39 Bible Verses About God's Wisdom
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
13 তারাই আশীর্বাদধন্য যারা প্রজ্ঞা খুঁজে পায়,
যারা বিচক্ষণতা লাভ করে,
14 কারণ প্রজ্ঞা রুপোর চেয়েও বেশি লাভজনক
ও সোনার চেয়েও ভালো প্রতিদান দেয়।
15 প্রজ্ঞা পদ্মরাগমণির চেয়েও বেশি মূল্যবান;
তোমার আকাঙ্ক্ষিত কোনো কিছুকেই তার সাথে তুলনা করা যায় না।
16 প্রজ্ঞার ডান হাতে দীর্ঘ পরমায়ু আছে;
বাঁ হাতে ধন ও সম্মান আছে।
17 তার পথগুলি সুখকর পথ,
ও তার সব পথে শান্তি আছে।
18 যারা প্রজ্ঞাকে ধরে রাখে তাদের কাছে সে এক জীবনবৃক্ষ;
যারা তাকে অটলভাবে ধরে রাখে তারা আশীর্বাদধন্য হবে।
19 সদাপ্রভু প্রজ্ঞা দ্বারাই পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছেন,
বিচক্ষণতা দ্বারাই তিনি আকাশমণ্ডলকে যথাস্থানে রেখেছেন;
20 তাঁর জ্ঞানের দ্বারাই গভীর জলরাশি বিভক্ত হয়েছিল,
ও মেঘরাশি শিশির বর্ষণ করে।
21 হে আমার বাছা, প্রজ্ঞা ও বিচক্ষণতা যেন তোমার দৃষ্টি-বহির্ভূত না হয়,
সূক্ষ্ম বিচার ও বিচক্ষণতা অক্ষুণ্ণ রেখো;
22 তোমার জন্য সেগুলি জীবনস্বরূপ হবে,
তোমার গলার শোভাবর্ধক এক অলংকার হবে।
23 তখন তুমি নিরাপদে তোমার পথে চলে যাবে,
ও তোমার পায়ে হোঁচট লাগবে না।
24 তুমি যখন শুয়ে থাকবে, তখন তুমি ভয় পাবে না;
তুমি যখন শুয়ে থাকবে, তখন তোমার ঘুমও তৃপ্তিদায়ক হবে।
25 আকস্মিক বিপর্যয় দেখে ভয় পাবে না
বা দুষ্টদের সর্বনাশ হতে দেখেও ভয় পাবে না,
26 কারণ সদাপ্রভু তোমার পাশে দাঁড়াবেন
ও তোমার পা-কে ফাঁদে পড়া থেকে তিনিই রক্ষা করবেন।
-
18 কারণ যারা ধ্বংস হচ্ছে সেই ক্রুশের বার্তা তাদের কাছে মূর্খতা, কিন্তু আমরা যারা পরিত্রাণ লাভ করছি, এই বাক্য হল ঈশ্বরের পরাক্রমস্বরূপ। 19 কারণ একথা লেখা আছে:
“আমি জ্ঞানীদের জ্ঞান নষ্ট করব,
বুদ্ধিমানদের বুদ্ধি ব্যর্থ করব।”
20 জ্ঞানবান মানুষ কোথায়? বিধানের শিক্ষকই বা কোথায়? এই যুগের দার্শনিক কোথায়? ঈশ্বর কি জগতের জ্ঞানকে মূর্খতায় পরিণত করেননি? 21 কারণ, যেহেতু ঈশ্বরের জ্ঞান অনুসারে জগৎ তার জ্ঞানে তাঁকে জানতে পারেনি, তাই যা প্রচারিত হয়েছিল সেই মূর্খতার মাধ্যমে যারা বিশ্বাস করে ঈশ্বর তাদের পরিত্রাণ দিতে প্রীত হলেন। 22 ইহুদিরা অলৌকিক বিভিন্ন চিহ্ন দাবি করে এবং গ্রিকেরা জ্ঞানের খোঁজ করে, 23 কিন্তু আমরা ক্রুশবিদ্ধ খ্রীষ্টকে প্রচার করি; তিনি ইহুদিদের কাছে প্রতিবন্ধকতাস্বরূপ ও অইহুদিদের কাছে মূর্খতাস্বরূপ। 24 কিন্তু ইহুদি ও গ্রিক নির্বিশেষে, ঈশ্বর যাদের আহ্বান করেছেন, তাদের কাছে খ্রীষ্টই হলেন ঈশ্বরের পরাক্রম ও ঈশ্বরের জ্ঞান। 25 কারণ ঈশ্বরের মূর্খতা মানুষের জ্ঞান থেকেও বেশি জ্ঞানসম্পন্ন এবং ঈশ্বরের দুর্বলতা মানুষের শক্তি থেকেও বেশি শক্তিশালী।
26 ভাইবোনেরা, ভেবে দেখো, যখন তোমাদের আহ্বান করা হয়, তখন তোমরা কী ছিলে? মানবিক মানদণ্ড অনুসারে, তোমরা অনেকেই জ্ঞানী ছিলে না; অনেকেই প্রভাবশালী ছিলে না; অনেকেই অভিজাত বংশীয় ছিলে না। 27 কিন্তু ঈশ্বর জগতের মূর্খ বিষয়গুলি মনোনীত করলেন, যেন জ্ঞানীদের লজ্জা দেন; ঈশ্বর জগতের দুর্বল বিষয়গুলি মনোনীত করলেন, যেন শক্তিসম্পন্ন বিষয়গুলিকে লজ্জিত করেন। 28 তিনি জগতের যা কিছু নিচুস্তরের, যা কিছু তুচ্ছ, আবার যেসব বিষয় কিছুই নয়, সেইসব বিষয় মনোনীত করলেন, যেন যা কিছু আছে সেগুলিকে নাকচ করেন, 29 যেন কোনো মানুষ তাঁর সামনে গর্ব করতে না পারে। 30 তাঁরই কারণে তোমরা খ্রীষ্ট যীশুতে আছ, যিনি আমাদের জন্য হয়েছেন ঈশ্বর থেকে জ্ঞান—অর্থাৎ, আমাদের ধার্মিকতা, পবিত্রতা ও মুক্তি। 31 অতএব, যেমন লেখা আছে, “যে গর্ব করে, সে প্রভুতেই গর্ব করুক।”
-
13 তোমাদের মধ্যে কে জ্ঞানবান ও বুদ্ধিমান? সে জ্ঞানের মাধ্যমে আসা সৎ জীবন ও নম্রতায় করা কাজকর্মের দ্বারা তা প্রমাণ করুক। 14 কিন্তু তোমরা যদি তোমাদের অন্তরে তিক্ত ঈর্ষা ও স্বার্থকেন্দ্রিক উচ্চাশা পোষণ করো, তার জন্য গর্বপ্রকাশ কোরো না বা সত্যকে অস্বীকার কোরো না। 15 এ ধরনের “জ্ঞান” স্বর্গ থেকে নেমে আসে না। তা পার্থিব, সাংসারিক ও শয়তানসুলভ। 16 কারণ যেখানে তোমাদের মধ্যে ঈর্ষা ও স্বার্থকেন্দ্রিক উচ্চাশা আছে, সেখানেই তোমরা দেখবে বিশৃঙ্খলা ও সব ধরনের মন্দ অভ্যাস।
17 কিন্তু স্বর্গ থেকে যে জ্ঞান আসে, প্রথমত তা বিশুদ্ধ, তারপরে তা শান্তিপ্রিয়, সুবিবেচক, অনুগত, করুণায় ও উৎকৃষ্ট ফলে পূর্ণ, পক্ষপাতশূন্য ও অকপট। 18 আর যারা শান্তি স্থাপনের জন্য শান্তিতে বীজবপন করে, তারা ধার্মিকতার ফসল উৎপন্ন করবে।
-
5 তোমাদের কারও যদি প্রজ্ঞার অভাব থাকে, সে ঈশ্বরের কাছে তা চাইবে, যিনি কোনও ত্রুটি না ধরে উদারভাবে সকলকে দান করে থাকেন, আর তাকে তা দেওয়া হবে। 6 কিন্তু চাওয়ার সময় তাকে বিশ্বাস করতে হবে, সে যেন সন্দেহ না করে। কারণ যে সন্দেহ করে, সে সমুদ্রের ঢেউয়ের মতো, বাতাসে তাড়িত ও উৎক্ষিপ্ত। 7 সেই ব্যক্তি এমন মনে না করুক যে, সে প্রভুর কাছ থেকে কিছু পাবে। 8 সে দ্বিমনা ব্যক্তি, তার সমস্ত কাজে কোনো স্থিরতা নেই।
-
19 সেরাতেই স্বপ্নের রহস্য দানিয়েলের কাছে এক দর্শনের মাধ্যমে প্রকাশ পেল। তখন দানিয়েল স্বর্গের ঈশ্বরের প্রশংসা করলেন। 20 তিনি বললেন:
“ঈশ্বরের নামের চিরকাল প্রশংসা হোক;
কারণ জ্ঞান ও শক্তি তাঁরই।
21 তিনি সময় ও ঋতু পরিবর্তন করেন;
তিনি রাজাদের অপসারণ করেন ও অন্য রাজাদের উত্থাপন করেন।
তিনি জ্ঞানীকে জ্ঞান দেন,
আর বিচক্ষণকে বুদ্ধি দেন।
22 তিনি গভীর ও লুকানো বিষয় ব্যক্ত করেন;
তিনি জানেন অন্ধকারে কী লুকিয়ে আছে,
আর আলো ঈশ্বরেই বাস করে।
23 হে আমার পূর্বপুরুষের ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ ও প্রশংসা করি;
তুমি আমায় জ্ঞান ও শক্তি দিয়েছ,
আমরা তোমার কাছে যা জানতে চেয়েছিলাম তা তুমি আমার কাছে প্রকাশ করেছ,
তুমি আমাদের কাছে রাজার সেই স্বপ্নের রহস্য প্রকাশ করেছ।”
-
30 যেমন তোমরা এক সময় ঈশ্বরের অবাধ্য ছিলে, কিন্তু এখন তাদের অবাধ্যতার কারণে করুণা লাভ করেছ, 31 তেমনই তারাও এখন অবাধ্য হয়েছে, যেন তোমরা ঈশ্বরের করুণা লাভ করেছে বলে তারাও একদিন করুণা লাভ করবে। 32 কারণ ঈশ্বর সব মানুষকে অবাধ্যতার কাছে রুদ্ধ করেছেন, যেন তিনি তাদের সকলেরই প্রতি করুণা করতে পারেন।
33 আহা, ঈশ্বরের প্রজ্ঞার ঐশ্বর্য ও জ্ঞান কত গভীর!
তাঁর বিচারসকল কেমন অন্বেষণের অতীত,
তাঁর পথসকল অনুসন্ধান করা যায় না!
34 “প্রভুর মন কে জানতে পেরেছে?
কিংবা কে তাঁর উপদেষ্টা হয়েছে?”
35 “কে কখন ঈশ্বরকে কিছু দিয়েছে,
যে ঈশ্বর তা পরিশোধ করবেন?”
36 কারণ সকল বস্তুর উদ্ভব তাঁর থেকে,
তাঁর মাধ্যমে ও তাঁরই জন্য, তাঁরই মহিমা হোক চিরকাল! আমেন।
-
1 হে আমার বাছা, তুমি যদি আমার কথা শোনো
ও আমার আদেশগুলি হৃদয়ে সঞ্চয় করে রাখো,
2 প্রজ্ঞার প্রতি কর্ণপাত করো
ও বুদ্ধিতে মনোনিবেশ করো—
3 সত্যিই, তুমি যদি অন্তর্দৃষ্টিকে ডাক দাও
ও বুদ্ধি লাভের জন্য জোর গলায় কাকুতিমিনতি করো,
4 ও যদি রুপোর মতো তার খোঁজ করো
ও গুপ্তধনের মতো তা খুঁজে বেড়াও,
5 তবেই তুমি সদাপ্রভুর ভয় বুঝতে পারবে
ও ঈশ্বরের জ্ঞান খুঁজে পাবে।
6 কারণ সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন;
তাঁর মুখ থেকেই জ্ঞান ও বুদ্ধি বের হয়।
7 ন্যায়পরায়ণদের জন্য তিনি সাফল্য সঞ্চয় করে রাখেন,
যাদের চলন অনিন্দনীয়, তাদের জন্য তিনি ঢাল হয়ে দাঁড়ান,
8 কারণ তিনি ধার্মিকের পথ পাহারা দেন
ও তাঁর বিশ্বস্তজনেদের গতিপথ রক্ষা করেন।
9 তখন তুমি বুঝবে ন্যায্য ও যথাযথ
ও উপযুক্ত—প্রত্যেক সঠিক পথ কী।
10 কারণ তোমার হৃদয়ে প্রজ্ঞা প্রবেশ করবে,
ও জ্ঞান তোমার প্রাণের পক্ষে আনন্দদায়ক হবে।
11 বিচক্ষণতা তোমাকে রক্ষা করবে,
ও বুদ্ধি তোমাকে পাহারা দেবে।
12 প্রজ্ঞা তোমাকে দুষ্টলোকের পথ থেকে উদ্ধার করবে,
সেইসব লোকের হাত থেকে করবে যারা বিকৃত কথা বলে,
13 যারা অন্ধকারাচ্ছন্ন পথে চলার জন্য
সোজা পথ ত্যাগ করেছে,
14 যারা অন্যায় করে আনন্দ পায়
ও মন্দের বিকৃতমনস্কতায় আনন্দিত হয়,
15 যাদের পথ কুটিল
ও যারা তাদের আচরণে প্রতারণাপূর্ণ।
-
8 বিদ্রুপকারীদের ভর্ৎসনা কোরো না পাছে তারা তোমাকে ঘৃণা করে;
জ্ঞানবানদের ভর্ৎসনা করো ও তারা তোমাকে ভালোবাসবে।
9 জ্ঞানবানদের উপদেশ দাও ও তারা আরও জ্ঞানী হবে;
ধার্মিকদের শিক্ষা দাও ও তাদের পাণ্ডিত্য বৃদ্ধি পাবে।
10 সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ,
ও পবিত্রতম সম্বন্ধীয় জ্ঞানই হল বোধশক্তি।
11 কারণ প্রজ্ঞার মাধ্যমেই তোমার আয়ু বাড়বে,
ও তোমার জীবনে বেশ কিছু বছর যুক্ত হবে।
12 তুমি যদি জ্ঞানবান হও, তোমার প্রজ্ঞা তোমাকে পুরস্কৃত করবে;
তুমি যদি একজন বিদ্রুপকারী, তবে তুমি একাই কষ্টভোগ করবে।
-
উদ্দেশ্য ও বিষয়বস্তু
1 দাউদের ছেলে, ইস্রায়েলের রাজা শলোমনের হিতোপদেশ:
2 প্রজ্ঞা ও শিক্ষা অর্জনের জন্য;
অন্তর্দৃষ্টিমূলক কথা বোঝার জন্য;
3 বিচক্ষণ ব্যবহারের সম্বন্ধে শিক্ষালাভের জন্য,
যা কিছু যথার্থ, ন্যায্য ও সুন্দর, তা করার জন্য;
4 অনভিজ্ঞ মানুষদের দূরদর্শিতা,
অল্পবয়স্কদের জ্ঞান ও বিচক্ষণতা দানের জন্য—
5 জ্ঞানবানেরা শুনুক ও তাদের জ্ঞান বৃদ্ধি হোক,
এবং বিচক্ষণেরা পথনির্দেশনা লাভ করুক—
6 যেন তারা নীতিবচন ও দৃষ্টান্ত,
জ্ঞানবানদের বাণী ও হেঁয়ালি বুঝতে পারে।
7 সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ,
কিন্তু মূর্খেরা প্রজ্ঞা ও শিক্ষা তুচ্ছ করে।
-
24 কৃষক যখন বীজ বপনের জন্য জমি চাষ করে, সে কি তা চাষ করেই যায়?
সে কি ক্রমাগত পাথর ভাঙ্গে ও মাটিতে মই দেয়?
25 সে যখন ভূমির উপরিভাগ সমান করে,
সে কি মৌরি ও জিরের বীজ বোনে না?
সে কি যথাস্থানে গম ও যব
ও খেতের সীমানায় ভুট্টা
যথা উপায়ে বপন করে না?
26 তার ঈশ্বর তাকে নির্দেশ দেন
ও তাকে যথার্থ নিয়মের শিক্ষা দেন।
27 মৌরি হাতগাড়ির দ্বারা মাড়াই করা হয় না,
জিরের উপরে গোরুগাড়ির চাকাও চালানো হয় না;
মৌরি লাঠি দিয়ে পেটানো হয়,
জিরে একটি ছড়ির দ্বারা।
28 রুটি তৈরি করার জন্য গম অবশ্যই চূর্ণ করতে হয়,
তাই কেউই গম অনবরত মাড়াই করে না।
যদিও মাড়াই করা গাড়ির চাকা তার উপরে চালানো হয়,
ঘোড়ার খুরে তা কিন্তু চূর্ণ হয় না।
29 এই সমস্ত জ্ঞান আসে সর্বশক্তিমান সদাপ্রভুর কাছ থেকে,
যাঁর পরিকল্পনা অপূর্ব,
যাঁর প্রজ্ঞা চমৎকার।
-
1 লায়োদেকিয়ার অধিবাসীদের ও যাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে সাক্ষাৎ হয়নি, তাদের এবং তোমাদের জন্য আমি কত সংগ্রাম করে চলেছি, তোমাদের তা অবগত করতে চাই। 2 তাদের অন্তরকে অনুপ্রেরণায় উদ্বুদ্ধ ও ভালোবাসায় একতাবদ্ধ করে তোলাই আমার অভিপ্রায়। তারা যেন পূর্ণ বোধশক্তির ঐশ্বর্যে পরিপূর্ণতা লাভ করতে পারে এবং ঈশ্বরের গুপ্তরহস্য, অর্থাৎ খ্রীষ্টকে জানতে পারে। 3 তাঁরই মধ্যে আছে প্রজ্ঞা ও জ্ঞানের সমস্ত ঐশ্বর্য।
-
18 তোমরা নিজেদের সঙ্গে প্রতারণা কোরো না। তোমাদের মধ্যে কেউ যদি এই যুগের মানদণ্ড অনুসারে নিজেকে জ্ঞানী বলে ভাবে, তাকে “মূর্খ” হতে হবে, যেন সে জ্ঞানী হতে পারে। 19 কারণ ঈশ্বরের দৃষ্টিতে এই জগতের জ্ঞান মূর্খতামাত্র। যেমন লেখা আছে: “জ্ঞানীদের তিনি তাদের ধূর্ততায় ধরে ফেলেন,” 20 আবার, “প্রভু জানেন যে, জ্ঞানীদের চিন্তাভাবনা অসার।” 21 তাহলে, কোনো মানুষ সম্পর্কে কেউ যেন আর গর্ব না করে! সব বিষয়ই তোমাদের জন্য, 22 পৌল হোক বা আপল্লো বা কৈফা বা জগৎ বা জীবন বা মৃত্যু বা বর্তমানকাল বা ভাবীকাল—সবকিছুই তোমাদের, 23 আর তোমরা খ্রীষ্টের ও খ্রীষ্ট ঈশ্বরের।
-
16 সোনার চেয়ে প্রজ্ঞা লাভ করা কতই না ভালো,
রুপোর পরিবর্তে দূরদর্শিতা অর্জন করা শ্রেয়!
-
1 ভাইবোনেরা, আমি যখন তোমাদের কাছে গিয়েছিলাম, আমি কোনো বাক্যের অলংকার ব্যবহার বা জ্ঞানের উৎকৃষ্টতায় তোমাদের কাছে ঈশ্বরের সাক্ষ্য ঘোষণা করতে যাইনি। 2 কারণ আমি মনস্থির করেছিলাম, তোমাদের সঙ্গে থাকার সময়, আমি যীশু খ্রীষ্ট ও তাঁকে ক্রুশবিদ্ধ বলে জানা ছাড়া আর কিছুই জানতে চাইব না। 3 আমি দুর্বলতায় ও ভয়ে এবং মহাকম্পিত হয়ে তোমাদের কাছে গিয়েছিলাম। 4 আমার বার্তা ও আমার প্রচার কোনও জ্ঞানের বা প্রেরণা দেওয়ার বাক্যযুক্ত ছিল না, কিন্তু ছিল পবিত্র আত্মার পরাক্রমের প্রদর্শনযুক্ত, 5 যেন তোমাদের বিশ্বাস মানবীয় জ্ঞানের উপরে প্রতিষ্ঠিত না হয়ে ঈশ্বরের পরাক্রমের উপরে হয়।
6 যারা পরিণত তাদের কাছে আমরা জ্ঞানের কথা বলে থাকি, তা কিন্তু এই যুগের জ্ঞান অনুযায়ী নয় বা এই যুগের শাসকদেরও নয়, যারা ক্রমেই মূল্যহীন হয়ে পড়ছেন। 7 না, আমরা ঈশ্বরের গোপন জ্ঞানের কথা বলি, যে নিগূঢ়তত্ত্ব গুপ্ত ছিল, যা সময় শুরু হওয়ার আগেই ঈশ্বর আমাদের মহিমার জন্য নির্দিষ্ট করে রেখেছিলেন। 8 এই যুগের শাসকদের কেউই তা বুঝতে পারেননি, কারণ যদি পারতেন, তাহলে তাঁরা মহিমার প্রভুকে ক্রুশবিদ্ধ করতেন না। 9 কিন্তু, যেমন লেখা আছে,
“কোনো চোখ যা দেখেনি, কোনো কান যা শোনেনি,
কোনো মানুষের মনে যা আসেনি,
যারা তাঁকে ভালোবাসে,
ঈশ্বর তাদের জন্য তাই প্রস্তুত করেছেন।”
10 কিন্তু ঈশ্বর, তাঁর আত্মার দ্বারা, সেসব আমাদের কাছে প্রকাশ করেছেন।
আত্মা সকল বিষয়ের, এমনকি, ঈশ্বরের নিগূঢ় বিষয়গুলিও অনুসন্ধান করেন। 11 কারণ মানুষের অন্তরের আত্মা ছাড়া কোনো মানুষের চিন্তা কে জানতে পারে? একইভাবে, ঈশ্বরের চিন্তাভাবনা ঈশ্বরের আত্মা ছাড়া আর কেউই জানতে পারে না। 12 আমরা জগতের আত্মাকে লাভ করিনি, কিন্তু লাভ করেছি সেই আত্মাকে, যিনি ঈশ্বর থেকে নির্গত হয়েছেন, যেন আমরা বুঝতে পারি, ঈশ্বর বিনামূল্যে আমাদের কী দান করেছেন। 13 আমরা একথাই বলি, মানুষের জ্ঞান দ্বারা আমাদের শেখানো ভাষায় নয়, কিন্তু পবিত্র আত্মার দ্বারা শেখানো ভাষায়, যা আত্মিক বিভিন্ন সত্যকে আত্মিক ভাষায় ব্যক্ত করে। 14 প্রাকৃতিক মানুষ ঈশ্বরের আত্মা থেকে আগত বিষয়গুলি গ্রহণ করতে পারে না, কারণ সেসব তার কাছে মূর্খতা। সে সেগুলি বুঝতেও পারে না, কারণ সেগুলিকে আত্মিকভাবে বিচার-বিশ্লেষণ করতে হয়। 15 আত্মিক চেতনা সম্পন্ন মানুষ সব বিষয়েরই বিচার করে, কিন্তু সে স্বয়ং কোনো মানুষের বিচারাধীন হয় না।
16 “কারণ প্রভুর মন কে জানতে পেরেছে,
যে তাঁকে পরামর্শ দান করতে পারে?”
কিন্তু খ্রীষ্টের মন আমাদের আছে।
-
1 পরে সদাপ্রভু ঝড়ের মধ্যে থেকে ইয়োবের সঙ্গে কথা বললেন। তিনি বললেন:
2 “এ কে যে অজ্ঞানের মতো কথা বলে
আমার পরিকল্পনাগুলি ম্লান করে দিচ্ছে?
3 পুরুষমানুষের মতো নিজেকে মজবুত করো;
আমি তোমাকে প্রশ্ন করব,
ও তুমি আমাকে উত্তর দেবে।
4 “আমি যখন পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছিলাম তুমি তখন কোথায় ছিলে?
যদি বুঝেছো, তবে আমায় বলো।
5 পৃথিবীর মাত্রা কে চিহ্নিত করল? তুমি নিশ্চয় তা জানো!
তার উপরে কে সীমারেখা টানলো?
6 কীসের উপরে তার অবস্থান খাড়া হল,
বা কে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলো—
7 যখন শুকতারারা একসাথে গেয়ে উঠল
ও স্বর্গদূতেরা সবাই আনন্দে চিৎকার করে উঠল?
8 “কে দরজার আড়ালে সমুদ্রকে অবরুদ্ধ করল
যখন তা গর্ভ থেকে বের হয়ে এল,
9 যখন আমি মেঘরাশিকে তার পোশাক বানালাম
ও তা ঘন অন্ধকারে ঢেকে দিলাম,
10 যখন আমি তার জন্য সীমা নির্দিষ্ট করলাম
এবং তার দরজা ও খিল যথাস্থানে লাগালাম।
11 যখন আমি বললাম, ‘এই পর্যন্তই তুমি আসতে পারবে, আর নয়;
এখানেই তোমার তরঙ্গের গর্ব থেমে যাবে’?
12 “তুমি কি কখনও সকালকে আদেশ দিয়েছ,
বা ভোরবেলাকে তার স্থান দেখিয়ে দিয়েছ
13 যেন তা পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে
ও সেখান থেকে দুষ্টদের ঝেড়ে ফেলে?
14 পৃথিবী সিলমোহরের তলায় লেগে থাকা মাটির মতো আকার নেয়;
তার বৈশিষ্ট্য এক পোশাকের মতো ফুটে ওঠে।
15 দুষ্টদের আলো দেওয়া হয় না,
ও তারা যে হাত উঁচুতে তুলে ধরে তা ভেঙে যায়।
16 “তুমি কি সমুদ্রের উৎসে যাত্রা করেছ
বা সমুদ্রতলবর্তী গর্তে হাঁটাহাঁটি করেছ?
17 মৃত্যুর দরজা কি তোমার কাছে প্রকাশিত হয়েছে?
তুমি কি গাঢ় অন্ধকারের দরজা দেখেছ?
18 পৃথিবীর সুবিশাল বিস্তারের বিষয়টি কি তুমি বুঝে ফেলেছ?
এসব কিছু যদি তুমি জানো, তবে আমায় বলো।
19 “আলোর বাসস্থানে যাওয়ার পথ কোনটি?
আর অন্ধকার কোথায় বসবাস করে?
20 তুমি কি তাদের স্বস্থানে নিয়ে যেতে পারো?
তুমি কি তাদের ঘরের পথ জান?
21 নিশ্চয় জানো, কারণ তখন তো তোমার জন্ম হয়ে গিয়েছিল!
তুমি তো বহু বছর ধরে বেঁচে আছ!
22 “তুমি কি তুষারের আড়তে প্রবেশ করেছ
বা শিলাবৃষ্টির গুদাম দেখেছ,
23 যা আমি সংকটকালের জন্য,
যুদ্ধবিগ্রহের দিনের জন্য সংরক্ষিত করে রেখেছি?
24 কোনও পথ ধরে সেখানে যাওয়া যায়, যেখান থেকে বিজলি বিচ্ছুরিত হয়,
বা যেখান থেকে পূর্বীয় বাতাস সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে?
25 প্রবল বৃষ্টিপাতের জন্য কে খাল খুঁড়েছে,
ও বজ্রঝড়ের জন্য কে পথ তৈরি করে দিয়েছে,
26 যেন জনমানবহীন দেশ,
বসতিহীন মরুভূমি জলসিক্ত হয়,
27 যেন ঊষর পতিত জমি তৃপ্ত হয়
ও সেখানে কচি ঘাস অঙ্কুরিত হয়?
28 বৃষ্টির কি বাবা আছে?
কে শিশিরকণার জন্ম দিয়েছে?
29 কার গর্ভ থেকে বরফ বের হয়েছে?
আকাশ থেকে ঝড়ে পড়া তুষারের জন্মই বা কে দিয়েছে
30 যখন জল জমে পাথরের মতো শক্ত হয়ে যায়,
যখন জলরাশির উপরের স্তর জমাট বেঁধে যায়?
31 “তুমি কি কৃত্তিকার হার গাঁথতে পারো?
তুমি কি কালপুরুষের বাঁধন আলগা করতে পারো?
32 তুমি কি নক্ষত্রপুঞ্জকে তাদের নিজস্ব ঋতুতে চালাতে পার
বা শাবকসুদ্ধ ভালুককে তার পথ দেখাতে পারো?
33 তুমি কি আকাশমণ্ডলের বিধান জানো?
তুমি কি পৃথিবীতে ঈশ্বরের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে পারো?
34 “তুমি কি মেঘ পর্যন্ত তোমার আওয়াজ তুলতে পারো
ও নিজেকে জলপ্লাবন দিয়ে ঢেকে ফেলতে পারো?
35 তুমি কি বজ্রবিদ্যুৎ ঝলসাতে পারবে?
সেগুলি কি জবাবে তোমাকে বলবে, ‘আমরা এখানে’?
36 কে দোচরাকে বিজ্ঞতা দিয়েছে
বা মোরগকে বোধশক্তি দিয়েছে?
37 কার কাছে মেঘরাশি গণনা করার বিজ্ঞতা আছে?
কে তখন আকাশের জলে ভরা ঘড়াগুলি উল্টাতে পারে
38 যখন ধুলো শক্ত হয়ে যায়
ও মাটির ঢেলা একসঙ্গে জুড়ে যায়?
39 “তুমি কি সিংহীর জন্য শিকারের খোঁজ করবে
ও সিংহদের খিদে মিটাবে
40 যখন তারা গুহায় গুড়ি মেরে পড়ে থাকে
বা ঘন ঝোপে অপেক্ষা করে বসে থাকে?
41 কে দাঁড়কাকের জন্য খাবার জোগায়
যখন তার শাবকেরা ঈশ্বরের কাছে আর্তনাদ করে
ও খাবারের অভাবে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়?
-
15 তাই, কীভাবে জীবনযাপন করবে সে সম্বন্ধে অত্যন্ত সতর্ক থেকো। জ্ঞানবানের মতো চলো, মূর্খের মতো নয়। 16 সব সুযোগের সর্বাধিক সদব্যবহার করো, কারণ এই যুগ মন্দ। 17 এই জন্য নির্বোধ হোয়ো না, প্রভুর ইচ্ছা কী, তা উপলব্ধি করো।
-
15 এই কারণে, প্রভু যীশুর প্রতি তোমাদের বিশ্বাসের ও পবিত্রগণের প্রতি তোমাদের ভালোবাসার কথা যখন শুনেছি, 16 তখন থেকেই আমার প্রার্থনায় তোমাদের স্মরণ করে তোমাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে বিরত হইনি। 17 আমি অবিরত মিনতি করি, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর, গৌরবময় পিতা, তোমাদের প্রজ্ঞা ও প্রত্যাদেশের আত্মা দান করুন, যেন তোমরা তাঁর পরিচয় অনেক বেশি জানতে পারো। 18 আমি আরও প্রার্থনা করি যে, তোমাদের অন্তর্দৃষ্টি আলোকিত হয়ে উঠুক, যেন তাঁর আহ্বানের প্রত্যাশা, পবিত্রগণের মধ্যে তাঁর গৌরবময় উত্তরাধিকারের ঐশ্বর্য 19 এবং আমাদের মতো বিশ্বাসীদের জন্য তাঁর অতুলনীয় মহান শক্তি তোমরা জানতে পারো। সেই শক্তি তাঁর প্রবল পরাক্রমের সঙ্গে কৃতকর্মের মতো সক্রিয়। 20 তিনি সেই শক্তি খ্রীষ্টে প্রয়োগ করেছেন, যখন তিনি তাঁকে মৃতলোক থেকে উত্থাপন করেছেন এবং স্বর্গীয় স্থানে তাঁর ডানদিকে তাঁকে বসিয়েছেন, 21 শুধু বর্তমান কালে নয়, কিন্তু আগামী দিনেও যে সমস্ত শাসন ও কর্তৃত্ব, ক্ষমতা ও আধিপত্য এবং পদাধিকার দেওয়া যেতে পারে, তারও ঊর্ধ্বে তিনি তাঁকে স্থাপন করেছেন। 22 আর ঈশ্বর সমস্তই খ্রীষ্টের পদানত করেছেন, তাঁকেই মণ্ডলীর সবকিছুর উপরে মস্তকরূপে প্রতিষ্ঠা করলেন, 23 সেই মণ্ডলীই তাঁর দেহ, তাঁরই পূর্ণতাস্বরূপ, যিনি সব বিষয় সমস্ত উপায়ে পূর্ণ করেন।
-
24 হে সদাপ্রভু, তোমার কাজ কত বিচিত্র!
প্রজ্ঞায় তুমি তাদের সব তৈরি করেছ;
জগৎ তোমার জীবজন্তুতে পূর্ণ।
25 ওই দেখো সুবিশাল, বিস্তীর্ণ জলধি,
অগণিত কত প্রাণীতে পরিপূর্ণ—
ছোটো ও বড়ো বহু জীব।
26 তার উপর দিয়ে জাহাজ যাতায়াত করে,
আর সেখানে খেলার জন্য তুমি লিবিয়াথনদের সৃষ্টি করেছ।
-
12 কে তার করতলে সমুদ্রের জলরাশি পরিমাপ করেছে,
কিংবা তার বিঘত দিয়ে আকাশমণ্ডল নিরূপণ করেছে?
কে বালতিতে ধারণ করেছে পৃথিবীর সব ধুলো,
কিংবা দাঁড়িপাল্লায় ওজন করেছে পর্বতসকল
এবং তরাজুতে যত পাহাড়?
13 সদাপ্রভুর মন কে বুঝতে পেরেছে,
কিংবা মন্ত্রণাদাতা হয়ে তাঁকে পরামর্শ দিয়েছে?
14 উপদেশ গ্রহণের জন্য তিনি কার সঙ্গে পরামর্শ করেছেন
এবং কে তাঁকে সঠিক পথের দিশা দিয়েছে?
কে তাঁকে জ্ঞান শিক্ষা দিয়েছে
কিংবা দেখিয়েছে বিচারবুদ্ধির পথ?
-
9 “আর তুমি, বাছা শলোমন, তুমি তোমার বাবার ঈশ্বরকে স্বীকৃতি দিয়ো, এবং সর্বান্তঃকরণে নিষ্ঠা সমেত ও ইচ্ছুক এক মন নিয়ে তাঁর সেবা কোরো, কারণ সদাপ্রভু প্রত্যেকটি অন্তর অনুসন্ধান করলেন ও প্রত্যেকটি বাসনা ও প্রত্যেকটি চিন্তাভাবনা বোঝেন। তুমি যদি তাঁর অন্বেষণ করো, তবে তাঁকে খুঁজে পাবেই; কিন্তু যদি তাঁকে ত্যাগ করো, তবে তিনি চিরতরে তোমাকে প্রত্যাখ্যান করবেন।
-
সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।
1 হে সদাপ্রভু, তুমি আমার অনুসন্ধান করেছ,
আর তুমি আমাকে জানো।
2 তুমি জানো আমি কখন বসি আর কখন উঠি;
দূর থেকেও তুমি আমার মনের ভাবনা বুঝতে পারো।
3 তুমি জানো আমি কোথায় যাই আর আমি কোথায় শয়ন করি;
আমার চলার সব পথ তোমার পরিচিত।
4 আমার জিভে কোনও কথা উচ্চারিত হবার আগেই
তুমি, হে সদাপ্রভু, তা সম্পূর্ণভাবে জানো।
5 তুমি আমাকে সামনে ও পিছনে ঘিরে রেখেছ,
এবং আমার উপর তোমার হাত রেখেছ।
6 এই জ্ঞান আমার কাছে খুব আশ্চর্যজনক,
এত উঁচু যে তা আমার বোধের অগম্য।
-
28 তুমি কি জানো না?
তুমি কি কখনও শোনোনি?
সদাপ্রভুই সনাতন ঈশ্বর,
তিনি পৃথিবীর প্রান্তসীমার সৃষ্টিকর্তা।
তিনি শ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না,
তাঁর বুদ্ধির গভীরতা কেউ পরিমাপ করতে পারে না।
-
12 কিন্তু ঈশ্বর নিজের পরাক্রমে পৃথিবী সৃষ্টি করেছেন;
তিনি নিজের প্রজ্ঞায় জগৎ স্থাপন করেছেন
এবং তাঁরই বুদ্ধিতে আকাশমণ্ডল প্রসারিত করেছেন।
-
7 সেরাতে ঈশ্বর শলোমনের কাছে আবির্ভূত হয়ে বললেন, “তোমার যা ইচ্ছা হয়, আমার কাছে তাই চেয়ে নাও।”
8 শলোমন ঈশ্বরকে উত্তর দিলেন, “আমার বাবা দাউদের প্রতি তুমি যথেষ্ট দয়া দেখিয়েছ এবং তাঁর স্থানে তুমি আমাকেই রাজা করেছ। 9 এখন, হে ঈশ্বর সদাপ্রভু, আমার বাবা দাউদের কাছে করা তোমার প্রতিজ্ঞাটি সুনিশ্চিত করো, কারণ তুমি আমাকে এমন এক জাতির উপরে রাজা করেছ, যারা সংখ্যায় পৃথিবীর ধূলিকণার মতো অসংখ্য। 10 আমাকে তুমি এমন প্রজ্ঞা ও জ্ঞান দাও, যেন আমি এইসব লোককে পরিচালনা করতে পারি, কারণ কে-ই বা তোমার এই বিশাল প্রজাপালকে নিয়ন্ত্রণ করতে সক্ষম?”
11 ঈশ্বর শলোমনকে বললেন, “যেহেতু এই তোমার অন্তরের বাসনা ও তুমি ধনসম্পদ, অধিকার বা সম্মান চাওনি, না তুমি তোমার শত্রুদের মৃত্যু কামনা করেছ, এবং যেহেতু তুমি দীর্ঘায়ু না চেয়ে যাদের উপর আমি তোমাকে রাজা করেছি, আমার সেই প্রজাদের নিয়ন্ত্রণ করার জন্য প্রজ্ঞা ও জ্ঞান চেয়েছ, 12 তাই তোমাকে প্রজ্ঞা ও জ্ঞান দেওয়া হবে। এছাড়াও আমি তোমাকে এমন ধনসম্পদ, অধিকার ও সম্মান দেব, যেমনটি না তোমার আগে রাজত্ব করে যাওয়া কোনও রাজা পেয়েছে বা তোমার পরে আসতে চলেছে, এমন কোনও রাজা কখনও পাবে।”
-
8 “কারণ আমার চিন্তাধারা তোমাদের চিন্তাধারার মতো নয়,
আবার আমার পথসকল তোমাদের পথসকলের মতো নয়,”
একথা বলেন সদাপ্রভু।
9 “আকাশমণ্ডল যেমন পৃথিবী থেকে উঁচুতে,
তেমনই আমার পথসকল তোমাদের পথসকলের চেয়ে এবং
আমার চিন্তাধারা তোমাদের চিন্তাধারার চেয়ে উঁচুতে।
-
8 ঈশ্বরের সকল পবিত্রগণের মধ্যে আমি সর্বাপেক্ষা তুচ্ছ হলেও এই অনুগ্রহ আমাকে দেওয়া হয়েছিল, যেন খ্রীষ্টের অতুল ঐশ্বর্যের সুসমাচার অইহুদিদের কাছে প্রচার করি; 9 এবং এই গুপ্তরহস্যের প্রয়োগ প্রত্যেকের কাছে স্পষ্ট করে দিই, যা অতীতকালে সবকিছুর সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে গুপ্ত রাখা ছিল। 10 তাঁর অভিপ্রায় ছিল এই যে, এখন মণ্ডলীর মাধ্যমে যেন ঈশ্বরের বহুবিধ প্রজ্ঞা, স্বর্গীয় স্থানের আধিপত্য ও কর্তৃত্বসকলের কাছে প্রকাশ করা যায়। 11 এ ছিল তাঁর চিরকালীন অভিপ্রায়, যা তিনি আমাদের প্রভু খ্রীষ্ট যীশুতে সাধন করেছেন।
-
5 মহান আমাদের প্রভু ও অতিশয় শক্তিমান,
তার বোধশক্তির কোনও সীমা নেই।
-
24 “অতএব, যে আমার এসব বাক্য শুনে পালন করে, সে এমন এক বুদ্ধিমান লোকের মতো, যে পাথরের উপরে তার বাড়ি নির্মাণ করল। 25 পরে বৃষ্টি নামল, বন্যা এল, ঝড় বইল ও সেই বাড়িতে আঘাত করল; তবুও তার পতন হল না, কারণ পাথরের উপরে তার ভিত্তিমূল প্রতিষ্ঠিত ছিল। 26 কিন্তু যে কেউ আমার এসব বাক্য শুনেও পালন করে না, সে এমন এক মূর্খ মানুষের মতো, যে বালির উপরে তার বাড়ি নির্মাণ করল। 27 পরে বৃষ্টি নামল, বন্যা এল, ঝড় বইল ও সেই বাড়িতে আঘাত করল, আর তার ভয়ংকর পতন হল।”
28 যীশু যখন এসব বিষয় বলা শেষ করলেন তখন লোকেরা তাঁর শিক্ষায় আশ্চর্য হয়ে গেল। 29 কারণ তিনি শাস্ত্রবিদদের মতো নয়, কিন্তু একজন ক্ষমতাসম্পন্ন ব্যক্তির মতোই শিক্ষা দিলেন।
-
7 “এখন, হে আমার ঈশ্বর সদাপ্রভু, তুমি আমার বাবা দাউদের স্থানে তোমার এই দাসকে রাজা করেছ। কিন্তু আমি তো ছোটো এক শিশুর মতো ও কীভাবে আমার দায়িত্ব পালন করব, তাও জানি না। 8 তোমার দাস এখানে তোমার সেই মনোনীত লোকজনের মাঝখানেই আছে, যারা এমন এক বিশাল জনতা, যাদের গুনে শেষ করা যায় না। 9 তাই তোমার প্রজাদের পরিচালনা করার ও ভালোমন্দ বিচার করার জন্য তোমার দাসকে দূরদর্শিতাসম্পন্ন এক অন্তঃকরণ দিয়ো। কারণ তোমার এই বিশাল প্রজাদলকে পরিচালনা করার ক্ষমতা কারই বা আছে?”
10 শলোমনকে এই বিষয়টি চাইতে দেখে প্রভু সন্তুষ্ট হলেন। 11 তাই ঈশ্বর তাঁকে বললেন, “যেহেতু তুমি নিজের জন্য দীর্ঘায়ু বা ধনসম্পদ না চেয়ে এই বিষয়টি চেয়েছ, বা তুমি তোমার শত্রুদের মৃত্যু কামনা না করে ন্যায়ের শাসন কায়েম করার জন্য দূরদর্শিতা চেয়েছ, 12 তাই তুমি যা চেয়েছ, আমি তাই করব। আমি তোমাকে সুবিবেচক ও দূরদর্শিতাসম্পন্ন এমন এক অন্তঃকরণ দেব, যেমনটি তোমার আগেও কেউ পায়নি, আর তোমার পরেও কেউ পাবে না। 13 এছাড়াও, আমি তোমাকে সেসবকিছু দেব, যা তুমি চাওনি—ধনসম্পদ ও সম্মানও দেব—যেন তোমার জীবনকালে তোমার সমতুল্য কোনও রাজা না থাকে। 14 আর যদি তুমি আমার প্রতি বাধ্যতা দেখিয়ে চলো ও তোমার বাবা দাউদের মতো আমার বিধিনিয়ম ও আদেশগুলি পালন করো, তবে আমি তোমাকে দীর্ঘায়ু দেব।”
-
28 যখন ইস্রায়েলে সবাই রাজার দেওয়া রায়ের কথা শুনেছিল, তারা রাজাকে সমীহ করতে শুরু করল, কারণ তারা দেখতে পেয়েছিল যে ন্যায়বিচার সম্পন্ন করার জন্য তাঁর কাছে ঈশ্বরদত্ত সুবিবেচনা আছে।
-
22 “কেউ কি ঈশ্বরকে জ্ঞান শিক্ষা দিতে পারে,
যেহেতু তিনি উচ্চতমেরও বিচার করেন?
-
7 তাহলে আমার মতো আর কে আছে? সে সেকথা ঘোষণা করুক।
সে তা বলুক ও আমার সামনে উপস্থাপন করুক;
আমার পুরাকালের লোকদের স্থাপন করার সময় কী ঘটেছিল,
আর ভবিষ্যতেই বা কী ঘটবে,
হ্যাঁ, সে আগাম বলুক, ভাবীকালে কী ঘটবে।
-
7 কে না তোমাকে সম্ভ্রম করবে,
হে জাতিগণের রাজা?
এ তো তোমার প্রাপ্য।
সমস্ত জাতির জ্ঞানী লোকদের মধ্যে
এবং তাদের সব রাজ্যে,
তোমার সদৃশ আর কেউ নেই।
-
12 প্রবীণেরা কি প্রজ্ঞার অধিকারী নন?
সুদীর্ঘ জীবন কি বুদ্ধি নিয়ে আসে না?
13 “প্রজ্ঞা ও পরাক্রম ঈশ্বরের অধিকারভুক্ত বিষয়;
পরামর্শ ও বুদ্ধি তাঁরই।
-
14 কিন্তু কীভাবে আত্মপক্ষ সমর্থন করবে, সে বিষয়ে আগেই দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার জন্য মনস্থির করবে। 15 কারণ আমি তোমাদের এমন বাক্য ও জ্ঞান দান করব, যা তোমাদের প্রতিপক্ষ প্রতিরোধ ও খণ্ডন করতে ব্যর্থ হবে।
-
29 ঈশ্বর শলোমনকে প্রজ্ঞা ও প্রচুর পরিমাণে অর্ন্তদৃষ্টি এবং সমুদ্রতীরের বালুকণার মতো অগাধ বোধবুদ্ধি দিলেন। 30 প্রাচ্যের সব লোকজনের প্রজ্ঞা থেকে, এবং মিশরের সব প্রজ্ঞার তুলনায় শলোমনের প্রজ্ঞা ছিল অসামান্য। 31 তিনি অন্য যে কোনো লোকের, এমনকি ইষ্রাহীয় এথনের চেয়েও বেশি বিচক্ষণ ছিলেন—মাহোলের ছেলে হেমন, কলকোল ও দর্দার চেয়েও বেশি বিচক্ষণ ছিলেন। আর তাঁর সুখ্যাতি পার্শ্ববর্তী সব দেশে ছড়িয়ে পড়েছিল। 32 তিনি তিন হাজার প্রবাদবাক্য বললেন এবং এক হাজার পাঁচটি গানও লিখেছিলেন। 33 লেবাননের দেবদারু থেকে শুরু করে প্রাচীরের গায়ে উৎপন্ন এসোব পর্যন্ত সব গাছপালার বিষয়ে তিনি কথা বললেন। এছাড়াও তিনি পশুদের ও পাখিদের, সরীসৃপদের ও মাছেরও বিষয়ে কথা বললেন। 34 সব দেশ থেকে সেইসব লোকজন শলোমনের প্রজ্ঞার কথা শুনতে আসত, যাদের পৃথিবীর সেইসব রাজা পাঠাতেন, যারা তাঁর প্রজ্ঞার বিষয়ে খবর পেয়েছিলেন।
-
24 যিনি তোমাদের বিশ্বাসে হোঁচট খাওয়া থেকে রক্ষা করতে সমর্থ, ও যিনি তোমাদের নির্দোষরূপে ও মহা আনন্দের সঙ্গে তাঁর মহিমাময় উপস্থিতিতে উপস্থাপন করবেন, 25 সেই একমাত্র ঈশ্বর, আমাদের পরিত্রাতা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে মহিমা, রাজকীয় প্রতাপ, পরাক্রম ও কর্তৃত্ব, সকল যুগের শুরু থেকে বর্তমানে ও যুগপর্যায়ের সমস্ত যুগেই হোক! আমেন।
-
30 এমন কোনও প্রজ্ঞা, দূরদর্শিতা বা পরিকল্পনা নেই
যা সদাপ্রভুর বিরুদ্ধে সফল হতে পারে।
-
12 প্রভু যখন সিয়োন পর্বত ও জেরুশালেমের বিরুদ্ধে তাঁর সব কর্ম সমাপ্ত করবেন, তিনি বলবেন, “অহংকারে পূর্ণ হৃদয় ও উদ্ধত দৃষ্টির জন্য আমি আসিরীয় রাজাকে শাস্তি দেব। 13 কারণ সে বলে:
“ ‘আমার হাতের শক্তিতে ও আমার প্রজ্ঞার দ্বারা
আমি এই কাজ করেছি, কারণ আমার বুদ্ধি আছে।
আমি জাতিসমূহের সীমানাগুলি অপসারিত করেছি,
আমি তাদের ধনসম্পদ লুট করেছি;
এক পরাক্রমী ব্যক্তির মতো তাদের রাজাদের আমি পদানত করেছি।
14 যেমন কেউ পাখির বাসায় হাত দেয়,
তেমনই জাতিসমূহের ঐশ্বর্যে আমার হাত পৌঁছেছে;
লোকে যেমন পরিত্যক্ত ডিম সংগ্রহ করে,
তেমনই আমি সব দেশকে একত্র করেছি;
কেউ তার একটিও ডানা ঝাপটায়নি,
বা মুখে চিঁ চিঁ শব্দ করেনি।’ ”
Shows Read in context, Share and Copy.