43 Bible Verses About Breakups

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Breakups
  1. 3 তিনি ভগ্নচিত্তদের সুস্থ করেন,

    এবং তাদের সব ক্ষতস্থান তিনি বেঁধে দেন।

  2. 17 ধার্মিকরা কেঁদে ওঠে, আর সদাপ্রভু শোনেন;

    তিনি তাদের সব সংকট থেকে মুক্ত করেন।

    18 সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী,

    এবং যারা অন্তরে চূর্ণবিচূর্ণ, তাদের তিনি উদ্ধার করেন।

  3. 1 কিন্তু এখন, সদাপ্রভু এই কথা বলেন,

    ওহে যাকোব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন,

    ওহে ইস্রায়েল, যিনি তোমাকে গঠন করেছেন,

    “তুমি ভয় পেয়ো না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি;

    আমি নাম ধরে তোমাকে ডেকেছি; তুমি আমার।

    2 তুমি যখন জলরাশির মধ্য দিয়ে অতিক্রম করবে,

    আমি তোমার সঙ্গে থাকব;

    তুমি যখন নদনদীর মধ্য দিয়ে যাবে,

    সেগুলি তোমাকে মগ্ন করতে পারবে না।

    যখন তুমি আগুনের মধ্য দিয়ে যাবে,

    তুমি দগ্ধ হবে না;

    সেই আগুনের শিখা তোমাকে পুড়িয়ে ফেলবে না।

    3 কারণ আমি সদাপ্রভু, তোমার ঈশ্বর,

    ইস্রায়েলের সেই পবিত্রতম জন, তোমার পরিত্রাতা;

    তোমার মুক্তিমূল্যরূপে আমি মিশরকে,

    তোমার পরিবর্তে আমি কূশ ও সবাকে দিয়েছি।

    4 তুমি যেহেতু আমার দৃষ্টিতে বহুমূল্য ও মর্যাদার পাত্র,

    আর আমি যেহেতু তোমাকে ভালোবাসি,

    আমি তোমার পরিবর্তে অপর মানুষজনকে দেব,

    তোমার জীবনের পরিবর্তে বিভিন্ন জাতিকে দেব।

  4. 3 আর আমি সেই সিংহাসন থেকে এক উচ্চ রব শুনতে পেলাম, তা বলছিল, “দেখো, এখন মানুষের মাঝে ঈশ্বরের আবাস, তিনি তাদের সঙ্গে বসবাস করবেন। তারা তাঁর প্রজা হবে এবং ঈশ্বর স্বয়ং তাদের সঙ্গে থাকবেন ও তাদের ঈশ্বর হবেন। 4 তিনি তাদের সমস্ত চোখের জল মুছে দেবেন। আর কোনো শোক বা মৃত্যু বা কান্না বা ব্যথাবেদনা হবে না, কারণ পুরোনো সমস্ত বিষয় গত হয়েছে।”

  5. 10 তাই ভয় কোরো না, কারণ আমি তোমার সঙ্গে আছি;

    হতাশ হোয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর।

    আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব;

    আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব।

  6. 28 “ওহে, তোমরা যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। 29 আমার জোয়াল তোমরা নিজেদের উপরে তুলে নাও ও আমার কাছে শিক্ষা নাও, কারণ আমার স্বভাব কোমল ও নম্র। এতে তোমরা নিজেদের অন্তরে বিশ্রাম পাবে। 30 কারণ আমার জোয়াল সহজ ও আমার বোঝা হালকা।”

  7. 27 আমি তোমাদের মধ্যে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিয়ে যাচ্ছি। জগৎ যেভাবে দেয়, আমি সেভাবে তোমাদের দান করি না। তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয় এবং তোমরা ভীত হোয়ো না।

  8. 6 কোনো বিষয়েই উৎকণ্ঠিত হোয়ো না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। 7 এতে সব বোধবুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি, খ্রীষ্ট যীশুতে তোমাদের অন্তর ও মন রক্ষা করবে।

  9. 26 আমার মাংস আর আমার অন্তর ব্যর্থ হতে পারে,

    কিন্তু ঈশ্বর আমার হৃদয়ের শক্তি

    আর আমার চিরকালের উত্তরাধিকার।

  10. 5 তুমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর উপর আস্থা রাখো

    ও নিজের বিচক্ষণতার উপর নির্ভর কোরো না;

    6 তোমার সমস্ত পথে তাঁর বশ্যতাস্বীকার করো,

    ও তিনি তোমার পথগুলি সোজা করে দেবেন।

  11. 13 এই কারণে আমি তাদের কাছে রূপকের মাধ্যমে কথা বলছি:

    “ ‘যেন দেখেও তারা দেখতে না পায়,

    শুনেও তারা শুনতে বা বুঝতে না পায়।’

    14 তাদের মধ্যেই যিশাইয়ের এই ভবিষ্যদ্‌বাণী পূর্ণ হয়েছে:

    “ ‘তোমরা সবসময়ই শুনতে থাকবে,

    কিন্তু কখনও বুঝতে পারবে না;

    তোমরা সবসময়ই দেখতে থাকবে,

    কিন্তু কখনও উপলব্ধি করবে না।

    15 কারণ এই লোকেদের হৃদয় অনুভূতিহীন হয়েছে,

    তারা কদাচিৎ তাদের কান দিয়ে শোনে এবং

    তারা তাদের চোখ বন্ধ করেছে।

    অন্যথায়, তারা হয়তো তাদের চোখ দিয়ে দেখবে,

    তাদের কান দিয়ে শুনবে,

    তাদের মন দিয়ে বুঝবে ও ফিরে আসবে,

    যেন আমি তাদের আরোগ্য দান করি।’

  12. 33 “আমি তোমাদের এসব কথা জানালাম, যেন আমার মধ্যে তোমরা শান্তি লাভ করো। এই জগতে তোমরা সংকটের সম্মুখীন হবে, কিন্তু সাহস করো! আমি এই জগৎকে জয় করেছি।”

  13. 6 সেই কারণে, ঈশ্বরের পরাক্রমী হাতের নিচে, নিজেদের নতনম্র করো, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদের উন্নত করেন। 7 তোমাদের সমস্ত দুশ্চিন্তার ভার তাঁরই উপরে দিয়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন।

  14. 6 তোমরা বলবান হও ও সাহস করো। তাদের তোমরা ভয় পেয়ো না কিংবা আতঙ্কগ্রস্ত হোয়ো না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সঙ্গে যাবেন; তিনি কখনও তোমাদের ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না।”

  15. 11 কারণ তোমাদের জন্য কৃত পরিকল্পনার কথা আমি জানি,” সদাপ্রভু এই কথা বলেন। “তা হল তোমাদের সমৃদ্ধির পরিকল্পনা, তোমাদের ক্ষতি করার নয়, তোমাদের এক আশা ও ভবিষ্যৎ মঙ্গলদানের পরিকল্পনা।

  16. 28 আর আমরা জানি যে, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তাঁর ইচ্ছা অনুসারে আহূত, তিনি সব বিষয়ে তাদের মঙ্গলসাধনের জন্য কাজ করেন।

  17. 31 সব রকমের তিক্ততা, রোষ ও ক্রোধ, কলহ ও নিন্দা, সেই সঙ্গে সব ধরনের হিংসা ত্যাগ করো। 32 পরস্পরের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল হও। ঈশ্বর যেমন খ্রীষ্টে তোমাদের ক্ষমা করেছেন, তেমনই তোমরাও পরস্পরকে ক্ষমা করো।

  18. 13 যিনি আমাকে শক্তি দান করেন, তাঁর মাধ্যমে আমি সবকিছুই করতে পারি।

  19. 31 সেই কারণে, ‘আমরা কী খাব?’ বা ‘আমরা কী পান করব?’ বা ‘আমরা কী পরব?’ এসব নিয়ে তোমরা দুশ্চিন্তা কোরো না। 32 কারণ পরজাতীয়রাই এই সমস্ত বিষয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকে, অথচ তোমাদের স্বর্গস্থ পিতা জানেন যে এগুলো তোমাদের প্রয়োজন। 33 কিন্তু তোমরা প্রথমে তাঁর রাজ্য ও ধার্মিকতার অন্বেষণ করো, তাহলে এই সমস্ত বিষয়ও তোমাদের দেওয়া হবে। 34 অতএব, কালকের বিষয়ে দুশ্চিন্তা কোরো না, কারণ কাল স্বয়ং নিজের বিষয়ে দুশ্চিন্তা করবে। প্রত্যেকটি দিনের কষ্ট প্রতিটি দিনের জন্য যথেষ্ট।

  20. 8 “ ‘এই লোকেরা তাদের ওষ্ঠাধরে আমাকে সম্মান করে,

    কিন্তু তাদের হৃদয় থাকে আমার থেকে বহুদূরে।

  21. 42 যীশু তাদের বললেন, “তোমরা কি শাস্ত্রে কখনও পাঠ করোনি:

    “ ‘গাঁথকেরা যে পাথর অগ্রাহ্য করেছিল,

    তাই হয়ে উঠল কোণের প্রধান পাথর;

    প্রভুই এরকম করেছেন,

    আর তা আমাদের দৃষ্টিতে অবিশ্বাস্য’?

  22. 6 রক্তমাংসের উপরে নিবদ্ধ মানসিকতার পরিণাম হল মৃত্যু, কিন্তু পবিত্র আত্মার দ্বারা নিয়ন্ত্রিত মানিসকতা হল জীবন ও শান্তি। 7 রক্তমাংসের মানসিকতা হল ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতা। তা ঈশ্বরের বিধানের প্রতি বশীভূত থাকে না, আর তেমন করতেও পারে না। 8 যারা রক্তমাংসের স্বভাব দ্বারা নিয়ন্ত্রিত, তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না।

  23. 18 সমস্ত পরিস্থিতিতেই ধন্যবাদ জ্ঞাপন করো, কারণ খ্রীষ্ট যীশুতে তোমাদের জন্য এই হল ঈশ্বরের ইচ্ছা।

  24. 14 সদাপ্রভুর অপেক্ষায় থাকো;

    শক্ত হও ও সাহস করো

    এবং সদাপ্রভুর অপেক্ষায় থাকো।

  25. 9 এমনকি আমার ঘনিষ্ঠ বন্ধু,

    যাকে আমি বিশ্বাস করেছিলাম,

    এবং যে আমার খাবার ভাগ করে খেয়েছিল,

    সে আমার বিপক্ষে গেছে!

  26. 22 সদাপ্রভুতে নিজের ভার অর্পণ করো

    আর তিনি তোমাকে বাঁচিয়ে রাখবেন;

    তিনি কখনও ধার্মিকদের

    বিচলিত হতে দেবেন না।

  27. 13 তারাই আশীর্বাদধন্য যারা প্রজ্ঞা খুঁজে পায়,

    যারা বিচক্ষণতা লাভ করে,

    14 কারণ প্রজ্ঞা রুপোর চেয়েও বেশি লাভজনক

    ও সোনার চেয়েও ভালো প্রতিদান দেয়।

    15 প্রজ্ঞা পদ্মরাগমণির চেয়েও বেশি মূল্যবান;

    তোমার আকাঙ্ক্ষিত কোনো কিছুকেই তার সাথে তুলনা করা যায় না।

    16 প্রজ্ঞার ডান হাতে দীর্ঘ পরমায়ু আছে;

    বাঁ হাতে ধন ও সম্মান আছে।

    17 তার পথগুলি সুখকর পথ,

    ও তার সব পথে শান্তি আছে।

    18 যারা প্রজ্ঞাকে ধরে রাখে তাদের কাছে সে এক জীবনবৃক্ষ;

    যারা তাকে অটলভাবে ধরে রাখে তারা আশীর্বাদধন্য হবে।

  28. 4 আর সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত হল:

    5 “মাতৃগর্ভে তোমাকে গঠন করার পূর্বে আমি তোমাকে জানতাম,

    তোমার জন্মের পূর্ব থেকে আমি তোমাকে পৃথক করেছি;

    জাতিগণের কাছে আমি তোমাকে আমার ভাববাদীরূপে নিযুক্ত করেছি।”

    6 তখন আমি বললাম, “হায়, সার্বভৌম সদাপ্রভু, দেখো, আমি কথা বলতেই পারি না; কারণ আমি নিতান্ত বালকমাত্র।”

    7 কিন্তু সদাপ্রভু আমাকে বললেন, “তুমি এরকম কথা বোলো না যে ‘আমি বালক।’ আমি যাদের কাছে তোমাকে পাঠাব, তুমি তাদের প্রত্যেকের কাছে যাবে এবং আমি যা তোমাকে বলব, তুমি তাদের সেই কথাই বলবে। 8 তুমি তাদের ভয় পেয়ো না, কারণ আমি তোমার সঙ্গে থাকব ও তোমাকে রক্ষা করব,” সদাপ্রভু এই কথা বলেন!

    9 এরপর, সদাপ্রভু তাঁর হাত বাড়িয়ে আমার মুখ স্পর্শ করলেন ও বললেন, “আমি আমার বাক্য তোমার মুখে দিয়েছি। 10 দেখো, আমি আজ তোমাকে বিভিন্ন জাতি ও রাজ্যগুলির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য নিযুক্ত করছি, যাদের তুমি উৎপাটন করবে ও ভেঙে ফেলবে, ধ্বংস ও পরাস্ত করবে, গঠন ও রোপণ করবে।”

  29. 18 “প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত,

    কারণ দীনহীনদের কাছে সুসমাচার প্রচারের জন্য

    তিনি আমাকে অভিষিক্ত করেছেন।

    তিনি আমাকে বন্দিদের কাছে মুক্তি প্রচার করবার জন্য পাঠালেন,

    অন্ধদের কাছে দৃষ্টিপ্রাপ্তি প্রচার করার জন্য,

    নিপীড়িতদের নিস্তার করে বিদায় করার জন্য,

    19 প্রভুর প্রসন্নতার বছর ঘোষণা করার জন্য।”

  30. 16 “কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে, তিনি তাঁর একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাঁকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। 17 কারণ জগতের বিচার করতে ঈশ্বর তাঁর পুত্রকে জগতে পাঠাননি, কিন্তু তাঁর মাধ্যমে জগৎকে উদ্ধার করতেই পাঠিয়েছিলেন।

  31. 32 তখন তোমরা সত্যকে জানবে, আর সেই সত্য তোমাদের মুক্ত করবে।”

  32. 5 কারণ তাঁর ক্রোধ ক্ষণস্থায়ী,

    কিন্তু তাঁর অনুগ্রহ সারা জীবন স্থায়ী;

    অশ্রু রাত্রিব্যাপী হয়,

    কিন্তু উল্লাস সকালে উপস্থিত হয়।

  33. 4 সদাপ্রভুতে আনন্দ করো,

    তিনিই তোমার মনের অভিলাষ পূর্ণ করবেন।

    5 তোমার চলার পথ সদাপ্রভুতে সমর্পণ করো;

    তাঁর উপর নির্ভর করো আর তিনি এসব করবেন:

  34. 10 তিনি বলেন, “শান্ত হও, আর জানো, আমিই ঈশ্বর;

    সমস্ত জাতিতে আমি মহিমান্বিত হব,

    সমস্ত পৃথিবীতে আমি মহিমান্বিত হব।”

  35. 7 অশুভ সংবাদে সে ভয় করবে না;

    তার হৃদয় অবিচল, তা সদাপ্রভুতে আস্থা রাখে।

  36. 28 তুমি কি জানো না?

    তুমি কি কখনও শোনোনি?

    সদাপ্রভুই সনাতন ঈশ্বর,

    তিনি পৃথিবীর প্রান্তসীমার সৃষ্টিকর্তা।

    তিনি শ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না,

    তাঁর বুদ্ধির গভীরতা কেউ পরিমাপ করতে পারে না।

    29 তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন,

    দুর্বলের শক্তিবৃদ্ধি করেন।

    30 এমনকি, যুবকেরাও শ্রান্ত ও ক্লান্ত হয়,

    তরুণেরা হোঁচট খেয়ে পতিত হয়;

    31 কিন্তু যারা সদাপ্রভুতে প্রত্যাশা রাখে,

    তারা তাদের শক্তি নবায়িত করবে।

    তারা ঈগল পাখির মতোই ডানা মেলবে,

    তারা দৌড়াবে, কিন্তু ক্লান্ত হবে না,

    তারা চলাফেরা করবে, কিন্তু মূর্ছিত হবে না।

  37. 1 সার্বভৌম সদাপ্রভুর আত্মা আমার উপরে আছেন,

    কারণ সদাপ্রভু আমাকে অভিষিক্ত করেছেন,

    যেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করি।

    তিনি আমাকে ভগ্নহৃদয় মানুষকে সারিয়ে তুলতে প্রেরণ করেছেন,

    বন্দিদের কাছে স্বাধীনতা ঘোষণা করতে

    এবং কারারুদ্ধ মানুষদের অন্ধকার থেকে মুক্ত করতে,

    2 সদাপ্রভুর কৃপা প্রদর্শনের বছর ও আমাদের ঈশ্বরের

    প্রতিশোধ গ্রহণের দিন ঘোষণা করতে,

    সমস্ত বিলাপকারীকে সান্ত্বনা দিতে,

    3 ও যেন সিয়োনের শোকার্তজনেদের জন্য ব্যবস্থা করি—

    ভস্মের পরিবর্তে

    সৌন্দর্যের মুকুট,

    শোকবিলাপের পরিবর্তে

    আনন্দের তেল,

    এবং অবসন্ন হৃদয়ের পরিবর্তে

    প্রশংসার পোশাক।

    তাদের বলা হবে ধার্মিকতার ওক গাছ,

    শোভা ও সৌন্দর্য প্রদর্শনের জন্য

    যা সদাপ্রভু রোপণ করেছেন।

  38. 2 আমার হস্তই কি এই সমস্ত নির্মাণ করেনি,

    সেকারণেই তো এগুলি অস্তিত্বপ্রাপ্ত হয়েছে?”

    সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।

    “এই ধরনের মানুষকে আমি মূল্যবান জ্ঞান করব,

    যে নতনম্র ও চূর্ণ আত্মা বিশিষ্ট,

    যে আমার বাক্যে কম্পিত হয়।

  39. 7 তিনি তাঁদের বললেন, “পিতা তাঁর নিজস্ব অধিকারে যে সময় ও দিন নির্দিষ্ট করে রেখেছেন, সেসব তোমাদের জানার কথা নয়। 8 কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে এলে তোমরা শক্তি লাভ করবে, আর তোমরা জেরুশালেমে ও সমস্ত যিহূদিয়ায় ও শমরিয়ায় এবং পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত আমার সাক্ষী হবে।”

    9 একথা বলার পর তাঁকে তাঁদের চোখের সামনেই স্বর্গে তুলে নেওয়া হল ও একখণ্ড মেঘ তাঁকে তাঁদের দৃষ্টির আড়াল করে দিল।

    10 তিনি যখন যাচ্ছিলেন, তাঁরা অপলক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়েছিলেন, তখন হঠাৎই সাদা পোশাক পরে দুজন পুরুষ তাঁদের পাশে এসে দাঁড়ালেন। 11 তাঁরা বললেন, “হে গালীলীয়রা, তোমরা এখানে কেন আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছ? এই একই যীশু, যাঁকে তোমাদের মধ্য থেকে স্বর্গে নিয়ে যাওয়া হল, তাঁকে যেভাবে স্বর্গে যেতে দেখলে, ঠিক সেভাবেই তিনি ফিরে আসবেন।”

  40. 18 আমি এরকম মনে করি যে, আমাদের মধ্যে যে মহিমার প্রকাশ ঘটবে, আমাদের বর্তমানকালের কষ্টভোগের সঙ্গে তার কোনো তুলনা হতে পারে না।

  41. 19 হে আমার প্রিয় বন্ধুগণ, তোমরা প্রতিশোধ নিয়ো না, কিন্তু ঈশ্বরের ক্রোধের জন্য স্থান ছেড়ে দাও, কারণ একথা লেখা আছে: “প্রতিশোধ নেওয়া আমারই কাজ, আমি প্রতিফল দেব,” একথা প্রভু বলেন।

  42. 5 তোমাদের জীবন অর্থলালসা থেকে মুক্ত রেখো। তোমাদের যা আছে, তাতেই সন্তুষ্ট থেকো। কারণ ঈশ্বর বলেছেন,

    “আমি কখনও তোমাকে ছেড়ে দেব না,

    কখনও তোমায় পরিত্যাগ করব না।”

    6 তাই আমরা আস্থার সঙ্গে বলতে পারি,

    “প্রভুই আমার সহায়, আমি ভীত হব না,

    মানুষ আমার কী করতে পারে?”

  43. 7 অতএব, তোমরা ঈশ্বরের বশ্যতাধীন হও। দিয়াবলের প্রতিরোধ করো, আর সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে।