56 Bible Verses About Pain

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Pain
  1. 16 সেই কারণে, আমরা নিরুৎসাহ হই না। যদিও বাহ্যিকভাবে আমরা ক্ষয়প্রাপ্ত হচ্ছি, তবুও অভ্যন্তরীণভাবে দিন-প্রতিদিন আমরা নতুন হচ্ছি। 17 কারণ আমাদের তুচ্ছ ও ক্ষণস্থায়ী কষ্টসমস্যাগুলি আমাদের জন্য যে চিরন্তন মহিমা অর্জন করছে, তা সেইসব কষ্টসমস্যাকে বিপুলরূপে অতিক্রম করে। 18 তাই কোনো দৃশ্যমান বস্তুর দিকে নয়, কিন্তু যা অদৃশ্য তার প্রতি আমরা দৃষ্টি নিবদ্ধ করি। কারণ যা কিছু দৃশ্যমান, তা ক্ষণস্থায়ী, কিন্তু যা কিছু অদৃশ্য তাই চিরন্তন।

  2. 3 আর আমি সেই সিংহাসন থেকে এক উচ্চ রব শুনতে পেলাম, তা বলছিল, “দেখো, এখন মানুষের মাঝে ঈশ্বরের আবাস, তিনি তাদের সঙ্গে বসবাস করবেন। তারা তাঁর প্রজা হবে এবং ঈশ্বর স্বয়ং তাদের সঙ্গে থাকবেন ও তাদের ঈশ্বর হবেন। 4 তিনি তাদের সমস্ত চোখের জল মুছে দেবেন। আর কোনো শোক বা মৃত্যু বা কান্না বা ব্যথাবেদনা হবে না, কারণ পুরোনো সমস্ত বিষয় গত হয়েছে।”

  3. 16 সদাপ্রভু ঈশ্বর নারীকে বললেন,

    “আমি তোমার সন্তান প্রসবের ব্যথা খুব বাড়িয়ে দেব;

    প্রচণ্ড প্রসববেদনা সহ্য করে তুমি সন্তানের জন্ম দেবে।

    তোমার স্বামীর প্রতি তোমার আকুল বাসনা থাকবে,

    আর সে তোমার উপর কর্তৃত্ব করবে।”

    17 আদমকে তিনি বললেন, “যেহেতু তুমি তোমার স্ত্রীর কথা শুনে সেই গাছের ফল খেয়েছ, যেটির বিষয়ে আমি তোমাকে আদেশ দিয়েছিলাম, ‘তুমি এর ফল অবশ্যই খাবে না,’ তাই

    “তোমার জন্য ভূমি অভিশপ্ত হল;

    আজীবন তুমি

    কঠোর পরিশ্রম করে তা থেকে খাবার খাবে।

    18 তা তোমার জন্য কাঁটাগাছ ও শিয়ালকাঁটা ফলাবে,

    আর তুমি ক্ষেতের লতাগুল্ম খাবে,

    19 যতদিন না তুমি মাটিতে ফিরে যাচ্ছ,

    ততদিন তুমি কপালের ঘাম ঝরিয়ে তোমার খাবার খাবে,

    যেহেতু সেখান থেকেই তোমাকে আনা হয়েছে;

    কারণ তুমি তো ধুলো,

    আর ধুলোতেই তুমি যাবে ফিরে।”

  4. 1 অতএব, বিশ্বাসের মাধ্যমে যেহেতু আমরা নির্দোষ গণ্য হয়েছি, তাই আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি স্থাপিত হয়েছে। 2 তাঁরই মাধ্যমে বিশ্বাসে আমরা এই অনুগ্রহে প্রবেশের অধিকার অর্জন করেছি ও তার মধ্যেই এখন আমরা অবস্থান করছি। আর আমরা ঈশ্বরের মহিমার প্রত্যাশায় উল্লসিত হচ্ছি। 3 শুধু তাই নয়, আমরা আমাদের দুঃখকষ্টেও আনন্দ করি, কারণ আমরা জানি, দুঃখকষ্ট সহিষ্ণুতাকে, 4 সহিষ্ণুতা অভিজ্ঞতাকে ও অভিজ্ঞতা প্রত্যাশার জন্ম দেয়। 5 সেই প্রত্যাশা আমাদের নিরাশ করে না, কারণ আমাদের প্রতি দেওয়া পবিত্র আত্মা দ্বারা ঈশ্বর তাঁর প্রেম আমাদের হৃদয়ে উজাড় করে ঢেলে দিয়েছেন।

  5. 1 পৌল, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী খ্রীষ্ট যীশুর একজন প্রেরিতশিষ্য এবং আমাদের ভাই তিমথি,

    করিন্থে অবস্থিত ঈশ্বরের মণ্ডলী এবং সমস্ত আখায়া প্রদেশের যত পবিত্রগণ আছেন, তাদের সবার প্রতি:

    2 আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্ট থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক।

    3 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক, যিনি করুণাময় পিতা ও সমস্ত সান্ত্বনার ঈশ্বর, 4 যিনি আমাদের সকল কষ্টের জন্য সান্ত্বনা প্রদান করেন, যেন আমরা স্বয়ং যে সান্ত্বনা ঈশ্বরের কাছ থেকে লাভ করেছি, যারা যে কোনো কষ্টভোগ করছে, তাদের সেই সান্ত্বনা দ্বারা সান্ত্বনা প্রদান করতে পারি। 5 কারণ যেমন খ্রীষ্টের কষ্টভোগ আমাদের জীবনে প্রচুররূপে প্রবাহিত হয়েছে, তেমনই খ্রীষ্টের মাধ্যমে আমাদের সান্ত্বনাও যেন প্রবলরূপে উপচে পড়ে। 6 আমরা যদি যন্ত্রণাগ্রস্ত হই, তা তোমাদের সান্ত্বনা ও পরিত্রাণের জন্য; যদি আমরা সান্ত্বনা লাভ করি, তা তোমাদের সান্ত্বনার জন্য, যা তোমাদের মধ্যে ধৈর্যসহ, আমরা যে কষ্টভোগ করি, সেই একই কষ্টভোগে সহ্যশক্তি উৎপন্ন করে। 7 আর তোমাদের জন্য আমাদের প্রত্যাশা অবিচল, কারণ আমরা জানি যে, যেমন তোমরা আমাদের কষ্টভোগের অংশীদার হও, তেমনই তোমরা আমাদের সান্ত্বনারও সহভাগী হয়ে থাকো।

    8 ভাইবোনেরা, আমি চাই না, এশিয়া প্রদেশে যে দুর্দশা আমরা ভোগ করেছিলাম, তা তোমাদের অজানা থাকে। আমাদের সহ্যশক্তির থেকেও বহুগুণে বেশি আমরা নিদারুণ চাপের মধ্যে ছিলাম, যার ফলে আমরা প্রাণের আশা ছেড়ে দিয়েছিলাম।

  6. 7 যীশু তাঁর পার্থিব জীবনকালে তীব্র আর্তনাদ ও অশ্রুপাতের সঙ্গে সেই একজনের কাছে প্রার্থনা ও মিনতি উৎসর্গ করেছিলেন, যিনি তাঁকে মৃত্যু থেকে উদ্ধার করতে সমর্থ ছিলেন। তাঁর এই বিনম্র আত্মসমর্পণের জন্য তিনি উত্তর পেয়েছিলেন। 8 পুত্র হয়েও তিনি কষ্টযন্ত্রণা ভোগ করলেন ও তার মাধ্যমে বাধ্য হওয়ার শিক্ষা লাভ করলেন 9 এবং এভাবে সম্পূর্ণ সিদ্ধ হয়ে, তাঁর অনুগতদের জন্য তিনি চিরন্তন পরিত্রাণের উৎস হয়েছেন। 10 আর মল্কীষেদকের পরম্পরা অনুযায়ী ঈশ্বরের দ্বারা মহাযাজকরূপে অভিহিত হয়েছেন।

  7. 1 পথ চলতে চলতে যীশু এক জন্মান্ধ ব্যক্তিকে দেখতে পেলেন। 2 তাঁর শিষ্যেরা তাঁকে জিজ্ঞাসা করলেন, “রব্বি, কার পাপের কারণে এ অন্ধ হয়ে জন্মেছে, নিজের না এর বাবা-মার?”

    3 যীশু বললেন, “এই ব্যক্তি বা এর বাবা-মা যে পাপ করেছে, তা নয়, কিন্তু এর জীবনে যেন ঈশ্বরের কাজ প্রকাশ পায়, তাই এরকম ঘটেছে। 4 যতক্ষণ দিনের আলো আছে, যিনি আমাকে পাঠিয়েছেন তাঁরই কাজ আমাদের করতে হবে। রাত্রি ঘনিয়ে আসছে, তখন কেউ আর কাজ করতে পারে না। 5 যতক্ষণ আমি জগতে আছি, আমিই এই জগতের জ্যোতি হয়ে আছি।”

  8. 22 আমরা জানি যে, সমস্ত সৃষ্টি বর্তমানকাল পর্যন্ত সন্তান প্রসবের যন্ত্রণার মতো আর্তনাদ করছে।

  9. 2 হে আমার ভাইবোনেরা, যখনই তোমরা বিভিন্ন প্রকারের পরীক্ষার সম্মুখীন হও, সেগুলিকে নির্মল আনন্দের বিষয় বলে মনে করো, 3 কারণ তোমরা জানো যে, তোমাদের বিশ্বাসের পরীক্ষা ধৈর্য উৎপন্ন করে। 4 ধৈর্যকে অবশ্যই তার কাজ শেষ করতে হবে, যেন তোমরা পরিপক্ব ও সম্পূর্ণ হয়ে উঠতে পারো, কোনো বিষয়ের অভাব তোমাদের না থাকে।

  10. দাউদের গীত। মস্কীল।

    1 ধন্য সেই ব্যক্তি

    যার অপরাধ ক্ষমা করা হয়েছে,

    যার পাপ আচ্ছাদিত হয়েছে।

    2 ধন্য সেই ব্যক্তি

    যার পাপ সদাপ্রভু তার বিরুদ্ধে গণ্য করেন না

    এবং যার অন্তর ছলনাবিহীন।

    3 যখন আমি চুপ করেছিলাম,

    আমার হাড়গোড় ক্ষয় হয়েছিল

    এবং সারাদিন আমি আর্তনাদ করেছিলাম।

    4 কারণ দিনে এবং রাতে

    তোমার শাসনের হাত আমার উপর দুর্বহ ছিল;

    যেমন গ্রীষ্মের উত্তাপে জল শুকিয়ে যায়

    তেমনই আমার শক্তি নিঃশেষ হয়েছিল।

    5 তখন আমি তোমার কাছে আমার পাপস্বীকার করলাম

    আর আমার কোনও অপরাধ আমি গোপন করলাম না।

    আমি বললাম, “সদাপ্রভুর কাছে আমার সব অপরাধ

    আমি স্বীকার করব।”

    আর তুমি আমার

    পাপের দোষ ক্ষমা করলে।

  11. 18 কেন আমার বেদনা অন্তহীন

    এবং আমার ক্ষতসকল এত মারাত্মক ও নিরাময়ের অযোগ্য?

    তুমি আমার কাছে এক ছলনাময়ী ঝর্ণা,

    নির্জলা জলের উৎসের মতো।

    19 এই কারণে সদাপ্রভু এই কথা বলেন:

    “তুমি অনুতাপ করলে আমি তোমাকে পুনঃপ্রতিষ্ঠিত করব,

    যেন তুমি আমার সেবা করতে পারো;

    যদি তুমি মূল্যহীন কথাবার্তার চেয়ে উৎকৃষ্ট সব কথা বলো,

    তাহলে তুমি আমার মুখপাত্র হবে।

    এই লোকেরা তোমার প্রতি ফিরুক,

    কিন্তু তুমি তাদের প্রতি ফিরবে না।

  12. 5 আর উৎসাহ প্রদানকারী সেই বাণী তোমরা ভুলে গিয়েছ, যা তোমাদের পুত্র বলে সম্বোধন করে:

    “পুত্র আমার,

    তুমি প্রভুর শাসন তুচ্ছ মনে কোরো না,

    তিনি তিরস্কার করলে নিরুৎসাহ হোয়ো না।

    6 কারণ প্রভু যাদের প্রেম করেন,

    তাদের শাসনও করেন,

    যাকে পুত্ররূপে গ্রহণ করেন,

    তাকে শাস্তি প্রদানও করেন।”

    7 কষ্ট-দুর্দশাকে শাসন বলে সহ্য করো; ঈশ্বর তোমাদের সঙ্গে সন্তানের মতো আচরণ করেন। কারণ এমন পুত্র কেউ আছে, যাকে পিতা শাসন করেন না? 8 যদি তোমাদের শাসন করা না হয়, আর প্রত্যেক ব্যক্তিকেই শাসনের মধ্যে দিয়ে যেতে হয়, তাহলে তোমরা অবৈধ সন্তান, প্রকৃত পুত্রকন্যা নও। 9 এছাড়া, পৃথিবীতে আমাদের প্রত্যেকেরই বাবা আছেন, যাঁরা আমাদের শাসন করেছেন এবং সেজন্য আমরা তাঁদের শ্রদ্ধাও করি। তাহলে যিনি আমাদের আত্মাসকলের পিতা, তাঁর কাছে আমরা কত না আত্মসমর্পণ করব ও বেঁচে থাকব? 10 তাঁরা যেমন ভালো মনে করেছেন, তেমনই অল্পকালের জন্য আমাদের শাসন করেছেন। কিন্তু ঈশ্বর আমাদের মঙ্গলের জন্য শাসন করেন, যেন আমরা তাঁর পবিত্রতার অংশীদার হতে পারি। 11 কোনো শাসনই তাৎক্ষণিক আনন্দদায়ক মনে হয় না, বরং যন্ত্রণাদায়ক মনে হয়। যাই হোক, পরবর্তীকালে, যারা এর মধ্য দিয়ে শিক্ষা লাভ করেছে, তা তাদের জন্য ধার্মিকতার ও শান্তির ফসল উৎপন্ন করে।

  13. 6 সদাপ্রভু শয়তানকে বললেন, “ঠিক আছে, সে তোমারই হাতে রইল; কিন্তু তোমাকে তার প্রাণটি অব্যাহতি দিতে হবে।”

    7 অতএব শয়তান সদাপ্রভুর কাছ থেকে চলে গেল এবং ইয়োবের পায়ের তলা থেকে তার মাথার তালু পর্যন্ত বেদনাদায়ক ঘা উৎপন্ন করে তাঁকে পীড়িত করল। 8 তখন ইয়োব এক টুকরো খাপরা তুলে নিলেন এবং ছাই-গাদায় বসে নিজের গা চুলকাতে লাগলেন।

    9 তাঁর স্ত্রী তাঁকে বললেন, “এখনও কি তুমি তোমার সততা বজায় রাখার চেষ্টা করছ? ঈশ্বরকে অভিশাপ দাও ও মরে যাও!”

    10 তিনি উত্তর দিলেন, “তুমি একজন মূর্খ মহিলার মতো কথা বলছ। আমরা কি ঈশ্বরের কাছ থেকে মঙ্গলই গ্রহণ করব আর দুঃখকষ্ট গ্রহণ করব না?”

    এসব কিছুতে, ইয়োব তাঁর কথাবার্তার মাধ্যমে পাপ করেননি।

    11 ইয়োবের তিন বন্ধু, তৈমনীয় ইলীফস, শূহীয় বিল্‌দদ ও নামাথীয় সোফর যখন তাঁর উপর এসে পড়া সব বিপত্তির কথা শুনতে পেলেন, তখন তারা ঘর থেকে বেরিয়ে তাঁর কাছে গিয়ে তাঁকে সহানুভূতি জানানোর ও সান্তনা দেওয়ার জন্য সহমত প্রকাশ করে একত্রিত হলেন। 12 দূর থেকে ইয়োবকে দেখে তাদের তাঁকে চিনতে খুব কষ্ট হল; তারা জোরে জোরে কাঁদতে লাগলেন, এবং তাদের আলখাল্লাগুলি ছিঁড়ে ফেললেন ও মাথায় ধুলো ছড়ালেন। 13 পরে তাঁর সাথে তারা সাত দিন, সাত রাত মাটিতে বসে থাকলেন। কেউ তাঁকে কোনও কথা বললেন না, কারণ তারা দেখলেন যে তাঁর পীড়া খুবই কষ্টদায়ক।

  14. 22 তারা শুধু নিজেদের শরীরের ব্যথাবেদনা অনুভব করে

    ও শুধু নিজেদের জন্যই শোক পালন করে।”

  15. 17 রাতের বেলায় আমার অস্থি বিদ্ধ হয়;

    আমার বিরক্তিকর যন্ত্রণা কখনও বিশ্রাম নেয় না।

    18 ঈশ্বর তাঁর মহাপরাক্রমে আমার কাছে পোশাকের মতো হয়ে গিয়েছেন;

    আমার জামার গলবন্ধের মতো তিনি আমাকে বেঁধে রেখেছেন।

  16. 7 এক তীব্র যন্ত্রণা আমার দেহকে জীর্ণ করেছে;

    আমার প্রাণে কোনও স্বাস্থ্য নেই।

  17. 2 তোমরা তোমাদের হৃদয়ে আমাদের জন্য স্থান দিয়ো। আমরা কারও প্রতি অন্যায় করিনি, আমরা কাউকে ভুল পথে নিয়ে যাইনি, আমরা কাউকে শোষণ করিনি। 3 তোমাদের অভিযুক্ত করার জন্য আমি একথা বলছি না। আমি পূর্বেই তোমাদের বলেছি যে, তোমরা আমাদের অন্তরে এমন স্থান জুড়ে আছ যে, আমরা মরি তো একসঙ্গে, আবার বাঁচি তো একসঙ্গে। 4 তোমাদের প্রতি আমার গভীর আস্থা আছে; তোমাদের নিয়ে আমার ভীষণ গর্ব। তাই আমি সম্পূর্ণ অনুপ্রাণিত হয়েছি; আমাদের সমস্ত কষ্ট-সংকটের মধ্যেও আমার আনন্দের সীমা নেই।

    5 কারণ, আমরা ম্যাসিডোনিয়ায় আসার পরেও, আমাদের এই শরীরের কোনো বিশ্রাম ছিল না, কিন্তু জীবনের প্রতিটি মোড়ে বিপর্যস্ত হচ্ছিলাম—বাইরে সংঘর্ষ, অন্তরে ভয়। 6 কিন্তু ঈশ্বর, যিনি দুঃখিত মানুষদের সান্ত্বনা প্রদান করেন, তিনি তীতের আগমনের মাধ্যমে আমাদের সান্ত্বনা দিলেন। 7 আর কেবলমাত্র তাঁর আগমনের মাধ্যমে নয়, কিন্তু তোমরা তাঁকে যে সান্ত্বনা দিয়েছ, তার মাধ্যমেও আশ্বস্ত করলেন। তিনি আমার জন্য তোমাদের আকাঙ্ক্ষা, তোমাদের গভীর দুঃখ, আমার জন্য তোমাদের প্রবল দুশ্চিন্তার কথাও ব্যক্ত করলেন, যেন আমার আনন্দ আগের থেকেও আরও বেশি হয়।

    8 আমার পত্রের দ্বারা আমি তোমাদের দুঃখ দিলেও, আমি তার জন্য অনুশোচনা করি না। আমি অনুশোচনা করলেও—আমি দেখছি যে আমার পত্র তোমাদের আহত করেছে, কিন্তু তা মাত্র অল্প সময়ের জন্য— 9 এখন আমি আনন্দিত, তোমাদের দুঃখ দিয়েছিলাম বলে নয়, কিন্তু সেই দুঃখ তোমাদের অনুতাপের পথে চালিত করেছিল বলে। কারণ ঈশ্বর যেমন চেয়েছিলেন, তোমরা তেমনই দুঃখিত হয়েছিলে, অতএব, আমাদের দ্বারা তোমাদের কোনো ক্ষতি হয়নি। 10 ঐশ্বরিক দুঃখ নিয়ে আসে অনুতাপ, যা পরিত্রাণের পথে চালিত করে; সেখানে অনুশোচনার কোনও অবকাশ নেই; কিন্তু জাগতিক দুঃখ নিয়ে আসে মৃত্যু। 11 দেখো, ঈশ্বরের অভিমত অনুযায়ী তোমাদের মধ্যে কী সব বিষয় উৎপন্ন করেছে: কত আগ্রহ, নিজেদের শুদ্ধ দেখানোর জন্য কত আকুলতা, কত না ধিক্কার, কত আশঙ্কা, কত প্রতীক্ষা, কত উদ্বেগ, ন্যায় প্রতিষ্ঠার জন্য কত না প্রস্তুতি। এই ব্যাপারে, প্রতি ক্ষেত্রেই তোমরা নিজেদের নির্দোষ প্রমাণ করেছ।

  18. 15 হে সদাপ্রভু, আমি তোমার অপেক্ষায় আছি;

    তুমি আমায় উত্তর দেবে, হে প্রভু আমার ঈশ্বর।

    16 আমি প্রার্থনা করি, “আমার শত্রুরা যেন আমার পতনে

    আমাকে নিয়ে উল্লাস না করে বা আনন্দ না করে।”

    17 আমার পতন আসন্ন,

    আর যন্ত্রণা প্রতিনিয়ত আমার সঙ্গী।

    18 আমি আমার অপরাধ স্বীকার করি;

    আমার পাপের জন্য আমি অত্যন্ত অনুতপ্ত।

  19. সংগীত পরিচালকের জন্য। কোরহ সন্তানদের একটি গীত। সুর: মহলৎ লিয়ান্নোৎ। ইষ্রাহীয় হেমনের মস্কীল।

    1 হে সদাপ্রভু, আমার পরিত্রাণের ঈশ্বর;

    দিনরাত আমি তোমার কাছে কেঁদে প্রার্থনা করি।

    2 আমার প্রার্থনা তোমার সামনে আসুক;

    আমার কান্নার প্রতি কর্ণপাত করো।

    3 কেননা আমার প্রাণ কষ্টে জর্জরিত

    আর আমার জীবন মৃত্যুর নিকটবর্তী।

  20. 47 আর তোমার চোখ যদি পাপের কারণ হয়, তা উপড়ে ফেলে দাও। কারণ দুই চোখ নিয়ে নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে, বরং এক চোখ নিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা ভালো। 48 সেখানে,

    “ ‘তাদের কীট মরে না,

    আর আগুন নির্বাপিত হয় না।’

  21. 33 মরিয়মকে এবং তাঁর অনুসরণকারী ইহুদিদের কাঁদতে দেখে, যীশু আত্মায় গভীরভাবে বিচলিত ও উদ্বিগ্ন হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, 34 “তোমরা তাকে কোথায় রেখেছ?”

    তাঁরা উত্তর দিল, “প্রভু, দেখবেন আসুন।”

    35 যীশু কাঁদলেন।

  22. 1 তাই আমি আমার মনে স্থির করেছিলাম যে, পুনরায় তোমাদের দুঃখ দেওয়ার জন্য আমি তোমাদের কাছে যাব না। 2 কারণ, আমি যদি তোমাদের দুঃখ দিই, তাহলে যাদের দুঃখ দিয়েছি, সেই তোমরা ছাড়া আমাকে আনন্দিত জন্য আর কে থাকবে? 3 পত্র লেখার সময় আমি এরকমই লিখেছিলাম যে, আমি যখন আসব, তখন যাদের কাছ থেকে আমার আনন্দ পাওয়ার কথা, তাদের কাছ থেকে যেন দুঃখ না পাই। তোমাদের সকলের প্রতি আমার এই দৃঢ় বিশ্বাস ছিল যে, তোমরা সকলে আমার আনন্দে আনন্দিত হবে। 4 আমি নিদারুণ কষ্ট ও মর্মযন্ত্রণায় ও অনেক চোখের জলের সঙ্গে তোমাদের লিখেছিলাম, তোমাদের দুঃখ দেওয়ার জন্য নয়, কিন্তু তোমাদের প্রতি আমার গভীর ভালোবাসা জানাবার জন্য।

    5 কেউ যদি দুঃখের কারণ হয়ে থাকে, সে আমাকে তেমন দুঃখ দেয়নি, যেমন তোমাদের সবাইকে কিছু পরিমাণে দিয়েছে—কোনও অতিশয়োক্তি না করেই আমি একথা বলছি।

  23. 23 ওরা কি খ্রীষ্টের সেবক? (আমি উন্মাদের মতো একথা বলছি।) আমি বেশিমাত্রায়। আমি অনেক কঠোর পরিশ্রম করেছি, ঘনঘন কারাগারে বন্দি হয়েছি, অনেক বেশি চাবুকের মার খেয়েছি, বারবার মৃত্যুর সম্মুখীন হয়েছি। 24 ইহুদিদের কাছ থেকে আমি পাঁচ দফায় ঊনচল্লিশ ঘা করে চাবুক খেয়েছি। 25 তিনবার আমাকে বেত দিয়ে মারা হয়েছে, একবার পাথর দিয়ে, তিনবার আমি জাহাজডুবিতে পড়েছি, অগাধ সমুদ্রের জলে আমি এক রাত ও একদিন কাটিয়েছি, 26 আমি অবিরত এক স্থান থেকে অন্যত্র গিয়েছি। আমি কতবার নদীতে বিপদে পড়েছি, দস্যুদের কাছে বিপদে, স্বদেশবাসীদের কাছে, অইহুদি জাতির কাছে বিপদে পড়েছি, নগরের মধ্যে, মরুপ্রান্তরে, সমুদ্রের মধ্যে ও ভণ্ড ভাইদের মধ্যে আমি বিপদে পড়েছি। 27 আমি পরিশ্রম ও কষ্ট করেছি এবং প্রায়ই অনিদ্রায় কাটিয়েছি, আমি ক্ষুধাতৃষ্ণার সঙ্গে পরিচিত হয়েছি ও কতবারই অনাহারে কাটিয়েছি, শীতে ও নগ্নতায় দিনযাপন করেছি।

  24. 22 তিনি উত্তর দিলেন, “শিশুটি যখন বেঁচে ছিল, তখন আমি উপবাস করে কান্নাকাটি করলাম। আমি ভেবেছিলাম, ‘কে জানে? সদাপ্রভু হয়তো আমার প্রতি করুণা দেখাবেন ও শিশুটিকে বাঁচিয়ে রাখবেন।’ 23 কিন্তু এখন যেহেতু সে মারা গিয়েছে, আমি কেনই বা উপবাস করব? আমি কি তাকে ফিরিয়ে আনতে পারব? আমি তার কাছে যাব, কিন্তু সে আমার কাছে ফিরে আসবে না।”

  25. প্রধান সংগীত পরিচালকের জন্য। সুর: “প্রভাতের হরিণী।” দাউদের গীত।

    1 ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ?

    আমাকে রক্ষা করা থেকে কেন দূরে আছ,

    আমার বেদনার আর্তনাদ থেকে কেন অত দূরে?

  26. 18 সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী,

    এবং যারা অন্তরে চূর্ণবিচূর্ণ, তাদের তিনি উদ্ধার করেন।

  27. 5 হে আমার প্রাণ, কেন তুমি অবসন্ন?

    কেন তুমি অন্তরে এত হতাশ?

    ঈশ্বরে তুমি আশা রাখো,

    কারণ আমি আবার তাঁর প্রশংসা করব

    যিনি আমার পরিত্রাতা ও আমার ঈশ্বর।

    6 আমার প্রাণ আমার অন্তরে অবসন্ন;

    কিন্তু জর্ডনের দেশ থেকে,

    হর্মোণের উচ্চতা—মিৎসিয়র পর্বত থেকে,

    আমি তোমাকে স্মরণ করব।

  28. 9 আমার শৈল ঈশ্বরকে আমি বলি,

    “কেন তুমি আমায় ভুলে গিয়েছ?

    কেন আমি আমার শত্রুর অত্যাচারে

    বিষণ্ণ মনে এদিক-ওদিক ঘুরে বেড়াব?”

    10 যখন আমার বিপক্ষ আমাকে ব্যঙ্গ করে

    আমার হাড়গোড় সব চূর্ণ হয়

    তারা সারাদিন আমাকে অবজ্ঞা করে বলে,

    “তোমার ঈশ্বর কোথায়?”

    11 হে আমার প্রাণ, কেন তুমি অবসন্ন?

    কেন তুমি অন্তরে এত হতাশ?

    ঈশ্বরে তুমি আশা রাখো,

    কারণ আমি আবার তাঁর প্রশংসা করব

    যিনি আমার পরিত্রাতা ও আমার ঈশ্বর।

  29. 11 আমি তোমাদের বলে রাখছি, প্রাচ্য ও পাশ্চাত্য দেশ থেকে বহু মানুষই আসবে এবং এসে অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের সঙ্গে স্বর্গরাজ্যে তাদের আসন গ্রহণ করবে। 12 কিন্তু সেই রাজ্যের প্রজাদের বাইরের অন্ধকারে ফেলে দেওয়া হবে, যেখানে রোদন ও দন্তঘর্ষণ হবে।”

  30. 54 আর এই ক্ষয়প্রাপ্ত যখন অক্ষয়তা পরিধান করবে ও এই মরদেহ অমরতা পরিধান করবে, তখন এই যে কথা লেখা আছে, তা সত্য প্রমাণিত হবে: “চিরকালের জন্য মৃত্যুকে গ্রাস করা হয়েছে।”

    55 “মৃত্যু, তোমার জয় কোথায়?

    মৃত্যু, তোমার হুল কোথায়?”

    56 মৃত্যুর হুল পাপ ও পাপের পরাক্রম হল বিধান। 57 কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক! তিনি প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের বিজয় দান করেন।

    58 তাই, আমার প্রিয় ভাইবোনেরা, সুস্থির থাকো। কোনো কিছুই তোমাদের বিচলিত না করুক। প্রভুর কাজে তোমরা সর্বদা নিজেদের সম্পূর্ণ উৎসর্গ করো, কারণ তোমরা জানো যে, প্রভুতে তোমাদের পরিশ্রম ব্যর্থ হবে না।

  31. 15 কারণ আমাদের মহাযাজক এমন নন, যিনি আমাদের দুর্বলতায় সহানুভূতি দেখাতে অক্ষম; বরং আমরা এমন একজনকে পেয়েছি, যিনি আমাদেরই মতো সব বিষয়ে প্রলোভিত হয়েছিলেন, অথচ নিষ্পাপ থেকেছেন। 16 তাই এসো, আস্থার সঙ্গে আমরা তাঁর অনুগ্রহ-সিংহাসনের সামনে উপস্থিত হই, যেন আমরা করুণা লাভ করতে পারি ও আমাদের প্রয়োজনের সময়ে অনুগ্রহ পাই।

  32. 32 আমি আর কত বলব? গিদিয়োন, বারক, শিমশোন, যিপ্তহ, দাউদ, শমূয়েল ও ভাববাদীদের সম্পর্কে বলার মতো সময় আমার নেই। 33 বিশ্বাসের মাধ্যমে তাঁরা বিভিন্ন রাজ্য জয় করেছিলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠিত করেছিলেন এবং প্রতিশ্রুত বিষয় লাভ করেছিলেন; তাঁরা সিংহের মুখ বন্ধ করেছিলেন, 34 জ্বলন্ত আগুনের শিখা নিভিয়ে দিয়েছিলেন এবং ধারালো তরোয়াল থেকে নিস্তার পেয়েছিলেন; তাঁদের দুর্বলতা শক্তিতে পরিণত হয়েছিল; তাঁরা যুদ্ধে পরাক্রমী হয়েছিলেন ও পরজাতীয় সৈন্যবাহিনীকে ছত্রভঙ্গ করেছিলেন। 35 নারীরা তাঁদের মৃতজনেদের ফিরে পেয়েছিলেন, তাঁদের পুনরায় জীবন দান করা হয়েছিল। অন্যেরা যন্ত্রণাভোগ করেছিলেন এবং মুক্ত হতে অস্বীকার করেছিলেন, যেন তাঁরা এক উৎকৃষ্টতর পুনরুত্থানের অংশীদার হতে পারেন। 36 কেউ কেউ বিদ্রুপ ও বেতের আঘাত সহ্য করেছিলেন, অন্যেরা বন্দি ও কারারুদ্ধ হয়েছিলেন। 37 তাঁদের পাথর দিয়ে আঘাত করা হয়েছিল; করাত দিয়ে দু-খণ্ড করা হয়েছিল; তরোয়ালের আঘাতে হত্যা করা হয়েছিল। তাঁরা মেষের ছাল ও ছাগলের ছাল পরে ঘুরে বেড়াতেন; তাঁরা দীনদরিদ্রের মতো ও অত্যাচারিত ও দুর্ব্যবহারের শিকার হতেন। 38 এই জগৎ তাঁদের জন্য যোগ্য স্থান ছিল না; তাঁরা বিভিন্ন মরুভূমিতে, পাহাড়-পর্বতে, গুহায় ও মাটির গর্তে আশ্রয় নিতেন।

    39 এরা সবাই বিশ্বাসের জন্য প্রশংসা লাভ করেছিলেন, তবুও এরা কেউই প্রতিশ্রুত বিষয় লাভ করেননি। 40 ঈশ্বর উৎকৃষ্টতর কিছু আমাদের জন্য পরিকল্পনা করেছিলেন, যেন আমাদেরই সঙ্গে মিলিতভাবে তাঁদের সিদ্ধতা দান করা হয়।

  33. 20 কিন্তু অন্যায় কাজের জন্য যদি মার খাও ও তা সহ্য করো, তাহলে এতে তোমাদের কৃতিত্ব কোথায়? বরং সৎকর্মের জন্য যদি কষ্টভোগ করো ও তা সহ্য করো, তাই ঈশ্বরের কাছে প্রশংসনীয়। 21 এই উদ্দেশ্যেই তোমাদের আহ্বান করা হয়েছ, কারণ খ্রীষ্টও তোমাদের জন্য কষ্টভোগ করেছেন ও তোমাদের কাছে এক দৃষ্টান্ত রেখে গেছেন, যেন তোমরাও তাঁর চলার পথ অনুসরণ করো।

    22 “তিনি কোনও পাপ করেননি,

    তাঁর মুখেও কোনো ছলনার বাণী পাওয়া যায়নি।”

    23 তাঁর প্রতি যখন নিন্দা-অপমান বর্ষিত হল, তিনি প্রতিনিন্দা করলেন না। যখন কষ্টভোগ করলেন, তিনি কোনও কটু বাক্য উচ্চারণ করলেন না। পরিবর্তে, যিনি ন্যায়বিচারক, তিনি তাঁরই হাতে বিচারের ভার অর্পণ করলেন। 24 স্বয়ং তিনি ক্রুশের উপরে নিজ শরীরে আমাদের “পাপরাশি বহন করলেন,” যেন আমরা পাপসমূহের প্রতি মৃত্যুবরণ করে ধার্মিকতার প্রতি জীবিত হই; “তাঁরই সব ক্ষত দ্বারা তোমরা আরোগ্য লাভ করেছ।”

  34. 19 তাহলে, সেই কারণে যারা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কষ্টভোগ করে, তারা তাদের বিশ্বস্ত সৃষ্টিকর্তার কাছে নিজেদের সমর্পণ করুক ও সৎকর্ম করে যাক।

  35. 15 তোমার ও নারীর মধ্যে

    আর তোমার ও তার সন্তানসন্ততির মধ্যে

    আমি শত্রুতা জন্মাব;

    সে তোমার মাথা গুঁড়িয়ে দেবে

    আর তুমি তার পায়ের গোড়ালিতে আঘাত হানবে।”

  36. 8 এদিকে কয়িন তার ভাই হেবলকে বলল, “চলো, আমরা জমিতে যাই।” আর তারা যখন জমিতে ছিল, তখন কয়িন তার ভাই হেবলকে আক্রমণ করে তাকে হত্যা করল।

  37. 11 জাদুকরদের ও সব মিশরীয়দের গায়ে যে ফোঁড়াগুলি ফুটে উঠল, সেগুলির কারণে জাদুকররা মোশির সামনে দাঁড়াতে পারল না।

  38. 10 তবে তখনও আমি এই সান্ত্বনা পেতাম—

    নির্মম যন্ত্রণার মধ্যেও আনন্দিত হতাম—

    যে আমি সেই পবিত্রজনের কথা অগ্রাহ্য করিনি।

  39. 6 “তবুও আমি যদি কথা বলি, আমার ব্যথার উপশম হয় না;

    ও আমি যদি নীরব থাকি, তাও তা যায় না।

  40. 19 “অথবা কেউ হয়তো অস্থিতে অবিরত যন্ত্রণা নিয়ে

    বিছানায় ব্যথায় কাতরাতে কাতরাতে শাস্তি পায়,

    20 তাদের কাছে খাবার বিরক্তিকর বলে মনে হয়

    ও তাদের প্রাণ সুস্বাদু আহারও ঘৃণা করে।

    21 তাদের শরীর ক্ষয়ে গিয়ে অদৃশ্য হয়ে যায়,

    ও তাদের অস্থি, যা এক সময় অদৃশ্য ছিল, তা এখন বেরিয়ে পড়েছে।

    22 তারা খাতের কাছে এগিয়ে যায়,

    ও তাদের জীবন মৃত্যুদূতদের নিকটবর্তী হয়।

  41. 3 তোমার রোষে আমার সারা শরীর জীর্ণ হয়েছে;

    আমার পাপের জন্য আমার হাড়গোড়ে কোনো শক্তি নেই।

    4 আমার দোষভার আমাকে বিচলিত করেছে

    তা এমন এক বোঝা যা বহন করা খুবই কষ্টকর।

    5 আমার পাপের মূর্খতায়

    আমার দেহের ক্ষতস্থানগুলি আজ দূষিত ও দুর্গন্ধময় হয়েছে।

  42. 3 তিনি ভগ্নচিত্তদের সুস্থ করেন,

    এবং তাদের সব ক্ষতস্থান তিনি বেঁধে দেন।

    4 আকাশের তারাদের সংখ্যা তিনি নির্ণয় করেন,

    এবং তাদের প্রত্যেককে তিনি নাম ধরে ডাকেন।

    5 মহান আমাদের প্রভু ও অতিশয় শক্তিমান,

    তার বোধশক্তির কোনও সীমা নেই।

  43. 7 এখন তবে, হে আমার বাছারা, আমার কথা শোনো;

    আমি যা বলছি তা থেকে মুখ ফিরিয়ো না।

    8 সেই মহিলা থেকে দূরত্ব বজায় রেখে চলো,

    তার বাড়ির দরজার কাছে যেয়ো না,

    9 পাছে তুমি অন্যান্য লোকজনের কাছে তোমার সম্মান হারাও

    ও নিষ্ঠুর মানুষের কাছে তোমার মর্যাদা হারাও,

    10 পাছে অপরিচিত লোকেরা তোমার ধনসম্পদ ভোগ করে

    ও তোমার পরিশ্রম অন্যের বাড়িঘর সমৃদ্ধ করে।

    11 জীবনের শেষকালে পৌঁছে তুমি গভীর আর্তনাদ করবে,

    যখন তোমার মাংস ও শরীর ক্ষয়ে যাবে।

    12 তুমি বলবে, “আমি শৃঙ্খলাপরায়ণতাকে কতই না ঘৃণা করতাম!

    আমার হৃদয় সংশোধনকে কতই না পদদলিত করত!

    13 আমি আমার শিক্ষকদের বাধ্য হইনি

    বা আমার উপদেশকদের কথায় কর্ণপাত করিনি।

    14 আর আমি ঈশ্বরের লোকদের সমাজে

    অচিরেই চরম অসুবিধায় পড়েছিলাম।”

  44. 28 যারা কেবলমাত্র শরীর বধ করতে পারে, কিন্তু আত্মাকে বধ করতে পারে না, তাদের ভয় কোরো না। বরং, যিনি আত্মা ও শরীর, উভয়কেই নরকে ধ্বংস করতে পারেন, তোমরা তাঁকেই ভয় কোরো।

  45. 38 তারপর তিনি তাঁদের বললেন, “আমার প্রাণ মৃত্যু পর্যন্ত দুঃখার্ত হয়েছে। তোমরা এখানে থাকো, এবং আমার সঙ্গে জেগে থাকো।”

  46. 16 তাহলে, অব্রাহামের কন্যা এই নারী, শয়তান যাকে দীর্ঘ আঠারো বছর বেঁধে রেখেছিল, বিশ্রামদিনে তাকে বাঁধন থেকে মুক্ত করা কি উচিত নয়?”

  47. 28 “সেখানে হবে রোদন ও দন্তঘর্ষণ; তখন তোমরা দেখবে, ঈশ্বরের রাজ্যে রয়েছেন অব্রাহাম, ইস্‌হাক, যাকোব ও সব ভাববাদী, কিন্তু তোমরা নিজেরা বাইরে নিক্ষিপ্ত হয়েছ।

  48. 33 মাথার খুলি নামক স্থানে উপস্থিত হয়ে তারা তাঁকে সেই দুষ্কৃতীদের সঙ্গে ক্রুশবিদ্ধ করল, একজনকে তাঁর ডানদিকে, অন্যজনকে তাঁর বাঁদিকে।

  49. 33 “আমি তোমাদের এসব কথা জানালাম, যেন আমার মধ্যে তোমরা শান্তি লাভ করো। এই জগতে তোমরা সংকটের সম্মুখীন হবে, কিন্তু সাহস করো! আমি এই জগৎকে জয় করেছি।”

  50. 17 পৌল মিলেতা থেকে ইফিষে লোক পাঠিয়ে মণ্ডলীর প্রাচীনদের ডেকে পাঠালেন। 18 তাঁরা এসে পৌঁছালে তিনি তাঁদের বললেন, “তোমরা জানো, এশিয়া প্রদেশে আমি উপস্থিত হওয়ার পর প্রথম দিন থেকেই তোমাদের মধ্যে থাকাকালীন আমি কীভাবে জীবনযাপন করেছি। 19 আমি অত্যন্ত নম্রতার সঙ্গে ও চোখের জলে প্রভুর সেবা করে গেছি, যদিও ইহুদিদের ষড়যন্ত্রের কারণে আমি অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছিলাম। 20 তোমরা জানো যে আমি তোমাদের পক্ষে কল্যাণকর কোনো কিছুই প্রচার করতে ইতস্তত করিনি, বরং প্রকাশ্যে এবং বাড়ি বাড়ি গিয়ে শিক্ষা দিয়েছি। 21 ইহুদি ও গ্রিক, উভয়েরই কাছে আমি ঘোষণা করেছি যে, মন পরিবর্তনের মাধ্যমে তাদের অবশ্যই ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে এবং আমাদের প্রভু যীশুর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে।

    22 “আর এখন পবিত্র আত্মার দ্বারা বাধ্য হয়ে আমি জেরুশালেমে যাচ্ছি, জানি না, সেখানে আমার প্রতি কী ঘটবে। 23 আমি শুধু জানি যে, পবিত্র আত্মা আমাকে সচেতন করছেন, প্রতিটি নগরে আমাকে বন্দিদশা ও কষ্টের সম্মুখীন হতে হবে। 24 কিন্তু, আমি আমার প্রাণকেও নিজের কাছে মূল্যবান বিবেচনা করি না, শুধু চাই যে আমি যেন সেই দৌড় শেষ করতে পারি এবং প্রভু যীশু যে কর্মভার আমাকে দিয়েছেন, তা সম্পূর্ণ করতে পারি—সেই কাজটি হল, ঈশ্বরের অনুগ্রহের সুসমাচার সম্পর্কে সাক্ষ্য দেওয়া।

  51. 15 যারা আনন্দ করে, তাদের সঙ্গে আনন্দ করো; যারা শোক করে, তাদের সঙ্গে শোক করো।

  52. 27 সত্যিই তিনি অসুস্থ হয়ে মরণাপন্ন হয়েছিলেন, কিন্তু ঈশ্বর তাঁর উপর করুণা করেছেন; শুধু তাঁর উপর নয়, আমার উপরেও করুণা করেছেন, যেন দুঃখের উপর আমার আর দুঃখ না হয়।

  53. 13 ভাইবোনেরা, আমরা চাই না যে, যারা নিদ্রাগত হয়েছে, তাদের সম্পর্কে তোমরা অজ্ঞ থাকো বা যাদের প্রত্যাশা নেই, তাদের মতো দুঃখে ভারাক্রান্ত হও।

  54. 12 প্রিয় বন্ধুরা, যে যন্ত্রণাপূর্ণ পরীক্ষা তোমরা ভোগ করছ, তা কোনো অস্বাভাবিক ঘটনা তোমাদের প্রতি ঘটছে মনে করে বিস্মিত হোয়ো না। 13 কিন্তু খ্রীষ্টের কষ্টভোগে তোমরাও অংশগ্রহণ করছ মনে করে আনন্দ করো, যেন যেদিন তাঁর মহিমা প্রকাশিত হবে, সেদিন তোমরাও অতিশয় আনন্দিত হতে পারো। 14 খ্রীষ্টের নামের জন্য যদি তোমরা অপমানিত হও, তাহলে তোমরা ধন্য, কারণ ঈশ্বরের মহিমাময় আত্মা তোমাদের উপরে অধিষ্ঠান করছেন।

  55. 8 (কারণ সেই ধার্মিক ব্যক্তি দিনের পর দিন তাদের মধ্যে বাস করে, তাদের অনাচার দেখে ও শুনে, তাঁর ধর্মময় প্রাণে কষ্ট পেতেন)—

  56. 12 পরে আমি দেখলাম, তিনি ষষ্ঠ সিলমোহরটি খুললেন। তখন এক মহা ভূমিকম্প হল। সূর্য ছাগলের লোমে বোনা কম্বলের মতো কালো রংয়ের আর সম্পূর্ণ চাঁদ রক্তের মতো লাল রংয়ে রূপান্তরিত হল, 13 আর ঠিক যেভাবে প্রবল বাতাসে আন্দোলিত ডুমুর গাছ থেকে কাঁচা ডুমুর ঝরে পড়ে সেভাবে আকাশের তারা সকল পৃথিবীতে ঝরে পড়ল। 14 যেভাবে পুঁথিকে গুটিয়ে ফেলা হয় সেভাবে আকাশমণ্ডল দৃষ্টিপথ থেকে দূরে সরে গেল এবং সমস্ত পর্বত ও দ্বীপ নিজের নিজের স্থান থেকে উপড়ে ফেলা হল।

    15 তখন পৃথিবীর সব রাজা, রাজপুত্র ও রাজকন্যা, সৈন্যাধ্যক্ষ, ধনী, পরাক্রমী, এবং সকলে, ক্রীতদাস ও সব স্বাধীন মানুষ বিভিন্ন গুহায় ও পর্বতশিলায় নিজেদের লুকিয়ে রাখল। 16 তারা পর্বতসকল ও মহাশিলাকে ডেকে বলতে লাগল, “আমাদের উপরে পতিত হও, যিনি সিংহাসনে উপবিষ্ট, তাঁর সামনে থেকে ও মেষশাবকের কোপ থেকে আমাদের লুকিয়ে রাখো! 17 কারণ তাঁদের ক্রোধ প্রকাশের মহাদিন এসে পড়েছে, আর কে তাঁর সামনে দাঁড়াতে পারে?”