28 Bible Verses About God Loves You

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About God Loves You
  1. 16 “কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে, তিনি তাঁর একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাঁকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। 17 কারণ জগতের বিচার করতে ঈশ্বর তাঁর পুত্রকে জগতে পাঠাননি, কিন্তু তাঁর মাধ্যমে জগৎকে উদ্ধার করতেই পাঠিয়েছিলেন।

  2. 7 প্রিয় বন্ধুরা, এসো আমরা পরস্পরকে প্রেম করি, কারণ প্রেম ঈশ্বর থেকে আসে। যে প্রেম করে, সে ঈশ্বর থেকে জাত এবং সে ঈশ্বরকে জানে। 8 যে প্রেম করে না, সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বরই প্রেম। 9 এভাবেই ঈশ্বর আমাদের মধ্যে তাঁর প্রেম প্রদর্শন করেছেন: তাঁর এক ও অদ্বিতীয় পুত্রকে তিনি জগতে পাঠিয়েছেন, যেন আমরা তাঁর মাধ্যমে জীবিত থাকি। 10 এই হল প্রেম: এমন নয় যে আমরা ঈশ্বরকে প্রেম করেছি, বরং তিনি আমাদের প্রেম করেছেন এবং আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তাঁর পুত্রকে পাঠিয়েছেন।

    11 প্রিয় বন্ধুরা, ঈশ্বর যখন আমাদের এত প্রেম করেছেন, আমাদেরও উচিত পরস্পরকে প্রেম করা। 12 কেউ কখনও ঈশ্বরকে দেখেনি। কিন্তু আমরা যদি পরস্পরকে প্রেম করি, ঈশ্বর আমাদের মধ্যে বাস করেন এবং আমাদের মধ্যে তাঁর প্রেম পূর্ণতা লাভ করে।

  3. 6 তাহলে বলা যায়, আমরা যখন শক্তিহীন ছিলাম, তখনই খ্রীষ্ট উপযুক্ত সময়ে ভক্তিহীনদের জন্য মৃত্যুবরণ করলেন। 7 কোনো ধার্মিক ব্যক্তির জন্য প্রায় কেউই প্রাণ দেয় না, যদিও কোনো সৎ ব্যক্তির জন্য কেউ হয়তো প্রাণ দেওয়ার সাহস দেখাতেও পারে; 8 কিন্তু ঈশ্বর এভাবে তাঁর প্রেম আমাদের প্রতি প্রদর্শন করেছেন: আমরা যখন পাপী ছিলাম তখন খ্রীষ্ট আমাদের জন্য মৃত্যুবরণ করলেন।

    9 এখন যেহেতু আমরা তাঁর রক্তের দ্বারা নির্দোষ বলে গণ্য হয়েছি, তাঁর মাধ্যমে ঈশ্বরের ক্রোধ থেকে আমরা কত না বেশি নিষ্কৃতি পাব! 10 কারণ যখন আমরা ঈশ্বরের শত্রু ছিলাম, তখন তাঁর পুত্রের মৃত্যুর মাধ্যমে আমরা তাঁর সঙ্গে পুনর্মিলিত হয়েছিলাম, তাহলে আমরা আরও কত বেশি সুনিশ্চিত যে, তাঁর জীবনের দ্বারা আমরা রক্ষা পাব! 11 কেবলমাত্র এই নয়, কিন্তু আমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরে আনন্দ উপভোগও করি, যাঁর মাধ্যমে আমরা এখন পুনর্মিলন লাভ করেছি।

  4. 16 আর তাই, আমাদের জন্য ঈশ্বরের যে প্রেম, আমরা তা জানি এবং তার উপর নির্ভর করি।

    ঈশ্বরই প্রেম। যে প্রেমে বাস করে, সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তার মধ্যে থাকেন। 17 এভাবে, আমাদের মধ্যে প্রেম পূর্ণতা লাভ করে, যেন বিচারের দিনে আমরা নির্ভয়ে থাকতে পারি, কারণ এই জগতে আমরা তাঁরই মতো রয়েছি। 18 প্রেমে কোনো ভয় নেই। কিন্তু নিখাদ ভালোবাসা ভয় দূর করে, কারণ ভয়ের সঙ্গে জড়িত থাকে শাস্তি। আর যে ভয় করে, তার প্রেম পূর্ণতা লাভ করেনি।

    19 আমরা প্রেম করি, কারণ তিনিই প্রথমে আমাদের প্রেম করেছেন। 20 কেউ যদি বলে, “আমি ঈশ্বরকে প্রেম করি,” অথচ তার ভাইবোনকে ঘৃণা করে, সে মিথ্যাবাদী। যে ভাই বা বোনকে সে দেখতে পায় তাকে যদি সে প্রেম না করে, তাহলে যে ঈশ্বরকে সে দেখেনি তাঁকে সে প্রেম করতে পারে না। 21 তিনি আমাদের এই আদেশ দিয়েছেন: ঈশ্বরকে যে প্রেম করে, সে তার ভাইবোনকেও প্রেম করবে।

  5. 35 খ্রীষ্টের প্রেম থেকে কে আমাদের বিচ্ছিন্ন করবে? কষ্ট-সংকট, না দুর্দশা, না নির্যাতন, না দুর্ভিক্ষ, না নগ্নতা, না বিপদ, না তরোয়াল—এর কোনোটিই নয়? 36 যেমন লেখা আছে,

    “তোমার জন্য আমরা প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হই,

    বলির মেষের মতো আমাদের গণ্য করা হয়।”

    37 না, যিনি আমাদের প্রেম করেছেন, তাঁরই মাধ্যমে আমরা এসব বিষয়ে বিজয়ীর থেকেও বেশি বিজয়ী হয়েছি। 38 কারণ আমি নিশ্চিতরূপে জানতে পেরেছি যে, মৃত্যু বা জীবন, স্বর্গদূতেরা বা ভূতেরা, বর্তমান বা ভাবীকালের কোনো বিষয়, না কোনো পরাক্রম, 39 ঊর্ধ্বলোক বা অধোলোক বা সমস্ত সৃষ্টির অন্য কোনো বিষয়, কোনো কিছুই আমাদের প্রভু, খ্রীষ্ট যীশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না।

  6. 17 তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে আছেন,

    সেই মহাযোদ্ধা যিনি তোমাকে বাঁচান।

    তিনি তোমাকে নিয়ে খুবই আনন্দিত হবেন;

    তাঁর ভালোবাসায় তিনি তোমাকে আর তিরস্কার করবেন না,

    কিন্তু গান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করবেন।”

    18 “তোমার নির্দিষ্ট উৎসব পালন না করতে পারার জন্য যারা শোক করে

    তা আমি তোমার থেকে দূর করে দেব,

    যা তোমার কাছে বোঝা এবং নিন্দা।

    19 যারা তোমাদের উপর নিপীড়িন করেছে

    সেই সময় আমি তাদের শাস্তি দেব।

    আমি খোঁড়াদের উদ্ধার করব;

    আমি নির্বাসিতদের একত্রিত করব।

    প্রত্যেক দেশে যেখানে তারা লজ্জা সহ্য করেছে

    আমি তাদের প্রশংসা ও সম্মান দান করব।

    20 সেই সময় আমি তোমাদের একত্রিত করব;

    সেই সময় আমি তোমাদের ফিরিয়ে আনব।

    পৃথিবীর সমগ্র জাতিদের মধ্যে

    আমি তোমাদের সম্মান ও প্রশংসা দান করব

    তোমাদের চোখের সামনেই আমি

    তোমাদের অবস্থা পুনঃপ্রতিষ্ঠা করব,”

    সদাপ্রভু বলেন।

  7. 1 দেখো, ঈশ্বর কেমন তাঁর প্রেম পর্যাপ্ত পরিমাণে আমাদের ঢেলে দিয়েছেন, যেন আমরা ঈশ্বরের সন্তান বলে অভিহিত হই। আর আমরা প্রকৃতপক্ষে তাই। জগৎ এজন্য আমাদের জানে না, কারণ সে তাঁকে জানে না। 2 প্রিয় বন্ধুরা, বর্তমানে আমরা ঈশ্বরের সন্তান এবং আমরা কী হব, তা এখনও প্রকাশিত হয়নি। কিন্তু আমরা জানি, যখন তিনি প্রকাশিত হবেন আমরা তাঁরই মতো হব, কারণ তিনি যেমন আছেন, আমরা তেমনই তাঁকে দেখতে পাব। 3 তাঁর প্রতি যার এই প্রত্যাশা আছে, তিনি যেমন শুদ্ধ, সে নিজেকেও তেমনই শুদ্ধ করে।

  8. 2 যেগুলির মধ্যে তোমরা জীবনযাপন করতে। তখন তোমরা এই জগতের ও আকাশের রাজ্যশাসকের পথ অনুসরণ করতে, যে আত্মা এখন যারা অবাধ্য, তাদের মধ্যে কার্যকরী রয়েছে। 3 আমরাও সকলে এক সময় তাদেরই মধ্যে জীবনযাপন করতাম। আমাদের পাপময় প্রকৃতির বাসনাকে চরিতার্থ করার জন্য আমরা তার কামনা ও ভাবনার বশে চলতাম। অন্য সকলের মতো, স্বভাবগতভাবে আমরা ছিলাম (ঈশ্বরের) ক্রোধের পাত্র। 4 কিন্তু আমাদের প্রতি মহাপ্রেমের জন্য ঈশ্বর, যিনি অপার করুণাময়, 5 আমরা যখন অপরাধের ফলে মৃত হয়েছিলাম, তখনই তিনি খ্রীষ্টের সঙ্গে আমাদের জীবিত করলেন। আর তোমরা অনুগ্রহেই পরিত্রাণ লাভ করেছ।

  9. 4 প্রেম চিরসহিষ্ণু, প্রেম সদয়। তা ঈর্ষা করে না, আত্মঅহংকার করে না, গর্বিত হয় না। 5 তা রূঢ় আচরণ করে না, স্বার্থ অন্বেষণ করে না, সহজে ক্রুদ্ধ হয় না, অন্যায় আচরণ মনে রাখে না। 6 প্রেম মন্দ কিছুতে আনন্দ করে না, কিন্তু সত্যে উল্লসিত হয়। 7 তা সবসময় সুরক্ষা দেয়, সবসময়ই বিশ্বাস করে, সবসময়ই প্রত্যাশায় থাকে, সবসময়ই ধৈর্য ধরে।

    8 প্রেম কখনও ব্যর্থ হয় না। কিন্তু যদি ভাববাণী থাকে, সেগুলির অবসান হবে। যদি ভিন্ন ভিন্ন ভাষা থাকে, সেগুলি স্তব্ধ হয়ে যাবে; যদি জ্ঞান থাকে, তা অবলুপ্ত হবে।

  10. 15 কিন্তু, হে প্রভু, তুমি স্নেহশীল এবং কৃপাময় ঈশ্বর,

    ক্রোধে ধীর, দয়া আর বিশ্বস্ততায় মহান।

  11. 20 আমি আর জীবিত নেই, কিন্তু খ্রীষ্টই আমার মধ্যে জীবিত আছেন। আর এই শরীরে আমি যে জীবনযাপন করছি, তা আমি ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাস দ্বারাই যাপন করছি; তিনি আমাকে প্রেম করেছেন ও আমার জন্য নিজেকে প্রদান করেছেন।

  12. 6 সেই কারণে, ঈশ্বরের পরাক্রমী হাতের নিচে, নিজেদের নতনম্র করো, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদের উন্নত করেন। 7 তোমাদের সমস্ত দুশ্চিন্তার ভার তাঁরই উপরে দিয়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন।

  13. 26 স্বর্গের ঈশ্বরের ধন্যবাদ করো।

    তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

  14. 13 বন্ধুদের জন্য যে নিজের প্রাণ সমর্পণ করে, তার চেয়ে মহত্তর প্রেম আর কিছু নেই।

  15. 5 হে সদাপ্রভু, তোমার প্রেম গগনচুম্বী,

    তোমার বিশ্বস্ততা গগনস্পর্শী।

    6 তোমার ধার্মিকতা মহান পর্বতের তুল্য,

    তোমার ন্যায়বিচার অতল জলধির মতো।

    তুমি, হে সদাপ্রভু, মানুষ ও পশুকে বাঁচিয়ে রাখো।

    7 হে ঈশ্বর, তোমার অবিচল প্রেম কত অমূল্য!

    মানুষ তোমার পক্ষছায়ায় আশ্রয় নেয়।

  16. 1 কিন্তু এখন, সদাপ্রভু এই কথা বলেন,

    ওহে যাকোব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন,

    ওহে ইস্রায়েল, যিনি তোমাকে গঠন করেছেন,

    “তুমি ভয় পেয়ো না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি;

    আমি নাম ধরে তোমাকে ডেকেছি; তুমি আমার।

    2 তুমি যখন জলরাশির মধ্য দিয়ে অতিক্রম করবে,

    আমি তোমার সঙ্গে থাকব;

    তুমি যখন নদনদীর মধ্য দিয়ে যাবে,

    সেগুলি তোমাকে মগ্ন করতে পারবে না।

    যখন তুমি আগুনের মধ্য দিয়ে যাবে,

    তুমি দগ্ধ হবে না;

    সেই আগুনের শিখা তোমাকে পুড়িয়ে ফেলবে না।

    3 কারণ আমি সদাপ্রভু, তোমার ঈশ্বর,

    ইস্রায়েলের সেই পবিত্রতম জন, তোমার পরিত্রাতা;

    তোমার মুক্তিমূল্যরূপে আমি মিশরকে,

    তোমার পরিবর্তে আমি কূশ ও সবাকে দিয়েছি।

  17. 2 তাঁরই মাধ্যমে বিশ্বাসে আমরা এই অনুগ্রহে প্রবেশের অধিকার অর্জন করেছি ও তার মধ্যেই এখন আমরা অবস্থান করছি। আর আমরা ঈশ্বরের মহিমার প্রত্যাশায় উল্লসিত হচ্ছি। 3 শুধু তাই নয়, আমরা আমাদের দুঃখকষ্টেও আনন্দ করি, কারণ আমরা জানি, দুঃখকষ্ট সহিষ্ণুতাকে, 4 সহিষ্ণুতা অভিজ্ঞতাকে ও অভিজ্ঞতা প্রত্যাশার জন্ম দেয়। 5 সেই প্রত্যাশা আমাদের নিরাশ করে না, কারণ আমাদের প্রতি দেওয়া পবিত্র আত্মা দ্বারা ঈশ্বর তাঁর প্রেম আমাদের হৃদয়ে উজাড় করে ঢেলে দিয়েছেন।

  18. 16 আমি প্রার্থনা করি, যেন তাঁর গৌরবময় ঐশ্বর্য থেকে তিনি তাঁর আত্মার মাধ্যমে তোমাদেরকে আন্তরিক সত্তায় ও শক্তিতে সবল করে তোলেন, 17 যেন বিশ্বাসের মাধ্যমে খ্রীষ্ট তোমাদের অন্তরে অধিষ্ঠান করেন। আমি প্রার্থনা করি, তোমরা প্রেমে দৃঢ়মূল ও প্রতিষ্ঠিত হয়ে, 18 সকল পবিত্রগণের সঙ্গে যেন পরাক্রমের অধিকারী হতে পারো এবং খ্রীষ্টের প্রেমের বিস্তার, দৈর্ঘ্য, উচ্চতা ও গভীরতা উপলব্ধি করতে পারো, আর 19 জ্ঞানের অতীত খ্রীষ্টের এই প্রেম অবগত হয়ে তোমরা যেন ঈশ্বরের সকল পূর্ণতায় ভরপুর হয়ে ওঠো।

    20 এখন আমাদের অন্তরে যিনি তাঁর সক্রিয় ক্ষমতা অনুসারে আমাদের সকল চাহিদা পূর্ণ করতে অথবা কল্পনারও অতীত কাজ করতে সমর্থ, 21 মণ্ডলীতে এবং খ্রীষ্ট যীশুতে, যুগ যুগ ধরে সকল প্রজন্মে চিরকাল তাঁর গৌরব কীর্তিত হোক! আমেন।

  19. 34 “আমি তোমাদের এক নতুন আজ্ঞা দিচ্ছি, তোমরা পরস্পরকে প্রেম করো। আমি যেমন তোমাদের প্রেম করেছি, তোমাদেরও তেমন পরস্পরকে প্রেম করতে হবে। 35 তোমাদের এই পারস্পরিক প্রেমের দ্বারাই সব মানুষ জানতে পারবে যে, তোমরা আমার শিষ্য।”

  20. 9 “পিতা যেমন আমাকে ভালোবেসেছেন, আমিও তেমন তোমাদের ভালোবেসেছি। তোমরা এখন আমার প্রেমে অবস্থিতি করো। 10 তোমরা যদি আমার আদেশ পালন করো, তাহলে আমার প্রেমে অবস্থিতি করবে, যেমন আমি আমার পিতার আদেশ পালন করে তাঁর প্রেমে অবস্থিতি করছি।

  21. 9 অতএব তোমরা জেনে রেখো যে, তোমাদের ঈশ্বর সদাপ্রভুই ঈশ্বর; তিনি হলেন বিশ্বস্ত ঈশ্বর, যারা তাঁকে ভালোবাসে ও তাঁর আদেশগুলি পালন করে তাদের জন্য তিনি যে ভালোবাসার বিধান স্থাপন করেছেন তা তিনি হাজার হাজার পুরুষ পর্যন্ত রক্ষা করেন।

  22. 3 বহুদিন পূর্বে, সদাপ্রভু আমাদের সামনে আবির্ভূত হয়ে বলেছিলেন,

    “আমি এক চিরস্থায়ী প্রেমে তোমাদের প্রেম করেছি;

    আমি স্নেহময় দয়ায় তোমাদের কাছে টেনেছি।

  23. 11 কারণ তোমাদের জন্য কৃত পরিকল্পনার কথা আমি জানি,” সদাপ্রভু এই কথা বলেন। “তা হল তোমাদের সমৃদ্ধির পরিকল্পনা, তোমাদের ক্ষতি করার নয়, তোমাদের এক আশা ও ভবিষ্যৎ মঙ্গলদানের পরিকল্পনা।

  24. 10 যদিও পর্বতসকল কম্পিত হয়,

    পাহাড়গুলি অপসারিত হতে থাকে,

    তবুও তোমার প্রতি আমার অফুরান ভালোবাসা

    কখনও সরে যাবে না,

    আমার শান্তিচুক্তিও অপসারিত হবে না,”

    একথা বলেন সদাপ্রভু, যিনি তোমার প্রতি অনুকম্পা করেন।

  25. 37 যীশু উত্তর দিলেন: “ ‘তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে।’ 38 এটিই প্রথম ও মহত্তম আজ্ঞা। 39 আর দ্বিতীয়টি এরই সমতুল্য: ‘তোমার প্রতিবেশীকে তোমার নিজের মতোই প্রেম করবে।’

  26. 9 আমিই দ্বার, আমার মধ্য দিয়ে যে প্রবেশ করবে, সে রক্ষা পাবে। সে ভিতরে আসবে ও বাইরে যাবে, আর চারণভূমির সন্ধান পাবে। 10 চোর আসে কেবল চুরি, হত্যা ও ধ্বংস করতে, কিন্তু আমি এসেছি যেন তারা জীবন পায় এবং তা পূর্ণরূপেই পায়।

    11 “আমিই উৎকৃষ্ট মেষপালক। উৎকৃষ্ট মেষপালক মেষদের জন্য তাঁর প্রাণ সমর্পণ করেন।

  27. 22 কিন্তু পবিত্র আত্মার ফল হল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, পরোপকারিতা, বিশ্বস্ততা, 23 বিনম্রতা ও আত্মসংযম। এসব বিষয়ের বিরুদ্ধে কোনও বিধান নেই।

  28. 8 কারণ বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহের দ্বারাই তোমরা পরিত্রাণ লাভ করেছ। তা তোমাদের থেকে হয়নি, কিন্তু ঈশ্বরেরই দান। 9 তা কোনো কাজের ফল নয় যে তা নিয়ে কেউ গর্ববোধ করবে।