91 Bible Verses About Knowledge
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
1 হে আমার বাছা, তুমি যদি আমার কথা শোনো
ও আমার আদেশগুলি হৃদয়ে সঞ্চয় করে রাখো,
2 প্রজ্ঞার প্রতি কর্ণপাত করো
ও বুদ্ধিতে মনোনিবেশ করো—
3 সত্যিই, তুমি যদি অন্তর্দৃষ্টিকে ডাক দাও
ও বুদ্ধি লাভের জন্য জোর গলায় কাকুতিমিনতি করো,
4 ও যদি রুপোর মতো তার খোঁজ করো
ও গুপ্তধনের মতো তা খুঁজে বেড়াও,
5 তবেই তুমি সদাপ্রভুর ভয় বুঝতে পারবে
ও ঈশ্বরের জ্ঞান খুঁজে পাবে।
6 কারণ সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন;
তাঁর মুখ থেকেই জ্ঞান ও বুদ্ধি বের হয়।
7 ন্যায়পরায়ণদের জন্য তিনি সাফল্য সঞ্চয় করে রাখেন,
যাদের চলন অনিন্দনীয়, তাদের জন্য তিনি ঢাল হয়ে দাঁড়ান,
8 কারণ তিনি ধার্মিকের পথ পাহারা দেন
ও তাঁর বিশ্বস্তজনেদের গতিপথ রক্ষা করেন।
9 তখন তুমি বুঝবে ন্যায্য ও যথাযথ
ও উপযুক্ত—প্রত্যেক সঠিক পথ কী।
10 কারণ তোমার হৃদয়ে প্রজ্ঞা প্রবেশ করবে,
ও জ্ঞান তোমার প্রাণের পক্ষে আনন্দদায়ক হবে।
11 বিচক্ষণতা তোমাকে রক্ষা করবে,
ও বুদ্ধি তোমাকে পাহারা দেবে।
12 প্রজ্ঞা তোমাকে দুষ্টলোকের পথ থেকে উদ্ধার করবে,
সেইসব লোকের হাত থেকে করবে যারা বিকৃত কথা বলে,
-
উদ্দেশ্য ও বিষয়বস্তু
1 দাউদের ছেলে, ইস্রায়েলের রাজা শলোমনের হিতোপদেশ:
2 প্রজ্ঞা ও শিক্ষা অর্জনের জন্য;
অন্তর্দৃষ্টিমূলক কথা বোঝার জন্য;
3 বিচক্ষণ ব্যবহারের সম্বন্ধে শিক্ষালাভের জন্য,
যা কিছু যথার্থ, ন্যায্য ও সুন্দর, তা করার জন্য;
4 অনভিজ্ঞ মানুষদের দূরদর্শিতা,
অল্পবয়স্কদের জ্ঞান ও বিচক্ষণতা দানের জন্য—
5 জ্ঞানবানেরা শুনুক ও তাদের জ্ঞান বৃদ্ধি হোক,
এবং বিচক্ষণেরা পথনির্দেশনা লাভ করুক—
6 যেন তারা নীতিবচন ও দৃষ্টান্ত,
জ্ঞানবানদের বাণী ও হেঁয়ালি বুঝতে পারে।
7 সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ,
কিন্তু মূর্খেরা প্রজ্ঞা ও শিক্ষা তুচ্ছ করে।
-
1 এখন প্রতিমাদের কাছে উৎসর্গ করা খাবার সম্পর্কিত কথা। আমরা জানি যে, আমাদের সকলরেই জ্ঞান আছে। জ্ঞান গর্বিত করে, কিন্তু প্রেম গেঁথে তোলে। 2 যে মনে করে যে সে কিছু জানে, তার যেমন জানা উচিত, তা সে এখনও জানে না। 3 কিন্তু যে ঈশ্বরকে ভালোবাসে, সেই ঈশ্বরের পরিচিত ব্যক্তি।
-
13 তোমাদের মধ্যে কে জ্ঞানবান ও বুদ্ধিমান? সে জ্ঞানের মাধ্যমে আসা সৎ জীবন ও নম্রতায় করা কাজকর্মের দ্বারা তা প্রমাণ করুক। 14 কিন্তু তোমরা যদি তোমাদের অন্তরে তিক্ত ঈর্ষা ও স্বার্থকেন্দ্রিক উচ্চাশা পোষণ করো, তার জন্য গর্বপ্রকাশ কোরো না বা সত্যকে অস্বীকার কোরো না। 15 এ ধরনের “জ্ঞান” স্বর্গ থেকে নেমে আসে না। তা পার্থিব, সাংসারিক ও শয়তানসুলভ। 16 কারণ যেখানে তোমাদের মধ্যে ঈর্ষা ও স্বার্থকেন্দ্রিক উচ্চাশা আছে, সেখানেই তোমরা দেখবে বিশৃঙ্খলা ও সব ধরনের মন্দ অভ্যাস।
17 কিন্তু স্বর্গ থেকে যে জ্ঞান আসে, প্রথমত তা বিশুদ্ধ, তারপরে তা শান্তিপ্রিয়, সুবিবেচক, অনুগত, করুণায় ও উৎকৃষ্ট ফলে পূর্ণ, পক্ষপাতশূন্য ও অকপট। 18 আর যারা শান্তি স্থাপনের জন্য শান্তিতে বীজবপন করে, তারা ধার্মিকতার ফসল উৎপন্ন করবে।
-
1 হে ইস্রায়েলীরা, তোমরা সদাপ্রভুর বাণী শোনো,
কারণ তোমরা যারা দেশে বাস করো,
সেই তোমাদের বিরুদ্ধে সদাপ্রভু একটি অভিযোগ আনতে চান:
“দেশে কোনো বিশ্বস্ততা, কোনো ভালোবাসা নেই
এবং ঈশ্বরকে কেউ স্বীকৃতি দেয় না।
2 এদেশে আছে কেবলই অভিশাপ, মিথ্যাচার ও নরহত্যা,
চুরি ও ব্যভিচার;
এরা সমস্ত সীমা লঙ্ঘন করে,
এবং রক্তপাতের উপরে রক্তপাত করে।
3 এই কারণে এ দেশ শোকবিলাপ করে,
এবং সেখানে বসবাসকারী সকলে নষ্ট হয়ে যাচ্ছে;
মাঠের পশুরা ও আকাশের সব পাখি
এবং সমুদ্রের সব মাছ মরে যাচ্ছে।
-
5 তোমাদের কারও যদি প্রজ্ঞার অভাব থাকে, সে ঈশ্বরের কাছে তা চাইবে, যিনি কোনও ত্রুটি না ধরে উদারভাবে সকলকে দান করে থাকেন, আর তাকে তা দেওয়া হবে। 6 কিন্তু চাওয়ার সময় তাকে বিশ্বাস করতে হবে, সে যেন সন্দেহ না করে। কারণ যে সন্দেহ করে, সে সমুদ্রের ঢেউয়ের মতো, বাতাসে তাড়িত ও উৎক্ষিপ্ত। 7 সেই ব্যক্তি এমন মনে না করুক যে, সে প্রভুর কাছ থেকে কিছু পাবে। 8 সে দ্বিমনা ব্যক্তি, তার সমস্ত কাজে কোনো স্থিরতা নেই।
-
8 বিদ্রুপকারীদের ভর্ৎসনা কোরো না পাছে তারা তোমাকে ঘৃণা করে;
জ্ঞানবানদের ভর্ৎসনা করো ও তারা তোমাকে ভালোবাসবে।
9 জ্ঞানবানদের উপদেশ দাও ও তারা আরও জ্ঞানী হবে;
ধার্মিকদের শিক্ষা দাও ও তাদের পাণ্ডিত্য বৃদ্ধি পাবে।
10 সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ,
ও পবিত্রতম সম্বন্ধীয় জ্ঞানই হল বোধশক্তি।
-
3 প্রজ্ঞা দ্বারাই গৃহ নির্মাণ হয়,
ও বিচক্ষণতার মাধ্যমে তা প্রতিষ্ঠিত হয়;
4 জ্ঞানের মাধ্যমে সেটির ঘরগুলি
দুষ্প্রাপ্য ও সুন্দর সুন্দর সম্পদে পরিপূর্ণ হয়।
5 জ্ঞানবানেরা মহাশক্তির মাধ্যমে জয়ী হয়,
ও যাদের জ্ঞান আছে তারা তাদের শক্তিবৃদ্ধি করে।
6 নিশ্চয় যুদ্ধ শুরু করার জন্য তোমার জ্ঞানগর্ভ পরিচালনা প্রয়োজন,
ও অনেক পরামর্শদাতার মাধ্যমেই যুদ্ধজয় করা যায়।
7 মূর্খদের জন্য প্রজ্ঞা খুবই গুরুভার;
নগরদ্বারে নেতাদের সমাজে উপস্থিত থাকাকালীন তারা যেন মুখ না খোলে।
-
2 ঈশ্বর ও আমাদের প্রভু যীশু খ্রীষ্টের বিষয়ে জ্ঞানলাভের মাধ্যমে তোমরা প্রচুর পরিমাণে অনুগ্রহ ও শান্তির অধিকারী হও।
3 যিনি নিজ মহিমা ও মহত্ত্বে আমাদের আহ্বান করেছেন, তাঁর তত্ত্বজ্ঞান দ্বারা তাঁর ঐশ্বরিক পরাক্রম আমাদের জীবন ও ভক্তিপরায়ণতা সম্পর্কে যা কিছু প্রয়োজন, সবকিছুই দান করেছেন। 4 এসবের মাধ্যমে তিনি আমাদের তাঁর অত্যন্ত মহান ও বহুমূল্য সব প্রতিশ্রুতি দিয়েছেন। তোমরা যেন সেগুলির মাধ্যমে ঐশ্বরিক স্বভাবের অংশীদার হও। সেই সঙ্গে মন্দ কামনাবাসনার দ্বারা উদ্ভূত যে জগতের কলুষতা, তা থেকে তোমরা পালিয়ে যেতে পারো।
5 বিশেষ এই কারণেই তোমরা সর্বতোভাবে চেষ্টা করে তোমাদের বিশ্বাসের সঙ্গে যুক্ত করো সৎ আচরণ, সৎ আচরণের সঙ্গে জ্ঞান, 6 জ্ঞানের সঙ্গে আত্মসংযম, আত্মসংযমের সঙ্গে নিষ্ঠা, নিষ্ঠার সঙ্গে ভক্তি 7 ও ভক্তির সঙ্গে একে অপরের প্রতি স্নেহ এবং একে অপরের প্রতি স্নেহের সঙ্গে ভালোবাসা। 8 কারণ তোমরা যদি এই সমস্ত গুণের অধিকারী হয়ে সেগুলির বৃদ্ধি ঘটাও, তাহলে সেগুলিই তোমাদের প্রভু যীশু খ্রীষ্টের সম্বন্ধে জ্ঞানলাভের পথে তোমাদের নিষ্ক্রিয় বা নিষ্ফল হতে দেবে না।
-
9 এই কারণে আমরাও, যেদিন থেকে তোমাদের কথা শুনেছি সেইদিন থেকে তোমাদের জন্য প্রার্থনা করা থেকে বিরত হইনি। আমরা ঈশ্বরের কাছে প্রতিনিয়ত নিবেদন করি, যেন তোমরা সমস্ত আত্মিক জ্ঞানে ও বোধশক্তিতে তাঁর ইচ্ছার তত্ত্বজ্ঞানে পূর্ণ হও। 10 আমরা এজন্য এই প্রার্থনা করছি যে, তোমরা যেন প্রভুর যোগ্যরূপে জীবনযাপন করো, জীবনের প্রতি ক্ষেত্রেই তোমাদের আচরণ দ্বারা তাঁকে সন্তুষ্ট করে তোলো, সমস্ত শুভকাজে সফল হয়ে ওঠো ও ঐশ্বরিক জ্ঞানে বৃদ্ধিলাভ করো। 11 ঈশ্বরের গৌরবময় শক্তিতে তোমরা পরাক্রান্ত হয়ে যেন অসীম সহিষ্ণুতা ও ধৈর্যের অধিকারী হও এবং 12 সানন্দে পিতাকে ধন্যবাদ জ্ঞাপন করো, যিনি জ্যোতির রাজ্যে পবিত্রগণের যে অধিকার তার অংশীদার হওয়ার জন্য তোমাদের যোগ্য করে তুলেছেন।
-
13 তারাই আশীর্বাদধন্য যারা প্রজ্ঞা খুঁজে পায়,
যারা বিচক্ষণতা লাভ করে,
14 কারণ প্রজ্ঞা রুপোর চেয়েও বেশি লাভজনক
ও সোনার চেয়েও ভালো প্রতিদান দেয়।
15 প্রজ্ঞা পদ্মরাগমণির চেয়েও বেশি মূল্যবান;
তোমার আকাঙ্ক্ষিত কোনো কিছুকেই তার সাথে তুলনা করা যায় না।
16 প্রজ্ঞার ডান হাতে দীর্ঘ পরমায়ু আছে;
বাঁ হাতে ধন ও সম্মান আছে।
17 তার পথগুলি সুখকর পথ,
ও তার সব পথে শান্তি আছে।
18 যারা প্রজ্ঞাকে ধরে রাখে তাদের কাছে সে এক জীবনবৃক্ষ;
যারা তাকে অটলভাবে ধরে রাখে তারা আশীর্বাদধন্য হবে।
19 সদাপ্রভু প্রজ্ঞা দ্বারাই পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছেন,
বিচক্ষণতা দ্বারাই তিনি আকাশমণ্ডলকে যথাস্থানে রেখেছেন;
20 তাঁর জ্ঞানের দ্বারাই গভীর জলরাশি বিভক্ত হয়েছিল,
ও মেঘরাশি শিশির বর্ষণ করে।
21 হে আমার বাছা, প্রজ্ঞা ও বিচক্ষণতা যেন তোমার দৃষ্টি-বহির্ভূত না হয়,
সূক্ষ্ম বিচার ও বিচক্ষণতা অক্ষুণ্ণ রেখো;
22 তোমার জন্য সেগুলি জীবনস্বরূপ হবে,
তোমার গলার শোভাবর্ধক এক অলংকার হবে।
23 তখন তুমি নিরাপদে তোমার পথে চলে যাবে,
ও তোমার পায়ে হোঁচট লাগবে না।
-
14 বিচক্ষণ অন্তর জ্ঞানের খোঁজ করে,
কিন্তু মূর্খের মুখ মূর্খতার ক্ষেতে চরে।
-
7 এখন সবার মঙ্গলের জন্য প্রত্যেকের কাছে আত্মার প্রকাশ দেওয়া হয়েছে। 8 একজনকে আত্মার মাধ্যমে দেওয়া হয়েছে জ্ঞানের বাণী, অপর একজনকে সেই একই আত্মার দ্বারা প্রজ্ঞার বাণী, 9 অপর একজনকে সেই আত্মার দ্বারা বিশ্বাস, অপর একজনকে সেই একই আত্মার দ্বারা সুস্থ করার বরদান, 10 অপর একজনকে অলৌকিক কাজ করার পরাক্রম, অপর একজনকে ভাববাণী, আর একজনকে আত্মার মধ্যে পার্থক্য নির্ণয়ের ক্ষমতা, অপর একজনকে ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলার ক্ষমতা এবং আরও অপরজনকে বিশেষ বিশেষ ভাষার তর্জমা করার ক্ষমতা দেওয়া হয়েছে। 11 এসবই সেই এক ও অদ্বিতীয় আত্মার কাজ, তিনি প্রত্যেকের জন্য যেমন নির্ধারণ করেন, তেমনই বরদান দিয়ে থাকেন।
12 দেহ যেমন এক, যদিও তা বহু অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে গঠিত; আর যদিও এর অঙ্গপ্রত্যঙ্গ অনেক, সেগুলি এক দেহ গঠন করে। খ্রীষ্টের ক্ষেত্রেও সেই কথা।
-
66 আমাকে জ্ঞান ও বিচারবুদ্ধি দাও,
কারণ আমি তোমার আদেশে আস্থা রাখি।
-
15 বিচক্ষণ মানুষদের অন্তর জ্ঞানার্জন করে,
কারণ জ্ঞানবানদের কান তা খুঁজে বের করে।
-
1 একথা বলে যীশু স্বর্গের দিকে তাকিয়ে প্রার্থনা করলেন,
“পিতা, সময় উপস্থিত হয়েছে, তোমার পুত্রকে মহিমান্বিত করো, যেন তোমার পুত্র তোমাকে মহিমান্বিত করতে পারেন। 2 কারণ সব মানুষের উপর তুমি তাঁকে কর্তৃত্ব দান করেছ, যেন তুমি তাঁর হাতে যাদের অর্পণ করেছ, তিনি তাদের অনন্ত জীবন দিতে পারেন। 3 আর এই হল অনন্ত জীবন যে, তারা তোমাকে, একমাত্র সত্যময় ঈশ্বরকে, এবং তুমি যাঁকে পাঠিয়েছ, সেই যীশু খ্রীষ্টকে জানতে পারে।
-
1 লায়োদেকিয়ার অধিবাসীদের ও যাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে সাক্ষাৎ হয়নি, তাদের এবং তোমাদের জন্য আমি কত সংগ্রাম করে চলেছি, তোমাদের তা অবগত করতে চাই। 2 তাদের অন্তরকে অনুপ্রেরণায় উদ্বুদ্ধ ও ভালোবাসায় একতাবদ্ধ করে তোলাই আমার অভিপ্রায়। তারা যেন পূর্ণ বোধশক্তির ঐশ্বর্যে পরিপূর্ণতা লাভ করতে পারে এবং ঈশ্বরের গুপ্তরহস্য, অর্থাৎ খ্রীষ্টকে জানতে পারে। 3 তাঁরই মধ্যে আছে প্রজ্ঞা ও জ্ঞানের সমস্ত ঐশ্বর্য।
-
1 পরে সদাপ্রভু মোশিকে বললেন, 2 “দেখো, আমি যিহূদা গোষ্ঠীভুক্ত হূরের নাতি তথা ঊরির ছেলে বৎসলেলকে মনোনীত করেছি, 3 এবং আমি তাকে ঈশ্বরের আত্মায়, প্রজ্ঞায়, বুদ্ধিতে, জ্ঞানে এবং সব ধরনের দক্ষতায় পরিপূর্ণ করেছি— 4 যেন সে সোনা, রুপো ও ব্রোঞ্জ দিয়ে চারুশিল্পসম্মত নকশা ফুটিয়ে তুলতে, 5 পাথর কেটে তা বসাতে, কাঠের কাজ করতে, এবং সব ধরনের কারুশিল্পের কাজে লিপ্ত হতে পারে।
-
10 সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ;
যারা তাঁর অনুশাসন মান্য করে, তাদের ভালো বোধশক্তি আছে।
তাঁর প্রশংসা নিত্যস্থায়ী।
-
16 আমি মনে মনে বললাম, “দেখো, আমার আগে যারা জেরুশালেমে রাজত্ব করে গেছেন তাদের সকলের চেয়ে আমি প্রজ্ঞায় অনেক বৃদ্ধিলাভ করেছি; আমার অনেক প্রজ্ঞা ও বিদ্যা অভিজ্ঞতা লাভ হয়েছে।” 17 তারপর আমি প্রজ্ঞা এবং উন্মত্ততা ও মূর্খতা বুঝবার চেষ্টা করলাম, কিন্তু আমি বুঝতে পারলাম যে তাও বাতাসের পিছনে দৌড়ানো।
18 কারণ প্রজ্ঞা বাড়লে তার সঙ্গে দুঃখও বৃদ্ধি পায়;
যত বেশি বিদ্যা, তত বেশি বিষাদ।
-
16 আর সদাপ্রভু ঈশ্বর সেই মানুষটিকে আদেশ দিলেন, “বাগানের যে কোনো গাছের ফল খাওয়ার ক্ষেত্রে তুমি স্বাধীন; 17 কিন্তু ভালোমন্দের জ্ঞানদায়ী গাছের ফল তুমি অবশ্যই খেয়ো না। যদি সেই গাছের ফল খাও, তবে তুমি নিশ্চয় মারা যাবে।”
-
22 আর সদাপ্রভু ঈশ্বর বললেন, “মানুষ এখন ভালোমন্দের জ্ঞান পেয়ে আমাদের একজনের মতো হয়ে গিয়েছে। তাকে এই সুযোগ দেওয়া যাবে না, যেন সে তার হাত বাড়িয়ে আবার জীবনদায়ী গাছের ফল খেয়ে অমর হয়ে যায়।” 23 তাই সদাপ্রভু ঈশ্বর তাঁকে এদন বাগান থেকে নির্বাসিত করে সেই ভূমিতে কাজ করার জন্য পাঠিয়ে দিলেন, যেখান থেকে তাঁকে তুলে আনা হয়েছিল। 24 সেই মানুষটিকে তাড়িয়ে দেওয়ার পর, এদন বাগানের পূর্বদিকে তিনি করূবদের মোতায়েন করে দিলেন এবং জীবনদায়ী গাছের কাছে পৌঁছানোর পথ রক্ষা করার জন্য ঘূর্ণায়মান জ্বলন্ত এক তরোয়ালও বসিয়ে দিলেন।
-
7 “এখন, হে আমার ঈশ্বর সদাপ্রভু, তুমি আমার বাবা দাউদের স্থানে তোমার এই দাসকে রাজা করেছ। কিন্তু আমি তো ছোটো এক শিশুর মতো ও কীভাবে আমার দায়িত্ব পালন করব, তাও জানি না। 8 তোমার দাস এখানে তোমার সেই মনোনীত লোকজনের মাঝখানেই আছে, যারা এমন এক বিশাল জনতা, যাদের গুনে শেষ করা যায় না। 9 তাই তোমার প্রজাদের পরিচালনা করার ও ভালোমন্দ বিচার করার জন্য তোমার দাসকে দূরদর্শিতাসম্পন্ন এক অন্তঃকরণ দিয়ো। কারণ তোমার এই বিশাল প্রজাদলকে পরিচালনা করার ক্ষমতা কারই বা আছে?”
10 শলোমনকে এই বিষয়টি চাইতে দেখে প্রভু সন্তুষ্ট হলেন। 11 তাই ঈশ্বর তাঁকে বললেন, “যেহেতু তুমি নিজের জন্য দীর্ঘায়ু বা ধনসম্পদ না চেয়ে এই বিষয়টি চেয়েছ, বা তুমি তোমার শত্রুদের মৃত্যু কামনা না করে ন্যায়ের শাসন কায়েম করার জন্য দূরদর্শিতা চেয়েছ, 12 তাই তুমি যা চেয়েছ, আমি তাই করব। আমি তোমাকে সুবিবেচক ও দূরদর্শিতাসম্পন্ন এমন এক অন্তঃকরণ দেব, যেমনটি তোমার আগেও কেউ পায়নি, আর তোমার পরেও কেউ পাবে না।
-
সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।
1 হে সদাপ্রভু, তুমি আমার অনুসন্ধান করেছ,
আর তুমি আমাকে জানো।
2 তুমি জানো আমি কখন বসি আর কখন উঠি;
দূর থেকেও তুমি আমার মনের ভাবনা বুঝতে পারো।
3 তুমি জানো আমি কোথায় যাই আর আমি কোথায় শয়ন করি;
আমার চলার সব পথ তোমার পরিচিত।
4 আমার জিভে কোনও কথা উচ্চারিত হবার আগেই
তুমি, হে সদাপ্রভু, তা সম্পূর্ণভাবে জানো।
5 তুমি আমাকে সামনে ও পিছনে ঘিরে রেখেছ,
এবং আমার উপর তোমার হাত রেখেছ।
6 এই জ্ঞান আমার কাছে খুব আশ্চর্যজনক,
এত উঁচু যে তা আমার বোধের অগম্য।
-
6 যীশু উত্তর দিলেন, “আমিই পথ ও সত্য ও জীবন। আমার মাধ্যমে না এলে, কোনো মানুষই পিতার কাছে আসতে পারে না। 7 তোমরা যদি আমাকে প্রকৃতই জানো, তাহলে আমার পিতাকেও জানবে। এখন থেকে তোমরা তাঁকে জেনেছ এবং দেখেছ।”
8 ফিলিপ বললেন, “প্রভু, পিতাকে আমাদের দেখান, তাই আমাদের পক্ষে যথেষ্ট হবে।”
9 যীশু বললেন, “ফিলিপ, এত কাল আমি তোমাদের মধ্যে আছি, তবুও কি তুমি আমাকে চেনো না? যে আমাকে দেখেছে, সে পিতাকেও দেখেছে। তাহলে ‘পিতাকে আমাদের দেখান,’ একথা তুমি কী করে বলছ? 10 তোমরা কি বিশ্বাস করো না যে, আমি পিতার মধ্যে আছি এবং পিতা আমার মধ্যে আছেন? আমি তোমাদের যা কিছু বলি, তা শুধু আমার নিজের কথা নয়, বরং পিতা, যিনি আমার মধ্যে আছেন, তিনি তাঁর কাজ সম্পাদন করছেন। 11 তোমরা আমাকে বিশ্বাস করো যে, আমি পিতার মধ্যে আমি আছি এবং পিতা আমার মধ্যে আছেন, না হলে অন্তত অলৌকিক সব কাজ দেখে বিশ্বাস করো।
-
28 আর তিনি মানবজাতিকে বললেন,
“সদাপ্রভুর ভয়—সেটিই হল প্রজ্ঞা,
ও মন্দকে এড়িয়ে চলাই হল বুদ্ধি-বিবেচনা।”
-
5 তুমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর উপর আস্থা রাখো
ও নিজের বিচক্ষণতার উপর নির্ভর কোরো না;
6 তোমার সমস্ত পথে তাঁর বশ্যতাস্বীকার করো,
ও তিনি তোমার পথগুলি সোজা করে দেবেন।
7 নিজের দৃষ্টিতে জ্ঞানবান হোয়ো না;
সদাপ্রভুকে ভয় করো ও কুকর্ম এড়িয়ে চলো।
-
6 বিদ্রুপকারীরা প্রজ্ঞার খোঁজ করে ও কিছুই খুঁজে পায় না,
কিন্তু বিচক্ষণদের কাছে জ্ঞান সহজলভ্য হয়।
7 মূর্খের কাছ থেকে দূরে সরে থাকো,
কারণ তাদের ঠোঁটে তুমি জ্ঞান খুঁজে পাবে না।
8 বিচক্ষণ ব্যক্তিদের প্রজ্ঞাই তাদের পথের দিশা নির্দেশ দেয়,
কিন্তু মূর্খদের মূর্খতাই হল প্রতারণা।
-
25 সেই সময় যীশু বললেন, “হে পিতা, তুমি স্বর্গ ও পৃথিবীর প্রভু, আমি তোমার প্রশংসা করি, কারণ তুমি এই সমস্ত বিষয় বিজ্ঞ ও শিক্ষিত মানুষদের কাছ থেকে গোপন রেখে ছোটো শিশুদের কাছে প্রকাশ করেছ। 26 হ্যাঁ পিতা, কারণ এই ছিল তোমার ঈপ্সিত ইচ্ছা।
27 “আমার পিতা সবকিছুই আমার হাতে সমর্পণ করেছেন। পুত্রকে কেউ জানে না, কেবলমাত্র পিতা জানেন এবং পিতাকে কেউ জানে না, কেবলমাত্র পুত্র জানেন ও পুত্র যার কাছে তাঁকে প্রকাশ করেন, সেই জানে।
-
19 কারণ ঈশ্বর সম্পর্কে যা জানা যেতে পারে, তা তাদের কাছে সুস্পষ্ট, কারণ ঈশ্বর তা তাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। 20 এর কারণ হল, জগৎ সৃষ্টি হওয়ার সময় থেকে, ঈশ্বরের অদৃশ্য গুণাবলি—তাঁর অনন্ত পরাক্রম ও ঐশী-চরিত্র—স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। সমস্ত সৃষ্ট বস্তুর মধ্য দিয়ে তা বোঝা যায়, যেন কোনো মানুষ অজুহাত দিতে না পারে।
21 কারণ তারা ঈশ্বরকে জানলেও, ঈশ্বর বলে তাঁর মহিমাকীর্তন করেনি, তাঁকে ধন্যবাদও দেয়নি, কিন্তু তাদের ভাবনাচিন্তা অসার হয়ে পড়েছে এবং তাদের মূর্খ হৃদয় অন্ধকারাচ্ছন্ন হয়েছে। 22 যদিও তারা নিজেদের বিজ্ঞ বলে দাবি করে, কিন্তু তারা মূর্খে পরিণত হয়েছে। 23 তারা নশ্বর মানুষ, পশুপাখি ও সরীসৃপের মতো দেখতে প্রতিমূর্তির সঙ্গে অক্ষয় ঈশ্বরের মহিমার পরিবর্তন করেছে।
-
33 আহা, ঈশ্বরের প্রজ্ঞার ঐশ্বর্য ও জ্ঞান কত গভীর!
তাঁর বিচারসকল কেমন অন্বেষণের অতীত,
তাঁর পথসকল অনুসন্ধান করা যায় না!
34 “প্রভুর মন কে জানতে পেরেছে?
কিংবা কে তাঁর উপদেষ্টা হয়েছে?”
35 “কে কখন ঈশ্বরকে কিছু দিয়েছে,
যে ঈশ্বর তা পরিশোধ করবেন?”
36 কারণ সকল বস্তুর উদ্ভব তাঁর থেকে,
তাঁর মাধ্যমে ও তাঁরই জন্য, তাঁরই মহিমা হোক চিরকাল! আমেন।
-
20 জ্ঞানবান মানুষ কোথায়? বিধানের শিক্ষকই বা কোথায়? এই যুগের দার্শনিক কোথায়? ঈশ্বর কি জগতের জ্ঞানকে মূর্খতায় পরিণত করেননি? 21 কারণ, যেহেতু ঈশ্বরের জ্ঞান অনুসারে জগৎ তার জ্ঞানে তাঁকে জানতে পারেনি, তাই যা প্রচারিত হয়েছিল সেই মূর্খতার মাধ্যমে যারা বিশ্বাস করে ঈশ্বর তাদের পরিত্রাণ দিতে প্রীত হলেন। 22 ইহুদিরা অলৌকিক বিভিন্ন চিহ্ন দাবি করে এবং গ্রিকেরা জ্ঞানের খোঁজ করে, 23 কিন্তু আমরা ক্রুশবিদ্ধ খ্রীষ্টকে প্রচার করি; তিনি ইহুদিদের কাছে প্রতিবন্ধকতাস্বরূপ ও অইহুদিদের কাছে মূর্খতাস্বরূপ। 24 কিন্তু ইহুদি ও গ্রিক নির্বিশেষে, ঈশ্বর যাদের আহ্বান করেছেন, তাদের কাছে খ্রীষ্টই হলেন ঈশ্বরের পরাক্রম ও ঈশ্বরের জ্ঞান। 25 কারণ ঈশ্বরের মূর্খতা মানুষের জ্ঞান থেকেও বেশি জ্ঞানসম্পন্ন এবং ঈশ্বরের দুর্বলতা মানুষের শক্তি থেকেও বেশি শক্তিশালী।
-
28 “তখন তারা আমাকে ডাকবে কিন্তু আমি উত্তর দেব না;
তারা আমার খোঁজ করবে কিন্তু আমায় খুঁজে পাবে না,
29 যেহেতু তারা জ্ঞানকে ঘৃণা করেছে
ও সদাপ্রভুকে ভয় করতে চায়নি।
30 যেহেতু তারা আমার পরামর্শ নিতে চায়নি
ও আমার ভর্ৎসনা পদদলিত করেছে,
31 তাই তারা নিজেদের আচরণের ফলভোগ করবে
ও তাদের ষড়যন্ত্রের ফলে পরিপূর্ণ হয়ে যাবে।
32 কারণ অনভিজ্ঞ লোকদের খামখেয়ালীপনাই তাদের হত্যা করবে,
ও মূর্খদের আত্মপ্রসাদই তাদের ধ্বংস করবে;
33 কিন্তু যে আমার কথা শোনে সে নিরাপদে বেঁচে থাকবে
ও অনিষ্টের ভয় না করে স্বচ্ছন্দে থাকবে।”
-
জ্ঞানবানদের ত্রিশটি নীতিবচন
17 মনোযোগ দাও ও জ্ঞানবানদের নীতিবচনে কর্ণপাত করো;
আমার শিক্ষায় মনোনিবেশ করো,
18 কারণ তুমি যখন এগুলি অন্তরে রাখবে তখন তা আনন্দদায়ক হবে
ও সবকটি তোমার ঠোঁটে প্রস্তুত হয়ে থাকবে।
19 যেন সদাপ্রভুতে তোমার নির্ভরতা স্থির হয়,
তাই আজ আমি তোমাকে, তোমাকেই শিক্ষা দিচ্ছি।
20 তোমার জন্য আমি কি সেই ত্রিশটি নীতিবচন লিখিনি,
যেগুলি পরামর্শ ও জ্ঞানমূলক নীতিবচন,
21 যা তোমাকে সৎ হতে ও সত্যিকথা বলতে শিক্ষা দেবে,
যেন তুমি যাদের সেবা করছ
তাদের কাছে তুমি সত্যনিষ্ঠ খবর নিয়ে আসতে পারো?
-
20 তিনি বললেন:
“ঈশ্বরের নামের চিরকাল প্রশংসা হোক;
কারণ জ্ঞান ও শক্তি তাঁরই।
21 তিনি সময় ও ঋতু পরিবর্তন করেন;
তিনি রাজাদের অপসারণ করেন ও অন্য রাজাদের উত্থাপন করেন।
তিনি জ্ঞানীকে জ্ঞান দেন,
আর বিচক্ষণকে বুদ্ধি দেন।
22 তিনি গভীর ও লুকানো বিষয় ব্যক্ত করেন;
তিনি জানেন অন্ধকারে কী লুকিয়ে আছে,
আর আলো ঈশ্বরেই বাস করে।
23 হে আমার পূর্বপুরুষের ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ ও প্রশংসা করি;
তুমি আমায় জ্ঞান ও শক্তি দিয়েছ,
আমরা তোমার কাছে যা জানতে চেয়েছিলাম তা তুমি আমার কাছে প্রকাশ করেছ,
তুমি আমাদের কাছে রাজার সেই স্বপ্নের রহস্য প্রকাশ করেছ।”
-
1 যে শৃঙ্খলা ভালোবাসে সে জ্ঞানও ভালোবাসে,
কিন্তু যে সংশোধন ঘৃণা করে সে বোকা।
-
6 কারণ আমি দয়া চাই, বলিদান নয়,
এবং হোমবলির চেয়ে চাই ঈশ্বরকে স্বীকৃতি দান।
-
31 যে ইহুদিরা তাঁকে বিশ্বাস করেছিল, যীশু তাদের বললেন, “যদি তোমরা আমার বাক্যে অবিচল থাকো, তাহলে তোমরা প্রকৃতই আমার শিষ্য। 32 তখন তোমরা সত্যকে জানবে, আর সেই সত্য তোমাদের মুক্ত করবে।”
-
9 কিন্তু, যেমন লেখা আছে,
“কোনো চোখ যা দেখেনি, কোনো কান যা শোনেনি,
কোনো মানুষের মনে যা আসেনি,
যারা তাঁকে ভালোবাসে,
ঈশ্বর তাদের জন্য তাই প্রস্তুত করেছেন।”
10 কিন্তু ঈশ্বর, তাঁর আত্মার দ্বারা, সেসব আমাদের কাছে প্রকাশ করেছেন।
আত্মা সকল বিষয়ের, এমনকি, ঈশ্বরের নিগূঢ় বিষয়গুলিও অনুসন্ধান করেন। 11 কারণ মানুষের অন্তরের আত্মা ছাড়া কোনো মানুষের চিন্তা কে জানতে পারে? একইভাবে, ঈশ্বরের চিন্তাভাবনা ঈশ্বরের আত্মা ছাড়া আর কেউই জানতে পারে না। 12 আমরা জগতের আত্মাকে লাভ করিনি, কিন্তু লাভ করেছি সেই আত্মাকে, যিনি ঈশ্বর থেকে নির্গত হয়েছেন, যেন আমরা বুঝতে পারি, ঈশ্বর বিনামূল্যে আমাদের কী দান করেছেন। 13 আমরা একথাই বলি, মানুষের জ্ঞান দ্বারা আমাদের শেখানো ভাষায় নয়, কিন্তু পবিত্র আত্মার দ্বারা শেখানো ভাষায়, যা আত্মিক বিভিন্ন সত্যকে আত্মিক ভাষায় ব্যক্ত করে। 14 প্রাকৃতিক মানুষ ঈশ্বরের আত্মা থেকে আগত বিষয়গুলি গ্রহণ করতে পারে না, কারণ সেসব তার কাছে মূর্খতা। সে সেগুলি বুঝতেও পারে না, কারণ সেগুলিকে আত্মিকভাবে বিচার-বিশ্লেষণ করতে হয়।
-
18 তোমরা নিজেদের সঙ্গে প্রতারণা কোরো না। তোমাদের মধ্যে কেউ যদি এই যুগের মানদণ্ড অনুসারে নিজেকে জ্ঞানী বলে ভাবে, তাকে “মূর্খ” হতে হবে, যেন সে জ্ঞানী হতে পারে। 19 কারণ ঈশ্বরের দৃষ্টিতে এই জগতের জ্ঞান মূর্খতামাত্র। যেমন লেখা আছে: “জ্ঞানীদের তিনি তাদের ধূর্ততায় ধরে ফেলেন,” 20 আবার, “প্রভু জানেন যে, জ্ঞানীদের চিন্তাভাবনা অসার।”
-
29 ঈশ্বর শলোমনকে প্রজ্ঞা ও প্রচুর পরিমাণে অর্ন্তদৃষ্টি এবং সমুদ্রতীরের বালুকণার মতো অগাধ বোধবুদ্ধি দিলেন। 30 প্রাচ্যের সব লোকজনের প্রজ্ঞা থেকে, এবং মিশরের সব প্রজ্ঞার তুলনায় শলোমনের প্রজ্ঞা ছিল অসামান্য। 31 তিনি অন্য যে কোনো লোকের, এমনকি ইষ্রাহীয় এথনের চেয়েও বেশি বিচক্ষণ ছিলেন—মাহোলের ছেলে হেমন, কলকোল ও দর্দার চেয়েও বেশি বিচক্ষণ ছিলেন। আর তাঁর সুখ্যাতি পার্শ্ববর্তী সব দেশে ছড়িয়ে পড়েছিল। 32 তিনি তিন হাজার প্রবাদবাক্য বললেন এবং এক হাজার পাঁচটি গানও লিখেছিলেন। 33 লেবাননের দেবদারু থেকে শুরু করে প্রাচীরের গায়ে উৎপন্ন এসোব পর্যন্ত সব গাছপালার বিষয়ে তিনি কথা বললেন। এছাড়াও তিনি পশুদের ও পাখিদের, সরীসৃপদের ও মাছেরও বিষয়ে কথা বললেন। 34 সব দেশ থেকে সেইসব লোকজন শলোমনের প্রজ্ঞার কথা শুনতে আসত, যাদের পৃথিবীর সেইসব রাজা পাঠাতেন, যারা তাঁর প্রজ্ঞার বিষয়ে খবর পেয়েছিলেন।
-
5 প্রজ্ঞা অর্জন করো, বিচক্ষণতা অর্জন করো;
আমার কথাগুলি ভুলে যেয়ো না বা সেগুলি থেকে সরে যেয়ো না।
6 প্রজ্ঞাকে পরিত্যাগ কোরো না, ও সে তোমাকে রক্ষা করবে;
তাকে ভালোবেসো, ও সে তোমাকে পাহারা দেবে।
-
31 “সময় আসছে,” সদাপ্রভু এই কথা বলেন,
“যখন আমি ইস্রায়েলের কুল
ও যিহূদার বংশধরদের সঙ্গে,
একটি নতুন নিয়ম স্থাপন করব।
32 তাদের পূর্বপুরুষদের সঙ্গে স্থাপন করা
নিয়মের মতো হবে না,
যখন আমি তাদের হাত ধরে
মিশর থেকে বের করে এনেছিলাম,
কারণ তারা আমার নিয়ম ভেঙেছিল,
যদিও তাদের কাছে আমি এক স্বামীর মতো ছিলাম,”
সদাপ্রভু এই কথা বলেন।
33 “সেই সময়ের পরে, আমি ইস্রায়েল কুলের সঙ্গে এই নিয়ম স্থাপন করব,”
সদাপ্রভু এই কথা বলেন,
“আমি তাদের মনে আমার বিধান দেব
এবং তাদের হৃদয়ে তা লিখে দেব।
আমি তাদের ঈশ্বর হব
আর তারা আমার প্রজা হবে।
34 কোনো মানুষ তার প্রতিবেশীকে শেখাবে না
বা একে অপরকে বলবে না, ‘তুমি সদাপ্রভুকে জেনে নাও,’
কারণ নগণ্যতম জন থেকে মহত্তম ব্যক্তি পর্যন্ত,
তারা সবাই আমার পরিচয় পাবে,”
সদাপ্রভু এই কথা বলেন।
“কারণ আমি তাদের পাপ ক্ষমা করব
এবং তাদের অনাচারগুলি আর কোনোদিন স্মরণ করব না।”
-
17 ঈশ্বর এই চারজন যুবককে সমস্ত গ্রন্থে ও বিদ্যায়, জ্ঞান ও পারদর্শিতা দিলেন। আর দানিয়েল সমস্ত দর্শন ও স্বপ্ন বুঝে ব্যাখ্যা করতে পারতেন।
-
3 যারা জ্ঞানী তারা স্বর্গের উজ্জ্বলতার মতো জ্বলবে, ও যারা বহুজনকে ধার্মিকতার পথ দেখিয়েছে, তারা চিরকাল তারার মতো জ্বলবে। 4 কিন্তু তুমি, দানিয়েল, শেষ সময় পর্যন্ত এসব কথা গোপন করে রাখো এবং পুঁথির কথা সিলমোহর দিয়ে বন্ধ করে রাখো। জ্ঞানের সন্ধানে অনেকে এখানে ওখানে ছুটবে।”
-
16 “কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে, তিনি তাঁর একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাঁকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। 17 কারণ জগতের বিচার করতে ঈশ্বর তাঁর পুত্রকে জগতে পাঠাননি, কিন্তু তাঁর মাধ্যমে জগৎকে উদ্ধার করতেই পাঠিয়েছিলেন। 18 যে ব্যক্তি তাঁকে বিশ্বাস করে না, তার বিচার ইতিমধ্যেই হয়ে গেছে, কারণ ঈশ্বরের একজাত পুত্রের নামে সে বিশ্বাস করেনি। 19 এই হল দণ্ডাদেশ: জগতে জ্যোতির আগমন হয়েছে, কিন্তু মানুষ জ্যোতির পরিবর্তে অন্ধকারকে ভালোবাসলো কারণ তাদের সব কাজ ছিল মন্দ। 20 যে দুষ্কর্ম করে, সে জ্যোতিকে ঘৃণা করে ও জ্যোতির সান্নিধ্যে আসতে ভয় পায়, পাছে তার দুষ্কর্মগুলি প্রকাশ হয়ে পড়ে।
-
15 তোমরা মানুষের মানদণ্ডে বিচার করো; আমি কারও বিচার করি না। 16 কিন্তু যদি আমি বিচার করি, আমার রায় যথার্থ, কারণ আমি একা নই। যিনি আমাকে পাঠিয়েছেন, আমার সেই পিতা স্বয়ং আমার সঙ্গে আছেন। 17 তোমাদের নিজেদের বিধানশাস্ত্রে লেখা আছে যে, দুজন লোকের সাক্ষ্য বৈধ। 18 আমার সাক্ষী আমি স্বয়ং, অপর সাক্ষী হলেন পিতা, যিনি আমাকে পাঠিয়েছেন।”
19 তারা তখন যীশুকে জিজ্ঞাসা করল, “তোমার পিতা কোথায়?”
যীশু উত্তর দিলেন, “তোমরা আমাকে বা আমার পিতাকে জানো না। যদি তোমরা আমাকে জানতে, তাহলে আমার পিতাকেও জানতে।”
-
18 কিন্তু তোমরা আমাদের প্রভু ও পরিত্রাতা যীশু খ্রীষ্টের অনুগ্রহ ও জ্ঞানে বৃদ্ধি পেতে থাকো।
এখন ও চিরকাল পর্যন্ত তাঁর মহিমা হোক। আমেন।
-
9 আর সদাপ্রভু ঈশ্বর ভূমিতে সব ধরনের গাছপালা জন্মাতে দিলেন—যেসব গাছপালা দেখতে ভালো লাগে এবং খাদ্যরূপেও যেগুলি ভালো। বাগানের মাঝখানে জীবনদায়ী গাছ এবং ভালোমন্দের জ্ঞানদায়ী গাছ ছিল।
-
31 এবং তিনি তাকে ঈশ্বরের আত্মায়, প্রজ্ঞায়, বুদ্ধিতে, জ্ঞানে এবং সব ধরনের দক্ষতায় পরিপূর্ণ করেছেন— 32 যেন সে সোনা, রুপো ও ব্রোঞ্জ দিয়ে শিল্পবোধসম্পন্ন নকশা ফুটিয়ে তোলে, 33 মণিরত্ন কেটে বসায়, কাঠের কাজ করে এবং সব ধরনের শিল্পবোধসম্পন্ন কারুশিল্পের কাজে লিপ্ত হয়। 34 আর তিনি তাকে ও দান গোষ্ঠীভুক্ত অহীষামকের ছেলে অহলীয়াব, এই দুজনকেই অন্যান্য মানুষজনকে শিক্ষা দেওয়ার ক্ষমতা দিয়েছেন। 35 তিনি তাদের ও তাঁতিদের খোদাইকারী, নকশাকার ও সূচিশিল্পীরূপে নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতো ও মিহি মসিনা দিয়ে সব ধরনের কাজ করার দক্ষতায় পরিপূর্ণ করেছেন—তারা সবাই দক্ষ কারিগর ও নকশাকার।
-
22 “তোমরা যারা অনভিজ্ঞ মানুষ, আর কত দিন তোমরা তোমাদের সরলতা ভালোবাসবে?
আর কত দিন ঠাট্টা-বিদ্রুপকারীরা ঠাট্টা করে আনন্দ পাবে
ও মূর্খেরা জ্ঞানকে ঘৃণা করবে?
-
10 রুপোর পরিবর্তে আমার নির্দেশ,
উৎকৃষ্ট সোনার পরিবর্তে বরং জ্ঞান মনোনীত করো,
-
11 কারণ প্রজ্ঞা পদ্মরাগমণির চেয়েও বেশি মূল্যবান,
ও তোমার আকাঙ্ক্ষিত কোনো কিছুর সাথেই তার তুলনা হয় না।
12 “আমি, প্রজ্ঞা, দূরদর্শিতার সঙ্গেই বসবাস করি;
আমিই জ্ঞান ও বিচক্ষণতার অধিকারী।
13 সদাপ্রভুকে ভয় করার অর্থ মন্দকে ঘৃণা করা;
আমি অহংকার ও দাম্ভিকতাকে ঘৃণা করি,
মন্দ আচরণ ও সত্যভ্রষ্ট কথাবার্তাকেও করি।
14 পরামর্শ ও সুবিচার আমার অধিকারভুক্ত;
আমার কাছে দূরদর্শিতা ও ক্ষমতা আছে।
-
2 যখন অহংকার আসে, তখন অপমানও আসে,
কিন্তু নম্রতার সঙ্গে আসে প্রজ্ঞা।
-
16 সোনার চেয়ে প্রজ্ঞা লাভ করা কতই না ভালো,
রুপোর পরিবর্তে দূরদর্শিতা অর্জন করা শ্রেয়!
-
23 সত্য কিনে নাও ও তা বিক্রি কোরো না—
প্রজ্ঞা, শিক্ষা ও দূরদর্শিতাও কিনে নাও।
-
10 বোলো না যে, “এখনকার চেয়ে আগেকার কাল কেন ভালো ছিল?”
কারণ এই প্রশ্ন করা বুদ্ধিমানের কাজ নয়।
11 প্রজ্ঞা, উত্তরাধিকারের মতো, যা ভালো
এবং যারা সূর্য দেখে তাদের উপকার করে।
12 প্রজ্ঞা এক আশ্রয়স্থল
যেমন অর্থও এক আশ্রয়স্থল,
কিন্তু জ্ঞানের সুবিধা হল এই যে
প্রজ্ঞা তার অধিকারীর জীবন রক্ষা করে।
-
1 যিশয় কুলের মূলকাণ্ড থেকে একটি শাখা নির্গত হবে;
তার মূল থেকে উৎপন্ন এক শাখায় ফল ধরবে।
2 সদাপ্রভুর আত্মা তাঁর উপরে অবস্থিতি করবেন,
তা হল প্রজ্ঞা ও বুদ্ধির আত্মা,
পরামর্শদানের ও পরাক্রমের আত্মা,
জ্ঞানের আত্মা ও সদাপ্রভুর ভয়ের আত্মা
-
16 যীশু উত্তর দিলেন, “এই শিক্ষা আমার নিজস্ব নয়। যিনি আমাকে পাঠিয়েছেন তাঁর কাছ থেকেই আমি এই শিক্ষা পেয়েছি। 17 কেউ যদি ঈশ্বরের ইচ্ছা পালন করতে মনস্থির করে, তাহলে সে উপলব্ধি করতে পারবে, আমার এই শিক্ষা ঈশ্বরের কাছ থেকে এসেছে, না আমি নিজে থেকে বলেছি। 18 যে নিজের জ্ঞানের কথা বলে, সে তার গৌরবপ্রাপ্তির জন্যই তা করে, কিন্তু যে তার প্রেরণকর্তার গৌরবের জন্য কাজ করে, সে সত্যবাদী পুরুষ। তার মধ্যে কোনো মিথ্যাচার নেই।
-
1 আমি যদি সব মানুষের ও দূতদেরও ভাষায় কথা বলি, কিন্তু আমার ভালোবাসা না থাকে, তাহলে আমি শুধু এক অনুনাদী কাঁসরঘণ্টা বা ঝনঝনকারী করতাল। 2 যদি আমার ভাববাণী বলার বরদান আছে এবং আমি সকল গুপ্তরহস্য ও সমস্ত জ্ঞানে পারদর্শী হই এবং আমার যদি এমন বিশ্বাস থাকে, যা পাহাড়-পর্বতকে স্থানান্তরিত করতে পারে, অথচ আমার ভালোবাসা না থাকে, তাহলে আমি কিছুই নই।
-
14 কারণ তিনি স্বয়ং আমাদের শান্তি। তিনি উভয়কে এক করেছেন এবং প্রতিবন্ধকতাকে ধ্বংস করেছেন, বিদ্বেষের প্রাচীর ভেঙে ফেলেছেন, 15 বিধান ও তার নির্দেশমালা, নিয়ন্ত্রণবিধি, সব নিজের শরীরে বিলোপ করেই তা করেছেন। উভয়কে নিয়ে নিজের মধ্যে এক নতুন মানুষ গড়ে তোলা এবং এভাবে শান্তি প্রতিষ্ঠা করাই ছিল তাঁর উদ্দেশ্য। 16 আর এই এক দেহে, ক্রুশের মাধ্যমে তিনি উভয়কে ঈশ্বরের সঙ্গে সম্মিলিত করেছেন, যার দ্বারা তিনি দু-পক্ষের শত্রুতার অবসান ঘটিয়েছেন। 17 তোমরা যারা ছিলে বহুদূরে, আর যারা ছিলে কাছে, তোমাদের সকলের কাছে তিনি এসে শান্তির বাণী প্রচার করেছেন। 18 কারণ তাঁরই মাধ্যমে আমরা দু-পক্ষ একই আত্মার দ্বারা পিতার সান্নিধ্যে আসার অধিকার লাভ করেছি।
-
9 এখন, আমার প্রার্থনা এই: তোমাদের ভালোবাসা যেন জ্ঞান ও গভীর অন্তর্দৃষ্টিতে দিনের পর দিন সমৃদ্ধ হয়ে ওঠে, 10 যেন কোনটি উৎকৃষ্ট, তা তোমরা উপলব্ধি করতে পারো এবং খ্রীষ্টের পুনরাগমনের দিন পর্যন্ত পবিত্র ও নিষ্কলঙ্ক হয়ে থাকতে পারো;
-
6 নারী যখন দেখলেন যে সেই গাছের ফলটি খাদ্য হিসেবে ভালো ও চোখের পক্ষে আনন্দদায়ক, এবং জ্ঞানার্জনের পক্ষেও কাম্য, তখন তিনি কয়েকটি ফল পেড়ে তা খেলেন। তিনি তাঁর সেই স্বামীকেও কয়েকটি ফল দিলেন, যিনি তাঁর সঙ্গেই ছিলেন ও তিনিও তা খেলেন। 7 তখন তাদের দুজনেরই চোখ খুলে গেল, এবং তারা অনুভব করলেন যে তারা উলঙ্গ; তাই তারা ডুমুর গাছের পাতা একসাথে সেলাই করে নিজেদের জন্য আচ্ছাদন তৈরি করলেন।
-
12 আমাদের দিন গুনতে আমাদের শিক্ষা দাও,
যেন আমরা প্রজ্ঞার হৃদয় লাভ করি।
-
13 বিচক্ষণ লোকের ঠোঁটে প্রজ্ঞা পাওয়া যায়,
কিন্তু যার কোনও বোধবুদ্ধি নেই তার পিঠের জন্য লাঠি রাখা থাকে।
14 জ্ঞানবানেরা জ্ঞান সঞ্চয় করে রাখে,
কিন্তু মূর্খের মুখ সর্বনাশ ডেকে আনে।
-
33 প্রজ্ঞার নির্দেশ হল সদাপ্রভুকে ভয় করা,
ও সম্মানের আগে আসে নম্রতা।
-
13 হে আমার বাছা, মধু খাও, কারণ তা উপকারী;
মৌচাকের মধুর স্বাদ তোমার কাছে মিষ্টি লাগবে।
14 একথাও মনে রেখো যে প্রজ্ঞা তোমার পক্ষে মধুর মতো:
তুমি যদি তা খুঁজে পাও, তবে তোমার জন্য ভবিষ্যৎকালীন এক আশা আছে,
ও তোমার আশা বিচ্ছিন্ন করা হবে না।
-
5 সদাপ্রভু মহিমান্বিত হয়েছেন, কারণ তিনি ঊর্ধ্বে অধিষ্ঠান করেন;
তিনি ন্যায়বিচার ও ধার্মিকতায় সিয়োন পরিপূর্ণ করবেন।
6 তিনি তোমার সমস্ত কালে নিশ্চিত ভিত্তিমূলস্বরূপ হবেন,
তিনি হবেন পরিত্রাণ ও প্রজ্ঞা ও জ্ঞানের এক সমৃদ্ধ ভাণ্ডার;
সদাপ্রভুর প্রতি ভয়ই এই বৈভবের চাবিকাঠি।
-
23 নিস্তারপর্বের উৎসবের সময় জেরুশালেমে থাকাকালীন তিনি যে সমস্ত চিহ্নকাজ করছিলেন, তা দেখে তারা তাঁর নামে বিশ্বাস করল। 24 কিন্তু যীশু নিজে তাদের বিশ্বাস করতেন না, কারণ তিনি সব মানুষকেই জানতেন। 25 মানুষের সম্পর্কে কোনো সাক্ষ্য-প্রমাণের প্রয়োজন তাঁর ছিল না, কারণ মানুষের অন্তরে কী আছে তা তিনি জানতেন।
-
16 তোমাদের অন্তরে খ্রীষ্টের বাক্য প্রচুর পরিমাণে অবস্থিতি করুক; তোমরা সমস্ত বিজ্ঞতায় বিভূষিত হয়ে পরস্পরকে শিক্ষাদান ও সচেতন করো এবং গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে মুখর হয়ে ঈশ্বরের প্রতি তোমাদের হৃদয়ের কৃতজ্ঞতায় তা করো।
-
3 আমাদের পরিত্রাতা ঈশ্বরের সামনে এটাই উত্তম ও সন্তোষজনক। 4 তিনি চান, সব মানুষ যেন পরিত্রাণ পায় এবং সত্যের তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে পারে।
-
20 তিমথি, তোমার তত্ত্বাবধানে যা দেওয়া হয়েছে, তা সযত্নে রক্ষা করো। অসার বাক্যালাপ এবং বিরুদ্ধ মতবাদ থেকে দূরে থেকো, যা ভ্রান্তিরূপে “জ্ঞান” বলে অভিহিত। 21 কিছু মানুষ তা স্বীকার করেছে, এর ফলে বিশ্বাস থেকে বিচ্যুত হয়েছে।
অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক।
-
1 আমার প্রিয় সন্তানেরা, আমি তোমাদের এসব লিখছি, যেন তোমরা পাপ না করো। কিন্তু কেউ যদি পাপ করে, তাহলে আমাদের একজন পক্ষসমর্থনকারী আছেন; তিনি আমাদের হয়ে পিতার কাছে মিনতি করেন। তিনি যীশু খ্রীষ্ট, সেই ধার্মিক পুরুষ। 2 তিনি আমাদের সব পাপের প্রায়শ্চিত্ত, শুধুমাত্র আমাদের জন্য নয়, কিন্তু সমস্ত জগতের পাপের প্রায়শ্চিত্ত করেছেন।
3 আমরা যদি তাঁর আদেশ পালন করি, তাহলেই বুঝতে পারব যে আমরা তাঁকে জেনেছি। 4 যে ব্যক্তি বলে, “আমি তাঁকে জানি,” কিন্তু তাঁর আদেশ পালন করে না, সে মিথ্যাচারী, তার অন্তরে সত্য নেই। 5 কিন্তু যে তাঁর বাক্য পালন করে, তার অন্তরে ঈশ্বরের প্রেম প্রকৃত অর্থেই পূর্ণতা লাভ করেছে। এভাবেই আমরা জানতে পারি যে, আমরা তাঁর মধ্যে আছি। 6 তাঁর মধ্যে বাস করছে বলে যে দাবি করে, সে অবশ্যই তেমন জীবনাচরণ করবে ঠিক যেমন যীশু করতেন।
-
4 হে ইস্রায়েল, শোনো: আমাদের ঈশ্বর সদাপ্রভু, একই প্রভু। 5 তুমি তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে। 6 এসব আদেশ যা আজ আমি তোমাদের দিচ্ছি তা যেন তোমাদের অন্তরে থাকে। 7 তোমাদের সন্তানদের তোমরা সেগুলি বারবার শেখাবে। ঘরে বসে থাকার সময় ও যখন তোমরা পথে চলবে, শোবার সময় ও যখন ঘুম থেকে উঠবে তাদের সেই সময় বলবে। 8 তোমরা তা মনে রাখবার চিহ্ন হিসেবে হাতে বেঁধে রাখবে এবং তোমাদের কপালে বেঁধে রাখবে। 9 সেগুলি তোমাদের বাড়ির দরজার চৌকাঠে ও তোমাদের দ্বারে লিখে রাখবে।
-
3 “এত গর্বভরে তোমরা কথা বোলো না
তব মুখ এত অহংকারে ভরা কথা না বলুক
কারণ সদাপ্রভু এমন ঈশ্বর যিনি সব জানেন,
আর তিনি কাজের হিসেব ওজন করে রাখেন।
-
12 প্রবীণেরা কি প্রজ্ঞার অধিকারী নন?
সুদীর্ঘ জীবন কি বুদ্ধি নিয়ে আসে না?
13 “প্রজ্ঞা ও পরাক্রম ঈশ্বরের অধিকারভুক্ত বিষয়;
পরামর্শ ও বুদ্ধি তাঁরই।
-
12 কিন্তু প্রজ্ঞা কোথায় পাওয়া যাবে?
বুদ্ধি-বিবেচনা কোথায় থাকে?
13 কোনও নশ্বর মানুষ তার মূল্য হৃদয়ঙ্গম করতে পারে না;
জীবিতদের দেশে তা পাওয়া যায় না।
14 অগাধ জলরাশি বলে, “আমাতে তা নেই”
সমুদ্র বলে, “আমার কাছেও তা নেই।”
15 খাঁটি সোনা দিয়ে তা কেনা যায় না,
তার মূল্য রুপো দিয়েও মেপে দেওয়া যায় না।
16 ওফীরের সোনা দিয়ে,
মূল্যবান গোমেদক বা নীলকান্তমণি দিয়েও তা কেনা যায় না।
17 তার সাথে সোনা বা স্ফটিকের তুলনা করা যায় না,
সোনা-মানিকের বিনিময়ে তা পাওয়া যায় না।
-
21 “নশ্বর মানুষের পথের প্রতি তাঁর দৃষ্টি আছে;
তিনি তাদের প্রত্যেকটি পদক্ষেপ লক্ষ্য করেন।
-
7 প্রজ্ঞার আরম্ভ এইরকম: প্রজ্ঞা অর্জন করো।
এর মূল্যরূপে তোমার যথাসর্বস্য দিতে হলেও, বিচক্ষণতা অর্জন করো।
-
10 যেখানে বিবাদ থাকে, সেখানে অহংকারও থাকে,
কিন্তু যারা পরামর্শ নেয় তাদের অন্তরে প্রজ্ঞা পাওয়া যায়।
-
7 জ্ঞানবানদের ঠোঁট জ্ঞান ছড়ায়,
কিন্তু মূর্খদের হৃদয় ন্যায়নিষ্ঠ নয়।
-
15 সেখানে সোনা আছে, ও প্রচুর পরিমাণে মণিমুক্তো আছে,
কিন্তু যে ঠোঁট জ্ঞানের কথা বলে তা দুর্লভ এক রত্ন।
-
24 মানুষের পক্ষে খাওয়াদাওয়া করা এবং নিজের কাজে সন্তুষ্ট থাকা ছাড়া ভালো আর কিছুই নেই। এটাও আমি দেখলাম, এসব ঈশ্বরের হাত থেকে আসে, 25 কেননা তাঁকে ছাড়া কে খেতে পায় কিংবা আনন্দ উপভোগ করে? 26 যে তাঁকে সন্তুষ্ট করে, ঈশ্বর তাকে প্রজ্ঞা, বুদ্ধি ও আনন্দ দান করেন, কিন্তু পাপীকে তিনি ধনসম্পদ জোগাড় করবার ও তা জমাবার কাজ দেন, যেন সে তা সেই লোককে দিয়ে যায় যে ঈশ্বরকে সন্তুষ্ট করে। এটাও অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো।
-
13 আমি সূর্যের নিচে প্রজ্ঞা সম্বন্ধে আর একটি ব্যাপার দেখলাম যা আমার মনে গভীরভাবে দাগ কাটল 14 একবার একটি ছোটো নগর ছিল যেখানে অল্প লোক বাস করত। আর একজন শক্তিশালী রাজা তার বিরুদ্ধে এসে, তার চারিদিকে বিরাট অবরোধ নির্মাণ করল। 15 সেই নগরে একজন জ্ঞানবান গরিব লোক বাস করত, এবং সে তার প্রজ্ঞা দিয়ে নগরটি রক্ষা করল। কিন্তু কেউ সেই গরিব লোকটাকে মনে রাখল না। 16 তাই আমি বললাম, “শক্তির চেয়ে প্রজ্ঞা ভালো।” কিন্তু সেই গরিব লোকের প্রজ্ঞাকে তুচ্ছ করা হয় এবং তার কথা কেউ শোনে না।
17 বোকাদের শাসনকর্তার চিৎকারের চেয়ে
বরং জ্ঞানবানের শান্তিপূর্ণ কথা শোনা ভালো।
18 যুদ্ধের অস্ত্রশস্ত্রের চেয়ে প্রজ্ঞা ভালো,
কিন্তু একজন পাপী অনেক ভালো কাজ নষ্ট করে।
-
9 সেই সাপেরা আমার পবিত্র পর্বতের কোথাও
কোনো ক্ষতি বা বিনাশ করবে না,
কারণ সমুদ্র যেমন জলরাশিতে আচ্ছন্ন,
পৃথিবী তেমনই সদাপ্রভুর জ্ঞানে পরিপূর্ণ হবে।
-
5 “মাতৃগর্ভে তোমাকে গঠন করার পূর্বে আমি তোমাকে জানতাম,
তোমার জন্মের পূর্ব থেকে আমি তোমাকে পৃথক করেছি;
জাতিগণের কাছে আমি তোমাকে আমার ভাববাদীরূপে নিযুক্ত করেছি।”
-
23 সদাপ্রভু এই কথা বলেন:
“জ্ঞানী ব্যক্তি তার জ্ঞানের জন্য গর্ব না করুক
বা শক্তিশালী মানুষ তার শক্তির জন্য গর্ব না করুক
বা ধনী ব্যক্তি তার ঐশ্বর্যের জন্য গর্ব না করুক।
24 কিন্তু যে গর্ব করে, সে এই বিষয়ে গর্ব করুক:
যে সে আমাকে জানে ও বোঝে,
যে আমিই সদাপ্রভু, যিনি পৃথিবীতে তাঁর করুণা,
ন্যায়বিচার ও ধার্মিকতা প্রদর্শন করেন,
কারণ এসব বিষয়ে আমি প্রীত হই,”
সদাপ্রভু এই কথা বলেন।
-
7 আর তুমি প্রার্থনা করার সময় পরজাতীয়দের মতো অর্থহীন পুনরাবৃত্তি কোরো না, কারণ তারা মনে করে, বাগবাহুল্যের জন্যই তারা প্রার্থনার উত্তর পাবে। 8 তাদের মতো হোয়ো না, কারণ তোমাদের কী প্রয়োজন তা চাওয়ার পূর্বেই তোমাদের পিতা জানেন।
-
22 সেদিন, অনেকে আমাকে বলবে, ‘প্রভু, প্রভু; আমরা কি আপনার নামে ভবিষ্যদ্বাণী করিনি? আপনার নামে কি ভূত তাড়াইনি ও বহু অলৌকিক কাজ করিনি?’ 23 তখন আমি তাদের স্পষ্ট বলব, ‘আমি তোমাদের কোনোকালেও জানতাম না। দুষ্টের দল, আমার সামনে থেকে দূর হও!’
24 “অতএব, যে আমার এসব বাক্য শুনে পালন করে, সে এমন এক বুদ্ধিমান লোকের মতো, যে পাথরের উপরে তার বাড়ি নির্মাণ করল। 25 পরে বৃষ্টি নামল, বন্যা এল, ঝড় বইল ও সেই বাড়িতে আঘাত করল; তবুও তার পতন হল না, কারণ পাথরের উপরে তার ভিত্তিমূল প্রতিষ্ঠিত ছিল। 26 কিন্তু যে কেউ আমার এসব বাক্য শুনেও পালন করে না, সে এমন এক মূর্খ মানুষের মতো, যে বালির উপরে তার বাড়ি নির্মাণ করল। 27 পরে বৃষ্টি নামল, বন্যা এল, ঝড় বইল ও সেই বাড়িতে আঘাত করল, আর তার ভয়ংকর পতন হল।”
-
17 যীশু তাদের মনের কথা জানতে পেরে তাদের বললেন, “কোনো রাজ্য যদি নিজেরই বিরুদ্ধে বিভাজিত হয়, তাহলে তার পতন হবে। কোনো পরিবার যদি নিজের বিরুদ্ধে বিভাজিত হয়, তাহলে তার পতন হবে।
-
3 তাঁর প্রতি যার এই প্রত্যাশা আছে, তিনি যেমন শুদ্ধ, সে নিজেকেও তেমনই শুদ্ধ করে।
4 যে কেউ পাপ করে, সে বিধান লঙ্ঘন করে; প্রকৃতপক্ষে, বিধান লঙ্ঘন করাই হল পাপ। 5 কিন্তু তোমরা জানো যে, আমাদের পাপ হরণের জন্য তিনি প্রকাশিত হয়েছিলেন এবং তাঁর মধ্যে পাপের লেশমাত্র নেই। 6 যে তাঁর মধ্যে বাস করে, সে পাপে লিপ্ত থাকে না। যে অবিরত পাপ করতেই থাকে, সে তাঁকে দেখেনি বা তাঁকে জানেও না।
7 প্রিয় সন্তানেরা, কাউকে তোমাদের বিপথে চালিত করতে দিয়ো না। যে ন্যায়সংগত আচরণ করে, সে ধার্মিক, যেমন তিনি ধার্মিক। 8 যে পাপ করে, সে দিয়াবলের, কারণ দিয়াবল প্রথম থেকেই পাপ করে আসছে। ঈশ্বরের পুত্র এই কারণেই প্রকাশিত হয়েছেন, যেন দিয়াবলের সব কাজ ধ্বংস করেন।
Shows Read in context, Share and Copy.