61 Bible Verses About Feeling Alone
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
5 ঈশ্বর অনাথদের বাবা আর বিধবাদের পক্ষসমর্থনকারী;
তাঁর আবাস পবিত্র।
6 যারা একা থাকে ঈশ্বর তাদের পরিবার দেন,
তিনি বন্দিদের মুক্ত করেন আর তাদের আনন্দ দেন;
কিন্তু বিদ্রোহীরা দগ্ধ ভূমিতে বসবাস করে।
-
5 তোমাদের জীবন অর্থলালসা থেকে মুক্ত রেখো। তোমাদের যা আছে, তাতেই সন্তুষ্ট থেকো। কারণ ঈশ্বর বলেছেন,
“আমি কখনও তোমাকে ছেড়ে দেব না,
কখনও তোমায় পরিত্যাগ করব না।”
6 তাই আমরা আস্থার সঙ্গে বলতে পারি,
“প্রভুই আমার সহায়, আমি ভীত হব না,
মানুষ আমার কী করতে পারে?”
-
9 আমার সামনে থেকে তোমার মুখ লুকিয়ে রেখো না,
ক্রোধে তোমার দাসকে ফিরিয়ে দিয়ো না;
তুমিই আমার সহায়।
আমায় প্রত্যাখ্যান কোরো না বা পরিত্যাগ কোরো না,
ঈশ্বর আমার পরিত্রাতা।
10 যদিও আমার বাবা-মা আমায় পরিত্যাগ করে,
সদাপ্রভু আমায় গ্রহণ করবেন।
-
35 খ্রীষ্টের প্রেম থেকে কে আমাদের বিচ্ছিন্ন করবে? কষ্ট-সংকট, না দুর্দশা, না নির্যাতন, না দুর্ভিক্ষ, না নগ্নতা, না বিপদ, না তরোয়াল—এর কোনোটিই নয়? 36 যেমন লেখা আছে,
“তোমার জন্য আমরা প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হই,
বলির মেষের মতো আমাদের গণ্য করা হয়।”
37 না, যিনি আমাদের প্রেম করেছেন, তাঁরই মাধ্যমে আমরা এসব বিষয়ে বিজয়ীর থেকেও বেশি বিজয়ী হয়েছি। 38 কারণ আমি নিশ্চিতরূপে জানতে পেরেছি যে, মৃত্যু বা জীবন, স্বর্গদূতেরা বা ভূতেরা, বর্তমান বা ভাবীকালের কোনো বিষয়, না কোনো পরাক্রম, 39 ঊর্ধ্বলোক বা অধোলোক বা সমস্ত সৃষ্টির অন্য কোনো বিষয়, কোনো কিছুই আমাদের প্রভু, খ্রীষ্ট যীশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না।
-
18 তখন যীশু তাঁদের কাছে এসে বললেন, “স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। 19 অতএব, তোমরা যাও ও সমস্ত জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিষ্ম দাও। 20 আর আমি তোমাদের যে সমস্ত আদেশ দিয়েছি, সেগুলি পালন করার জন্য তাদের শিক্ষা দাও। আর আমি নিশ্চিতরূপে, যুগান্ত পর্যন্ত নিত্য তোমাদের সঙ্গে সঙ্গে আছি।”
-
18 সদাপ্রভু ঈশ্বর বললেন, “মানুষের একা থাকা ভালো নয়। আমি তার উপযুক্ত এক সহকারিণী তৈরি করব।”
-
6 সেই কারণে, ঈশ্বরের পরাক্রমী হাতের নিচে, নিজেদের নতনম্র করো, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদের উন্নত করেন। 7 তোমাদের সমস্ত দুশ্চিন্তার ভার তাঁরই উপরে দিয়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন।
-
15 আমার চোখ সর্বদা সদাপ্রভুর দিকে স্থির,
কারণ তিনিই কেবল শত্রুদের ফাঁদ থেকে আমায় উদ্ধার করবেন।
16 আমার প্রতি ফিরে চাও ও আমায় কৃপা করো,
কারণ আমি একাকী ও পীড়িত।
17 আমার হৃদয়ের কষ্ট মোচন করো
ও মনের যন্ত্রণা থেকে মুক্ত করো।
18 আমার দুর্দশা ও বেদনার প্রতি দৃষ্টিপাত করো
এবং আমার সমস্ত পাপ দূর করো।
19 দেখো আমার শত্রুরা কত অসংখ্য
এবং কী উগ্রভাবে তারা আমায় ঘৃণা করে।
20 আমার জীবন সুরক্ষিত করো ও উদ্ধার করো;
আমাকে লজ্জায় পড়তে দিয়ো না,
কারণ আমি তোমাতে আশ্রয় নিয়েছি।
21 সততা ও ন্যায়পরায়ণতা আমায় রক্ষা করুক,
কারণ, হে সদাপ্রভু, আমি তোমাতেই আশা রাখি।
-
6 তোমরা বলবান হও ও সাহস করো। তাদের তোমরা ভয় পেয়ো না কিংবা আতঙ্কগ্রস্ত হোয়ো না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সঙ্গে যাবেন; তিনি কখনও তোমাদের ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না।”
-
4 যদিও আমি হেঁটে যাই
অন্ধকারাচ্ছন্ন উপত্যকার মধ্য দিয়ে,
আমি কোনও অমঙ্গলের ভয় করব না,
কারণ তুমি আমার সঙ্গে আছ;
তোমার লাঠি ও তোমার ছড়ি,
সেগুলি আমাকে সান্ত্বনা দেয়।
5 আমার শত্রুদের উপস্থিতিতে
তুমি আমার সামনে এক ভোজসভায় আয়োজন করেছ।
তুমি আমার মাথা তেল দিয়ে অভিষিক্ত করেছ;
আমার পানপাত্র উপচে পড়ে।
6 নিশ্চয় তোমার মঙ্গল ও প্রেম আমার পিছু নেবে
আমার জীবনের সব দিন পর্যন্ত,
এবং চিরকাল
আমি সদাপ্রভুর গৃহে বসবাস করব।
-
7 আবার আমি সূর্যের নিচে অসারতা দেখতে পেলাম
8 কোনো একজন লোক একেবারে একা;
তার ছেলেও নেই কিংবা ভাইও নেই,
তার পরিশ্রমের শেষ নেই,
তবুও তার ধনসম্পদে তার চোখ তৃপ্ত নয়।
সে জিজ্ঞাসা করল, “আমি কার জন্য পরিশ্রম করছি,
আর আমি কেন নিজেকে আনন্দ থেকে বঞ্চিত করছি?”
এটাও অসার—
ভারী কষ্টজনক!
9 একজনের চেয়ে দুজন ভালো,
কারণ তাদের কাজে অনেক ভালো ফল হয়
10 যদি একজন পড়ে যায়,
তবে তার সঙ্গী তাকে উঠাতে পারে।
কিন্তু হায় সেই লোক যে পড়ে যায়
আর কেউ তাকে উঠাবার জন্য নেই।
11 আরও, যদি দুজন শুয়ে থাকে, তারা উষ্ণ থাকে।
কিন্তু একজন কী করে নিজেকে একা উষ্ণ রাখতে পারবে?
12 যদিও একা ব্যক্তি হেরে যেতে পারে,
দুজন নিজেদের প্রতিরোধ করতে পারে।
তিনটে দড়ি একসঙ্গে পাকানো হলে তাড়াতাড়ি ছেঁড়ে না।
-
31 যীশু উত্তর দিলেন, “অবশেষে তোমরা বিশ্বাস করলে! 32 কিন্তু সময় আসছে, বরং এসে পড়েছে, যখন তোমরা ছিন্নভিন্ন হয়ে প্রত্যেকে আপন আপন ঘরের কোণে ফিরে যাবে। তোমরা আমাকে নিঃসঙ্গ অবস্থায় পরিত্যাগ করবে। তবুও আমি নিঃসঙ্গ নই, কারণ আমার পিতা আমার সঙ্গে আছেন।
33 “আমি তোমাদের এসব কথা জানালাম, যেন আমার মধ্যে তোমরা শান্তি লাভ করো। এই জগতে তোমরা সংকটের সম্মুখীন হবে, কিন্তু সাহস করো! আমি এই জগৎকে জয় করেছি।”
-
7 বছরের পর বছর এরকম হয়েই চলেছিল। যখনই হান্না সদাপ্রভুর মন্দিরে যেতেন, তাঁর সতীন তাঁকে প্ররোচিত করত এবং তিনি অশ্রুপাত করতেন ও ভোজনপানও করতেন না।
-
10 তাই ভয় কোরো না, কারণ আমি তোমার সঙ্গে আছি;
হতাশ হোয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর।
আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব;
আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব।
-
15 “তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে আমার সব আদেশ পালন করবে। 16 আমি পিতার কাছে নিবেদন করব এবং তোমাদের সঙ্গে চিরকাল থাকার জন্য তিনি আর এক সহায় তোমাদের দান করবেন। 17 তিনি সত্যের আত্মা। জগৎ তাঁকে গ্রহণ করতে পারে না। কারণ জগৎ তাঁকে দেখে না, তাঁকে জানেও না। কিন্তু তোমরা তাঁকে জানো, কারণ তিনি তোমাদের সঙ্গে আছেন এবং তিনি তোমাদের অন্তরে থাকবেন। 18 আমি তোমাদের অনাথ রেখে যাব না, আমি তোমাদের কাছে আসব।
-
16 প্রথমবারের আত্মপক্ষ সমর্থনের সময়, আমার পক্ষে একজনও এগিয়ে আসেনি, বরং প্রত্যেকেই আমাকে ছেড়ে চলে গিয়েছিল। এসব যেন তাদের বিপক্ষে না যায়। 17 কিন্তু প্রভু আমার পাশে দাঁড়িয়ে শক্তি দিয়েছিলেন, যেন আমার মাধ্যমে সেই বার্তা সম্পূর্ণরূপে প্রচারিত হয় ও অইহুদি জনগণ তা শুনতে পায়। আবার আমি সিংহের মুখ থেকেও উদ্ধার পেয়েছি। 18 সমস্ত অশুভ আক্রমণ থেকে প্রভু আমাকে রক্ষা করবেন এবং তাঁর স্বর্গীয় রাজ্যে তিনি আমাকে নিরাপদে নিয়ে আসবেন। চিরকাল যুগে যুগে কীর্তিত হোক তাঁর মহিমা। আমেন।
-
14 অতএব, আমরা এমন এক মহান মহাযাজককে পেয়েছি, যিনি আকাশমণ্ডল অতিক্রম করে উন্নীত হয়েছেন, তিনি ঈশ্বরের পুত্র যীশু; তাই এসো, আমরা যে বিশ্বাস স্বীকার করি, তা দৃঢ়রূপে আঁকড়ে ধরে থাকি। 15 কারণ আমাদের মহাযাজক এমন নন, যিনি আমাদের দুর্বলতায় সহানুভূতি দেখাতে অক্ষম; বরং আমরা এমন একজনকে পেয়েছি, যিনি আমাদেরই মতো সব বিষয়ে প্রলোভিত হয়েছিলেন, অথচ নিষ্পাপ থেকেছেন। 16 তাই এসো, আস্থার সঙ্গে আমরা তাঁর অনুগ্রহ-সিংহাসনের সামনে উপস্থিত হই, যেন আমরা করুণা লাভ করতে পারি ও আমাদের প্রয়োজনের সময়ে অনুগ্রহ পাই।
-
3 তিনি ভগ্নচিত্তদের সুস্থ করেন,
এবং তাদের সব ক্ষতস্থান তিনি বেঁধে দেন।
4 আকাশের তারাদের সংখ্যা তিনি নির্ণয় করেন,
এবং তাদের প্রত্যেককে তিনি নাম ধরে ডাকেন।
5 মহান আমাদের প্রভু ও অতিশয় শক্তিমান,
তার বোধশক্তির কোনও সীমা নেই।
-
5 তোমার সমস্ত জীবনকালে কেউই তোমার বিরুদ্ধে উঠে দাঁড়াতে পারবে না। আমি যেমন মোশির সঙ্গে ছিলাম, তেমনই আমি তোমারও সঙ্গে সঙ্গে থাকব; আমি তোমাকে কখনও ছেড়ে দেব না, কখনও পরিত্যাগ করব না। 6 তুমি শক্তিশালী ও সাহসী হও, কারণ আমি যে দেশ দেওয়ার জন্য তাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলাম, তুমি এই লোকদের নেতৃত্ব দিয়ে তা অধিকার করবে।
7 “তুমি শক্তিশালী ও অত্যন্ত সাহসী হও। আমার দাস মোশি যে বিধান তোমাদের দিয়েছিল, তা পালন করার ব্যাপারে যত্নশীল হোয়ো; তার ডানদিকে বা বাঁদিকে ফিরো না, যেন তুমি যে কোনো স্থানে যাও, সেখানে সফল হও।
-
3 তিনি অবজ্ঞাত, মানুষদের কাছে অগ্রাহ্য হলেন,
তিনি দুঃখভোগকারী মানুষ ও কষ্টভোগকারীরূপে পরিচিত হলেন।
মানুষ যা দেখে তাদের মুখ লুকায়,
তার ন্যায় তিনি অবজ্ঞাত হলেন, আর আমরা তাঁর মর্যাদা তাঁকে দিইনি।
4 সত্যিই তিনি আমাদের দুর্বলতা সকল তুলে নিয়েছেন
এবং আমাদের সকল দুঃখ বহন করেছেন,
তবুও, আমরা মনে করলাম, ঈশ্বর তাঁকে শাস্তি দিয়েছেন,
তিনি আহত ও নিপীড়িত হয়েছেন।
5 কিন্তু তিনি আমাদের অপরাধের জন্য বিদ্ধ,
আমাদের অধর্ম সকলের জন্য চূর্ণ হয়েছেন;
আমাদের শান্তিলাভের জন্য তাঁকে শাস্তি ভোগ করতে হল,
আর তাঁর ক্ষতসকলের দ্বারা আমরা আরোগ্য লাভ করলাম।
-
28 “ওহে, তোমরা যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। 29 আমার জোয়াল তোমরা নিজেদের উপরে তুলে নাও ও আমার কাছে শিক্ষা নাও, কারণ আমার স্বভাব কোমল ও নম্র। এতে তোমরা নিজেদের অন্তরে বিশ্রাম পাবে। 30 কারণ আমার জোয়াল সহজ ও আমার বোঝা হালকা।”
-
23 তবুও আমি সর্বদা তোমার সঙ্গে আছি;
তুমি আমার ডান হাত ধরে রেখেছ।
24 তোমার উপদেশে তুমি আমাকে পথ দেখাবে,
এবং অবশেষে আমাকে মহিমায় নিয়ে যাবে।
25 তুমি ছাড়া স্বর্গে আমার আর কে আছে?
তুমি ছাড়া জগতে আর কিছুই আমি কামনা করি না।
26 আমার মাংস আর আমার অন্তর ব্যর্থ হতে পারে,
কিন্তু ঈশ্বর আমার হৃদয়ের শক্তি
আর আমার চিরকালের উত্তরাধিকার।
-
2 আমি তাঁর কাছে আমার অভিযোগের কথা প্রকট করি;
তোমার সামনে আমার সংকটের কথা বলি।
3 যখন আমার আত্মা আমার অন্তরে ক্ষীণ হয়,
তখন তুমিই আমার চলার পথে লক্ষ্য রাখো।
যে পথে আমি চলি,
লোকেরা সেই পথে আমার জন্য এক ফাঁদ পেতেছে।
4 তুমি চেয়ে দেখো, আমার ডানদিকে কেউ নেই;
আমার জন্য কারও ভাবনা নেই,
আমার কোনও আশ্রয় নেই;
কেউই আমার জীবনের জন্য চিন্তা করে না।
5 হে সদাপ্রভু, আমি তোমার কাছে কাঁদি,
আমি বলি, “তুমিই আমার আশ্রয়,
জীবিতদের দেশে তুমিই আমার অধিকার।”
6 আমার কাতর প্রার্থনা শোনো,
কারণ আমি নিদারুণ প্রয়োজনে রয়েছি;
যারা আমাকে তাড়না করে, তাদের হাত থেকে আমাকে উদ্ধার করো,
কারণ তারা আমার থেকেও বেশি শক্তিশালী।
7 আমাকে কারাগার থেকে মুক্ত করো,
যেন আমি তোমার নামের প্রশংসা করতে পারি।
তখন ধার্মিকেরা আমাকে ঘিরে ধরবে
কারণ তুমি আমার প্রতি মঙ্গলময়।
-
45 দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত সমস্ত দেশে অন্ধকার ছেয়ে গেল। 46 প্রায় তিনটের সময় যীশু উচ্চকণ্ঠে চিৎকার করে উঠলেন, “এলী, এলী, লামা শবক্তানী?” যার অর্থ, “ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ?”
-
4 আমার হৃদয় ক্ষয় হয়েছে আর ঘাসের মতো শুকিয়ে গিয়েছে;
আমি খাবার খেতে ভুলে যাই।
5 আমার দুর্দশায় আমি আর্তনাদ করি
আর আমি চামড়া ও হাড়ে পরিণত হয়েছি।
6 আমি মরুভূমির প্যাঁচার মতো,
ধ্বংসের মাঝে প্যাঁচার মতো হয়েছি।
7 আমি সজাগ থাকি;
ছাদের উপরে একা এক পাখির মতো হয়েছি।
-
29 যারা সেই পথ দিয়ে যাতায়াত করছিল, তারা মাথা নাড়তে নাড়তে তাঁকে অপমান করে বলতে লাগল, “তাহলে তুমিই সেই লোক, যে মন্দির ধ্বংস করে তিনদিনে তা পুনর্নির্মাণ করতে পারো! 30 এখন ক্রুশ থেকে নেমে এসো ও নিজেকে রক্ষা করো।” 31 একইভাবে প্রধান যাজকেরা ও শাস্ত্রবিদরাও তাঁকে বিদ্রুপ করে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল; তারা বলল, “ও অন্যদের বাঁচাত, কিন্তু নিজেকে বাঁচাতে পারে না। 32 এখন এই খ্রীষ্ট, ইস্রায়েলের রাজা, ক্রুশ থেকে নেমে আসুক, যেন আমরাও তা দেখে বিশ্বাস করতে পারি।” যারা তাঁর সঙ্গে ক্রুশবিদ্ধ হয়েছিল, তারাও তাঁকে অনেক অপমান করল।
33 বেলা বারোটা থেকে তিনটে পর্যন্ত সমস্ত দেশে অন্ধকার ছেয়ে গেল। 34 আর বেলা তিনটের সময়, যীশু উচ্চকণ্ঠে বলে উঠলেন, “এলী, এলী, লামা শবক্তানী?” যার অর্থ, “ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ?”
-
3 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক, যিনি করুণাময় পিতা ও সমস্ত সান্ত্বনার ঈশ্বর, 4 যিনি আমাদের সকল কষ্টের জন্য সান্ত্বনা প্রদান করেন, যেন আমরা স্বয়ং যে সান্ত্বনা ঈশ্বরের কাছ থেকে লাভ করেছি, যারা যে কোনো কষ্টভোগ করছে, তাদের সেই সান্ত্বনা দ্বারা সান্ত্বনা প্রদান করতে পারি। 5 কারণ যেমন খ্রীষ্টের কষ্টভোগ আমাদের জীবনে প্রচুররূপে প্রবাহিত হয়েছে, তেমনই খ্রীষ্টের মাধ্যমে আমাদের সান্ত্বনাও যেন প্রবলরূপে উপচে পড়ে। 6 আমরা যদি যন্ত্রণাগ্রস্ত হই, তা তোমাদের সান্ত্বনা ও পরিত্রাণের জন্য; যদি আমরা সান্ত্বনা লাভ করি, তা তোমাদের সান্ত্বনার জন্য, যা তোমাদের মধ্যে ধৈর্যসহ, আমরা যে কষ্টভোগ করি, সেই একই কষ্টভোগে সহ্যশক্তি উৎপন্ন করে।
-
4 মৃত্যুর বাঁধন আমাকে আবদ্ধ করেছিল;
ধ্বংসের স্রোত আমাকে বিধ্বস্ত করেছিল।
5 পাতালের বাঁধন আমাকে জড়িয়ে ধরেছিল;
মৃত্যুর ফাঁদ আমার সম্মুখীন হয়েছিল।
6 আমার সংকটে আমি সদাপ্রভুকে ডাকলাম;
আমার ঈশ্বরের কাছে সাহায্যের জন্য কেঁদে উঠলাম।
তাঁর মন্দির থেকে তিনি আমার গলার স্বর শুনলেন,
আমার আর্তনাদ তাঁর সামনে এল, তাঁর কানে পৌঁছাল।
-
1 কিন্তু এখন, সদাপ্রভু এই কথা বলেন,
ওহে যাকোব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন,
ওহে ইস্রায়েল, যিনি তোমাকে গঠন করেছেন,
“তুমি ভয় পেয়ো না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি;
আমি নাম ধরে তোমাকে ডেকেছি; তুমি আমার।
2 তুমি যখন জলরাশির মধ্য দিয়ে অতিক্রম করবে,
আমি তোমার সঙ্গে থাকব;
তুমি যখন নদনদীর মধ্য দিয়ে যাবে,
সেগুলি তোমাকে মগ্ন করতে পারবে না।
যখন তুমি আগুনের মধ্য দিয়ে যাবে,
তুমি দগ্ধ হবে না;
সেই আগুনের শিখা তোমাকে পুড়িয়ে ফেলবে না।
3 কারণ আমি সদাপ্রভু, তোমার ঈশ্বর,
ইস্রায়েলের সেই পবিত্রতম জন, তোমার পরিত্রাতা;
তোমার মুক্তিমূল্যরূপে আমি মিশরকে,
তোমার পরিবর্তে আমি কূশ ও সবাকে দিয়েছি।
4 তুমি যেহেতু আমার দৃষ্টিতে বহুমূল্য ও মর্যাদার পাত্র,
আর আমি যেহেতু তোমাকে ভালোবাসি,
আমি তোমার পরিবর্তে অপর মানুষজনকে দেব,
তোমার জীবনের পরিবর্তে বিভিন্ন জাতিকে দেব।
5 তুমি ভয় পেয়ো না, কারণ আমি তোমার সঙ্গে আছি;
আমি পূর্বদিক থেকে তোমার সন্তানদের নিয়ে আসব
এবং পশ্চিমদিক থেকে তোমাকে সংগ্রহ করব।
-
6 কোনো বিষয়েই উৎকণ্ঠিত হোয়ো না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। 7 এতে সব বোধবুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি, খ্রীষ্ট যীশুতে তোমাদের অন্তর ও মন রক্ষা করবে।
-
10 মোশি প্রত্যেক পরিবারের বিলাপ শুনতে পেলেন। তারা প্রত্যেকে নিজেদের তাঁবুর প্রবেশ মুখে ছিল। সদাপ্রভু ভয়ংকর রুষ্ট হওয়াতে, মোশি উদ্বিগ্ন হলেন। 11 তিনি সদাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, “তোমার দাসকে এই সমস্যার সম্মুখীন কেন করেছ? আমি কোন কাজ করতে তোমাকে অসন্তুষ্ট করেছি যে তুমি এই সমস্ত লোকের ভার আমার উপর চাপিয়ে দিলে? 12 এদের সবাইকে কি আমি গর্ভে ধারণ করেছিলাম? আমি কি তাদের জন্ম দিয়েছি? ধাত্রী যেমন শিশুসন্তান বহন করে, সেভাবে, কেন তুমি আমাকে বলেছিলে, তাদের বহন করে, পূর্বপুরুষদের কাছে করা শপথ অনুসারে প্রতিজ্ঞাত দেশে নিয়ে যেতে? 13 এই সমস্ত লোকের জন্য আমি এখন কোথায় মাংস পাব? তারা আমার কাছে কেঁদে বলছে, ‘আমাদের খাবারের জন্য মাংস দাও!’ 14 আমি এককভাবে, এই সমস্ত লোকের দায়িত্ব বহন করতে পারব না। তা আমার শক্তির অতিরিক্ত। 15 আমার সঙ্গে অনুরূপ ব্যবহার যদি তোমার অভিপ্রেত হয়, তাহলে এই মুহূর্তেই আমাকে বধ করো, যদি তোমার দৃষ্টিতে কৃপা লাভ করে থাকি, আমাকে ধ্বংসের সম্মুখীন হতে দিয়ো না।”
-
প্রধান সংগীত পরিচালকের জন্য। সুর: “প্রভাতের হরিণী।” দাউদের গীত।
1 ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ?
আমাকে রক্ষা করা থেকে কেন দূরে আছ,
আমার বেদনার আর্তনাদ থেকে কেন অত দূরে?
2 হে আমার ঈশ্বর, আমি দিনে তোমাকে ডাকি, কিন্তু তুমি উত্তর দাও না,
রাতেও ডাকি, কিন্তু কোনও অব্যাহতি পাই না।
-
17 ধার্মিকরা কেঁদে ওঠে, আর সদাপ্রভু শোনেন;
তিনি তাদের সব সংকট থেকে মুক্ত করেন।
18 সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী,
এবং যারা অন্তরে চূর্ণবিচূর্ণ, তাদের তিনি উদ্ধার করেন।
19 ধার্মিক ব্যক্তি অনেক দুর্ভোগের সম্মুখীন হয়,
কিন্তু সদাপ্রভু তাকে সেইসব থেকে মুক্ত করেন;
-
8 সদাপ্রভু নিজেই তোমার আগে আগে যাবেন এবং তোমার সঙ্গে থাকবেন; তিনি কখনও তোমাকে ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না। তুমি ভয় পেয়ো না; নিরাশ হোয়ো না।”
-
5 ফিলিস্তিনীদের সৈন্যদল দেখে শৌল ভয় পেয়ে গেলেন; তাঁর অন্তর আতঙ্কে ভরে গেল। 6 তিনি সদাপ্রভুর কাছে জানতে চেয়েছিলেন, কিন্তু সদাপ্রভু স্বপ্ন বা ঊরীম বা ভাববাদীদের মাধ্যমে তাঁকে উত্তর দেননি। 7 তখন শৌল তাঁর পরিচারকদের বললেন, “এমন একজন মহিলাকে খুঁজে নিয়ে এসো, যে একজন প্রেতমাধ্যম, যেন আমি তার কাছে গিয়ে একটু খোঁজখবর নিতে পারি।”
তারা বলল, “ঐনদোরে এমন একজন মহিলা আছে।”
-
দাউদের গীত।
1 সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না।
2 তিনি সবুজ চারণভূমিতে আমাকে শয়ন করান,
তিনি শান্ত জলের ধারে আমাকে নিয়ে যান,
-
11 “কিন্তু আমার লোকেরা আমার কথা শোনেনি;
ইস্রায়েল আমার কাছে নিজেকে সমর্পণ করেনি।
12 তাই আমি তাদের একগুঁয়ে হৃদয়ের হাতে তাদের ছেড়ে দিলাম
যেন তারা নিজেদের মন্ত্রণায় চলে।
-
7 আমি তোমার আত্মাকে এড়িয়ে কোথায় যাব?
আমি তোমার সামনে থেকে কোথায় পালাব?
8 যদি আমি আকাশমণ্ডলে উঠে যাই, সেখানে তুমি আছ;
যদি আমি পাতালে বিছানা পাতি, সেখানেও তুমি রয়েছ।
9 যদি আমি প্রত্যুষের ডানায় ভর করে উড়ে যাই,
যদি আমি সমুদ্রের সুদূর সীমায় বসতি স্থাপন করি,
10 এমনকি সেখানেও তোমার হাত আমাকে পথ দেখাবে,
তোমার ডান হাত আমাকে ধরে রাখবে।
-
15 “দুধের শিশুকে কোনো মা কি ভুলতে পারে?
তার গর্ভজাত সন্তানের প্রতি সে কি মমতা করবে না?
সে তাকে ভুলে যেতেও পারে,
কিন্তু আমি তোমাকে ভুলে যাব না!
16 দেখো, তোমার আকৃতি আমার হাতের তালুতে খোদাই করা আছে;
তোমার প্রাচীরগুলি সবসময়ই আমার সামনে আছে।
-
3 যে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, সেই যিহূদা যখন দেখল যে যীশুকে দোষী সাব্যস্ত করা হয়েছে সে তীব্র বিবেক দংশনে বিদ্ধ হল। সে প্রধান যাজকদের ও প্রাচীনদের কাছে গিয়ে সেই ত্রিশটি রুপোর মুদ্রা ফিরিয়ে দিল।
4 সে বলল, “নির্দোষ মানুষের রক্ত সমর্পণ করে আমি পাপ করেছি।” তারা উত্তরে বলল, “তাতে আমাদের কী? সে তোমার দায়।”
5 তাই যিহূদা সেই অর্থ মন্দিরে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। তারপর গিয়ে নিজেকে ফাঁসি দিল।
-
17 মোশির শ্বশুরমশাই তাঁকে উত্তর দিলেন, “তুমি যা করছ তা ঠিক নয়। 18 তুমি ও এই যেসব লোক তোমার কাছে আসছে, তোমরা সবাই অবসন্ন হয়ে পড়বে। তোমার পক্ষে এ কাজটি অত্যন্ত গুরুভার; একা তুমি এটি সামলাতে পারবে না।
-
9 আমি কি তোমাকে এই আদেশ দিইনি? তুমি শক্তিশালী ও সাহসী হও। তুমি ভীত হোয়ো না; হতাশ হোয়ো না, কারণ তুমি যেখানেই যাবে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে সঙ্গে থাকবেন।”
-
22 সদাপ্রভুর মহৎ নামের খাতিরেই তিনি তাঁর প্রজাদের প্রত্যাখ্যান করবেন না, কারণ সদাপ্রভু তোমাদের তাঁর নিজস্ব প্রজা করতে পেরে খুব খুশি হয়েছেন।
-
24 যার বন্ধুরা অনির্ভরযোগ্য সে অচিরেই সর্বনাশের সম্মুখীন হয়,
কিন্তু এমন একজন বন্ধু আছেন যিনি ভাইয়ের চেয়েও বেশি অন্তরঙ্গ।
-
27 আমি তোমাদের মধ্যে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিয়ে যাচ্ছি। জগৎ যেভাবে দেয়, আমি সেভাবে তোমাদের দান করি না। তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয় এবং তোমরা ভীত হোয়ো না।
-
13 বন্ধুদের জন্য যে নিজের প্রাণ সমর্পণ করে, তার চেয়ে মহত্তর প্রেম আর কিছু নেই। 14 তোমরা যদি আমার আদেশ পালন করো, তাহলে তোমরা আমার বন্ধু। 15 আমি তোমাদের আর দাস বলে ডাকি না, কারণ একজন প্রভু কী করেন, দাস তা জানে না। বরং, আমি তোমাদের বন্ধু বলে ডাকি, কারণ আমার পিতার কাছ থেকে আমি যা কিছু জেনেছি, তা তোমাদের জানিয়েছি।
-
24 আবার এসো, আমরা এও বিবেচনা করে দেখি, কীভাবে আমরা পরস্পরকে প্রেমে ও সৎকর্মে উদ্বুদ্ধ করতে পারি। 25 এসো, আমরা সভায় একত্রিত হওয়ার অভ্যাস পরিত্যাগ না করি, কেউ কেউ যেমন এতে অভ্যস্ত হয়ে উঠেছে। বরং এসো পরস্পরকে উৎসাহিত করি, বিশেষত আরও বেশি তৎপর হয়ে করি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ প্রভুর আগমনের সেইদিন ক্রমশ এগিয়ে আসছে।
-
7 আমি সদাপ্রভুর প্রশংসা করি, যিনি আমায় সুমন্ত্রণা দেন;
রাত্রিতেও আমার হৃদয় আমায় উপদেশ দেয়।
8 আমি সর্বদা আমার চোখ সদাপ্রভুতে স্থির রাখি।
তিনি আমার ডানপাশে আছেন, তাই আমি কখনও বিচলিত হব না।
9 তাই আমার হৃদয় আনন্দিত এবং আমার জিভ উল্লাস করে;
আমার দেহ নিরাপদে বিশ্রাম নেবে,
10 কারণ তুমি কখনও আমাকে পাতালের গর্ভে পরিত্যাগ করবে না,
তুমি তোমার বিশ্বস্তদের ক্ষয় দেখতে দেবে না।
11 তুমি আমাকে জীবনের পথ দেখাও;
তোমার সান্নিধ্য আমাকে আনন্দ দিয়ে পূর্ণ করবে,
তোমার ডান হাতে আছে অনন্ত সুখ।
-
1 “তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয়। ঈশ্বরকে বিশ্বাস করো, আমাকেও বিশ্বাস করো। 2 আমার পিতার গৃহে অনেক ঘর আছে, যদি না থাকত, আমি তোমাদের বলতাম। তোমাদের জন্য আমি সেখানে স্থান প্রস্তুত করতে যাচ্ছি। 3 আর যখন আমি সেখানে যাই ও তোমাদের জন্য স্থানের ব্যবস্থা করি, আমি আবার ফিরে আসব এবং আমি যেখানে থাকি, সেখানে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের নিয়ে যাব। 4 আমি যেখানে যাচ্ছি, সেখানে যাওয়ার পথ তোমরা জানো।”
-
10 সদাপ্রভু বললেন, “তুমি এ কী করলে? শোনো! জমি থেকে তোমার ভাইয়ের রক্তের কান্না আমার কানে ভেসে আসছে। 11 এখন তুমি অভিশাপগ্রস্ত হলে এবং সেই জমি থেকে বিতাড়িতও হলে, যা তোমার হাত থেকে তোমার ভাইয়ের রক্ত গ্রহণ করার জন্য উন্মুক্ত হয়েছে। 12 যখন তুমি এই জমিতে কাজ করবে, তখন আর তা তোমার জন্য ফসল উৎপন্ন করবে না। এ জগতে তুমি অশান্ত এক ভ্রমণকারী হয়েই থাকবে।”
-
5 সেখানে আটত্রিশ বছরের এক পঙ্গু ব্যক্তি ছিল। 6 যীশু তাকে সেখানে শুয়ে থাকতে দেখে এবং দীর্ঘদিন ধরেই তার এরকম অবস্থা জেনে তাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি সুস্থ হতে চাও?”
7 পঙ্গু লোকটি উত্তর দিল, “মহাশয়, জল কেঁপে ওঠার সময় সরোবরের জলে নামতে আমাকে সাহায্য করার মতো কেউ নেই। আমি জলে নামার চেষ্টা করতে করতেই অন্য কেউ আমার আগে নেমে পড়ে।”
8 যীশু তখন তাকে বললেন, “ওঠো, তোমার খাট তুলে নিয়ে চলে যাও।” 9 লোকটি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। সে তার খাট তুলে নিয়ে হাঁটতে লাগল।
যেদিন এই ঘটনা ঘটে, সেদিন ছিল বিশ্রামদিন।
-
15 মশকের জল যখন শেষ হয়ে গেল, তখন সে ছেলেটিকে একটি ঝোপের তলায় নিয়ে গিয়ে রাখল। 16 পরে সে একটু দূরে, প্রায় 100 মিটার দূরে গিয়ে বসে পড়ল, কারণ সে ভাবল, “আমি নিজের চোখে ছেলেটির মৃত্যুদৃশ্য দেখতে পারব না।” আর সেখানে বসে সে ফোঁপাতে শুরু করল।
-
6 কিন্তু আমি মানুষ নই, একটি কীটমাত্র,
সব মানুষের কাছে আমি অবজ্ঞা ও ঘৃণার পাত্র।
7 যারা আমায় দেখে, তারা উপহাস করে;
তারা অপমান করে, ও মাথা নেড়ে বলে,
8 “সে সদাপ্রভুর উপর নির্ভর করে,
অতএব, সদাপ্রভুই তাকে রক্ষা করুন।
যদি সদাপ্রভু তাকে এতই ভালোবাসেন,
তবে তিনিই ওকে উদ্ধার করুন।”
9 তবুও তুমি আমার মাতৃগর্ভ থেকে আমাকে নিরাপদে এনেছ;
এমনকি যখন আমি মায়ের বুকে ছিলাম,
তখন তুমি আমায় তোমার প্রতি বিশ্বাস করতে সাহায্য করেছ।
10 জন্ম থেকে আমি তোমার হাতেই সমর্পিত হয়েছি;
মাতৃগর্ভ থেকেই তুমি আমার ঈশ্বর রয়েছ।
11 আমার কাছ থেকে তুমি এত দূরে থেকো না,
কারণ বিপদ আসন্ন
আর কেউ আমাকে সাহায্য করার নেই।
-
9 হে সদাপ্রভু, আমাকে দয়া করো, কারণ আমি দুর্দশায় জীর্ণ;
দুঃখে আমার দৃষ্টি,
বিষাদে আমার প্রাণ ও দেহ ক্ষীণ হয়েছে।
10 আমার জীবন যন্ত্রণায় পূর্ণ হয়েছে
আর দীর্ঘশ্বাসে আমার দিন কাটছে,
পাপ আমার শক্তি নিঃশেষ করেছে,
আর আমার হাড়গোড় সব দুর্বল হয়েছে।
11 আমার সব শত্রুর কারণে,
আমি আমার প্রতিবেশীদের ঘৃণার পাত্র,
আর আমার ঘনিষ্ঠ বন্ধুদের কাছে ভয়ংকর হয়েছি—
যারা পথে আমাকে দেখে তারা আমার কাছ থেকে পালিয়ে যায়।
12 মৃত ব্যক্তির মতো আমাকে ভুলে যাওয়া হয়েছে;
আমি মাটির ভাঙা পাত্রের মতো হয়েছি।
-
13 মানুষের কাছে সাধারণভাবে যেমন ঘটে থাকে, তা ছাড়া অন্য কোনো প্রলোভন তোমাদের প্রতি ঘটেনি। আর ঈশ্বর বিশ্বস্ত। তোমরা যা সহ্য করতে পারো, তার অতিরিক্ত কোনো প্রলোভনে তিনি তোমাদের পড়তে দেবেন না। কিন্তু তোমরা যখন প্রলোভিত হও, তিনিই তোমাদের রক্ষা পাওয়ার পথও করে দেবেন, যেন তার মধ্যেও তোমরা দাঁড়িয়ে থাকতে পারো।
-
5 যে বিধবা প্রকৃতই নিঃস্ব ও একেবারেই নিঃসঙ্গ, সে ঈশ্বরের উপরেই প্রত্যাশা রাখে এবং দিনরাত প্রার্থনায় রত থেকে ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করে।
-
10 হায়, মা আমার, তুমি আমাকে জন্ম দিয়েছ,
আমি এমন মানুষ, যার সঙ্গে সমস্ত দেশ ঝগড়া-বিবাদ করে।
আমি ঋণ করিনি বা কাউকে ঋণও দিইনি,
তবুও সবাই আমাকে অভিশাপ দেয়।
-
10 তিনি উত্তর দিলেন, “আমি সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভুর জন্য দারুণ উদ্যোগী হয়েছি। ইস্রায়েলীরা তোমার নিয়ম বাতিল করে দিয়েছে, তোমার যজ্ঞবেদিগুলি ভেঙে ফেলেছে, এবং তোমার ভাববাদীদের তরোয়াল দিয়ে হত্যা করেছে। একমাত্র আমিই অবশিষ্ট আছি, আর এখন তারা আমাকেও হত্যা করতে চাইছে।”
-
21 আমৃত্যু, রাজা উষিয় কুষ্ঠরোগী হয়েই ছিলেন। কুষ্ঠরোগাক্রান্ত হয়ে তিনি আলাদা একটি বাড়িতে বসবাস করলেন, এবং সদাপ্রভুর মন্দিরে তাঁর প্রবেশ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হল। তাঁর ছেলে যোথম প্রাসাদের দায়িত্ব নিয়েছিলেন এবং দেশের প্রজাদের শাসন করলেন।
-
11 কারণ তোমাদের জন্য কৃত পরিকল্পনার কথা আমি জানি,” সদাপ্রভু এই কথা বলেন। “তা হল তোমাদের সমৃদ্ধির পরিকল্পনা, তোমাদের ক্ষতি করার নয়, তোমাদের এক আশা ও ভবিষ্যৎ মঙ্গলদানের পরিকল্পনা।
-
75 তখন যীশু যে কথা বলেছিলেন, তা পিতরের মনে পড়ল, “মোরগ ডাকার পূর্বে তুমি তিনবার আমাকে অস্বীকার করবে।” আর তিনি বাইরে গিয়ে খুব কাঁদতে লাগলেন।
Shows Read in context, Share and Copy.