82 Bible Verses About Rejoicing

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Rejoicing
  1. 4 তোমরা প্রভুতে সবসময় আনন্দ করো। আমি আবার বলব, আনন্দ করো। 5 তোমাদের শান্তভাব সবার কাছে প্রত্যক্ষ হোক। প্রভু শীঘ্রই আসছেন। 6 কোনো বিষয়েই উৎকণ্ঠিত হোয়ো না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। 7 এতে সব বোধবুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি, খ্রীষ্ট যীশুতে তোমাদের অন্তর ও মন রক্ষা করবে।

  2. 1 অতএব, বিশ্বাসের মাধ্যমে যেহেতু আমরা নির্দোষ গণ্য হয়েছি, তাই আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি স্থাপিত হয়েছে। 2 তাঁরই মাধ্যমে বিশ্বাসে আমরা এই অনুগ্রহে প্রবেশের অধিকার অর্জন করেছি ও তার মধ্যেই এখন আমরা অবস্থান করছি। আর আমরা ঈশ্বরের মহিমার প্রত্যাশায় উল্লসিত হচ্ছি। 3 শুধু তাই নয়, আমরা আমাদের দুঃখকষ্টেও আনন্দ করি, কারণ আমরা জানি, দুঃখকষ্ট সহিষ্ণুতাকে, 4 সহিষ্ণুতা অভিজ্ঞতাকে ও অভিজ্ঞতা প্রত্যাশার জন্ম দেয়। 5 সেই প্রত্যাশা আমাদের নিরাশ করে না, কারণ আমাদের প্রতি দেওয়া পবিত্র আত্মা দ্বারা ঈশ্বর তাঁর প্রেম আমাদের হৃদয়ে উজাড় করে ঢেলে দিয়েছেন।

  3. 16 সবসময় আনন্দ করো; 17 অবিরত প্রার্থনা করো; 18 সমস্ত পরিস্থিতিতেই ধন্যবাদ জ্ঞাপন করো, কারণ খ্রীষ্ট যীশুতে তোমাদের জন্য এই হল ঈশ্বরের ইচ্ছা।

    19 আত্মার আগুন নিভিয়ে দিয়ো না।

  4. 15 যারা আনন্দ করে, তাদের সঙ্গে আনন্দ করো; যারা শোক করে, তাদের সঙ্গে শোক করো।

  5. 2 হে আমার ভাইবোনেরা, যখনই তোমরা বিভিন্ন প্রকারের পরীক্ষার সম্মুখীন হও, সেগুলিকে নির্মল আনন্দের বিষয় বলে মনে করো, 3 কারণ তোমরা জানো যে, তোমাদের বিশ্বাসের পরীক্ষা ধৈর্য উৎপন্ন করে। 4 ধৈর্যকে অবশ্যই তার কাজ শেষ করতে হবে, যেন তোমরা পরিপক্ব ও সম্পূর্ণ হয়ে উঠতে পারো, কোনো বিষয়ের অভাব তোমাদের না থাকে।

  6. 3 যীশু তখন তাদের এই রূপকটি বললেন, 4 “মনে করো, তোমাদের কারও একশোটি মেষ আছে। তার মধ্যে একটি হারিয়ে গেল। সে কি নিরানব্বইটি মেষকে মাঠে রেখে হারানো মেষটি খুঁজে না পাওয়া পর্যন্ত তার সন্ধান করবে না? 5 সেটি খুঁজে পেলে সে সানন্দে তাকে কাঁধে তুলে নিয়ে বাড়ি ফিরে যাবে। 6 পরে বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের ডেকে সে বলবে, ‘আমার সঙ্গে আনন্দ করো; আমি আমার হারানো মেষটি খুঁজে পেয়েছি।’ 7 আমি তোমাদের বলছি, একইভাবে নিরানব্বইজন ধার্মিক ব্যক্তি, যাদের মন পরিবর্তন করার প্রয়োজন নেই, তাদের চেয়ে একজন পাপী মন পরিবর্তন করলে স্বর্গে অনেক বেশি আনন্দ হবে।

    8 “আবার মনে করো, কোনো স্ত্রীলোকের দশটি রুপোর মুদ্রা আছে, কিন্তু তার একটি হারিয়ে গেল। সেটাকে না পাওয়া পর্যন্ত, সে কি প্রদীপ জ্বেলে, ঘর ঝাঁট দিয়ে, তন্নতন্ন করে খুঁজবে না? 9 মুদ্রাটি খুঁজে পেলে, সে তার বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের একসঙ্গে ডেকে বলবে, ‘আমার সঙ্গে আনন্দ করো, আমার হারিয়ে যাওয়া মুদ্রাটি আমি খুঁজে পেয়েছি।’ 10 একইভাবে, আমি তোমাদের বলছি, একজন পাপী মন পরিবর্তন করলে ঈশ্বরের দূতগণের সাক্ষাতে আনন্দ হয়।”

  7. 6 এই কারণে তোমরা মহা উল্লসিত হয়েছ, যদিও বর্তমানে কিছু সময়ের জন্য সমস্ত রকম পরীক্ষায় তোমাদের দুঃখকষ্ট ভোগ করতে হচ্ছে। 7 সোনা আগুনের দ্বারা পরিশোধিত হলেও ক্ষয়প্রাপ্ত হয়। তার থেকেও বহুমূল্য তোমাদের বিশ্বাস তেমনি আগুনের মাধ্যমে শুদ্ধ হয়েছে যেন যীশু খ্রীষ্টের প্রকাশকালে তা প্রশংসা, গৌরব ও মর্যাদা লাভ করতে পারে। 8 তোমরা তাঁকে দেখোনি অথচ তাঁকে ভালোবেসেছ; আর যদিও তোমরা তাঁকে এখন দেখতে পাচ্ছ না, তোমরা তাঁকে বিশ্বাস করে অবর্ণনীয় ও মহিমাময় আনন্দে পূর্ণ হয়ে উঠছ, 9 কারণ তোমরা তোমাদের বিশ্বাসের লক্ষ্য, অর্থাৎ তোমাদের প্রাণের পরিত্রাণ লাভ করছ।

  8. 10 ধন্য তারা, যারা ধার্মিকতার কারণে তাড়িত,

    কারণ স্বর্গরাজ্য তাদেরই।

    11 “ধন্য তোমরা, যখন লোকে আমার জন্য তোমাদের অপমান করে, নির্যাতন করে ও মিথ্যা অভিযোগে তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। 12 উল্লসিত হোয়ো, আনন্দ কোরো; কারণ স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ পূর্বে ভাববাদীদেরও তারা একই উপায়ে নির্যাতন করত।

    13 “তোমরা পৃথিবীর লবণ। কিন্তু লবণ যদি তার লবণত্ব হারায়, তাহলে কীভাবে তা পুনরায় লবণের স্বাদযুক্ত করা যাবে? তা আর কোনো কাজেরই উপযুক্ত থাকে না, কেবলমাত্র তা বাইরে নিক্ষেপ করার ও লোকদের পদদলিত হওয়ার যোগ্য হয়।

  9. 20 আমি তোমাদের সত্যি বলছি, তোমরা যখন কাঁদবে ও শোক করবে, জগৎ তখন আনন্দ করবে। তোমরা শোক করবে, কিন্তু তোমাদের শোক আনন্দে রূপান্তরিত হবে। 21 সন্তানের জন্ম দেওয়ার সময় নারী যন্ত্রণায় কাতর হয়ে ওঠে, কারণ তার সময় পূর্ণ হয়েছে। কিন্তু সন্তানের জন্ম হলে, আনন্দে সে তার যন্ত্রণা ভুলে যায়, কারণ জগতে একটি শিশুর জন্ম হয়েছে। 22 তোমাদের ক্ষেত্রেও তাই। এখন তোমাদের শোকের সময়, কিন্তু আমি তোমাদের সঙ্গে আবার সাক্ষাৎ করব এবং তোমরা আনন্দ করবে। তোমাদের সেই আনন্দ কেউ কেড়ে নিতে পারবে না। 23 সেদিন তোমরা আমার কাছে আর কিছু চাইবে না। আমি তোমাদের সত্যি বলছি, আমার নামে, আমার পিতার কাছে, তোমরা যা কিছু প্রার্থনা করবে, তা তিনি তোমাদের দান করবেন। 24 এখনও পর্যন্ত তোমরা আমার নামে কোনো কিছুই চাওনি। চাও, তোমরা পাবে এবং তখন তোমাদের আনন্দ পূর্ণ হবে।

  10. 1 পরিশেষে আমার ভাইবোনেরা, প্রভুতে আনন্দ করো। তোমাদের কাছে একই বিষয়ে বারবার লিখতে আমি বিরক্তি বোধ করি না এবং তা তোমাদের পক্ষে নিরাপদও বটে।

  11. 11 আমি তোমাদের একথা বললাম, যেন আমার আনন্দ তোমাদের মধ্যে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়।

  12. 22 কিন্তু পবিত্র আত্মার ফল হল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, পরোপকারিতা, বিশ্বস্ততা, 23 বিনম্রতা ও আত্মসংযম। এসব বিষয়ের বিরুদ্ধে কোনও বিধান নেই।

  13. 13 প্রত্যাশার ঈশ্বর তোমাদের সমস্ত আনন্দ ও শান্তিতে পূর্ণ করুন, যেমন তোমরা তাঁর উপরে বিশ্বাস করো, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমের দ্বারা প্রত্যাশায় উপচে পড়ো।

  14. 12 প্রিয় বন্ধুরা, যে যন্ত্রণাপূর্ণ পরীক্ষা তোমরা ভোগ করছ, তা কোনো অস্বাভাবিক ঘটনা তোমাদের প্রতি ঘটছে মনে করে বিস্মিত হোয়ো না। 13 কিন্তু খ্রীষ্টের কষ্টভোগে তোমরাও অংশগ্রহণ করছ মনে করে আনন্দ করো, যেন যেদিন তাঁর মহিমা প্রকাশিত হবে, সেদিন তোমরাও অতিশয় আনন্দিত হতে পারো। 14 খ্রীষ্টের নামের জন্য যদি তোমরা অপমানিত হও, তাহলে তোমরা ধন্য, কারণ ঈশ্বরের মহিমাময় আত্মা তোমাদের উপরে অধিষ্ঠান করছেন।

  15. 18 কিন্তু তাতেই বা কী? গুরুত্বপূর্ণ বিষয় হল, ছলনা বা সত্য, যেভাবেই হোক, খ্রীষ্টকে প্রচার করা হচ্ছে। আর সেই কারণেই আমি আনন্দিত।

    হ্যাঁ, আমার এই আনন্দ অব্যাহত থাকবে, 19 কারণ আমি জানি, আমার জীবনে যা ঘটেছে, তোমাদের প্রার্থনার মাধ্যমে এবং যীশু খ্রীষ্টের আত্মা দ্বারা যে সহায়তা দেওয়া হয়েছে, সেসব আমার মুক্তির কারণ হবে।

  16. 9 তাই আমার হৃদয় আনন্দিত এবং আমার জিভ উল্লাস করে;

    আমার দেহ নিরাপদে বিশ্রাম নেবে,

    10 কারণ তুমি কখনও আমাকে পাতালের গর্ভে পরিত্যাগ করবে না,

    তুমি তোমার বিশ্বস্তদের ক্ষয় দেখতে দেবে না।

    11 তুমি আমাকে জীবনের পথ দেখাও;

    তোমার সান্নিধ্য আমাকে আনন্দ দিয়ে পূর্ণ করবে,

    তোমার ডান হাতে আছে অনন্ত সুখ।

  17. 13 কিন্তু দূত তাঁকে বললেন, “সখরিয়, ভয় পেয়ো না, ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন। তোমার স্ত্রী ইলিশাবেত তোমার জন্য এক পুত্রসন্তানের জন্ম দেবেন। তুমি তার নাম রাখবে, যোহন। 14 সে তোমার আনন্দ ও উল্লাসের কারণ হবে এবং তার জন্মে অনেক মানুষ উল্লসিত হবে, 15 কারণ প্রভুর দৃষ্টিতে সে হবে মহান। সে কখনও দ্রাক্ষারস, বা অন্য কোনো উত্তেজক পানীয় গ্রহণ করবে না এবং জন্মমুহূর্ত থেকেই সে পবিত্র আত্মায় পূর্ণ হবে।

  18. 19 আমি তোমাদের সাপ ও কাঁকড়াবিছে পায়ের তলায় পিষে মারার এবং শত্রুর সমস্ত ক্ষমতার উপর কর্তৃত্ব করার অধিকার দান করেছি। কোনো কিছুই তোমাদের ক্ষতি করতে পারবে না। 20 কিন্তু আত্মারা তোমাদের বশীভূত হয় বলে উল্লসিত হোয়ো না, বরং স্বর্গে তোমাদের নাম লেখা হয়েছে বলে উল্লসিত হও।”

  19. 40 তাঁরা তখন তাঁর পরামর্শ গ্রহণ করল। তাঁরা প্রেরিতশিষ্যদের ভিতরে ডেকে এনে চাবুক মারলেন। তাঁরা তাঁদের আদেশ দিলেন, তাঁরা যেন যীশুর নামে কোনো কথা না বলেন। তারপর তাঁরা তাঁদের চলে যেতে দিলেন।

    41 প্রেরিতশিষ্যেরা আনন্দ করতে করতে মহাসভা ত্যাগ করলেন, কারণ তাঁরা সেই নামের কারণে অপমান ভোগ করার জন্য যোগ্য বলে গণ্য হয়েছিলেন। 42 দিনের পর দিন, মন্দির-প্রাঙ্গণে ও ঘরে ঘরে, তাঁরা শিক্ষা দিতে এবং যীশুই যে সেই খ্রীষ্ট, এই সুসমাচার ঘোষণা করতে কখনও ক্ষান্ত হতেন না।

  20. 10 নহিমিয় বললেন, “তোমরা গিয়ে ভালো ভালো খাবার খাও ও মিষ্টি রস পান করে আনন্দ করো, এবং যারা কিছু প্রস্তুত করতে পারেনি তাদের পাঠিয়ে দাও। এই দিনটি প্রভুর উদ্দেশে পবিত্র। তোমরা দুঃখ করো না, কারণ সদাপ্রভুতে যে আনন্দ, তাই তোমাদের শক্তি।”

  21. 11 কিন্তু যারা তোমাতে আশ্রয় নেয় তারা আনন্দ করুক;

    তারা চিরকাল আনন্দগান করুক।

    তোমার সুরক্ষা তাদের উপর বিছিয়ে দাও,

    যেন যারা তোমার নাম ভালোবাসে, তারা তোমাতে উল্লাস করে।

  22. 17 যদিও ডুমুর গাছে কুঁড়ি ধরবে না

    এবং আঙুর লতায় কোনো আঙুর ধরবে না,

    যদিও জলপাই গাছ ফলহীন হবে

    এবং ক্ষেতে খাবারের জন্য শস্য ধরবে না,

    যদিও মেষের খোঁয়াড়ে কোনো মেষ থাকবে না

    এবং গোয়ালঘরে গবাদি পশুরা থাকবে না,

    18 তবুও আমি সদাপ্রভুতে আনন্দ করব,

    আমার ঈশ্বর উদ্ধারকর্তায় উল্লসিত হব।

    19 সার্বভৌম সদাপ্রভুই আমার শক্তি;

    তিনি আমার পা হরিণীর পায়ের মতো করেন,

    তিনি আমাকে উচ্চ স্থানে চলতে ক্ষমতা দেন।

    প্রধান বাদকের জন্য; আমার তারযুক্ত যন্ত্রে।

  23. 17 কারণ ঈশ্বরের রাজ্য ভোজনপানের বিষয় নয়, কিন্তু ধার্মিকতার, শান্তির ও পবিত্র আত্মায় আনন্দের।

  24. 1 পরে হান্না প্রার্থনা করে বললেন:

    “মম অন্তর সদাপ্রভুতে আনন্দিত রয়;

    মম শৃঙ্গ সদাপ্রভুতে উন্নত হয়।

    মম মুখ শত্রুদের পরে গর্বিত হয়,

    তব উদ্ধারে আমি আনন্দিত হই।

  25. 14 হে সিয়োন-কন্যা, গান করো;

    হে ইস্রায়েল, জয়ধ্বনি করো!

    হে জেরুশালেম-কন্যা,

    তুমি খুশি হও ও অন্তর দিয়ে আনন্দ করো!

    15 সদাপ্রভু তোমার শাস্তি দূর করে দিয়েছেন,

    তোমার শত্রুদের তাড়িয়ে দিয়েছেন।

    সদাপ্রভু, ইস্রায়েলের রাজা, তোমার সঙ্গে আছেন;

    তুমি আর কখনও অমঙ্গলের ভয় করবে না।

    16 সেইদিন

    তারা জেরুশালেমকে বলবে,

    “হে সিয়োন, ভয় করো না;

    তোমার হাত পঙ্গু হতে দিয়ো না।

    17 তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে আছেন,

    সেই মহাযোদ্ধা যিনি তোমাকে বাঁচান।

    তিনি তোমাকে নিয়ে খুবই আনন্দিত হবেন;

    তাঁর ভালোবাসায় তিনি তোমাকে আর তিরস্কার করবেন না,

    কিন্তু গান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করবেন।”

  26. 3 আমি যখনই তোমাদের কথা স্মরণ করি, আমি আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই। 4 প্রার্থনার সময়ে আমি তোমাদের সকলের জন্য সর্বদা সানন্দে প্রার্থনা করি, 5 কারণ প্রথম দিন থেকে, আজ পর্যন্ত সুসমাচার প্রচারের কাজে তোমরা আমাকে সহযোগিতা করেছ। 6 এ বিষয়ে আমি সুনিশ্চিত যে, যিনি তোমাদের অন্তরে শুভকর্মের সূচনা করেছেন, খ্রীষ্ট যীশুর দিন পর্যন্ত তিনি তা সুসম্পন্ন করবেন।

  27. 23 এই দুই আকাঙ্ক্ষার মধ্যে আমি বিদীর্ণ হচ্ছি: আমার আকাঙ্ক্ষা এই, বিদায় নিয়ে আমি খ্রীষ্টের সঙ্গে থাকি, যা অনেক বেশি শ্রেয়। 24 কিন্তু তোমাদেরই জন্য আমার শরীরে বেঁচে থাকার প্রয়োজন অনেক বেশি। 25 এ বিষয়ে আমি নিশ্চিত যে, আমি জীবিত থাকব এবং বিশ্বাসে তোমাদের উন্নতি ও আনন্দের জন্য আমি তোমাদের সকলের সঙ্গেই থাকব, 26 যেন তোমাদের মধ্যে আমার পুনরায় অবস্থিতির জন্য খ্রীষ্ট যীশুতে তোমাদের আনন্দ, আমার কারণে উপচে পড়তে পারে।

  28. 1 অতএব, আমার প্রিয় ভাইবোন, তোমাদের, যাদের আমি ভালোবাসি ও যাদের একান্তভাবে পেতে চাই, তোমরাই আমার আনন্দ ও মুকুট। প্রিয় বন্ধুরা, প্রভুতে তোমরা এভাবেই অবিচল থাকো।

  29. 10 তাঁর পবিত্র নামের মহিমা করো;

    যারা সদাপ্রভুর খোঁজ করে তাদের অন্তর উল্লসিত হোক।

  30. 15 হে সদাপ্রভু, তুমি তো সব বোঝো;

    আমাকে স্মরণ করো ও আমার তত্ত্বাবধান করো।

    আমার পীড়নকারীদের উপরে তুমিই প্রতিশোধ নাও।

    তুমি তো দীর্ঘসহিষ্ণু, আমাকে হরণ কোরো না;

    ভেবে দেখো, তোমার কারণে আমি কত দুর্নাম সহ্য করে থাকি।

    16 যখন তোমার বাক্যসকল এল, আমি তা অন্তরে গ্রহণ করলাম,

    সেগুলি ছিল আমার আনন্দ ও প্রাণের হর্ষজনক,

    কারণ হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর,

    আমি তোমার নাম ধারণ করি।

  31. 52 আর শিষ্যরা আনন্দে ও পবিত্র আত্মায় পূর্ণ হয়ে উঠল।

  32. 7 তোমার ভালোবাসা আমাকে খুবই আনন্দ এবং প্রেরণা দিয়েছে, কারণ ভাই, তুমি পবিত্রগণের প্রাণ জুড়িয়েছ।

  33. 11 ধার্মিকের জন্য আলো

    আর হৃদয়ে ন্যায়পরায়ণের জন্য আনন্দ, উদিত হয়।

    12 তোমরা যারা ধার্মিক, সদাপ্রভুতে আনন্দ করো,

    আর তাঁর পবিত্র নামের প্রশংসা করো।

  34. 46 তখন মরিয়ম বললেন,

    “আমার প্রাণ প্রভুর মহিমাকীর্তন করে,

    47 আমার পরিত্রাতা ঈশ্বরে আমার আত্মা উল্লাস করে।

    48 কারণ তিনি তাঁর এই দীনদরিদ্র দাসীর প্রতি

    দৃষ্টিপাত করেছেন।

    এখন থেকে পুরুষ-পরম্পরা

    আমাকে ধন্য বলে অভিহিত করবে।

    49 কারণ যিনি পরাক্রমী, যিনি আমার জন্য কত মহৎ কাজ সাধন করেছেন—

    তাঁর নাম পবিত্র।

  35. 4 প্রেম চিরসহিষ্ণু, প্রেম সদয়। তা ঈর্ষা করে না, আত্মঅহংকার করে না, গর্বিত হয় না। 5 তা রূঢ় আচরণ করে না, স্বার্থ অন্বেষণ করে না, সহজে ক্রুদ্ধ হয় না, অন্যায় আচরণ মনে রাখে না। 6 প্রেম মন্দ কিছুতে আনন্দ করে না, কিন্তু সত্যে উল্লসিত হয়। 7 তা সবসময় সুরক্ষা দেয়, সবসময়ই বিশ্বাস করে, সবসময়ই প্রত্যাশায় থাকে, সবসময়ই ধৈর্য ধরে।

  36. 1 খ্রীষ্টের সঙ্গে সংযুক্ত থাকার জন্য তোমরা যদি কোনো অনুপ্রেরণা, তাঁর প্রেমে যদি কোনো সান্ত্বনা, যদি আত্মায় কোনো সহভাগিতা, যদি কোনো কোমলতা ও সহমর্মিতা লাভ করে থাকো, 2 তাহলে তোমরা এক চিত্ত, এক প্রেম, এক আত্মা এবং একই ভাববিশিষ্ট হয়ে আমার আনন্দকে পূর্ণ করো।

  37. 17 কিন্তু ভাইবোনেরা, আমরা যখন তোমাদের কাছ থেকে কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম (মানসিকভাবে নয়, কিন্তু শারীরিকভাবে), তখন তোমাদের দেখার জন্য আকুল হয়ে সব ধরনের চেষ্টা করেছি। 18 আমরা তোমাদের কাছে আসতে চেয়েছিলাম, প্রকৃতপক্ষে আমি পৌল দু-একবার চেষ্টা করেছি, কিন্তু শয়তান আমাদের বাধা দিয়েছে। 19 কারণ আমাদের প্রত্যাশা, আমাদের আনন্দ, অথবা আমাদের প্রভু যীশুর আগমনকালে আমাদের গৌরব-মুকুট কী? 20 তা কি তোমরাই নও? প্রকৃতপক্ষে, তোমরাই আমাদের গৌরব ও আনন্দ।

  38. 1 সুতরাং, আমরা এরকম এক বিশাল সাক্ষীবাহিনী দ্বারা পরিবেষ্টিত হওয়ায়, এসো বাধাদায়ক সমস্ত বিষয় ও যেসব পাপ সহজেই আমাদের জড়িয়ে ধরে, সেগুলি ছুঁড়ে ফেলি। আর যে দৌড় আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে, এসো ধৈর্যের সঙ্গে সেই অভিমুখে ছুটে চলি। 2 এসো, আমাদের বিশ্বাসের আদি-উৎস ও সিদ্ধিদাতা যীশুর উপরে আমাদের দৃষ্টি নিবদ্ধ করি, যিনি তাঁর সামনে স্থিত আনন্দের জন্য ক্রুশ সহ্য করলেন, সেই লজ্জাকে উপেক্ষা করলেন ও ঈশ্বরের সিংহাসনের ডানদিকে উপবেশন করলেন। 3 পাপী মানুষের এত বিরোধিতা যিনি সহ্য করলেন, তাঁর কথা বিবেচনা করো, তাহলে তোমরাও ক্লান্তিতে অবসন্ন ও নিরুৎসাহ হবে না।

  39. 6 দাউদ সেই ফিলিস্তিনীকে হত্যা করার পর যখন লোকজন ঘরে ফিরে আসছিল, তখন ইস্রায়েলের সব নগর থেকে স্ত্রীলোকেরা নাচ-গান করতে করতে, খঞ্জনি ও সুরবাহার বাজিয়ে আনন্দগান গাইতে গাইতে রাজা শৌলের সঙ্গে দেখা করতে বের হয়ে এল।

  40. 2 আমি আনন্দ করব ও তোমাতে উল্লাস করব;

    হে পরাৎপর, আমি তোমার নামের প্রশংসাগান করব।

  41. 11 হে ধার্মিক, সদাপ্রভুতে আনন্দ করো ও উল্লাস করো;

    তোমরা যারা অন্তরে ন্যায়পরায়ণ, আনন্দধ্বনি করো।

  42. 4 ঈশ্বরের উদ্দেশে গান করো, তাঁর নামের উদ্দেশে প্রশংসাগান গাও,

    যিনি মেঘের উপর চড়ে যাত্রা করেন তাঁর উচ্চপ্রশংসা করো;

    তাঁর সামনে উল্লাস করো—তাঁর নাম সদাপ্রভু।

    5 ঈশ্বর অনাথদের বাবা আর বিধবাদের পক্ষসমর্থনকারী;

    তাঁর আবাস পবিত্র।

  43. 18 তোমার ফোয়ারা আশীর্বাদধন্য হোক,

    ও তুমি তোমার যৌবনাবস্থার স্ত্রীতে আনন্দ উপভোগ করো।

    19 সে এক প্রেমময় হরিণী, এক সুতনু মৃগ—

    তার স্তন দুটি সর্বদা তোমাকে তৃপ্তি দিক,

    তার প্রেমে তুমি সর্বক্ষণ মত্ত হয়ে থাকো।

  44. 10 কিন্তু দূত তাদের বললেন, “ভয় কোরো না, আমি তোমাদের কাছে এক মহা আনন্দের সুসমাচার নিয়ে এসেছি—এই আনন্দ হবে সব মানুষেরই জন্য।

  45. 12 প্রত্যাশায় আনন্দ করো, কষ্ট-সংকটে সহিষ্ণু হও, প্রার্থনায় বিশ্বস্ত থেকো।

  46. 24 তোমাদের জন্য আমি আমার দেহে যে দুঃখকষ্ট আমি ভোগ করেছি তার জন্য এখন আমি আনন্দ বোধ করছি কারণ এভাবে আমি খ্রীষ্টের কষ্টভোগে অংশগ্রহণ করছি যা তাঁর দেহ অর্থাৎ মণ্ডলীর ক্ষেত্রে বজায় রয়েছে।

  47. 31 আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লসিত হোক;

    জাতিদের মধ্যে তারা বলুক, “সদাপ্রভু রাজত্ব করেন!”

    32 সমুদ্র ও সেখানকার সবকিছু গর্জন করুক;

    ক্ষেতখামার ও সেখানকার সবকিছু আনন্দ করুক!

    33 জঙ্গলের সকল গাছ আনন্দ সংগীত করুক,

    সদাপ্রভুর সামনে তারা আনন্দে গান করুক,

    কারণ তিনি পৃথিবীর বিচার করতে আসছেন।

    34 সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়;

    তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

    35 চিৎকার করে বলো, “হে আমাদের ত্রাণকর্তা ঈশ্বর, আমাদের উদ্ধার করো;

    আমাদের সংগ্রহ করো ও জাতিদের হাত থেকে রক্ষা করো,

    যেন আমরা তোমার পবিত্র নামের ধন্যবাদ করতে পারি,

    ও তোমার প্রশংসায় মহিমা করতে পারি।”

  48. 6 সদাপ্রভু, অনেকে প্রশ্ন করছে, “কে আমাদের উন্নতি ঘটাবে?”

    তোমার মুখের জ্যোতি আমাদের উপর উজ্জ্বল হোক।

    7 তাদের ফসল ও নতুন দ্রাক্ষারসের প্রাচুর্য থেকেও

    তুমি আমার হৃদয় আনন্দে পূর্ণ করেছ।

    8 শান্তিতে আমি শুয়ে থাকব ও ঘুমাব,

    কারণ একমাত্র তুমিই, হে সদাপ্রভু,

    আমায় নিরাপদে বসবাস করতে দিয়েছ।

  49. 8 সদাপ্রভুর সমস্ত বিধি সত্য,

    হৃদয়কে আনন্দিত করে।

    সদাপ্রভুর আজ্ঞাসকল সুস্পষ্ট,

    চোখে আলো দান করে।

  50. 5 কারণ তাঁর ক্রোধ ক্ষণস্থায়ী,

    কিন্তু তাঁর অনুগ্রহ সারা জীবন স্থায়ী;

    অশ্রু রাত্রিব্যাপী হয়,

    কিন্তু উল্লাস সকালে উপস্থিত হয়।

  51. 1 হে ধার্মিকেরা, সদাপ্রভুর আনন্দধ্বনি করো;

    তাঁর প্রশংসা করা ন্যায়পরায়ণদের উপযুক্ত।

    2 তোমরা বীণাতে সদাপ্রভুর প্রশংসা করো;

    দশতন্ত্রী সুরবাহারে তাঁর উদ্দেশে সংগীত করো।

    3 তাঁর উদ্দেশে নতুন গান গাও;

    নিপুণ হাতে বাজাও ও আনন্দধ্বনি করো।

  52. 22 গাঁথকেরা যে পাথরটি অগ্রাহ্য করেছিল

    তাই হয়ে উঠল কোণের প্রধান পাথর।

    23 সদাপ্রভু এটি করেছেন

    আর তা আমাদের দৃষ্টিতে অবিশ্বাস্য।

    24 আজকের এই দিন সদাপ্রভু সৃষ্টি করেছেন;

    আমরা আনন্দ করব এবং খুশি হব।

  53. 9 সেদিন তারা বলবে,

    “নিশ্চয়ই ইনিই আমাদের ঈশ্বর;

    আমরা তাঁর উপরে আস্থা রেখেছি, আর তিনি আমাদের রক্ষা করেছেন।

    ইনিই সদাপ্রভু, আমরা তাঁর উপরে বিশ্বাস করেছি;

    এসো আমরা তাঁর দেওয়া পরিত্রাণে আনন্দ করি ও উল্লসিত হই।”

  54. 10 আমি সদাপ্রভুতে মহা আনন্দ করি;

    আমার প্রাণ আমার ঈশ্বরে উল্লসিত হয়।

    যেভাবে বর শোভার জন্য যাজকের মতো মাথায় উষ্ণীষ দেয়,

    যেভাবে কন্যা তার রত্নরাজি দিয়ে নিজেকে সুশোভিত করে,

    সেভাবেই তিনি আমাকে পরিত্রাণের পোশাক পরিয়েছেন,

    আমাকে তাঁর ধার্মিকতার বসনে সুসজ্জিত করেছেন।

  55. 13 “আমি এখন তোমার কাছে আসছি, কিন্তু জগতে থাকার সময়েই আমি এ সমস্ত বিষয়ে বলছি, যেন আমার আনন্দ তাদের হৃদয়ে সম্পূর্ণ হয়।

  56. 38 তিনি তখন রথ থামানোর আদেশ দিলেন। পরে ফিলিপ ও নপুংসক, উভয়েই জলের মধ্যে নেমে গেলেন এবং ফিলিপ তাঁকে বাপ্তিষ্ম দিলেন। 39 তাঁরা যখন জলের মধ্য থেকে বের হয়ে এলেন, প্রভুর আত্মা তখন হঠাৎই ফিলিপকে সেই স্থান থেকে সরিয়ে দিলেন। নপুংসক তাঁকে আর দেখতে পেলেন না। তখন তিনি আনন্দ করতে করতে তাঁর পথে চলে গেলেন।

  57. 23 চাবুক দিয়ে তাঁদের অনেক মারার পর কারাগারে বন্দি করা হল। কারারক্ষককে আদেশ দেওয়া হল যেন তাঁদের সতর্কভাবে পাহারা দেওয়া হয়। 24 এই ধরনের আদেশ পেয়ে, সে তাঁদের কারাগারের ভিতরের ঘরে নিয়ে গেল এবং কাঠের বেড়ির মধ্যে তাঁদের পা আটকে দিল।

    25 প্রায় মাঝরাতে পৌল ও সীল প্রার্থনা এবং ঈশ্বরের উদ্দেশে স্তবগান করছিলেন। অন্য কারাবন্দিরা তা শুনছিল। 26 হঠাৎই সেখানে এমন এক ভয়ংকর ভূমিকম্প হল যে, কারাগারের ভিত পর্যন্ত কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে কারাগারের সব দরজা খুলে গেল এবং বন্দিদের শিকল খসে পড়ল।

  58. 26 যদি কোনো একটি অঙ্গ কষ্টভোগ করে, তাহলে তার সঙ্গে প্রত্যেকটি অঙ্গই কষ্টভোগ করে। কোনো একটি অঙ্গ মর্যাদা লাভ করলে, তার সঙ্গে প্রত্যেক অঙ্গই আনন্দ করে।

  59. 3 সত্যের প্রতি তোমার বিশ্বস্ততা এবং কেমনভাবে তুমি সত্যের পথে চলছ, কয়েকজন ভাই এসে আমাকে সেকথা জানানোয়, আমি অত্যন্ত আনন্দ পেয়েছি। 4 আমার সন্তানেরা সত্যে জীবনযাপন করছে, একথা শুনে যে আনন্দ পাই তার থেকে বেশি আনন্দ আর কিছুতেই হতে পারে না।

  60. 7 এসো আমরা উল্লসিত হই, আনন্দ করি

    এবং তাঁকে মহিমা প্রদান করি!

    কারণ মেষশাবকের বিবাহ-লগ্ন উপস্থিত

    এবং তাঁর কনে নিজেকে প্রস্তুত করেছে।

  61. 9 মিশরীয়দের হাত থেকে ইস্রায়েলীদের রক্ষা করতে গিয়ে সদাপ্রভু ইস্রায়েলের জন্য যেসব ভালো ভালো কাজ করেছিলেন, তার বৃত্তান্ত শুনে যিথ্রো খুব খুশি হলেন। 10 তিনি বললেন, “সেই সদাপ্রভুর প্রশংসা হোক, যিনি মিশরীয়দের ও ফরৌণের হাত থেকে তোমাদের রক্ষা করেছেন এবং যিনি মানুষজনকে মিশরীয়দের হাত থেকে রক্ষা করেছেন। 11 এখন আমি জানলাম যে সদাপ্রভু অন্য সব দেবতার চেয়ে মহত্তর, কারণ তিনি তাদেরই প্রতি এরকম করেছেন, যারা ইস্রায়েলের প্রতি অহংকারী আচরণ দেখিয়েছিল।”

  62. 41 “হে ঈশ্বর সদাপ্রভু, এখন ওঠো ও তোমার বিশ্রামস্থানে এসো,

    তুমি এসো ও তোমার বলের সিন্দুকও আসুক।

    হে ঈশ্বর সদাপ্রভু, তোমার যাজকেরা যেন পরিত্রাণ-বস্ত্রে বিভূষিত হয়,

    তোমার বিশ্বস্ত প্রজারা যেন তোমার মঙ্গলভাবে আনন্দিত হয়।

  63. 7 ইফ্রয়িমীয়েরা যোদ্ধাদের মতো হবে,

    দ্রাক্ষারস পান করার মতো তাদের অন্তর খুশি হবে।

    তা দেখে তাদের সন্তানেরা আনন্দিত হবে;

    তাদের অন্তর সদাপ্রভুতে আনন্দ করবে।

  64. 10 তারাটি দেখতে পেয়ে তাঁরা মহা আনন্দে উল্লসিত হলেন।

  65. 33 রাত্রির সেই প্রহরেই, কারারক্ষক তাঁদের নিয়ে গিয়ে তাঁদের ক্ষত ধুয়ে দিল। তারপর দেরি না করে সে ও তার সমস্ত পরিবার বাপ্তিষ্ম গ্রহণ করল। 34 সেই কারারক্ষক তার বাড়ির ভিতরে তাঁদের নিয়ে গেল ও তাদের সামনে খাবার পরিবেশন করল। সে ও তার পরিবারের সকলে আনন্দে পরিপূর্ণ হল, কারণ তারা ঈশ্বরকে বিশ্বাস করেছিল।

  66. 11 আমি অভাবগ্রস্ত বলেই যে একথা তোমাদের বলছি, তা নয়। কারণ যে কোনো পরিস্থিতিতেই আমি সন্তুষ্ট থাকার শিক্ষা লাভ করেছি। 12 অভাব কী, তা আমি জানি এবং প্রাচুর্য কী, তাও আমি জানি। যে কোনো এবং প্রত্যেকটি পরিস্থিতিতে আমি সন্তুষ্ট থাকার গোপন রহস্য শিখেছি—ভালোভাবে উদরপূর্তি করার বা ক্ষুধার্ত থাকার, প্রাচুর্যের মধ্যে থাকার, কিংবা অনটনে থাকার। 13 যিনি আমাকে শক্তি দান করেন, তাঁর মাধ্যমে আমি সবকিছুই করতে পারি।

  67. 6 তোমরা আমাদের এবং প্রভুর অনুকরণ করেছিলে, প্রচণ্ড দুঃখকষ্টের মধ্যেও পবিত্র আত্মার দেওয়া আনন্দে তোমরা সেই বার্তাকে স্বাগত জানিয়েছ। 7 তাই ম্যাসিডোনিয়া এবং আখায়ার সমস্ত বিশ্বাসীর কাছে তোমরা আদর্শ হয়ে উঠেছ।

  68. 9 তোমাদের জন্য আমাদের ঈশ্বরের সান্নিধ্যে যে আনন্দ আমাদের হয়েছে তার প্রতিদানে ঈশ্বরকে কীভাবে পর্যাপ্ত ধন্যবাদ দেব! 10 আবার তোমাদের সঙ্গে মিলিত হয়ে যেন তোমাদের বিশ্বাসের ঘাটতি পূরণ করতে পারি, এজন্য আকুল আগ্রহে দিনরাত আমরা প্রার্থনা করেছি।

  69. 7 সেখানে, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উপস্থিতে, তোমরা ও তোমাদের পরিবারের লোকেরা খাওয়াদাওয়া করবে এবং তোমরা হাতে যা কিছু পেয়েছ তার জন্য আনন্দ করবে, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করেছেন।

  70. 19 যখন দুশ্চিন্তা আমার অন্তরে গভীর হয়েছিল,

    তোমার সান্ত্বনা আমাকে আনন্দ দিয়েছিল।

  71. 11 আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লসিত হোক;

    সমুদ্র ও যা কিছু তার মধ্যে আছে, গর্জন করুক।

    12 সমস্ত ময়দান ও সেখানকার সবকিছু উল্লসিত হোক;

    জঙ্গলের সব গাছ আনন্দ সংগীত করুক।

    13 সমস্ত সৃষ্টি সদাপ্রভুর সামনে আনন্দ করুক, কারণ তিনি আসছেন,

    এই জগতের বিচার করার জন্য তিনি আসছেন।

    তিনি ধার্মিকতায় এই পৃথিবীর বিচার করবেন

    এবং তাঁর সত্য অনুযায়ী সব মানুষের বিচার করবেন।

  72. ধন্যবাদের সংগীত।

    1 সমস্ত পৃথিবী! সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো।

  73. 14 তোমার বিধিবিধান পালন করতে আমি আনন্দ করি

    যেমন কেউ অতুল ধনসম্পদে আনন্দ করে।

  74. 24 ধার্মিক সন্তানের বাবা খুব আনন্দ পান;

    জ্ঞানবান ছেলের জন্মদাতা তাকে নিয়ে আনন্দ করেন।

    25 তোমার বাবা ও মা আনন্দ করুন;

    যিনি তোমাকে জন্ম দিয়েছেন তিনি উল্লসিতা হোন!

  75. 19 এছাড়া, ঈশ্বর যখন কোনো মানুষকে ধন ও সম্পত্তি দেন তখন তাকে তা ভোগ করতে দেন, তার নিজের জন্য একটি অংশগ্রহণ করতে দেন ও নিজের কাজে আনন্দ করতে দেন—এটাই ঈশ্বরের দান। 20 তারা কদাচিৎ তাদের জীবনের দিনগুলির দিকে ফিরে তাকায়, কারণ ঈশ্বর তার মনে আনন্দ দিয়ে তাকে ব্যস্ত রাখেন।

  76. 2 যে জাতি অন্ধকারে বসবাস করত,

    তারা এক মহাজ্যোতি দেখতে পেয়েছে;

    যারা মৃত্যুচ্ছায়ার দেশে বসবাস করত,

    তাদের উপরে এক জ্যোতির উদয় হয়েছে।

    3 তুমি সেই জাতির বৃদ্ধি করেছ

    এবং তাদের আনন্দ বর্ধিত হয়েছে;

    তারা তোমার সামনে আনন্দিত হয়

    যেমন লোকে শস্যচয়নের সময়ে করে,

    যেমন যোদ্ধারা আনন্দ করে,

    যখন তারা লুন্ঠিত বস্তু বিভাগ করে।

    4 যেমন তোমরা মিদিয়নকে পরাস্ত করার সময়ে করেছিলে,

    তাদের দাসত্বের জোয়াল

    তোমরা ভেঙে ফেলবে,

    তাদের কাঁধ থেকে ভারী বোঝা তুলে ফেলবে,

    তোমরা নিপীড়নকারীদের লাঠি ভেঙে ফেলবে।

    5 যুদ্ধে ব্যবহৃত প্রত্যেক যোদ্ধার জুতো

    ও রক্তে ভেজা প্রত্যেকটি পোশাক

    অবশ্য দগ্ধ করা হবে,

    সেগুলি আগুনের জ্বালানিস্বরূপ হবে।

    6 কারণ আমাদের জন্য এক শিশুর জন্ম হয়েছে,

    আমাদের কাছে এক পুত্রসন্তান দেওয়া হয়েছে,

    শাসনভার তাঁরই কাঁধে দেওয়া হবে।

    আর তাঁকে বলা হবে

    আশ্চর্য পরামর্শদাতা, পরাক্রমী ঈশ্বর,

    চিরন্তন পিতা, শান্তিরাজ।

    7 তাঁর শাসনক্ষমতা বৃদ্ধির ও শান্তির

    কোনো সীমা থাকবে না।

    তিনি দাউদের সিংহাসনে অধিষ্ঠিত হয়ে

    তাঁর রাজ্যের উপরে কর্তৃত্ব করবেন,

    ন্যায়বিচার ও ধার্মিকতার সঙ্গে

    তিনি তা প্রতিষ্ঠিত করে সুস্থির করবেন,

    সেই সময় থেকে অনন্তকাল পর্যন্ত করবেন।

    সর্বশক্তিমান সদাপ্রভুর উদ্যোগই

    তা সম্পাদন করবে।

  77. 10 যেমন বৃষ্টি ও তুষার

    আকাশ থেকে নেমে আসে,

    আর সেখানে ফিরে যায় না,

    বরং তা মাটিকে জলসিক্ত করে তাতে ফুল ও ফল উৎপন্ন করে,

    যেন তা বপনকারীকে বীজ ও মানুষকে খাদ্য দান করতে পারে,

    11 তেমনই আমার বাক্য, যা আমার মুখ থেকে নির্গত হয়:

    তা নিষ্ফল হয়ে আমার কাছে ফিরে আসবে না,

    কিন্তু আমি যেমন চাই, তেমনই তা সম্পন্ন করবে

    এবং যে উদ্দেশ্যে তা প্রেরণ করি, তা সাধন করবে।

    12 তোমরা আনন্দের সঙ্গে বাইরে যাবে

    এবং শান্তির সঙ্গে তোমাদের নিয়ে যাওয়া হবে;

    পাহাড় ও পর্বতেরা তোমাদের সামনে

    আনন্দ সংগীতে ফেটে পড়বে,

    আর মাঠের সমস্ত গাছপালা

    তাদের করতালি দেবে।

    13 কাঁটাগাছের বদলে দেবদারু

    এবং শিয়ালকাঁটার বদলে গুলমেদি উৎপন্ন হবে।

    এ হবে সদাপ্রভুর সুনামের জন্য,

    তা হবে এক চিরস্থায়ী নিদর্শনস্বরূপ,

    যা কখনও ধ্বংস হবে না।”

  78. 57 প্রসবের সময় পূর্ণ হলে, ইলিশাবেত এক পুত্রসন্তানের জন্ম দিলেন। 58 তাঁর প্রতিবেশী এবং আত্মীয়পরিজনেরা শুনল যে, প্রভু তাঁর প্রতি মহৎ করুণা প্রদর্শন করেছেন, আর তারাও তাঁর আনন্দের অংশীদার হল।

  79. 29 যে বধূকে পেয়েছে সেই তো বর। যে বন্ধু বরের সঙ্গে থাকে, সে তার কথা শোনার প্রতীক্ষায় থাকে ও বরের কণ্ঠস্বর শুনে আনন্দে পূর্ণ হয়ে ওঠে। সেই আনন্দই আমার, তা এখন পূর্ণ হয়েছে। 30 তাঁকে অবশ্যই বৃদ্ধি পেতে হবে, আর আমাকে ক্ষুদ্র হতে হবে।

  80. 28 আর আমরা জানি যে, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তাঁর ইচ্ছা অনুসারে আহূত, তিনি সব বিষয়ে তাদের মঙ্গলসাধনের জন্য কাজ করেন।

  81. 17 তোমাদের নেতাদের নির্দেশ মেনে চলো ও তাদের কর্তৃত্বের বশ্যতাধীন হও। যাদের জবাবদিহি করতে হবে, এমন মানুষের মতো তাঁরা তোমাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখেন। তাঁদের আদেশ পালন করো, যেন তাদের কাজ আনন্দদায়ক হয়, বোঝাস্বরূপ না হয়, তা না হলে, তা তোমাদের পক্ষে লাভজনক হবে না।

  82. 12 তোমাকে আরও অনেক কথা লেখার ছিল, কিন্তু আমি কাগজ কলম ব্যবহার করতে চাই না। বরং, আমি তোমাদের কাছে গিয়ে সাক্ষাতে কথা বলার আশা করি, যেন আমাদের আনন্দ সম্পূর্ণ হয়।