42 Bible Verses About Learning

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Learning
  1. 14 কিন্তু তুমি যা শিখেছ এবং বিশ্বাস করেছ, তা পালন করে চলো। কারণ, তুমি জানো যে তুমি কাদের কাছে শিক্ষা পেয়েছ, 15 এবং ছোটোবেলা থেকে কীভাবে পবিত্র শাস্ত্র জেনেছ, তাও তুমি জানো। সে সবকিছু খ্রীষ্ট যীশুতে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণের জন্য তোমাকে বিজ্ঞ করে তুলতে সক্ষম। 16 সমস্ত শাস্ত্রলিপি ঈশ্বর-নিশ্বসিত এবং শিক্ষা, তিরস্কার, সংশোধন ও ধার্মিকতায় প্রশিক্ষণের জন্য উপযোগী, 17 যেন ঈশ্বরের লোক পরিপক্ব ও সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়।

  2. 1 হে আমার বাছারা, একজন বাবার উপদেশ শোনো;

    মনোযোগ দাও ও বিচক্ষণতা লাভ করো।

    2 আমি তোমাদের নির্ভরযোগ্য শিক্ষা দিচ্ছি,

    তাই আমার দেওয়া শিক্ষা পরিত্যাগ কোরো না।

    3 কারণ আমিও এক সময় আমার বাবার ছেলে ছিলাম,

    তখনও সুকুমার ছিলাম, ও আমার মায়ের দ্বারা লালিত হয়েছিলাম।

    4 তখন বাবা আমাকে শিক্ষা দিয়েছিলেন, ও বলেছিলেন,

    “সর্বান্তঃকরণে আমার বলা কথাগুলি ধরে রেখো;

    আমার আদেশগুলি পালন কোরো, ও তুমি বেঁচে যাবে।

    5 প্রজ্ঞা অর্জন করো, বিচক্ষণতা অর্জন করো;

    আমার কথাগুলি ভুলে যেয়ো না বা সেগুলি থেকে সরে যেয়ো না।

    6 প্রজ্ঞাকে পরিত্যাগ কোরো না, ও সে তোমাকে রক্ষা করবে;

    তাকে ভালোবেসো, ও সে তোমাকে পাহারা দেবে।

    7 প্রজ্ঞার আরম্ভ এইরকম: প্রজ্ঞা অর্জন করো।

    এর মূল্যরূপে তোমার যথাসর্বস্য দিতে হলেও, বিচক্ষণতা অর্জন করো।

  3. 25 সেই সময় যীশু বললেন, “হে পিতা, তুমি স্বর্গ ও পৃথিবীর প্রভু, আমি তোমার প্রশংসা করি, কারণ তুমি এই সমস্ত বিষয় বিজ্ঞ ও শিক্ষিত মানুষদের কাছ থেকে গোপন রেখে ছোটো শিশুদের কাছে প্রকাশ করেছ। 26 হ্যাঁ পিতা, কারণ এই ছিল তোমার ঈপ্সিত ইচ্ছা।

    27 “আমার পিতা সবকিছুই আমার হাতে সমর্পণ করেছেন। পুত্রকে কেউ জানে না, কেবলমাত্র পিতা জানেন এবং পিতাকে কেউ জানে না, কেবলমাত্র পুত্র জানেন ও পুত্র যার কাছে তাঁকে প্রকাশ করেন, সেই জানে।

    28 “ওহে, তোমরা যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। 29 আমার জোয়াল তোমরা নিজেদের উপরে তুলে নাও ও আমার কাছে শিক্ষা নাও, কারণ আমার স্বভাব কোমল ও নম্র। এতে তোমরা নিজেদের অন্তরে বিশ্রাম পাবে। 30 কারণ আমার জোয়াল সহজ ও আমার বোঝা হালকা।”

  4. 22 বাক্যের কেবল শ্রোতা হোয়ো না ও নিজেদের প্রতারিত কোরো না। বাক্য যা বলে, তা করো। 23 যে বাক্য শোনে অথচ তার নির্দেশ পালন করে না, সে এমন মানুষের মতো যে আয়নায় তার মুখ দেখে, 24 নিজেকে দেখার পর সে চলে যায় এবং সঙ্গে সঙ্গেই ভুলে যায়, সে দেখতে কেমন। 25 কিন্তু যে নিখুঁত বিধানের প্রতি আগ্রহভরে দৃষ্টি দেয়, যা স্বাধীনতা প্রদান করে ও যা শুনেছে তা ভুলে না গিয়ে নিরন্তর তা পালন করতে থাকে, সে সবকাজেই আশীর্বাদ পাবে।

    26 কেউ যদি নিজেকে ধার্মিক বলে মনে করে, কিন্তু নিজের জিভকে লাগাম দিয়ে বশে না রাখে, সে নিজের সঙ্গে নিজেই প্রতারণা করে এবং তার ধর্ম অসার। 27 পিতা ঈশ্বরের কাছে বিশুদ্ধ ও নির্দোষরূপে গ্রহণযোগ্য ধর্ম হল এই: অনাথ ও বিধবাদের দুঃখকষ্টে তত্ত্বাবধান করা এবং সাংসারিক কলুষতা থেকে নিজেকে রক্ষা করা।

  5. 4 হে ইস্রায়েল, শোনো: আমাদের ঈশ্বর সদাপ্রভু, একই প্রভু। 5 তুমি তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে। 6 এসব আদেশ যা আজ আমি তোমাদের দিচ্ছি তা যেন তোমাদের অন্তরে থাকে। 7 তোমাদের সন্তানদের তোমরা সেগুলি বারবার শেখাবে। ঘরে বসে থাকার সময় ও যখন তোমরা পথে চলবে, শোবার সময় ও যখন ঘুম থেকে উঠবে তাদের সেই সময় বলবে। 8 তোমরা তা মনে রাখবার চিহ্ন হিসেবে হাতে বেঁধে রাখবে এবং তোমাদের কপালে বেঁধে রাখবে। 9 সেগুলি তোমাদের বাড়ির দরজার চৌকাঠে ও তোমাদের দ্বারে লিখে রাখবে।

  6. উদ্দেশ্য ও বিষয়বস্তু

    1 দাউদের ছেলে, ইস্রায়েলের রাজা শলোমনের হিতোপদেশ:

    2 প্রজ্ঞা ও শিক্ষা অর্জনের জন্য;

    অন্তর্দৃষ্টিমূলক কথা বোঝার জন্য;

    3 বিচক্ষণ ব্যবহারের সম্বন্ধে শিক্ষালাভের জন্য,

    যা কিছু যথার্থ, ন্যায্য ও সুন্দর, তা করার জন্য;

    4 অনভিজ্ঞ মানুষদের দূরদর্শিতা,

    অল্পবয়স্কদের জ্ঞান ও বিচক্ষণতা দানের জন্য—

    5 জ্ঞানবানেরা শুনুক ও তাদের জ্ঞান বৃদ্ধি হোক,

    এবং বিচক্ষণেরা পথনির্দেশনা লাভ করুক—

    6 যেন তারা নীতিবচন ও দৃষ্টান্ত,

    জ্ঞানবানদের বাণী ও হেঁয়ালি বুঝতে পারে।

  7. 9 তোমরা আমার কাছ থেকে যা শিক্ষা পেয়েছ, যা কিছু পেয়েছ, যা কিছু শুনেছ বা আমার মধ্যে দেখেছ, সেসব অনুশীলন করো। তাহলে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে অবস্থিতি করবেন।

  8. 7 সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ,

    কিন্তু মূর্খেরা প্রজ্ঞা ও শিক্ষা তুচ্ছ করে।

  9. 1 হে আমার বাছা, তুমি যদি আমার কথা শোনো

    ও আমার আদেশগুলি হৃদয়ে সঞ্চয় করে রাখো,

    2 প্রজ্ঞার প্রতি কর্ণপাত করো

    ও বুদ্ধিতে মনোনিবেশ করো—

    3 সত্যিই, তুমি যদি অন্তর্দৃষ্টিকে ডাক দাও

    ও বুদ্ধি লাভের জন্য জোর গলায় কাকুতিমিনতি করো,

    4 ও যদি রুপোর মতো তার খোঁজ করো

    ও গুপ্তধনের মতো তা খুঁজে বেড়াও,

    5 তবেই তুমি সদাপ্রভুর ভয় বুঝতে পারবে

    ও ঈশ্বরের জ্ঞান খুঁজে পাবে।

    6 কারণ সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন;

    তাঁর মুখ থেকেই জ্ঞান ও বুদ্ধি বের হয়।

    7 ন্যায়পরায়ণদের জন্য তিনি সাফল্য সঞ্চয় করে রাখেন,

    যাদের চলন অনিন্দনীয়, তাদের জন্য তিনি ঢাল হয়ে দাঁড়ান,

    8 কারণ তিনি ধার্মিকের পথ পাহারা দেন

    ও তাঁর বিশ্বস্তজনেদের গতিপথ রক্ষা করেন।

  10. 6 সন্তানদের এমন এক পথে চলার শিক্ষা দাও যে পথে তাদের চলা উচিত,

    ও তারা বৃদ্ধ হয়ে গেলেও সেখান থেকে ফিরে আসবে না।

  11. 19 অতএব, তোমরা যাও ও সমস্ত জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিষ্ম দাও। 20 আর আমি তোমাদের যে সমস্ত আদেশ দিয়েছি, সেগুলি পালন করার জন্য তাদের শিক্ষা দাও। আর আমি নিশ্চিতরূপে, যুগান্ত পর্যন্ত নিত্য তোমাদের সঙ্গে সঙ্গে আছি।”

  12. 10 প্রভুতে আমি পরম আনন্দ করি যে, অবশেষে তোমরা আমার সম্বন্ধে চিন্তা করতে নতুন উৎসাহ পেয়েছ। সত্যিই, তোমাদের চিন্তা ছিল, কিন্তু তা দেখানোর সুযোগ তোমাদের ছিল না। 11 আমি অভাবগ্রস্ত বলেই যে একথা তোমাদের বলছি, তা নয়। কারণ যে কোনো পরিস্থিতিতেই আমি সন্তুষ্ট থাকার শিক্ষা লাভ করেছি। 12 অভাব কী, তা আমি জানি এবং প্রাচুর্য কী, তাও আমি জানি। যে কোনো এবং প্রত্যেকটি পরিস্থিতিতে আমি সন্তুষ্ট থাকার গোপন রহস্য শিখেছি—ভালোভাবে উদরপূর্তি করার বা ক্ষুধার্ত থাকার, প্রাচুর্যের মধ্যে থাকার, কিংবা অনটনে থাকার। 13 যিনি আমাকে শক্তি দান করেন, তাঁর মাধ্যমে আমি সবকিছুই করতে পারি।

  13. 9 পরে মোশি এই বিধান লিখলেন এবং লেবি গোষ্ঠীর যাজকদের, যারা সদাপ্রভুর নিয়ম-সিন্দুক বয়ে নিয়ে যেতেন, তাদের ও ইস্রায়েলের সমস্ত প্রবীণ নেতাদের হাতে দিলেন। 10 তারপর মোশি আদেশ দিলেন: “প্রত্যেক সপ্তম বছরের শেষে, ঋণ মকুবের বছরে, কুটিরবাস-পর্বের সময়, 11 যখন সমস্ত ইস্রায়েলী তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে উপস্থিত হওয়ার জন্য তাঁর বেছে নেওয়া জায়গায় যাবে তখন তোমরা এই বিধান সকলের সামনে পাঠ করবে যেন সবাই শুনতে পায়। 12 লোকদের একত্র করো—পুরুষ, স্ত্রীলোক ও ছেলেমেয়ে এবং তোমাদের নগরে বসবাসকারী বিদেশিদের—যেন তারা শোনে এবং শিক্ষাগ্রহণ করে তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় পায় এবং এই বিধানের সমস্ত কথা যত্নের সঙ্গে পালন করে। 13 তাদের ছেলেমেয়েরা, যারা এই বিধান জানে না, তাদের শুনতে হবে এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করতে শিখতে হবে যতদিন তোমরা সেই দেশে বসবাস করবে যে দেশ জর্ডন পার হয়ে অধিকার করবে।”

  14. 4 হে সদাপ্রভু, তোমার পথসকল আমাকে দেখাও,

    তোমার পন্থাসকল আমায় শেখাও।

    5 তোমার সত্যের পথে আমাকে চালাও ও শিক্ষা দাও,

    কারণ তুমিই আমার ঈশ্বর, আমার পরিত্রাতা,

    এবং সারাদিন আমি তোমারই প্রত্যাশায় থাকি।

  15. 71 পীড়িত হওয়া আমার জন্য মঙ্গলজনক হয়েছে

    যেন আমি তোমার আদেশগুলি শিখতে পারি।

    72 তোমার মুখের বিধিবিধান

    হাজার হাজার রুপো ও সোনার চেয়ে আমার কাছে বেশি মূল্যবান।

    י ইয়ূদ

    73 তোমার হাত আমাকে সৃষ্টি করেছে ও গঠন করেছে;

    তোমার আদেশ বুঝতে আমাকে বোধশক্তি দাও।

  16. 15 সর্বোত্তম প্রচেষ্টার দ্বারা তুমি ঈশ্বরের কাছে নিজেকে অনুমোদিতরূপে উপস্থাপন করো; এমন কার্যকারী হও, যার লজ্জিত হওয়ার প্রয়োজন নেই, যে সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার করতে জানে।

  17. 19 কারণ আমি তাকে মনোনীত করেছি, যেন যা উপযুক্ত ও ন্যায্য, তা করার মাধ্যমে সদাপ্রভুর পথে চলার ক্ষেত্রে সে তারপরে তার সন্তানদের ও তার পরিবারকে পথ দেখায়, ও যেন সদাপ্রভু অব্রাহামের কাছে যে প্রতিজ্ঞা করেছেন তা তিনি সফল করেন।

  18. 9 জ্ঞানবানদের উপদেশ দাও ও তারা আরও জ্ঞানী হবে;

    ধার্মিকদের শিক্ষা দাও ও তাদের পাণ্ডিত্য বৃদ্ধি পাবে।

  19. 27 যার জ্ঞান আছে সে সংযমী হয়ে শব্দ ব্যবহার করে,

    ও যার বুদ্ধি-বিবেচনা আছে সে মেজাজের রাশ নিয়ন্ত্রণে রাখে।

    28 মূর্খরাও যদি নীরবতা বজায় রাখে তবে তাদের জ্ঞানবান বলে মনে করা হয়,

    ও যদি তারা তাদের জিভ নিয়ন্ত্রণে রাখে তবে তাদের বিচক্ষণ বলে মনে করা হয়।

  20. 15 বিচক্ষণ মানুষদের অন্তর জ্ঞানার্জন করে,

    কারণ জ্ঞানবানদের কান তা খুঁজে বের করে।

  21. 16 তোমাদের অন্তরে খ্রীষ্টের বাক্য প্রচুর পরিমাণে অবস্থিতি করুক; তোমরা সমস্ত বিজ্ঞতায় বিভূষিত হয়ে পরস্পরকে শিক্ষাদান ও সচেতন করো এবং গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে মুখর হয়ে ঈশ্বরের প্রতি তোমাদের হৃদয়ের কৃতজ্ঞতায় তা করো।

  22. 42 আর তারা প্রেরিতশিষ্যদের শিক্ষায় ও সহভাগিতায়, রুটি-ভাঙায় ও প্রার্থনায় একান্তভাবে অংশগ্রহণ করল। 43 প্রেরিতশিষ্যদের মাধ্যমে বহু আশ্চর্য ঘটনা ও অলৌকিক নিদর্শন সম্পন্ন হতে দেখে প্রত্যেকে ভক্তিপূর্ণ ভয়ে পূর্ণ হয়ে উঠল। 44 যারা বিশ্বাস করল তারা সকলেই একসঙ্গে থাকত ও একই ভাণ্ডার থেকে তাদের প্রয়োজন মেটাতো। 45 তাদের বিষয়সম্পত্তি ও জিনিসপত্র বিক্রি করে তাদের প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী তা ভাগ করে দিত। 46 প্রতিদিন তারা একসঙ্গে মন্দির-প্রাঙ্গণে মিলিত হত। তারা নিজেদের ঘরে রুটি ভাঙত এবং আনন্দের সঙ্গে ও হৃদয়ের সরলতায় একসঙ্গে খাওয়াদাওয়া করত। 47 তারা ঈশ্বরের প্রশংসা করত এবং সব মানুষ তাদের শ্রদ্ধা করত। আর যারা পরিত্রাণ লাভ করল, প্রভু দিন-প্রতিদিন তাঁদের সঙ্গে পরিত্রাণপ্রাপ্তদের যুক্ত করে তাঁদের সংখ্যা বৃদ্ধি করলেন।

  23. 1 ঈশ্বর এবং যিনি জীবিত ও মৃতদের বিচার করবেন, সেই খ্রীষ্ট যীশুর সাক্ষাতে এবং তাঁর আগমন ও তাঁর রাজ্যের প্রেক্ষিতে আমি তোমাকে এই দায়িত্ব অর্পণ করছি: 2 তুমি বাক্য প্রচার করো; সময়ে-অসময়ে প্রস্তুত থেকো; অসীম ধৈর্য ও সুপরামর্শ দিয়ে সবাইকে সংশোধন, তিরস্কার এবং উৎসাহ প্রদান করো। 3 কারণ এমন সময় আসবে যখন মানুষ অভ্রান্ত শিক্ষা সহ্য করতে পারবে না। বরং তাদের নিজস্ব কামনাবাসনা চরিতার্থ করতে শ্রুতিসুখকর কথা শোনার জন্য তারা অনেক গুরু জোগাড় করবে।

  24. 18 তোমাদের অন্তরে ও মনে আমার এই কথাগুলি গেঁথে রাখবে; তা মনে রাখার চিহ্ন হিসেবে হাতে বেঁধে রাখবে এবং কপালে লাগিয়ে রাখবে। 19 সেগুলি তোমাদের সন্তানদের শেখাবে, ঘরে বসে কথা বলার সময় আর যখন তাদের সঙ্গে হাঁটবে, যখন শোবার সময় ও বিছানা থেকে উঠবার সময়। 20 সেগুলি তোমাদের বাড়ির দরজার চৌকাঠে ও তোমাদের দ্বারে লিখে রাখবে, 21 যেন সদাপ্রভু তোমাদের পূর্বপুরুষদের যে দেশ দেওয়ার জন্য শপথ করেছিলেন সেখানে তোমরা ও তোমাদের সন্তানেরা ততকাল বেঁচে থাকো যতকাল এই পৃথিবীর উপর মহাকাশ থাকবে।

  25. প্রস্তাবনা: সাগ্রহে প্রজ্ঞা গ্রহণ করার পরামর্শ দান

    8 হে আমার বাছা, তোমার বাবার উপদেশ শোনো,

    আর তোমার মায়ের শিক্ষা ত্যাগ কোরো না।

    9 এগুলি এক ফুলমালা হয়ে তোমার মাথার শোভা বাড়াবে

    ও এক হার হয়ে তোমার গলাকে সাজিয়ে তুলবে।

  26. 42 দিনের পর দিন, মন্দির-প্রাঙ্গণে ও ঘরে ঘরে, তাঁরা শিক্ষা দিতে এবং যীশুই যে সেই খ্রীষ্ট, এই সুসমাচার ঘোষণা করতে কখনও ক্ষান্ত হতেন না।

  27. 11 তিনিই কয়েকজনকে প্রেরিতশিষ্য, কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক, কয়েকজনকে পালক ও শিক্ষকরূপে দান করেছেন, 12 পবিত্রগণকে পরিপক্ব করার জন্য করেছেন, যেন পরিচর্যার কাজ সাধিত হয়, খ্রীষ্টের দেহ যেন গঠন করে তোলা হয়, 13 যতদিন না আমরা সবাই ঈশ্বরের পুত্রের জ্ঞান ও বিশ্বাসের ঐক্যে উপনীত হতে পারি ও পরিণত হই এবং খ্রীষ্টের সকল পূর্ণতা অর্জন করতে পারি।

    14 তখন আমরা আর নাবালক থাকব না। যে কোনো মতবাদের হাওয়ায় বিচলিত হব না বা বাতাসে ভেসে যাব না। আমরা প্রভাবিত হব না যখন লোকেরা মিথ্যার সাহায্য নিয়ে, যা শুনে মনে হয় সত্য, আমাদের ঠকানোর চেষ্টা করবে। 15 এর পরিবর্তে আমরা প্রেমে সত্য প্রকাশ করব এবং সব বিষয়ে খ্রীষ্টের মতো হয়ে উঠব, যিনি তাঁর দেহের মস্তক; আর সেই দেহ হল মণ্ডলী।

  28. 1 যারা ক্রীতদাসত্বের জোয়ালে আবদ্ধ, তারা তাদের প্রভুকে সম্পূর্ণ শ্রদ্ধার যোগ্য বলে মনে করুক, যেন ঈশ্বরের নাম এবং আমাদের শিক্ষার নিন্দা না হয়। 2 যাদের মনিবরা বিশ্বাসী, প্রভুতে ভাই হওয়ার কারণে সেই মনিবদের প্রতি তাদের যেন শ্রদ্ধার অভাব না দেখা যায়। বরং, আরও ভালোভাবে তারা তাঁদের সেবা করবে, কারণ যাঁরা তাদের সেবার দ্বারা উপকৃত হচ্ছে, তাঁরাও বিশ্বাসী এবং তাদের প্রিয়জন।

    এই সমস্ত বিষয় তুমি তাদের শিক্ষা দাও এবং অনুনয় করো। 3 কেউ যদি ভ্রান্ত ধর্মশিক্ষা দেয় এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অভ্রান্ত নির্দেশ ও ঐশ্বরিক শিক্ষার সঙ্গে একমত না হয়, 4 তাহলে সে গর্বে অন্ধ ও নির্বোধ। ঝগড়া ও তর্কবিতর্কের প্রতিই তার অকারণ আগ্রহ, ফলে সৃষ্টি হয় ঈর্ষা, বিবাদ, বিদ্বেষপূর্ণ কথাবার্তা, হীন সন্দেহ; 5 এবং কলুষিতমনা লোকদের মধ্যে সৃষ্টি হয় অবিরত দ্বন্দ্ব। তারা সত্যভ্রষ্ট হয়েছে এবং ভক্তিকে তারা অর্থলাভের উপায় বলে মনে করে।

  29. 14 আমাদের লোকদের সৎকর্মে আত্মনিয়োগ করতে শেখা উচিত, যেন তারা দৈনিক প্রয়োজন মেটাতে পারে এবং তাদের জীবন ফলহীন হয়ে না পড়ে।

  30. 5 তোমাদের কারও যদি প্রজ্ঞার অভাব থাকে, সে ঈশ্বরের কাছে তা চাইবে, যিনি কোনও ত্রুটি না ধরে উদারভাবে সকলকে দান করে থাকেন, আর তাকে তা দেওয়া হবে। 6 কিন্তু চাওয়ার সময় তাকে বিশ্বাস করতে হবে, সে যেন সন্দেহ না করে। কারণ যে সন্দেহ করে, সে সমুদ্রের ঢেউয়ের মতো, বাতাসে তাড়িত ও উৎক্ষিপ্ত। 7 সেই ব্যক্তি এমন মনে না করুক যে, সে প্রভুর কাছ থেকে কিছু পাবে।

  31. 24 “তোমাদের নিজেদের ও তোমাদের বংশধরদের জন্য দীর্ঘস্থায়ী এক বিধিরূপে তোমরা এই নির্দেশাবলির বাধ্য হোয়ো। 25 যে দেশটি সদাপ্রভু তাঁর প্রতিজ্ঞানুসারে তোমাদের দেবেন, তোমরা যখন সেখানে প্রবেশ করবে, তখন সেখানেও এই অনুষ্ঠানটি তোমরা পালন কোরো। 26 আর তোমাদের সন্তানেরা যখন তোমাদের জিজ্ঞাসা করবে, ‘তোমাদের কাছে এই অনুষ্ঠানটির অর্থ কী?’ 27 তখন তাদের বোলো, ‘এটি সেই সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গীকৃত নিস্তারপর্বীয় বলি, যিনি মিশরে ইস্রায়েলীদের বাড়িঘর অতিক্রম করে গিয়েছিলেন এবং যখন তিনি মিশরীয়দের আঘাত করেছিলেন, তখন আমাদের ঘরগুলি বাদ দিয়েছিলেন।’ ” তখন লোকেরা মাথা নত করে আরাধনা করল।

  32. 9 কেবল সাবধান থেকো, এবং নিজের উপর দৃষ্টি রেখো যেন তোমরা যা দেখেছ তা ভুলে না যাও বা যতদিন বেঁচে থাকবে ততদিন তোমাদের অন্তর থেকে তা মুছে না যায়। এসব তোমরা তোমাদের ছেলেমেয়েদের এবং পরে তাদের ছেলেমেয়েদের শেখাবে। 10 তোমরা সেদিনের কথা মনে করো যেদিন তোমরা হোরেবে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে উপস্থিত হয়েছিলে, যখন তিনি আমাকে বলেছিলেন, “আমার কথা শোনার জন্য তুমি লোকদের আমার সামনে জড়ো করো যেন তারা এই পৃথিবীতে যতদিন বাঁচবে ততদিন আমাকেই ভক্তি করে চলতে শিখতে পারে এবং যেন তাদের ছেলেমেয়েদেরও শিক্ষা দিতে পারে।”

  33. 1 মোশি সমস্ত ইস্রায়েলীকে ডেকে বললেন:

    হে ইস্রায়েল, শোনো, আজ আমি তোমাদের কাছে অনুশাসন ও বিধানগুলি ঘোষণা করছি। সেগুলি শিখে নিয়ো এবং যত্নের সঙ্গে পালন কোরো।

  34. 6 তুমি শক্তিশালী ও সাহসী হও, কারণ আমি যে দেশ দেওয়ার জন্য তাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলাম, তুমি এই লোকদের নেতৃত্ব দিয়ে তা অধিকার করবে।

    7 “তুমি শক্তিশালী ও অত্যন্ত সাহসী হও। আমার দাস মোশি যে বিধান তোমাদের দিয়েছিল, তা পালন করার ব্যাপারে যত্নশীল হোয়ো; তার ডানদিকে বা বাঁদিকে ফিরো না, যেন তুমি যে কোনো স্থানে যাও, সেখানে সফল হও। 8 বিধানের এই পুস্তকের বাণী সবসময় তোমাদের ঠোঁটে বজায় রেখো; দিনরাত এ নিয়ে ধ্যান কোরো, যেন এর মধ্যে যা কিছু লেখা আছে, তা পালন করার ব্যাপারে তুমি যত্নশীল হও। তবেই তুমি সমৃদ্ধিশালী ও কৃতকার্য হবে।

  35. 4 তাঁদের বংশধরদের কাছে আমরা সেসব লুকিয়ে রাখব না;

    আমরা আগামী প্রজন্মের কাছে

    সদাপ্রভুর প্রশংসনীয় কাজের কথা বলব,

    তাঁর পরাক্রম, আর তাঁর আশ্চর্য কাজ।

    5 তিনি যাকোবের জন্য বিধি দিয়েছিলেন

    আর তিনি তাঁর আইন ইস্রায়েলে প্রতিষ্ঠা করেছিলেন,

    যা তিনি আমাদের পূর্বপুরুষদের আদেশ দিয়েছিলেন

    তাঁদের ছেলেমেয়েদের শিক্ষা দেওয়ার জন্য,

    6 যেন পরবর্তী প্রজন্ম সেগুলি জানতে পারে,

    এমনকি তারাও পারে যাদের জন্ম হয়নি,

    এবং তারা যেন পরে নিজের নিজের ছেলেমেয়েদের বলতে পারে।

    7 তখন তারা ঈশ্বরে আস্থা রাখবে

    আর তাঁর কার্যাবলি ভুলে যাবে না

    কিন্তু তাঁর আজ্ঞাসকল পালন করবে।

    8 তারা তাদের পূর্বপুরুষদের মতো হবে না—

    একগুঁয়ে এবং বিদ্রোহী এক প্রজন্ম,

    যাদের হৃদয় ঈশ্বরের প্রতি অনুগত ছিল না,

    যাদের আত্মা তাঁর প্রতি বিশ্বস্ত ছিল না।

  36. 11 হে আমার বাছা, সদাপ্রভুর শাসন তুচ্ছ কোরো না,

    ও তাঁর ভর্ৎসনা ক্ষতিকর বলে মনে কোরো না,

    12 কারণ সদাপ্রভু যাদের প্রেম করেন, তাদেরই শাস্তি দেন,

    যেভাবে একজন বাবা তাঁর প্রিয় ছেলেকে দেন।

  37. 20 হে আমার বাছা, তোমার বাবার আদেশ পালন করো

    ও তোমার মায়ের শিক্ষা পরিত্যাগ কোরো না।

    21 সেগুলি সর্বক্ষণ তোমার হৃদয়ে গেঁথে রেখো;

    তোমার গলার চারপাশে বেঁধে রেখো।

    22 তুমি যখন চলাফেরা করবে, তখন সেগুলি তোমাকে পথ দেখাবে;

    তুমি যখন ঘুমাবে, তখন সেগুলি তোমাকে পাহারা দেবে;

    তুমি যখন জেগে উঠবে, তখন সেগুলি তোমার সাথে কথা বলবে।

    23 কারণ এই আদেশটি এক প্রদীপ,

    এই শিক্ষাটি এক আলো,

    এবং সংশোধন ও উপদেশ—

    এগুলি হল জীবনের পথ,

  38. 10 সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ,

    ও পবিত্রতম সম্বন্ধীয় জ্ঞানই হল বোধশক্তি।

  39. 11 জ্ঞানবান লোকদের কথা রাখালের অঙ্কুশের মতো, তাদের কথাগুলি একত্র করলে মনে হয় যেন সেগুলি সব শক্ত করে গাঁথা পেরেক—যা একজন রাখাল বলেছেন। 12 হে আমার সন্তান, এর সঙ্গে কিছু যোগ করা হচ্ছে কি না সেই বিষয় সতর্ক থেকো।

    বই লেখার শেষ নেই আর অনেক পড়াশোনায় শরীর ক্লান্ত হয়।

    13 এখন সবকিছু তো শোনা হল;

    তবে শেষ কথা এই যে

    ঈশ্বরকে ভয় করো এবং তাঁর আজ্ঞাসকল পালন করো,

    কেননা এটাই সমস্ত মানুষের কর্তব্য।

    14 কারণ ঈশ্বর প্রত্যেকটি কাজের বিচার করবেন,

    এমনকি সমস্ত গুপ্ত বিষয়,

    তা ভালো হোক বা মন্দ হোক।

  40. 15 ইহুদিরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, “শিক্ষালাভ না করেও এই মানুষটি কী করে এত শাস্ত্রজ্ঞ হয়ে উঠল?”

  41. 1 আমরা যারা বলবান, আমাদের উচিত দুর্বলদের ব্যর্থতা বহন করা এবং নিজেদের সন্তুষ্ট না করা। 2 আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিবেশীকে গঠন করার উদ্দেশে তার মঙ্গলের জন্য তাকে সন্তুষ্ট করা। 3 কারণ, এমনকি খ্রীষ্টও নিজেকে সন্তুষ্ট করলেন না, কিন্তু যেমন লেখা আছে, “যারা তোমাকে অপমান করে, তাদের করা সব অপমান আমার উপরে এসে পড়েছে।” 4 এই কারণে, অতীতে যা কিছু লেখা হয়েছিল, তা আমাদের শিক্ষার জন্যই লেখা হয়েছিল, যেন সহিষ্ণুতা ও শাস্ত্রবাণীর আশ্বাসের মাধ্যমে আমরা প্রত্যাশা লাভ করি।

    5 যে ঈশ্বর সহিষ্ণুতা ও আশ্বাস দেন, তিনি তোমাদের মধ্যে পরস্পরের সঙ্গে ঐক্যের মনোভাব নিয়ে বাস করার ক্ষমতা প্রদান করুন যা খ্রীষ্ট যীশুর বিশ্বাসীদের পক্ষে মানানসই।

  42. 16 ধার্মিকতার গুপ্তরহস্য মহৎ! তা প্রশ্নাতীত:

    তিনি দেহ ধারণ করে প্রকাশিত হলেন,

    আত্মার দ্বারা নির্দোষ প্রতিপন্ন হলেন,

    তিনি দূতদের কাছে দেখা দিলেন,

    সর্বজাতির মাঝে প্রচারিত হলেন,

    তিনি বিশ্বাসে জগতের মাঝে গৃহীত হলেন,

    মহিমান্বিত হয়ে ঊর্ধ্বে উন্নীত হলেন।