74 Bible Verses About God's Protection

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About God's Protection
  1. 1 যে ব্যক্তি পরাৎপরের আশ্রয়ে বসবাস করে

    সে সর্বশক্তিমানের ছায়ায় বিশ্রাম পাবে।

    2 আমি সদাপ্রভু সম্বন্ধে বলব, “তিনিই আমার আশ্রয় এবং আমার উচ্চদুর্গ,

    আমার ঈশ্বর, যার উপর আমি আস্থা রাখি।”

    3 নিশ্চয় তিনিই তোমাকে

    শিকারির ফাঁদ

    আর মারাত্মক মহামারি থেকে রক্ষা করবেন।

    4 তিনি নিজের পালকে তোমাকে আবৃত করবেন,

    এবং তাঁর ডানার তলায় তুমি আশ্রয় পাবে;

    তাঁর বিশ্বস্ত প্রতিশ্রুতি হবে তোমার ঢাল ও সুরক্ষা।

    5 তুমি রাতের আতঙ্ক থেকে ভয় পাবে না,

    অথবা দিনে উড়ন্ত তির থেকে,

    6 অথবা মহামারি থেকে যা অন্ধকারে আক্রমণ করে,

    অথবা সংক্রামক ব্যাধি থেকে যা দুপুরে ধ্বংস করে।

    7 তোমার পাশে হাজার জনের পতন হতে পারে,

    তোমার ডানপাশে দশ হাজার জনের,

    কিন্তু তা তোমার কাছে আসবে না।

    8 তুমি তোমার চোখ দিয়ে কেবল লক্ষ্য করবে

    আর দুষ্টদের শাস্তি পেতে দেখবে।

    9 যদি তুমি বলো, “সদাপ্রভু আমার আশ্রয়,”

    আর তুমি পরাৎপরকে নিজের বাসস্থান করো,

    10 তোমার কোনও অনিষ্ট হবে না,

    কোনও বিপর্যয় তোমার তাঁবুর কাছে আসবে না।

    11 কারণ তিনি তাঁর দূতদের তোমার বিষয়ে

    তোমার চলার সব পথে তোমাকে রক্ষা করার আদেশ দেবেন;

    12 তাঁরা তোমাকে তাঁদের হাতে তুলে নেবেন,

    যেন তোমার পায়ে পাথরের আঘাত না লাগে।

  2. একটি আরোহণ সংগীত।

    1 আমি পর্বতমালার দিকে চেয়ে দেখি—

    কোথা থেকে আমার সাহায্য আসে?

    2 স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা,

    সদাপ্রভুর কাছ থেকে আমার সাহায্য আসে।

    3 তিনি তোমাকে হোঁচট খেতে দেবেন না,

    তোমার রক্ষক তন্দ্রাচ্ছন্ন হবেন না;

    4 সত্যিই, যিনি ইস্রায়েলের রক্ষক,

    তিনি তন্দ্রাচ্ছন্ন বা নিদ্রামগ্ন হবেন না।

    5 সদাপ্রভু তোমার রক্ষক,

    সদাপ্রভু তোমার ডানদিকে তোমার ছায়া;

    6 দিনে সূর্য তোমার ক্ষতি করবে না,

    এমনকি রাতে চাঁদও করবে না।

    7 সদাপ্রভু তোমাকে সব অমঙ্গল থেকে রক্ষা করবেন

    আর তিনি তোমার প্রাণরক্ষা করবেন;

    8 তোমার যাওয়া-আসার পথে সদাপ্রভু তোমাকে রক্ষা করবেন

    এখন থেকে চিরকাল পর্যন্ত।

  3. 1 সবশেষে বলি, ভাইবোনেরা, আমাদের জন্য প্রার্থনা করো, যেন প্রভুর বাণী দ্রুত ছড়িয়ে পড়ে এবং সসম্মানে গৃহীত হয়, যেমন তোমাদের ক্ষেত্রে হয়েছিল। 2 আর প্রার্থনা করো, দুষ্ট ও নীচ লোকদের হাত থেকে আমরা যেন নিষ্কৃতি পাই, কারণ প্রত্যেকের যে বিশ্বাস আছে, এমন নয়, 3 কিন্তু প্রভু বিশ্বস্ত। তিনি তোমাদের শক্তি দেবেন এবং সেই পাপাত্মা থেকে রক্ষা করবেন। 4 তোমাদের সম্পর্কে প্রভুতে আমাদের এই দৃঢ়প্রত্যয় আছে যে, আমাদের সমস্ত আদেশ, যা তোমরা পালন করছ, তা করে যাবে। 5 প্রভু তোমাদের হৃদয়কে ঈশ্বরের প্রেমের পথে এবং খ্রীষ্টের ধৈর্যের পথে চালিত করুন।

  4. সংগীত পরিচালকের জন্য। কোরহ বংশের সন্তানদের গীত। অলামোৎ অনুসারে।

    1 ঈশ্বর আমাদের আশ্রয় ও বল,

    সংকটকালে সদা উপস্থিত সহায়।

    2 অতএব আমরা ভয় করব না, যদিও পৃথিবী কম্পিত হয়

    এবং সমুদ্রের বুকে পর্বতসকল পতিত হয়,

    3 যদিও সমুদ্র গর্জন করে ও প্রচণ্ড হয়,

    এবং উথাল জলে পর্বতসকল কেঁপে উঠে।

    4 এক নদী আছে যার জলস্রোত ঈশ্বরের নগরীকে,

    পরাৎপরের আবাসের পবিত্র স্থানকে আনন্দিত করে।

    5 ঈশ্বর সেই নগরীর মধ্যে আছেন, তার পতন হবে না;

    দিনের শুরুতেই ঈশ্বর তাকে সাহায্য করবেন।

    6 জাতিরা বিশৃঙ্খলতায় পূর্ণ এবং তাদের রাজ্যগুলি পতিত হয়;

    ঈশ্বরের কণ্ঠস্বর গর্জন করে এবং পৃথিবী গলে যায়!

    7 সর্বশক্তিমান সদাপ্রভু আমাদের সঙ্গে আছেন;

    যাকোবের ঈশ্বর আমাদের উচ্চদুর্গ।

    8 এসো এবং দেখো, সদাপ্রভু কী করেন,

    দেখো, কীভাবে তিনি এই জগতে ধ্বংস নিয়ে আসেন।

    9 তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত

    যুদ্ধ বন্ধ করেন।

    তিনি ধনুক ভেঙে দেন ও বর্শা চূর্ণ করেন;

    তিনি ঢালগুলি আগুনে পুড়িয়ে দেন।

    10 তিনি বলেন, “শান্ত হও, আর জানো, আমিই ঈশ্বর;

    সমস্ত জাতিতে আমি মহিমান্বিত হব,

    সমস্ত পৃথিবীতে আমি মহিমান্বিত হব।”

    11 সর্বশক্তিমান সদাপ্রভু আমাদের সঙ্গে আছেন;

    যাকোবের ঈশ্বর আমাদের উচ্চদুর্গ।

  5. 10 সদাপ্রভুর নাম এক সুরক্ষিত মিনার;

    ধার্মিকেরা সেখানে দৌড়ে যায় ও নিরাপদ বোধ করে।

  6. 10 তাই ভয় কোরো না, কারণ আমি তোমার সঙ্গে আছি;

    হতাশ হোয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর।

    আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব;

    আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব।

    11 “যারা তোমার বিরুদ্ধে রেগে ওঠে,

    তারা অবশ্যই লজ্জিত ও অপমানিত হবে;

    যারা তোমার বিরোধিতা করে,

    তারা অসার প্রতিপন্ন হয়ে ধ্বংস হবে।

    12 তুমি যদিও তোমার শত্রুদের খুঁজবে,

    তুমি তাদের সন্ধান পাবে না।

    যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে,

    তাদের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না।

    13 কারণ আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর,

    যিনি ধারণ করেন তোমার ডান হাত

    এবং তোমাকে বলেন, ভয় কোরো না;

    আমি তোমাকে সাহায্য করব।

  7. 10 পরিশেষে, তোমরা প্রভুতে এবং তাঁর প্রবল পরাক্রমে বলীয়ান হও। 11 ঈশ্বরের সম্পূর্ণ রণসাজ পরে নাও, যেন দিয়াবলের বিভিন্ন চাতুরী প্রতিহত করতে পারো। 12 কারণ আমাদের সংগ্রাম রক্তমাংসের বিরুদ্ধে নয়, কিন্তু আধিপত্য ও কর্তৃত্বের বিরুদ্ধে, অন্ধকারে আচ্ছন্ন এই জগতের শক্তির বিরুদ্ধে এবং স্বর্গীয় স্থানের মন্দ আত্মিক শক্তির বিরুদ্ধে। 13 তাই, ঈশ্বরের সম্পূর্ণ রণসাজ পরে নাও, যেন সেই মন্দ দিন উপস্থিত হলে তোমরা শত্রুর আক্রমণ প্রতিহত করতে পারো এবং সমস্ত বিষয় সম্পন্ন করে স্থির থাকতে পারো। 14 সুতরাং সত্যের বেল্ট কোমরে বেঁধে, ধার্মিকতার বুকপাটা পরে নিয়ে এবং 15 শান্তির সুসমাচার প্রচারের তৎপরতায় চটিজুতো পরে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো। 16 এসব ছাড়া তুলে নাও বিশ্বাসের ঢাল; তা দিয়েই সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ তোমরা নির্বাপিত করতে পারবে। 17 আর ধারণ করো পরিত্রাণের শিরস্ত্রাণ ও আত্মার তরোয়াল, অর্থাৎ ঈশ্বরের বাক্য।

    18 সব উপলক্ষে, সব ধরনের মিনতি ও অনুরোধের সঙ্গে আত্মায় প্রার্থনা করো। এসব স্মরণে রেখে সতর্ক থেকো এবং সকল পবিত্রগণের জন্য সবসময়ই প্রার্থনায় রত থেকো। 19 তোমরা আমার জন্য প্রার্থনা কোরো, যেন আমি যখনই মুখ খুলি, সুসমাচারের গুপ্তরহস্য নির্ভীকভাবে প্রচার করতে আমাকে বাক্য দান করা হয়। 20 এরই জন্য কারাগারে বন্দি হয়েও আমি রাজদূতের কাজ করছি। প্রার্থনা কোরো, যেমন করা উচিত তেমনই আমি সাহসের সঙ্গে সেই ঘোষণা করতে পারি।

  8. 3 কিন্তু, হে সদাপ্রভু, তুমি আমার চারপাশের ঢাল,

    আমার গৌরব, তিনি আমার মাথা উঁচু করেন।

    4 আমি স্বরবে সদাপ্রভুর কাছে বিনতি করি,

    আর তিনি তাঁর পবিত্র পর্বত থেকে আমাকে উত্তর দেন।

    5 আমি শুয়ে থাকি এবং ঘুমিয়ে পড়ি;

    আমি আবার জেগে উঠি, কারণ সদাপ্রভু আমায় ধারণ করেন।

  9. 6 তোমরা বলবান হও ও সাহস করো। তাদের তোমরা ভয় পেয়ো না কিংবা আতঙ্কগ্রস্ত হোয়ো না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সঙ্গে যাবেন; তিনি কখনও তোমাদের ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না।”

  10. 11 কিন্তু যারা তোমাতে আশ্রয় নেয় তারা আনন্দ করুক;

    তারা চিরকাল আনন্দগান করুক।

    তোমার সুরক্ষা তাদের উপর বিছিয়ে দাও,

    যেন যারা তোমার নাম ভালোবাসে, তারা তোমাতে উল্লাস করে।

  11. প্রধান সংগীত পরিচালকের জন্য। সদাপ্রভুর দাস দাউদের। সদাপ্রভু যেদিন তাঁর দাস দাউদকে সমস্ত শত্রু এবং শৌলের হাত থেকে উদ্ধার করেছিলেন সেদিন দাউদ সদাপ্রভুর উদ্দেশে এই গীত গেয়েছিলেন। দাউদ বলেছিলেন:

    1 হে সদাপ্রভু, আমি তোমায় ভালোবাসি, তুমি আমার শক্তি।

    2 সদাপ্রভু আমার শৈল, আমার উচ্চদুর্গ, আমার উদ্ধারকর্তা;

    আমার ঈশ্বর আমার শৈল, আমি তাঁর শরণাগত,

    আমার ঢাল, আমার পরিত্রাণের শিং, আমার আশ্রয় দুর্গ।

  12. 7 তুমি আমার আশ্রয়স্থল;

    তুমি আমাকে বিপদ থেকে সুরক্ষিত করবে

    এবং মুক্তির গানে আমাকে চারপাশে ঘিরে রাখবে।

  13. 28 আমি তাদের অনন্ত জীবন দান করি; তারা কোনোদিনই বিনষ্ট হবে না। আর কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না। 29 আমার পিতা, যিনি তাদের আমাকে দিয়েছেন, তিনি সবার চেয়ে মহান। আমার পিতার হাত থেকে কেউ তাদের কেড়ে নিতে পারে না। 30 আমি ও পিতা, আমরা এক।”

  14. 13 মোশি লোকদের উত্তর দিলেন, “তোমরা ভয় পেয়ো না! শক্ত হয়ে দাঁড়াও এবং তোমরা দেখতে পাবে আজ সদাপ্রভু কীভাবে তোমাদের রক্ষা করবেন। আজ তোমরা যে মিশরীয়দের দেখছ, তাদের আর কখনও দেখতে পাবে না। 14 সদাপ্রভু তোমাদের হয়ে যুদ্ধ করবেন; তোমাদের শুধু স্থির হয়ে থাকতে হবে।”

  15. 7 তোমার মহান প্রেমের আশ্চর্য কাজগুলি আমাকে দেখাও,

    যারা শত্রুর কবল থেকে বাঁচতে তোমাতে আশ্রয় নেয়

    তুমি তোমার ডান হাত দিয়ে তাদের উদ্ধার করো।

    8 আমাকে তোমার চোখের মণি করে রাখো;

    তোমার ডানার ছায়ায় আমাকে লুকিয়ে রাখো।

    9 দুষ্ট ব্যক্তি যারা আমাকে ধ্বংস করতে চায় ও

    হত্যাকারী শত্রু যারা আমাকে ঘিরে রেখেছে,

    তাদের হাত থেকে আমাকে রক্ষা করো।

    10 তারা তাদের উদাসীন হৃদয় রুদ্ধ করে রেখেছে,

    এবং তাদের মুখ উদ্ধতভাবে কথা বলে।

  16. 7 কারণ সদাপ্রভুর দূত এক পাহারাদার;

    তিনি ঘিরে রাখেন এবং তাদের সবাইকে রক্ষা করেন যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে।

    8 আস্বাদন করো ও দেখো, সদাপ্রভু মঙ্গলময়;

    ধন্য সেই ব্যক্তি যে তাঁতে আশ্রয় নেয়।

    9 হে তাঁর পবিত্র মানুষজন, সদাপ্রভুকে সম্ভ্রম করো,

    কারণ যারা তাঁকে সম্ভ্রম করে তাদের কোনও কিছুর অভাব হয় না।

  17. 16 কিন্তু আমি তোমার পরাক্রমের গান গাইব,

    সকালে আমি তোমার দয়ার গান গাইব;

    কারণ তুমি আমার উচ্চদুর্গ,

    সংকটকালে আমার সহায়।

    17 তুমি আমার বল, আমি তোমার প্রশংসাগান করব;

    তুমি, হে ঈশ্বর, আমার উচ্চদুর্গ,

    আমার ঈশ্বর, আমি যার উপর নির্ভর করতে পারি।

  18. 17 তোমার বিরুদ্ধে গঠিত কোনো অস্ত্র সফল হবে না,

    তোমার বিরুদ্ধে প্রত্যেক জিহ্বার অভিযোগ তুমি খণ্ডন করবে।

    সদাপ্রভুর দাসেদের এই হল অধিকার,

    আমার কাছে তারা এভাবেই নির্দোষ প্রতিপন্ন হবে,”

    সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।

  19. 13 মানুষের কাছে সাধারণভাবে যেমন ঘটে থাকে, তা ছাড়া অন্য কোনো প্রলোভন তোমাদের প্রতি ঘটেনি। আর ঈশ্বর বিশ্বস্ত। তোমরা যা সহ্য করতে পারো, তার অতিরিক্ত কোনো প্রলোভনে তিনি তোমাদের পড়তে দেবেন না। কিন্তু তোমরা যখন প্রলোভিত হও, তিনিই তোমাদের রক্ষা পাওয়ার পথও করে দেবেন, যেন তার মধ্যেও তোমরা দাঁড়িয়ে থাকতে পারো।

  20. 16 প্রথমবারের আত্মপক্ষ সমর্থনের সময়, আমার পক্ষে একজনও এগিয়ে আসেনি, বরং প্রত্যেকেই আমাকে ছেড়ে চলে গিয়েছিল। এসব যেন তাদের বিপক্ষে না যায়। 17 কিন্তু প্রভু আমার পাশে দাঁড়িয়ে শক্তি দিয়েছিলেন, যেন আমার মাধ্যমে সেই বার্তা সম্পূর্ণরূপে প্রচারিত হয় ও অইহুদি জনগণ তা শুনতে পায়। আবার আমি সিংহের মুখ থেকেও উদ্ধার পেয়েছি। 18 সমস্ত অশুভ আক্রমণ থেকে প্রভু আমাকে রক্ষা করবেন এবং তাঁর স্বর্গীয় রাজ্যে তিনি আমাকে নিরাপদে নিয়ে আসবেন। চিরকাল যুগে যুগে কীর্তিত হোক তাঁর মহিমা। আমেন।

  21. 3 আমার ঈশ্বরই আমার শৈল, যাঁতে আমি আশ্রয় নিই,

    আমার ঢাল ও আমার ত্রাণশৃঙ্গ।

    তিনিই আমার দুর্গ, আমার আশ্রয়স্থল ও আমার পরিত্রাতা।

    মারমুখী লোকদের হাত থেকে তুমিই আমাকে রক্ষা করে থাকো।

    4 “আমি সদাপ্রভুকে ডাকলাম, যিনি প্রশংসার যোগ্য,

    এবং শত্রুদের হাত থেকে উদ্ধার পেয়েছি।

  22. 30 ঈশ্বরের সমস্ত পথ সিদ্ধ:

    সদাপ্রভুর বাক্য নিখুঁত;

    যারা তাঁতে শরণ নেয় তিনি তাদের ঢাল।

    31 কারণ সদাপ্রভু ছাড়া আর ঈশ্বর কে আছে?

    আমাদের ঈশ্বর ছাড়া আর শৈল কে আছে?

    32 ঈশ্বর আমায় শক্তি জোগান

    আর আমার পথ সুরক্ষিত রাখেন।

  23. 1 কিন্তু এখন, সদাপ্রভু এই কথা বলেন,

    ওহে যাকোব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন,

    ওহে ইস্রায়েল, যিনি তোমাকে গঠন করেছেন,

    “তুমি ভয় পেয়ো না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি;

    আমি নাম ধরে তোমাকে ডেকেছি; তুমি আমার।

    2 তুমি যখন জলরাশির মধ্য দিয়ে অতিক্রম করবে,

    আমি তোমার সঙ্গে থাকব;

    তুমি যখন নদনদীর মধ্য দিয়ে যাবে,

    সেগুলি তোমাকে মগ্ন করতে পারবে না।

    যখন তুমি আগুনের মধ্য দিয়ে যাবে,

    তুমি দগ্ধ হবে না;

    সেই আগুনের শিখা তোমাকে পুড়িয়ে ফেলবে না।

    3 কারণ আমি সদাপ্রভু, তোমার ঈশ্বর,

    ইস্রায়েলের সেই পবিত্রতম জন, তোমার পরিত্রাতা;

    তোমার মুক্তিমূল্যরূপে আমি মিশরকে,

    তোমার পরিবর্তে আমি কূশ ও সবাকে দিয়েছি।

  24. 23 শান্তির ঈশ্বর স্বয়ং তোমাদের সর্বতোভাবে পবিত্র করে তুলুন। আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আগমনকালে তোমাদের সমগ্র আত্মা, প্রাণ ও দেহ, অনিন্দনীয়রূপে রক্ষিত হোক। 24 যিনি তোমাদের আহ্বান করেন, তিনি বিশ্বস্ত, তিনিই এই কাজ করবেন।

  25. 17 ধার্মিকরা কেঁদে ওঠে, আর সদাপ্রভু শোনেন;

    তিনি তাদের সব সংকট থেকে মুক্ত করেন।

    18 সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী,

    এবং যারা অন্তরে চূর্ণবিচূর্ণ, তাদের তিনি উদ্ধার করেন।

    19 ধার্মিক ব্যক্তি অনেক দুর্ভোগের সম্মুখীন হয়,

    কিন্তু সদাপ্রভু তাকে সেইসব থেকে মুক্ত করেন;

    20 তিনি ধার্মিকের হাড়গোড় রক্ষা করেন,

    তাদের মধ্যে একটিও ভাঙে না।

  26. সংগীত পরিচালকের জন্য। দাউদের মিকতাম। সেই সময়ে রচিত যখন তিনি শৌলের হাত থেকে পালিয়ে গুহায় লুকিয়েছিলেন। সুর “ধ্বংস কোরো না।”

    1 আমার প্রতি কৃপা করো, হে আমার ঈশ্বর, আমার প্রতি কৃপা করো,

    কারণ আমি তোমাতে আশ্রয় নিয়েছি।

    যতক্ষণ না পর্যন্ত বিপদ কেটে যায়

    আমি তোমার ডানার ছায়ায় আশ্রয় নেবো।

  27. 6 সদাপ্রভু আমার সঙ্গে আছেন; আমি ভীত হব না।

    সামান্য মানুষ আমার কী করতে পারে?

    7 সদাপ্রভু আমার সঙ্গে আছেন; তিনি আমার সহায়।

    আমি বিজয়ীর দৃষ্টিতে আমার শত্রুদের দিকে দেখব।

    8 মানুষের উপর আস্থা রাখার চেয়ে

    সদাপ্রভুর কাছে শরণ নেওয়া শ্রেয়।

    9 অধিপতিদের উপর আস্থা রাখার চেয়ে

    সদাপ্রভুর কাছে শরণ নেওয়া শ্রেয়।

  28. 24 তুমি যখন শুয়ে থাকবে, তখন তুমি ভয় পাবে না;

    তুমি যখন শুয়ে থাকবে, তখন তোমার ঘুমও তৃপ্তিদায়ক হবে।

    25 আকস্মিক বিপর্যয় দেখে ভয় পাবে না

    বা দুষ্টদের সর্বনাশ হতে দেখেও ভয় পাবে না,

    26 কারণ সদাপ্রভু তোমার পাশে দাঁড়াবেন

    ও তোমার পা-কে ফাঁদে পড়া থেকে তিনিই রক্ষা করবেন।

  29. 114 তুমি আমার আশ্রয় ও আমার ঢাল;

    তোমার বাক্য আমার আশার উৎস।

  30. 7 যদিও আমি সংকটের মধ্যে দিয়ে যাই,

    তুমি আমার প্রাণ বাঁচিয়ে রাখো।

    আমার বিপক্ষদের ক্রোধের বিরুদ্ধে তুমি তোমার হাত প্রসারিত করো;

    তোমার ডান হাত দিয়ে তুমি আমাকে রক্ষা করো।

  31. 7 সদাপ্রভু মঙ্গলময়,

    সংকটকালে এক আশ্রয়স্থল।

    যারা তাঁতে নির্ভরশীল হয় তিনি তাদের যত্ন নেন,

  32. 31 এসবের প্রত্যুত্তরে তাহলে আমরা কী বলব? ঈশ্বর যদি আমাদের পক্ষে থাকেন, তাহলে কে আমাদের বিরোধী হতে পারে? 32 যিনি তাঁর নিজ পুত্রকেও নিষ্কৃতি দেননি, কিন্তু আমাদের সকলের জন্য তাঁকে সমর্পণ করেছেন—তিনি কি তাঁর সঙ্গে সবকিছুই অনুগ্রহপূর্বক আমাদের দান করবেন না? 33 ঈশ্বর যাদের মনোনীত করেছেন, তাদের বিরুদ্ধে কে অভিযোগ করবে? ঈশ্বরই তাদের নির্দোষ প্রতিপন্ন করেন।

  33. 5 তোমাদের জীবন অর্থলালসা থেকে মুক্ত রেখো। তোমাদের যা আছে, তাতেই সন্তুষ্ট থেকো। কারণ ঈশ্বর বলেছেন,

    “আমি কখনও তোমাকে ছেড়ে দেব না,

    কখনও তোমায় পরিত্যাগ করব না।”

    6 তাই আমরা আস্থার সঙ্গে বলতে পারি,

    “প্রভুই আমার সহায়, আমি ভীত হব না,

    মানুষ আমার কী করতে পারে?”

  34. দাউদের মিকতাম।

    1 হে আমার ঈশ্বর, তুমি আমাকে নিরাপদে রাখো,

    কারণ আমি তোমাতেই আশ্রয় নিয়েছি।

    2 আমি সদাপ্রভুকে বললাম, “তুমিই আমার প্রভু;

    তুমি ছাড়া আমার কোনো মঙ্গল নেই।”

  35. 2 সত্যিই তিনি আমার শৈল ও আমার পরিত্রাণ;

    তিনি আমার আশ্রয় দুর্গ, আমি কখনও বিচলিত হব না।

  36. 32 কারণ সদাপ্রভু ছাড়া আর ঈশ্বর কে আছে?

    আমাদের ঈশ্বর ছাড়া আর শৈল কে আছে?

  37. 9 সদাপ্রভু পীড়িতদের আশ্রয়,

    সংকটকালে তিনি নিরাপদ আশ্রয় দুর্গ।

  38. 3 ঈশ্বর, সেই নগরীর অট্টালিকা সমূহের মধ্যে

    উচ্চদুর্গ বলে নিজেকে প্রকাশ করেছেন।

  39. 7 তোমার ডানার ছায়ায় আমি গান করি

    কারণ তুমিই আমার সহায়।

    8 আমি তোমাকে আঁকড়ে ধরে থাকি

    তোমার শক্তিশালী ডান হাত আমাকে ধারণ করে।

    9 যারা আমাকে হত্যা করতে চায় তাদের সর্বনাশ হবে,

    তারা পৃথিবীর গভীরস্থানে নেমে যাবে।

  40. 4 তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত, আমি সেই একই থাকব,

    তোমাদের চুল পেকে যাওয়া পর্যন্ত, আমিই তোমাদের বহন করব।

    আমিই সৃষ্টি করেছি, আমিই তোমাদের বহন করব;

    আমি তোমাদের ধরে রাখব ও তোমাদের উদ্ধার করব।

  41. 24 যিনি তোমাদের বিশ্বাসে হোঁচট খাওয়া থেকে রক্ষা করতে সমর্থ, ও যিনি তোমাদের নির্দোষরূপে ও মহা আনন্দের সঙ্গে তাঁর মহিমাময় উপস্থিতিতে উপস্থাপন করবেন, 25 সেই একমাত্র ঈশ্বর, আমাদের পরিত্রাতা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে মহিমা, রাজকীয় প্রতাপ, পরাক্রম ও কর্তৃত্ব, সকল যুগের শুরু থেকে বর্তমানে ও যুগপর্যায়ের সমস্ত যুগেই হোক! আমেন।

  42. দাউদের গীত।

    1 সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না।

    2 তিনি সবুজ চারণভূমিতে আমাকে শয়ন করান,

    তিনি শান্ত জলের ধারে আমাকে নিয়ে যান,

    3 তিনি আমার প্রাণ সঞ্জীবিত করেন।

    নিজের নামের মহিমায়

    তিনি আমাকে সঠিক পথে পরিচালনা করেন।

    4 যদিও আমি হেঁটে যাই

    অন্ধকারাচ্ছন্ন উপত্যকার মধ্য দিয়ে,

    আমি কোনও অমঙ্গলের ভয় করব না,

    কারণ তুমি আমার সঙ্গে আছ;

    তোমার লাঠি ও তোমার ছড়ি,

    সেগুলি আমাকে সান্ত্বনা দেয়।

    5 আমার শত্রুদের উপস্থিতিতে

    তুমি আমার সামনে এক ভোজসভায় আয়োজন করেছ।

    তুমি আমার মাথা তেল দিয়ে অভিষিক্ত করেছ;

    আমার পানপাত্র উপচে পড়ে।

    6 নিশ্চয় তোমার মঙ্গল ও প্রেম আমার পিছু নেবে

    আমার জীবনের সব দিন পর্যন্ত,

    এবং চিরকাল

    আমি সদাপ্রভুর গৃহে বসবাস করব।

  43. দাউদের গীত।

    1 সদাপ্রভু আমার জ্যোতি ও আমার পরিত্রাণ,

    তাই আমি কেন ভীত হব?

    সদাপ্রভু আমার জীবনের আশ্রয় দুর্গ,

    তাই আমি কেন কম্পিত হব?

  44. সংগীত পরিচালকের জন্য। তারযন্ত্র সহযোগে দাউদের গীত।

    1 হে ঈশ্বর, আমার কান্না শোনো;

    আমার প্রার্থনায় কর্ণপাত করো।

    2 পৃথিবীর সুদূর প্রান্ত থেকে আমি তোমাকে ডাকি,

    আমি তোমাকে ডাকি যখন আমার হৃদয় নিস্তেজ হয়;

    আমার থেকে সুরক্ষিত উচ্চ শৈলের উপরে আমাকে নিয়ে চলো।

    3 কারণ তুমি আমার আশ্রয় হয়েছ,

    বিপক্ষের বিরুদ্ধে তুমি আমার সুদৃঢ় দুর্গ।

    4 আমি চিরকাল তোমার তাঁবুতে বসবাস করার আকাঙ্ক্ষা করি

    এবং তোমার ডানার ছায়াতে আশ্রয় নিই।

  45. 7 এই সমস্ত অসাধারণ, মহৎ প্রত্যাদেশের কারণে, আমি যেন গর্বে ফুলেফেঁপে না উঠি, আমার শরীরে এক কাঁটা, শয়তানের এক দূত, দেওয়া হয়েছে যেন সে আমাকে কষ্ট দেয়। 8 আমার কাছ থেকে এটা সরিয়ে নেওয়ার জন্য তিনবার আমি প্রভুর কাছে মিনতি করেছিলাম। 9 কিন্তু তিনি আমাকে বলেছেন, “আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কারণ আমার শক্তি দুর্বলতায় সিদ্ধিলাভ করে।” অতএব, আমার দুর্বলতা সম্পর্কে আমি সানন্দে আরও বেশি গর্ব করব, যেন খ্রীষ্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে।

  46. 15 আমি তোমার সাথেই আছি ও তুমি যেখানেই যাও না কেন, আমি তোমার উপর নজর রাখব, এবং তোমাকে এই দেশেই ফিরিয়ে আনব। যতদিন না আমি তোমার কাছে আমার করা প্রতিজ্ঞাটি পূরণ করছি, ততদিন আমি তোমাকে ত্যাগ করব না।”

  47. 5 তোমার সমস্ত জীবনকালে কেউই তোমার বিরুদ্ধে উঠে দাঁড়াতে পারবে না। আমি যেমন মোশির সঙ্গে ছিলাম, তেমনই আমি তোমারও সঙ্গে সঙ্গে থাকব; আমি তোমাকে কখনও ছেড়ে দেব না, কখনও পরিত্যাগ করব না।

  48. 35 তুমি আমাকে তোমার বিজয়ের ঢাল দিয়েছ,

    তোমার ডান হাত আমায় সহায়তা করে;

    তোমার সাহায্য আমায় মহান করেছে।

    36 তুমি আমার চলার পথ প্রশস্ত করেছ,

    যেন আমার পা পিছলে না যায়।

  49. সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।

    1 হে সদাপ্রভু, আমি তোমাতে আশ্রয় নিয়েছি;

    আমাকে কখনও লজ্জিত হতে দিয়ো না;

    তোমার ধার্মিকতায় আমাকে উদ্ধার করো।

    2 আমার দিকে তোমার কান দাও,

    সত্বর আমাকে উদ্ধার করতে এসো;

    তুমি আমার আশ্রয় শৈল হও,

    আমাকে রক্ষা করার এক শক্ত উচ্চদুর্গ।

    3 যেহেতু তুমি আমার শৈল ও উচ্চদুর্গ,

    তোমার নামের সম্মানে আমাকে পথ দেখাও ও চালনা করো।

  50. 22 সদাপ্রভু তাঁর দাসদের মুক্ত করবেন;

    যারা তাঁর শরণাগত, তাদের কেউই দোষী সাব্যস্ত হবে না।

  51. 7 আমার পরিত্রাণ ও আমার সম্মান ঈশ্বরের কাছ থেকে আসে;

    তিনি আমার শক্তিশালী শৈল, আমার আশ্রয়।

    8 হে আমার ভক্তেরা, তাঁর উপর নিয়ত আস্থা রাখো;

    তাঁরই কাছে তোমাদের হৃদয় ঢেলে দাও,

    কারণ ঈশ্বর আমাদের আশ্রয়।

  52. 13 যিনি আমাকে শক্তি দান করেন, তাঁর মাধ্যমে আমি সবকিছুই করতে পারি।

  53. 10 যেহেতু তুমি ধৈর্যের সঙ্গে সহ্য করে আমার আদেশ পালন করেছ, আমিও তোমাকে সেই পরীক্ষাকাল থেকে রক্ষা করব, যা সকল পৃথিবীবাসীর জন্য সমগ্র জগতে আসতে চলেছে।

  54. 7 সদাপ্রভু দারিদ্র ও সম্পদ পাঠিয়ে দেন;

    তিনিই নত করেন আবার উন্নতও করেন।

  55. 8 শান্তিতে আমি শুয়ে থাকব ও ঘুমাব,

    কারণ একমাত্র তুমিই, হে সদাপ্রভু,

    আমায় নিরাপদে বসবাস করতে দিয়েছ।

  56. 8 আমি সর্বদা আমার চোখ সদাপ্রভুতে স্থির রাখি।

    তিনি আমার ডানপাশে আছেন, তাই আমি কখনও বিচলিত হব না।

  57. 23 যে ব্যক্তি সদাপ্রভুতে আমোদ করে

    সদাপ্রভু তার পদক্ষেপ সুদৃঢ় করেন;

    24 হোঁচট খেলেও তার পতন হবে না,

    কারণ সদাপ্রভু তাকে স্বহস্তে ধরে রাখেন।

  58. 11 হে সদাপ্রভু, তোমার করুণা থেকে আমাকে বঞ্চিত কোরো না,

    তোমার প্রেম ও বিশ্বস্ততা আমাকে সর্বদা সুরক্ষিত করুক।

    12 দেখো, অগণিত অশান্তি আমাকে চারিদিকে ঘিরে রেখেছে;

    আমার সব অপরাধ আমাকে ধরেছে, আমি কোনো পথ দেখতে পাই না,

    সেগুলি আমার মাথার চুলের থেকেও বেশি,

    এবং আমি সমস্ত সাহস হারিয়েছি।

    13 প্রসন্ন হও, হে সদাপ্রভু, আর আমাকে উদ্ধার করো;

    তাড়াতাড়ি এসো, হে সদাপ্রভু, আর আমাকে সাহায্য করো।

  59. একটি আরোহণ সংগীত। শলোমনের গীত।

    1 যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন,

    তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে।

    যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন,

    তবে নগররক্ষীরা বৃথাই রাতে জেগে থাকে।

  60. 33 কিন্তু যে আমার কথা শোনে সে নিরাপদে বেঁচে থাকবে

    ও অনিষ্টের ভয় না করে স্বচ্ছন্দে থাকবে।”

  61. 22 আমার ঈশ্বর তাঁর দূত পাঠিয়েছেন এবং সিংহের মুখ বন্ধ করেছেন। তারা আমার কোনো ক্ষতি করেনি কারণ ঈশ্বরের দৃষ্টিতে আমাকে নির্দোষ পাওয়া গেছে। এবং, মহারাজ, আপনার সামনেও আমি কোনো অপরাধ করিনি।”

    23 তখন রাজা আনন্দে আত্মহারা হলেন এবং সিংহের গুহা থেকে দানিয়েলকে তুলতে আদেশ দিলেন। যখন দানিয়েলকে গুহা থেকে তোলা হল, দেখা গেল যে তার গায়ে কোনও ক্ষত ছিল না কারণ সে তার ঈশ্বরে সম্পূর্ণ আস্থা রেখেছিল।

  62. 1 পরে, এক দর্শনের মাধ্যমে সদাপ্রভুর বাক্য অব্রামের কাছে এল:

    “অব্রাম, ভয় কোরো না।

    আমি তোমার ঢাল,

    তোমার মহা পুরস্কার।”

  63. 9 আমি কি তোমাকে এই আদেশ দিইনি? তুমি শক্তিশালী ও সাহসী হও। তুমি ভীত হোয়ো না; হতাশ হোয়ো না, কারণ তুমি যেখানেই যাবে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে সঙ্গে থাকবেন।”

  64. 45 দাউদ সেই ফিলিস্তিনীকে বললেন, “তুমি তরোয়াল, বর্শা ও বল্লম নিয়ে আমার বিরুদ্ধে লড়তে এসেছ, কিন্তু আমি ইস্রায়েলের সৈন্যদলের ঈশ্বর সেই সর্বশক্তিমান সদাপ্রভুর নামে তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি, তুমি যাঁর নামে টিটকিরি দিয়েছ।

  65. 11 তখন আসা তাঁর ঈশ্বর সদাপ্রভুকে ডেকে বললেন, “হে সদাপ্রভু, শক্তিশালীর বিরুদ্ধে শক্তিহীনকে সাহায্য করার ক্ষেত্রে তোমার মতো আর কেউ নেই। হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তুমি আমাদের সাহায্য করো, কারণ আমরা তোমারই উপর নির্ভর করে আছি, এবং এই বিশাল সৈন্যদলের বিরুদ্ধে আমরা তোমার নামেই এগিয়ে এসেছি। হে সদাপ্রভু, তুমিই আমাদের ঈশ্বর; নিছক মরণশীল মানুষ যেন তোমার বিরুদ্ধে জিততে না পারে।”

  66. 3 যখন আমি ভীত, আমি তোমার উপর আস্থা রাখি।

    4 ঈশ্বরে, আমি যার বাক্যের প্রশংসা করি—

    আমি ঈশ্বরে আস্থা রাখি এবং ভীত হই না।

    সামান্য মানুষ আমার কী করতে পারে?

  67. 22 কিন্তু সদাপ্রভু আমার উচ্চদুর্গ হয়েছেন,

    এবং আমার ঈশ্বর আমার আশ্রয় শৈল হয়েছেন।

  68. 4 হে সদাপ্রভু, দুষ্টদের হাত থেকে আমাকে সুরক্ষিত রাখো;

    দুরাচারীদের কবল থেকে আমাকে বাঁচিয়ে রাখো,

    কারণ তারা আমার পতনের জন্য ষড়যন্ত্র করছে।

  69. দাউদের গীত।

    1 সদাপ্রভুর প্রশংসা হোক, যিনি আমার শৈল;

    তিনি আমার হাতকে যুদ্ধ শেখান,

    আমার আঙুলকে সংগ্রাম শেখান।

    2 তিনি আমার প্রেমময় ঈশ্বর ও আমার উচ্চদুর্গ,

    আমার নিরাপদ আশ্রয় ও রক্ষাকর্তা,

    আমার ঢাল, আমি তাঁর শরণাগত,

    যিনি জাতিদের আমার অধীনস্থ করেন।

  70. 26 যারা সদাপ্রভুকে ভয় করে তাদের কাছে এক নিরাপদ দুর্গ আছে,

    ও তাদের সন্তানদের জন্যও তা এক আশ্রয়স্থান হবে।

  71. 5 “ঈশ্বরের প্রত্যেকটি বাক্য নিখুঁত;

    যারা তাঁতে আশ্রয় নেয় তাদের কাছে তিনি এক ঢাল।

  72. 7 কারণ সার্বভৌম সদাপ্রভু আমাকে সাহায্য করেন,

    আমি অপমানিত হব না।

    তাই আমি চকমকি পাথরের মতোই আমার মুখমণ্ডল শক্ত করেছি,

    আর আমি জানি, আমি লজ্জিত হব না।

  73. 19 হে সদাপ্রভু, আমার শক্তি ও আমার দুর্গ,

    দুর্দশার সময়ে আমার আশ্রয়স্থান,

    তোমার কাছেই সমস্ত জাতি আসবে,

    পৃথিবীর প্রান্তসীমা থেকে এসে তারা বলবে,

    “মিথ্যা দেবতা ছাড়া আমাদের পিতৃপুরুষদের কাছে আর কিছুই ছিল না,

    অসার প্রতিমারা তাদের কোনো উপকারই করতে পারেনি।

  74. 10 এরপর তিনি তাঁদের বললেন, “এক জাতি অন্য জাতির বিপক্ষে, এক রাজ্য অন্য রাজ্যের বিপক্ষে অভিযান করবে। 11 বিভিন্ন স্থানে প্রচণ্ড ভূমিকম্প, দুর্ভিক্ষ ও মহামারি হবে, মহাকাশে দেখা যাবে বহু ভীতিকর দৃশ্য ও বড়ো বড়ো নিদর্শন।

    12 “কিন্তু এসব ঘটার আগে তারা তোমাদের গ্রেপ্তার করবে ও নির্যাতন করবে। তারা তোমাদের সমাজভবনের কর্তৃপক্ষের হাতে সমর্পণ করবে ও কারাগারে নিক্ষেপ করবে। রাজা ও প্রদেশপালদের দরবারে তোমাদের হাজির করানো হবে, আর আমার নাম স্বীকার করার কারণেই সে সমস্ত ঘটবে। 13 এর পরিণামে, তোমরা তাদের কাছে সাক্ষ্যদানের সুযোগ লাভ করবে। 14 কিন্তু কীভাবে আত্মপক্ষ সমর্থন করবে, সে বিষয়ে আগেই দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার জন্য মনস্থির করবে। 15 কারণ আমি তোমাদের এমন বাক্য ও জ্ঞান দান করব, যা তোমাদের প্রতিপক্ষ প্রতিরোধ ও খণ্ডন করতে ব্যর্থ হবে। 16 এমনকি, তোমাদের বাবা-মা, ভাই, আত্মীয়পরিজন ও বন্ধুবান্ধব তোমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। তারা তোমাদের কাউকে কাউকে মৃত্যুমুখে সমর্পণ করবে। 17 আর আমার কারণে তোমরা সকলের কাছে ঘৃণিত হবে। 18 কিন্তু তোমাদের মাথার একটি চুলও বিনষ্ট হবে না। 19 তোমরা যদি অবিচলিত থাকো, তাহলে জীবন লাভ করবে।