30 Bible Verses About Depression
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
15 সদাপ্রভুর দৃষ্টি ধার্মিকদের প্রতি রয়েছে,
এবং তাদের আর্তনাদে তিনি কর্ণপাত করেন;
16 কিন্তু সদাপ্রভুর মুখ তাদের বিরুদ্ধে যারা দুষ্কর্ম করে,
তিনি তাদের স্মৃতি পৃথিবী থেকে মুছে ফেলবেন।
17 ধার্মিকরা কেঁদে ওঠে, আর সদাপ্রভু শোনেন;
তিনি তাদের সব সংকট থেকে মুক্ত করেন।
18 সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী,
এবং যারা অন্তরে চূর্ণবিচূর্ণ, তাদের তিনি উদ্ধার করেন।
19 ধার্মিক ব্যক্তি অনেক দুর্ভোগের সম্মুখীন হয়,
কিন্তু সদাপ্রভু তাকে সেইসব থেকে মুক্ত করেন;
-
সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।
1 আমি ধৈর্যসহ সদাপ্রভুর প্রতীক্ষায় ছিলাম;
তিনি আমার প্রতি মনোযোগ দিলেন আর আমার প্রার্থনা শুনলেন।
2 তিনি হতাশার গহ্বর থেকে আমাকে টেনে তুললেন,
কাদা এবং পাঁক থেকে;
তিনি এক শৈলের উপর আমার পা স্থাপন করলেন
এবং আমাকে দাঁড়াবার জন্য এক সুদৃঢ় স্থান দিলেন।
3 তিনি আমার মুখে এক নতুন গান দিলেন,
আমাদের ঈশ্বরের জন্য এক প্রশংসার গীত দিলেন।
অনেকে এসব দেখবে আর সদাপ্রভুকে সম্ভ্রম করবে
আর তাঁর উপর আস্থা স্থাপন করবে।
-
8 অবশেষে বলি, ভাইবোনেরা, যা কিছু সত্য, যা কিছু মহান, যা কিছু যথার্থ, যা কিছু বিশুদ্ধ, যা কিছু আদরণীয়, যা কিছু আকর্ষণীয়—যদি কোনো কিছু উৎকৃষ্ট বা প্রশংসার যোগ্য হয়—তোমরা সেই সমস্ত বিষয়ের চিন্তা করো।
-
6 সেই কারণে, ঈশ্বরের পরাক্রমী হাতের নিচে, নিজেদের নতনম্র করো, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদের উন্নত করেন। 7 তোমাদের সমস্ত দুশ্চিন্তার ভার তাঁরই উপরে দিয়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন।
8 তোমরা আত্মসংযমী হও ও সতর্ক থাকো। তোমাদের শত্রু, সেই দিয়াবল, গর্জনকারী সিংহের মতো কাকে গ্রাস করবে, তাকে চারদিকে খুঁজে বেড়াচ্ছে। 9 বিশ্বাসে অটল থেকে তোমরা তার প্রতিরোধ করো, কারণ তোমরা জানো যে, সমগ্র জগতে বিশ্বাসী মণ্ডলীও একই রকমের কষ্ট-লাঞ্ছনা ভোগ করছে।
-
10 তাই ভয় কোরো না, কারণ আমি তোমার সঙ্গে আছি;
হতাশ হোয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর।
আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব;
আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব।
-
6 কোনো বিষয়েই উৎকণ্ঠিত হোয়ো না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। 7 এতে সব বোধবুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি, খ্রীষ্ট যীশুতে তোমাদের অন্তর ও মন রক্ষা করবে।
-
28 “ওহে, তোমরা যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। 29 আমার জোয়াল তোমরা নিজেদের উপরে তুলে নাও ও আমার কাছে শিক্ষা নাও, কারণ আমার স্বভাব কোমল ও নম্র। এতে তোমরা নিজেদের অন্তরে বিশ্রাম পাবে। 30 কারণ আমার জোয়াল সহজ ও আমার বোঝা হালকা।”
-
38 কারণ আমি নিশ্চিতরূপে জানতে পেরেছি যে, মৃত্যু বা জীবন, স্বর্গদূতেরা বা ভূতেরা, বর্তমান বা ভাবীকালের কোনো বিষয়, না কোনো পরাক্রম, 39 ঊর্ধ্বলোক বা অধোলোক বা সমস্ত সৃষ্টির অন্য কোনো বিষয়, কোনো কিছুই আমাদের প্রভু, খ্রীষ্ট যীশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না।
-
3 কারণ যদিও আমরা এই জগতে বসবাস করি, আমরা এই জগতের মতো যুদ্ধের অভিযান করি না। 4 যে অস্ত্রশস্ত্র নিয়ে আমরা সংগ্রাম করি, তা জাগতিক নয়, কিন্তু দুর্গসকল ধ্বংস করার জন্য সেগুলির মধ্যে আছে ঐশ্বরিক পরাক্রম। আমরা সব তর্কবিতর্ক ধ্বংস করে 5 এবং ঈশ্বরজ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত ভণিতা ও সমস্ত চিন্তাকে বন্দি করে খ্রীষ্টের আজ্ঞাবহ করি। 6 আর একবার তোমাদের আজ্ঞাবহতা সম্পূর্ণ হলে, আমরা বাকিদের সমস্ত অবাধ্যতার শাস্তি দিতে প্রস্তুত আছি।
-
1 ইত্যবসরে এলিয় যা যা করলেন এবং কীভাবে তিনি ভাববাদীদের সবাইকে তরোয়াল দিয়ে হত্যা করলেন, সেসব কথা আহাব ঈষেবলকে বলে দিলেন। 2 তাই ঈষেবল এলিয়ের কাছে একথা বলার জন্য একজন দূত পাঠালেন, “আগামীকাল এই সময়ের মধ্যে আমি যদি তোমার দশা সেই ভাববাদীদের একজনের মতোও না করি, তবে যেন দেবদেবীরা আমাকে কঠোর থেকে কঠোরতর দণ্ড দেন।”
3 এলিয় ভয় পেয়ে গেলেন এবং প্রাণ বাঁচাতে তিনি দৌড় লাগালেন। যিহূদার বের-শেবায় পৌঁছে তিনি তাঁর দাসকে সেখানে রেখে 4 নিজে একদিনের পথ পাড়ি দিয়ে মরুপ্রান্তরে চলে গেলেন। একটি খেংরা ঝোপের কাছে এসে, সেটির তলায় বসে তিনি নিজের মৃত্যু কামনা করে প্রার্থনা করলেন। “হে সদাপ্রভু, যথেষ্ট হয়েছে,” তিনি বললেন। “আমার জীবন নিয়ে নাও; আমার পূর্বপুরুষদের চেয়ে আমি কোনোমতেই ভালো নই।” 5 এই বলে তিনি খেংরা ঝোপের তলায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন।
হঠাৎ করে একজন স্বর্গদূত তাঁকে স্পর্শ করে বলে উঠেছিলেন, “উঠে পড়ো ও খেয়ে নাও।”
-
25 দুশ্চিন্তার ভারে অন্তর অবনত হয়,
কিন্তু সৌজন্যমূলক একটি কথা সেটিকে উৎসাহিত করে।
-
33 “আমি তোমাদের এসব কথা জানালাম, যেন আমার মধ্যে তোমরা শান্তি লাভ করো। এই জগতে তোমরা সংকটের সম্মুখীন হবে, কিন্তু সাহস করো! আমি এই জগৎকে জয় করেছি।”
-
8 সদাপ্রভু নিজেই তোমার আগে আগে যাবেন এবং তোমার সঙ্গে থাকবেন; তিনি কখনও তোমাকে ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না। তুমি ভয় পেয়ো না; নিরাশ হোয়ো না।”
-
3 কিন্তু, হে সদাপ্রভু, তুমি আমার চারপাশের ঢাল,
আমার গৌরব, তিনি আমার মাথা উঁচু করেন।
-
11 হে আমার প্রাণ, কেন তুমি অবসন্ন?
কেন তুমি অন্তরে এত হতাশ?
ঈশ্বরে তুমি আশা রাখো,
কারণ আমি আবার তাঁর প্রশংসা করব
যিনি আমার পরিত্রাতা ও আমার ঈশ্বর।
-
30 এমনকি, যুবকেরাও শ্রান্ত ও ক্লান্ত হয়,
তরুণেরা হোঁচট খেয়ে পতিত হয়;
31 কিন্তু যারা সদাপ্রভুতে প্রত্যাশা রাখে,
তারা তাদের শক্তি নবায়িত করবে।
তারা ঈগল পাখির মতোই ডানা মেলবে,
তারা দৌড়াবে, কিন্তু ক্লান্ত হবে না,
তারা চলাফেরা করবে, কিন্তু মূর্ছিত হবে না।
-
33 কিন্তু তোমরা প্রথমে তাঁর রাজ্য ও ধার্মিকতার অন্বেষণ করো, তাহলে এই সমস্ত বিষয়ও তোমাদের দেওয়া হবে। 34 অতএব, কালকের বিষয়ে দুশ্চিন্তা কোরো না, কারণ কাল স্বয়ং নিজের বিষয়ে দুশ্চিন্তা করবে। প্রত্যেকটি দিনের কষ্ট প্রতিটি দিনের জন্য যথেষ্ট।
-
10 প্রভুতে আমি পরম আনন্দ করি যে, অবশেষে তোমরা আমার সম্বন্ধে চিন্তা করতে নতুন উৎসাহ পেয়েছ। সত্যিই, তোমাদের চিন্তা ছিল, কিন্তু তা দেখানোর সুযোগ তোমাদের ছিল না। 11 আমি অভাবগ্রস্ত বলেই যে একথা তোমাদের বলছি, তা নয়। কারণ যে কোনো পরিস্থিতিতেই আমি সন্তুষ্ট থাকার শিক্ষা লাভ করেছি। 12 অভাব কী, তা আমি জানি এবং প্রাচুর্য কী, তাও আমি জানি। যে কোনো এবং প্রত্যেকটি পরিস্থিতিতে আমি সন্তুষ্ট থাকার গোপন রহস্য শিখেছি—ভালোভাবে উদরপূর্তি করার বা ক্ষুধার্ত থাকার, প্রাচুর্যের মধ্যে থাকার, কিংবা অনটনে থাকার। 13 যিনি আমাকে শক্তি দান করেন, তাঁর মাধ্যমে আমি সবকিছুই করতে পারি।
-
5 কারণ তাঁর ক্রোধ ক্ষণস্থায়ী,
কিন্তু তাঁর অনুগ্রহ সারা জীবন স্থায়ী;
অশ্রু রাত্রিব্যাপী হয়,
কিন্তু উল্লাস সকালে উপস্থিত হয়।
-
11 তুমি আমার বিলাপ নৃত্যে পরিণত করেছ;
আমার চট খুলে আমাকে আনন্দ দিয়ে আবৃত করেছ,
-
3 দিনে ও রাতে
আমার চোখের জল আমার খাবার হয়েছে
কারণ লোকেরা সারাদিন আমাকে বলে,
“তোমার ঈশ্বর কোথায়?”
4 যখন আমি আমার প্রাণ ঢেলে দিই
তখন আমি এইসব স্মরণ করি:
আমি উপাসকদের ভিড়ের মধ্যে হাঁটতাম,
আনন্দের গানে ও ধন্যবাদ দিয়ে,
মহা গুণকীর্তনের আনন্দধ্বনিতে
এক শোভাযাত্রাকে ঈশ্বরের গৃহের দিকে এগিয়ে নিয়ে যেতাম।
5 হে আমার প্রাণ, কেন তুমি অবসন্ন?
কেন তুমি অন্তরে এত হতাশ?
ঈশ্বরে তুমি আশা রাখো,
কারণ আমি আবার তাঁর প্রশংসা করব
যিনি আমার পরিত্রাতা ও আমার ঈশ্বর।
6 আমার প্রাণ আমার অন্তরে অবসন্ন;
কিন্তু জর্ডনের দেশ থেকে,
হর্মোণের উচ্চতা—মিৎসিয়র পর্বত থেকে,
আমি তোমাকে স্মরণ করব।
-
23 সর্বোপরি, তোমার হৃদয়কে পাহারা দিয়ে রাখো,
কারণ তুমি যাই কিছু করো না কেন, তা সেখান থেকেই প্রবাহিত হয়।
-
11 কারণ তোমাদের জন্য কৃত পরিকল্পনার কথা আমি জানি,” সদাপ্রভু এই কথা বলেন। “তা হল তোমাদের সমৃদ্ধির পরিকল্পনা, তোমাদের ক্ষতি করার নয়, তোমাদের এক আশা ও ভবিষ্যৎ মঙ্গলদানের পরিকল্পনা।
-
7 এই সমস্ত অসাধারণ, মহৎ প্রত্যাদেশের কারণে, আমি যেন গর্বে ফুলেফেঁপে না উঠি, আমার শরীরে এক কাঁটা, শয়তানের এক দূত, দেওয়া হয়েছে যেন সে আমাকে কষ্ট দেয়। 8 আমার কাছ থেকে এটা সরিয়ে নেওয়ার জন্য তিনবার আমি প্রভুর কাছে মিনতি করেছিলাম। 9 কিন্তু তিনি আমাকে বলেছেন, “আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কারণ আমার শক্তি দুর্বলতায় সিদ্ধিলাভ করে।” অতএব, আমার দুর্বলতা সম্পর্কে আমি সানন্দে আরও বেশি গর্ব করব, যেন খ্রীষ্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। 10 এই কারণে, খ্রীষ্টের জন্য আমি বিভিন্ন দুর্বলতায়, অপমানে, অনটনে, ক্লেশভোগ ও কষ্ট-সংকটে আনন্দ করি, কারণ যখন আমি দুর্বল, তখনই আমি শক্তিমান।
-
9 আমি কি তোমাকে এই আদেশ দিইনি? তুমি শক্তিশালী ও সাহসী হও। তুমি ভীত হোয়ো না; হতাশ হোয়ো না, কারণ তুমি যেখানেই যাবে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে সঙ্গে থাকবেন।”
-
9 সদাপ্রভু পীড়িতদের আশ্রয়,
সংকটকালে তিনি নিরাপদ আশ্রয় দুর্গ।
10 যারা তোমার নাম জানে তারা তোমাতেই আস্থা রাখে,
কারণ, হে সদাপ্রভু, যারা তোমার অন্বেষণ করে, তাদের তুমি কখনও পরিত্যাগ করোনি।
-
4 যদিও আমি হেঁটে যাই
অন্ধকারাচ্ছন্ন উপত্যকার মধ্য দিয়ে,
আমি কোনও অমঙ্গলের ভয় করব না,
কারণ তুমি আমার সঙ্গে আছ;
তোমার লাঠি ও তোমার ছড়ি,
সেগুলি আমাকে সান্ত্বনা দেয়।
-
7 হে সদাপ্রভু, আমাকে তাড়াতাড়ি উত্তর দাও;
কারণ আমার আত্মা ক্ষীণ হচ্ছে।
তোমার মুখ আমার কাছ থেকে লুকিয়ে রেখো না
নতুবা আমি তাদের মতো হব যাদের মৃত্যু হয়েছে।
8 প্রতিদিন সকালে তোমার অবিচল প্রেমের বাক্য শোনাও,
কারণ আমি তোমার উপর আস্থা রেখেছি।
যে পথে আমার চলা উচিত তা আমাকে দেখাও,
কারণ আমি তোমাতে আমার জীবন গচ্ছিত রেখেছি।
9 হে সদাপ্রভু, আমার শত্রুদের হাত থেকে আমাকে রক্ষা করো,
কারণ আমি নিজেকে তোমাতেই লুকিয়ে রেখেছি।
-
3 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক, যিনি করুণাময় পিতা ও সমস্ত সান্ত্বনার ঈশ্বর, 4 যিনি আমাদের সকল কষ্টের জন্য সান্ত্বনা প্রদান করেন, যেন আমরা স্বয়ং যে সান্ত্বনা ঈশ্বরের কাছ থেকে লাভ করেছি, যারা যে কোনো কষ্টভোগ করছে, তাদের সেই সান্ত্বনা দ্বারা সান্ত্বনা প্রদান করতে পারি। 5 কারণ যেমন খ্রীষ্টের কষ্টভোগ আমাদের জীবনে প্রচুররূপে প্রবাহিত হয়েছে, তেমনই খ্রীষ্টের মাধ্যমে আমাদের সান্ত্বনাও যেন প্রবলরূপে উপচে পড়ে। 6 আমরা যদি যন্ত্রণাগ্রস্ত হই, তা তোমাদের সান্ত্বনা ও পরিত্রাণের জন্য; যদি আমরা সান্ত্বনা লাভ করি, তা তোমাদের সান্ত্বনার জন্য, যা তোমাদের মধ্যে ধৈর্যসহ, আমরা যে কষ্টভোগ করি, সেই একই কষ্টভোগে সহ্যশক্তি উৎপন্ন করে।
-
12 প্রিয় বন্ধুরা, যে যন্ত্রণাপূর্ণ পরীক্ষা তোমরা ভোগ করছ, তা কোনো অস্বাভাবিক ঘটনা তোমাদের প্রতি ঘটছে মনে করে বিস্মিত হোয়ো না। 13 কিন্তু খ্রীষ্টের কষ্টভোগে তোমরাও অংশগ্রহণ করছ মনে করে আনন্দ করো, যেন যেদিন তাঁর মহিমা প্রকাশিত হবে, সেদিন তোমরাও অতিশয় আনন্দিত হতে পারো।
Shows Read in context, Share and Copy.