61 Bible Verses About Water
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
37 পর্বের শেষ ও প্রধান দিনটিতে যীশু দাঁড়িয়ে উচ্চকণ্ঠে বললেন, “কেউ যদি তৃষ্ণার্ত হয়, সে আমার কাছে এসে পান করুক। 38 আমাকে যে বিশ্বাস করে, শাস্ত্রের বচন অনুসারে, তার অন্তর থেকে জীবন্ত জলের স্রোতোধারা প্রবাহিত হবে।”
-
10 উত্তরে যীশু তাকে বললেন, “তুমি যদি ঈশ্বরের দানের কথা জানতে, আর জানতে, কে তোমার কাছে খাওয়ার জন্য জল চাইছেন, তাহলে তুমিই তাঁর কাছে চাইতে আর তিনি তোমাকে জীবন্ত জল দিতেন।”
11 সেই নারী তাঁকে বলল, “মহাশয়, আপনার কাছে জল তোলার কোনো পাত্র নেই, কুয়োটিও গভীর। এই জীবন্ত জল আপনি কোথায় পাবেন? 12 আমাদের পিতৃপুরুষ যাকোবের চেয়েও কি আপনি মহান? তিনি আমাদের এই কুয়ো দান করেছিলেন। তিনি নিজেও এর থেকে জল খেতেন, আর তার পুত্রেরা ও তার পশুপাল এই জলই খেতো।”
13 যীশু উত্তর দিলেন, “যে এই জল খাবে, সে আবার তৃষ্ণার্ত হবে, 14 কিন্তু আমি যে জল দান করি, তা যে খাবে, সে কোনোদিনই তৃষ্ণার্ত হবে না। প্রকৃতপক্ষে, আমার দেওয়া জল তার অন্তরে এক জলের উৎসে পরিণত হবে, যা অনন্ত জীবন পর্যন্ত উথলে উঠবে।”
15 সেই নারী তাঁকে বলল, “মহাশয়, আমাকে সেই জল দিন, যেন আমার পিপাসা না পায় এবং জল তোলার জন্য আমাকে এখানে আর আসতে না হয়।”
-
17 পবিত্র আত্মা ও কন্যা বলছেন, “এসো!” যে শোনে, সেও বলুক, “এসো!” যে তৃষ্ণার্ত, সে আসুক; আর যে চায়, সে বিনামূল্যের উপহার, জীবন-জল গ্রহণ করুক।
-
1 তারপর সেই স্বর্গদূত আমাকে জীবন-জলের নদী দেখালেন। তার জল স্ফটিকের মতো স্বচ্ছ এবং তা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন থেকে নির্গত হয়ে 2 নগরের রাজপথের মাঝখান দিয়ে বয়ে চলেছে। নদীর দুই পাশে ছিল জীবনদায়ী গাছ, যা বারো মাসে বারো রকমের ফল উৎপন্ন করে। আর সেই গাছের পাতা সব জাতির আরোগ্যলাভের জন্য। 3 সেখানে আর কোনও অভিশাপ থাকবে না। সেই নগরের মধ্যে থাকবে ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন, আর তাঁর দাসেরা তাঁর উপাসনা করবে। 4 তারা তাঁর শ্রীমুখ দর্শন করবে এবং তাঁর শ্রীনাম তাদের কপালে লেখা থাকবে। 5 সেখানে আর রাত্রি হবে না। তাদের প্রদীপের আলো বা সূর্যের আলোর প্রয়োজন হবে না, কারণ প্রভু ঈশ্বরই তাদের আলো প্রদান করবেন। আর তারা যুগে যুগে চিরকাল রাজত্ব করবে।
-
24 “ ‘আমি জাতিগণের মধ্যে দিয়ে তোমাদের বের করে আনব; সমস্ত দেশ থেকে আমি তোমাদের নিজেদের দেশে ফিরিয়ে আনব। 25 আমি তোমাদের উপর পরিষ্কার জল ছিটিয়ে দেব, আর তাতে তোমরা শুচি হবে; তোমাদের সমস্ত নোংরামি ও প্রতিমা থেকে আমি তোমাদের শুচি করব। 26 আমি তোমাদের এক নতুন হৃদয় দেব ও তোমাদের অন্তরে এক নতুন আত্মা দেব। আমি তোমাদের ভিতর থেকে পাথরের হৃদয় বের করে মাংসের হৃদয় দেব। 27 আর আমি তোমার মধ্যে আমার আত্মা স্থাপন করব এবং এমন করব যাতে তোমরা আমার সব নিয়ম পালন করো ও আমার বিধানের বিষয়ে যত্নবান হও।
-
1 নীকদীম নামে ফরিশী সম্প্রদায়ভুক্ত এক ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন ইহুদি মহাসভার এক সদস্য। 2 তিনি রাত্রিবেলা যীশুর কাছে এসে বললেন, “রব্বি, আমরা জানি আপনি ঈশ্বরের কাছ থেকে আগত একজন শিক্ষাগুরু কারণ ঈশ্বরের সহায়তা ব্যতীত কোনো মানুষ আপনার মতো চিহ্নকাজ সম্পাদন করতে পারে না।”
3 উত্তরে যীশু তাঁকে বললেন, “আমি তোমাকে সত্যি বলছি, নতুন জন্ম লাভ না করলে কেউ ঈশ্বরের রাজ্যের দর্শন পায় না।”
4 নীকদীম তাঁকে জিজ্ঞাসা করলেন, “বয়স্ক মানুষ কীভাবে জন্মগ্রহণ করতে পারে? জন্মগ্রহণের জন্য সে নিশ্চয়ই দ্বিতীয়বার তার মাতৃগর্ভে প্রবেশ করতে পারে না!”
5 যীশু উত্তর দিলেন, “আমি তোমাকে সত্যিই বলছি, জল ও পবিত্র আত্মা থেকে জন্মগ্রহণ না করলে কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না।
-
19 অতএব ভাইবোনেরা, যীশুর রক্তের মাধ্যমে মহাপবিত্র স্থানে প্রবেশ করার আমাদের দৃঢ় নিশ্চয়তা আছে। 20 পর্দা অর্থাৎ তাঁর দেহের মাধ্যমে তিনি আমাদের জন্য এক নতুন ও জীবন্ত পথ উন্মুক্ত করেছেন, 21 এবং যেহেতু ঈশ্বরের গৃহের উপরে নিযুক্ত আমাদের একজন মহান যাজক আছেন, 22 তাই এসো রক্ত সিঞ্চনের দ্বারা অপরাধী বিবেক থেকে আমাদের হৃদয়কে শুচিশুদ্ধ করে এবং নির্মল জলে আমাদের দেহ ধুয়ে বিশ্বাসের পূর্ণ নিশ্চয়তায় সরল হৃদয়ে ঈশ্বরের কাছে উপস্থিত হই। 23 এসো, আমরা অবিচলভাবে আমাদের প্রত্যাশার স্বীকারোক্তি আঁকড়ে ধরে থাকি, কারণ যিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি বিশ্বস্ত।
-
13 তখন প্রাচীনদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করলেন, “সাদা পোশাক পরিহিত এই লোকেরা কারা এবং কোথা থেকে তারা এসেছেন?”
14 আমি উত্তর দিলাম, “মহামান্য, আপনিই তা জানেন।”
তখন তিনি বললেন, “এরা সেই লোক, যারা মহাসংকটকাল থেকে উত্তীর্ণ হয়ে এসেছে; তারা মেষশাবকের রক্তে তাদের পোশাক পরিষ্কার করেছে ও তা সাদা করছে। 15 এই কারণে,
“তারা ঈশ্বরের সিংহাসনের সামনে রয়েছে,
আর তারা দিনরাত তাঁর মন্দিরে তাঁর সেবা করে;
আর যিনি সিংহাসনে উপবিষ্ট,
তিনি তাদের আশ্রয় দেবেন।
16 ‘আর তারা কখনও ক্ষুধার্ত হবে না,
আর তারা কখনও তৃষ্ণার্ত হবে না।
সূর্যের প্রচণ্ড তাপ বা প্রখর উত্তাপ,’
তাদের গায়ে লাগবে না।
17 কারণ সিংহাসনের কেন্দ্রে স্থিত মেষশাবক
তাদের পালক হবেন;
‘তিনি তাদের জীবন্ত জলের উৎসের দিকে নিয়ে যাবেন।’
‘আর ঈশ্বর তাদের চোখের জল মুছিয়ে দেবেন।’”
-
5 কেন তোমরা মিশর থেকে আমাদের বের করে এই ভয়ংকর জায়গায় নিয়ে এলে? এখানে কোনো শস্য বা ডুমুর, দ্রাক্ষালতা বা বেদানা নেই। পান করার জন্য জলও নেই!”
6 মোশি ও হারোণ, মণ্ডলী থেকে পৃথক হয়ে সমাগম তাঁবুর প্রবেশপথে গেলেন এবং তারা উপুড় হয়ে পড়লেন আর তাদের সামনে সদাপ্রভুর মহিমা প্রকাশিত হল। 7 সদাপ্রভু মোশিকে বললেন, 8 “তোমার লাঠিটি নাও এবং তুমি ও তোমার ভাই হারোণ মণ্ডলীকে একত্র করো। তাদের দৃষ্টিগোচরে ওই শৈলকে গিয়ে বলো, সে তার অভ্যন্তরস্থ জল নির্গত করবে। তুমি শৈল থেকে সমাজের জন্য জল নির্গত করবে, যেন তারা ও তাদের পশুপাল সেই জলপান করতে পারে।”
9 অতএব মোশি, সদাপ্রভুর উপস্থিতিতে সেই লাঠিটি গ্রহণ করলেন, যেমন তিনি তাকে আদেশ দিয়েছিলেন। 10 তিনি এবং হারোণ, মণ্ডলীকে সেই শৈলের সামনে একত্র করলেন এবং মোশি তাদের বললেন, “বিদ্রোহীকুল, তোমরা শোনো, আমরা কি এই শৈল থেকে তোমাদের জন্য জল নির্গত করব?” 11 তারপর মোশি হাত তুলে, তাঁর লাঠি দিয়ে দু-বার সেই শৈলে আঘাত করলেন। জল পূর্ণ বেগে নির্গত হল এবং সমাজ ও তাদের পশুপাল সেই জলপান করল।
-
15 তিনি মরুপ্রান্তরে শৈল বিভক্ত করলেন
আর সমুদ্রের মতো অফুরন্ত জল দিলেন;
16 শৈল থেকে তিনি জলস্রোত নির্গত করলেন
আর নদীর মতো জল প্রবাহিত করলেন।
17 কিন্তু তারা তাঁর বিরুদ্ধে পাপ করেই গেল,
মরুপ্রান্তরে পরাৎপরের প্রতি বিদ্রোহ করল।
18 তাদের আকাঙ্ক্ষিত খাদ্য দাবি করে
তারা ইচ্ছাকৃতভাবে ঈশ্বরের পরীক্ষা করল।
19 তারা ঈশ্বরের বিরুদ্ধে কথা বলল;
তারা বলল, “ঈশ্বর কি সত্যিই
মরুপ্রান্তরে মেজ সাজাতে পারেন?
20 সত্যিই, তিনি শৈলকে আঘাত করলেন,
আর জল বেরিয়ে এল,
বিপুল জলস্রোত প্রবাহিত হল,
কিন্তু তিনি কি আমাদের রুটি দিতে পারেন?
তিনি কি তাঁর লোকেদের খাবার জন্য মাংস দিতে পারেন?”
-
6 “আমি কি এই ধরনের উপবাস মনোনীত করিনি:
অন্যায় বিচারের শৃঙ্খল ভেঙে ফেলা
ও জোয়ালের দড়িগুলি খুলে ফেলা,
অত্যাচারিত ব্যক্তিদের মুক্ত করা
ও প্রত্যেক জোয়াল ভেঙে ফেলা?
7 এই কি নয়, যে ক্ষুধার্ত লোকেদের কাছে তোমার খাবার বণ্টন করা
এবং দরিদ্র ভবঘুরে ব্যক্তিকে আশ্রয় দেওয়া—
যখন তুমি উলঙ্গ ব্যক্তিকে দেখো, তাকে পোশাক পরিহিত করা,
আর নিজের আপনজনদের কাছ থেকে মুখ ফিরিয়ে না নেওয়া?
8 তখন তোমার আলো প্রত্যূষকালের মতো প্রকাশ পাবে,
আর তুমি সত্বর আরোগ্যতা লাভ করবে,
তখন তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হবে,
আর সদাপ্রভুর মহিমা তোমার পিছন দিকের রক্ষক হবেন।
9 তখন তুমি ডাকলে সদাপ্রভু উত্তর দেবেন;
তুমি সাহায্যের জন্য কাঁদলে তিনি বলবেন: এই যে আমি।
“তুমি যদি অত্যাচারের জোয়াল, অর্থাৎ
অঙ্গুলিতর্জন ও বিদ্বেষপূর্ণ কথাবার্তা দূর করো,
10 যদি তুমি ক্ষুধার্তকে নিজের অন্ন দাও
এবং অত্যাচারিত ব্যক্তির সব প্রয়োজন মিটিয়ে দাও,
তখন তোমার জ্যোতি অন্ধকারে উদিত হবে
এবং তোমার রাত্রি দুপুরবেলার মতো হবে।
11 আর সদাপ্রভু সবসময়ই তোমাকে পথ প্রদর্শন করবেন;
তিনি শুষ্ক-ভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করবেন
ও তোমার অস্থিকাঠামো শক্তিশালী করবেন।
তুমি ভালোভাবে জল-সিঞ্চিত একটি বাগানের মতো হবে,
তুমি হবে এমন এক উৎসের মতো, যার জল কখনও শুকায় না।
-
6 তিনি আমাকে বললেন: “সম্পন্ন হল। আমিই আলফা ও ওমেগা, আদি ও অন্ত। যে তৃষ্ণার্ত, তাকে আমি জীবন-জলের উৎস থেকে বিনামূল্যে পান করতে দেব। 7 যে জয়ী হয়, সে এসবের অধিকারী হবে, আর আমি তার ঈশ্বর হব ও সে আমার পুত্র বা কন্যা হবে। 8 কিন্তু যারা কাপুরুষ, অবিশ্বাসী, ঘৃণ্য স্বভাববিশিষ্ট, খুনি, অবৈধ যৌনাচারী, যারা তন্ত্রমন্ত্র-মায়াবিদ্যা অভ্যাস করে, যারা প্রতিমাপূজা করে এবং যত মিথ্যাবাদী, তাদের স্থান হবে জ্বলন্ত গন্ধকের আগুনের হ্রদে। এই হল দ্বিতীয় মৃত্যু।”
-
1 সেদিন তুমি বলবে:
“হে সদাপ্রভু, আমি তোমার প্রশংসা করব।
তুমি যদিও আমার উপরে ক্রুদ্ধ ছিলে,
তোমার ক্রোধ কিন্তু ফিরে গেছে,
আর তুমি আমাকে সান্ত্বনা দিয়েছ।
2 নিশ্চয়ই ঈশ্বর আমার পরিত্রাণ;
আমি আস্থা রাখব ও ভয় পাব না।
সদাপ্রভু, সদাপ্রভুই আমার শক্তি ও আমার গান;
তিনি আমার পরিত্রাণ হয়েছেন।”
3 তোমরা পরিত্রাণের কুয়োগুলি থেকে
আনন্দের সঙ্গে জল তুলে আনবে।
-
1 “পিপাসিত যারা, তোমরা সকলে এসো,
তোমরা জলের কাছে এসো;
যাদের কাছে অর্থ নেই,
তারাও এসো, ক্রয় করে পান করো!
এসো, বিনা অর্থে ও বিনামূল্যে
দ্রাক্ষারস ও দুধ ক্রয় করো।
2 যা খাবার নয়, তার জন্য কেন তোমরা পয়সা ব্যয় করো?
যা তোমাদের তৃপ্তি দেয় না, তার জন্য কেন পরিশ্রম করো?
শোনো, তোমরা আমার কথা শোনো, যা উৎকৃষ্ট, তাই ভোজন করো,
এতে তোমাদের প্রাণ পুষ্টিকর খাদ্যে আনন্দিত হবে।
3 আমার কথায় কান দাও ও আমার কাছে এসো;
আমার কথা শোনো যেন তোমরা প্রাণে বাঁচতে পারো।
আমি তোমাদের সঙ্গে এক চিরস্থায়ী চুক্তি সম্পাদন করব,
দাউদের কাছে প্রতিজ্ঞাত আমার বিশ্বস্ততা পূর্ণ ভালোবাসার জন্যই তা করব।
-
25 স্বামীরা, তোমরা নিজের নিজের স্ত্রীকে ভালোবেসো, যেমন খ্রীষ্ট মণ্ডলীকে ভালোবেসেছেন এবং তার জন্য আত্মত্যাগ করেছেন, 26 যেন তাকে পবিত্র করেন, বাক্যের মাধ্যমে জলে স্নান করিয়ে তাকে শুচি করেন, 27 এবং তাকে সব রকম কলঙ্ক, বিকৃতি এবং কলুষতা থেকে মুক্ত করে পবিত্র ও অনিন্দনীয়ভাবে এক প্রদীপ্ত মণ্ডলী করে নিজের কাছে উপস্থিত করেন।
-
8 সদাপ্রভু এই কথা বলেন,
“আমার অনুগ্রহ প্রদর্শনকালে আমি তোমাকে উত্তর দেব,
পরিত্রাণের দিনে আমি তোমাকে সাহায্য করব;
আমি তোমাকে রক্ষা করব এবং প্রজাদের কাছে
তোমাকে আমার চুক্তিস্বরূপে দেব,
যেন তুমি দেশের পুনঃপ্রতিষ্ঠা করো এবং
এর পরিত্যক্ত অধিকারকে পুনরায় ফিরিয়ে আনো,
9 যেন বন্দিদের বলতে পারো, ‘বেরিয়ে এসো,’
ও যারা অন্ধকারে আছে তাদের বলতে পারো, ‘মুক্ত হও!’
“তারা পথের ধারে খাবার খাবে
এবং প্রত্যেক বৃক্ষহীন পর্বতে চারণভূমি পাবে।
10 তারা আর ক্ষুধিত কি তৃষ্ণার্ত হবে না,
মরুভূমির উত্তাপ বা সূর্যের প্রখর তাপ তাদের যন্ত্রণা করবে না।
যে তাদের প্রতি সহানুভূতিশীল, সে তাদের পথ দেখাবে,
এবং তাদের নিয়ে যাবে জলস্রোতের কিনারায়।
-
13 “কারণ আমার প্রজারা দুটি পাপ করেছে:
আমি যে জীবন্ত জলের উৎস, সেই আমাকে
তারা পরিত্যাগ করেছে,
আর নিজেদের জন্য খনন করেছে ভাঙা জলাধার,
যা জল ধরে রাখতে পারে না!
-
6 আর ঈশ্বর বললেন, “পৃথিবীর জল থেকে আকাশের জলকে আলাদা করার জন্য এই দুই ধরনের জলের মাঝখানে উন্মুক্ত এলাকা তৈরি হোক।” 7 অতএব ঈশ্বর উন্মুক্ত এলাকা তৈরি করলেন এবং সেই এলাকার উপরের ও নিচের জলকে আলাদা করে দিলেন। আর তা সেইমতোই হল।
-
2 তুমি যখন জলরাশির মধ্য দিয়ে অতিক্রম করবে,
আমি তোমার সঙ্গে থাকব;
তুমি যখন নদনদীর মধ্য দিয়ে যাবে,
সেগুলি তোমাকে মগ্ন করতে পারবে না।
যখন তুমি আগুনের মধ্য দিয়ে যাবে,
তুমি দগ্ধ হবে না;
সেই আগুনের শিখা তোমাকে পুড়িয়ে ফেলবে না।
-
5 তাঁর মা পরিচারকদের বললেন, “উনি যা বলেন, তোমরা সেইমতো করো।”
6 কাছেই জল রাখার জন্য ছয়টি পাথরের জালা ছিল। ইহুদিদের শুচিকরণ রীতি অনুযায়ী সেগুলিতে জল রাখা হত। প্রতিটি জালায় কুড়ি থেকে তিরিশ গ্যালন জল ধরত।
7 যীশু দাসদের বললেন, “জালাগুলি জলে পূর্ণ করো।” তারা কানায় কানায় সেগুলি ভর্তি করল।
8 তখন তিনি তাদের বললেন, “এবার এখান থেকে কিছুটা তুলে ভোজের কর্তার কাছে নিয়ে যাও।”
তারা তাই করল। 9 ভোজের কর্তা দ্রাক্ষারসে রূপান্তরিত জলের স্বাদ গ্রহণ করলেন। কিন্তু তিনি বুঝতে পারলেন না কোথা থেকে এই দ্রাক্ষারস এল। সেকথা দাসেরা জানত। তখন তিনি বরকে এক পাশে ডেকে বললেন, 10 “সবাই প্রথমে উৎকৃষ্ট দ্রাক্ষারসই পরিবেশন করে। অতিথিরা যথেষ্ট পান করার পর কমদামি দ্রাক্ষারস পরিবেশন করা হয়। কিন্তু তুমি এখনও পর্যন্ত সবচেয়ে ভালো জিনিসই বাঁচিয়ে রেখেছ!”
11 এ ছিল গালীলের কানা নগরে করা যীশুর প্রথম চিহ্নকাজ। এইভাবে তিনি তাঁর মহিমা প্রকাশ করলেন এবং তাঁর শিষ্যেরা তাঁর উপর বিশ্বাস করলেন।
-
17 “তিনি আকাশ থেকে হাত বাড়ালেন ও আমাকে ধারণ করলেন;
গভীর জলরাশি থেকে আমাকে টেনে তুললেন।
18 আমার শক্তিশালী শত্রুর কবল থেকে তিনি আমাকে রক্ষা করলেন,
যারা আমাকে ঘৃণা করত তাদের হাত থেকে, আর তারা আমার জন্য খুবই শক্তিশালী ছিল।
-
9 আর ঈশ্বর বললেন, “আকাশের নিচের সব জল এক স্থানে জমা হোক, এবং শুকনো জমি দৃষ্টিগোচর হোক।” আর তা সেইমতোই হল। 10 ঈশ্বর সেই শুকনো জমির নাম দিলেন “ভূমি” এবং জমা জলকে তিনি “সমুদ্র” নাম দিলেন। আর ঈশ্বর দেখলেন যে সেটি ভালো হয়েছে।
-
25 প্রবল বৃষ্টিপাতের জন্য কে খাল খুঁড়েছে,
ও বজ্রঝড়ের জন্য কে পথ তৈরি করে দিয়েছে,
26 যেন জনমানবহীন দেশ,
বসতিহীন মরুভূমি জলসিক্ত হয়,
27 যেন ঊষর পতিত জমি তৃপ্ত হয়
ও সেখানে কচি ঘাস অঙ্কুরিত হয়?
28 বৃষ্টির কি বাবা আছে?
কে শিশিরকণার জন্ম দিয়েছে?
29 কার গর্ভ থেকে বরফ বের হয়েছে?
আকাশ থেকে ঝড়ে পড়া তুষারের জন্মই বা কে দিয়েছে
30 যখন জল জমে পাথরের মতো শক্ত হয়ে যায়,
যখন জলরাশির উপরের স্তর জমাট বেঁধে যায়?
-
13 ইস্রায়েলের আশা, হে সদাপ্রভু,
যারা তোমাকে ত্যাগ করে, তারা লজ্জিত হবে।
যারা তোমার কাছ থেকে বিমুখ হয়, তাদের নাম ধুলোয় লেখা হবে,
কারণ তারা জীবন্ত জলের উৎস,
সদাপ্রভুকে ত্যাগ করেছে।
-
1 শুরুতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। 2 এমতাবস্থায় পৃথিবী নিরবয়ব ও ফাঁকা ছিল, গভীরের উপরের স্তরে অন্ধকার ছেয়ে ছিল, এবং ঈশ্বরের আত্মা জলের উপর ভেসে বেড়াচ্ছিলেন।
3 আর ঈশ্বর বললেন, “আলো হোক,” এবং আলো হল।
-
17 পরে সদাপ্রভু মোশিকে বললেন, 18 “ধোয়াধুয়ি করার জন্য ব্রোঞ্জের একটি গামলা ও ব্রোঞ্জ দিয়ে সেটির মাচাও তৈরি কোরো। সমাগম তাঁবুর ও বেদির মাঝখানে সেটি রেখো, এবং সেটিতে জল ভরে দিয়ো। 19 সেখান থেকে জল নিয়ে হারোণ ও তার ছেলেদের তাদের হাত পা ধুতে হবে। 20 যখনই তারা তাঁবুর ভিতরে প্রবেশ করবে, তারা জল দিয়ে নিজেদের ধুয়ে ফেলবে, যেন তারা মারা না যায়। এছাড়াও, যখন তারা সদাপ্রভুর উদ্দেশে এক ভক্ষ্য-নৈবেদ্য উৎসর্গ করার মাধ্যমে পরিচর্যা করার জন্য সেই বেদির নিকটবর্তী হবে, 21 তখনও তারা তাদের হাত পা ধুয়ে নেবে, যেন তারা মারা না যায়। আগামী বংশপরম্পরায় হারোণ ও তার বংশধরদের জন্য এ এক দীর্ঘস্থায়ী বিধি হবে।”
-
7 তারপর যাজক অবশ্যই তাঁর পোশাক ধুয়ে জলে স্নান করবে। পরে সে ছাউনিতে ফিরে আসতে পারে; তা সত্ত্বেও, আনুষ্ঠানিকভাবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে। 8 যে ব্যক্তি তা পোড়ায়, সেও নিজের পোশাক ধুয়ে জলে স্নান করবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।
9 “একজন শুচিশুদ্ধ ব্যক্তি সেই বকনা-বাছুরের ছাই সংগ্রহ করে, ছাউনির বাইরে, আনুষ্ঠানিকভাবে শুচিকৃত কোনও এক স্থানে রাখবে। সেগুলি ইস্রায়েলী সমাজের কাছে রাখবে যেন শুদ্ধকরণের জল হিসেবে তা ব্যবহার করা যায়; এটি পাপ থেকে শুদ্ধকরণের জন্যে।
-
দাউদের গীত।
1 সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না।
2 তিনি সবুজ চারণভূমিতে আমাকে শয়ন করান,
তিনি শান্ত জলের ধারে আমাকে নিয়ে যান,
-
15 নিজের জলাধার থেকেই তুমি জলপান করো,
নিজের কুয়ো থেকেই প্রবাহমান জলপান করো।
16 তোমার ঝরনা কি পথঘাট ভাসিয়ে দেবে,
তোমার জলপ্রবাহ কি নগরের চকে বয়ে যাবে?
17 তা শুধু তোমারই হোক,
অপরিচিত লোকেরা যেন কখনও তাতে ভাগ না বসায়।
18 তোমার ফোয়ারা আশীর্বাদধন্য হোক,
ও তুমি তোমার যৌবনাবস্থার স্ত্রীতে আনন্দ উপভোগ করো।
19 সে এক প্রেমময় হরিণী, এক সুতনু মৃগ—
তার স্তন দুটি সর্বদা তোমাকে তৃপ্তি দিক,
তার প্রেমে তুমি সর্বক্ষণ মত্ত হয়ে থাকো।
20 কেন, হে আমার বাছা, অন্য একজনের স্ত্রীতে মত্ত হবে?
কেন এক স্বৈরিণী নারীর বক্ষ আলিঙ্গন করবে?
-
4 মুখের কথা গভীর জলরাশি,
কিন্তু প্রজ্ঞার ফোয়ারা এক খরস্রোতা জলপ্রবাহ।
-
15 দাউদ তৃষ্ণায় কাতর হয়ে বলে উঠেছিলেন, “হায়, কেউ যদি আমার জন্য বেথলেহেমের ফটকের কাছে অবস্থিত সেই কুয়ো থেকে একটু জল এনে দিত!” 16 অতএব সেই তিনজন বলবান যোদ্ধা ফিলিস্তিনী সৈন্যশিবির পার করে বেথলেহেমের সিংহদুয়ারের কাছে অবস্থিত কুয়ো থেকে জল তুলে দাউদের কাছে নিয়ে এলেন। কিন্তু তিনি তা পান করতে চাননি; তা না করে, তিনি সেই জল সদাপ্রভুর সামনে ঢেলে দিলেন।
-
18 “সেদিন পর্বতগুলি থেকে নতুন দ্রাক্ষারস ক্ষরে পড়বে,
আর পাহাড়গুলি থেকে প্রবাহিত হবে দুধ;
যিহূদার গিরিখাতগুলি থেকে জল প্রবাহিত হবে।
সদাপ্রভুর গৃহ থেকে এক উৎস প্রবাহিত হবে,
তা বাবলা-উপত্যকাকে জলসিক্ত করবে।
-
40 “যে তোমাদের গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে; যে আমাকে গ্রহণ করে সে তাঁকেই গ্রহণ করে যিনি আমাকে পাঠিয়েছেন। 41 কেউ যদি কোনো ভাববাদীকে ভাববাদী জেনে গ্রহণ করে, সে এক ভাববাদীরই পুরস্কার লাভ করবে। আবার যে এক ধার্মিক ব্যক্তিকে ধার্মিক ব্যক্তি বলে গ্রহণ করে, সেও ধার্মিকের পুরস্কার পাবে। 42 আবার এই ক্ষুদ্রজনেদের মধ্যে কোনো একজনকে কেউ যদি আমার শিষ্য জেনে এক পেয়ালা ঠান্ডা জল দেয়, আমি তোমাদের সত্যি বলছি সে কোনোমতেই তার প্রাপ্য পুরস্কার থেকে বঞ্চিত হবে না।”
-
5 তাদের মা অবিশ্বস্ত হয়েছে
ও কলঙ্কিত হয়ে তাদের গর্ভে ধারণ করেছে।
সে বলেছে, ‘আমি আমার প্রেমিকদের পশ্চাদগামী হব,
যারা আমার অন্নজল, আমার পশম ও মসিনার পোশাক,
আমার তেল ও আমার পানীয় যুগিয়ে দেয়।’
-
25 রাত্রির চতুর্থ প্রহরে যীশু সাগরের উপর দিয়ে পায়ে হেঁটে শিষ্যদের কাছে গেলেন। 26 শিষ্যেরা তাঁকে সাগরের উপর দিয়ে হেঁটে যেতে দেখে ভীষণ ভয় পেলেন। তাঁরা বললেন, “এ এক ভূত!” আর তাঁরা ভয়ে চিৎকার করে উঠলেন।
27 কিন্তু যীশু তক্ষুনি তাঁদের বললেন, “সাহস করো! এ আমি। ভয় পেয়ো না।”
28 পিতর উত্তর দিলেন, “প্রভু, যদি আপনিই হন, তাহলে আমাকেও জলের উপর দিয়ে আপনার কাছে হেঁটে আসতে বলুন।”
29 তিনি বললেন, “এসো।”
তখন পিতর নৌকা থেকে নেমে জলের উপর দিয়ে হেঁটে যীশুর দিকে চললেন।
-
11 একই উৎস থেকে কি মিষ্টি জল ও লবণাক্ত জল, উভয়ই প্রবাহিত হতে পারে? 12 আমার ভাইবোনেরা, ডুমুর গাছে কি জলপাই, কিংবা দ্রাক্ষালতায় কি ডুমুর উৎপন্ন হতে পারে? তেমনই লবণাক্ত জলের উৎস মিষ্টি জল দিতে পারে না।
-
1 এরপর আমি মন্দিরের মধ্য থেকে এক উচ্চ রব শুনতে পেলাম, যা ওই সাতজন স্বর্গদূতকে বলছিল, “তোমরা যাও, গিয়ে ঈশ্বরের ক্রোধে পূর্ণ ওই সাতটি বাটি পৃথিবীতে ঢেলে দাও।”
2 প্রথম স্বর্গদূত গিয়ে তাঁর বাটি পৃথিবীর উপরে ঢেলে দিলেন। এতে যারা সেই পশুর ছাপ ধারণ করেছিল ও তার মূর্তির পূজা করেছিল, তাদের গায়ে বীভৎস ও যন্ত্রণাদায়ক ক্ষত উৎপন্ন হল।
3 দ্বিতীয় স্বর্গদূত সমুদ্রের উপরে তাঁর বাটি ঢেলে দিলেন। এতে তা মৃত মানুষের রক্তের মতো হল ও সমুদ্রের সমস্ত সজীব প্রাণী মারা পড়ল।
4 তৃতীয় স্বর্গদূত তাঁর বাটি সব নদনদী ও জলের উৎসের উপরে ঢেলে দিলেন, ও সেগুলি রক্তে পরিণত হল। 5 তখন আমি শুনলাম, জলরাশির উপরে ভারপ্রাপ্ত স্বর্গদূত বলছেন:
“যিনি আছেন ও যিনি ছিলেন,
সেই পবিত্রজন,
এই সমস্ত বিচারে তুমিই ধর্মময়,
যেহেতু তুমি এরকম বিচার করেছ;
6 কারণ তারা তোমার পবিত্রগণের ও ভাববাদীদের রক্তপাত করেছিল,
আর তুমি তাদের রক্ত পান করতে দিয়েছ,
কারণ তারা তারই উপযুক্ত।”
-
19 ইস্হাকের দাসেরা সেই উপত্যকায় মাটি খুঁড়ে সেখানে টাটকা জলের একটি কুয়ো খুঁজে পেয়েছিল। 20 কিন্তু গরারের রাখালেরা ইস্হাকের রাখালদের সঙ্গে ঝগড়া করে বলল, “এই জল আমাদের!” তাই তিনি সেই কুয়োর নাম দিলেন এষক, কারণ তারা তাঁর সাথে সংঘাতে জড়িয়ে পড়েছিল। 21 পরে তারা আরও একটি কুয়ো খুঁড়েছিল, কিন্তু তারা সেটির জন্যও ঝগড়া করল; তাই তিনি সেটির নাম দিলেন সিটনা। 22 সেখান থেকে দূরে সরে গিয়ে তিনি আরও একটি কুয়ো খোঁড়ালেন, এবং সেটির জন্য কেউই ঝগড়া করেনি। এই বলে তিনি সেটির নাম দিলেন রহোবোৎ, যে “সদাপ্রভু এখন আমাদের স্থান করে দিয়েছেন এবং আমরা এই দেশে সমৃদ্ধিলাভ করব।”
-
21 পরে মোশি সমুদ্রের উপর তাঁর হাত প্রসারিত করলেন, এবং সেই সারারাত সদাপ্রভু এক প্রবল পূর্বীয় বাতাস বইয়ে সমুদ্রকে পিছিয়ে দিলেন এবং সেটিকে শুকনো জমিতে পরিণত করলেন। জল দুই ভাগে বিভক্ত হয়ে গেল, 22 এবং ইস্রায়েলীরা শুকনো জমির উপর দিয়ে সমুদ্রের একদিক থেকে অন্যদিকে চলে গেল, আর তাদের ডানদিকে ও তাদের বাঁদিকে ছিল জলের এক প্রাচীর।
-
7 কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের মনোরম দেশে নিয়ে যাচ্ছেন—যে দেশে রয়েছে উপত্যকা ও পাহাড় থেকে বয়ে চলা নদী, ফোয়ারা আর মাটির তলার জল; 8 সেই দেশে রয়েছে প্রচুর গম ও যব, আঙুর ও ডুমুর গাছ, ডালিম, জলপাই তেল এবং মধু; 9 সেই দেশে তোমরা প্রচুর খাবার পাবে এবং তোমাদের কোনো কিছুরই অভাব থাকবে না; সেখানকার পাথরে রয়েছে লোহা এবং সেখানকার পাহাড় থেকে তোমরা তামা খুঁড়ে তুলতে পারবে।
10 তোমরা সেখানে খেয়েদেয়ে তৃপ্ত হওয়ার পর তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে চমৎকার দেশেটি দিয়েছেন তার জন্য তাঁর গৌরব করবে।
-
7 তুমি ক্লান্ত মানুষকে জল দাওনি
ও ক্ষুধার্ত মানুষকে খাদ্য দিতে অসম্মত হয়েছ,
-
10 এদন থেকে একটি নদী প্রবাহিত হয়ে বাগানটি জলসেচিত করে তুলল; সেখান থেকে এটি চার ভাগে বিভক্ত হয়ে গেল। 11 প্রথমটির নাম পীশোন; এটি সমগ্র সেই হবীলা দেশ জুড়ে প্রবাহিত হয়েছে, যেখানে সোনা পাওয়া যায়। 12 (সেই দেশের সোনা খুব উন্নত মানের; আর সেখানে সুগন্ধি ধুনো এবং স্ফটিকমণিও পাওয়া যায়) 13 দ্বিতীয় নদীটির নাম গীহোন, এটি সমগ্র কূশ দেশ জুড়ে প্রবাহিত হয়েছে। 14 তৃতীয় নদীটির নাম টাইগ্রিস; এটি আসিরিয়ার পূর্বদিক ঘেঁসে বয়ে গিয়েছে। চতুর্থ নদীটি হল ইউফ্রেটিস।
-
11 নোহের জীবনকালের 600 তম বছরের, দ্বিতীয় মাসের সপ্তদশতম দিনে—সেদিন ভূগর্ভস্থ জলের সব উৎস বিস্ফোরিত হল, এবং আকাশের জলনিকাশের সব পথ খুলে গেল। 12 আর চল্লিশ দিন ও চল্লিশ রাত পৃথিবীতে বৃষ্টি পড়ল।
-
22 পরে মোশি লোহিত সাগর থেকে ইস্রায়েলীদের চালিত করলেন এবং তারা শূর মরুভূমিতে চলে গেল। তিন দিন ধরে তারা মরুভূমিতে জল না পেয়ে ভ্রমণ করল। 23 তারা যখন মারায় পৌঁছাল, তারা সেখানকার জলপান করতে পারেনি কারণ তা ছিল তেতো। (সেজন্যই সেই স্থানটির নাম রাখা হল মারা) 24 অতএব লোকেরা মোশির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলল, “আমরা কী পান করব?”
25 তখন মোশি সদাপ্রভুর কাছে কেঁদে ফেললেন, এবং সদাপ্রভু তাঁকে এক টুকরো কাঠ দেখিয়ে দিলেন। তিনি সেটি জলে ছুঁড়ে দিলেন, এবং সেই জল পানের উপযুক্ত হয়ে গেল।
সেখানেই সদাপ্রভু তাদের জন্য এক বিধিনির্দেশ ও অনুশাসন দিলেন এবং তাদের পরীক্ষায় ফেলে দিলেন। 26 তিনি বললেন, “তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথা যত্নসহকারে শোনো, এবং তাঁর দৃষ্টিতে যা ন্যায্য তাই করো, তোমরা যদি তাঁর আদেশগুলির প্রতি মনোযোগ দাও ও তাঁর সব হুকুম পালন করো, তবে তোমাদের উপর আমি সেইসব রোগব্যাধির মধ্যে একটিও আনব না, যেগুলি আমি মিশরীয়দের উপরে এনেছিলাম, কারণ আমি সেই সদাপ্রভু, যিনি তোমাদের সুস্থ করেছেন।”
27 পরে তারা সেই এলীমে এল, যেখানে বারোটি জলের উৎস ও সত্তরটি খেজুর গাছ ছিল, এবং সেখানে তারা জলের কাছেই শিবির স্থাপন করল।
-
19 সেই নগরের লোকজন ইলীশায়কে বলল, “হে আমাদের প্রভু, আপনি তো দেখতেই পাচ্ছেন যে এই নগরটি বেশ ভালো স্থানতেই অবস্থিত, কিন্তু এখানকার জল খুব খারাপ ও জমিও অনুৎপাদক।”
20 “আমার কাছে একটি নতুন গামলা নিয়ে এসো,” তিনি বললেন, “এবং তাতে একটু লবণ রাখো।” অতএব তারা তাঁর কাছে গামলাটি এনেছিল।
21 পরে তিনি জলের উৎসের কাছে গিয়ে এই বলে তাতে কিছুটা লবণ ঢেলে দিলেন, “সদাপ্রভু একথাই বলেন: ‘আমি এই জল শুদ্ধ করলাম। আর কখনও এই জল মৃত্যুর কারণ হবে না বা জমিকেও অনুৎপাদক হয়ে থাকতে দেবে না।’ ” 22 ইলীশায়ের বলা কথানুসারে আজও পর্যন্ত সেই জল শুদ্ধই আছে।
-
দ্বিতীয় খণ্ড
সংগীত পরিচালকের জন্য। কোরহ বংশের সন্তানদের মস্কীল।
1 হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে,
হে ঈশ্বর, তেমনি আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করে।
2 ঈশ্বরের জন্য, জীবিত ঈশ্বরের জন্য, আমার প্রাণ তৃষ্ণার্ত।
কখন আমি গিয়ে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে পারি?
3 দিনে ও রাতে
আমার চোখের জল আমার খাবার হয়েছে
কারণ লোকেরা সারাদিন আমাকে বলে,
“তোমার ঈশ্বর কোথায়?”
4 যখন আমি আমার প্রাণ ঢেলে দিই
তখন আমি এইসব স্মরণ করি:
আমি উপাসকদের ভিড়ের মধ্যে হাঁটতাম,
আনন্দের গানে ও ধন্যবাদ দিয়ে,
মহা গুণকীর্তনের আনন্দধ্বনিতে
এক শোভাযাত্রাকে ঈশ্বরের গৃহের দিকে এগিয়ে নিয়ে যেতাম।
5 হে আমার প্রাণ, কেন তুমি অবসন্ন?
কেন তুমি অন্তরে এত হতাশ?
ঈশ্বরে তুমি আশা রাখো,
কারণ আমি আবার তাঁর প্রশংসা করব
যিনি আমার পরিত্রাতা ও আমার ঈশ্বর।
-
5 মানুষের অন্তরের অভিপ্রায় গভীর জলরাশি,
কিন্তু যে বিচক্ষণ সেই তা তুলে আনে।
-
6 সেই স্থানে যাকোবের কুয়ো ছিল। পথশ্রান্ত যীশু কুয়োর পাশে বসলেন। তখন প্রায় দুপুরবেলা।
-
8 দ্বিতীয় স্বর্গদূত তাঁর তূরী বাজালেন, আর প্রজ্বলিত বিশাল পর্বতের মতো একটি বস্তু সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত হল। এতে সমুদ্রের এক-তৃতীয়াংশ রক্তে পরিণত হল, 9 সমুদ্রের জীবন্ত প্রাণীদের এক-তৃতীয়াংশ মারা গেল ও জাহাজসমূহের এক-তৃতীয়াংশ ধ্বংস হল।
10 তৃতীয় স্বর্গদূত তাঁর তূরী বাজালেন, আর মশালের মতো জ্বলন্ত এক বৃহৎ তারা আকাশ থেকে এক-তৃতীয়াংশ নদনদীর ও জলের সমস্ত উৎসের উপরে পতিত হল। 11 এই তারাটির নাম সোমরাজ। এতে এক-তৃতীয়াংশ জল তেতো হয়ে গেল এবং সেই তেতো জলের কারণে বহু মানুষের মৃত্যু হল।
-
20 আর ঈশ্বর বললেন, “জলে জীবিত প্রাণীর ঝাঁক দেখা যাক এবং আকাশে পৃথিবীর উপর পাখিরা উড়ে বেড়াক।” 21 তাই ঈশ্বর সমুদ্রের বড়ো বড়ো প্রাণীদের এবং জলে থাকা প্রত্যেকটি জীবিত ও গতিশীল জীবকে তাদের প্রজাতি অনুসারে, এবং প্রত্যেকটি ডানাযুক্ত পাখিকে তাদের প্রজাতি অনুসারে সৃষ্টি করলেন। আর ঈশ্বর দেখলেন যে তা ভালো হয়েছে।
-
14 পরদিন ভোরবেলায় অব্রাহাম কিছু খাবার ও এক মশক জল নিয়ে সেগুলি হাগারকে দিলেন। তিনি সেগুলি হাগারের কাঁধে চাপিয়ে দিয়ে তাকে সেই ছেলেটি সমেত বিদায় করে দিলেন। হাগার প্রস্থান করল এবং বের-শেবার মরুভূমিতে ইতস্তত ঘুরে ফিরে বেড়াচ্ছিল।
15 মশকের জল যখন শেষ হয়ে গেল, তখন সে ছেলেটিকে একটি ঝোপের তলায় নিয়ে গিয়ে রাখল। 16 পরে সে একটু দূরে, প্রায় 100 মিটার দূরে গিয়ে বসে পড়ল, কারণ সে ভাবল, “আমি নিজের চোখে ছেলেটির মৃত্যুদৃশ্য দেখতে পারব না।” আর সেখানে বসে সে ফোঁপাতে শুরু করল।
17 ঈশ্বর সেই ছেলেটির কান্না শুনতে পেলেন, এবং ঈশ্বরের দূত স্বর্গ থেকে হাগারকে ডেকে বললেন, “কী হল, হাগার? ভয় পেয়ো না; সেখানে শুয়ে ছেলেটি যখন কাঁদছে, তখন তার কান্না ঈশ্বর শুনেছেন। 18 ছেলেটিকে তুলে তার হাত ধরো, কারণ আমি তাকে এক মহাজাতিরূপে গড়ে তুলব।”
19 তখন ঈশ্বর হাগারের চোখ খুলে দিলেন আর সে জলের এক কুয়ো দেখতে পেল। তাই সে গিয়ে মশকে জল ভরে ছেলেটিকে পানীয় জল এনে দিল।
-
1 সমগ্র ইস্রায়েলী জনসমাজ সদাপ্রভুর আদেশানুসারে এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণ করতে করতে সীন মরুভূমি থেকে বের হয়ে এল। তারা রফীদীমে শিবির স্থাপন করল, কিন্তু সেখানে লোকজনের জন্য পানীয় জল ছিল না। 2 তাই তারা মোশির সঙ্গে ঝগড়া-বিবাদ করে বলল, “আমাদের পানীয় জল দাও।”
মোশি উত্তর দিলেন, “তোমরা কেন আমার সঙ্গে ঝগড়া-বিবাদ করছ? তোমরা কেন সদাপ্রভুর পরীক্ষা নিচ্ছ?”
3 কিন্তু লোকেরা সেখানে জলের জন্য তৃষ্ণার্ত হল এবং তারা মোশির বিরুদ্ধে অভিযোগ জানাল। তারা বলল, “কেন তুমি আমাদের ও আমাদের সন্তানসন্ততিকে এবং আমাদের গৃহপালিত পশুপালকে তৃষ্ণার্ত হয়ে মরে যাওয়ার জন্য মিশর থেকে বের করে এখানে নিয়ে এসেছ?”
4 তখন মোশি সদাপ্রভুর কাছে কেঁদে বললেন, “এই লোকদের নিয়ে আমি কী করব? তারা তো প্রায় আমাকে পাথর মারার জন্য তৈরিই হয়ে আছে।”
5 সদাপ্রভু মোশিকে উত্তর দিলেন, “লোকদের সামনে চলে যাও। ইস্রায়েলের কয়েকজন প্রাচীনকে তোমার সাথে নাও ও তোমার সেই ছড়িটি হাতে তুলে নাও, যেটি দিয়ে তুমি নীলনদে আঘাত করেছিলে, এবং যাও। 6 আমি সেখানে তোমার সামনে হোরেবে শিলাপাথরের পাশে গিয়ে দাঁড়াব। সেই শিলাপাথরে আঘাত করো, এবং লোকজনের জন্য সেখান থেকে পানীয় জল বেরিয়ে আসবে।” অতএব মোশি ইস্রায়েলের প্রাচীনদের চোখের সামনে তা করলেন। 7 আর তিনি সেই স্থানটির নাম দিলেন মঃসা ও মরীবা কারণ ইস্রায়েলীরা ঝগড়া-বিবাদ করেছিল এবং তারা এই বলে সদাপ্রভুর পরীক্ষা নিয়েছিল, “সদাপ্রভু আমাদের মাঝে আছেন কি নেই?”
-
14 অতএব লোকেরা যখন জর্ডন নদী পার হওয়ার জন্য শিবির তুলে ফেলল, যাজকেরা নিয়ম-সিন্দুক তুলে নিয়ে লোকদের আগে আগে চললেন। 15 ফসল কাটার সময়ে জর্ডন নদীর জল সমস্ত তীর প্লাবিত করে। তবুও, সিন্দুক বহনকারী যাজকেরা জর্ডন নদীর তীরে পৌঁছালেন ও তাঁদের পা জলের প্রান্ত স্পর্শ করল, 16 উপর থেকে বয়ে আসা জলস্রোত থেমে গেল। বহুদূরে, সর্তনের নিকটবর্তী আদম নগরের কাছে তা স্তূপীকৃত হয়ে রইল। ফলে অরাবা সাগরে (অর্থাৎ, মরুসাগরে), যে জল নেমে যাচ্ছিল, তা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হল। অতএব লোকেরা যিরীহোর বিপরীত দিক থেকে নদী পার হয়ে গেল। 17 যতক্ষণ না সমগ্র ইস্রায়েল জাতি নদী পার হয়ে গেল, সদাপ্রভুর নিয়ম-সিন্দুক বহনকারী যাজকেরা জর্ডন নদীর মাঝখানে শুকনো ভূমিতে অবিচল দাঁড়িয়ে রইলেন। সমগ্র জাতিই শুকনো ভূমির উপর দিয়ে পার হয়ে গেল।
-
প্রথম খণ্ড
1 ধন্য সেই ব্যক্তি
যে দুষ্টদের মন্ত্রণায় চলে না
পাপীদের পথে দাঁড়ায় না,
নিন্দুকদের আসরে বসে না,
2 কিন্তু সদাপ্রভুর বিধানে আমোদ করে,
তাঁর বিধান দিনরাত ধ্যান করে।
3 সেই ব্যক্তি জলস্রোতের তীরে লাগানো গাছের মতো,
যা যথাসময়ে ফল দেয়,
এবং যার পাতা শুকিয়ে যায় না,
সে যা কিছু করে তাতে উন্নতি লাভ করে।
-
9 তুমি এই পৃথিবীকে যত্ন করছ ও জল সেচন করছ,
সমৃদ্ধ ও উর্বর করে তুলছ।
ঈশ্বরের নদী জলে পূর্ণ;
যা সবাইকে প্রচুর শস্যের সম্ভার দেয়;
কারণ এইভাবেই তুমি আদেশ দিয়েছ।
10 তুমি চষা জমির লাঙলরেখা ভিজিয়ে রাখছ এবং ঢাল সমান করছ;
তুমি বৃষ্টি দিয়ে তা নরম করছ এবং তার ফসলে আশীর্বাদ করছ।
11 ফসলের সম্ভারে তুমি বছরকে মুকুটে ভূষিত করছ,
আর তোমার ঠেলাগাড়ি প্রাচুর্যে উপচে পড়ে।
12 মরুপ্রান্তরের তৃণভূমি উপচে পড়ে;
আর সব পাহাড় আনন্দে সজ্জিত হয়।
-
17 “চুরি করা জল মিষ্টি;
লুকোছাপা করে খাওয়া খাদ্য পরম উপাদেয়!”
-
3 এসো, আমরা সদাপ্রভুকে জ্ঞাত হই,
তাঁকে জানার জন্য স্থিরসংকল্প নিয়ে দ্রুত এগিয়ে যাই।
অরুণোদয়ের মতোই সুনিশ্চিত
তাঁর আবির্ভাব;
তিনি আসবেন আমাদের কাছে বৃষ্টির বারিধারার মতো,
আসবেন ভূমি-সেচনকারী শেষ বর্ষার মতো।”
-
11 “তোমরা মন পরিবর্তন করেছ বলে আমি তোমাদের জলে বাপ্তিষ্ম দিচ্ছি ঠিকই, কিন্তু আমার পরে একজন আসবেন, তিনি আমার চেয়েও পরাক্রমশালী; আমি তাঁর চটিজুতো বওয়ারও যোগ্য নই। তিনি তোমাদের পবিত্র আত্মায় ও আগুনে বাপ্তিষ্ম দেবেন।
-
13 এরপর যীশু যোহনের কাছে বাপ্তিষ্ম গ্রহণের জন্য গালীল প্রদেশ থেকে জর্ডনে এলেন। 14 কিন্তু যোহন তাঁকে বারণ করার চেষ্টা করে বললেন, “আপনার কাছে আমারই বাপ্তিষ্ম নেওয়া প্রয়োজন, আর আপনি কি না আমার কাছে আসছেন?”
15 উত্তরে যীশু বললেন, “এখন সেইরকমই হোক; সমস্ত ধার্মিকতা পূরণের জন্য আমাদের এরকম করা উপযুক্ত।” তখন যোহন সম্মত হলেন।
16 বাপ্তাইজিত হওয়ার পরে পরেই যীশু জল থেকে উঠে এলেন। সেই মুহূর্তে স্বর্গলোক উন্মুক্ত হল, আর তিনি দেখলেন, ঈশ্বরের আত্মা কপোতের আকারে তাঁর উপরে নেমে এসে অধিষ্ঠান করছেন। 17 তখন স্বর্গ থেকে এক কণ্ঠস্বর শোনা গেল, “ইনিই আমার প্রিয় পুত্র, যাঁর উপরে আমি পরম প্রসন্ন।”
-
41 আমি তোমাদের সত্যিই বলছি, কেউ যদি খ্রীষ্টের লোক বলে তোমাদের এক পেয়ালা জল খেতে দেয়, সে কোনোভাবেই তার পুরস্কার থেকে বঞ্চিত হবে না।
-
36 তাঁরা যখন পথে যাচ্ছিলেন, তাঁরা এক জলাশয়ের কাছে এসে পৌঁছালেন। নপুংসক বললেন, “দেখুন, এখানে জল আছে। আমার বাপ্তিষ্ম গ্রহণের বাধা কোথায়?” 37 ফিলিপ বললেন, “আপনি যদি সম্পূর্ণ মনেপ্রাণে বিশ্বাস করেন, তাহলে নিতে পারেন।” প্রত্যুত্তরে নপুংসক বললেন, “আমি বিশ্বাস করি যে, যীশু খ্রীষ্টই ঈশ্বরের পুত্র।” 38 তিনি তখন রথ থামানোর আদেশ দিলেন। পরে ফিলিপ ও নপুংসক, উভয়েই জলের মধ্যে নেমে গেলেন এবং ফিলিপ তাঁকে বাপ্তিষ্ম দিলেন। 39 তাঁরা যখন জলের মধ্য থেকে বের হয়ে এলেন, প্রভুর আত্মা তখন হঠাৎই ফিলিপকে সেই স্থান থেকে সরিয়ে দিলেন। নপুংসক তাঁকে আর দেখতে পেলেন না। তখন তিনি আনন্দ করতে করতে তাঁর পথে চলে গেলেন।
Shows Read in context, Share and Copy.