37 Bible Verses About God's Beautiful Creation

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About God's Beautiful Creation
  1. 1 শুরুতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। 2 এমতাবস্থায় পৃথিবী নিরবয়ব ও ফাঁকা ছিল, গভীরের উপরের স্তরে অন্ধকার ছেয়ে ছিল, এবং ঈশ্বরের আত্মা জলের উপর ভেসে বেড়াচ্ছিলেন।

    3 আর ঈশ্বর বললেন, “আলো হোক,” এবং আলো হল। 4 ঈশ্বর দেখলেন যে সেই আলো ভালো হয়েছে, এবং তিনি অন্ধকার থেকে আলোকে বিচ্ছিন্ন করলেন। 5 ঈশ্বর আলোকে “দিন” নাম দিলেন এবং অন্ধকারকে “রাত” নাম দিলেন। সন্ধ্যা হল এবং সকাল হল—এই হল প্রথম দিন।

    6 আর ঈশ্বর বললেন, “পৃথিবীর জল থেকে আকাশের জলকে আলাদা করার জন্য এই দুই ধরনের জলের মাঝখানে উন্মুক্ত এলাকা তৈরি হোক।” 7 অতএব ঈশ্বর উন্মুক্ত এলাকা তৈরি করলেন এবং সেই এলাকার উপরের ও নিচের জলকে আলাদা করে দিলেন। আর তা সেইমতোই হল। 8 ঈশ্বর সেই উন্মুক্ত এলাকাকে “আকাশ” নাম দিলেন। আর সন্ধ্যা হল ও সকাল হল—এই হল দ্বিতীয় দিন।

    9 আর ঈশ্বর বললেন, “আকাশের নিচের সব জল এক স্থানে জমা হোক, এবং শুকনো জমি দৃষ্টিগোচর হোক।” আর তা সেইমতোই হল। 10 ঈশ্বর সেই শুকনো জমির নাম দিলেন “ভূমি” এবং জমা জলকে তিনি “সমুদ্র” নাম দিলেন। আর ঈশ্বর দেখলেন যে সেটি ভালো হয়েছে।

    11 পরে ঈশ্বর বললেন, “ভূমি গাছপালা উৎপন্ন করুক: সেগুলির বিভিন্ন ধরন অনুসারে ভূমিতে উৎপন্ন সবীজ লতাগুল্ম ও বীজ সমেত ফল উৎপাদনকারী গাছ উৎপন্ন হোক।” আর তা সেইমতোই হল। 12 ভূমি গাছপালা উৎপন্ন করল: নিজস্ব প্রজাতি অনুসারে বীজ উৎপাদনকারী লতাগুল্ম এবং নিজস্ব প্রজাতি অনুসারে বীজ সমেত ফল উৎপাদনকারী গাছ উৎপন্ন হল। এবং ঈশ্বর দেখলেন যে সেগুলি ভালো হয়েছে। 13 আর সন্ধ্যা হল ও সকাল হল—এই হল তৃতীয় দিন।

    14 আর ঈশ্বর বললেন, “রাত থেকে দিনকে আলাদা করার জন্য আকাশের উন্মুক্ত এলাকায় জ্যোতি হোক, এবং বিভিন্ন ঋতু, দিন ও বছর চিহ্নিত করার জন্য এগুলি নিদর্শনরূপে কাজ করুক, 15 আর পৃথিবীতে আলো দেওয়ার জন্য এগুলি আকাশের উন্মুক্ত এলাকায় আলোর উৎস হয়ে যাক।” আর তা সেরকমই হল। 16 ঈশ্বর দুটি বড়ো জ্যোতি তৈরি করলেন—দিন নিয়ন্ত্রিত করার জন্য অপেক্ষাকৃত বড়ো জ্যোতি এবং রাত নিয়ন্ত্রিত করার জন্য অপেক্ষাকৃত ছোটো জ্যোতি। তিনি তারকামালাও তৈরি করলেন। 17 পৃথিবীতে আলো দেওয়ার জন্য ঈশ্বর সেগুলিকে আকাশের উন্মুক্ত এলাকায় বসিয়ে দিলেন, 18 যেন সেগুলি দিন ও রাতের উপরে প্রভুত্ব করতে পারে, এবং অন্ধকার থেকে আলোকে আলাদা করতে পারে। আর ঈশ্বর দেখলেন যে তা ভালো হয়েছে। 19 আর সন্ধ্যা হল এবং সকাল হল—এই হল চতুর্থ দিন।

    20 আর ঈশ্বর বললেন, “জলে জীবিত প্রাণীর ঝাঁক দেখা যাক এবং আকাশে পৃথিবীর উপর পাখিরা উড়ে বেড়াক।” 21 তাই ঈশ্বর সমুদ্রের বড়ো বড়ো প্রাণীদের এবং জলে থাকা প্রত্যেকটি জীবিত ও গতিশীল জীবকে তাদের প্রজাতি অনুসারে, এবং প্রত্যেকটি ডানাযুক্ত পাখিকে তাদের প্রজাতি অনুসারে সৃষ্টি করলেন। আর ঈশ্বর দেখলেন যে তা ভালো হয়েছে। 22 ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, “ফলবান হও ও সংখ্যায় বৃদ্ধি পেয়ে সমুদ্রের জল ভরিয়ে তোলো, এবং পৃথিবীর বুকে পাখিরাও সংখ্যায় বৃদ্ধি পাক।” 23 আর সন্ধ্যা হল এবং সকাল হল—এই হল পঞ্চম দিন।

    24 আর ঈশ্বর বললেন, “ভূমি নিজস্ব প্রজাতি অনুসারে জীবিত প্রাণী উৎপন্ন করুক: গৃহপালিত পশু, জমির সরীসৃপ প্রাণী, এবং বন্যপশু, প্রত্যেকে নিজস্ব প্রজাতি অনুসারেই হোক।” আর তা সেইমতোই হল। 25 বন্যপশুদের তাদের নিজস্ব প্রজাতি অনুসারে, গৃহপালিত পশুদের তাদের নিজস্ব প্রজাতি অনুসারে, এবং জমির সরীসৃপ প্রাণীদের তাদের নিজস্ব প্রজাতি অনুসারে ঈশ্বর তৈরি করলেন। আর ঈশ্বর দেখলেন যে তা ভালো হয়েছে।

    26 তখন ঈশ্বর বললেন, “এসো, আমরা আমাদের প্রতিমূর্তিতে ও আমাদের সাদৃশ্যে মানুষ তৈরি করি, যেন তারা সমুদ্রের মাছেদের উপরে এবং আকাশের পাখিদের উপরে, গৃহপালিত পশুদের ও সব বন্যপশুর উপরে, এবং জমির সব সরীসৃপ প্রাণীর উপরে কর্তৃত্ব করে।”

    27 অতএব ঈশ্বর তাঁর নিজস্ব প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করলেন,

    ঈশ্বরের প্রতিমূর্তিতেই তিনি তাকে সৃষ্টি করলেন;

    পুরুষ ও স্ত্রী করে তিনি তাদের সৃষ্টি করলেন।

    28 ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, “তোমরা ফলবান হও ও সংখ্যায় বৃদ্ধিলাভ করো; পৃথিবী ভরিয়ে তোলো ও এটি বশে রেখো। সমুদ্রের মাছগুলির উপরে ও আকাশের পাখিদের উপরে এবং প্রত্যেকটি সরীসৃপ প্রাণীর উপরে তোমরা কর্তৃত্ব কোরো।”

    29 পরে ঈশ্বর বললেন, “প্রত্যেকটি সবীজ লতাগুল্ম, যা সমগ্র পৃথিবীর বুকে উৎপন্ন হয় ও বীজ সমেত ফল উৎপাদনকারী প্রত্যেকটি গাছপালা আমি তোমাদের দিলাম। সেগুলি তোমাদের খাদ্যদ্রব্য হবে। 30 আর পৃথিবীর সব পশুর ও আকাশের সব পাখির এবং সব সরীসৃপ প্রাণীর কাছে—যে সবকিছুর মধ্যে জীবন আছে—খাদ্যদ্রব্যরূপে আমি প্রত্যেকটি সবুজ চারাগাছ দিলাম।” আর তা সেইমতোই হল।

    31 ঈশ্বর যা যা তৈরি করলেন, তা তিনি দেখলেন, এবং তা খুবই ভালো হল। আর সন্ধ্যা হল ও সকাল হল—এই হল ষষ্ঠ দিন।

  2. সংগীত পরিচালকের উদ্দেশ্যে। স্বর, গিত্তীৎ। দাউদের গীত।

    1 হে সদাপ্রভু, আমার প্রভু,

    সমস্ত পৃথিবীতে তোমার নাম মহিমান্বিত!

    তুমি আকাশমণ্ডলের ঊর্ধ্বে

    তোমার মহিমা স্থাপন করেছ!

    2 তোমার শত্রু ও বিপক্ষদের স্তব্ধ করার উদ্দেশ্যে,

    তুমি ছেলেমেয়েদের ও শিশুদের মাধ্যমে,

    তোমার শত্রুদের বিরুদ্ধে দুর্গ স্থাপন করেছ।

    3 যখন আমি তোমার আকাশমণ্ডল পর্যবেক্ষণ করি,

    তোমার হাতের কাজ,

    চাঁদ ও তারার দিকে দেখি

    যা তুমি নিজস্ব স্থানে রেখেছ,

    4 মানবজাতি কি যে, তাদের কথা তুমি চিন্তা করো?

    মানুষ কি যে, তার তুমি যত্ন করো?

    5 তুমি তাদের স্বর্গদূতদের চেয়ে সামান্য ছোটো করেছ

    এবং তাদের গৌরব ও সম্মানের মুকুটে ভূষিত করেছ।

    6 তোমার হাতের সকল সৃষ্টির উপর তাদের কর্তৃত্ব দিয়েছ;

    এসব কিছু তাদের পায়ের নিচে রেখেছ:

    7 সব মেষপাল ও গোপাল,

    ও যত বন্যপশু;

    8 আকাশের যত পাখি,

    সমুদ্রের যত মাছ,

    যা সমুদ্র প্রবাহে সাঁতার কাটে।

    9 হে সদাপ্রভু, আমাদের প্রভু,

    সমস্ত পৃথিবীতে তোমার নাম মহিমান্বিত!

  3. প্রধান সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।

    1 আকাশমণ্ডল ঈশ্বরের মহিমা বর্ণনা করে;

    গগন তাঁর হাতের কাজ ঘোষণা করে।

    2 তারা দিনের পর দিন বার্তা প্রকাশ করে;

    তারা রাতের পর রাত জ্ঞান ব্যক্ত করে।

    3 তাদের কোনও বক্তব্য নেই, তারা কোনও শব্দ ব্যবহার করে না;

    তাদের থেকে কোনও শব্দ শোনা যায় না।

    4 অথচ তাদের কণ্ঠস্বর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে,

    তাদের বাক্য পৃথিবীর প্রান্তসীমায় পৌঁছায়।

    ঈশ্বর আকাশমণ্ডলে সূর্যের জন্য এক তাঁবু খাটিয়েছেন।

    5 সূর্য্য জ্যোতির্ময় বরের মতো বাসরঘর থেকে বেরিয়ে আসে;

    বিজয়ী বীরের মতো আনন্দে ছুটে চলে আপন পথে।

    6 আকাশের এক প্রান্তে সে উদিত হয়

    এবং অপর প্রান্তে পৌঁছে আবর্তন শেষ করে;

    তার উত্তাপ থেকে কোনও কিছুই বঞ্চিত হয় না।

  4. 18 যেসব মানুষ তাদের দুষ্টতার দ্বারা সত্যকে চেপে রাখছে, তাদের সমস্ত ভক্তিহীনতা ও দুষ্টতার বিরুদ্ধে স্বর্গ থেকে ঈশ্বরের ক্রোধ প্রকাশিত হচ্ছে। 19 কারণ ঈশ্বর সম্পর্কে যা জানা যেতে পারে, তা তাদের কাছে সুস্পষ্ট, কারণ ঈশ্বর তা তাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। 20 এর কারণ হল, জগৎ সৃষ্টি হওয়ার সময় থেকে, ঈশ্বরের অদৃশ্য গুণাবলি—তাঁর অনন্ত পরাক্রম ও ঐশী-চরিত্র—স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। সমস্ত সৃষ্ট বস্তুর মধ্য দিয়ে তা বোঝা যায়, যেন কোনো মানুষ অজুহাত দিতে না পারে।

    21 কারণ তারা ঈশ্বরকে জানলেও, ঈশ্বর বলে তাঁর মহিমাকীর্তন করেনি, তাঁকে ধন্যবাদও দেয়নি, কিন্তু তাদের ভাবনাচিন্তা অসার হয়ে পড়েছে এবং তাদের মূর্খ হৃদয় অন্ধকারাচ্ছন্ন হয়েছে। 22 যদিও তারা নিজেদের বিজ্ঞ বলে দাবি করে, কিন্তু তারা মূর্খে পরিণত হয়েছে। 23 তারা নশ্বর মানুষ, পশুপাখি ও সরীসৃপের মতো দেখতে প্রতিমূর্তির সঙ্গে অক্ষয় ঈশ্বরের মহিমার পরিবর্তন করেছে।

  5. দাউদের গীত।

    1 এই জগৎ, তার মধ্যে থাকা সবকিছু,

    এই পৃথিবী, আর যা কিছু এতে আছে, সব সদাপ্রভুরই;

    2 কারণ তিনি তা সমুদ্রের উপর স্থাপন করেছেন

    আর জলধির উপর তা নির্মাণ করেছেন।

  6. 1 হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো।

    হে আমার ঈশ্বর সদাপ্রভু, তুমি কত মহান;

    তুমি প্রভা আর পরাক্রমে ভূষিত।

    2 তিনি আলোর পোশাকে সজ্জিত;

    তিনি আকাশমণ্ডল তাঁবুর মতো প্রসারিত করেন

    3 আর তিনি জলধিতে তাঁর উচ্চকক্ষের কড়িকাঠ স্থাপন করেন।

    তিনি মেঘরাশিকে তাঁর রথ করেন

    আর বায়ুর ডানায় চড়ে ভেসে চলেন।

    4 তিনি বায়ুপ্রবাহকে তাঁর দূত করেন,

    আগুনের শিখাকে নিজের দাস করেন।

    5 তিনি এই জগতকে ভিত্তিমূলের উপর স্থাপন করেন;

    তা কোনোদিন বিচলিত হবে না।

    6 আচ্ছাদনের মতো অতল জলধি দিয়ে তুমি এই জগৎ আবৃত করেছ;

    জলপ্রবাহ পর্বতগুলির উপর দাঁড়াল।

    7 কিন্তু তোমার তিরস্কারে জলধি পালিয়ে গেল,

    তোমার গর্জনের শব্দে তা দ্রুত প্রস্থান করল;

    8 জলধি পর্বতগুলির উপর দিয়ে প্রবাহিত হল,

    তা উপত্যকায় নেমে গেল,

    এবং তার নির্ধারিত স্থান পর্যন্ত পৌঁছাল।

    9 তুমি জলধির সীমা স্থির করেছ যা তারা অতিক্রম করতে পারে না;

    আবার কখনও জলধি জগৎকে আচ্ছন্ন করবে না।

    10 তুমি গিরিখাতে ঝরনাকে জল ঢালতে দিয়েছ;

    পর্বতগুলির মধ্য দিয়ে তা প্রবাহিত হয়।

    11 তারা মাঠের সব বন্যপশুকে জল দেয়;

    বুনো গাধারা নিজেদের তৃষ্ণা মেটায়।

    12 আকাশের পাখিরা জলপ্রবাহের ধারে বাসা বানায়;

    তারা ডালপালার মধ্যে গান করে।

    13 তাঁর উচ্চকক্ষ থেকে তিনি পর্বতগুলিকে জল দেন;

    তাঁর কাজের ফলাফলে দেশ তৃপ্ত হয়।

    14 তিনি গবাদি পশুদের জন্য ঘাস,

    আর মানুষের চাষের জন্য চারাগাছ বৃদ্ধি করেন—

    জমি থেকে খাদ্যদ্রব্য উৎপন্ন করেন:

    15 সুরা যা মানুষের হৃদয়কে উৎফুল্ল করে,

    তেল যা তাদের মুখমণ্ডল উজ্জ্বল করে,

    এবং খাবার যা মানুষের জীবন বাঁচিয়ে রাখে।

    16 সদাপ্রভুর সব গাছপালা পর্যাপ্ত যত্নে আছে,

    লেবাননের দেবদারুবন যা তিনি লাগিয়েছিলেন।

    17 সেখানে পাখিরা তাদের বাসা বানিয়েছে;

    সারস পাখি চিরসবুজ গাছে বসবাস করছে।

    18 উঁচু পর্বতগুলি বুনো ছাগলের;

    দুর্গম পাহাড় খরগোশের আশ্রয়।

    19 তিনি ঋতুর জন্য চাঁদ নির্মাণ করেছেন,

    আর সূর্য জানে কখন অস্ত যেতে হয়।

    20 তুমি অন্ধকার নিয়ে আস, আর রাত্রি হয়,

    আর জঙ্গলের বন্যজন্তুরা গর্জন করে।

    21 সিংহরা তাদের শিকারের জন্য গর্জন করে

    আর ঈশ্বরের কাছ থেকে তাদের খাবার খোঁজে।

    22 সূর্য ওঠে, আর তারা লুকিয়ে পড়ে;

    তারা ফিরে আসে এবং নিজের গুহাতে শুয়ে পড়ে।

    23 তারপর মানুষ তাদের কাজের জন্য বাইরে যায়

    সেখানে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রমে রত থাকে।

    24 হে সদাপ্রভু, তোমার কাজ কত বিচিত্র!

    প্রজ্ঞায় তুমি তাদের সব তৈরি করেছ;

    জগৎ তোমার জীবজন্তুতে পূর্ণ।

    25 ওই দেখো সুবিশাল, বিস্তীর্ণ জলধি,

    অগণিত কত প্রাণীতে পরিপূর্ণ—

    ছোটো ও বড়ো বহু জীব।

    26 তার উপর দিয়ে জাহাজ যাতায়াত করে,

    আর সেখানে খেলার জন্য তুমি লিবিয়াথনদের সৃষ্টি করেছ।

    27 উপযুক্ত সময়ে তাদের খাবার পাওয়ার জন্য

    সব জীবজন্তু তোমার দিকে চেয়ে থাকে।

    28 যখন তুমি তাদের খাবার দাও

    তারা তা সংগ্রহ করে;

    যখন তুমি তোমার হাত খুলে দাও,

    তারা উত্তম দ্রব্যে পরিতৃপ্ত হয়।

    29 যখন তুমি তোমার মুখ ঢেকে দাও,

    তারা আতঙ্কিত হয়;

    যখন তুমি তাদের শ্বাস নিয়ে নাও,

    তাদের মৃত্যু হয় আর তারা ধুলোতে ফিরে যায়।

    30 যখন তুমি তোমার আত্মা পাঠাও,

    তারা সৃষ্ট হয়,

    আর তুমি জগতের মুখমণ্ডল নতুন করে তোলো।

    31 সদাপ্রভুর গৌরব চিরকাল স্থায়ী হোক;

    সদাপ্রভু তাঁর সৃষ্টির কাজে আনন্দিত হোন—

    32 তাঁর দৃষ্টিতে জগৎ কেঁপে ওঠে,

    তাঁর স্পর্শে পর্বতগুলি থেকে ধোঁয়া বের হয়।

    33 আমার সারা জীবন আমি সদাপ্রভুর জয়গান করব;

    আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার ঈশ্বরের প্রশংসা করব।

    34 আমার ধ্যান তাঁর কাছে যেন সুমধুর হয়,

    কেননা আমি সদাপ্রভুতে উল্লাস করি।

    35 পাপীরা সবাই পৃথিবী থেকে বিলুপ্ত হোক

    আর দুষ্ট চিরকালের জন্য উধাও হোক।

    হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো।

    সদাপ্রভুর প্রশংসা করো।

  7. 24 “ঈশ্বর, যিনি এই জগৎ ও তার অন্তর্গত সমস্ত বস্তু রচনা করেছেন, তিনিই স্বর্গ ও মর্ত্যের প্রভু। তিনি হাত দিয়ে তৈরি দেবালয়ে বাস করেন না। 25 তাঁর কোনো কিছুর প্রয়োজন আছে বলে মানুষের হাতে তাঁর সেবা গ্রহণের প্রয়োজন হয় না। কারণ তিনি স্বয়ং সমস্ত মানুষকে জীবন ও শ্বাস এবং সবকিছুই দান করেন। 26 তিনি একজন ব্যক্তি থেকে সব জাতিকে সৃষ্টি করেছেন, যেন তারা সমস্ত পৃথিবীতে বসবাস করে। তিনি আগেই তাদের নির্দিষ্ট কাল ও বসবাসের জন্য স্থান স্থির করে রেখেছিলেন। 27 ঈশ্বর এ কাজ করেছেন, যেন মানুষ তাঁর অন্বেষণ করে এবং সম্ভব হলে অনুসন্ধান করে তাঁর সন্ধান পায়, যদিও তিনি আমাদের কারও কাছ থেকে দূরে নেই। 28 কারণ তাঁর মধ্যেই আছে আমাদের প্রাণ, আমাদের জীবনাচরণ ও আমাদের অস্তিত্ব। যেমন তোমাদেরই কয়েকজন কবি বলেছেন, ‘আমরা তাঁর বংশ।’

    29 “অতএব, আমরা যখন ঈশ্বরের বংশ, তখন আমাদের এরকম চিন্তা করা উচিত নয় যে ঈশ্বর মানুষের কলাকুশলতা ও কল্পনাপ্রসূত সোনা, রুপো বা পাথরের তৈরি করা কোনো প্রতিমূর্তি।

  8. 7 “কিন্তু পশুদের জিজ্ঞাসা করো, ও তারা তোমাকে শিক্ষা দেবে,

    বা আকাশের পাখিদের জিজ্ঞাসা করো, ও তারাও তোমায় বলে দেবে;

    8 বা পৃথিবীকে বলো, ও তা তোমাকে শিক্ষা দেবে,

    বা সমুদ্রের মাছই তোমাকে খবর দিক।

    9 এদের মধ্যে কে জানে না

    যে সদাপ্রভুর হাতই এসব গড়ে তুলেছে?

    10 তাঁর হাতেই প্রত্যেকটি প্রাণীর জীবন

    ও সমগ্র মানবজাতির শ্বাস গচ্ছিত আছে।

  9. 1 আদিতে বাক্য ছিলেন, সেই বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। 2 আদিতে তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন। 3 তাঁর মাধ্যমে সবকিছু সৃষ্ট হয়েছিল; সৃষ্ট কোনো বস্তুই তিনি ব্যতিরেকে সৃষ্ট হয়নি।

  10. 4 আকাশমণ্ডল ও পৃথিবী যখন সৃষ্টি হল, সদাপ্রভু ঈশ্বর যখন পৃথিবী ও আকাশমণ্ডল তৈরি করলেন তখন তার বর্ণনা এইরকম হল।

    5 আর তখনও পর্যন্ত পৃথিবীতে কোনও গাছপালা উৎপন্ন হয়নি এবং কোনও চারাগাছ তখনও গজিয়ে ওঠেনি, কারণ সদাপ্রভু ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি পাঠাননি, এবং জমিতে চাষ করার জন্য সেখানে কোনও মানুষও ছিল না, 6 কিন্তু পৃথিবী থেকে জলধারা উঠে এল ও জমির সমগ্র বহির্ভাগ জলসিক্ত করে তুলল। 7 সদাপ্রভু ঈশ্বর জমির ধুলো থেকে মানুষকে গড়ে তুললেন এবং তার নাকে ফুঁ দিয়ে প্রাণবায়ু ভরে দিলেন, এবং সেই মানুষ এক জীবিত প্রাণী হয়ে গেল।

    8 এমতাবস্থায় সদাপ্রভু ঈশ্বর এদনে, পূর্বদিকে একটি বাগান তৈরি করলেন; এবং সেখানে তিনি তাঁর হাতে গড়া মানুষটিকে রাখলেন। 9 আর সদাপ্রভু ঈশ্বর ভূমিতে সব ধরনের গাছপালা জন্মাতে দিলেন—যেসব গাছপালা দেখতে ভালো লাগে এবং খাদ্যরূপেও যেগুলি ভালো। বাগানের মাঝখানে জীবনদায়ী গাছ এবং ভালোমন্দের জ্ঞানদায়ী গাছ ছিল।

  11. 12 আমি পৃথিবীকে সৃষ্টি করেছি,

    তার উপরে সৃষ্টি করেছি সমস্ত মানুষ।

    আমার নিজের হাত আকাশমণ্ডলকে প্রসারিত করেছে,

    আমি তাদের নক্ষত্রবাহিনীকে বিন্যস্ত করেছি।

  12. 11 “আমাদের প্রভু ও ঈশ্বর,

    তুমি মহিমা, সম্মান ও পরাক্রম গ্রহণের যোগ্য;

    কেননা তুমি সবকিছু সৃষ্টি করেছ,

    এবং তোমার ইচ্ছামতোই সবকিছু সৃষ্ট হয়েছে

    ও তাদের অস্তিত্ব প্রকাশিত হয়েছে।”

  13. 5 সদাপ্রভু ন্যায়বিচার ও ধার্মিকতা ভালোবাসেন;

    পৃথিবী তাঁর অবিচল প্রেমে পূর্ণ।

    6 সদাপ্রভুর বাক্যে আকাশমণ্ডল সৃষ্টি হয়েছিল,

    তাঁর মুখের নিঃশ্বাসে তারকারাশি তৈরি হয়েছিল।

    7 তিনি সমুদ্রের সীমানা নির্দিষ্ট করেন

    এবং মহাসমুদ্রের জলরাশি জলাধারে সঞ্চিত করেন।

    8 সমস্ত পৃথিবী সদাপ্রভুকে সম্ভ্রম করুক;

    জগতের সব লোক তাঁর সমাদর করুক।

    9 কারণ তিনি কথা বললেন, আর সৃষ্টি হল;

    তিনি আদেশ দিলেন আর স্থিতি হল।

  14. 3 কারণ সদাপ্রভু মহান ঈশ্বর,

    সব দেবতার উপর মহান রাজা।

    4 পৃথিবীর গভীরস্থান তাঁর হস্তগত,

    এবং পর্বতগুলির চূড়া তাঁরই অধীন।

    5 সমুদ্র তাঁরই কেননা তিনি তা তৈরি করেছেন,

    আর তাঁর হাত শুষ্ক জমি নির্মাণ করেছে।

  15. 13 কারণ তুমি আমার অন্তরের সত্তা নির্মাণ করেছ;

    এবং মাতৃগর্ভে তুমি আমার দেহকে বুনেছ,

    14 আমি তোমার স্তব করি, কারণ আমি ভয়াবহরূপে ও আশ্চর্যরূপে নির্মিত;

    তোমার সব কাজকর্ম বিস্ময়কর

    তা আমি যথার্থভাবে জানি।

    15 আমার পরিকাঠামো তোমার কাছে লুকানো ছিল না,

    যখন আমি গোপন স্থানে নির্মিত হয়েছিলাম,

    যখন পৃথিবীর অধঃস্থানে আমাকে একসাথে বোনা হয়েছিল।

    16 তোমার চোখ আমার অগঠিত দেহটি দেখেছিল;

    আমার জীবনের নির্ধারিত দিনগুলি তোমার বইতে লেখা ছিল

    জীবনে একদিন অতিবাহিত হওয়ার আগেই।

  16. 19 ঈশ্বরের পুত্রগণের প্রকাশ পাওয়ার প্রতীক্ষায় সমস্ত সৃষ্টি সাগ্রহে অপেক্ষা করে আছে। 20 কারণ সৃষ্টি অলীকতার বশীভূত হয়েছিল, তার নিজের ইচ্ছায় নয়, কিন্তু যিনি বশীভূত করেছিলেন, তাঁর ইচ্ছায়; 21 প্রত্যাশা ছিল এই যে, সৃষ্টি স্বয়ং অবক্ষয়ের বাঁধন থেকে মুক্ত হবে এবং ঈশ্বরের সন্তানদের গৌরবোজ্জ্বল স্বাধীনতায় অংশীদার হবে।

    22 আমরা জানি যে, সমস্ত সৃষ্টি বর্তমানকাল পর্যন্ত সন্তান প্রসবের যন্ত্রণার মতো আর্তনাদ করছে।

  17. 10 কারণ আমরা ঈশ্বরের রচনা, সৎকর্ম করার জন্য খ্রীষ্ট যীশুতে সৃষ্ট, যা তিনি পূর্ব থেকেই আমাদের করার জন্য প্রস্তুত করেছিলেন।

  18. আসফের গীত।

    1 সদাপ্রভু, পরাক্রমী জন, তিনিই ঈশ্বর, তিনি কথা বলেন

    সূর্যের উদয় থেকে অস্ত যাওয়ার স্থান পর্যন্ত

    তিনি পৃথিবীর সব মানুষকে তলব করেন।

    2 সিয়োন থেকে, পরম সৌন্দর্যের স্থান থেকে,

    ঈশ্বর দীপ্তিমান রয়েছেন।

    3 আমাদের ঈশ্বর আসছেন

    আর তিনি নীরব রইবেন না;

    এক সর্বগ্রাসী আগুন তাঁর অগ্রবর্তী,

    এবং এক প্রচণ্ড ঝড় তাঁর চতুর্দিকে বইছে।

    4 তিনি আকাশমণ্ডলকে তলব করলেন,

    এবং পৃথিবীকেও, যেন তিনি তাঁর ভক্তজনের বিচার করেন:

    5 “আমার পবিত্র লোকেদের আমার কাছে একত্রিত করো,

    যারা বলিদানসহ আমার সঙ্গে এক নিয়ম স্থাপন করেছিল।”

    6 আকাশমণ্ডল তাঁর ধার্মিকতা প্রচার করে,

    কারণ ঈশ্বর স্বয়ং বিচারক।

  19. 1 সদাপ্রভুর প্রশংসা করো।

    আকাশমণ্ডল থেকে সদাপ্রভুর প্রশংসা করো;

    ঊর্ধ্বলোকে তাঁর প্রশংসা করো।

    2 হে তাঁর সমস্ত স্বর্গদূত, তাঁর প্রশংসা করো;

    হে তাঁর সমস্ত স্বর্গীয় বাহিনী, তাঁর প্রশংসা করো।

    3 হে সূর্য ও চন্দ্র, তাঁর প্রশংসা করো;

    হে উজ্জ্বল সব তারা, তাঁর প্রশংসা করো।

    4 হে ঊর্ধ্বতম স্বর্গলোক, তাঁর প্রশংসা করো

    হে আকাশের ঊর্ধ্বস্থিত জলরাশি, তোমরাও করো।

    5 সব সৃষ্টবস্তু সদাপ্রভুর নামের প্রশংসা করুক,

    কারণ তিনি আদেশ করেছিলেন, আর সেসব সৃষ্টি হয়েছিল,

    6 এবং তিনি তাদের চিরকালের জন্য স্থাপন করেছেন,

    তিনি এক বিধি দিয়েছেন, যা কখনও লুপ্ত হবে না।

    7 পৃথিবী থেকে সদাপ্রভুর প্রশংসা হোক,

    হে বিশাল সব সামুদ্রিক জীব এবং অতল মহাসাগর,

    8 বিদ্যুৎ ও শিলাবৃষ্টি, তুষার ও মেঘরাশি,

    বায়ু ও আবহাওয়া, যারা তাঁকে মান্য করে,

    9 পর্বত ও সব পাহাড়,

    ফলের গাছ আর সব দেবদারু গাছ,

    10 বন্যপশু আর গবাদি পশু,

    ক্ষুদ্র প্রাণী এবং উড়ন্ত পাখি,

    11 পৃথিবীর রাজারা আর সব জাতি,

    অধিপতিরা আর পৃথিবীর সব শাসক,

    12 যুবকেরা আর যুবতীরা,

    প্রবীণ লোকেরা আর সব ছেলেমেয়ে।

    13 তারা সবাই সদাপ্রভুর নামের প্রশংসা করুক,

    কারণ শুধু তাঁরই নাম মহিমান্বিত;

    তাঁর প্রতিপত্তি পৃথিবী ও আকাশমণ্ডলের ঊর্ধ্বে।

    14 তিনি তাঁর প্রজাদের শক্তিশালী করেছেন,

    তাঁর বিশ্বস্ত লোকেদের সম্মান প্রদান করেছেন,

    ইস্রায়েলকে করেছেন, যারা তাঁর হৃদয়ের খুব কাছের।

    সদাপ্রভুর প্রশংসা করো।

  20. 11 তিনি সবকিছু তার সময়ে সুন্দর করেছেন। তিনি মানুষের অন্তরে অনন্তকাল সম্বন্ধে বুঝবার ইচ্ছা দিয়েছেন; কিন্তু ঈশ্বর প্রথম থেকে শেষ পর্যন্ত কী করেছেন তা মানুষ বুঝতে পারে না।

  21. 5 আমার মহাপরাক্রম ও প্রসারিত বাহু দ্বারা আমি পৃথিবী, তার অধিবাসী ও তার উপরে স্থিত পশুদের সৃষ্টি করেছি। আমি যাকে যা দেওয়া উপযুক্ত মনে করেছি, তাকে তা দিয়েছি।

  22. 28 “আর পোশাকের বিষয়ে তোমরা কেন দুশ্চিন্তা করো? দেখো, মাঠের লিলি ফুল কীভাবে বিকশিত হয়। তারা পরিশ্রম করে না, সুতোও কাটে না। 29 তবুও আমি তোমাদের বলছি, রাজা শলোমনও তার সমস্ত মহিমায় এদের একটিরও মতো সুশোভিত ছিলেন না। 30 মাঠের যে ঘাস আজ আছে, অথচ আগামীকাল আগুনে নিক্ষিপ্ত করা হবে, ঈশ্বর যদি সেগুলিকে এত সুশোভিত করে থাকেন, তাহলে ওহে অল্পবিশ্বাসীরা, তিনি কি তোমাদের আরও বেশি সুশোভিত করবেন না? 31 সেই কারণে, ‘আমরা কী খাব?’ বা ‘আমরা কী পান করব?’ বা ‘আমরা কী পরব?’ এসব নিয়ে তোমরা দুশ্চিন্তা কোরো না। 32 কারণ পরজাতীয়রাই এই সমস্ত বিষয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকে, অথচ তোমাদের স্বর্গস্থ পিতা জানেন যে এগুলো তোমাদের প্রয়োজন।

  23. 29 দুটি চড়ুইপাখি কি এক পয়সায় বিক্রি হয় না? তবুও, তোমাদের পিতার ইচ্ছা ব্যতিরেকে তাদের একটিও মাটিতে পড়ে না। 30 এমনকি, তোমাদের মাথার চুলগুলিরও সংখ্যা গোনা আছে। 31 তাই ভয় পেয়ো না কারণ চড়ুইপাখি থেকেও তোমরা অনেক বেশি মূল্যবান।

  24. 7 শূন্য স্থানের উপরে তিনি উত্তর অন্তরিক্ষকে প্রসারিত করেছেন;

    শূন্যের উপরে তিনি পৃথিবীকে ঝুলিয়ে রেখেছেন।

    8 তাঁর মেঘে তিনি জলরাশি মুড়ে রাখেন,

    তবুও মেঘরাশি তাদের ভারে বিস্ফোরিত হয় না।

    9 তিনি পূর্ণিমার চাঁদের মুখ ঢেকে রাখেন,

    তাঁর মেঘরাশি তার উপর প্রসারিত করেন।

    10 আলো ও অন্ধকারের মধ্যে এক সীমানারূপে

    জলরাশির উপরে তিনি দিগন্তের চিহ্ন এঁকে দিয়েছেন।

    11 আকাশমণ্ডলের স্তম্ভগুলি কেঁপে ওঠে,

    তাঁর ভর্ৎসনায় বিস্ময়বিমূঢ় হয়ে যায়।

    12 তাঁর পরাক্রম দ্বারা তিনি সমুদ্র মন্থন করেন;

    তাঁর প্রজ্ঞা দ্বারা তিনি রাহবকে কেটে টুকরো টুকরো করে দেন।

    13 তাঁর নিশ্বাস দ্বারা আকাশ পরিষ্কার হয়;

    তাঁরই হাত পিচ্ছিল সাপকে বিদ্ধ করেছে।

    14 আর এসবই তাঁর কর্মের বাইরের দিকের ঝালর মাত্র;

    তাঁর বিষয়ে আমরা যা শুনি তা যদি এত ক্ষীণ ফিস্‌ফিসানি!

    তবে তাঁর পরাক্রমের বজ্রধ্বনি কে-ই বা বুঝতে পারে?”

  25. 11 মেঘরাশিতে তিনি আর্দ্রতা ভরে দেন;

    তাদের মাধ্যমে তিনি তাঁর বিজলি ছড়িয়ে দেন।

    12 তাঁরই পরিচালনায় তারা

    সমগ্র পৃথিবীর বুকে ঘুরপাক খেতে খেতে

    তাঁর দেওয়া নির্দেশ পালন করে।

    13 তিনি মেঘরাশি সঞ্চার করে লোকজনকে শাস্তি দেন,

    বা তাঁর পৃথিবীকে জলসিক্ত করেন ও তাঁর প্রেম দেখান।

    14 “হে ইয়োব, আপনি একথা শুনুন;

    একটু থেমে ঈশ্বরের আশ্চর্য কাজকর্ম বিবেচনা করুন।

    15 আপনি কি জানেন কীভাবে ঈশ্বর মেঘরাশি নিয়ন্ত্রণ করেন

    ও তাঁর বিজলি চমকান?

    16 আপনি কি জানেন কীভাবে মেঘরাশি শূন্যে ঝুলে থাকে,

    যিনি নিখুঁত জ্ঞানবিশিষ্ট, তাঁর আশ্চর্য কাজগুলি জানেন কি?

  26. 11 আকাশমণ্ডল তোমার, এই জগৎও তোমার;

    পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে সমস্ত তোমারই সৃষ্টি।

  27. 15 সদাপ্রভু ঈশ্বর মানুষটিকে নিয়ে এদন বাগানে কাজ করার এবং সেটির যত্ন নেওয়ার জন্য তাকে সেখানে রাখলেন।

  28. 11 আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লসিত হোক;

    সমুদ্র ও যা কিছু তার মধ্যে আছে, গর্জন করুক।

    12 সমস্ত ময়দান ও সেখানকার সবকিছু উল্লসিত হোক;

    জঙ্গলের সব গাছ আনন্দ সংগীত করুক।

    13 সমস্ত সৃষ্টি সদাপ্রভুর সামনে আনন্দ করুক, কারণ তিনি আসছেন,

    এই জগতের বিচার করার জন্য তিনি আসছেন।

    তিনি ধার্মিকতায় এই পৃথিবীর বিচার করবেন

    এবং তাঁর সত্য অনুযায়ী সব মানুষের বিচার করবেন।

  29. 13 তিনি যখন বজ্রনাদ করেন, আকাশমণ্ডলের জলরাশি গর্জন করে;

    পৃথিবীর প্রান্তসীমা থেকে তিনি মেঘমালাকে উত্থিত করেন।

    তিনি বৃষ্টির জন্য বিদ্যুৎ গঠন করেন

    এবং তাঁর ভাণ্ডার-কক্ষ থেকে বাতাস বের করে আনেন।

  30. 8 যিনি কৃত্তিকা ও কালপুরুষ নক্ষত্রমণ্ডলী নির্মাণ করেছেন,

    যিনি মধ্য রাত্রিকে প্রভাতে পরিণত করেন

    ও দিনকে রাতের মতো অন্ধকারময় করেন,

    যিনি সমুদ্রের জলরাশিকে আহ্বান করেন

    ও ভূপৃষ্ঠের উপরে তাদের ঢেলে দেন—

    সদাপ্রভু তাঁর নাম।

    9 তিনি দৃঢ় দুর্গের উপরে দ্রুত সর্বনাশ নামিয়ে আনেন

    ও সুরক্ষিত নগরীকে ধ্বংস করে থাকেন,

  31. 27 “লিলি ফুল কেমন বেড়ে ওঠে, ভেবে দেখো। তারা পরিশ্রম করে না, সুতোও কাটে না। তবুও আমি তোমাদের বলছি, রাজা শলোমনও তাঁর সমস্ত মহিমায় এদের একটিরও মতো সুশোভিত ছিলেন না।

  32. 6 কেবল তুমিই সদাপ্রভু। তুমিই আকাশমণ্ডল, সর্বোচ্চ আকাশমণ্ডল, তার সমস্ত তারকারাশি, পৃথিবী ও তার উপরের সবকিছু, সমুদ্র ও তার মধ্যে স্থিত সমস্ত কিছু তৈরি করেছ। তুমিই সকলের প্রাণ দিয়েছ এবং স্বর্গের বাহিনী তোমার উপাসনা করে।

  33. 1 দেখো, সদাপ্রভু পৃথিবীকে পরিত্যক্ত করে

    তা ধ্বংস করতে চলেছেন;

    তিনি ভূপৃষ্ঠ ধ্বংস করে

    এবং তার অধিবাসীদের ছিন্নভিন্ন করবেন,

    2 সবার অবস্থা একইরকম হবে

    যাজকদের ও সাধারণ লোকদের,

    মনিব ও দাসদের,

    কর্ত্রী ও দাসীর,

    বিক্রয়কারী ও ক্রেতার,

    ঋণগ্রহীতার ও ঋণদাতার,

    উত্তমর্ণ ও অধমর্ণ, সকলের।

    3 পৃথিবী সম্পূর্ণ জন পরিত্যক্ত হবে

    ও সম্পূর্ণরূপে লুন্ঠিত হবে।

    সদাপ্রভু এই কথা বলেছেন।

    4 পৃথিবী শুকিয়ে যাবে ও নিস্তেজ হবে,

    জগৎ অবসাদগ্রস্ত হয়ে নিস্তেজ হবে,

    পৃথিবীর মহিমান্বিত ব্যক্তিরা অবসন্ন হবে।

    5 পৃথিবী তার অধিবাসীদের দ্বারা কলুষিত হয়েছে;

    তারা বিধান অমান্য করেছে,

    তারা বিধিবিধান লঙ্ঘন করে

    চিরস্থায়ী চুক্তির অবমাননা করেছে।

    6 সেই কারণে, এক অভিশাপ পৃথিবীকে গ্রাস করেছে;

    এর লোকেরা অবশ্য তাদের অপরাধ বহন করবে।

    তাই পৃথিবীর অধিবাসীরা দগ্ধ হয়,

    অতি অল্প মানুষই বেঁচে থাকে।

  34. 28 তুমি কি জানো না?

    তুমি কি কখনও শোনোনি?

    সদাপ্রভুই সনাতন ঈশ্বর,

    তিনি পৃথিবীর প্রান্তসীমার সৃষ্টিকর্তা।

    তিনি শ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না,

    তাঁর বুদ্ধির গভীরতা কেউ পরিমাপ করতে পারে না।

  35. 17 “দেখো, আমি নতুন আকাশমণ্ডল

    ও এক নতুন পৃথিবী সৃষ্টি করি।

    পূর্বের বিষয়গুলি আর স্মরণ করা হবে না,

    সেগুলি আর মনেও আসবে না।

    18 কিন্তু আমি যা সৃষ্টি করব, তার জন্য

    আনন্দিত ও চিরকালের জন্য উল্লসিত হও,

    কারণ আমি জেরুশালেমকে হর্ষের জন্য

    ও তার লোকেদের আনন্দের জন্য সৃষ্টি করব।

  36. 6 তারপর সদাপ্রভু ঈশ্বর সেখানে একটি দ্রাক্ষালতা উৎপন্ন করলেন এবং সেটিকে যোনার মাথার উপর পর্যন্ত বৃদ্ধি করালেন, যেন সেটি তার মাথায় ছায়া দেয় ও তার অস্বস্তির আরাম হয়। দ্রাক্ষালতাটির জন্য যোনা ভীষণ আনন্দিত হলেন। 7 কিন্তু পরের দিন ভোরবেলায়, ঈশ্বর একটি কীট পাঠালেন যা দ্রাক্ষালতাটিকে দংশন করলে সেটি শুকিয়ে গেল। 8 সূর্য ওঠার পরে, ঈশ্বর এক উষ্ণ পূবের বাতাস পাঠালেন এবং সূর্য যোনার মাথায় এমন প্রখর তাপ দিতে লাগল যে, যোনা বিবর্ণ হয়ে নিজের মৃত্যু কামনা করে বললেন, “বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়া ভালো।”

    9 কিন্তু ঈশ্বর যোনাকে বললেন, “দ্রাক্ষালতাটির জন্য তোমার রাগ করা কি ঠিক হচ্ছে?”

    যোনা বললেন, “হ্যাঁ ঠিক হচ্ছে, আমি এত রেগে আছি যে, আমি মরে গেলেই ভালো হত।”

    10 কিন্তু সদাপ্রভু বললেন, “তুমি এই দ্রাক্ষালতাটি সম্পর্কে চিন্তিত হয়েছ, যদিও তুমি এটি রোপণ করোনি বা তা বেড়ে উঠতে সাহায্য করোনি। এক রাত্রির মধ্যে এটি অঙ্কুরিত হল ও এক রাত্রির মধ্যেই এটি শুকিয়ে গেল। 11 কিন্তু নীনবীতে 1,20,000 এরও বেশি মানুষ আছে, যারা জানে না কোনটা ডান হাত ও কোনটা বাঁ হাত। তেমনই অনেক পশুও আছে। তাহলে, আমিও কি সেই নীনবী মহানগরীর জন্য চিন্তিত হব না?”

  37. 6 দুই পয়সায় কি পাঁচটি চড়ুইপাখি বিক্রি হয় না? তবুও তাদের একটিকেও ঈশ্বর ভোলেন না।