59 Bible Verses About Disaster

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Disaster
  1. 30 মাঠের যে ঘাস আজ আছে, অথচ আগামীকাল আগুনে নিক্ষিপ্ত করা হবে, ঈশ্বর যদি সেগুলিকে এত সুশোভিত করে থাকেন, তাহলে ওহে অল্পবিশ্বাসীরা, তিনি কি তোমাদের আরও বেশি সুশোভিত করবেন না? 31 সেই কারণে, ‘আমরা কী খাব?’ বা ‘আমরা কী পান করব?’ বা ‘আমরা কী পরব?’ এসব নিয়ে তোমরা দুশ্চিন্তা কোরো না। 32 কারণ পরজাতীয়রাই এই সমস্ত বিষয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকে, অথচ তোমাদের স্বর্গস্থ পিতা জানেন যে এগুলো তোমাদের প্রয়োজন। 33 কিন্তু তোমরা প্রথমে তাঁর রাজ্য ও ধার্মিকতার অন্বেষণ করো, তাহলে এই সমস্ত বিষয়ও তোমাদের দেওয়া হবে। 34 অতএব, কালকের বিষয়ে দুশ্চিন্তা কোরো না, কারণ কাল স্বয়ং নিজের বিষয়ে দুশ্চিন্তা করবে। প্রত্যেকটি দিনের কষ্ট প্রতিটি দিনের জন্য যথেষ্ট।

  2. 6 কোনো বিষয়েই উৎকণ্ঠিত হোয়ো না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। 7 এতে সব বোধবুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি, খ্রীষ্ট যীশুতে তোমাদের অন্তর ও মন রক্ষা করবে।

  3. 3 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক, যিনি করুণাময় পিতা ও সমস্ত সান্ত্বনার ঈশ্বর, 4 যিনি আমাদের সকল কষ্টের জন্য সান্ত্বনা প্রদান করেন, যেন আমরা স্বয়ং যে সান্ত্বনা ঈশ্বরের কাছ থেকে লাভ করেছি, যারা যে কোনো কষ্টভোগ করছে, তাদের সেই সান্ত্বনা দ্বারা সান্ত্বনা প্রদান করতে পারি। 5 কারণ যেমন খ্রীষ্টের কষ্টভোগ আমাদের জীবনে প্রচুররূপে প্রবাহিত হয়েছে, তেমনই খ্রীষ্টের মাধ্যমে আমাদের সান্ত্বনাও যেন প্রবলরূপে উপচে পড়ে। 6 আমরা যদি যন্ত্রণাগ্রস্ত হই, তা তোমাদের সান্ত্বনা ও পরিত্রাণের জন্য; যদি আমরা সান্ত্বনা লাভ করি, তা তোমাদের সান্ত্বনার জন্য, যা তোমাদের মধ্যে ধৈর্যসহ, আমরা যে কষ্টভোগ করি, সেই একই কষ্টভোগে সহ্যশক্তি উৎপন্ন করে। 7 আর তোমাদের জন্য আমাদের প্রত্যাশা অবিচল, কারণ আমরা জানি যে, যেমন তোমরা আমাদের কষ্টভোগের অংশীদার হও, তেমনই তোমরা আমাদের সান্ত্বনারও সহভাগী হয়ে থাকো।

  4. 11 আমি অভাবগ্রস্ত বলেই যে একথা তোমাদের বলছি, তা নয়। কারণ যে কোনো পরিস্থিতিতেই আমি সন্তুষ্ট থাকার শিক্ষা লাভ করেছি। 12 অভাব কী, তা আমি জানি এবং প্রাচুর্য কী, তাও আমি জানি। যে কোনো এবং প্রত্যেকটি পরিস্থিতিতে আমি সন্তুষ্ট থাকার গোপন রহস্য শিখেছি—ভালোভাবে উদরপূর্তি করার বা ক্ষুধার্ত থাকার, প্রাচুর্যের মধ্যে থাকার, কিংবা অনটনে থাকার। 13 যিনি আমাকে শক্তি দান করেন, তাঁর মাধ্যমে আমি সবকিছুই করতে পারি।

  5. 17 ধার্মিকরা কেঁদে ওঠে, আর সদাপ্রভু শোনেন;

    তিনি তাদের সব সংকট থেকে মুক্ত করেন।

    18 সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী,

    এবং যারা অন্তরে চূর্ণবিচূর্ণ, তাদের তিনি উদ্ধার করেন।

    19 ধার্মিক ব্যক্তি অনেক দুর্ভোগের সম্মুখীন হয়,

    কিন্তু সদাপ্রভু তাকে সেইসব থেকে মুক্ত করেন;

  6. 18 আমি এরকম মনে করি যে, আমাদের মধ্যে যে মহিমার প্রকাশ ঘটবে, আমাদের বর্তমানকালের কষ্টভোগের সঙ্গে তার কোনো তুলনা হতে পারে না। 19 ঈশ্বরের পুত্রগণের প্রকাশ পাওয়ার প্রতীক্ষায় সমস্ত সৃষ্টি সাগ্রহে অপেক্ষা করে আছে। 20 কারণ সৃষ্টি অলীকতার বশীভূত হয়েছিল, তার নিজের ইচ্ছায় নয়, কিন্তু যিনি বশীভূত করেছিলেন, তাঁর ইচ্ছায়; 21 প্রত্যাশা ছিল এই যে, সৃষ্টি স্বয়ং অবক্ষয়ের বাঁধন থেকে মুক্ত হবে এবং ঈশ্বরের সন্তানদের গৌরবোজ্জ্বল স্বাধীনতায় অংশীদার হবে।

    22 আমরা জানি যে, সমস্ত সৃষ্টি বর্তমানকাল পর্যন্ত সন্তান প্রসবের যন্ত্রণার মতো আর্তনাদ করছে।

  7. সংগীত পরিচালকের জন্য। কোরহ বংশের সন্তানদের গীত। অলামোৎ অনুসারে।

    1 ঈশ্বর আমাদের আশ্রয় ও বল,

    সংকটকালে সদা উপস্থিত সহায়।

    2 অতএব আমরা ভয় করব না, যদিও পৃথিবী কম্পিত হয়

    এবং সমুদ্রের বুকে পর্বতসকল পতিত হয়,

    3 যদিও সমুদ্র গর্জন করে ও প্রচণ্ড হয়,

    এবং উথাল জলে পর্বতসকল কেঁপে উঠে।

  8. 1 সার্বভৌম সদাপ্রভুর আত্মা আমার উপরে আছেন,

    কারণ সদাপ্রভু আমাকে অভিষিক্ত করেছেন,

    যেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করি।

    তিনি আমাকে ভগ্নহৃদয় মানুষকে সারিয়ে তুলতে প্রেরণ করেছেন,

    বন্দিদের কাছে স্বাধীনতা ঘোষণা করতে

    এবং কারারুদ্ধ মানুষদের অন্ধকার থেকে মুক্ত করতে,

    2 সদাপ্রভুর কৃপা প্রদর্শনের বছর ও আমাদের ঈশ্বরের

    প্রতিশোধ গ্রহণের দিন ঘোষণা করতে,

    সমস্ত বিলাপকারীকে সান্ত্বনা দিতে,

    3 ও যেন সিয়োনের শোকার্তজনেদের জন্য ব্যবস্থা করি—

    ভস্মের পরিবর্তে

    সৌন্দর্যের মুকুট,

    শোকবিলাপের পরিবর্তে

    আনন্দের তেল,

    এবং অবসন্ন হৃদয়ের পরিবর্তে

    প্রশংসার পোশাক।

    তাদের বলা হবে ধার্মিকতার ওক গাছ,

    শোভা ও সৌন্দর্য প্রদর্শনের জন্য

    যা সদাপ্রভু রোপণ করেছেন।

  9. 35 খ্রীষ্টের প্রেম থেকে কে আমাদের বিচ্ছিন্ন করবে? কষ্ট-সংকট, না দুর্দশা, না নির্যাতন, না দুর্ভিক্ষ, না নগ্নতা, না বিপদ, না তরোয়াল—এর কোনোটিই নয়? 36 যেমন লেখা আছে,

    “তোমার জন্য আমরা প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হই,

    বলির মেষের মতো আমাদের গণ্য করা হয়।”

    37 না, যিনি আমাদের প্রেম করেছেন, তাঁরই মাধ্যমে আমরা এসব বিষয়ে বিজয়ীর থেকেও বেশি বিজয়ী হয়েছি। 38 কারণ আমি নিশ্চিতরূপে জানতে পেরেছি যে, মৃত্যু বা জীবন, স্বর্গদূতেরা বা ভূতেরা, বর্তমান বা ভাবীকালের কোনো বিষয়, না কোনো পরাক্রম, 39 ঊর্ধ্বলোক বা অধোলোক বা সমস্ত সৃষ্টির অন্য কোনো বিষয়, কোনো কিছুই আমাদের প্রভু, খ্রীষ্ট যীশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না।

  10. 10 তাই ভয় কোরো না, কারণ আমি তোমার সঙ্গে আছি;

    হতাশ হোয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর।

    আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব;

    আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব।

  11. 6 সেই কারণে, ঈশ্বরের পরাক্রমী হাতের নিচে, নিজেদের নতনম্র করো, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদের উন্নত করেন। 7 তোমাদের সমস্ত দুশ্চিন্তার ভার তাঁরই উপরে দিয়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন।

    8 তোমরা আত্মসংযমী হও ও সতর্ক থাকো। তোমাদের শত্রু, সেই দিয়াবল, গর্জনকারী সিংহের মতো কাকে গ্রাস করবে, তাকে চারদিকে খুঁজে বেড়াচ্ছে। 9 বিশ্বাসে অটল থেকে তোমরা তার প্রতিরোধ করো, কারণ তোমরা জানো যে, সমগ্র জগতে বিশ্বাসী মণ্ডলীও একই রকমের কষ্ট-লাঞ্ছনা ভোগ করছে।

    10 আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর, যিনি খ্রীষ্টে তাঁর অনন্ত মহিমা প্রদানের জন্য তোমাদের আহ্বান করেছেন, সাময়িক কষ্টভোগ করার পর তিনি স্বয়ং তোমাদের পুনঃপ্রতিষ্ঠিত করবেন এবং তোমাদের শক্তিশালী, সুদৃঢ় ও অবিচল করবেন।

  12. 1 তারপর আমি এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবী দেখলাম, কারণ প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হয়েছিল এবং কোনো সমুদ্র আর ছিল না। 2 আর আমি দেখলাম, পবিত্র নগরী, সেই নতুন জেরুশালেম, স্বর্গ থেকে, ঈশ্বরের কাছ থেকে নেমে আসছে। সে তার বরের জন্য সুন্দর কনের বেশে সজ্জিত হয়েছিল। 3 আর আমি সেই সিংহাসন থেকে এক উচ্চ রব শুনতে পেলাম, তা বলছিল, “দেখো, এখন মানুষের মাঝে ঈশ্বরের আবাস, তিনি তাদের সঙ্গে বসবাস করবেন। তারা তাঁর প্রজা হবে এবং ঈশ্বর স্বয়ং তাদের সঙ্গে থাকবেন ও তাদের ঈশ্বর হবেন। 4 তিনি তাদের সমস্ত চোখের জল মুছে দেবেন। আর কোনো শোক বা মৃত্যু বা কান্না বা ব্যথাবেদনা হবে না, কারণ পুরোনো সমস্ত বিষয় গত হয়েছে।”

  13. 5 তুমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর উপর আস্থা রাখো

    ও নিজের বিচক্ষণতার উপর নির্ভর কোরো না;

    6 তোমার সমস্ত পথে তাঁর বশ্যতাস্বীকার করো,

    ও তিনি তোমার পথগুলি সোজা করে দেবেন।

  14. 6 তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের সব জনরব শুনবে। কিন্তু দেখো, তোমরা যেন ব্যাকুল না হও। এ সমস্ত বিষয় অবশ্যই ঘটবে, কিন্তু তখনও অন্তিমলগ্ন উপস্থিত হয়নি। 7 এক জাতি অন্য জাতির বিপক্ষে, এক রাজ্য অন্য রাজ্যের বিপক্ষে অভিযান করবে। বিভিন্ন স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হবে। 8 এসব প্রসব যন্ত্রণার সূচনা মাত্র।

    9 “তখন তোমাদেরকে অত্যাচার করার ও মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সমর্পণ করা হবে। আমার কারণে সমস্ত জাতির মানুষেরা তোমাদের ঘৃণা করবে। 10 সেই সময়ে অনেকেই বিশ্বাস হারাবে, বিশ্বাসঘাতকতা করবে ও পরস্পরকে ঘৃণা করবে। 11 বহু ভণ্ড ভাববাদী উপস্থিত হয়ে বহু মানুষের সঙ্গে প্রতারণা করবে। 12 আর দুষ্টতা বৃদ্ধি পাওয়ার কারণে অধিকাংশ মানুষেরই প্রেম শীতল হয়ে যাবে, 13 কিন্তু যে কেউ শেষ পর্যন্ত অবিচল থাকবে, সেই পরিত্রাণ পাবে। 14 আর সকল জাতির কাছে সাক্ষ্য দেওয়ার জন্য স্বর্গরাজ্যের এই সুসমাচার সমস্ত জগতে প্রচারিত হবে, আর তখনই অন্তিমলগ্ন উপস্থিত হবে।

    15 “আর তাই, যখন তোমরা দেখবে, ‘ধ্বংস-আনয়নকারী সেই ঘৃণ্য বস্তু’ পবিত্রস্থানে দাঁড়িয়ে আছে, যা ভাববাদী দানিয়েল উল্লেখ করেছেন—পাঠক বুঝে নিক— 16 তখন যারা যিহূদিয়া প্রদেশে বসবাস করে, তারা পার্বত্য অঞ্চলে পালিয়ে যাক। 17 তখন ছাদের উপরে যে থাকবে, সে যেন কোনো জিনিসপত্র ঘর থেকে নেওয়ার জন্য নিচে নেমে না আসে। 18 মাঠে যে থাকবে, সে যেন জামাকাপড় নেওয়ার জন্য ঘরে ফিরে না যায়। 19 সেই সময় গর্ভবতী নারীদের ও স্তন্যদাত্রী মায়েদের কতই না ভয়ংকর কষ্ট হবে! 20 প্রার্থনা কোরো, যেন তোমাদের পালিয়ে যাওয়া শীতকালে বা বিশ্রামদিনে না হয়। 21 কারণ সেই সময় এমন চরম বিপর্যয় এসে উপস্থিত হবে, যা পৃথিবী সৃষ্টির সময় থেকে এ পর্যন্ত কখনও হয়নি, আর কখনও হবেও না।

    22 “সেই সমস্ত দিনের সংখ্যা যদি কমিয়ে না দেওয়া হত, তাহলে কোনো মানুষই রক্ষা পেত না, কিন্তু যাদের তিনি মনোনীত করেছেন, তাঁদের জন্য সেইসব দিনের সংখ্যা কমিয়ে দেওয়া হবে।

  15. 3 তাকে তুমি পূর্ণ শান্তিতেই রাখবে,

    যার মন সুস্থির,

    কারণ সে তোমার উপরে নির্ভর করে।

    4 তোমরা চিরকাল সদাপ্রভুর উপরে নির্ভর করো,

    কারণ সদাপ্রভু, সেই সদাপ্রভুই হলেন শাশ্বত শৈল।

  16. 1 সেই সময় সেখানে উপস্থিত কয়েকজন যীশুকে সেই গালীলীয়দের সম্পর্কে সংবাদ দিল, যাদের রক্ত পীলাত তাদের বলির সঙ্গে মিশিয়ে ছিলেন। 2 যীশু উত্তর দিলেন, “তোমরা কি মনে করো যে, এইভাবে তাড়িত হয়েছিল বলে তারা অন্যান্য গালীলীয়দের তুলনায় বেশি পাপী ছিল? 3 আমি তোমাদের বলছি, না! কিন্তু মন পরিবর্তন না করলে তোমরা সবাই সেরকমই বিনষ্ট হবে। 4 অথবা, সিলোয়ামের মিনার চাপা পড়ে যে আঠারো জনের মৃত্যু হয়েছিল, তোমরা কি মনে করো, অন্যান্য জেরুশালেমবাসীদের চেয়ে তারা বেশি অপরাধী ছিল? 5 আমি তোমাদের বলছি, না! কিন্তু মন পরিবর্তন না করলে তোমরা সেরকমই বিনষ্ট হবে।”

  17. 27 আমি তোমাদের মধ্যে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিয়ে যাচ্ছি। জগৎ যেভাবে দেয়, আমি সেভাবে তোমাদের দান করি না। তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয় এবং তোমরা ভীত হোয়ো না।

    28 “তোমরা আমার কাছে শুনেছ, ‘আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাদের কাছে আবার ফিরে আসছি।’ তোমরা যদি আমাকে প্রেম করতে, আমি পিতার কাছে যাচ্ছি বলে তোমরা উল্লসিত হতে, কারণ পিতা আমার চেয়ে মহান।

  18. 33 “আমি তোমাদের এসব কথা জানালাম, যেন আমার মধ্যে তোমরা শান্তি লাভ করো। এই জগতে তোমরা সংকটের সম্মুখীন হবে, কিন্তু সাহস করো! আমি এই জগৎকে জয় করেছি।”

  19. 4 যদিও আমি হেঁটে যাই

    অন্ধকারাচ্ছন্ন উপত্যকার মধ্য দিয়ে,

    আমি কোনও অমঙ্গলের ভয় করব না,

    কারণ তুমি আমার সঙ্গে আছ;

    তোমার লাঠি ও তোমার ছড়ি,

    সেগুলি আমাকে সান্ত্বনা দেয়।

  20. 50 কষ্টে আমার সান্ত্বনা এই যে,

    তোমার প্রতিশ্রুতিই আমার জীবন বাঁচিয়ে রাখে।

  21. 25 “এই কারণে আমি তোমাদের বলছি, তোমাদের জীবনের বিষয়ে দুশ্চিন্তা কোরো না, তোমরা কী খাবে বা পান করবে; বা শরীরের বিষয়ে, কী পোশাক পড়বে। খাবারের চেয়ে জীবন কি বড়ো বিষয় নয় এবং পোশাকের চেয়ে শরীর কি বেশি গুরুত্বপূর্ণ নয়? 26 আকাশের পাখিদের দিকে তাকিয়ে দেখো; তারা বীজবপন করে না, ফসল কাটে না, বা গোলায় সঞ্চয়ও করে না; তবুও তোমাদের স্বর্গস্থ পিতা তাদের খাবার জুগিয়ে দেন। তোমরা কি তাদের চেয়েও অনেক বেশি মূল্যবান নও? 27 দুশ্চিন্তা করে তোমাদের কেউ কি নিজের আয়ু এক ঘণ্টাও বৃদ্ধি করতে পারে?

  22. 4 তোমাদের প্রতি আমার গভীর আস্থা আছে; তোমাদের নিয়ে আমার ভীষণ গর্ব। তাই আমি সম্পূর্ণ অনুপ্রাণিত হয়েছি; আমাদের সমস্ত কষ্ট-সংকটের মধ্যেও আমার আনন্দের সীমা নেই।

    5 কারণ, আমরা ম্যাসিডোনিয়ায় আসার পরেও, আমাদের এই শরীরের কোনো বিশ্রাম ছিল না, কিন্তু জীবনের প্রতিটি মোড়ে বিপর্যস্ত হচ্ছিলাম—বাইরে সংঘর্ষ, অন্তরে ভয়। 6 কিন্তু ঈশ্বর, যিনি দুঃখিত মানুষদের সান্ত্বনা প্রদান করেন, তিনি তীতের আগমনের মাধ্যমে আমাদের সান্ত্বনা দিলেন। 7 আর কেবলমাত্র তাঁর আগমনের মাধ্যমে নয়, কিন্তু তোমরা তাঁকে যে সান্ত্বনা দিয়েছ, তার মাধ্যমেও আশ্বস্ত করলেন। তিনি আমার জন্য তোমাদের আকাঙ্ক্ষা, তোমাদের গভীর দুঃখ, আমার জন্য তোমাদের প্রবল দুশ্চিন্তার কথাও ব্যক্ত করলেন, যেন আমার আনন্দ আগের থেকেও আরও বেশি হয়।

  23. একটি আরোহণ সংগীত।

    1 আমি পর্বতমালার দিকে চেয়ে দেখি—

    কোথা থেকে আমার সাহায্য আসে?

    2 স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা,

    সদাপ্রভুর কাছ থেকে আমার সাহায্য আসে।

  24. 2 তুমি যখন জলরাশির মধ্য দিয়ে অতিক্রম করবে,

    আমি তোমার সঙ্গে থাকব;

    তুমি যখন নদনদীর মধ্য দিয়ে যাবে,

    সেগুলি তোমাকে মগ্ন করতে পারবে না।

    যখন তুমি আগুনের মধ্য দিয়ে যাবে,

    তুমি দগ্ধ হবে না;

    সেই আগুনের শিখা তোমাকে পুড়িয়ে ফেলবে না।

    3 কারণ আমি সদাপ্রভু, তোমার ঈশ্বর,

    ইস্রায়েলের সেই পবিত্রতম জন, তোমার পরিত্রাতা;

    তোমার মুক্তিমূল্যরূপে আমি মিশরকে,

    তোমার পরিবর্তে আমি কূশ ও সবাকে দিয়েছি।

  25. 11 কারণ তোমাদের জন্য কৃত পরিকল্পনার কথা আমি জানি,” সদাপ্রভু এই কথা বলেন। “তা হল তোমাদের সমৃদ্ধির পরিকল্পনা, তোমাদের ক্ষতি করার নয়, তোমাদের এক আশা ও ভবিষ্যৎ মঙ্গলদানের পরিকল্পনা। 12 তখন তোমরা আমার নামে ডাকবে ও আমার কাছে এসে প্রার্থনা করবে। আর আমি তোমাদের কথা শুনব।

  26. 28 “ওহে, তোমরা যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। 29 আমার জোয়াল তোমরা নিজেদের উপরে তুলে নাও ও আমার কাছে শিক্ষা নাও, কারণ আমার স্বভাব কোমল ও নম্র। এতে তোমরা নিজেদের অন্তরে বিশ্রাম পাবে। 30 কারণ আমার জোয়াল সহজ ও আমার বোঝা হালকা।”

  27. 27 “লিলি ফুল কেমন বেড়ে ওঠে, ভেবে দেখো। তারা পরিশ্রম করে না, সুতোও কাটে না। তবুও আমি তোমাদের বলছি, রাজা শলোমনও তাঁর সমস্ত মহিমায় এদের একটিরও মতো সুশোভিত ছিলেন না। 28 মাঠের যে ঘাস আজ আছে, অথচ আগামীকাল আগুনে নিক্ষিপ্ত করা হবে, ঈশ্বর যদি সেগুলিকে এত সুশোভিত করে থাকেন, তাহলে ওহে অল্পবিশ্বাসীরা, তিনি তোমাদের আরও কত বেশি সুশোভিত করবেন! 29 আর কী খাবার খাবে বা কী পান করবে, তা নিয়ে তোমাদের হৃদয়কে ব্যাকুল কোরো না; এজন্য তোমরা দুশ্চিন্তা কোরো না। 30 কারণ জগতে ঈশ্বরে অবিশ্বাসীরা এসব জিনিসের পিছনে ছুটে বেড়ায়; কিন্তু তোমাদের পিতা জানেন, তোমাদের এগুলির প্রয়োজন আছে।

  28. 11 তোমরা জানো, পিতা তাঁর নিজের সন্তানদের প্রতি যেমন আচরণ করেন, আমরাও তোমাদের প্রত্যেকের সঙ্গে তেমনই আচরণ করেছি। 12 আমরা তোমাদেরও তেমনই উদ্বুদ্ধ করছি, সান্ত্বনা দিচ্ছি ও প্রেরণা দিচ্ছি যেন ঈশ্বর তাঁর যে রাজ্যে ও মহিমায় তোমাদের আহ্বান করেছেন, তোমরা তার যোগ্য হয়ে জীবনযাপন করো।

  29. 22 সদাপ্রভুতে নিজের ভার অর্পণ করো

    আর তিনি তোমাকে বাঁচিয়ে রাখবেন;

    তিনি কখনও ধার্মিকদের

    বিচলিত হতে দেবেন না।

  30. 7 আমিই আলো গঠন ও অন্ধকার সৃষ্টি করি,

    আমি সমৃদ্ধি নিয়ে আসি ও বিপর্যয় সৃষ্টি করি;

    আমি সদাপ্রভুই এই সমস্ত কাজ করি।

  31. 31 কারণ প্রভু মানুষকে

    চিরকালের জন্য পরিত্যাগ করেন না।

    32 যদিও তিনি তাকে দুঃখ দেন, তাহলেও তিনি করুণা প্রদর্শন করবেন,

    তাঁর অব্যর্থ ভালোবাসা এমনই মহান।

    33 কারণ তিনি ইচ্ছা করে মানবসন্তানদের

    কষ্ট বা মনোদুঃখ দেন না।

  32. 7 সদাপ্রভু মঙ্গলময়,

    সংকটকালে এক আশ্রয়স্থল।

    যারা তাঁতে নির্ভরশীল হয় তিনি তাদের যত্ন নেন,

  33. 13 তাঁরা চলে যাওয়ার পরে প্রভুর এক দূত স্বপ্নে যোষেফের কাছে আবির্ভূত হয়ে বললেন, “ওঠো, শিশুটি ও তাঁর মাকে নিয়ে মিশরে পালিয়ে যাও। আমি যতক্ষণ না বলি, সেখানেই থেকো, কারণ শিশুটিকে হত্যা করার জন্য হেরোদ তাঁর অনুসন্ধান করবে।”

    14 অতএব, যোষেফ উঠে শিশুটি ও তাঁর মাকে নিয়ে সেই রাত্রিতেই মিশরের উদ্দেশে রওনা হলেন। 15 হেরোদের মৃত্যু পর্যন্ত তিনি সেখানেই থাকলেন। আর এভাবেই, ভাববাদীর মাধ্যমে প্রভু যা ব্যক্ত করেছিলেন, তা পূর্ণ হল: “মিশর থেকে আমি আমার পুত্রকে ডেকে আনলাম।”

    16 পণ্ডিতেরা তাঁর সঙ্গে প্রতারণা করেছেন উপলব্ধি করে হেরোদ ক্রোধে উন্মত্ত হলেন। পণ্ডিতদের কাছে জেনে নেওয়া সময় হিসেব করে, তিনি বেথলেহেম ও তার সন্নিহিত অঞ্চলের দু-বছর ও তার কমবয়সি সমস্ত শিশুকে হত্যা করার আদেশ দিলেন। 17 তখন ভাববাদী যিরমিয়ের দ্বারা কথিত এই বচন পূর্ণ হল।

    18 “রামা-নগরে এক স্বর শোনা যাচ্ছে,

    এক ক্রন্দন ও মহাবিলাপের রব,

    রাহেল তাঁর সন্তানদের জন্য কাঁদছেন,

    তিনি সান্ত্বনা পেতে চান না,

    কারণ তারা আর বেঁচে নেই।”

  34. 3 শুধু তাই নয়, আমরা আমাদের দুঃখকষ্টেও আনন্দ করি, কারণ আমরা জানি, দুঃখকষ্ট সহিষ্ণুতাকে, 4 সহিষ্ণুতা অভিজ্ঞতাকে ও অভিজ্ঞতা প্রত্যাশার জন্ম দেয়। 5 সেই প্রত্যাশা আমাদের নিরাশ করে না, কারণ আমাদের প্রতি দেওয়া পবিত্র আত্মা দ্বারা ঈশ্বর তাঁর প্রেম আমাদের হৃদয়ে উজাড় করে ঢেলে দিয়েছেন।

  35. 7 অতএব শয়তান সদাপ্রভুর কাছ থেকে চলে গেল এবং ইয়োবের পায়ের তলা থেকে তার মাথার তালু পর্যন্ত বেদনাদায়ক ঘা উৎপন্ন করে তাঁকে পীড়িত করল। 8 তখন ইয়োব এক টুকরো খাপরা তুলে নিলেন এবং ছাই-গাদায় বসে নিজের গা চুলকাতে লাগলেন।

    9 তাঁর স্ত্রী তাঁকে বললেন, “এখনও কি তুমি তোমার সততা বজায় রাখার চেষ্টা করছ? ঈশ্বরকে অভিশাপ দাও ও মরে যাও!”

    10 তিনি উত্তর দিলেন, “তুমি একজন মূর্খ মহিলার মতো কথা বলছ। আমরা কি ঈশ্বরের কাছ থেকে মঙ্গলই গ্রহণ করব আর দুঃখকষ্ট গ্রহণ করব না?”

    এসব কিছুতে, ইয়োব তাঁর কথাবার্তার মাধ্যমে পাপ করেননি।

  36. সংগীত পরিচালকের জন্য। দাউদের মিকতাম। সেই সময়ে রচিত যখন তিনি শৌলের হাত থেকে পালিয়ে গুহায় লুকিয়েছিলেন। সুর “ধ্বংস কোরো না।”

    1 আমার প্রতি কৃপা করো, হে আমার ঈশ্বর, আমার প্রতি কৃপা করো,

    কারণ আমি তোমাতে আশ্রয় নিয়েছি।

    যতক্ষণ না পর্যন্ত বিপদ কেটে যায়

    আমি তোমার ডানার ছায়ায় আশ্রয় নেবো।

    2 আমি পরাৎপর ঈশ্বরের কাছে প্রার্থনা করব,

    ঈশ্বরের কাছে যিনি আমার প্রতি তাঁর সংকল্প পূর্ণ করেন।

  37. 1 যে ব্যক্তি পরাৎপরের আশ্রয়ে বসবাস করে

    সে সর্বশক্তিমানের ছায়ায় বিশ্রাম পাবে।

    2 আমি সদাপ্রভু সম্বন্ধে বলব, “তিনিই আমার আশ্রয় এবং আমার উচ্চদুর্গ,

    আমার ঈশ্বর, যার উপর আমি আস্থা রাখি।”

  38. 11 ওহে দুর্দশাগ্রস্ত, ঝড়ে আহত, সান্ত্বনাবিহীন নগরী,

    আমি ফিরোজা মণি দিয়ে তোমাকে গেঁথে তুলব,

    তোমার ভিত্তিমূলগুলি হবে নীলকান্তমণির।

  39. 4 ধন্য তারা, যারা শোক করে,

    কারণ তারা সান্ত্বনা পাবে।

  40. 7 তোমরা যখন যুদ্ধের কথা ও যুদ্ধের সব জনরব শুনবে, তখন আতঙ্কগ্রস্ত হোয়ো না। এ সমস্ত বিষয় অবশ্যই ঘটবে, কিন্তু তখনও অন্তিমলগ্ন উপস্থিত হয়নি। 8 এক জাতি অন্য জাতির বিপক্ষে, এক রাজ্য অন্য রাজ্যের বিপক্ষে অভিযান করবে। বিভিন্ন স্থানে ভূমিকম্প হবে ও দুর্ভিক্ষ দেখা দেবে। কিন্তু এসব প্রসব যন্ত্রণার সূচনা মাত্র।

    9 “তোমরা অবশ্যই নিজেদের সম্পর্কে সতর্ক থাকবে। তোমাদেরকে স্থানীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে ও সমাজভবনগুলিতে চাবুক মারা হবে। আমার কারণে তোমাদের বিভিন্ন প্রদেশপাল ও রাজাদের কাছে দাঁড়াতে হবে, তাদের কাছে তোমরা আমার সাক্ষীস্বরূপ হবে। 10 আর প্রথমে সমস্ত জাতির কাছে সুসমাচার প্রচারিত হবে। 11 যখনই তোমাদের গ্রেপ্তার করে বিচারের জন্য নিয়ে আসা হবে, কী বলবে, তা নিয়ে আগে থেকেই দুশ্চিন্তাগ্রস্ত হোয়ো না। সেই সময়ে তোমাদের যা দেওয়া হবে, কেবলমাত্র তাই বোলো, কারণ তোমরা যে কথা বলবে, এমন নয়, কিন্তু পবিত্র আত্মাই বলবেন।

    12 “ভাই ভাইকে ও পিতা সন্তানকে প্রতারিত করবে; ছেলেমেয়েরা বাবা-মার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে তাদের মৃত্যুর উদ্দেশে সমর্পণ করবে। 13 আমার কারণে সব মানুষ তোমাদের ঘৃণা করবে, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত অবিচল থাকবে, সেই পরিত্রাণ পাবে।

  41. 53 কারণ এই ক্ষয়প্রাপ্তকে অক্ষয়তা পরিধান করতে হবে এবং এই মরদেহকে অমরতা পরিধান হতে হবে। 54 আর এই ক্ষয়প্রাপ্ত যখন অক্ষয়তা পরিধান করবে ও এই মরদেহ অমরতা পরিধান করবে, তখন এই যে কথা লেখা আছে, তা সত্য প্রমাণিত হবে: “চিরকালের জন্য মৃত্যুকে গ্রাস করা হয়েছে।”

    55 “মৃত্যু, তোমার জয় কোথায়?

    মৃত্যু, তোমার হুল কোথায়?”

    56 মৃত্যুর হুল পাপ ও পাপের পরাক্রম হল বিধান। 57 কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক! তিনি প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের বিজয় দান করেন।

  42. 16 সেই কারণে, আমরা নিরুৎসাহ হই না। যদিও বাহ্যিকভাবে আমরা ক্ষয়প্রাপ্ত হচ্ছি, তবুও অভ্যন্তরীণভাবে দিন-প্রতিদিন আমরা নতুন হচ্ছি। 17 কারণ আমাদের তুচ্ছ ও ক্ষণস্থায়ী কষ্টসমস্যাগুলি আমাদের জন্য যে চিরন্তন মহিমা অর্জন করছে, তা সেইসব কষ্টসমস্যাকে বিপুলরূপে অতিক্রম করে। 18 তাই কোনো দৃশ্যমান বস্তুর দিকে নয়, কিন্তু যা অদৃশ্য তার প্রতি আমরা দৃষ্টি নিবদ্ধ করি। কারণ যা কিছু দৃশ্যমান, তা ক্ষণস্থায়ী, কিন্তু যা কিছু অদৃশ্য তাই চিরন্তন।

  43. 14 অতএব, আমরা এমন এক মহান মহাযাজককে পেয়েছি, যিনি আকাশমণ্ডল অতিক্রম করে উন্নীত হয়েছেন, তিনি ঈশ্বরের পুত্র যীশু; তাই এসো, আমরা যে বিশ্বাস স্বীকার করি, তা দৃঢ়রূপে আঁকড়ে ধরে থাকি। 15 কারণ আমাদের মহাযাজক এমন নন, যিনি আমাদের দুর্বলতায় সহানুভূতি দেখাতে অক্ষম; বরং আমরা এমন একজনকে পেয়েছি, যিনি আমাদেরই মতো সব বিষয়ে প্রলোভিত হয়েছিলেন, অথচ নিষ্পাপ থেকেছেন। 16 তাই এসো, আস্থার সঙ্গে আমরা তাঁর অনুগ্রহ-সিংহাসনের সামনে উপস্থিত হই, যেন আমরা করুণা লাভ করতে পারি ও আমাদের প্রয়োজনের সময়ে অনুগ্রহ পাই।

  44. 6 তোমরা বলবান হও ও সাহস করো। তাদের তোমরা ভয় পেয়ো না কিংবা আতঙ্কগ্রস্ত হোয়ো না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সঙ্গে যাবেন; তিনি কখনও তোমাদের ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না।”

  45. 9 আমি কি তোমাকে এই আদেশ দিইনি? তুমি শক্তিশালী ও সাহসী হও। তুমি ভীত হোয়ো না; হতাশ হোয়ো না, কারণ তুমি যেখানেই যাবে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে সঙ্গে থাকবেন।”

    10 অতএব যিহোশূয় লোকদের কর্মকর্তাদের আদেশ দিলেন:

  46. 6 আমার সংকটে আমি সদাপ্রভুকে ডাকলাম;

    আমার ঈশ্বরের কাছে সাহায্যের জন্য কেঁদে উঠলাম।

    তাঁর মন্দির থেকে তিনি আমার গলার স্বর শুনলেন,

    আমার আর্তনাদ তাঁর সামনে এল, তাঁর কানে পৌঁছাল।

    7 তখন পৃথিবী টলে উঠল, কেঁপে উঠল,

    এবং পর্বতের ভিত নড়ে উঠল;

    কেঁপে উঠল তাঁর ক্রোধের কারণে।

  47. 5 হে আমার প্রাণ, কেন তুমি অবসন্ন?

    কেন তুমি অন্তরে এত হতাশ?

    ঈশ্বরে তুমি আশা রাখো,

    কারণ আমি আবার তাঁর প্রশংসা করব

    যিনি আমার পরিত্রাতা ও আমার ঈশ্বর।

  48. 76 তোমার অবিচল প্রেম যেন আমার সান্ত্বনা হয়,

    যেমন তুমি তোমার দাসের কাছে প্রতিশ্রুতি দিয়েছ।

  49. 25 আকস্মিক বিপর্যয় দেখে ভয় পাবে না

    বা দুষ্টদের সর্বনাশ হতে দেখেও ভয় পাবে না,

    26 কারণ সদাপ্রভু তোমার পাশে দাঁড়াবেন

    ও তোমার পা-কে ফাঁদে পড়া থেকে তিনিই রক্ষা করবেন।

  50. 28 তুমি কি জানো না?

    তুমি কি কখনও শোনোনি?

    সদাপ্রভুই সনাতন ঈশ্বর,

    তিনি পৃথিবীর প্রান্তসীমার সৃষ্টিকর্তা।

    তিনি শ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না,

    তাঁর বুদ্ধির গভীরতা কেউ পরিমাপ করতে পারে না।

    29 তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন,

    দুর্বলের শক্তিবৃদ্ধি করেন।

    30 এমনকি, যুবকেরাও শ্রান্ত ও ক্লান্ত হয়,

    তরুণেরা হোঁচট খেয়ে পতিত হয়;

    31 কিন্তু যারা সদাপ্রভুতে প্রত্যাশা রাখে,

    তারা তাদের শক্তি নবায়িত করবে।

    তারা ঈগল পাখির মতোই ডানা মেলবে,

    তারা দৌড়াবে, কিন্তু ক্লান্ত হবে না,

    তারা চলাফেরা করবে, কিন্তু মূর্ছিত হবে না।

  51. 13 আকাশমণ্ডল, আনন্দে চিৎকার করো;

    পৃথিবী, উল্লসিত হও;

    পর্বতমালা সকলে, আনন্দগানে ফেটে পড়ো!

    কারণ সদাপ্রভু তাঁর প্রজাদের সান্ত্বনা দিয়েছেন,

    তাঁর অত্যাচারিত লোকেদের তিনি সহানুভূতি দেখাবেন।

  52. 5 কিন্তু তিনি আমাদের অপরাধের জন্য বিদ্ধ,

    আমাদের অধর্ম সকলের জন্য চূর্ণ হয়েছেন;

    আমাদের শান্তিলাভের জন্য তাঁকে শাস্তি ভোগ করতে হল,

    আর তাঁর ক্ষতসকলের দ্বারা আমরা আরোগ্য লাভ করলাম।

    6 আমরা সবাই মেষদের মতো বিপথগামী হয়েছিলাম,

    প্রত্যেকেই নিজের নিজের পথে চলে গিয়েছিলাম;

    আর সদাপ্রভু আমাদের সকলের অপরাধ

    তাঁর উপরে অর্পণ করেছেন।

  53. 12 কারণ সদাপ্রভু এই কথা বলেন,

    “আমি নদীস্রোতের মতো তার প্রতি শান্তি প্রবাহিত করব,

    জাতিসমূহের ঐশ্বর্য বন্যার স্রোতের মতো নিয়ে আসব;

    তার স্তনযুগল থেকে তার সন্তানেরা পুষ্টি লাভ করবে, তাদের দুই হাতে বহন করা হবে,

    কোলে তুলে তাদের খেলানো হবে।

    13 যেভাবে মা তার শিশুকে সান্ত্বনা দেয়,

    তেমনই আমি তোমাদের সান্ত্বনা দেব;

    আর তোমরা জেরুশালেমেই সান্ত্বনা লাভ করবে।”

    14 এসব দেখে তোমাদের অন্তর আনন্দিত হবে,

    আর তোমরা ঘাসের মতোই বেড়ে উঠবে;

    সদাপ্রভুর হাত তাঁর দাসদের কাছে নিজের পরিচয় দেবে,

    কিন্তু তাঁর ক্রোধ তাঁর শত্রুদের কাছে প্রদর্শিত হবে।

  54. 7 “কিন্তু ধন্য সেই মানুষ, যে সদাপ্রভুর উপরে নির্ভর করে,

    যার আস্থা থাকে তাঁরই উপর।

    8 সে জলের তীরে রোপিত বৃক্ষের মতো হবে,

    যার শিকড় ছড়িয়ে যায় জলের দিকে।

    গ্রীষ্মের আগমনে সে ভয় পায় না,

    তার পাতাগুলি সবসময়ই সবুজ থাকে।

    খরার বছরে তার দুশ্চিন্তা হয় না

    ফল উৎপন্ন করতে সে কখনও ব্যর্থ হয় না।”

  55. 26 একইভাবে পবিত্র আত্মা আমাদের দুর্বলতায় আমাদের সাহায্য করেন। সঠিক কী প্রার্থনা করতে হয়, তা আমরা জানি না, কিন্তু পবিত্র আত্মা স্বয়ং আমাদের পক্ষে আর্তস্বরে প্রার্থনা করেন, যা ভাষায় প্রকাশ করা যায় না।

  56. 28 আর আমরা জানি যে, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তাঁর ইচ্ছা অনুসারে আহূত, তিনি সব বিষয়ে তাদের মঙ্গলসাধনের জন্য কাজ করেন।

  57. 8 আমরা চতুর্দিক থেকেই প্রবলরূপে নিষ্পেষিত হচ্ছি, কিন্তু চূর্ণ হচ্ছি না; হতবুদ্ধি হচ্ছি, কিন্তু নিরাশ হচ্ছি না; 9 নির্যাতিত হচ্ছি, কিন্তু পরিত্যক্ত হচ্ছি না; আঘাতে ধরাশায়ী হচ্ছি, কিন্তু বিধ্বস্ত হচ্ছি না। 10 আমরা সবসময়ই, আমাদের শরীরে যীশুর মৃত্যুকে বহন করে চলেছি, যেন আমাদের শরীরে যীশুর জীবনও প্রকাশ পায়।

  58. 1 এখন আমরা জানি যে, যদি এই পার্থিব তাঁবু, যার মধ্যে আমরা বসবাস করি, তা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের জন্য আছে এক ঈশ্বরের দেওয়া গৃহ, স্বর্গে এক চিরন্তন আবাস, যা মানুষের হাতে তৈরি নয়।

  59. 17 সপ্তম স্বর্গদূত আকাশের উপরে তাঁর বাটি ঢেলে দিলেন। তখন মন্দিরের ভিতরের সিংহাসন থেকে এক উচ্চধ্বনি শোনা গেল, যা বলছিল, “সমাপ্ত হল!” 18 তারপর সেখানে প্রকাশ পেল বিদ্যুতের ঝলকানি, গুরুগম্ভীর ধ্বনি, বজ্রপাত ও এক প্রচণ্ড ভূমিকম্প। পৃথিবীতে মানুষের সৃষ্টি হওয়া থেকে এমন ভূমিকম্প আর কখনও হয়নি, সেই ভূমিকম্প ছিল এমনই সাংঘাতিক। 19 এতে সেই মহানগরী তিন ভাগে বিভক্ত হল ও বিভিন্ন দেশের নগর ধূলিসাৎ হল। ঈশ্বর মহানগরী ব্যাবিলনকে স্মরণ করলেন এবং তাঁর ভয়ংকর ক্রোধে পূর্ণ সুরার পানপাত্র তাকে দিলেন। 20 প্রত্যেকটি দ্বীপ পালিয়ে গেল ও পর্বতগণকে আর খুঁজে পাওয়া গেল না। 21 আর মহাকাশ থেকে মানুষদের উপরে বড়ো বড়ো শিলাবৃষ্টি হল, তার এক একটির ওজন প্রায় পঞ্চাশ কিলোগ্রাম। তখন তারা শিলাবৃষ্টির জন্য ঈশ্বরকে অভিশাপ দিল, কারণ সেই আঘাত ছিল অত্যন্ত ভয়ংকর।