104 Bible Verses About Fear of the Lord
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
4 আমি সদাপ্রভুর অন্বেষণ করেছি আর তিনি আমাকে উত্তর দিয়েছেন;
আমার সব আশঙ্কা থেকে তিনি আমাকে মুক্ত করেছেন।
5 যারা তাঁর দিকে দৃষ্টিপাত করে, তারা দীপ্তিমান হয়;
তাদের মুখ কখনও লজ্জায় আবৃত হবে না।
6 এই দুঃখী ডাকল, আর সদাপ্রভু শুনলেন;
তিনি তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করলেন।
7 কারণ সদাপ্রভুর দূত এক পাহারাদার;
তিনি ঘিরে রাখেন এবং তাদের সবাইকে রক্ষা করেন যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে।
8 আস্বাদন করো ও দেখো, সদাপ্রভু মঙ্গলময়;
ধন্য সেই ব্যক্তি যে তাঁতে আশ্রয় নেয়।
9 হে তাঁর পবিত্র মানুষজন, সদাপ্রভুকে সম্ভ্রম করো,
কারণ যারা তাঁকে সম্ভ্রম করে তাদের কোনও কিছুর অভাব হয় না।
10 সিংহও দুর্বল ও ক্ষুধার্ত হয়,
কিন্তু যারা সদাপ্রভুর অন্বেষণ করে, তাদের কোনো মঙ্গলের অভাব হয় না।
11 এসো আমার সন্তানেরা, আমার কথা শোনো;
আমি তোমাকে সদাপ্রভুর সম্ভ্রম শিক্ষা দেবো।
12 তোমাদের মধ্যে যে জীবন ভালোবাসে
এবং বিস্তর ভালো দিন দেখতে চায়,
13 তোমার জিভ মন্দ থেকে সংযত রাখো
এবং মিথ্যা বাক্য থেকে মুখ সাবধানে রাখো।
14 মন্দ থেকে মন ফেরাও আর সৎকর্ম করো;
শান্তির সন্ধান করো ও তা অনুসরণ করো।
15 সদাপ্রভুর দৃষ্টি ধার্মিকদের প্রতি রয়েছে,
এবং তাদের আর্তনাদে তিনি কর্ণপাত করেন;
-
7 সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ,
কিন্তু মূর্খেরা প্রজ্ঞা ও শিক্ষা তুচ্ছ করে।
-
26 যারা সদাপ্রভুকে ভয় করে তাদের কাছে এক নিরাপদ দুর্গ আছে,
ও তাদের সন্তানদের জন্যও তা এক আশ্রয়স্থান হবে।
27 সদাপ্রভুর ভয় জীবনের উৎস,
যা মানুষকে মৃত্যুর ফাঁদ থেকে ফিরিয়ে আনে।
-
26 “সুতরাং, তোমরা তাদের ভয় পেয়ো না। এমন কিছুই লুকোনো নেই যা প্রকাশ পাবে না, বা এমন কিছুই গোপন নেই যা জানা যাবে না। 27 আমি তোমাদের অন্ধকারে যা কিছু বলি, দিনের আলোয় তোমরা তা বোলো; তোমাদের কানে কানে যা বলা হয়, তা ছাদের উপর থেকে ঘোষণা কোরো। 28 যারা কেবলমাত্র শরীর বধ করতে পারে, কিন্তু আত্মাকে বধ করতে পারে না, তাদের ভয় কোরো না। বরং, যিনি আত্মা ও শরীর, উভয়কেই নরকে ধ্বংস করতে পারেন, তোমরা তাঁকেই ভয় কোরো। 29 দুটি চড়ুইপাখি কি এক পয়সায় বিক্রি হয় না? তবুও, তোমাদের পিতার ইচ্ছা ব্যতিরেকে তাদের একটিও মাটিতে পড়ে না। 30 এমনকি, তোমাদের মাথার চুলগুলিরও সংখ্যা গোনা আছে। 31 তাই ভয় পেয়ো না কারণ চড়ুইপাখি থেকেও তোমরা অনেক বেশি মূল্যবান।
-
9 জ্ঞানবানদের উপদেশ দাও ও তারা আরও জ্ঞানী হবে;
ধার্মিকদের শিক্ষা দাও ও তাদের পাণ্ডিত্য বৃদ্ধি পাবে।
10 সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ,
ও পবিত্রতম সম্বন্ধীয় জ্ঞানই হল বোধশক্তি।
11 কারণ প্রজ্ঞার মাধ্যমেই তোমার আয়ু বাড়বে,
ও তোমার জীবনে বেশ কিছু বছর যুক্ত হবে।
-
12 তাহলে কে তারা, যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে?
তাদের যে পথে চলা উচিত সেই পথ সদাপ্রভু তাদের দেখাবেন।
13 তারা স্বাচ্ছন্দ্যে তাদের জীবন কাটাবে,
এবং তাদের বংশধরেরা দেশের অধিকার পাবে।
14 যারা তাঁকে সম্ভ্রম করে সদাপ্রভু গুপ্ত বিষয় তাদের কাছে ব্যক্ত করেন;
তিনি তাঁর নিয়ম তাদের কাছে প্রকাশ করেন।
15 আমার চোখ সর্বদা সদাপ্রভুর দিকে স্থির,
কারণ তিনিই কেবল শত্রুদের ফাঁদ থেকে আমায় উদ্ধার করবেন।
-
10 সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ;
যারা তাঁর অনুশাসন মান্য করে, তাদের ভালো বোধশক্তি আছে।
তাঁর প্রশংসা নিত্যস্থায়ী।
-
12 “আমি, প্রজ্ঞা, দূরদর্শিতার সঙ্গেই বসবাস করি;
আমিই জ্ঞান ও বিচক্ষণতার অধিকারী।
13 সদাপ্রভুকে ভয় করার অর্থ মন্দকে ঘৃণা করা;
আমি অহংকার ও দাম্ভিকতাকে ঘৃণা করি,
মন্দ আচরণ ও সত্যভ্রষ্ট কথাবার্তাকেও করি।
14 পরামর্শ ও সুবিচার আমার অধিকারভুক্ত;
আমার কাছে দূরদর্শিতা ও ক্ষমতা আছে।
15 আমার দ্বারাই রাজারা রাজত্ব করেন
ও শাসনকর্তারা ন্যায়সংগত হুকুম জারি করেন;
16 আমার দ্বারাই অধিপতিরা প্রভুত্ব করেন,
ও সেই গণ্যমান্য ব্যক্তিরা—যারা সবাই পৃথিবীতে শাসন করেন।
17 যারা আমাকে ভালোবাসে আমিও তাদের ভালোবাসি,
ও যারা আমার খোঁজ করে তারা আমাকে খুঁজে পায়।
18 আমার কাছেই আছে ধনসম্পত্তি ও সম্মান,
চিরস্থায়ী সম্পদ ও সমৃদ্ধি।
-
16 আর তাই, আমাদের জন্য ঈশ্বরের যে প্রেম, আমরা তা জানি এবং তার উপর নির্ভর করি।
ঈশ্বরই প্রেম। যে প্রেমে বাস করে, সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তার মধ্যে থাকেন। 17 এভাবে, আমাদের মধ্যে প্রেম পূর্ণতা লাভ করে, যেন বিচারের দিনে আমরা নির্ভয়ে থাকতে পারি, কারণ এই জগতে আমরা তাঁরই মতো রয়েছি। 18 প্রেমে কোনো ভয় নেই। কিন্তু নিখাদ ভালোবাসা ভয় দূর করে, কারণ ভয়ের সঙ্গে জড়িত থাকে শাস্তি। আর যে ভয় করে, তার প্রেম পূর্ণতা লাভ করেনি।
19 আমরা প্রেম করি, কারণ তিনিই প্রথমে আমাদের প্রেম করেছেন।
-
7 সদাপ্রভুর বিধিবিধান সিদ্ধ, যা আমার প্রাণ সঞ্জীবিত করে;
সদাপ্রভুর অনুশাসন নির্ভরযোগ্য,
তা অল্পবুদ্ধিকেও জ্ঞানবান করে।
8 সদাপ্রভুর সমস্ত বিধি সত্য,
হৃদয়কে আনন্দিত করে।
সদাপ্রভুর আজ্ঞাসকল সুস্পষ্ট,
চোখে আলো দান করে।
9 সদাপ্রভুর ভয় নির্মল,
চিরকাল স্থায়ী।
সদাপ্রভুর আদেশ দৃঢ়,
এবং পুরোপুরি ন্যায্য।
10 তা সোনার চেয়েও বেশি,
এমনকি বিশুদ্ধ সোনার চেয়েও বেশি আকাঙ্ক্ষিত।
এবং মধুর চেয়েও বেশি,
এমনকি মৌচাক থেকে ঝরে পড়া মধুর চেয়েও বেশি মিষ্টি।
11 সেগুলি তোমার দাসের প্রতি সতর্কবাণী;
যারা মান্য করে, তারা মহা পুরস্কার পায়।
-
13 এখন সবকিছু তো শোনা হল;
তবে শেষ কথা এই যে
ঈশ্বরকে ভয় করো এবং তাঁর আজ্ঞাসকল পালন করো,
কেননা এটাই সমস্ত মানুষের কর্তব্য।
14 কারণ ঈশ্বর প্রত্যেকটি কাজের বিচার করবেন,
এমনকি সমস্ত গুপ্ত বিষয়,
তা ভালো হোক বা মন্দ হোক।
-
23 সদাপ্রভুর ভয় জীবনের দিকে নিয়ে যায়;
তখন একজন মানুষ সন্তুষ্ট থাকে, আকস্মিক দুর্দশা তাকে স্পর্শ করতে পারে না।
-
28 আর তিনি মানবজাতিকে বললেন,
“সদাপ্রভুর ভয়—সেটিই হল প্রজ্ঞা,
ও মন্দকে এড়িয়ে চলাই হল বুদ্ধি-বিবেচনা।”
-
11 সম্ভ্রমে সদাপ্রভুর আরাধনা করো
আর কম্পিত হৃদয়ে তাঁর শাসন উদ্যাপন করো।
-
31 এরপরে যিহূদিয়া, গালীল ও শমরিয়ার সর্বত্র মণ্ডলীগুলি শান্তি উপভোগ করতে লাগল ও শক্তিশালী হতে লাগল। তারা প্রভুর ভয়ে দিন কাটিয়ে ও পবিত্র আত্মার দ্বারা প্রেরণা লাভ করে সংখ্যায় বৃদ্ধিলাভ করল।
-
18 যখন লোকেরা বজ্রপাত হতে ও বিদ্যুৎ চমকাতে দেখল এবং শিঙার শব্দ শুনল ও পর্বত ধোঁয়ায় ঢেকে যেতে দেখল, তখন তারা ভয়ে কেঁপে উঠল। তারা দূরে দাঁড়িয়ে পড়ল 19 এবং মোশিকে বলল, “আপনি নিজেই আমাদের সঙ্গে কথা বলুন ও আমরা তা শুনব। কিন্তু ঈশ্বর যেন আমাদের সঙ্গে কথা না বলেন পাছে আমরা মারা যাই।”
20 মোশি লোকদের বললেন, “ভয় পেয়ো না। ঈশ্বর তোমাদের পরীক্ষা করতে এসেছেন, যেন পাপ করা থেকে তোমাদের বিরত রাখার জন্য ঈশ্বরভয় তোমাদের সহবর্তী হয়।”
21 লোকেরা দূরে দাঁড়িয়ে থাকল, আর মোশি সেই ঘন অন্ধকারের দিকে এগিয়ে গেলেন যেখানে ঈশ্বর উপস্থিত ছিলেন।
-
8 সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল,
ক্রোধে ধীর, দয়াতে মহান।
9 তিনি ক্রমাগত আমাদের অভিযুক্ত করবেন না,
তিনি চিরকাল তাঁর ক্রোধ মনে পুষে রাখবেন না;
10 তিনি আমাদের প্রতি আমাদের পাপ অনুযায়ী আচরণ করেন না
অথবা আমাদের অপরাধ অনুযায়ী আমাদের প্রতিফল দেন না।
11 কারণ জগতের ঊর্ধ্বে আকাশমণ্ডল যত উচ্চ,
যারা তাঁকে সম্ভ্রম করে তাদের প্রতি তাঁর প্রেম ততটাই মহান;
12 পূর্ব থেকে পশ্চিম যত দূরে,
ততটাই আমাদের অপরাধ তিনি আমাদের থেকে দূর করেছেন।
13 বাবা যেমন তার সন্তানসন্ততিদের প্রতি করুণা করেন,
যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে তিনি ততটাই তাদের প্রতি করুণা করেন;
-
16 অশান্তি নিয়ে মহাধন ভোগ করার চেয়ে
সদাপ্রভুর ভয়ের সঙ্গে অল্প কিছু থাকাই ভালো।
-
6 ভালোবাসা ও বিশ্বস্ততার মাধ্যমেই পাপের প্রায়শ্চিত্ত হয়;
সদাপ্রভুর ভয়ের মাধ্যমেই অমঙ্গল এড়ানো যায়।
-
28 অতএব, আমরা যে রাজ্য গ্রহণ করতে চলেছি, তা প্রকম্পিত হবে না; তাই এসো আমরা কৃতজ্ঞ হই এবং শ্রদ্ধায় ও সম্ভ্রমে ঈশ্বরের প্রীতিজনক উপাসনা করি। 29 কারণ আমাদের “ঈশ্বর সবকিছু পুড়িয়ে দেওয়া আগুনের মতো।”
-
12 সুতরাং, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবসময় যেমন বাধ্য থেকেছ—কেবলমাত্র আমার উপস্থিতিতে নয়, কিন্তু এখন আমার অনুপস্থিতিতে আরও বেশি করে সভয়ে ও কম্পিত হৃদয়ে, কঠোর পরিশ্রমের দ্বারা তোমাদের পরিত্রাণ সম্পন্ন করো। 13 কারণ ঈশ্বর তাঁর শুভ-সংকল্পের জন্য তোমাদের অন্তরে ইচ্ছা উৎপন্ন ও কাজ করার জন্য সক্রিয় আছেন।
-
27 সদাপ্রভুর ভয় আয়ু বৃদ্ধি করে,
কিন্তু দুষ্টদের জীবনকাল সংক্ষিপ্ত করা হয়।
28 ধার্মিকদের প্রত্যাশা হল আনন্দ,
কিন্তু দুষ্টদের আশাগুলি নিষ্ফল হয়ে যায়।
29 সদাপ্রভুর পথ অনিন্দনীয়দের জন্য এক আশ্রয়স্থল,
কিন্তু যারা অনিষ্ট করে তাদের পক্ষে তা সর্বনাশ।
-
13 তোমরা প্রভুর কারণে মানুষের মধ্যে নিযুক্ত প্রত্যেক কর্তৃপক্ষের বশ্যতাস্বীকার করো—তা তিনি সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন রাজা হন 14 বা তাঁর প্রেরিত প্রদেশপাল হন। কারণ অন্যায়কারীদের শাস্তি ও সদাচারীদের প্রশংসা করতে রাজাই তাঁদের নিযুক্ত করেছেন। 15 কারণ ঈশ্বরের ইচ্ছা হল এই যে, সৎকর্মের দ্বারা তোমরা নির্বোধ লোকেদের অর্থইীন কথাবার্তাকে যেন স্তব্ধ করে দিতে পারো। 16 তোমরা স্বাধীন মানুষের মতো জীবনযাপন করো; কিন্তু তোমাদের স্বাধীনতাকে দুষ্কর্মের আড়ালস্বরূপ ব্যবহার কোরো না; বরং তোমরা ঈশ্বরের সেবকরূপে জীবনযাপন করো। 17 প্রত্যেক মানুষের প্রতি যথোচিত সম্মান প্রদর্শন করো: বিশ্বাসী সমাজকে প্রেম করো, ঈশ্বরকে ভয় করো, রাজাকে সমাদর করো।
-
12 এখন হে ইস্রায়েল, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের কাছে কী চান? তিনি কেবল চান যেন তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো, সব ব্যাপারে তাঁর পথে চলো, তাঁকে ভালোবাসো, তোমাদের সমস্ত হৃদয় ও প্রাণ দিয়ে তাঁর সেবা করো, 13 আর তোমাদের মঙ্গলের জন্য আজ আমি তোমাদের কাছে সদাপ্রভুর যেসব আদেশ ও অনুশাসন দিচ্ছি তা পালন করো।
14 আকাশ ও তার উপরের সবকিছু এবং পৃথিবী ও তার মধ্যবর্তী সবকিছুই তোমাদের ঈশ্বর সদাপ্রভুর।
-
1 সদাপ্রভুর প্রশংসা করো।
ধন্য সেই ব্যক্তি, যে সদাপ্রভুকে সম্ভ্রম করে,
যে তাঁর আজ্ঞা পালনে মহা আনন্দ পায়।
2 তাদের সন্তানসন্ততিরা এ জগতে শক্তিশালী হবে,
ন্যায়পরায়ণদের প্রজন্ম ধন্য হবে।
3 ধনসম্পদ ও ঐশ্বর্য তার গৃহে আছে,
এবং তার ধার্মিকতা চিরস্থায়ী হয়।
-
11 তোমরা যারা তাঁকে সম্ভ্রম করো, সদাপ্রভুর উপর আস্থা রাখো—
তিনি তাদের সহায় ও ঢাল।
12 সদাপ্রভু আমাদের মনে রাখেন আর আমাদের আশীর্বাদ করবেন:
তিনি তাঁর ইস্রায়েল কুলকে আশীর্বাদ করবেন,
তিনি হারোণের কুলকে আশীর্বাদ করবেন,
13 তিনি তাদের আশীর্বাদ করবেন যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে—
ক্ষুদ্র বা মহান সবাইকে করবেন।
14 সদাপ্রভু তোমাদের সমৃদ্ধি করুন,
তোমাদের ও তোমাদের ছেলেমেয়েদের প্রতি।
15 তোমরা সদাপ্রভুর আশীর্বাদপ্রাপ্ত,
তিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা।
-
1 প্রিয় বন্ধুরা, যেহেতু আমাদের কাছে এসব প্রতিশ্রুতি আছে, তাই যা কিছু আমাদের শরীর ও আত্মাকে কলুষিত করে, এসো আমরা সেসব থেকে নিজেদের শুচিশুদ্ধ করি এবং ঈশ্বরের প্রতি সম্ভ্রমবশত পবিত্রতা সিদ্ধ করি।
-
6 সদাপ্রভুর বাক্যে আকাশমণ্ডল সৃষ্টি হয়েছিল,
তাঁর মুখের নিঃশ্বাসে তারকারাশি তৈরি হয়েছিল।
7 তিনি সমুদ্রের সীমানা নির্দিষ্ট করেন
এবং মহাসমুদ্রের জলরাশি জলাধারে সঞ্চিত করেন।
8 সমস্ত পৃথিবী সদাপ্রভুকে সম্ভ্রম করুক;
জগতের সব লোক তাঁর সমাদর করুক।
9 কারণ তিনি কথা বললেন, আর সৃষ্টি হল;
তিনি আদেশ দিলেন আর স্থিতি হল।
-
একটি আরোহণ সংগীত।
1 ধন্য তারা সবাই যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে,
যারা তাঁর নির্দেশিত পথে চলে।
2 তুমি তোমার পরিশ্রমের ফলভোগ করবে;
আশীর্বাদ ও সমৃদ্ধি তোমার হবে।
3 তোমার স্ত্রী
তোমার গৃহে ফলবতী এক দ্রাক্ষালতার মতো হবে;
তোমার মেজের চারিদিকে
তোমার সন্তানেরা জলপাই গাছের চারার মতো হবে।
4 হ্যাঁ, যে ব্যক্তি সদাপ্রভুকে সম্ভ্রম করে
সে এই আশীর্বাদ পাবে।
-
4 “আমার বন্ধু সব, আমি তোমাদের বলছি, শরীরকে হত্যা করার বেশি আর কিছু করার সাধ্য যাদের নেই, তাদের তোমরা ভয় কোরো না। 5 কিন্তু কাকে ভয় করতে হবে, তা আমি তোমাদের বলছি: শরীরকে হত্যা করার পর যাঁর ক্ষমতা আছে তোমাদের নরকে নিক্ষেপ করার তোমরা তাঁকেই ভয় কোরো। হ্যাঁ, আমি তোমাদের বলছি, তোমরা তাঁকেই ভয় কোরো।
-
5 দেশে, অর্থাৎ যিহূদার প্রত্যেকটি সুরক্ষিত নগরে তিনি বিচারক নিযুক্ত করে দিলেন। 6 তিনি তাদের বললেন, “সাবধান হয়ে তোমরা তোমাদের কাজকর্ম কোরো, কারণ তোমরা নিছক মরণশীল মানুষের হয়ে বিচার করছ না কিন্তু সেই সদাপ্রভুর হয়েই করছ, যিনি তোমাদের সাথেই তখন আছেন, যখন তোমরা বিচারের কোনও রায় দিচ্ছ। 7 এখন সদাপ্রভুর ভয় তোমাদের উপর বিরাজ করুক। সাবধান হয়ে বিচার কোরো, কারণ অন্যায়ের বা একপেশেমির বা ঘুস দেওয়া-নেওয়ার সাথে আমাদের ঈশ্বর সদাপ্রভুর কোনও সম্পর্ক নেই।”
-
11 হে সদাপ্রভু, আমাকে তোমার পথসকল শিক্ষা দাও,
যেন আমি তোমার বিশ্বস্ততায় নির্ভর করতে পারি;
আমাকে এক অখণ্ড হৃদয় দাও,
যেন আমি তোমার নাম সম্ভ্রম করতে পারি।
12 হে প্রভু আমার ঈশ্বর, আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তোমার প্রশংসা করব;
চিরদিন আমি তোমার নামের মহিমা করব।
-
12 “এই সমস্ত লোকে যাকে চক্রান্ত বলে,
তার সবগুলিকেই তুমি চক্রান্ত বোলো না;
তারা যাকে ভয় করে, তুমি তাতে ভয় পেয়ো না
এবং তার জন্য আতঙ্কগ্রস্ত হোয়ো না।
13 সর্বশক্তিমান সদাপ্রভুকেই তুমি পবিত্র বলে মান্য করবে,
কেবলমাত্র তাঁকেই তুমি ভয় করবে,
কেবলমাত্র তাঁরই কারণে তুমি আতঙ্কগ্রস্ত হবে।
14 আর তিনিই হবেন তোমার ধর্মধাম;
কিন্তু ইস্রায়েলের ও যিহূদার উভয় কুলের পক্ষে
তিনি হবেন এক পাথর, যাতে মানুষ হোঁচট খাবে
এবং এক শিলা, যার কারণে তাদের পতন হবে।
আর জেরুশালেমের লোকদের জন্য তিনি
এক ফাঁদ ও এক জালস্বরূপ হবেন।
-
14 “তোমরা বলেছ, ‘ঈশ্বরের সেবা করা অর্থহীন। তাঁর আদেশ পালন করে কী লাভ হয় এবং সর্বশক্তিমান সদাপ্রভুর সাক্ষাতে শোকে যাওয়া-আসা করে আমাদের কী লাভ? 15 কিন্তু এখন আমরা অহংকারীকে ধন্য বলি। নিশ্চয়ই দুষ্ট আচরণকারী সমৃদ্ধিলাভ করে, এমনকি যখন তারা ঈশ্বরকে পরীক্ষায় ফেলে, তারা তা করেও রক্ষা পায়।’ ”
16 তারপর যারা সদাপ্রভুকে ভয় করত তারা একে অপরের সাথে কথা বলল এবং সদাপ্রভু তাদের কথা মন দিয়ে শুনলেন। যারা সদাপ্রভুকে ভয় ও তাঁর নাম সম্মান করত, তাদের সম্মন্ধে স্মরণীয় পুঁথি তাঁর সামনে লেখা হল।
17 “সেদিন যখন আমি আমার কাজ করব,” সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, তারা আমার প্রিয় অধিকার হবে। আমি তাদের প্রতি ক্ষমাপরায়ণ হব, যেমন একজন বাবা তার সেবায় রত ছেলেকে করুণার চোখে দেখে এবং তার প্রতি ক্ষমাপরায়ণ হয়। 18 আর তোমরা আবার ধার্মিক ও দুষ্টদের মধ্যে পার্থক্য দেখতে পাবে, যারা ঈশ্বরের সেবা করে ও যারা করে না তাদের মধ্যে পার্থক্য দেখতে পাবে।
-
26 আবার সত্যের তত্ত্বজ্ঞান লাভ করার পর আমরা যদি স্বেচ্ছায় পাপ করতে থাকি, তাহলে ওইসব পাপ ক্ষমা করার জন্য বলিদানের আর ব্যবস্থা থাকে না, 27 থাকে শুধু বিচারের জন্য ভয়াবহ প্রতীক্ষা এবং ঈশ্বরের শত্রুদের গ্রাস করার জন্য প্রচণ্ড আগুন। 28 কেউ মোশির বিধান লঙ্ঘন করলে, দুজন বা তিনজনের সাক্ষ্য প্রমাণে তাকে নির্দয়ভাবে হত্যা করা হত। 29 তাহলে যে ঈশ্বরের পুত্রকে পদদলিত করেছে, নিয়মের রক্ত দ্বারা শুচিশুদ্ধ হয়েও যে তা অপবিত্র জ্ঞান করেছে এবং যে অনুগ্রহের আত্মাকে অপমান করেছে, সে আরও কত না কঠোর শাস্তির যোগ্য বলে তোমাদের মনে হয়? 30 কারণ যিনি বলেছেন, “প্রতিশোধ নেওয়া আমারই কাজ, আমি প্রতিফল দেব,” তাঁকে আমরা জানি। আবার, “প্রভুই তাঁর প্রজাদের বিচার করবেন।” 31 জীবন্ত ঈশ্বরের হাতে পড়া ভয়ংকর বিষয়!
-
6 এরপর আমি অন্য এক স্বর্গদূতকে মধ্যাকাশে উড়ে যেতে দেখলাম। তাঁর কাছে ছিল অনন্তকালীন সুসমাচার, যেন তিনি প্রত্যেক দেশ, গোষ্ঠী, ভাষাভাষী, জাতির, পৃথিবীর সমস্ত অধিবাসীর কাছে তা ঘোষণা করেন। 7 তিনি উচ্চকণ্ঠে বললেন, “ঈশ্বরকে ভয় করো ও তাঁকে সম্মান দাও, কারণ তাঁর বিচারের সময় এসে উপস্থিত হয়েছে। যিনি স্বর্গ, পৃথিবী, সমুদ্র ও জলের সব উৎস উৎপন্ন করেছেন, তাঁর উপাসনা করো।”
-
17 তোমার হৃদয় যেন পাপীদের হিংসা না করে,
কিন্তু সবর্দা তুমি সদাপ্রভুকে ভয় করার জন্য তৎপর থেকো।
18 নিশ্চয় তোমার জন্য ভবিষ্যতের এক আশা আছে,
ও তোমার আশা বিচ্ছিন্ন করা হবে না।
-
3 হে সদাপ্রভু, যদি তুমি পাপের হিসেব রাখতে,
তবে প্রভু, কে বাঁচতে পারত?
4 কিন্তু তোমার কাছে ক্ষমা আছে,
যেন আমরা, সম্ভ্রমে তোমার সেবা করতে পারি।
-
1 হে আমার বাছা, তুমি যদি আমার কথা শোনো
ও আমার আদেশগুলি হৃদয়ে সঞ্চয় করে রাখো,
2 প্রজ্ঞার প্রতি কর্ণপাত করো
ও বুদ্ধিতে মনোনিবেশ করো—
3 সত্যিই, তুমি যদি অন্তর্দৃষ্টিকে ডাক দাও
ও বুদ্ধি লাভের জন্য জোর গলায় কাকুতিমিনতি করো,
4 ও যদি রুপোর মতো তার খোঁজ করো
ও গুপ্তধনের মতো তা খুঁজে বেড়াও,
5 তবেই তুমি সদাপ্রভুর ভয় বুঝতে পারবে
ও ঈশ্বরের জ্ঞান খুঁজে পাবে।
6 কারণ সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন;
তাঁর মুখ থেকেই জ্ঞান ও বুদ্ধি বের হয়।
-
18 সদাপ্রভু তাদের সবার কাছে আছেন যারা তাঁকে ডাকে,
সবার কাছে আছেন যারা তাঁকে সত্যে আহ্বান করে।
19 যারা তাঁকে সম্ভ্রম করে তিনি তাদের আকাঙ্ক্ষা পূর্ণ করেন;
তিনি তাদের কান্না শোনেন আর তাদের রক্ষা করেন।
-
38 তারা আমার প্রজা হবে ও আমি তাদের ঈশ্বর হব। 39 আমি তাদের মঙ্গলের জন্য ও তাদের পরে তাদের সন্তানদের মঙ্গলের জন্য তাদের একনিষ্ঠ হৃদয় ও এক উদ্দেশ্য দেব, যেন তারা সবসময়ই আমাকে ভয় করে। 40 আমি তাদের সঙ্গে এক চিরস্থায়ী নিয়ম করব; তাদের মঙ্গল করায় আমি কখনও নিবৃত্ত হব না, আমাকে ভয় করার জন্য আমি তাদের প্রেরণা দেব, যেন তারা কখনও আমার কাছ থেকে ফিরে না যায়।
-
9 তাই আমরা এই শরীরে বাস করি বা এর থেকে দূরে থাকি, আমাদের লক্ষ্য হল তাঁকে সন্তুষ্ট করা। 10 কারণ আমরা সকলে খ্রীষ্টের বিচারাসনের সামনে অবশ্যই উপস্থিত হব, যেন প্রত্যেকেই শরীরে বসবাস করার কালে, সৎ বা অসৎ, যে কাজই করেছে, তার প্রাপ্য ফল পায়।
11 তাহলে, প্রভুকে ভয় করার অর্থ কী, তা আমরা জানি; সেই কারণে আমরা সব মানুষকে তা বোঝানোর চেষ্টা করি। আমরা যে কী প্রকার, তা ঈশ্বরের কাছে স্পষ্ট। আমি আশা করি, তোমাদের বিবেকের কাছেও তা স্পষ্ট। 12 আমরা আবার তোমাদের কাছে নিজেদের প্রশংসা করার চেষ্টা করছি না, কিন্তু আমাদের জন্য তোমাদের গর্ব করার একটি সুযোগ দিচ্ছি, যেন যারা অন্তরের বিষয় নিয়ে গর্বিত না হয়ে বাহ্যিক প্রদর্শন নিয়ে গর্ব করে, তোমরা তাদের উত্তর দিতে পারো। 13 যদি আমরা উন্মাদ হয়েছি, তাহলে তা ঈশ্বরের জন্যই হয়েছি; যদি আমরা স্বাভাবিক অবস্থায় আছি, তাহলে তা তোমাদেরই জন্য। 14 কারণ খ্রীষ্টের প্রেম আমাদের বাধ্য করেছে এবং আমরা নিশ্চিত যে, একজন যখন সকলের জন্য মৃত্যুবরণ করলেন, সেই কারণে সকলেরই মৃত্যু হল। 15 আর তিনি সকলের জন্য মৃত্যুবরণ করেছেন, যেন যারা জীবিত আছে, তারা আর যেন নিজেদের জন্য জীবনধারণ না করে, কিন্তু তাঁর জন্য করে, যিনি তাদের জন্য মৃত্যুবরণ করেছেন ও পুনরায় উত্থাপিত হয়েছেন।
-
10 তিনি ঘোড়ার শক্তিতে আনন্দ করেন না,
যোদ্ধার বলে তিনি সন্তুষ্ট হন না;
11 সদাপ্রভু তাদের উপর সন্তুষ্ট যারা তাঁকে সম্ভ্রম করে,
যারা তাঁর অবিচল প্রেমে আস্থা রাখে।
-
20 পথে পথে প্রজ্ঞা চিৎকার করে বেড়ায়,
প্রকাশ্য চকে সে তার সুর চড়ায়;
21 প্রাচীরের মাথায় উঠে সে ডাক ছাড়ে,
নগরের প্রবেশদ্বারে দাঁড়িয়ে সে বক্তৃতা দেয়:
22 “তোমরা যারা অনভিজ্ঞ মানুষ, আর কত দিন তোমরা তোমাদের সরলতা ভালোবাসবে?
আর কত দিন ঠাট্টা-বিদ্রুপকারীরা ঠাট্টা করে আনন্দ পাবে
ও মূর্খেরা জ্ঞানকে ঘৃণা করবে?
23 আমার ভর্ৎসনা দ্বারা অনুতপ্ত হও!
তখন আমি তোমাদের কাছে আমার ভাবনাচিন্তা ঢেলে দেব,
আমি তোমাদের কাছে আমার শিক্ষামালা জ্ঞাত করব।
24 কিন্তু যখন আমি ডাকলাম তোমরা সে ডাক প্রত্যাখ্যান করেছ,
ও আমি হাত বাড়িয়ে দেওয়া সত্ত্বেও কেউ মনোযোগ দাওনি,
25 যেহেতু তোমরা আমার সব পরামর্শ উপেক্ষা করেছ
ও আমার ভর্ৎসনা শুনতে চাওনি,
26 তাই বিপর্যয় যখন তোমাদের আঘাত করবে তখন আমি হাসব;
চরম দুর্দশা যখন তোমাদের নাগাল ধরে ফেলবে তখন আমি বিদ্রুপ করব—
27 চরম দুর্দশা যখন ঝড়ের মতো তোমাদের নাগাল ধরে ফেলবে,
বিপর্যয় যখন ঘূর্ণিঝড়ের মতো তোমাদের উপরে ধেয়ে আসবে,
মর্মান্তিক যন্ত্রণা ও দুঃখকষ্ট যখন তোমাদের আচ্ছন্ন করবে।
28 “তখন তারা আমাকে ডাকবে কিন্তু আমি উত্তর দেব না;
তারা আমার খোঁজ করবে কিন্তু আমায় খুঁজে পাবে না,
29 যেহেতু তারা জ্ঞানকে ঘৃণা করেছে
ও সদাপ্রভুকে ভয় করতে চায়নি।
30 যেহেতু তারা আমার পরামর্শ নিতে চায়নি
ও আমার ভর্ৎসনা পদদলিত করেছে,
31 তাই তারা নিজেদের আচরণের ফলভোগ করবে
ও তাদের ষড়যন্ত্রের ফলে পরিপূর্ণ হয়ে যাবে।
-
50 যারা তাঁকে ভয় করে, তাদেরই জন্য
পুরুষ-পরম্পরায় তাঁর করুণার হাত প্রসারিত।
-
9 তাহলে আমাদের শেষ কথা কী হবে? আমরা কি কোনোভাবে অন্যদের চেয়ে ভালো? অবশ্যই নয়! আমরা ইতিপূর্বে অভিযোগ করেছি যে, ইহুদি, অইহুদি নির্বিশেষে সকলেই পাপের অধীন। 10 যেমন লেখা আছে:
“ধার্মিক কেউই নেই, একজনও নেই;
11 বোঝে, এমন কেউই নেই,
কেউই ঈশ্বরের অন্বেষণ করে না।
12 সকলেই বিপথগামী হয়েছে,
তারা একসঙ্গে অকর্মণ্য হয়ে পড়েছে,
সৎকর্ম করে এমন কেউই নেই,
একজনও নেই।”
13 “তাদের কণ্ঠ উন্মুক্ত কবরস্বরূপ;
তাদের জিভ প্রতারণার অনুশীলন করে।”
“কালসাপের বিষ তাদের মুখে।”
14 “তাদের মুখ অভিশাপে ও তিক্ততায় পূর্ণ।”
15 “তাদের চরণ রক্তপাতের জন্য দ্রুত দৌড়ায়;
16 বিনাশ ও দুর্গতি তাদের সব পথ চিহ্নিত করে,
17 আর তারা শান্তির পথ জানে না,”
18 “তাদের চোখে ঈশ্বরভয় নেই।”
-
23 কারণ যতক্ষণ না তোমরা তা পার হলে, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সামনে জর্ডন নদী শুকনো করে দিয়েছিলেন। তোমাদের ঈশ্বর সদাপ্রভু জর্ডন নদীর প্রতি তাই করেছেন, যা তিনি লোহিত সাগরের প্রতি করেছিলেন, তিনি তা শুকনো করে দিয়েছিলেন, যতক্ষণ না আমরা তা অতিক্রম করলাম। 24 তিনি এরকম এই কারণে করলেন, যেন পৃথিবীর সমস্ত মানুষ জানতে পারে যে, সদাপ্রভুর হাত পরাক্রমশালী এবং তোমরা যেন সবসময়ই তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো।”
-
5 তুমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর উপর আস্থা রাখো
ও নিজের বিচক্ষণতার উপর নির্ভর কোরো না;
6 তোমার সমস্ত পথে তাঁর বশ্যতাস্বীকার করো,
ও তিনি তোমার পথগুলি সোজা করে দেবেন।
7 নিজের দৃষ্টিতে জ্ঞানবান হোয়ো না;
সদাপ্রভুকে ভয় করো ও কুকর্ম এড়িয়ে চলো।
-
33 প্রজ্ঞার নির্দেশ হল সদাপ্রভুকে ভয় করা,
ও সম্মানের আগে আসে নম্রতা।
-
4 নম্রতাই সদাপ্রভুর ভয়;
এর বেতন হল ধনসম্পদ ও সম্মান ও জীবন।
-
5 সদাপ্রভু মহিমান্বিত হয়েছেন, কারণ তিনি ঊর্ধ্বে অধিষ্ঠান করেন;
তিনি ন্যায়বিচার ও ধার্মিকতায় সিয়োন পরিপূর্ণ করবেন।
6 তিনি তোমার সমস্ত কালে নিশ্চিত ভিত্তিমূলস্বরূপ হবেন,
তিনি হবেন পরিত্রাণ ও প্রজ্ঞা ও জ্ঞানের এক সমৃদ্ধ ভাণ্ডার;
সদাপ্রভুর প্রতি ভয়ই এই বৈভবের চাবিকাঠি।
-
6 একদিন স্বর্গদূতেরা সদাপ্রভুর সামনে নিজেদের উপস্থিত করার জন্য এলেন, এবং শয়তানও তাদের সঙ্গে এল। 7 সদাপ্রভু শয়তানকে বললেন, “তুমি কোথা থেকে এলে?”
শয়তান সদাপ্রভুকে উত্তর দিল, “পৃথিবীর সর্বত্র এদিক-ওদিক ঘোরাফেরা করে এলাম।”
8 পরে সদাপ্রভু শয়তানকে বললেন, “আমার দাস ইয়োবের দিকে কি তোমার নজর পড়েছে? পৃথিবীতে তার মতো আর কেউ নেই; সে অনিন্দনীয় ও ন্যায়পরায়ণ এমন এক মানুষ, যে ঈশ্বরকে ভয় করে এবং কুকর্ম এড়িয়ে চলে।”
9 “ইয়োব কি বিনা স্বার্থে ঈশ্বরকে ভয় করে?” শয়তান উত্তর দিল 10 “তুমি কি তার চারপাশে এবং তার পরিবারের ও তার সবকিছুর চারপাশে বেড়া দিয়ে রাখোনি? তুমি তার হাতের কাজে আশীর্বাদ করেছ, যেন তার মেষপাল ও পশুপাল দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে।
-
23 তোমরা যারা সদাপ্রভুকে সম্ভ্রম করো, তাঁর প্রশংসা করো!
যাকোবের বংশধর সকল, তাঁর সম্মান করো!
ইস্রায়েলের বংশধর সকল, তাঁকে শ্রদ্ধা করো।
-
18 কিন্তু সদাপ্রভুর দৃষ্টি তাদের প্রতি আবদ্ধ যারা তাঁকে সম্ভ্রম করে
আর যারা তাঁর অবিচল প্রেমে আস্থা রাখে,
19 তিনি মৃত্যু থেকে তাদের উদ্ধার করেন,
এবং দুর্ভিক্ষের সময় তাদের প্রাণরক্ষা করেন।
-
10 তারপর, আমি এও দেখলাম দুষ্টদের কবর দেওয়া হল—যারা পবিত্রস্থানে যাতায়াত করত এবং যে নগরে তারা তা করত সেখানে তারা প্রশংসা পেত। এটাও অসার।
11 অন্যায় কাজের শাস্তি যদি তাড়াতাড়ি দেওয়া না হয় তাহলে লোকদের হৃদয় অন্যায় করবার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়। 12 যদিও দুষ্টলোক একশোটি দুষ্কর্ম করে অনেক দিন বেঁচে থাকে তবুও আমি জানি ঈশ্বরকে যারা ভয় করে তাদের মঙ্গল হবে। 13 কিন্তু দুষ্টরা ঈশ্বরকে ভয় করে না বলে তাদের মঙ্গল হবে না এবং তাদের আয়ু ছায়ার মতো হবে।
-
1 যিশয় কুলের মূলকাণ্ড থেকে একটি শাখা নির্গত হবে;
তার মূল থেকে উৎপন্ন এক শাখায় ফল ধরবে।
2 সদাপ্রভুর আত্মা তাঁর উপরে অবস্থিতি করবেন,
তা হল প্রজ্ঞা ও বুদ্ধির আত্মা,
পরামর্শদানের ও পরাক্রমের আত্মা,
জ্ঞানের আত্মা ও সদাপ্রভুর ভয়ের আত্মা
3 আর তিনি সদাপ্রভুর ভয়ে আনন্দিত হবেন।
তিনি চোখের দৃষ্টি অনুযায়ী বিচার করবেন না,
কিংবা কানে যা শোনেন, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন না;
4 কিন্তু ধার্মিকতায় তিনি নিঃস্ব ব্যক্তির বিচার করবেন,
ন্যায়ের সঙ্গে তিনি পৃথিবীর দরিদ্রদের বিচার নিষ্পত্তি করবেন।
তিনি তাঁর মুখের লাঠি দিয়ে পৃথিবীকে আঘাত করবেন;
তাঁর ওষ্ঠাধরের শ্বাসে তিনি দুষ্টদের সংহার করবেন।
5 ধার্মিকতা হবে তাঁর কোমরবন্ধনী
এবং বিশ্বস্ততা হবে তাঁর কোমরে জড়ানো পটুকা।
-
7 এরপর নাবিকেরা পরস্পরকে বলল, “এসো, আমরা গুটিকাপাত করে দেখি, এই দুর্যোগের জন্য আমাদের মধ্যে কে দায়ী।” তারা যখন গুটিকাপাত করল, যোনার নামে গুটি উঠল। 8 তাই তারা তাকে জিজ্ঞাসা করল, “আমাদের বলো, আমাদের উপর এই সমস্ত সংকট আনার জন্য কে দায়ী? তুমি কী করো? তুমি এসেছই বা কোথা থেকে? তোমার দেশের নাম কী? তোমার জাতি কী?”
9 যোনা উত্তর দিলেন, “আমি একজন হিব্রু এবং আমি সদাপ্রভুর উপাসনা করি। তিনি স্বর্গের ঈশ্বর, যিনি সমুদ্র ও ভূমি নির্মাণ করেছেন।”
10 এতে তারা আতঙ্কগ্রস্ত হল ও জিজ্ঞাসা করল, “তুমি কী করেছ?” কারণ তারা জানতে পেরেছিল যে তিনি সদাপ্রভুর কাছ থেকে পালিয়ে যাচ্ছেন এবং যোনা ইতিমধ্যে সেকথা তাদের বলেছিলেন।
11 সমুদ্র ক্রমেই উত্তাল ও বিক্ষুব্ধ হয়ে উঠছিল। তাই, তারা তাকে জিজ্ঞাসা করল, “সমুদ্রকে শান্ত করার জন্য তোমার প্রতি আমাদের কী করা উচিত?”
12 তিনি উত্তর দিলেন, “আমাকে তুলে তোমরা সমুদ্রে ফেলে দাও। তখন তা শান্ত হয়ে যাবে। আমি জানি যে, আমার দোষের জন্যই এই মহা ঝড় তোমাদের উপরে এসে পড়েছে।”
13 তা না করে সেই লোকেরা প্রাণপণ চেষ্টা করল, যেন তারা জাহাজটিকে ডাঙায় নিয়ে যেতে পারে। কিন্তু তারা পেরে উঠল না, বরং সমুদ্র আগের থেকেও বেশি বিক্ষুব্ধ হয়ে উঠল। 14 তারা তখন সদাপ্রভুর কাছে কাঁদতে লাগল আর বলল, “হে সদাপ্রভু, এই লোকটির প্রাণ নেওয়ার জন্য তুমি আমাদের মরতে দিয়ো না। এক নির্দোষ মানুষকে হত্যা করার জন্য আমাদের দোষী সাব্যস্ত কোরো না। কারণ হে সদাপ্রভু, তোমার যেমন ইচ্ছা, তুমি তেমনই করেছ।” 15 তারপর তারা যোনাকে ধরে সমুদ্রে ফেলে দিল; এতে উত্তাল সমুদ্র শান্ত হল। 16 এর ফলে জাহাজের লোকেরা সদাপ্রভুকে অত্যন্ত ভয় করল এবং তারা সদাপ্রভুর উদ্দেশে বলি উৎসর্গ ও বিভিন্ন প্রকার মানত করল।
-
13 তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করবে, কেবল তাঁরই সেবা করবে এবং তাঁর নামেই শপথ করবে। 14 অন্য দেবতাদের অনুসরণ করবে না, যারা তোমাদের চারিদিকের জাতিদের দেবতা; 15 কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি তোমাদের মধ্যে আছেন, তিনি নিজের গৌরব রক্ষা করার বিষয়ে খুবই উদ্যোগী, এবং তাঁর ক্রোধের আগুন তোমাদের বিরুদ্ধে জ্বলবে, আর তিনি তোমাদের পৃথিবীর উপর থেকে ধ্বংস করবেন।
-
24 কিন্তু নিশ্চিত থেকো, যেন তোমরা সদাপ্রভুকে ভয় কোরো ও সর্বান্তঃকরণে বিশ্বস্ততাপূর্বক তাঁর সেবা কোরো; বিবেচনা কোরো তিনি তোমাদের জন্য কী মহৎ কাজ করেছেন। 25 তবুও যদি তোমরা অন্যায় করেই যাও, তবে তোমরা ও তোমাদের রাজা, সবাই ধ্বংস হয়ে যাবে।
-
3 ইস্রায়েলের ঈশ্বর বলেছেন,
ইস্রায়েলের পাষাণ-পাথর আমাকে বলেছেন:
‘ন্যায়পরায়ণতায় যখন কেউ প্রজাদের উপর রাজত্ব করে,
যখন সে ঈশ্বর ভয়ে শাসন করে,
4 সে সূর্যোদয়ে প্রভাতি আলোর মতো
মেঘশূন্য সকালে যা দেখা যায়,
বৃষ্টির পরে পাওয়া উজ্জ্বলতার মতো
যা দিয়ে মাটিতে ঘাস জন্মায়।’
-
14 ধন্য তারাই যারা সবসময় ঈশ্বরের সামনে ভীত হয়,
কিন্তু যারা তাদের হৃদয় কঠোর করে তারা বিপদে পড়বে।
-
14 কারণ যারা ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়, তারাই ঈশ্বরের পুত্র। 15 প্রকৃতপক্ষে, তোমরা যে আত্মাকে গ্রহণ করেছ, তিনি তোমাদের ভয়ে জীবন কাটানোর জন্য ক্রীতদাস করেন না; কিন্তু তোমরা দত্তকপুত্র হওয়ার আত্মা লাভ করেছ। তাঁরই দ্বারা আমরা ডেকে উঠি “আব্বা! পিতা” বলে।
-
6 এই কারণেই আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, তোমার উপরে আমার হাত রাখার ফলে ঈশ্বরের যে বরদান তুমি লাভ করেছিলে, তা উদ্দীপ্ত করে তোলো। 7 কারণ ঈশ্বর আমাদের ভীরুতার আত্মা দেননি, কিন্তু দিয়েছেন পরাক্রম, প্রেম ও সুবুদ্ধির আত্মা।
-
8 তখন সেই মানুষটি ও তাঁর স্ত্রী সেই সদাপ্রভু ঈশ্বরের হাঁটার আওয়াজ শুনতে পেলেন, যিনি দিনের পড়ন্ত বেলায় বাগানে হেঁটে চলে বেড়াচ্ছিলেন, এবং তারা সদাপ্রভু ঈশ্বরকে এড়িয়ে বাগানের গাছগুলির আড়ালে লুকিয়ে পড়লেন। 9 কিন্তু সদাপ্রভু ঈশ্বর সেই মানুষটিকে ডেকে বললেন, “তুমি কোথায়?”
10 তিনি উত্তর দিলেন, “বাগানে আমি তোমার হাঁটার আওয়াজ শুনতে পেয়েছিলাম, আর আমি ভয় পেয়েছিলাম কারণ আমি যে উলঙ্গ; তাই আমি লুকিয়ে পড়েছি।”
11 আর সদাপ্রভু ঈশ্বর বললেন, “কে তোমাকে বলেছে যে তুমি উলঙ্গ? যে গাছের ফল না খাওয়ার আদেশ আমি তোমাকে দিয়েছিলাম, সেই গাছের ফল তুমি কি খেয়েছ?”
12 মানুষটি বললেন, “আমার সঙ্গে তুমি যে নারীকে এখানে রেখেছ—সেই গাছটি থেকে কয়েকটি ফল আমায় দিয়েছিল এবং আমি তা খেয়ে ফেলেছি।”
13 তখন সদাপ্রভু ঈশ্বর নারীকে বললেন, “তুমি এ কী করলে?”
নারী বললেন, “সাপ আমাকে প্রতারিত করেছে, ও আমি খেয়ে ফেলেছি।”
-
9 ঈশ্বর যে স্থানটির কথা বলেছিলেন, তারা যখন সেখানে পৌঁছালেন, তখন অব্রাহাম সেখানে একটি যজ্ঞবেদি নির্মাণ করলেন ও সেটির উপর কাঠ বিছিয়ে দিলেন। তিনি তাঁর ছেলে ইস্হাককে বেঁধে সেই বেদিতে, কাঠের উপর শুইয়ে দিলেন। 10 পরে তিনি হাত বাড়িয়ে ছুরিটি ধরে তাঁর ছেলেকে হত্যা করতে উদ্যত হলেন। 11 কিন্তু সদাপ্রভুর দূত স্বর্গ থেকে তাঁকে ডেকে বললেন, “অব্রাহাম, অব্রাহাম!”
“আমি এখানে,” তিনি উত্তর দিলেন।
12 “ছেলেটির গায়ে হাত দিয়ো না,” দূত বললেন। “ওর কোনও ক্ষতি কোরো না। এখন আমি বুঝেছি যে তুমি ঈশ্বরকে ভয় করো, কারণ আমাকে তুমি তোমার ছেলেটি, তোমার একমাত্র ছেলেটি দিতে অসম্মত হওনি।”
13 অব্রাহাম চোখ তুলে তাকিয়ে দেখতে পেলেন সেখানে ঝোপঝাড়ের মধ্যে একটি মদ্দা মেষ শিং আটকানো অবস্থায় পড়ে আছে। তিনি সেখানে গিয়ে মদ্দা মেষটিকে এনে তাঁর ছেলের পরিবর্তে সেটিকে এক হোমবলিরূপে উৎসর্গ করলেন। 14 অতএব অব্রাহাম সেই স্থানটির নাম দিলেন সদাপ্রভু জোগাবেন। আর আজও পর্যন্ত একথা বলা হয়ে থাকে, “সদাপ্রভুর পর্বতে তা জোগানো হবে।”
-
17 কিন্তু অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত
সদাপ্রভুর প্রেম তাদের সঙ্গে আছে যারা তাকে সম্ভ্রম করে,
এবং তাঁর ধার্মিকতা তাদের সন্তানসন্ততিদের প্রতি বর্তায়—
18 তাদের প্রতি যারা তাঁর নিয়ম পালন করে
এবং তাঁর অনুশাসন পালন করার কথা মনে রাখে।
-
15 তাই, কীভাবে জীবনযাপন করবে সে সম্বন্ধে অত্যন্ত সতর্ক থেকো। জ্ঞানবানের মতো চলো, মূর্খের মতো নয়। 16 সব সুযোগের সর্বাধিক সদব্যবহার করো, কারণ এই যুগ মন্দ। 17 এই জন্য নির্বোধ হোয়ো না, প্রভুর ইচ্ছা কী, তা উপলব্ধি করো। 18 সুরা পান করে মত্ত হোয়ো না, তা ভ্রষ্টাচারের পথে নিয়ে যায়; তার পরিবর্তে আত্মায় পরিপূর্ণ হও। 19 গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে পরস্পর ভাব বিনিময় করো। প্রভুর উদ্দেশে গীত গাও, হৃদয়ে সুরের ঝংকার তোলো। 20 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে সব বিষয়ের জন্য সবসময় পিতা ঈশ্বরকে ধন্যবাদ দাও।
21 খ্রীষ্টের জন্য সম্ভ্রমবশত একে অপরের বশীভূত হও।
-
7 বিশ্বাসে নোহ, যেসব বিষয় তখনও প্রত্যক্ষ হয়নি, সেগুলি সম্পর্কে সতর্কবাণী লাভ করে তাঁর পরিবারকে রক্ষা করার জন্য ভক্তিপূর্ণ ভয়ে তাঁর বিশ্বাসের দ্বারা একটি জাহাজ নির্মাণ করলেন। বিশ্বাসের দ্বারা তিনি জগৎকে অপরাধী সাব্যস্ত করলেন এবং বিশ্বাসের দ্বারা যে ধার্মিকতা লাভ করা যায়, তিনি তার উত্তরাধিকার হলেন।
-
3 তাঁরা ঈশ্বরের দাস মোশির গীত ও মেষশাবকের গীত গাইছেন:
“প্রভু ঈশ্বর, সর্বশক্তিমান,
মহৎ ও বিস্ময়কর তোমার কর্মসকল;
যুগপর্যায়ের রাজা,
ন্যায়সংগত ও সত্য তোমার যত পথ।
4 হে প্রভু, কে না তোমাকে ভয় করবে
ও তোমার নামের মহিমা করবে?
কারণ কেবলমাত্র তুমিই পবিত্র।
সর্বজাতি এসে তোমার সামনে উপাসনা করবে,
কারণ তোমার ধর্মময় ক্রিয়াকলাপ প্রকাশিত হয়েছে।”
-
21 কিন্তু সব লোকজনের মধ্যে থেকে যোগ্য লোকদের মনোনীত করো—যারা ঈশ্বরকে ভয় করে, বিশ্বস্ত এমন সব লোক যারা অসাধু মুনাফা ঘৃণা করে—এবং কয়েক হাজার, কয়েকশো, পঞ্চাশ-পঞ্চাশ ও দশ-দশ জনের উপর তাদের কর্মকর্তারূপে নিযুক্ত করো।
-
5 হে সদাপ্রভু, আকাশমণ্ডল তোমার আশ্চর্য কাজের প্রশংসা করে,
পবিত্রজনদের সমাবেশে তোমার বিশ্বস্ততার প্রশংসা করে।
6 কারণ, হে সদাপ্রভু, আকাশের কার সঙ্গে তোমার তুলনা হয়?
স্বর্গীয় সব সত্তার মধ্যে কে সদাপ্রভুর তুল্য?
7 পবিত্রজনদের পরিষদে সব তাঁকে সম্ভ্রম করে;
যারা তাঁকে চারিদিকে ঘিরে রেখেছে তিনি তাদের থেকেও ভয়াবহ।
8 হে সদাপ্রভু, সর্বশক্তিমান ঈশ্বর, কে তোমার মতো?
তুমি, হে সদাপ্রভু, শক্তিশালী, তোমার বিশ্বস্ততা তোমাকে ঘিরে রেখেছে।
-
1 কৈসরিয়াতে কর্ণীলিয় নামে এক ব্যক্তি ছিলেন, তিনি ইতালীয় সৈন্যবাহিনী নামে পরিচিত এক সৈন্যদলের শত-সেনাপতি ছিলেন। 2 তিনি ও তাঁর পরিবারের সকলে ভক্তিপরায়ণ ও ঈশ্বরভয়শীল ছিলেন। তিনি অভাবী লোকদের উদার হাতে দান করতেন এবং নিয়মিতভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। 3 একদিন বিকালে, প্রায় তিনটের সময়, তিনি এক দর্শন লাভ করলেন। তিনি ঈশ্বরের এক দূতকে স্পষ্ট দেখতে পেলেন। তিনি তাঁর কাছে এসে বললেন, “কর্ণীলিয়!”
4 কর্ণীলিয় সভয়ে তাঁর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তিনি জিজ্ঞাসা করলেন, “প্রভু, কী হয়েছে?”
দূত উত্তর দিলেন, “তোমার সব প্রার্থনা ও দরিদ্রদের প্রতি সব দান, স্মরণীয় নৈবেদ্যরূপে ঈশ্বরের কাছে উপস্থিত হয়েছে। 5 এখন জোপ্পায় লোক পাঠিয়ে শিমোন নামে এক ব্যক্তিকে নিয়ে এসো, যাকে পিতর বলে ডাকা হয়। 6 সে শিমোন নামে এক চর্মকারের বাড়িতে আছে, যার বাড়ি সমুদ্রের তীরে অবস্থিত।”
7 তাঁর সঙ্গে যিনি কথা বলছিলেন, সেই দূত চলে যাওয়ার পর, কর্ণীলিয় তাঁর দুজন দাস ও একজন অনুগত সৈন্যকে ডেকে পাঠালেন, যে ছিল তাঁর ব্যক্তিগত পরিচারক। 8 তিনি তাদের কাছে সব ঘটনার কথা বলে তাদের জোপ্পায় পাঠিয়ে দিলেন।
-
34 তখন পিতর কথা বলা শুরু করলেন: “এখন আমি বুঝতে পারছি যে, একথা কেমন সত্যি যে ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না, 35 কিন্তু যারাই তাঁকে ভয় করে ও ন্যায়সংগত আচরণ করে, সেইসব জাতির মানুষকে তিনি গ্রহণ করেন।
-
5 আর উৎসাহ প্রদানকারী সেই বাণী তোমরা ভুলে গিয়েছ, যা তোমাদের পুত্র বলে সম্বোধন করে:
“পুত্র আমার,
তুমি প্রভুর শাসন তুচ্ছ মনে কোরো না,
তিনি তিরস্কার করলে নিরুৎসাহ হোয়ো না।
6 কারণ প্রভু যাদের প্রেম করেন,
তাদের শাসনও করেন,
যাকে পুত্ররূপে গ্রহণ করেন,
তাকে শাস্তি প্রদানও করেন।”
7 কষ্ট-দুর্দশাকে শাসন বলে সহ্য করো; ঈশ্বর তোমাদের সঙ্গে সন্তানের মতো আচরণ করেন। কারণ এমন পুত্র কেউ আছে, যাকে পিতা শাসন করেন না? 8 যদি তোমাদের শাসন করা না হয়, আর প্রত্যেক ব্যক্তিকেই শাসনের মধ্যে দিয়ে যেতে হয়, তাহলে তোমরা অবৈধ সন্তান, প্রকৃত পুত্রকন্যা নও। 9 এছাড়া, পৃথিবীতে আমাদের প্রত্যেকেরই বাবা আছেন, যাঁরা আমাদের শাসন করেছেন এবং সেজন্য আমরা তাঁদের শ্রদ্ধাও করি। তাহলে যিনি আমাদের আত্মাসকলের পিতা, তাঁর কাছে আমরা কত না আত্মসমর্পণ করব ও বেঁচে থাকব? 10 তাঁরা যেমন ভালো মনে করেছেন, তেমনই অল্পকালের জন্য আমাদের শাসন করেছেন। কিন্তু ঈশ্বর আমাদের মঙ্গলের জন্য শাসন করেন, যেন আমরা তাঁর পবিত্রতার অংশীদার হতে পারি। 11 কোনো শাসনই তাৎক্ষণিক আনন্দদায়ক মনে হয় না, বরং যন্ত্রণাদায়ক মনে হয়। যাই হোক, পরবর্তীকালে, যারা এর মধ্য দিয়ে শিক্ষা লাভ করেছে, তা তাদের জন্য ধার্মিকতার ও শান্তির ফসল উৎপন্ন করে।
-
17 যেহেতু তোমরা এমন পিতার নামে আহ্বান করো, যিনি সব মানুষের কাজ নিরপেক্ষভাবে বিচার করেন, তাই তোমরা সম্ভ্রমপূর্ণ ভয়ে প্রবাসীর মতো এখানে নিজেদের জীবনযাপন করো। 18 কারণ তোমরা জানো যে, তোমাদের পিতৃপুরুষদের কাছ থেকে পাওয়া অলীক আচার-ব্যবহার থেকে, রুপো বা সোনার মতো ক্ষয়িষ্ণু বস্তুর বিনিময়ে তোমরা মুক্তি পাওনি, 19 কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক, অর্থাৎ খ্রীষ্টের বহুমূল্য রক্তের দ্বারা মুক্তি পেয়েছ। 20 জগৎ সৃষ্টির আগে থেকে ঈশ্বর তাঁকে মনোনীত করেছিলেন, কিন্তু তোমাদের কারণে এই শেষ সময়ে তিনি প্রকাশিত হয়েছেন। 21 তাঁরই মাধ্যমে তোমরা ঈশ্বরকে বিশ্বাস করেছ, যিনি তাঁকে মৃতলোক থেকে উত্থাপিত করে মহিমান্বিত করেছেন। সেই কারণে, তোমাদের বিশ্বাস ও প্রত্যাশা ঈশ্বরের উপরে রয়েছে।
-
1 তোমাদের শিক্ষা দেওয়ার জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভু আমাকে এই আজ্ঞা, অনুশাসন ও বিধান দিয়েছেন যেন জর্ডন নদী পার হয়ে তোমরা যে দেশ অধিকার করতে যাচ্ছ সেখানে তোমরা তা পালন করে চলো, 2 যেন তোমরা, তোমাদের সন্তানেরা ও তাদের পরে তাদের সন্তানেরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করে, আমি যে সকল বিধান ও আদেশ দিচ্ছি সেগুলি পালন করো যেন তোমরা বহুকাল বেঁচে জীবন উপভোগ করো।
-
1 সদাপ্রভু এই কথা বলেন,
“স্বর্গ আমার সিংহাসন,
আর পৃথিবী আমার পা রাখার স্থান।
আমার জন্য তোমরা কোথায় বাসগৃহ নির্মাণ করবে?
আমার বিশ্রামস্থানই বা হবে কোথায়?
2 আমার হস্তই কি এই সমস্ত নির্মাণ করেনি,
সেকারণেই তো এগুলি অস্তিত্বপ্রাপ্ত হয়েছে?”
সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।
“এই ধরনের মানুষকে আমি মূল্যবান জ্ঞান করব,
যে নতনম্র ও চূর্ণ আত্মা বিশিষ্ট,
যে আমার বাক্যে কম্পিত হয়।
-
18 তৃতীয় দিনে, যোষেফ তাঁদের বললেন “এরকম করো ও তোমরা বেঁচে যাবে, কারণ আমি ঈশ্বরকে ভয় করি:
-
4 তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথামতো তোমাদের চলতে হবে এবং তাঁকে গভীর শ্রদ্ধা করতে হবে। তাঁর আজ্ঞা পালন করবে ও তাঁর বাধ্য হবে; তাঁর সেবা করবে এবং তাঁকে আঁকড়ে ধরবে।
-
1 ঊষ দেশে একজন লোক বসবাস করতেন, যাঁর নাম ইয়োব। তিনি ছিলেন অনিন্দনীয় ও ন্যায়পরায়ণ; তিনি ঈশ্বরকে ভয় করতেন এবং কুকর্ম এড়িয়ে চলতেন।
-
19 যারা তোমাকে সম্ভ্রম করে
আর যারা তোমার শরণাগত
তাদের প্রতি তোমার সঞ্চিত কল্যাণ কত মহৎ,
যা তুমি সকলের সাক্ষাতে তাদের উপর প্রদান করো।
20 মানুষের সব চক্রান্ত থেকে
তুমি তোমার সান্নিধ্যের ছায়ায় তাদের লুকিয়ে রাখো;
অভিযোগের জিভ থেকে
তুমি তোমার আবাসে তাদের নিরাপদে রাখো।
-
25 মানুষের ভয় ফাঁদ হয়ে দাঁড়ায়,
কিন্তু যে সদাপ্রভুতে নির্ভর করে সে নিরাপদ থাকে।
-
19 মানুষেরা সেদিন পালিয়ে পাহাড়ের গুহাগুলিতে
ও মাটির গর্তগুলিতে গিয়ে লুকাবে,
সদাপ্রভুর ভয়ংকরতা থেকে
এবং তাঁর রাজকীয় প্রতাপের শৌর্য থেকে,
যখন তিনি পৃথিবীকে কম্পান্বিত করার জন্য উঠে দাঁড়াবেন।
20 সেদিন লোকেরা,
ইঁদুর ও বাদুড়ের কাছে ফেলে দেবে,
তাদের রুপোর ও সোনার প্রতিমাগুলি
যেগুলি তারা পুজো করার জন্য নির্মাণ করেছিল।
21 তারা পাহাড়-পর্বতের গুহাগুলিতে
ও ঝুলে থাকা পাহাড়ের খাঁজে খাঁজে গিয়ে লুকাবে,
সদাপ্রভুর ভয়ংকরতা থেকে
এবং তাঁর রাজকীয় প্রতাপের শৌর্য থেকে,
যখন তিনি পৃথিবীকে কম্পান্বিত করার জন্য উঠে দাঁড়াবেন।
-
17 কিন্তু ইস্রায়েলীদের মধ্য থেকে কতগুলি শাখাপ্রশাখা ভেঙে ফেলা হয়েছে। আর অইহুদি তোমরা বন্য জলপাই গাছের শাখা না হলেও তাদের মধ্যে তোমাদের কলমরূপে লাগানো হয়েছে; তাই এখন তোমরা জলপাই গাছের মূলের পুষ্টিকর রসের অংশীদার হয়েছ। 18 সুতরাং, কেটে ফেলা শাখাপ্রশাখার বিরুদ্ধে গর্ব কোরো না। যদি তুমি করো, এ বিষয়ে বিবেচনা কোরো: তুমি মূলকে ধরে রাখোনি, বরং মূল-ই তোমাকে ধরে রেখেছে। 19 তুমি হয়তো বলবে, “সেইসব শাখাপ্রশাখাকে ভেঙে ফেলা হয়েছিল, যেন আমাকে কলমরূপে লাগানো হয়।” 20 ভালোই বলেছ! তুমি বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আছ, কিন্তু অবিশ্বাসের কারণে তাদের ভেঙে ফেলা হয়েছিল। তাই, উদ্ধত হোয়ো না, বরং ভীত হও। 21 কারণ ঈশ্বর যদি প্রকৃত শাখাপ্রশাখাকে রেহাই না দিয়ে থাকেন, তিনি তোমাকেও রেহাই দেবেন না!
22 সেই কারণে, ঈশ্বরের সদয়তা ও কঠোরতা, উভয়ই বিবেচনা করো: যারা পতিত হয়, তাদের প্রতি তিনি কঠোর, কিন্তু তোমার প্রতি সদয়, যদি তুমি তাঁর সদয়তার শরণাপন্ন থাকো। নতুবা, তোমাকেও কেটে ফেলা হবে। 23 আবার, তারা যদি অবিশ্বাস ত্যাগ করে বিশ্বাসী হয় তাহলে তাদেরও কলমরূপে লাগানো হবে, কারণ ঈশ্বর পুনরায় তাদের কলমরূপে জুড়ে দিতে সমর্থ। 24 সর্বোপরি, তোমাকে যদি কোনো বন্য জলপাই গাছ থেকে কেটে অস্বাভাবিকভাবে আসল গাছের সঙ্গে জুড়ে দেওয়া হয়, তাহলে আরও কত না অনায়াসে গাছের আসল শাখাগুলিকে তাদের নিজস্ব জলপাই গাছের সঙ্গে জুড়ে দেওয়া যাবে!
-
22 ক্রীতদাসেরা, তোমরা সব বিষয়ে জগতের মনিবদের আজ্ঞা পালন করো; তাদের অনুগ্রহ লাভের জন্য বা তারা যখন তোমাদের প্রতি লক্ষ্য রাখে, তখনই শুধু নয়, কিন্তু অকপট হৃদয়ে প্রভুর প্রতি সম্ভ্রমবশত তা করো।
-
19 তুমি তো বিশ্বাস করো যে, ঈশ্বর এক। ভালো, এমনকি, ভূতেরাও তা বিশ্বাস করে ও ভয়ে কাঁপে।
-
13 তোমরা যদি সৎকর্ম করতে আগ্রহী হও, কে তোমাদের ক্ষতি করবে? 14 কিন্তু ন্যায়সংগত কাজের জন্য যদি তোমরা কষ্টও ভোগ করো, তাহলে তোমরা ধন্য। “তাদের ভীতি প্রদর্শনে তোমরা ভয় পেয়ো না, তোমরা বিচলিত হোয়ো না।” 15 কিন্তু তোমাদের হৃদয়ের মধ্যে খ্রীষ্টকেই প্রভু বলে মান্য করো। তোমাদের অন্তরের প্রত্যাশার কারণ সম্পর্কে কেউ জানতে চাইলে, তাকে উত্তর দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থেকো। কিন্তু তা কোমলতা ও শ্রদ্ধার সঙ্গে কোরো, 16 বিবেককে স্বচ্ছ রেখো, যেন তোমাদের খ্রীষ্টীয় সদাচরণ দেখে যারা বিদ্বেষপূর্ণভাবে তোমাদের বিরুদ্ধে কথা বলে, তারা তাদের কটূক্তির জন্য লজ্জিত হয়। 17 যদি ঈশ্বরের ইচ্ছা হয়, তবে দুষ্কর্ম করে দুঃখকষ্ট ভোগ করার চেয়ে বরং সৎকর্ম করে কষ্টভোগ করা শ্রেয়।
-
14 “ ‘বধিরকে অভিশাপ দিয়ো না, অথবা অন্ধজনের সামনে বাধা রেখো না; কিন্তু তোমাদের ঈশ্বরকে ভয় কোরো। আমি সদাপ্রভু।
-
29 আহা, সবসময় আমাকে ভয় করতে ও আমার আজ্ঞা পালন করতে যদি তাদের এরকম মনের ইচ্ছা থাকে, তাহলে তাদের ও তাদের সন্তানদের চিরকাল মঙ্গল হবে!
-
20 তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করবে এবং তাঁর সেবা করবে। তাঁকেই আঁকড়ে ধরে থাকবে এবং তাঁর নামেই শপথ করবে। 21 তিনিই সেই জন যাঁর তোমরা প্রশংসা করবে; তিনি তোমাদের ঈশ্বর, যিনি তোমাদের জন্য সেই মহান ও ভয়ংকর কাজ করেছিলেন যেগুলি তোমরা নিজের চোখে দেখেছ।
-
সংগীত পরিচালকের জন্য। সদাপ্রভুর দাস দাউদের গীত।
1 দুষ্টদের অপরাধ সম্পর্কে
আমার হৃদয়ে এক প্রত্যাদেশ আছে:
তাদের চোখে
ঈশ্বরভয় নেই।
2 তারা নিজেদের দৃষ্টিতে নিজেদের তোষামোদ করে,
ভাবে যে তাদের অপরাধ ধরা পড়বে না বা নিন্দিত হবে না।
3 তাদের মুখের কথা দুষ্টতা ও ছলনায় ভরা,
তারা জ্ঞান ও সদাচরণ ত্যাগ করেছে।
4 এমনকি তাদের বিছানায় শুয়েও তারা মন্দ পরিকল্পনা করে,
অসৎ পথে তারা নিজেদের চালনা করে
এবং যা মন্দ তা পরিত্যাগ করে না।
-
30 লাবণ্য বিভ্রান্তিকর, ও সৌন্দর্য অস্থায়ী;
কিন্তু যে নারী সদাপ্রভুকে ভয় করেন তাঁরই প্রশংসা করতে হবে।
-
14 আমি জানি ঈশ্বর যা কিছু করেন তা চিরকাল থাকে; কিছুই তার সঙ্গে যোগ করা যায় না কিংবা তার থেকে নেওয়া যায় না। ঈশ্বর তা করেন যেন মানুষ তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে।
-
10 তোমরা পাথরের ফাটলে যাও, মাটিতে লুকাও
সদাপ্রভুর ভয়ংকরতা থেকে ও
তাঁর মহিমার ঔজ্জ্বল্য থেকে!
-
1 যে বছরে রাজা উষিয় মারা যান, আমি প্রভুকে এক উচ্চ ও উন্নত সিংহাসনে বসে থাকতে দেখলাম। তাঁর রাজপোশাকের প্রান্তভাগে মন্দির পরিপূর্ণ ছিল। 2 তাঁর নিকটে উপস্থিত ছিলেন ছয় ডানাবিশিষ্ট সরাফেরা। দুটি ডানা দিয়ে তারা মুখ ঢেকেছিলেন, দুটি ডানা দিয়ে তারা তাদের পা ঢেকেছিলেন এবং দুটি ডানা দিয়ে তারা উড়ছিলেন। 3 আর তারা পরস্পরকে ডেকে বলছিলেন,
“পবিত্র, পবিত্র, পবিত্র, সর্বশক্তিমান সদাপ্রভু,
সমস্ত পৃথিবী তাঁর মহিমায় পরিপূর্ণ।”
4 তাদের কণ্ঠস্বরের শব্দে দরজার চৌকাঠগুলি কেঁপে উঠল এবং মন্দির ধোঁয়ায় পূর্ণ হল।
5 আমি চিৎকার করে উঠলাম, “ধিক্ আমাকে! আমি শেষ হয়ে গেলাম! আমি অশুচি ওষ্ঠাধরবিশিষ্ট মানুষ। আর আমার দুই চোখ মহারাজকে, সর্বশক্তিমান সদাপ্রভুকে দেখেছে।”
-
40 কিন্তু অপর দুষ্কৃতী তাকে তিরস্কার করে বলল, “তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? তুমিও তো সেই একই দণ্ডভোগ করছ।
-
5 তখন সিংহাসন থেকে এক কণ্ঠস্বর শোনা গেল,
“ঈশ্বরের দাসেরা,
তোমরা যারা ঈশ্বরকে ভয় করো,
সামান্য কি মহান তোমরা সকলে
আমাদের ঈশ্বরের স্তবগান করো।”
6 তারপর আমি এক বিপুল জনসমষ্টির রব, প্রবহমান মহা জলস্রোত ও প্রবল বজ্রপাতের মতো ধ্বনি শুনতে পেলাম। সেই ধ্বনিতে ঘোষণা করা হচ্ছিল:
“হাল্লেলুইয়া!
কারণ আমাদের সর্বশক্তিমান, প্রভু ঈশ্বর, রাজত্ব করছেন।
7 এসো আমরা উল্লসিত হই, আনন্দ করি
এবং তাঁকে মহিমা প্রদান করি!
কারণ মেষশাবকের বিবাহ-লগ্ন উপস্থিত
এবং তাঁর কনে নিজেকে প্রস্তুত করেছে।
8 উজ্জ্বল ও পরিষ্কার, মিহি মসিনার পোশাক
সজ্জিত হতে তাকে দেওয়া হয়েছিল।”
(মিহি মসিনার পোশাক পবিত্রগণের ধর্মাচরণের প্রতীক।)
9 তখন সেই স্বর্গদূত আমাকে বললেন, “তুমি লেখো, ‘ধন্য তারা, যারা মেষশাবকের বিবাহভোজে আমন্ত্রিত।’ ” তিনি আরও যোগ করলেন, “এগুলি প্রকৃতই ঈশ্বরের বাক্য।”
-
17 সেই ধাত্রীরা অবশ্য ঈশ্বরকে ভয় করত ও মিশরের রাজা তাদের যা করতে বললেন, তারা তা করল না; তারা শিশুপুত্রদের বাঁচিয়ে রাখল।
-
18 সে যখন নিজের সিংহাসনে বসবে তখন সে যেন নিজের জন্য গোটানো পুঁথিতে এই বিধানের কথাগুলি লিখে রাখে, যেটি লেবীয় যাজকদের বিধানের অনুলিপি। 19 সেটি তার কাছে থাকবে, এবং সারা জীবন তাকে সেটি পড়তে হবে যাতে সে তার ঈশ্বর সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করতে শেখে এবং এই বিধানের সমস্ত কথা ও অনুশাসনের কথাগুলি মেনে চলে 20 এবং নিজেকে অন্যান্য ইস্রায়েলী ভাইদের থেকে ভালো মনে না করে আর সেই বিধানের ডানদিকে বা বাঁদিকে সরে না যায়। তাহলে সে এবং তার বংশধরেরা ইস্রায়েলের উপরে বহুদিন রাজত্ব করতে পারবে।
-
14 “এখন তোমরা সদাপ্রভুকে ভয় করো এবং সম্পূর্ণ বিশ্বস্ততার সঙ্গে তাঁর সেবা করো। ইউফ্রেটিস নদীর ওপারে এবং মিশরে তোমাদের পূর্বপুরুষেরা যেসব দেবদেবীর আরাধনা করতেন, সেগুলি তোমরা ছুঁড়ে ফেলে দাও ও সদাপ্রভুর সেবা করো। 15 কিন্তু যদি সদাপ্রভুর সেবা করতে তোমরা অনিচ্ছুক হও, তবে আজই তোমরা বেছে নাও কার সেবা করবে, তা সে ইউফ্রেটিস নদীর অপর পারে তোমাদের পূর্বপুরুষেরা যেসব দেবদেবীর সেবা করত তাদের, না সেই ইমোরীয়দের সব দেবদেবীর, যাদের দেশে তোমরা বসবাস করছ, তাদের। কিন্তু আমি ও আমার পরিজন, আমরা সকলে সদাপ্রভুর সেবা করব।”
-
14 যদি তোমরা সদাপ্রভুকে ভয় করো ও তাঁর বাধ্য হয়ে তাঁর সেবা করো এবং তাঁর আদেশগুলির বিরুদ্ধে যদি বিদ্রোহ না করো, তথা তোমরা ও তোমাদের উপর রাজত্বকারী রাজা, উভয়েই যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে অনুসরণ করো—তবে তো ভালোই! 15 কিন্তু তোমরা যদি সদাপ্রভুর বাধ্য না হও, ও তোমরা যদি তাঁর আদেশগুলির বিরুদ্ধে বিদ্রোহ করো, তবে তাঁর হাত তোমাদের বিরুদ্ধে উঠবে, যেভাবে তা তোমাদের পূর্বপুরুষদের বিরুদ্ধে উঠেছিল।
-
9 নিশ্চয়, যারা তাঁকে সম্ভ্রম করে তাঁর পরিত্রাণ তাদের নিকটবর্তী,
যেন তাঁর মহিমা আমাদের দেশে বাস করে।
-
19 তোমাদের দুষ্টতাই তোমাদের শাস্তি দেবে;
তোমাদের বিপথগামিতার জন্য তোমাদের তিরস্কার করবে।
তখন দেখবে ও উপলব্ধি করবে যে,
তোমাদের পক্ষে এটি কতখানি মন্দ ও তিক্ত বিষয়
যখন তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে পরিত্যাগ করো
এবং আমার প্রতি তোমাদের সম্ভ্রম থাকে না,”
প্রভু, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন।
-
22 সদাপ্রভু এই কথা বলেন,
“তোমরা কি আমাকে ভয় করবে না?
আমার সামনে তোমরা কি ভয়ে কাঁপবে না?
বালুকাবেলাকে আমি সমুদ্রের জন্য সীমারেখা তৈরি করেছি,
তা এক চিরকালীন সীমা, যা কখনও সে উল্লঙ্ঘন করতে পারে না।
তরঙ্গ আছড়ে পড়তে পারে, কিন্তু সফল হবে না,
তারা গর্জন করতে পারে, কিন্তু অতিক্রম করতে পারবে না।
23 কিন্তু এই লোকদের এক জেদি ও বিদ্রোহী হৃদয় আছে;
তারা পিছন ফিরে আমাকে ত্যাগ করে চলে গিয়েছে।
24 তারা মনে মনেও বলে না,
‘এসো, আমরা আমাদের ঈশ্বর, সদাপ্রভুকে ভয় করি,
যিনি যথাসময়ে আমাদের শরৎ ও বসন্তকালের বৃষ্টি দেন,
যিনি আমাদের ফসল কাটার জন্য নিয়মিত সময়ের আশ্বাস দেন।’
Shows Read in context, Share and Copy.