53 Bible Verses About Guidance
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
1 হে আমার বাছা, তুমি আমার শিক্ষা ভুলে যেয়ো না,
কিন্তু তোমার হৃদয়ে আমার আদেশগুলি সঞ্চয় করে রেখো,
2 কারণ সেগুলি তোমার আয়ু বহু বছর বাড়িয়ে তুলবে
ও তোমার জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে।
3 ভালোবাসা ও বিশ্বস্ততা যেন কখনও তোমাকে ত্যাগ করে না যায়;
সেগুলি তোমার গলায় বেঁধে রাখো,
সেগুলি তোমার হৃদয়-ফলকে লিখে রাখো।
4 তবেই তুমি ঈশ্বরের ও মানুষের দৃষ্টিতে
অনুগ্রহ ও সুখ্যাতি লাভ করবে।
5 তুমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর উপর আস্থা রাখো
ও নিজের বিচক্ষণতার উপর নির্ভর কোরো না;
6 তোমার সমস্ত পথে তাঁর বশ্যতাস্বীকার করো,
ও তিনি তোমার পথগুলি সোজা করে দেবেন।
-
6 তাই সময় থাকতে
সব বিশ্বস্ত লোক তোমার কাছে প্রার্থনা করুক;
তারা যেন বিচারের বন্যার জলে
ডুবে না যায়।
7 তুমি আমার আশ্রয়স্থল;
তুমি আমাকে বিপদ থেকে সুরক্ষিত করবে
এবং মুক্তির গানে আমাকে চারপাশে ঘিরে রাখবে।
8 সদাপ্রভু বলেন, “আমি তোমাকে উপদেশ দেব এবং উপযুক্ত পথে চলতে তোমাকে শিক্ষা দেবো;
তোমার উপর প্রেমময় দৃষ্টি রেখে আমি তোমাকে পরামর্শ দেবো।
9 তোমরা ঘোড়া বা খচ্চরের মতো হোয়ো না,
যাদের বোধশক্তি নেই
কিন্তু যাদের বল্গা ও লাগাম দিয়ে বশে রাখতে হয়,
নইলে তারা তোমার কাছে আসে না।”
-
12 মোশি সদাপ্রভুকে বললেন, “তুমি আমাকে বলে চলেছ, ‘এই লোকদের নেতৃত্ব দাও,’ কিন্তু তুমি আমাকে জানতে দাওনি আমার সাথে তুমি কাকে পাঠাবে। তুমি বলেছ, ‘আমি তোমাকে নাম ধরে চিনি এবং তুমি আমার দৃষ্টিতে অনুগ্রহ লাভ করেছ।’ 13 আমি যদি তোমাকে খুশি করতে পেরেছি, তবে তোমার পথের বিষয়ে আমাকে শিক্ষা দাও যেন আমি তোমাকে জানতে পারি ও অবিরতভাবে তোমার দৃষ্টিতে অনুগ্রহ পেতেই থাকি। মনে রেখো যে এই জাতি তোমারই প্রজা।”
14 সদাপ্রভু উত্তর দিলেন, “আমার উপস্থিতি তোমার সাথেই যাবে, এবং আমি তোমাকে বিশ্রাম দেব।”
15 তখন মোশি তাঁকে বললেন, “তোমার উপস্থিতি যদি আমাদের সাথে না যায়, তবে এখান থেকে আমাদের পাঠিয়ো না। 16 তুমি যদি আমাদের সাথে না যাও তবে কেউ কীভাবে জানবে যে আমি ও তোমার প্রজারা তোমাকে খুশি করতে পেরেছি? আর কী-ই বা আমাকে ও তোমার প্রজাদের এই পৃথিবীর অন্যান্য সব মানুষজনের থেকে ভিন্ন করে তুলবে?”
17 আর সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি যা চেয়েছ, আমি ঠিক তাই করব, কারণ তুমি আমাকে খুশি করেছ এবং আমি তোমাকে নাম ধরে চিনি।”
-
נ নূন
105 তোমার বাক্য আমার চরণের প্রদীপ,
এবং আমার চলার পথের আলো।
-
4 হে সদাপ্রভু, তোমার পথসকল আমাকে দেখাও,
তোমার পন্থাসকল আমায় শেখাও।
5 তোমার সত্যের পথে আমাকে চালাও ও শিক্ষা দাও,
কারণ তুমিই আমার ঈশ্বর, আমার পরিত্রাতা,
এবং সারাদিন আমি তোমারই প্রত্যাশায় থাকি।
-
23 তবুও আমি সর্বদা তোমার সঙ্গে আছি;
তুমি আমার ডান হাত ধরে রেখেছ।
24 তোমার উপদেশে তুমি আমাকে পথ দেখাবে,
এবং অবশেষে আমাকে মহিমায় নিয়ে যাবে।
25 তুমি ছাড়া স্বর্গে আমার আর কে আছে?
তুমি ছাড়া জগতে আর কিছুই আমি কামনা করি না।
26 আমার মাংস আর আমার অন্তর ব্যর্থ হতে পারে,
কিন্তু ঈশ্বর আমার হৃদয়ের শক্তি
আর আমার চিরকালের উত্তরাধিকার।
27 যারা তোমার থেকে দূরবর্তী তারা বিনষ্ট হবে;
যারা তোমার প্রতি অবিশ্বস্ত তাদের সবাইকে তুমি ধ্বংস করবে।
28 কিন্তু ঈশ্বরের কাছে থাকা আমার জন্য ভালো।
সার্বভৌম সদাপ্রভুকে আমি আমার আশ্রয় করেছি;
আমি তোমার সমস্ত কাজের প্রচার করব।
-
1 সদাপ্রভু বলেন, “ধিক্ সেই পালকদের, যারা আমার চারণভূমির মেষদের ছিন্নভিন্ন ও ধ্বংস করে!” 2 সেই কারণে, যারা আমার প্রজাদের চরায়, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু তাদের উদ্দেশ্যে এই কথা বলেন: “তোমরা যেহেতু আমার মেষদের ছিন্নভিন্ন করেছ, তাদের বিতাড়িত করেছ এবং তাদের প্রতি কোনো যত্ন করোনি, তোমরা তাদের প্রতি যে অন্যায় করেছ, তার জন্য আমি তোমাদের শাস্তি দেব,” সদাপ্রভু এই কথা বলেন। 3 “আমি যে সমস্ত দেশে আমার প্রজাপালকে বিতাড়িত করেছি, আমি স্বয়ং সেখান থেকে তাদের অবশিষ্টাংশকে সংগ্রহ করে তাদের চারণভূমিতে ফিরিয়ে আনব। সেখানে তারা ফলবান হবে ও সংখ্যায় বৃদ্ধি পাবে। 4 আমি তাদের উপরে পালকদের নিযুক্ত করব। তারা তাদের তত্ত্বাবধান করবে। তারা আর ভীত বা আতঙ্কগ্রস্ত হবে না, কেউ হারিয়েও যাবে না,” সদাপ্রভু এই কথা বলেন।
-
1 অতএব, ভাইবোনেরা, ঈশ্বরের বহুবিধ করুণার পরিপ্রেক্ষিতে, আমি তোমাদের কাছে মিনতি করছি, তোমরা তোমাদের শরীরকে জীবন্ত বলিরূপে, পবিত্র ও ঈশ্বরের গ্রহণযোগ্যরূপে উৎসর্গ করো—তাই হবে তোমাদের যুক্তিসংগত আরাধনা। 2 আর তোমরা এই জগতের রীতি অনুযায়ী জীবনযাপন করো না, কিন্তু তোমাদের মনের নতুনীকরণের দ্বারা রূপান্তরিত হও। তখন তোমরা ঈশ্বরের ইচ্ছাকে যাচাই ও অনুমোদন করতে পারবে, যা উৎকৃষ্ট, প্রীতিজনক ও সিদ্ধ।
3 কারণ যে অনুগ্রহ আমাকে দেওয়া হয়েছে, তার গুণে আমি তোমাদের প্রত্যেককে বলছি: তোমরা নিজেদের সম্বন্ধে যেমন উপযুক্ত, তার থেকে আরও উচ্চ ধারণা পোষণ কোরো না, কিন্তু ঈশ্বর তোমাকে যে পরিমাণ বিশ্বাস দান করেছেন, সেই অনুযায়ী, সংযমী বিচার দ্বারা নিজের বিষয়ে চিন্তা কোরো। 4 যেমন আমাদের প্রত্যেকের একই শরীরে বহু অঙ্গপ্রত্যঙ্গ আছে, আর এসব অঙ্গপ্রত্যঙ্গের কাজ এক নয়, 5 তেমনই খ্রীষ্টে আমরা, যারা অনেকে, এক দেহ গঠন করি এবং প্রত্যেক সদস্য অপর সদস্যদের প্রতি অঙ্গপ্রত্যঙ্গরূপে যুক্ত। 6 আমাদের প্রতি যে অনুগ্রহ দেওয়া হয়েছে, সেই অনুযায়ী আমাদের বিভিন্ন বরদান আছে। যদি কোনো মানুষের বরদান হয় ভাববাণী বলা, তাহলে সে তার বিশ্বাসের মাত্রা অনুযায়ী তা ব্যবহার করুক। 7 যদি তা হয় সেবাকাজ করার, তাহলে সে সেবাকাজ করুক; যদি তা হয় শিক্ষাদানের, তাহলে সে শিক্ষাদান করুক; 8 যদি তা হয় উৎসাহদানের, তবে সে উৎসাহ দান করুক। যদি তা হয় অন্যের প্রয়োজনে দান করার, সে উদারভাবে দান করুক; যদি তা হয় নেতৃত্বদানের, সে নিষ্ঠার সঙ্গে শাসন করুক; তা যদি হয় করুণা প্রদর্শনের, সে আনন্দের সঙ্গেই তা করুক।
-
12 “তোমাদেরকে আমার আরও অনেক কিছু বলার আছে, যা এখন তোমরা সহ্য করতে পারবে না। 13 কিন্তু যখন তিনি, সেই সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সমস্ত সত্যের পথে নিয়ে যাবেন। তিনি নিজে থেকে কিছুই বলবেন না, তিনি যা শুনবেন, তিনি শুধু তাই বলবেন। আর তিনি আগামী দিনের ঘটনার কথাও তোমাদের কাছে প্রকাশ করবেন। 14 তিনি আমাকেই মহিমান্বিত করবেন, কারণ তিনি আমার কাছ থেকে যা গ্রহণ করবেন তা তিনি তোমাদের কাছে প্রকাশ করবেন। 15 যা কিছু পিতার অধিকারভুক্ত, তা আমারই। সেজন্যই আমি বলছি পবিত্র আত্মা আমার কাছ থেকে সেইসব গ্রহণ করে তোমাদের কাছে প্রকাশ করবেন।
-
5 তোমাদের কারও যদি প্রজ্ঞার অভাব থাকে, সে ঈশ্বরের কাছে তা চাইবে, যিনি কোনও ত্রুটি না ধরে উদারভাবে সকলকে দান করে থাকেন, আর তাকে তা দেওয়া হবে। 6 কিন্তু চাওয়ার সময় তাকে বিশ্বাস করতে হবে, সে যেন সন্দেহ না করে। কারণ যে সন্দেহ করে, সে সমুদ্রের ঢেউয়ের মতো, বাতাসে তাড়িত ও উৎক্ষিপ্ত। 7 সেই ব্যক্তি এমন মনে না করুক যে, সে প্রভুর কাছ থেকে কিছু পাবে। 8 সে দ্বিমনা ব্যক্তি, তার সমস্ত কাজে কোনো স্থিরতা নেই।
-
1 সদাপ্রভু অব্রামকে বললেন, “তোমার দেশ, তোমার আত্মীয়স্বজন ও তোমার পৈত্রিক পরিবার ছেড়ে সেই দেশে চলে যাও, যা আমি তোমাকে দেখাতে চলেছি।
2 “আমি তোমাকে এক মহাজাতিতে পরিণত করব,
আর আমি তোমাকে আশীর্বাদ করব;
আমি তোমার নাম মহান করে তুলব,
আর তুমি এক আশীর্বাদ হবে।
3 যারা তোমাকে আশীর্বাদ করবে, আমি তাদের আশীর্বাদ করব,
আর যারা তোমাকে অভিশাপ দেবে, আমি তাদের অভিশাপ দেব;
আর পৃথিবীর সব লোকজন
তোমার মাধ্যমে আশীর্বাদ লাভ করবে।”
4 অতএব সদাপ্রভুর কথামতো অব্রাম চলে গেলেন; এবং লোট তাঁর সাথে গেলেন। 75 বছর বয়সে অব্রাম হারণ ছেড়ে বেরিয়ে এলেন।
-
10 জাতিদের পরিকল্পনা সদাপ্রভু ব্যর্থ করেন;
মানুষের সব সংকল্প তিনি বিফল করেন।
11 কিন্তু সদাপ্রভুর পরিকল্পনা চিরস্থায়ী হয়,
তাঁর হৃদয়ের উদ্দেশ্য বংশের পর বংশ স্থায়ী হয়।
-
133 তোমার বাক্য অনুযায়ী আমার পদক্ষেপ পরিচালিত করো;
পাপ যেন আমার উপর কর্তৃত্ব না করে।
-
1 আন্তিয়খের মণ্ডলীতে কয়েকজন ভাববাদী ও শিক্ষক ছিলেন: বার্ণবা, নিগের নামে আখ্যাত শিমোন, কুরীণ প্রদেশের লুসিয়াস, মনায়েন (ইনি সামন্তরাজ হেরোদের সঙ্গে প্রতিপালিত হয়েছিলেন) ও শৌল। 2 তাঁরা যখন প্রভুর উপাসনা ও উপোস করছিলেন, পবিত্র আত্মা বললেন, “বার্ণবা ও শৌলকে আমি যে কাজের জন্য আহ্বান করেছি, সেই কাজের জন্য আমার উদ্দেশ্যে তাদের পৃথক করে দাও।” 3 এভাবে তাঁরা উপোস ও প্রার্থনা শেষ করার পর, তাঁরা তাঁদের উপরে হাত রাখলেন ও তাঁদের বিদায় দিলেন।
4 এইভাবে তাঁরা দুজন পবিত্র আত্মার দ্বারা প্রেরিত হয়ে সিলুকিয়াতে গেলেন এবং সেখান থেকে জাহাজে সাইপ্রাস গেলেন। 5 তাঁরা সালামিতে পৌঁছে ইহুদি সমাজভবনগুলিতে ঈশ্বরের বাক্য প্রচার করলেন। যোহনও তাঁদের সঙ্গে সাহায্যকারীরূপে ছিলেন।
-
6 পবিত্র আত্মা তাঁদের এশিয়া প্রদেশে সুসমাচার প্রচার করতে বাধা দেওয়ায়, পৌল ও তাঁর সঙ্গীরা ফরুগিয়া ও গালাতিয়া অঞ্চলের সর্বত্র পরিভ্রমণ করলেন। 7 মুশিয়া প্রদেশের সীমান্তে এসে তাঁরা বিথুনিয়ায় প্রবেশ করার চেষ্টা করলেন, কিন্তু যীশুর আত্মা তাঁদের অনুমতি দিলেন না। 8 তাই তাঁরা মুশিয়াকে পাশ কাটিয়ে ত্রোয়াতে গিয়ে পৌঁছালেন। 9 রাত্রিবেলা পৌল এক দর্শন পেলেন, তিনি দেখলেন ম্যাসিডোনিয়ার একজন ব্যক্তি দাঁড়িয়ে তাঁর কাছে অনুনয় করছেন, “আপনি ম্যাসিডোনিয়ায় এসে আমাদের সাহায্য করুন।” 10 পৌলের এই দর্শন পাওয়ার পর আমরা তখনই ম্যাসিডোনিয়ার উদ্দেশে যাত্রা করার জন্য প্রস্তুত হলাম। আমরা বুঝতে পেরেছিলাম যে, তাদের কাছে সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর আমাদের আহ্বান করেছেন।
-
34 এখন যাও, যে স্থানের কথা আমি বলেছিলাম, লোকদের সেখানে নিয়ে যাও এবং আমার দূত তোমার অগ্রগামী হবেন। অবশ্য, যখন শাস্তি দেওয়ার সময় আসবে, তখন তাদের পাপের জন্য আমি তাদের শাস্তি দেব।”
-
1 কালক্রমে, দাউদ সদাপ্রভুর কাছে খোঁজ নিয়েছিলেন। “আমি কি যিহূদার নগরগুলির মধ্যে কোনো একটিতে যাব?” তিনি জিজ্ঞাসা করলেন।
সদাপ্রভু বললেন, “চলে যাও।”
দাউদ জিজ্ঞাসা করলেন, “আমি কোথায় যাব?”
“হিব্রোণে যাও,” সদাপ্রভু উত্তর দিলেন।
2 অতএব দাউদ তাঁর দুই স্ত্রী, যিষ্রিয়েলীয় অহীনোয়ম ও কর্মিলীয় নাবলের বিধবা অবীগলকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে গেলেন।
-
17 ফিলিস্তিনীরা যখন শুনতে পেয়েছিল দাউদ ইস্রায়েলের উপর রাজারূপে অভিষিক্ত হয়েছেন, তখন সর্বশক্তি প্রয়োগ করে তারা তাঁকে খুঁজতে শুরু করল, কিন্তু দাউদ সেকথা শুনে দুর্গে নেমে গেলেন। 18 ফিলিস্তিনীরা এসে রফায়ীম উপত্যকায় ছড়িয়ে পড়েছিল; 19 দাউদ তখন সদাপ্রভুর কাছে জানতে চেয়েছিলেন, “আমি কি গিয়ে ফিলিস্তিনীদের আক্রমণ করব? তুমি কি আমার হাতে তাদের সঁপে দেবে?”
সদাপ্রভু তাঁকে উত্তর দিলেন, “যাও, কারণ আমি অবশ্যই তোমার হাতে ফিলিস্তিনীদের সঁপে দেব।”
20 তখন দাউদ বায়াল-পরাসীমে গেলেন, ও সেখানে তিনি তাদের পরাজিত করলেন। তিনি বললেন, “বাঁধ ফেটে জল যেভাবে বেগে বেরিয়ে যায়, সদাপ্রভুও আমার সামনে আমার শত্রুদের বিরুদ্ধে সেভাবে ফাটিয়েছেন।” তাই সেই স্থানটির নাম হল বায়াল-পরাসীম।
-
দাউদের গীত।
1 সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না।
2 তিনি সবুজ চারণভূমিতে আমাকে শয়ন করান,
তিনি শান্ত জলের ধারে আমাকে নিয়ে যান,
3 তিনি আমার প্রাণ সঞ্জীবিত করেন।
নিজের নামের মহিমায়
তিনি আমাকে সঠিক পথে পরিচালনা করেন।
-
8 সদাপ্রভু উত্তম ও ন্যায়পরায়ণ;
তাই তিনি পাপীদের তাঁর পথে চলার উপদেশ দেন।
9 যারা নম্র তাদের তিনি সঠিক পথে চালনা করেন;
এবং তাঁর পথ তাদের তিনি শিক্ষা দেন।
10 যারা তাঁর নিয়মের শর্তসকল পালন করে
তাদের প্রতি সদাপ্রভুর সব পথ প্রেমময় ও বিশ্বস্ত।
-
11 “ ‘কারণ সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি নিজেই আমার মেষদের খুঁজব এবং তাদের যত্ন নেব। 12 পালক যেমন তার ছড়িয়ে পড়া পালের খোঁজ করে যখন সে তাদের সঙ্গে থাকে তেমনি আমি আমার মেষকে খুঁজব। মেঘ ও অন্ধকারের দিনে তারা যেসব জায়গায় ছড়িয়ে পড়েছে আমি সেখান থেকে তাদের উদ্ধার করব। 13 আমি তাদের জাতিগণের মধ্যে থেকে বের করে আনব ও বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করব এবং আমি তাদের নিজের দেশে নিয়ে আসব। আমি তাদের ইস্রায়েলের পাহাড়ে, গিরিখাতে এবং দেশের সব বসতিস্থানগুলিতে চরাব। 14 তাদের আমি ভালো চরানিতে চরাব, এবং ইস্রায়েলের পাহাড়গুলি তাদের চরানিস্থান হবে। ভালো চরানিতে তারা শোবে, এবং তারা ইস্রায়েলের পাহাড়ে ভালো চরানিতে খাবে। 15 আমিই নিজের মেষদের চরাব এবং তাদের শোয়াব, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন। 16 যারা হারিয়ে গেছে তাদের আমি খোঁজ করব এবং যারা বিপথে গেছে তাদের ফিরিয়ে আনব। আমি আহতদের ক্ষত বেঁধে দেব এবং দুর্বলদের বলযুক্ত করব, কিন্তু মোটাসোটা ও বলবানদের ধ্বংস করব। আমি ন্যায়বিচারে সেই পালের যত্ন নেব।
-
3 আমিই ইফ্রয়িমকে হাঁটতে শিখিয়েছিলাম,
তাদের কোলে নিতাম;
তারা কিন্তু বুঝলো না।
যে আমিই তাদের সুস্থ করেছিলাম।
4 আমি মানবিক সদিচ্ছা ও স্নেহের দড়ি দিয়ে
তাদের চালিত করতাম;
তাদের ঘাড় থেকে জোয়াল তুলে নিতাম
এবং ঝুঁকে পড়ে তাদের খাবার খাওয়াতাম।
-
39 আরও কিছু দূর এগিয়ে, তিনি ভূমিতে উবুড় হয়ে প্রার্থনা করলেন, “পিতা, যদি সম্ভব হয়, এই পানপাত্র আমার কাছ থেকে দূর করে দাও। তবুও আমার ইচ্ছামতো নয়, কিন্তু তোমারই ইচ্ছামতো হোক।”
-
35 আরও কিছু দূর এগিয়ে গিয়ে, তিনি মাটিতে লুটিয়ে পড়ে প্রার্থনা করলেন, যেন সম্ভব হলে সেই লগ্ন তাঁর কাছ থেকে দূর করা হয়। 36 তিনি বললেন, “আব্বা, পিতা, তোমার পক্ষে সবকিছুই করা সম্ভব। এই পানপাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও। তবুও আমার ইচ্ছা অনুযায়ী নয়, কিন্তু তোমারই ইচ্ছা অনুযায়ী হোক।”
-
3 পাহারাদার তার জন্য দরজা খুলে দেয় এবং মেষ তার গলার স্বর শোনে। সে নিজের মেষদের নাম ধরে ডেকে তাদের বাইরে নিয়ে যায়। 4 নিজের সব মেষকে বাইরে নিয়ে এসে সে তাদের সামনে সামনে এগিয়ে চলে। তার মেষেরা তাকে অনুসরণ করে, কারণ তারা তার কণ্ঠস্বর চেনে।
-
26 একইভাবে পবিত্র আত্মা আমাদের দুর্বলতায় আমাদের সাহায্য করেন। সঠিক কী প্রার্থনা করতে হয়, তা আমরা জানি না, কিন্তু পবিত্র আত্মা স্বয়ং আমাদের পক্ষে আর্তস্বরে প্রার্থনা করেন, যা ভাষায় প্রকাশ করা যায় না। 27 যিনি আমাদের সকলের হৃদয় অনুসন্ধান করেন, তিনি পবিত্র আত্মার মানসিকতা জানেন, কারণ পবিত্র আত্মা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ীই পবিত্রগণের জন্য মিনতি করেন।
28 আর আমরা জানি যে, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তাঁর ইচ্ছা অনুসারে আহূত, তিনি সব বিষয়ে তাদের মঙ্গলসাধনের জন্য কাজ করেন। 29 কারণ ঈশ্বর যাদের পূর্ব থেকে জানতেন, তিনি তাদের তাঁর পুত্রের প্রতিমূর্তির সাদৃশ্য দান করবেন বলে নির্দিষ্ট করে রেখেছিলেন, যেন তিনি অনেক ভাইয়ের মধ্যে প্রথমজাত হন। 30 আবার যাদের তিনি পূর্ব থেকে নির্দিষ্ট করেছিলেন, তাদের তিনি আহ্বানও করলেন, যাদের আহ্বান করলেন, তিনি তাদের নির্দোষ প্রতিপন্ন করলেন, আর যাদের নির্দোষ প্রতিপন্ন করলেন, তাদের মহিমান্বিতও করলেন।
-
13 শৌল মারা গেলেন কারণ তিনি সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হলেন; তিনি সদাপ্রভুর বাক্য পালন করেননি এবং এমনকি পরিচালনা লাভের জন্য এক প্রেতমাধ্যমেরও সাহায্য নিয়েছিলেন, 14 এবং সদাপ্রভুর কাছে খোঁজ নেননি। তাই সদাপ্রভু তাঁর মৃত্যু ঘটিয়েছিলেন এবং রাজ্যের ভার তাঁর হাত থেকে ছিনিয়ে নিয়ে যিশয়ের ছেলে দাউদের হাতে তুলে দিলেন।
-
23 যে ব্যক্তি সদাপ্রভুতে আমোদ করে
সদাপ্রভু তার পদক্ষেপ সুদৃঢ় করেন;
24 হোঁচট খেলেও তার পতন হবে না,
কারণ সদাপ্রভু তাকে স্বহস্তে ধরে রাখেন।
-
6 সন্তানদের এমন এক পথে চলার শিক্ষা দাও যে পথে তাদের চলা উচিত,
ও তারা বৃদ্ধ হয়ে গেলেও সেখান থেকে ফিরে আসবে না।
-
11 আর সদাপ্রভু সবসময়ই তোমাকে পথ প্রদর্শন করবেন;
তিনি শুষ্ক-ভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করবেন
ও তোমার অস্থিকাঠামো শক্তিশালী করবেন।
তুমি ভালোভাবে জল-সিঞ্চিত একটি বাগানের মতো হবে,
তুমি হবে এমন এক উৎসের মতো, যার জল কখনও শুকায় না।
-
21 সদাপ্রভু দিনের বেলায় এক মেঘস্তম্ভের মধ্যে থেকে তাদের পথ দেখানোর জন্য এবং রাতের বেলায় এক অগ্নিস্তম্ভের মধ্যে থেকে তাদের আলো দেওয়ার জন্য তাদের অগ্রগামী হলেন, যেন দিনরাত তারা যাত্রা করতে পারে। 22 দিনের বেলায় মেঘস্তম্ভ বা রাতের বেলায় অগ্নিস্তম্ভ, কোনোটিই লোকদের সামনে থেকে সরে যায়নি।
-
31 “ ‘তোমরা প্রেত মাধ্যমদের ও মায়াবীদের অভিমুখে যেয়ো না, কেননা তাদের সংস্পর্শে তোমরা কলুষিত হবে। আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু।
-
9 মানুষ মনে মনে তাদের গতিপথের বিষয়ে পরিকল্পনা করে,
কিন্তু সদাপ্রভুই তাদের পদক্ষেপ স্থির করেন।
-
7 দুষ্টলোক তার পথ,
মন্দ ব্যক্তি তার চিন্তাধারা পরিত্যাগ করুক।
সে সদাপ্রভুর কাছে ফিরে আসুক, তাহলে তিনি তার প্রতি করুণা প্রদর্শন করবেন,
সে আমাদের ঈশ্বরের কাছে ফিরে আসুক, তাহলে তিনি অবাধে ক্ষমা করবেন।
8 “কারণ আমার চিন্তাধারা তোমাদের চিন্তাধারার মতো নয়,
আবার আমার পথসকল তোমাদের পথসকলের মতো নয়,”
একথা বলেন সদাপ্রভু।
9 “আকাশমণ্ডল যেমন পৃথিবী থেকে উঁচুতে,
তেমনই আমার পথসকল তোমাদের পথসকলের চেয়ে এবং
আমার চিন্তাধারা তোমাদের চিন্তাধারার চেয়ে উঁচুতে।
10 যেমন বৃষ্টি ও তুষার
আকাশ থেকে নেমে আসে,
আর সেখানে ফিরে যায় না,
বরং তা মাটিকে জলসিক্ত করে তাতে ফুল ও ফল উৎপন্ন করে,
যেন তা বপনকারীকে বীজ ও মানুষকে খাদ্য দান করতে পারে,
11 তেমনই আমার বাক্য, যা আমার মুখ থেকে নির্গত হয়:
তা নিষ্ফল হয়ে আমার কাছে ফিরে আসবে না,
কিন্তু আমি যেমন চাই, তেমনই তা সম্পন্ন করবে
এবং যে উদ্দেশ্যে তা প্রেরণ করি, তা সাধন করবে।
-
23 হে সদাপ্রভু, আমি জানি মানুষের জীবন তার নিজের নয়;
মানুষ তার পাদবিক্ষেপ স্থির করতে পারে না।
-
19 ধিক্ তাকে, যে কাঠকে বলে, ‘জীবিত হও!’
আর নির্জীব পাথরকে বলে ‘ওঠো!’
সেটা কি পথ দেখাতে পারে?
এটা সোনা ও রুপো দিয়ে আবৃত;
এর মধ্যে কোনো শ্বাস নেই।”
-
17 কেউ যদি ঈশ্বরের ইচ্ছা পালন করতে মনস্থির করে, তাহলে সে উপলব্ধি করতে পারবে, আমার এই শিক্ষা ঈশ্বরের কাছ থেকে এসেছে, না আমি নিজে থেকে বলেছি।
-
17 ফরৌণ যখন লোকদের যেতে দিলেন, ঈশ্বর তখন তাদের ফিলিস্তিনীদের দেশের মধ্যে দিয়ে স্থলপথে পথ দেখিয়ে নিয়ে যাননি, যদিও সেটিই সংক্ষিপ্ত পথ। কারণ ঈশ্বর বললেন, “যদি তারা যুদ্ধের সম্মুখীন হয়, তবে তারা হয়তো তাদের মন পরিবর্তন করে ফেলবে এবং মিশরে ফিরে যাবে।” 18 অতএব ঈশ্বর ঘুরপথে লোকদের মরুভূমির পথ দিয়ে লোহিত সাগরের দিকে নিয়ে গেলেন। ইস্রায়েলীরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়েই মিশর থেকে বের হয়ে গেল।
-
2 মনে করে দেখো তোমাদের ঈশ্বর সদাপ্রভু এই চল্লিশটি বছর প্রান্তরের মধ্যে দিয়ে কীভাবে সব দিকে তোমাদের চালিয়ে এনেছেন, তোমাদের অহংকার ভেঙে দেওয়ার জন্য এবং পরীক্ষা করে জানার জন্য যে তোমাদের মনে কী আছে, তোমরা তাঁর আদেশ পালন করবে কি না। 3 তিনি তোমাদের নত করেছিলেন, তোমাদের ক্ষিদে দিয়ে এবং পরে তোমাদের মান্না খেতে দিয়েছিলেন, যা তোমরা বা তোমাদের পূর্বপুরুষেরা জানত না, তোমাদের এই শিক্ষা দেওয়ার জন্য যে মানুষ কেবলমাত্র রুটিতে বাঁচে না কিন্তু সদাপ্রভুর মুখ থেকে নির্গত প্রত্যেকটি বাক্য দ্বারাই জীবনধারণ করবে।
-
6 তুমি শক্তিশালী ও সাহসী হও, কারণ আমি যে দেশ দেওয়ার জন্য তাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলাম, তুমি এই লোকদের নেতৃত্ব দিয়ে তা অধিকার করবে।
7 “তুমি শক্তিশালী ও অত্যন্ত সাহসী হও। আমার দাস মোশি যে বিধান তোমাদের দিয়েছিল, তা পালন করার ব্যাপারে যত্নশীল হোয়ো; তার ডানদিকে বা বাঁদিকে ফিরো না, যেন তুমি যে কোনো স্থানে যাও, সেখানে সফল হও। 8 বিধানের এই পুস্তকের বাণী সবসময় তোমাদের ঠোঁটে বজায় রেখো; দিনরাত এ নিয়ে ধ্যান কোরো, যেন এর মধ্যে যা কিছু লেখা আছে, তা পালন করার ব্যাপারে তুমি যত্নশীল হও। তবেই তুমি সমৃদ্ধিশালী ও কৃতকার্য হবে। 9 আমি কি তোমাকে এই আদেশ দিইনি? তুমি শক্তিশালী ও সাহসী হও। তুমি ভীত হোয়ো না; হতাশ হোয়ো না, কারণ তুমি যেখানেই যাবে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে সঙ্গে থাকবেন।”
-
7 আমি সদাপ্রভুর প্রশংসা করি, যিনি আমায় সুমন্ত্রণা দেন;
রাত্রিতেও আমার হৃদয় আমায় উপদেশ দেয়।
8 আমি সর্বদা আমার চোখ সদাপ্রভুতে স্থির রাখি।
তিনি আমার ডানপাশে আছেন, তাই আমি কখনও বিচলিত হব না।
-
11 হে সদাপ্রভু, তোমার উপায় আমাকে শেখাও;
আমার শত্রুদের কারণে,
আমাকে সোজা পথে চালাও।
-
19 সমুদ্রের মধ্যে তোমার পথ ছিল,
মহাজলরাশির মধ্যে তোমার গতিপথ ছিল,
যদিও তোমার পায়ের ছাপ দেখা গেল না।
20 মোশি আর হারোণের হাত দ্বারা
তুমি তোমার লোকেদের মেষপালের মতো পরিচালিত করেছ।
-
10 তোমার ইচ্ছা পূরণ করতে আমাকে শেখাও,
কারণ তুমিই আমার ঈশ্বর;
তোমার আত্মা দয়ালু
আর আমাকে সমতল জমিতে চালাও।
-
14 নেতৃত্বের অভাবে জাতির পতন হয়,
কিন্তু উপদেশকদের সংখ্যা বেশি হলে জয় সুনিশ্চিত হয়।
-
12 একটি পথ আছে যা সঠিক বলে মনে হয়,
কিন্তু শেষ পর্যন্ত তা মৃত্যুর দিকে নিয়ে যায়।
-
16 আমি অন্ধদের, তাদের অজানা পথে চালাব,
অপরিচিত পথগুলিতে আমি তাদের পরিচালিত করব;
আমি তাদের সামনে অন্ধকারকে আলোয় পরিণত
ও অসমতল স্থানকে মসৃণ করে দেব।
আমি এসব কাজ করব;
আমি তাদের পরিত্যাগ করব না।
-
26 ইতিমধ্যে প্রভুর এক দূত ফিলিপকে বললেন, “দক্ষিণ দিকে, জেরুশালেম থেকে গাজার দিকে যে পথটি গেছে, মরুপ্রান্তরের সেই পথটিতে যাও।” 27 তিনি তখন যাত্রা শুরু করলেন। তাঁর যাওয়ার পথে তিনি এক ইথিয়োপীয় নপুংসক ব্যক্তির সাক্ষাৎ পেলেন। তিনি ইথিয়োপীয়দের কান্দাকি রানির সমস্ত কোষাগার তত্ত্বাবধানের দায়িত্বপ্রাপ্ত একজন গুরুত্বপূর্ণ আধিকারিক ছিলেন। সেই ব্যক্তি উপাসনা করার জন্য জেরুশালেমে গিয়েছিলেন। 28 তাঁর বাড়ি ফেরার পথে, তিনি তাঁর রথে বসে ভাববাদী যিশাইয়ের পুস্তকটি পাঠ করছিলেন। 29 পবিত্র আত্মা ফিলিপকে বললেন, “তুমি ওই রথের কাছে গিয়ে তার কাছাকাছি থাকো।”
30 ফিলিপ তখন রথের দিকে দৌড়ে গেলেন এবং শুনলেন, সেই ব্যক্তি ভাববাদী যিশাইয়ের গ্রন্থ পাঠ করছেন। ফিলিপ জিজ্ঞাসা করলেন, “আপনি যা পাঠ করছেন, তা কি বুঝতে পারছেন?”
31 তিনি বললেন, “কেউ আমাকে এর ব্যাখ্যা না করে দিলে, আমি কী করে বুঝতে পারব?” সেই কারণে তিনি ফিলিপকে তাঁর কাছে উঠে বসার জন্য আমন্ত্রণ জানালেন।
-
19 পিতর তখনও সেই দর্শনের বিষয়ে চিন্তা করছিলেন পবিত্র আত্মা তাঁকে বললেন, “শিমোন, তিনজন লোক তোমার খোঁজ করছে। 20 তাই ওঠো ও নিচে নেমে যাও। তাদের সঙ্গে যেতে ইতস্তত বোধ কোরো না, কারণ আমিই তাদের পাঠিয়েছি।”
-
4 তোমরা যারা বাবা, তোমরা সন্তানদের ক্রুদ্ধ কোরো না, বরং প্রভুর শিক্ষা ও নির্দেশ অনুযায়ী তাদের গড়ে তোলো।
-
24 আর প্রভুর সেবক কখনোই ঝগড়ায় লিপ্ত হবে না; বরং সে সবার প্রতি হবে সদয়, শিক্ষাদানে নিপুণ এবং সহনশীল। 25 যারা তার বিরোধিতা করে সে এই প্রত্যাশায় নম্রভাবে তাদের সুপরামর্শ দেবে, যেন ঈশ্বর সত্যের জ্ঞানের দিকে তাদের মন পরিবর্তন করেন এবং 26 তারা যেন চেতনা ফিরে পেয়ে দিয়াবলের ফাঁদ থেকে নিষ্কৃতি লাভ করে যে তার ইচ্ছা পালনের জন্য তাদের বন্দি করে রেখেছে।
-
13 এখন শোনো, তোমরা যারা বলে থাকো, “আজ বা আগামীকাল আমরা এই নগরে বা ওই নগরে যাব, সেখানে এক বছর থাকব, ব্যবসা করে অর্থ উপার্জন করব।” 14 কেন, তোমরা তা জানোই না যে আগামীকাল কী ঘটবে! তোমাদের জীবন কী ধরনের? তোমরা তো কুয়াশার মতো, যা সামান্য সময়ের জন্য দেখা দিয়েই মিলিয়ে যায়। 15 বরং তোমাদের বলা উচিত, “যদি প্রভুর ইচ্ছা হয়, আমরা বেঁচে থেকে এ কাজ বা ও কাজ করব।”
-
15 কারণ ঈশ্বরের ইচ্ছা হল এই যে, সৎকর্মের দ্বারা তোমরা নির্বোধ লোকেদের অর্থইীন কথাবার্তাকে যেন স্তব্ধ করে দিতে পারো।
Shows Read in context, Share and Copy.