35 Bible Verses About Loneliness

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Loneliness
  1. 18 সদাপ্রভু ঈশ্বর বললেন, “মানুষের একা থাকা ভালো নয়। আমি তার উপযুক্ত এক সহকারিণী তৈরি করব।”

    19 এখন সদাপ্রভু ঈশ্বর সব বন্যপশুকে ও আকাশের সব পাখিকে মাটি দিয়ে তৈরি করলেন। সেই মানুষটি তাদের কী নাম দেয় তা দেখার জন্য ঈশ্বর তাদের তাঁর কাছে আনলেন; আর সেই মানুষটি প্রত্যেকটি জীবন্ত প্রাণীকে যে যে নাম দিলেন, তার নাম ঠিক তাই হল। 20 অতএব সেই মানুষটি সব গৃহপালিত পশুর, আকাশের পাখিদের এবং সব বন্যপশুর নামকরণ করলেন।

    কিন্তু আদমের জন্য উপযুক্ত কোনও সহকারিণী পাওয়া যায়নি। 21 অতএব সদাপ্রভু ঈশ্বর মানুষটিকে গভীর ঘুমে ঘুমিয়ে পড়তে দিলেন; এবং যখন তিনি ঘুমাচ্ছিলেন, তখন ঈশ্বর সেই মানুষটির পাঁজরের একটি হাড় বের করে নিয়ে তাঁর সেই স্থানটি মাংস দিয়ে ভরাট করে দিলেন। 22 পরে সদাপ্রভু ঈশ্বর সেই মানুষটির পাঁজরের যে হাড়টি বের করলেন, তা দিয়ে এক নারী তৈরি করলেন, এবং ঈশ্বর তাঁকে সেই মানুষটির কাছে আনলেন।

    23 মানুষটি বললেন,

    “এখন এই আমার অস্থির অস্থি

    ও আমার মাংসের মাংস;

    এর নাম হবে ‘নারী,’

    কারণ একে নর থেকে নেওয়া হয়েছে।”

    24 এই কারণে একজন পুরুষ তার পিতা ও মাতাকে ত্যাগ করে, তার স্ত্রীর সাথে সংযুক্ত হবে ও সেই দুজন একাঙ্গ হবে।

  2. 5 ঈশ্বর অনাথদের বাবা আর বিধবাদের পক্ষসমর্থনকারী;

    তাঁর আবাস পবিত্র।

    6 যারা একা থাকে ঈশ্বর তাদের পরিবার দেন,

    তিনি বন্দিদের মুক্ত করেন আর তাদের আনন্দ দেন;

    কিন্তু বিদ্রোহীরা দগ্ধ ভূমিতে বসবাস করে।

  3. 5 তোমাদের জীবন অর্থলালসা থেকে মুক্ত রেখো। তোমাদের যা আছে, তাতেই সন্তুষ্ট থেকো। কারণ ঈশ্বর বলেছেন,

    “আমি কখনও তোমাকে ছেড়ে দেব না,

    কখনও তোমায় পরিত্যাগ করব না।”

    6 তাই আমরা আস্থার সঙ্গে বলতে পারি,

    “প্রভুই আমার সহায়, আমি ভীত হব না,

    মানুষ আমার কী করতে পারে?”

  4. 35 খ্রীষ্টের প্রেম থেকে কে আমাদের বিচ্ছিন্ন করবে? কষ্ট-সংকট, না দুর্দশা, না নির্যাতন, না দুর্ভিক্ষ, না নগ্নতা, না বিপদ, না তরোয়াল—এর কোনোটিই নয়? 36 যেমন লেখা আছে,

    “তোমার জন্য আমরা প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হই,

    বলির মেষের মতো আমাদের গণ্য করা হয়।”

    37 না, যিনি আমাদের প্রেম করেছেন, তাঁরই মাধ্যমে আমরা এসব বিষয়ে বিজয়ীর থেকেও বেশি বিজয়ী হয়েছি। 38 কারণ আমি নিশ্চিতরূপে জানতে পেরেছি যে, মৃত্যু বা জীবন, স্বর্গদূতেরা বা ভূতেরা, বর্তমান বা ভাবীকালের কোনো বিষয়, না কোনো পরাক্রম, 39 ঊর্ধ্বলোক বা অধোলোক বা সমস্ত সৃষ্টির অন্য কোনো বিষয়, কোনো কিছুই আমাদের প্রভু, খ্রীষ্ট যীশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না।

  5. 15 আমার চোখ সর্বদা সদাপ্রভুর দিকে স্থির,

    কারণ তিনিই কেবল শত্রুদের ফাঁদ থেকে আমায় উদ্ধার করবেন।

    16 আমার প্রতি ফিরে চাও ও আমায় কৃপা করো,

    কারণ আমি একাকী ও পীড়িত।

    17 আমার হৃদয়ের কষ্ট মোচন করো

    ও মনের যন্ত্রণা থেকে মুক্ত করো।

    18 আমার দুর্দশা ও বেদনার প্রতি দৃষ্টিপাত করো

    এবং আমার সমস্ত পাপ দূর করো।

    19 দেখো আমার শত্রুরা কত অসংখ্য

    এবং কী উগ্রভাবে তারা আমায় ঘৃণা করে।

    20 আমার জীবন সুরক্ষিত করো ও উদ্ধার করো;

    আমাকে লজ্জায় পড়তে দিয়ো না,

    কারণ আমি তোমাতে আশ্রয় নিয়েছি।

    21 সততা ও ন্যায়পরায়ণতা আমায় রক্ষা করুক,

    কারণ, হে সদাপ্রভু, আমি তোমাতেই আশা রাখি।

  6. 15 “তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে আমার সব আদেশ পালন করবে। 16 আমি পিতার কাছে নিবেদন করব এবং তোমাদের সঙ্গে চিরকাল থাকার জন্য তিনি আর এক সহায় তোমাদের দান করবেন। 17 তিনি সত্যের আত্মা। জগৎ তাঁকে গ্রহণ করতে পারে না। কারণ জগৎ তাঁকে দেখে না, তাঁকে জানেও না। কিন্তু তোমরা তাঁকে জানো, কারণ তিনি তোমাদের সঙ্গে আছেন এবং তিনি তোমাদের অন্তরে থাকবেন। 18 আমি তোমাদের অনাথ রেখে যাব না, আমি তোমাদের কাছে আসব।

  7. 9 আমার সামনে থেকে তোমার মুখ লুকিয়ে রেখো না,

    ক্রোধে তোমার দাসকে ফিরিয়ে দিয়ো না;

    তুমিই আমার সহায়।

    আমায় প্রত্যাখ্যান কোরো না বা পরিত্যাগ কোরো না,

    ঈশ্বর আমার পরিত্রাতা।

    10 যদিও আমার বাবা-মা আমায় পরিত্যাগ করে,

    সদাপ্রভু আমায় গ্রহণ করবেন।

  8. 18 তখন যীশু তাঁদের কাছে এসে বললেন, “স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। 19 অতএব, তোমরা যাও ও সমস্ত জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিষ্ম দাও। 20 আর আমি তোমাদের যে সমস্ত আদেশ দিয়েছি, সেগুলি পালন করার জন্য তাদের শিক্ষা দাও। আর আমি নিশ্চিতরূপে, যুগান্ত পর্যন্ত নিত্য তোমাদের সঙ্গে সঙ্গে আছি।”

  9. 33 বেলা বারোটা থেকে তিনটে পর্যন্ত সমস্ত দেশে অন্ধকার ছেয়ে গেল। 34 আর বেলা তিনটের সময়, যীশু উচ্চকণ্ঠে বলে উঠলেন, “এলী, এলী, লামা শবক্তানী?” যার অর্থ, “ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ?”

  10. 16 প্রথমবারের আত্মপক্ষ সমর্থনের সময়, আমার পক্ষে একজনও এগিয়ে আসেনি, বরং প্রত্যেকেই আমাকে ছেড়ে চলে গিয়েছিল। এসব যেন তাদের বিপক্ষে না যায়। 17 কিন্তু প্রভু আমার পাশে দাঁড়িয়ে শক্তি দিয়েছিলেন, যেন আমার মাধ্যমে সেই বার্তা সম্পূর্ণরূপে প্রচারিত হয় ও অইহুদি জনগণ তা শুনতে পায়। আবার আমি সিংহের মুখ থেকেও উদ্ধার পেয়েছি। 18 সমস্ত অশুভ আক্রমণ থেকে প্রভু আমাকে রক্ষা করবেন এবং তাঁর স্বর্গীয় রাজ্যে তিনি আমাকে নিরাপদে নিয়ে আসবেন। চিরকাল যুগে যুগে কীর্তিত হোক তাঁর মহিমা। আমেন।

  11. 10 তাই ভয় কোরো না, কারণ আমি তোমার সঙ্গে আছি;

    হতাশ হোয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর।

    আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব;

    আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব।

  12. 7 আবার আমি সূর্যের নিচে অসারতা দেখতে পেলাম

    8 কোনো একজন লোক একেবারে একা;

    তার ছেলেও নেই কিংবা ভাইও নেই,

    তার পরিশ্রমের শেষ নেই,

    তবুও তার ধনসম্পদে তার চোখ তৃপ্ত নয়।

    সে জিজ্ঞাসা করল, “আমি কার জন্য পরিশ্রম করছি,

    আর আমি কেন নিজেকে আনন্দ থেকে বঞ্চিত করছি?”

    এটাও অসার—

    ভারী কষ্টজনক!

    9 একজনের চেয়ে দুজন ভালো,

    কারণ তাদের কাজে অনেক ভালো ফল হয়

    10 যদি একজন পড়ে যায়,

    তবে তার সঙ্গী তাকে উঠাতে পারে।

    কিন্তু হায় সেই লোক যে পড়ে যায়

    আর কেউ তাকে উঠাবার জন্য নেই।

    11 আরও, যদি দুজন শুয়ে থাকে, তারা উষ্ণ থাকে।

    কিন্তু একজন কী করে নিজেকে একা উষ্ণ রাখতে পারবে?

    12 যদিও একা ব্যক্তি হেরে যেতে পারে,

    দুজন নিজেদের প্রতিরোধ করতে পারে।

    তিনটে দড়ি একসঙ্গে পাকানো হলে তাড়াতাড়ি ছেঁড়ে না।

  13. 28 “ওহে, তোমরা যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। 29 আমার জোয়াল তোমরা নিজেদের উপরে তুলে নাও ও আমার কাছে শিক্ষা নাও, কারণ আমার স্বভাব কোমল ও নম্র। এতে তোমরা নিজেদের অন্তরে বিশ্রাম পাবে। 30 কারণ আমার জোয়াল সহজ ও আমার বোঝা হালকা।”

  14. 4 যদিও আমি হেঁটে যাই

    অন্ধকারাচ্ছন্ন উপত্যকার মধ্য দিয়ে,

    আমি কোনও অমঙ্গলের ভয় করব না,

    কারণ তুমি আমার সঙ্গে আছ;

    তোমার লাঠি ও তোমার ছড়ি,

    সেগুলি আমাকে সান্ত্বনা দেয়।

    5 আমার শত্রুদের উপস্থিতিতে

    তুমি আমার সামনে এক ভোজসভায় আয়োজন করেছ।

    তুমি আমার মাথা তেল দিয়ে অভিষিক্ত করেছ;

    আমার পানপাত্র উপচে পড়ে।

    6 নিশ্চয় তোমার মঙ্গল ও প্রেম আমার পিছু নেবে

    আমার জীবনের সব দিন পর্যন্ত,

    এবং চিরকাল

    আমি সদাপ্রভুর গৃহে বসবাস করব।

  15. 31 যীশু উত্তর দিলেন, “অবশেষে তোমরা বিশ্বাস করলে! 32 কিন্তু সময় আসছে, বরং এসে পড়েছে, যখন তোমরা ছিন্নভিন্ন হয়ে প্রত্যেকে আপন আপন ঘরের কোণে ফিরে যাবে। তোমরা আমাকে নিঃসঙ্গ অবস্থায় পরিত্যাগ করবে। তবুও আমি নিঃসঙ্গ নই, কারণ আমার পিতা আমার সঙ্গে আছেন।

    33 “আমি তোমাদের এসব কথা জানালাম, যেন আমার মধ্যে তোমরা শান্তি লাভ করো। এই জগতে তোমরা সংকটের সম্মুখীন হবে, কিন্তু সাহস করো! আমি এই জগৎকে জয় করেছি।”

  16. 6 তোমরা বলবান হও ও সাহস করো। তাদের তোমরা ভয় পেয়ো না কিংবা আতঙ্কগ্রস্ত হোয়ো না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সঙ্গে যাবেন; তিনি কখনও তোমাদের ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না।”

  17. 3 তিনি অবজ্ঞাত, মানুষদের কাছে অগ্রাহ্য হলেন,

    তিনি দুঃখভোগকারী মানুষ ও কষ্টভোগকারীরূপে পরিচিত হলেন।

    মানুষ যা দেখে তাদের মুখ লুকায়,

    তার ন্যায় তিনি অবজ্ঞাত হলেন, আর আমরা তাঁর মর্যাদা তাঁকে দিইনি।

    4 সত্যিই তিনি আমাদের দুর্বলতা সকল তুলে নিয়েছেন

    এবং আমাদের সকল দুঃখ বহন করেছেন,

    তবুও, আমরা মনে করলাম, ঈশ্বর তাঁকে শাস্তি দিয়েছেন,

    তিনি আহত ও নিপীড়িত হয়েছেন।

    5 কিন্তু তিনি আমাদের অপরাধের জন্য বিদ্ধ,

    আমাদের অধর্ম সকলের জন্য চূর্ণ হয়েছেন;

    আমাদের শান্তিলাভের জন্য তাঁকে শাস্তি ভোগ করতে হল,

    আর তাঁর ক্ষতসকলের দ্বারা আমরা আরোগ্য লাভ করলাম।

    6 আমরা সবাই মেষদের মতো বিপথগামী হয়েছিলাম,

    প্রত্যেকেই নিজের নিজের পথে চলে গিয়েছিলাম;

    আর সদাপ্রভু আমাদের সকলের অপরাধ

    তাঁর উপরে অর্পণ করেছেন।

  18. 35 পরদিন খুব ভোরে, রাত পোহাবার অনেক আগে, যীশু উঠে পড়লেন এবং বাড়ি ছেড়ে এক নির্জন স্থানে গিয়ে প্রার্থনা করতে শুরু করলেন।

  19. 9 আমি কি তোমাকে এই আদেশ দিইনি? তুমি শক্তিশালী ও সাহসী হও। তুমি ভীত হোয়ো না; হতাশ হোয়ো না, কারণ তুমি যেখানেই যাবে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে সঙ্গে থাকবেন।”

  20. 24 যার বন্ধুরা অনির্ভরযোগ্য সে অচিরেই সর্বনাশের সম্মুখীন হয়,

    কিন্তু এমন একজন বন্ধু আছেন যিনি ভাইয়ের চেয়েও বেশি অন্তরঙ্গ।

  21. 15 “দুধের শিশুকে কোনো মা কি ভুলতে পারে?

    তার গর্ভজাত সন্তানের প্রতি সে কি মমতা করবে না?

    সে তাকে ভুলে যেতেও পারে,

    কিন্তু আমি তোমাকে ভুলে যাব না!

    16 দেখো, তোমার আকৃতি আমার হাতের তালুতে খোদাই করা আছে;

    তোমার প্রাচীরগুলি সবসময়ই আমার সামনে আছে।

  22. 8 সদাপ্রভু নিজেই তোমার আগে আগে যাবেন এবং তোমার সঙ্গে থাকবেন; তিনি কখনও তোমাকে ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না। তুমি ভয় পেয়ো না; নিরাশ হোয়ো না।”

  23. 4 মৃত্যুর বাঁধন আমাকে আবদ্ধ করেছিল;

    ধ্বংসের স্রোত আমাকে বিধ্বস্ত করেছিল।

    5 পাতালের বাঁধন আমাকে জড়িয়ে ধরেছিল;

    মৃত্যুর ফাঁদ আমার সম্মুখীন হয়েছিল।

    6 আমার সংকটে আমি সদাপ্রভুকে ডাকলাম;

    আমার ঈশ্বরের কাছে সাহায্যের জন্য কেঁদে উঠলাম।

    তাঁর মন্দির থেকে তিনি আমার গলার স্বর শুনলেন,

    আমার আর্তনাদ তাঁর সামনে এল, তাঁর কানে পৌঁছাল।

  24. 23 তবুও আমি সর্বদা তোমার সঙ্গে আছি;

    তুমি আমার ডান হাত ধরে রেখেছ।

    24 তোমার উপদেশে তুমি আমাকে পথ দেখাবে,

    এবং অবশেষে আমাকে মহিমায় নিয়ে যাবে।

    25 তুমি ছাড়া স্বর্গে আমার আর কে আছে?

    তুমি ছাড়া জগতে আর কিছুই আমি কামনা করি না।

    26 আমার মাংস আর আমার অন্তর ব্যর্থ হতে পারে,

    কিন্তু ঈশ্বর আমার হৃদয়ের শক্তি

    আর আমার চিরকালের উত্তরাধিকার।

  25. 1 এরপর যীশু পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে মরুপ্রান্তরে গেলেন, যেন দিয়াবলের দ্বারা প্রলোভিত হতে পারেন। 2 চল্লিশ দিন ও চল্লিশ রাত উপোস করার পর তিনি ক্ষুধার্ত হলেন।

  26. 14 অতএব, আমরা এমন এক মহান মহাযাজককে পেয়েছি, যিনি আকাশমণ্ডল অতিক্রম করে উন্নীত হয়েছেন, তিনি ঈশ্বরের পুত্র যীশু; তাই এসো, আমরা যে বিশ্বাস স্বীকার করি, তা দৃঢ়রূপে আঁকড়ে ধরে থাকি। 15 কারণ আমাদের মহাযাজক এমন নন, যিনি আমাদের দুর্বলতায় সহানুভূতি দেখাতে অক্ষম; বরং আমরা এমন একজনকে পেয়েছি, যিনি আমাদেরই মতো সব বিষয়ে প্রলোভিত হয়েছিলেন, অথচ নিষ্পাপ থেকেছেন। 16 তাই এসো, আস্থার সঙ্গে আমরা তাঁর অনুগ্রহ-সিংহাসনের সামনে উপস্থিত হই, যেন আমরা করুণা লাভ করতে পারি ও আমাদের প্রয়োজনের সময়ে অনুগ্রহ পাই।

  27. প্রধান সংগীত পরিচালকের জন্য। সুর: “প্রভাতের হরিণী।” দাউদের গীত।

    1 ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ?

    আমাকে রক্ষা করা থেকে কেন দূরে আছ,

    আমার বেদনার আর্তনাদ থেকে কেন অত দূরে?

    2 হে আমার ঈশ্বর, আমি দিনে তোমাকে ডাকি, কিন্তু তুমি উত্তর দাও না,

    রাতেও ডাকি, কিন্তু কোনও অব্যাহতি পাই না।

  28. 7 আমি তোমার আত্মাকে এড়িয়ে কোথায় যাব?

    আমি তোমার সামনে থেকে কোথায় পালাব?

    8 যদি আমি আকাশমণ্ডলে উঠে যাই, সেখানে তুমি আছ;

    যদি আমি পাতালে বিছানা পাতি, সেখানেও তুমি রয়েছ।

    9 যদি আমি প্রত্যুষের ডানায় ভর করে উড়ে যাই,

    যদি আমি সমুদ্রের সুদূর সীমায় বসতি স্থাপন করি,

    10 এমনকি সেখানেও তোমার হাত আমাকে পথ দেখাবে,

    তোমার ডান হাত আমাকে ধরে রাখবে।

  29. 4 তুমি চেয়ে দেখো, আমার ডানদিকে কেউ নেই;

    আমার জন্য কারও ভাবনা নেই,

    আমার কোনও আশ্রয় নেই;

    কেউই আমার জীবনের জন্য চিন্তা করে না।

  30. 16 যখন তোমার বাক্যসকল এল, আমি তা অন্তরে গ্রহণ করলাম,

    সেগুলি ছিল আমার আনন্দ ও প্রাণের হর্ষজনক,

    কারণ হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর,

    আমি তোমার নাম ধারণ করি।

    17 উচ্ছৃঙ্খল লোকদের দলে আমি কখনও বসিনি,

    আমি কখনও তাদের সঙ্গে ফুর্তি করিনি;

    আমি একা বসেছিলাম, কারণ তোমার হাত আমার উপরে ছিল,

    আর তুমি আমাকে ঘৃণামিশ্রিত ক্রোধে পূর্ণ করেছিলে।

  31. 3 প্রকৃত দুস্থ বিধবাদের যথাযথ স্বীকৃতি দিয়ো। 4 কিন্তু কোনো বিধবার যদি সন্তানসন্ততি বা নাতি-নাতনি থাকে, তবে তাদের প্রথম দায়িত্ব হল নিজেদের বাড়িতে তাদের পরিবারের তত্ত্বাবধান করা এবং তাদের বাবা-মা ও দাদু-দিদার প্রতি ঋণ পরিশোধ করা। এভাবেই তারা তাদের ধর্মীয় কর্তব্য পালন করবে এবং তা ঈশ্বরের চোখে সন্তোষজনক। 5 যে বিধবা প্রকৃতই নিঃস্ব ও একেবারেই নিঃসঙ্গ, সে ঈশ্বরের উপরেই প্রত্যাশা রাখে এবং দিনরাত প্রার্থনায় রত থেকে ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করে। 6 কিন্তু যে বিধবা শারীরিক কামনার বশে জীবনযাপন করে, সে জীবিত থেকেও মৃত।

  32. 17 ধার্মিকরা কেঁদে ওঠে, আর সদাপ্রভু শোনেন;

    তিনি তাদের সব সংকট থেকে মুক্ত করেন।

    18 সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী,

    এবং যারা অন্তরে চূর্ণবিচূর্ণ, তাদের তিনি উদ্ধার করেন।

  33. 11 আমার রোগের জন্য আমার বন্ধু ও প্রিয়জনেরা আমাকে ত্যাগ করেছে,

    আমার প্রতিবেশীরাও আমার থেকে দূরে থাকে।

  34. 28 তুমি কি জানো না?

    তুমি কি কখনও শোনোনি?

    সদাপ্রভুই সনাতন ঈশ্বর,

    তিনি পৃথিবীর প্রান্তসীমার সৃষ্টিকর্তা।

    তিনি শ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না,

    তাঁর বুদ্ধির গভীরতা কেউ পরিমাপ করতে পারে না।

    29 তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন,

    দুর্বলের শক্তিবৃদ্ধি করেন।

    30 এমনকি, যুবকেরাও শ্রান্ত ও ক্লান্ত হয়,

    তরুণেরা হোঁচট খেয়ে পতিত হয়;

    31 কিন্তু যারা সদাপ্রভুতে প্রত্যাশা রাখে,

    তারা তাদের শক্তি নবায়িত করবে।

    তারা ঈগল পাখির মতোই ডানা মেলবে,

    তারা দৌড়াবে, কিন্তু ক্লান্ত হবে না,

    তারা চলাফেরা করবে, কিন্তু মূর্ছিত হবে না।

  35. 20 কারণ যেখানে দুই কিংবা তিনজন আমার নামে একত্র হয়, সেখানে আমি তাদের মধ্যে উপস্থিত।”