78 Bible Verses About Stars

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Stars
  1. 1 হেরোদ রাজার সময় যিহূদিয়া প্রদেশের বেথলেহেমে যীশুর জন্ম হলে পর, পূর্বদেশ থেকে কয়েকজন পণ্ডিত ব্যক্তি জেরুশালেমে এসে জিজ্ঞাসা করলেন, 2 “ইহুদিদের যে রাজা জন্মগ্রহণ করেছেন তিনি কোথায়? আমরা পূর্বদেশে তাঁর তারা দেখতে পেয়ে তাঁকে প্রণাম করতে এসেছি।”

    3 একথা শুনে রাজা হেরোদ সন্ত্রস্ত হয়ে উঠলেন ও তাঁর সঙ্গে সমস্ত জেরুশালেমের মানুষেরাও উদ্বিগ্ন হয়ে উঠল। 4 তিনি সমগ্র জনসাধারণের প্রধান যাজকবৃন্দ ও শাস্ত্রবিদদের একত্রে ডেকে তাঁদের কাছে জানতে চাইলেন, খ্রীষ্ট কোথায় জন্মগ্রহণ করবেন? 5 তাঁরা উত্তর দিলেন, “যিহূদিয়ার বেথলেহেমে, কারণ ভাববাদী এরকম লিখেছেন:

    6 “কিন্তু তুমি, যিহূদা দেশের বেথলেহেম,

    যিহূদার শাসকদের মধ্যে তুমি কোনো অংশে ক্ষুদ্র নও;

    কারণ তোমার মধ্য থেকেই আসবেন এক শাসক,

    যিনি হবেন আমার প্রজা ইস্রায়েলের পালক।”

    7 এরপর হেরোদ সেই পণ্ডিতদের গোপনে ডেকে, সেই তারাটি সঠিক কখন উদিত হয়েছিল, তা তাঁদের কাছ থেকে জেনে নিলেন। 8 তিনি তাঁদের এই বলে বেথলেহেমে পাঠিয়ে দিলেন, “যাও, গিয়ে সযত্নে শিশুটির অনুসন্ধান করো। তাঁর সন্ধান পাওয়া মাত্র আমাকে সংবাদ দিয়ো, যেন আমিও গিয়ে তাঁকে প্রণাম করতে পারি।”

    9 রাজার এই কথা শুনে তাঁরা তাঁদের পথে চলে গেলেন। আর তাঁরা যে তারাটিকে পূর্বদেশে দেখেছিলেন, সেটি তাঁদের আগে আগে চলতে লাগল এবং শিশুটি যেখানে ছিলেন, সেই স্থানের উপরে স্থির হয়ে রইল। 10 তারাটি দেখতে পেয়ে তাঁরা মহা আনন্দে উল্লসিত হলেন। 11 ঘরের মধ্যে প্রবেশ করে তাঁরা শিশুটিকে তাঁর মা মরিয়মের সঙ্গে দেখতে পেলেন। তাঁরা সকলে ভূমিষ্ঠ হয়ে শিশুটিকে প্রণাম করলেন ও তাঁর উপাসনা করলেন। তারপর তাঁরা তাদের রত্নপেটিকা খুলে তাঁকে সোনা, কুন্দুরু ও গন্ধরস উপহার দিলেন। 12 তাঁরা যেন হেরোদের কাছে ফিরে না যান, স্বপ্নে এই সতর্কবাণী পেয়ে তাঁরা অন্য এক পথ ধরে তাঁদের দেশে ফিরে গেলেন।

  2. 14 আর ঈশ্বর বললেন, “রাত থেকে দিনকে আলাদা করার জন্য আকাশের উন্মুক্ত এলাকায় জ্যোতি হোক, এবং বিভিন্ন ঋতু, দিন ও বছর চিহ্নিত করার জন্য এগুলি নিদর্শনরূপে কাজ করুক, 15 আর পৃথিবীতে আলো দেওয়ার জন্য এগুলি আকাশের উন্মুক্ত এলাকায় আলোর উৎস হয়ে যাক।” আর তা সেরকমই হল। 16 ঈশ্বর দুটি বড়ো জ্যোতি তৈরি করলেন—দিন নিয়ন্ত্রিত করার জন্য অপেক্ষাকৃত বড়ো জ্যোতি এবং রাত নিয়ন্ত্রিত করার জন্য অপেক্ষাকৃত ছোটো জ্যোতি। তিনি তারকামালাও তৈরি করলেন। 17 পৃথিবীতে আলো দেওয়ার জন্য ঈশ্বর সেগুলিকে আকাশের উন্মুক্ত এলাকায় বসিয়ে দিলেন, 18 যেন সেগুলি দিন ও রাতের উপরে প্রভুত্ব করতে পারে, এবং অন্ধকার থেকে আলোকে আলাদা করতে পারে। আর ঈশ্বর দেখলেন যে তা ভালো হয়েছে। 19 আর সন্ধ্যা হল এবং সকাল হল—এই হল চতুর্থ দিন।

  3. 7 তিনি সূর্যকে বারণ করেন ও তা দীপ্তি দেয় না;

    তিনি নক্ষত্রদের আলো নিভিয়ে দেন।

    8 তিনি একাই আকাশমণ্ডলের বিস্তার ঘটান,

    ও সমুদ্রের ঢেউগুলিকে পদদলিত করেন।

    9 তিনি সপ্তর্ষি ও কালপুরুষ,

    কৃত্তিকা ও দক্ষিণের নক্ষত্রপুঞ্জের নির্মাতা।

    10 তিনি এমন সব আশ্চর্য কাজ করেন যা অনুধাবন করা যায় না,

    এমন সব অলৌকিক কাজ করেন যা গুনে রাখা যায় না।

  4. 16 তাঁর ডান হাতে তিনি সাতটি তারা ধরে আছেন ও তাঁর মুখ দিয়ে বার হয়ে আসছে দুদিকে ধারবিশিষ্ট এক তরোয়াল। তাঁর মুখমণ্ডল পূর্ণ দীপ্তিতে উদ্ভাসিত সূর্যের মতো।

    17 তাঁকে দেখামাত্র আমি মৃত মানুষের মতো তাঁর চরণে পতিত হলাম। তখন তিনি তাঁর ডান হাত আমার উপরে রেখে বললেন, “ভয় পেয়ো না, আমিই আদি ও অন্ত। 18 আমিই সেই জীবিত সত্তা; আমার মৃত্যু হয়েছিল, আর দেখো, আমি যুগে যুগে চিরকাল জীবিত আছি! আর মৃত্যু ও পাতালের চাবি আছে আমারই হাতে।

    19 “অতএব, তুমি যা কিছু দেখলে, এখন যা কিছু ঘটছে ও পরে যেসব ঘটনা ঘটবে, তা লিখে ফেলো। 20 আমার ডান হাতে যে সাতটি তারা ও যে সাতটি সোনার দীপাধার তুমি দেখলে, তার গুপ্তরহস্য এই: ওই সাতটি তারা সেই সাতটি মণ্ডলীর দূত এবং সাতটি দীপাধার হল সেই সাতটি মণ্ডলী।

  5. 9 দেখো, সদাপ্রভুর দিন আসছে,

    এক নির্মম দিন, তা হবে ক্রোধ ও প্রচণ্ড রোষ সমন্বিত,

    যেন দেশ নির্জন পরিত্যক্ত হয়

    এবং এর মধ্যেকার পাপীদের ধ্বংস করে।

    10 আকাশের তারকারাজি ও তাদের নক্ষত্রপুঞ্জ

    আর তাদের দীপ্তি দেবে না।

    উদীয়মান সূর্য হবে অন্ধকারময়,

    আর চাঁদ তার জ্যোৎস্না দেবে না।

  6. 2 হে তাঁর সমস্ত স্বর্গদূত, তাঁর প্রশংসা করো;

    হে তাঁর সমস্ত স্বর্গীয় বাহিনী, তাঁর প্রশংসা করো।

    3 হে সূর্য ও চন্দ্র, তাঁর প্রশংসা করো;

    হে উজ্জ্বল সব তারা, তাঁর প্রশংসা করো।

    4 হে ঊর্ধ্বতম স্বর্গলোক, তাঁর প্রশংসা করো

    হে আকাশের ঊর্ধ্বস্থিত জলরাশি, তোমরাও করো।

    5 সব সৃষ্টবস্তু সদাপ্রভুর নামের প্রশংসা করুক,

    কারণ তিনি আদেশ করেছিলেন, আর সেসব সৃষ্টি হয়েছিল,

    6 এবং তিনি তাদের চিরকালের জন্য স্থাপন করেছেন,

    তিনি এক বিধি দিয়েছেন, যা কখনও লুপ্ত হবে না।

  7. 3 তিনি ভগ্নচিত্তদের সুস্থ করেন,

    এবং তাদের সব ক্ষতস্থান তিনি বেঁধে দেন।

    4 আকাশের তারাদের সংখ্যা তিনি নির্ণয় করেন,

    এবং তাদের প্রত্যেককে তিনি নাম ধরে ডাকেন।

    5 মহান আমাদের প্রভু ও অতিশয় শক্তিমান,

    তার বোধশক্তির কোনও সীমা নেই।

  8. 3 যখন আমি তোমার আকাশমণ্ডল পর্যবেক্ষণ করি,

    তোমার হাতের কাজ,

    চাঁদ ও তারার দিকে দেখি

    যা তুমি নিজস্ব স্থানে রেখেছ,

    4 মানবজাতি কি যে, তাদের কথা তুমি চিন্তা করো?

    মানুষ কি যে, তার তুমি যত্ন করো?

    5 তুমি তাদের স্বর্গদূতদের চেয়ে সামান্য ছোটো করেছ

    এবং তাদের গৌরব ও সম্মানের মুকুটে ভূষিত করেছ।

  9. 3 যারা জ্ঞানী তারা স্বর্গের উজ্জ্বলতার মতো জ্বলবে, ও যারা বহুজনকে ধার্মিকতার পথ দেখিয়েছে, তারা চিরকাল তারার মতো জ্বলবে।

  10. 17 “আমি তাঁকে দেখব, কিন্তু এখন নয়,

    আমি দর্শন করব, কিন্তু কাছ থেকে নয়;

    যাকোব থেকে উদিত হবেন এক তারকা,

    ইস্রায়েল থেকে এক রাজদণ্ডের উত্থান হবে।

    তিনি মোয়াবের কপালগুলি

    ও শেথের সমস্ত সন্তানের খুলিগুলি চূর্ণ করবেন।

  11. 6 যিনি জলধির উপরে পৃথিবী বিস্তার করেছেন,

    তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

    7 যিনি বড়ো বড়ো জ্যোতি সৃষ্টি করেছেন—

    তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

    8 দিনের উপর শাসন করতে সূর্য,

    তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

    9 রাত্রির উপর শাসন করতে চাঁদ ও তারকামালা;

    তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

  12. 1 পরে, এক দর্শনের মাধ্যমে সদাপ্রভুর বাক্য অব্রামের কাছে এল:

    “অব্রাম, ভয় কোরো না।

    আমি তোমার ঢাল,

    তোমার মহা পুরস্কার।”

    2 কিন্তু অব্রাম বললেন, “হে সার্বভৌম সদাপ্রভু, তুমি আর আমাকে কী দেবে? আমি যে নিঃসন্তান ও দামাস্কাসের ইলীয়েষরই যে আমার ভূসম্পত্তির উত্তরাধিকারী হবে।” 3 আর অব্রাম বললেন, “তুমি তো আমাকে কোনও সন্তান দাওনি; তাই আমার ঘরের এক দাসই আমার উত্তরাধিকারী হবে।”

    4 তখন তাঁর কাছে সদাপ্রভুর এই বাক্য এল: “এই লোকটি তোমার উত্তরাধিকারী হবে না, কিন্তু যে ছেলে তোমার নিজের রক্তমাংস, সেই হবে তোমার উত্তরাধিকারী।” 5 তিনি অব্রামকে বাইরে নিয়ে গিয়ে বললেন, “আকাশের দিকে তাকিয়ে দেখো ও যদি সম্ভব হয় তবে তারাগুলি গোনো।” পরে তিনি তাঁকে বললেন, “তোমার সন্তানসন্ততিরা এরকমই হবে।”

    6 অব্রাম সদাপ্রভুকে বিশ্বাস করলেন, এবং তিনি তা অব্রামের পক্ষে ধার্মিকতা বলে গণ্য করলেন।

  13. 16 “আমি যীশু, মণ্ডলীগুলির কাছে এই সাক্ষ্য দিতে আমি আমার দূতকে তোমাদের কাছে পাঠিয়েছি। আমিই দাউদের মূল ও বংশধর, উজ্জ্বল প্রভাতী-তারা!”

  14. 8 যিনি কৃত্তিকা ও কালপুরুষ নক্ষত্রমণ্ডলী নির্মাণ করেছেন,

    যিনি মধ্য রাত্রিকে প্রভাতে পরিণত করেন

    ও দিনকে রাতের মতো অন্ধকারময় করেন,

    যিনি সমুদ্রের জলরাশিকে আহ্বান করেন

    ও ভূপৃষ্ঠের উপরে তাদের ঢেলে দেন—

    সদাপ্রভু তাঁর নাম।

    9 তিনি দৃঢ় দুর্গের উপরে দ্রুত সর্বনাশ নামিয়ে আনেন

    ও সুরক্ষিত নগরীকে ধ্বংস করে থাকেন,

  15. 39 সব মাংসই এক প্রকারের নয়: মানুষের এক প্রকার মাংস আছে, পশুদের অন্য প্রকার; পাখিদের এক প্রকার এবং মাছের আর এক প্রকার; 40 এছাড়াও আছে স্বর্গীয় দেহ এবং আছে পার্থিব দেহ; কিন্তু স্বর্গীয় দেহগুলির ঔজ্জ্বল্য এক প্রকার, পার্থিব দেহগুলির অন্য প্রকার। 41 সূর্যের আছে এক ধরনের ঔজ্জ্বল্য, চাঁদের আর এক ধরনের ও তারার আর এক ধরনের; আর ঔজ্জ্বল্যের দিক দিয়ে এক তারা অন্য তারার থেকে ভিন্ন।

  16. 10 তৃতীয় স্বর্গদূত তাঁর তূরী বাজালেন, আর মশালের মতো জ্বলন্ত এক বৃহৎ তারা আকাশ থেকে এক-তৃতীয়াংশ নদনদীর ও জলের সমস্ত উৎসের উপরে পতিত হল। 11 এই তারাটির নাম সোমরাজ। এতে এক-তৃতীয়াংশ জল তেতো হয়ে গেল এবং সেই তেতো জলের কারণে বহু মানুষের মৃত্যু হল।

    12 চতুর্থ স্বর্গদূত তাঁর তূরী বাজালেন। এতে সূর্যের এক-তৃতীয়াংশ, চাঁদের এক-তৃতীয়াংশ ও তারাগণের এক-তৃতীয়াংশ আঘাতপ্রাপ্ত হল, এভাবে তাদের প্রত্যেকের এক-তৃতীয়াংশ অন্ধকারময় হল। ফলে দিনের এক-তৃতীয়াংশ ও রাতের এক-তৃতীয়াংশ আলোকশূন্য হল।

  17. 15 যেদিন সদাপ্রভু হোরেবে আগুনের মধ্য থেকে তোমাদের সঙ্গে কথা বলেছিলেন সেইদিন তোমরা তাঁর কোনও চেহারা দেখোনি। সুতরাং তোমরা নিজেদের উপর দৃষ্টি রেখো, 16 যেন তোমরা কুপথে গিয়ে নিজেদের জন্য কোনো আকারের প্রতিমা তৈরি না করো, তা পুরুষের বা স্ত্রীলোকেরই হোক, 17 কিংবা মাটির উপরের কোনো জন্তুর বা আকাশে উড়ে বেড়ানোর কোনো পাখিরই হোক, 18 কিংবা বুকে হাঁটা কোনো প্রাণীর বা জলের নিচের কোনো মাছেরই হোক। 19 আর যখন তোমরা আকাশের দিকে তাকাবে এবং সূর্য, চাঁদ ও তারাদের—আকাশের সমস্ত বিন্যাস—দেখে ভ্রান্ত হয়ে তাদের প্রতি নত হোয়ো না এবং আরাধনা কোরো না কারণ এগুলি তোমাদের ঈশ্বর সদাপ্রভু আকাশের নিচে সমস্ত জাতিকে দিয়েছেন। 20 কিন্তু তোমার জন্য, সদাপ্রভু তোমাদের গ্রহণ করে লোহা গলানো হাপর থেকে বের করেছেন, মিশর থেকে তোমাদের বের করে এনেছেন যেন তোমরা তাঁরই উত্তরাধিকারের লোক হতে পারো, যেমন তোমরা এখন আছ।

  18. 1 তারপর স্বর্গে এক বিশাল ও বিস্ময়কর চিহ্ন দেখা গেল, এক নারী, সূর্য তার পোশাক, চাঁদ তার পায়ের নিচে এবং তার মাথায় বারোটি তারাখচিত এক মুকুট। 2 সে ছিল সন্তান-সম্ভবা এবং প্রসব যন্ত্রণায় কাতর হয়ে সে আর্তনাদ করছিল। 3 এরপর মহাকাশে আর একটি চিহ্ন দেখা দিল; এক অতিকায় লাল দানব, তার ছিল সাতটি মাথা ও দশটি শিং এবং তার মাথাগুলিতে ছিল সাতটি মুকুট। 4 তার লেজ আকাশের এক-তৃতীয়াংশ তারাকে টেনে পৃথিবীতে নিক্ষেপ করল। সেই দানব, সন্তান প্রসব করতে উদ্যত সেই নারীর সামনে এসে দাঁড়াল, যেন জন্ম হওয়ামাত্র সে তার শিশুকে গ্রাস করতে পারে।

  19. 42 কিন্তু ঈশ্বর বিমুখ হলেন এবং আকাশের সূর্য, চাঁদ ও আকাশের তারা উপাসনা করার জন্য তাদের সমর্পণ করলেন। ভাববাদীদের গ্রন্থে যা লেখা আছে, এ তারই সঙ্গে সহমত পোষণ করে:

    “ ‘হে ইস্রায়েলের কুল, তোমরা কি মরুভূমিতে চল্লিশ বছর,

    আমার কাছে বিভিন্ন বলিদান ও নৈবেদ্য নিয়ে এসেছিলে?

    43 তোমরা তুলে ধরেছিলে মোলকের সেই সমাগম তাঁবু

    ও তোমাদের দেবতা রিফনের প্রতীক, তারকা—

    যে দুই মূর্তি তোমরা উপাসনার জন্য নির্মাণ করেছিলে।

    আমি তাই তোমাদের ব্যাবিলনের সীমানার ওপারে নির্বাসনে পাঠাব।’

  20. 26 যে বিজয়ী হয় ও শেষ পর্যন্ত আমার ইচ্ছা পালন করে, তাকে আমি জাতিবৃন্দের উপরে কর্তৃত্ব করতে দেব— 27 তার ফলে ‘সে লোহার দণ্ডের দ্বারা তাদের শাসন করবে; মাটির পাত্রের মতো সে তাদের খণ্ডবিখণ্ড করবে’—ঠিক যে ধরনের কর্তৃত্ব আমি পিতার কাছ থেকে লাভ করেছি। 28 এছাড়াও আমি তাকে দেব প্রভাতি তারা।

  21. 31 “তুমি কি কৃত্তিকার হার গাঁথতে পারো?

    তুমি কি কালপুরুষের বাঁধন আলগা করতে পারো?

    32 তুমি কি নক্ষত্রপুঞ্জকে তাদের নিজস্ব ঋতুতে চালাতে পার

    বা শাবকসুদ্ধ ভালুককে তার পথ দেখাতে পারো?

    33 তুমি কি আকাশমণ্ডলের বিধান জানো?

    তুমি কি পৃথিবীতে ঈশ্বরের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে পারো?

  22. 26 তোমরা চোখ তুলে আকাশমণ্ডলের দিকে তাকাও:

    এগুলি কে সৃষ্টি করেছে?

    তিনি তারকারাজিকে এক এক করে বের করে আনেন

    এবং তাদের প্রত্যেকটির নাম ধরে ডাকেন।

    তাঁর মহাপরাক্রম ও প্রবল শক্তির কারণে

    তাদের একটিও হারিয়ে যায় না।

    27 ওহে যাকোব, তুমি কেন অভিযোগ করো?

    ওহে ইস্রায়েল, তুমি কেন বলো,

    “আমার পথ সদাপ্রভুর কাছ থেকে গুপ্ত;

    আমার অধিকার আমার ঈশ্বরের কাছে অবজ্ঞার বিষয়?”

    28 তুমি কি জানো না?

    তুমি কি কখনও শোনোনি?

    সদাপ্রভুই সনাতন ঈশ্বর,

    তিনি পৃথিবীর প্রান্তসীমার সৃষ্টিকর্তা।

    তিনি শ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না,

    তাঁর বুদ্ধির গভীরতা কেউ পরিমাপ করতে পারে না।

    29 তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন,

    দুর্বলের শক্তিবৃদ্ধি করেন।

  23. 25 “হে ইস্রায়েলের কুল, তোমরা কি মরুভূমিতে চল্লিশ বছর,

    আমার কাছে বিভিন্ন বলিদান ও নৈবেদ্য নিয়ে এসেছিলে?

    26 না, তোমরা বরং তোমাদের রাজা সিক্কুৎ ও কীয়ুন নামের প্রতিমাদের,

    তোমাদের দেবতাদের তারা—

    যা নিজেদের জন্য নির্মাণ করেছিলে,

    তাই তুলে বহন করেছিলে।

    27 তাই আমি তোমাদের দামাস্কাসের ওপারে নির্বাসিত করব,”

    বলেন সদাপ্রভু, যাঁর নাম সর্বশক্তিমান ঈশ্বর।

  24. প্রধান সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।

    1 আকাশমণ্ডল ঈশ্বরের মহিমা বর্ণনা করে;

    গগন তাঁর হাতের কাজ ঘোষণা করে।

    2 তারা দিনের পর দিন বার্তা প্রকাশ করে;

    তারা রাতের পর রাত জ্ঞান ব্যক্ত করে।

    3 তাদের কোনও বক্তব্য নেই, তারা কোনও শব্দ ব্যবহার করে না;

    তাদের থেকে কোনও শব্দ শোনা যায় না।

    4 অথচ তাদের কণ্ঠস্বর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে,

    তাদের বাক্য পৃথিবীর প্রান্তসীমায় পৌঁছায়।

    ঈশ্বর আকাশমণ্ডলে সূর্যের জন্য এক তাঁবু খাটিয়েছেন।

    5 সূর্য্য জ্যোতির্ময় বরের মতো বাসরঘর থেকে বেরিয়ে আসে;

    বিজয়ী বীরের মতো আনন্দে ছুটে চলে আপন পথে।

    6 আকাশের এক প্রান্তে সে উদিত হয়

    এবং অপর প্রান্তে পৌঁছে আবর্তন শেষ করে;

    তার উত্তাপ থেকে কোনও কিছুই বঞ্চিত হয় না।

  25. 12 ওহে প্রভাতি তারা, ঊষাকালের সন্তান,

    তুমি কেমন স্বর্গ থেকে পতিত হয়েছ!

    তুমি একদিন বিভিন্ন জাতিকে নিপাতিত করেছ,

    সেই তোমাকেই পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছে!

    13 তুমি মনে মনে বলেছিলে,

    “আমি স্বর্গে আরোহণ করব;

    ঈশ্বরের নক্ষত্রপুঞ্জেরও ঊর্ধ্বে,

    আমি আমার সিংহাসন তুলে ধরব;

    আমি সমাগম পর্বতে, উত্তর দিকের দূরতম প্রান্তে,

    আমার সিংহাসনে উপবিষ্ট হব।

  26. 13 তোমার পাওয়া যত পরামর্শ তোমাকে কেবলই বিধ্বস্ত করেছে!

    তোমার জ্যোতিষীরা সব এগিয়ে আসুক,

    ওইসব জ্যোতিষী, যারা মাসের পর মাস ধরে পূর্বঘোষণা করে যায়,

    তোমার প্রতি যা ঘটতে চলেছে, তা থেকে তারা তোমাকে রক্ষা করুক।

    14 তারা প্রকৃতই খড়কুটোর মতো,

    আগুন তাদের পুড়িয়ে ফেলবে।

    আগুনের শিখার ক্ষমতা থেকে

    তারা তো নিজেদেরও রক্ষা করতে পারে না।

    কাউকে উত্তপ্ত করার মতো এখানে কোনো অঙ্গার নেই;

    পাশে বসার মতো এখানে কোনো আগুন নেই।

    15 তারা তো সব থেকে বেশি এইমাত্র তোমার প্রতি করতে পারে,

    এগুলির জন্য তুমি পরিশ্রম করেছ,

    বাল্যকাল থেকে তুমি লেনদেন করেছ।

    তাদের প্রত্যেকেই নিজের নিজের ভ্রান্তপথে চলছে;

    এমন কেউ নেই, যে তোমাকে রক্ষা করতে পারে।

  27. 4 “আমি যখন পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছিলাম তুমি তখন কোথায় ছিলে?

    যদি বুঝেছো, তবে আমায় বলো।

    5 পৃথিবীর মাত্রা কে চিহ্নিত করল? তুমি নিশ্চয় তা জানো!

    তার উপরে কে সীমারেখা টানলো?

    6 কীসের উপরে তার অবস্থান খাড়া হল,

    বা কে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলো—

    7 যখন শুকতারারা একসাথে গেয়ে উঠল

    ও স্বর্গদূতেরা সবাই আনন্দে চিৎকার করে উঠল?

  28. 8 সেই একইভাবে, এসব লোকেরা—যারা তাদের স্বপ্ন থেকে অধিকার দাবি করে—নিজেদের শরীরকে কলুষিত করে, কর্তৃত্বকে অগ্রাহ্য করে ও দিব্যজনেদের নিন্দা করে। 9 এমনকি, প্রধান স্বর্গদূত মীখায়েল যখন মোশির মৃতদেহ নিয়ে দিয়াবলের সঙ্গে বাদ-প্রতিবাদ করেছিলেন তখনও তিনি তার বিরুদ্ধে কোনো নিন্দাসূচক অভিযোগ উত্থাপন করার সাহস দেখাননি, কিন্তু বলেছিলেন, “প্রভু তোমাকে তিরস্কার করুন!” 10 কিন্তু এই লোকেরা যা বোঝে না, সেইসব বিষয়ের তীব্র নিন্দা করে। বিবেচনাহীন পশুর মতো সহজাত প্রবৃত্তির বশে যা খুশি তারা তাই করে, আর সেভাবেই নিজেদের ধ্বংস ডেকে আনে।

    11 তাদেরকে ধিক্! তারা কয়িনের পথ বেছে নিয়েছে; তারা টাকার লোভে বিলিয়মের দেখানো ভুল পথে দ্রুত ছুটে চলেছে; তারা কোরহের মতো বিদ্রোহ করে ধ্বংস হয়েছে।

    12 এই লোকেরা তোমাদের সব প্রীতিভোজে কলঙ্ক নিয়ে আসে, তোমাদের সঙ্গে খাওয়াদাওয়া করার সময় এদের সামান্যতমও বিবেক-দংশন হয় না। এরা এমন পালক, যারা কেবলমাত্র নিজেদেরই পেটপূজা করে। এরা বাতাসে উড়ে চলা বৃষ্টিহীন মেঘের মতো; হেমন্ত ঋতুর গাছ, ফলশূন্য ও মূল থেকে উপড়ানো—দু-বার মৃত। 13 এরা সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো, নিজেদের লজ্জা ফেনার মতো ফাঁপিয়ে তোলে; কক্ষপথ থেকে বিচ্যুত তারার মতো, যাদের জন্য অনন্তকালীন ঘোরতর অন্ধকার নির্দিষ্ট করা আছে।

  29. 7 তোমাকে শেষ করার সময়, আমি আকাশ ঢেকে দেব

    এবং তারাগুলি কালো করে দেব;

    আমি সূর্য মেঘ দিয়ে ঢেকে দেব

    এবং চাঁদ আর তার আলো দেবে না।

    8 আকাশের সকল উজ্জ্বল আলো

    আমি তোমার উপরে কালো করে দেব;

    আমি তোমার দেশের উপর অন্ধকার নিয়ে আসব,

    সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।

  30. 29 “আর সেই সময়কালীন বিপর্যয়ের অব্যবহিত পরেই,

    “ ‘সূর্য অন্ধকারে ঢেকে যাবে,

    চাঁদ তার আলো দেবে না,

    আকাশ থেকে নক্ষত্রসমূহের পতন হবে,

    আর জ্যোতিষ্কমণ্ডলী প্রকম্পিত হবে।’

    30 “সে সময়ে মনুষ্যপুত্রের আগমনের চিহ্ন আকাশে ফুটে উঠবে, আর পৃথিবীর সমস্ত জাতি শোকবিলাপ করবে। তারা মনুষ্যপুত্রকে স্বর্গের মেঘে করে আসতে দেখবে, তিনি পরাক্রমে ও মহামহিমায় আবির্ভূত হবেন।

  31. 10 তাদের সামনে পৃথিবী কম্পিত হয়,

    আকাশমণ্ডল কাঁপতে থাকে,

    সূর্য ও চাঁদ অন্ধকার হয়ে যায়,

    নক্ষত্রেরা আর দীপ্তি দেয় না।

    11 সদাপ্রভু তাঁর সৈন্যদলের পুরোভাগে

    বজ্রধ্বনি করেন;

    তাঁর সৈন্যসংখ্যা গণনার অতীত,

    যারা তাঁর আদেশ পালন করে, তারা পরাক্রমী বীর।

    সদাপ্রভুর দিন অতি মহৎ;

    তা ভয়ংকর।

    কে তা সহ্য করতে পারে?

  32. 24 “কিন্তু সেই সমস্ত দিনে, সেই বিপর্যয়ের শেষে,

    “ ‘সূর্য অন্ধকারে ঢেকে যাবে,

    চাঁদ তার আলো দেবে না;

    25 আকাশ থেকে নক্ষত্রসমূহের পতন হবে,

    আর জ্যোতিষ্কমণ্ডলী প্রকম্পিত হবে।’

    26 “সেই সময়ে লোকেরা মনুষ্যপুত্রকে মহাপরাক্রমে ও মহিমায় মেঘে করে আসতে দেখবে। 27 তিনি তাঁর দূতদের পাঠাবেন এবং তাঁরা আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত চারদিক থেকে তাঁর মনোনীতদের সংগ্রহ করবেন।

  33. 19 আবার, আমাদের কাছে ভাববাদীদের বাণীও রয়েছে যা আমাদের আরও সুনিশ্চিত করেছে এবং তোমরা এ বিষয়ে মনোনিবেশ করলে ভালোই করবে, কারণ যতদিন না দিনের আলো ফুটে ওঠে ও তোমাদের হৃদয়ের আকাশে প্রভাতি তারার উদয় হয়, ততদিন এই বাণীই হবে অন্ধকারময় স্থানে প্রদীপের মতো। 20 সর্বোপরি, তোমাদের অবশ্যই বুঝে নিতে হবে যে, শাস্ত্রের কোনো ভবিষ্যদ্‌বাণী ভাববাদীর নিজের ব্যাখ্যার বিষয় নয়। 21 কারণ মানুষের ইচ্ছা থেকে কখনও ভাববাণীর উদ্ভব হয়নি, মানুষেরা পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে ঈশ্বর থেকে যা পেয়েছেন, তাই বলেছেন।

  34. 4 রাজামশাই মহাযাজক হিল্কিয়, পদাধিকারবলে তাঁর থেকে ছোটো যাজকদের এবং দারোয়ানদের বললেন, তারা যেন সদাপ্রভুর মন্দির থেকে বায়াল, আশেরা ও আকাশের সব তারকাদলের জন্য তৈরি জিনিসপত্র সরিয়ে দেন। জেরুশালেম নগরের বাইরে অবস্থিত কিদ্রোণ উপত্যকার মাঠে নিয়ে গিয়ে তিনি সেগুলি পুড়িয়ে দিলেন এবং সেই ছাইভস্ম বেথেলে নিয়ে এলেন। 5 যিহূদার রাজারা ইতিপূর্বে যিহূদার বিভিন্ন নগরে ও জেরুশালেমের আশেপাশে অবস্থিত উঁচু উঁচু স্থানে ধূপ পোড়ানোর জন্য প্রতিমাপুজোর সাথে যুক্ত যেসব যাজককে নিযুক্ত করলেন—অর্থাৎ, যারা বায়ালদেব, সূর্য ও চন্দ্র, নক্ষত্রমণ্ডল এবং তারকাদলের উদ্দেশে ধূপ জ্বালাতো, তাদের তিনি বরখাস্ত করে দিলেন।

  35. 12 পরে আমি দেখলাম, তিনি ষষ্ঠ সিলমোহরটি খুললেন। তখন এক মহা ভূমিকম্প হল। সূর্য ছাগলের লোমে বোনা কম্বলের মতো কালো রংয়ের আর সম্পূর্ণ চাঁদ রক্তের মতো লাল রংয়ে রূপান্তরিত হল, 13 আর ঠিক যেভাবে প্রবল বাতাসে আন্দোলিত ডুমুর গাছ থেকে কাঁচা ডুমুর ঝরে পড়ে সেভাবে আকাশের তারা সকল পৃথিবীতে ঝরে পড়ল। 14 যেভাবে পুঁথিকে গুটিয়ে ফেলা হয় সেভাবে আকাশমণ্ডল দৃষ্টিপথ থেকে দূরে সরে গেল এবং সমস্ত পর্বত ও দ্বীপ নিজের নিজের স্থান থেকে উপড়ে ফেলা হল।

  36. 15 সূর্য ও চাঁদ অন্ধকার হয়ে যাবে,

    নক্ষত্রগুলি দীপ্তি বিকিরণ বন্ধ করবে।

  37. 10 “তারপর, তোমার সঙ্গীদের চোখের সামনেই তুমি সেই পাত্রটি ভেঙে ফেলবে। 11 তুমি তাদের বলবে, ‘বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: কুমোরের এই পাত্রটি যেমন ভেঙে ফেলা হয়েছে, আমি তেমনই এই জাতি ও এই নগরকে ভেঙে চুরমার করব, তা আর কখনও মেরামত করা যাবে না। তারা তোফতে মৃত লোকেদের কবর দেবে, যে পর্যন্ত সেখানে আর কোনো স্থান না থাকে। 12 এই স্থান ও এখানকার লোকেদের প্রতি আমি এরকমই করব, সদাপ্রভু এই কথা বলেন। আমি এই নগরকে তোফতের মতো করব। 13 জেরুশালেমের সমস্ত ঘরবাড়ি এবং যিহূদার রাজাদের প্রাসাদগুলি আমি এই স্থান, তোফতের মতো অশুচি করব, সেইসব গৃহকে করব যাদের ছাদে তারা নক্ষত্রবাহিনীর উদ্দেশে ধূপদাহ ও অন্যান্য দেবদেবীর উদ্দেশ্যে পেয়-নৈবেদ্য উৎসর্গ করেছিল।’ ”

  38. 35 সেই সদাপ্রভু এই কথা বলেন,

    যিনি দিনের বেলা সূর্যকে

    আলো দেওয়ার জন্য নিয়োগ করেন,

    এবং রাতের বেলায় করেন

    চাঁদ ও নক্ষত্রপুঞ্জকে,

    যিনি সমুদ্রকে আলোড়িত করলে

    তার তরঙ্গমালা গর্জন করে—

    বাহিনীগণের সদাপ্রভু তাঁর নাম:

    36 “কেবলমাত্র এসব বিধিবিধান যদি আমার দৃষ্টিপথ থেকে অন্তর্হিত হয়,”

    সদাপ্রভু ঘোষণা করেন,

    “তাহলে ইস্রায়েলের বংশধরেরাও

    আমার সামনে আর জাতিরূপে অবশিষ্ট থাকবে না।”

    37 সদাপ্রভু এই কথা বলেন:

    “যদি ঊর্ধ্বস্থিত আকাশমণ্ডলের পরিমাপ করা যায়

    এবং পৃথিবীর ভিত্তিমূলগুলির অনুসন্ধান করা যায়,

    তাহলেই ইস্রায়েলের বংশধরেরা যা কিছু করেছে,

    তার জন্য আমি তাদের অগ্রাহ্য করব,”

    সদাপ্রভু এই কথা বলেন।

  39. 5 সদাপ্রভু ন্যায়বিচার ও ধার্মিকতা ভালোবাসেন;

    পৃথিবী তাঁর অবিচল প্রেমে পূর্ণ।

    6 সদাপ্রভুর বাক্যে আকাশমণ্ডল সৃষ্টি হয়েছিল,

    তাঁর মুখের নিঃশ্বাসে তারকারাশি তৈরি হয়েছিল।

    7 তিনি সমুদ্রের সীমানা নির্দিষ্ট করেন

    এবং মহাসমুদ্রের জলরাশি জলাধারে সঞ্চিত করেন।

    8 সমস্ত পৃথিবী সদাপ্রভুকে সম্ভ্রম করুক;

    জগতের সব লোক তাঁর সমাদর করুক।

  40. 1 ওহে জাতিসমূহ, তোমরা কাছে এসে শোনো;

    ওহে সমস্ত জাতির লোকেরা, তোমরা কর্ণপাত করো!

    পৃথিবী ও তার মধ্যস্থ সকলে শুনুক,

    জগৎ ও তার অভ্যন্তরস্থ সকলেই শুনুক!

    2 সদাপ্রভু সব জাতির উপরে ক্রুদ্ধ হয়েছেন;

    তাদের সব সৈন্যদলের উপরে তাঁর রোষ রয়েছে।

    তিনি তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করবেন,

    ঘাতকদের হাতে তিনি তাদের সমর্পণ করবেন।

    3 তাদের নিহতদের বাইরে নিক্ষেপ করা হবে,

    তাদের শবগুলি থেকে দুর্গন্ধ বের হবে;

    পর্বতগুলি তাদের রক্তে সিক্ত হবে।

    4 আকাশের সমস্ত তারা দ্রবীভূত হবে,

    আর আকাশকে পুঁথির মতো গুটিয়ে ফেলা হবে;

    আকাশের নক্ষত্রবাহিনীর পতন হবে

    যেমন দ্রাক্ষালতা থেকে শুকনো পাতা ঝরে যায়,

    যেভাবে ডুমুর গাছ থেকে শুকিয়ে যাওয়া ডুমুর ঝরে যায়।

  41. 16 তারা তাদের ঈশ্বর সদাপ্রভুর সব আদেশ ত্যাগ করল এবং নিজেদের জন্য বাছুরের আকৃতিবিশিষ্ট দুটি প্রতিমার মূর্তি ও আশেরার একটি খুঁটি তৈরি করে নিয়েছিল। তারা আকাশের সব তারকাদলের কাছে মাথা নত করত, ও বায়ালদেবেরও পুজো করত। 17 তারা তাদের ছেলেমেয়েদের আগুনে উৎসর্গ করত। তারা দৈববিচার প্রয়োগ করত এবং মঙ্গল বা অমঙ্গলসূচক লক্ষণ খুঁজে বেড়াত ও সদাপ্রভুর ক্রোধ জাগিয়ে তুলে তাঁর দৃষ্টিতে কুকাজ করার জন্য নিজেদের বিকিয়ে দিয়েছিল।

    18 তাই সদাপ্রভু ইস্রায়েলের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তাঁর উপস্থিতি থেকে তাদের দূর করে দিলেন। একমাত্র যিহূদা বংশ অবশিষ্ট ছিল, 19 এবং এমনকি যিহূদাও তাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশ পালন করেননি। ইস্রায়েলের শুরু করা প্রথা তারাও অনুসরণ করল। 20 তাই সদাপ্রভু ইস্রায়েলের সব লোকজনকে প্রত্যাখ্যান করলেন; তিনি তাদের কষ্ট দিলেন এবং তাঁর উপস্থিতি থেকে তাদের ধাক্কা মেরে দূর করে না দেওয়া পর্যন্ত তিনি তাদের লুঠেরাদের হাতে সঁপে দিলেন।

  42. 1 “ ‘সদাপ্রভু বলেন, সেই সময় যিহূদার রাজা ও রাজকর্মচারীদের হাড়, যাজক ও ভাববাদীদের হাড় এবং জেরুশালেমের লোকদের হাড়, তাদের কবর থেকে অপসারিত করা হবে। 2 সেগুলি সূর্য, চাঁদ ও আকাশের সেইসব তারার সাক্ষাতে খোলা পড়ে থাকবে, যাদের তারা ভালোবাসত ও সেবা করত, যাদের অনুসারী হয়ে তারা তাদের সঙ্গে পরামর্শ করত ও উপাসনা করত। সেই হাড়গুলি আর একত্র সংগ্রহ করা হবে না বা কবর দেওয়া হবে না, কিন্তু আবর্জনার মতো মাটিতে পড়ে থাকবে। 3 বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, আমি যেখানেই তাদের নির্বাসিত করি, সেখানে এই মন্দ জাতির অবশিষ্ট জীবিত লোকেরা জীবনের চেয়ে মৃত্যুই বেশি পছন্দ করবে।’

  43. 10 শিংটি আকাশের তারামণ্ডল পর্যন্ত বেড়ে উঠল, এমনকি কয়েকটি তারাকে মাটিতে ফেলে দিল ও পা দিয়ে পিষতে লাগল।

  44. 15 সদাপ্রভুর দূত দ্বিতীয়বার স্বর্গ থেকে অব্রাহামকে ডাক দিলেন 16 এবং বললেন, “সদাপ্রভু ঘোষণা করছেন, আমি নিজের নামে শপথ করছি, যেহেতু তুমি এই কাজটি করেছ এবং আমাকে তোমার ছেলেটি, তোমার একমাত্র ছেলেটি দিতে অসম্মত হওনি, 17 তাই অবশ্যই আমি তোমাকে আশীর্বাদ করব ও তোমার বংশধরদের আকাশের তারাগুলির মতো ও সমুদ্রের বালুকণার মতো বিপুল সংখ্যক করে তুলব। তোমার বংশধররা তাদের শত্রুদের নগরগুলি দখল করে নেবে, 18 এবং তোমার সন্তানসন্ততির মাধ্যমে পৃথিবীর সব জাতি আশীর্বাদ লাভ করবে, কারণ তুমি আমার বাধ্য হয়েছ।”

  45. 1 পরে শূহীয় বিল্‌দদ উত্তর দিলেন:

    2 “আধিপত্য ও সম্ভ্রম ঈশ্বরের অধিকারভুক্ত বিষয়;

    স্বর্গের উচ্চতায় তিনি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেন।

    3 তাঁর বাহিনীর সংখ্যা কি গুনে রাখা যায়?

    এমন কে আছে যার উপর তাঁর আলো উদিত হয় না?

    4 ঈশ্বরের সামনে নশ্বর মানুষ তবে কীভাবে ধার্মিক গণিত হবে?

    স্ত্রী-জাত মানুষ কীভাবে শুচিশুদ্ধ হবে?

    5 যদি তাঁর দৃষ্টিতে চাঁদও উজ্জ্বল নয়

    ও তারাগুলিও বিশুদ্ধ নয়,

    6 তবে সেই নশ্বর মানুষ কী, যে এক শূককীটমাত্র—

    সেই মানুষই বা কী, যে এক কীটমাত্র!”

  46. 4 “আমি যিহূদার বিরুদ্ধে আমার হাত উঠাব

    আর জেরুশালেমবাসীদের বিরুদ্ধেও।

    আমি এই দেশ থেকে অবশিষ্ট বায়াল-দেবতার প্রতিমা

    এবং সমস্ত পৌত্তলিক পুরোহিতদের নাম ধ্বংস করে দেব—

    5 যারা ছাদের উপর উঠে

    আকাশ-বাহিনীর উপাসনা করে,

    যারা সদাপ্রভুর নামে নত হয়ে প্রতিশ্রুতি নেয়

    এবং মালাকামের নামেও শপথ করে,

    6 যারা সদাপ্রভুকে অনুসরণ করা ছেড়ে দিয়েছে

    না তারা সদাপ্রভুকে অন্বেষণ করে, না তাঁর অনুসন্ধান করে।”

  47. 12 সুতরাং, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবসময় যেমন বাধ্য থেকেছ—কেবলমাত্র আমার উপস্থিতিতে নয়, কিন্তু এখন আমার অনুপস্থিতিতে আরও বেশি করে সভয়ে ও কম্পিত হৃদয়ে, কঠোর পরিশ্রমের দ্বারা তোমাদের পরিত্রাণ সম্পন্ন করো। 13 কারণ ঈশ্বর তাঁর শুভ-সংকল্পের জন্য তোমাদের অন্তরে ইচ্ছা উৎপন্ন ও কাজ করার জন্য সক্রিয় আছেন।

    14 তোমরা অভিযোগ ও তর্কবিতর্ক না করে সব কাজ করো, 15 যেন তোমরা এই কুটিল ও অবক্ষয়ের যুগে “ঈশ্বরের নিষ্কলঙ্ক ও শুচিশুদ্ধ সন্তান হতে পারো।” তোমরা তখন তাদের মধ্যে আকাশের তারার মতো এই জগতে উজ্জ্বল হয়ে উঠবে, 16 কারণ তোমরা সেই জীবনের বাক্য ধারণ করে আছ। এর ফলে যেন খ্রীষ্টের দিনে আমি গর্ব করতে পারি যে, আমি বৃথা দৌড়াইনি বা পরিশ্রম করিনি।

  48. 22 তোমাদের যে পূর্বপুরুষেরা মিশরে গিয়েছিলেন তাদের মোট সংখ্যা ছিল সত্তর, আর এখন তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সংখ্যা করেছেন আকাশের তারার মতো অসংখ্য।

  49. 2 তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যেসব নগর দেবেন তার যে কোনো একটির মধ্যে যদি কোনও পুরুষ কিংবা স্ত্রীলোক তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া বিধান অমান্য করে তাঁর দৃষ্টিতে যা মন্দ তা করে, 3 এবং আমার আদেশের বিরুদ্ধে গিয়ে অন্য দেবতাদের উপাসনা করে, তাদের কাছে কিংবা সূর্য, চাঁদ বা আকাশের তারাদের কাছে নত হয়, 4 এবং তা তোমাদের জানানো হয়, তবে তোমরা তা ভালো করে তদন্ত করে দেখবে। যদি তা সত্যি হয় এবং এরকম ঘৃণিত কাজ ইস্রায়েলীদের মধ্যে করা হয়েছে বলে প্রমাণিত হয়, 5 তবে যে পুরুষ বা স্ত্রীলোক এরকম জঘন্য কাজ করেছে তোমরা তাকে নগরের দ্বারের কাছে নিয়ে গিয়ে পাথর ছুঁড়ে মেরে ফেলবে। 6 কোনও মানুষকে মেরে ফেলতে হলে দুই বা তিনজন সাক্ষীর কথার উপর নির্ভর করে তা করতে হবে, মাত্র একজন সাক্ষীর কথার উপর নির্ভর করে তা করবে না। 7 তাকে মেরে ফেলবার জন্য সাক্ষীরাই প্রথমে পাথর ছুঁড়বে, তারপর অন্যান্য লোকেরা ছুঁড়বে। তোমাদের মধ্য থেকে দুষ্টতা শেষ করে দেবে।

  50. 1 মনঃশি বারো বছর বয়সে রাজা হলেন, এবং জেরুশালেমে তিনি পঞ্চান্ন বছর রাজত্ব করলেন। তাঁর মায়ের নাম হিফসীবা। 2 ইস্রায়েলীদের সামনে থেকে সদাপ্রভু যে জাতিদের দূর করে দিলেন, তাদের ঘৃণ্য প্রথা অনুসরণ করে তিনি সদাপ্রভুর দৃষ্টিতে যা যা মন্দ, তাই করলেন। 3 তাঁর বাবা হিষ্কিয় প্রতিমাপুজোর যেসব উঁচু উঁচু স্থান ভেঙে ফেলেছিলেন, তিনি আবার সেগুলি নতুন করে গড়ে দিলেন; এছাড়াও ইস্রায়েলের রাজা আহাবের মতো তিনিও বায়ালের কয়েকটি যজ্ঞবেদি তৈরি করলেন ও আশেরার একটি খুঁটি দাঁড় করিয়েছিলেন। তিনি আকাশের সব তারকাদলের সামনে মাথা নত করতেন ও তাদের পুজোও করতেন। 4 সদাপ্রভুর সেই মন্দিরের মধ্যে তিনি কয়েকটি যজ্ঞবেদি তৈরি করলেন, যে মন্দিরের বিষয়ে সদাপ্রভু বললেন, “জেরুশালেমে আমি আমার নাম প্রতিষ্ঠিত করব।” 5 সদাপ্রভুর মন্দিরের দুটি প্রাঙ্গণে তিনি আকাশের সব তারকাদলের জন্য কয়েকটি বেদি তৈরি করে দিলেন। 6 তিনি নিজের ছেলেকে আগুনে বলিরূপে উৎসর্গ করলেন। তিনি দৈববিচার প্রয়োগ করতেন, শুভ-অশুভ লক্ষণের খোঁজ করতেন, এবং প্রেতমাধ্যম ও অশরীরী আত্মার কাছে পরামর্শ নিতে যেতেন। সদাপ্রভুর দৃষ্টিতে প্রচুর মন্দ কাজ করে তিনি তাঁর ক্রোধ জাগিয়ে তুলেছিলেন।

  51. 23 দাউদ, কুড়ি বছর বা তার কমবয়সি কোনও লোকের সংখ্যা গণনা করেননি, কারণ সদাপ্রভু ইস্রায়েলকে আকাশের তারার মতো বহুসংখ্যক করে দেবেন বলে প্রতিজ্ঞা করলেন।

  52. 6 কেবল তুমিই সদাপ্রভু। তুমিই আকাশমণ্ডল, সর্বোচ্চ আকাশমণ্ডল, তার সমস্ত তারকারাশি, পৃথিবী ও তার উপরের সবকিছু, সমুদ্র ও তার মধ্যে স্থিত সমস্ত কিছু তৈরি করেছ। তুমিই সকলের প্রাণ দিয়েছ এবং স্বর্গের বাহিনী তোমার উপাসনা করে।

  53. 8 বিশ্বাসেই অব্রাহাম, যে স্থান তিনি ভাবীকালে উত্তরাধিকার হিসেবে লাভ করবেন, সেই স্থানে যাওয়ার আহ্বান পেয়ে গন্তব্যস্থান না জেনেই, বাধ্যতার সঙ্গে সেই স্থানে গেলেন। 9 এমনকি তিনি যখন সেই দেশে পৌঁছালেন যা ঈশ্বর তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি সেখানে বিশ্বাসে বাস করলেন—কারণ তিনি সেখানে ছিলেন বিদেশি আগন্তুকের মতো, তিনি তাঁবুতে বাস করলেন। আর ইস্‌হাক ও যাকোব তাঁর মতো তাঁবুতে বাস করলেন, যাঁরা তাঁর সঙ্গে একই প্রতিশ্রুতির উত্তরাধিকার ছিলেন। 10 কারণ তিনি ভিত্তিযুক্ত সেই নগরের প্রতীক্ষায় ছিলেন, ঈশ্বরই যার স্থপতি ও নির্মাতা। 11 বিশ্বাসে সারা, যিনি বন্ধ্যা ছিলেন—তিনি মা হওয়ার সক্ষমতা লাভ করেছিলেন, কারণ যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি তাঁকে বিশ্বস্ত মনে করেছিলেন। 12 আর তাই এই এক ব্যক্তি থেকে অর্থাৎ এক মৃতপ্রায় ব্যক্তি থেকে আকাশের তারার মতো বহুসংখ্যক এবং সমুদ্রতটের বালির কণার মতো অগণিত বংশধর উৎপন্ন হল।

  54. 9 পরে তিনি আরও একটি স্বপ্ন দেখলেন, এবং সেটি তিনি তাঁর দাদাদের বললেন। “শোনো,” তিনি বললেন, “আমি আরও একটি স্বপ্ন দেখেছি, এবং এবার সূর্য ও চন্দ্র ও এগারোটি তারা আমাকে প্রণাম করছে।”

    10 তিনি যখন তাঁর বাবাকে ও একইসাথে তাঁর দাদাদেরও তা বললেন, তখন তাঁর বাবা তাঁকে ভর্ৎসনা করে বললেন, “তুমি এ কী ধরনের স্বপ্ন দেখলে? তোমার মা, আমি ও তোমার দাদারা কি সত্যিই তোমার কাছে এসে মাটিতে মাথা ঠেকিয়ে তোমাকে প্রণাম করব?”

  55. 1 পঞ্চম স্বর্গদূত তাঁর তূরী বাজালেন, আর আমি দেখলাম আকাশ থেকে একটি তারা পৃথিবীতে খসে পড়ল। সেই তারাটিকে অতল-গহ্বরের সুড়ঙ্গপথের চাবি দেওয়া হল।

  56. 11 “সদাপ্রভু, ইস্রায়েলের সেই পবিত্রতম জন, যিনি তার স্রষ্টা,

    তিনি এই কথা বলেন,

    ভাবীকালে যা ঘটবে,

    আমার সন্তানদের প্রসঙ্গে তোমরা কি প্রশ্ন করছ,

    অথবা, আমার হাতের কাজ সম্পর্কে তোমরা আমাকে আদেশ দিচ্ছ?

    12 আমি পৃথিবীকে সৃষ্টি করেছি,

    তার উপরে সৃষ্টি করেছি সমস্ত মানুষ।

    আমার নিজের হাত আকাশমণ্ডলকে প্রসারিত করেছে,

    আমি তাদের নক্ষত্রবাহিনীকে বিন্যস্ত করেছি।

  57. 1 “ইফিষে অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো:

    যিনি তাঁর ডান হাতে সাতটি তারা ধারণ করে আছেন ও সাতটি সোনার দীপাধারের মধ্যে দিয়ে গমনাগমন করেন, তিনিই একথা বলেন:

    2 আমি তোমার সব কাজ, তোমার কঠোর পরিশ্রম ও তোমার ধৈর্যের কথা জানি। আমি জানি তুমি দুষ্ট লোকদের সহ্য করতে পারো না এবং যারা নিজেদের প্রেরিতশিষ্য বলে দাবি করলেও প্রেরিতশিষ্য নয়, তাদের তুমি যাচাই করে মিথ্যাবাদী প্রমাণ করেছ। 3 তুমি আমার নামের জন্য ধৈর্য অবলম্বন করেছ ও কষ্ট সহ্য করেছ, অথচ পরিশ্রান্ত হওনি। 4 তবুও তোমার বিরুদ্ধে আমার কিছু কথা আছে: তুমি তোমার প্রথম প্রেম পরিত্যাগ করেছ। 5 অতএব ভেবে দেখো, কোথা থেকে কোথায় তোমার পতন হয়েছে। তুমি মন পরিবর্তন করো ও প্রথমে যে কাজগুলি করতে সেগুলি করো। কিন্তু যদি মন পরিবর্তন না করো, আমি তোমার কাছে এসে তোমার দীপাধারটি তার নির্দিষ্ট স্থান থেকে অপসারিত করব। 6 তবে তোমার পক্ষে বলার মতো এই বিষয়টি হল: তুমি নিকোলায়তীয়দের আচার-আচরণ ঘৃণা করো, আমিও সেগুলিকে ঘৃণা করি। 7 যার কান আছে, সে শুনুক, যে পবিত্র আত্মা মণ্ডলীদের কী বলছেন। যে বিজয়ী হয়, তাকে আমি ঈশ্বরের পরমদেশে অবস্থিত জীবনদায়ী গাছের ফল খাওয়ার অধিকার দেব।

  58. 21 ভোর থেকে শুরু করে অন্ধকার না হওয়া পর্যন্ত অর্ধেক লোক বর্শা ধরে থাকত আর আমরা এইভাবেই কাজ করতাম। 22 সেই সময় আমি লোকেদের আরও বললাম, “প্রত্যেকে তার চাকরকে নিয়ে রাত্রে যেন জেরুশালেমে থাকে, যেন রাতে পাহারা দিতে পারে এবং দিনের বেলা কাজ করতে পারে।” 23 আমি কিংবা আমার ভাইরা বা আমার চাকরেরা বা আমার দেহরক্ষীরা কেউই আমরা কাপড় খুলতাম না এমনকি, জলের কাছে গেলেও আমরা প্রত্যেকে নিজের অস্ত্রশস্ত্র সঙ্গে নিতাম।

  59. 9 সেদিনের প্রভাতি তারা অন্ধকারময় হোক;

    বৃথাই তা দিবালোকের জন্য অপেক্ষা করুক

    আর ভোরের প্রথম আলোকরশ্মি না দেখুক,

  60. 12 “ঈশ্বর কি স্বর্গের উচ্চতায় বিরাজমান নন?

    আর দেখো অতি উচ্চে অবস্থিত তারাগুলি কত উঁচু!

  61. 22 আমি, আমার দাস দাউদের বংশধরদের ও আমার সামনে পরিচর্যাকারী লেবীয়দের সংখ্যা আকাশের তারা ও সমুদ্রতীরের বালুকণার মতো অসংখ্য করব।’ ”

  62. 25 “আর সূর্য, চাঁদ ও তারার মধ্যে বিভিন্ন অদ্ভুত চিহ্ন দেখা যাবে। উত্তাল সমুদ্রের গর্জনে ও অদ্ভুত ঢেউয়ের সামনে পৃথিবীর সমস্ত জাতি যন্ত্রণাগ্রস্ত ও হতবুদ্ধি হয়ে পড়বে। 26 পৃথিবীতে যা কিছু ঘটবে, সেই কথা ভেবে মানুষ আতঙ্কে মৃতপ্রায় হয়ে পড়বে, কারণ জ্যোতিষ্কমণ্ডল তখন প্রকম্পিত হবে। 27 সেই সময়ে তারা দেখতে পাবে, মনুষ্যপুত্র পরাক্রমে ও মহামহিমায় মেঘে করে আবির্ভূত হবেন।

  63. 20 যখন অনেকদিন পর্যন্ত সূর্য বা আকাশের তারা দেখা গেল না এবং ঝড়ের তাণ্ডব অব্যাহত রইল, আমরা বেঁচে থাকার সব আশা ছেড়ে দিলাম।

  64. 4 আমি তোমার বংশধরদের সংখ্যা আকাশের তারাগুলির মতো বিপুল সংখ্যক করব এবং তাদের এইসব দেশ দেব, এবং তোমার সন্তানসন্ততির মাধ্যমে পৃথিবীর সব জাতি আশীর্বাদ লাভ করবে,

  65. 1 তোমার যৌবনকালে

    তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো,

    দুঃখের দিনগুলি আসার আগে

    আর সেই বছর সকল কাছে আসার সময় তুমি যখন বলবে,

    “এই সবে আমার কোনো আনন্দ নেই”—

    2 তখন সূর্য ও আলো

    আর চাঁদ ও তারা যখন অন্ধকার হবে,

    আর বৃষ্টির পরে মেঘ ফিরে আসে;

    3 সেদিনে বাড়ির রক্ষাকারীরা কাঁপবে,

    আর শক্তিশালী লোকেরা নত হবে,

    যারা পেষণ করে তারা অল্প সংখ্যক বলে কাজ ছেড়ে দেবে।

    আর যারা জানালার ভিতর থেকে দেখে তাদের দৃষ্টি অস্পষ্ট হবে;

    4 যখন রাস্তার দিকের দরজা বন্ধ হয়ে যাবে

    আর জাঁতার আওয়াজ কমে যাবে;

    যখন পাখির আওয়াজে লোকে উঠবে,

    কিন্তু তাদের সব গান ক্ষীণ হয়ে যাবে;

    5 যখন লোকেরা উঁচু জায়গাকে

    আর রাস্তার বিপদকে ভয় পাবে;

    যখন কাঠবাদাম গাছে ফুল ফুটবে

    আর ফড়িং টেনে টেনে হাঁটবে

    এবং বাসনা আর উত্তেজিত হবে না।

    তখন লোকে তাদের অনন্তকালের বাড়িতে চলে যাবে

    আর বিলাপকারীরা পথে পথে ঘুরবে।

    6 রুপোর তার ছিঁড়ে যাওয়ার আগে,

    কিংবা সোনার পাত্র ভেঙে যাওয়ার আগে;

    ফোয়ারার কাছে কলশি চুরমার করার আগে,

    কিংবা কুয়োর জল তোলার চাকা ভেঙে যাওয়ার আগে—তাকে স্মরণ করো।

    7 আর ধুলো মাটিতেই ফিরে যাবে যেখান থেকে সে এসেছে,

    এবং আত্মা যাঁর দান, সেই ঈশ্বরের কাছেই ফিরে যাবে।

    8 উপদেশক বললেন, “অসার! অসার!

    সবকিছুই অসার!”

  66. 13 তোমার সেই দাস অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবকে স্মরণ করো, যাদের কাছে তুমি নিজের নামে শপথ করে বলেছিলে: ‘আমি তোমার বংশধরদের আকাশের তারার মতো অসংখ্য করে তুলব এবং আমি তোমার বংশধরদের এই সমগ্র দেশটি দেব, যেটি আমি তাদের দেওয়ার প্রতিজ্ঞা করলাম, এবং চিরকালের জন্য এই দেশটি তাদের উত্তরাধিকার হবে।’ ”

  67. 1 “সার্দিতে অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো:

    যিনি ঈশ্বরের সপ্ত-আত্মা ও সাতটি তারা ধারণ করেন, তিনিই একথা বলেন:

    আমি তোমার কাজকর্মগুলি জানি; তুমি তো নামে মাত্র জীবিত আছ, আসলে তুমি মৃত।

  68. 10 তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের এত বৃদ্ধি করেছেন যে আজকে তোমরা আকাশের তারার মতো অসংখ্য হয়ে উঠেছ।

  69. 1 শুরুতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন।

  70. 16 দিন তোমার এবং রাতও তোমার

    তুমি সূর্য আর চাঁদ সৃষ্টি করেছ।

  71. 19 তিনি ঋতুর জন্য চাঁদ নির্মাণ করেছেন,

    আর সূর্য জানে কখন অস্ত যেতে হয়।

  72. 16 তারপর তিনি আমাকে সদাপ্রভুর গৃহের ভিতরের প্রাঙ্গণে নিয়ে গেলেন, আর মন্দিরের ঢুকবার পথে, বারান্দা ও বেদির মাঝখানে প্রায় পঁচিশজন লোক ছিল। সদাপ্রভুর মন্দিরের দিকে পিছন ফিরে পূর্বদিকে মুখ করে তারা সূর্যের কাছে প্রণাম করছিল।

    17 তিনি আমাকে বললেন, “হে মানবসন্তান, তুমি এটি দেখলে? যিহূদার লোকেরা যে ঘৃণ্য কাজ এখানে করছে তা করা তাদের পক্ষে কি সামান্য ব্যাপার? সারা দেশ হিংস্রতায় পরিপূর্ণ করা এবং অবিরত আমার অসন্তোষ বাড়িয়ে তোলা তাদের কি উচিত? দেখো, তারা নিজেদের নাকের কাছে গাছের শাখা ধরছে! 18 অতএব তাদের প্রতি আমার আচরণ হবে রাগের; আমি তাদের প্রতি করুণা দেখাব না অথবা ক্ষমা করব না। যদিও তারা আমার কানের কাছে চেঁচায়, আমি তাদের কথা শুনব না।”

  73. 3 আর ঈশ্বর বললেন, “আলো হোক,” এবং আলো হল। 4 ঈশ্বর দেখলেন যে সেই আলো ভালো হয়েছে, এবং তিনি অন্ধকার থেকে আলোকে বিচ্ছিন্ন করলেন। 5 ঈশ্বর আলোকে “দিন” নাম দিলেন এবং অন্ধকারকে “রাত” নাম দিলেন। সন্ধ্যা হল এবং সকাল হল—এই হল প্রথম দিন।

  74. 1 এইভাবে আকাশমণ্ডল এবং পৃথিবী ও সেখানকার সবকিছু সৃষ্টির কাজ সম্পূর্ণ হল।

    2 সপ্তম দিনে এসে ঈশ্বর তাঁর সব কাজকর্ম সমাপ্ত করলেন; তাই সপ্তম দিনে তিনি তাঁর সমস্ত কাজ থেকে বিশ্রাম নিলেন। 3 আর ঈশ্বর সপ্তম দিনকে আশীর্বাদ করে সেটিকে পবিত্র করলেন, কারণ এই দিনেই তিনি তাঁর সব সৃষ্টিকর্ম সম্পূর্ণ করে বিশ্রাম নিয়েছিলেন।

  75. 26 আমি যদি প্রভাকর সূর্যকে

    বা উজ্জ্বল দীপ্তি ছড়িয়ে যাওয়া চাঁদকে দেখেছি,

    27 যেন আমার অন্তর গোপনে আকৃষ্ট হয়

    ও আমার হাত তাদের উদ্দেশে সম্মানের চুম্বন উৎসর্গ করে,

    28 তবে এসবও দণ্ডনীয় পাপ হবে,

    যেহেতু আমি ঊর্ধ্ববাসী ঈশ্বরের কাছে অবিশ্বস্ত হয়েছি।

  76. 5 হে সদাপ্রভু, আকাশমণ্ডল তোমার আশ্চর্য কাজের প্রশংসা করে,

    পবিত্রজনদের সমাবেশে তোমার বিশ্বস্ততার প্রশংসা করে।

  77. 31 সদাপ্রভুর সেই মহৎ ও ভয়ংকর দিনের আগমনের পূর্বে,

    সূর্য অন্ধকার ও চাঁদ রক্তবর্ণ হয়ে যাবে।

  78. 1 আদিতে বাক্য ছিলেন, সেই বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। 2 আদিতে তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন। 3 তাঁর মাধ্যমে সবকিছু সৃষ্ট হয়েছিল; সৃষ্ট কোনো বস্তুই তিনি ব্যতিরেকে সৃষ্ট হয়নি।