50 Bible Verses About Motherly Love
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
25 তিনি শক্তি ও সম্মানে আচ্ছাদিত হন;
আগামী দিনগুলির কথা ভেবে তিনি সশব্দে হাসতে পারেন।
26 তিনি প্রজ্ঞামূলক কথাবার্তা বলেন,
ও তাঁর জিভের ডগায় আন্তরিক নির্দেশ থাকে।
27 তিনি তাঁর পরিবারের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখেন
ও অলসতার রুটি খান না।
28 তাঁর সন্তানেরা উঠে তাঁকে আশীর্বাদধন্যা বলে ডাকে;
তাঁর স্বামীও একই কথা বলেন ও তাঁর প্রশংসা করে বলেন:
29 “অনেক মহিলাই মহৎ মহৎ কাজ করেন,
কিন্তু তুমি সবাইকে ছাপিয়ে গিয়েছ।”
30 লাবণ্য বিভ্রান্তিকর, ও সৌন্দর্য অস্থায়ী;
কিন্তু যে নারী সদাপ্রভুকে ভয় করেন তাঁরই প্রশংসা করতে হবে।
31 তাঁর হাত যা কিছু করেছে, সেসবের জন্য তাঁকে সম্মান জানাও,
ও তাঁর কাজকর্মই নগরদ্বারে তাঁর কাছে প্রশংসা এনে দিক।
-
উপসংহার: উন্নত চরিত্রবিশিষ্ট স্ত্রী
10 কে উন্নত চরিত্রবিশিষ্ট এক স্ত্রী পেতে পারে?
তাঁর মূল্য পদ্মরাগমণির চেয়েও অনেক বেশি।
11 তাঁর উপর তাঁর স্বামীর পূর্ণ আস্থা বজায় থাকে
ও তিনি তাঁর স্বামীর জীবনে ভালো কোনো কিছুর অভাব হতে দেন না।
12 তিনি তাঁর জীবনের সমস্ত দিন
স্বামীর অনিষ্ট নয়, কিন্তু মঙ্গলই সাধন করেন।
-
22 তোমার সেই বাবার কথা শোনো, যিনি তোমাকে জীবন দিয়েছেন,
ও তোমার মায়ের বৃদ্ধাবস্থায় তাঁকে হেয় জ্ঞান কোরো না।
23 সত্য কিনে নাও ও তা বিক্রি কোরো না—
প্রজ্ঞা, শিক্ষা ও দূরদর্শিতাও কিনে নাও।
24 ধার্মিক সন্তানের বাবা খুব আনন্দ পান;
জ্ঞানবান ছেলের জন্মদাতা তাকে নিয়ে আনন্দ করেন।
25 তোমার বাবা ও মা আনন্দ করুন;
যিনি তোমাকে জন্ম দিয়েছেন তিনি উল্লসিতা হোন!
-
13 আকাশমণ্ডল, আনন্দে চিৎকার করো;
পৃথিবী, উল্লসিত হও;
পর্বতমালা সকলে, আনন্দগানে ফেটে পড়ো!
কারণ সদাপ্রভু তাঁর প্রজাদের সান্ত্বনা দিয়েছেন,
তাঁর অত্যাচারিত লোকেদের তিনি সহানুভূতি দেখাবেন।
14 কিন্তু সিয়োন বলল, “সদাপ্রভু আমাকে পরিত্যাগ করেছেন,
প্রভু আমাকে ভুলে গিয়েছেন।”
15 “দুধের শিশুকে কোনো মা কি ভুলতে পারে?
তার গর্ভজাত সন্তানের প্রতি সে কি মমতা করবে না?
সে তাকে ভুলে যেতেও পারে,
কিন্তু আমি তোমাকে ভুলে যাব না!
16 দেখো, তোমার আকৃতি আমার হাতের তালুতে খোদাই করা আছে;
তোমার প্রাচীরগুলি সবসময়ই আমার সামনে আছে।
17 তোমার সন্তানেরা ফিরে আসার জন্য তাড়াতাড়ি করছে,
যারা তোমাকে পরিত্যক্ত স্থান করেছিল, তারা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে।
-
3 সেভাবে, বয়স্ক মহিলাদেরও শিক্ষা দাও, যেন তাঁরা সম্ভ্রমের সঙ্গে জীবনযাপন করেন, যেন পরচর্চায় মত্ত বা মদ্যপানে আসক্ত না হয়ে পড়েন। কিন্তু যা কিছু মঙ্গলজনক, তাঁরা যেন সেই শিক্ষা দেন। 4 তাহলেই তাঁরা তরুণীদের শিক্ষা দিতে পারবেন, যেন তারা তাদের স্বামী ও সন্তানদের ভালোবাসতে পারে; 5 যেন তারা সংযত, শুদ্ধচিত্ত, ঘরের কাজে ব্যস্ত, সদয় ও নিজের নিজের স্বামীর বশ্যতাধীন হয়, যেন কেউ ঈশ্বরের বাক্যের নিন্দা করতে না পারে।
-
13 যেভাবে মা তার শিশুকে সান্ত্বনা দেয়,
তেমনই আমি তোমাদের সান্ত্বনা দেব;
আর তোমরা জেরুশালেমেই সান্ত্বনা লাভ করবে।”
-
12 তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান কোরো, যেন তুমি সেই দেশে দীর্ঘকাল বেঁচে থাকতে পারো, যে দেশ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে দিচ্ছেন।
-
প্রস্তাবনা: সাগ্রহে প্রজ্ঞা গ্রহণ করার পরামর্শ দান
8 হে আমার বাছা, তোমার বাবার উপদেশ শোনো,
আর তোমার মায়ের শিক্ষা ত্যাগ কোরো না।
9 এগুলি এক ফুলমালা হয়ে তোমার মাথার শোভা বাড়াবে
ও এক হার হয়ে তোমার গলাকে সাজিয়ে তুলবে।
-
3 আমি শুদ্ধবিবেকে আমার পূর্বপুরুষদের মতোই যে ঈশ্বরের উপাসনা করি, আমার প্রার্থনায় আমি দিনরাত তোমাকে স্মরণ করে সেই ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে থাকি। 4 তোমার চোখের জলের কথা স্মরণ করে তোমাকে দেখার জন্য আমি আকুল হয়ে উঠেছি, যেন আমি আনন্দে পূর্ণ হয়ে উঠতে পারি। 5 তোমার অকপট বিশ্বাসের কথা আমি স্মরণ করি, যা প্রথমে তোমার দিদিমা লোয়িস ও মা ইউনিসের মধ্যেও ছিল। আমি সুনিশ্চিত, তোমার মধ্যেও এখন তা বর্তমান।
-
1 সন্তানেরা, তোমরা প্রভুতে বাবা-মার বাধ্য হও, কারণ তাই হবে ন্যায়সংগত। 2 “তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান কোরো,” এই হল প্রথম আদেশ, যার সঙ্গে যুক্ত হয়েছে একটি প্রতিশ্রুতি, 3 “যেন তোমার মঙ্গল হয় এবং পৃথিবীতে তুমি দীর্ঘ জীবন উপভোগ করো।”
-
20 আদম তাঁর স্ত্রীর নাম দিলেন হবা, কারণ তিনি হবেন সব জীবন্ত মানুষের মা।
-
6 সন্তানদের এমন এক পথে চলার শিক্ষা দাও যে পথে তাদের চলা উচিত,
ও তারা বৃদ্ধ হয়ে গেলেও সেখান থেকে ফিরে আসবে না।
-
20 হে আমার বাছা, তোমার বাবার আদেশ পালন করো
ও তোমার মায়ের শিক্ষা পরিত্যাগ কোরো না।
21 সেগুলি সর্বক্ষণ তোমার হৃদয়ে গেঁথে রেখো;
তোমার গলার চারপাশে বেঁধে রেখো।
22 তুমি যখন চলাফেরা করবে, তখন সেগুলি তোমাকে পথ দেখাবে;
তুমি যখন ঘুমাবে, তখন সেগুলি তোমাকে পাহারা দেবে;
তুমি যখন জেগে উঠবে, তখন সেগুলি তোমার সাথে কথা বলবে।
23 কারণ এই আদেশটি এক প্রদীপ,
এই শিক্ষাটি এক আলো,
এবং সংশোধন ও উপদেশ—
এগুলি হল জীবনের পথ,
24 যা তোমাকে প্রতিবেশীর স্ত্রী থেকে,
স্বৈরিণী স্ত্রীর স্নিগ্ধ কথাবার্তা থেকে দূরে সরিয়ে রাখবে।
-
15 লাঠি ও তীব্র ভর্ৎসনা প্রজ্ঞা দান করে,
কিন্তু সন্তানকে যদি শাসন না করে ছেড়ে দেওয়া হয় তবে সে তার মায়ের মর্যাদাহানি ঘটায়।
16 দুষ্টেরা যখন সমৃদ্ধশালী হয়, তখন পাপও বৃদ্ধি পায়,
কিন্তু ধার্মিকেরা তাদের সর্বনাশ দেখতে পাবে।
17 তোমার সন্তানদের শাসন করো, ও তারা তোমাকে শান্তি দেবে;
তারা তোমার জীবনে প্রত্যাশিত আনন্দ নিয়ে আসবে।
-
25 যীশুর ক্রুশের কাছেই দাঁড়িয়েছিলেন তাঁর মা, তাঁর মাসিমা, ক্লোপার স্ত্রী মরিয়ম এবং মাগ্দালাবাসী মরিয়ম। 26 যীশু সেখানে তাঁর মা এবং কাছেই দাঁড়িয়ে থাকা শিষ্যকে, যাঁকে তিনি প্রেম করতেন, তাঁকে দেখে, তাঁর মাকে বললেন, “নারী, ওই দেখো, তোমার পুত্র!” 27 এবং সেই শিষ্যকে বললেন, “ওই দেখো, তোমার মা!” সেই সময় থেকে, সেই শিষ্য তাঁর মাকে তাঁর বাড়িতে নিয়ে গেলেন।
-
24 পরে রাজামশাই বললেন, “আমার কাছে একটি তরোয়াল নিয়ে এসো।” তখন তারা রাজার জন্য একটি তরোয়াল নিয়ে এসেছিল। 25 পরে তিনি আদেশ দিলেন: “জীবিত শিশুটিকে দু-টুকরো করে অর্ধেকটা একজনকে ও অর্ধেকটা অন্যজনকে দিয়ে দাও।”
26 যে মহিলাটির ছেলে বেঁচে ছিল, সে ছেলেস্নেহে আকুল হয়ে রাজামশাইকে বলল, “হে আমার প্রভু, দয়া করে জীবিত শিশুটিকে ওর হাতেই তুলে দিন! শিশুটিকে হত্যা করবেন না!”
কিন্তু অন্যজন বলল, “একে আমিও পাব না, তুমিও পাবে না। একে দু-টুকরো করে ফেলা হোক!”
27 তখন রাজামশাই তাঁর রায় দিলেন: “জীবিত শিশুটিকে প্রথম মহিলাটির হাতেই তুলে দাও। ওকে হত্যা কোরো না; এই ওর মা।”
28 যখন ইস্রায়েলে সবাই রাজার দেওয়া রায়ের কথা শুনেছিল, তারা রাজাকে সমীহ করতে শুরু করল, কারণ তারা দেখতে পেয়েছিল যে ন্যায়বিচার সম্পন্ন করার জন্য তাঁর কাছে ঈশ্বরদত্ত সুবিবেচনা আছে।
-
16 তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান কোরো, যেমন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে আদেশ দিয়েছেন, যেন তুমি সেই দেশে দীর্ঘকাল বেঁচে থাকতে পারো ও তোমার মঙ্গল হয়, যে দেশ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে দিচ্ছেন।
-
46 তখন মরিয়ম বললেন,
“আমার প্রাণ প্রভুর মহিমাকীর্তন করে,
47 আমার পরিত্রাতা ঈশ্বরে আমার আত্মা উল্লাস করে।
48 কারণ তিনি তাঁর এই দীনদরিদ্র দাসীর প্রতি
দৃষ্টিপাত করেছেন।
এখন থেকে পুরুষ-পরম্পরা
আমাকে ধন্য বলে অভিহিত করবে।
-
51 এরপর তিনি তাঁদের সঙ্গে নাসরতে ফিরে গেলেন ও তাঁদের বাধ্য হয়ে রইলেন। তাঁর মা কিন্তু এই সমস্ত কথা হৃদয়ে সঞ্চয় করে রাখলেন। 52 আর যীশু জ্ঞানে ও বয়সে বেড়ে উঠতে লাগলেন এবং ঈশ্বর ও মানুষের অনুগ্রহে সমৃদ্ধ হতে থাকলেন।
-
4 প্রেম চিরসহিষ্ণু, প্রেম সদয়। তা ঈর্ষা করে না, আত্মঅহংকার করে না, গর্বিত হয় না। 5 তা রূঢ় আচরণ করে না, স্বার্থ অন্বেষণ করে না, সহজে ক্রুদ্ধ হয় না, অন্যায় আচরণ মনে রাখে না। 6 প্রেম মন্দ কিছুতে আনন্দ করে না, কিন্তু সত্যে উল্লসিত হয়। 7 তা সবসময় সুরক্ষা দেয়, সবসময়ই বিশ্বাস করে, সবসময়ই প্রত্যাশায় থাকে, সবসময়ই ধৈর্য ধরে।
8 প্রেম কখনও ব্যর্থ হয় না। কিন্তু যদি ভাববাণী থাকে, সেগুলির অবসান হবে। যদি ভিন্ন ভিন্ন ভাষা থাকে, সেগুলি স্তব্ধ হয়ে যাবে; যদি জ্ঞান থাকে, তা অবলুপ্ত হবে।
-
1 কোনো প্রবীণ ব্যক্তিকে কঠোরভাবে তিরস্কার কোরো না, বরং তাঁকে তোমার বাবার মতো মনে করে বিনীতভাবে অনুরোধ করো। যুবকদের ছোটো ভাইয়ের মতো মনে করো। 2 প্রবীণাদের মায়ের মতো এবং তরুণীদের সঙ্গে সম্পূর্ণ শুদ্ধভাবে বোনের মতো আচরণ করো।
-
3 সন্তানসন্ততি সদাপ্রভুর দেওয়া অধিকার,
তাঁর দেওয়া পুরস্কার।
4 যেমন বীরযোদ্ধার হাতে তির
তেমনি যৌবনে জাত সন্তানসন্ততি।
5 ধন্য সেই ব্যক্তি
যার তূণ সেইরকম তিরে পূর্ণ,
তারা লজ্জিত হবে না
যখন তারা নগরদ্বারে বিপক্ষদের সঙ্গে বিরোধ করে।
-
4 কারণ ঈশ্বর বলেছেন, ‘তোমার বাবা ও তোমার মাকে সম্মান কোরো,’ এবং ‘যে কেউ তার বাবা অথবা মাকে অভিশাপ দেয়, তার অবশ্যই প্রাণদণ্ড হবে।’ 5 কিন্তু তোমরা বলো, কেউ যদি তার বাবা বা মাকে বলে, ‘আমার কাছ থেকে তোমরা যে সাহায্য পেতে তা ঈশ্বরের কাছে উপহারস্বরূপ দেওয়া হয়েছে,’ 6 তাহলে সে তার বাবাকে বা মাকে আর তা দিয়ে সম্মান করবে না। এভাবে তোমরা পরম্পরাগত ঐতিহ্যের নামে ঈশ্বরের বাক্যকে অমান্য করে থাকো।
-
1 একইভাবে স্ত্রীরা, তোমরা তোমাদের নিজ নিজ স্বামীর বশ্যতাধীন হও। তাদের মধ্যে কেউ কেউ যদি বাক্যের অবাধ্য হয়, তবে কোনো বাক্য ছাড়াই তাদের স্ত্রীর আচার-আচরণের দ্বারা তাদের জয় করা যাবে, 2 যখন তারা তোমাদের জীবনের শুদ্ধতা ও সম্ভ্রমপূর্ণ মনোভাব লক্ষ্য করবে। 3 তোমাদের সৌন্দর্য যেন বাহ্যিক সাজসজ্জা, যেমন চুলের বাহার, সোনার অলংকার বা সূক্ষ্ম পোশাক-পরিচ্ছদের উপর নির্ভরশীল না হয়। 4 বরং সেই সৌন্দর্য হবে তোমাদের আন্তরিক সত্তার, শান্ত ও কোমল আত্মার অম্লান শোভায় ভূষিত, যা ঈশ্বরের দৃষ্টিতে মহামূল্যবান।
-
9 কেবল সাবধান থেকো, এবং নিজের উপর দৃষ্টি রেখো যেন তোমরা যা দেখেছ তা ভুলে না যাও বা যতদিন বেঁচে থাকবে ততদিন তোমাদের অন্তর থেকে তা মুছে না যায়। এসব তোমরা তোমাদের ছেলেমেয়েদের এবং পরে তাদের ছেলেমেয়েদের শেখাবে। 10 তোমরা সেদিনের কথা মনে করো যেদিন তোমরা হোরেবে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে উপস্থিত হয়েছিলে, যখন তিনি আমাকে বলেছিলেন, “আমার কথা শোনার জন্য তুমি লোকদের আমার সামনে জড়ো করো যেন তারা এই পৃথিবীতে যতদিন বাঁচবে ততদিন আমাকেই ভক্তি করে চলতে শিখতে পারে এবং যেন তাদের ছেলেমেয়েদেরও শিক্ষা দিতে পারে।”
-
44 “ ‘যে কেউ প্রবাদ ব্যবহার করে, সে তোমার বিরুদ্ধে এই প্রবাদ ব্যবহার করবে, “যেমন মা, তেমনি মেয়ে।” 45 তুমি তোমার মায়ের উপযুক্ত মেয়ে, যে তার স্বামী ও ছেলেমেয়েদের ঘৃণা করত; এবং তুমি তোমার বোনদের উপযুক্ত বোন, যারা তাদের স্বামী ও সন্তানদের ঘৃণা করত। তোমার মা হিত্তীয়া আর বাবা ইমোরীয়।
-
7 কিন্তু তা না করে খ্রীষ্টের প্রেরিতশিষ্যরূপে আমরা শিশুদের মতো তোমাদের কাছে নতনম্র হয়েছিলাম।
যেমন মা তাঁর শিশু সন্তানদের লালনপালন করেন, 8 আমরা তেমনই তোমাদের প্রতি যত্নশীল ছিলাম। আমরা তোমাদের এত ভালোবেসেছিলাম যে, শুধু ঈশ্বরের সুসমাচারই নয়, কিন্তু তোমাদের আনন্দে আমাদের জীবনও ভাগ করেছিলাম, তোমরা ছিলে আমাদের কাছে এতই প্রিয়।
-
23 তাঁর স্বামী ইল্কানা তাঁকে বললেন, “তোমার যা ভালো বলে মনে হয়, তুমি তাই করো। তার স্তন্য-ত্যাগ না হওয়া পর্যন্ত তুমি এখানে থাকো; সদাপ্রভু শুধু যেন তাঁর বাক্য সুস্থির করেন।” অতএব হান্না ঘরে থেকে গিয়ে ছেলেটি স্তন্য-ত্যাগ না করা পর্যন্ত তাকে স্তন্যদান করে যেতে লাগলেন।
24 সে স্তন্য-ত্যাগ করার পর তিনি একটি তিন বছর বয়স্ক বলদ, এক ঐফা ময়দা, এবং এক মশক দ্রাক্ষারস সমেত ছেলেটিকে শীলোতে সদাপ্রভুর গৃহে নিয়ে গেলেন। 25 বলদটিকে বলি দেওয়ার পর তাঁরা ছেলেটিকে এলির কাছে নিয়ে গেলেন, 26 এবং হান্না তাঁকে বললেন, “হে আমার প্রভু, আমায় ক্ষমা করবেন। আপনার জীবনের দিব্যি, আমিই সেই নারী, যে এখানে আপনার পাশে দাঁড়িয়ে সদাপ্রভুর কাছে প্রার্থনা করছিল। 27 আমি এই শিশুটির জন্য প্রার্থনা করেছিলাম, এবং সদাপ্রভুর কাছে আমি যা চেয়েছিলাম, তিনি আমাকে তাই দিয়েছেন। 28 অতএব, এখন আমি একে সদাপ্রভুর হাতে সমর্পণ করছি। সারাটি জীবনের জন্য সে সদাপ্রভুর হয়েই থাকবে।” পরে তাঁরা সেখানে সদাপ্রভুর আরাধনা করলেন।
-
13 কারণ তুমি আমার অন্তরের সত্তা নির্মাণ করেছ;
এবং মাতৃগর্ভে তুমি আমার দেহকে বুনেছ,
14 আমি তোমার স্তব করি, কারণ আমি ভয়াবহরূপে ও আশ্চর্যরূপে নির্মিত;
তোমার সব কাজকর্ম বিস্ময়কর
তা আমি যথার্থভাবে জানি।
-
16 “কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে, তিনি তাঁর একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাঁকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। 17 কারণ জগতের বিচার করতে ঈশ্বর তাঁর পুত্রকে জগতে পাঠাননি, কিন্তু তাঁর মাধ্যমে জগৎকে উদ্ধার করতেই পাঠিয়েছিলেন।
-
14 নয়মীর কথা শুনে, আবার তারা জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগল। তারপর অর্পা তার শাশুড়িকে চুমু দিয়ে তার পথে চলে গেল, কিন্তু রূত তাকে ধরে থাকল।
15 নয়মী তাকে বলল, “দেখো, তোমার জা তার লোকজনের ও তার দেবতাদের কাছে ফিরে গেল। তাই তুমিও তার সঙ্গে ফিরে যাও।”
16 কিন্তু রূত বলল, “আপনার কাছ থেকে ফিরে যেতে বা আপনাকে ছেড়ে যেতে আর আমাকে অনুরোধ করবেন না। আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব। আপনি যেখানে থাকবেন আমিও সেখানে থাকব। আপনার লোকেরা আমার লোক এবং আপনার ঈশ্বর হবেন আমার ঈশ্বর। 17 আপনি যেখানে মরবেন আমিও সেখানে মরব, এবং সেখানেই আমার কবর হবে। তাই সদাপ্রভুই এই বিষয়ে আমার বিচার করে শাস্তি দিন। আর যাই হোক শুধু মৃত্যুই যেন আমাকে আপনার থেকে আলাদা করে।”
-
22 কিন্তু পবিত্র আত্মার ফল হল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, পরোপকারিতা, বিশ্বস্ততা, 23 বিনম্রতা ও আত্মসংযম। এসব বিষয়ের বিরুদ্ধে কোনও বিধান নেই।
-
8 সর্বোপরি, পরস্পরকে গভীরভাবে ভালোবাসো, কারণ “ভালোবাসা পাপকে আবৃত করে।”
-
14 পরদিন ভোরবেলায় অব্রাহাম কিছু খাবার ও এক মশক জল নিয়ে সেগুলি হাগারকে দিলেন। তিনি সেগুলি হাগারের কাঁধে চাপিয়ে দিয়ে তাকে সেই ছেলেটি সমেত বিদায় করে দিলেন। হাগার প্রস্থান করল এবং বের-শেবার মরুভূমিতে ইতস্তত ঘুরে ফিরে বেড়াচ্ছিল।
15 মশকের জল যখন শেষ হয়ে গেল, তখন সে ছেলেটিকে একটি ঝোপের তলায় নিয়ে গিয়ে রাখল। 16 পরে সে একটু দূরে, প্রায় 100 মিটার দূরে গিয়ে বসে পড়ল, কারণ সে ভাবল, “আমি নিজের চোখে ছেলেটির মৃত্যুদৃশ্য দেখতে পারব না।” আর সেখানে বসে সে ফোঁপাতে শুরু করল।
-
37 “হায়! জেরুশালেম, জেরুশালেম, তুমি ভাববাদীদের হত্যা করো ও তোমার কাছে যাদের পাঠানো হয়, তাদের পাথরের আঘাত করে থাকো। কতবার আমি তোমার সন্তানদের একত্র করতে চেয়েছি, যেমন মুরগি তার শাবকদের নিজের ডানার তলায় একত্র করে, কিন্তু তোমরা ইচ্ছুক হওনি। 38 দেখো, তোমাদের গৃহ তোমাদের জন্য পরিত্যক্ত হয়ে পড়ে রইল।
-
34 মরিয়ম দূতকে জিজ্ঞাসা করলেন, “তা কী করে হবে? আমি যে কুমারী!”
35 উত্তর দিয়ে দূত তাঁকে বললেন, “পবিত্র আত্মা তোমার উপরে অবতরণ করবেন ও পরাৎপরের শক্তি তোমাকে আবৃত করবে। তাই যে পবিত্র পুরুষ জন্মগ্রহণ করবেন, তিনি ঈশ্বরের পুত্র বলে আখ্যাত হবেন। 36 আর তোমার আত্মীয় ইলিশাবেতও বৃদ্ধ বয়সে সন্তানের মা হতে চলেছেন। যাকে সকলে বন্ধ্যা বলে জানত, এখন তাঁর ছয় মাস চলছে। 37 কারণ ঈশ্বর যা বলেন তা সবসময় সত্যি হয়।”
38 মরিয়ম উত্তর দিলেন, “আমি প্রভুর দাসী। আপনি যে রকম বললেন, আমার প্রতি সেরকমই হোক।” এরপর দূত তাঁকে ছেড়ে চলে গেলেন।
-
13 আর এখন এই তিনটি অবশিষ্ট আছে: বিশ্বাস, প্রত্যাশা ও প্রেম। কিন্তু এদের মধ্যে প্রেমই সর্বশ্রেষ্ঠ।
-
14 কিন্তু তুমি যা শিখেছ এবং বিশ্বাস করেছ, তা পালন করে চলো। কারণ, তুমি জানো যে তুমি কাদের কাছে শিক্ষা পেয়েছ, 15 এবং ছোটোবেলা থেকে কীভাবে পবিত্র শাস্ত্র জেনেছ, তাও তুমি জানো। সে সবকিছু খ্রীষ্ট যীশুতে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণের জন্য তোমাকে বিজ্ঞ করে তুলতে সক্ষম।
-
17 “যে কেউ তার বাবা বা মাকে অভিশাপ দেয়, তাকে মেরে ফেলতে হবে।
-
6 এসব আদেশ যা আজ আমি তোমাদের দিচ্ছি তা যেন তোমাদের অন্তরে থাকে। 7 তোমাদের সন্তানদের তোমরা সেগুলি বারবার শেখাবে। ঘরে বসে থাকার সময় ও যখন তোমরা পথে চলবে, শোবার সময় ও যখন ঘুম থেকে উঠবে তাদের সেই সময় বলবে।
-
11 ঈগল যেমন তার বাসাকে জাগায়
আর তার বাচ্চাদের উপর ওড়ে,
যে তার ডানা মেলে তাদের ধরে
এবং তাদের উপরে তুলে নেয়।
12 সদাপ্রভু একাই তাকে চালিয়ে নিয়ে আসলেন;
কোনও বিজাতীয় দেবতা তার সঙ্গে ছিল না।
-
10 এবং জেরুশালেমে তিনি একচল্লিশ বছর রাজত্ব করলেন। তাঁর ঠাকুমার নাম মাখা, তিনি অবীশালোমের মেয়ে ছিলেন।
-
1 জ্ঞানবতী মহিলা তার বাড়ি গেঁথে তোলে,
কিন্তু মূর্খ মহিলা নিজের হাতে তার বাড়ি ভেঙে ফেলে।
-
11 “আমার উত্তরাধিকারকে লুট করে
যেহেতু তোমরা উল্লাস করেছ ও আনন্দিত হয়েছ,
শস্য মাড়াইকারী বকনা-বাছুরের মতো নাচানাচি করেছ
ও যুদ্ধের অশ্বের মতো হ্রেষাধ্বনি করেছ,
12 তাই তোমার স্বদেশ ভীষণ লজ্জিত হবে;
তোমার জন্মদায়িনী অসম্মানিত হবে।
জাতিগণের মধ্যে সে নগণ্যতম হবে,
এক মরুপ্রান্তর, এক শুকনো ভূমি, এক মরুভূমির মতো।
13 সদাপ্রভুর ক্রোধের জন্য, তার মধ্যে কেউ বসবাস করবে না,
সে সম্পূর্ণরূপে পরিত্যক্ত হবে।
ব্যাবিলনের পাশ দিয়ে যাওয়া যে কোনো মানুষ বিস্মিত হবে
এবং তার ক্ষতগুলি দেখে বিদ্রুপ করবে।
14 “যারা ধনুকে চাড়া দাও,
তোমরা সকলে ব্যাবিলনের বিরুদ্ধে তোমাদের অবস্থান গ্রহণ করো।
তার দিকে তির নিক্ষেপ করো! একটিও তির রেখে দিয়ো না,
কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছে।
15 সবদিক থেকে তার বিরুদ্ধে রণহুঙ্কার দাও!
সে আত্মসমর্পণ করছে, তার দুর্গগুলি পতিত হচ্ছে,
তার প্রাচীরগুলি ভেঙে পড়ছে।
যেহেতু এ হল সদাপ্রভুর প্রতিশোধ গ্রহণের সময়,
তোমরা তার উপরে প্রতিশোধ নাও;
অন্যদের প্রতি সে যেমন করেছে, তার প্রতি তেমনই করো।
-
19 আমরা প্রেম করি, কারণ তিনিই প্রথমে আমাদের প্রেম করেছেন।
-
4 আমার সন্তানেরা সত্যে জীবনযাপন করছে, একথা শুনে যে আনন্দ পাই তার থেকে বেশি আনন্দ আর কিছুতেই হতে পারে না।
-
19 প্রতি বছর তার মা তার জন্য একটি করে আকারে ছোটো, লম্বা ঢিলেঢালা বর্হিবাস তৈরি করে যখন তিনি তাঁর স্বামীর সঙ্গে বাৎসরিক বলিদান সম্পন্ন করতে আসতেন, তখন সেটি তার কাছে নিয়ে আসতেন।
-
5 যিহূদিয়ার রাজা হেরোদের রাজত্বকালে সখরিয় নামে একজন যাজক ছিলেন। তিনি ছিলেন অবিয়ের পুরোহিত অধীনস্থ যাজক-সম্প্রদায়ভুক্ত। তাঁর স্ত্রী ইলিশাবেতও ছিলেন হারোণ বংশীয়। 6 তাঁরা উভয়েই ছিলেন ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক। তাঁরা প্রভুর সমস্ত আজ্ঞা ও বিধিনিয়ম নির্দোষরূপে পালন করতেন। 7 কিন্তু তাঁরা ছিলেন নিঃসন্তান, কারণ ইলিশাবেত বন্ধ্যা ছিলেন এবং তাঁদের দুজনেরই বেশ বয়স হয়েছিল।
-
13 বন্ধুদের জন্য যে নিজের প্রাণ সমর্পণ করে, তার চেয়ে মহত্তর প্রেম আর কিছু নেই।
-
38 কারণ আমি নিশ্চিতরূপে জানতে পেরেছি যে, মৃত্যু বা জীবন, স্বর্গদূতেরা বা ভূতেরা, বর্তমান বা ভাবীকালের কোনো বিষয়, না কোনো পরাক্রম, 39 ঊর্ধ্বলোক বা অধোলোক বা সমস্ত সৃষ্টির অন্য কোনো বিষয়, কোনো কিছুই আমাদের প্রভু, খ্রীষ্ট যীশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না।
Shows Read in context, Share and Copy.