79 Bible Verses About Birthdays
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
1 সেই সময়, সম্রাট অগাস্টাস, এক হুকুম জারি করলেন যে, সমগ্র রোমীয় জগতে লোকগণনা করা হবে। 2 সিরিয়ার শাসনকর্তা কুরিণিয়ের সময় এটিই ছিল প্রথম জনগণনা। 3 আর নাম তালিকাভুক্তির জন্য প্রত্যেকেই নিজের নিজের নগরে গেল।
4 যোষেফও দাউদের কুল ও বংশজাত পুরুষ হিসেবে, গালীলের নাসরৎ নগর থেকে যিহূদিয়ার অন্তর্গত দাউদের নগর বেথলেহেমের উদ্দেশে যাত্রা করলেন। 5 তিনি তাঁর বাগদত্তা স্ত্রী মরিয়মকে নিয়ে সেখানে নাম তালিকাভুক্তির জন্য গেলেন। মরিয়ম তখন সন্তানের জন্মের প্রতীক্ষায় ছিলেন। 6 তাঁরা যখন সেখানে ছিলেন, তখন সন্তানের জন্ম দেওয়ার সময় ঘনিয়ে এল। 7 মরিয়ম তাঁর প্রথম সন্তান, এক পুত্রের জন্ম দিলেন এবং শিশুটিকে কাপড়ে জড়িয়ে জাবপাত্রে শুইয়ে রাখলেন, কারণ পান্থশালায় তাদের জন্য কোনো স্থান ছিল না।
8 আশেপাশের মাঠে কয়েকজন মেষপালক অবস্থিতি করছিল। তারা রাত্রিবেলা তাদের মেষপাল পাহারা দিচ্ছিল। 9 প্রভুর এক দূত তাদের সামনে আবির্ভূত হলেন, ও প্রভুর প্রতাপ তাদের চারপাশে উজ্জ্বল হওয়ায় তারা ভীতচকিত হয়ে উঠল। 10 কিন্তু দূত তাদের বললেন, “ভয় কোরো না, আমি তোমাদের কাছে এক মহা আনন্দের সুসমাচার নিয়ে এসেছি—এই আনন্দ হবে সব মানুষেরই জন্য। 11 আজ দাউদের নগরে তোমাদের জন্য এক উদ্ধারকর্তা জন্মগ্রহণ করেছেন, তিনি খ্রীষ্ট প্রভু। 12 তোমাদের কাছে এই হবে চিহ্ন: তোমরা কাপড়ে জড়ানো এক শিশুকে জাবপাত্রে শুইয়ে রাখা অবস্থায় দেখতে পাবে।”
13 হঠাৎই বিশাল এক স্বর্গীয় দূতবাহিনী ওই দূতের সঙ্গে সম্মিলিত হয়ে ঈশ্বরের বন্দনা করে বলতে লাগলেন,
14 “ঊর্ধ্বতমলোকে ঈশ্বরের মহিমা,
আর পৃথিবীতে তাঁর প্রীতির পাত্র সব মানুষের মাঝে শান্তি।”
15 স্বর্গদূতেরা তাদের ছেড়ে স্বর্গে ফিরে যাওয়ার পরে মেষপালকেরা নিজেদের মধ্যে বলাবলি করল, “চলো, প্রভু আমাদের যে ঘটনার কথা জানালেন, আমরা বেথলেহেমে গিয়ে তা দেখে আসি।”
16 তারা দ্রুত সেখানে গিয়ে মরিয়ম, যোষেফ ও জাবপাত্রে শুইয়ে রাখা শিশুটিকে দেখতে পেল। 17 তারা শিশুটিকে দর্শন করার পর তাঁর সম্পর্কে যে কথা বলা হয়েছিল, সেই কথা চারদিকে ছড়িয়ে দিল। 18 যারা মেষপালকদের এই কথা শুনল, তারা সবাই হতচকিত হল। 19 কিন্তু মরিয়ম এসব বিষয় তাঁর হৃদয়ের মধ্যে সঞ্চয় করে রাখলেন, আর এ নিয়ে চিন্তা করে গেলেন। 20 যেমন তাদের বলা হয়েছিল, তেমনই সব দেখেশুনে মেষপালকেরা ঈশ্বরের গৌরব ও বন্দনা করতে করতে ফিরে গেল।
-
20 তৃতীয় দিনটি ছিল ফরৌণের জন্মদিন, এবং তিনি তাঁর সব কর্মকর্তার জন্য এক ভোজসভার আয়োজন করলেন। তাঁর সব কর্মকর্তার উপস্থিতিতে তিনি তাঁর প্রধান পানপাত্র বহনকারী ও প্রধান রুটিওয়ালার মাথা উন্নত করলেন: 21 প্রধান পানপাত্র বহনকারীকে তিনি তাঁর পদে পুনর্বহাল করলেন, যেন তিনি আরও একবার ফরৌণের হাতে পানপাত্রটি তুলে দিতে পারেন— 22 কিন্তু প্রধান রুটিওয়ালাকে তিনি শূলে চড়ালেন, ঠিক যেমনটি যোষেফ তাঁর ব্যাখ্যায় তাদের বলেছিলেন।
23 প্রধান পানপাত্র বহনকারী, অবশ্য, যোষেফকে মনে রাখেনি; সে তাঁকে ভুলে গেল।
-
11 কারণ তিনি তাঁর দূতদের তোমার বিষয়ে
তোমার চলার সব পথে তোমাকে রক্ষা করার আদেশ দেবেন;
12 তাঁরা তোমাকে তাঁদের হাতে তুলে নেবেন,
যেন তোমার পায়ে পাথরের আঘাত না লাগে।
13 তুমি সিংহ ও কালসাপের উপর পা দিয়ে চলবে;
তুমি হিংস্র সিংহ আর সাপকে পদদলিত করবে।
14 “যেহেতু সে আমাকে ভালোবাসে,” সদাপ্রভু বলেন, “আমি তাকে উদ্ধার করব;
আমি তাকে রক্ষা করব কারণ সে আমার নাম স্বীকার করে।
15 সে আমার নামে ডাকবে, আর আমি তাকে উত্তর দেব;
সংকটে আমি তার সঙ্গে রইব,
আমি তাকে উদ্ধার করব আর সম্মানিত করব।
16 দীর্ঘ জীবন দিয়ে আমি তাকে তৃপ্ত করব
আর আমার পরিত্রাণ তাকে দেখাব।”
-
18 যীশু খ্রীষ্টের জন্ম এভাবে হয়েছিল। তাঁর মা মরিয়ম যোষেফের সঙ্গে বিবাহের জন্য বাগদত্তা হলে, তাঁদের সহবাসের পূর্বে জানা গেল, তিনি পবিত্র আত্মার মাধ্যমে অন্তঃসত্ত্বা হয়েছেন। 19 যেহেতু তাঁর স্বামী যোষেফ একজন ধার্মিক ব্যক্তি ছিলেন এবং প্রকাশ্যে তাঁকে কলঙ্কের পাত্র করতে না চাওয়াতে, তিনি গোপনে বাগদান ভেঙে দেওয়া স্থির করলেন।
20 কিন্তু একথা বিবেচনার পরে, স্বপ্নে প্রভুর এক দূত তাঁর কাছে আবির্ভূত হয়ে বললেন, “দাউদ-সন্তান যোষেফ, মরিয়মকে তোমার স্ত্রীরূপে ঘরে নিতে ভয় পেয়ো না, কারণ তাঁর গর্ভধারণ পবিত্র আত্মা থেকে হয়েছে। 21 তিনি এক পুত্রের জন্ম দেবেন ও তুমি তাঁর নাম যীশু রাখবে, কারণ তিনিই তাঁর প্রজাদের তাদের সব পাপ থেকে পরিত্রাণ দেবেন।”
22 এই সমস্ত ঘটনা ঘটল, যেন ভাববাদীর মুখ দিয়ে প্রভু যা বলেছিলেন, তা পূর্ণ হয়: 23 “সেই কুমারী-কন্যা গর্ভবতী হবে ও এক পুত্রসন্তানের জন্ম দেবে, এবং তারা তাঁকে ইম্মানুয়েল” বলে ডাকবে, যার অর্থ, “ঈশ্বর আমাদের সঙ্গে আছেন।”
24 প্রভুর দূত যেমন আদেশ দিয়েছিলেন, ঘুম থেকে উঠে যোষেফ সেইমতো মরিয়মকে ঘরে তাঁর স্ত্রীরূপে গ্রহণ করলেন। 25 কিন্তু পুত্র প্রসব না করা পর্যন্ত তিনি মরিয়মের সঙ্গে মিলিত হলেন না। আর তিনি পুত্রের নাম রাখলেন যীশু।
-
6 হেরোদের জন্মদিনে হেরোদিয়ার মেয়ে সকলের জন্য নৃত্য করে হেরোদকে এমন সন্তুষ্ট করল যে, 7 তিনি শপথ করে বললেন সেই মেয়ে যা চাইবে, তাই তিনি তাকে দেবেন। 8 তার মায়ের প্ররোচনায়, সে তখন বলল, “বাপ্তিষ্মদাতা যোহনের মাথা আমাকে থালায় করে এনে দিন।” 9 এতে রাজা হেরোদ মর্মাহত হলেন, কিন্তু তাঁর নিজের শপথের জন্য ও যাঁরা তাঁর সঙ্গে ভোজসভায় বসেছিলেন তাঁদের জন্য তিনি তাঁর অনুরোধ রক্ষার আদেশ দিলেন। 10 তিনি কারাগারে লোক পাঠিয়ে যোহনের মাথা কাটালেন। 11 তাঁর মাথা একটি থালায় করে এনে সেই মেয়েকে দেওয়া হল। সে তার মায়ের কাছে তা নিয়ে গেল।
-
17 সমস্ত উৎকৃষ্ট ও নিখুঁত দান ঊর্ধ্বলোক থেকে, আকাশের জ্যোতিষ্কমণ্ডলীর সেই পিতা থেকে আসে। তিনি কখনও পরিবর্তন হন না বা ছায়ার মতো সরে যান না। 18 তিনি আমাদের মনোনীত করে সত্যের বাক্য দ্বারা আমাদের জন্ম দিয়েছেন, যেন তাঁর সমগ্র সৃষ্টির মধ্যে আমরা এক প্রকার প্রথম ফসলরূপে গণ্য হতে পারি।
-
13 কারণ তুমি আমার অন্তরের সত্তা নির্মাণ করেছ;
এবং মাতৃগর্ভে তুমি আমার দেহকে বুনেছ,
14 আমি তোমার স্তব করি, কারণ আমি ভয়াবহরূপে ও আশ্চর্যরূপে নির্মিত;
তোমার সব কাজকর্ম বিস্ময়কর
তা আমি যথার্থভাবে জানি।
15 আমার পরিকাঠামো তোমার কাছে লুকানো ছিল না,
যখন আমি গোপন স্থানে নির্মিত হয়েছিলাম,
যখন পৃথিবীর অধঃস্থানে আমাকে একসাথে বোনা হয়েছিল।
16 তোমার চোখ আমার অগঠিত দেহটি দেখেছিল;
আমার জীবনের নির্ধারিত দিনগুলি তোমার বইতে লেখা ছিল
জীবনে একদিন অতিবাহিত হওয়ার আগেই।
-
8 কারণ বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহের দ্বারাই তোমরা পরিত্রাণ লাভ করেছ। তা তোমাদের থেকে হয়নি, কিন্তু ঈশ্বরেরই দান। 9 তা কোনো কাজের ফল নয় যে তা নিয়ে কেউ গর্ববোধ করবে। 10 কারণ আমরা ঈশ্বরের রচনা, সৎকর্ম করার জন্য খ্রীষ্ট যীশুতে সৃষ্ট, যা তিনি পূর্ব থেকেই আমাদের করার জন্য প্রস্তুত করেছিলেন।
-
3 উত্তরে যীশু তাঁকে বললেন, “আমি তোমাকে সত্যি বলছি, নতুন জন্ম লাভ না করলে কেউ ঈশ্বরের রাজ্যের দর্শন পায় না।”
4 নীকদীম তাঁকে জিজ্ঞাসা করলেন, “বয়স্ক মানুষ কীভাবে জন্মগ্রহণ করতে পারে? জন্মগ্রহণের জন্য সে নিশ্চয়ই দ্বিতীয়বার তার মাতৃগর্ভে প্রবেশ করতে পারে না!”
5 যীশু উত্তর দিলেন, “আমি তোমাকে সত্যিই বলছি, জল ও পবিত্র আত্মা থেকে জন্মগ্রহণ না করলে কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না। 6 মাংস থেকে মাংসই জন্ম নেয়, আর আত্মা থেকে আত্মাই জন্ম নেয়। 7 ‘তোমাদের অবশ্যই নতুন জন্ম লাভ করতে হবে,’ আমার একথায় তুমি বিস্মিত হোয়ো না। 8 বাতাস আপন খেয়ালে যেদিকে খুশি বয়ে চলে। তোমরা তার শব্দ শুনতে পাও, কিন্তু তার উৎস কোথায়, কোথায়ই বা সে যায়, তা তোমরা বলতে পারো না। পবিত্র আত্মা থেকে জাত প্রত্যেক ব্যক্তিও সেরূপ।”
-
11 কারণ তোমাদের জন্য কৃত পরিকল্পনার কথা আমি জানি,” সদাপ্রভু এই কথা বলেন। “তা হল তোমাদের সমৃদ্ধির পরিকল্পনা, তোমাদের ক্ষতি করার নয়, তোমাদের এক আশা ও ভবিষ্যৎ মঙ্গলদানের পরিকল্পনা। 12 তখন তোমরা আমার নামে ডাকবে ও আমার কাছে এসে প্রার্থনা করবে। আর আমি তোমাদের কথা শুনব।
-
4 তাঁর ছেলেরা পালা করে তাদের জন্মদিনে নিজেদের বাড়িতে ভোজের আয়োজন করত, এবং তাদের তিন বোনকেও তারা তাদের সঙ্গে ভোজনপান করার জন্য নিমন্ত্রণ করত। 5 ভোজপর্ব শেষ হয়ে যাওয়ার পর, ইয়োব তাদের শুচিশুদ্ধ করার ব্যবস্থা করতেন। ভোরবেলায় তাদের প্রত্যেকের জন্য তিনি এই ভেবে হোমবলি উৎসর্গ করতেন যে, “হয়তো আমার সন্তানেরা পাপ করেছে ও মনে মনে ঈশ্বরকে অভিশাপ দিয়ে বসেছে।” এই ছিল ইয়োবের বহুদিনের নিয়মিত অভ্যাস।
-
12 আমাদের দিন গুনতে আমাদের শিক্ষা দাও,
যেন আমরা প্রজ্ঞার হৃদয় লাভ করি।
-
21 তবুও আমি আবার একথা স্মরণ করি,
আর তাই আমার আশা জেগে আছে:
22 সদাপ্রভুর মহৎ প্রেমের জন্য আমরা নষ্ট হইনি,
কেননা তাঁর সহানুভূতি কখনও শেষ হয় না।
23 প্রতি প্রভাতে তা নতুন করে দেখা দেয়;
তোমার বিশ্বস্ততা মহৎ।
-
10 হে আমার বাছা, শোনো, আমি যা বলি তা গ্রহণ করো,
ও তোমার জীবনের আয়ু সুদীর্ঘ হবে।
11 আমি তোমাকে প্রজ্ঞার পথের বিষয়ে শিক্ষা দিয়ে যাচ্ছি
ও সোজা পথে চালাচ্ছি।
12 তুমি যখন চলবে, তোমার পদক্ষেপ ব্যাহত হবে না;
তুমি যখন দৌড়াবে, তখন হোঁচট খাবে না।
13 উপদেশ ধরে রেখো, তা ছেড়ে দিয়ো না;
তা ভালোভাবে পাহারা দাও, কারণ তাই তোমার জীবন।
-
6 কারণ আমাদের জন্য এক শিশুর জন্ম হয়েছে,
আমাদের কাছে এক পুত্রসন্তান দেওয়া হয়েছে,
শাসনভার তাঁরই কাঁধে দেওয়া হবে।
আর তাঁকে বলা হবে
আশ্চর্য পরামর্শদাতা, পরাক্রমী ঈশ্বর,
চিরন্তন পিতা, শান্তিরাজ।
7 তাঁর শাসনক্ষমতা বৃদ্ধির ও শান্তির
কোনো সীমা থাকবে না।
তিনি দাউদের সিংহাসনে অধিষ্ঠিত হয়ে
তাঁর রাজ্যের উপরে কর্তৃত্ব করবেন,
ন্যায়বিচার ও ধার্মিকতার সঙ্গে
তিনি তা প্রতিষ্ঠিত করে সুস্থির করবেন,
সেই সময় থেকে অনন্তকাল পর্যন্ত করবেন।
সর্বশক্তিমান সদাপ্রভুর উদ্যোগই
তা সম্পাদন করবে।
-
6 জন্ম থেকে আমি তোমার উপর নির্ভর করেছি;
তুমি আমাকে আমার মাতৃগর্ভ থেকে বের করে এনেছ।
আমি চিরকাল তোমার প্রশংসা করব।
7 আমি অনেকের কাছে নিদর্শন হয়েছি;
তুমি আমার শক্তিশালী আশ্রয়।
8 আমার মুখ তোমার প্রশংসায় পূর্ণ,
আর সারাদিন তোমার মহিমা প্রচার করে।
-
11 কারণ প্রজ্ঞার মাধ্যমেই তোমার আয়ু বাড়বে,
ও তোমার জীবনে বেশ কিছু বছর যুক্ত হবে।
-
15 বর্ণনার অতীত ঈশ্বরের দানের জন্য তাঁকে ধন্যবাদ জানাই।
-
4 তিনি তোমার হৃদয়ের সমস্ত অভিলাষ পূর্ণ করবেন,
এবং তোমার সকল পরিকল্পনা সার্থক করবেন।
-
4 সদাপ্রভুতে আনন্দ করো,
তিনিই তোমার মনের অভিলাষ পূর্ণ করবেন।
5 তোমার চলার পথ সদাপ্রভুতে সমর্পণ করো;
তাঁর উপর নির্ভর করো আর তিনি এসব করবেন:
6 তিনি তোমার ধার্মিকতার পুরস্কার ভোরের মতো,
আর তোমার সততা মধ্যাহ্নের সূর্যের মতো উজ্জ্বল করবেন।
-
24 আজকের এই দিন সদাপ্রভু সৃষ্টি করেছেন;
আমরা আনন্দ করব এবং খুশি হব।
25 হে সদাপ্রভু, আমাদের রক্ষা করো!
হে সদাপ্রভু, আমাদের সফলতা দাও।
-
5 “মাতৃগর্ভে তোমাকে গঠন করার পূর্বে আমি তোমাকে জানতাম,
তোমার জন্মের পূর্ব থেকে আমি তোমাকে পৃথক করেছি;
জাতিগণের কাছে আমি তোমাকে আমার ভাববাদীরূপে নিযুক্ত করেছি।”
-
11 তুমি আমাকে জীবনের পথ দেখাও;
তোমার সান্নিধ্য আমাকে আনন্দ দিয়ে পূর্ণ করবে,
তোমার ডান হাতে আছে অনন্ত সুখ।
-
8 কোনো একজন অনেক দিন বাঁচতে পারে,
সে যেন সেই দিনগুলিতে আনন্দ ভোগ করে।
কিন্তু অন্ধকারের দিনগুলির কথা যেন সে মনে রাখে,
কারণ সেগুলি হবে অনেক।
যা কিছু ঘটে তা সবই অসার।
9 হে যুবক, তোমার যৌবনকালে তুমি সুখী হও,
আর তোমার যৌবনে তোমার হৃদয় তোমাকে আনন্দ দিক।
তোমার হৃদয়ের ইচ্ছামতো পথে চলো
এবং তোমার চোখ যা কিছু দেখে,
তুমি কিন্তু জেনে রাখো এসব বিষয়ের জন্য
ঈশ্বর তোমার বিচার করবেন।
10 সেইজন্য, তোমার হৃদয় থেকে উদ্বেগ দূর করো
আর তোমার শরীর থেকে দুঃখ সরিয়ে ফেলো,
কারণ যৌবন ও তেজ অসার।
-
11 ফসলের সম্ভারে তুমি বছরকে মুকুটে ভূষিত করছ,
আর তোমার ঠেলাগাড়ি প্রাচুর্যে উপচে পড়ে।
-
1 হেরোদ রাজার সময় যিহূদিয়া প্রদেশের বেথলেহেমে যীশুর জন্ম হলে পর, পূর্বদেশ থেকে কয়েকজন পণ্ডিত ব্যক্তি জেরুশালেমে এসে জিজ্ঞাসা করলেন, 2 “ইহুদিদের যে রাজা জন্মগ্রহণ করেছেন তিনি কোথায়? আমরা পূর্বদেশে তাঁর তারা দেখতে পেয়ে তাঁকে প্রণাম করতে এসেছি।”
-
21 সন্তানের জন্ম দেওয়ার সময় নারী যন্ত্রণায় কাতর হয়ে ওঠে, কারণ তার সময় পূর্ণ হয়েছে। কিন্তু সন্তানের জন্ম হলে, আনন্দে সে তার যন্ত্রণা ভুলে যায়, কারণ জগতে একটি শিশুর জন্ম হয়েছে।
-
4 “হে সদাপ্রভু, আমার জীবনের সমাপ্তি আমাকে দেখাও
আমাকে মনে করিয়ে দাও যে আমার জীবনের দিনগুলি সীমিত;
আমাকে বোঝাও আমার জীবন কত ক্ষণস্থায়ী।
5 তুমি আমার জীবনের আয়ু আমার হাতের মুঠোর মতো ছোটো করেছ;
আমার সম্পূর্ণ জীবনকাল তোমার কাছে কিছুই নয়।
সবাই তোমার কাছে নিঃশ্বাসের সমান,
এমনকি তারাও যাদের সুরক্ষিত মনে হয়।
-
5 তুমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর উপর আস্থা রাখো
ও নিজের বিচক্ষণতার উপর নির্ভর কোরো না;
6 তোমার সমস্ত পথে তাঁর বশ্যতাস্বীকার করো,
ও তিনি তোমার পথগুলি সোজা করে দেবেন।
-
1 ভালো সুগন্ধির চেয়ে সুনাম ভালো,
জন্মের দিনের চেয়ে মৃত্যুর দিন ভালো।
-
12 ধন্য সেই ব্যক্তি, যে পরীক্ষার মধ্যেও ধৈর্য ধরে, কারণ পরীক্ষা সহ্য করলে সে জীবনমুকুট লাভ করবে, যা দেওয়ার প্রতিশ্রুতি ঈশ্বর তাদের দিয়েছেন, যারা তাঁকে ভালোবাসে।
-
4 সদাপ্রভুর কাছে আমার একটিই নিবেদন,
যা আমি একান্তভাবে চাই,
সদাপ্রভুর সৌন্দর্য দেখবার জন্য
তাঁর মন্দিরে তাঁকে অন্বেষণের উদ্দেশে,
যেন আমি জীবনের সবকটি দিন
সদাপ্রভুর গৃহে বসবাস করি।
5 কারণ সংকটের দিনে
তিনি নিজের আবাসে আমায় সুরক্ষিত রাখবেন;
তাঁর পবিত্র তাঁবুর আশ্রয়ে আমাকে লুকিয়ে রাখবেন,
ও উঁচু পাথরের উপরে আমাকে স্থাপন করবেন।
6 তখন যেসব শত্রু আমাকে ঘিরে রয়েছে
আমার মাথা তাদের উপরে উন্নত হবে;
তাঁর পবিত্র তাঁবুতে আমি জয়ধ্বনির সাথে বলি উৎসর্গ করব;
সদাপ্রভুর উদ্দেশে আমি গান করব ও সংগীত রচনা করব।
7 আমার কণ্ঠস্বর শ্রবণ করো, হে সদাপ্রভু, যখন আমি প্রার্থনা করি;
আমার প্রতি করুণা করো ও আমায় উত্তর দাও।
-
31 কিন্তু যারা সদাপ্রভুতে প্রত্যাশা রাখে,
তারা তাদের শক্তি নবায়িত করবে।
তারা ঈগল পাখির মতোই ডানা মেলবে,
তারা দৌড়াবে, কিন্তু ক্লান্ত হবে না,
তারা চলাফেরা করবে, কিন্তু মূর্ছিত হবে না।
-
12 সেই অল্প ও অর্থহীন দিনগুলি ছায়ার মতো কাটাবার সময় মানুষের জীবনকালে তার জন্য কী ভালো তা কে জানে? সেগুলি চলে গেলে সূর্যের নিচে কী ঘটবে তা কে তাদের বলতে পারবে?
-
5 কোনো ব্যক্তি কোনো একটি দিনকে অন্য দিনের চেয়ে বেশি পবিত্র মনে করে। অন্য একজন সবদিনকেই সমান বলে মনে করে। প্রত্যেক ব্যক্তি তার মনে দৃঢ়প্রত্যয়ী হোক। 6 কেউ যদি কোনো দিনকে বিশিষ্ট বলে মানে, প্রভুর উদ্দেশেই সে তা করে। যে মাংস খায়, সে প্রভুর উদ্দেশেই খায়, যেহেতু সে ঈশ্বরকে ধন্যবাদ দেয়।
-
15 মিশরের রাজা শিফ্রা ও পূয়া নামাঙ্কিত হিব্রু ধাত্রীদের বললেন, 16 “প্রসব-শয্যায় তোমরা যখন সন্তান প্রসবের সময় হিব্রু মহিলাদের সাহায্য করছ, তখন যদি তোমরা দেখো যে শিশুটি এক পুত্রসন্তান, তবে তাকে মেরে ফেলো; কিন্তু সে যদি এক কন্যাসন্তান হয়, তবে তাকে বাঁচিয়ে রেখো।” 17 সেই ধাত্রীরা অবশ্য ঈশ্বরকে ভয় করত ও মিশরের রাজা তাদের যা করতে বললেন, তারা তা করল না; তারা শিশুপুত্রদের বাঁচিয়ে রাখল। 18 তখন মিশরের রাজা সেই ধাত্রীদের ডেকে পাঠিয়ে তাদের জিজ্ঞাসা করলেন, “তোমরা এরকম কেন করলে? তোমরা শিশুপুত্রদের বাঁচিয়ে রাখলে কেন?”
19 তারা ফরৌণকে উত্তর দিল, “হিব্রু মহিলারা মিশরীয় মহিলাদের মতো নয়; তারা সবলা ও ধাত্রীরা পৌঁছানোর আগেই তারা সন্তান প্রসব করে ফেলে।”
20 অতএব ঈশ্বর সেই ধাত্রীদের প্রতি দয়ালু হলেন এবং ইস্রায়েলীরা বৃদ্ধি পেয়ে আরও বহুসংখ্যক হয়ে উঠল।
-
9 তবুও তুমি আমার মাতৃগর্ভ থেকে আমাকে নিরাপদে এনেছ;
এমনকি যখন আমি মায়ের বুকে ছিলাম,
তখন তুমি আমায় তোমার প্রতি বিশ্বাস করতে সাহায্য করেছ।
10 জন্ম থেকে আমি তোমার হাতেই সমর্পিত হয়েছি;
মাতৃগর্ভ থেকেই তুমি আমার ঈশ্বর রয়েছ।
-
9 রাজার এই কথা শুনে তাঁরা তাঁদের পথে চলে গেলেন। আর তাঁরা যে তারাটিকে পূর্বদেশে দেখেছিলেন, সেটি তাঁদের আগে আগে চলতে লাগল এবং শিশুটি যেখানে ছিলেন, সেই স্থানের উপরে স্থির হয়ে রইল। 10 তারাটি দেখতে পেয়ে তাঁরা মহা আনন্দে উল্লসিত হলেন। 11 ঘরের মধ্যে প্রবেশ করে তাঁরা শিশুটিকে তাঁর মা মরিয়মের সঙ্গে দেখতে পেলেন। তাঁরা সকলে ভূমিষ্ঠ হয়ে শিশুটিকে প্রণাম করলেন ও তাঁর উপাসনা করলেন। তারপর তাঁরা তাদের রত্নপেটিকা খুলে তাঁকে সোনা, কুন্দুরু ও গন্ধরস উপহার দিলেন।
-
13 প্রত্যাশার ঈশ্বর তোমাদের সমস্ত আনন্দ ও শান্তিতে পূর্ণ করুন, যেমন তোমরা তাঁর উপরে বিশ্বাস করো, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমের দ্বারা প্রত্যাশায় উপচে পড়ো।
-
1 তারপর, ইয়োব মুখ খুললেন ও নিজের জন্মদিনকে অভিশাপ দিলেন। 2 তিনি বললেন:
3 “আমার জন্মদিনটি বিলুপ্ত হোক,
আর সে রাত যা বলেছিল, ‘একটি ছেলে এসেছে গর্ভে!’
4 সেদিনটি—অন্ধকারাচ্ছন্ন হোক;
ঊর্ধ্বস্থ ঈশ্বর যেন সেদিনের বিষয়ে চিন্তিত না হন;
কোনও আলো যেন তাকে আলোকিত না করে।
-
9 শ্রমিক পরিশ্রমের কী ফল পায়? 10 ঈশ্বর মানুষের উপরে যে বোঝা চাপিয়ে দিয়েছেন তা আমি দেখেছি। 11 তিনি সবকিছু তার সময়ে সুন্দর করেছেন। তিনি মানুষের অন্তরে অনন্তকাল সম্বন্ধে বুঝবার ইচ্ছা দিয়েছেন; কিন্তু ঈশ্বর প্রথম থেকে শেষ পর্যন্ত কী করেছেন তা মানুষ বুঝতে পারে না। 12 আমি জানি মানুষের জীবনকালে আনন্দ করা ও ভালো কাজ করা ছাড়া তার জন্য আর ভালো কিছু নেই। 13 প্রত্যেক মানুষ খাওয়াদাওয়া করবে ও তার পরিশ্রমের ফলে সন্তুষ্ট হবে—এটি ঈশ্বরের দান। 14 আমি জানি ঈশ্বর যা কিছু করেন তা চিরকাল থাকে; কিছুই তার সঙ্গে যোগ করা যায় না কিংবা তার থেকে নেওয়া যায় না। ঈশ্বর তা করেন যেন মানুষ তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে।
-
7 “প্রসব ব্যথা ওঠার আগেই
সে প্রসব করল;
গর্ভযন্ত্রণা আসার পূর্বেই
সে এক পুত্রসন্তানের জন্ম দিল।
8 কেউ কি এরকম কথা কখনও শুনেছে?
কে এরকম বিষয় কখনও দেখেছে?
কোনো দেশের জন্ম কি একদিনে হতে পারে,
কিংবা এক মুহূর্তের মধ্যে কোনো জাতির উদ্ভব কি হতে পারে?
তবুও, সিয়োনের গর্ভযন্ত্রণা হতে না হতেই,
সে তার ছেলেমেয়েদের জন্ম দিল।”
9 সদাপ্রভু বলেন,
“প্রসবকাল উপস্থিত করে,
আমি কি প্রসব হতে দেব না?
প্রসব হওয়ার সময় উপস্থিত করে
আমি কি গর্ভ রুদ্ধ করব?”
তোমার ঈশ্বর একথা বলেন।
10 “জেরুশালেমের সঙ্গে উল্লসিত হও ও তার সঙ্গে আনন্দ করো;
তোমরা যারা তাকে ভালোবাসো;
তোমরা যারা তার জন্য শোক করেছ,
তার সঙ্গে অতিমাত্রায় উল্লাস করো।
11 তোমরা তার সান্ত্বনাদায়ী স্তনযুগল থেকে
দুধ পান করে তৃপ্ত হবে;
তোমরা গভীরভাবে সেই স্তন চুষে খাবে
ও তার উপচে পড়া প্রাচুর্যে আনন্দিত হবে।”
12 কারণ সদাপ্রভু এই কথা বলেন,
“আমি নদীস্রোতের মতো তার প্রতি শান্তি প্রবাহিত করব,
জাতিসমূহের ঐশ্বর্য বন্যার স্রোতের মতো নিয়ে আসব;
তার স্তনযুগল থেকে তার সন্তানেরা পুষ্টি লাভ করবে, তাদের দুই হাতে বহন করা হবে,
কোলে তুলে তাদের খেলানো হবে।
-
14 আমার যেদিন জন্ম হয়েছিল, সেদিনটি অভিশপ্ত হোক!
যেদিন আমার মা আমাকে জন্ম দিয়েছিলেন, সেদিনটি আশীর্বাদবিহীন হোক!
15 সেই মানুষ অভিশপ্ত হোক, যে আমার বাবার কাছে সংবাদ বহন করেছিল,
যে তাঁকে এই কথা বলে ভীষণ আনন্দ দিয়েছিল,
“আপনার এক সন্তানের জন্ম হয়েছে—এক পুত্রসন্তান!”
16 সে মানুষ সেই নগরগুলির মতো হোক,
সদাপ্রভু যাদের নির্মমরূপে উৎপাটিত করেছেন।
সে সকালে শুনুক বিলাপের রব,
দুপুরবেলা শুনুক রণহুঙ্কার।
17 কারণ তিনি আমাকে গর্ভের মধ্যে মেরে ফেলেননি,
তাহলে আমার মা-ই হতেন আমার কবরস্থান,
তাঁর জঠর নিত্য গুরুভার থাকত।
18 কষ্টসমস্যা ও দুঃখ দেখার জন্য,
লজ্জায় আমার জীবন কাটানোর জন্য,
কেন আমি গর্ভ থেকে নির্গত হয়েছি?
-
1 অতএব, ভাইবোনেরা, ঈশ্বরের বহুবিধ করুণার পরিপ্রেক্ষিতে, আমি তোমাদের কাছে মিনতি করছি, তোমরা তোমাদের শরীরকে জীবন্ত বলিরূপে, পবিত্র ও ঈশ্বরের গ্রহণযোগ্যরূপে উৎসর্গ করো—তাই হবে তোমাদের যুক্তিসংগত আরাধনা। 2 আর তোমরা এই জগতের রীতি অনুযায়ী জীবনযাপন করো না, কিন্তু তোমাদের মনের নতুনীকরণের দ্বারা রূপান্তরিত হও। তখন তোমরা ঈশ্বরের ইচ্ছাকে যাচাই ও অনুমোদন করতে পারবে, যা উৎকৃষ্ট, প্রীতিজনক ও সিদ্ধ।
3 কারণ যে অনুগ্রহ আমাকে দেওয়া হয়েছে, তার গুণে আমি তোমাদের প্রত্যেককে বলছি: তোমরা নিজেদের সম্বন্ধে যেমন উপযুক্ত, তার থেকে আরও উচ্চ ধারণা পোষণ কোরো না, কিন্তু ঈশ্বর তোমাকে যে পরিমাণ বিশ্বাস দান করেছেন, সেই অনুযায়ী, সংযমী বিচার দ্বারা নিজের বিষয়ে চিন্তা কোরো।
-
31 অতএব, তোমরা ভোজন, কি পান, বা যা কিছুই করো, সবকিছুই ঈশ্বরের গৌরবের জন্য করো।
-
4 কিন্তু সময় যখন সম্পূর্ণ হল, ঈশ্বর তাঁর পুত্রকে পাঠালেন; তিনি এক নারী থেকে জন্ম নিলেন, বিধানের অধীনে জন্মগ্রহণ করলেন, 5 যেন যারা বিধানের অধীন তাদের মুক্তিপণ দিয়ে মুক্ত করেন এবং আমরা পুত্র হওয়ার পূর্ণ অধিকার লাভ করি।
-
13 এখন শোনো, তোমরা যারা বলে থাকো, “আজ বা আগামীকাল আমরা এই নগরে বা ওই নগরে যাব, সেখানে এক বছর থাকব, ব্যবসা করে অর্থ উপার্জন করব।” 14 কেন, তোমরা তা জানোই না যে আগামীকাল কী ঘটবে! তোমাদের জীবন কী ধরনের? তোমরা তো কুয়াশার মতো, যা সামান্য সময়ের জন্য দেখা দিয়েই মিলিয়ে যায়। 15 বরং তোমাদের বলা উচিত, “যদি প্রভুর ইচ্ছা হয়, আমরা বেঁচে থেকে এ কাজ বা ও কাজ করব।”
-
15 দেখো, আজ আমি তোমাদের সামনে জীবন ও সমৃদ্ধি, মৃত্যু ও বিনাশ রাখলাম। 16 এজন্য আজ আমি তোমাদের এই আদেশ দিচ্ছি যে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসো, তাঁর পথে বাধ্য হয়ে চলো, এবং তাঁর আজ্ঞা, অনুশাসন ও বিধান পালন করো; তাহলে তোমরা বাঁচবে ও সংখ্যায় বৃদ্ধি পাবে, এবং যে দেশ তোমরা অধিকার করতে যাচ্ছ যেখানে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করবেন।
17 কিন্তু তোমাদের হৃদয় যদি তাঁর কাছ থেকে সরে যায় এবং তোমরা তাঁর বাধ্য না হও, আর যদি তোমরা অন্য দেবতাদের কাছে গিয়ে তাদের প্রণাম করো এবং সেবা করো, 18 তবে আজ আমি তোমাদের বলে দিচ্ছি যে, তোমরা নিশ্চয়ই ধ্বংস হবে। জর্ডন নদী পার হয়ে যে দেশ তোমরা অধিকার করতে যাচ্ছ সেখানে তোমরা বেশি দিন বেঁচে থাকতে পারবে না।
19 তোমাদের বিরুদ্ধে মহাকাশ ও পৃথিবীকে সাক্ষী রেখে আমি আজ বলছি যে, আমি তোমাদের সামনে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও অভিশাপ রাখছি। এখন জীবন বেছে নাও, যেন তোমরা ও তোমাদের সন্তানেরা বেঁচে থাকো 20 এবং যেন তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসো, তাঁর রব শোনো, আর তাঁতে আসক্ত হও। কেননা সদাপ্রভুই তোমাদের জীবন, এবং তিনি তোমাদের পূর্বপুরুষদের, অব্রাহাম, ইস্হাক ও যাকোবকে যে দেশ দেবেন বলে শপথ করেছিলেন সেখানে তোমরা বহু বছর বসবাস করতে পারো।
-
9 আমি কি তোমাকে এই আদেশ দিইনি? তুমি শক্তিশালী ও সাহসী হও। তুমি ভীত হোয়ো না; হতাশ হোয়ো না, কারণ তুমি যেখানেই যাবে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে সঙ্গে থাকবেন।”
-
28 আর আমরা জানি যে, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তাঁর ইচ্ছা অনুসারে আহূত, তিনি সব বিষয়ে তাদের মঙ্গলসাধনের জন্য কাজ করেন।
-
9 এসো, সৎকর্ম করতে করতে আমরা যেন ক্লান্তিবোধ না করি, কারণ হাল ছেড়ে না দিলে আমরা যথাসময়ে ফসল তুলব।
-
2 “সদাপ্রভুর মতো পবিত্র কেউ যে আর নেই;
মোদের ঈশ্বরের মতো শৈল যে আর নেই।
3 “এত গর্বভরে তোমরা কথা বোলো না
তব মুখ এত অহংকারে ভরা কথা না বলুক
কারণ সদাপ্রভু এমন ঈশ্বর যিনি সব জানেন,
আর তিনি কাজের হিসেব ওজন করে রাখেন।
4 “যোদ্ধাদলের ধনুসকল ভগ্ন হয়েছে,
কিন্তু যারা ঠোকর খেয়েছে তারা সুসংলগ্ন হয়েছে।
5 ক্ষুধার জ্বালায় পূর্ণ-উদর বেতনজীবী হয়েছে,
কিন্তু যাদের ক্ষুধা ছিল তারা আজ তৃপ্ত হয়েছে।
যিনি বন্ধ্যা ছিলেন তিনি সপ্ত সন্তান জন্ম দিলেন,
কিন্তু যে বহু পুত্রের জননী সে আজ দুর্বলভারলব্ধা।
6 “সদাপ্রভু মৃত্যু আনেন ও তিনি জীবনও দেন
তিনি কবরস্থানে পাঠান ও বাঁচিয়ে তোলেন।
7 সদাপ্রভু দারিদ্র ও সম্পদ পাঠিয়ে দেন;
তিনিই নত করেন আবার উন্নতও করেন।
-
1 “স্ত্রী-জাত নশ্বর মানুষ,
তাদের জীবনকাল সংক্ষিপ্ত ও ঝামেলায় পরিপূর্ণ।
-
25 “এই কারণে আমি তোমাদের বলছি, তোমাদের জীবনের বিষয়ে দুশ্চিন্তা কোরো না, তোমরা কী খাবে বা পান করবে; বা শরীরের বিষয়ে, কী পোশাক পড়বে। খাবারের চেয়ে জীবন কি বড়ো বিষয় নয় এবং পোশাকের চেয়ে শরীর কি বেশি গুরুত্বপূর্ণ নয়? 26 আকাশের পাখিদের দিকে তাকিয়ে দেখো; তারা বীজবপন করে না, ফসল কাটে না, বা গোলায় সঞ্চয়ও করে না; তবুও তোমাদের স্বর্গস্থ পিতা তাদের খাবার জুগিয়ে দেন। তোমরা কি তাদের চেয়েও অনেক বেশি মূল্যবান নও?
-
1 সুতরাং, আমরা এরকম এক বিশাল সাক্ষীবাহিনী দ্বারা পরিবেষ্টিত হওয়ায়, এসো বাধাদায়ক সমস্ত বিষয় ও যেসব পাপ সহজেই আমাদের জড়িয়ে ধরে, সেগুলি ছুঁড়ে ফেলি। আর যে দৌড় আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে, এসো ধৈর্যের সঙ্গে সেই অভিমুখে ছুটে চলি। 2 এসো, আমাদের বিশ্বাসের আদি-উৎস ও সিদ্ধিদাতা যীশুর উপরে আমাদের দৃষ্টি নিবদ্ধ করি, যিনি তাঁর সামনে স্থিত আনন্দের জন্য ক্রুশ সহ্য করলেন, সেই লজ্জাকে উপেক্ষা করলেন ও ঈশ্বরের সিংহাসনের ডানদিকে উপবেশন করলেন।
-
প্রথম খণ্ড
1 ধন্য সেই ব্যক্তি
যে দুষ্টদের মন্ত্রণায় চলে না
পাপীদের পথে দাঁড়ায় না,
নিন্দুকদের আসরে বসে না,
2 কিন্তু সদাপ্রভুর বিধানে আমোদ করে,
তাঁর বিধান দিনরাত ধ্যান করে।
3 সেই ব্যক্তি জলস্রোতের তীরে লাগানো গাছের মতো,
যা যথাসময়ে ফল দেয়,
এবং যার পাতা শুকিয়ে যায় না,
সে যা কিছু করে তাতে উন্নতি লাভ করে।
-
14 তোমরা অবিশ্বাসীদের সঙ্গে অসম জোয়ালে আবদ্ধ হোয়ো না। কারণ ধার্মিকতা ও দুষ্টতার মধ্যে কী সাদৃশ্য আছে? অথবা, অন্ধকারের সঙ্গে আলোর কী সহভাগিতা থাকতে পারে? 15 খ্রীষ্ট ও বলিয়ালের মধ্যেই বা কী ঐক্য? কোনো বিশ্বাসীর সঙ্গে অবিশ্বাসীরই বা কী মিল? 16 ঈশ্বরের মন্দির ও প্রতিমার মধ্যেই বা কী সহযোগিতা থাকতে পারে? কারণ আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির! ঈশ্বর যেমন বলেছেন,
“আমি তাদের মধ্যে বসতি করব
ও তাদের মধ্যে গমনাগমন করব,
আর আমি তাদের ঈশ্বর হব
ও তারা আমার প্রজা হবে।”
17 অতএব,
“তোমরা তাদের মধ্য থেকে বেরিয়ে এসো
ও পৃথক হও,
একথা প্রভু বলেন।
কোনো অশুচি বস্তু স্পর্শ কোরো না,
তাহলে আমি তোমাদের গ্রহণ করব।”
18 “আমি তোমাদের পিতা হব,
আর তোমরা হবে আমার পুত্রকন্যা,
সর্বশক্তিমান প্রভু একথা বলেন।”
-
13 যিনি আমাকে শক্তি দান করেন, তাঁর মাধ্যমে আমি সবকিছুই করতে পারি।
-
16 সমস্ত শাস্ত্রলিপি ঈশ্বর-নিশ্বসিত এবং শিক্ষা, তিরস্কার, সংশোধন ও ধার্মিকতায় প্রশিক্ষণের জন্য উপযোগী, 17 যেন ঈশ্বরের লোক পরিপক্ব ও সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়।
-
3 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক! মৃতলোক থেকে যীশু খ্রীষ্টের পুনরুত্থানের মাধ্যমে, তাঁর মহা করুণায় তিনি এক জীবন্ত প্রত্যাশায় আমাদের নতুন জন্ম দান করেছেন 4 এবং তিনি এক অধিকার দিয়েছেন, যা অক্ষয়, অম্লান এবং নিষ্কলঙ্ক; তা তোমাদেরই জন্য স্বর্গে সঞ্চিত আছে।
-
7 সদাপ্রভু ঈশ্বর জমির ধুলো থেকে মানুষকে গড়ে তুললেন এবং তার নাকে ফুঁ দিয়ে প্রাণবায়ু ভরে দিলেন, এবং সেই মানুষ এক জীবিত প্রাণী হয়ে গেল।
-
7 ইত্যবসরে রিস্পা বলে শৌলের এক উপপত্নী ছিল। সে ছিল অয়ার মেয়ে। ঈশ্বোশত অবনেরকে বললেন, “আপনি কেন আমার বাবার উপপত্নীর সঙ্গে বিছানায় শুয়েছেন?”
-
সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।
1 হে সদাপ্রভু, তুমি আমার অনুসন্ধান করেছ,
আর তুমি আমাকে জানো।
2 তুমি জানো আমি কখন বসি আর কখন উঠি;
দূর থেকেও তুমি আমার মনের ভাবনা বুঝতে পারো।
3 তুমি জানো আমি কোথায় যাই আর আমি কোথায় শয়ন করি;
আমার চলার সব পথ তোমার পরিচিত।
4 আমার জিভে কোনও কথা উচ্চারিত হবার আগেই
তুমি, হে সদাপ্রভু, তা সম্পূর্ণভাবে জানো।
5 তুমি আমাকে সামনে ও পিছনে ঘিরে রেখেছ,
এবং আমার উপর তোমার হাত রেখেছ।
-
24 মানুষের পক্ষে খাওয়াদাওয়া করা এবং নিজের কাজে সন্তুষ্ট থাকা ছাড়া ভালো আর কিছুই নেই। এটাও আমি দেখলাম, এসব ঈশ্বরের হাত থেকে আসে,
-
3 তিনি বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, তোমরা মন পরিবর্তন করে যদি এই ছোটো শিশুদের মতো না হও তবে কোনোমতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না।
-
3 আমি যখনই তোমাদের কথা স্মরণ করি, আমি আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই। 4 প্রার্থনার সময়ে আমি তোমাদের সকলের জন্য সর্বদা সানন্দে প্রার্থনা করি, 5 কারণ প্রথম দিন থেকে, আজ পর্যন্ত সুসমাচার প্রচারের কাজে তোমরা আমাকে সহযোগিতা করেছ। 6 এ বিষয়ে আমি সুনিশ্চিত যে, যিনি তোমাদের অন্তরে শুভকর্মের সূচনা করেছেন, খ্রীষ্ট যীশুর দিন পর্যন্ত তিনি তা সুসম্পন্ন করবেন।
-
7 প্রিয় বন্ধুরা, এসো আমরা পরস্পরকে প্রেম করি, কারণ প্রেম ঈশ্বর থেকে আসে। যে প্রেম করে, সে ঈশ্বর থেকে জাত এবং সে ঈশ্বরকে জানে।
-
1 শুরুতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। 2 এমতাবস্থায় পৃথিবী নিরবয়ব ও ফাঁকা ছিল, গভীরের উপরের স্তরে অন্ধকার ছেয়ে ছিল, এবং ঈশ্বরের আত্মা জলের উপর ভেসে বেড়াচ্ছিলেন।
3 আর ঈশ্বর বললেন, “আলো হোক,” এবং আলো হল।
-
8 “তোমার হাত আমাকে গড়ে তুলেছে ও আমাকে নির্মাণ করেছে।
এখন কি তুমি ঘুরে দাঁড়িয়ে আমাকে ধ্বংস করবে?
9 মনে রেখো যে তুমি মাটির মতো করে আমাকে গড়ে তুলেছ।
এখন কি তুমি আবার আমাকে মাটিতে মিশিয়ে দেবে?
10 তুমি কি আমাকে দুধের মতো ঢেলে দাওনি
ও পনিরের মতো আমাকে ঘন করোনি,
11 চর্ম-মাংস দিয়ে আমাকে আচ্ছাদিত করোনি
এবং অস্থি ও মাংসপেশী দিয়ে আমাকে একসঙ্গে সংযুক্ত করোনি?
12 তুমি আমাকে জীবন দিয়েছ ও আমার প্রতি দয়া দেখিয়েছ,
ও তোমার দূরদর্শিতায় আমার আত্মাকে পাহারা দিয়েছ।
-
5 নিশ্চয়ই অপরাধে আমার জন্ম হয়েছে,
পাপে আমার মা আমাকে গর্ভে ধারণ করেছিলেন।
-
5 সদাপ্রভু কৃপাবান ও ধর্মময়,
আমাদের ঈশ্বর করুণায় পরিপূর্ণ।
-
15 সদাপ্রভুর বিশ্বস্ত সেবাকারীদের মৃত্যু
তাঁর চোখে বহুমূল্য।
-
10 তাই ভয় কোরো না, কারণ আমি তোমার সঙ্গে আছি;
হতাশ হোয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর।
আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব;
আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব।
-
4 তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত, আমি সেই একই থাকব,
তোমাদের চুল পেকে যাওয়া পর্যন্ত, আমিই তোমাদের বহন করব।
আমিই সৃষ্টি করেছি, আমিই তোমাদের বহন করব;
আমি তোমাদের ধরে রাখব ও তোমাদের উদ্ধার করব।
-
15 তারপর তিনি তাদের বললেন, “সজাগ থেকো! সমস্ত রকম লোভ থেকে নিজেদের রক্ষা কোরো; সম্পদের প্রাচুর্যের উপরে মানুষের জীবনের অস্তিত্ব নির্ভর করে না।”
-
22 আমরা জানি যে, সমস্ত সৃষ্টি বর্তমানকাল পর্যন্ত সন্তান প্রসবের যন্ত্রণার মতো আর্তনাদ করছে। 23 শুধু তাই নয়, কিন্তু আমরা নিজেরাও, যারা আত্মার প্রথম ফল পেয়েছি, আমাদের দত্তকপুত্র হয়ে স্বীকৃতি পাওয়ার গভীর প্রতীক্ষায় ও শরীরের মুক্তির জন্য অন্তরে আর্তনাদ করছি।
-
3 কেউ যদি কিছু না হয়েও নিজেকে বিশিষ্ট মনে করে, সে নিজের সঙ্গে প্রতারণা করে।
-
29 তিনি ধর্মময় তা যদি তোমরা জেনে থাকো, তাহলে একথাও জেনো, যারা ধর্মাচরণ করে তারা সবাই ঈশ্বর থেকে জাত।
-
3 ঈশ্বরের প্রতি প্রেম করা হল এই: তাঁর আদেশ পালন করা। আর, কারণ তাঁর আদেশ দুর্বহ নয়।
4 কারণ ঈশ্বর থেকে জাত প্রত্যেক ব্যক্তি জগৎকে জয় করে। আমাদের জয় এই যে, আমাদের বিশ্বাসই জগতকে পরাস্ত করেছে।
Shows Read in context, Share and Copy.