51 Bible Verses About Rest

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Rest
  1. 28 “ওহে, তোমরা যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। 29 আমার জোয়াল তোমরা নিজেদের উপরে তুলে নাও ও আমার কাছে শিক্ষা নাও, কারণ আমার স্বভাব কোমল ও নম্র। এতে তোমরা নিজেদের অন্তরে বিশ্রাম পাবে। 30 কারণ আমার জোয়াল সহজ ও আমার বোঝা হালকা।”

  2. 1 অতএব, তাঁর বিশ্রামে প্রবেশ করার প্রতিশ্রুতি বলবৎ থাকলেও, তোমাদের কেউ যেন তা থেকে বঞ্চিত না হয়। এ বিষয়ে এসো, আমরা সতর্ক হই। 2 কারণ তাদের মতো আমাদেরও কাছে সুসমাচার প্রচার করা হয়েছিল; কিন্তু তারা যে বাণী শুনেছিল, তাদের কাছে তা ছিল মূল্যহীন, কারণ যারা বিশ্বাসের সঙ্গে শুনেছিল, তারা তাদের সঙ্গে সংযুক্ত থাকেনি। 3 এখন আমরা যারা বিশ্বাস করেছি, তারা সেই বিশ্রামে প্রবেশ করছি, যে বিশ্রামের কথা ঈশ্বর উল্লেখ করেছেন, যেমন তিনি বলেছেন,

    “তাই আমার ক্রোধে আমি এক শপথ নিয়েছিলাম,

    ‘আমার বিশ্রামে তারা আর কোনোদিন প্রবেশ করবে না।’ ”

    যদিও তাঁর কাজ জগৎ সৃষ্টির সময় থেকে সমাপ্ত হয়েছে। 4 কারণ সপ্তম দিন সম্পর্কে তিনি কোনও এক স্থানে এই কথা বলেছেন, “সপ্তম দিনে ঈশ্বর তাঁর সমস্ত কাজ থেকে বিশ্রাম নিলেন।” 5 উপরোক্ত অংশটিতে তিনি আবার বলেন, “তারা আমার বিশ্রামে আর কোনোদিন প্রবেশ করবে না।”

    6 একথা এখনও ঠিক যে, কিছু লোক সেই বিশ্রামে প্রবেশ করবে এবং যাদের কাছে পূর্বে সুসমাচার প্রচার করা হয়েছিল, তাদের অবাধ্যতার জন্য তারা প্রবেশ করতে পারেনি। 7 তাই, “আজ” নামে অভিহিত করে ঈশ্বর আর একটি দিন নির্ধারণ করলেন, যেমন ইতিপূর্বে বলা হয়েছে, সেইমতো বহুকাল পরে তিনি দাউদের মাধ্যমে বলেছেন:

    “আজ যদি তোমরা তাঁর কণ্ঠস্বর শোনো,

    তাহলে তোমাদের হৃদয়কে কঠিন কোরো না।”

    8 কারণ যিহোশূয় যদি তাদের বিশ্রাম দিতেন, তাহলে ঈশ্বর পরে তাদের আর একটি দিনের কথা বলতেন না। 9 তাই ঈশ্বরের প্রজাবৃন্দের জন্য এক সাব্বাথের বিশ্রাম ভোগ করা বাকি আছে। 10 কারণ ঈশ্বর যেমন তাঁর কাজ থেকে বিশ্রাম নিয়েছিলেন, ঈশ্বরের বিশ্রামে যে প্রবেশ করে, সেও তেমনই তার নিজের কাজ থেকে বিশ্রাম নেয়। 11 সুতরাং এসো, সেই বিশ্রামে প্রবেশ করার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করি, যেন তাদের অবাধ্যতার দৃষ্টান্ত অনুসরণ করে কারও পতন না হয়।

    12 কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত ও সক্রিয়, উভয় দিকে ধারবিশিষ্ট যে কোনো তরোয়াল থেকে তীক্ষ্ণ; প্রাণ ও আত্মা এবং শরীরের গ্রন্থি ও মজ্জা পর্যন্ত তা ভেদ করে যায়; তা হৃদয়ের চিন্তা ও আচরণের বিচার করে। 13 সমস্ত সৃষ্টিতে সবকিছুই যাঁর দৃষ্টিতে অনাবৃত ও উন্মুক্ত, তাঁর কাছে আমাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।

    14 অতএব, আমরা এমন এক মহান মহাযাজককে পেয়েছি, যিনি আকাশমণ্ডল অতিক্রম করে উন্নীত হয়েছেন, তিনি ঈশ্বরের পুত্র যীশু; তাই এসো, আমরা যে বিশ্বাস স্বীকার করি, তা দৃঢ়রূপে আঁকড়ে ধরে থাকি। 15 কারণ আমাদের মহাযাজক এমন নন, যিনি আমাদের দুর্বলতায় সহানুভূতি দেখাতে অক্ষম; বরং আমরা এমন একজনকে পেয়েছি, যিনি আমাদেরই মতো সব বিষয়ে প্রলোভিত হয়েছিলেন, অথচ নিষ্পাপ থেকেছেন। 16 তাই এসো, আস্থার সঙ্গে আমরা তাঁর অনুগ্রহ-সিংহাসনের সামনে উপস্থিত হই, যেন আমরা করুণা লাভ করতে পারি ও আমাদের প্রয়োজনের সময়ে অনুগ্রহ পাই।

  3. 1 এইভাবে আকাশমণ্ডল এবং পৃথিবী ও সেখানকার সবকিছু সৃষ্টির কাজ সম্পূর্ণ হল।

    2 সপ্তম দিনে এসে ঈশ্বর তাঁর সব কাজকর্ম সমাপ্ত করলেন; তাই সপ্তম দিনে তিনি তাঁর সমস্ত কাজ থেকে বিশ্রাম নিলেন। 3 আর ঈশ্বর সপ্তম দিনকে আশীর্বাদ করে সেটিকে পবিত্র করলেন, কারণ এই দিনেই তিনি তাঁর সব সৃষ্টিকর্ম সম্পূর্ণ করে বিশ্রাম নিয়েছিলেন।

  4. 30 প্রেরিতশিষ্যেরা যীশুর চারপাশে জড়ো হয়ে তাঁদের সমস্ত কাজ ও শিক্ষাদানের বিবরণ দিলেন। 31 সেই সময় এত বেশি লোক সেখানে যাওয়া-আসা করছিল যে, তাঁরা খাবার খাওয়ারও সুযোগ পাচ্ছিলেন না। তিনি তাঁদের বললেন, “তোমরা আমার সঙ্গে কোনো নির্জন স্থানে চলো ও সেখানেই কিছু সময় বিশ্রাম করো।”

    32 তাই তাঁরা নিজেরাই নৌকায় করে এক নির্জন স্থানে গেলেন।

  5. 8 পবিত্রতায় বিশ্রামদিন পালন করে স্মরণ কোরো। 9 ছয় দিন তুমি পরিশ্রম করবে ও তোমার সব কাজকর্ম করবে, 10 কিন্তু সপ্তম দিনটি তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামদিন। সেদিন তুমি, তোমার ছেলে বা মেয়ে, তোমার দাস বা দাসী, তোমার পশুপাল, বা তোমার নগরে বসবাসকারী কোনো বিদেশি, কেউ কোনও কাজ কোরো না। 11 কারণ ছয় দিনে সদাপ্রভু আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও সেগুলির মধ্যে থাকা সমস্ত কিছু তৈরি করেছিলেন, কিন্তু সপ্তম দিন তিনি বিশ্রাম নিয়েছিলেন। তাই সদাপ্রভু সাব্বাথবারকে আশীর্বাদ করে সেটি পবিত্র করলেন।

  6. দাউদের গীত।

    1 সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না।

    2 তিনি সবুজ চারণভূমিতে আমাকে শয়ন করান,

    তিনি শান্ত জলের ধারে আমাকে নিয়ে যান,

    3 তিনি আমার প্রাণ সঞ্জীবিত করেন।

    নিজের নামের মহিমায়

    তিনি আমাকে সঠিক পথে পরিচালনা করেন।

  7. 6 কোনো বিষয়েই উৎকণ্ঠিত হোয়ো না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। 7 এতে সব বোধবুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি, খ্রীষ্ট যীশুতে তোমাদের অন্তর ও মন রক্ষা করবে।

    8 অবশেষে বলি, ভাইবোনেরা, যা কিছু সত্য, যা কিছু মহান, যা কিছু যথার্থ, যা কিছু বিশুদ্ধ, যা কিছু আদরণীয়, যা কিছু আকর্ষণীয়—যদি কোনো কিছু উৎকৃষ্ট বা প্রশংসার যোগ্য হয়—তোমরা সেই সমস্ত বিষয়ের চিন্তা করো। 9 তোমরা আমার কাছ থেকে যা শিক্ষা পেয়েছ, যা কিছু পেয়েছ, যা কিছু শুনেছ বা আমার মধ্যে দেখেছ, সেসব অনুশীলন করো। তাহলে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে অবস্থিতি করবেন।

  8. 13 তখন আমি স্বর্গ থেকে এই কণ্ঠস্বর শুনতে পেলাম, “তুমি লেখো: ধন্য সেই মৃতজনেরা, যারা এখন থেকে প্রভুতে মৃত্যুবরণ করবে।”

    পবিত্র আত্মা বলছেন, “হ্যাঁ, তারা তাদের শ্রম থেকে বিশ্রাম পাবে, কারণ তাদের সব কাজ তাদের অনুসরণ করবে।”

    14 আমি তাকিয়ে দেখলাম, আমার সামনে ছিল এক সাদা রংয়ের মেঘ। সেই মেঘের উপরে “মনুষ্যপুত্রের মতো” একজনকে উপবিষ্ট দেখলাম, যাঁর মাথায় ছিল সোনার মুকুট ও হাতে ছিল এক ধারালো কাস্তে।

  9. 11 “জন্মের সময় আমি মরলাম না কেন,

    আর গর্ভ থেকে বেরোনোর সময়ই বা আমি মরলাম না কেন?

    12 জানুগুলি কেন আমাকে গ্রহণ করল

    আর স্তনগুলিই বা কেন আমার যত্ন নিল?

    13 তবে তো এখন আমি শান্তিতে শায়িত থাকতাম;

    ঘুমিয়ে থাকতাম ও নিতাম বিশ্রাম

    14 সেই রাজা ও শাসকদের সাথে,

    যারা নিজেদের জন্য সেই স্থানগুলি নির্মাণ করেছিলেন যা ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে,

    15 সেই অধিপতিদের সাথে, যাদের কাছে সোনা ছিল,

    যারা তাদের বাড়িগুলি রুপোয় পরিপূর্ণ করেছিলেন।

    16 অথবা কেন আমাকে জমিতে লুকানো হয়নি অজাত এক শিশুর মতো,

    এক সদ্যজাত শিশুর মতো যে কখনও দিনের আলো দেখেনি?

    17 সেখানে দুষ্টেরা আন্দোলন থেকে ক্ষান্ত হয়,

    আর সেখানে শ্রান্তজনেরা বিশ্রাম পায়।

    18 বন্দিরাও তাদের স্বাচ্ছন্দ্য উপভোগ করে;

    তারা আর ক্রীতদাস-চালকের চিৎকার শোনে না।

    19 ছোটো ও বড়ো—সবাই সেখানে আছে,

    আর ক্রীতদাসেরা তাদের প্রভুদের হাত থেকে মুক্ত হয়েছে।

  10. 12 পরে সদাপ্রভু মোশিকে বললেন, 13 ইস্রায়েলীদের বলো, “তোমাদের অবশ্যই আমার সাব্বাথ পালন করতে হবে। আগামী বংশপরম্পরায় এটি আমার ও তোমাদের মধ্যে এক চিহ্ন হবে, যেন তোমরা জানতে পারো যে আমিই সেই সদাপ্রভু, যিনি তোমাদের পবিত্র করেছেন।

    14 “সাব্বাথ পালন কোরো, কারণ তোমাদের কাছে এই দিনটি পবিত্র। যে কেউ এই দিনটিকে অপবিত্র করবে, তাকে মেরে ফেলতে হবে; যারা সেদিন কোনও কাজ করবে, তাদের অবশ্যই তাদের লোকজনের কাছ থেকে বিচ্ছিন্ন হতে হবে। 15 ছয় দিন কাজ করা যেতে পারে, কিন্তু সপ্তম দিনটি সাব্বাথ বিশ্রামের দিন, যা সদাপ্রভুর উদ্দেশে পবিত্র। যে কেউ সাব্বাথবারে কোনও কাজ করবে, তাকে মেরে ফেলতে হবে। 16 আগামী বংশপরম্পরায় দীর্ঘস্থায়ী এক নিয়মরূপে সাব্বাথবার উদ্‌যাপন করার মাধ্যমে ইস্রায়েলীদের তা পালন করতে হবে। 17 চিরকালের জন্য এটি আমার ও ইস্রায়েলীদের মধ্যে এক চিহ্ন হয়ে থাকবে, কারণ ছয় দিনে সদাপ্রভু আকাশমণ্ডল ও পৃথিবী তৈরি করেছিলেন, এবং সপ্তম দিনে তিনি বিশ্রাম নিয়েছিলেন ও চাঙ্গা হয়েছিলেন।”

  11. 14 সদাপ্রভু উত্তর দিলেন, “আমার উপস্থিতি তোমার সাথেই যাবে, এবং আমি তোমাকে বিশ্রাম দেব।”

  12. 9 তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত

    যুদ্ধ বন্ধ করেন।

    তিনি ধনুক ভেঙে দেন ও বর্শা চূর্ণ করেন;

    তিনি ঢালগুলি আগুনে পুড়িয়ে দেন।

    10 তিনি বলেন, “শান্ত হও, আর জানো, আমিই ঈশ্বর;

    সমস্ত জাতিতে আমি মহিমান্বিত হব,

    সমস্ত পৃথিবীতে আমি মহিমান্বিত হব।”

    11 সর্বশক্তিমান সদাপ্রভু আমাদের সঙ্গে আছেন;

    যাকোবের ঈশ্বর আমাদের উচ্চদুর্গ।

  13. 3 সদাপ্রভুতে আস্থা রাখো আর সদাচরণ করো;

    এই দেশে বসবাস করো আর নিরাপদ আশ্রয় উপভোগ করো।

    4 সদাপ্রভুতে আনন্দ করো,

    তিনিই তোমার মনের অভিলাষ পূর্ণ করবেন।

    5 তোমার চলার পথ সদাপ্রভুতে সমর্পণ করো;

    তাঁর উপর নির্ভর করো আর তিনি এসব করবেন:

    6 তিনি তোমার ধার্মিকতার পুরস্কার ভোরের মতো,

    আর তোমার সততা মধ্যাহ্নের সূর্যের মতো উজ্জ্বল করবেন।

    7 সদাপ্রভুর সামনে নীরব হও,

    ধৈর্য ধরে তাঁর প্রতীক্ষায় থাকো;

    যখন দুষ্ট ব্যক্তিরা তাদের জীবনে সফল হয়,

    যখন তারা তাদের মন্দ পরিকল্পনা কার্যকর করে, তখন বিচলিত হোয়ো না।

    8 রাগ থেকে দূরে থাকো আর ক্রোধ থেকে মুখ ফেরাও;

    বিচলিত হোয়ো না, তা কেবল মন্দের দিকে নিয়ে যায়।

  14. 6 হে অলস, তুমি পিঁপড়েদের কাছে যাও;

    তাদের চালচলন বিবেচনা করো ও জ্ঞানবান হও!

    7 তাদের কোনও সেনাপতি নেই,

    কোনও তত্ত্বাবধায়ক বা শাসনকর্তাও নেই,

    8 তবুও তারা গ্রীষ্মকালে রসদ মজুত করে রাখে,

    ও ফসল কাটার মরশুমে খাদ্য সংগ্রহ করে রাখে।

    9 হে অলস, আর কতক্ষণ তুমি সেখানে শুয়ে থাকবে?

    কখন তুমি ঘুম থেকে উঠবে?

    10 আর একটু ঘুম, আর একটু তন্দ্রা,

    হাত পা গুটিয়ে আরও কিছুক্ষণ বিশ্রাম নেওয়া—

    11 ও দারিদ্র এক চোরের মতো

    ও অভাব এক সশস্ত্র সৈনিকের মতো তোমার উপরে এসে পড়বে।

  15. 12 “ছয় দিন তুমি কাজ কোরো, কিন্তু সপ্তম দিন কাজ কোরো না; যেন তোমার বলদ ও গাধা বিশ্রাম নিতে পারে, এবং তোমার পরিবারে জন্মানো ক্রীতদাস ও তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশি যেন চাঙ্গা থাকতে পারে।

  16. 7 কারণ তিনি আমাদের ঈশ্বর

    আর আমরা তাঁর চারণভূমির প্রজা,

    ও মেষ যাদের তিনি যত্ন করেন।

    আজই, যদি তোমরা তাঁর কণ্ঠস্বর শুনতে পাও,

    8 “যেমন মরীবায় করেছিলে, তেমন নিজেদের হৃদয় কঠিন কোরো না,

    মরুপ্রান্তরে মঃসার দিনে যেমন করেছিলে,

    9 যেখানে তোমার পূর্বপুরুষেরা আমার পরীক্ষা করেছিল;

    আমাকে যাচাই করেছিল, যদিও আমি যা করেছিলাম তারা সব দেখেছিল।

    10 চল্লিশ বছর পর্যন্ত সেই প্রজন্মের প্রতি আমি ক্রুদ্ধ হয়েছিলাম;

    এবং আমি বলেছিলাম, ‘তারা এমন ধরনের লোক যাদের হৃদয় বিপথগামী হয়,

    আর তারা আমার পথগুলি জানে না।’

    11 তাই আমার ক্রোধে আমি এক শপথ নিয়েছিলাম,

    ‘আমার বিশ্রামে তারা আর কোনোদিন প্রবেশ করবে না।’ ”

  17. 1 সদাপ্রভু সীনয় পর্বতে মোশিকে বললেন, 2 “ইস্রায়েলীদের সঙ্গে তুমি কথা বলো, তাদের জানাও, ‘আমি যে দেশ তাদের দিতে যাচ্ছি, যখন তারা সেই দেশে প্রবেশ করবে, তখন সদাপ্রভুর উদ্দেশে যেন ভূমি বিশ্রাম ভোগ করে। 3 ছয় বছর ধরে তোমরা ক্ষেতে বীজবপন করবে এবং ছয় বছর ধরে দ্রাক্ষাক্ষেতের অপ্রয়োজনীয় ডালপালা ছাঁটবে ও দ্রাক্ষাফল সংগ্রহ করবে। 4 কিন্তু সপ্তম বছরে ভূমি বিশ্রাম, সদাপ্রভুর উদ্দেশে এক বিশ্রাম ভোগ করবে। এই বছরে তোমাদের ক্ষেত্রগুলি বীজবপন করবে না, অথবা দ্রাক্ষাক্ষেতের অনর্থক ডালপালাগুলি ছেঁটে ফেলবে না।

  18. 12 তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যেমন আদেশ করেছেন, তেমনি করে বিশ্রামদিন পালন করে পবিত্র রেখো। 13 ছয় দিন তুমি পরিশ্রম করবে ও তোমার সব কাজকর্ম করবে, 14 কিন্তু সপ্তম দিনটি তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামদিন। সেদিন তুমি, তোমার ছেলে বা মেয়ে, তোমার দাস বা দাসী, তোমার বলদ বা তোমার গাধা বা অন্য কোনও পশুপাল বা তোমার নগরে বসবাসকারী কোনো বিদেশি, কেউ কোনও কাজ কোরো না, যেন তোমার দাস বা দাসী বিশ্রাম পায়, যেমন তুমিও পাও। 15 মনে রেখো যে তোমরা মিশরে দাস ছিলে এবং তোমার ঈশ্বর সদাপ্রভু বলবান হাত ও বিস্তারিত বাহু দিয়ে সেখান থেকে তোমাকে বের করে এনেছেন। সেইজন্যই তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে বিশ্রামদিন পালন করার আদেশ দিয়েছেন।

  19. 8 শান্তিতে আমি শুয়ে থাকব ও ঘুমাব,

    কারণ একমাত্র তুমিই, হে সদাপ্রভু,

    আমায় নিরাপদে বসবাস করতে দিয়েছ।

  20. 1 যে ব্যক্তি পরাৎপরের আশ্রয়ে বসবাস করে

    সে সর্বশক্তিমানের ছায়ায় বিশ্রাম পাবে।

    2 আমি সদাপ্রভু সম্বন্ধে বলব, “তিনিই আমার আশ্রয় এবং আমার উচ্চদুর্গ,

    আমার ঈশ্বর, যার উপর আমি আস্থা রাখি।”

  21. 5 সদাপ্রভু কৃপাবান ও ধর্মময়,

    আমাদের ঈশ্বর করুণায় পরিপূর্ণ।

    6 যারা সরলচিত্ত, সদাপ্রভু তাদের রক্ষা করেন;

    গভীর সংকটকালে তিনি আমাকে রক্ষা করেছিলেন।

    7 হে আমার প্রাণ, তুমি বিশ্রামে ফিরে যাও,

    কারণ সদাপ্রভু তোমার মঙ্গল করেছেন।

    8 কারণ তুমি, হে সদাপ্রভু, মৃত্যু থেকে আমাকে উদ্ধার করেছ,

    চোখের জল থেকে আমার চোখ,

    পতন থেকে আমার পা, উদ্ধার করেছ,

  22. 13 অলস বলে, “রাস্তায় সিংহ আছে,

    হিংস্র এক সিংহ পথে পথে ঘুরে বেড়াচ্ছে!”

    14 দরজা যেভাবে কবজাগুলিতে ঘোরে,

    অলসও সেভাবে তার বিছানাতে ঘোরে।

    15 অলস তার হাত থালায় ডুবিয়ে রাখে;

    সে এতই অলস যে তা মুখেও তোলে না।

    16 যারা বুদ্ধিপূর্বক উত্তর দেয় সেই সাতজন লোকের চেয়েও

    অলস নিজের দৃষ্টিতে বেশি জ্ঞানবান।

  23. 3 যেদিন সদাপ্রভু তোমাদের কষ্টভোগ, উদ্বেগ ও নির্মম দাসত্ব থেকে মুক্তি দেবেন, 4 তোমরা ব্যাবিলনের রাজার বিরুদ্ধে এই ধিক্কারবাণী উচ্চারণ করবে:

    পীড়নকারীর শেষ সময় কেমন ঘনিয়ে এসেছে!

    কীভাবে তার ভয়ংকরতা সমাপ্ত হয়েছে!

  24. 28 তুমি কি জানো না?

    তুমি কি কখনও শোনোনি?

    সদাপ্রভুই সনাতন ঈশ্বর,

    তিনি পৃথিবীর প্রান্তসীমার সৃষ্টিকর্তা।

    তিনি শ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না,

    তাঁর বুদ্ধির গভীরতা কেউ পরিমাপ করতে পারে না।

    29 তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন,

    দুর্বলের শক্তিবৃদ্ধি করেন।

    30 এমনকি, যুবকেরাও শ্রান্ত ও ক্লান্ত হয়,

    তরুণেরা হোঁচট খেয়ে পতিত হয়;

    31 কিন্তু যারা সদাপ্রভুতে প্রত্যাশা রাখে,

    তারা তাদের শক্তি নবায়িত করবে।

    তারা ঈগল পাখির মতোই ডানা মেলবে,

    তারা দৌড়াবে, কিন্তু ক্লান্ত হবে না,

    তারা চলাফেরা করবে, কিন্তু মূর্ছিত হবে না।

  25. 21 “ছয় দিন তুমি পরিশ্রম কোরো, কিন্তু সপ্তম দিন বিশ্রাম নিয়ো; এমনকি চাষ করার ও ফসল কাটার সময়েও তোমাকে বিশ্রাম নিতে হবে।

  26. 22 সূর্যের নিচে মানুষের যে সকল পরিশ্রম ও উদ্বেগ হয়, তাতে তার কী লাভ হয়? 23 সারাদিন তার কাজে থাকে মনস্তাপ ও ব্যথা; রাতেও তার মন বিশ্রাম পায় না। এটাও অসার।

    24 মানুষের পক্ষে খাওয়াদাওয়া করা এবং নিজের কাজে সন্তুষ্ট থাকা ছাড়া ভালো আর কিছুই নেই। এটাও আমি দেখলাম, এসব ঈশ্বরের হাত থেকে আসে, 25 কেননা তাঁকে ছাড়া কে খেতে পায় কিংবা আনন্দ উপভোগ করে?

  27. 24 হঠাৎ সমুদ্রে এক ভয়ংকর ঝড় উঠল ও নৌকার উপরে ঢেউ আছড়ে পড়তে লাগল। কিন্তু যীশু তখন ঘুমাচ্ছিলেন। 25 শিষ্যেরা গিয়ে তাঁকে জাগিয়ে তুলে বললেন, “প্রভু, আমাদের রক্ষা করুন! আমরা যে ডুবতে বসেছি!”

  28. 23 এক বিশ্রামদিনে যীশু শস্যক্ষেত্রের মধ্য দিয়ে যাচ্ছিলেন। সেই সময় তাঁর শিষ্যেরা শস্যের শিষ ছিঁড়তে লাগলেন। 24 তা দেখে ফরিশীরা যীশুকে বলল, “আচ্ছা, বিশ্রামদিনে যা করা বিধিসংগত নয়, তা আপনার শিষ্যেরা করছে কেন?”

    25 তিনি উত্তর দিলেন, “যখন দাউদ ও তাঁর সঙ্গীরা ক্ষুধার্ত ছিলেন, তখন খাদ্যের প্রয়োজনে তাঁরা কী করেছিলেন, তা কি তোমরা কখনও পাঠ করোনি? 26 মহাযাজক অবিয়াথরের সময়ে তিনি ঈশ্বরের গৃহে প্রবেশ করেছিলেন এবং সেই পবিত্র রুটি খেয়েছিলেন যা করা একমাত্র যাজকদের পক্ষেই বিধিসংগত ছিল। এমনকি তিনি তাঁর সঙ্গীদেরও দিয়েছিলেন।”

    27 তারপর তিনি তাদের বললেন, “বিশ্রামদিন সৃষ্ট হয়েছে মানুষের জন্য, মানুষ বিশ্রামদিনের জন্য সৃষ্ট হয়নি। 28 অতএব, মনুষ্যপুত্রই হলেন বিশ্রামদিনের প্রভু।”

  29. 30 আমি অলসের ক্ষেতজমির পাশ দিয়ে গেলাম,

    এমন একজনের দ্রাক্ষাক্ষেতের পাশ দিয়ে গেলাম যার কোনও বোধশক্তি নেই;

    31 সর্বত্র কাঁটাগাছ জন্মেছে,

    জমি আগাছায় ভরে গিয়েছে,

    ও পাথরের প্রাচীর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

    32 আমি যা লক্ষ্য করেছিলাম তা নিয়ে একটু ভাবলাম

    ও যা দেখেছিলাম তা থেকে এই শিক্ষা পেলাম:

    33 আর একটু ঘুম, আর একটু তন্দ্রা,

    হাত পা গুটিয়ে আরও কিছুক্ষণ বিশ্রাম নেওয়া—

    34 ও দারিদ্র এক চোরের মতো

    ও অভাব এক সশস্ত্র সৈনিকের মতো তোমার উপরে এসে পড়বে।

  30. 22 সদাপ্রভু বলেন, “দুষ্ট লোকেদের কোনো শান্তি নেই।”

  31. 10 তাঁরা উচ্চস্বরে বলে উঠলেন, “পবিত্র ও সত্যময়, সর্বশক্তিমান প্রভু, পৃথিবী নিবাসীদের বিচার করতে ও আমাদের রক্তের প্রতিশোধ নিতে আর কত কাল দেরি করবেন?” 11 তখন তাঁদের প্রত্যেককে একটি করে সাদা পোশাক দেওয়া হল এবং তাঁদের বলা হল, আর অল্প সময় অপেক্ষা করতে, যতক্ষণ না তাঁদেরই মতো তাঁদের সহদাস ও ভাইবোনদের হত্যা করা হবে ও তাঁদের সংখ্যা পূর্ণ হবে।

  32. 11 আর তাদের যন্ত্রণাভোগের ধোঁয়া যুগে যুগে চিরকাল উঠতে থাকবে। যারা সেই পশু ও তার মূর্তিকে পূজা করে, বা যে কেউ তার নামের চিহ্ন গ্রহণ করে, দিনরাত কখনও সে বিশ্রাম পাবে না।”

  33. 5 কারণ, আমরা ম্যাসিডোনিয়ায় আসার পরেও, আমাদের এই শরীরের কোনো বিশ্রাম ছিল না, কিন্তু জীবনের প্রতিটি মোড়ে বিপর্যস্ত হচ্ছিলাম—বাইরে সংঘর্ষ, অন্তরে ভয়। 6 কিন্তু ঈশ্বর, যিনি দুঃখিত মানুষদের সান্ত্বনা প্রদান করেন, তিনি তীতের আগমনের মাধ্যমে আমাদের সান্ত্বনা দিলেন। 7 আর কেবলমাত্র তাঁর আগমনের মাধ্যমে নয়, কিন্তু তোমরা তাঁকে যে সান্ত্বনা দিয়েছ, তার মাধ্যমেও আশ্বস্ত করলেন। তিনি আমার জন্য তোমাদের আকাঙ্ক্ষা, তোমাদের গভীর দুঃখ, আমার জন্য তোমাদের প্রবল দুশ্চিন্তার কথাও ব্যক্ত করলেন, যেন আমার আনন্দ আগের থেকেও আরও বেশি হয়।

  34. 8 ‘হে সদাপ্রভু, ওঠো, আর তোমার বিশ্রামস্থানে এসো,

    তুমি ও তোমার পরাক্রমের সিন্দুক।

  35. 15 অলসতা অগাধ ঘুম নিয়ে আসে,

    ও অপারদর্শী মানুষ ক্ষুধার্তই থেকে যায়।

  36. 17 শান্তি হবে ধার্মিকতার ফল,

    আর ধার্মিকতার প্রতিক্রিয়া হবে চিরকালের জন্য প্রশান্তি ও নির্ভরতা।

    18 আমার প্রজারা শান্তিপূর্ণ বসতবাড়িতে বসবাস করবে,

    তাদের গৃহ হবে নিরাপদ,

    তা হবে বাধাহীন বিশ্রামের স্থান।

  37. 25 আমি ক্লান্তদের সতেজ করব এবং অবসন্ন প্রাণকে তৃপ্ত করব।”

  38. 4 কিন্তু শমরিয়ার মধ্য দিয়ে তাঁকে যেতে হয়েছিল। 5 যেতে যেতে তিনি শমরিয়ার শুখর নামক একটি গ্রামে এসে উপস্থিত হলেন। যাকোব তাঁর পুত্র যোষেফকে যে জমি দান করেছিলেন, সেই স্থানটি তারই নিকটবর্তী। 6 সেই স্থানে যাকোবের কুয়ো ছিল। পথশ্রান্ত যীশু কুয়োর পাশে বসলেন। তখন প্রায় দুপুরবেলা।

  39. 27 আমি তোমাদের মধ্যে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিয়ে যাচ্ছি। জগৎ যেভাবে দেয়, আমি সেভাবে তোমাদের দান করি না। তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয় এবং তোমরা ভীত হোয়ো না।

  40. 9 কিন্তু তিনি আমাকে বলেছেন, “আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কারণ আমার শক্তি দুর্বলতায় সিদ্ধিলাভ করে।” অতএব, আমার দুর্বলতা সম্পর্কে আমি সানন্দে আরও বেশি গর্ব করব, যেন খ্রীষ্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে।

  41. 1 তারপর আমি এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবী দেখলাম, কারণ প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হয়েছিল এবং কোনো সমুদ্র আর ছিল না। 2 আর আমি দেখলাম, পবিত্র নগরী, সেই নতুন জেরুশালেম, স্বর্গ থেকে, ঈশ্বরের কাছ থেকে নেমে আসছে। সে তার বরের জন্য সুন্দর কনের বেশে সজ্জিত হয়েছিল। 3 আর আমি সেই সিংহাসন থেকে এক উচ্চ রব শুনতে পেলাম, তা বলছিল, “দেখো, এখন মানুষের মাঝে ঈশ্বরের আবাস, তিনি তাদের সঙ্গে বসবাস করবেন। তারা তাঁর প্রজা হবে এবং ঈশ্বর স্বয়ং তাদের সঙ্গে থাকবেন ও তাদের ঈশ্বর হবেন। 4 তিনি তাদের সমস্ত চোখের জল মুছে দেবেন। আর কোনো শোক বা মৃত্যু বা কান্না বা ব্যথাবেদনা হবে না, কারণ পুরোনো সমস্ত বিষয় গত হয়েছে।”

    5 যিনি সিংহাসনে উপবিষ্ট ছিলেন, তিনি বললেন, “আমি সবকিছুই নতুন করছি!” তারপর তিনি বললেন, “লিখে নাও, কারণ এসব বাক্য বিশ্বাসযোগ্য ও সত্যি।”

  42. 9 কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যে বিশ্রামস্থান ও অধিকার দিচ্ছেন সেখানে তোমরা এখনও পৌঁছাওনি।

  43. 21 হে আমার বাছা, প্রজ্ঞা ও বিচক্ষণতা যেন তোমার দৃষ্টি-বহির্ভূত না হয়,

    সূক্ষ্ম বিচার ও বিচক্ষণতা অক্ষুণ্ণ রেখো;

    22 তোমার জন্য সেগুলি জীবনস্বরূপ হবে,

    তোমার গলার শোভাবর্ধক এক অলংকার হবে।

    23 তখন তুমি নিরাপদে তোমার পথে চলে যাবে,

    ও তোমার পায়ে হোঁচট লাগবে না।

    24 তুমি যখন শুয়ে থাকবে, তখন তুমি ভয় পাবে না;

    তুমি যখন শুয়ে থাকবে, তখন তোমার ঘুমও তৃপ্তিদায়ক হবে।

  44. 24 পরিশ্রমী হাত শাসন করবে,

    কিন্তু অলসতা শেষ পর্যন্ত বেগার শ্রমিকে পরিণত হয়।

  45. 4 অলসের খিদে কখনও মেটে না,

    কিন্তু পরিশ্রমীদের বাসনাগুলি পুরোপুরি চরিতার্থ হয়।

  46. 4 অলসেরা যথাসময়ে লাঙ্গল চষে না;

    অতএব ফসল কাটার সময় তারা চেয়ে দেখে কিন্তু কিছুই পায় না।

  47. 12 একজন শ্রমিকের ঘুম মিষ্টি,

    তারা কম খাক কিংবা বেশি খাক,

    কিন্তু ধনবানের ক্ষেত্রে, তাদের প্রাচুর্য

    তাদের ঘুমাতে দেয় না।

  48. 18 আলস্যে ঘরের ছাদ ধসে যায়;

    অলসতার জন্য ঘরে জল পড়ে।

  49. 11 আমরা চাই, তোমরা প্রত্যেকে তোমাদের প্রত্যাশা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সমান আগ্রহ বজায় রাখো। 12 আমরা চাই না, তোমরা শিথিল হও, বরং বিশ্বাস ও ধৈর্যের দ্বারা যারা প্রতিশ্রুতির অধিকারী, তাদেরই অনুসরণ করো।

  50. 38 যীশু শিষ্যদের নিয়ে পথ চলতে চলতে একটি গ্রামে এসে পৌঁছালেন। সেখানে মার্থা নামে এক স্ত্রীলোক তাঁর বাড়িতে তাঁকে স্বাগত জানালেন। 39 মরিয়ম নামে তাঁর এক বোন ছিলেন। প্রভুর মুখের বাক্য শোনার জন্য তিনি তাঁর পায়ের কাছে বসলেন। 40 কিন্তু মার্থা আপ্যায়নের আয়োজন করতে গিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। তিনি যীশুর কাছে এসে বললেন, “প্রভু, আপনি কি দেখতে পাচ্ছেন না, আমার বোন আমার একার উপর সমস্ত কাজের ভার ছেড়ে দিয়েছে? আপনি ওকে বলুন, আমাকে সাহায্য করতে।”

    41 প্রভু উত্তর দিলেন, “মার্থা, মার্থা, তুমি অনেক বিষয়ে উদ্বিগ্ন, আর বিচলিত হয়ে পড়েছ। 42 কিন্তু প্রয়োজন একটিমাত্র বিষয়ের। মরিয়ম সেই উত্তম বিষয়টিই মনোনীত করেছে, যা তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে না।”

  51. 18 আর কাদের বিরুদ্ধে ঈশ্বর শপথ করেছিলেন, যে তারা কখনও তাঁর বিশ্রামে প্রবেশ করবে না, যারা অবাধ্য হয়েছিল, তাদেরই বিরুদ্ধে নয় কি? 19 তাই আমরা দেখতে পাই যে, অবিশ্বাসের জন্যই তারা প্রবেশ করতে পারেনি।