80 Bible Verses About Working Hard

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Working Hard
  1. 22 ক্রীতদাসেরা, তোমরা সব বিষয়ে জগতের মনিবদের আজ্ঞা পালন করো; তাদের অনুগ্রহ লাভের জন্য বা তারা যখন তোমাদের প্রতি লক্ষ্য রাখে, তখনই শুধু নয়, কিন্তু অকপট হৃদয়ে প্রভুর প্রতি সম্ভ্রমবশত তা করো। 23 মানুষের জন্য নয়, প্রভুরই জন্য করছ মনে করে, যা কিছুই করো, মনপ্রাণ দিয়ে করো, 24 কারণ তোমাদের জানা আছে, প্রভুর কাছ থেকে তোমরা পুরস্কাররূপে এক অধিকার লাভ করবে। তোমরা প্রভু খ্রীষ্টেরই সেবায় রত আছ। 25 অন্যায়কারী তার অন্যায়ের প্রতিফল পাবে, কারণ ঈশ্বরের কাছে কোনও পক্ষপাতিত্ব নেই।

  2. 6 হে অলস, তুমি পিঁপড়েদের কাছে যাও;

    তাদের চালচলন বিবেচনা করো ও জ্ঞানবান হও!

    7 তাদের কোনও সেনাপতি নেই,

    কোনও তত্ত্বাবধায়ক বা শাসনকর্তাও নেই,

    8 তবুও তারা গ্রীষ্মকালে রসদ মজুত করে রাখে,

    ও ফসল কাটার মরশুমে খাদ্য সংগ্রহ করে রাখে।

    9 হে অলস, আর কতক্ষণ তুমি সেখানে শুয়ে থাকবে?

    কখন তুমি ঘুম থেকে উঠবে?

    10 আর একটু ঘুম, আর একটু তন্দ্রা,

    হাত পা গুটিয়ে আরও কিছুক্ষণ বিশ্রাম নেওয়া—

    11 ও দারিদ্র এক চোরের মতো

    ও অভাব এক সশস্ত্র সৈনিকের মতো তোমার উপরে এসে পড়বে।

  3. 6 ভাইবোনেরা, প্রভু যীশু খ্রীষ্টের নামে আমরা তোমাদের আদেশ দিচ্ছি, যে ভাই অলস এবং আমাদের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করে না, তার সঙ্গ ত্যাগ করো। 7 কারণ তোমরা নিজেরা জানো, কীভাবে আমাদের আদর্শ অনুকরণ করতে তোমরা বাধ্য। তোমাদের সঙ্গে থাকার সময় আমরা আলস্যে কাল কাটাইনি; 8 অথবা বিনামূল্যে আমরা কারও খাবার গ্রহণ করিনি। বরং আমরা যেন তোমাদের কারও কাছে বোঝা না হই, সেজন্য দিনরাত কাজ করেছি, কঠোর পরিশ্রম ও কষ্ট করেছি। 9 এই সাহায্য লাভের অধিকার যে আমাদের নেই, তা নয়, কিন্তু তোমরা যেন অনুসরণ করো, সেজন্য নিজেদের এক আদর্শরূপে স্থাপন করেছি। 10 কারণ তোমাদের সঙ্গে থাকার সময়েও আমরা তোমাদের এই নিয়ম দিয়েছি, “যদি কেউ পরিশ্রম না করে, সে আহারও করবে না।”

    11 আমরা শুনতে পাচ্ছি, তোমাদের মধ্যে কেউ কেউ অলস হয়ে পড়েছে। তারা কর্মব্যস্ত নয়; পরের ব্যাপারে অনর্থক চর্চায় তারা সবসময় ব্যস্ত। 12 এরকম লোকদের আমরা প্রভু যীশু খ্রীষ্টে নির্দেশ ও উপদেশ দিচ্ছি, যেন তারা শান্তভাব বজায় রেখে পরিশ্রম করে এবং তাদের খাবারের সংস্থান করে।

  4. 5 কারণ জীবিত লোকেরা জানে যে তাদের মরতে হবে,

    কিন্তু মৃতেরা কিছুই জানে না;

    তাদের আর কোনো পুরস্কার নেই,

    আর তাদের কথাও লোকে ভুলে গেছে।

    6 তাদের ভালোবাসা, তাদের ঘৃণা

    এবং তাদের হিংসা অনেক আগেই অদৃশ্য হয়ে গেছে;

    সূর্যের নিচে যা কিছু ঘটবে তাতে

    তাদের আর কখনও কোনো অংশ থাকবে না।

    7 তুমি যাও, আনন্দের সঙ্গে তোমার খাবার খাও, আনন্দিত হৃদয়ে দ্রাক্ষারস পান করো, কারণ তোমার এসব কাজ ঈশ্বর আগেই গ্রাহ্য করেছেন। 8 সবসময় সাদা কাপড় পরবে আর মাথায় তেল দেবে। 9 সূর্যের নিচে ঈশ্বর তোমাকে যে অসার জীবন দিয়েছেন, তোমার জীবনের সেইসব দিনগুলি তোমার স্ত্রী, যাকে তুমি ভালোবাসো, তার সঙ্গে আনন্দে তোমার সকল অসার দিনগুলি কাটাও। কারণ সূর্যের নিচে যে পরিশ্রমে পরিশ্রান্ত হচ্ছো তা তোমার জীবনের পাওনা। 10 তোমার হাতে যে কোনো কাজ আসুক না কেন তা তোমার সমস্ত শক্তি দিয়েই কোরো, কারণ তুমি যে জায়গায় যাচ্ছ, সেই মৃতস্থানে, সেখানে কোনো কাজ বা পরিকল্পনা বা বৃদ্ধি কিংবা বিদ্যা বা প্রজ্ঞা বলে কিছুই নেই।

    11 আমি সূর্যের নিচে আরও একটি ব্যাপার দেখলাম

    দ্রুতগামীদের জন্য দৌড় নয়

    বা শক্তিশালীদের জন্য যুদ্ধ নয়

    কিংবা জ্ঞানবানদের জন্য খাবার

    কিংবা বুদ্ধিদীপ্তদের জন্য ধনসম্পদ

    বা বিজ্ঞদের জন্য অনুগ্রহ আসে না;

    কিন্তু সকলের জন্য সময় ও সুযোগ আসে।

    12 আবার, কেউ জানে না তাদের সময় কখন উপস্থিত হবে

    মাছ যেমন নিষ্ঠুর জালে ধরা পড়ে,

    কিংবা পাখিরা ফাঁদে পড়ে,

    তেমনি মানুষ অশুভকালে ধরা পড়ে

    যা তাদের উপরে হঠাৎ এসে পড়ে।

  5. 23 সব কঠোর পরিশ্রমই লাভের মুখ দেখে,

    কিন্তু নিছক কথাবার্তা শুধু দারিদ্রই নিয়ে আসে।

    24 জ্ঞানবানদের ধন তাদের মুকুট,

    কিন্তু মূর্খদের মূর্খতা মূর্খতাই উৎপন্ন করে।

  6. 15 সর্বোত্তম প্রচেষ্টার দ্বারা তুমি ঈশ্বরের কাছে নিজেকে অনুমোদিতরূপে উপস্থাপন করো; এমন কার্যকারী হও, যার লজ্জিত হওয়ার প্রয়োজন নেই, যে সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার করতে জানে।

  7. 4 অলসের খিদে কখনও মেটে না,

    কিন্তু পরিশ্রমীদের বাসনাগুলি পুরোপুরি চরিতার্থ হয়।

  8. 5 ক্রীতদাসেরা, তোমরা শ্রদ্ধায় ও ভয়ে, হৃদয়ের সরলতার সঙ্গে তোমাদের জাগতিক প্রভুদের আদেশ মেনে চলো, যেমন তোমরা খ্রীষ্টের আদেশ মেনে থাকো। 6 তাদের আদেশ পালন করো, কেবলমাত্র তাদের দৃষ্টি যখন তোমাদের প্রতি থাকে, তখন তাদের অনুগ্রহ লাভের জন্য নয়, কিন্তু খ্রীষ্টের ক্রীতদাসদের মতো, অন্তর দিয়ে যেন তোমরা ঈশ্বরের ইচ্ছা পালন করছ, সেভাবে। 7 তোমরা সমস্ত অন্তর দিয়ে তাদের সেবা করো, যেন তোমরা মানুষের নয়, কিন্তু প্রভুরই সেবা করছ। 8 কারণ তোমরা জানো যে, ক্রীতদাস হোক, বা স্বাধীন হোক, প্রভু তাদের সকলকেই সৎকর্মের জন্য পুরস্কৃত করবেন।

    9 আর গৃহস্বামীরা, তোমরাও ক্রীতদাসদের প্রতি অনুরূপ আচরণ করো। তাদের ভয় দেখিয়ো না, কারণ তোমরা জানো, যিনি স্বর্গে আছেন, তিনি তাদের এবং তোমাদের, উভয়েরই প্রভু। তিনি কারও পক্ষপাতিত্ব করেন না।

    10 পরিশেষে, তোমরা প্রভুতে এবং তাঁর প্রবল পরাক্রমে বলীয়ান হও। 11 ঈশ্বরের সম্পূর্ণ রণসাজ পরে নাও, যেন দিয়াবলের বিভিন্ন চাতুরী প্রতিহত করতে পারো।

  9. 15 সদাপ্রভু ঈশ্বর মানুষটিকে নিয়ে এদন বাগানে কাজ করার এবং সেটির যত্ন নেওয়ার জন্য তাকে সেখানে রাখলেন।

  10. 10 বস্তুত, সমগ্র ম্যাসিডোনিয়ার ভাইবোনেদের তোমরা ভালোবাসো। তবুও ভাইবোনেরা, আমরা তোমাদের মিনতি করছি, তোমরা আরও বেশি করে তা করো। 11 শান্ত জীবনযাপনই হোক তোমাদের লক্ষ্য। আমাদের নির্দেশমতো, নিজের কাজে মন দাও, স্বনির্ভর হও, 12 যেন তোমাদের দৈনিক জীবনচর্যা বাইরের লোকদের শ্রদ্ধা উদ্রেক করতে পারে এবং তোমরা যেন পরনির্ভরশীল না হও।

  11. 24 পরিশ্রমী হাত শাসন করবে,

    কিন্তু অলসতা শেষ পর্যন্ত বেগার শ্রমিকে পরিণত হয়।

  12. 31 অতএব, তোমরা ভোজন, কি পান, বা যা কিছুই করো, সবকিছুই ঈশ্বরের গৌরবের জন্য করো।

  13. 11 যারা নিজেদের জমি চাষ করে তারা প্রচুর খাদ্য পাবে,

    কিন্তু যারা উদ্ভট কল্পনার পিছনে ছুটে বেড়ায় তাদের কোনও বোধবুদ্ধি নেই।

  14. 6 যে কৃষক কঠোর পরিশ্রম করে, ফসলে তারই প্রথম অধিকার হয়। 7 আমি যা বলছি তা বিবেচনা করো। প্রভু তোমাকে এসব বিষয়ে অন্তর্দৃষ্টি দান করবেন।

    8 যীশু খ্রীষ্টকে স্মরণ করো, যিনি মৃতলোক থেকে পুনরুত্থিত হয়েছেন এবং যিনি দাউদের বংশজাত। এই হল আমার সুসমাচার। 9 এরই জন্য, আমি অপরাধীর মতো শিকলে বন্দি হয়ে দুঃখযন্ত্রণা ভোগ করছি, কিন্তু ঈশ্বরের বাণী শিকলে বন্দি হয়নি। 10 অতএব, মনোনীতদের জন্য আমি সবকিছুই সহ্য করি, যেন তারাও অনন্ত মহিমার সঙ্গে সেই মুক্তি অর্জন করতে পারে যার আধার খ্রীষ্ট যীশু।

    11 একটি বিশ্বাসযোগ্য উক্তি হল:

    আমরা যদি তাঁর সঙ্গে মৃত্যুবরণ করে থাকি,

    তাহলে তাঁর সঙ্গে জীবিতও থাকব;

    12 যদি সহ্য করি,

    তাহলে তাঁর সঙ্গে রাজত্বও করব।

    যদি তাঁকে অস্বীকার করি,

    তিনিও আমাদের অস্বীকার করবেন।

    13 আমরা যদি বিশ্বাসবিহীন হই,

    তিনি থাকবেন চির বিশ্বস্ত,

    কারণ তিনি নিজেকে অস্বীকার করতে পারেন না।

  15. 4 অলসতার হাত দারিদ্র ডেকে আনে,

    কিন্তু পরিশ্রমী হাত ধনসম্পত্তি নিয়ে আসে।

    5 যে গ্রীষ্মকালে ফসল সংগ্রহ করে সে বিচক্ষণ ছেলে,

    কিন্তু যে ফসল কাটার মরশুমে ঘুমিয়ে থাকে সে মর্যাদাহানিকর ছেলে।

  16. 10 প্রভুতে আমি পরম আনন্দ করি যে, অবশেষে তোমরা আমার সম্বন্ধে চিন্তা করতে নতুন উৎসাহ পেয়েছ। সত্যিই, তোমাদের চিন্তা ছিল, কিন্তু তা দেখানোর সুযোগ তোমাদের ছিল না। 11 আমি অভাবগ্রস্ত বলেই যে একথা তোমাদের বলছি, তা নয়। কারণ যে কোনো পরিস্থিতিতেই আমি সন্তুষ্ট থাকার শিক্ষা লাভ করেছি। 12 অভাব কী, তা আমি জানি এবং প্রাচুর্য কী, তাও আমি জানি। যে কোনো এবং প্রত্যেকটি পরিস্থিতিতে আমি সন্তুষ্ট থাকার গোপন রহস্য শিখেছি—ভালোভাবে উদরপূর্তি করার বা ক্ষুধার্ত থাকার, প্রাচুর্যের মধ্যে থাকার, কিংবা অনটনে থাকার। 13 যিনি আমাকে শক্তি দান করেন, তাঁর মাধ্যমে আমি সবকিছুই করতে পারি।

  17. 3 তোমার কাজের ভার সদাপ্রভুর হাতে সমর্পণ করো,

    ও তিনি তোমার পরিকল্পনাগুলি সফল করবেন।

  18. 30 আমি অলসের ক্ষেতজমির পাশ দিয়ে গেলাম,

    এমন একজনের দ্রাক্ষাক্ষেতের পাশ দিয়ে গেলাম যার কোনও বোধশক্তি নেই;

    31 সর্বত্র কাঁটাগাছ জন্মেছে,

    জমি আগাছায় ভরে গিয়েছে,

    ও পাথরের প্রাচীর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

    32 আমি যা লক্ষ্য করেছিলাম তা নিয়ে একটু ভাবলাম

    ও যা দেখেছিলাম তা থেকে এই শিক্ষা পেলাম:

    33 আর একটু ঘুম, আর একটু তন্দ্রা,

    হাত পা গুটিয়ে আরও কিছুক্ষণ বিশ্রাম নেওয়া—

    34 ও দারিদ্র এক চোরের মতো

    ও অভাব এক সশস্ত্র সৈনিকের মতো তোমার উপরে এসে পড়বে।

  19. 17 আর কথায় ও কাজে, তোমরা যা কিছুই করো, সবই প্রভু যীশুর নামে করো, তাঁরই মাধ্যমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে তা করো।

  20. 28 যে চুরি করতে অভ্যস্ত, সে যেন আর চুরি না করে, বরং নিজের হাতে পরিশ্রমের দ্বারা সৎ উপায়ে উপার্জন করে; দুস্থদের সাহায্য করার মতো তার হাতে যেন কিছু উদ্বৃত্ত থাকে।

  21. 12 সুতরাং, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবসময় যেমন বাধ্য থেকেছ—কেবলমাত্র আমার উপস্থিতিতে নয়, কিন্তু এখন আমার অনুপস্থিতিতে আরও বেশি করে সভয়ে ও কম্পিত হৃদয়ে, কঠোর পরিশ্রমের দ্বারা তোমাদের পরিত্রাণ সম্পন্ন করো। 13 কারণ ঈশ্বর তাঁর শুভ-সংকল্পের জন্য তোমাদের অন্তরে ইচ্ছা উৎপন্ন ও কাজ করার জন্য সক্রিয় আছেন।

    14 তোমরা অভিযোগ ও তর্কবিতর্ক না করে সব কাজ করো, 15 যেন তোমরা এই কুটিল ও অবক্ষয়ের যুগে “ঈশ্বরের নিষ্কলঙ্ক ও শুচিশুদ্ধ সন্তান হতে পারো।” তোমরা তখন তাদের মধ্যে আকাশের তারার মতো এই জগতে উজ্জ্বল হয়ে উঠবে, 16 কারণ তোমরা সেই জীবনের বাক্য ধারণ করে আছ। এর ফলে যেন খ্রীষ্টের দিনে আমি গর্ব করতে পারি যে, আমি বৃথা দৌড়াইনি বা পরিশ্রম করিনি। 17 যেমন তোমাদের বিশ্বস্ত সেবা ঈশ্বরের কাছে এক নৈবেদ্য, তেমন যদি আমাকে পেয়-নৈবেদ্যের মতো ঢেলে দেওয়া হয় ও তার ফলে আমি জীবন হারাই, তবুও আমি আনন্দ করব। আর আমি চাই যে তোমরাও আমার সেই আনন্দের ভাগীদার হও।

  22. একটি আরোহণ সংগীত। শলোমনের গীত।

    1 যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন,

    তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে।

    যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন,

    তবে নগররক্ষীরা বৃথাই রাতে জেগে থাকে।

    2 বৃথাই তোমরা খুব সকালে ওঠো

    আর অনেক রাত পর্যন্ত জেগে থাকো,

    অন্ন-সংস্থানের জন্য পরিশ্রম করো—

    কারণ তিনি যাদের ভালোবাসেন তাদের চোখে ঘুম দেন।

  23. 17 আমাদের ঈশ্বর সদাপ্রভুর অনুগ্রহ আমাদের উপরে বিরাজ করুক;

    আর তুমি আমাদের জন্য আমাদের হাতের প্রচেষ্টা স্থায়ী করো,

    হ্যাঁ! আমাদের হাতের প্রচেষ্টা স্থায়ী করো।

  24. 8 কেউ যদি তার আত্মীয়স্বজনের, বিশেষত পরিবারের আপনজনদের ভরণ-পোষণ না করে, সে বিশ্বাস অস্বীকার করেছে এবং অবিশ্বাসীর চেয়েও নিকৃষ্ট প্রতিপন্ন হয়েছে।

  25. 24 তোমাদের জন্য আমি আমার দেহে যে দুঃখকষ্ট আমি ভোগ করেছি তার জন্য এখন আমি আনন্দ বোধ করছি কারণ এভাবে আমি খ্রীষ্টের কষ্টভোগে অংশগ্রহণ করছি যা তাঁর দেহ অর্থাৎ মণ্ডলীর ক্ষেত্রে বজায় রয়েছে। 25 তোমাদের কাছে ঈশ্বরের বাক্যকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য ঈশ্বর আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন, সেজন্য আমি মণ্ডলীর দাসত্ব বরণ করেছি। 26 যুগযুগাম্ত এবং বহু প্রজন্ম ধরে এই গুপ্তরহস্য গোপন রাখা হয়েছিল, কিন্তু এখন তা পবিত্রগণের কাছে প্রকাশ করা হয়েছে। 27 কারণ ঈশ্বর চেয়েছিলেন, তাঁরা জানবে যে খ্রীষ্টের ঐশ্বর্য ও গৌরব অইহুদিদের জন্যও। আর এই হল সেই গুপ্তরহস্য: খ্রীষ্ট তোমাদের মধ্যে বাস করেন; এই সত্য তোমাদের আশ্বাস দেয় যে তোমরাও তাঁর গৌরবের ভাগীদার হবে।

    28 আমরা তাঁকেই প্রচার করি। প্রত্যেককে আমরা পূর্ণরূপে সতর্ক করে তুলি এবং শিক্ষা দিই যেন প্রত্যেককে খ্রীষ্টে নিখুঁতরূপে উপস্থিত করতে পারি। 29 এই উদ্দেশ্যে খ্রীষ্টের যেসব শক্তি আমার মধ্যে প্রবলভাবে সক্রিয়, তাঁরই সহায়তায় আমি পরিশ্রম ও সংগ্রাম করে চলেছি।

  26. 7 সৎকর্মের দ্বারা প্রত্যেক বিষয়ে তাদের সামনে আদর্শ স্থাপন করো। শিক্ষাদানকালে তুমি সততা এবং আন্তরিকতা দেখাও, 8 আর তোমার কথা এমন সারগর্ভ হোক যেন কেউ তা অগ্রাহ্য করতে না পারে, যারা তোমার বিরোধিতা করে তারা যেন লজ্জিত হয়, কারণ আমাদের বিষয়ে তাদের খারাপ কিছুই বলার নেই।

  27. 8 পবিত্রতায় বিশ্রামদিন পালন করে স্মরণ কোরো। 9 ছয় দিন তুমি পরিশ্রম করবে ও তোমার সব কাজকর্ম করবে, 10 কিন্তু সপ্তম দিনটি তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামদিন। সেদিন তুমি, তোমার ছেলে বা মেয়ে, তোমার দাস বা দাসী, তোমার পশুপাল, বা তোমার নগরে বসবাসকারী কোনো বিদেশি, কেউ কোনও কাজ কোরো না। 11 কারণ ছয় দিনে সদাপ্রভু আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও সেগুলির মধ্যে থাকা সমস্ত কিছু তৈরি করেছিলেন, কিন্তু সপ্তম দিন তিনি বিশ্রাম নিয়েছিলেন। তাই সদাপ্রভু সাব্বাথবারকে আশীর্বাদ করে সেটি পবিত্র করলেন।

  28. 33 আমি কোনো মানুষের রুপো, সোনা বা পোশাকের প্রতি লোভ করিনি। 34 তোমরা নিজেরা জানো যে, আমার এই দু-হাত আমার ও আমার সঙ্গীদের সব প্রয়োজন মিটিয়েছে। 35 আমার সমস্ত কাজের মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছি যে, এই ধরনের কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের অবশ্যই দুর্বলদের সাহায্য করতে হবে। স্বয়ং প্রভু যীশুর বলা বাক্য আমাদের মনে রাখতে হবে, ‘গ্রহণ করার চেয়ে দান করাতেই বেশি আশীর্বাদ।’ ”

  29. 17 আদমকে তিনি বললেন, “যেহেতু তুমি তোমার স্ত্রীর কথা শুনে সেই গাছের ফল খেয়েছ, যেটির বিষয়ে আমি তোমাকে আদেশ দিয়েছিলাম, ‘তুমি এর ফল অবশ্যই খাবে না,’ তাই

    “তোমার জন্য ভূমি অভিশপ্ত হল;

    আজীবন তুমি

    কঠোর পরিশ্রম করে তা থেকে খাবার খাবে।

    18 তা তোমার জন্য কাঁটাগাছ ও শিয়ালকাঁটা ফলাবে,

    আর তুমি ক্ষেতের লতাগুল্ম খাবে,

    19 যতদিন না তুমি মাটিতে ফিরে যাচ্ছ,

    ততদিন তুমি কপালের ঘাম ঝরিয়ে তোমার খাবার খাবে,

    যেহেতু সেখান থেকেই তোমাকে আনা হয়েছে;

    কারণ তুমি তো ধুলো,

    আর ধুলোতেই তুমি যাবে ফিরে।”

  30. 1 পরে সদাপ্রভু মোশিকে বললেন, 2 “দেখো, আমি যিহূদা গোষ্ঠীভুক্ত হূরের নাতি তথা ঊরির ছেলে বৎসলেলকে মনোনীত করেছি, 3 এবং আমি তাকে ঈশ্বরের আত্মায়, প্রজ্ঞায়, বুদ্ধিতে, জ্ঞানে এবং সব ধরনের দক্ষতায় পরিপূর্ণ করেছি— 4 যেন সে সোনা, রুপো ও ব্রোঞ্জ দিয়ে চারুশিল্পসম্মত নকশা ফুটিয়ে তুলতে, 5 পাথর কেটে তা বসাতে, কাঠের কাজ করতে, এবং সব ধরনের কারুশিল্পের কাজে লিপ্ত হতে পারে। 6 এছাড়াও, তাকে একাজে সাহায্য করার জন্য আমি দান গোষ্ঠীভুক্ত অহীষামকের ছেলে অহলীয়াবকেও নিযুক্ত করেছি।

    “যা যা করার আদেশ আমি তোমাকে দিয়েছিলাম, সেসবকিছু তৈরি করার দক্ষতা আমি সব দক্ষ কারিগরকে দিয়েছি:

  31. 2 তুমি তোমার পরিশ্রমের ফলভোগ করবে;

    আশীর্বাদ ও সমৃদ্ধি তোমার হবে।

  32. 58 তাই, আমার প্রিয় ভাইবোনেরা, সুস্থির থাকো। কোনো কিছুই তোমাদের বিচলিত না করুক। প্রভুর কাজে তোমরা সর্বদা নিজেদের সম্পূর্ণ উৎসর্গ করো, কারণ তোমরা জানো যে, প্রভুতে তোমাদের পরিশ্রম ব্যর্থ হবে না।

  33. 1 এইভাবে আকাশমণ্ডল এবং পৃথিবী ও সেখানকার সবকিছু সৃষ্টির কাজ সম্পূর্ণ হল।

    2 সপ্তম দিনে এসে ঈশ্বর তাঁর সব কাজকর্ম সমাপ্ত করলেন; তাই সপ্তম দিনে তিনি তাঁর সমস্ত কাজ থেকে বিশ্রাম নিলেন। 3 আর ঈশ্বর সপ্তম দিনকে আশীর্বাদ করে সেটিকে পবিত্র করলেন, কারণ এই দিনেই তিনি তাঁর সব সৃষ্টিকর্ম সম্পূর্ণ করে বিশ্রাম নিয়েছিলেন।

  34. 9 যে তার কাজে শিথিল

    সে বিনাশকারীর সহোদর ভাই।

    10 সদাপ্রভুর নাম এক সুরক্ষিত মিনার;

    ধার্মিকেরা সেখানে দৌড়ে যায় ও নিরাপদ বোধ করে।

  35. 13 ঘুম ভালোবেসো না পাছে তুমি দরিদ্র হয়ে যাও;

    জেগে থাকো ও তোমার কাছে অতিরিক্ত খাদ্যদ্রব্য থাকবে।

  36. 12 আমরা নিজেদের হাত দিয়ে কঠোর পরিশ্রম করি। আমাদের অভিশাপ দেওয়া হলে, আমরা আশীর্বাদ করি, যখন আমাদের নির্যাতন করা হয়, আমরা সহ্য করি। 13 আমাদের যখন নিন্দা করা হয়, আমরা নম্রতায় তার উত্তর দিই। এই মুহূর্ত পর্যন্ত আমরা সমাজের আবর্জনা, জগতের জঞ্জাল হয়ে আছি।

  37. 9 এসো, সৎকর্ম করতে করতে আমরা যেন ক্লান্তিবোধ না করি, কারণ হাল ছেড়ে না দিলে আমরা যথাসময়ে ফসল তুলব।

  38. 4 কিন্তু আমাদের প্রতি মহাপ্রেমের জন্য ঈশ্বর, যিনি অপার করুণাময়, 5 আমরা যখন অপরাধের ফলে মৃত হয়েছিলাম, তখনই তিনি খ্রীষ্টের সঙ্গে আমাদের জীবিত করলেন। আর তোমরা অনুগ্রহেই পরিত্রাণ লাভ করেছ। 6 ঈশ্বর খ্রীষ্টের সঙ্গে আমাদের পুনরুত্থিত করে তাঁরই সঙ্গে আমাদের স্বর্গীয় স্থানে বসিয়েছেন, 7 যেন খ্রীষ্ট যীশুতে আমাদের প্রতি তাঁর যে করুণা প্রকাশ পেয়েছে, আগামী দিনেও তিনি তাঁর সেই অতুলনীয় অনুগ্রহের ঐশ্বর্য প্রদর্শন করতে পারেন। 8 কারণ বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহের দ্বারাই তোমরা পরিত্রাণ লাভ করেছ। তা তোমাদের থেকে হয়নি, কিন্তু ঈশ্বরেরই দান। 9 তা কোনো কাজের ফল নয় যে তা নিয়ে কেউ গর্ববোধ করবে। 10 কারণ আমরা ঈশ্বরের রচনা, সৎকর্ম করার জন্য খ্রীষ্ট যীশুতে সৃষ্ট, যা তিনি পূর্ব থেকেই আমাদের করার জন্য প্রস্তুত করেছিলেন।

  39. 13 অলস বলে, “রাস্তায় সিংহ আছে,

    হিংস্র এক সিংহ পথে পথে ঘুরে বেড়াচ্ছে!”

    14 দরজা যেভাবে কবজাগুলিতে ঘোরে,

    অলসও সেভাবে তার বিছানাতে ঘোরে।

    15 অলস তার হাত থালায় ডুবিয়ে রাখে;

    সে এতই অলস যে তা মুখেও তোলে না।

    16 যারা বুদ্ধিপূর্বক উত্তর দেয় সেই সাতজন লোকের চেয়েও

    অলস নিজের দৃষ্টিতে বেশি জ্ঞানবান।

  40. 24 মানুষের পক্ষে খাওয়াদাওয়া করা এবং নিজের কাজে সন্তুষ্ট থাকা ছাড়া ভালো আর কিছুই নেই। এটাও আমি দেখলাম, এসব ঈশ্বরের হাত থেকে আসে,

  41. 18 ভালো হলে কী হয় তা আমি লক্ষ্য করলাম ঈশ্বর সূর্যের নিচে মানুষকে যে কয়টা দিন বাঁচতে দিয়েছেন তাতে খাওয়াদাওয়া করা এবং কঠিন পরিশ্রমের মধ্যে তৃপ্ত হওয়াই তার পক্ষে ভালো এবং উপযুক্ত কারণ ওটিই তার পাওনা। 19 এছাড়া, ঈশ্বর যখন কোনো মানুষকে ধন ও সম্পত্তি দেন তখন তাকে তা ভোগ করতে দেন, তার নিজের জন্য একটি অংশগ্রহণ করতে দেন ও নিজের কাজে আনন্দ করতে দেন—এটাই ঈশ্বরের দান। 20 তারা কদাচিৎ তাদের জীবনের দিনগুলির দিকে ফিরে তাকায়, কারণ ঈশ্বর তার মনে আনন্দ দিয়ে তাকে ব্যস্ত রাখেন।

  42. 37 কারণ ঈশ্বর যা বলেন তা সবসময় সত্যি হয়।”

  43. 15 অলসতা অগাধ ঘুম নিয়ে আসে,

    ও অপারদর্শী মানুষ ক্ষুধার্তই থেকে যায়।

  44. 5 পরিশ্রমীদের পরিকল্পনা লাভের মুখ দেখে

    ঠিক যেভাবে হঠকারিতা দারিদ্র নিয়ে আসে।

  45. 5 “আমি দ্রাক্ষালতা, তোমরা সবাই শাখা। যে আমার মধ্যে থাকে এবং আমি যার মধ্যে থাকি, সে প্রচুর ফলে ফলবান হবে; আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না।

  46. 9 প্রেম অকপট হোক। যা মন্দ, তা ঘৃণা করো, যা ভালো, তার প্রতি আসক্ত হও। 10 প্রেমে তোমরা পরস্পরের প্রতি অনুরক্ত হও। নিজেদের থেকেও বেশি একে অপরকে সম্মান করো। 11 কর্ম উদ্যোগে শিথিল হোয়ো না, কিন্তু আত্মায় উদ্দীপিত থেকো ও প্রভুর সেবা করো। 12 প্রত্যাশায় আনন্দ করো, কষ্ট-সংকটে সহিষ্ণু হও, প্রার্থনায় বিশ্বস্ত থেকো। 13 ঈশ্বরভক্তদের অভাবে সাহায্য করো। আতিথেয়তার চর্চা করো।

  47. 2 আমি তোমার সব কাজ, তোমার কঠোর পরিশ্রম ও তোমার ধৈর্যের কথা জানি। আমি জানি তুমি দুষ্ট লোকদের সহ্য করতে পারো না এবং যারা নিজেদের প্রেরিতশিষ্য বলে দাবি করলেও প্রেরিতশিষ্য নয়, তাদের তুমি যাচাই করে মিথ্যাবাদী প্রমাণ করেছ। 3 তুমি আমার নামের জন্য ধৈর্য অবলম্বন করেছ ও কষ্ট সহ্য করেছ, অথচ পরিশ্রান্ত হওনি।

  48. 19 তিনি ঋতুর জন্য চাঁদ নির্মাণ করেছেন,

    আর সূর্য জানে কখন অস্ত যেতে হয়।

    20 তুমি অন্ধকার নিয়ে আস, আর রাত্রি হয়,

    আর জঙ্গলের বন্যজন্তুরা গর্জন করে।

    21 সিংহরা তাদের শিকারের জন্য গর্জন করে

    আর ঈশ্বরের কাছ থেকে তাদের খাবার খোঁজে।

    22 সূর্য ওঠে, আর তারা লুকিয়ে পড়ে;

    তারা ফিরে আসে এবং নিজের গুহাতে শুয়ে পড়ে।

    23 তারপর মানুষ তাদের কাজের জন্য বাইরে যায়

    সেখানে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রমে রত থাকে।

  49. 26 দাঁতের পক্ষে সিরকা ও চোখের পক্ষে ধোঁয়া যেমন,

    অলসরাও তাদের যারা পাঠায় তাদের পক্ষে ঠিক তেমনই।

  50. 4 অলসেরা যথাসময়ে লাঙ্গল চষে না;

    অতএব ফসল কাটার সময় তারা চেয়ে দেখে কিন্তু কিছুই পায় না।

  51. 13 অলস বলে, “বাইরে সিংহ আছে!

    নগরের চকে গেলেই আমি নিহত হব!”

  52. 16 একইভাবে, তোমাদের দীপ্তি মানুষের সাক্ষাতে উদ্দীপ্ত হোক, যেন তারা তোমাদের সৎ কাজগুলি দেখে তোমাদের স্বর্গস্থ পিতার প্রশংসা কীর্তন করে।

  53. 16 যীশু বিশ্রামদিনে এই সমস্ত কাজ করছিলেন বলে ইহুদিরা তাঁকে তাড়না করল এবং হত্যা করারও চেষ্টা করল। 17 যীশু তাদের বললেন, “আমার পিতা নিরন্তর কাজ করে চলেছেন, আর আমিও কাজ করে চলেছি।”

  54. 5 তুমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর উপর আস্থা রাখো

    ও নিজের বিচক্ষণতার উপর নির্ভর কোরো না;

    6 তোমার সমস্ত পথে তাঁর বশ্যতাস্বীকার করো,

    ও তিনি তোমার পথগুলি সোজা করে দেবেন।

  55. 25 অলসের তীব্র আকাঙ্ক্ষা তার মৃত্যু ডেকে আনে,

    কারণ তার হাত দুটি কাজ করতে অস্বীকার করে।

  56. 14 যে দিনমজুর গরিব বা অভাবগ্রস্ত তার কাছ থেকে সুবিধা নেবে না, সেই মজুর এক ইস্রায়েলী ভাই কিংবা একজন বিদেশি যে তোমাদের কোনও এক নগরে বাস করছে।

  57. 19 অলসদের পথে কাঁটার বাধা থাকে,

    কিন্তু ন্যায়পরায়ণদের পথ রাজপথবিশেষ।

  58. 15 তিনি অন্ধকার থাকতেই ঘুম থেকে উঠে পড়েন;

    তিনি তাঁর পরিবারের জন্য খাদ্যের জোগান দেন

    ও তাঁর দাসীদেরও অংশ বরাদ্দ করে দেন।

  59. 10 কিন্তু এখন আমি যা হয়েছি তা ঈশ্বরের অনুগ্রহেই হয়েছি এবং আমার প্রতি তাঁর অনুগ্রহ নিরর্থক হয়নি। বরং, আমি তাঁদের সকলের চেয়ে বেশি পরিশ্রম করেছি—তবুও আমি নই, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ আমার সহবর্তী ছিল।

  60. 9 ভাইবোনেরা, আমাদের কঠোর পরিশ্রম এবং কষ্টস্বীকারের কথা তোমাদের নিশ্চয় মনে আছে। তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচারের সময়, আমরা যেন কারও বোঝা না হই, সেজন্য আমরা দিনরাত পরিশ্রম করেছি।

  61. 30 পরে মোশি ইস্রায়েলীদের বললেন, “দেখো, সদাপ্রভু যিহূদা গোষ্ঠীভুক্ত হূরের নাতি তথা ঊরির ছেলে বৎসলেলকে মনোনীত করেছেন, 31 এবং তিনি তাকে ঈশ্বরের আত্মায়, প্রজ্ঞায়, বুদ্ধিতে, জ্ঞানে এবং সব ধরনের দক্ষতায় পরিপূর্ণ করেছেন— 32 যেন সে সোনা, রুপো ও ব্রোঞ্জ দিয়ে শিল্পবোধসম্পন্ন নকশা ফুটিয়ে তোলে, 33 মণিরত্ন কেটে বসায়, কাঠের কাজ করে এবং সব ধরনের শিল্পবোধসম্পন্ন কারুশিল্পের কাজে লিপ্ত হয়। 34 আর তিনি তাকে ও দান গোষ্ঠীভুক্ত অহীষামকের ছেলে অহলীয়াব, এই দুজনকেই অন্যান্য মানুষজনকে শিক্ষা দেওয়ার ক্ষমতা দিয়েছেন। 35 তিনি তাদের ও তাঁতিদের খোদাইকারী, নকশাকার ও সূচিশিল্পীরূপে নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতো ও মিহি মসিনা দিয়ে সব ধরনের কাজ করার দক্ষতায় পরিপূর্ণ করেছেন—তারা সবাই দক্ষ কারিগর ও নকশাকার।

  62. 11 অসাধু উপায়ে অর্জিত অর্থ কমে যায়,

    কিন্তু যে অল্প অল্প করে অর্থ সংগ্রহ করে, তার অর্থ বাড়তে থাকে।

  63. 24 অলস তার হাত থালায় ডুবিয়ে রাখে;

    সে এতই অলস যে তা মুখেও তোলে না।

  64. 27 তিনি তাঁর পরিবারের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখেন

    ও অলসতার রুটি খান না।

  65. 4 কিন্তু আমি বললাম, “আমি উদ্দেশ্যহীনভাবে পরিশ্রম করেছি;

    বৃথাই আমার শক্তি অসারতার জন্য নিঃশেষিত হয়েছে।

    তবুও, আমার যা প্রাপ্য, তা সদাপ্রভুর হাতে আছে,

    আমার পুরস্কার আছে আমার ঈশ্বরের কাছে।”

  66. 38 যীশু শিষ্যদের নিয়ে পথ চলতে চলতে একটি গ্রামে এসে পৌঁছালেন। সেখানে মার্থা নামে এক স্ত্রীলোক তাঁর বাড়িতে তাঁকে স্বাগত জানালেন। 39 মরিয়ম নামে তাঁর এক বোন ছিলেন। প্রভুর মুখের বাক্য শোনার জন্য তিনি তাঁর পায়ের কাছে বসলেন। 40 কিন্তু মার্থা আপ্যায়নের আয়োজন করতে গিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। তিনি যীশুর কাছে এসে বললেন, “প্রভু, আপনি কি দেখতে পাচ্ছেন না, আমার বোন আমার একার উপর সমস্ত কাজের ভার ছেড়ে দিয়েছে? আপনি ওকে বলুন, আমাকে সাহায্য করতে।”

    41 প্রভু উত্তর দিলেন, “মার্থা, মার্থা, তুমি অনেক বিষয়ে উদ্বিগ্ন, আর বিচলিত হয়ে পড়েছ। 42 কিন্তু প্রয়োজন একটিমাত্র বিষয়ের। মরিয়ম সেই উত্তম বিষয়টিই মনোনীত করেছে, যা তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে না।”

  67. 47 “যে দাস তার প্রভুর ইচ্ছা জেনেও প্রস্তুত হয়ে থাকে না বা প্রভুর ইচ্ছা অনুযায়ী কাজ করে না, তাকে কঠোর দণ্ড দেওয়া হবে। 48 কিন্তু যে না জেনেই শাস্তিযোগ্য অপরাধ করে, তাকে কম দণ্ড দেওয়া হবে। যাকে অনেক দেওয়া হয়েছে, তার কাছে দাবিও করা হবে অনেক; যার উপর বহু বিষয়ের ভার অর্পণ করা হয়েছে, তার কাছে আরও বেশি প্রত্যাশা করা হবে।

  68. 10 “অল্প বিষয়ে যার উপরে নির্ভর করা যায়, বহু বিষয়েও তার উপর নির্ভর করা যায়। আবার অতি অল্প বিষয়ে যে অসৎ, বহু বিষয়েও সে অসৎ।

  69. 38 আমি তোমাদের এমন ফসল সংগ্রহ করতে পাঠিয়েছি, যার জন্য তোমরা পরিশ্রম করোনি। অন্যেরা কঠোর পরিশ্রম করেছে, আর তোমরা তাদের শ্রমের ফসল সংগ্রহ করেছ।”

  70. 20 ঈশ্বরের আহ্বান পাওয়ার সময়ে কোনো ব্যক্তি যে অবস্থায় ছিল, সে সেই অবস্থাতেই থাকুক।

    21 তোমাকে যখন আহ্বান করা হয়, তখন তুমি কি ক্রীতদাস ছিলে? তা তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করুক। অবশ্য যদি তুমি স্বাধীনতা অর্জন করতে পারো তবে তাই করো। 22 কারণ প্রভুর আহ্বান লাভের সময় যে ব্যক্তি ছিল দাস, সে প্রভুতে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি। একইভাবে, আহ্বান লাভের সময় যে ব্যক্তি স্বাধীন ছিল, সে খ্রীষ্টের ক্রীতদাস। 23 মূল্যের বিনিময়ে তোমাদের কিনে নেওয়া হয়েছে, তোমরা মানুষদের ক্রীতদাস হোয়ো না। 24 ভাইবোনেরা, ঈশ্বর প্রত্যেক ব্যক্তিকে যে অবস্থায় আহ্বান করেছেন, ঈশ্বরের প্রতি তার দায়বদ্ধতা অনুসারে সে সেই অবস্থাতেই জীবনযাপন করুক।

  71. 11 তিনিই কয়েকজনকে প্রেরিতশিষ্য, কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক, কয়েকজনকে পালক ও শিক্ষকরূপে দান করেছেন, 12 পবিত্রগণকে পরিপক্ব করার জন্য করেছেন, যেন পরিচর্যার কাজ সাধিত হয়, খ্রীষ্টের দেহ যেন গঠন করে তোলা হয়, 13 যতদিন না আমরা সবাই ঈশ্বরের পুত্রের জ্ঞান ও বিশ্বাসের ঐক্যে উপনীত হতে পারি ও পরিণত হই এবং খ্রীষ্টের সকল পূর্ণতা অর্জন করতে পারি।

    14 তখন আমরা আর নাবালক থাকব না। যে কোনো মতবাদের হাওয়ায় বিচলিত হব না বা বাতাসে ভেসে যাব না। আমরা প্রভাবিত হব না যখন লোকেরা মিথ্যার সাহায্য নিয়ে, যা শুনে মনে হয় সত্য, আমাদের ঠকানোর চেষ্টা করবে। 15 এর পরিবর্তে আমরা প্রেমে সত্য প্রকাশ করব এবং সব বিষয়ে খ্রীষ্টের মতো হয়ে উঠব, যিনি তাঁর দেহের মস্তক; আর সেই দেহ হল মণ্ডলী। 16 তিনি সমগ্র দেহকে সুন্দরভাবে সন্নিবদ্ধ করেন। প্রতিটি অঙ্গ নিজের নিজের বিশেষ কাজ করে, যার ফলে অন্যান্য অংশ বৃদ্ধিলাভ করে। এই কারণে সমগ্র দেহ সুস্থ, বৃদ্ধিপ্রাপ্ত ও প্রেমে পূর্ণতা লাভ করে।

  72. 1 পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্টে থিষলনীকীয় মণ্ডলীর প্রতি,

    পৌল, সীল এবং তিমথি এই পত্র লিখছি।

    অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক।

    2 আমাদের প্রার্থনায় তোমাদের নাম উল্লেখ করে আমরা তোমাদের সবার জন্য ঈশ্বরের কাছে সবসময় ধন্যবাদ নিবেদন করি। 3 বিশ্বাসের বলে তোমরা যে কাজ করেছ, প্রেমের বশে যে পরিশ্রম দিয়েছ এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের উপর প্রত্যাশা রেখে যে সহিষ্ণুতার পরিচয় রেখেছ—আমাদের ঈশ্বর ও পিতার সমক্ষে আমরা সেকথা বারবার মনে করি।

  73. 14 ভাইবোনেরা, আমরা তোমাদের মিনতি করছি, যারা অলস, তাদের সতর্ক করো, ভীরু প্রকৃতির ব্যক্তিকে প্রেরণা দিয়ো, দুর্বলকে সাহায্য করো, প্রত্যেকের প্রতি সহনশীলতা দেখিয়ো।

  74. 9 তাঁরই নাম বিধবাদের তালিকাভুক্ত হবে, যাঁর বয়স ষাট বছরের বেশি এবং যিনি তাঁর স্বামীর প্রতি বিশ্বস্ত ছিলেন; 10 যিনি বিভিন্ন সৎকর্মের জন্য সুপরিচিত, যেমন সন্তানের লালনপালন, আতিথেয়তা, পবিত্রগণের পা ধুয়ে দেওয়া, বিপন্নদের সাহায্য করা এবং সর্বপ্রকার সৎকর্মে আত্মনিয়োগ করেছেন।

    11 অল্পবয়স্ক বিধবাদের নাম এই ধরনের তালিকায় অন্তর্ভুক্ত কোরো না। কারণ খ্রীষ্টের প্রতি আত্মনিবেদনের চেয়ে, তাদের শারীরিক কামনাবাসনা যখন প্রবল হয়ে ওঠে, তখন তারা বিবাহ করতে চায়। 12 এভাবে তারা প্রথম প্রতিশ্রুতি ভেঙে নিজেদের অপরাধী করে তোলে আর নিজের উপরে শাস্তি ডেকে আনে। 13 এছাড়া তারা অলসতায় জীবনযাপন করতে এবং বাড়ি বাড়ি ঘুরে বেড়াতে অভ্যস্ত হয়ে পড়ে। তারা যে শুধু অলসই হয়, তা নয়, তারা অনধিকারচর্চা এবং কুৎসা-রটনা করে যা বলা উচিত নয়, এমন কথা বলে বেড়ায়। 14 তাই অল্পবয়স্ক বিধবাদের প্রতি আমার উপদেশ: তারা বিবাহ করুক, সন্তানের জন্ম দিক, তাদের গৃহের দেখাশোনা করুক এবং মিথ্যা কলঙ্ক দেওয়ার কোনো সুযোগ যেন শত্রুকে না দেয়। 15 বাস্তবিক, কেউ কেউ ইতিমধ্যেই ভুল পথে গিয়ে শয়তানের অনুগামী হয়েছে।

    16 বিশ্বাসী কোনো মহিলার পরিবারে যদি বিধবারা থাকে, তাহলে সে তাদের সাহায্য করুক, তাদের জন্য মণ্ডলীকে যেন দায়িত্বভার নিতে না হয়; সেক্ষেত্রে যে বিধবারা সত্যিসত্যিই দুস্থ, মণ্ডলী তাদের সাহায্য করতে পারবে।

  75. 3 তুমি খ্রীষ্ট যীশুর একজন উত্তম সৈনিকের মতো আমার সঙ্গে কষ্টভোগ করো।

  76. 21 কোনো মানুষ যদি নিজেকে ইতরতা থেকে মুক্ত রাখতে পারে, সে হবে মহৎ কাজে ব্যবহারের উপযুক্ত, পবিত্রীকৃত, মনিবের কাজের উপযোগী এবং যে কোনো সৎকর্মে ব্যবহারের জন্য প্রস্তুত।

  77. 14 আমাদের লোকদের সৎকর্মে আত্মনিয়োগ করতে শেখা উচিত, যেন তারা দৈনিক প্রয়োজন মেটাতে পারে এবং তাদের জীবন ফলহীন হয়ে না পড়ে।

  78. 4 ধৈর্যকে অবশ্যই তার কাজ শেষ করতে হবে, যেন তোমরা পরিপক্ব ও সম্পূর্ণ হয়ে উঠতে পারো, কোনো বিষয়ের অভাব তোমাদের না থাকে।

  79. 12 ধন্য সেই ব্যক্তি, যে পরীক্ষার মধ্যেও ধৈর্য ধরে, কারণ পরীক্ষা সহ্য করলে সে জীবনমুকুট লাভ করবে, যা দেওয়ার প্রতিশ্রুতি ঈশ্বর তাদের দিয়েছেন, যারা তাঁকে ভালোবাসে।

  80. 13 তখন আমি স্বর্গ থেকে এই কণ্ঠস্বর শুনতে পেলাম, “তুমি লেখো: ধন্য সেই মৃতজনেরা, যারা এখন থেকে প্রভুতে মৃত্যুবরণ করবে।”

    পবিত্র আত্মা বলছেন, “হ্যাঁ, তারা তাদের শ্রম থেকে বিশ্রাম পাবে, কারণ তাদের সব কাজ তাদের অনুসরণ করবে।”