77 Bible Verses About Missions

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Missions
  1. 16 তারপর সেই এগারোজন শিষ্য গালীলের সেই পর্বতে গেলেন, যেখানে যীশু তাদের যেতে বলেছিলেন। 17 তাঁরা তাঁকে দেখে প্রণাম করলেন, কিন্তু কেউ কেউ সন্দেহ প্রকাশ করলেন। 18 তখন যীশু তাঁদের কাছে এসে বললেন, “স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। 19 অতএব, তোমরা যাও ও সমস্ত জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিষ্ম দাও। 20 আর আমি তোমাদের যে সমস্ত আদেশ দিয়েছি, সেগুলি পালন করার জন্য তাদের শিক্ষা দাও। আর আমি নিশ্চিতরূপে, যুগান্ত পর্যন্ত নিত্য তোমাদের সঙ্গে সঙ্গে আছি।”

  2. 1 আন্তিয়খের মণ্ডলীতে কয়েকজন ভাববাদী ও শিক্ষক ছিলেন: বার্ণবা, নিগের নামে আখ্যাত শিমোন, কুরীণ প্রদেশের লুসিয়াস, মনায়েন (ইনি সামন্তরাজ হেরোদের সঙ্গে প্রতিপালিত হয়েছিলেন) ও শৌল। 2 তাঁরা যখন প্রভুর উপাসনা ও উপোস করছিলেন, পবিত্র আত্মা বললেন, “বার্ণবা ও শৌলকে আমি যে কাজের জন্য আহ্বান করেছি, সেই কাজের জন্য আমার উদ্দেশ্যে তাদের পৃথক করে দাও।” 3 এভাবে তাঁরা উপোস ও প্রার্থনা শেষ করার পর, তাঁরা তাঁদের উপরে হাত রাখলেন ও তাঁদের বিদায় দিলেন।

    4 এইভাবে তাঁরা দুজন পবিত্র আত্মার দ্বারা প্রেরিত হয়ে সিলুকিয়াতে গেলেন এবং সেখান থেকে জাহাজে সাইপ্রাস গেলেন। 5 তাঁরা সালামিতে পৌঁছে ইহুদি সমাজভবনগুলিতে ঈশ্বরের বাক্য প্রচার করলেন। যোহনও তাঁদের সঙ্গে সাহায্যকারীরূপে ছিলেন।

  3. 11 শাস্ত্র যেমন বলে, “যে কেউ তাঁর উপরে বিশ্বাস করে, সে কখনও লজ্জিত হবে না।” 12 কারণ ইহুদি ও অইহুদির মধ্যে কোনও পার্থক্য নেই; সেই একই প্রভু সকলের প্রভু এবং যতজন তাঁকে ডাকে, তাদের সকলকে তিনি পর্যাপ্ত আশীর্বাদ করেন। 13 কারণ, “যে কেউ প্রভুর নামে ডাকবে, সেই পরিত্রাণ পাবে।”

    14 তাহলে, যাঁর উপরে তারা বিশ্বাস করেনি তারা কীভাবে তাঁকে ডাকবে? আর যাঁর কথাই তারা শোনেনি, কীভাবে তাঁর উপর বিশ্বাস স্থাপন করবে? আবার কেউ তাদের কাছে প্রচার না করলে তারা কীভাবে শুনতে পাবে? 15 আর তারা প্রচারই বা কীভাবে করবে, যদি তারা প্রেরিত না হয়? যেমন লেখা আছে, “যারা সুসমাচার প্রচার করে, তাদের চরণ কতই না সুন্দর!”

  4. 4 একবার, যখন তিনি তাদের সঙ্গে খাবার খাচ্ছিলেন তখন তিনি তাঁদের এই আদেশ দিলেন, “তোমরা জেরুশালেম ছেড়ে যেয়ো না, কিন্তু আমার পিতার প্রতিশ্রুতি দেওয়া যে দানের কথা আমাকে বলতে শুনেছ, তাঁর অপেক্ষায় থেকো। 5 কারণ যোহন জলে বাপ্তিষ্ম দিতেন ঠিকই, কিন্তু কয়েকদিনের মধ্যে তোমরা পবিত্র আত্মায় বাপ্তিষ্ম লাভ করবে।”

    6 পরে তাঁরা যখন একত্র মিলিত হলেন, তাঁরা তাঁকে জিজ্ঞাসা করলেন, “প্রভু, আপনি কি এই সময়ে ইস্রায়েলীদের কাছে রাজ্য ফিরিয়ে দিতে চলেছেন?”

    7 তিনি তাঁদের বললেন, “পিতা তাঁর নিজস্ব অধিকারে যে সময় ও দিন নির্দিষ্ট করে রেখেছেন, সেসব তোমাদের জানার কথা নয়। 8 কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে এলে তোমরা শক্তি লাভ করবে, আর তোমরা জেরুশালেমে ও সমস্ত যিহূদিয়ায় ও শমরিয়ায় এবং পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত আমার সাক্ষী হবে।”

  5. 15 তিনি তাঁদের বললেন, “তোমরা সমস্ত জগতে যাও ও সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো। 16 যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয়, সে পরিত্রাণ পাবে, কিন্তু যে বিশ্বাস করে না, তার শাস্তি হবে। 17 আর যারা বিশ্বাস করে, এই চিহ্নগুলি তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে: তারা আমার নামে ভূত তাড়াবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে, 18 তারা হাতে করে সাপ তুলে ধরবে, আর তারা প্রাণনাশক বিষ পান করলেও তাদের কোনো ক্ষতি হবে না; তারা পীড়িত ব্যক্তিদের উপরে হাত রেখে প্রার্থনা করবে, আর তারা সুস্থ হবে।”

  6. 44 তিনি তাঁদের বললেন, “তোমাদের সঙ্গে থাকার সময়েই আমি এই কথা বলেছিলাম, মোশির বিধানে, ভাববাদীদের গ্রন্থে ও গীতসংহিতায় আমার সম্পর্কে যা লেখা আছে, তার সবকিছুই পূর্ণ হবে।”

    45 তারপর তিনি তাঁদের মনের দ্বার খুলে দিলেন, যেন তাঁরা শাস্ত্র বুঝতে পারেন। 46 তিনি তাঁদের বললেন, “একথা লেখা আছে, খ্রীষ্ট কষ্টভোগ করবেন ও তৃতীয় দিনে মৃতলোক থেকে পুনরুত্থিত হবেন 47 এবং জেরুশালেম থেকে শুরু করে সমস্ত জাতির কাছে তাঁরই নামে মন পরিবর্তন ও পাপক্ষমার কথা প্রচার করা হবে। 48 আর তোমরাই এ সমস্ত বিষয়ের সাক্ষী। 49 আর দেখো, পিতার প্রতিশ্রুত দান আমি তোমাদের জন্য পাঠিয়ে দিতে যাচ্ছি; কিন্তু ঊর্ধ্বলোক থেকে আগত শক্তি লাভ না করা পর্যন্ত তোমরা এই নগরেই অবস্থান করো।”

  7. 2 তোমরা সচেতনভাবে ও ধন্যবাদের সঙ্গে প্রার্থনায় নিবিষ্ট থাকো। 3 আমাদের জন্যও প্রার্থনা করো, যেন ঈশ্বর আমাদের জন্য বাক্যের দরজা উন্মুক্ত করে দেন এবং আমরা খ্রীষ্টের গুপ্তরহস্য ঘোষণা করতে পারি, যে কারণে আমি শিকলে বন্দি আছি। 4 প্রার্থনা করো, যেন যেমন উচিত, আমি তা স্পষ্টরূপে ব্যক্ত করতে পারি। 5 বাইরের লোকদের সঙ্গে আচরণে বিজ্ঞতার পরিচয় দিয়ো, সব সুযোগের সর্বাধিক সদব্যবহার করো। 6 তোমাদের আলাপ-আলোচনা যেন সবসময় অনুগ্রহে ভরপুর ও লবণে আস্বাদযুক্ত হয় এবং কাকে কীভাবে উত্তর দিতে হবে, তা যেন তোমরা জানতে পারো।

  8. 1 এরপর প্রভু আরও বাহাত্তর জনকে নিযুক্ত করলেন এবং যে সমস্ত নগরে ও স্থানে নিজে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তার আগেই তিনি দুজন দুজন করে তাঁদের সেইসব স্থানে পাঠিয়ে দিলেন। 2 তিনি তাঁদের বললেন, “ফসল প্রচুর, কিন্তু কর্মী সংখ্যা অল্প। তোমরা ফসলের মালিকের কাছে প্রার্থনা করো, যেন তিনি তাঁর শস্যক্ষেত্রে কর্মচারীদের পাঠান।” 3 তোমরা যাও! আমি নেকড়েদের মধ্যে তোমাদের মেষের মতো পাঠাচ্ছি।

  9. 35 যীশু বিভিন্ন নগর ও গ্রাম পরিক্রমা করতে লাগলেন। তিনি তাদের সমাজভবনগুলিতে শিক্ষা দিতে ও স্বর্গরাজ্যের সুসমাচার প্রচার করতে লাগলেন। তিনি সব ধরনের রোগ ও ব্যাধি দূর করলেন। 36 যখন তিনি লোকের ভিড় দেখলেন তিনি তাদের প্রতি সহানুভূতিশীল হলেন, কারণ তারা পালকহীন মেষপালের মতো বিপর্যস্ত ও দিশেহারা ছিল। 37 তখন তিনি তাঁর শিষ্যদের বললেন, “ফসল প্রচুর, কিন্তু কর্মী সংখ্যা অল্প। 38 তোমরা ফসলের মালিকের কাছে প্রার্থনা করো, যেন তিনি তাঁর শস্যক্ষেত্রে কর্মচারীদের পাঠান।”

  10. 19 সপ্তাহের প্রথম দিন, সন্ধ্যা হলে, শিষ্যেরা ইহুদিদের ভয়ে দরজা বন্ধ করে একত্র হয়েছিলেন। সেই সময় যীশু তাঁদের মধ্যে এসে দাঁড়ালেন। তিনি বললেন, “তোমাদের শান্তি হোক।” 20 একথা বলার পর তিনি তাঁর দু-হাত ও বুকের পাঁজর তাঁদের দেখালেন। প্রভুকে দেখে শিষ্যেরা আনন্দিত হয়ে উঠলেন।

    21 যীশু আবার বললেন, “তোমাদের শান্তি হোক! পিতা যেমন আমাকে পাঠিয়েছেন, আমিও তেমন তোমাদের পাঠাচ্ছি।” 22 একথা বলে তিনি তাদের উপর ফুঁ দিয়ে বললেন, “পবিত্র আত্মাকে গ্রহণ করো। 23 তোমরা যাদের পাপ ক্ষমা করবে, তাদের ক্ষমা হবে, যাদের ক্ষমা করবে না, তাদের ক্ষমা হবে না।”

  11. 36 কিছুদিন পর পৌল বার্ণবাকে বললেন, “যে সমস্ত নগরে আমরা প্রভুর বাক্য প্রচার করেছি, চলো সেখানে ফিরে গিয়ে সেই ভাইদের সঙ্গে সাক্ষাৎ করি এবং দেখি, তারা কেমন আছে।” 37 বার্ণবা চাইলেন যোহনকে সঙ্গে নিতে, যাকে মার্ক বলেও ডাকা হত। 38 কিন্তু পৌল তাঁকে নেওয়া উপযুক্ত হবে বলে মনে করলেন না, কারণ তিনি পাম্ফুলিয়ায় তাঁদের সঙ্গ ত্যাগ করে চলে গিয়েছিল, তাদের কাজে সহায়তা করেনি। 39 এতে তাঁদের মধ্যে মতবিরোধ এমন তীব্র আকার ধারণ করল যে, তাঁরা পৃথকভাবে যাত্রা করলেন। বার্ণবা মার্ককে সঙ্গে নিয়ে জাহাজে করে সাইপ্রাসের পথে যাত্রা করলেন, 40 কিন্তু পৌল, সীলকে মনোনীত করে সেখানকার ভাইদের দ্বারা প্রভুর অনুগ্রহে সমর্পিত হয়ে রওনা হলেন। 41 সিরিয়া ও কিলিকিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় তিনি মণ্ডলীগুলিকে আরও শক্তিশালী করে তুললেন।

  12. 8 তখন আমি প্রভুর কণ্ঠস্বর শুনতে পেলাম। তিনি বলছিলেন, “আমি কাকে পাঠাব? কে আমাদের জন্য যাবে?”

    আমি বললাম, “এই যে আমি। আমাকে পাঠান!”

    9 তিনি বললেন, “তুমি যাও ও গিয়ে এই লোকদের বলো:

    “ ‘তোমরা সবসময় শুনতে থাকো, কিন্তু কখনও বোঝো না;

    সবসময় দেখতে থাকো, কিন্তু কখনও উপলব্ধি করো না।’

    10 তুমি এই জাতির লোকদের হৃদয় অসাড় করে দাও;

    তাদের কানগুলি উপড়ে ফেলো

    ও চোখগুলি বন্ধ করে দাও।

    নতুবা তারা তাদের চোখে দেখতে পাবে,

    তারা কানে শুনতে পাবে,

    তারা তাদের হৃদয়ে বুঝতে পারবে

    এবং আরোগ্যলাভের জন্য আমার কাছে ফিরে আসবে।”

    11 তখন আমি বললাম, “ও প্রভু, তা কত দিন ধরে হবে?”

    তিনি উত্তর দিলেন,

    “যতদিন না নগরগুলি ধ্বংস হয়,

    তাদের মধ্যে জনপ্রাণী না থাকে,

    যতদিন না ঘরবাড়িগুলি জনশূন্য হয়

    ও মাঠগুলি ধ্বংস হয়ে ছারখার না হয়,

    12 যতক্ষণ না সদাপ্রভু সবাইকে দূরে প্রেরণ করেন

    এবং এই ভূমির কথা সকলে ভুলে যায়।

  13. 6 সেই কারণে আমার প্রজারা আমার নাম জানতে পারবে;

    সেই কারণে সেদিন তারা জানতে পারবে

    যে আমিই একথা পূর্বঘোষণা করেছিলাম,

    হ্যাঁ, আমিই একথা বলেছিলাম।”

    7 আহা, পর্বতগণের উপরে যারা সুসমাচার প্রচার করে,

    তাদের চরণ কতই না সুন্দর,

    যে শান্তির বার্তা ঘোষণা করে,

    যে মঙ্গলের সমাচার নিয়ে আসে,

    যে পরিত্রাণের বার্তা ঘোষণা করে,

    যে সিয়োনকে বলে,

    “তোমার ঈশ্বর রাজত্ব করেন!”

    8 শোনো! তোমার প্রহরীরা তাদের কণ্ঠস্বর উচ্চগ্রামে তুলেছে;

    তারা একসঙ্গে আনন্দে চিৎকার করে।

    যখন সদাপ্রভু সিয়োনে ফিরে আসবেন,

    তারা স্বচক্ষে তা দেখতে পাবে।

    9 জেরুশালেমের ধ্বংসস্তূপগুলি,

    তোমরা একসঙ্গে আনন্দগানে ফেটে পড়ো,

    কারণ সদাপ্রভু তাঁর প্রজাদের সান্ত্বনা দিয়েছেন,

    তিনি জেরুশালেমকে মুক্ত করেছেন।

    10 সদাপ্রভু সমস্ত জাতির দৃষ্টিতে,

    তাঁর পবিত্র হাত অনাবৃত করবেন,

    আর পৃথিবীর সমস্ত প্রান্ত

    আমাদের ঈশ্বরের পরিত্রাণ দেখতে পাবে।

  14. 19 এখন স্তিফানকে কেন্দ্র করে নির্যাতন শুরু হওয়ার ফলে যারা ছত্রভঙ্গ হয়ে পড়েছিল, তারা যাত্রা শুরু করে ফিনিসিয়া, সাইপ্রাস ও আন্তিয়খ পর্যন্ত গিয়ে কেবলমাত্র ইহুদিদের কাছে সেই বার্তা প্রচার করেছিল। 20 অবশ্য তাদের মধ্যে কেউ কেউ, যারা ছিল সাইপ্রাস ও কুরীণের মানুষ, তারা আন্তিয়খে গিয়ে গ্রিকভাষী ইহুদিদের কাছেও কথা বলল, তাদের কাছে প্রভু যীশুর বিষয়ে সুসমাচার প্রচার করল। 21 প্রভুর হাত তাদের সহবর্তী ছিল এবং বিপুল সংখ্যক মানুষ বিশ্বাস করে প্রভুর প্রতি ফিরল।

    22 এ বিষয়ের সংবাদ জেরুশালেমে স্থিত মণ্ডলীর কানে পৌঁছাল। তাঁরা বার্ণবাকে আন্তিয়খে পাঠিয়ে দিলেন। 23 তিনি সেখানে পৌঁছে যখন ঈশ্বরের অনুগ্রহের প্রমাণ দেখতে পেলেন, তিনি আনন্দিত হলেন ও তাদের সকলকে সর্বান্তঃকরণে প্রভুর প্রতি বিশ্বস্ত থাকার জন্য প্রেরণা দিলেন।

  15. 14 আর সকল জাতির কাছে সাক্ষ্য দেওয়ার জন্য স্বর্গরাজ্যের এই সুসমাচার সমস্ত জগতে প্রচারিত হবে, আর তখনই অন্তিমলগ্ন উপস্থিত হবে।

  16. 5 ম্যাসিডোনিয়া দিয়ে আমার যাত্রা শেষ হলেই আমি তোমাদের ওখানে যাব—কারণ আমাকে ম্যাসিডোনিয়ার মধ্য দিয়ে যেতে হবে। 6 আমি হয়তো কিছুকাল তোমাদের সঙ্গে থাকব, কিংবা শীতকালও কাটাব, যেন আমি যেখানেই যাই, তোমরা আমার যাত্রায় সাহায্য করতে পারো। 7 আমি এখন তোমাদের সঙ্গে মাত্র কিছুক্ষণের জন্য দেখাসাক্ষাৎ করতে চাই না। প্রভুর অনুমতি পেলে, আমি তোমাদের সঙ্গে কিছু সময় কাটানোর আশা করছি। 8 কিন্তু পঞ্চাশত্তমী পর্যন্ত আমি ইফিষেই থাকব, 9 কারণ মহৎ কাজের এক উন্মুক্ত দুয়ার আমার সামনে খুলে গিয়েছে, যদিও এখানে অনেকেই আমার বিরোধিতা করে।

  17. 7 এর বিপরীতে, তারা দেখলেন যে, পিতরকে যেমন ইহুদিদের কাছে, তেমনই আমাকে অইহুদি জাতিদের কাছে সুসমাচার প্রচার করার দায়িত্ব দেওয়া হয়েছে। 8 কারণ ঈশ্বর, যিনি ইহুদিদের কাছে প্রেরিতশিষ্যরূপে কাজ করার জন্য পিতরের পরিচর্যায় সক্রিয় ছিলেন, তিনি অইহুদি জাতিদের কাছে প্রেরিতশিষ্যরূপে কাজ করার জন্য আমার পরিচর্যাতেও সক্রিয় ছিলেন। 9 যাকোব, পিতর ও যোহন—যাঁরা মণ্ডলীর স্তম্ভরূপে খ্যাত ছিলেন—তাঁরা আমাকে দেওয়া এই অনুগ্রহ উপলব্ধি করে আমার ও বার্ণবার হাতে হাত মিলিয়ে সহকর্মীরূপে আমাদের গ্রহণ করলেন। তাঁরা সম্মত হলেন যে, অইহুদিদের কাছে আমাদের যাওয়া উচিত ও তাঁদের উচিত ইহুদিদের কাছে যাওয়া। 10 তাঁরা শুধু চাইলেন, আমরা যেন নিয়ত দরিদ্রদের কথা স্মরণে রাখি, যে কাজ করার জন্য আমিও আগ্রহী ছিলাম।

  18. 7 তিনি সেই বারোজনকে তাঁর কাছে ডেকে, দুজন দুজন করে তাঁদের পাঠালেন। তিনি তাঁদের অশুচি আত্মার উপরে কর্তৃত্ব করার ক্ষমতাও প্রদান করলেন।

    8 তাঁর নির্দেশগুলি ছিল এরকম: “যাত্রার উদ্দেশে একটি ছড়ি ছাড়া আর কিছুই সঙ্গে নিয়ো না—কোনো খাবার, কোনো থলি বা কোমরের বেল্টে কোনো অর্থও নয়। 9 চটিজুতো পরো, কিন্তু কোনো অতিরিক্ত পোশাক নিয়ো না। 10 কোনো বাড়িতে প্রবেশ করলে, সেই নগর পরিত্যাগ না করা পর্যন্ত তোমরা সেখানেই থেকো। 11 আর কোনো স্থানের মানুষ যদি তোমাদের স্বাগত না জানায়, বা তোমাদের বাক্যে কর্ণপাত না করে, সেই স্থান ছেড়ে যাওয়ার সময় তাদের বিরুদ্ধে সাক্ষ্যস্বরূপ তোমাদের পায়ের ধুলো ঝেড়ে ফেলো।”

  19. 14 তোমরা অভিযোগ ও তর্কবিতর্ক না করে সব কাজ করো, 15 যেন তোমরা এই কুটিল ও অবক্ষয়ের যুগে “ঈশ্বরের নিষ্কলঙ্ক ও শুচিশুদ্ধ সন্তান হতে পারো।” তোমরা তখন তাদের মধ্যে আকাশের তারার মতো এই জগতে উজ্জ্বল হয়ে উঠবে, 16 কারণ তোমরা সেই জীবনের বাক্য ধারণ করে আছ। এর ফলে যেন খ্রীষ্টের দিনে আমি গর্ব করতে পারি যে, আমি বৃথা দৌড়াইনি বা পরিশ্রম করিনি। 17 যেমন তোমাদের বিশ্বস্ত সেবা ঈশ্বরের কাছে এক নৈবেদ্য, তেমন যদি আমাকে পেয়-নৈবেদ্যের মতো ঢেলে দেওয়া হয় ও তার ফলে আমি জীবন হারাই, তবুও আমি আনন্দ করব। আর আমি চাই যে তোমরাও আমার সেই আনন্দের ভাগীদার হও। 18 সুতরাং তোমরাও আনন্দিত হও এবং আমার সঙ্গে আনন্দ করো।

    19 আমি প্রভু যীশুতে আশা করি, তিমথিকে অচিরেই তোমাদের কাছে পাঠাতে পারব, তাহলে তোমাদের সংবাদ পেয়ে আমিও আশ্বস্ত হব। 20 সে ছাড়া আমার কাছে এমন আর একজনও নেই, যে তোমাদের মঙ্গলের জন্য আন্তরিক আগ্রহ দেখাবে।

  20. 17 কিন্তু এই বিষয় লোকদের মধ্যে যেন আর ছড়িয়ে না পড়ে, সেজন্য আমরা অবশ্যই তাঁদের সতর্ক করে দেব, যেন তাঁরা এই নামে আর কারও কাছে আর কোনো কথা না বলে।”

    18 তাঁরা তখন আবার তাঁদের ভিতরে ডেকে পাঠালেন ও আদেশ দিলেন, যেন তাঁরা যীশুর নামে আদৌ আর কোনো কথা না বলে, বা শিক্ষা না দেয়। 19 কিন্তু পিতর ও যোহন উত্তর দিলেন, “আপনারা নিজেরাই বিচার করুন, ঈশ্বরের কথা শোনার চেয়ে আপনাদের কথা শোনা ঈশ্বরের দৃষ্টিতে ন্যায়সংগত কি না। 20 কারণ আমরা যা দেখেছি ও শুনেছি, তা না বলে থাকতে পারছি না।”

  21. 18 আমি অন্য কিছু বলার দুঃসাহস করি না, কেবলমাত্র এই বিষয় ছাড়া, যা আমার কথা ও কাজের দ্বারা অইহুদিদের ঈশ্বরের আজ্ঞবহ হওয়ার জন্য চালিত করতে খ্রীষ্ট আমার মাধ্যমে সাধন করেছেন। 19 তিনি তা করেছেন চিহ্নকাজ ও অলৌকিক নিদর্শনের ক্ষমতার দ্বারা ও পবিত্র আত্মার পরাক্রমের দ্বারা। তাই আমি জেরুশালেম থেকে ইল্লুরিকা পর্যন্ত সমস্ত অঞ্চলে খ্রীষ্টের সুসমাচার পূর্ণরূপে ঘোষণা করেছি। 20 সবসময়ই এ আমার উচ্চাকাঙ্ক্ষা ছিল যে, খ্রীষ্টকে যেখানে প্রচার করা হয়নি, সেখানে সুসমাচার প্রচার করি, যেন আমি অন্য কারও ভিত্তিমূলের উপর নির্মাণ না করি। 21 বরং, যেমন লেখা আছে:

    “তাঁর সম্পর্কে যাদের কাছে বলা হয়নি, তারা দেখতে পাবে,

    আর যারা শুনতে পায়নি, তারা বুঝতে পারবে।”

  22. 1 এরপরে পৌল এথেন্স ত্যাগ করে করিন্থে গেলেন। 2 সেখানে আক্বিলা নামে এক ইহুদির সঙ্গে তাঁর সাক্ষাৎ হল। তিনি পন্তের অধিবাসী। ক্লডিয়াস সব ইহুদিকে রোম পরিত্যাগ করার আদেশ জারি করায়, তিনি তাঁর স্ত্রী প্রিষ্কিল্লাকে নিয়ে সম্প্রতি ইতালি থেকে এসেছিলেন। পৌল তাঁদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। 3 তিনি যেহেতু তাঁদের মতো তাঁবু-নির্মাতা ছিলেন, তিনি তাঁদেরই সঙ্গে থেকে কাজ করতে লাগলেন। 4 প্রতি বিশ্রামবারে তিনি সমাজভবনে গিয়ে আলাপ-আলোচনা করতেন, ইহুদি ও গ্রিকদের বিশ্বাসে নিয়ে আসার চেষ্টা করতেন।

  23. 1 সদাপ্রভু অব্রামকে বললেন, “তোমার দেশ, তোমার আত্মীয়স্বজন ও তোমার পৈত্রিক পরিবার ছেড়ে সেই দেশে চলে যাও, যা আমি তোমাকে দেখাতে চলেছি।

    2 “আমি তোমাকে এক মহাজাতিতে পরিণত করব,

    আর আমি তোমাকে আশীর্বাদ করব;

    আমি তোমার নাম মহান করে তুলব,

    আর তুমি এক আশীর্বাদ হবে।

    3 যারা তোমাকে আশীর্বাদ করবে, আমি তাদের আশীর্বাদ করব,

    আর যারা তোমাকে অভিশাপ দেবে, আমি তাদের অভিশাপ দেব;

    আর পৃথিবীর সব লোকজন

    তোমার মাধ্যমে আশীর্বাদ লাভ করবে।”

  24. 1 তোমরা সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও;

    সমস্ত পৃথিবী, সদাপ্রভুর উদ্দেশে গীত গাও।

    2 সদাপ্রভুর উদ্দেশে গীত গাও; তাঁর নামের প্রশংসা করো;

    দিনের পর দিন তাঁর পরিত্রাণ ঘোষণা করো।

    3 সমস্ত জাতির মধ্যে তাঁর মহিমা আর সব লোকের মাঝে

    তাঁর বিস্ময়কর কাজের কথা প্রচার করো।

  25. 13 “তোমরা পৃথিবীর লবণ। কিন্তু লবণ যদি তার লবণত্ব হারায়, তাহলে কীভাবে তা পুনরায় লবণের স্বাদযুক্ত করা যাবে? তা আর কোনো কাজেরই উপযুক্ত থাকে না, কেবলমাত্র তা বাইরে নিক্ষেপ করার ও লোকদের পদদলিত হওয়ার যোগ্য হয়।

    14 “তোমরা জগতের জ্যোতি। পাহাড়ের উপরে অবস্থিত নগর কখনও গুপ্ত থাকতে পারে না। 15 আবার লোকে কোনো প্রদীপ জ্বেলে তা গামলা দিয়ে ঢেকে রাখে না, বরং তা বাতিদানের উপরেই রাখে। তখন তা ঘরে উপস্থিত সকলকেই আলো দান করে। 16 একইভাবে, তোমাদের দীপ্তি মানুষের সাক্ষাতে উদ্দীপ্ত হোক, যেন তারা তোমাদের সৎ কাজগুলি দেখে তোমাদের স্বর্গস্থ পিতার প্রশংসা কীর্তন করে।

  26. 1 যীশু সেই বারোজনকে আহ্বান করে মন্দ-আত্মা তাড়ানোর এবং রোগনিরাময় করার ক্ষমতা ও অধিকার তাদের দিলেন। 2 তিনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে প্রচার ও পীড়িতদের আরোগ্য দান করার জন্য তাঁদের পাঠালেন। 3 তিনি তাঁদের বললেন, “যাত্রার উদ্দেশে তোমরা সঙ্গে কিছুই নিয়ো না; ছড়ি, থলি, কোনো খাবার, টাকাপয়সা, অতিরিক্ত পোশাক, কোনো কিছুই না। 4 যে বাড়িতে তোমরা প্রবেশ করবে, সেই নগর পরিত্যাগ না করা পর্যন্ত তোমরা সেখানেই থেকো। 5 লোকে তোমাদের স্বাগত না জানালে, তাদের বিরুদ্ধে প্রমাণস্বরূপ, তাদের নগর পরিত্যাগ করার সময় তোমাদের পায়ের ধুলো ঝেড়ে ফেলো।” 6 সেইমতো তাঁরা যাত্রা করলেন এবং গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে সুসমাচার প্রচার করলেন, সর্বত্র লোকদের রোগনিরাময় করলেন।

  27. 37 সকলে যখন একথা শুনল, তাদের হৃদয় ক্ষতবিক্ষত হল। তারা পিতর ও অন্য প্রেরিতশিষ্যদের বলল, “ভাইরা, আমরা কী করব?”

    38 পিতর উত্তর দিলেন, “তোমরা প্রত্যেকে মন পরিবর্তন করো ও যীশু খ্রীষ্টের নামে বাপ্তিষ্ম গ্রহণ করো, যেন তোমাদের পাপ ক্ষমা হয়, তাহলে তোমরা ঈশ্বরের দানস্বরূপ পবিত্র আত্মা লাভ করবে। 39 এই প্রতিশ্রুতি তোমাদের ও তোমাদের সন্তানদের জন্য এবং যারা দূরে আছে তাদের সকলের জন্য—সকলের জন্য যাদেরকে আমাদের ঈশ্বর প্রভু আহ্বান করবেন।”

    40 আরও অনেক কথায় তিনি তাদের সতর্ক করে দিলেন এবং তিনি তাদের উপদেশ দিয়ে বললেন, “এই কলুষিত প্রজন্ম থেকে তোমরা নিজেদের রক্ষা করো।” 41 যারা তাঁর বাণী গ্রাহ্য করল, তারা বাপ্তিষ্ম গ্রহণ করল, আর সেদিন প্রায় তিন হাজার লোক তাদের সঙ্গে যুক্ত হল।

    42 আর তারা প্রেরিতশিষ্যদের শিক্ষায় ও সহভাগিতায়, রুটি-ভাঙায় ও প্রার্থনায় একান্তভাবে অংশগ্রহণ করল।

  28. 4 যারা ছড়িয়ে পড়েছিল, তারা যেখানেই গেল, সেখানেই বাক্য প্রচার করল। 5 ফিলিপ শমরিয়ার একটি নগরে গেলেন এবং খ্রীষ্টকে সেখানে প্রচার করতে লাগলেন। 6 সব লোক যখন ফিলিপের কথা শুনল ও তিনি যেসব অলৌকিক চিহ্নকাজ করছিলেন, তা দেখল, তারা তাঁর কথায় গভীর মনোনিবেশ করল। 7 বহু মানুষের মধ্য থেকে অশুচি আত্মারা তীক্ষ্ণ চিৎকার করতে করতে বেরিয়ে এল। বহু পক্ষাঘাতগ্রস্ত ও পঙ্গু ব্যক্তিরা আরোগ্য লাভ করল। 8 সেই কারণে, সেই নগরে মহা আনন্দ উপস্থিত হল।

  29. 47 কারণ প্রভু আমাদের এই আদেশই দিয়েছেন:

    “ ‘আমি তোমাকে অইহুদিদের জন্য দীপ্তিস্বরূপ করেছি,

    যেন পৃথিবীর প্রান্ত পর্যন্ত তুমি পরিত্রাণ নিয়ে যেতে পারো।’ ”

  30. 26 অত্তালিয়া থেকে তাঁরা সমুদ্রপথে আন্তিয়খে ফিরে এলেন। তাঁরা যে প্রচারকাজ সম্পাদন করেছিলেন তার জন্য এখান থেকেই ঈশ্বরের অনুগ্রহের অধীনে তাঁদের সমর্পণ করা হয়েছিল। 27 সেখানে পৌঁছে তাঁরা মণ্ডলীকে একত্রিত করলেন। ঈশ্বর যা কিছু তাঁদের মাধ্যমে সম্পন্ন করেছিলেন ও যেভাবে তিনি অইহুদিদের কাছে বিশ্বাসের দরজা খুলে দিয়েছিলেন, সেই সংবাদ তাঁদের কাছে পরিবেশন করলেন।

  31. 4 এক নগর থেকে অন্য নগরে যাওয়ার সময়, তাঁরা জেরুশালেমের প্রেরিতশিষ্যবর্গ ও প্রাচীনদের গৃহীত সিদ্ধান্তগুলি তাদের জানালেন, যেন তারা সেসব পালন করে। 5 এভাবে মণ্ডলীগুলি বিশ্বাসে বলীয়ান হতে ও প্রতিদিন সংখ্যায় বৃদ্ধি পেতে থাকল।

    6 পবিত্র আত্মা তাঁদের এশিয়া প্রদেশে সুসমাচার প্রচার করতে বাধা দেওয়ায়, পৌল ও তাঁর সঙ্গীরা ফরুগিয়া ও গালাতিয়া অঞ্চলের সর্বত্র পরিভ্রমণ করলেন। 7 মুশিয়া প্রদেশের সীমান্তে এসে তাঁরা বিথুনিয়ায় প্রবেশ করার চেষ্টা করলেন, কিন্তু যীশুর আত্মা তাঁদের অনুমতি দিলেন না। 8 তাই তাঁরা মুশিয়াকে পাশ কাটিয়ে ত্রোয়াতে গিয়ে পৌঁছালেন। 9 রাত্রিবেলা পৌল এক দর্শন পেলেন, তিনি দেখলেন ম্যাসিডোনিয়ার একজন ব্যক্তি দাঁড়িয়ে তাঁর কাছে অনুনয় করছেন, “আপনি ম্যাসিডোনিয়ায় এসে আমাদের সাহায্য করুন।” 10 পৌলের এই দর্শন পাওয়ার পর আমরা তখনই ম্যাসিডোনিয়ার উদ্দেশে যাত্রা করার জন্য প্রস্তুত হলাম। আমরা বুঝতে পেরেছিলাম যে, তাদের কাছে সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর আমাদের আহ্বান করেছেন।

  32. 12 “এরকমই এক যাত্রাকালে, আমি প্রধান যাজকদের কাছ থেকে অধিকার ও অনুমতিপত্র নিয়ে দামাস্কাসে যাচ্ছিলাম। 13 মহারাজ, প্রায় দুপুরবেলায়, যখন আমি মাঝপথে ছিলাম, আকাশ থেকে এক আলো দেখলাম। তা ছিল সূর্য থেকেও উজ্জ্বল, আমার ও আমার সঙ্গীদের চারপাশে তা উজ্জ্বল হয়ে উঠেছিল। 14 আমরা সবাই মাটিতে পড়ে গেলাম। আমি একটি কণ্ঠস্বর শুনলাম, যা হিব্রু ভাষায় আমাকে বলছিল, ‘শৌল, শৌল, তুমি কেন আমাকে নির্যাতন করছ? কাঁটার মুখে লাথি মারা তোমার পক্ষে কঠিন।’

    15 “তখন আমি জিজ্ঞাসা করলাম, ‘প্রভু, আপনি কে?’

    “ ‘আমি যীশু, যাঁকে তুমি নির্যাতন করছ,’ প্রভু উত্তর দিলেন। 16 ‘এখন ওঠো ও তোমার পায়ে ভর দিয়ে দাঁড়াও। আমি তোমাকে আমার সেবক নিযুক্ত করার জন্য তোমাকে দর্শন দিয়েছি। আমার বিষয়ে তুমি যা দেখেছ ও আমি তোমাকে যা দেখাব, তুমি তার সাক্ষী হবে। 17 আমি তোমার স্বজাতি ও অইহুদিদের হাত থেকে তোমাকে উদ্ধার করব। আমি তোমাকে তাদের কাছে পাঠাচ্ছি, 18 তুমি তাদের চোখ খুলে দেবে, অন্ধকার থেকে তাদের আলোয় ফিরিয়ে আনবে, শয়তানের পরাক্রম থেকে নিয়ে আসবে ঈশ্বরের কাছে, যেন তারা সব পাপের ক্ষমা লাভ করে এবং আমার উপরে বিশ্বাসের মাধ্যমে যারা পবিত্র হয়েছে, তাদের মধ্যে স্থান লাভ করতে পারে।’

  33. 18 এসবই ঈশ্বর থেকে হয়েছে, যিনি খ্রীষ্টের মাধ্যমে তাঁর নিজের সঙ্গে আমাদের পুনর্মিলিত করেছেন এবং পুনর্মিলনের সেই পরিচর্যা আমাদের দিয়েছেন। 19 তা হল এই যে, ঈশ্বর জগৎকে খ্রীষ্টের মাধ্যমে তাঁর সঙ্গে পুনর্মিলিত করছিলেন, মানুষের পাপসকল আর তাদের বিরুদ্ধে গণ্য করেননি। আর সেই পুনর্মিলনের বার্তা ঘোষণা করা তিনি আমাদের উপর ন্যস্ত করেছেন। 20 অতএব, আমরা খ্রীষ্টের রাজদূত, ঈশ্বর যেন আমাদের মাধ্যমে তাঁর আবেদন জানাচ্ছিলেন। আমরা খ্রীষ্টের পক্ষে তোমাদের কাছে এই মিনতি করছি, ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হও। 21 যিনি পাপ জানতেন না, ঈশ্বর তাঁকে আমাদের পক্ষে পাপস্বরূপ করলেন, যেন আমরা তাঁর দ্বারা ঈশ্বরের ধার্মিকতাস্বরূপ হতে পারি।

  34. 10 সমুদ্রযাত্রী ও সমুদ্রের অভ্যন্তরস্থ সবকিছু,

    দ্বীপপুঞ্জ ও সেগুলির মধ্যে বসবাসকারী সকলে,

    তোমরা সদাপ্রভুর উদ্দেশে এক নতুন গীত গাও,

    পৃথিবীর প্রান্তসীমা থেকে তাঁর প্রশংসা ধ্বনিত হোক।

    11 মরুভূমি ও তার নগরগুলি তাদের কণ্ঠস্বর তুলুক,

    কেদরের উপনিবেশগুলিতে বসবাসকারী লোকেরা উল্লসিত হোক।

    সেলা-র লোকেরা আনন্দে গান করুক;

    পর্বতশিখরগুলি থেকে তারা চিৎকার করুক।

    12 তারা সদাপ্রভুকে মহিমা প্রদান করুক,

    দ্বীপগুলিতে তাঁর প্রশংসা ঘোষণা করুক।

  35. 1 ওহে দ্বীপনিবাসীরা, আমার কথা শোনো;

    দূরবর্তী জাতিসমূহ, তোমরা একথা শোনো:

    আমার জন্ম হওয়ার পূর্বে সদাপ্রভু আমাকে আহ্বান করেছেন;

    আমার জন্ম হওয়া থেকে তিনি আমার নামের উল্লেখ করেছেন।

    2 তিনি আমার মুখকে করেছেন ধারালো তরোয়ালের মতো,

    তাঁর হাতের ছায়ায় তিনি আমাকে লুকিয়ে রেখেছেন;

    তিনি আমাকে গঠন করেছেন এক শাণিত তিরের মতো

    এবং আবৃত রেখেছেন তাঁর তূণের মধ্যে।

    3 তিনি আমাকে বলেছেন, “তুমি আমার দাস,

    তুমি ইস্রায়েল, তোমার মাধ্যমেই আমি মহিমান্বিত হব।”

    4 কিন্তু আমি বললাম, “আমি উদ্দেশ্যহীনভাবে পরিশ্রম করেছি;

    বৃথাই আমার শক্তি অসারতার জন্য নিঃশেষিত হয়েছে।

    তবুও, আমার যা প্রাপ্য, তা সদাপ্রভুর হাতে আছে,

    আমার পুরস্কার আছে আমার ঈশ্বরের কাছে।”

    5 আর এখন সদাপ্রভু বলেন,

    যিনি তাঁর দাস হওয়ার জন্য আমাকে মাতৃগর্ভে গঠন করেছিলেন,

    যেন যাকোব কুলকে তাঁর কাছে ফিরিয়ে আনা হয়

    ও ইস্রায়েলকে তাঁর কাছে সংগ্রহ করা হয়,

    কারণ সদাপ্রভুর দৃষ্টিতে আমি সম্মানিত হয়েছি,

    আমার ঈশ্বরই হয়েছেন আমার শক্তিস্বরূপ।

    6 তিনি বলেন,

    “যাকোবের বিভিন্ন গোষ্ঠীকে পুনঃস্থাপিত করার

    এবং আমার সংরক্ষিত ইস্রায়েলের লোকদের ফিরিয়ে আনার জন্য

    তুমি যে আমার দাস হবে, তা অতি সামান্য ব্যাপার।

    আমি তোমাকে অইহুদিদের কাছে দীপ্তিস্বরূপ করব,

    যেন পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত তুমি আমার পরিত্রাণ নিয়ে আসতে পারো।”

  36. 1 তারপর, সদাপ্রভুর বাণী দ্বিতীয়বার যোনার কাছে উপস্থিত হল: 2 “তুমি মহানগরী নীনবীতে যাও ও আমি যে বার্তা তোমাকে দেব, তা গিয়ে তুমি ঘোষণা করো।”

  37. 23 যীশু সমস্ত গালীল পরিক্রমা করে তাদের সমাজভবনগুলিতে শিক্ষা দিলেন ও স্বর্গরাজ্যের সুসমাচার প্রচার করলেন। তিনি লোকদের সমস্ত রকমের রোগব্যাধি ও পীড়া থেকে সুস্থ করলেন।

  38. 16 “কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে, তিনি তাঁর একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাঁকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। 17 কারণ জগতের বিচার করতে ঈশ্বর তাঁর পুত্রকে জগতে পাঠাননি, কিন্তু তাঁর মাধ্যমে জগৎকে উদ্ধার করতেই পাঠিয়েছিলেন।

  39. 1 আমি আশা করি, তোমরা আমার সামান্য নির্বুদ্ধিতা সহ্য করবে; অবশ্য তা তোমরা আগে থেকেই করে আসছ। 2 আমি তোমাদের জন্য ঈর্ষান্বিত, তবে সেই ঈর্ষা ঐশ্বরিক। আমি তোমাদেরকে এক বর, খ্রীষ্টের কাছে সমর্পণ করার জন্য বাগদান করেছি, যেন শুচিশুদ্ধ কুমারীর মতো আমি তাঁর কাছে তোমাদের উপস্থাপিত করি। 3 কিন্তু আমার ভয় হয়, হবা যেমন সেই সাপের চতুরতায় প্রতারিত হয়েছিলেন, খ্রীষ্টের প্রতি তোমাদের আন্তরিক ও অমলিন ভক্তি থেকে তোমাদের মন যেন কোনোভাবে বিপথে চালিত না হয়। 4 কারণ কেউ যদি তোমাদের কাছে এসে যে যীশুকে আমরা প্রচার করেছি, তাঁকে ছাড়া এমন এক যীশুকে তোমাদের কাছে প্রচার করে বা যে পবিত্র আত্মা তোমরা পেয়েছ, তা ছাড়া অন্য কোনো আত্মাকে তোমরা গ্রহণ করো, কিংবা যে সুসমাচার তোমরা গ্রহণ করেছ, তা ছাড়া অন্য কোনো সুসমাচার পাও, তাহলে তো দেখছি তোমরা যথেষ্ট সহজেই সেসব সহ্য করছ।

    5 প্রকৃতপক্ষে, আমি মনে করি না, ওইসব “প্রেরিতশিষ্য-শিরোমণির” তুলনায় আমি কোনও অংশে নিকৃষ্ট। 6 হতে পারে, আমি কোনও প্রশিক্ষিত বক্তা নই, কিন্তু আমার জ্ঞানবুদ্ধি আছে। আমরা সর্বতোভাবে এ বিষয় তোমাদের কাছে সম্পূর্ণরূপে স্পষ্ট করে দিয়েছি। 7 তোমাদের উন্নত করার জন্য আমি নিজেকে অবনত করে বিনামূল্যে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করেছি। এতে আমার কি পাপ হয়েছে? 8 তোমাদের সেবা করার জন্য অন্যান্য মণ্ডলী থেকে সাহায্য গ্রহণ করে আমি তাদের লুট করেছি। 9 আর তোমাদের সঙ্গে থাকার সময় আমার যখন কিছু প্রয়োজন হত, আমি কারও বোঝা হইনি, কারণ ম্যাসিডোনিয়া থেকে আগত ভাইয়েরা আমার সমস্ত প্রয়োজন মিটিয়েছিলেন। কোনো দিক দিয়েই আমি যেন তোমাদের বোঝা না হই, তাই আমি নিজেকে রক্ষা করেছি এবং এভাবেই আমি করে যাব। 10 খ্রীষ্টের সত্য যেমন নিশ্চিতরূপে আমার মধ্যে বিদ্যমান, সমস্ত আখায়া প্রদেশে কোনো মানুষই আমার এই গর্ব করা থেকে নিবৃত্ত করতে পারবে না। 11 কেন? আমি তোমাদের ভালোবাসি না বলে? ঈশ্বর জানেন, আমি ভালোবাসি!

    12 আর তাই আমি যা করছি, তা করেই যাব, যেন যারা আমাদের সমকক্ষ হওয়ার সুযোগ পেতে চায়, যে বিষয়গুলি নিয়ে তারা গর্ব করে, সেগুলির সুযোগ আমি তাদের পেতেই দেব না। 13 কারণ এসব মানুষ হল ভণ্ড প্রেরিত, প্রতারক সব কর্মী, তারা খ্রীষ্টের প্রেরিতশিষ্যদের ছদ্মবেশ ধারণ করে। 14 বিস্ময়ের কিছু নেই, কারণ শয়তান স্বয়ং দীপ্তিময় স্বর্গদূতের ছদ্মবেশ ধারণ করে। 15 তাহলে এতেও অবাক হওয়ার কিছু নেই যে, তার পরিচারকেরা ধার্মিকতার পরিচারকদের ছদ্মবেশ ধারণ করবে। তাদের কাজের নিরিখেই তাদের যোগ্য পরিণতি হবে।

  40. 10 পরিশেষে, তোমরা প্রভুতে এবং তাঁর প্রবল পরাক্রমে বলীয়ান হও। 11 ঈশ্বরের সম্পূর্ণ রণসাজ পরে নাও, যেন দিয়াবলের বিভিন্ন চাতুরী প্রতিহত করতে পারো। 12 কারণ আমাদের সংগ্রাম রক্তমাংসের বিরুদ্ধে নয়, কিন্তু আধিপত্য ও কর্তৃত্বের বিরুদ্ধে, অন্ধকারে আচ্ছন্ন এই জগতের শক্তির বিরুদ্ধে এবং স্বর্গীয় স্থানের মন্দ আত্মিক শক্তির বিরুদ্ধে। 13 তাই, ঈশ্বরের সম্পূর্ণ রণসাজ পরে নাও, যেন সেই মন্দ দিন উপস্থিত হলে তোমরা শত্রুর আক্রমণ প্রতিহত করতে পারো এবং সমস্ত বিষয় সম্পন্ন করে স্থির থাকতে পারো। 14 সুতরাং সত্যের বেল্ট কোমরে বেঁধে, ধার্মিকতার বুকপাটা পরে নিয়ে এবং 15 শান্তির সুসমাচার প্রচারের তৎপরতায় চটিজুতো পরে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো। 16 এসব ছাড়া তুলে নাও বিশ্বাসের ঢাল; তা দিয়েই সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ তোমরা নির্বাপিত করতে পারবে। 17 আর ধারণ করো পরিত্রাণের শিরস্ত্রাণ ও আত্মার তরোয়াল, অর্থাৎ ঈশ্বরের বাক্য।

    18 সব উপলক্ষে, সব ধরনের মিনতি ও অনুরোধের সঙ্গে আত্মায় প্রার্থনা করো। এসব স্মরণে রেখে সতর্ক থেকো এবং সকল পবিত্রগণের জন্য সবসময়ই প্রার্থনায় রত থেকো। 19 তোমরা আমার জন্য প্রার্থনা কোরো, যেন আমি যখনই মুখ খুলি, সুসমাচারের গুপ্তরহস্য নির্ভীকভাবে প্রচার করতে আমাকে বাক্য দান করা হয়। 20 এরই জন্য কারাগারে বন্দি হয়েও আমি রাজদূতের কাজ করছি। প্রার্থনা কোরো, যেমন করা উচিত তেমনই আমি সাহসের সঙ্গে সেই ঘোষণা করতে পারি।

  41. 1 সদাপ্রভুর বাণী অমিত্তয়ের পুত্র যোনার কাছে এসে উপস্থিত হল: 2 “ওঠো ও নীনবী মহানগরে যাও এবং তাদের বিরুদ্ধে প্রচার করো, কারণ তাদের দুষ্টতার কথা আমার কান পর্যন্ত পৌঁছেছে।”

    3 কিন্তু যোনা সদাপ্রভুর কাছ থেকে পালিয়ে গেলেন এবং তর্শীশের পথ ধরলেন। তিনি জোপ্পা বন্দর-নগরে গেলেন এবং সেখান থেকে তর্শীশে যাবে, এমন একটি জাহাজের সন্ধান পেলেন। তিনি জাহাজের ভাড়া দিয়ে তাতে চড়লেন এবং সদাপ্রভুর কাছ থেকে পালিয়ে যাওয়ার জন্য তর্শীশের পথে সমুদ্রযাত্রা করলেন।

    4 তারপর সদাপ্রভু সমুদ্রে এক প্রচণ্ড বাতাস পাঠালেন, এমনই প্রবল এক ঝড় উঠল যে, জাহাজ ভেঙে যাওয়ার উপক্রম হল।

  42. 1 ঈশ্বরের পুত্র যীশু খ্রীষ্টের সুসমাচারের সূচনা। 2 ভাববাদী যিশাইয়ের গ্রন্থে লেখা আছে:

    “আমি আমার বার্তাবাহককে তোমার আগে পাঠাব,

    যে তোমার পথ প্রস্তুত করবে”—

    3 “মরুপ্রান্তরে একজনের কণ্ঠস্বর আহ্বান করছে,

    তোমরা প্রভুর জন্য পথ প্রস্তুত করো,

    তাঁর জন্য রাজপথগুলি সরল করো।”

    4 আর তাই যোহন মরুপ্রান্তরে এসে জলে বাপ্তিষ্ম দিতে এবং মন পরিবর্তন, অর্থাৎ পাপক্ষমার জন্য বাপ্তিষ্ম বিষয়ক বাণী প্রচার করতে লাগলেন। 5 সমগ্র যিহূদিয়ার গ্রামাঞ্চল ও জেরুশালেম নগরের সমস্ত লোক তাঁর কাছে যেতে লাগল। তারা নিজের নিজের পাপস্বীকার করে জর্ডন নদীতে তাঁর কাছে বাপ্তিষ্ম নিতে লাগল। 6 যোহন উটের লোমে তৈরি পোশাক এবং কোমরে এক চামড়ার বেল্ট পরতেন। তাঁর খাদ্য ছিল পঙ্গপাল ও বনমধু। 7 আর তিনি প্রচার করতেন: “যিনি আমার পরে আসছেন, তিনি আমার চেয়েও পরাক্রমশালী, নত হয়ে যাঁর চটিজুতোর ফিতেটুকু খোলারও যোগ্যতা আমার নেই। 8 আমি তোমাদের জলে বাপ্তিষ্ম দিচ্ছি, কিন্তু তিনি তোমাদের পবিত্র আত্মায় বাপ্তিষ্ম দেবেন।”

  43. 35 তোমরা কি বলো না, ‘আর চার মাস পরেই ফসল কাটার সময় আসবে?’ আমি তোমাদের বলছি, তোমরা চোখ মেলে মাঠের দিকে তাকিয়ে দেখো। ফসল কাটার উপযুক্ত হয়ে উঠেছে। 36 এমনকি, যে ফসল কাটছে, সে এখনই তার পারিশ্রমিক পাচ্ছে এবং এখনই সে অনন্ত জীবনের ফসল সংগ্রহ করছে, যেন যে কাটছে, আর যে বুনছে—দুজনেই উল্লসিত হতে পারে। 37 তাই ‘একজন বোনে, অপরজন কাটে,’ এই কথাটি সত্য। 38 আমি তোমাদের এমন ফসল সংগ্রহ করতে পাঠিয়েছি, যার জন্য তোমরা পরিশ্রম করোনি। অন্যেরা কঠোর পরিশ্রম করেছে, আর তোমরা তাদের শ্রমের ফসল সংগ্রহ করেছ।”

  44. 16 তবুও, আমি যখন সুসমাচার প্রচার করি, আমি গর্ব করতে পারি না, কারণ তা প্রচার করতে আমি বাধ্য। ধিক্ আমাকে, যদি আমি সুসমাচার প্রচার না করি!

  45. 14 কারণ খ্রীষ্টের প্রেম আমাদের বাধ্য করেছে এবং আমরা নিশ্চিত যে, একজন যখন সকলের জন্য মৃত্যুবরণ করলেন, সেই কারণে সকলেরই মৃত্যু হল। 15 আর তিনি সকলের জন্য মৃত্যুবরণ করেছেন, যেন যারা জীবিত আছে, তারা আর যেন নিজেদের জন্য জীবনধারণ না করে, কিন্তু তাঁর জন্য করে, যিনি তাদের জন্য মৃত্যুবরণ করেছেন ও পুনরায় উত্থাপিত হয়েছেন।

  46. 11 ভাইবোনেরা, আমি তোমাদের জানাতে চাই, যে সুসমাচার আমি প্রচার করেছি, তা মানবসৃষ্ট কোনো বিষয় নয়। 12 কোনো মানুষের কাছে আমি তা পাইনি, কিংবা শিক্ষাও পাইনি; বরং যীশু খ্রীষ্ট নিজেই আমার কাছে তা প্রকাশ করেছিলেন।

    13 কারণ ইহুদি ধর্মে আমার অতীত জীবনের কথা তোমরা তো শুনেছ। ঈশ্বরের মণ্ডলীকে আমি কী মারাত্মকরূপে অত্যাচার ও ধ্বংস করার চেষ্টা করতাম। 14 আমি ইহুদি ধর্মশিক্ষায় আমার সমবয়সি অনেক ইহুদিকে ছাড়িয়ে গিয়েছিলাম এবং আমার পূর্বপুরুষদের রীতিনীতি পালন করায় আমি ছিলাম খুব আগ্রহী। 15 কিন্তু ঈশ্বর, যিনি মাতৃগর্ভ থেকে আমাকে পৃথক করেছেন এবং তাঁর অনুগ্রহে আমাকে আহ্বান করেছেন, 16 তিনি যখন তাঁর পুত্রকে আমার মধ্যে প্রকাশ করতে ইচ্ছা করলেন, যেন আমি অইহুদি জাতিদের কাছে তাঁকে প্রচার করি, তখন আমি এক মুহূর্তের জন্যও কোনো মানুষের সঙ্গে পরামর্শ করিনি, 17 এমনকি যাঁরা আমার আগে প্রেরিত হয়েছিলেন আমি তাঁদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য জেরুশালেমেও গেলাম না, কিন্তু আমি সঙ্গে সঙ্গে আরবে চলে গেলাম ও পরে দামাস্কাসে ফিরে এলাম।

    18 এরপর, তিন বছর পরে, পিতরের সঙ্গে দেখা করার জন্য আমি জেরুশালেমে গেলাম ও পনেরো দিন তাঁর সঙ্গে কাটালাম। 19 সেখানে অন্য প্রেরিতশিষ্যদের মধ্যে আর কাউকে দেখতে পেলাম না, কেবলমাত্র প্রভুর ভাই যাকোব ছিলেন। 20 ঈশ্বরের সাক্ষাতে আমি তোমাদের আশ্বস্ত করে বলছি, আমি তোমাদের কাছে যা লিখছি, তা মিথ্যা নয়।

    21 তারপর আমি সিরিয়া ও কিলিকিয়া প্রদেশে গেলাম। 22 আমি খ্রীষ্টে স্থিত যিহূদিয়ার মণ্ডলীগুলির কাছে ব্যক্তিগতভাবে অপরিচিত ছিলাম। 23 তারা কেবলমাত্র এই সংবাদ পেয়েছিল, “আগে যে লোকটি আমাদের উপর অত্যাচার করত, সে এখন সেই বিশ্বাসের কথা প্রচার করছে, যা সে আগে ধ্বংস করতে চেয়েছিল।” 24 আর তারা আমার কারণে ঈশ্বরের প্রশংসা করতে লাগল।

  47. 9 এসো, সৎকর্ম করতে করতে আমরা যেন ক্লান্তিবোধ না করি, কারণ হাল ছেড়ে না দিলে আমরা যথাসময়ে ফসল তুলব। 10 তাই, আমরা যখন সুযোগ পেয়েছি, এসো, আমরা সব মানুষের প্রতি সৎকর্ম করি, বিশেষত তাদের প্রতি যারা বিশ্বাসীদের পরিজন।

  48. 1 সর্বপ্রথমেই আমি অনুনয় করছি, সকলের জন্য যেন অনুরোধ, প্রার্থনা, মিনতি এবং ধন্যবাদ জ্ঞাপন করা হয়, 2 বিশেষত রাজা এবং উচ্চপদস্থ সকল ব্যক্তির জন্য, যেন আমরা পরিপূর্ণ ভক্তিতে ও পবিত্রতায়, শান্তিপূর্ণ ও নিরুদ্বিগ্ন জীবনযাপন করতে পারি। 3 আমাদের পরিত্রাতা ঈশ্বরের সামনে এটাই উত্তম ও সন্তোষজনক। 4 তিনি চান, সব মানুষ যেন পরিত্রাণ পায় এবং সত্যের তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে পারে। 5 কারণ ঈশ্বর যেমন এক তেমন ঈশ্বর ও মানুষের মধ্যে একজন মধ্যস্থতাকারী আছেন, তিনি মানুষ খ্রীষ্ট যীশু। 6 তিনি সব মানুষের জন্য নিজেকে মুক্তিপণরূপে প্রদান করেছেন—এই সাক্ষ্য যথাসময়ে দেওয়া হয়েছে। 7 এই উদ্দেশ্যেই আমি বার্তাবাহক ও প্রেরিতশিষ্য এবং অইহুদিদের কাছে প্রকৃত বিশ্বাসের শিক্ষক নিযুক্ত হয়েছি—আমি সত্যিই বলছি, মিথ্যা নয়।

  49. 11 প্রিয় বন্ধুরা, আমি তোমাদের অনুনয় করি, যেহেতু পৃথিবীতে তোমরা বিদেশি ও প্রবাসী তাই তোমরা পাপপূর্ণ কামনাবাসনা থেকে দূরে থাকো, যেগুলি তোমাদের প্রাণের বিরুদ্ধে যুদ্ধ করে। 12 অবিশ্বাসী প্রতিবেশীদের মধ্যে তোমরা এমন উৎকৃষ্ট মানের জীবনযাপন করো যে, যদিও তারা তোমাদের দুষ্কর্মকারী বলে অপবাদ দেয়, তবুও তারা তোমাদের সৎ কর্মগুলি দেখতে পায় ও যেদিন ঈশ্বর আমাদের পরিদর্শন করেন, সেদিন তারা তাঁর গৌরব কীর্তন করবে।

  50. 17 শমূয়েল বললেন, “যদিও এক সময় তুমি নিজের দৃষ্টিতেই ক্ষুদ্র ছিলে, তাও কি তুমি ইস্রায়েলের সব গোষ্ঠীর প্রধান হওনি? সদাপ্রভু তোমাকে ইস্রায়েলের উপর রাজপদে অভিষিক্ত করেছেন। 18 তিনিই তোমাকে একটি কাজের দায়িত্ব দিয়ে পাঠিয়ে বলেছিলেন, ‘যাও ও সেই দুষ্ট জাতিকে, অমালেকীয়দের পুরোপুরি ধ্বংস করে দাও; তাদের পুরোপুরি মুছে না দেওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করেই যাও।’ 19 তুমি সদাপ্রভুর বাধ্য হলে না কেন? কেন তুমি লুন্ঠিত জিনিসপত্রের উপর ঝাঁপিয়ে পড়লে ও সদাপ্রভুর দৃষ্টিতে পাপ করলে?”

    20 “কিন্তু আমি তো সদাপ্রভুর বাধ্য হয়েছি,” শৌল শমূয়েলকে বললেন। “সদাপ্রভু আমায় যে কাজের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, আমি তো সে কাজেই গিয়েছিলাম। আমি অমালেকীয়দের পুরোপুরি ধ্বংস করেছি এবং তাদের রাজা অগাগকে ধরে এনেছি। 21 সৈন্যরা লুন্ঠিত জিনিসপত্র থেকে কয়েকটি মেষ ও গবাদি পশু নিয়েছে, সেগুলির মধ্যে থেকে ভালো ভালো কয়েকটিকে গিল্‌গলে আপনার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বলি দেওয়ার জন্য সরিয়ে রাখা হয়েছে।”

    22 কিন্তু শমূয়েল উত্তর দিলেন:

    “সদাপ্রভুর বাধ্য হলে তিনি যত খুশি হন,

    হোম ও বলি পেয়ে কি তিনি তত খুশি হন?

    বলি দেওয়ার থেকে বাধ্য হওয়া ভালো,

    মদ্দা মেষের চর্বির থেকে কথা শোনা ভালো।

    23 কারণ বিরুদ্ধাচরণ হল ভবিষ্যৎ-কথনের মতো পাপ,

    এবং ঔদ্ধত্য হল প্রতিমাপূজার মতো পাপ।

    যেহেতু তুমি সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করেছ,

    তাই তিনিও তোমায় রাজারূপে অগ্রাহ্য করেছেন।”

  51. 38 যীশু উত্তর দিলেন, “চলো, আমরা অন্য কোথাও—কাছের গ্রামগুলিতে যাই, যেন ওইসব জায়গাতেও আমি বাণী প্রচার করতে পারি, কারণ সেজন্যই আমি এসেছি।” 39 অতএব তিনি গালীলের সর্বত্র বিভিন্ন সমাজভবনে গিয়ে বাণী প্রচার করলেন ও ভূতে ধরা লোকদের সুস্থ করে তুললেন।

  52. 26 “কেউ যদি আমার কাছে আসে এবং তার বাবা ও মা, স্ত্রী ও সন্তান, ভাই ও বোন, এমনকি, নিজের প্রাণকেও অপ্রিয় জ্ঞান না করে, সে আমার শিষ্য হতে পারে না।

  53. 18 একজন সমাজভবনের অধ্যক্ষ তাঁকে প্রশ্ন করল, “সৎ গুরু, অনন্ত জীবনের অধিকারী হওয়ার জন্য আমাকে কী করতে হবে?”

    19 যীশু উত্তর দিলেন, “আমাকে সৎ বলছ কেন? ঈশ্বর ছাড়া তো আর কেউ সৎ নেই! 20 ঈশ্বরের আজ্ঞা তুমি নিশ্চয় জানো: ‘ব্যভিচার কোরো না, নরহত্যা কোরো না, চুরি কোরো না, মিথ্যা সাক্ষ্য দিয়ো না, তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান কোরো।’ ”

    21 তিনি বললেন, “আমি ছোটোবেলা থেকে এসব পালন করে আসছি।”

    22 একথা শুনে যীশু তাকে বললেন, “এখনও একটি বিষয়ে তোমার ঘাটতি আছে। তুমি তোমার সর্বস্ব বিক্রি করে দরিদ্রদের মধ্যে বিলিয়ে দাও, তাহলে স্বর্গে ঐশ্বর্য লাভ করবে। তারপর এসো, আমাকে অনুসরণ করো।”

    23 একথা শুনে সে অত্যন্ত বিষণ্ণ হয়ে উঠল, কারণ সে প্রচুর সম্পত্তির অধিকারী ছিল। 24 যীশু তার দিকে দৃষ্টিপাত করে বললেন, “ধনীর পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কেমন কষ্টসাধ্য! 25 প্রকৃতপক্ষে, ধনী মানুষের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার চেয়ে বরং সুচের ছিদ্রপথ দিয়ে উটের পার হওয়া সহজ।”

    26 একথা শুনে শ্রোতারা জিজ্ঞাসা করল, “তাহলে কে পরিত্রাণ পেতে পারে?”

    27 যীশু উত্তর দিলেন, “মানুষের পক্ষে যা অসম্ভব, ঈশ্বরের কাছে তা সম্ভবপর।”

    28 পিতর তাঁকে বললেন, “আপনাকে অনুসরণ করার জন্য আমরা আমাদের সর্বস্ব ত্যাগ করেছি।”

    29 যীশু তাদের বললেন, “আমি তোমাদের সত্যিই বলছি, এমন কেউ নেই, যে ঈশ্বরের রাজ্যের জন্য নিজের ঘরবাড়ি, অথবা স্ত্রী, ভাই, বাবা-মা, বা সন্তানসন্ততি ত্যাগ করেছে, 30 সে এই জীবনে তার বহুগুণ এবং আগামী যুগে অনন্ত জীবন লাভ করবে না।”

  54. 26 ভাইবোনেরা, ভেবে দেখো, যখন তোমাদের আহ্বান করা হয়, তখন তোমরা কী ছিলে? মানবিক মানদণ্ড অনুসারে, তোমরা অনেকেই জ্ঞানী ছিলে না; অনেকেই প্রভাবশালী ছিলে না; অনেকেই অভিজাত বংশীয় ছিলে না। 27 কিন্তু ঈশ্বর জগতের মূর্খ বিষয়গুলি মনোনীত করলেন, যেন জ্ঞানীদের লজ্জা দেন; ঈশ্বর জগতের দুর্বল বিষয়গুলি মনোনীত করলেন, যেন শক্তিসম্পন্ন বিষয়গুলিকে লজ্জিত করেন। 28 তিনি জগতের যা কিছু নিচুস্তরের, যা কিছু তুচ্ছ, আবার যেসব বিষয় কিছুই নয়, সেইসব বিষয় মনোনীত করলেন, যেন যা কিছু আছে সেগুলিকে নাকচ করেন, 29 যেন কোনো মানুষ তাঁর সামনে গর্ব করতে না পারে। 30 তাঁরই কারণে তোমরা খ্রীষ্ট যীশুতে আছ, যিনি আমাদের জন্য হয়েছেন ঈশ্বর থেকে জ্ঞান—অর্থাৎ, আমাদের ধার্মিকতা, পবিত্রতা ও মুক্তি। 31 অতএব, যেমন লেখা আছে, “যে গর্ব করে, সে প্রভুতেই গর্ব করুক।”

  55. 16 তোমাদের অন্তরে খ্রীষ্টের বাক্য প্রচুর পরিমাণে অবস্থিতি করুক; তোমরা সমস্ত বিজ্ঞতায় বিভূষিত হয়ে পরস্পরকে শিক্ষাদান ও সচেতন করো এবং গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে মুখর হয়ে ঈশ্বরের প্রতি তোমাদের হৃদয়ের কৃতজ্ঞতায় তা করো। 17 আর কথায় ও কাজে, তোমরা যা কিছুই করো, সবই প্রভু যীশুর নামে করো, তাঁরই মাধ্যমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে তা করো।

  56. 14 ভাইবোনেরা, আমরা তোমাদের মিনতি করছি, যারা অলস, তাদের সতর্ক করো, ভীরু প্রকৃতির ব্যক্তিকে প্রেরণা দিয়ো, দুর্বলকে সাহায্য করো, প্রত্যেকের প্রতি সহনশীলতা দেখিয়ো।

  57. 27 পিতা ঈশ্বরের কাছে বিশুদ্ধ ও নির্দোষরূপে গ্রহণযোগ্য ধর্ম হল এই: অনাথ ও বিধবাদের দুঃখকষ্টে তত্ত্বাবধান করা এবং সাংসারিক কলুষতা থেকে নিজেকে রক্ষা করা।

  58. 18 “আর আমি, তাদের ক্রিয়াকলাপ ও তাদের কল্পনার জন্য আসতে চলেছি। আমি সব দেশ ও ভাষাভাষীকে সংগ্রহ করব। তারা এসে আমার মহিমা দেখবে।

    19 “আমি তাদের মধ্যে এক চিহ্ন স্থাপন করব। অবশিষ্ট যারা বেঁচে থাকবে, তাদের কয়েকজনকে আমি বিভিন্ন দেশে প্রেরণ করব—তর্শীশে, লিবিয়ায়, লূদে (যারা তিরন্দাজির জন্য বিখ্যাত), তূবল ও গ্রীসে ও দূরবর্তী দ্বীপগুলিতে, যারা আমার খ্যাতির কথা শোনেনি বা আমার মহিমা দেখেনি। তারা জাতিসমূহের কাছে আমার মহিমার কথা ঘোষণা করবে।

  59. 18 “প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত,

    কারণ দীনহীনদের কাছে সুসমাচার প্রচারের জন্য

    তিনি আমাকে অভিষিক্ত করেছেন।

    তিনি আমাকে বন্দিদের কাছে মুক্তি প্রচার করবার জন্য পাঠালেন,

    অন্ধদের কাছে দৃষ্টিপ্রাপ্তি প্রচার করার জন্য,

    নিপীড়িতদের নিস্তার করে বিদায় করার জন্য,

    19 প্রভুর প্রসন্নতার বছর ঘোষণা করার জন্য।”

  60. 18 তাঁরা যখন একথা শুনলেন, তাঁদের আর কোনো আপত্তি রইল না। তাঁরা এই বলে ঈশ্বরের প্রশংসা করতে লাগল, “তাহলে তো ঈশ্বর অইহুদিদেরও জীবন পাওয়ার উদ্দেশ্যে মন পরিবর্তনের সুযোগ দিয়েছেন।”

  61. 13 তোমরা যদি সৎকর্ম করতে আগ্রহী হও, কে তোমাদের ক্ষতি করবে? 14 কিন্তু ন্যায়সংগত কাজের জন্য যদি তোমরা কষ্টও ভোগ করো, তাহলে তোমরা ধন্য। “তাদের ভীতি প্রদর্শনে তোমরা ভয় পেয়ো না, তোমরা বিচলিত হোয়ো না।” 15 কিন্তু তোমাদের হৃদয়ের মধ্যে খ্রীষ্টকেই প্রভু বলে মান্য করো। তোমাদের অন্তরের প্রত্যাশার কারণ সম্পর্কে কেউ জানতে চাইলে, তাকে উত্তর দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থেকো। কিন্তু তা কোমলতা ও শ্রদ্ধার সঙ্গে কোরো, 16 বিবেককে স্বচ্ছ রেখো, যেন তোমাদের খ্রীষ্টীয় সদাচরণ দেখে যারা বিদ্বেষপূর্ণভাবে তোমাদের বিরুদ্ধে কথা বলে, তারা তাদের কটূক্তির জন্য লজ্জিত হয়। 17 যদি ঈশ্বরের ইচ্ছা হয়, তবে দুষ্কর্ম করে দুঃখকষ্ট ভোগ করার চেয়ে বরং সৎকর্ম করে কষ্টভোগ করা শ্রেয়।

  62. 10 প্রত্যেকেই অন্যদের সেবা করার উদ্দেশে যে বরদান লাভ করেছে, ঈশ্বরের সেই অনুগ্রহ তারা বিশ্বস্ত কর্মাধ্যক্ষের মতো ব্যবহার করুক।

  63. 1 সার্বভৌম সদাপ্রভুর আত্মা আমার উপরে আছেন,

    কারণ সদাপ্রভু আমাকে অভিষিক্ত করেছেন,

    যেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করি।

    তিনি আমাকে ভগ্নহৃদয় মানুষকে সারিয়ে তুলতে প্রেরণ করেছেন,

    বন্দিদের কাছে স্বাধীনতা ঘোষণা করতে

    এবং কারারুদ্ধ মানুষদের অন্ধকার থেকে মুক্ত করতে,

    2 সদাপ্রভুর কৃপা প্রদর্শনের বছর ও আমাদের ঈশ্বরের

    প্রতিশোধ গ্রহণের দিন ঘোষণা করতে,

    সমস্ত বিলাপকারীকে সান্ত্বনা দিতে,

    3 ও যেন সিয়োনের শোকার্তজনেদের জন্য ব্যবস্থা করি—

    ভস্মের পরিবর্তে

    সৌন্দর্যের মুকুট,

    শোকবিলাপের পরিবর্তে

    আনন্দের তেল,

    এবং অবসন্ন হৃদয়ের পরিবর্তে

    প্রশংসার পোশাক।

    তাদের বলা হবে ধার্মিকতার ওক গাছ,

    শোভা ও সৌন্দর্য প্রদর্শনের জন্য

    যা সদাপ্রভু রোপণ করেছেন।

    4 তারা পুরাকালের ধ্বংসাবশেষকে পুনর্নির্মাণ করবে

    এবং দীর্ঘ দিনের ধ্বংসিত স্থানগুলি পুনঃপ্রতিষ্ঠিত করবে;

    বংশপরম্পরায় উচ্ছিন্ন অবস্থায় থাকা

    ধ্বংসপ্রাপ্ত নগরগুলিকে তারা নবরূপ দান করবে।

  64. 5 যীশু বারোজনকে এসব আদেশ দিয়ে পাঠালেন: “তোমরা অইহুদিদের মধ্যে যেয়ো না বা শমরীয়দের কোনো নগরে প্রবেশ কোরো না। 6 বরং তোমরা ইস্রায়েলের হারিয়ে যাওয়া মেষদের কাছে যাও। 7 তোমরা যেতে যেতে এই বার্তা প্রচার কোরো: ‘স্বর্গরাজ্য সন্নিকট।’ 8 তোমরা পীড়িতদের সুস্থ করো, মৃতদের উত্থাপন করো, যাদের কুষ্ঠরোগ আছে, তাদের শুচিশুদ্ধ করো, ভূতদের তাড়িও। তোমরা বিনামূল্যে পেয়েছ, সেইরূপ বিনামূল্যেই দান করো।

  65. 16 “আমি নেকড়েদের মধ্যে তোমাদের মেষের মতো পাঠাচ্ছি। সেই কারণে, তোমরা সাপের মতো চতুর ও কপোতের মতো সরল হও। 17 লোকেদের ব্যাপারে তোমরা সাবধান থেকো। তারা তোমাদের স্থানীয় বিচার-পরিষদের হাতে তুলে দেবে এবং তাদের সমাজভবনে তোমাদের চাবুক মারবে। 18 আমারই কারণে প্রদেশপালদের ও রাজাদের কাছে এবং অইহুদিদের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য তোমাদের নিয়ে যাওয়া হবে। 19 কিন্তু, তারা যখন তোমাদের গ্রেপ্তার করবে, কী বলবে বা কীভাবে তা বলবে, সে বিষয়ে দুশ্চিন্তা কোরো না। সেই সময়ে, তোমরা কী বলবে, তা তোমাদের বলে দেওয়া হবে। 20 কারণ তোমরা যে কথা বলবে, তা নয়, কিন্তু তোমাদের পিতার আত্মাই তোমাদের মাধ্যমে কথা বলবেন।

    21 “ভাই ভাইকে ও পিতা সন্তানকে প্রতারিত করবে; ছেলেমেয়েরা বাবা-মার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে তাদের মৃত্যুর উদ্দেশে সমর্পণ করবে। 22 আমার কারণে সব মানুষ তোমাদের ঘৃণা করবে, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত অবিচল থাকবে, সেই পরিত্রাণ পাবে। 23 কোনো এক স্থানে তোমরা নির্যাতিত হলে অন্য স্থানে পালিয়ে যেয়ো। আমি তোমাদের সত্যিই বলছি, মনুষ্যপুত্রের আগমনের পূর্বে ইস্রায়েলের নগরগুলির পরিক্রমা তোমরা শেষ করতে পারবে না।

    24 “কোনো শিষ্য তার গুরু থেকে বড়ো নয়, কোনো দাস তার মনিব থেকেও নয়। 25 শিষ্য যদি গুরুর সদৃশ হয় এবং দাস তার মনিবের সদৃশ, তাহলেই যথেষ্ট। বাড়ির কর্তাকেই যদি বেলসবুল বলা হয়, তার পরিজনদের আরও কত নাকি বলা হবে।

  66. 42 প্রত্যুষে যীশু এক নির্জন স্থানে গেলেন। লোকেরা তাঁর সন্ধান করছিল। তিনি যেখানে ছিলেন, তারা সেখানে এসে উপস্থিত হল। তারা তাঁকে নিরস্ত করতে চেষ্টা করল, যেন তিনি তাদের ছেড়ে না যান। 43 কিন্তু তিনি বললেন, “আমাকে অন্যান্য নগরেও ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করতে হবে, কারণ এই জন্যই আমি প্রেরিত হয়েছি।”

  67. 30 আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সেই যীশুকে মৃতলোক থেকে উত্থাপিত করেছেন—যাঁকে আপনারা একটি গাছের উপরে টাঙিয়ে হত্যা করেছিলেন। 31 ঈশ্বর তাঁকে অধিপতি ও উদ্ধারকর্তা করে তাঁর ডানদিকে উন্নীত করেছেন, যেন তিনি ইস্রায়েলকে মন পরিবর্তনের পথে চালনা করতে ও পাপের ক্ষমা দিতে পারেন। 32 আমরা এই সমস্ত বিষয়ের সাক্ষী, আর পবিত্র আত্মাও সাক্ষী, যাঁকে ঈশ্বর, যারা তাঁর আজ্ঞা পালন করে, তাদের দান করেছেন।”

  68. 30 কর্ণীলিয় উত্তর দিলেন, “চারদিন আগে, এরকম সময়ে, বেলা তিনটের সময়, আমি আমার বাড়িতে প্রার্থনা করছিলাম। হঠাৎই উজ্জ্বল পোশাক পরে এক ব্যক্তি আমার সামনে এসে দাঁড়ালেন। 31 তিনি বললেন, ‘কর্ণীলিয়, ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন এবং দরিদ্রদের প্রতি তোমার সব দান স্মরণ করেছেন। 32 তুমি পিতর নামে পরিচিত শিমোনকে ডেকে আনার জন্য জোপ্পাতে লোক পাঠাও। সে শিমোন নামে এক চর্মকারের বাড়িতে অতিথি হয়ে আছে। তার বাড়ি সমুদ্রের তীরে।’ 33 তাই আমি সঙ্গে সঙ্গে আপনার কাছে লোক পাঠালাম, আর আপনি এসে ভালোই করেছেন। এখন আমরা সকলে এই স্থানে ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হয়েছি। প্রভু আমাদের কাছে বলার জন্য আপনাকে যে আদেশ দিয়েছেন, সেই সমস্ত শোনার জন্য আমরা একত্র হয়েছি।”

    34 তখন পিতর কথা বলা শুরু করলেন: “এখন আমি বুঝতে পারছি যে, একথা কেমন সত্যি যে ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না, 35 কিন্তু যারাই তাঁকে ভয় করে ও ন্যায়সংগত আচরণ করে, সেইসব জাতির মানুষকে তিনি গ্রহণ করেন। 36 ইস্রায়েল জাতির কাছে এই হল সুসমাচারের বার্তা যে যীশু খ্রীষ্ট, যিনি সকলের প্রভু, তাঁর মাধ্যমে, ঈশ্বরের সঙ্গে শান্তি স্থাপিত হয়েছে। 37 যোহন বাপ্তিষ্মের বিষয়ে প্রচার করার পর গালীল থেকে শুরু করে সমস্ত যিহূদিয়ায় যা যা ঘটেছে, তা আপনাদের অজানা নেই— 38 ঈশ্বর কীভাবে নাসরতের যীশুকে পবিত্র আত্মায় ও পরাক্রমে অভিষিক্ত করেছিলেন এবং কীভাবেই বা তিনি বিভিন্ন স্থানে সকলের কল্যাণ করে বেড়াতেন ও দিয়াবলের ক্ষমতাধীন ব্যক্তিদের সুস্থ করতেন, কারণ ঈশ্বর তাঁর সহবর্তী ছিলেন।

    39 “ইহুদিদের দেশে ও জেরুশালেমে তিনি যা যা করেছিলেন, আমরা সেই সমস্ত বিষয়ের সাক্ষী। তারা তাঁকে ক্রুশে টাঙিয়ে হত্যা করেছিল। 40 কিন্তু ঈশ্বর তৃতীয় দিনে তাঁকে মৃতলোক থেকে উত্থাপিত করেছিলেন এবং তাঁকে প্রত্যক্ষ হতে দিয়েছিলেন। 41 সব মানুষ তাঁকে দেখতে পায়নি, কিন্তু ঈশ্বর যাদের আগে থেকেই সাক্ষীরূপে মনোনীত করে রেখেছিলেন, সেই আমরাই মৃতলোক থেকে তাঁর উত্থাপিত হওয়ার পর তাঁকে দেখেছি ও তাঁর সঙ্গে খাওয়াদাওয়া করেছি। 42 তিনি সব জাতির কাছে প্রচার করতে ও সাক্ষ্য দিতে আমাদের এই আদেশ দিয়েছেন যে, তিনিই সেই ব্যক্তি, যাঁকে ঈশ্বর জীবিত ও মৃতদের বিচারক হওয়ার জন্য নিযুক্ত করেছেন। 43 ভাববাদীরা সকলে তাঁর সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন, যে তাঁকে বিশ্বাস করে, সে তাঁর নামের মাধ্যমে নিজের সব পাপের ক্ষমা লাভ করে।”

    44 পিতর যখন এসব কথা বলছিলেন, সেই সময়, যত লোক সেই বাণী শুনছিল, তাদের উপরে পবিত্র আত্মা নেমে এলেন। 45 সুন্নতপ্রাপ্ত যে বিশ্বাসীরা পিতরের সঙ্গে এসেছিলেন, তাঁরা অইহুদিদের উপরে পবিত্র আত্মার বরদান নেমে আসতে দেখে বিস্মিত হলেন। 46 কারণ তাঁরা তাঁদের বিভিন্ন ভাষায় কথা বলতে ও ঈশ্বরের মহিমাকীর্তন করতে শুনলেন।

    তখন পিতর বললেন, 47 “আমাদেরই মতো এরাও পবিত্র আত্মা লাভ করেছে বলে কেউ কি এদের জলে বাপ্তিষ্ম গ্রহণ করতে বাধা দিতে পারে?” 48 তাই তিনি যীশু খ্রীষ্টের নামে তাদের বাপ্তাইজিত হওয়ার আদেশ দিলেন। পরে তাঁরা পিতরকে অনুনয় করলেন, যেন তিনি আরও কিছুদিন তাঁদের সঙ্গে থেকে যান।

  69. 21 তাঁরা সেই নগরে সুসমাচার প্রচার করলেন এবং বিপুল সংখ্যক মানুষকে শিষ্য করলেন। তারপর তারা লুস্ত্রা, ইকনিয় ও আন্তিয়খে ফিরে এলেন। 22 তাঁরা শিষ্যদের শক্তি জোগালেন ও বিশ্বাসে স্থির থাকার জন্য তাঁদের প্রেরণা দিলেন। তাঁরা বললেন, “ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার জন্য আমাদের অবশ্যই বহু কষ্টভোগ করতে হবে।” 23 পৌল ও বার্ণবা প্রত্যেকটি মণ্ডলীতে তাঁদের জন্য প্রাচীনদের মনোনীত করলেন। যে প্রভুর উপরে তাঁরা আস্থা স্থাপন করেছিলেন, প্রার্থনা ও উপোসের মাধ্যমে তাঁরই কাছে তাঁদের সমর্পণ করলেন।

  70. 10 অতএব এখন, যাও। মিশর থেকে আমার প্রজা ইস্রায়েলীদের বের করে আনার জন্য আমি তোমাকে ফরৌণের কাছে পাঠাচ্ছি।”

  71. 7 কিন্তু সদাপ্রভু আমাকে বললেন, “তুমি এরকম কথা বোলো না যে ‘আমি বালক।’ আমি যাদের কাছে তোমাকে পাঠাব, তুমি তাদের প্রত্যেকের কাছে যাবে এবং আমি যা তোমাকে বলব, তুমি তাদের সেই কথাই বলবে। 8 তুমি তাদের ভয় পেয়ো না, কারণ আমি তোমার সঙ্গে থাকব ও তোমাকে রক্ষা করব,” সদাপ্রভু এই কথা বলেন!

    9 এরপর, সদাপ্রভু তাঁর হাত বাড়িয়ে আমার মুখ স্পর্শ করলেন ও বললেন, “আমি আমার বাক্য তোমার মুখে দিয়েছি।

  72. 12 তখন যিরমিয় রাজকর্মচারীদের ও অন্যান্য সব লোকদের বললেন: “সদাপ্রভু আমাকে এই গৃহ ও এই নগর সম্বন্ধে ভাববাণী বলার জন্য প্রেরণ করেছেন, যে সকল কথা আপনারা শুনেছেন। 13 এবার আপনারা আপনাদের জীবনাচরণ ও আপনাদের কার্যকলাপের সংশোধন করুন এবং আপনাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশ পালন করুন। তাহলে সদাপ্রভু আপনাদের প্রতি কোমল হবেন এবং আপনাদের বিরুদ্ধে যে বিপর্যয় আনার কথা ঘোষণা করেছেন, তা আর নিয়ে আসবেন না।

  73. 3 তিনি বললেন “হে মানবসন্তান, আমি তোমাকে ইস্রায়েলীদের কাছে পাঠাচ্ছি, সেই বিদ্রোহী জাতি যারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে; তারা ও তাদের পূর্বপুরুষেরা আজ পর্যন্ত আমার বিরুদ্ধে বিদ্রোহ করছে। 4 যে লোকদের কাছে আমি তোমাকে পাঠাচ্ছি তারা একগুঁয়ে ও জেদি। তাদের বলবে, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।’

  74. 3 মন্দিরের বিপরীত দিকে যীশু যখন জলপাই পর্বতে বসেছিলেন, পিতর, যাকোব, যোহন ও আন্দ্রিয় তাঁকে একান্তে জিজ্ঞাসা করলেন, 4 “কখন এই সমস্ত ঘটনা ঘটবে, আমাদের বলুন। আর এগুলি পূর্ণ হওয়ার চিহ্নই বা কী হবে?”

    5 যীশু তাঁদের বললেন, “সতর্ক থেকো, কেউ যেন তোমাদের সঙ্গে প্রতারণা না করে। 6 অনেকে এসে আমার নামে দাবি করবে, ‘আমিই সেই,’ আর এভাবে বহু মানুষকে ঠকাবে। 7 তোমরা যখন যুদ্ধের কথা ও যুদ্ধের সব জনরব শুনবে, তখন আতঙ্কগ্রস্ত হোয়ো না। এ সমস্ত বিষয় অবশ্যই ঘটবে, কিন্তু তখনও অন্তিমলগ্ন উপস্থিত হয়নি। 8 এক জাতি অন্য জাতির বিপক্ষে, এক রাজ্য অন্য রাজ্যের বিপক্ষে অভিযান করবে। বিভিন্ন স্থানে ভূমিকম্প হবে ও দুর্ভিক্ষ দেখা দেবে। কিন্তু এসব প্রসব যন্ত্রণার সূচনা মাত্র।

    9 “তোমরা অবশ্যই নিজেদের সম্পর্কে সতর্ক থাকবে। তোমাদেরকে স্থানীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে ও সমাজভবনগুলিতে চাবুক মারা হবে। আমার কারণে তোমাদের বিভিন্ন প্রদেশপাল ও রাজাদের কাছে দাঁড়াতে হবে, তাদের কাছে তোমরা আমার সাক্ষীস্বরূপ হবে। 10 আর প্রথমে সমস্ত জাতির কাছে সুসমাচার প্রচারিত হবে। 11 যখনই তোমাদের গ্রেপ্তার করে বিচারের জন্য নিয়ে আসা হবে, কী বলবে, তা নিয়ে আগে থেকেই দুশ্চিন্তাগ্রস্ত হোয়ো না। সেই সময়ে তোমাদের যা দেওয়া হবে, কেবলমাত্র তাই বোলো, কারণ তোমরা যে কথা বলবে, এমন নয়, কিন্তু পবিত্র আত্মাই বলবেন।

    12 “ভাই ভাইকে ও পিতা সন্তানকে প্রতারিত করবে; ছেলেমেয়েরা বাবা-মার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে তাদের মৃত্যুর উদ্দেশে সমর্পণ করবে। 13 আমার কারণে সব মানুষ তোমাদের ঘৃণা করবে, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত অবিচল থাকবে, সেই পরিত্রাণ পাবে।

  75. 27 যে আমার অনুগামী হতে চায় অথচ নিজের ক্রুশ বহন করে না, সে আমার শিষ্য হতে পারে না।

  76. 10 দামাস্কাসে অননিয় নামে একজন শিষ্য ছিলেন। প্রভু এক দর্শনের মাধ্যমে তাঁকে ডাক দিলেন, “অননিয়!”

    তিনি উত্তর দিলেন, “হ্যাঁ প্রভু, দেখুন, এই আমি!”

    11 প্রভু তাঁকে বললেন, “তুমি সরল নামক রাস্তায় অবস্থিত যিহূদার বাড়িতে যাও এবং তার্ষ নগরের শৌল নামে এক ব্যক্তির সন্ধান করো, কারণ সে প্রার্থনা করছে। 12 এক দর্শনে সে দেখেছে যে, অননিয় নামে এক ব্যক্তি এসে তার উপরে হাত রাখলেন, যেন সে দৃষ্টিশক্তি ফিরে পায়।”

    13 অননিয় উত্তর দিলেন, “প্রভু, আমি এই লোকটি সম্পর্কে বহু অভিযোগ এবং জেরুশালেমে তোমার পবিত্রগণের যে সমস্ত ক্ষতি করেছে, তা আমি শুনেছি। 14 আবার এখানেও যারা তোমার নামে ডাকে, তাদের সবাইকে গ্রেপ্তার করার জন্য সে প্রধান যাজকদের কাছ থেকে ক্ষমতা নিয়ে এসেছে।”

    15 কিন্তু প্রভু অননিয়কে বললেন, “তুমি যাও! অইহুদি সব জাতি ও তাদের রাজাদের কাছে এবং ইস্রায়েলী জনগণের কাছে আমার নাম প্রচার করার জন্য সে আমার মনোনীত পাত্র। 16 আমি তাকে দেখাব যে আমার নামের জন্য তাকে কত কষ্টভোগ করতে হবে।”

    17 অননিয় তখন সেই বাড়ির উদ্দেশে চলে গেলেন এবং সেখানে প্রবেশ করলেন। শৌলের উপরে হাত রেখে তিনি বললেন, “ভাই শৌল, প্রভু যীশু, যিনি তোমার আসার সময় পথে তোমাকে দর্শন দিয়েছেন, তিনি আমাকে পাঠিয়েছেন, যেন তুমি দৃষ্টি ফিরে পাও ও পবিত্র আত্মায় পূর্ণ হও।” 18 সঙ্গে সঙ্গে, আঁশের মতো কোনো বস্তু শৌলের দু-চোখ থেকে পড়ে গেল এবং তিনি আবার দেখতে লাগলেন। তিনি উঠে বাপ্তাইজিত হলেন,

  77. 19 যদিও আমি মুক্ত ও কারও অধীন নই, আমি নিজেকে সকলের ক্রীতদাস করে তুলেছি, যেন যতজনকে সম্ভব, ততজনকে জয় করতে পারি। 20 ইহুদিদের কাছে আমি ইহুদির মতো হয়েছি, যেন ইহুদিদের জয় করতে পারি। যারা বিধানের অধীন, তাদের কাছে আমি বিধানের অধীন একজনের মতো হয়েছি (যদিও আমি স্বয়ং বিধানের অধীন নই), যেন বিধানের অধীন মানুষদের আমি জয় করতে পারি। 21 যারা বিধানের অধীন নয়, তাদের জন্য আমি বিধানবিহীন মানুষের মতো হয়েছি (যদিও আমি ঈশ্বরের বিধান থেকে মুক্ত নই, কিন্তু খ্রীষ্টের বিধানের অধীন), যেন যারা বিধানের অধীন নয়, তাদের জয় করতে পারি। 22 দুবর্লদের জন্য আমি দুর্বল হলাম, যেন দুর্বলদের জয় করতে পারি। সব মানুষের কাছে আমি সবকিছু হয়েছি, যেন সম্ভাব্য সমস্ত উপায়ে, আমি কিছু মানুষের পরিত্রাণ সাধন করতে পারি। 23 আমি সুসমাচারের কারণে এ সমস্ত করি, যেন আমি এর সমস্ত আশীর্বাদের অংশীদার হতে পারি।