82 Bible Verses About Light

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Light
  1. 1 আদিতে বাক্য ছিলেন, সেই বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। 2 আদিতে তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন। 3 তাঁর মাধ্যমে সবকিছু সৃষ্ট হয়েছিল; সৃষ্ট কোনো বস্তুই তিনি ব্যতিরেকে সৃষ্ট হয়নি। 4 তাঁর মধ্যে জীবন ছিল। সেই জীবন ছিল মানবজাতির জ্যোতি। 5 সেই জ্যোতি অন্ধকারে আলো বিকিরণ করে, কিন্তু অন্ধকার তা উপলব্ধি করতে পারেনি।

    6 ঈশ্বর থেকে প্রেরিত এক ব্যক্তির আবির্ভাব হল, তাঁর নাম যোহন। 7 সেই জ্যোতির সাক্ষ্য দিতেই সাক্ষীরূপে তাঁর আগমন ঘটেছিল, যেন তাঁর মাধ্যমে মানুষ বিশ্বাস করে। 8 তিনি স্বয়ং সেই জ্যোতি ছিলেন না, কিন্তু সেই জ্যোতির সাক্ষ্য দিতেই তাঁর আবির্ভাব হয়েছিল।

    9 সেই প্রকৃত জ্যোতি, যিনি প্রত্যেক মানুষকে আলো দান করেন, জগতে তাঁর আবির্ভাব হচ্ছিল। 10 তিনি জগতে ছিলেন, জগৎ তাঁর দ্বারা সৃষ্ট হলেও জগৎ তাঁকে চিনল না। 11 তিনি তাঁর আপনজনদের মধ্যে এলেন, কিন্তু যারা তাঁর আপন, তারা তাঁকে গ্রহণ করল না। 12 তবু যতজন তাঁকে গ্রহণ করল, যারা তাঁর নামে বিশ্বাস করল, তাদের তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিলেন। 13 তারা স্বাভাবিকভাবে জাত নয়, মানবিক ইচ্ছা বা পুরুষের ইচ্ছায় নয়, কিন্তু ঈশ্বর থেকে জাত।

    14 সেই বাক্য দেহ ধারণ করলেন এবং আমাদেরই মধ্যে বসবাস করলেন। আমরা তাঁর মহিমা দেখেছি, ঠিক যেমন পিতার নিকট থেকে আগত এক ও অদ্বিতীয় পুত্রের মহিমা। তিনি অনুগ্রহ ও সত্যে পূর্ণ।

  2. 13 “তোমরা পৃথিবীর লবণ। কিন্তু লবণ যদি তার লবণত্ব হারায়, তাহলে কীভাবে তা পুনরায় লবণের স্বাদযুক্ত করা যাবে? তা আর কোনো কাজেরই উপযুক্ত থাকে না, কেবলমাত্র তা বাইরে নিক্ষেপ করার ও লোকদের পদদলিত হওয়ার যোগ্য হয়।

    14 “তোমরা জগতের জ্যোতি। পাহাড়ের উপরে অবস্থিত নগর কখনও গুপ্ত থাকতে পারে না। 15 আবার লোকে কোনো প্রদীপ জ্বেলে তা গামলা দিয়ে ঢেকে রাখে না, বরং তা বাতিদানের উপরেই রাখে। তখন তা ঘরে উপস্থিত সকলকেই আলো দান করে। 16 একইভাবে, তোমাদের দীপ্তি মানুষের সাক্ষাতে উদ্দীপ্ত হোক, যেন তারা তোমাদের সৎ কাজগুলি দেখে তোমাদের স্বর্গস্থ পিতার প্রশংসা কীর্তন করে।

  3. 8 এক সময়ে তোমরা ছিলে অন্ধকার, কিন্তু এখন তোমরা প্রভুতে আলো হয়ে উঠেছ। আলোর সন্তানদের মতো চলো। 9 কারণ এই আলো তোমাদের মধ্যে কেবলমাত্র উত্তম ও নৈতিক ও সত্য বিষয় উৎপন্ন করে। 10 প্রভু কোন কাজে সন্তুষ্ট হন, তা বোঝার চেষ্টা করো। 11 অন্ধকারের নিষ্ফল কার্যকলাপের সঙ্গে জড়িত হোয়ো না, বরং সেগুলিকে আলোতে প্রকাশ করো। 12 কারণ যারা অবাধ্য, তারা গোপনে যা করে, তা উল্লেখ করাও লজ্জাজনক। 13 কিন্তু আলোকে প্রকাশিত সবকিছুই দৃশ্যমান হয়ে ওঠে, 14 কারণ আলোই সবকিছু দৃশ্যমান করে। এজন্যই লেখা আছে:

    “ওহে নিদ্রামগ্ন ব্যক্তি, জাগো,

    মৃতদের মধ্য থেকে উত্থিত হও,

    তাহলে খ্রীষ্ট তোমার উপর আলোক বিকিরণ করবেন।”

  4. 5 এই বাণী আমরা তাঁর কাছ থেকে শুনে তোমাদের কাছে ঘোষণা করছি: ঈশ্বর জ্যোতি; তাঁর মধ্যে অন্ধকারের লেশমাত্র নেই। 6 তাঁর সঙ্গে আমাদের সহভাগিতা আছে, এমন দাবি করেও যদি অন্ধকারে চলি, তবে আমরা মিথ্যা কথা বলি এবং সত্যে জীবনযাপন করি না। 7 কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন আমরাও যদি তেমন জ্যোতিতে জীবন কাটাই, তাহলে পরস্পরের সঙ্গে আমাদের সহভাগিতা আছে এবং তাঁর পুত্র যীশুর রক্ত সব পাপ থেকে আমাদের শুচিশুদ্ধ করে।

    8 আমরা যদি নিজেদের নিষ্পাপ বলে দাবি করি, তাহলে আমরা নিজেদের প্রতারণা করি এবং সত্য আমাদের মধ্যে বাস করে না। 9 আমরা যদি আমাদের পাপস্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ, তাই তিনি আমাদের সব পাপ ক্ষমা করে সমস্ত অধার্মিকতা থেকে শুচিশুদ্ধ করবেন। 10 যদি আমরা বলি যে আমরা পাপ করিনি, আমরা তাঁকে মিথ্যাবাদী প্রতিপন্ন করি এবং আমাদের জীবনে তাঁর বাক্যের কোনও স্থান নেই।

  5. 12 লোকদের আবার শিক্ষা দেওয়ার সময় যীশু বললেন, “আমি জগতের জ্যোতি। যে আমাকে অনুসরণ করে, সে কখনও অন্ধকারে পথ চলবে না, বরং সে জীবনের জ্যোতি লাভ করবে।”

  6. 1 শুরুতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। 2 এমতাবস্থায় পৃথিবী নিরবয়ব ও ফাঁকা ছিল, গভীরের উপরের স্তরে অন্ধকার ছেয়ে ছিল, এবং ঈশ্বরের আত্মা জলের উপর ভেসে বেড়াচ্ছিলেন।

    3 আর ঈশ্বর বললেন, “আলো হোক,” এবং আলো হল। 4 ঈশ্বর দেখলেন যে সেই আলো ভালো হয়েছে, এবং তিনি অন্ধকার থেকে আলোকে বিচ্ছিন্ন করলেন। 5 ঈশ্বর আলোকে “দিন” নাম দিলেন এবং অন্ধকারকে “রাত” নাম দিলেন। সন্ধ্যা হল এবং সকাল হল—এই হল প্রথম দিন।

  7. 16 “কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে, তিনি তাঁর একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাঁকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। 17 কারণ জগতের বিচার করতে ঈশ্বর তাঁর পুত্রকে জগতে পাঠাননি, কিন্তু তাঁর মাধ্যমে জগৎকে উদ্ধার করতেই পাঠিয়েছিলেন। 18 যে ব্যক্তি তাঁকে বিশ্বাস করে না, তার বিচার ইতিমধ্যেই হয়ে গেছে, কারণ ঈশ্বরের একজাত পুত্রের নামে সে বিশ্বাস করেনি। 19 এই হল দণ্ডাদেশ: জগতে জ্যোতির আগমন হয়েছে, কিন্তু মানুষ জ্যোতির পরিবর্তে অন্ধকারকে ভালোবাসলো কারণ তাদের সব কাজ ছিল মন্দ। 20 যে দুষ্কর্ম করে, সে জ্যোতিকে ঘৃণা করে ও জ্যোতির সান্নিধ্যে আসতে ভয় পায়, পাছে তার দুষ্কর্মগুলি প্রকাশ হয়ে পড়ে। 21 কিন্তু যে সত্যে জীবনযাপন করে সে জ্যোতির সান্নিধ্যে আসে, যেন তার সমস্ত কাজই ঈশ্বরে সাধিত বলে প্রকাশ পায়।”

  8. נ নূন

    105 তোমার বাক্য আমার চরণের প্রদীপ,

    এবং আমার চলার পথের আলো।

  9. 3 আবার, আমাদের সুসমাচার যদি আবৃত থাকে, তাহলে যারা ধ্বংস হচ্ছে, তা তাদের কাছেই আবৃত থাকে। 4 এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করেছে, যেন তারা খ্রীষ্টের মহিমার যে সুসমাচার তার আলো দেখতে না পায়। সেই খ্রীষ্টই হলেন ঈশ্বরের প্রতিমূর্তি। 5 কারণ আমরা নিজেদের বিষয়ে প্রচার করি না, কিন্তু যীশু খ্রীষ্টকে প্রভুরূপে করি এবং যীশুর কারণে নিজেদের পরিচয় দিই তোমাদের দাসরূপে। 6 কারণ যে ঈশ্বর বলেছিলেন, “অন্ধকারের মধ্য থেকে জ্যোতি উদ্ভাসিত হোক,” তিনি তাঁর জ্যোতি আমাদের হৃদয়ে উদ্দীপিত করলেন, যেন খ্রীষ্টের মুখমণ্ডলে বিরাজিত ঈশ্বরের যে মহিমা, তার জ্ঞানের আলো আমাদের প্রদান করেন।

    7 কিন্তু এই সম্পদ আমরা মাটির পাত্রে ধারণ করছি, যেন এরকম প্রত্যক্ষ হয় যে সর্বগুণে উৎকৃষ্টতর এই পরাক্রম আমাদের থেকে নয়, কিন্তু ঈশ্বরের কাছ থেকে আসে।

  10. 14 তোমরা অভিযোগ ও তর্কবিতর্ক না করে সব কাজ করো, 15 যেন তোমরা এই কুটিল ও অবক্ষয়ের যুগে “ঈশ্বরের নিষ্কলঙ্ক ও শুচিশুদ্ধ সন্তান হতে পারো।” তোমরা তখন তাদের মধ্যে আকাশের তারার মতো এই জগতে উজ্জ্বল হয়ে উঠবে, 16 কারণ তোমরা সেই জীবনের বাক্য ধারণ করে আছ। এর ফলে যেন খ্রীষ্টের দিনে আমি গর্ব করতে পারি যে, আমি বৃথা দৌড়াইনি বা পরিশ্রম করিনি।

  11. 9 কিন্তু তোমরা এক মনোনীত বংশ, এক রাজকীয় যাজক-সম্প্রদায়, এক পবিত্র জাতি, ঈশ্বরের অধিকারস্বরূপ নিজস্ব এক প্রজা, যেন তোমরা তাঁরই গুণকীর্তন করতে পারো, যিনি তোমাদের অন্ধকার থেকে আহ্বান করে তাঁর আশ্চর্য জ্যোতির মধ্যে নিয়ে এসেছেন।

  12. দাউদের গীত।

    1 সদাপ্রভু আমার জ্যোতি ও আমার পরিত্রাণ,

    তাই আমি কেন ভীত হব?

    সদাপ্রভু আমার জীবনের আশ্রয় দুর্গ,

    তাই আমি কেন কম্পিত হব?

    2 আমায় গ্রাস করতে

    যখন দুষ্টরা আমার দিকে এগিয়ে আসে,

    আমার শত্রুরা ও আমার বিপক্ষরা

    হোঁচট খাবে ও পতিত হবে।

  13. 35 তখন যীশু তাদের বললেন, “আর অল্পকালমাত্র জ্যোতি তোমাদের মধ্যে আছেন। অন্ধকার তোমাদের গ্রাস করার আগেই জ্যোতির প্রভায় তোমরা পথ চলো। যে অন্ধকারে পথ চলে, সে জানে না, কোথায় চলেছে। 36 তোমরা যতক্ষণ জ্যোতির সহচর্যে আছ, তোমরা সেই জ্যোতির উপরেই বিশ্বাস রেখো, যেন তোমরাও জ্যোতির সন্তান হতে পারো।” কথা বলা শেষ করে যীশু সেখান থেকে চলে গেলেন এবং তাদের কাছ থেকে লুকিয়ে রইলেন।

    37 যীশু ইহুদিদের সামনে এই সমস্ত চিহ্নকাজ সম্পাদন করলেন। তবুও তারা তাঁকে বিশ্বাস করল না।

  14. 19 দিনের বেলা সূর্য আর তোমার জ্যোতিস্বরূপ হবে না,

    চাঁদের জ্যোৎস্নাও আর তোমাকে আলো দেবে না,

    কারণ সদাপ্রভু হবেন তোমার চিরস্থায়ী জ্যোতি,

    তোমার ঈশ্বরই হবেন তোমার গৌরব।

    20 তোমার সূর্য আর অস্তমিত হবে না,

    তোমার চাঁদের আলো আর ক্ষীণ হবে না;

    সদাপ্রভুই হবেন তোমার চিরজ্যোতি,

    আর তোমার দুঃখকষ্টের দিন শেষ হবে।

  15. 1 “ওঠো, প্রদীপ্ত হও, কারণ তোমার দীপ্তি উপস্থিত হয়েছে,

    সদাপ্রভুর গৌরব তোমার উপরে উদিত হল।

    2 দেখো, অন্ধকার পৃথিবীতে ছেয়ে গেছে,

    ঘন অন্ধকার জাতিসমূহকে আবৃত করেছে,

    কিন্তু সদাপ্রভু তোমার উপরে উদিত হয়েছেন,

    তাঁর মহিমা তোমার উপরে প্রত্যক্ষ হয়েছে।

    3 বিভিন্ন জাতি তোমার দীপ্তির কাছে আসবে,

    রাজারা আসবে তোমার ভোরের উজ্জ্বলতার কাছে।

    4 “তোমার দু-চোখ তুলে চারপাশে তাকিয়ে দেখো:

    সবাই একসঙ্গে তোমার কাছে এসেছে;

    তোমার ছেলেরা দূর থেকে আসছে,

    তোমার মেয়েদের কোলে বহন করে আনা হচ্ছে।

    5 তখন তুমি তা দেখে দীপ্যমান হবে,

    তোমার হৃদয় স্পন্দিত হয়ে আনন্দে স্ফীত হবে;

    সমুদ্রের ঐশ্বর্য তোমার কাছে আনা হবে,

    তোমার কাছেই আনীত হবে জাতিসমূহের সব সম্পদ।

  16. 11 আর বর্তমানকাল সম্পর্কে সচেতন হয়ে তোমরা এরকম কোরো। তোমাদের তন্দ্রা থেকে জেগে ওঠার সময় উপস্থিত হয়েছে, কারণ যখন আমরা প্রথম বিশ্বাস করেছিলাম, তখন থেকে আমাদের পরিত্রাণ আরও এগিয়ে এসেছে। 12 রাত্রি প্রায় অবসান হল, দিন এল বলে। তাই, এসো আমরা অন্ধকারের কাজকর্ম ত্যাগ করে আলোর রণসজ্জা পরিধান করি। 13 এসো, আমরা দিনের আলোর উপযুক্ত শোভন আচরণ করি, রঙ্গরস ও মত্ততায় নয়, যৌনাচার ও লাম্পট্যে নয়, মতবিরোধ ও ঈর্ষায় নয় 14 বরং, তোমরা প্রভু যীশু খ্রীষ্টকে পরিধান করো, রক্তমাংসের অভিলাষ কীভাবে পূর্ণ করবে, সে সম্পর্কে চিন্তা কোরো না।

  17. 17 সমস্ত উৎকৃষ্ট ও নিখুঁত দান ঊর্ধ্বলোক থেকে, আকাশের জ্যোতিষ্কমণ্ডলীর সেই পিতা থেকে আসে। তিনি কখনও পরিবর্তন হন না বা ছায়ার মতো সরে যান না।

  18. 1 এখন ভাইবোনেরা, এসব কখন ঘটবে, সেই সময় ও কালের বিষয়ে তোমাদের কিছু লেখার প্রয়োজন নেই। 2 কারণ, তোমরা ভালোভাবেই জানো, রাতের বেলা যেমন চোর আসে, সেভাবেই প্রভুর দিন উপস্থিত হবে। 3 লোকেরা যখন “শান্তি ও নিরাপত্তার” কথা বলবে, তখন গর্ভবতী নারীর প্রসববেদনার মতো অকস্মাৎ তাদের উপর ধ্বংস নেমে আসবে; তারা কোনোক্রমেই তা এড়াতে পারবে না।

    4 কিন্তু ভাইবোনেরা, তোমরা তো অন্ধকারে থাকো না, তাই সেদিন তোমাদের চোরের মতো বিস্মিত করে তুলবে না। 5 তোমরা সবাই জ্যোতির সন্তান এবং দিনের সন্তান। আমরা রাত্রির নই বা অন্ধকারেরও নই। 6 তাই, অন্যদের মতো আমরা যেন নিদ্রামগ্ন না হই। আমরা যেন সচেতন থাকি ও আত্মসংযমী হই।

  19. 44 যীশু তখন উচ্চকণ্ঠে বললেন, “কোনো মানুষ যখন আমাকে বিশ্বাস করে তখন সে শুধু আমাকেই নয়, যিনি আমাকে পাঠিয়েছেন তাঁকেও বিশ্বাস করে। 45 আমাকে দেখলে সে তাঁকেই দেখে, যিনি আমাকে পাঠিয়েছেন। 46 এ জগতে আমি জ্যোতিরূপে এসেছি, যেন আমাকে যে বিশ্বাস করে, সে আর অন্ধকারে না থাকে।

  20. 126 হে সদাপ্রভু, এবার তোমার সক্রিয় হওয়ার সময় এসেছে;

    কারণ তোমার আইনব্যবস্থা লঙ্ঘন করা হচ্ছে।

    127 সোনার চেয়ে, বিশুদ্ধ সোনার চেয়েও

    আমি তোমার আজ্ঞাগুলি বেশি ভালোবাসি।

    128 তোমার সব অনুশাসনবিধি আমি ন্যায্য মনে করি

    তাই আমি সমস্ত অন্যায় পথ ঘৃণা করি।

    פ পে

    129 তোমার বিধিবিধান কত আশ্চর্য;

    তাই আমি সেগুলি মান্য করি।

    130 তোমার বাক্যের শিক্ষা আলো দেয়;

    যারা সরলচিত্ত তাদের বোধশক্তি দেয়।

  21. 15 “সমুদ্রের অভিমুখে, জর্ডনের অপর পারে,

    সবূলূন দেশ ও নপ্তালি দেশ,

    গালীলের অইহুদি জাতিবৃন্দের—

    16 যে জাতি অন্ধকারে বসবাস করত,

    তারা এক মহাজ্যোতি দেখতে পেল;

    মৃত্যুচ্ছায়ার দেশে যাদের বসবাস ছিল,

    তাদের উপরে এক জ্যোতির উদয় হল।”

  22. 2 সেখানে তিনি তাঁদের সামনে রূপান্তরিত হলেন। তাঁর মুখ সূর্যের মতো জ্যোতির্ময় হয়ে উঠল এবং তাঁর পোশাক আলোর মতো ধবধবে সাদা হয়ে উঠল।

  23. 23 নগরটি আলোকিত করার জন্য সূর্যের বা চাঁদের কোনও প্রয়োজন নেই, কারণ ঈশ্বরের মহিমা সেখানে আলো প্রদান করে এবং মেষশাবকই তার প্রদীপ 24 সব জাতি তার আলোয় চলাফেরা করবে এবং পৃথিবীর রাজারা এর মধ্যে তাদের প্রতাপ নিয়ে আসবে। 25 ওই নগরের দরজাগুলি কোনোদিন বা কখনও বন্ধ হবে না, কারণ সেখানে কোনো রাত্রিই হবে না।

  24. 28 শিমিয়োন তাঁকে দু-হাতে তুলে নিয়ে ঈশ্বরের স্তুতি করতে লাগলেন এবং বললেন,

    29 “সার্বভৌম প্রভু,

    তোমার প্রতিশ্রুতিমতো এবার তুমি তোমার দাসকে শান্তিতে বিদায় দাও।

    30 কারণ আমার দুই চোখ তোমার পরিত্রাণ দেখেছে,

    31 যা তুমি সমস্ত জাতির দৃষ্টিগোচরে প্রস্তুত করেছ,

    32 পরজাতিদের কাছে প্রকাশিত হওয়ার জন্য

    ইনিই সেই জ্যোতি এবং তোমার প্রজা ইস্রায়েল জাতির জন্য গৌরব।”

  25. 12 সানন্দে পিতাকে ধন্যবাদ জ্ঞাপন করো, যিনি জ্যোতির রাজ্যে পবিত্রগণের যে অধিকার তার অংশীদার হওয়ার জন্য তোমাদের যোগ্য করে তুলেছেন। 13 কারণ অন্ধকারের কর্তৃত্ব থেকে তিনি আমাদের উদ্ধার করে তাঁর পুত্রের রাজ্যে নিয়ে এসেছেন, যাঁকে তিনি প্রেম করেন। 14 তাঁর দ্বারাই আমরা মুক্তি এবং সব পাপের ক্ষমা পেয়েছি।

  26. 7 হে ঈশ্বর, তোমার অবিচল প্রেম কত অমূল্য!

    মানুষ তোমার পক্ষছায়ায় আশ্রয় নেয়।

    8 তোমার গৃহের প্রাচুর্যে তারা পরিতৃপ্ত হয়,

    তোমার আনন্দ-নদীর জল তুমি তাদের পান করিয়ে থাকো।

    9 কারণ তোমাতেই আছে জীবনের উৎস,

    তোমার আলোতে আমরা আলো দেখি।

  27. 8 তখন তোমার আলো প্রত্যূষকালের মতো প্রকাশ পাবে,

    আর তুমি সত্বর আরোগ্যতা লাভ করবে,

    তখন তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হবে,

    আর সদাপ্রভুর মহিমা তোমার পিছন দিকের রক্ষক হবেন।

    9 তখন তুমি ডাকলে সদাপ্রভু উত্তর দেবেন;

    তুমি সাহায্যের জন্য কাঁদলে তিনি বলবেন: এই যে আমি।

    “তুমি যদি অত্যাচারের জোয়াল, অর্থাৎ

    অঙ্গুলিতর্জন ও বিদ্বেষপূর্ণ কথাবার্তা দূর করো,

    10 যদি তুমি ক্ষুধার্তকে নিজের অন্ন দাও

    এবং অত্যাচারিত ব্যক্তির সব প্রয়োজন মিটিয়ে দাও,

    তখন তোমার জ্যোতি অন্ধকারে উদিত হবে

    এবং তোমার রাত্রি দুপুরবেলার মতো হবে।

  28. 35 যোহন ছিলেন এক প্রদীপ যিনি জ্যোতি প্রদান করেছিলেন এবং কিছু সময় তোমরা তার জ্যোতি উপভোগ করতে চেয়েছিলে।

  29. 47 কারণ প্রভু আমাদের এই আদেশই দিয়েছেন:

    “ ‘আমি তোমাকে অইহুদিদের জন্য দীপ্তিস্বরূপ করেছি,

    যেন পৃথিবীর প্রান্ত পর্যন্ত তুমি পরিত্রাণ নিয়ে যেতে পারো।’ ”

  30. 9 যে সেই জ্যোতিতে বাস করে বলে দাবি করে, অথচ তার ভাইবোনকে ঘৃণা করে, সে এখনও অন্ধকারেই আছে। 10 যে তার ভাইবোনকে ভালোবাসে, সে জ্যোতির মধ্যেই জীবনযাপন করে, তার হোঁচট খাওয়ার কোনো কারণ নেই।

  31. 14 আর ঈশ্বর বললেন, “রাত থেকে দিনকে আলাদা করার জন্য আকাশের উন্মুক্ত এলাকায় জ্যোতি হোক, এবং বিভিন্ন ঋতু, দিন ও বছর চিহ্নিত করার জন্য এগুলি নিদর্শনরূপে কাজ করুক, 15 আর পৃথিবীতে আলো দেওয়ার জন্য এগুলি আকাশের উন্মুক্ত এলাকায় আলোর উৎস হয়ে যাক।” আর তা সেরকমই হল। 16 ঈশ্বর দুটি বড়ো জ্যোতি তৈরি করলেন—দিন নিয়ন্ত্রিত করার জন্য অপেক্ষাকৃত বড়ো জ্যোতি এবং রাত নিয়ন্ত্রিত করার জন্য অপেক্ষাকৃত ছোটো জ্যোতি। তিনি তারকামালাও তৈরি করলেন। 17 পৃথিবীতে আলো দেওয়ার জন্য ঈশ্বর সেগুলিকে আকাশের উন্মুক্ত এলাকায় বসিয়ে দিলেন, 18 যেন সেগুলি দিন ও রাতের উপরে প্রভুত্ব করতে পারে, এবং অন্ধকার থেকে আলোকে আলাদা করতে পারে। আর ঈশ্বর দেখলেন যে তা ভালো হয়েছে। 19 আর সন্ধ্যা হল এবং সকাল হল—এই হল চতুর্থ দিন।

  32. 11 ধার্মিকের জন্য আলো

    আর হৃদয়ে ন্যায়পরায়ণের জন্য আনন্দ, উদিত হয়।

  33. 13 যিনি সকলকে জীবন দান করেন, সেই ঈশ্বরের দৃষ্টিতে ও খ্রীষ্ট যীশুর দৃষ্টিতে, যিনি পন্তীয় পীলাতের দরবারে সাক্ষ্য দেওয়ার সময় উত্তম স্বীকারোক্তি করেছিলেন, আমি তোমাকে আদেশ দিচ্ছি, 14 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আগমনের পূর্ব পর্যন্ত এই আজ্ঞা নিষ্কলঙ্ক ও অনিন্দনীয়রূপে পালন করো, 15 যা ঈশ্বর তাঁর উপযুক্ত সময়ে প্রদর্শন করবেন—যিনি পরমধন্য, একমাত্র সম্রাট, রাজাদের রাজা ও প্রভুদের প্রভু, 16 একমাত্র অমর, অগম্য জ্যোতির মাঝে যাঁর অবস্থান, যাঁকে কেউ কখনও দেখেনি এবং দেখতেও পারে না—তাঁরই প্রতি হোক সমাদর এবং চিরস্থায়ী পরাক্রম। আমেন।

  34. 18 ধার্মিকদের পথ প্রভাতি সূর্যের মতো,

    যা মধ্যাহ্ন পর্যন্ত ক্রমাগত উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতেই থাকে।

    19 কিন্তু দুষ্টদের পথ ঘন অন্ধকারের মতো;

    তারা জানেই না কীসে তারা হোঁচট খায়।

  35. 3 দামাস্কাসে যাওয়ার পথে, যখন তিনি সে নগরের কাছে পৌঁছালেন, হঠাৎই আকাশ থেকে এক আলো তাঁর চারপাশে দ্যুতিমান হয়ে উঠল। 4 তিনি মাটিতে পড়ে গেলেন ও এক কণ্ঠস্বর শুনতে পেলেন তাঁকে বলছে, “শৌল, শৌল, তুমি কেন আমাকে নির্যাতন করছ?”

    5 শৌল জিজ্ঞাসা করলেন, “প্রভু, আপনি কে?”

    তিনি উত্তর দিলেন, “আমি যীশু, যাঁকে তুমি নির্যাতন করছ।

  36. 3 সেখানে আর কোনও অভিশাপ থাকবে না। সেই নগরের মধ্যে থাকবে ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন, আর তাঁর দাসেরা তাঁর উপাসনা করবে। 4 তারা তাঁর শ্রীমুখ দর্শন করবে এবং তাঁর শ্রীনাম তাদের কপালে লেখা থাকবে। 5 সেখানে আর রাত্রি হবে না। তাদের প্রদীপের আলো বা সূর্যের আলোর প্রয়োজন হবে না, কারণ প্রভু ঈশ্বরই তাদের আলো প্রদান করবেন। আর তারা যুগে যুগে চিরকাল রাজত্ব করবে।

  37. 5 যতক্ষণ আমি জগতে আছি, আমিই এই জগতের জ্যোতি হয়ে আছি।”

  38. 6 “আমি সদাপ্রভু ধার্মিকতায় তোমাকে আহ্বান করেছি;

    আমি তোমার হাত ধরে থাকব।

    আমি তোমাকে রক্ষা করব এবং তোমাকে

    প্রজাদের জন্য এক চুক্তি এবং

    অইহুদি জাতিদের জন্য এক জ্যোতিস্বরূপ করব,

    7 যেন অন্ধদের দৃষ্টি উন্মোচন করা হয়,

    কারাগার থেকে বন্দিদের মুক্ত করা হয়

    এবং যারা কারাকূপের অন্ধকারে বসে থাকে, তাদের মুক্ত করা হয়।

  39. 33 “প্রদীপ জ্বেলে কেউ গোপন স্থানে, বা পাত্রের নিচে রাখে না, বরং সে দীপাধারের উপরে রাখে, যেন যারা ঘরের ভিতরে প্রবেশ করে, তারা আলো দেখতে পায়। 34 তোমার চোখই তোমার শরীরের প্রদীপ। তোমার চোখ যদি সরল হয়, তাহলে তোমার সমস্ত শরীর আলোকময় হয়ে উঠবে। কিন্তু চোখদুটি যদি মন্দ হয়, তোমার শরীরও হয়ে উঠবে অন্ধকারময়। 35 সেই কারণে দেখো, তোমার মধ্যে যে আলো রয়েছে বলে তুমি মনে করছ, তা আসলে অন্ধকার যেন না হয়। 36 তাই তোমার সারা শরীর যদি আলোকময় হয়ে ওঠে ও তার কোনো অংশ যদি অন্ধকারময় না হয়, প্রদীপের আলো যেমন তোমার উপরে আলো দেয় তেমনই তোমার শরীরও সম্পূর্ণ আলোময় হয়ে উঠবে।”

  40. 8 “সেই অসাধু দেওয়ান বিচক্ষণতার সঙ্গে কাজ করেছিল বলে তাঁর মনিব তার প্রশংসা করলেন। কারণ, এই যুগের জাগতিক মনোভাব সম্পন্ন লোকেরা তাদের সমকালীন আলোকপ্রাপ্ত লোকেদের থেকে বেশি বিচক্ষণ।

  41. 23 কারণ এই আদেশটি এক প্রদীপ,

    এই শিক্ষাটি এক আলো,

    এবং সংশোধন ও উপদেশ—

    এগুলি হল জীবনের পথ,

  42. 22 “চোখ শরীরের প্রদীপ। তোমার দুই চোখ যদি নির্মল হয়, তাহলে তোমার সমস্ত শরীর আলোময় হয়ে উঠবে। 23 কিন্তু তোমার চোখ যদি মন্দ হয়, তোমার সমস্ত শরীর অন্ধকারে ছেয়ে যাবে। তোমার ভিতরের আলো যদি অন্ধকারময় হয়ে ওঠে, তবে সেই অন্ধকার কতই না ভয়ংকর!

    24 “কেউই দুজন মনিবের সেবা করতে পারে না। সে হয় একজনকে ঘৃণা করে অপরজনকে ভালোবাসবে, নয়তো সে একজনের অনুগত হয়ে অপরজনকে অবজ্ঞা করবে। তোমরা ঈশ্বর ও অর্থ, এই দুয়ের সেবা করতে পারো না।

  43. 4 ন্যায়পরায়ণের জন্য অন্ধকারের মাঝে আলো উদয় হয়,

    সে কৃপাময়, স্নেহশীল ও ধার্মিক।

  44. 19 আবার, আমাদের কাছে ভাববাদীদের বাণীও রয়েছে যা আমাদের আরও সুনিশ্চিত করেছে এবং তোমরা এ বিষয়ে মনোনিবেশ করলে ভালোই করবে, কারণ যতদিন না দিনের আলো ফুটে ওঠে ও তোমাদের হৃদয়ের আকাশে প্রভাতি তারার উদয় হয়, ততদিন এই বাণীই হবে অন্ধকারময় স্থানে প্রদীপের মতো।

  45. 13 “এমনও অনেকে আছে যারা আলোর বিরুদ্ধে বিদ্রোহ করে,

    যারা তার পথ জানে না

    বা তার পথে থাকে না।

    14 দিনের আলো যখন ফুরিয়ে যায়, তখন হত্যাকারীরা উঠে দাঁড়ায়,

    দরিদ্র ও অভাবগ্রস্তদের হত্যা করে,

    ও রাতের বেলায় চোরের মতো চুরি করে।

    15 ব্যভিচারীদের চোখ গোধূলি লগ্নের জন্য অপেক্ষা করে থাকে;

    সে ভাবে, ‘কেউ আমাকে দেখতে পাবে না,’

    ও সে তার মুখ ঢেকে রাখে।

    16 অন্ধকারে, চোরেরা বাড়িতে সিঁধ কাটে;

    কিন্তু দিনের বেলায় তারা ঘরে নিজেদের বন্দি করে রাখে।

    17 তাদের সকলের জন্য, মাঝরাতই তাদের সকাল;

    অন্ধকারের সন্ত্রাসের সাথেই তারা বন্ধুত্ব করে।

  46. 16 ‘এখন ওঠো ও তোমার পায়ে ভর দিয়ে দাঁড়াও। আমি তোমাকে আমার সেবক নিযুক্ত করার জন্য তোমাকে দর্শন দিয়েছি। আমার বিষয়ে তুমি যা দেখেছ ও আমি তোমাকে যা দেখাব, তুমি তার সাক্ষী হবে। 17 আমি তোমার স্বজাতি ও অইহুদিদের হাত থেকে তোমাকে উদ্ধার করব। আমি তোমাকে তাদের কাছে পাঠাচ্ছি, 18 তুমি তাদের চোখ খুলে দেবে, অন্ধকার থেকে তাদের আলোয় ফিরিয়ে আনবে, শয়তানের পরাক্রম থেকে নিয়ে আসবে ঈশ্বরের কাছে, যেন তারা সব পাপের ক্ষমা লাভ করে এবং আমার উপরে বিশ্বাসের মাধ্যমে যারা পবিত্র হয়েছে, তাদের মধ্যে স্থান লাভ করতে পারে।’

  47. 3 ইস্রায়েলের ঈশ্বর বলেছেন,

    ইস্রায়েলের পাষাণ-পাথর আমাকে বলেছেন:

    ‘ন্যায়পরায়ণতায় যখন কেউ প্রজাদের উপর রাজত্ব করে,

    যখন সে ঈশ্বর ভয়ে শাসন করে,

    4 সে সূর্যোদয়ে প্রভাতি আলোর মতো

    মেঘশূন্য সকালে যা দেখা যায়,

    বৃষ্টির পরে পাওয়া উজ্জ্বলতার মতো

    যা দিয়ে মাটিতে ঘাস জন্মায়।’

  48. 2 তিনি আলোর পোশাকে সজ্জিত;

    তিনি আকাশমণ্ডল তাঁবুর মতো প্রসারিত করেন

  49. 14 তোমরা অবিশ্বাসীদের সঙ্গে অসম জোয়ালে আবদ্ধ হোয়ো না। কারণ ধার্মিকতা ও দুষ্টতার মধ্যে কী সাদৃশ্য আছে? অথবা, অন্ধকারের সঙ্গে আলোর কী সহভাগিতা থাকতে পারে? 15 খ্রীষ্ট ও বলিয়ালের মধ্যেই বা কী ঐক্য? কোনো বিশ্বাসীর সঙ্গে অবিশ্বাসীরই বা কী মিল?

  50. 6 সদাপ্রভু, অনেকে প্রশ্ন করছে, “কে আমাদের উন্নতি ঘটাবে?”

    তোমার মুখের জ্যোতি আমাদের উপর উজ্জ্বল হোক।

  51. 6 তিনি বলেন,

    “যাকোবের বিভিন্ন গোষ্ঠীকে পুনঃস্থাপিত করার

    এবং আমার সংরক্ষিত ইস্রায়েলের লোকদের ফিরিয়ে আনার জন্য

    তুমি যে আমার দাস হবে, তা অতি সামান্য ব্যাপার।

    আমি তোমাকে অইহুদিদের কাছে দীপ্তিস্বরূপ করব,

    যেন পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত তুমি আমার পরিত্রাণ নিয়ে আসতে পারো।”

  52. 23 তিন দিন ধরে কেউ কাউকে দেখতে পায়নি বা চলাফেরাও করতে পারেনি। অথচ ইস্রায়েলীরা যেখানে বসবাস করত সেখানে তাদের কাছে আলো ছিল।

  53. 14 তিনি দিনে তাদের মেঘ আর রাতে

    আগুনের আলো দ্বারা পথ দেখালেন।

  54. 30 দেখুন কীভাবে তিনি তাঁর চারপাশে বিজলি নিক্ষেপ করেন,

    সমুদ্রগর্ভকে স্নান করান।

    31 এভাবেই তিনি জাতিদের নিয়ন্ত্রণ করেন

    ও প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য জোগান।

    32 তাঁর হাত তিনি বিজলিতে পরিপূর্ণ করেন

    ও তাকে লক্ষ্যে আঘাত হানার আদেশ দেন।

  55. 28 তুমি, হে সদাপ্রভু, আমার প্রদীপ জ্বালিয়ে রাখো;

    আমার ঈশ্বর আমার অন্ধকার আলোতে পরিণত করেন।

  56. 7 আলো মিষ্ট,

    আর সূর্য দেখলে চোখ সন্তুষ্ট হয়।

  57. 1 সিয়োনের কারণে আমি চুপ করে থাকব না,

    জেরুশালেমের জন্য আমি শান্ত থাকব না,

    যতক্ষণ না তার ধার্মিকতা ভোরের মতো উজ্জ্বল হয়,

    তার পরিত্রাণ জ্বলন্ত মশালের মতো হয়।

  58. 4 তাঁর প্রভা সূর্যোদয়ের মতো;

    তাঁর হাত থেকে আলোকরশ্মি নির্গত হয়,

    যেখানে তাঁর শক্তি লুকিয়ে ছিল।

  59. 2 কিন্তু তোমরা যারা আমার নাম সম্মান করো, তোমাদের উপরে ধার্মিকতার সূর্য উঠবে এবং সেই রশ্মিতে তোমরা আরোগ্য পাবে। আর যেভাবে পালের হৃষ্টপুষ্ট বাছুর লাফিয়ে খোঁয়াড়ের বাইরে যায় ঠিক সেরকম তোমরাও বাইরে যাবে এবং আনন্দে লাফাবে।

  60. 14 বিস্ময়ের কিছু নেই, কারণ শয়তান স্বয়ং দীপ্তিময় স্বর্গদূতের ছদ্মবেশ ধারণ করে। 15 তাহলে এতেও অবাক হওয়ার কিছু নেই যে, তার পরিচারকেরা ধার্মিকতার পরিচারকদের ছদ্মবেশ ধারণ করবে। তাদের কাজের নিরিখেই তাদের যোগ্য পরিণতি হবে।

  61. 20 মিশর ও ইস্রায়েলের সৈন্যদলের মাঝখানে চলে এল। সারারাত মেঘ একদিকে অন্ধকার ও অন্যদিকে আলো নিয়ে এসেছিল; তাই সারারাত তারা কেউই অন্য দলের কাছে যায়নি।

  62. 7 সদাপ্রভুর বিধিবিধান সিদ্ধ, যা আমার প্রাণ সঞ্জীবিত করে;

    সদাপ্রভুর অনুশাসন নির্ভরযোগ্য,

    তা অল্পবুদ্ধিকেও জ্ঞানবান করে।

    8 সদাপ্রভুর সমস্ত বিধি সত্য,

    হৃদয়কে আনন্দিত করে।

    সদাপ্রভুর আজ্ঞাসকল সুস্পষ্ট,

    চোখে আলো দান করে।

    9 সদাপ্রভুর ভয় নির্মল,

    চিরকাল স্থায়ী।

    সদাপ্রভুর আদেশ দৃঢ়,

    এবং পুরোপুরি ন্যায্য।

    10 তা সোনার চেয়েও বেশি,

    এমনকি বিশুদ্ধ সোনার চেয়েও বেশি আকাঙ্ক্ষিত।

    এবং মধুর চেয়েও বেশি,

    এমনকি মৌচাক থেকে ঝরে পড়া মধুর চেয়েও বেশি মিষ্টি।

  63. 11 কারণ সদাপ্রভু ঈশ্বর ঢাল ও সূর্যের মতো;

    তিনি দয়া ও সম্মান দান করেন;

    যাদের চলার পথ সিদ্ধ

    তাদের তিনি কোনো প্রকার মঙ্গল থেকে বঞ্চিত করেন না।

  64. 9 ধার্মিকদের আলো উজ্জ্বলভাবে জ্বলজ্বল করে,

    কিন্তু দুষ্টদের প্রদীপ নিভে যায়।

  65. 13 আমি দেখলাম প্রজ্ঞা মূর্খতার থেকে ভালো,

    যেমন আলো অন্ধকারের থেকে ভালো।

  66. 20 ধিক্ তাদের যারা মন্দকে ভালো

    ও ভালোকে মন্দ বলে,

    যারা অন্ধকারকে আলো ও

    আলোকে অন্ধকার বলে তুলে ধরে,

    যারা মিষ্টিকে তেতো ও

    তেতোকে মিষ্টি বলে।

  67. 3 যারা জ্ঞানী তারা স্বর্গের উজ্জ্বলতার মতো জ্বলবে, ও যারা বহুজনকে ধার্মিকতার পথ দেখিয়েছে, তারা চিরকাল তারার মতো জ্বলবে।

  68. 15 যারা মহাসভায় বসেছিল, তারা স্তিফানের প্রতি একদৃষ্টে চেয়ে দেখল, তাঁর মুখমণ্ডল স্বর্গদূতের মুখমণ্ডলের মতো।

  69. 21 সদাপ্রভু দিনের বেলায় এক মেঘস্তম্ভের মধ্যে থেকে তাদের পথ দেখানোর জন্য এবং রাতের বেলায় এক অগ্নিস্তম্ভের মধ্যে থেকে তাদের আলো দেওয়ার জন্য তাদের অগ্রগামী হলেন, যেন দিনরাত তারা যাত্রা করতে পারে। 22 দিনের বেলায় মেঘস্তম্ভ বা রাতের বেলায় অগ্নিস্তম্ভ, কোনোটিই লোকদের সামনে থেকে সরে যায়নি।

  70. 18 সে হ্রেষাধ্বনি করলে আলোর ঝলক বের হয়;

    তার চোখদুটি ভোরের আলোকরশ্মির মতো।

    19 তার মুখ থেকে আগুনের শিখা প্রবাহিত হয়;

    সবেগে অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষিপ্ত হয়।

    20 তার নাক থেকে ধোঁয়া বের হয়

    যেভাবে ফুটন্ত পাত্র থেকে তা জ্বলন্ত নলখাগড়ায় ছড়িয়ে পড়ে।

    21 তার নিঃশ্বাসে কয়লা জ্বলে ওঠে,

    ও তার মুখ থেকে আগুনের শিখা উড়ে আসে।

  71. 10 আমি তাদের মধ্য থেকে আমোদ ও আনন্দের রব, বর ও কনের আনন্দরব নিবৃত্ত করব। সেখানে জাঁতার শব্দ আর শোনা যাবে না এবং তাদের গৃহের সমস্ত প্রদীপ আমি নিভিয়ে ফেলব।

  72. 3 তাঁর বস্ত্র ছিল বিদ্যুতের মতো এবং তাঁর পোশাক ছিল তুষারের মতো ধবধবে সাদা।

  73. 4 যতক্ষণ দিনের আলো আছে, যিনি আমাকে পাঠিয়েছেন তাঁরই কাজ আমাদের করতে হবে। রাত্রি ঘনিয়ে আসছে, তখন কেউ আর কাজ করতে পারে না।

  74. 9 যীশু উত্তর দিলেন, “দিনের আলোর স্থায়িত্ব কি বারো ঘণ্টা নয়? যে মানুষ দিনের আলোয় পথ চলে, সে হোঁচট খাবে না। কারণ এই জগতের আলোতেই সে দেখতে পায়। 10 কিন্তু রাতে যখন সে পথ চলে, তখন সে হোঁচট খায়, কারণ তার কাছে আলো থাকে না।”

  75. 7 হঠাৎই প্রভুর এক দূত সেখানে আবির্ভূত হলেন এবং কারাগারে এক আলো প্রকাশ পেল। তিনি পিতরের বুকের পাশে আঘাত করে তাঁকে জাগিয়ে তুললেন। তিনি বললেন, “তাড়াতাড়ি করো, উঠে পড়ো!” তখন পিতরের দু-হাতের কব্জি থেকে শিকল খসে পড়ল।

  76. 3 সেই পুত্রই ঈশ্বরের মহিমার বিচ্ছুরণ এবং তাঁর সত্তার যথার্থ প্রতিরূপ, যিনি তাঁর তেজোদৃপ্ত বাক্যের দ্বারা সবকিছুই ধারণ করে আছেন। সব পাপ ক্ষমা করার কাজ সম্পন্ন করার পর, তিনি স্বর্গে ঐশ-মহিমার ডানদিকে উপবেশন করেছেন।

    4 তিনি উত্তরাধিকার বলে স্বর্গদূতদের তুলনায় যে উচ্চতর পদের অধিকারী হয়েছেন, সেই অনুযায়ী তাদের থেকেও মহান হয়ে উঠেছেন।

  77. 16 তাঁর ডান হাতে তিনি সাতটি তারা ধরে আছেন ও তাঁর মুখ দিয়ে বার হয়ে আসছে দুদিকে ধারবিশিষ্ট এক তরোয়াল। তাঁর মুখমণ্ডল পূর্ণ দীপ্তিতে উদ্ভাসিত সূর্যের মতো।

  78. 29 মোশি যখন বিধিনিয়মের সেই দুটি ফলক হাতে নিয়ে সীনয় পর্বত থেকে নেমে এলেন, তখন তিনি জানতেই পারেননি যে যেহেতু তিনি সদাপ্রভুর সাথে কথা বলেছিলেন তাই তাঁর মুখটি উজ্জ্বল হয়ে উঠেছিল। 30 হারোণ ও ইস্রায়েলীরা সবাই যখন মোশিকে দেখেছিল, তখন তাঁর মুখটি উজ্জ্বল দেখাচ্ছিল, এবং তারা তাঁর কাছে আসতে ভয় পেল।

  79. 26 অথচ আমি যখন মঙ্গলের প্রত্যাশা করেছি, তখন অমঙ্গল এসেছে;

    আমি যখন আলোর খোঁজ করেছি, তখন অন্ধকার ঘনিয়ে এসেছে।

  80. 5 যারা তাঁর দিকে দৃষ্টিপাত করে, তারা দীপ্তিমান হয়;

    তাদের মুখ কখনও লজ্জায় আবৃত হবে না।

  81. 17 ইস্রায়েলের জ্যোতি আগুনের মতো হবেন,

    তাদের সেই পবিত্রতম জন এক আগুনের শিখা হবেন;

    একদিনের মধ্যে তার শিয়ালকাঁটা ও কাঁটাঝোপ

    দগ্ধ হয়ে গ্রাসিত হবে।

  82. 5 অতএব, নির্দিষ্ট সময়ের পূর্বে তোমরা কোনো কিছুরই বিচার কোরো না। প্রভুর আগমন পর্যন্ত অপেক্ষা করো। অন্ধকারে যা গুপ্ত আছে, তা তিনি আলোয় নিয়ে আসবেন এবং সব মানুষের হৃদয়ের অভিপ্রায় উদ্‌ঘাটিত করবেন। সেই সময় প্রত্যেকে ঈশ্বর থেকে তার প্রশংসা লাভ করবে।