63 Bible Verses About Being In Love

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Being In Love
  1. 1 শলোমনের পরমগীত।

    প্রেমিকা

    2 তাঁর মুখের চুম্বনে তিনি আমাকে চুম্বন করুন,

    কেননা তোমার প্রেম দ্রাক্ষারসের চেয়েও বেশি চিত্তাকর্ষক ও মধুর।

    3 তোমার সুগন্ধির ছড়ানো সুবাস প্রফুল্লদায়ক;

    তোমার নামটিও যেন ঢেলে দেওয়া আতর।

    ফলে কুমারী মেয়েরা যে তোমাকে প্রেম করবে, এতে বিস্ময়ের কিছু নেই!

    4 আমাকে নিয়ে চলো তোমার সঙ্গে দূরে—চলো, আমরা শীঘ্র যাই!

    আমার রাজা আমাকে নিয়ে যাবেন তাঁর অন্তঃপুরে।

    বান্ধবীদের দল

    আমরা তোমাতে আনন্দিত ও উল্লসিত হব;

    দ্রাক্ষারসের চেয়েও আমরা তোমার প্রেমের বেশি বন্দনা করব।

    প্রেমিকা

    তোমার প্রতি লোকদের ভক্তি ভালোবাসা একেবারে ন্যায্য!

    5 হে জেরুশালেমের কন্যারা,

    আমি ঘন কালো হলেও সুন্দরী,

    ঠিক যেন কেদরের তাঁবু আমি,

    যেন শলোমনের তাঁবুর যবনিকা।

    6 আমি ঘন কালো বলে ওভাবে তাকিও না আমার দিকে,

    কেননা রোদে পুড়েই আজ আমি ঘন কালো।

    আমার মাতৃপুত্রগণ আমার প্রতি ক্রুদ্ধ ছিল

    এবং তারা আমাকে দ্রাক্ষাক্ষেত্র দেখভাল করতে পাঠাত;

    ফলে আমার নিজের দ্রাক্ষাক্ষেত্রকে আমায় উপেক্ষা করতে হয়েছে।

    7 ওগো প্রেমিক আমার, এবার বলত,

    তোমার মেষপালকে তুমি কোথায় চরাও

    এবং দ্বিপ্রহরকালে তোমার মেষদের কোথায় বিশ্রাম করাও।

    তোমার বন্ধুদের পালের পাশে আমাকে কেন

    ঘোমটা দেওয়া মহিলার মতো হতে হবে?

    বান্ধবীদের দল

    8 হে, নারীদের মধ্যে সেরা সুন্দরী, তা যদি তুমি না-জানো,

    তবে মেষদের পদচিহ্ন ধরে যাও,

    এবং পালকদের তাঁবুগুলির কাছে

    তোমার ছাগবৎসদের চরাও।

  2. বান্ধবীদের দল

    5 মরুপ্রান্তর পার হয়ে আপন প্রেমিকার কাঁধে মাথা রেখে ওই কে আসে?

    প্রেমিকা

    যেখানে তোমার মা তোমাকে প্রসব করেছিলেন

    সেই আপেল গাছের তলায় আমি

    তোমাকে জাগালাম; ওখানে

    তোমার মা তোমার জন্মকালীন প্রসববেদনা সয়েছিলেন।

    6 তোমার হৃদয়ে আমাকে অভিজ্ঞানস্বরূপ করে রাখো,

    তোমার বাহুর উপরে আমাকে অভিজ্ঞানস্বরূপ করে রাখো;

    কেননা প্রেম মৃত্যুর মতোই শক্তিশালী,

    এর অর্ন্তজ্বালা কবরের মতো নিষ্ঠুর সত্য।

    এ যেন এক জ্বলন্ত আগুন,

    এক লেলিহান আগুনের শিখা।

    7 অজস্র জলও প্রেমের তৃষ্ণা মিটাতে পারে না;

    নদীরাও তাকে মুছে দিতে পারে না।

    কেউ যদি প্রেমের বিনিময়ে

    তাঁর ঘরের যাবতীয় ধনসম্পদ দিয়ে দেয়,

    তবে তা ধিক্কারজনক হবে।

    8 আমাদের একটি অল্পবয়সি বোন আছে,

    তার বক্ষদেশ এখনও প্রস্ফুটিত হয়নি।

    আমাদের এই বোনটির জন্য আমরা কী যে করি,

    কারণ একদিন তো তাকে সর্বসমক্ষে তার কথা বলতে হবে?

    9 সে যদি প্রাচীরস্বরূপা হয়,

    তাহলে আমরা তার উপরে রুপোর মিনার নির্মাণ করব,

    সে যদি দুয়ারস্বরূপা হয়,

    তাহলে আমরা সিডার কাঠ দিয়ে তার ভিত্তিমূলকে ঘিরে দেব।

    10 আমি প্রাচীরস্বরূপা

    এবং আমার দুটি স্তন গম্বুজের মতো।

    এভাবেই আমি তাঁর চোখে

    পরম তৃপ্তিদায়ক হয়ে উঠলাম।

    11 বায়াল-হামনে শলোমনের এক দ্রাক্ষাক্ষেত্র ছিল;

    যা তিনি তার ভাগচাষিদের চাষ করতে দিয়েছেন।

    এর ফলের জন্য তাদের মাথাপিছু

    দিতে হবে এক সহস্র রৌপ্যমুদ্রা।

    12 কিন্তু আমার নিজের দ্রাক্ষাকুঞ্জ দিতে পারি শুধু আমিই;

    হে শলোমন, এই 1,000 শেকল রৌপ্যমুদ্রা তোমার জন্য,

    আর আমার দ্রাক্ষাকুঞ্জের উৎপাদিত ফলের পরিচর্যাকারী কৃষকেরা পাবে মাথাপিছু

    200 শেকল রৌপ্যমুদ্রা।

  3. 1 সারারাত আমার শয্যায় আমি একজনের প্রতীক্ষায় পথ চেয়ে বসেছিলাম,

    যাঁকে আমার হৃদয় ভালোবাসে;

    তাঁর জন্য পথ চেয়ে বসে থাকলাম কিন্তু তাঁর দেখা পেলাম না।

    2 আমি এখন উঠব এবং নগরে যাব,

    সেখানকার পথে-ঘাটে ও উন্মুক্ত চত্বরে তাঁকে অন্বেষণ করব,

    যাঁকে আমার হৃদয় ভালোবাসে।

    এইভাবে আমি তাঁকে অন্বেষণ করলাম কিন্তু তাঁর দেখা পেলাম না।

    3 নগররক্ষীরা রাতপাহারা দেবার সময় আমাকে দেখতে পেল।

    “তোমরা কি তাঁকে দেখেছ,

    যাঁকে আমার হৃদয় ভালোবাসে?”

    4 তাদের ছেড়ে আমি যখন এগিয়ে গেলাম

    ঠিক তখনই তাঁর দেখা পেলাম, যাঁকে আমার হৃদয় ভালোবাসে।

    আমি তাঁকে আঁকড়ে ধরলাম, তাঁকে কিছুতেই ছাড়লাম না,

    যতক্ষণ না তাঁকে আমার মায়ের বাড়িতে,

    আমার জন্মদাত্রীর বাড়িতে নিয়ে গেলাম।

    5 জেরুশালেমের কন্যারা, মাঠের গজলা হরিণীদের

    এবং হরিণশাবকদের দিব্যি দিয়ে আমি তোমাদের বলছি,

    যতক্ষণ না বাসনা জেগে উঠছে,

    ততক্ষণ প্রেমকে জাগিও না বা তাকে উত্তেজিত কোরো না।

  4. 6 বণিকদের বিভিন্ন মশলাপাতি সহযোগে

    তৈরি গন্ধরস ও কুন্দুরুর সুবাস ছড়িয়ে,

    মরুপ্রান্তর পেরিয়ে

    ধোঁয়ার স্তম্ভের মতো কে আসে ওই?

    7 ও মা! দেখো, দেখো! এ যে শলোমনের ঘোড়ার গাড়ী,

    যাকে ষাটজন যোদ্ধা পাহারা দিচ্ছে,

    যারা ইস্রায়েলের সর্বোত্তম বীর,

    8 এরা প্রত্যেকেই সশস্ত্র, প্রত্যেকেই রণাঙ্গনের অভিজ্ঞতালব্ধ,

    এদের প্রত্যেকের কটিদেশে

    নিজ নিজ তরবারি সংলগ্ন,

    রাত্রিকালীন সন্ত্রাসের মোকাবিলায় সর্বদা প্রস্তুত।

    9 রাজা শলোমন তাঁর নিজের জন্য এই ঘোড়ার গাড়ীটি তৈরি করেছেন,

    লেবাননের কাঠ দিয়ে তিনি এটি নির্মাণ করেছেন।

    10 তিনি এর স্তম্ভগুলি রুপো দিয়ে,

    আর তলার অংশ সোনা দিয়ে তৈরি করেছেন,

    এর বসার গদিটি বেগুনিয়া বস্ত্রে সুসজ্জিত,

    এর অন্দরসজ্জায় জেরুশালেমের কন্যাদের

    প্রীতিপূর্ণ কারুকাজ। 11 ওগো সিয়োন-কন্যারা,

    তোমরা বাইরে বেরিয়ে এসো,

    দেখো, রাজা শলোমনকে,

    তিনি মাথায় মুকুট পরছেন,

    সেই মুকুট যা তাঁর বিবাহের দিন তাঁর মা মাথায় পরিয়ে দিয়েছিলেন,

    যেদিন তাঁর হৃদয় আনন্দিত হয়ে উঠেছিল।

  5. প্রেমিক

    4 ওগো মোর প্রিয়া, তুমি তির্সার মতো রূপসী,

    জেরুশালেমের মতো লাবণ্যময়,

    পতাকাবাহী সেনাবাহিনীর মতো জমকালো।

    5 আমার দিক থেকে তোমার দুই নয়ন সরাও;

    ওরা আমাকে বিহ্বল করে দেয়;

    তোমার কেশরাশি এমন ছাগপালের মতো,

    যারা গিলিয়দের ঢাল বেয়ে নেমে আসে

    6 তোমার দন্তপঙক্তি যেন একপাল মেষ,

    যাদের সদ্য ধৌত করা হয়েছে,

    ওরা কেউ একা নয়,

    প্রত্যেকের সঙ্গে রয়েছে তার যমজ শাবক।

    7 ঘোমটায় আবৃত তোমার কপোল

    অর্ধ কর্তিত ডালিম ফলের মতো।

    8 রানি সম্ভবত ষাটজন,

    আর উপপত্নী আশি জন,

    আর কুমারীর সংখ্যা অগণ্য;

    9 কিন্তু আমার কবুতর, আমার নিখুঁত প্রিয়া অনন্যা, সে তাঁর মায়ের একমাত্র দুহিতা,

    তাঁর জন্মদাত্রীর প্রিয়পাত্রী। কুমারীরা তাঁকে দেখে ধন্যা বলে সম্বোধন করেছে;

    রানি ও উপপত্নীরা তাঁর প্রশংসা করেছে।

    বান্ধবীদের দল

    10 উনি কে, যিনি ভোরের আলোর মতো আবির্ভূত হচ্ছেন,

    যিনি চন্দ্রের মতো শুভ্র, সূর্যের মতো উজ্জ্বল,

    নক্ষত্রদের শোভাযাত্রার মতো ঐশ্বর্যময়?

  6. 9 আর তোমার মুখ হয়ে উঠুক উৎকৃষ্ট সুরাসম।

    প্রেমিকা

    এই সুরা কেবলমাত্র আমার প্রেমিকের কাছে পৌঁছাক,

    যা তাঁর দন্তশ্রেণী ও ওষ্ঠাধর

    বেয়ে ধীরে প্রবাহিত হবে।

    10 আমি কেবলমাত্র আমার প্রেমিকের

    এবং আমার প্রতি তিনি আসক্ত।

    11 ওগো মোর প্রেমিক, এসো, আমরা পল্লীগ্রামের দিকে যাই,

    চলো আমরা গ্রামদেশে গিয়ে নিশিযাপন করি।

    12 ভোরবেলা চলো আমরা দ্রাক্ষাক্ষেত্রে যাই,

    দেখি দ্রাক্ষালতায় কুঁড়ি এল কি না,

    তা মঞ্জরিত হল কি না,

    আর ডালিম গাছে ফুল ফুটল কি না—ওখানেই

    আমি তোমায় আমার প্রেম নিবেদন করব।

    13 চারপাশে এখন দূদাফলের সৌরভ,

    আর আমাদের দোরগোড়াতেই আছে

    নতুন ও পুরোনো বিভিন্ন উপাদেয় খাদ্যদ্রব্য,

    হে প্রিয়, যেগুলি আমি তোমার জন্য সংরক্ষণ করেছি।

  7. 10 আমার প্রেমিক মুখ খুললেন এবং আমাকে বললেন,

    “প্রিয়তমা আমার,

    ওগো আমার সুন্দরীশ্রেষ্ঠা, উঠে পড়ো এবং আমার সঙ্গে চলো।

    11 চেয়ে দেখো! শীতকাল চলে গেছে;

    বারিধারাও সমাপ্ত হয়েছে এবং বিদায় নিয়েছে।

    12 মাঠে মাঠে ফুল ফুটেছে;

    গান গাওয়ার ঋতু এসেছে,

    আমাদের দেশে এখন

    ঘুঘুর ডাক শোনা যাচ্ছে।

    13 ডুমুর গাছের ফল পুষ্ট হয়েছে;

    মুকুলিত দ্রাক্ষালতা বাতাসে তার সৌরভ ছড়াচ্ছে।

    উঠে এসো, চলো, প্রিয়া আমার।

    আমার সুন্দরীশ্রেষ্ঠা, চলে এসো আমার সঙ্গে।”

    প্রেমিক

    14 আমার কপোতের অবস্থান যেন শৈলের ফাটলে,

    যেন পাহাড়ি এলাকার গুপ্ত স্থানে,

    আমাকে দেখতে দাও তোমার মুখশ্রী,

    আমাকে শুনতে দাও তোমার কণ্ঠস্বর;

    কেননা তোমার মুখশ্রী লাবণ্যময়,

    তোমার কণ্ঠস্বর মধুর।

    15 তোমরা আমাদের জন্য সেইসব শিয়ালদের ধরো,

    সেইসব ক্ষুদ্র শিয়ালদের,

    যারা দ্রাক্ষাক্ষেত্রকে,

    আমাদের মুকুলিত দ্রাক্ষাক্ষেত্রকে তছনছ করে দেয়।

  8. 12 মম ভগিনী, মম বধূ, তুমি অর্গলবদ্ধ এক বাগিচা;

    এক মুদ্রাঙ্কিত, অবরুদ্ধ ঝরনা।

    13 তোমার চারাগাছগুলি ডালিমের উপবন,

    যেখানে আছে উৎকৃষ্ট ফল,

    আছে মেহেদি ও জটামাংসী

    14 জটামাংসী আর জাফরান, বচ,

    দারুচিনি ও সর্বপ্রকার সুগন্ধি ধুনোর গাছ,

    আছে গন্ধরস,

    অগুরু ও উৎকৃষ্ট মশলার গাছ।

    15 তুমি বাগিচায় ঘেরা এক ঝরনা,

    প্রবাহিত জলের এক উৎস,

    যার স্রোত সেই লেবানন থেকে বইছে।

    প্রেমিকা

    16 জাগো, হে উত্তুরে বায়ু,

    এসো হে দখিনা বাতাস!

    বয়ে যাও আমার এই বাগিচায়,

    যাতে এর সৌরভ চারদিকে ছড়িয়ে যায়।

    আমার প্রেমিককে আসতে দাও তাঁর আপন বাগিচায়

    এবং তাঁর পছন্দসই ফলের স্বাদ গ্রহণ করতে দাও।

  9. 4 আমার প্রেমিক দুয়ারের ছিদ্র দিয়ে অর্গল খোলার জন্য তাঁর হাত বাড়ালেন;

    তাঁর জন্য আমার হৃৎস্পন্দনের গতি বাড়তে শুরু করল।

    5 আমার প্রেমিকের জন্য দরজা খোলার জন্য আমি উঠলাম,

    আর দরজার অর্গলে লেগে থাকা গন্ধরসে আমার দু-হাত ভিজে গেল,

    তরল গন্ধরসে আমার আঙুলগুলি সিক্ত হল।

    6 আমার প্রেমিকের জন্য আমি দরজা খুললাম, কিন্তু আমার প্রেমিক ফিরে গেছেন,

    চলে গেছেন তিনি।

    তাঁর প্রস্থানে আমার হৃদয় ম্রিয়মাণ হয়ে গেল।

    তাঁকে কত খুঁজলাম,

    কিন্তু কোথাও তাঁর দেখা পেলাম না,

    তাঁকে কত ডাকলাম,

    কিন্তু তিনি সাড়া দিলেন না।

    7 নগররক্ষীরা পাহারা দেবার সময় দেখতে আমাকে পেল।

    ওরা আমাকে প্রহার করল,

    ক্ষতবিক্ষত করল;

    পাঁচিলের ধারের ওই নগররক্ষীগুলি আমার কাপড়জামাও ছিনিয়ে নিল!

    8 হে জেরুশালেমের কন্যারা, আমি তোমাদের দিব্যি দিয়ে বলছি,

    তোমরা যদি আমার প্রেমিকের দেখা পাও, তাহলে,

    কী বলবে তাঁকে? বলবে যে,

    তাঁর প্রেমে আমি অচৈতন্যপ্রায়।

  10. বান্ধবীদের দল

    1 হে পরমাসুন্দরী, তোমার প্রেমিক

    কোথায় চলে গেছেন?

    তোমার প্রেমিক কোনও দিকে গেছেন, তোমার সঙ্গে আমরাও

    তো তাঁকে সেখানে খুঁজতে যেতে পারি?

    প্রেমিকা

    2 আমার প্রেমিক তাঁর বাগানে,

    সুগন্ধি মশলার কেয়ারিতে নেমে গেছেন,

    বাগানগুলিতে পদচারণা করতে

    আর লিলি ফুল চয়ন করতে।

    3 আমি আমার প্রেমিকের এবং আমার প্রেমিক আমারই;

    তিনি লিলিফুলের বাগিচায় পদচারণা করেন।

  11. প্রেমিক

    11 আমি আখরোটের বাগিচায় নেমে গেছিলাম দেখতে যে,

    উপত্যকায় নবীন কোনও তরু অঙ্কুরিত হল কি না,

    দ্রাক্ষালতা কতটা কুঁড়ি হল

    কিংবা ডালিম গাছে ফুল এল কি না।

    12 বিষয়টি ভালো করে বোঝার আগেই

    আমার বাসনা আমাকে বসিয়ে দিল আমার জাতির রাজকীয় রথরাজির মধ্যে।

    বান্ধবীদের দল

    13 ফিরে এসো, ফিরে এসো, হে শূলম্মীয়ে; ফিরে এসো,

    ফিরে এসো, যাতে আমরা অপলকে তোমাকে দেখতে পাই।

    প্রেমিক

    মহনয়িমের নৃত্যের মতো করে তোমরা কেন

    শূলম্মীয়েকে অপলকে দেখতে চাইছ?

  12. 1 তুমি যদি আমার মায়ের স্তন্যপান করা হতে

    আমার সহোদর ভাইয়ের মতো!

    তাহলে তোমাকে ঘরের বাইরে দেখতে পেলে,

    আমি তোমাকে চুম্বন করতাম,

    তখন আর কেউ আমাকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারত না।

    2 আমি তোমাকে পথ দেখাতাম

    আর নিয়ে যেতাম

    আমার মায়ের ঘরে—

    যে মা আমার শিক্ষাদাত্রী।

    আমি তোমাকে পান করার জন্য সুগন্ধি মশলা মিশ্রিত সুরা দিতাম,

    দিতাম আমার ডালিম ফলের নির্যাস।

    3 তাঁর বাম বাহু আমার মস্তকের নিচে,

    আর তাঁর ডান বাহু আমাকে আলিঙ্গন করে।

    4 জেরুশালেমের কন্যারা, আমি তোমাদের দিব্যি দিয়ে বলছি,

    যতক্ষণ না বাসনা জেগে উঠছে,

    ততক্ষণ প্রেমকে জাগিও না বা তাকে উত্তেজিত কোরো না।

  13. 29 ঈশ্বর শলোমনকে প্রজ্ঞা ও প্রচুর পরিমাণে অর্ন্তদৃষ্টি এবং সমুদ্রতীরের বালুকণার মতো অগাধ বোধবুদ্ধি দিলেন। 30 প্রাচ্যের সব লোকজনের প্রজ্ঞা থেকে, এবং মিশরের সব প্রজ্ঞার তুলনায় শলোমনের প্রজ্ঞা ছিল অসামান্য। 31 তিনি অন্য যে কোনো লোকের, এমনকি ইষ্রাহীয় এথনের চেয়েও বেশি বিচক্ষণ ছিলেন—মাহোলের ছেলে হেমন, কলকোল ও দর্দার চেয়েও বেশি বিচক্ষণ ছিলেন। আর তাঁর সুখ্যাতি পার্শ্ববর্তী সব দেশে ছড়িয়ে পড়েছিল। 32 তিনি তিন হাজার প্রবাদবাক্য বললেন এবং এক হাজার পাঁচটি গানও লিখেছিলেন। 33 লেবাননের দেবদারু থেকে শুরু করে প্রাচীরের গায়ে উৎপন্ন এসোব পর্যন্ত সব গাছপালার বিষয়ে তিনি কথা বললেন। এছাড়াও তিনি পশুদের ও পাখিদের, সরীসৃপদের ও মাছেরও বিষয়ে কথা বললেন। 34 সব দেশ থেকে সেইসব লোকজন শলোমনের প্রজ্ঞার কথা শুনতে আসত, যাদের পৃথিবীর সেইসব রাজা পাঠাতেন, যারা তাঁর প্রজ্ঞার বিষয়ে খবর পেয়েছিলেন।

  14. প্রেমিক

    9 প্রিয়তমা আমার, আমি তোমাকে তুলনা করেছি

    ফরৌণের অন্যতম এক রথের সঙ্গে যুক্ত এক অশ্বিনীর সঙ্গে।

    10 কানের দুলগুলি তোমার দুই গালকে

    আর রত্নখচিত মালা তোমার গলাকে করে তুলেছে অপূর্ব।

    11 আমরা তোমাকে করে তুলব যেন সোনার তৈরি কানের দুল,

    যা হবে রৌপ্যখচিত।

    প্রেমিকা

    12 রাজা যখন তাঁর মেজের নিকটে উপস্থিত,

    তখন আমার সুগন্ধি তার সৌরভ ছড়াল।

    13 আমার প্রেমিক আমার কাছে এক থলি গন্ধরসের মতো

    যা আমার স্তনযুগলের উপত্যকায় মিশে থাকে।

    14 আমার প্রেমিক আমার কাছে মেহেদি গুল্মের একগুচ্ছ কুঁড়ির মতো,

    যা জন্মায় ঐন-গদীর দ্রাক্ষাক্ষেত্রে।

  15. 4 তিনি আমাকে ভোজসভায় নিয়ে গেলেন,

    তখন যেন তাঁর পতাকাই হয়ে উঠল প্রেম।

    5 তোমরা আমাকে কিশমিশ দিয়ে সবল করো,

    আপেল দিয়ে চনমনে করে তোল,

    কেননা প্রেম আমাকে মূর্চ্ছিত করেছে।

  16. প্রেমিকা

    16 আমার প্রেমিক শুধু আমার এবং আমিও শুধু তাঁর;

    লিলিফুলের মাঝে তাঁর পদচারণ।

    17 দিন শেষ হওয়ার আগে

    এবং ছায়া মুছে যাওয়ার আগে,

    ওগো আমার প্রিয়তম, ফিরে এসো এবং

    রুক্ষ পর্বতের গজলা হরিণ বা হরিণশাবকের মতো হয়ে ওঠো।

  17. প্রেমিক

    1 প্রিয়তমা আমার, অপূর্ব সুন্দরী তুমি!

    আহা, কী অপরূপ তুমি!

    তোমার ঘোমটার আড়ালে তোমার দুটি চোখ কপোতের মতো।

    তোমার কেশরাশি একপাল ছাগলের মতো,

    যারা গিলিয়দ পর্বতের ঢাল বেয়ে নেমে আসে।

    2 তোমার দন্তপঙক্তি যেন সদ্য পশম ছাঁটা মেষপালের মতো,

    যাদের সদ্য ধৌত করা হয়েছে,

    ওরা কেউ একা নয়,

    প্রত্যেকের সঙ্গে তার যমজ শাবক রয়েছে।

    3 তোমার ওষ্ঠাধর রক্তিম ফিতের মতো;

    তোমার মুখশ্রী চমৎকার।

    ঘোমটা আবৃত তোমার কপোল

    অর্ধ কর্তিত ডালিম ফলের মতো।

    4 তোমার গলা দাউদের দুর্গের মতো,

    অসামান্য সুষমামণ্ডিত যার পাথরের নির্মাণসৌকর্য,

    যার উপরে টাঙানো থাকে এক হাজার ঢাল,

    যেগুলির প্রত্যেকটি যোদ্ধাদের ঢাল।

    5 তোমার দুটি স্তন যেন দুটি হরিণশাবক,

    যেন গজলা হরিণীর যমজ শাবক,

    যারা লিলি ফুলে ভরা মাঠে নেচে বেড়ায়।

  18. 1 হে রাজদুহিতা! পাদুকা পরিহিত

    তোমার দুটি চরণ কী মনোহর!

    তোমার রম্য ঊরুদ্বয় রত্ন সদৃশ,

    যেন এক দক্ষ কারিগরের উত্তম শিল্পসৌকর্য।

    2 তোমার নাভিদেশ সুডৌল পানপাত্রের মতো,

    যার মিশ্রিত সুরা কখনও ফুরায় না।

    তোমার কটিদেশ

    যেন লিলি ফুলে ঘেরা স্বর্ণ নির্মিত গমের স্তূপ।

    3 তোমার দুটি স্তন যেন দুটি হরিণশাবক,

    যেন গজলা হরিণীর যমজ শাবক।

    4 তোমার গলা হাতির দাঁতের নির্মিত মিনার।

    তোমার দুই নয়ন বৎ-রব্বীম দ্বারের

    পাশে অবস্থিত হিষ্‌বোনের সরোবরগুলির মতো।

    তোমার নাক

    যেন দামাস্কাসের দিকে চেয়ে থাকা লেবাননের মিনার।

    5 তোমার মস্তক যেন কর্মিল পাহাড়ের মুকুট।

    তোমার কেশরাশি যেন জমকালো নকশা খচিত রাজকীয় পর্দা,

    যে অসামান্য অলকগুচ্ছে রাজাও বন্দি হয়ে যান।

    6 হে মোর প্রেম, তুমি কত সুন্দর এবং

    তোমার মাধুর্যের কারণে কী মনোহর তোমার ব্যক্তিত্ব!

    7 তোমার দীর্ঘাঙ্গী চেহারা খেজুর গাছের মতো

    আর তোমার দুটি স্তন একগুচ্ছ ফলের মতো।

    8 আমি বললাম, “আমি এই খেজুর গাছে আরোহণ করব;

    এর ফল আমি শক্ত হাতে অধিকার করব।”

    তোমার স্তনদ্বয় হয়ে

    উঠুক দ্রাক্ষাগুচ্ছস্বরূপ,

    তোমার নিঃশ্বাস ভরে উঠুক আপেলের গন্ধে,

  19. 10 কী মধুর তোমার প্রেম, মম ভগিনী, মম বধূ!

    তোমার প্রেম সুরার চেয়েও এবং তোমার সুগন্ধির সৌরভ

    যে কোনও সুগন্ধি মশলার চেয়েও

    কত বেশি আনন্দদায়ক!

    11 ওগো মোর বধূ, তোমার ওষ্ঠাধর থেকে মৌচাকের মতো মধু ঝরে পড়ে,

    তোমার জিহ্বার নিচে দুধ ও মধু আছে।

    তোমার পোশাকের

    সুবাস লেবাননের মতো।

  20. প্রেমিক

    13 প্রতীক্ষারত বন্ধুদের নিয়ে

    ওগো কাননচারিনী,

    তোমার কণ্ঠস্বর আমাকে শুনতে দাও!

    প্রেমিকা

    14 ওগো মোর প্রেমিক, চলে এসো,

    এবং সুগন্ধি মশলায় ছেয়ে

    যাওয়া পর্বতমালায় বিচরণরত হরিণী

    কিংবা হরিণশাবক সদৃশ হও।

  21. 16 “কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে, তিনি তাঁর একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাঁকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। 17 কারণ জগতের বিচার করতে ঈশ্বর তাঁর পুত্রকে জগতে পাঠাননি, কিন্তু তাঁর মাধ্যমে জগৎকে উদ্ধার করতেই পাঠিয়েছিলেন।

  22. 1 রাজা শলোমন অবশ্য ফরৌণের মেয়ের পাশাপাশি আরও অনেক বিদেশিনীকে—মোয়াবীয়া, অম্মোনীয়া, ইদোমীয়া, সীদোনীয়া ও হিত্তীয়াকে ভালোবেসে ফেলেছিলেন। 2 তারা সেইসব জাতিভুক্ত মহিলা ছিল, যাদের সম্বন্ধে সদাপ্রভু ইস্রায়েলীদের বলে দিলেন, “তোমরা অসবর্ণমতে এদের বিয়ে কোরো না, কারণ তারা নিঃসন্দেহে তোমাদের অন্তর তাদের দেবদেবীদের দিকে সরিয়ে দেবে।” তবুও শলোমন তাদের প্রতি প্রেমাসক্ত হয়েই থেকে গেলেন। 3 রাজপরিবারে জন্মেছিল, এরকম সাতশো জন হল তাঁর স্ত্রী এবং তাঁর উপপত্নীর সংখ্যা ছিল তিনশো জন, এবং তাঁর স্ত্রীরাই তাঁকে বিপথে পরিচালিত করল। 4 শলোমন বয়সে বৃদ্ধ হতে না হতেই, তাঁর স্ত্রীরা তাঁর অন্তর অন্যান্য দেবদেবীদের দিকে ঘুরিয়ে দিয়েছিল, এবং তাঁর অন্তর আর তাঁর বাবা দাউদের মতো তাঁর ঈশ্বর সদাপ্রভুর প্রতি পুরোপুরি একাগ্র থাকেনি।

  23. প্রেমিকা

    1 আমি শারোণের গোলাপ,

    উপত্যকায় ফুটে থাকা লিলি।

    প্রেমিক

    2 তরুণীদের মধ্যে আমার

    প্রেমিকা ঠিক যেন কাঁটাগাছের মধ্যে ফুটে থাকা লিলি ফুল।

  24. 7 জেরুশালেমের কন্যারা, মাঠের গজলা হরিণীদের এবং

    হরিণশাবকদের দিব্যি দিয়ে আমি তোমাদের বলছি,

    যতক্ষণ না বাসনা জেগে উঠছে,

    ততক্ষণ প্রেমকে জাগিও না বা তাকে উত্তেজিত কোরো না।

  25. 4 প্রেম চিরসহিষ্ণু, প্রেম সদয়। তা ঈর্ষা করে না, আত্মঅহংকার করে না, গর্বিত হয় না। 5 তা রূঢ় আচরণ করে না, স্বার্থ অন্বেষণ করে না, সহজে ক্রুদ্ধ হয় না, অন্যায় আচরণ মনে রাখে না। 6 প্রেম মন্দ কিছুতে আনন্দ করে না, কিন্তু সত্যে উল্লসিত হয়। 7 তা সবসময় সুরক্ষা দেয়, সবসময়ই বিশ্বাস করে, সবসময়ই প্রত্যাশায় থাকে, সবসময়ই ধৈর্য ধরে।

    8 প্রেম কখনও ব্যর্থ হয় না। কিন্তু যদি ভাববাণী থাকে, সেগুলির অবসান হবে। যদি ভিন্ন ভিন্ন ভাষা থাকে, সেগুলি স্তব্ধ হয়ে যাবে; যদি জ্ঞান থাকে, তা অবলুপ্ত হবে।

  26. 25 স্বামীরা, তোমরা নিজের নিজের স্ত্রীকে ভালোবেসো, যেমন খ্রীষ্ট মণ্ডলীকে ভালোবেসেছেন এবং তার জন্য আত্মত্যাগ করেছেন, 26 যেন তাকে পবিত্র করেন, বাক্যের মাধ্যমে জলে স্নান করিয়ে তাকে শুচি করেন, 27 এবং তাকে সব রকম কলঙ্ক, বিকৃতি এবং কলুষতা থেকে মুক্ত করে পবিত্র ও অনিন্দনীয়ভাবে এক প্রদীপ্ত মণ্ডলী করে নিজের কাছে উপস্থিত করেন। 28 স্বামীদেরও সেভাবে নিজের নিজের দেহের মতোই স্ত্রীদের ভালোবাসা উচিত। যে তার স্ত্রীকে ভালোবাসে, সে নিজেকেই ভালোবাসে। 29 সর্বোপরি, কেউ কখনও তার নিজের দেহকে ঘৃণা করে না, বরং সে তার ভরণ-পোষণ ও তত্ত্বাবধান করে, যেমন খ্রীষ্ট তাঁর মণ্ডলীর প্রতি করেন, 30 কারণ আমরা তো তাঁরই দেহের অঙ্গপ্রত্যঙ্গ। 31 “এই কারণে একজন পুরুষ তার পিতা ও মাতাকে ত্যাগ করবে, তার স্ত্রীর সাথে সংযুক্ত হবে ও সেই দুজন একাঙ্গ হবে।” 32 এ এক বিশাল রহস্য, কিন্তু আমি খ্রীষ্ট ও তাঁর মণ্ডলী সম্বন্ধে একথা বলছি। 33 যাই হোক, তোমাদের মধ্যে প্রত্যেকে যেমন নিজেকে ভালোবাসে, তেমনই স্ত্রীকে অবশ্যই ভালোবাসবে এবং স্ত্রী অবশ্যই তার স্বামীকে শ্রদ্ধা করবে।

  27. 12 অতএব, ঈশ্বরের মনোনীত, পবিত্র ও প্রিয়জনরূপে সহানুভূতি, দয়া, নম্রতা, সৌজন্যবোধ এবং সহিষ্ণুতায় নিজেদের আবৃত করো। 13 পরস্পরের প্রতি সহনশীল হও। একের বিরুদ্ধে অপরের কোনো ক্ষোভ থাকলে, পরস্পরকে ক্ষমা করো। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন, তোমরাও তেমনই করো। 14 এসব গুণের ঊর্ধ্বে ভালোবাসাকে পরিধান করো, যা সেইসব গুণকে পূর্ণ ঐক্যের বাঁধনে আবদ্ধ করে।

    15 খ্রীষ্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক, কারণ একই দেহের অঙ্গপ্রত্যঙ্গরূপে তোমরা শান্তির উদ্দেশে আহূত হয়েছ। আর তোমরা কৃতজ্ঞ হও। 16 তোমাদের অন্তরে খ্রীষ্টের বাক্য প্রচুর পরিমাণে অবস্থিতি করুক; তোমরা সমস্ত বিজ্ঞতায় বিভূষিত হয়ে পরস্পরকে শিক্ষাদান ও সচেতন করো এবং গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে মুখর হয়ে ঈশ্বরের প্রতি তোমাদের হৃদয়ের কৃতজ্ঞতায় তা করো। 17 আর কথায় ও কাজে, তোমরা যা কিছুই করো, সবই প্রভু যীশুর নামে করো, তাঁরই মাধ্যমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে তা করো।

  28. 8 ও আমার বধূ লেবানন ছেড়ে আমার সঙ্গে চলো,

    লেবানন ছেড়ে আমার সঙ্গে চলো।

    অমানার শৃঙ্গ থেকে, শনীর চূড়া থেকে, হর্মোণের শীর্ষদেশ থেকে,

    সিংহদের গুহা থেকে

    এবং পর্বতে বাসা বাঁধা চিতাবাঘদের আস্তানা থেকে অবতরণ করো।

    9 তুমি আমার হৃদয় হরণ করেছ, মম ভগিনী, মম বধূ;

    তোমার এক মুহূর্তের চাহনি,

    তোমার জড়োয়ার একটিমাত্র

    রত্ন আমার হৃদয় হরণ করেছে।

  29. প্রেমিকা

    2 আমি ঘুমাচ্ছিলাম কিন্তু আমার হৃদয় জেগে ছিল।

    ওই শোনো! আমার প্রেমিক দরজায় করাঘাত করছেন:

    “দরজা খোলো, আমার ভগিনী, আমার প্রিয়া,

    আমার কপোত, আমার নিখুঁত সৌন্দর্য।

    আমার মস্তক শিশিরে ভিজে গেছে,

    রাতের আর্দ্রতায় সিক্ত হয়েছে আমার কেশরাশি।”

    3 আমি তো আমার অঙ্গাবরণ খুলে ফেলেছি—

    তা কি আবার আমায় পরিধান করতে হবে?

    আমার দুই পা ধুয়েছি—

    তা কি আবার ধূলিমলিন করব?

  30. 16 আর তাই, আমাদের জন্য ঈশ্বরের যে প্রেম, আমরা তা জানি এবং তার উপর নির্ভর করি।

    ঈশ্বরই প্রেম। যে প্রেমে বাস করে, সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তার মধ্যে থাকেন। 17 এভাবে, আমাদের মধ্যে প্রেম পূর্ণতা লাভ করে, যেন বিচারের দিনে আমরা নির্ভয়ে থাকতে পারি, কারণ এই জগতে আমরা তাঁরই মতো রয়েছি। 18 প্রেমে কোনো ভয় নেই। কিন্তু নিখাদ ভালোবাসা ভয় দূর করে, কারণ ভয়ের সঙ্গে জড়িত থাকে শাস্তি। আর যে ভয় করে, তার প্রেম পূর্ণতা লাভ করেনি।

    19 আমরা প্রেম করি, কারণ তিনিই প্রথমে আমাদের প্রেম করেছেন। 20 কেউ যদি বলে, “আমি ঈশ্বরকে প্রেম করি,” অথচ তার ভাইবোনকে ঘৃণা করে, সে মিথ্যাবাদী। যে ভাই বা বোনকে সে দেখতে পায় তাকে যদি সে প্রেম না করে, তাহলে যে ঈশ্বরকে সে দেখেনি তাঁকে সে প্রেম করতে পারে না। 21 তিনি আমাদের এই আদেশ দিয়েছেন: ঈশ্বরকে যে প্রেম করে, সে তার ভাইবোনকেও প্রেম করবে।

  31. প্রেমিক

    1 মম ভগিনী, মম বধূ, আমি এসেছি আমার কাননে;

    আমার গন্ধরস ও আমার সুগন্ধি সঙ্গে এনেছি।

    আমি আমার মধু ও আমার মধুর চাক চুষেছি,

    আমার দ্রাক্ষারস এবং আমার দুধ পান করেছি।

    বান্ধবীদের দল

    হে বন্ধুরা, আহার করো এবং পান করো;

    আকণ্ঠ তোমাদের প্রেমসুধা পান করো।

  32. 37 যীশু উত্তর দিলেন: “ ‘তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে।’ 38 এটিই প্রথম ও মহত্তম আজ্ঞা। 39 আর দ্বিতীয়টি এরই সমতুল্য: ‘তোমার প্রতিবেশীকে তোমার নিজের মতোই প্রেম করবে।’ 40 এই দুটি আজ্ঞার উপরেই সমস্ত বিধান ও ভাববাদীদের গ্রন্থ প্রতিষ্ঠিত।”

  33. 16 প্রেম করার অর্থ আমরা এভাবেই বুঝতে পারি: যীশু খ্রীষ্ট আমাদের জন্য জীবন দিয়েছেন। আমাদেরও তেমনই ভাইবোনদের জন্য নিজেদের প্রাণ দেওয়া উচিত। 17 জাগতিক সম্পদের অধিকারী হয়ে কেউ যদি তার ভাইবোনকে অভাবগ্রস্ত দেখে কিন্তু তার প্রতি করুণাবিষ্ট না হয়, তাহলে তার অন্তরে ঈশ্বরের প্রেম কীভাবে থাকতে পারে? 18 প্রিয় সন্তানেরা, এসো, মুখের কথায় অথবা ভাষণে নয়, কিন্তু কাজ করে ও সত্যের মাধ্যমেই আমরা প্রেম করি।

    19 আমাদের কাজকর্ম প্রমাণ করবে যে আমরা সত্যের, এবং যখন আমরা ঈশ্বরের সামনে দাঁড়াব তখন আমাদের হৃদয়ে আশ্বাস থাকবে।

  34. 7 প্রিয় বন্ধুরা, এসো আমরা পরস্পরকে প্রেম করি, কারণ প্রেম ঈশ্বর থেকে আসে। যে প্রেম করে, সে ঈশ্বর থেকে জাত এবং সে ঈশ্বরকে জানে। 8 যে প্রেম করে না, সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বরই প্রেম।

  35. প্রেমিক

    15 প্রিয়তমা আমার, অনিন্দ্যসুন্দরী তুমি!

    আহা, কি অপরূপ তুমি!

    তোমার দু-নয়ন কপোতের মতো।

    প্রেমিকা

    16 ওগো আমার প্রিয়তম, সুদর্শন তুমি!

    আহা, কী মনোহর তুমি!

    আমাদের শয্যাও কেমন শ্যামল।

    প্রেমিক

    17 আমাদের ঘরের কড়িকাঠ তৈরি সিডার গাছের কাঠ দিয়ে,

    আর বরগা দেবদারু দিয়ে।

  36. 6 বেলা শেষ হওয়ার আগে

    এবং ছায়া মুছে যাওয়ার আগে

    আমি গন্ধরসের পর্বতে

    এবং কুন্দুরুর পাহাড়ে যাব।

    7 আমার প্রিয়া, সর্বাঙ্গ সুন্দরী তুমি;

    তোমাতে কোনও খুঁত নেই।

  37. 12 আমি যেমন তোমাদের ভালোবেসেছি, তোমরা তেমনই পরস্পরকে ভালোবেসো, এই আমার আদেশ। 13 বন্ধুদের জন্য যে নিজের প্রাণ সমর্পণ করে, তার চেয়ে মহত্তর প্রেম আর কিছু নেই।

  38. 6 তারপর আমি এক বিপুল জনসমষ্টির রব, প্রবহমান মহা জলস্রোত ও প্রবল বজ্রপাতের মতো ধ্বনি শুনতে পেলাম। সেই ধ্বনিতে ঘোষণা করা হচ্ছিল:

    “হাল্লেলুইয়া!

    কারণ আমাদের সর্বশক্তিমান, প্রভু ঈশ্বর, রাজত্ব করছেন।

    7 এসো আমরা উল্লসিত হই, আনন্দ করি

    এবং তাঁকে মহিমা প্রদান করি!

    কারণ মেষশাবকের বিবাহ-লগ্ন উপস্থিত

    এবং তাঁর কনে নিজেকে প্রস্তুত করেছে।

    8 উজ্জ্বল ও পরিষ্কার, মিহি মসিনার পোশাক

    সজ্জিত হতে তাকে দেওয়া হয়েছিল।”

    (মিহি মসিনার পোশাক পবিত্রগণের ধর্মাচরণের প্রতীক।)

    9 তখন সেই স্বর্গদূত আমাকে বললেন, “তুমি লেখো, ‘ধন্য তারা, যারা মেষশাবকের বিবাহভোজে আমন্ত্রিত।’ ” তিনি আরও যোগ করলেন, “এগুলি প্রকৃতই ঈশ্বরের বাক্য।”

  39. 23 মানুষটি বললেন,

    “এখন এই আমার অস্থির অস্থি

    ও আমার মাংসের মাংস;

    এর নাম হবে ‘নারী,’

    কারণ একে নর থেকে নেওয়া হয়েছে।”

    24 এই কারণে একজন পুরুষ তার পিতা ও মাতাকে ত্যাগ করে, তার স্ত্রীর সাথে সংযুক্ত হবে ও সেই দুজন একাঙ্গ হবে।

  40. 15 রাজা শলোমন যেসব বেগার শ্রমিককে বাধ্যতামূলকভাবে সদাপ্রভুর মন্দির, তাঁর নিজের প্রাসাদ, উঁচু চাতাল, জেরুশালেমের প্রাচীর, এবং হাৎসোর, মগিদ্দো ও গেষর গাঁথার কাজে লাগলেন, এই হল তাদের বিবরণ। 16 (মিশরের রাজা ফরৌণ গেষর আক্রমণ করে তা অধিকার করে নিয়েছিলেন। সেখানে তিনি আগুন ধরিয়ে দিলেন। তিনি সেখানকার কনানীয় অধিবাসীদের হত্যা করে সেটি তাঁর মেয়ে, শলোমনের স্ত্রীকে বিয়ের যৌতুকরূপে উপহার দিলেন। 17 আর শলোমন গেষর নগরটি পুনর্নির্মাণ করলেন) তিনি নিচের দিকের বেথ-হোরোণ, 18 বালৎ, ও তাঁর দেশের অন্তর্গত মরুভূমিতে অবস্থিত তামর, 19 তথা তাঁর সব গুদাম-নগর এবং তাঁর রথ ও ঘোড়া রাখার জন্য কয়েকটি নগর—জেরুশালেমে, লেবাননে ও তাঁর শাসিত গোটা এলাকা জুড়ে সর্বত্র যা যা তিনি তৈরি করতে চেয়েছিলেন, সেসব তিনি তৈরি করলেন।

  41. প্রেমিকা

    3 তরুণদের মধ্যে আমার প্রেমিক ঠিক

    যেন অরণ্যের বৃক্ষরাজির মধ্যে একটি আপেল গাছ।

    তাঁর ছায়ায় বসলে আমার আনন্দ হয়,

    তাঁর ফলের স্বাদ আমার মুখে মিষ্টি লাগে।

  42. 8 ওই শোনো! এ যে আমার প্রেমিক!

    ওই দেখো,

    পর্বতমালা পেরিয়ে,

    লম্ফঝম্প সহকারে পাহাড় টপকে তিনি আসছেন।

    9 আমার প্রেমিক গজলা হরিণের বা হরিণশাবকের মতো।

    ওই দেখো!

    উনি দাঁড়িয়ে আছেন আমাদের প্রাচীরের পশ্চাতে, গবাক্ষ দিয়ে অপলকে দেখছেন,

    জাফরির মধ্যে দিয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছেন।

  43. 16 তাঁর মুখের নিজস্ব মাধুর্য আছে;

    সব মিলিয়ে তিনি ভারী সুন্দর।

    হে জেরুশালেমের কন্যারা,

    ইনিই আমার প্রেমিক, ইনিই আমার বন্ধু।

  44. 30 তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে।’ 31 দ্বিতীয়টি হল, ‘তোমার প্রতিবেশীকে নিজের মতোই প্রেম করবে।’ এগুলির থেকে আর বড়ো কোনও আজ্ঞা নেই।”

    32 “গুরুমহাশয়, আপনি বেশ বলেছেন,” শাস্ত্রবিদ উত্তর দিলেন। “আপনি যথার্থই বলেছেন যে, ঈশ্বর একই প্রভু এবং তিনি ছাড়া আর অন্য কেউ নেই। 33 সমস্ত হৃদয়, সমস্ত উপলব্ধি ও সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরকে ভালোবাসা এবং তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করা, সমস্ত হোম ও বলিদানের চেয়েও বেশি মহত্ত্বপূর্ণ।”

  45. 2 সম্পূর্ণ নম্র ও অমায়িক হও, ধৈর্যশীল হয়ে প্রেমে পরস্পরের প্রতি সহনশীল হও। 3 শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করার জন্য বিশেষভাবে সচেষ্ট হও।

  46. 8 ঈশ্বরই আমার সাক্ষী, খ্রীষ্ট যীশুর স্নেহে আমি তোমাদের সাক্ষাৎ পাওয়ার জন্য কতই না ব্যাকুল!

    9 এখন, আমার প্রার্থনা এই: তোমাদের ভালোবাসা যেন জ্ঞান ও গভীর অন্তর্দৃষ্টিতে দিনের পর দিন সমৃদ্ধ হয়ে ওঠে,

  47. 1 একইভাবে স্ত্রীরা, তোমরা তোমাদের নিজ নিজ স্বামীর বশ্যতাধীন হও। তাদের মধ্যে কেউ কেউ যদি বাক্যের অবাধ্য হয়, তবে কোনো বাক্য ছাড়াই তাদের স্ত্রীর আচার-আচরণের দ্বারা তাদের জয় করা যাবে, 2 যখন তারা তোমাদের জীবনের শুদ্ধতা ও সম্ভ্রমপূর্ণ মনোভাব লক্ষ্য করবে। 3 তোমাদের সৌন্দর্য যেন বাহ্যিক সাজসজ্জা, যেমন চুলের বাহার, সোনার অলংকার বা সূক্ষ্ম পোশাক-পরিচ্ছদের উপর নির্ভরশীল না হয়। 4 বরং সেই সৌন্দর্য হবে তোমাদের আন্তরিক সত্তার, শান্ত ও কোমল আত্মার অম্লান শোভায় ভূষিত, যা ঈশ্বরের দৃষ্টিতে মহামূল্যবান। 5 কারণ প্রাচীনকালের পবিত্র নারীরা, যাঁরা ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখতেন, এভাবেই নিজেদের সৌন্দর্যময়ী করতেন। তাঁরা নিজের নিজের স্বামীর বশ্যতাধীন থাকতেন, 6 যেমন সারা, তিনি অব্রাহামের বাধ্য ছিলেন এবং তাঁকে “প্রভু” বলে সম্বোধন করতেন। যদি তোমরা ন্যায়সংগত কাজ করো ও ভয়ভীত না হও, তাহলে তোমরা তাঁরই কন্যা হয়ে উঠেছ।

  48. 20 অতএব যাকোব রাহেলকে পাওয়ার জন্য সাত বছর দাসত্ব করলেন, কিন্তু যেহেতু তিনি রাহেলকে ভালোবেসেছিলেন তাই এতগুলি বছর তাঁর কাছে মাত্র কয়েক দিন বলে মনে হল।

  49. 18 “ ‘তোমার লোকদের কারও বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ হবে না, অথবা তার বিপক্ষে বিরূপ মনোভাব রেখো না, কিন্তু প্রতিবেশীকে নিজের মতোই ভালোবেসো। আমি সদাপ্রভু।

  50. 26 এছাড়াও রাজা শলোমন লোহিত সাগরের তীরে, ইদোমের এলতের কাছে অবস্থিত ইৎসিয়োন-গেবরে কয়েকটি জাহাজ তৈরি করলেন। 27 হীরম শলোমনের লোকজনের সঙ্গে থেকে নৌবাহিনীতে সেবাকাজ করার জন্য তাঁর সেইসব নাবিককে পাঠিয়ে দিলেন, যারা সমুদ্রের ব্যাপারে অভিজ্ঞ ছিল। 28 তারা জাহাজে চড়ে ওফীরে গেল ও সেখান থেকে 420 তালন্ত সোনা এনে রাজা শলোমনের কাছে পৌঁছে দিয়েছিল।

  51. 1 বিন্যামীন তাঁর,

    বড়ো ছেলে বেলার বাবা,

    তাঁর দ্বিতীয় ছেলে অস্‌বেল, তৃতীয়জন অহর্হ,

    2 চতুর্থজন নোহা ও পঞ্চমজন রাফা।

    3 বেলার ছেলেরা হলেন:

    অদ্দর, গেরা, অবীহূদ, 4 অবীশূয়, নামান, আহোহ, 5 গেরা, শফূফন ও হূরম।

    6 এহূদের এই বংশধররা গেবায় বসবাসকারী পরিবারগুলির কর্তা ছিলেন এবং তাদের নির্বাসিত করে মানহতে নিয়ে যাওয়া হল:

  52. 15 নিজের জলাধার থেকেই তুমি জলপান করো,

    নিজের কুয়ো থেকেই প্রবাহমান জলপান করো।

    16 তোমার ঝরনা কি পথঘাট ভাসিয়ে দেবে,

    তোমার জলপ্রবাহ কি নগরের চকে বয়ে যাবে?

    17 তা শুধু তোমারই হোক,

    অপরিচিত লোকেরা যেন কখনও তাতে ভাগ না বসায়।

    18 তোমার ফোয়ারা আশীর্বাদধন্য হোক,

    ও তুমি তোমার যৌবনাবস্থার স্ত্রীতে আনন্দ উপভোগ করো।

    19 সে এক প্রেমময় হরিণী, এক সুতনু মৃগ—

    তার স্তন দুটি সর্বদা তোমাকে তৃপ্তি দিক,

    তার প্রেমে তুমি সর্বক্ষণ মত্ত হয়ে থাকো।

    20 কেন, হে আমার বাছা, অন্য একজনের স্ত্রীতে মত্ত হবে?

    কেন এক স্বৈরিণী নারীর বক্ষ আলিঙ্গন করবে?

  53. 13 তাঁর কপোল সুগন্ধি মশলার কেয়ারির মতো সুবাসিত।

    তাঁর ওষ্ঠাধর লিলিফুলের মতো, যা গন্ধরসের সৌরভ ছড়ায়।

  54. 37 “যে তার বাবা অথবা মাকে আমার চেয়েও বেশি ভালোবাসে সে আমার যোগ্য নয়। যে তার ছেলে বা মেয়েকে আমার চেয়েও বেশি ভালোবাসে সে আমার যোগ্য নয়। 38 আর যে আমার অনুগামী হতে চায় অথচ নিজের ক্রুশ বহন করে না, সে আমার যোগ্য নয়। 39 যে তার প্রাণরক্ষা করতে চায় সে তা হারাবে এবং কেউ যদি আমার কারণে তার প্রাণ হারায় সে তা লাভ করবে।

  55. 15 “তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে আমার সব আদেশ পালন করবে।

  56. 6 তাহলে বলা যায়, আমরা যখন শক্তিহীন ছিলাম, তখনই খ্রীষ্ট উপযুক্ত সময়ে ভক্তিহীনদের জন্য মৃত্যুবরণ করলেন। 7 কোনো ধার্মিক ব্যক্তির জন্য প্রায় কেউই প্রাণ দেয় না, যদিও কোনো সৎ ব্যক্তির জন্য কেউ হয়তো প্রাণ দেওয়ার সাহস দেখাতেও পারে; 8 কিন্তু ঈশ্বর এভাবে তাঁর প্রেম আমাদের প্রতি প্রদর্শন করেছেন: আমরা যখন পাপী ছিলাম তখন খ্রীষ্ট আমাদের জন্য মৃত্যুবরণ করলেন।

    9 এখন যেহেতু আমরা তাঁর রক্তের দ্বারা নির্দোষ বলে গণ্য হয়েছি, তাঁর মাধ্যমে ঈশ্বরের ক্রোধ থেকে আমরা কত না বেশি নিষ্কৃতি পাব! 10 কারণ যখন আমরা ঈশ্বরের শত্রু ছিলাম, তখন তাঁর পুত্রের মৃত্যুর মাধ্যমে আমরা তাঁর সঙ্গে পুনর্মিলিত হয়েছিলাম, তাহলে আমরা আরও কত বেশি সুনিশ্চিত যে, তাঁর জীবনের দ্বারা আমরা রক্ষা পাব! 11 কেবলমাত্র এই নয়, কিন্তু আমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরে আনন্দ উপভোগও করি, যাঁর মাধ্যমে আমরা এখন পুনর্মিলন লাভ করেছি।

  57. 9 প্রেম অকপট হোক। যা মন্দ, তা ঘৃণা করো, যা ভালো, তার প্রতি আসক্ত হও। 10 প্রেমে তোমরা পরস্পরের প্রতি অনুরক্ত হও। নিজেদের থেকেও বেশি একে অপরকে সম্মান করো।

  58. 9 কিন্তু যদি তারা নিজেদের সংযত রাখতে না পারে, তারা বিবাহ করুক, কারণ কামনার আগুনে দগ্ধ হওয়ার চেয়ে বরং বিবাহ করা ভালো।

  59. 23 এই দুই আকাঙ্ক্ষার মধ্যে আমি বিদীর্ণ হচ্ছি: আমার আকাঙ্ক্ষা এই, বিদায় নিয়ে আমি খ্রীষ্টের সঙ্গে থাকি, যা অনেক বেশি শ্রেয়। 24 কিন্তু তোমাদেরই জন্য আমার শরীরে বেঁচে থাকার প্রয়োজন অনেক বেশি। 25 এ বিষয়ে আমি নিশ্চিত যে, আমি জীবিত থাকব এবং বিশ্বাসে তোমাদের উন্নতি ও আনন্দের জন্য আমি তোমাদের সকলের সঙ্গেই থাকব, 26 যেন তোমাদের মধ্যে আমার পুনরায় অবস্থিতির জন্য খ্রীষ্ট যীশুতে তোমাদের আনন্দ, আমার কারণে উপচে পড়তে পারে।

  60. 12 প্রভু তোমাদের ভালোবাসা বৃদ্ধি করুন এবং তোমাদের প্রতি আমাদের ভালোবাসা যেমন উপচে পড়ে, তেমনই পরস্পরের ও অন্য সকলের প্রতিও তোমাদের ভালোবাসা উপচে পড়ুক। 13 তোমাদের অন্তরকে তিনি সবল করুন, যেন আমাদের প্রভু যীশু তাঁর সমস্ত পবিত্রজনের সঙ্গে যেদিন আসবেন, সেদিন তোমরা আমাদের ঈশ্বর ও পিতার সান্নিধ্যে অনিন্দনীয় ও পবিত্র অবস্থায় প্রতিষ্ঠিত হতে পারো।

  61. 8 তোমরা তাঁকে দেখোনি অথচ তাঁকে ভালোবেসেছ; আর যদিও তোমরা তাঁকে এখন দেখতে পাচ্ছ না, তোমরা তাঁকে বিশ্বাস করে অবর্ণনীয় ও মহিমাময় আনন্দে পূর্ণ হয়ে উঠছ,

  62. 8 সর্বোপরি, পরস্পরকে গভীরভাবে ভালোবাসো, কারণ “ভালোবাসা পাপকে আবৃত করে।”

  63. 4 তবুও তোমার বিরুদ্ধে আমার কিছু কথা আছে: তুমি তোমার প্রথম প্রেম পরিত্যাগ করেছ।