা সেগুলির উপর আস্থা রাখে তারাও তেমনই হবে।
9 হে ইস্রায়েল, সদাপ্রভুর উপর আস্থা রাখো—
তিনি তাদের সহায় ও ঢাল।
10 হে হারোণের কুল, সদাপ্রভুর উপর আস্থা রাখো—
তিনি তাদের সহায় ও ঢাল।
11 তোমরা যারা তাঁকে সম্ভ্রম করো, সদাপ্রভুর উপর আস্থা রাখো—
তিনি তাদের সহায় ও ঢাল।
-
16 “কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে, তিনি তাঁর একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাঁকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। 17 কারণ জগতের বিচার করতে ঈশ্বর তাঁর পুত্রকে জগতে পাঠাননি, কিন্তু তাঁর মাধ্যমে জগৎকে উদ্ধার করতেই পাঠিয়েছিলেন।
-
28 আর আমরা জানি যে, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তাঁর ইচ্ছা অনুসারে আহূত, তিনি সব বিষয়ে তাদের মঙ্গলসাধনের জন্য কাজ করেন। 29 কারণ ঈশ্বর যাদের পূর্ব থেকে জানতেন, তিনি তাদের তাঁর পুত্রের প্রতিমূর্তির সাদৃশ্য দান করবেন বলে নির্দিষ্ট করে রেখেছিলেন, যেন তিনি অনেক ভাইয়ের মধ্যে প্রথমজাত হন। 30 আবার যাদের তিনি পূর্ব থেকে নির্দিষ্ট করেছিলেন, তাদের তিনি আহ্বানও করলেন, যাদের আহ্বান করলেন, তিনি তাদের নির্দোষ প্রতিপন্ন করলেন, আর যাদের নির্দোষ প্রতিপন্ন করলেন, তাদের মহিমান্বিতও করলেন।
-
1 এখন বিশ্বাস হল, যা আমরা আশা করি, সে বিষয়ের নিশ্চয়তা এবং যা আমরা দেখতে পাই না, তার অস্তিত্ব সম্পর্কে সুনিশ্চিত হওয়া।
-
5 তুমি তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে। 6 এসব আদেশ যা আজ আমি তোমাদের দিচ্ছি তা যেন তোমাদের অন্তরে থাকে। 7 তোমাদের সন্তানদের তোমরা সেগুলি বারবার শেখাবে। ঘরে বসে থাকার সময় ও যখন তোমরা পথে চলবে, শোবার সময় ও যখন ঘুম থেকে উঠবে তাদের সেই সময় বলবে।
-
5 কিন্তু আমি তোমার অবিচল প্রেমে বিশ্বাস করি,
আমার প্রাণ তোমার পরিত্রাণে উল্লাস করে।
6 আমি সদাপ্রভুর প্রশংসা করব,
কারণ তিনি আমার মঙ্গল করেছেন।
-
6 নিশ্চয় সে কখনও বিচলিত হবে না;
কিন্তু ধার্মিককে চিরকাল মনে রাখা হবে।
7 অশুভ সংবাদে সে ভয় করবে না;
তার হৃদয় অবিচল, তা সদাপ্রভুতে আস্থা রাখে।
-
7 হে সদাপ্রভু, আমাকে তাড়াতাড়ি উত্তর দাও;
কারণ আমার আত্মা ক্ষীণ হচ্ছে।
তোমার মুখ আমার কাছ থেকে লুকিয়ে রেখো না
নতুবা আমি তাদের মতো হব যাদের মৃত্যু হয়েছে।
8 প্রতিদিন সকালে তোমার অবিচল প্রেমের বাক্য শোনাও,
কারণ আমি তোমার উপর আস্থা রেখেছি।
যে পথে আমার চলা উচিত তা আমাকে দেখাও,
কারণ আমি তোমাতে আমার জীবন গচ্ছিত রেখেছি।
-
29 তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন,
দুর্বলের শক্তিবৃদ্ধি করেন।
30 এমনকি, যুবকেরাও শ্রান্ত ও ক্লান্ত হয়,
তরুণেরা হোঁচট খেয়ে পতিত হয়;
31 কিন্তু যারা সদাপ্রভুতে প্রত্যাশা রাখে,
তারা তাদের শক্তি নবায়িত করবে।
তারা ঈগল পাখির মতোই ডানা মেলবে,
তারা দৌড়াবে, কিন্তু ক্লান্ত হবে না,
তারা চলাফেরা করবে, কিন্তু মূর্ছিত হবে না।
-
19 আর আমার ঈশ্বর খ্রীষ্ট যীশুতে স্থিত তাঁর গৌরবময় ধন অনুযায়ী তোমাদের সব প্রয়োজন পূর্ণরূপে মিটিয়ে দেবেন।
-
14 কিন্তু তুমি যা শিখেছ এবং বিশ্বাস করেছ, তা পালন করে চলো। কারণ, তুমি জানো যে তুমি কাদের কাছে শিক্ষা পেয়েছ, 15 এবং ছোটোবেলা থেকে কীভাবে পবিত্র শাস্ত্র জেনেছ, তাও তুমি জানো। সে সবকিছু খ্রীষ্ট যীশুতে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণের জন্য তোমাকে বিজ্ঞ করে তুলতে সক্ষম। 16 সমস্ত শাস্ত্রলিপি ঈশ্বর-নিশ্বসিত এবং শিক্ষা, তিরস্কার, সংশোধন ও ধার্মিকতায় প্রশিক্ষণের জন্য উপযোগী, 17 যেন ঈশ্বরের লোক পরিপক্ব ও সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়।
-
14 তাহলে, প্রিয় বন্ধুরা, তোমরা যেহেতু এরই প্রতীক্ষা করে আছ তাই সব ধরনের প্রয়াস করো, যেন তোমাদের নিষ্কলঙ্ক ও নির্দোষ অবস্থায় ও শান্তিতে তাঁর কাছে দেখতে পাওয়া যায়। 15 মনে রাখবে, আমাদের প্রভুর দীর্ঘসহিষ্ণুতা মানুষকে পরিত্রাণ পাওয়ার সুযোগ দেয়। আমাদের প্রিয় ভাই পৌলও ঈশ্বরের দেওয়া জ্ঞান ব্যবহার করে তোমাদের একথা লিখেছেন। 16 তিনি তাঁর সব পত্রেই এভাবে লিখেছেন এবং সেগুলির মধ্যে এসব বিষয়ের উল্লেখ থাকে। তাঁর পত্রগুলির মধ্যে এমন কতগুলি বিষয় থাকে, যেগুলি বুঝে ওঠা কষ্টকর। অজ্ঞ ও চঞ্চল লোকেরা শাস্ত্রের অন্যান্য বাণীর মতো এগুলিও বিকৃত করে ও নিজেদের সর্বনাশ ডেকে আনে।
17 তাই প্রিয় বন্ধুরা, যেহেতু তোমরা এ বিষয় আগে থেকেই জানো, সতর্ক থেকো, যেন তোমরা স্বেচ্ছাচারী মানুষদের ভুল পথে ভেসে যেয়ো না ও তোমাদের নিরাপদ অবস্থান থেকে বিপথ না যাও।
-
5 এই বাণী আমরা তাঁর কাছ থেকে শুনে তোমাদের কাছে ঘোষণা করছি: ঈশ্বর জ্যোতি; তাঁর মধ্যে অন্ধকারের লেশমাত্র নেই। 6 তাঁর সঙ্গে আমাদের সহভাগিতা আছে, এমন দাবি করেও যদি অন্ধকারে চলি, তবে আমরা মিথ্যা কথা বলি এবং সত্যে জীবনযাপন করি না। 7 কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন আমরাও যদি তেমন জ্যোতিতে জীবন কাটাই, তাহলে পরস্পরের সঙ্গে আমাদের সহভাগিতা আছে এবং তাঁর পুত্র যীশুর রক্ত সব পাপ থেকে আমাদের শুচিশুদ্ধ করে।
8 আমরা যদি নিজেদের নিষ্পাপ বলে দাবি করি, তাহলে আমরা নিজেদের প্রতারণা করি এবং সত্য আমাদের মধ্যে বাস করে না। 9 আমরা যদি আমাদের পাপস্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ, তাই তিনি আমাদের সব পাপ ক্ষমা করে সমস্ত অধার্মিকতা থেকে শুচিশুদ্ধ করবেন। 10 যদি আমরা বলি যে আমরা পাপ করিনি, আমরা তাঁকে মিথ্যাবাদী প্রতিপন্ন করি এবং আমাদের জীবনে তাঁর বাক্যের কোনও স্থান নেই।
-
15 জগৎকে বা জাগতিক কোনো কিছুই তোমরা ভালোবেসো না। কেউ যদি জগৎকে ভালোবাসে, তাহলে পিতার প্রেম তার অন্তরে নেই। 16 কারণ এ জগতের সমস্ত বিষয়—শারীরিক অভিলাষ, চোখের অভিলাষ ও জীবনের অহংকার—পিতা থেকে নয়, কিন্তু জগৎ থেকে আসে।
-
14 কিন্তু হে সদাপ্রভু, আমি তোমাতে আস্থা রাখি;
আমি বলি, “তুমিই আমার ঈশ্বর।”
15 আমার সময় তোমারই হাতে;
আমার শত্রুদের হাত থেকে আমাকে উদ্ধার করো,
যারা আমাকে তাড়া করে।
-
10 দুষ্টের অনেক দুর্দশা হয়,
কিন্তু সদাপ্রভুর অবিচল প্রেম
সেই ব্যক্তিকে ঘিরে রাখে যে তাঁর উপর নির্ভর করে।
11 হে ধার্মিক, সদাপ্রভুতে আনন্দ করো ও উল্লাস করো;
তোমরা যারা অন্তরে ন্যায়পরায়ণ, আনন্দধ্বনি করো।
-
8 কিন্তু আমি, ঈশ্বরের গৃহে,
উদীয়মান জলপাই গাছের মতো;
যুগ যুগান্ত ধরে
ঈশ্বরের অবিচল প্রেমে আস্থা রাখি।
-
25 মানুষের ভয় ফাঁদ হয়ে দাঁড়ায়,
কিন্তু যে সদাপ্রভুতে নির্ভর করে সে নিরাপদ থাকে।
-
2 নিশ্চয়ই ঈশ্বর আমার পরিত্রাণ;
আমি আস্থা রাখব ও ভয় পাব না।
সদাপ্রভু, সদাপ্রভুই আমার শক্তি ও আমার গান;
তিনি আমার পরিত্রাণ হয়েছেন।”
-
13 ভাইবোনেরা, আমরা চাই না যে, যারা নিদ্রাগত হয়েছে, তাদের সম্পর্কে তোমরা অজ্ঞ থাকো বা যাদের প্রত্যাশা নেই, তাদের মতো দুঃখে ভারাক্রান্ত হও। 14 কারণ আমরা বিশ্বাস করি, যীশু মৃত্যুবরণ করেছিলেন এবং পুনরুত্থিত হয়েছেন। তাই আমাদের বিশ্বাস যে, যীশুতে যারা নিদ্রাগত হয়েছে, ঈশ্বর তাঁর সঙ্গে তাদেরও নিয়ে আসবেন। 15 প্রভুর নিজের কথা অনুসারে আমরা তোমাদের বলছি যে, আমরা যারা বেঁচে আছি, প্রভুর আগমন পর্যন্ত যারা অবশিষ্ট থাকব, তারা নিদ্রাগতদের আগে কিছুতেই যেতে পারব না। 16 কারণ প্রভু স্বয়ং উচ্চধ্বনির সঙ্গে, প্রধান স্বর্গদূতের উচ্চ রব এবং ঐশ্বরিক তূরীধ্বনির আহ্বানের সঙ্গে স্বর্গ থেকে অবতরণ করবেন এবং খ্রীষ্টে যারা মৃত্যুবরণ করেছে, প্রথমে তারা উত্থাপিত হবে। 17 এরপর, আমরা যারা জীবিত আছি, যারা অবশিষ্ট থাকব, আমরা প্রভুর সঙ্গে অন্তরীক্ষে মিলিত হওয়ার জন্য তাদের সঙ্গে মেঘযোগে উন্নীত হব। আর এইভাবে আমরা চিরকাল প্রভুর সঙ্গে থাকব। 18 সেইজন্য, এসব কথা বলে তোমরা পরস্পরকে আশ্বাস দাও।
-
28 যারা তাদের ধনদৌলতের উপর নির্ভর করে তাদের পতন হবে,
কিন্তু ধার্মিকেরা গাছের সবুজ পাতার মতো উন্নতি লাভ করবে।
-
20 যে শিক্ষায় মনোযোগ দেয় সে উন্নতি লাভ করে,
ও ধন্য সে, যে সদাপ্রভুতে নির্ভর করে।
-
25 লোভী মানুষেরা বিবাদ জাগিয়ে তোলে,
কিন্তু যারা সদাপ্রভুতে নির্ভর করে তারা উন্নতি লাভ করবে।
-
26 যারা নিজেদের উপর নির্ভর করে তারা মূর্খ,
কিন্তু যারা জ্ঞানের পথে চলে তারা নিরাপদ থাকবে।
-
16 তাই সার্বভৌম সদাপ্রভু একথা বলেন:
“দেখো, আমি সিয়োনে এক পাথর স্থাপন করি, সেটি এক পরীক্ষিত পাথর,
সুদৃঢ় ভিত্তির জন্য তা এক মহামূল্যবান কোণের পাথর;
যে বিশ্বাস করে,
সে কখনও আতঙ্কগ্রস্ত হবে না।
-
1 সদাপ্রভু ঘোষণা করছেন,
“ধিক্ সেই একগুঁয়ে ছেলেমেয়েরা,
যারা বিভিন্ন পরিকল্পনা করে, যেগুলি আমার নয়,
তারা এক মৈত্রীচুক্তি করে, যা আমার নিজের নয়,
তারা পাপের উপরে পাপ ডাঁই করে।
2 তারা আমার সঙ্গে পরামর্শ না করে
মিশরে নেমে যায়;
যারা ফরৌণের সহায়তার অপেক্ষায় থাকে,
মিশরের ছত্রচ্ছায়ায় খোঁজে আশ্রয়স্থান।
3 কিন্তু ফরৌণের সুরক্ষা-ব্যবস্থা তোমাদের লজ্জার কারণ হবে,
মিশরের ছত্রচ্ছায়া তোমাদের অপমানস্বরূপ হবে।
-
19 “তোমরা নিজেদের জন্য পৃথিবীতে ধন সঞ্চয় কোরো না। এখানে কীটপতঙ্গ ও মরচে তা নষ্ট করে এবং চোর সিঁধ কেটে চুরি করে। 20 কিন্তু নিজেদের জন্য স্বর্গে ধন সঞ্চয় করো, যেখানে কীটপতঙ্গ ও মরচে তা নষ্ট করতে পারে না এবং চোরেও সিঁধ কেটে চুরি করতে পারে না। 21 কারণ যেখানে তোমাদের ধন থাকবে, সেখানেই তোমাদের মন পড়ে থাকবে।
-
8 “ ‘এই লোকেরা তাদের ওষ্ঠাধরে আমাকে সম্মান করে,
কিন্তু তাদের হৃদয় থাকে আমার থেকে বহুদূরে।
9 বৃথাই তারা আমার উপাসনা করে;
তাদের শিক্ষামালা বিভিন্ন মানুষের শেখানো নিয়মবিধি মাত্র।’ ”
-
17 সে চিন্তা করল, ‘আমি কী করব? এত ফসল মজুত করার মতো কোনো জায়গা আমার নেই।’
18 “তারপর সে বলল, ‘আমি এক কাজ করব, আমার গোলাঘরগুলি ভেঙে আমি বড়ো বড়ো গোলাঘর নির্মাণ করব। সেখানে আমার সমস্ত ফসল আর অন্যান্য দ্রব্যসামগ্রী মজুত করব। 19 তারপর নিজেকে বলব, “তুমি বহু বছরের জন্য অনেক ভালো ভালো জিনিস মজুত করেছ। এবার জীবনকে সহজভাবে নাও; খাওয়াদাওয়া ও আমোদ স্ফূর্তি করো।” ’
20 “কিন্তু ঈশ্বর তাকে বললেন, ‘মূর্খ! আজ রাতেই তোমার প্রাণ তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। তাহলে, তোমার নিজের জন্য যে আয়োজন করে রেখেছ, তখন কে তা ভোগ করবে?’
-
6 যীশু উত্তর দিলেন, “আমিই পথ ও সত্য ও জীবন। আমার মাধ্যমে না এলে, কোনো মানুষই পিতার কাছে আসতে পারে না।
-
37 বার্ণবা চাইলেন যোহনকে সঙ্গে নিতে, যাকে মার্ক বলেও ডাকা হত। 38 কিন্তু পৌল তাঁকে নেওয়া উপযুক্ত হবে বলে মনে করলেন না, কারণ তিনি পাম্ফুলিয়ায় তাঁদের সঙ্গ ত্যাগ করে চলে গিয়েছিল, তাদের কাজে সহায়তা করেনি। 39 এতে তাঁদের মধ্যে মতবিরোধ এমন তীব্র আকার ধারণ করল যে, তাঁরা পৃথকভাবে যাত্রা করলেন। বার্ণবা মার্ককে সঙ্গে নিয়ে জাহাজে করে সাইপ্রাসের পথে যাত্রা করলেন,
-
17 সুতরাং, সুসমাচারের প্রচার শুনে বিশ্বাস উৎপন্ন হয় ও প্রচার হয় খ্রীষ্টের বাক্য দ্বারা।
-
17 এই বর্তমান জগতে যারা ধনবান, তাদের আদেশ দাও, তারা যেন উদ্ধত না হয়, তাদের অনিশ্চিত সম্পদের উপরে তারা যেন আশাভরসা না করে, কিন্তু ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখে, যিনি আমাদের উপভোগের জন্য সবকিছুই সম্পূর্ণরূপে জুগিয়ে দেন।
-
7 কারণ ঈশ্বর আমাদের ভীরুতার আত্মা দেননি, কিন্তু দিয়েছেন পরাক্রম, প্রেম ও সুবুদ্ধির আত্মা।
-
11 কোনো শাসনই তাৎক্ষণিক আনন্দদায়ক মনে হয় না, বরং যন্ত্রণাদায়ক মনে হয়। যাই হোক, পরবর্তীকালে, যারা এর মধ্য দিয়ে শিক্ষা লাভ করেছে, তা তাদের জন্য ধার্মিকতার ও শান্তির ফসল উৎপন্ন করে।
-
17 কারণ ঈশ্বরের গৃহেই বিচারের সময় আরম্ভ হল, আর তা যদি আমাদের দিয়ে শুরু হয়, তাহলে যারা ঈশ্বরের সুসমাচারের অবাধ্য, তাদের পরিণতি কী হবে? 18 আবার,
“পরিত্রাণ লাভ যদি ধার্মিকদেরই কষ্টসাধ্য হয়,
তাহলে ভক্তিহীন ও পাপীদের কী হবে?”
19 তাহলে, সেই কারণে যারা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কষ্টভোগ করে, তারা তাদের বিশ্বস্ত সৃষ্টিকর্তার কাছে নিজেদের সমর্পণ করুক ও সৎকর্ম করে যাক।
-
13 যারা ঈশ্বরকে ভুলে যায়, তাদেরও এই গতি হয়;
অধার্মিকদের আশাও এভাবে বিনষ্ট হয়।
14 তারা যার উপরে নির্ভর করে তা ভঙ্গুর;
যার উপরে তারা ভরসা করে তা মাকড়সার এক জাল।
15 তারা জালের উপরে হেলান দেয়, কিন্তু তা সরে যায়;
তারা তা জড়িয়ে ধরে থাকে, কিন্তু তা ধরে রাখতে পারে না।
-
31 মূল্যহীন কোনো কিছুতে আস্থা স্থাপন করে সে নিজেকে প্রতারিত না করুক,
যেহেতু তার পরিবর্তে সে কিছুই পাবে না।
-
2 সদাপ্রভু আমার শৈল, আমার উচ্চদুর্গ, আমার উদ্ধারকর্তা;
আমার ঈশ্বর আমার শৈল, আমি তাঁর শরণাগত,
আমার ঢাল, আমার পরিত্রাণের শিং, আমার আশ্রয় দুর্গ।
3 আমি সদাপ্রভুকে ডাকলাম, যিনি প্রশংসার যোগ্য,
এবং আমি শত্রুদের হাত থেকে উদ্ধার পেয়েছি।
-
4 আমাদের পূর্বপুরুষেরা তোমাতে আস্থা রেখেছিলেন;
তাঁরা আস্থা রেখেছিলেন, আর তুমি তাঁদের উদ্ধার করেছিলে।
5 তোমার কাছেই তাঁরা কেঁদেছিলেন ও পরিত্রাণ পেয়েছিলেন;
তোমার উপরেই তাঁরা নির্ভর করেছিলেন আর তাঁরা লজ্জিত হননি।
-
11 ঈশ্বরে আমি আস্থা রাখি আর ভীত হই না।
মানুষ আমার কী করতে পারে?
-
17 কিন্তু যারা প্রতিমাদের উপরে নির্ভর করে,
যারা প্রতিমাদের কাছে বলে, ‘তোমরা আমাদের দেবতা,’
চরম লজ্জায় তাদের ফিরিয়ে দেওয়া হবে।
-
9 নিজেদের ধার্মিকতার প্রতি যাদের আস্থা ছিল ও অন্যদের যারা হীনদৃষ্টিতে দেখত, যীশু এই রূপক কাহিনিটি তাদের বললেন: 10 “দুই ব্যক্তি প্রার্থনার জন্য মন্দিরে গেল; একজন ফরিশী ও অন্যজন কর আদায়কারী। 11 ফরিশী দাঁড়িয়ে নিজের বিষয়ে প্রার্থনা করল, ‘হে ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ জানাই, কারণ আমি কোনো দস্যু, দুর্বৃত্ত, ব্যভিচারী, এমনকি, ওই কর আদায়কারী, বা অন্য লোকের মতো নই। 12 আমি সপ্তাহে দু-দিন উপোস করি এবং যা আয় করি, তার এক-দশমাংশ দান করি।’
13 “কিন্তু কর আদায়কারী দূরে দাঁড়িয়ে রইল। এমনকি, সে স্বর্গের দিকে তাকাতে পর্যন্ত পারল না। সে তার বুক চাপড়ে বলতে লাগল, ‘হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি কৃপা করো।’
14 “আমি তোমাদের বলছি, এই ব্যক্তি ঈশ্বরের কাছে ধার্মিক গণ্য হয়ে ঘরে ফিরে গেল, কিন্তু অন্যজন নয়। কারণ যে কেউ নিজেকে উন্নত করে, তাকে নত করা হবে, আর যে কেউ নিজেকে নত করে তাকে উন্নত করা হবে।”
-
5 বিধানের দ্বারা যে ধার্মিকতা সে সম্পর্কে মোশি এভাবে বর্ণনা করেছেন: “যে ব্যক্তি এইসব পালন করবে, সে এগুলির দ্বারা জীবিত থাকবে।” 6 কিন্তু বিশ্বাস দ্বারা যে ধার্মিকতা, তা বলে, “তুমি তোমার মনে মনে বোলো না, ‘কে স্বর্গে আরোহণ করবে?’ ” (অর্থাৎ, খ্রীষ্টকে নামিয়ে আনার জন্য), 7 “অথবা, ‘কে অতলে নেমে যাবে?’ ” (অর্থাৎ, খ্রীষ্টকে মৃতলোক থেকে তুলে আনার জন্য)। 8 কিন্তু এ কী কথা বলে? “সেই বাক্য তোমাদের খুব কাছেই আছে; তা তোমাদের মুখে ও তোমাদের হৃদয়ে রয়েছে,” এর অর্থ, বিশ্বাসেরই এই বার্তা আমরা ঘোষণা করছি: 9 যদি তুমি “যীশুই প্রভু,” বলে মুখে স্বীকার করো ও হৃদয়ে বিশ্বাস করো যে, ঈশ্বর তাঁকে মৃতলোক থেকে উত্থাপিত করেছেন, তাহলে তুমি পরিত্রাণ পাবে। 10 কারণ হৃদয়েই তুমি বিশ্বাস করো ও ধার্মিক বলে গণ্য হও এবং তোমার মুখে তা স্বীকার করো ও পরিত্রাণ পাও। 11 শাস্ত্র যেমন বলে, “যে কেউ তাঁর উপরে বিশ্বাস করে, সে কখনও লজ্জিত হবে না।” 12 কারণ ইহুদি ও অইহুদির মধ্যে কোনও পার্থক্য নেই; সেই একই প্রভু সকলের প্রভু এবং যতজন তাঁকে ডাকে, তাদের সকলকে তিনি পর্যাপ্ত আশীর্বাদ করেন। 13 কারণ, “যে কেউ প্রভুর নামে ডাকবে, সেই পরিত্রাণ পাবে।”
-
22 কিন্তু পবিত্র আত্মার ফল হল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, পরোপকারিতা, বিশ্বস্ততা, 23 বিনম্রতা ও আত্মসংযম। এসব বিষয়ের বিরুদ্ধে কোনও বিধান নেই।
-
12 এই জন্যই আমি এত দুঃখকষ্ট ভোগ করছি। তবুও আমি লজ্জিত নই, কারণ যাঁকে আমি বিশ্বাস করেছি, তাঁকে জানি এবং আমার নিশ্চিত যে, সেই মহাদিনের জন্য আমি তাঁর কাছে যা গচ্ছিত রেখেছি, তিনি তা রক্ষা করতে সমর্থ।
-
8 যীশু খ্রীষ্ট কাল যেমন ছিলেন, আজও তেমনি আছেন এবং চিরকাল একই থাকবেন।
-
6 সেই কারণে, ঈশ্বরের পরাক্রমী হাতের নিচে, নিজেদের নতনম্র করো, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদের উন্নত করেন। 7 তোমাদের সমস্ত দুশ্চিন্তার ভার তাঁরই উপরে দিয়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন।
-
7 আমার পরিত্রাণ ও আমার সম্মান ঈশ্বরের কাছ থেকে আসে;
তিনি আমার শক্তিশালী শৈল, আমার আশ্রয়।
8 হে আমার ভক্তেরা, তাঁর উপর নিয়ত আস্থা রাখো;
তাঁরই কাছে তোমাদের হৃদয় ঢেলে দাও,
কারণ ঈশ্বর আমাদের আশ্রয়।
-
3 তোমরা অধিপতিদের উপর আস্থা রেখো না,
মানুষের উপর রেখো না, যারা রক্ষা করতে পারে না।
-
5 “ঈশ্বরের প্রত্যেকটি বাক্য নিখুঁত;
যারা তাঁতে আশ্রয় নেয় তাদের কাছে তিনি এক ঢাল।
-
28 তখন নেবুখাদনেজার বললেন, “শদ্রক, মৈশক ও অবেদনগোর ঈশ্বরের প্রশংসা হোক, যিনি নিজের দূত পাঠিয়ে তাঁর দাসদের রক্ষা করেছেন! তারা তাদের ঈশ্বরে আস্থা রেখেছে এবং রাজার আদেশ অমান্য করেছে। এমনকি নিজেদের আরাধ্য ঈশ্বর ছাড়া অন্য দেবতাদের সেবা ও আরাধনা না করে নিজেদের জীবন দিতেও তারা প্রস্তুত ছিল।
-
1 নীকদীম নামে ফরিশী সম্প্রদায়ভুক্ত এক ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন ইহুদি মহাসভার এক সদস্য। 2 তিনি রাত্রিবেলা যীশুর কাছে এসে বললেন, “রব্বি, আমরা জানি আপনি ঈশ্বরের কাছ থেকে আগত একজন শিক্ষাগুরু কারণ ঈশ্বরের সহায়তা ব্যতীত কোনো মানুষ আপনার মতো চিহ্নকাজ সম্পাদন করতে পারে না।”
3 উত্তরে যীশু তাঁকে বললেন, “আমি তোমাকে সত্যি বলছি, নতুন জন্ম লাভ না করলে কেউ ঈশ্বরের রাজ্যের দর্শন পায় না।”
4 নীকদীম তাঁকে জিজ্ঞাসা করলেন, “বয়স্ক মানুষ কীভাবে জন্মগ্রহণ করতে পারে? জন্মগ্রহণের জন্য সে নিশ্চয়ই দ্বিতীয়বার তার মাতৃগর্ভে প্রবেশ করতে পারে না!”
5 যীশু উত্তর দিলেন, “আমি তোমাকে সত্যিই বলছি, জল ও পবিত্র আত্মা থেকে জন্মগ্রহণ না করলে কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না।
-
1 তাহলে, লোকেরা আমাদের অবশ্যই খ্রীষ্টের পরিচারক ও ঈশ্বরের গোপন বিষয়সমূহের ধারক বলে মনে করুক। 2 এখন, যাকে তত্ত্বাবধায়কের দায়িত্ব দেওয়া হয়েছে, তার বিশ্বস্ততা প্রমাণিত হওয়া আবশ্যক। 3 তোমাদের কাছে, কিংবা মানুষের কোনও আদালতে যদি আমার বিচার হয়, আমি তা নগণ্য বিষয় বলেই মনে করি। প্রকৃতপক্ষে, আমি নিজেরও বিচার করি না। 4 আমার বিবেক পরিষ্কার, কিন্তু তা আমাকে নির্দোষ প্রতিপন্ন করে না। যিনি আমার বিচার করেন, তিনি প্রভু।
-
12 ধন্য সেই ব্যক্তি, যে পরীক্ষার মধ্যেও ধৈর্য ধরে, কারণ পরীক্ষা সহ্য করলে সে জীবনমুকুট লাভ করবে, যা দেওয়ার প্রতিশ্রুতি ঈশ্বর তাদের দিয়েছেন, যারা তাঁকে ভালোবাসে।
Shows Read in context, Share and Copy.