68 Bible Verses About Being Thankful
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
17 আর কথায় ও কাজে, তোমরা যা কিছুই করো, সবই প্রভু যীশুর নামে করো, তাঁরই মাধ্যমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে তা করো।
-
18 সমস্ত পরিস্থিতিতেই ধন্যবাদ জ্ঞাপন করো, কারণ খ্রীষ্ট যীশুতে তোমাদের জন্য এই হল ঈশ্বরের ইচ্ছা।
-
4 তোমরা প্রভুতে সবসময় আনন্দ করো। আমি আবার বলব, আনন্দ করো। 5 তোমাদের শান্তভাব সবার কাছে প্রত্যক্ষ হোক। প্রভু শীঘ্রই আসছেন। 6 কোনো বিষয়েই উৎকণ্ঠিত হোয়ো না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। 7 এতে সব বোধবুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি, খ্রীষ্ট যীশুতে তোমাদের অন্তর ও মন রক্ষা করবে।
-
10 এখন যিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য যুগিয়ে দেন, তিনি তোমাদের জন্য বীজ যুগিয়ে দেবেন ও বৃদ্ধি করবেন, সেই সঙ্গে তোমাদের ধার্মিকতার ফসল প্রচুররূপে বৃদ্ধি করবেন। 11 তোমরা সর্বতোভাবে সমৃদ্ধিশালী হবে, যেন তোমরা সব উপলক্ষে মুক্তহস্ত হতে পারো এবং আমাদের মাধ্যমে তোমাদের মুক্তহস্তের সেই দান ঈশ্বরের প্রতি ধন্যবাদ-দানে পরিণত হবে।
12 তোমাদের সাধিত এই সেবাকাজ কেবলমাত্র যে ঈশ্বরের লোকদের অভাব দূর করেছে, তা নয়, কিন্তু তা বহু অভিব্যক্তির মাধ্যমে ঈশ্বরের প্রতি ধন্যবাদ-জ্ঞাপনে উপচে পড়ছে। 13 যে সেবাকাজের দ্বারা তোমরা নিজেদের প্রমাণ করেছ, সেই কারণে খ্রীষ্টের সুসমাচারের প্রতি তোমাদের স্বীকৃত বাধ্যতার জন্য এবং তাদের প্রতি ও অন্য সকলের প্রতি তোমাদের মুক্তহস্তের দানের জন্য লোকেরা ঈশ্বরের প্রশংসা করবে। 14 ঈশ্বর তোমাদের প্রতি যে অপার অনুগ্রহ-দান করেছেন, সেই কারণে তোমাদের জন্য তাদের প্রার্থনায়, তাদের হৃদয় তোমাদের প্রতি ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে। 15 বর্ণনার অতীত ঈশ্বরের দানের জন্য তাঁকে ধন্যবাদ জানাই।
-
15 তাই, কীভাবে জীবনযাপন করবে সে সম্বন্ধে অত্যন্ত সতর্ক থেকো। জ্ঞানবানের মতো চলো, মূর্খের মতো নয়। 16 সব সুযোগের সর্বাধিক সদব্যবহার করো, কারণ এই যুগ মন্দ। 17 এই জন্য নির্বোধ হোয়ো না, প্রভুর ইচ্ছা কী, তা উপলব্ধি করো। 18 সুরা পান করে মত্ত হোয়ো না, তা ভ্রষ্টাচারের পথে নিয়ে যায়; তার পরিবর্তে আত্মায় পরিপূর্ণ হও। 19 গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে পরস্পর ভাব বিনিময় করো। প্রভুর উদ্দেশে গীত গাও, হৃদয়ে সুরের ঝংকার তোলো। 20 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে সব বিষয়ের জন্য সবসময় পিতা ঈশ্বরকে ধন্যবাদ দাও।
-
1 এসো, আমরা সদাপ্রভুর উদ্দেশে আনন্দগান করি;
আমাদের পরিত্রাণের শৈলের উদ্দেশে উচ্চস্বরে গান গাই।
2 আমরা ধন্যবাদের সঙ্গে তাঁর সামনে যাই
সংগীত ও গান দিয়ে তাঁর উচ্চপ্রশংসা করি।
3 কারণ সদাপ্রভু মহান ঈশ্বর,
সব দেবতার উপর মহান রাজা।
4 পৃথিবীর গভীরস্থান তাঁর হস্তগত,
এবং পর্বতগুলির চূড়া তাঁরই অধীন।
5 সমুদ্র তাঁরই কেননা তিনি তা তৈরি করেছেন,
আর তাঁর হাত শুষ্ক জমি নির্মাণ করেছে।
6 এসো, আরাধনায় আমরা তাঁর সামনে নত হই,
সদাপ্রভু আমাদের সৃষ্টিকর্তার সামনে আমরা হাঁটু পেতে বসি;
-
2 মহানন্দে সদাপ্রভুর আরাধনা করো;
আনন্দগান সহকারে তাঁর সামনে এসো।
3 তোমরা জানো, সদাপ্রভুই ঈশ্বর।
তিনিই আমাদের সৃষ্টি করেছেন, আর আমরা তাঁরই;
আমরা তাঁর প্রজা, তাঁর চারণভূমির মেষ।
4 ধন্যবাদ সহকারে তাঁর দ্বারে
এবং প্রশংসা সহকারে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করো;
তাঁকে ধন্যবাদ জানাও, আর তাঁর নামের প্রশংসা করো।
5 কারণ সদাপ্রভু মঙ্গলময় এবং তাঁর দয়া অনন্তকালস্থায়ী;
তাঁর বিশ্বস্ততা বংশপরম্পরায় স্থায়ী।
-
3 তোমাদের জন্য প্রার্থনা করার সময় আমরা সবসময় আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। 4 কারণ খ্রীষ্ট যীশুতে তোমাদের বিশ্বাস এবং পবিত্রগণের প্রতি তোমাদের ভালোবাসার কথা আমরা শুনেছি। 5 যে বিশ্বাস ও প্রেম প্রত্যাশা থেকে উৎসারিত হয়, যা স্বর্গে তোমাদের জন্য সঞ্চিত রয়েছে, তা সত্যবাণীর মাধ্যমে তোমরা আগেই শুনেছ। 6 সেই সুসমাচার তোমাদের কাছে উপস্থিত হয়েছে। সুসমাচার শোনার ও ঈশ্বরের অনুগ্রহের নিগূঢ় সত্যকে উপলব্ধি করার দিন থেকে তা যেমন তোমাদের মধ্যে সক্রিয়, তেমনই সারা জগতে এই সুসমাচার ফলপ্রসূ হচ্ছে ও বৃদ্ধি পাচ্ছে। 7 একথা তোমরা আমাদের প্রিয় সহ-সেবক ইপাফ্রার কাছে শিক্ষা পেয়েছ, যিনি আমাদের পক্ষে খ্রীষ্টের একজন বিশ্বস্ত পরিচারক। 8 আত্মাতে তোমাদের ভালোবাসার কথা তিনিও আমাদের জানিয়েছেন।
9 এই কারণে আমরাও, যেদিন থেকে তোমাদের কথা শুনেছি সেইদিন থেকে তোমাদের জন্য প্রার্থনা করা থেকে বিরত হইনি। আমরা ঈশ্বরের কাছে প্রতিনিয়ত নিবেদন করি, যেন তোমরা সমস্ত আত্মিক জ্ঞানে ও বোধশক্তিতে তাঁর ইচ্ছার তত্ত্বজ্ঞানে পূর্ণ হও। 10 আমরা এজন্য এই প্রার্থনা করছি যে, তোমরা যেন প্রভুর যোগ্যরূপে জীবনযাপন করো, জীবনের প্রতি ক্ষেত্রেই তোমাদের আচরণ দ্বারা তাঁকে সন্তুষ্ট করে তোলো, সমস্ত শুভকাজে সফল হয়ে ওঠো ও ঐশ্বরিক জ্ঞানে বৃদ্ধিলাভ করো। 11 ঈশ্বরের গৌরবময় শক্তিতে তোমরা পরাক্রান্ত হয়ে যেন অসীম সহিষ্ণুতা ও ধৈর্যের অধিকারী হও এবং 12 সানন্দে পিতাকে ধন্যবাদ জ্ঞাপন করো, যিনি জ্যোতির রাজ্যে পবিত্রগণের যে অধিকার তার অংশীদার হওয়ার জন্য তোমাদের যোগ্য করে তুলেছেন। 13 কারণ অন্ধকারের কর্তৃত্ব থেকে তিনি আমাদের উদ্ধার করে তাঁর পুত্রের রাজ্যে নিয়ে এসেছেন, যাঁকে তিনি প্রেম করেন। 14 তাঁর দ্বারাই আমরা মুক্তি এবং সব পাপের ক্ষমা পেয়েছি।
-
30 গানের মাধ্যমে আমি ঈশ্বরের নামের প্রশংসা করব
ধন্যবাদ সহকারে আমি তাঁকে গৌরবান্বিত করব।
31 বলদ বলি দেওয়ার থেকেও এসব সদাপ্রভুকে তুষ্ট করবে,
এমনকি শিং ও খুর সহ ষাঁড়ের বলি অপেক্ষাও।
32 দরিদ্রেরা এসব দেখবে আর আনন্দিত হবে—
তোমরা যারা ঈশ্বরের অন্বেষণ করো, তোমাদের হৃদয় বেঁচে থাকুক!
33 সদাপ্রভু দরিদ্রদের কান্না শোনেন
এবং তাঁর বন্দি লোকেদের তুচ্ছ করেন না।
34 স্বর্গ ও পৃথিবী, সমুদ্র ও যা কিছু তাতে জীবিত,
তাঁর প্রশংসা করুক,
35 কারণ ঈশ্বর সিয়োনকে রক্ষা করবেন
এবং যিহূদার নগরসকল পুনর্গঠন করবেন।
তখন লোকেরা সেখানে বসবাস করবে আর তা দখল করবে;
-
34 সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়;
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
-
13 বিশ্বাসের সেই একই আত্মা আমাদের আছে বলে, যেমন লেখা আছে, “আমি বিশ্বাস করেছি, তাই কথা বলেছি,” সেই অনুযায়ী আমরাও বিশ্বাস করি ও সেই কারণে কথা বলি। 14 কারণ আমরা জানি যে, যিনি প্রভু যীশুকে মৃতলোক থেকে উত্থাপিত করেছেন, তিনি যীশুর সঙ্গে আমাদেরও উত্থাপিত করবেন এবং তোমাদের সঙ্গে আমাদেরও তাঁর সান্নিধ্যে উপস্থিত করবেন। 15 এসবই তোমাদের কল্যাণের জন্য, যেন যে অনুগ্রহ আরও বেশি সংখ্যক মানুষের কাছে উপস্থিত হচ্ছে, তা ঈশ্বরের মহিমার উদ্দেশে উপচে পড়া ধন্যবাদ জ্ঞাপনের কারণ হয়।
16 সেই কারণে, আমরা নিরুৎসাহ হই না। যদিও বাহ্যিকভাবে আমরা ক্ষয়প্রাপ্ত হচ্ছি, তবুও অভ্যন্তরীণভাবে দিন-প্রতিদিন আমরা নতুন হচ্ছি। 17 কারণ আমাদের তুচ্ছ ও ক্ষণস্থায়ী কষ্টসমস্যাগুলি আমাদের জন্য যে চিরন্তন মহিমা অর্জন করছে, তা সেইসব কষ্টসমস্যাকে বিপুলরূপে অতিক্রম করে। 18 তাই কোনো দৃশ্যমান বস্তুর দিকে নয়, কিন্তু যা অদৃশ্য তার প্রতি আমরা দৃষ্টি নিবদ্ধ করি। কারণ যা কিছু দৃশ্যমান, তা ক্ষণস্থায়ী, কিন্তু যা কিছু অদৃশ্য তাই চিরন্তন।
-
1 ঈশ্বরের আত্মা সুস্পষ্টভাবে বলছেন যে, পরবর্তীকালে বেশ কিছু লোক বিশ্বাস ত্যাগ করে বিভ্রান্তি সৃষ্টিকারী দুষ্টাত্মা দ্বারা প্রভাবিত হবে ও সেসব আত্মা ও তাদের বিভিন্ন বিষয় অনুসরণ করবে। 2 এসব শিক্ষা ভণ্ড মিথ্যাবাদীদের মাধ্যমে আসে, যাদের বিবেক উত্তপ্ত লোহার দ্বারা যেন পুড়ে গেছে। 3 তারা লোকদের বিবাহ করতে নিষেধ করে ও কোনো কোনো খাবার থেকে দূরে থাকার জন্য আদেশ দেয়, যা ঈশ্বর এই উদ্দেশে সৃষ্টি করেছেন যেন যারা বিশ্বাসী এবং সত্য জানে তারা ধন্যবাদ জ্ঞাপনের সঙ্গে সেইসব খাবার গ্রহণ করে। 4 ঈশ্বরের সৃষ্ট সবকিছুই ভালো এবং ধন্যবাদের সঙ্গে গ্রহণ করলে, কোনো কিছুই অখাদ্য নয়, 5 কারণ ঈশ্বরের বাক্য এবং প্রার্থনায় এসব পবিত্র হয়ে যায়।
-
18 যেসব মানুষ তাদের দুষ্টতার দ্বারা সত্যকে চেপে রাখছে, তাদের সমস্ত ভক্তিহীনতা ও দুষ্টতার বিরুদ্ধে স্বর্গ থেকে ঈশ্বরের ক্রোধ প্রকাশিত হচ্ছে। 19 কারণ ঈশ্বর সম্পর্কে যা জানা যেতে পারে, তা তাদের কাছে সুস্পষ্ট, কারণ ঈশ্বর তা তাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। 20 এর কারণ হল, জগৎ সৃষ্টি হওয়ার সময় থেকে, ঈশ্বরের অদৃশ্য গুণাবলি—তাঁর অনন্ত পরাক্রম ও ঐশী-চরিত্র—স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। সমস্ত সৃষ্ট বস্তুর মধ্য দিয়ে তা বোঝা যায়, যেন কোনো মানুষ অজুহাত দিতে না পারে।
21 কারণ তারা ঈশ্বরকে জানলেও, ঈশ্বর বলে তাঁর মহিমাকীর্তন করেনি, তাঁকে ধন্যবাদও দেয়নি, কিন্তু তাদের ভাবনাচিন্তা অসার হয়ে পড়েছে এবং তাদের মূর্খ হৃদয় অন্ধকারাচ্ছন্ন হয়েছে।
-
6 সুতরাং, খ্রীষ্ট যীশুকে যেমন প্রভুরূপে গ্রহণ করেছ, তেমনই তাঁর মধ্যেই জীবনযাপন করতে থাকো। 7 তাঁর মধ্যেই তোমাদের বিশ্বাসের মূল গভীর হোক ও গড়ে ওঠো। তোমরা যে শিক্ষা পেয়েছ তা অনুযায়ী বিশ্বাসে দৃঢ় হও ও ধন্যবাদ অর্পণে উচ্ছ্বসিত হও।
-
2 তোমরা সচেতনভাবে ও ধন্যবাদের সঙ্গে প্রার্থনায় নিবিষ্ট থাকো। 3 আমাদের জন্যও প্রার্থনা করো, যেন ঈশ্বর আমাদের জন্য বাক্যের দরজা উন্মুক্ত করে দেন এবং আমরা খ্রীষ্টের গুপ্তরহস্য ঘোষণা করতে পারি, যে কারণে আমি শিকলে বন্দি আছি। 4 প্রার্থনা করো, যেন যেমন উচিত, আমি তা স্পষ্টরূপে ব্যক্ত করতে পারি। 5 বাইরের লোকদের সঙ্গে আচরণে বিজ্ঞতার পরিচয় দিয়ো, সব সুযোগের সর্বাধিক সদব্যবহার করো। 6 তোমাদের আলাপ-আলোচনা যেন সবসময় অনুগ্রহে ভরপুর ও লবণে আস্বাদযুক্ত হয় এবং কাকে কীভাবে উত্তর দিতে হবে, তা যেন তোমরা জানতে পারো।
-
14 কারণ এখানে আমাদের কাছে কোনো চিরস্থায়ী নগর নেই, কিন্তু আমরা সন্নিকট সেই নগরের প্রতীক্ষায় আছি।
15 অতএব এসো, যীশুর মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে অবিরাম প্রশংসার বলি উৎসর্গ করি—তা হল তাঁর নাম স্বীকার করা আমাদের ঠোঁটের ফল। 16 আর অপরের উপকার ও অন্যদের সঙ্গে তোমাদের সম্পদ ভাগ করার কথা ভুলে যেয়ো না, কারণ এ ধরনের বলিদানেই ঈশ্বর সন্তুষ্ট হন।
-
53 কারণ এই ক্ষয়প্রাপ্তকে অক্ষয়তা পরিধান করতে হবে এবং এই মরদেহকে অমরতা পরিধান হতে হবে। 54 আর এই ক্ষয়প্রাপ্ত যখন অক্ষয়তা পরিধান করবে ও এই মরদেহ অমরতা পরিধান করবে, তখন এই যে কথা লেখা আছে, তা সত্য প্রমাণিত হবে: “চিরকালের জন্য মৃত্যুকে গ্রাস করা হয়েছে।”
55 “মৃত্যু, তোমার জয় কোথায়?
মৃত্যু, তোমার হুল কোথায়?”
56 মৃত্যুর হুল পাপ ও পাপের পরাক্রম হল বিধান। 57 কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক! তিনি প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের বিজয় দান করেন।
58 তাই, আমার প্রিয় ভাইবোনেরা, সুস্থির থাকো। কোনো কিছুই তোমাদের বিচলিত না করুক। প্রভুর কাজে তোমরা সর্বদা নিজেদের সম্পূর্ণ উৎসর্গ করো, কারণ তোমরা জানো যে, প্রভুতে তোমাদের পরিশ্রম ব্যর্থ হবে না।
-
পঞ্চম খণ্ড
1 সদাপ্রভুর উদ্দেশে ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়;
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
2 যারা সদাপ্রভু দ্বারা মুক্ত হয়েছে তারা একথা বলুক—
যাদের তিনি শত্রুদের হাত থেকে মুক্ত করেছেন,
3 পূর্ব ও পশ্চিম থেকে, উত্তর ও দক্ষিণ থেকে,
যাদের তিনি অন্যান্য দেশ থেকে সংগ্রহ করেছেন।
-
10 দানিয়েল যখন শুনলেন যে আদেশনামা জারি হয়েছে, তিনি তার বাড়ির উপরের ঘরে ফিরে গেলেন, যে ঘরের জানালা জেরুশালেমের দিকে খুলত। দিনে তিনবার অভ্যাসমতো নতজানু হলেন ও প্রার্থনা করলেন এবং ঈশ্বরের প্রশংসা করলেন।
-
14 “ঈশ্বরের উদ্দেশে ধন্যবাদের নৈবেদ্য উৎসর্গ করো,
পরাৎপরের কাছে তোমার শপথ পূর্ণ করো,
15 এবং সংকটের দিনে আমাকে ডেকো;
আমি তোমাকে উদ্ধার করব, আর তুমি আমার গৌরব করবে।”
-
একটি গীত। বিশ্রামবারের জন্য রচিত।
1 সদাপ্রভুর প্রশংসা করা
এবং, হে পরাৎপর, তোমার নামের উদ্দেশে গান করা, উত্তম।
2 দশ-তারের সুরবাহার
এবং বীণার সুর সহযোগে
3 সকালে তোমার অবিচল প্রেম
এবং রাতে তোমার বিশ্বস্ততা প্রচার করা, উত্তম।
-
8 তাঁর অবিচল প্রেম এবং মানুষের প্রতি তাঁর আশ্চর্য কাজকর্মের জন্য,
তারা সদাপ্রভুকে ধন্যবাদ দিক।
9 কেননা তিনি তৃষ্ণার্তকে তৃপ্ত করেন
এবং ক্ষুধার্তকে উত্তম দ্রব্য দিয়ে পূর্ণ করেন।
-
14 কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি সর্বদা আমাদের নিয়ে খ্রীষ্টে বিজয়যাত্রা করেন এবং আমাদের মাধ্যমে সর্বত্র তাঁর সম্পর্কীয় জ্ঞানের সৌরভ ছড়িয়ে দেন। 15 কারণ যারা পরিত্রাণ পাচ্ছে এবং যারা ধ্বংস হচ্ছে, উভয়েরই কাছে আমরা ঈশ্বরের পক্ষে খ্রীষ্টের সৌরভস্বরূপ। 16 এক পক্ষের কাছে আমরা মৃত্যুর ভীতিপ্রদ গন্ধস্বরূপ, অপর পক্ষের কাছে জীবনের সুগন্ধস্বরূপ। আর এ ধরনের কাজের জন্য উপযুক্ত ব্যক্তি কে?
-
16 আর যে চব্বিশজন প্রাচীন ঈশ্বরের সামনে নিজেদের সিংহাসনে উপবিষ্ট ছিলেন, তাঁরা অধোমুখে প্রণাম করে ঈশ্বরের উপাসনা করলেন:
17 তাঁরা বললেন,
“হে সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, যিনি আছেন ও ছিলেন,
আমরা তোমাকে ধন্যবাদ দিই,
কারণ তুমি তোমার মহাপরাক্রম গ্রহণ করেছ
ও রাজত্ব শুরু করেছ।
18 সব জাতি ক্রুদ্ধ হয়েছিল;
তাই তোমার রোষও উপস্থিত হয়েছে।
মৃতদের বিচার করার সময় এবং
তোমার দাস সেই ভাববাদীদের ও পবিত্রগণের,
আর যতজন তোমার নামে সম্ভ্রম প্রকাশ করে,
ক্ষুদ্র ও মহান নির্বিশেষে সবাইকে
পুরস্কার দেওয়ার জন্য—এবং
পৃথিবী-বিনাশকদের ধ্বংস করার
সময় উপস্থিত হল।”
-
1 সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়।
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
2 দেবতাদের ঈশ্বরের ধন্যবাদ করো।
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
3 প্রভুদের প্রভুর ধন্যবাদ করো,
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
4 তাঁর প্রশংসা করো যিনি একাই মহৎ ও আশ্চর্য কাজ করেন,
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
5 যিনি নিজের প্রজ্ঞাবলে এই আকাশমণ্ডল সৃষ্টি করেছেন,
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
6 যিনি জলধির উপরে পৃথিবী বিস্তার করেছেন,
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
7 যিনি বড়ো বড়ো জ্যোতি সৃষ্টি করেছেন—
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
8 দিনের উপর শাসন করতে সূর্য,
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
9 রাত্রির উপর শাসন করতে চাঁদ ও তারকামালা;
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
10 যিনি মিশরের প্রথমজাতদের আঘাত করেছিলেন,
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
11 যিনি ইস্রায়েলকে তাদের মধ্য থেকে মুক্ত করলেন
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
12 তাঁর শক্তিশালী হাত ও প্রসারিত বাহু দিয়ে;
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
13 যিনি লোহিত সাগর দু-ভাগ করলেন
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
14 যিনি ইস্রায়েলীদের তার মধ্যে দিয়ে বার করে আনলেন,
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
15 কিন্তু ফরৌণ ও তার সেনাবাহিনীকে যিনি লোহিত সাগরে নিক্ষেপ করলেন;
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
16 যিনি তাঁর প্রজাদের মরুপ্রান্তরের মধ্য দিয়ে পরিচালিত করলেন,
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
17 যিনি মহান রাজাদের আঘাত করলেন,
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
18 এবং শক্তিশালী রাজাদের বধ করলেন—
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
19 ইমোরীয়দের রাজা সীহোনকে,
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
20 বাশনের রাজা ওগকে
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
21 এবং তাদের দেশ অধিকারস্বরূপ বণ্টন করলেন,
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
22 নিজের দাস ইস্রায়েলকে অধিকার দিলেন,
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
23 আমাদের দৈন্য দশায় তিনি আমাদের স্মরণ করলেন
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
24 আমাদের শত্রুদের কবল থেকে আমাদের উদ্ধার করলেন,
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
25 তিনি সব প্রাণীকে খাবার দেন,
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
26 স্বর্গের ঈশ্বরের ধন্যবাদ করো।
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
-
15 এই কারণে, প্রভু যীশুর প্রতি তোমাদের বিশ্বাসের ও পবিত্রগণের প্রতি তোমাদের ভালোবাসার কথা যখন শুনেছি, 16 তখন থেকেই আমার প্রার্থনায় তোমাদের স্মরণ করে তোমাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে বিরত হইনি। 17 আমি অবিরত মিনতি করি, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর, গৌরবময় পিতা, তোমাদের প্রজ্ঞা ও প্রত্যাদেশের আত্মা দান করুন, যেন তোমরা তাঁর পরিচয় অনেক বেশি জানতে পারো। 18 আমি আরও প্রার্থনা করি যে, তোমাদের অন্তর্দৃষ্টি আলোকিত হয়ে উঠুক, যেন তাঁর আহ্বানের প্রত্যাশা, পবিত্রগণের মধ্যে তাঁর গৌরবময় উত্তরাধিকারের ঐশ্বর্য 19 এবং আমাদের মতো বিশ্বাসীদের জন্য তাঁর অতুলনীয় মহান শক্তি তোমরা জানতে পারো। সেই শক্তি তাঁর প্রবল পরাক্রমের সঙ্গে কৃতকর্মের মতো সক্রিয়। 20 তিনি সেই শক্তি খ্রীষ্টে প্রয়োগ করেছেন, যখন তিনি তাঁকে মৃতলোক থেকে উত্থাপন করেছেন এবং স্বর্গীয় স্থানে তাঁর ডানদিকে তাঁকে বসিয়েছেন, 21 শুধু বর্তমান কালে নয়, কিন্তু আগামী দিনেও যে সমস্ত শাসন ও কর্তৃত্ব, ক্ষমতা ও আধিপত্য এবং পদাধিকার দেওয়া যেতে পারে, তারও ঊর্ধ্বে তিনি তাঁকে স্থাপন করেছেন। 22 আর ঈশ্বর সমস্তই খ্রীষ্টের পদানত করেছেন, তাঁকেই মণ্ডলীর সবকিছুর উপরে মস্তকরূপে প্রতিষ্ঠা করলেন, 23 সেই মণ্ডলীই তাঁর দেহ, তাঁরই পূর্ণতাস্বরূপ, যিনি সব বিষয় সমস্ত উপায়ে পূর্ণ করেন।
-
7 সেদিন দাউদ এইভাবে সদাপ্রভুর উদ্দেশে প্রশংসা জানানোর জন্য প্রথমেই আসফ ও তাঁর সঙ্গীসাথীদের নিযুক্ত করলেন:
8 সদাপ্রভুর প্রশংসা করো, তাঁর নাম ঘোষণা করো;
জাতিদের জানাও তিনি কী করেছেন।
9 তাঁর উদ্দেশে গান গাও, তাঁর উদ্দেশে প্রশংসাগীত গাও;
তাঁর সুন্দর সুন্দর সব কাজের কথা বলো।
10 তাঁর পবিত্র নামের মহিমা করো;
যারা সদাপ্রভুর খোঁজ করে তাদের অন্তর উল্লসিত হোক।
11 সদাপ্রভুর ও তাঁর শক্তির দিকে চেয়ে দেখো;
সর্বদা তাঁর শ্রীমুখের খোঁজ করো।
-
1 সদাপ্রভুর প্রশংসা করো।
সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়;
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
2 কে সদাপ্রভুর পরাক্রমী কাজকর্ম প্রচার করতে পারে
অথবা তাঁর প্রশংসা সম্পূর্ণ ঘোষণা করতে পারে?
-
7 স্তবসহ সদাপ্রভুর উদ্দেশে ধন্যবাদ করো;
বীণার ঝঙ্কারে আমাদের ঈশ্বরের উদ্দেশে গান গাও।
8 তিনি মেঘরাশি দিয়ে আকাশকে আচ্ছন্ন করেন;
তিনি পৃথিবীতে বৃষ্টি দেন,
এবং তিনি পর্বতে ঘাস বৃদ্ধি করেন।
9 তিনি পশুপালের জন্য খাবারের জোগান দেন
এবং দাঁড়কাকের শাবকগুলিকে দেন, যখন তারা ডাকে।
-
9 কিন্তু আমি, ধন্যবাদের গান গেয়ে,
তোমার কাছে নৈবেদ্য উৎসর্গ করব।
আমি যা মানত করেছি, তা আমি পূর্ণ করব।
আমি বলব, পরিত্রাণ সদাপ্রভুর কাছ থেকেই আসে।”
-
প্রধান সংগীত পরিচালকের জন্য। সুর: “পুত্রের মৃত্যু” দাউদের গীত।
1 আমার সমস্ত অন্তর দিয়ে, হে সদাপ্রভু, আমি তোমার স্তব করব;
আমি তোমার আশ্চর্য কাজসকল ঘোষণা করব।
2 আমি আনন্দ করব ও তোমাতে উল্লাস করব;
হে পরাৎপর, আমি তোমার নামের প্রশংসাগান করব।
-
6 সদাপ্রভুর প্রশংসা হোক,
কারণ তিনি আমার বিনতি শুনেছেন।
7 সদাপ্রভু আমার শক্তি ও আমার ঢাল;
আমার হৃদয় তাঁর উপর আস্থা রাখে এবং তিনি আমাকে সাহায্য করেন।
আমার হৃদয় আনন্দে উল্লসিত
এবং গানের মাধ্যমে আমি তাঁর প্রশংসা করব।
-
11 হে সদাপ্রভু, মহত্ত্ব ও ক্ষমতা তোমারই
আর প্রতাপ ও রাজসিকতা ও ঐশ্বর্যও তোমারই,
কারণ স্বর্গে ও মর্ত্যে সবকিছু তোমারই।
হে সদাপ্রভু, রাজ্য তোমারই;
সবকিছুর উপরে তুমিই মস্তকরূপে উন্নত।
12 ধনসম্পত্তি ও সম্মান তোমারই কাছ থেকে আসে;
তুমিই সবকিছুর শাসনকর্তা।
সবাইকে উন্নত করার ও শক্তি জোগানোর জন্য
শক্তি ও বল তোমারই হাতে আছে।
13 এখন, হে আমাদের ঈশ্বর, আমরা তোমায় ধন্যবাদ জানাই,
ও তোমার মহিমাময় নামের প্রশংসা করি।
14 “কিন্তু আমি কে, আর আমার প্রজারাই বা কে, যে আমরা উদারতাপূর্বক এত কিছু দিতে পারব? সবকিছুই তোমারই কাছ থেকে আসে, এবং তোমার হাত ধরে যা এসেছে, আমরা তোমাকে শুধু সেটুকুই দিয়েছি।
-
17 আমি সদাপ্রভুকে তাঁর ধার্মিকতার জন্য ধন্যবাদ দেব;
আমি সদাপ্রভু পরাৎপরের নামের স্তুতিগান করব।
-
8 সর্বপ্রথম, আমি যীশু খ্রীষ্টের মাধ্যমে, তোমাদের সকলের জন্য আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তোমাদের বিশ্বাসের কথা জগতের সর্বত্র শোনা যাচ্ছে।
-
1 পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্টে থিষলনীকীয় মণ্ডলীর প্রতি,
পৌল, সীল এবং তিমথি এই পত্র লিখছি।
অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক।
2 আমাদের প্রার্থনায় তোমাদের নাম উল্লেখ করে আমরা তোমাদের সবার জন্য ঈশ্বরের কাছে সবসময় ধন্যবাদ নিবেদন করি। 3 বিশ্বাসের বলে তোমরা যে কাজ করেছ, প্রেমের বশে যে পরিশ্রম দিয়েছ এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের উপর প্রত্যাশা রেখে যে সহিষ্ণুতার পরিচয় রেখেছ—আমাদের ঈশ্বর ও পিতার সমক্ষে আমরা সেকথা বারবার মনে করি।
-
12 আমাদের প্রভু, খ্রীষ্ট যীশু, যিনি আমাকে শক্তি দান করেছেন এবং আমাকে বিশ্বস্ত বিচার করে যিনি তাঁর পরিচর্যাকাজে আমাকে নিযুক্ত করেছেন, তাঁকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। 13 যদিও আমি এক সময় ঈশ্বরনিন্দুক, নির্যাতনকারী এবং নৃশংস ছিলাম, কিন্তু তিনি আমার প্রতি করুণা প্রদর্শন করেছেন, কারণ অজ্ঞতা ও অবিশ্বাসের বশেই আমি সেসব করেছিলাম। 14 আমাদের প্রভুর অনুগ্রহ, খ্রীষ্ট যীশুতে স্থিত বিশ্বাস ও প্রেম আমার উপরে প্রচুর পরিমাণে বর্ষিত হয়েছে।
-
18 মহাসমাবেশে আমি তোমাকে ধন্যবাদ জানাব;
অগণিত মানুষের মাঝে আমি তোমার প্রশংসা করব।
-
3 আমি যখনই তোমাদের কথা স্মরণ করি, আমি আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই। 4 প্রার্থনার সময়ে আমি তোমাদের সকলের জন্য সর্বদা সানন্দে প্রার্থনা করি, 5 কারণ প্রথম দিন থেকে, আজ পর্যন্ত সুসমাচার প্রচারের কাজে তোমরা আমাকে সহযোগিতা করেছ। 6 এ বিষয়ে আমি সুনিশ্চিত যে, যিনি তোমাদের অন্তরে শুভকর্মের সূচনা করেছেন, খ্রীষ্ট যীশুর দিন পর্যন্ত তিনি তা সুসম্পন্ন করবেন।
-
1 খ্রীষ্ট যীশুর বন্দি, আমি পৌল এবং আমাদের ভাই তিমথি,
আমাদের প্রিয় বন্ধু ও সহকর্মী ফিলীমন, 2 আমাদের বোন আপ্পিয়া ও আমাদের সহসৈনিক আর্খিপ্প এবং তোমার বাড়িতে সমবেত হওয়া মণ্ডলীর উদ্দেশে:
3 আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্ট থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের উপর বর্ষিত হোক।
4 আমার প্রার্থনায় তোমাকে স্মরণ করার সময় আমি প্রতিনিয়ত আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই, 5 কারণ প্রভু যীশুতে তোমার বিশ্বাস এবং সমস্ত পবিত্রগণের প্রতি তোমার ভালোবাসার কথা আমি শুনেছি। 6 আমি প্রার্থনা করি, বিশ্বাসে আমাদের যে সহভাগিতা আছে তা অন্যের কাছে ব্যক্ত করতে তুমি যেন সক্রিয় হয়ে ওঠো, যেন খ্রীষ্টে আমাদের যেসব উৎকৃষ্ট বিষয় আছে তার পূর্ণ উপলব্ধি তোমার হয়। 7 তোমার ভালোবাসা আমাকে খুবই আনন্দ এবং প্রেরণা দিয়েছে, কারণ ভাই, তুমি পবিত্রগণের প্রাণ জুড়িয়েছ।
-
দাউদের গীত।
1 হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো;
হে আমার অন্তিম সত্তা, তাঁর পবিত্র নামের প্রশংসা করো।
2 হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো,
এবং তাঁর সব উপকার ভুলে যেয়ো না—
3 যিনি তোমার সমস্ত পাপ ক্ষমা করেন
আর তোমার সব রোগ ভালো করেন,
4 যিনি তোমার জীবন মৃত্যু থেকে মুক্ত করেন
আর তোমাকে প্রেম ও করুণার মুকুটে ভূষিত করেন,
5 তিনি উত্তম দ্রব্যে তোমার মনোবাসনা পূর্ণ করেন
যেন ঈগল পাখির মতো তোমার যৌবন নতুন হয়।
-
3 ভাইবোনেরা, তোমাদের জন্য সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিতে আমরা বাধ্য এবং তাই সংগত। কারণ তোমাদের বিশ্বাস এবং পারস্পরিক ভালোবাসা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। 4 তাই সমস্ত নির্যাতন এবং দুঃখকষ্টের মধ্যেও তোমাদের সহনশীলতা ও বিশ্বাসের জন্য ঈশ্বরের মণ্ডলীগুলিতে আমরা গর্ব করি।
-
9 এরপর আমি তাকিয়ে দেখলাম, আর আমার সামনে প্রত্যেক দেশের, গোষ্ঠীর, জাতির ও ভাষাভাষী লোকের এক বিশাল জনারণ্য দেখতে পেলাম যাদের গণনা করার সামর্থ কারও নেই। তারা সেই সিংহাসন ও মেষশাবকের সামনে দাঁড়িয়েছিল। তারা ছিল সাদা পোশাক পরিহিত ও তাদের হাতে ছিল খেজুর পাতা। 10 তারা উচ্চকণ্ঠে চিৎকার করে বলল,
“পরিত্রাণ দেওয়ার অধিকার সিংহাসনে উপবিষ্ট
আমাদের ঈশ্বর ও মেষশাবকের অধিকারভুক্ত।”
11 সব স্বর্গদূত সেই সিংহাসনের চারদিকে এবং সেই প্রাচীনবর্গের ও চারজন জীবন্ত প্রাণীর চারদিকে দাঁড়িয়েছিলেন। তাঁরা সেই সিংহাসনের সামনে নত হয়ে প্রণাম করলেন ও ঈশ্বরের উপাসনা করলেন, 12 বললেন:
“আমেন!
প্রশংসা ও মহিমা,
প্রজ্ঞা ও ধন্যবাদ ও সম্মান,
পরাক্রম ও শক্তি
চিরকাল যুগে যুগে আমাদের ঈশ্বরেরই হোক।
আমেন!”
-
10 সদাপ্রভুর মন্দির নির্মাণকারীরা যখন ভিত্তি প্রতিষ্ঠা করছিল, তখন যাজকেরা নিজেদের নির্দিষ্ট পোশাক পরিধান করে তূরী সঙ্গে নিয়ে নিজেদের নিরূপিত স্থানে এসে দাঁড়াল। সদাপ্রভুর উদ্দেশে স্তুতিগান করার জন্য ইস্রায়েলের রাজা দাউদের নির্দেশসহ লেবীয়েরাও (আসফের বংশজাত) করতাল নিয়ে তাদের নিরূপিত স্থানে এসে দাঁড়াল। 11 সদাপ্রভুর উদ্দেশে তারা এই ধন্যবাদ ও প্রশংসা সংগীত নিবেদন করল
“তিনি মঙ্গলময়;
ইস্রায়েলের প্রতি তাঁর দয়া অনন্তকালস্থায়ী।”
অন্য সকলে সদাপ্রভুর উদ্দেশে উচ্চরবে জয়ধ্বনি করল, কারণ সদাপ্রভুর মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়েছে।
-
1 সদাপ্রভুর প্রশংসা করো, তাঁর নাম ঘোষণা করো;
জাতিদের জানাও তিনি কী করেছেন।
2 তাঁর উদ্দেশে গান গাও, তাঁর উদ্দেশে প্রশংসাগীত গাও;
তাঁর সুন্দর সুন্দর সব কাজের কথা বলো।
3 তাঁর পবিত্র নামের মহিমা করো;
যারা সদাপ্রভুর খোঁজ করে তাদের অন্তর উল্লসিত হোক।
-
21 তাঁর অবিচল প্রেম এবং মানুষের প্রতি তাঁর আশ্চর্য কাজকর্মের জন্য,
তারা সদাপ্রভুকে ধন্যবাদ দিক।
22 তারা ধন্যবাদের নৈবেদ্য উৎসর্গ করুক
এবং আনন্দের গানে তাঁর ক্রিয়াকলাপ বলুক।
-
17 আমি তোমার উদ্দেশে ধন্যবাদের নৈবেদ্য নিবেদন করব,
আর সদাপ্রভুর নামে ডাকব।
-
11 তুমি আমার বিলাপ নৃত্যে পরিণত করেছ;
আমার চট খুলে আমাকে আনন্দ দিয়ে আবৃত করেছ,
12 যেন আমার হৃদয় চুপ করে না থাকে, কিন্তু তোমার জয়গান করে।
হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি চিরকাল তোমার প্রশংসা করব।
-
একটি গীত। একটি সংগীত। মন্দির উৎসর্গ উপলক্ষ্যে দাউদের গীত।
1 হে সদাপ্রভু, আমি তোমার প্রশংসা করি,
কারণ তুমি আমাকে পাতাল থেকে তুলে ধরেছ
এবং আমার শত্রুদের আমাকে নিয়ে উল্লাস করতে দাওনি।
2 হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি সাহায্যের জন্য তোমাকে ডেকেছি,
এবং তুমি আমাকে সুস্থ করেছ।
3 তুমি, হে সদাপ্রভু, আমাকে পাতালের গর্ভ থেকে উত্তোলন করেছ;
তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ যেন মৃত্যুর গর্তে পড়ে না যাই।
4 হে সদাপ্রভুর সব বিশ্বস্ত লোকজন, তাঁর উদ্দেশে প্রশংসা করো;
তাঁর পুণ্যনামের প্রশংসা করো।
5 কারণ তাঁর ক্রোধ ক্ষণস্থায়ী,
কিন্তু তাঁর অনুগ্রহ সারা জীবন স্থায়ী;
অশ্রু রাত্রিব্যাপী হয়,
কিন্তু উল্লাস সকালে উপস্থিত হয়।
-
দাউদের গীত।
1 হে সদাপ্রভু, আমি আমার সমস্ত অন্তর দিয়ে তোমার প্রশংসা করব;
“দেবতাদের” সাক্ষাতে আমি তোমার প্রশংসাগান করব।
2 তোমার পবিত্র মন্দিরের উদ্দেশে আমি নত হব
এবং তোমার অবিচল প্রেম ও তোমার বিশ্বস্ততার কারণে
তোমার নামের প্রশংসা করব,
কারণ তুমি তোমার বিধিসম্মত নিয়মাবলি উচ্চে স্থাপন করেছ;
যেন তোমার খ্যাতি ছাপিয়ে যায়।
3 আমি যখন ডেকেছি, তুমি আমাকে উত্তর দিয়েছ;
আমার প্রাণে শক্তি দিয়ে আমাকে অতিশয় উৎসাহিত করেছ।
4 হে সদাপ্রভু, পৃথিবীর সব রাজা তোমার প্রশংসা করবে,
কারণ তারা সবাই তোমার বাক্য শুনবে।
5 তারা সদাপ্রভুর পথগুলির বিষয়ে গান করবে,
কারণ সদাপ্রভুর গৌরব মহান।
-
16 তোমরা কি জানো না যে, ক্রীতদাসের মতো আদেশ পালনের জন্য যখন তোমরা কারও কাছে নিজেদের সমর্পণ করো, যার আদেশ তোমরা পালন করো, তোমরা তারই ক্রীতদাস হও—হয় তোমরা পাপের ক্রীতদাস, যা মৃত্যুর অভিমুখে নিয়ে যায়, অথবা বাধ্যতার দাস, যা ধার্মিকতার পথে চালিত করে? 17 কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই যে, তোমরা যদিও পাপের ক্রীতদাস ছিলে, শিক্ষার যে আদর্শ তোমাদের কাছে রাখা হয়েছিল, তা তোমরা সমস্ত অন্তর দিয়ে পালন করেছ। 18 তোমাদের পাপ থেকে মুক্ত করা হয়েছে এবং তোমরা ধার্মিকতার ক্রীতদাস হয়েছ।
-
11 জেরুশালেমের দিকে যাওয়ার সময় যীশু শমরিয়া ও গালীল প্রদেশের মধ্যবর্তী সীমান্ত অঞ্চল দিয়ে যাচ্ছিলেন। 12 তিনি যখন একটি গ্রামে প্রবেশ করছেন, দশজন কুষ্ঠরোগী তাঁর কাছে এল। তারা দূরে দাঁড়িয়ে রইল 13 এবং উচ্চকণ্ঠে চিৎকার করে বলল, “যীশু, প্রভু, আমাদের প্রতি দয়া করুন!”
14 তাদের দেখে তিনি বললেন, “যাও, যাজকদের কাছে গিয়ে নিজেদের দেখাও।” আর যেতে যেতেই তারা শুচিশুদ্ধ হয়ে গেল।
15 তাদের মধ্যে একজন যখন দেখল, সে সুস্থ হয়ে গেছে, সে ফিরে এসে উচ্চকণ্ঠে ঈশ্বরের প্রশংসা করতে লাগল। 16 সে যীশুর পায়ে লুটিয়ে পড়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাল। সে ছিল একজন শমরীয়।
17 যীশু জিজ্ঞাসা করলেন, “দশজনই কি শুচিশুদ্ধ হয়নি? অন্য নয়জন কোথায়? 18 ফিরে এসে ঈশ্বরের প্রশংসা করার জন্য এই বিদেশি ছাড়া আর কাউকে কি পাওয়া গেল না?” 19 তারপর তিনি তাকে বললেন, “ওঠো, চলে যাও। তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করেছে।”
-
8 এই চার জীবন্ত প্রাণীর প্রত্যেকের ছিল ছয়টি করে ডানা এবং তাদের দেহের সর্বত্র এমনকি ডানাগুলির নিচেও ছিল চোখে পরিপূর্ণ। দিনরাত, অবিরাম তারা একথা বলেন:
“পবিত্র, পবিত্র, পবিত্র,
প্রভু ঈশ্বর সর্বশক্তিমান,
যিনি ছিলেন এবং যিনি আছেন এবং যিনি আসছেন।”
9 যিনি সিংহাসনে উপবিষ্ট ও যিনি যুগে যুগে চিরকাল জীবন্ত, তাঁকে যখনই সেই জীবন্ত প্রাণীরা গৌরব, সম্মান ও ধন্যবাদ অর্পণ করেন, 10 তখন সিংহাসনে উপবিষ্ট ব্যক্তির সামনে ওই চব্বিশজন প্রাচীন প্রণাম করেন ও যিনি যুগে যুগে চিরকাল জীবন্ত, তাঁর উপাসনা করেন। তাঁরা তাদের মুকুট সিংহাসনের সামনে রেখে দিয়ে বলেন,
11 “আমাদের প্রভু ও ঈশ্বর,
তুমি মহিমা, সম্মান ও পরাক্রম গ্রহণের যোগ্য;
কেননা তুমি সবকিছু সৃষ্টি করেছ,
এবং তোমার ইচ্ছামতোই সবকিছু সৃষ্ট হয়েছে
ও তাদের অস্তিত্ব প্রকাশিত হয়েছে।”
-
21 তাই আমি এই নিয়ম সক্রিয় দেখতে পাচ্ছি: যখন আমি সৎকর্ম করতে চাই, তখনই মন্দ আমার সঙ্গী হয়। 22 কারণ আমার আন্তরিক সত্তায় আমি ঈশ্বরের বিধানে আনন্দ করি, 23 কিন্তু আমার শরীরের অঙ্গপ্রত্যঙ্গে অন্য এক বিধান কার্যকরী দেখতে পাই; তা আমার মনের বিধানের সঙ্গে সংগ্রাম করে চলে এবং পাপের যে বিধান আমার অঙ্গপ্রত্যঙ্গে আছে, আমাকে তার বন্দি করে রাখে। 24 কী দুর্ভাগ্যপূর্ণ মানুষ আমি! মৃত্যুর এই শরীর থেকে কে আমাকে উদ্ধার করবে? 25 আমাদের প্রভু, খ্রীষ্ট যীশুর মাধ্যমে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই।
সুতরাং, মনে মনে আমি ঈশ্বরের বিধানের ক্রীতদাস, কিন্তু পাপময় প্রকৃতিতে পাপের বিধানের দাসত্ব করি।
-
3 আমি শুদ্ধবিবেকে আমার পূর্বপুরুষদের মতোই যে ঈশ্বরের উপাসনা করি, আমার প্রার্থনায় আমি দিনরাত তোমাকে স্মরণ করে সেই ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে থাকি। 4 তোমার চোখের জলের কথা স্মরণ করে তোমাকে দেখার জন্য আমি আকুল হয়ে উঠেছি, যেন আমি আনন্দে পূর্ণ হয়ে উঠতে পারি। 5 তোমার অকপট বিশ্বাসের কথা আমি স্মরণ করি, যা প্রথমে তোমার দিদিমা লোয়িস ও মা ইউনিসের মধ্যেও ছিল। আমি সুনিশ্চিত, তোমার মধ্যেও এখন তা বর্তমান।
-
28 তুমি আমার ঈশ্বর, আর আমি তোমার প্রশংসা করব;
তুমি আমার ঈশ্বর, আর আমি তোমার মহিমা করব।
29 সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়;
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
-
10 “দুই ব্যক্তি প্রার্থনার জন্য মন্দিরে গেল; একজন ফরিশী ও অন্যজন কর আদায়কারী। 11 ফরিশী দাঁড়িয়ে নিজের বিষয়ে প্রার্থনা করল, ‘হে ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ জানাই, কারণ আমি কোনো দস্যু, দুর্বৃত্ত, ব্যভিচারী, এমনকি, ওই কর আদায়কারী, বা অন্য লোকের মতো নই। 12 আমি সপ্তাহে দু-দিন উপোস করি এবং যা আয় করি, তার এক-দশমাংশ দান করি।’
13 “কিন্তু কর আদায়কারী দূরে দাঁড়িয়ে রইল। এমনকি, সে স্বর্গের দিকে তাকাতে পর্যন্ত পারল না। সে তার বুক চাপড়ে বলতে লাগল, ‘হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি কৃপা করো।’
14 “আমি তোমাদের বলছি, এই ব্যক্তি ঈশ্বরের কাছে ধার্মিক গণ্য হয়ে ঘরে ফিরে গেল, কিন্তু অন্যজন নয়। কারণ যে কেউ নিজেকে উন্নত করে, তাকে নত করা হবে, আর যে কেউ নিজেকে নত করে তাকে উন্নত করা হবে।”
-
1 সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়;
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
-
25 সেই সময় যীশু বললেন, “হে পিতা, তুমি স্বর্গ ও পৃথিবীর প্রভু, আমি তোমার প্রশংসা করি, কারণ তুমি এই সমস্ত বিষয় বিজ্ঞ ও শিক্ষিত মানুষদের কাছ থেকে গোপন রেখে ছোটো শিশুদের কাছে প্রকাশ করেছ। 26 হ্যাঁ পিতা, কারণ এই ছিল তোমার ঈপ্সিত ইচ্ছা।
-
3 ইস্রায়েলীরা সবাই যখন আগুন নেমে আসতে দেখেছিল ও মন্দিরের উপর সদাপ্রভুর প্রতাপও দেখতে পেয়েছিল, তখন তারা মাটিতে উবুড় হয়ে পড়ে শান-বাঁধানো চাতালে নতজানু হল, এবং তারা এই বলে সদাপ্রভুর আরাধনা করল ও তাঁকে ধন্যবাদ জানিয়েছিল,
“তিনি মঙ্গলময়;
তাঁর প্রেম অনন্তকালস্থায়ী।”
4 পরে রাজা ও প্রজারা সবাই সদাপ্রভুর সামনে নৈবেদ্য উৎসর্গ করলেন। 5 রাজা শলোমন বাইশ হাজার গবাদি পশু এবং 1,20,000 মেষ ও ছাগল উৎসর্গ করলেন। এইভাবে রাজা ও প্রজারা সবাই ঈশ্বরের মন্দিরটি উৎসর্গ করলেন। 6 যাজকেরা তাদের স্থানে গিয়ে দাঁড়িয়েছিলেন, এবং লেবীয়েরাও সদাপ্রভুর উদ্দেশ্যে বাজানোর উপযোগী সেই বাজনাগুলি নিয়ে দাঁড়িয়ে গেল, যেগুলি রাজা দাউদ সদাপ্রভুর প্রশংসা করার জন্য তৈরি করিয়েছিলেন এবং সেগুলি তখনই বাজানো হত, যখন এই বলে তিনি ধন্যবাদ জানাতেন, “তাঁর প্রেম চিরস্থায়ী।” লেবীয়দের উল্টোদিকে দাঁড়িয়ে যাজকেরা তাদের শিঙাগুলি বাজিয়েছিলেন, এবং ইস্রায়েলীরা সবাই সেখানে দাঁড়িয়েছিল।
-
12 তোমরা যারা ধার্মিক, সদাপ্রভুতে আনন্দ করো,
আর তাঁর পবিত্র নামের প্রশংসা করো।
-
21 তবুও আমি আবার একথা স্মরণ করি,
আর তাই আমার আশা জেগে আছে:
22 সদাপ্রভুর মহৎ প্রেমের জন্য আমরা নষ্ট হইনি,
কেননা তাঁর সহানুভূতি কখনও শেষ হয় না।
23 প্রতি প্রভাতে তা নতুন করে দেখা দেয়;
তোমার বিশ্বস্ততা মহৎ।
24 আমি নিজেকে বলি, “সদাপ্রভু আমার অধিকার;
এজন্য আমি তাঁর প্রতীক্ষায় থাকব।”
25 যারা সদাপ্রভুর উপরে তাদের আশা রাখে,
এবং যারা তাঁর অন্বেষণ করে,
তিনি তাদের পক্ষে মঙ্গলময়;
-
1 ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের দাস, আমি যাকোব,
বিভিন্ন দেশে বিক্ষিপ্ত অবস্থায় থাকা ইস্রায়েলের বারো গোষ্ঠীর উদ্দেশে:
শুভেচ্ছা।
2 হে আমার ভাইবোনেরা, যখনই তোমরা বিভিন্ন প্রকারের পরীক্ষার সম্মুখীন হও, সেগুলিকে নির্মল আনন্দের বিষয় বলে মনে করো, 3 কারণ তোমরা জানো যে, তোমাদের বিশ্বাসের পরীক্ষা ধৈর্য উৎপন্ন করে। 4 ধৈর্যকে অবশ্যই তার কাজ শেষ করতে হবে, যেন তোমরা পরিপক্ব ও সম্পূর্ণ হয়ে উঠতে পারো, কোনো বিষয়ের অভাব তোমাদের না থাকে।
-
19 আমার জন্য ধার্মিকদের দরজাগুলি খুলে দাও;
আমি প্রবেশ করব আর সদাপ্রভুর ধন্যবাদ করব।
20 এটি সদাপ্রভুর দরজা,
ধার্মিকরা যার মধ্য দিয়ে প্রবেশ করবে।
21 আমি তোমাকে ধন্যবাদ জানাব কারণ তুমি আমাকে সাড়া দিয়েছ;
তুমি আমার পরিত্রাণ হয়েছ।
-
29 আমি বলতে চাই, এই বিবেক তোমাদের নয়, কিন্তু সেই ব্যক্তির। কারণ আমার স্বাধীনতা কেন অপরের বিবেকের দ্বারা বিচারিত হবে? 30 ধন্যবাদ জ্ঞাপন করে যদি আমি আহার গ্রহণ করি, তাহলে যার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার জন্য আমার নিন্দা করা হবে কেন?
31 অতএব, তোমরা ভোজন, কি পান, বা যা কিছুই করো, সবকিছুই ঈশ্বরের গৌরবের জন্য করো।
-
6 আমি তোমার প্রতি স্বেচ্ছাদত্ত নৈবেদ্য নিবেদন করব,
হে সদাপ্রভু, আমি তোমার নামের প্রশংসা করব কারণ তা মঙ্গলময়।
7 আমার সব সংকট থেকে তুমি আমাকে উদ্ধার করেছ,
এবং বিজয়ীর দৃষ্টিতে আমার চোখ আমার শত্রুদের দিকে দেখেছে।
-
12 হে প্রভু আমার ঈশ্বর, আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তোমার প্রশংসা করব;
চিরদিন আমি তোমার নামের মহিমা করব।
-
13 তখন আমরা, তোমার ভক্তজন ও তোমার চারণভূমির মেষপাল
চিরকাল তোমার প্রশংসা করব;
যুগে যুগে
আমরা তোমার স্তবগান করব।
Shows Read in context, Share and Copy.