105 Bible Verses About Poverty
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
2 মনে করো, কোনো ব্যক্তি সোনার আংটি ও সুন্দর পোশাক পরে তোমাদের মণ্ডলীর সভায় এল এবং মলিন পোশাক পরে একজন দীনহীন ব্যক্তিও সেখানে এল। 3 তোমরা যদি সুন্দর পোশাক পরা ব্যক্তির প্রতি বিশেষ মনোযোগ দেখাও ও তাকে বলো, “এখানে আপনার জন্য একটি ভালো আসন আছে,” কিন্তু সেই দীনহীন ব্যক্তিকে বলো, “তুমি ওখানে দাঁড়াও” বা “আমার পায়ের কাছে মেঝের উপরে বসো,” 4 তাহলে তোমরা কি নিজেদের মধ্যে বৈষম্যমূলক আচরণ করছ না ও মন্দ ভাবনা নিয়ে বিচারকের স্থান গ্রহণ করছ না?
5 আমার প্রিয় ভাইবোনেরা, তোমরা শোনো: জগতের দৃষ্টিতে যারা দরিদ্র, ঈশ্বর কি তাদের মনোনীত করেননি, যেন তারা বিশ্বাসে ধনী হয় এবং যারা তাঁকে ভালোবাসে, তাদের কাছে প্রতিশ্রুত রাজ্যের অধিকারী হয়? 6 কিন্তু তোমরা সেই দরিদ্রকে অপমান করেছ। ধনী ব্যক্তিরাই কি তোমাদের শোষণ করে না? তারাই কি তোমাদের বিচারালয়ে টেনে নিয়ে যায় না? 7 তারাই কি সেই পরমশ্রেষ্ঠ নামের নিন্দা করে না, যাঁর নিজস্ব অধিকাররূপে তোমরা পরিচিত হয়েছ?
8 শাস্ত্রের এই রাজকীয় বিধান, “তোমার প্রতিবেশীকে নিজের মতোই ভালোবেসো,” যদি তোমরা প্রকৃতই মেনে চলো, তাহলে তোমরা ঠিকই করছ। 9 কিন্তু তোমরা যদি পক্ষপাতিত্ব করো, তবে পাপ করেছ এবং বিধানের দ্বারাই তোমরা বিধানভঙ্গকারীরূপে দোষী সাব্যস্ত হবে।
-
3 “ধন্য তারা, যারা আত্মায় দীনহীন,
কারণ স্বর্গরাজ্য তাদেরই।
-
18 “প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত,
কারণ দীনহীনদের কাছে সুসমাচার প্রচারের জন্য
তিনি আমাকে অভিষিক্ত করেছেন।
তিনি আমাকে বন্দিদের কাছে মুক্তি প্রচার করবার জন্য পাঠালেন,
অন্ধদের কাছে দৃষ্টিপ্রাপ্তি প্রচার করার জন্য,
নিপীড়িতদের নিস্তার করে বিদায় করার জন্য,
19 প্রভুর প্রসন্নতার বছর ঘোষণা করার জন্য।”
-
21 যীশু উত্তর দিলেন, “তুমি যদি সিদ্ধ হতে চাও, তাহলে যাও, গিয়ে তোমার সব সম্পত্তি বিক্রি করে দরিদ্রদের মধ্যে বিলিয়ে দাও, তাহলে তুমি স্বর্গে ধন লাভ করবে। তারপর এসে আমাকে অনুসরণ করো।”
22 এই কথা শুনে যুবকটি দুঃখিত হয়ে চলে গেল, কারণ তার প্রচুর ধনসম্পত্তি ছিল।
23 তখন যীশু তাঁর শিষ্যদের বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, স্বর্গরাজ্যে ধনী মানুষের প্রবেশ করা কঠিন। 24 আবার আমি তোমাদের বলছি, ধনী মানুষের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার চেয়ে বরং সুচের ছিদ্রপথ দিয়ে উটের পার হওয়া সহজ।”
-
6 একথা স্মরণে রেখো: যে অল্প পরিমাণে বীজ বোনে, সে অল্প পরিমাণেই ফসল কাটবে এবং যে অনেক পরিমাণে বীজ বোনে, সে অনেক পরিমাণে ফসলও কাটবে। 7 প্রত্যেক ব্যক্তি তার মনে যা দেওয়ার সংকল্প করেছে, তার তাই দেওয়া উচিত, অনিচ্ছুকরূপে বা বাধ্যবাধকতা বলে নয়, কারণ ঈশ্বর উৎফুল্ল দাতাকে প্রেম করেন। 8 আর ঈশ্বর তোমাদের সমস্ত অনুগ্রহে সমৃদ্ধ করতে সমর্থ, যেন সকল বিষয়ে, সবসময়, সব ধরনের পর্যাপ্ততা থাকায়, তোমরা সব ধরনের সৎকর্মে উপচে পড়ো। 9 যেমন লেখা আছে:
“সে অবাধে দরিদ্রদের মাঝে দান বিতরণ করেছে,
তার ধার্মিকতা চিরস্থায়ী।”
10 এখন যিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য যুগিয়ে দেন, তিনি তোমাদের জন্য বীজ যুগিয়ে দেবেন ও বৃদ্ধি করবেন, সেই সঙ্গে তোমাদের ধার্মিকতার ফসল প্রচুররূপে বৃদ্ধি করবেন। 11 তোমরা সর্বতোভাবে সমৃদ্ধিশালী হবে, যেন তোমরা সব উপলক্ষে মুক্তহস্ত হতে পারো এবং আমাদের মাধ্যমে তোমাদের মুক্তহস্তের সেই দান ঈশ্বরের প্রতি ধন্যবাদ-দানে পরিণত হবে।
-
25 এখন, আমি অবশ্য জেরুশালেমের পবিত্রগণের পরিচর্যা করার জন্য আমার যাত্রাপথে আছি। 26 কারণ জেরুশালেমের পবিত্রগণের মধ্যে যারা দীনদরিদ্র, তাদের জন্য ম্যাসিডোনিয়া ও আখায়ার লোকেরা কিছু অনুদান সংগ্রহ করেছিল। 27 তারা খুশি হয়েই এ কাজ করেছে এবং বাস্তবিকই এই ব্যাপারে তারা ওদের কাছে ঋণী। কারণ অইহুদিরা যদি ইহুদিদের আত্মিক সব আশীর্বাদের অংশীদার হয়েছে, তাহলে তাদের পার্থিব আশীর্বাদসমূহ ভাগ করে দেওয়ার জন্য তারা ইহুদিদের কাছে ঋণী।
-
7 ধার্মিকেরা দরিদ্রদের ন্যায়বিচার দেওয়ার কথা ভাবে,
কিন্তু দুষ্টদের এই ধরনের কোনও উদ্বেগ নেই।
-
41 যেখানে দান সংগ্রহ করা হচ্ছিল, যীশু তার উল্টোদিকে বসে দেখছিলেন, লোকেরা কীভাবে মন্দিরের ভাণ্ডারে অর্থ দান করছে। বহু ধনী ব্যক্তি প্রচুর সব মুদ্রা সেখানে রাখছিল। 42 কিন্তু একজন দরিদ্র বিধবা এসে তার মধ্যে খুব ছোটো দুটি তামার পয়সা রাখল, যার মূল্য সিকি পয়সা মাত্র।
43 যীশু তাঁর শিষ্যদের কাছে ডেকে বললেন, “আমি তোমাদের সত্যিই বলছি, এই দরিদ্র বিধবা, অন্য সবার চেয়ে বেশি অর্থ ভাণ্ডারে দিয়েছে। 44 তারা সবাই তাদের প্রাচুর্য থেকে দান করেছে, কিন্তু সে তার দরিদ্রতা সত্ত্বেও, তার বেঁচে থাকার জন্য যা কিছু ছিল, তা থেকে সর্বস্ব দিয়ে দিয়েছে।”
-
7 কারণ তোমরা নিজেরা জানো, কীভাবে আমাদের আদর্শ অনুকরণ করতে তোমরা বাধ্য। তোমাদের সঙ্গে থাকার সময় আমরা আলস্যে কাল কাটাইনি; 8 অথবা বিনামূল্যে আমরা কারও খাবার গ্রহণ করিনি। বরং আমরা যেন তোমাদের কারও কাছে বোঝা না হই, সেজন্য দিনরাত কাজ করেছি, কঠোর পরিশ্রম ও কষ্ট করেছি। 9 এই সাহায্য লাভের অধিকার যে আমাদের নেই, তা নয়, কিন্তু তোমরা যেন অনুসরণ করো, সেজন্য নিজেদের এক আদর্শরূপে স্থাপন করেছি। 10 কারণ তোমাদের সঙ্গে থাকার সময়েও আমরা তোমাদের এই নিয়ম দিয়েছি, “যদি কেউ পরিশ্রম না করে, সে আহারও করবে না।”
11 আমরা শুনতে পাচ্ছি, তোমাদের মধ্যে কেউ কেউ অলস হয়ে পড়েছে। তারা কর্মব্যস্ত নয়; পরের ব্যাপারে অনর্থক চর্চায় তারা সবসময় ব্যস্ত। 12 এরকম লোকদের আমরা প্রভু যীশু খ্রীষ্টে নির্দেশ ও উপদেশ দিচ্ছি, যেন তারা শান্তভাব বজায় রেখে পরিশ্রম করে এবং তাদের খাবারের সংস্থান করে।
-
17 এই বর্তমান জগতে যারা ধনবান, তাদের আদেশ দাও, তারা যেন উদ্ধত না হয়, তাদের অনিশ্চিত সম্পদের উপরে তারা যেন আশাভরসা না করে, কিন্তু ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখে, যিনি আমাদের উপভোগের জন্য সবকিছুই সম্পূর্ণরূপে জুগিয়ে দেন। 18 তাদের সৎকর্ম করতে আদেশ দাও, তারা যেন ভালো কাজে সমৃদ্ধ হয়ে উঠতে পারে, দানশীল হয় এবং নিজেদের সম্পদ অপরের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছুক হয়। 19 এভাবে তারা নিজেদের জন্য ধন সঞ্চয় করে তাদের ভবিষ্যতে দৃঢ় ভিত্তিমূল স্থাপন করবে এবং যা প্রকৃতই জীবন, সেই জীবন ধরে রাখতে পারবে।
-
27 পিতা ঈশ্বরের কাছে বিশুদ্ধ ও নির্দোষরূপে গ্রহণযোগ্য ধর্ম হল এই: অনাথ ও বিধবাদের দুঃখকষ্টে তত্ত্বাবধান করা এবং সাংসারিক কলুষতা থেকে নিজেকে রক্ষা করা।
-
19 “এক ধনী ব্যক্তি ছিল। সে বেগুনি রংয়ের মিহি মসিনার পোশাক পরত। প্রতিদিন সে বিলাসবহুল জীবনযাপন করত। 20 তার বাড়ির প্রবেশপথে এক ভিখারি সর্বাঙ্গে ক্ষত নিয়ে শুয়ে থাকত। তার নাম ছিল লাসার। 21 ধনী ব্যক্তির টেবিল থেকে যা কিছু উচ্ছিষ্ট পড়ত, তাই সে খেতে চাইত। এমনকি, কুকুরেরা এসেও তার ঘা চাটতো।
22 “কালক্রমে ভিখারিটির মৃত্যু হল। স্বর্গদূতেরা তাকে নিয়ে এল অব্রাহামের পাশে। পরে ধনী ব্যক্তির মৃত্যু হলে, তাকেও সমাধি দেওয়া হল। 23 সে পাতালে নিদারুণ যন্ত্রণায় দগ্ধ হচ্ছিল। সেখান থেকে সে দৃষ্টি ঊর্ধ্বে তুলে দূরে অব্রাহামের পাশে লাসারকে দেখতে পেল। 24 তাই সে তাঁকে ডাকল, ‘পিতা অব্রাহাম, আমার প্রতি কৃপা করুন; লাসারকে পাঠিয়ে দিন, সে যেন আঙুলের ডগায় জল নিয়ে আমার জিভ ঠান্ডা করে দেয়। কারণ এই আগুনে আমি ভীষণ যন্ত্রণা পাচ্ছি।’
25 “কিন্তু অব্রাহাম উত্তর দিলেন, ‘বৎস, স্মরণ করে দেখো, তোমার জীবনকালে তুমি সব উৎকৃষ্ট জিনিস পেয়েছ, লাসার পেয়েছে সব মন্দ জিনিস। কিন্তু এখন সে এখানে লাভ করছে সান্ত্বনা, আর তুমি পাচ্ছ যন্ত্রণা। 26 আর তা ছাড়া, তোমার ও আমাদের মধ্যে রয়েছে বিরাট এক ব্যবধান যাতে কেউ এখান থেকে তোমাদের কাছে যেতে চাইলেও যেতে পারে না বা কেউ ওখান থেকে পার হয়ে আমাদের কাছেও আসতে পারে না।’
-
3 প্রকৃত দুস্থ বিধবাদের যথাযথ স্বীকৃতি দিয়ো। 4 কিন্তু কোনো বিধবার যদি সন্তানসন্ততি বা নাতি-নাতনি থাকে, তবে তাদের প্রথম দায়িত্ব হল নিজেদের বাড়িতে তাদের পরিবারের তত্ত্বাবধান করা এবং তাদের বাবা-মা ও দাদু-দিদার প্রতি ঋণ পরিশোধ করা। এভাবেই তারা তাদের ধর্মীয় কর্তব্য পালন করবে এবং তা ঈশ্বরের চোখে সন্তোষজনক।
-
12 যীশু তখন তাঁর নিমন্ত্রণকর্তাকে বললেন, “তুমি যখন দুপুরের, বা রাতের ভোজ আয়োজন করবে, তোমার বন্ধুবান্ধব, ভাইবোন অথবা আত্মীয়স্বজন, বা তোমার ধনী প্রতিবেশীদের নিমন্ত্রণ করবে না; তাহলে তারা তার প্রতিদানে আবার তোমাকে নিমন্ত্রণ করবে। আর তাই হবে তোমার কেবলমাত্র পুরস্কার। 13 পরিবর্তে, দীনদরিদ্র, পঙ্গু, খোঁড়া ও দৃষ্টিহীনদের নিমন্ত্রণ করো। 14 তখনই তুমি আশীর্বাদধন্য হবে। তারা তোমাকে প্রতিদান কিছু দিতে না পারলেও, ধার্মিকদের পুনরুত্থানকালে তুমি প্রতিদান লাভ করবে।”
-
10 “ছয় বছর ধরে তুমি তোমার জমিতে বীজ বুনবে এবং শস্য কাটবে, 11 কিন্তু সপ্তম বছরে সেই জমিটি অকর্ষিত ও অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে দেবে। তখন তোমাদের লোকজনের মধ্যবর্তী দরিদ্র লোকেরা সেখান থেকে হয়তো খাদ্যশস্য পাবে, এবং যা অবশিষ্ট থেকে যাবে তা হয়তো বন্যপশুরা খেতে পারবে। তোমার দ্রাক্ষাক্ষেতের ও জলপাই বাগানের ক্ষেত্রেও তুমি তাই কোরো।
-
20 যীশু তাঁর শিষ্যদের দিকে তাকিয়ে বললেন,
“ধন্য তোমরা, যারা দীনহীন
কারণ ঈশ্বরের রাজ্য তোমাদেরই।
21 ধন্য তোমরা, যারা এখন ক্ষুধার্ত,
কারণ তোমরা পরিতৃপ্ত হবে।
ধন্য তোমরা, যারা এখন কান্নাকাটি করছ,
কারণ তোমাদের মুখে হাসি ফুটবে।
-
9 কারণ তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহের কথা জানো যে, তিনি যদিও ধনী ছিলেন, তবুও তোমাদের কারণে তিনি দরিদ্র হলেন, যেন তোমরা তাঁর দারিদ্র্যের মাধ্যমে ধনী হতে পারো।
-
13 ঘুম ভালোবেসো না পাছে তুমি দরিদ্র হয়ে যাও;
জেগে থাকো ও তোমার কাছে অতিরিক্ত খাদ্যদ্রব্য থাকবে।
-
19 যারা নিজেদের জমি চাষ করে তারা প্রচুর খাদ্য পাবে,
কিন্তু যারা উদ্ভট কল্পনার পিছনে ছুটে বেড়ায় দারিদ্র তাদের সঙ্গী হয়।
-
1 সার্বভৌম সদাপ্রভুর আত্মা আমার উপরে আছেন,
কারণ সদাপ্রভু আমাকে অভিষিক্ত করেছেন,
যেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করি।
তিনি আমাকে ভগ্নহৃদয় মানুষকে সারিয়ে তুলতে প্রেরণ করেছেন,
বন্দিদের কাছে স্বাধীনতা ঘোষণা করতে
এবং কারারুদ্ধ মানুষদের অন্ধকার থেকে মুক্ত করতে,
2 সদাপ্রভুর কৃপা প্রদর্শনের বছর ও আমাদের ঈশ্বরের
প্রতিশোধ গ্রহণের দিন ঘোষণা করতে,
সমস্ত বিলাপকারীকে সান্ত্বনা দিতে,
3 ও যেন সিয়োনের শোকার্তজনেদের জন্য ব্যবস্থা করি—
ভস্মের পরিবর্তে
সৌন্দর্যের মুকুট,
শোকবিলাপের পরিবর্তে
আনন্দের তেল,
এবং অবসন্ন হৃদয়ের পরিবর্তে
প্রশংসার পোশাক।
তাদের বলা হবে ধার্মিকতার ওক গাছ,
শোভা ও সৌন্দর্য প্রদর্শনের জন্য
যা সদাপ্রভু রোপণ করেছেন।
-
17 জাগতিক সম্পদের অধিকারী হয়ে কেউ যদি তার ভাইবোনকে অভাবগ্রস্ত দেখে কিন্তু তার প্রতি করুণাবিষ্ট না হয়, তাহলে তার অন্তরে ঈশ্বরের প্রেম কীভাবে থাকতে পারে? 18 প্রিয় সন্তানেরা, এসো, মুখের কথায় অথবা ভাষণে নয়, কিন্তু কাজ করে ও সত্যের মাধ্যমেই আমরা প্রেম করি।
-
6 তোমরা অনিষ্টকারীরা অসহায়দের প্রচেষ্টা ব্যর্থ করো,
কিন্তু সদাপ্রভু তাদের আশ্রয়।
-
10 আমার সমগ্র সত্তা বলবে,
“তোমার মতো কে আছে, হে সদাপ্রভু?
তুমি শক্তিমানের হাত থেকে দুর্বলকে রক্ষা করো,
লুণ্ঠনকারীদের হাত থেকে দুর্বল ও দরিদ্রদের রক্ষা করো।”
-
14 কোনো মানুষ যদি দাবি করে তার বিশ্বাস আছে, কিন্তু সেইমতো কোনো কর্ম না থাকে, তাহলে আমার ভাইবোনেরা, এতে কী লাভ হবে? এ ধরনের বিশ্বাস কি তাকে পরিত্রাণ দিতে পারে? 15 মনে করো, কোনো ভাই বা বোনের পোশাক ও দৈনন্দিন খাবারের সংস্থান নেই। 16 তোমাদের মধ্যে কেউ যদি তাকে বলে, “শান্তিতে যাও, তুমি উষ্ণ ও তৃপ্ত থাকো,” কিন্তু তার শারীরিক প্রয়োজন সম্পর্কে সে কিছুই না করে, তাহলে, তাতে কী লাভ হবে? 17 একইভাবে, বিশ্বাসের সঙ্গে যদি কর্ম যুক্ত না হয়, তাহলে সেই বিশ্বাস মৃত।
-
3 যারা দুর্বল আর অনাথ তাদের প্রতি তুমি সুবিচার করো,
যারা দরিদ্র আর পীড়িত তাদের অধিকার রক্ষা করো।
4 যারা দুর্বল আর অভাবী তাদের মুক্ত করো;
দুষ্টদের দেশ থেকে তাদের উদ্ধার করো।
-
12 আমি জানি, সদাপ্রভু দরিদ্রদের পক্ষ অবশ্যই নেন
আর অভাবীদের প্রতি ন্যায়বিচার করেন।
-
22 দরিদ্রদের এজন্যই শোষণ কোরো না যেহেতু তারা দরিদ্র
ও অভাবগ্রস্তদের দরবারে পিষে মেরো না,
23 কারণ সদাপ্রভু তাদের হয়ে মামলা লড়বেন
ও প্রাণের পরিবর্তে প্রাণ দাবি করবেন।
-
1 ধিক্ তাদের, যারা অন্যায় সব বিধান তৈরি করে,
যারা অত্যাচার করার জন্য রায় ঘোষণা করে,
2 যেন নিজস্ব অধিকার থেকে দরিদ্রদের বঞ্চিত করে
এবং আমার জাতির অত্যাচারিত লোকদের থেকে ন্যায়বিচার হরণ করে,
যারা বিধবাদের তাদের শিকার বানায়
এবং পিতৃহীনদের সর্বস্ব লুট করে।
3 হিসেব নেওয়ার দিনে তোমরা কী করবে,
যখন দূর থেকে তোমাদের উপরে বিপর্যয় নেমে আসবে?
সাহায্যের জন্য কার কাছে তোমরা দৌড়ে যাবে?
তোমাদের ধনসম্পদ সব কোথায় রাখবে?
-
21 “কোনও বিদেশির প্রতি মন্দ ব্যবহার বা জুলুম কোরো না, কারণ তোমরা মিশরে বিদেশিই ছিলে।
22 “বিধবা বা অনাথদের দুর্বলতার সুযোগ নিয়ো না। 23 তোমরা যদি তা করো ও তারা আমার কাছে কেঁদে ওঠে, তবে আমি নিঃসন্দেহে তাদের কান্না শুনব। 24 আমার ক্রোধ জাগ্রত হবে, এবং আমি তরোয়াল দিয়ে তোমাদের হত্যা করব; তোমাদের স্ত্রীরা বিধবা হয়ে যাবে ও তোমাদের সন্তানেরা পিতৃহীন হবে।
25 “তুমি যদি তোমাদের মধ্যে বসবাসকারী আমার প্রজাদের মধ্যে অভাবগ্রস্ত কাউকে অর্থ ধার দাও, তবে তা এক ব্যবসায়িক চুক্তিরূপে গণ্য কোরো না; সুদ ধার্য কোরো না। 26 তোমার প্রতিবেশীর আলখাল্লাটি যদি তুমি বন্ধকরূপে নিয়েছ, তবে সূর্যাস্তের আগেই তা ফিরিয়ে দিয়ো, 27 কারণ সেই আলখাল্লাটিই তোমার প্রতিবেশীর কাছে থাকা একমাত্র আচ্ছাদন। তারা আর কীসে শোবে? তারা যখন আমার কাছে কেঁদে উঠবে, আমি তা শুনব; কারণ আমি করুণাময়।
-
6 “তোমাদের মধ্যবর্তী দরিদ্র লোকজনের মামলায় তাদের প্রতি যেন ন্যায়বিচার অস্বীকার করা না হয়।
-
9 সে অবাধে দরিদ্রদের মাঝে দান বিতরণ করেছে,
তার ধার্মিকতা চিরস্থায়ী;
তার শিং গৌরবে উন্নত হবে।
-
1 যে মূর্খের ঠোঁট উচ্ছৃঙ্খল তার চেয়ে
সেই দরিদ্রই ভালো যার জীবনযাত্রার ধরন অনিন্দনীয়।
-
1 প্রচুর ধনসম্পদের চেয়ে সুনাম বেশি কাম্য;
রুপো ও সোনার চেয়ে সম্মান পাওয়া ভালো।
2 ধনবান ও দরিদ্রের মধ্যে একটিই মিল আছে;
সদাপ্রভু তাদের উভয়েরই নির্মাতা।
-
6 সদাপ্রভু এই কথা বলেন:
“ইস্রায়েলের তিনটি পাপের জন্য,
এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না।
তারা রুপোর মুদ্রার বিনিময়ে ধার্মিক ব্যক্তিকে
এবং অভাবী মানুষকে এক জোড়া জুতোর বিনিময়ে বিক্রি করেছে।
7 তারা দীনদরিদ্র ব্যক্তির মাথা পায়ে মাড়ায়,
যেমন মাটির উপরে ধুলোকে করা হয়
এবং নিপীড়িত ব্যক্তির ন্যায়বিচার অন্যথা করে।
বাবা ও ছেলে একই মেয়ের সঙ্গে ব্যভিচার করে,
এভাবে তারা আমার পবিত্র নামের অসম্মান করে।
-
10 দুঃখার্ত, তবু যেন সবসময়ই আনন্দ করছি; দরিদ্র, তবুও অনেককে সমৃদ্ধ করছি; আমাদের কিছুই নেই, তবুও সবকিছুর অধিকারী।
-
7 তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে দেশ তোমাদের দিতে যাচ্ছেন সেই দেশের কোনো জায়গায় যদি তোমাদের কোনো ইস্রায়েলী ভাই গরিব হয়, তার প্রতি তোমাদের হৃদয় কঠিন কোরো না কিংবা তার জন্য তোমাদের হাত মুঠো কোরো না। 8 বরং, তোমরা হাত খোলা রেখো এবং তাদের প্রয়োজন অনুসারে তাদের ঋণ দিয়ো। 9 সাবধান, তোমাদের মনে এই মন্দ চিন্তাকে আমল দিয়ো না “সপ্তম বছর, ঋণ মকুবের বছর, প্রায় এসে গেছে,” সেইজন্য তোমাদের সেই অভাবী ইস্রায়েলী ভাইয়ের প্রতি এই মনোভাব নিয়ে তাকে খালি হাতে বিদায় কোরো না। সে তখন সদাপ্রভুর কাছে তোমাদের বিরুদ্ধে আবেদন করতে পারে, এবং তোমরা এই পাপের জন্য দোষী হবে। 10 মনে অনিচ্ছা না রেখে খোলা হাতে তাকে দেবে; তাহলে এর জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সব কাজে আশীর্বাদ করবেন এবং তোমরা যাতে হাত দেবে তাতেই আশীর্বাদ পাবে। 11 দেশের মধ্যে সবসময়ই গরিব মানুষজন থাকবে। সেইজন্য আমি তোমাদের এই আদেশ দিচ্ছি যে, তোমাদের দেশে যেসব ইস্রায়েলী ভাই গরিব এবং অভাবী তাদের প্রতি তোমাদের হাত খোলা রাখবে।
-
18 যে শাসন উপেক্ষা করে তাকে দারিদ্র ও লজ্জা ভোগ করতে হয়,
কিন্তু যে সংশোধনে মনোযোগ দেয় সে সম্মানিত হয়।
-
20 দরিদ্রেরা তাদের প্রতিবেশীদের দ্বারাও অবজ্ঞাত হয়,
কিন্তু ধনবানদের প্রচুর বন্ধু থাকে।
21 প্রতিবেশীকে অবজ্ঞা করা হল পাপ,
কিন্তু ধন্য সেই জন যে অভাবগ্রস্তদের প্রতি দয়া দেখায়।
-
27 যারা দরিদ্রদের দান করে তাদের কোনো কিছুর অভাব হয় না,
কিন্তু যারা তাদের দেখে চোখ বন্ধ করে থাকে তারা প্রচুর অভিশাপ কুড়ায়।
-
10 তাঁরা শুধু চাইলেন, আমরা যেন নিয়ত দরিদ্রদের কথা স্মরণে রাখি, যে কাজ করার জন্য আমিও আগ্রহী ছিলাম।
-
1 ওহে ধনী ব্যক্তিরা, তোমরা এখন শোনো, তোমাদের উপরে যে দুঃখদুর্দশা ঘনিয়ে আসছে, তার জন্য তোমরা কাঁদো ও বিলাপ করো। 2 তোমাদের ধনসম্পদ পচে যাচ্ছে ও জামাকাপড় পোকায় খেয়ে নিচ্ছে। 3 তোমাদের সোনা ও রুপো পচতে শুরু করেছে। সেই পচনই তোমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে ও আগুনের মতো তোমাদের শরীরকে গ্রাস করবে, কারণ শেষের দিনগুলির জন্য তোমরা ধন সঞ্চয় করছ। 4 দেখো! যে মজুরেরা তোমাদের জমিতে ফসল কেটেছে তাদের মজুরি তোমরা দাওনি, তারা তোমাদের বিরুদ্ধে চিৎকার করছে। যারা শস্য কাটে তাদের কান্না সর্বশক্তিমান প্রভুর কানে গিয়ে পৌঁছেছে। 5 তোমরা পৃথিবীতে বিলাসিতায় ও আত্মসুখভোগে জীবন কাটিয়েছ। পশুহত্যার দিনে তোমরা নিজেদের হৃষ্টপুষ্ট করেছ। 6 যারা প্রতিরোধ করেনি সেইসব নির্দোষ মানুষকেও তোমরা অপরাধী সাব্যস্ত করে হত্যা করেছ।
-
5 ধন্য সেই ব্যক্তি, যার সহায় যাকোবের ঈশ্বর,
ঈশ্বর সদাপ্রভুতেই তার সব প্রত্যাশা।
6 তিনি আকাশমণ্ডল ও পৃথিবী,
সাগর ও তাদের মধ্যে যা কিছু আছে, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা—
তিনি চিরকাল বিশ্বস্ত থাকেন।
7 তিনি অত্যাচারিতদের পক্ষে ন্যায়বিচার করেন,
আর ক্ষুধার্তদের খাবার জোগান দেন।
সদাপ্রভু বন্দিদের মুক্ত করেন।
8 সদাপ্রভু দৃষ্টিহীনকে দৃষ্টি দান করেন,
সদাপ্রভু অবনতদের উত্থাপন করেন,
সদাপ্রভু ধার্মিকদের প্রেম করেন।
9 সদাপ্রভু বিদেশিদের রক্ষা করেন
অনাথ ও বিধবাদের তিনি বহন করেন,
কিন্তু তিনি দুষ্টদের সংকল্প ব্যর্থ করেন।
-
10 আর একটু ঘুম, আর একটু তন্দ্রা,
হাত পা গুটিয়ে আরও কিছুক্ষণ বিশ্রাম নেওয়া—
11 ও দারিদ্র এক চোরের মতো
ও অভাব এক সশস্ত্র সৈনিকের মতো তোমার উপরে এসে পড়বে।
-
20 যারা সুরা পান করে বা গাণ্ডেপিণ্ডে খাওয়াদাওয়া করে
তাদের সঙ্গী হোয়ো না,
21 কারণ মদ্যপ ও পেটুকেরা দরিদ্র হয়ে যায়,
ও তন্দ্রাচ্ছন্নভাব তাদের ছেঁড়া জামাকাপড় পরিয়ে ছাড়ে।
-
8 আর সদাপ্রভুর বাক্য সখরিয়ের কাছে উপস্থিত হল, 9 “সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, ‘তোমরা ন্যায়ভাবে বিচার করো, একে অন্যের প্রতি করুণা করো ও সহানুভূতি দেখাও। 10 তোমরা বিধবাদের বা অনাথদের, বিদেশিদের বা গরিবদের উপর অত্যাচার কোরো না। একে অন্যের বিষয় হৃদয়ে মন্দ চিন্তা কোরো না।’
-
20 উত্তরে যীশু বললেন, “শিয়ালদের গর্ত আছে, আকাশের পাখিদের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখার কোনও স্থান নেই।”
-
11 যোহন উত্তর দিলেন, “যার দুটি পোশাক আছে সে, যার একটিও নেই, তার সঙ্গে ভাগ করে নিক; আর যার কাছে কিছু খাদ্যসামগ্রী আছে, সেও তাই করুক।”
-
16 বিশ্বাসী কোনো মহিলার পরিবারে যদি বিধবারা থাকে, তাহলে সে তাদের সাহায্য করুক, তাদের জন্য মণ্ডলীকে যেন দায়িত্বভার নিতে না হয়; সেক্ষেত্রে যে বিধবারা সত্যিসত্যিই দুস্থ, মণ্ডলী তাদের সাহায্য করতে পারবে।
-
9 আমি তোমার দুঃখকষ্ট ও তোমার দারিদ্র্যের কথা জানি—তবুও তুমি ধনী। নিজেদের ইহুদি বললেও যারা ইহুদি নয়, কিন্তু শয়তানের সমাজ, তাদের ধর্মনিন্দার কথাও আমি জানি।
-
9 আর তুমি বিধবাদের খালি হাতে বিদায় করতে,
ও পিতৃহীনদের শক্তি চূর্ণ করতে।
10 সেইজন্যই তোমার চারপাশে ফাঁদ পাতা আছে,
আকস্মিক বিপদ তোমাকে আতঙ্কিত করে,
11 এত অন্ধকার হয়েছে যে তুমি দেখতে পাচ্ছ না,
ও জলের বন্যা তোমাকে ঢেকে ফেলেছে।
-
24 কেউ একজন মুক্তহস্তে দান করে, অথচ সে আরও বেশি লাভবান হয়;
অন্য কেউ অযথা কৃপণতা করে, কিন্তু দারিদ্রে পৌঁছে যায়।
25 অকৃপণ ব্যক্তি উন্নতি লাভ করবে;
যে কেউ অন্যান্য লোকদের পুনরুজ্জীবিত করে সেও পুনরুজ্জীবিত হবে।
-
23 সব কঠোর পরিশ্রমই লাভের মুখ দেখে,
কিন্তু নিছক কথাবার্তা শুধু দারিদ্রই নিয়ে আসে।
-
5 যে দরিদ্রদের উপহাস করে সে তাদের নির্মাতার প্রতিই অসম্মান দেখায়;
যে বিপর্যয় দেখে আনন্দ পায় সে অদণ্ডিত থাকবে না।
-
17 যারা দরিদ্রদের প্রতি দয়া দেখায় তারা সদাপ্রভুকেই ঋণ দেয়,
ও তারা যা করেছে সেজন্য সদাপ্রভু তাদের পুরস্কৃত করবেন।
-
22 একজন মানুষ যা চায় তা হল অফুরান ভালোবাসা;
মিথ্যাবাদী হওয়ার চেয়ে দরিদ্র হওয়া ভালো।
-
17 যে তুচ্ছ আমোদ-প্রমোদ ভালোবাসে সে দরিদ্র হয়ে যাবে;
যে দ্রাক্ষারস ও জলপাই তেল ভালোবাসে সে কখনও ধনবান হবে না।
-
8 তাদের হয়ে কথা বলো যারা নিজেদের কথা নিজেরা বলতে পারে না,
সেইসব লোকের অধিকারের স্বপক্ষে কথা বলো যারা সর্বস্বান্ত।
9 উচ্চকণ্ঠে বলো ও ন্যায়বিচার করো:
দরিদ্র ও অভাবগ্রস্তদের অধিকারের স্বপক্ষে ওকালতি করো।
-
8 যিনি কৃত্তিকা ও কালপুরুষ নক্ষত্রমণ্ডলী নির্মাণ করেছেন,
যিনি মধ্য রাত্রিকে প্রভাতে পরিণত করেন
ও দিনকে রাতের মতো অন্ধকারময় করেন,
যিনি সমুদ্রের জলরাশিকে আহ্বান করেন
ও ভূপৃষ্ঠের উপরে তাদের ঢেলে দেন—
সদাপ্রভু তাঁর নাম।
9 তিনি দৃঢ় দুর্গের উপরে দ্রুত সর্বনাশ নামিয়ে আনেন
ও সুরক্ষিত নগরীকে ধ্বংস করে থাকেন,
10 তোমরা তাকে ঘৃণা করো, যে ন্যায়ালয়ে তিরস্কার করে
ও যে সত্যিকথা বলে, তাকে অবজ্ঞা করো।
11 তোমরা দরিদ্রদের পদদলিত করো
ও জোর করে তাদের কাছ থেকে শস্য কেড়ে নাও।
তাই, তোমরা যদিও পাথরের অট্টালিকা নির্মাণ করেছ,
তোমরা সেগুলির মধ্যে বসবাস করতে পারবে না;
তোমরা যদিও রম্য দ্রাক্ষাকুঞ্জ রোপণ করেছ,
তা থেকে উৎপন্ন দ্রাক্ষারস তোমরা পান করতে পারবে না।
12 কারণ আমি তোমাদের অপরাধের মাত্রা
ও তোমাদের পাপসকল কত ব্যাপক, তা জানি।
তোমরা ধার্মিক ব্যক্তিকে নিপীড়ন করো ও ঘুস নাও,
তোমরা ন্যায়ালয়ে দরিদ্রদের ন্যায়বিচার থেকে বঞ্চিত করো।
13 সেই কারণে বিচক্ষণ মানুষ এসব সময়ে চুপ করে থাকে,
কারণ সময় সব মন্দ।
-
21 “পরে সেই দাস ফিরে এসে তার প্রভুকে এসব কথা জানাল। তখন সেই বাড়ির কর্তা ক্রুদ্ধ হয়ে তার দাসকে আদেশ দিলেন, ‘নগরের পথে পথে ও অলিগলিতে শীঘ্র বেরিয়ে পড়ো এবং কাঙাল, পঙ্গু, অন্ধ ও খোঁড়া—সবাইকে নিয়ে এসো।’
-
8 কিন্তু সক্কেয় দাঁড়িয়ে প্রভুকে বলল, “প্রভু দেখুন, আমি এখনই আমার সম্পত্তির অর্ধেক দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিচ্ছি। আর কাউকে প্রতারণা করে যদি কিছু নিয়েছি, তাহলে তার চারগুণ অর্থ আমি তাকে ফিরিয়ে দেব।”
-
1 সেই সময় শিষ্যদের সংখ্যা যখন বৃদ্ধি পাচ্ছিল, তাদের মধ্যে যারা গ্রিকভাষী ইহুদি ছিল তারা, হিব্রুভাষী ইহুদিদের বিরুদ্ধে অভিযোগ করতে লাগল, কারণ প্রতিদিনের খাবার ভাগ করার সময় তাদের বিধবারা উপেক্ষিত হচ্ছিল।
-
35 আমার সমস্ত কাজের মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছি যে, এই ধরনের কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের অবশ্যই দুর্বলদের সাহায্য করতে হবে। স্বয়ং প্রভু যীশুর বলা বাক্য আমাদের মনে রাখতে হবে, ‘গ্রহণ করার চেয়ে দান করাতেই বেশি আশীর্বাদ।’ ”
-
9 তাঁরই নাম বিধবাদের তালিকাভুক্ত হবে, যাঁর বয়স ষাট বছরের বেশি এবং যিনি তাঁর স্বামীর প্রতি বিশ্বস্ত ছিলেন; 10 যিনি বিভিন্ন সৎকর্মের জন্য সুপরিচিত, যেমন সন্তানের লালনপালন, আতিথেয়তা, পবিত্রগণের পা ধুয়ে দেওয়া, বিপন্নদের সাহায্য করা এবং সর্বপ্রকার সৎকর্মে আত্মনিয়োগ করেছেন।
-
15 আমি তোমার কাজকর্মগুলি জানি, তুমি উত্তপ্ত নও, তুমি শীতলও নও। আমি চাইছিলাম, তুমি হয় উত্তপ্ত হও, নয় শীতল হও! 16 তাই, তুমি যেহেতু নাতিশীতোষ্ণ, অর্থাৎ না উত্তপ্ত, না শীতল, তাই আমি তোমাকে আমার মুখ থেকে বমি করে ফেলতে উদ্যত হয়েছি। 17 তুমি বলে থাকো, ‘আমি ধনী; আমি প্রচুর ধনসম্পদ সংগ্রহ করেছি, তাই আমার আর কোনও প্রয়োজন নেই।’ কিন্তু তুমি বুঝতেই পারছ না যে, তুমিই হলে দুর্দশাগ্রস্ত, কৃপার পাত্র, দরিদ্র, অন্ধ ও নগ্ন। 18 আমি তোমাকে একটি পরামর্শ দিই, তুমি আমার কাছ থেকে আগুনে পরিশোধিত হওয়া সোনা কিনে নাও যেন তুমি ধনী হতে পারো; গায়ে পরবার জন্য সাদা পোশাক যেন তোমার লজ্জাজনক নগ্নতা ঢাকা দিতে পারো; ও দুই চোখে লাগানোর জন্য কাজল যেন তুমি দেখতে পাও। 19 আমি যাদের প্রেম করি, তাদের আমি তিরস্কার করি ও শাসন করি। তাই আন্তরিক আগ্রহ দেখাও ও মন পরিবর্তন করো। 20 দেখো আমি তোমার কাছেই আছি! এই আমি দুয়ারে দাঁড়িয়ে আছি ও কড়া নাড়ছি, যদি কেউ আমার কণ্ঠস্বর শুনে দুয়ার খুলে দেয়, আমি ভিতরে প্রবেশ করব ও তার সঙ্গে বসে আহার করব, আর সেও আমার সঙ্গে আহার করবে। 21 যে বিজয়ী হয়, তাকে আমি আমার সঙ্গে আমার সিংহাসনে বসার অধিকার দেব, ঠিক যেমন আমি বিজয়ী হয়ে আমার পিতার সঙ্গে তাঁর সিংহাসনে বসেছি। 22 যার কান আছে, সে শুনুক, যে পবিত্র আত্মা মণ্ডলীদের কী বলছেন।”
-
17 দুষ্টরা পাতালের গর্ভে যায়,
যেসব জাতি ঈশ্বরকে ভুলেছে তারাও যায়।
18 কিন্তু, ঈশ্বর দরিদ্রদের কখনও ভুলবেন না;
পীড়িতদের আশা কখনও বিফল হবে না।
-
5 “দীনহীনদের লুটপাট করা হচ্ছে ও দরিদ্ররা আর্তনাদ করছে,
সেই কারণে আমি এবার জাগ্রত হব,” সদাপ্রভু বলেন।
“অনিষ্টকারীদের হাত থেকে আমি তাদের রক্ষা করব।”
-
10 তোমার প্রজারা সেই দেশে বসতি স্থাপন করল,
আর হে ঈশ্বর, তোমার প্রাচুর্য থেকে তুমি দরিদ্রদের জোগান দিলে।
-
12 তিনি আর্তনাদকারী অভাবীদের
আর অসহায় পীড়িতদের উদ্ধার করবেন।
13 তিনি দরিদ্র ও অভাবীদের প্রতি দয়া করবেন
এবং অভাবীদের মৃত্যু থেকে রক্ষা করবেন।
14 তিনিই তাদের অত্যাচার ও হিংসা থেকে মুক্ত করবেন,
কারণ তাঁর দৃষ্টিতে তাদের রক্ত মূল্যবান।
15 রাজা দীর্ঘজীবী হোন!
শিবা দেশের সোনা তাঁকে দেওয়া হোক।
লোকেরা তাঁর জন্য চিরকাল প্রার্থনা করুক
এবং তাঁকে সর্বদা আশীর্বাদ করুক।
-
31 যে দরিদ্রদের শোষণ করে সে তাদের সৃষ্টিকর্তাকে অপমান করে,
কিন্তু যে দরিদ্রদের প্রতি দয়া দেখায় সে ঈশ্বরকে সম্মানিত করে।
-
6 যে ধনবানদের জীবনযাত্রার ধরন উচ্ছৃঙ্খল তাদের চেয়ে
সেই দরিদ্রেরা ভালো যাদের জীবনযাত্রার ধরন অনিন্দনীয়।
-
16 সে দরিদ্র ও নিঃস্বদের পক্ষসমর্থন করত,
তাই সবকিছু ভালোই হয়েছিল।
আমাকে জানার অর্থ কি তাই নয়?”
সদাপ্রভু এই কথা বলেন।
-
4 তোমরা যারা দরিদ্রদের পদদলিত করো
ও দেশের দীনদরিদ্র লোকেদের নিকেশ করো, তোমরা এই কথা শোনো।
5 তোমরা বলে থাকো,
“অমাবস্যা কখন শেষ হবে যে,
আমরা শস্য বিক্রি করতে পারব?
সাব্বাথবার কখন সমাপ্ত হবে যে,
আমরা গমের ব্যবসা করতে পারব?” তা করা হবে বাটখারার ওজন কমিয়ে,
দাম বৃদ্ধি করে
ও অন্যায্য দাঁড়িপাল্লায় ঠকানোর মাধ্যমে,
6 দরিদ্রদের রুপোর টাকায় কিনে নিয়ে,
এক জোড়া জুতোর বিনিময়ে অভাবীকে ক্রয় করে
এবং গমের ছাঁটকে পর্যন্ত বিক্রি করে।
-
1 এখন ভাইবোনেরা, ম্যাসিডোনিয়ার মণ্ডলীগুলিকে ঈশ্বর যে অনুগ্রহ প্রদান করেছেন, আমরা চাই, তোমরা সে সম্পর্কে অবহিত হও। 2 কষ্টের চরম পরীক্ষার মধ্যেও তাদের আনন্দের উচ্ছ্বাস ও নিদারুণ দারিদ্র্য, প্রচুর দানশীলতায় উপচে পড়েছে। 3 কারণ আমি সাক্ষ্য দিচ্ছি, তারা তাদের সাধ্যমতো, এমনকি, সাধ্যেরও অতিরিক্ত পরিমাণে, দান করেছে। তারা নিজেদের ইচ্ছায় 4 প্রবল আগ্রহের সঙ্গে, পবিত্রগণের এই সেবায় অংশগ্রহণের সুযোগ লাভের জন্য আমাদের মিনতি জানিয়েছে। 5 তারা আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে কাজ করল। ঈশ্বরের ইচ্ছা অনুসারে তারা প্রথমে প্রভুর, পরে আমাদেরও কাছে নিজেদের প্রদান করল।
-
28 যে চুরি করতে অভ্যস্ত, সে যেন আর চুরি না করে, বরং নিজের হাতে পরিশ্রমের দ্বারা সৎ উপায়ে উপার্জন করে; দুস্থদের সাহায্য করার মতো তার হাতে যেন কিছু উদ্বৃত্ত থাকে।
-
1 সদাপ্রভু নাথনকে দাউদের কাছে পাঠালেন। তাঁর কাছে এসে তিনি বললেন, “কোনও এক নগরে দুজন লোক ছিল, একজন ছিল ধনী ও অন্যজন দরিদ্র। 2 ধনী লোকটির কাছে প্রচুর মেষ ও গবাদি পশু ছিল, 3 কিন্তু দরিদ্র লোকটির কাছে কিনে আনা একটি ছোটো শাবক মেষী ছাড়া আর কিছুই ছিল না। সে সেটির লালনপালন করল, ও সেটি তার কাছে থেকে তার ছেলেমেয়ের সঙ্গে বড়ো হয়ে উঠেছিল। সেটি তার হাত থেকেই খাবার খেতো, তার পানপাত্র থেকেই জলপান করত ও এমন কী তার কোলেই ঘুমাতো। তার কাছে সেটি এক মেয়ের মতোই ছিল।
4 “একবার সেই ধনী লোকটির কাছে একজন পথিক এসেছিল, কিন্তু সেই ধনী লোকটি তার কাছে আসা পথিকের জন্য খাবারের আয়োজন করতে গিয়ে নিজের পাল থেকে কোনও মেষ বা পশু না নিয়ে, তার পরিবর্তে, সে দরিদ্র লোকটির অধিকারে থাকা শাবক ভেড়ীটি ছিনিয়ে এনে সেটি তার বাসায় আসা অতিথির জন্য রান্না করে দিয়েছিল।”
5 সেই লোকটির বিরুদ্ধে দাউদ রাগে জ্বলে উঠেছিলেন ও নাথনকে বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি, যে এ কাজটি করেছে তাকে মরতেই হবে! 6 সেই শাবক ভেড়ীটির চারগুণ দাম তাকে ফিরিয়ে দিতে হবে, কারণ সে এরকম কাজ করেছে ও তার মনে দয়ামায়াও হয়নি।”
-
সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।
1 ধন্য সেই ব্যক্তি, যে দীনহীনদের জন্য চিন্তা করে;
সংকটের দিনে সদাপ্রভু তাদের উদ্ধার করেন।
2 সদাপ্রভু তাকে রক্ষা করেন আর জীবিত রাখেন—
তিনি তাদের দেশে তাদের সমৃদ্ধি দেন—
সদাপ্রভু তাকে তার শত্রুদের ইচ্ছায় সমর্পণ করেন না।
3 সদাপ্রভু রোগশয্যায় তাকে বাঁচিয়ে রাখবেন
এবং অসুস্থতার বিছানা থেকে তাকে সুস্থ করবেন।
-
16 যে নিজের ধনসম্পত্তি বাড়িয়ে তোলার জন্য দরিদ্রদের উপরে অত্যাচার করে
ও যে ধনবানদের উপহার দেয়—উভয়েই দারিদ্রের সম্মুখীন হবে।
-
7 “হে সদাপ্রভু, আমি তোমার কাছে দুটি জিনিস চাইছি;
আমি মারা যাওয়ার আগে আমাকে প্রত্যাখ্যান কোরো না:
8 ছলনা ও মিথ্যা কথা আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখো;
আমাকে দারিদ্র বা ধনসম্পত্তি কিছুই দিয়ো না,
কিন্তু আমার দৈনিক আহারটুকুই শুধু আমাকে দাও।
9 পাছে, অনেক কিছু পেয়ে আমি তোমাকে অস্বীকার করে বসি
ও বলে ফেলি, ‘সদাপ্রভু কে?’
বা দরিদ্র হয়ে গিয়ে চুরি করে বসি,
ও এভাবে আমার ঈশ্বরের নামের অসম্মান করে ফেলি।
-
13 সদাপ্রভু তাঁর দরবারে অবস্থান গ্রহণ করেছেন;
তিনি জাতিসমূহের বিচার করার জন্য উঠে দাঁড়িয়েছেন।
14 সদাপ্রভু প্রাচীনদের ও তাঁর প্রজাদের নেতৃগণের বিরুদ্ধে বিচার করতে চলেছেন:
“তোমরাই আমার দ্রাক্ষাকুঞ্জ নষ্ট করেছ;
দরিদ্র মানুষদের কাছ থেকে লুট করা জিনিস তোমাদেরই বাড়িতে আছে।
15 আমার প্রজাদের চূর্ণ করে এবং
দরিদ্রদের মুখ ঘষে দিয়ে তোমরা কী বলতে চাইছ?”
প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন।
-
32 বিশ্বাসীরা সকলেই ছিল একচিত্ত ও একপ্রাণ। কেউই তাঁর সম্পত্তির কোনো অংশ নিজের বলে দাবি করত না। কিন্তু তাদের যা কিছু ছিল, তা সকলের সঙ্গে ভাগ করে নিত। 33 প্রেরিতশিষ্যেরা মহাপরাক্রমের সঙ্গে প্রভু যীশুর পুনরুত্থান সম্পর্কে সাক্ষ্য দিতে লাগলেন এবং প্রচুর অনুগ্রহ তাদের সকলের উপরে ছিল। 34 তাদের মধ্যে কেউ অভাবগ্রস্ত ছিল না। কারণ, সময়ে সময়ে, যাদের জমি বা বাড়িঘর ছিল, তারা সেগুলি বিক্রি করে, সেই বিক্রি করা অর্থ এনে 35 প্রেরিতশিষ্যদের চরণে রাখত। পরে যার যেমন প্রয়োজন হত, তাকে সেই অনুযায়ী ভাগ করে দেওয়া হত।
-
14 “ ‘বধিরকে অভিশাপ দিয়ো না, অথবা অন্ধজনের সামনে বাধা রেখো না; কিন্তু তোমাদের ঈশ্বরকে ভয় কোরো। আমি সদাপ্রভু।
15 “ ‘তোমরা বিচারে অন্যায় করবে না; দরিদ্রের প্রতি পক্ষপাতিত্ব দেখাবে না, অথবা ধনবানকে তোষণ করবে না, কিন্তু তোমাদের প্রতিবেশীর প্রতি ন্যায়বিচার করবে।
16 “ ‘তোমাদের লোকদের মাঝে কুৎসা রটাতে এগিয়ে যেয়ো না।
“ ‘এমন কোনো কাজ করবে না, যার দ্বারা তোমাদের প্রতিবেশীর জীবন বিপন্ন হয়। আমি সদাপ্রভু।
-
14 কিন্তু তুমি, হে ঈশ্বর, পীড়িতদের কষ্ট সবই দেখো;
তুমি তাদের দুর্দশা দেখো ও নিজের হাতে তার প্রতিকার করো।
অসহায় মানুষ তোমারই শরণ নেয়;
তুমিই অনাথের আশ্রয়।
-
15 ধনবানের ধনসম্পত্তিই তাদের সুরক্ষিত নগর,
কিন্তু দারিদ্রই দরিদ্রের সর্বনাশ।
-
30 আমি অলসের ক্ষেতজমির পাশ দিয়ে গেলাম,
এমন একজনের দ্রাক্ষাক্ষেতের পাশ দিয়ে গেলাম যার কোনও বোধশক্তি নেই;
31 সর্বত্র কাঁটাগাছ জন্মেছে,
জমি আগাছায় ভরে গিয়েছে,
ও পাথরের প্রাচীর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
32 আমি যা লক্ষ্য করেছিলাম তা নিয়ে একটু ভাবলাম
ও যা দেখেছিলাম তা থেকে এই শিক্ষা পেলাম:
33 আর একটু ঘুম, আর একটু তন্দ্রা,
হাত পা গুটিয়ে আরও কিছুক্ষণ বিশ্রাম নেওয়া—
34 ও দারিদ্র এক চোরের মতো
ও অভাব এক সশস্ত্র সৈনিকের মতো তোমার উপরে এসে পড়বে।
-
17 যীশু তাঁর পথ চলা শুরু করলে, একজন যুবক দৌড়ে তাঁর কাছে এল। সে তাঁর সামনে নতজানু হয়ে জিজ্ঞাসা করল, “সৎ গুরু, অনন্ত জীবনের অধিকারী হওয়ার জন্য আমাকে কী করতে হবে?”
18 যীশু উত্তর দিলেন, “তুমি আমাকে সৎ বলছ কেন? একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ সৎ নয়। 19 তুমি আজ্ঞাগুলি নিশ্চয় জানো, ‘নরহত্যা কোরো না, ব্যভিচার কোরো না, চুরি কোরো না, মিথ্যা সাক্ষ্য দিয়ো না, প্রতারণা কোরো না, তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান কোরো।’ ”
20 সে ঘোষণা করল, “গুরুমহাশয়, এসবই আমি বাল্যকাল থেকে পালন করে আসছি।”
21 যীশু তার দিকে তাকালেন ও তাকে প্রেম করলেন। তিনি বললেন, “একটি বিষয়ে তোমার ঘাটতি আছে। তুমি যাও, গিয়ে তোমার যা কিছু আছে, সর্বস্ব বিক্রি করে দরিদ্রদের মধ্যে বিলিয়ে দাও, তাহলে তুমি স্বর্গে ধনসম্পত্তি লাভ করবে। তারপর এসে আমাকে অনুসরণ করো।”
22 এতে সেই লোকটির মুখ ম্লান হয়ে গেল। সে দুঃখিত মনে চলে গেল, কারণ তার বিপুল ধনসম্পত্তি ছিল।
-
22 তাই তিনি সেই বার্তাবহদের উত্তর দিলেন, “তোমরা যা দেখলে, যা শুনলে, ফিরে গিয়ে সেসব যোহনকে জানাও। যারা অন্ধ তারা দৃষ্টি পাচ্ছে, যারা খোঁড়া তারা চলতে পারছে, যারা কুষ্ঠরোগী তারা শুচিশুদ্ধ হচ্ছে, যারা কালা তারা শুনতে পাচ্ছে, যারা মৃত তারা উত্থাপিত হচ্ছে ও যারা দরিদ্র তাদের কাছে সুসমাচার প্রচারিত হচ্ছে।
-
9 যে ভাইবোনেরা খুব সাধারণ পরিস্থিতিতে আছে, সে তার উঁচু অবস্থানের জন্য গর্ববোধ করুক। 10 কিন্তু যে ধনী, সে তার থেকে নিচু অবস্থানের জন্য গর্বিত হোক, কারণ সে বুনোফুলের মতো হারিয়ে যাবে। 11 কারণ সূর্য প্রখর তাপ নিয়ে উদিত হয় ও গাছপালা শুকিয়ে যায়; তার ফুল ঝরে যায় ও সৌন্দর্য নষ্ট হয়। একইভাবে, ধনী ব্যক্তি তার কর্মব্যস্ততা সত্ত্বেও ম্লান হয়ে যাবে।
-
1 ভাববাদী সম্প্রদায়ের মধ্যে একজন লোকের স্ত্রী ইলীশায়ের কাছে এসে কেঁদে বলল, “আপনার দাস—আমার স্বামী মারা গিয়েছে, আর আপনি তো জানেন যে সে সদাপ্রভুকে গভীর শ্রদ্ধা করত। কিন্তু এখন তার পাওনাদার এসে আমার দুটি সন্তানকে তার ক্রীতদাস করে নিয়ে যেতে চাইছে।”
2 ইলীশায় তাকে উত্তর দিলেন, “আমি কীভাবে তোমাকে সাহায্য করব? আমায় বলো, তোমার ঘরে কী আছে?”
“আপনার এই দাসীর কাছে বলতে গেলে কিছুই নেই,” সে বলল, “শুধু ছোটো একটি বয়ামে কিছুটা জলপাই তেল আছে।”
3 ইলীশায় বললেন, “আশেপাশে গিয়ে তোমার প্রতিবেশীদের কাছ থেকে কয়েকটি খালি বয়াম চেয়ে আনো। শুধু অল্প কয়েকটি বয়াম চাইলেই হবে না। 4 পরে ঘরের ভিতরে গিয়ে তুমি ও তোমার ছেলেরা দরজা বন্ধ করে দেবে। সবকটি বয়ামে তেল ঢালতে থেকো, এবং একটি করে বয়াম ভর্তি হবে, আর তুমিও এক এক করে সেগুলি এক পাশে সরিয়ে রাখবে।”
5 সে তাঁর কাছ থেকে চলে গেল এবং ছেলেদের নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল। তারা তার কাছে বেশ কয়েকটি বয়াম নিয়ে এসেছিল এবং সে সেগুলিতে তেল ঢেলে যাচ্ছিল। 6 সবকটি বয়াম ভর্তি হয়ে যাওয়ার পর, সে তার এক ছেলেকে বলল, “আরও বয়াম নিয়ে এসো।”
কিন্তু সে উত্তর দিয়েছিল, “আর কোনও বয়াম অবশিষ্ট নেই।” তখনই তেলের স্রোত বন্ধ হয়ে গেল।
7 সে ঈশ্বরের লোককে গিয়ে সব কথা বলল, এবং তিনি বললেন, “যাও, তেল বিক্রি করে তোমার দেনা শোধ করো। আর যতটুকু তেল থেকে যাবে, তা দিয়ে তুমি ও তোমার ছেলেরা খেয়ে-পরে বেঁচে থাকবে।”
-
6 অকারণে তুমি তোমার আত্মীয়দের কাছ থেকে জামানত চেয়েছ;
তুমি লোকদের পরনের পোশাক কেড়ে নিয়েছ, তাদের উলঙ্গ করে ছেড়েছ।
7 তুমি ক্লান্ত মানুষকে জল দাওনি
ও ক্ষুধার্ত মানুষকে খাদ্য দিতে অসম্মত হয়েছ,
-
5 যারা তাঁর দিকে দৃষ্টিপাত করে, তারা দীপ্তিমান হয়;
তাদের মুখ কখনও লজ্জায় আবৃত হবে না।
6 এই দুঃখী ডাকল, আর সদাপ্রভু শুনলেন;
তিনি তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করলেন।
-
4 অলসতার হাত দারিদ্র ডেকে আনে,
কিন্তু পরিশ্রমী হাত ধনসম্পত্তি নিয়ে আসে।
-
5 পরিশ্রমীদের পরিকল্পনা লাভের মুখ দেখে
ঠিক যেভাবে হঠকারিতা দারিদ্র নিয়ে আসে।
-
4 তুমি দরিদ্রদের জন্য এক আশ্রয়স্থান হয়েছ,
দুর্দশায় হয়েছ নিঃস্ব ব্যক্তির শরণস্থান,
প্রবল ঝড়ে রক্ষা পাওয়ার জায়গা
ও উত্তাপ থেকে রক্ষা পাওয়ার ছায়াসদৃশ।
কারণ নির্মম ব্যক্তিদের শ্বাসপ্রশ্বাস,
যেমন কোনো দেওয়ালে প্রতিহত হওয়া হল্কার মতো
-
41 “তারপরে তিনি তাঁর বাঁদিকের লোকদের বলবেন, ‘অভিশপ্ত তোমরা, আমার কাছ থেকে দূর হয়ে অনন্ত অগ্নিতে নিক্ষিপ্ত হও, যা দিয়াবল ও তার দূতদের জন্য তৈরি করা হয়েছে। 42 কারণ আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে কিছুই খেতে দাওনি; আমি তৃষ্ণার্ত ছিলাম, তোমরা আমাকে পান করার জন্য কিছু দাওনি; 43 আমি অপরিচিত ছিলাম, তোমরা আমাকে আশ্রয় দাওনি; আমার পোশাকের প্রয়োজন দেখেও আমাকে পোশাক দাওনি; আমি অসুস্থ ও কারাগারে ছিলাম, তোমরা আমার দেখাশোনা করোনি।’
44 “তারাও উত্তর দেবে, ‘প্রভু, আমরা কখন আপনাকে ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত, অপরিচিত বা পোশাকহীন, অসুস্থ বা কারাগারে দেখে সাহায্য করিনি?’
45 “তিনি উত্তর দেবেন, ‘আমি তোমাদের সত্যিই বলছি, আমার এই নগণ্যতম জনেদের কোনো একজনের প্রতি যখন তা করোনি তখন তা তোমরা আমার প্রতিই করোনি।’
46 “তারপর তারা চিরন্তন শাস্তির উদ্দেশ্যে যাবে, কিন্তু ধার্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করবে।”
-
10 তাই, আমরা যখন সুযোগ পেয়েছি, এসো, আমরা সব মানুষের প্রতি সৎকর্ম করি, বিশেষত তাদের প্রতি যারা বিশ্বাসীদের পরিজন।
-
9 আবার বিশ্বাসীদের প্রতি ভালোবাসা সম্পর্কে তোমাদের কাছে কিছু লেখার প্রয়োজন নেই। কারণ পরস্পরকে ভালোবাসতে স্বয়ং ঈশ্বরই তোমাদের শিক্ষা দিয়েছেন। 10 বস্তুত, সমগ্র ম্যাসিডোনিয়ার ভাইবোনেদের তোমরা ভালোবাসো। তবুও ভাইবোনেরা, আমরা তোমাদের মিনতি করছি, তোমরা আরও বেশি করে তা করো। 11 শান্ত জীবনযাপনই হোক তোমাদের লক্ষ্য। আমাদের নির্দেশমতো, নিজের কাজে মন দাও, স্বনির্ভর হও, 12 যেন তোমাদের দৈনিক জীবনচর্যা বাইরের লোকদের শ্রদ্ধা উদ্রেক করতে পারে এবং তোমরা যেন পরনির্ভরশীল না হও।
-
9 উদার প্রকৃতির মানুষেরা স্বয়ং আশীর্বাদধন্য হবে,
কারণ তারা তাদের খাদ্য দরিদ্রদের সঙ্গে ভাগ করে নেয়।
-
3 যদি আমি আমার সর্বস্ব দরিদ্রদের দান করি এবং আগুনে পুড়ে যাওয়ার জন্য আমার দেহ সমর্পণ করি, কিন্তু ভালোবাসা না থাকে, আমার কোনোই লাভ হয় না।
-
9 এখন তাড়াতাড়ি করে আমার বাবার কাছে ফিরে যাও এবং তাঁকে বলো, ‘তোমার ছেলে যোষেফ একথা বলেছে: ঈশ্বর আমাকে সমগ্র মিশরের মালিক করে তুলেছেন। আমার কাছে নেমে এসো; দেরি কোরো না। 10 তোমরা গোশন অঞ্চলে বসবাস করবে এবং আমার কাছেই থাকবে—তোমরা, তোমাদের সন্তানেরা, এবং তোমাদের নাতিপুতিরা, তোমাদের গোমেষাদি পশুপাল, এবং তোমাদের যা যা আছে সেসবকিছু। 11 আমি সেখানে তোমাদের জন্য সবকিছুর জোগান দেব, কারণ পাঁচ বছরের দুর্ভিক্ষ এখনও বাকি আছে। তা না হলে তোমরা ও তোমাদের পরিবার-পরিজন এবং তোমাদের অধিকারভুক্ত সবাই নিঃস্ব হয়ে যাবে।’
-
9 “ ‘তোমাদের জমির ফসল কাটার সময় একেবারে ফসলের গোড়া কাটবে না, অথবা জমিতে পড়ে থাকা ফসল সংগ্রহ করবে না। 10 তোমাদের দ্রাক্ষাক্ষেতে দ্বিতীয়বার যেয়ো না, অথবা ঝরে পড়া আঙুর তুলবে না। দরিদ্র ও বিদেশিদের জন্য সেগুলি ছেড়ে দিয়ো। আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর।
-
25 “ ‘যদি তোমার স্বদেশবাসীর মধ্যে কেউ দরিদ্র হয় এবং সে তার কিছু জমি বিক্রি করে, তাহলে তার নিকটতম আত্মীয় আসবে ও স্বদেশবাসীর বিক্রীত ভূমি মুক্ত করবে। 26 অন্যদিকে, যদি এমন কেউ থাকে, যার ভূমির মুক্তিকর্তা কেউ নেই, কিন্তু সে নিজে সমৃদ্ধিশালী হয় এবং ভূমি মুক্ত করতে তার যথেষ্ট সঙ্গতি থাকে, 27 তাহলে বিক্রি করার সময় থেকে পরবর্তী বছরগুলির জন্য সে মূল্য নির্ধারণ করবে ও বিক্রীত মূল্য ক্রেতাকে ফেরত দেবে; পরে সে নিজের অধিকারে ফিরে যাবে। 28 কিন্তু ক্রেতার পাওনা মেটাতে যদি তার সামর্থ্য না থাকে, তাহলে অর্ধশতবার্ষিক পর্যন্ত বিক্রীত সম্পদ ক্রেতার কাছে থাকবে। অর্ধশতবার্ষিকীর সময় তা ফিরিয়ে দেওয়া হবে এবং সে নিজের অধিকারে ফিরে যাবে।
29 “ ‘যদি কোনো ব্যক্তি প্রাচীরবেষ্টিত নগরে তার বাড়ি বিক্রি করে তাহলে বিক্রি করার সময় থেকে সম্পূর্ণ এক বছর পর্যন্ত তার মুক্ত করার অধিকার থাকবে। ওই সময়ের মধ্যে বিক্রেতা মুক্ত করতে পারবে। 30 যদি সম্পূর্ণ এক বছরের আগে তা মুক্ত করা না হয়, তাহলে প্রাচীরবেষ্টিত নগরের বাড়িটি চিরদিনের জন্য ক্রেতার ও তার বংশধরদের হয়ে যাবে। অর্ধশতবর্ষে এই সম্পত্তি ফেরত দেওয়া হবে না।
-
28 প্রত্যেক তৃতীয় বছরের শেষে, তোমাদের সেই বছরের ফসলের দশমাংশ তোমাদের নগরে জমা করবে, 29 যেন লেবীয়েরা (যাদের নিজেদের কোনো ভাগ বা উত্তরাধিকার নেই) এবং বিদেশিরা, পিতৃহীন ও বিধবা যারা তোমাদের নগরে বাস করে তারা এসে খেয়ে তৃপ্ত হতে পারে, এবং যেন তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের হাতের সব কাজে আশীর্বাদ করেন।
-
10 তোমাদের প্রতিবেশীকে কোনও রকম ধার দিলে, তোমরা বন্ধকি জিনিস নেওয়ার জন্য তার বাড়ির মধ্যে যাবে না। 11 বাইরে থাকবে এবং যাকে তোমরা ধার দিচ্ছ সেই বন্ধকি জিনিসটি বাইরে নিয়ে আসবে। 12 যদি সেই প্রতিবেশী গরিব হয়, তবে তোমরা তার বন্ধকি জিনিসটি রেখে ঘুমাতে যাবে না। 13 সূর্য অস্ত যাওয়ার আগে তার গায়ের কাপড় তাকে ফিরিয়ে দেবে যেন তোমাদের প্রতিবেশী সেটি গায়ে দিয়ে ঘুমাতে পারে। এতে সে তোমাদের ধন্যবাদ দেবে, এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে এটি তোমাদের ধার্মিকতার কাজ হবে।
14 যে দিনমজুর গরিব বা অভাবগ্রস্ত তার কাছ থেকে সুবিধা নেবে না, সেই মজুর এক ইস্রায়েলী ভাই কিংবা একজন বিদেশি যে তোমাদের কোনও এক নগরে বাস করছে। 15 প্রতিদিন সূর্য অস্ত যাওয়ার আগেই তার মজুরি দিয়ে দেবে, কারণ সে গরিব এবং তার উপরেই নির্ভর করে। তা না করলে সে তোমাদের বিরুদ্ধে সদাপ্রভুর কাছে কাতর হয়ে বিচার চাইবে, আর তোমরা পাপে দোষী হবে।
-
7 সদাপ্রভু দারিদ্র ও সম্পদ পাঠিয়ে দেন;
তিনিই নত করেন আবার উন্নতও করেন।
8 তিনি ধুলো থেকে দরিদ্রকে উত্তোলন করেন
আর ভস্মস্তূপের মধ্য থেকে অভাবীকে তোলেন;
তাদের তিনি রাজাধিরাজদের সাথে বসিয়ে দেন
আর তাদের সম্মানের রাজাসনে বসিয়ে দেন।
“কেননা ধরাধামের বনেদগুলি সদাপ্রভুরই অধিকার;
তিনি সেগুলির উপরে এই চরাচর ধরে রেখেছেন।
-
10 “মনে করো যদি সেই লোকের এক হিংস্র ছেলে আছে, যে রক্তপাত করে অথবা এগুলির মধ্যে যে কোনও একটি করে 11 (যদিও তার বাবা এর কোনোটিই করেনি),
“সে পাহাড়ের উপরের পূজার স্থানগুলিতে খাওয়াদাওয়া করে।
সে তার প্রতিবেশীর স্ত্রীকে কলুষিত করে।
12 সে গরিব ও অভাবীদের উপর অত্যাচার করে।
সে চুরি করে।
সে বন্ধকি জিনিস ফিরিয়ে দেয় না।
সে মূর্তির প্রতি দৃষ্টিপাত করে।
সে ঘৃণ্য কাজ করে।
13 সে সুদে টাকা ধার দেয় ও বাড়তি সুদ নেয়।
সেই লোক কি বাঁচবে? সে বাঁচবে না! কারণ সে এসব ঘৃণ্য কাজ করেছে, সে মরবেই মরবে এবং তার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী হবে।
Shows Read in context, Share and Copy.