90 Bible Verses About Worshiping God
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
21 যীশু তাকে বললেন, “নারী, আমার কথায় বিশ্বাস করো, এমন সময় আসছে যখন তোমরা এই পর্বতে অথবা জেরুশালেমে পিতার উপাসনা করবে না। 22 তোমরা শমরীয়েরা জানো না, তোমরা কী উপাসনা করছ; আমরা জানি, আমরা কী উপাসনা করি, কারণ ইহুদিদের মধ্য থেকেই পরিত্রাণ উপলব্ধ হবে। 23 কিন্তু এখন সময় আসছে বরং এসে পড়েছে, যখন প্রকৃত উপাসকেরা আত্মায় ও সত্যে পিতার উপাসনা করবে, কারণ পিতা এরকম উপাসকদেরই খোঁজ করেন। 24 ঈশ্বর আত্মা, তাই যারা তাঁর উপাসনা করে, তাদেরকে আত্মায় ও সত্যে উপাসনা করতে হবে।”
-
1 এসো, আমরা সদাপ্রভুর উদ্দেশে আনন্দগান করি;
আমাদের পরিত্রাণের শৈলের উদ্দেশে উচ্চস্বরে গান গাই।
2 আমরা ধন্যবাদের সঙ্গে তাঁর সামনে যাই
সংগীত ও গান দিয়ে তাঁর উচ্চপ্রশংসা করি।
3 কারণ সদাপ্রভু মহান ঈশ্বর,
সব দেবতার উপর মহান রাজা।
4 পৃথিবীর গভীরস্থান তাঁর হস্তগত,
এবং পর্বতগুলির চূড়া তাঁরই অধীন।
5 সমুদ্র তাঁরই কেননা তিনি তা তৈরি করেছেন,
আর তাঁর হাত শুষ্ক জমি নির্মাণ করেছে।
6 এসো, আরাধনায় আমরা তাঁর সামনে নত হই,
সদাপ্রভু আমাদের সৃষ্টিকর্তার সামনে আমরা হাঁটু পেতে বসি;
7 কারণ তিনি আমাদের ঈশ্বর
আর আমরা তাঁর চারণভূমির প্রজা,
ও মেষ যাদের তিনি যত্ন করেন।
আজই, যদি তোমরা তাঁর কণ্ঠস্বর শুনতে পাও,
-
1 অতএব, ভাইবোনেরা, ঈশ্বরের বহুবিধ করুণার পরিপ্রেক্ষিতে, আমি তোমাদের কাছে মিনতি করছি, তোমরা তোমাদের শরীরকে জীবন্ত বলিরূপে, পবিত্র ও ঈশ্বরের গ্রহণযোগ্যরূপে উৎসর্গ করো—তাই হবে তোমাদের যুক্তিসংগত আরাধনা।
-
ধন্যবাদের সংগীত।
1 সমস্ত পৃথিবী! সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো।
2 মহানন্দে সদাপ্রভুর আরাধনা করো;
আনন্দগান সহকারে তাঁর সামনে এসো।
3 তোমরা জানো, সদাপ্রভুই ঈশ্বর।
তিনিই আমাদের সৃষ্টি করেছেন, আর আমরা তাঁরই;
আমরা তাঁর প্রজা, তাঁর চারণভূমির মেষ।
4 ধন্যবাদ সহকারে তাঁর দ্বারে
এবং প্রশংসা সহকারে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করো;
তাঁকে ধন্যবাদ জানাও, আর তাঁর নামের প্রশংসা করো।
-
দাউদের গীত।
1 হে ঈশ্বরের সন্তানেরা, সদাপ্রভুর কীর্তন করো,
তাঁর মহিমা ও পরাক্রম কীর্তন করো।
2 তাঁর নামের মহিমার কীর্তন করো,
পবিত্র শোভায় সদাপ্রভুর আরাধনা করো।
-
8 সদাপ্রভুকে তাঁর যোগ্য মহিমায় মহিমান্বিত করো!
নৈবেদ্য সাজিয়ে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করো।
9 তাঁর পবিত্র শোভায় সদাপ্রভুর আরাধনা করো,
সমস্ত পৃথিবী, তাঁর সামনে কম্পিত হও;
-
8 এই চার জীবন্ত প্রাণীর প্রত্যেকের ছিল ছয়টি করে ডানা এবং তাদের দেহের সর্বত্র এমনকি ডানাগুলির নিচেও ছিল চোখে পরিপূর্ণ। দিনরাত, অবিরাম তারা একথা বলেন:
“পবিত্র, পবিত্র, পবিত্র,
প্রভু ঈশ্বর সর্বশক্তিমান,
যিনি ছিলেন এবং যিনি আছেন এবং যিনি আসছেন।”
9 যিনি সিংহাসনে উপবিষ্ট ও যিনি যুগে যুগে চিরকাল জীবন্ত, তাঁকে যখনই সেই জীবন্ত প্রাণীরা গৌরব, সম্মান ও ধন্যবাদ অর্পণ করেন, 10 তখন সিংহাসনে উপবিষ্ট ব্যক্তির সামনে ওই চব্বিশজন প্রাচীন প্রণাম করেন ও যিনি যুগে যুগে চিরকাল জীবন্ত, তাঁর উপাসনা করেন। তাঁরা তাদের মুকুট সিংহাসনের সামনে রেখে দিয়ে বলেন,
11 “আমাদের প্রভু ও ঈশ্বর,
তুমি মহিমা, সম্মান ও পরাক্রম গ্রহণের যোগ্য;
কেননা তুমি সবকিছু সৃষ্টি করেছ,
এবং তোমার ইচ্ছামতোই সবকিছু সৃষ্ট হয়েছে
ও তাদের অস্তিত্ব প্রকাশিত হয়েছে।”
-
14 এসব গুণের ঊর্ধ্বে ভালোবাসাকে পরিধান করো, যা সেইসব গুণকে পূর্ণ ঐক্যের বাঁধনে আবদ্ধ করে।
15 খ্রীষ্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক, কারণ একই দেহের অঙ্গপ্রত্যঙ্গরূপে তোমরা শান্তির উদ্দেশে আহূত হয়েছ। আর তোমরা কৃতজ্ঞ হও। 16 তোমাদের অন্তরে খ্রীষ্টের বাক্য প্রচুর পরিমাণে অবস্থিতি করুক; তোমরা সমস্ত বিজ্ঞতায় বিভূষিত হয়ে পরস্পরকে শিক্ষাদান ও সচেতন করো এবং গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে মুখর হয়ে ঈশ্বরের প্রতি তোমাদের হৃদয়ের কৃতজ্ঞতায় তা করো। 17 আর কথায় ও কাজে, তোমরা যা কিছুই করো, সবই প্রভু যীশুর নামে করো, তাঁরই মাধ্যমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে তা করো।
-
28 অতএব, আমরা যে রাজ্য গ্রহণ করতে চলেছি, তা প্রকম্পিত হবে না; তাই এসো আমরা কৃতজ্ঞ হই এবং শ্রদ্ধায় ও সম্ভ্রমে ঈশ্বরের প্রীতিজনক উপাসনা করি। 29 কারণ আমাদের “ঈশ্বর সবকিছু পুড়িয়ে দেওয়া আগুনের মতো।”
-
15 অতএব এসো, যীশুর মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে অবিরাম প্রশংসার বলি উৎসর্গ করি—তা হল তাঁর নাম স্বীকার করা আমাদের ঠোঁটের ফল। 16 আর অপরের উপকার ও অন্যদের সঙ্গে তোমাদের সম্পদ ভাগ করার কথা ভুলে যেয়ো না, কারণ এ ধরনের বলিদানেই ঈশ্বর সন্তুষ্ট হন।
-
5 আর লেবীয়দের মধ্যে যেশূয়, কদ্মীয়েল, বানি, হশ্বনিয়, শেরেবিয়, হোদিয়, শবনিয় ও পথাহিয় বললেন, “ওঠো, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করো, যিনি অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত আছেন।”
“তোমার প্রতাপান্বিত নাম ধন্য হোক, আমাদের দেওয়া সমস্ত ধন্যবাদ ও প্রশংসার চেয়েও তুমি মহান হও। 6 কেবল তুমিই সদাপ্রভু। তুমিই আকাশমণ্ডল, সর্বোচ্চ আকাশমণ্ডল, তার সমস্ত তারকারাশি, পৃথিবী ও তার উপরের সবকিছু, সমুদ্র ও তার মধ্যে স্থিত সমস্ত কিছু তৈরি করেছ। তুমিই সকলের প্রাণ দিয়েছ এবং স্বর্গের বাহিনী তোমার উপাসনা করে।
-
29 সদাপ্রভুকে তাঁর যোগ্য মহিমায় মহিমান্বিত করো!
নৈবেদ্য সাজিয়ে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করো।
তাঁর পবিত্র শোভায় সদাপ্রভুর আরাধনা করো।
-
17 এই জন্য নির্বোধ হোয়ো না, প্রভুর ইচ্ছা কী, তা উপলব্ধি করো। 18 সুরা পান করে মত্ত হোয়ো না, তা ভ্রষ্টাচারের পথে নিয়ে যায়; তার পরিবর্তে আত্মায় পরিপূর্ণ হও। 19 গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে পরস্পর ভাব বিনিময় করো। প্রভুর উদ্দেশে গীত গাও, হৃদয়ে সুরের ঝংকার তোলো। 20 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে সব বিষয়ের জন্য সবসময় পিতা ঈশ্বরকে ধন্যবাদ দাও।
21 খ্রীষ্টের জন্য সম্ভ্রমবশত একে অপরের বশীভূত হও।
-
9 সেই কারণে, ঈশ্বর তাঁকে সর্বোচ্চ স্থানে উন্নীত করলেন
এবং সব নাম থেকে শ্রেষ্ঠ সেই নাম তাঁকে দান করলেন,
10 যেন যীশুর নামে স্বর্গ-মর্ত্য-পাতালনিবাসী
সকলে নতজানু হয়
11 এবং পিতা ঈশ্বরের মহিমার জন্য
প্রত্যেক জিভ স্বীকার করে যে, যীশু খ্রীষ্টই প্রভু।
-
3 ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা, যিনি খ্রীষ্টে স্বর্গীয় স্থানে সমস্ত আত্মিক আশীর্বাদে আমাদের আশীর্বাদ করেছেন। 4 কারণ জগৎ সৃষ্টির পূর্বেই তিনি আমাদের খ্রীষ্টে মনোনীত করেছিলেন, যেন তাঁর দৃষ্টিতে আমরা প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হতে পারি। 5 প্রেমে, তিনি তাঁর মঙ্গল সংকল্প ও ইচ্ছায়, যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের পুত্ররূপে দত্তক নেওয়ার জন্য পূর্ব থেকেই নির্ধারিত করেছিলেন— 6 এসব তিনি করেছেন তাঁর গৌরবময় অনুগ্রহের প্রশংসার জন্য, যাঁকে তিনি প্রেম করেন, তাঁর মাধ্যমে, যা তিনি বিনামূল্যে আমাদের দান করেছেন।
-
9 এরপর আমি তাকিয়ে দেখলাম, আর আমার সামনে প্রত্যেক দেশের, গোষ্ঠীর, জাতির ও ভাষাভাষী লোকের এক বিশাল জনারণ্য দেখতে পেলাম যাদের গণনা করার সামর্থ কারও নেই। তারা সেই সিংহাসন ও মেষশাবকের সামনে দাঁড়িয়েছিল। তারা ছিল সাদা পোশাক পরিহিত ও তাদের হাতে ছিল খেজুর পাতা। 10 তারা উচ্চকণ্ঠে চিৎকার করে বলল,
“পরিত্রাণ দেওয়ার অধিকার সিংহাসনে উপবিষ্ট
আমাদের ঈশ্বর ও মেষশাবকের অধিকারভুক্ত।”
11 সব স্বর্গদূত সেই সিংহাসনের চারদিকে এবং সেই প্রাচীনবর্গের ও চারজন জীবন্ত প্রাণীর চারদিকে দাঁড়িয়েছিলেন। তাঁরা সেই সিংহাসনের সামনে নত হয়ে প্রণাম করলেন ও ঈশ্বরের উপাসনা করলেন, 12 বললেন:
“আমেন!
প্রশংসা ও মহিমা,
প্রজ্ঞা ও ধন্যবাদ ও সম্মান,
পরাক্রম ও শক্তি
চিরকাল যুগে যুগে আমাদের ঈশ্বরেরই হোক।
আমেন!”
-
8 আমি যোহন, এসব বিষয় শুনলাম ও দেখলাম। আর যখন আমি সেগুলি শুনলাম ও দেখলাম, তখন যে স্বর্গদূত সেসব আমাকে দেখাচ্ছিলেন, আমি তাঁর উপাসনা করার জন্য তাঁর পায়ে পড়ে তাঁকে উপাসনা করলাম। 9 কিন্তু তিনি আমাকে বললেন, “তুমি এরকম কোরো না। আমি তোমার ভাববাদী ভাইদের ও যারা এই পুঁথিতে লিখিত সব বাক্য পালন করে, তাদের সহদাস। কেবলমাত্র ঈশ্বরের উপাসনা করো!”
-
9 আর তাঁরা একটি নতুন গীত গাইলেন:
“তুমি ওই পুঁথি গ্রহণ করার ও
তার সিলমোহর খোলার যোগ্য,
কারণ তোমাকে হত্যা করা হয়েছিল,
আর তোমার রক্ত দ্বারা তুমি
ঈশ্বরের জন্য সব গোষ্ঠী ও ভাষাভাষী ও জাতি ও দেশ থেকে মানুষদের কিনে নিয়েছ।
10 আমাদের ঈশ্বরের সেবা করার জন্য তুমি তাদের রাজ্য ও যাজকসমাজ করেছ,
আর তারা পৃথিবীতে রাজত্ব করবে।”
11 তখন আমি দৃষ্টিপাত করলাম এবং হাজার হাজার ও অযুত অযুত স্বর্গদূতের কণ্ঠস্বর শুনতে পেলাম। তাঁরা সেই সিংহাসন ও জীবন্ত প্রাণীদের ও প্রাচীনদের ঘিরে ছিলেন। 12 তাঁরা উচ্চকণ্ঠে গাইতে লাগলেন,
“মেষশাবক, যিনি হত হয়েছিলেন,
তিনিই পরাক্রম ও ঐশ্বর্য ও প্রজ্ঞা ও শক্তি ও সম্মান ও মহিমা ও প্রশংসা,
গ্রহণ করার যোগ্য!”
13 পরে আমি শুনতে পেলাম স্বর্গ ও পৃথিবী ও পৃথিবীর নিচ ও সমুদ্রের অভ্যন্তরস্থ প্রত্যেক সৃষ্ট প্রাণী এবং এই সবকিছুর মধ্যে যা আছে সে সমস্ত গাইছে:
“যিনি সিংহাসনে উপবিষ্ট, তাঁর
ও মেষশাবকের প্রশংসা ও সম্মান,
মহিমা ও পরাক্রম,
চিরকাল যুগে যুগে হোক!”
14 সেই চারজন জীবন্ত প্রাণী বললেন, “আমেন,” আর প্রাচীনেরা ভূমিষ্ঠ হলেন ও উপাসনা করলেন।
-
7 সদাপ্রভু অব্রামকে দর্শন দিয়ে বললেন, “তোমার সন্তানসন্ততিকে আমি এই দেশ দেব।” তাই তিনি সেখানে সেই সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্মাণ করলেন, যিনি তাঁকে দর্শন দিয়েছিলেন।
8 সেখান থেকে তিনি বেথেলের পূর্বদিকে অবস্থিত পাহাড়ের দিকে চলে গেলেন এবং বেথেলকে পশ্চিমদিকে ও অয়কে পূর্বদিকে রেখে তিনি তাঁর তাঁবু খাটালেন। সেখানে তিনি সদাপ্রভুর উদ্দেশে একটি যজ্ঞবেদি নির্মাণ করলেন এবং সদাপ্রভুর আরাধনা করলেন।
-
1 আর ঈশ্বর এইসব কথা বললেন:
2 “আমিই তোমার ঈশ্বর সেই সদাপ্রভু, যিনি তোমাকে মিশর থেকে, ক্রীতদাসত্বের সেই দেশ থেকে বের করে এনেছেন।
3 “আমার সামনে তুমি অন্য কোনও দেবতা রাখবে না।
4 নিজের জন্য তুমি ঊর্ধ্বস্থ স্বর্গের বা অধঃস্থ পৃথিবীর বা জলরাশির তলার কোনো কিছুর আকৃতিবিশিষ্ট কোনও প্রতিমা তৈরি করবে না। 5 তুমি তাদের কাছে মাথা নত করবে না বা তাদের আরাধনা করবে না; কারণ আমি, তোমার ঈশ্বর সদাপ্রভু, এক ঈর্ষান্বিত ঈশ্বর, বাবা-মার করা পাপের কারণে সন্তানদের শাস্তি দিই, যারা আমাকে ঘৃণা করে তাদের তৃতীয় ও চতুর্থ প্রজন্ম পর্যন্ত দিই, 6 কিন্তু যারা আমাকে ভালোবাসে ও আমার আজ্ঞাগুলি পালন করে, হাজার প্রজন্ম পর্যন্ত তাদের প্রতি ভালোবাসা দেখাই।
-
1 হারোণের ছেলে নাদব ও অবীহূ তাদের ধূপাধার নিল, এবং তাতে ধূপ দিয়ে আগুন সংযোগ করল ও সদাপ্রভুর সামনে অসমর্থিত আগুন উৎসর্গ করল, যা তাঁর আজ্ঞার পরিপন্থী। 2 সুতরাং সদাপ্রভুর উপস্থিতি থেকে অগ্নি নির্গত হয়ে তাদের গ্রাস করল ও সদাপ্রভুর সামনে তারা মারা গেল। 3 পরে মোশি হারোণকে বললেন, সদাপ্রভু এমন কথাই বলেছিলেন যখন তিনি আমাকে বলেছিলেন:
“ ‘যারা আমার নিকটবর্তী হয়,
তাদের আমি আমার পবিত্রতা দেখাব
ও সব মানুষের দৃষ্টিতে
আমি সম্মানিত হব।’ ”
হারোণ নীরব থাকলেন।
-
1 সেই একই মাসের চব্বিশ দিনের দিন ইস্রায়েলীরা একত্র হয়ে উপবাস করল, চট পরল এবং মাথায় ধুলো দিল। 2 ইস্রায়েলী সন্তানেরা অন্যান্য জাতির সমস্ত লোকদের কাছ থেকে নিজেদের আলাদা করল। তারা দাঁড়িয়ে নিজেদের পাপ ও তাদের পূর্বপুরুষদের অন্যায় স্বীকার করল। 3 তারা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে তিন ঘণ্টা তাদের ঈশ্বর সদাপ্রভুর বিধানপুস্তক পড়ল, এবং আরও তিন ঘণ্টা নিজেদের পাপস্বীকার ও ঈশ্বর সদাপ্রভুর উপাসনা করল।
-
দাউদের গীত। যখন তিনি যিহূদার মরুভূমিতে ছিলেন।
1 হে ঈশ্বর, তুমিই আমার ঈশ্বর,
আমি সম্পূর্ণ অন্তর দিয়ে তোমার অন্বেষণ করি,
কেউ যেমন শুষ্ক ও দগ্ধ ভূমিতে
জলের জন্য ব্যাকুল হয়,
সেইরকম আমার প্রাণ তোমার জন্য তৃষ্ণার্ত,
আমার সম্পূর্ণ সত্তা তোমার জন্য ব্যাকুল।
2 তোমার পবিত্রস্থানে আমি তোমাকে দেখেছি
এবং তোমার পরাক্রম ও মহিমা আমি দেখেছি।
3 আমার মুখ তোমার মহিমা করবে,
কারণ তোমার প্রেম জীবনের থেকে উত্তম।
4 যতদিন বাঁচব ততদিন আমি তোমার নামের প্রশংসা করব,
এবং তোমার প্রতি প্রার্থনায় আমি দু-হাত তুলব।
-
13 সদাপ্রভু বলেন:
“এই লোকেরা কেবল মুখেরই কথায় আমার কাছে এগিয়ে আসে,
তারা কেবলমাত্র ওষ্ঠাধরে আমার সম্মান করে,
কিন্তু তাদের হৃদয় থাকে আমার থেকে বহুদূরে।
তারা আমার যে উপাসনা করে,
তা মানুষের শিখিয়ে দেওয়া কিছু নিয়মবিধি মাত্র।
14 সেই কারণে, আমি আর একবার
পরপর আশ্চর্য কর্ম করে এদের চমৎকৃত করব;
জ্ঞানীদের জ্ঞান বিনষ্ট হবে,
বুদ্ধিমানদের বুদ্ধি উধাও হবে।”
-
42 আর তারা প্রেরিতশিষ্যদের শিক্ষায় ও সহভাগিতায়, রুটি-ভাঙায় ও প্রার্থনায় একান্তভাবে অংশগ্রহণ করল। 43 প্রেরিতশিষ্যদের মাধ্যমে বহু আশ্চর্য ঘটনা ও অলৌকিক নিদর্শন সম্পন্ন হতে দেখে প্রত্যেকে ভক্তিপূর্ণ ভয়ে পূর্ণ হয়ে উঠল। 44 যারা বিশ্বাস করল তারা সকলেই একসঙ্গে থাকত ও একই ভাণ্ডার থেকে তাদের প্রয়োজন মেটাতো। 45 তাদের বিষয়সম্পত্তি ও জিনিসপত্র বিক্রি করে তাদের প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী তা ভাগ করে দিত। 46 প্রতিদিন তারা একসঙ্গে মন্দির-প্রাঙ্গণে মিলিত হত। তারা নিজেদের ঘরে রুটি ভাঙত এবং আনন্দের সঙ্গে ও হৃদয়ের সরলতায় একসঙ্গে খাওয়াদাওয়া করত। 47 তারা ঈশ্বরের প্রশংসা করত এবং সব মানুষ তাদের শ্রদ্ধা করত। আর যারা পরিত্রাণ লাভ করল, প্রভু দিন-প্রতিদিন তাঁদের সঙ্গে পরিত্রাণপ্রাপ্তদের যুক্ত করে তাঁদের সংখ্যা বৃদ্ধি করলেন।
-
7 ভণ্ডের দল! যিশাইয় তোমাদের সম্পর্কে সঠিক ভবিষ্যদ্বাণী করেছেন:
8 “ ‘এই লোকেরা তাদের ওষ্ঠাধরে আমাকে সম্মান করে,
কিন্তু তাদের হৃদয় থাকে আমার থেকে বহুদূরে।
9 বৃথাই তারা আমার উপাসনা করে;
তাদের শিক্ষামালা বিভিন্ন মানুষের শেখানো নিয়মবিধি মাত্র।’ ”
-
8 যীশু উত্তর দিলেন, “এরকম লেখা আছে, ‘তুমি তোমার ঈশ্বর প্রভুরই আরাধনা করবে, কেবলমাত্র তাঁরই সেবা করবে।’ ”
-
29 মোশি ও হারোণ ইস্রায়েলীদের সব প্রাচীনকে একত্রিত করলেন, 30 এবং সদাপ্রভু মোশিকে যা যা বলেছিলেন সেসবকিছু হারোণ তাঁদের বললেন। এছাড়াও তিনি লোকজনের সামনে সেই চিহ্নকাজগুলি সম্পাদন করলেন, 31 এবং তাঁরা বিশ্বাস করলেন। আর তাঁরা যখন শুনলেন যে সদাপ্রভু তাঁদের বিষয়ে উদ্বিগ্ন হয়েছেন ও তাঁদের দুর্দশা দেখেছেন, তখন তাঁরা মাথা নত করে আরাধনা করলেন।
-
31 আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লসিত হোক;
জাতিদের মধ্যে তারা বলুক, “সদাপ্রভু রাজত্ব করেন!”
32 সমুদ্র ও সেখানকার সবকিছু গর্জন করুক;
ক্ষেতখামার ও সেখানকার সবকিছু আনন্দ করুক!
33 জঙ্গলের সকল গাছ আনন্দ সংগীত করুক,
সদাপ্রভুর সামনে তারা আনন্দে গান করুক,
কারণ তিনি পৃথিবীর বিচার করতে আসছেন।
34 সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়;
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
35 চিৎকার করে বলো, “হে আমাদের ত্রাণকর্তা ঈশ্বর, আমাদের উদ্ধার করো;
আমাদের সংগ্রহ করো ও জাতিদের হাত থেকে রক্ষা করো,
যেন আমরা তোমার পবিত্র নামের ধন্যবাদ করতে পারি,
ও তোমার প্রশংসায় মহিমা করতে পারি।”
36 ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা হোক,
অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত।
তখন সব লোকে বলে উঠেছিল “আমেন” ও “সদাপ্রভুর প্রশংসা হোক।”
-
3 ইস্রায়েলীরা সবাই যখন আগুন নেমে আসতে দেখেছিল ও মন্দিরের উপর সদাপ্রভুর প্রতাপও দেখতে পেয়েছিল, তখন তারা মাটিতে উবুড় হয়ে পড়ে শান-বাঁধানো চাতালে নতজানু হল, এবং তারা এই বলে সদাপ্রভুর আরাধনা করল ও তাঁকে ধন্যবাদ জানিয়েছিল,
“তিনি মঙ্গলময়;
তাঁর প্রেম অনন্তকালস্থায়ী।”
-
22 তোমার নাম আমি আমার লোকেদের কাছে প্রচার করব,
সভার মাঝে আমি তোমার জয়গান গাইব।
23 তোমরা যারা সদাপ্রভুকে সম্ভ্রম করো, তাঁর প্রশংসা করো!
যাকোবের বংশধর সকল, তাঁর সম্মান করো!
ইস্রায়েলের বংশধর সকল, তাঁকে শ্রদ্ধা করো।
-
সংগীত পরিচালকের জন্য। একটি সংগীত। একটি গীত।
1 সমস্ত পৃথিবী, ঈশ্বরের উদ্দেশে আনন্দধ্বনি করো!
2 তাঁর নামের গৌরব কীর্তন করো;
তাঁর প্রশংসা গৌরবান্বিত করো।
3 ঈশ্বরকে বলো, “কী অসাধারণ তোমার কার্যসকল!
এমন তোমার পরাক্রম
যে তোমার শত্রুরা তোমার সামনে কুঁকড়ে যায়।
4 সমস্ত পৃথিবী তোমার সামনে অবনত হয়;
তারা তোমার প্রশংসাগান গায়,
তারা তোমার নামের প্রশংসাগান গায়।”
-
24 এই ধরনের আদেশ পেয়ে, সে তাঁদের কারাগারের ভিতরের ঘরে নিয়ে গেল এবং কাঠের বেড়ির মধ্যে তাঁদের পা আটকে দিল।
25 প্রায় মাঝরাতে পৌল ও সীল প্রার্থনা এবং ঈশ্বরের উদ্দেশে স্তবগান করছিলেন। অন্য কারাবন্দিরা তা শুনছিল। 26 হঠাৎই সেখানে এমন এক ভয়ংকর ভূমিকম্প হল যে, কারাগারের ভিত পর্যন্ত কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে কারাগারের সব দরজা খুলে গেল এবং বন্দিদের শিকল খসে পড়ল।
-
14 অন্য আর কোনও দেবতার আরাধনা কোরো না, কারণ যাঁর নাম ঈর্ষাপরায়ণ, সেই সদাপ্রভু ঈর্ষান্বিত ঈশ্বর।
-
দাউদের প্রশংসাগীত।
1 হে আমার ঈশ্বর, আমার রাজা, আমি তোমাকে মহিমান্বিত করব;
চিরকাল আমি তোমার নামের প্রশংসা করব।
2 প্রতিদিন আমি প্রশংসা করব
আর চিরকাল তোমার নামের উচ্চপ্রশংসা করব।
3 সদাপ্রভু মহান ও অতীব প্রশংসার যোগ্য;
কেউ তাঁর মহানতার পরিমাপ করতে পারে না।
4 এক প্রজন্ম তাদের সন্তানসন্ততিদের কাছে তোমার কাজের প্রশংসা করবে;
আর তোমার পরাক্রমী কাজকর্ম বর্ণনা করবে।
-
3 তূরীধ্বনির শব্দে তাঁর প্রশংসা করো,
বীণা ও সুরবাহারে তাঁর প্রশংসা করো।
4 খঞ্জনি ও নৃত্যের তালে তাঁর প্রশংসা করো,
তারের যন্ত্রে ও সানাই বাজিয়ে তাঁর প্রশংসা করো,
5 করতাল বাজিয়ে তাঁর প্রশংসা করো,
করতালের উচ্চধ্বনিতে তাঁর প্রশংসা করো।
6 শ্বাসবিশিষ্ট সবকিছু সদাপ্রভুর প্রশংসা করুক।
সদাপ্রভুর প্রশংসা করো।
-
8 দিয়াবল পুনরায় তাঁকে অতি উচ্চ এক পর্বতে নিয়ে গেল এবং জগতের সমস্ত রাজ্য ও সেগুলির সমারোহ তাঁকে দেখিয়ে বলল, 9 “তুমি যদি ভূমিষ্ঠ হয়ে আমার উপাসনা করো, এ সমস্ত আমি তোমাকে দেব।”
10 যীশু তাকে বললেন, “আমার কাছ থেকে দূর হও শয়তান! কারণ এরকম লেখা আছে, ‘তুমি তোমার ঈশ্বর প্রভুরই আরাধনা করবে, কেবলমাত্র তাঁরই সেবা করবে।’”
-
52 তাঁরা তখন তাঁকে প্রণাম জানিয়ে মহা আনন্দে জেরুশালেমে ফিরে গেলেন 53 এবং মন্দিরে নিরন্তর ঈশ্বরের বন্দনা করতে থাকলেন।
-
1 তোমরা সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও;
সমস্ত পৃথিবী, সদাপ্রভুর উদ্দেশে গীত গাও।
2 সদাপ্রভুর উদ্দেশে গীত গাও; তাঁর নামের প্রশংসা করো;
দিনের পর দিন তাঁর পরিত্রাণ ঘোষণা করো।
3 সমস্ত জাতির মধ্যে তাঁর মহিমা আর সব লোকের মাঝে
তাঁর বিস্ময়কর কাজের কথা প্রচার করো।
4 সদাপ্রভু মহান এবং সর্বোচ্চ প্রশংসার যোগ্য;
সব দেবতার উপরে তিনি সম্ভ্রমের যোগ্য।
5 কারণ, জাতিগণের সমস্ত দেবতা কেবল প্রতিমা মাত্র,
কিন্তু সদাপ্রভু আকাশমণ্ডল সৃষ্টি করেছেন।
6 দীপ্তি ও প্রতাপ তাঁকে ঘিরে রেখেছে;
পরাক্রম ও মহিমা তাঁর পবিত্রস্থান পূর্ণ করে।
-
10 দানিয়েল যখন শুনলেন যে আদেশনামা জারি হয়েছে, তিনি তার বাড়ির উপরের ঘরে ফিরে গেলেন, যে ঘরের জানালা জেরুশালেমের দিকে খুলত। দিনে তিনবার অভ্যাসমতো নতজানু হলেন ও প্রার্থনা করলেন এবং ঈশ্বরের প্রশংসা করলেন।
-
3 কারণ আমরা যারা ঈশ্বরের আত্মায় উপাসনা করি, যারা খ্রীষ্ট যীশুতে গৌরববোধ করি, শরীরের বিষয়ে যাদের কোনো আস্থা নেই, সেই আমরাই তো প্রকৃত সুন্নতপ্রাপ্ত—
-
3 তাঁরা ঈশ্বরের দাস মোশির গীত ও মেষশাবকের গীত গাইছেন:
“প্রভু ঈশ্বর, সর্বশক্তিমান,
মহৎ ও বিস্ময়কর তোমার কর্মসকল;
যুগপর্যায়ের রাজা,
ন্যায়সংগত ও সত্য তোমার যত পথ।
4 হে প্রভু, কে না তোমাকে ভয় করবে
ও তোমার নামের মহিমা করবে?
কারণ কেবলমাত্র তুমিই পবিত্র।
সর্বজাতি এসে তোমার সামনে উপাসনা করবে,
কারণ তোমার ধর্মময় ক্রিয়াকলাপ প্রকাশিত হয়েছে।”
-
20 একথা শুনে, ইয়োব উঠে দাঁড়ালেন এবং তাঁর পোশাক ছিঁড়ে ফেললেন ও তাঁর মাথা কামিয়ে ফেললেন। পরে মাটিতে লুটিয়ে পড়ে তিনি আরাধনা করে 21 বললেন:
“মায়ের গর্ভ থেকে আমি উলঙ্গ হয়ে এসেছি,
আর উলঙ্গ অবস্থাতেই আমি চলে যাব।
সদাপ্রভু দিয়েছেন আর সদাপ্রভুই ফিরিয়ে নিয়েছেন;
সদাপ্রভুর নাম প্রশংসিত হোক।”
-
8 হে প্রভু, দেবতাদের মধ্যে তোমার মতো আর কেউ নেই;
তোমার কর্মসকলের সঙ্গে কারও তুলনা হয় না।
9 সমস্ত জাতি যাদের তুমি তৈরি করেছ,
হে প্রভু, তারা আসবে আর তোমার সামনে আরাধনা করবে,
তারা তোমার নামের মহিমা করবে।
10 কেননা তুমি মহান আর তুমি আশ্চর্য কাজ করে থাকো,
একমাত্র তুমিই ঈশ্বর।
-
5 সদাপ্রভু আমাদের ঈশ্বরের গৌরব করো,
তাঁর পাদপীঠে আরাধনা করো;
তিনি পবিত্র।
-
6 তিনি উত্তর দিলেন, “ভণ্ডের দল! যিশাইয় তোমাদের সম্পর্কে সঠিক ভবিষ্যদ্বাণী করেছেন: যেমন লেখা আছে:
“ ‘এই লোকেরা তাদের ওষ্ঠাধরে আমাকে সম্মান করে,
কিন্তু তাদের হৃদয় থাকে আমার থেকে বহুদূরে।
7 বৃথাই তারা আমার উপাসনা করে,
তাদের শিক্ষামালা বিভিন্ন মানুষের শেখানো নিয়মবিধি মাত্র।’
-
9 কিন্তু তোমরা এক মনোনীত বংশ, এক রাজকীয় যাজক-সম্প্রদায়, এক পবিত্র জাতি, ঈশ্বরের অধিকারস্বরূপ নিজস্ব এক প্রজা, যেন তোমরা তাঁরই গুণকীর্তন করতে পারো, যিনি তোমাদের অন্ধকার থেকে আহ্বান করে তাঁর আশ্চর্য জ্যোতির মধ্যে নিয়ে এসেছেন।
-
4 সেই চব্বিশজন প্রাচীন ও চারজন জীবন্ত প্রাণী নত হয়ে প্রণাম করে সিংহাসনে উপবিষ্ট ঈশ্বরের উপাসনা করলেন। তাঁরা উচ্চকণ্ঠে বললেন,
“আমেন, হাল্লেলুইয়া!”
5 তখন সিংহাসন থেকে এক কণ্ঠস্বর শোনা গেল,
“ঈশ্বরের দাসেরা,
তোমরা যারা ঈশ্বরকে ভয় করো,
সামান্য কি মহান তোমরা সকলে
আমাদের ঈশ্বরের স্তবগান করো।”
6 তারপর আমি এক বিপুল জনসমষ্টির রব, প্রবহমান মহা জলস্রোত ও প্রবল বজ্রপাতের মতো ধ্বনি শুনতে পেলাম। সেই ধ্বনিতে ঘোষণা করা হচ্ছিল:
“হাল্লেলুইয়া!
কারণ আমাদের সর্বশক্তিমান, প্রভু ঈশ্বর, রাজত্ব করছেন।
7 এসো আমরা উল্লসিত হই, আনন্দ করি
এবং তাঁকে মহিমা প্রদান করি!
কারণ মেষশাবকের বিবাহ-লগ্ন উপস্থিত
এবং তাঁর কনে নিজেকে প্রস্তুত করেছে।
-
20 তখন মহিলা ভাববাদী মরিয়ম, হারোণের দিদি, নিজের হাতে একটি খঞ্জনি তুলে নিলেন, এবং সব মহিলা তাঁর দেখাদেখি খঞ্জনি বাজিয়ে নেচেছিল। 21 মরিয়ম তাদের কাছে গান গাইলেন:
“সদাপ্রভুর উদ্দেশে গাও গান,
কারণ তিনি অত্যন্ত মহিমান্বিত।
ঘোড়া ও সওয়ার উভয়কেই
তিনি করেছেন সমুদ্রে নিক্ষিপ্ত।”
-
27 হিষ্কিয় যজ্ঞবেদিতে হোমবলি উৎসর্গ করার আদেশ দিলেন। বলিদান শুরু হওয়ার সাথে সাথে সদাপ্রভুর উদ্দেশে গান গাওয়াও শুরু হল, গানের সাথে শিঙা ও ইস্রায়েলের রাজা দাউদের বাজনাগুলিও বাজানো হল। 28 যখন বাদ্যকরেরা বাজনা বাজাচ্ছিল ও শিঙাগুলিও বাজানো হচ্ছিল, তখন সমগ্র জনসমাজ আরাধনায় নতমস্তক হল। হোমবলি উৎসর্গ করা সমাপ্ত না হওয়া পর্যন্ত এসব চালিয়ে যাওয়া হল।
29 বলিদানের কাজ সম্পন্ন হওয়ার পর, রাজা ও তাঁর সাথে সেখানে উপস্থিত প্রত্যেকে নতজানু হয়ে আরাধনা করলেন। 30 রাজা হিষ্কিয় ও তাঁর কর্মকর্তারা লেবীয়দের আদেশ দিলেন, তারা যেন দাউদের ও দর্শক আসফের লেখা গান গেয়ে সদাপ্রভুর প্রশংসা করে। অতএব তারা খুশিমনে প্রশংসার গান গেয়েছিল এবং মাটিতে মাথা ঠেকিয়ে আরাধনা করল।
-
দাউদের গীত। যখন তিনি অবীমেলকের সামনে পাগলামির ভান করেছিলেন তখন অবীমেলক তাকে তাড়িয়ে দিয়েছিলেন, আর দাউদ চলে গিয়েছিলেন।
1 আমি সর্বদা সদাপ্রভুর ধন্যবাদ করব;
তাঁর প্রশংসা সর্বদা আমার মুখে থাকবে।
2 আমি সদাপ্রভুতে গর্ব করব;
যারা পীড়িত তারা শুনুক ও আনন্দ করুক।
3 আমার সঙ্গে সদাপ্রভুর মহিমাকীর্তন করো;
এসো, আমরা সবাই তাঁর নামের জয়গান করি।
-
3 তারা নৃত্যসহকারে তাঁর নামের প্রশংসা করুক
আর খঞ্জনি ও বীণা দিয়ে তাঁর উদ্দেশে সংগীত করুক।
-
20 তোমরা যখন একত্রে সমবেত হও, তোমরা যে প্রভুর ভোজ গ্রহণ করো, তা নয়, 21 কারণ যখন তোমরা ভোজন করো, তখন তোমাদের প্রত্যেকে অন্য কারও জন্য অপেক্ষা না করে, নিজেরাই প্রথমে ভোজন করে থাকো। একজন থাকে ক্ষুধার্ত, অপর একজন মত্ত হয়। 22 ভোজনপান করার জন্য কি তোমাদের ঘরবাড়ি নেই? নাকি, তোমরা ঈশ্বরের মণ্ডলীকে অবজ্ঞা করছ ও যাদের কিছু নেই, তাদের লজ্জা দিচ্ছ? তোমাদের আমি কী বলব? এর জন্য আমি কি তোমাদের প্রশংসা করব? কোনোমতেই নয়!
23 কারণ প্রভু থেকে আমি যে শিক্ষা লাভ করেছি, তোমাদের কাছে আমি তাই সমর্পণ করছি। যে রাত্রিতে প্রভু যীশুর প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়, তিনি রুটি নিলেন 24 এবং ধন্যবাদ দিয়ে তা ভাঙলেন ও বললেন, “এ আমার দেহ, এ তোমাদেরই জন্য; তোমরা আমার স্মরণার্থে এরকম কোরো।” 25 একইভাবে, খাবারের পরে তিনি পানপাত্র নিয়ে বললেন, “এই পানপাত্র আমার রক্তে নতুন নিয়ম, তোমরা যখনই এটা পান করবে, আমার স্মরণার্থেই তা করবে।” 26 কারণ যখনই তোমরা এই রুটি ভোজন করো ও এই পানপাত্র থেকে পান করো, তোমরা প্রভুর মৃত্যু ঘোষণা করে থাকো, যতদিন পর্যন্ত তিনি না আসেন।
27 অতএব, যে কেউ যদি অযোগ্যরূপে এই রুটি ভোজন করে, বা প্রভুর পানপাত্র থেকে পান করে, সে প্রভুর দেহ ও প্রভুর রক্তের বিরুদ্ধে পাপ করার জন্য দোষী সাব্যস্ত হবে। 28 সেই রুটি ভোজন ও পানপাত্র থেকে পান করার পূর্বে কোনো মানুষের অবশ্যই নিজেকে পরীক্ষা করে দেখা উচিত,
-
6 এরপর আমি অন্য এক স্বর্গদূতকে মধ্যাকাশে উড়ে যেতে দেখলাম। তাঁর কাছে ছিল অনন্তকালীন সুসমাচার, যেন তিনি প্রত্যেক দেশ, গোষ্ঠী, ভাষাভাষী, জাতির, পৃথিবীর সমস্ত অধিবাসীর কাছে তা ঘোষণা করেন। 7 তিনি উচ্চকণ্ঠে বললেন, “ঈশ্বরকে ভয় করো ও তাঁকে সম্মান দাও, কারণ তাঁর বিচারের সময় এসে উপস্থিত হয়েছে। যিনি স্বর্গ, পৃথিবী, সমুদ্র ও জলের সব উৎস উৎপন্ন করেছেন, তাঁর উপাসনা করো।”
-
9 তখন সেই স্বর্গদূত আমাকে বললেন, “তুমি লেখো, ‘ধন্য তারা, যারা মেষশাবকের বিবাহভোজে আমন্ত্রিত।’ ” তিনি আরও যোগ করলেন, “এগুলি প্রকৃতই ঈশ্বরের বাক্য।”
10 একথা শুনে উপাসনা করার জন্য আমি তাঁর পায়ে পড়লাম। কিন্তু তিনি আমাকে বললেন, “তুমি এরকম কোরো না! আমি তোমার ও তোমার ভাইবোন যারা যীশুর সাক্ষ্য ধারণ করে, তাদের সহদাস; কেবলমাত্র ঈশ্বরের উপাসনা করো! কারণ যীশুর সাক্ষ্যই হল ভাববাণীর অনুপ্রেরণা।”
-
9 মোশি যেই না সেই তাঁবুর ভিতরে প্রবেশ করতেন, মেঘস্তম্ভ নেমে আসত ও যতক্ষণ সদাপ্রভু মোশির সাথে কথা বলতেন, ততক্ষণ তা সেই প্রবেশদ্বারে অবস্থান করত। 10 যখনই লোকেরা সেই মেঘস্তম্ভটিকে তাঁবুর প্রবেশদ্বারে অবস্থান করতে দেখত, তখনই তারা প্রত্যেকে নিজেদের তাঁবুর প্রবেশদ্বারে দাঁড়িয়ে আরাধনা করত।
-
4 হে ইস্রায়েল, শোনো: আমাদের ঈশ্বর সদাপ্রভু, একই প্রভু। 5 তুমি তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে। 6 এসব আদেশ যা আজ আমি তোমাদের দিচ্ছি তা যেন তোমাদের অন্তরে থাকে। 7 তোমাদের সন্তানদের তোমরা সেগুলি বারবার শেখাবে। ঘরে বসে থাকার সময় ও যখন তোমরা পথে চলবে, শোবার সময় ও যখন ঘুম থেকে উঠবে তাদের সেই সময় বলবে। 8 তোমরা তা মনে রাখবার চিহ্ন হিসেবে হাতে বেঁধে রাখবে এবং তোমাদের কপালে বেঁধে রাখবে। 9 সেগুলি তোমাদের বাড়ির দরজার চৌকাঠে ও তোমাদের দ্বারে লিখে রাখবে।
-
22 কিন্তু শমূয়েল উত্তর দিলেন:
“সদাপ্রভুর বাধ্য হলে তিনি যত খুশি হন,
হোম ও বলি পেয়ে কি তিনি তত খুশি হন?
বলি দেওয়ার থেকে বাধ্য হওয়া ভালো,
মদ্দা মেষের চর্বির থেকে কথা শোনা ভালো।
-
প্রধান সংগীত পরিচালকের জন্য। সুর: “পুত্রের মৃত্যু” দাউদের গীত।
1 আমার সমস্ত অন্তর দিয়ে, হে সদাপ্রভু, আমি তোমার স্তব করব;
আমি তোমার আশ্চর্য কাজসকল ঘোষণা করব।
2 আমি আনন্দ করব ও তোমাতে উল্লাস করব;
হে পরাৎপর, আমি তোমার নামের প্রশংসাগান করব।
-
11 তুমি আমার বিলাপ নৃত্যে পরিণত করেছ;
আমার চট খুলে আমাকে আনন্দ দিয়ে আবৃত করেছ,
12 যেন আমার হৃদয় চুপ করে না থাকে, কিন্তু তোমার জয়গান করে।
হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি চিরকাল তোমার প্রশংসা করব।
-
4 তখন আমি ঈশ্বরের বেদির কাছে যাব,
ঈশ্বরের সান্নিধ্যে—যিনি আমার সব আনন্দের উৎস।
হে ঈশ্বর, আমার ঈশ্বর
সুরবাহারের ঝংকারে আমি তোমার স্তুতি করব।
-
দাউদের গীত।
1 হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো;
হে আমার অন্তিম সত্তা, তাঁর পবিত্র নামের প্রশংসা করো।
-
16 সবসময় আনন্দ করো; 17 অবিরত প্রার্থনা করো; 18 সমস্ত পরিস্থিতিতেই ধন্যবাদ জ্ঞাপন করো, কারণ খ্রীষ্ট যীশুতে তোমাদের জন্য এই হল ঈশ্বরের ইচ্ছা।
-
12 এখন হে ইস্রায়েল, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের কাছে কী চান? তিনি কেবল চান যেন তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো, সব ব্যাপারে তাঁর পথে চলো, তাঁকে ভালোবাসো, তোমাদের সমস্ত হৃদয় ও প্রাণ দিয়ে তাঁর সেবা করো, 13 আর তোমাদের মঙ্গলের জন্য আজ আমি তোমাদের কাছে সদাপ্রভুর যেসব আদেশ ও অনুশাসন দিচ্ছি তা পালন করো।
-
15 গিদিয়োন যখন সেই স্বপ্নের ও সেটির ব্যাখ্যা শুনলেন, তখন তিনি নতজানু হয়ে আরাধনা করলেন। তিনি ইস্রায়েল-শিবিরে ফিরে গিয়ে সবাইকে ডেকে বললেন, “ওঠো! সদাপ্রভু মিদিয়নীয় শিবির তোমাদের হাতে সমর্পণ করে দিয়েছেন।”
-
11 যাজকেরা পরে পবিত্রস্থান ছেড়ে চলে গেলেন। সেখানে উপস্থিত যাজকেরা সবাই তাদের বিভাগের কথা না ভেবেই নিজেদের উৎসর্গ করে দিলেন। 12 যেসব লেবীয় গানবাজনা করতেন—আসফ, হেমন, যিদূথূন ও তাদের ছেলেরা ও আত্মীয়স্বজন—তারা সবাই মিহি মসিনার কাপড় গায়ে দিয়ে ও সুরবাহার, বীণা ও খঞ্জনি বাজাতে বাজাতে যজ্ঞবেদির পূর্বদিকে গিয়ে দাঁড়িয়েছিলেন। তাদের সাথে ছিলেন আরও 120 জন যাজক, যারা শিঙা বাজাচ্ছিলেন। 13 শিঙাবাদকেরা ও বাদ্যকররা সদাপ্রভুর উদ্দেশে প্রশংসা ও ধন্যবাদ জানানোর জন্য যুগপৎ বিভিন্ন স্কেলে একই স্বর বাজিয়ে যাচ্ছিলেন। শিঙা, সুরবাহার ও অন্যান্য বাদ্যযন্ত্রের সংগত পেয়ে গায়করাও সদাপ্রভুর উদ্দেশে প্রশংসা করতে গিয়ে গলার স্বর উচ্চগ্রামে তুলেছিল এবং তারা গেয়েছিল:
“তিনি মঙ্গলময়;
তাঁর প্রেম চিরস্থায়ী।”
তখন সদাপ্রভুর মন্দির মেঘে পরিপূর্ণ হয়ে উঠেছিল, 14 এবং সেই মেঘের কারণে যাজকেরা তাদের পরিচর্যা করে উঠতে পারেননি, যেহেতু সদাপ্রভুর প্রতাপে ঈশ্বরের মন্দিরটি পরিপূর্ণ হয়ে উঠেছিল।
-
15 এখন এই স্থানে উৎসর্গ করা প্রার্থনার প্রতি আমার চোখ খোলা থাকবে ও আমার কানও সজাগ থাকবে। 16 আমি এই মন্দিরটিকে মনোনীত করেছি ও পবিত্রতায় পৃথকও করেছি, যেন চিরকাল সেখানে আমার নাম বজায় থাকে। আমার চোখ ও আমার অন্তর সবসময় সেখানে থাকবে।
-
5 ইষ্রা পুস্তকখানি খুললেন। সমস্ত লোক তাকে দেখতে পাচ্ছিল কেননা তিনি তাদের থেকে উঁচুতে দাঁড়িয়েছিলেন, আর তিনি যখন পুস্তকটি খুললেন, সমস্ত লোক উঠে দাঁড়াল। 6 ইষ্রা মহান ঈশ্বর সদাপ্রভুর গৌরব করলেন, আর সমস্ত লোক হাত তুলে উত্তর দিল, “আমেন! আমেন!” তারপর তারা মাটিতে মাথা ঠেকিয়ে সদাপ্রভুর আরাধনা করল।
-
25 মহাসমাবেশে আমি তোমার প্রশংসা করব;
যারা তোমার আরাধনা করে তাদের উপস্থিতিতে আমি আমার শপথ পূরণ করব।
26 যারা দরিদ্র তারা ভোজন করবে ও তৃপ্ত হবে;
যারা সদাপ্রভুর অন্বেষণ করে তারা তাঁর জয়গান করবে,
তাদের হৃদয় চিরস্থায়ী আনন্দে উল্লসিত হবে।
27 পৃথিবীর সব প্রান্তের মানুষ
সদাপ্রভুকে স্মরণ করবে ও তাঁর দিকে ফিরবে,
এবং জাতিদের সব পরিবার
তাঁর সামনে নতজানু হবে,
28 কারণ আধিপত্য সদাপ্রভুরই
আর তিনি জাতিদের উপর শাসন করেন।
-
3 কে সদাপ্রভুর পর্বতে আরোহণ করবে?
কে তাঁর পুণ্যস্থানে দাঁড়াবে?
4 সে, যার হাত পরিষ্কার ও হৃদয় নির্মল,
যে প্রতিমায় আস্থা রাখে না
অথবা মিথ্যা দেবতার নামে শপথ করে না।
5 তারা সদাপ্রভুর কাছ থেকে আশীর্বাদ লাভ করবে
এবং তাদের ঈশ্বর উদ্ধারকর্তার কাছ থেকে সমর্থন পাবে।
6 এই সেই প্রজন্ম, যারা তোমাকে অন্বেষণ করে,
তারা তোমার মুখ অন্বেষণ করে, হে যাকোবের ঈশ্বর।
-
1 সদাপ্রভুর প্রশংসা করো, তাঁর নাম ঘোষণা করো;
জাতিদের জানাও তিনি কী করেছেন।
2 তাঁর উদ্দেশে গান গাও, তাঁর উদ্দেশে প্রশংসাগীত গাও;
তাঁর সুন্দর সুন্দর সব কাজের কথা বলো।
3 তাঁর পবিত্র নামের মহিমা করো;
যারা সদাপ্রভুর খোঁজ করে তাদের অন্তর উল্লসিত হোক।
4 সদাপ্রভুর ও তাঁর শক্তির দিকে চেয়ে দেখো;
সর্বদা তাঁর শ্রীমুখের খোঁজ করো।
5 মনে রেখো তাঁর করা আশ্চর্য কাজগুলি,
তাঁর অলৌকিক কার্যাবলি ও তাঁর ঘোষণা করা শাস্তি,
6 তোমরা তাঁর দাস, হে অব্রাহামের বংশধরেরা,
তাঁর মনোনীত লোকেরা, হে যাকোবের সন্তানেরা।
-
1 হে সদাপ্রভু, তুমিই আমার ঈশ্বর;
আমি তোমার নাম উঁচুতে তুলে ধরব ও তোমার নামের প্রশংসা করব,
কারণ নিখুঁত বিশ্বস্ততায়,
তুমি বিস্ময়কর সব কাজ করেছ,
যেগুলির পরিকল্পনা তুমি বহুপূর্বেই করেছিলে।
-
6 যে বিদেশিরা সদাপ্রভুর সেবা করার জন্য,
তাঁকে ভালোবাসার জন্য ও তাঁর আরাধনা করার জন্য তাঁর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়,
যারাই সাব্বাথ-দিন অপবিত্র না করে তা পালন করে
ও যারা আমার নিয়ম অবিচলভাবে পালন করে—
7 তাদের আমি আমার পবিত্র পর্বতে নিয়ে আসব
এবং আমার প্রার্থনা-গৃহে তাদের আনন্দ দেব।
তাদের দেওয়া হোমবলি ও অন্যান্য নৈবেদ্য
আমার বেদিতে গ্রহণ করা হবে;
কারণ আমার গৃহ আখ্যাত হবে
সর্বজাতির প্রার্থনা-গৃহ বলে।”
-
28 তখন নেবুখাদনেজার বললেন, “শদ্রক, মৈশক ও অবেদনগোর ঈশ্বরের প্রশংসা হোক, যিনি নিজের দূত পাঠিয়ে তাঁর দাসদের রক্ষা করেছেন! তারা তাদের ঈশ্বরে আস্থা রেখেছে এবং রাজার আদেশ অমান্য করেছে। এমনকি নিজেদের আরাধ্য ঈশ্বর ছাড়া অন্য দেবতাদের সেবা ও আরাধনা না করে নিজেদের জীবন দিতেও তারা প্রস্তুত ছিল।
-
5 তখন তোমাদেরও জীবন্ত পাথরের মতো, একটি আত্মিক আবাসরূপে গড়ে তোলা হচ্ছে, যেন এক পবিত্র যাজকসমাজ হয়ে তোমরা যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য আত্মিক বলি উৎসর্গ করতে পারো।
-
10 সদাপ্রভুর মন্দির নির্মাণকারীরা যখন ভিত্তি প্রতিষ্ঠা করছিল, তখন যাজকেরা নিজেদের নির্দিষ্ট পোশাক পরিধান করে তূরী সঙ্গে নিয়ে নিজেদের নিরূপিত স্থানে এসে দাঁড়াল। সদাপ্রভুর উদ্দেশে স্তুতিগান করার জন্য ইস্রায়েলের রাজা দাউদের নির্দেশসহ লেবীয়েরাও (আসফের বংশজাত) করতাল নিয়ে তাদের নিরূপিত স্থানে এসে দাঁড়াল। 11 সদাপ্রভুর উদ্দেশে তারা এই ধন্যবাদ ও প্রশংসা সংগীত নিবেদন করল
“তিনি মঙ্গলময়;
ইস্রায়েলের প্রতি তাঁর দয়া অনন্তকালস্থায়ী।”
অন্য সকলে সদাপ্রভুর উদ্দেশে উচ্চরবে জয়ধ্বনি করল, কারণ সদাপ্রভুর মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়েছে। 12 কিন্তু অনেক প্রবীণ যাজক, লেবীয় গোষ্ঠীপতি, যারা পূর্বেকার মন্দিরটি দেখেছিলেন, তারা যখন দেখলেন যে মন্দিরের ভিত্তি স্থাপিত হচ্ছে, তখন তারা উচ্চস্বরে কাঁদতে লাগলেন। এই সময়ে অনেকে আবার আনন্দে উচ্ছ্বাসিত হয়ে জয়ধ্বনি তুললেন। 13 কেউই ক্রন্দনধ্বনি থেকে জয়ধ্বনি পৃথক করতে পারল না, কারণ লোকেরা প্রচণ্ড শব্দ সৃষ্টি করেছিল, যা বহুদূর থেকে শোনা গিয়েছিল।
-
2 তোমার পবিত্র মন্দিরের উদ্দেশে আমি নত হব
এবং তোমার অবিচল প্রেম ও তোমার বিশ্বস্ততার কারণে
তোমার নামের প্রশংসা করব,
কারণ তুমি তোমার বিধিসম্মত নিয়মাবলি উচ্চে স্থাপন করেছ;
যেন তোমার খ্যাতি ছাপিয়ে যায়।
-
21 “আমি তোমাদের ধর্মীয় উৎসবগুলি ঘৃণা করি, অগ্রাহ্য করি;
তোমাদের সভাগুলি আমি সহ্য করতে পারি না।
22 তোমরা যদিও আমার কাছে হোমবলি ও শস্য-নৈবেদ্যগুলি উপস্থিত করো,
আমি সেগুলি গ্রহণ করব না।
তোমরা যদিও নধর পশুর মঙ্গলার্থক বলি উৎসর্গ করো,
আমি সেগুলি চেয়েও দেখব না।
23 তোমাদের গানবাজনার শব্দ দূর করো!
আমি তোমাদের বীণার ঝংকার শুনতে চাই না।
24 কিন্তু ন্যায়বিচার নদীর মতো প্রবাহিত হোক,
ধার্মিকতা কখনও শুকিয়ে না যাওয়া স্রোতের মতো হোক!
-
6 আমি কি নিয়ে সদাপ্রভুর সামনে যাব
এবং স্বর্গের ঈশ্বরের উপাসনা করব?
আমি কি হোমবলির জন্য তাঁর সামনে যাব,
কয়েকটি এক বছরের বাছুর নিয়ে?
7 সদাপ্রভু কি হাজার হাজার মেষ,
কিংবা দশ হাজার নদী ভরা জলপাই তেলে খুশি হবেন?
আমার অন্যায়ের জন্য কি আমি আমার প্রথম সন্তান,
আমার পাপের জন্য নিজের শরীরের ফল উৎসর্গ করব?
8 হে মানুষ, যা ভালো তা তো তিনি তোমাকে দেখিয়েছেন।
সদাপ্রভু তোমার কাছ থেকে কী চাইছেন জানো?
শুধুমাত্র এইটা যে, ন্যায্য কাজ করা ও ভালোবাসা
এবং তোমার সদাপ্রভুর সঙ্গে নম্র হয়ে চলা।
-
16 আমি শুনলাম এবং আমার হৃদয় কাঁপল,
শব্দ শুনে আমার ঠোঁট কাঁপল;
আমার শরীরের হাড়গুলি ক্ষয় হতে শুরু করল,
এবং আমার পা কাঁপতে লাগল।
তবুও আমি সেই বিপত্তির দিনের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করব
যেদিন বিপত্তি আমাদের আক্রমণকারী জাতির উপরে নেমে আসবে।
17 যদিও ডুমুর গাছে কুঁড়ি ধরবে না
এবং আঙুর লতায় কোনো আঙুর ধরবে না,
যদিও জলপাই গাছ ফলহীন হবে
এবং ক্ষেতে খাবারের জন্য শস্য ধরবে না,
যদিও মেষের খোঁয়াড়ে কোনো মেষ থাকবে না
এবং গোয়ালঘরে গবাদি পশুরা থাকবে না,
18 তবুও আমি সদাপ্রভুতে আনন্দ করব,
আমার ঈশ্বর উদ্ধারকর্তায় উল্লসিত হব।
-
18 যেসব মানুষ তাদের দুষ্টতার দ্বারা সত্যকে চেপে রাখছে, তাদের সমস্ত ভক্তিহীনতা ও দুষ্টতার বিরুদ্ধে স্বর্গ থেকে ঈশ্বরের ক্রোধ প্রকাশিত হচ্ছে। 19 কারণ ঈশ্বর সম্পর্কে যা জানা যেতে পারে, তা তাদের কাছে সুস্পষ্ট, কারণ ঈশ্বর তা তাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। 20 এর কারণ হল, জগৎ সৃষ্টি হওয়ার সময় থেকে, ঈশ্বরের অদৃশ্য গুণাবলি—তাঁর অনন্ত পরাক্রম ও ঐশী-চরিত্র—স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। সমস্ত সৃষ্ট বস্তুর মধ্য দিয়ে তা বোঝা যায়, যেন কোনো মানুষ অজুহাত দিতে না পারে।
21 কারণ তারা ঈশ্বরকে জানলেও, ঈশ্বর বলে তাঁর মহিমাকীর্তন করেনি, তাঁকে ধন্যবাদও দেয়নি, কিন্তু তাদের ভাবনাচিন্তা অসার হয়ে পড়েছে এবং তাদের মূর্খ হৃদয় অন্ধকারাচ্ছন্ন হয়েছে। 22 যদিও তারা নিজেদের বিজ্ঞ বলে দাবি করে, কিন্তু তারা মূর্খে পরিণত হয়েছে। 23 তারা নশ্বর মানুষ, পশুপাখি ও সরীসৃপের মতো দেখতে প্রতিমূর্তির সঙ্গে অক্ষয় ঈশ্বরের মহিমার পরিবর্তন করেছে।
24 সেই কারণে ঈশ্বর, অশুদ্ধ যৌনাচারের প্রতি তাদের হৃদয়কে পাপপূর্ণ অভিলাষে সমর্পণ করলেন, যেন পরস্পরের দ্বারা তাদের শরীরের মর্যাদাহানি হয়। 25 তারা ঈশ্বরের সত্যের পরিবর্তে এক মিথ্যাকে বেছে নিল। তারা স্রষ্টার উপাসনা না করে সৃষ্ট বস্তুর উপাসনা ও সেবা করেছে—সেই স্রষ্টাই চিরতরে প্রশংসিত হোন। আমেন।
-
26 ভাইবোনেরা, তাহলে আমরা কী বলব? তোমরা যখন একত্রে মিলিত হও, তখন প্রত্যেকের কোনো গীত বা উপদেশবাণী, কোনো প্রত্যাদেশ, কোনো বিশেষ ভাষা বা কোনও অর্থ ব্যাখ্যা আছে। এসব অবশ্যই মণ্ডলীকে শক্তিশালী করার জন্য করতে হবে। 27 কেউ যদি কোনো বিশেষ ভাষায় কথা বলে, দুজন বা তিনজনের বেশি তা বলবে; একবারে একজন করে বলবে এবং অন্য কেউ অবশ্যই তার অর্থ ব্যাখ্যা করে দেবে। 28 সেখানে যদি কোনও অর্থব্যাখ্যাকারী না থাকে, সেই ব্যক্তি মণ্ডলীতে নীরব থাকবে এবং নিজের ও ঈশ্বরের উদ্দেশে কথা বলবে।
29 ভাববাদীরা দুজন বা তিনজন কথা বলবে এবং অন্যরা সযত্নে বক্তব্যের গুরুত্ব বিবেচনা করবে। 30 আর উপস্থিত ব্যক্তিদের মধ্যে কেউ যদি প্রত্যাদেশ লাভ করে, তাহলে প্রথম বক্তা নীরব থাকবে। 31 কারণ তোমরা সকলে পর্যায়ক্রমে ভাববাণী বলতে পারো, যেন প্রত্যেকেই শিক্ষা ও প্রেরণা লাভ করতে পারে। 32 ভাববাদীদের আত্মা ভাববাদীদের নিয়ন্ত্রণাধীন থাকে। 33 কারণ ঈশ্বর বিশৃঙ্খলার ঈশ্বর নন, কিন্তু শান্তির যেমন পবিত্রগণের সমস্ত মণ্ডলীতে হয়ে থাকে।
34 মণ্ডলীতে মহিলারা নীরব থাকবে। তাদের কথা বলার অনুমতি দেওয়া যায় না, বরং শাস্ত্রীয় বিধানও যেমন বলে, তারা অবশ্যই বশ্যতাধীন থাকবে। 35 তারা যদি কোনও বিষয়ে কিছু জানতে চায়, তারা বাড়িতে নিজের নিজের স্বামীর কাছে তা জিজ্ঞাসা করুক, কারণ মণ্ডলীতে কোনো মহিলার কথা বলা লজ্জাকর ব্যাপার।
36 ঈশ্বরের বাক্য কি তোমাদের মধ্য থেকেই উদ্ভূত হয়েছিল? অথবা, তা কি কেবলমাত্র তোমাদেরই কাছে উপস্থিত হয়েছে? 37 কেউ যদি নিজেকে ভাববাদী বা আত্মিকভাবে বরদানপ্রাপ্ত বলে মনে করে, তাহলে সে স্বীকার করবে যে, তোমাদের কাছে আমি যা লিখছি, তা প্রভুরই আদেশ। 38 সে যদি তা উপেক্ষা করে, তাহলে সে নিজেই উপেক্ষিত হবে।
39 অতএব, আমার ভাইবোনেরা, তোমরা ভাববাণী বলার জন্য আগ্রহী হও এবং বিশেষ বিশেষ ভাষায় কথা বলতে নিষেধ কোরো না। 40 কিন্তু সবকিছুই যথাযথ ও সুশৃঙ্খলভাবে হওয়া উচিত।
-
25 সদাপ্রভু মহান এবং সর্বোচ্চ প্রশংসার যোগ্য;
সব দেবতার উপরে তিনি সম্ভ্রমের যোগ্য।
-
3 তথাপি তুমিই পবিত্র;
ইস্রায়েলের প্রশংসায় তুমিই অধিষ্ঠিত।
-
একটি সংগীত। কোরহ বংশের সন্তানদের একটি গীত।
1 আমাদের ঈশ্বরের নগরীতে এবং তাঁর পবিত্র পর্বতে,
সদাপ্রভু মহান, আর তিনি সর্বোচ্চ প্রশংসার যোগ্য।
-
9 হে সদাপ্রভু, জাতিদের মাঝে আমি তোমার প্রশংসা করব;
লোকেদের মাঝে আমি তোমার স্তব করব।
-
4 ঈশ্বরের উদ্দেশে গান করো, তাঁর নামের উদ্দেশে প্রশংসাগান গাও,
যিনি মেঘের উপর চড়ে যাত্রা করেন তাঁর উচ্চপ্রশংসা করো;
তাঁর সামনে উল্লাস করো—তাঁর নাম সদাপ্রভু।
5 ঈশ্বর অনাথদের বাবা আর বিধবাদের পক্ষসমর্থনকারী;
তাঁর আবাস পবিত্র।
-
8 আমার মুখ তোমার প্রশংসায় পূর্ণ,
আর সারাদিন তোমার মহিমা প্রচার করে।
-
1 সদাপ্রভুর প্রশংসা করো।
আকাশমণ্ডল থেকে সদাপ্রভুর প্রশংসা করো;
ঊর্ধ্বলোকে তাঁর প্রশংসা করো।
2 হে তাঁর সমস্ত স্বর্গদূত, তাঁর প্রশংসা করো;
হে তাঁর সমস্ত স্বর্গীয় বাহিনী, তাঁর প্রশংসা করো।
3 হে সূর্য ও চন্দ্র, তাঁর প্রশংসা করো;
হে উজ্জ্বল সব তারা, তাঁর প্রশংসা করো।
4 হে ঊর্ধ্বতম স্বর্গলোক, তাঁর প্রশংসা করো
হে আকাশের ঊর্ধ্বস্থিত জলরাশি, তোমরাও করো।
5 সব সৃষ্টবস্তু সদাপ্রভুর নামের প্রশংসা করুক,
কারণ তিনি আদেশ করেছিলেন, আর সেসব সৃষ্টি হয়েছিল,
-
37 যীশু উত্তর দিলেন: “ ‘তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে।’ 38 এটিই প্রথম ও মহত্তম আজ্ঞা। 39 আর দ্বিতীয়টি এরই সমতুল্য: ‘তোমার প্রতিবেশীকে তোমার নিজের মতোই প্রেম করবে।’
Shows Read in context, Share and Copy.