113 Bible Verses About The Heart
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
10 হে ঈশ্বর, আমার মধ্যে এক বিশুদ্ধ হৃদয় সৃষ্টি করো,
আর এক অবিচল আত্মা আমার মধ্যে সঞ্জীবিত করো।
11 আমাকে তোমার সান্নিধ্য থেকে দূর কোরো না
আর তোমার পবিত্র আত্মাকে আমার কাছ থেকে নিয়ে নিয়ো না।
12 তোমার পরিত্রাণের আনন্দ আবার আমাকে ফিরিয়ে দাও
আর আমাকে বাঁচিয়ে রাখতে এক ইচ্ছুক আত্মা দাও।
13 তখন আমি অপরাধীদের তোমার পথ শিক্ষা দেব,
যেন পাপীরা তোমার দিকে ফিরে আসে।
14 রক্তপাতের দোষ থেকে আমাকে উদ্ধার করো, হে ঈশ্বর,
তুমি আমার ঈশ্বর আমার রক্ষাকর্তা,
আর আমার জিভ তোমার ন্যায়পরায়ণতার বিষয়ে গান করবে।
15 হে সদাপ্রভু, আমার ঠোঁট খুলে দাও,
আর আমার মুখ তোমার প্রশংসা ঘোষণা করবে।
16 তুমি নৈবেদ্যতে আমোদ করো না, করলে আমি নিয়ে আসতাম;
তুমি হোমবলি চাওনি।
17 ভগ্ন আত্মা আমার নৈবেদ্য, হে ঈশ্বর;
ভগ্ন ও অনুতপ্ত হৃদয়
হে ঈশ্বর, তুমি তুচ্ছ করবে না।
-
9 হৃদয় সব বিষয়ের চেয়ে বেশি প্রবঞ্চক,
তার রোগের নিরাময় হয় না।
কে বা তা বুঝতে পারে?
10 “আমি সদাপ্রভু, হৃদয়ের অনুসন্ধান করি
এবং মন যাচাই করি,
যেন মানুষকে তার আচরণ ও কাজকর্মের জন্য
উপযুক্ত পুরস্কার দিতে পারি।”
-
22 “অতএব ইস্রায়েল কুলকে বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে ইস্রায়েল কুল, আমি যে তোমাদের জন্য এই কাজ করতে যাচ্ছি তা নয়, কিন্তু আমার সেই পবিত্র নামের জন্যিই করব, যা তোমরা যেখানে গিয়েছ সেখানেই জাতিগণের মধ্যে অপবিত্র করেছ। 23 আমি আমার মহান নামের পবিত্রতা দেখাব, যা জাতিগণের মধ্যে অপবিত্র করা হয়েছে, যে নাম তুমি তাদের মধ্যে অপবিত্র করেছ। আর জাতিগণ জানবে যে, আমিই সদাপ্রভু, যখন আমি তাদের চোখের সামনে তোমাদের মধ্য দিয়ে নিজের পবিত্রতা দেখাব, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।
24 “ ‘আমি জাতিগণের মধ্যে দিয়ে তোমাদের বের করে আনব; সমস্ত দেশ থেকে আমি তোমাদের নিজেদের দেশে ফিরিয়ে আনব। 25 আমি তোমাদের উপর পরিষ্কার জল ছিটিয়ে দেব, আর তাতে তোমরা শুচি হবে; তোমাদের সমস্ত নোংরামি ও প্রতিমা থেকে আমি তোমাদের শুচি করব। 26 আমি তোমাদের এক নতুন হৃদয় দেব ও তোমাদের অন্তরে এক নতুন আত্মা দেব। আমি তোমাদের ভিতর থেকে পাথরের হৃদয় বের করে মাংসের হৃদয় দেব। 27 আর আমি তোমার মধ্যে আমার আত্মা স্থাপন করব এবং এমন করব যাতে তোমরা আমার সব নিয়ম পালন করো ও আমার বিধানের বিষয়ে যত্নবান হও। 28 তোমাদের পূর্বপুরুষদের যে দেশ আমি দিয়েছিলাম সেখানে তোমরা বাস করবে; তোমরা আমারই লোক হবে, আর আমি তোমাদের ঈশ্বর হব।
-
23 সর্বোপরি, তোমার হৃদয়কে পাহারা দিয়ে রাখো,
কারণ তুমি যাই কিছু করো না কেন, তা সেখান থেকেই প্রবাহিত হয়।
-
ב বৈৎ
9 যুবক কেমন করে জীবনে চলার পথ বিশুদ্ধ রাখবে?
তোমার বাক্য অনুযায়ী জীবনযাপন করেই রাখবে।
10 আমার সমস্ত হৃদয় দিয়ে আমি তোমার অন্বেষণ করি;
আমাকে তোমার আদেশ লঙ্ঘন করে ভ্রান্তপথে যেতে দিয়ো না।
11 আমি তোমার বাক্য আমার হৃদয়ে লুকিয়ে রেখেছি
যেন আমি তোমার বিরুদ্ধে পাপ না করি।
12 হে সদাপ্রভু, তোমার ধন্যবাদ হোক;
তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও।
13 তোমার মুখের সমস্ত শাসন
আমি ঠোঁট দিয়ে উচ্চারণ করব।
14 তোমার বিধিবিধান পালন করতে আমি আনন্দ করি
যেমন কেউ অতুল ধনসম্পদে আনন্দ করে।
15 আমি তোমার অনুশাসনে ধ্যান করি;
এবং তোমার পথের বিবেচনা করি।
16 আমি তোমার নির্দেশাবলিতে আমোদ করি;
আমি তোমার বাক্য অবহেলা করব না।
-
8 ধন্য তারা, যাদের অন্তঃকরণ নির্মল,
কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে।
-
11 “এই রূপকের অর্থ হল এরকম: সেই বীজ ঈশ্বরের বাক্য। 12 পথের উপর পতিত বীজ হল এমন কিছু লোক, যারা বাক্য শোনে, আর পরে দিয়াবল এসে তাদের অন্তর থেকে বাক্য হরণ করে, যেন তারা বিশ্বাস করতে না পারে ও পরিত্রাণ না পায়। 13 পাথুরে জমির উপরে পতিত বীজ হল তারাই, যারা ঈশ্বরের বাক্য শোনামাত্র সানন্দে গ্রহণ করে, কিন্তু মূল না থাকায় তাদের বিশ্বাস ক্ষণস্থায়ী হয়, কিন্তু পরীক্ষার সময় তারা বিপথগামী হয়। 14 কাঁটাঝোপের মধ্যে পতিত বীজ তারা, যারা বাক্য শোনে, কিন্তু জীবনে চলার পথে বিভিন্ন দুশ্চিন্তা, ধনসম্পত্তি ও বিলাসিতায় ব্যাহত হয়ে পরিপক্ব হতে পারে না। 15 কিন্তু উৎকৃষ্ট জমিতে পতিত বীজ তারাই, যারা উদার ও শুদ্ধচিত্ত, তারা বাক্য শুনে তা আঁকড়ে থাকে এবং নিষ্ঠার সঙ্গে প্রচুর শস্য উৎপন্ন করে।
-
12 এক উত্তেজনা সৃষ্টিকারী ব্যক্তি ও এক দুর্জন,
যারা অশুদ্ধ ভাষা মুখে নিয়ে ঘুরে বেড়ায়,
13 যারা তাদের চোখ দিয়ে বিদ্বেষপূর্ণভাবে ইশারা করে,
পা দিয়ে সংকেত দেয়
ও আঙুল দিয়ে ইশারা করে,
14 যারা হৃদয়ে প্রতারণা পুষে রেখে কুচক্রান্ত করে—
তারা সর্বক্ষণ মতবিরোধ উৎপন্ন করে।
15 তাই এক পলকেই তাদের জীবনে বিপর্যয় নেমে আসবে;
আচমকাই তারা ধ্বংস হয়ে যাবে—এর কোনও বিহিত হবে না।
16 ছটি জিনিস সদাপ্রভু ঘৃণা করেন,
সাতটি জিনিস তাঁর কাছে ঘৃণিত;
17 উদ্ধত দৃষ্টি,
মিথ্যাবাদী জিভ,
নির্দোষের রক্তপাতকারী হাত,
18 দুষ্ট ফন্দি আঁটা হৃদয়,
অনিষ্টের দিকে বেগে ধাবমান পা,
19 মিথ্যা কথা উগরে দেওয়া মিথ্যাসাক্ষী
ও এমন এক লোক যে সমাজে মতবিরোধ উৎপন্ন করে।
-
7 অশুভ সংবাদে সে ভয় করবে না;
তার হৃদয় অবিচল, তা সদাপ্রভুতে আস্থা রাখে।
8 তার হৃদয় সুস্থির, সে ভয় করবে না;
অবশেষে সে বিজয়ীর মতো তার শত্রুদের দিকে তাকাবে।
-
19 আমি তাদের একই হৃদয় দেব ও সেখানে এক নতুন আত্মা স্থাপন করব; আমি তাদের মধ্যে থেকে কঠিন হৃদয় সরিয়ে এক মাংসময় হৃদয় দেব। 20 তখন তারা আমার নিয়ম সকল অনুসরণ করবে এবং আমার শাসন পালন করতে যত্নবান হবে। তারা আমার লোক হবে এবং আমি তাদের ঈশ্বর হব। 21 কিন্তু যাদের হৃদয় জঘন্য মূর্তি ও ঘৃণ্য প্রতিমার প্রতি অনুগত, তাদের কাজের ফল আমি তাদেরই মাথায় ঢেলে দেব, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।”
-
30 “যে আমার পক্ষে নয়, সে আমার বিপক্ষে, আর যে আমার সঙ্গে সংগ্রহ করে না, সে ছড়িয়ে ফেলে। 31 আর তাই আমি তোমাদের বলছি, মানুষের সব পাপ ও ঈশ্বরনিন্দার ক্ষমা হবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে নিন্দা ক্ষমা করা হবে না। 32 কোনো ব্যক্তি মনুষ্যপুত্রের বিরুদ্ধে কিছু বললে তাকে ক্ষমা করা হবে, কিন্তু কেউ যদি পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলে, তাকে ইহকাল বা পরকাল, কোনো কালেই ক্ষমা করা হবে না।
33 “গাছ ভালো হলে তার ফলও ভালো হবে, আবার গাছ মন্দ হলে তার ফলও মন্দ হবে, কারণ ফল দেখেই গাছ চেনা যায়। 34 তোমরা বিষধর সাপের বংশধর! তোমাদের মতো মন্দ মানুষ কীভাবে কোনও ভালো কথা বলতে পারে? কারণ হৃদয় থেকে যা উপচে পড়ে মুখ সেকথাই ব্যক্ত করে। 35 ভালো মানুষ তার অন্তরের সঞ্চিত ভালো ভাণ্ডার থেকে ভালো বিষয়ই বের করে এবং মন্দ মানুষ তার অন্তরের সঞ্চিত মন্দ ভাণ্ডার থেকে মন্দ বিষয়ই বের করে।
-
17 তোমরা কি দেখতে পাও না, যা কিছু মুখের ভিতর দিয়ে প্রবেশ করে তা পাকস্থলীতে যায় ও তারপর শরীর থেকে বের হয়ে যায়? 18 কিন্তু যেসব বিষয় মুখ থেকে বার হয়ে আসে, তা হৃদয় থেকে আসে এবং সেগুলিই কোনো মানুষকে অশুচি করে তোলে। 19 কারণ মানুষের হৃদয় থেকে উৎপন্ন হয় কুচিন্তা, নরহত্যা, ব্যভিচার, বিবাহ-বহির্ভূত যৌনাচার, চুরি, মিথ্যা সাক্ষ্য, পরনিন্দা। 20 এগুলিই কোনো মানুষকে অশুচি করে, কিন্তু হাত না ধুয়ে খাবার খেলে সে ‘অশুচি’ হয় না।”
-
18 প্রিয় সন্তানেরা, এসো, মুখের কথায় অথবা ভাষণে নয়, কিন্তু কাজ করে ও সত্যের মাধ্যমেই আমরা প্রেম করি।
19 আমাদের কাজকর্ম প্রমাণ করবে যে আমরা সত্যের, এবং যখন আমরা ঈশ্বরের সামনে দাঁড়াব তখন আমাদের হৃদয়ে আশ্বাস থাকবে। 20 কারণ আমাদের হৃদয়ে দোষভাব থাকলেও ঈশ্বর আমাদের অনুভূতির চেয়ে মহান এবং তিনি সবকিছুই জানেন। 21 প্রিয় বন্ধুরা, আমাদের হৃদয় যদি আমাদের দোষী সাব্যস্ত না করে, তাহলে ঈশ্বরের সাক্ষাতে আমাদের দৃঢ় বিশ্বাস জন্মায়
-
5 সদাপ্রভু দেখলেন পৃথিবীতে মানুষের দুষ্টতা কত বেড়ে গিয়েছে, এবং তাদের অন্তরের চিন্তাভাবনার প্রত্যেকটি প্রবণতা সবসময় শুধু মন্দই থেকে গেল।
-
35 তাদের মধ্যে অন্যতম, একজন বিধানবিশারদ, এই প্রশ্ন করে তাঁকে পরীক্ষা করল: 36 “গুরুমহাশয়, বিধানের মধ্যে সর্বাপেক্ষা মহৎ আজ্ঞা কোনটি?”
37 যীশু উত্তর দিলেন: “ ‘তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে।’ 38 এটিই প্রথম ও মহত্তম আজ্ঞা। 39 আর দ্বিতীয়টি এরই সমতুল্য: ‘তোমার প্রতিবেশীকে তোমার নিজের মতোই প্রেম করবে।’ 40 এই দুটি আজ্ঞার উপরেই সমস্ত বিধান ও ভাববাদীদের গ্রন্থ প্রতিষ্ঠিত।”
-
8 কিন্তু এ কী কথা বলে? “সেই বাক্য তোমাদের খুব কাছেই আছে; তা তোমাদের মুখে ও তোমাদের হৃদয়ে রয়েছে,” এর অর্থ, বিশ্বাসেরই এই বার্তা আমরা ঘোষণা করছি: 9 যদি তুমি “যীশুই প্রভু,” বলে মুখে স্বীকার করো ও হৃদয়ে বিশ্বাস করো যে, ঈশ্বর তাঁকে মৃতলোক থেকে উত্থাপিত করেছেন, তাহলে তুমি পরিত্রাণ পাবে। 10 কারণ হৃদয়েই তুমি বিশ্বাস করো ও ধার্মিক বলে গণ্য হও এবং তোমার মুখে তা স্বীকার করো ও পরিত্রাণ পাও।
-
14 এই কারণের জন্য আমি পিতার কাছে নতজানু হই, 15 যাঁর কাছ থেকে স্বর্গে ও পৃথিবীতে তাঁর সমগ্র পরিবার এই নাম প্রাপ্ত হয়েছে। 16 আমি প্রার্থনা করি, যেন তাঁর গৌরবময় ঐশ্বর্য থেকে তিনি তাঁর আত্মার মাধ্যমে তোমাদেরকে আন্তরিক সত্তায় ও শক্তিতে সবল করে তোলেন, 17 যেন বিশ্বাসের মাধ্যমে খ্রীষ্ট তোমাদের অন্তরে অধিষ্ঠান করেন। আমি প্রার্থনা করি, তোমরা প্রেমে দৃঢ়মূল ও প্রতিষ্ঠিত হয়ে, 18 সকল পবিত্রগণের সঙ্গে যেন পরাক্রমের অধিকারী হতে পারো এবং খ্রীষ্টের প্রেমের বিস্তার, দৈর্ঘ্য, উচ্চতা ও গভীরতা উপলব্ধি করতে পারো, আর 19 জ্ঞানের অতীত খ্রীষ্টের এই প্রেম অবগত হয়ে তোমরা যেন ঈশ্বরের সকল পূর্ণতায় ভরপুর হয়ে ওঠো।
-
21 কারণ তারা ঈশ্বরকে জানলেও, ঈশ্বর বলে তাঁর মহিমাকীর্তন করেনি, তাঁকে ধন্যবাদও দেয়নি, কিন্তু তাদের ভাবনাচিন্তা অসার হয়ে পড়েছে এবং তাদের মূর্খ হৃদয় অন্ধকারাচ্ছন্ন হয়েছে। 22 যদিও তারা নিজেদের বিজ্ঞ বলে দাবি করে, কিন্তু তারা মূর্খে পরিণত হয়েছে। 23 তারা নশ্বর মানুষ, পশুপাখি ও সরীসৃপের মতো দেখতে প্রতিমূর্তির সঙ্গে অক্ষয় ঈশ্বরের মহিমার পরিবর্তন করেছে।
24 সেই কারণে ঈশ্বর, অশুদ্ধ যৌনাচারের প্রতি তাদের হৃদয়কে পাপপূর্ণ অভিলাষে সমর্পণ করলেন, যেন পরস্পরের দ্বারা তাদের শরীরের মর্যাদাহানি হয়। 25 তারা ঈশ্বরের সত্যের পরিবর্তে এক মিথ্যাকে বেছে নিল। তারা স্রষ্টার উপাসনা না করে সৃষ্ট বস্তুর উপাসনা ও সেবা করেছে—সেই স্রষ্টাই চিরতরে প্রশংসিত হোন। আমেন।
-
21 সদাপ্রভু সেই প্রীতিকর সৌরভের ঘ্রাণ নিয়ে মনে মনে বললেন: “মানুষের জন্য আমি আর কখনোই ভূমিকে অভিশাপ দেব না, যদিও শিশুকাল থেকেই মানুষের অন্তরের সব প্রবণতা মন্দ। যেভাবে আমি সব জীবিত প্রাণীকে ধ্বংস করেছি, আমি আর তা করব না।
-
4 হে ইস্রায়েল, শোনো: আমাদের ঈশ্বর সদাপ্রভু, একই প্রভু। 5 তুমি তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে। 6 এসব আদেশ যা আজ আমি তোমাদের দিচ্ছি তা যেন তোমাদের অন্তরে থাকে। 7 তোমাদের সন্তানদের তোমরা সেগুলি বারবার শেখাবে। ঘরে বসে থাকার সময় ও যখন তোমরা পথে চলবে, শোবার সময় ও যখন ঘুম থেকে উঠবে তাদের সেই সময় বলবে। 8 তোমরা তা মনে রাখবার চিহ্ন হিসেবে হাতে বেঁধে রাখবে এবং তোমাদের কপালে বেঁধে রাখবে। 9 সেগুলি তোমাদের বাড়ির দরজার চৌকাঠে ও তোমাদের দ্বারে লিখে রাখবে।
-
4 যে হৃদয়ে বিকৃত সে আমার কাছ থেকে দূরে থাকবে;
আমি সব ধরনের মন্দ থেকে দূরে সরে থাকব।
5 যে কেউ গোপনে প্রতিবেশীর অপবাদ করে,
আমি তাকে উচ্ছেদ করব;
যার দৃষ্টি উদ্ধত ও হৃদয় অহংকারী,
আমি তাকে সহ্য করব না।
-
13 আনন্দিত অন্তর মুখকে প্রসন্ন করে তোলে,
কিন্তু মানসিক যন্ত্রণা আত্মাকে পিষে ফেলে।
14 বিচক্ষণ অন্তর জ্ঞানের খোঁজ করে,
কিন্তু মূর্খের মুখ মূর্খতার ক্ষেতে চরে।
15 নিপীড়িতদের পক্ষে জীবনের সব দিনই বাজে,
কিন্তু আনন্দিত অন্তর সর্বদাই ভোজে মেতে থাকে।
-
7 কিন্তু সদাপ্রভু শমূয়েলকে বললেন, “এর চেহারা বা উচ্চতা দেখতে যেয়ো না, কারণ আমি একে অগ্রাহ্য করেছি। মানুষ যা দেখে সদাপ্রভু তা দেখেন না। মানুষ বাইরের চেহারাই দেখে, কিন্তু সদাপ্রভু অন্তর দেখেন।”
-
5 কিন্তু তোমাদের একগুঁয়ে ও অনুতাপহীন হৃদয়ের কারণে, তোমরা নিজেদেরই উপরে ঈশ্বরের সেই ক্রোধ প্রকাশ করার দিনের জন্য ঈশ্বরের ক্রোধ জমা করছ, যেদিন তাঁর ধর্মময় ন্যায়বিচার প্রকাশিত হবে।
-
3 কে সদাপ্রভুর পর্বতে আরোহণ করবে?
কে তাঁর পুণ্যস্থানে দাঁড়াবে?
4 সে, যার হাত পরিষ্কার ও হৃদয় নির্মল,
যে প্রতিমায় আস্থা রাখে না
অথবা মিথ্যা দেবতার নামে শপথ করে না।
-
20 তিনি আরও বললেন, “মানুষের ভিতর থেকে যা বের হয়ে আসে, তাই তাকে অশুচি করে। 21 কারণ ভিতর থেকে, সব মানুষের হৃদয় থেকে নির্গত হয় কুচিন্তা, বিবাহ-বহির্ভূত যৌনাচার, চুরি, নরহত্যা, ব্যভিচার, 22 লোভ-লালসা, অপরের অনিষ্ট কামনা, প্রতারণা, অশ্লীলতা, ঈর্ষা, কুৎসা-রটনা, ঔদ্ধত্য ও কাণ্ডজ্ঞানহীনতা। 23 এই সমস্ত মন্দ বিষয় ভিতর থেকে আসে ও মানুষকে অশুচি করে।”
-
17 কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই যে, তোমরা যদিও পাপের ক্রীতদাস ছিলে, শিক্ষার যে আদর্শ তোমাদের কাছে রাখা হয়েছিল, তা তোমরা সমস্ত অন্তর দিয়ে পালন করেছ।
-
5 ক্রীতদাসেরা, তোমরা শ্রদ্ধায় ও ভয়ে, হৃদয়ের সরলতার সঙ্গে তোমাদের জাগতিক প্রভুদের আদেশ মেনে চলো, যেমন তোমরা খ্রীষ্টের আদেশ মেনে থাকো। 6 তাদের আদেশ পালন করো, কেবলমাত্র তাদের দৃষ্টি যখন তোমাদের প্রতি থাকে, তখন তাদের অনুগ্রহ লাভের জন্য নয়, কিন্তু খ্রীষ্টের ক্রীতদাসদের মতো, অন্তর দিয়ে যেন তোমরা ঈশ্বরের ইচ্ছা পালন করছ, সেভাবে। 7 তোমরা সমস্ত অন্তর দিয়ে তাদের সেবা করো, যেন তোমরা মানুষের নয়, কিন্তু প্রভুরই সেবা করছ। 8 কারণ তোমরা জানো যে, ক্রীতদাস হোক, বা স্বাধীন হোক, প্রভু তাদের সকলকেই সৎকর্মের জন্য পুরস্কৃত করবেন।
9 আর গৃহস্বামীরা, তোমরাও ক্রীতদাসদের প্রতি অনুরূপ আচরণ করো। তাদের ভয় দেখিয়ো না, কারণ তোমরা জানো, যিনি স্বর্গে আছেন, তিনি তাদের এবং তোমাদের, উভয়েরই প্রভু। তিনি কারও পক্ষপাতিত্ব করেন না।
-
1 যে বছরে রাজা উষিয় মারা যান, আমি প্রভুকে এক উচ্চ ও উন্নত সিংহাসনে বসে থাকতে দেখলাম। তাঁর রাজপোশাকের প্রান্তভাগে মন্দির পরিপূর্ণ ছিল। 2 তাঁর নিকটে উপস্থিত ছিলেন ছয় ডানাবিশিষ্ট সরাফেরা। দুটি ডানা দিয়ে তারা মুখ ঢেকেছিলেন, দুটি ডানা দিয়ে তারা তাদের পা ঢেকেছিলেন এবং দুটি ডানা দিয়ে তারা উড়ছিলেন। 3 আর তারা পরস্পরকে ডেকে বলছিলেন,
“পবিত্র, পবিত্র, পবিত্র, সর্বশক্তিমান সদাপ্রভু,
সমস্ত পৃথিবী তাঁর মহিমায় পরিপূর্ণ।”
4 তাদের কণ্ঠস্বরের শব্দে দরজার চৌকাঠগুলি কেঁপে উঠল এবং মন্দির ধোঁয়ায় পূর্ণ হল।
5 আমি চিৎকার করে উঠলাম, “ধিক্ আমাকে! আমি শেষ হয়ে গেলাম! আমি অশুচি ওষ্ঠাধরবিশিষ্ট মানুষ। আর আমার দুই চোখ মহারাজকে, সর্বশক্তিমান সদাপ্রভুকে দেখেছে।”
6 তখন সরাফদের মধ্যে একজন, তাঁর হাতে জ্বলন্ত অঙ্গার নিয়ে আমার কাছে উড়ে এলেন। সেই অঙ্গার তিনি বেদির মধ্য থেকে চিমটা দিয়ে নিয়েছিলেন। 7 তা দিয়ে তিনি আমার মুখ স্পর্শ করলেন এবং বললেন, “দেখো, এটি তোমার ওষ্ঠাধর স্পর্শ করেছে; তোমার অপরাধ অপসারিত এবং তোমার পাপের প্রায়শ্চিত্ত করা হয়েছে।”
8 তখন আমি প্রভুর কণ্ঠস্বর শুনতে পেলাম। তিনি বলছিলেন, “আমি কাকে পাঠাব? কে আমাদের জন্য যাবে?”
আমি বললাম, “এই যে আমি। আমাকে পাঠান!”
9 তিনি বললেন, “তুমি যাও ও গিয়ে এই লোকদের বলো:
“ ‘তোমরা সবসময় শুনতে থাকো, কিন্তু কখনও বোঝো না;
সবসময় দেখতে থাকো, কিন্তু কখনও উপলব্ধি করো না।’
10 তুমি এই জাতির লোকদের হৃদয় অসাড় করে দাও;
তাদের কানগুলি উপড়ে ফেলো
ও চোখগুলি বন্ধ করে দাও।
নতুবা তারা তাদের চোখে দেখতে পাবে,
তারা কানে শুনতে পাবে,
তারা তাদের হৃদয়ে বুঝতে পারবে
এবং আরোগ্যলাভের জন্য আমার কাছে ফিরে আসবে।”
-
30 তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে।’
-
22 শৌলকে পদচ্যুত করে, তিনি দাউদকে তাদের রাজা করলেন। তিনি তাঁর সম্পর্কে সাক্ষ্য দিয়েছিলেন: ‘আমি আমার মনের মতো মানুষ, যিশয়ের ছেলে দাউদকে খুঁজে পেয়েছি। আমি যা চাই, সে আমার জন্য তাই করবে।’
-
12 বিধান ছাড়া যতজন পাপ করে, বিধান ছাড়াই তারা ধ্বংস হবে। আবার বিধানের অধীনে থেকে যারা পাপ করে, তাদের বিচার বিধান অনুসারেই হবে। 13 কারণ, যারা বিধান শুধু শোনে, তারা যে ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক বলে গণ্য হয়, তা নয়, কিন্তু যারা বিধান পালন করে, তারাই ধার্মিক বলে ঘোষিত হবে। 14 বাস্তবিক ক্ষেত্রে অইহুদিদের কাছে বিধান না থাকলেও, তারা যখন স্বাভাবিকভাবে বিধানসম্মত আচরণ করে, তখন তাদের কাছে বিধান না থাকলেও তারা নিজেরাই নিজেদের বিধান হয়ে ওঠে, 15 তারা দেখায় যে, ঈশ্বরের বিধান তাদের হৃদয়ে লেখা আছে, কারণ তাদের বিবেকও সেই সাক্ষ্য বহন করে এবং তাদের চিন্তাভাবনা কখনও কখনও তাদের অভিযুক্ত করে আবার কখনও কখনও তাদের পক্ষসমর্থন করে। 16 আর আমি সুসমাচারের এই বার্তা প্রচার করি—সেইদিন আসছে যেদিন ঈশ্বর, যীশু খ্রীষ্টের মাধ্যমে, মানুষের সব গুপ্ত বিষয় বিচার করবেন।
-
9 “আর তুমি, বাছা শলোমন, তুমি তোমার বাবার ঈশ্বরকে স্বীকৃতি দিয়ো, এবং সর্বান্তঃকরণে নিষ্ঠা সমেত ও ইচ্ছুক এক মন নিয়ে তাঁর সেবা কোরো, কারণ সদাপ্রভু প্রত্যেকটি অন্তর অনুসন্ধান করলেন ও প্রত্যেকটি বাসনা ও প্রত্যেকটি চিন্তাভাবনা বোঝেন। তুমি যদি তাঁর অন্বেষণ করো, তবে তাঁকে খুঁজে পাবেই; কিন্তু যদি তাঁকে ত্যাগ করো, তবে তিনি চিরতরে তোমাকে প্রত্যাখ্যান করবেন।
-
20 যাদের মন উচ্ছৃঙ্খল সদাপ্রভু তাদের ঘৃণা করেন,
কিন্তু যারা অনিন্দনীয় পথে চলে তাদের নিয়ে তিনি আনন্দ করেন।
-
1 “তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয়। ঈশ্বরকে বিশ্বাস করো, আমাকেও বিশ্বাস করো।
-
21 এই পরিচর্যায় তোমার কোনও ভূমিকা বা ভাগ নেই, কারণ তোমার অন্তর ঈশ্বরের দৃষ্টিতে সরল নয়। 22 এই দুষ্টতার জন্য অনুতাপ করো এবং প্রভুর কাছে প্রার্থনা করো। হয়তো তোমার অন্তরের এ ধরনের চিন্তার জন্য তিনি তোমাকে ক্ষমা করবেন,
-
1 অতএব, বিশ্বাসের মাধ্যমে যেহেতু আমরা নির্দোষ গণ্য হয়েছি, তাই আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি স্থাপিত হয়েছে। 2 তাঁরই মাধ্যমে বিশ্বাসে আমরা এই অনুগ্রহে প্রবেশের অধিকার অর্জন করেছি ও তার মধ্যেই এখন আমরা অবস্থান করছি। আর আমরা ঈশ্বরের মহিমার প্রত্যাশায় উল্লসিত হচ্ছি। 3 শুধু তাই নয়, আমরা আমাদের দুঃখকষ্টেও আনন্দ করি, কারণ আমরা জানি, দুঃখকষ্ট সহিষ্ণুতাকে, 4 সহিষ্ণুতা অভিজ্ঞতাকে ও অভিজ্ঞতা প্রত্যাশার জন্ম দেয়। 5 সেই প্রত্যাশা আমাদের নিরাশ করে না, কারণ আমাদের প্রতি দেওয়া পবিত্র আত্মা দ্বারা ঈশ্বর তাঁর প্রেম আমাদের হৃদয়ে উজাড় করে ঢেলে দিয়েছেন।
-
26 একইভাবে পবিত্র আত্মা আমাদের দুর্বলতায় আমাদের সাহায্য করেন। সঠিক কী প্রার্থনা করতে হয়, তা আমরা জানি না, কিন্তু পবিত্র আত্মা স্বয়ং আমাদের পক্ষে আর্তস্বরে প্রার্থনা করেন, যা ভাষায় প্রকাশ করা যায় না। 27 যিনি আমাদের সকলের হৃদয় অনুসন্ধান করেন, তিনি পবিত্র আত্মার মানসিকতা জানেন, কারণ পবিত্র আত্মা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ীই পবিত্রগণের জন্য মিনতি করেন।
-
22 ক্রীতদাসেরা, তোমরা সব বিষয়ে জগতের মনিবদের আজ্ঞা পালন করো; তাদের অনুগ্রহ লাভের জন্য বা তারা যখন তোমাদের প্রতি লক্ষ্য রাখে, তখনই শুধু নয়, কিন্তু অকপট হৃদয়ে প্রভুর প্রতি সম্ভ্রমবশত তা করো। 23 মানুষের জন্য নয়, প্রভুরই জন্য করছ মনে করে, যা কিছুই করো, মনপ্রাণ দিয়ে করো, 24 কারণ তোমাদের জানা আছে, প্রভুর কাছ থেকে তোমরা পুরস্কাররূপে এক অধিকার লাভ করবে। তোমরা প্রভু খ্রীষ্টেরই সেবায় রত আছ। 25 অন্যায়কারী তার অন্যায়ের প্রতিফল পাবে, কারণ ঈশ্বরের কাছে কোনও পক্ষপাতিত্ব নেই।
-
12 ভাইবোনেরা, দেখো, তোমাদের কারও হৃদয়ে যেন পাপ ও অবিশ্বাস না থাকে, যা জীবন্ত ঈশ্বরের কাছ থেকে তোমাদের দূরে সরিয়ে নিয়ে যায়। 13 কিন্তু প্রতিদিন পরস্পরকে উৎসাহিত করো, যতক্ষণ আজ বলে দিনটি অভিহিত হয়, যেন পাপের ছলনায় তোমাদের কারও হৃদয় কঠিন হয়ে না পড়ে।
-
1 পরে হান্না প্রার্থনা করে বললেন:
“মম অন্তর সদাপ্রভুতে আনন্দিত রয়;
মম শৃঙ্গ সদাপ্রভুতে উন্নত হয়।
মম মুখ শত্রুদের পরে গর্বিত হয়,
তব উদ্ধারে আমি আনন্দিত হই।
-
14 সদাপ্রভুর অপেক্ষায় থাকো;
শক্ত হও ও সাহস করো
এবং সদাপ্রভুর অপেক্ষায় থাকো।
-
112 তোমার বিধিনির্দেশ শেষ পর্যন্ত পালন করার উদ্দেশে
আমার হৃদয় দৃঢ়সংকল্প।
-
26 হে আমার বাছা, তোমার অন্তর আমাকে দিয়ে দাও
ও তোমার চোখদুটি আমার পথে আহ্লাদিত হোক,
27 কারণ ব্যভিচারিণী মহিলা এক গভীর খাত,
ও স্বৈরিণী স্ত্রী এক অগভীর কুয়ো।
-
6 কারণ যে ঈশ্বর বলেছিলেন, “অন্ধকারের মধ্য থেকে জ্যোতি উদ্ভাসিত হোক,” তিনি তাঁর জ্যোতি আমাদের হৃদয়ে উদ্দীপিত করলেন, যেন খ্রীষ্টের মুখমণ্ডলে বিরাজিত ঈশ্বরের যে মহিমা, তার জ্ঞানের আলো আমাদের প্রদান করেন।
-
17 অতএব, আমি তোমাদের এই কথা বলি এবং প্রভুর নামে অনুনয় করি, তোমরা অইহুদিদের মতো আর অসার চিন্তায় জীবনযাপন কোরো না। 18 তাদের বুদ্ধি হয়েছে অন্ধকারে আচ্ছন্ন এবং ঐশ্বরিক-জীবন থেকে তারা হয়েছে বিচ্ছিন্ন। তাদের কঠিন হৃদয়ের অজ্ঞতাই তার কারণ। 19 সমস্ত চেতনা হারিয়ে তারা কামনাবাসনায় নিজেদের সমর্পণ করেছে, যেন সকল প্রকার কলুষতা ও ইন্দ্রিয়লালসায় তারা বেশি আসক্ত হয়ে পড়ে।
20 খ্রীষ্টের সম্বন্ধে তোমরা অবশ্য সেরকম শিক্ষা লাভ করোনি। 21 নিঃসন্দেহে, তোমরা তাঁর বিষয়ে শুনেছ এবং যীশুর মধ্যে যে সত্য আছে, সেই অনুযায়ী শিক্ষা পেয়েছ। 22 তোমাদের অতীত জীবনধারা সম্বন্ধে তোমরা শিক্ষা পেয়েছ যে, তোমাদের পুরোনো সত্তাকে ত্যাগ করতে হবে, যা তার বহুবিধ ছলনাময় অভিলাষের দ্বারা কলুষিত হয়ে উঠেছে। 23 তোমাদের মানসিকতাকে নতুন করতে হবে; 24 প্রকৃত ধার্মিকতা এবং পবিত্রতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট নতুন সত্তাকে পরিধান করতে হবে।
-
22 এখন তোমরা সত্যের বাধ্য হয়ে নিজেদের পরিশুদ্ধ করেছ যেন ভাইবোনেদের প্রতি তোমাদের আন্তরিক ভালোবাসা থাকে, তোমরা অন্তর থেকেই পরস্পরকে ভালোবাসো। 23 কারণ তোমরা ক্ষয়িষ্ণু বীর্য থেকে নয়, কিন্তু অক্ষয় বীর্য থেকে, অর্থাৎ, ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্যের দ্বারা নতুন জন্ম লাভ করেছ।
-
21 সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি যখন মিশরে ফিরে যাবে, তখন দেখো আমি তোমাকে যেসব আশ্চর্য কাজ করার ক্ষমতা দিয়েছি, সেগুলি যেন তুমি ফরৌণের সামনে করে দেখাও। কিন্তু আমি তার হৃদয় এমন কঠিন করব যে সে লোকদের যেতে দেবে না।
-
14 রহবিয়াম মন্দ কাজকর্ম করলেন, কারণ সদাপ্রভুর অন্বেষণ করার জন্য তিনি তাঁর অন্তর সুস্থির করেননি।
-
7 তাদের অনুভূতিহীন হৃদয় থেকে অন্যায় বেরিয়ে আসে;
তাদের দুষ্ট কল্পনার কোনো সীমা নেই।
-
5 তুমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর উপর আস্থা রাখো
ও নিজের বিচক্ষণতার উপর নির্ভর কোরো না;
6 তোমার সমস্ত পথে তাঁর বশ্যতাস্বীকার করো,
ও তিনি তোমার পথগুলি সোজা করে দেবেন।
-
1 মানুষ মনে মনে অনেক পরিকল্পনা করে,
কিন্তু জিভের সঠিক উত্তর সদাপ্রভুর কাছ থেকেই আসে।
-
19 “তোমরা নিজেদের জন্য পৃথিবীতে ধন সঞ্চয় কোরো না। এখানে কীটপতঙ্গ ও মরচে তা নষ্ট করে এবং চোর সিঁধ কেটে চুরি করে। 20 কিন্তু নিজেদের জন্য স্বর্গে ধন সঞ্চয় করো, যেখানে কীটপতঙ্গ ও মরচে তা নষ্ট করতে পারে না এবং চোরেও সিঁধ কেটে চুরি করতে পারে না। 21 কারণ যেখানে তোমাদের ধন থাকবে, সেখানেই তোমাদের মন পড়ে থাকবে।
-
4 যীশু তাদের মনের কথা বুঝতে পেরে বললেন, “তোমরা মনে মনে মন্দ চিন্তা করছ কেন?
-
14 তাদের মধ্যেই যিশাইয়ের এই ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়েছে:
“ ‘তোমরা সবসময়ই শুনতে থাকবে,
কিন্তু কখনও বুঝতে পারবে না;
তোমরা সবসময়ই দেখতে থাকবে,
কিন্তু কখনও উপলব্ধি করবে না।
15 কারণ এই লোকেদের হৃদয় অনুভূতিহীন হয়েছে,
তারা কদাচিৎ তাদের কান দিয়ে শোনে এবং
তারা তাদের চোখ বন্ধ করেছে।
অন্যথায়, তারা হয়তো তাদের চোখ দিয়ে দেখবে,
তাদের কান দিয়ে শুনবে,
তাদের মন দিয়ে বুঝবে ও ফিরে আসবে,
যেন আমি তাদের আরোগ্য দান করি।’
-
7 অতএব, তোমরা ঈশ্বরের বশ্যতাধীন হও। দিয়াবলের প্রতিরোধ করো, আর সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে। 8 ঈশ্বরের কাছে এসো, তিনিও তোমাদের কাছে আসবেন। পাপীরা, তোমরা তোমাদের হাত ধুয়ে ফেলো ও দ্বিধাগ্রস্ত ব্যক্তিরা, তোমরা তোমাদের অন্তর পরিশুদ্ধ করো। 9 তোমরা দুঃখকাতর হও, শোক ও বিলাপ করো। তোমাদের হাসিকে কান্নায় ও আনন্দকে বিষাদে পরিবর্তন করো। 10 তোমরা প্রভুর কাছে নিজেদের নতনম্র করো, তিনিই তোমাদের উন্নীত করবেন।
-
14 কিন্তু ন্যায়সংগত কাজের জন্য যদি তোমরা কষ্টও ভোগ করো, তাহলে তোমরা ধন্য। “তাদের ভীতি প্রদর্শনে তোমরা ভয় পেয়ো না, তোমরা বিচলিত হোয়ো না।” 15 কিন্তু তোমাদের হৃদয়ের মধ্যে খ্রীষ্টকেই প্রভু বলে মান্য করো। তোমাদের অন্তরের প্রত্যাশার কারণ সম্পর্কে কেউ জানতে চাইলে, তাকে উত্তর দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থেকো। কিন্তু তা কোমলতা ও শ্রদ্ধার সঙ্গে কোরো, 16 বিবেককে স্বচ্ছ রেখো, যেন তোমাদের খ্রীষ্টীয় সদাচরণ দেখে যারা বিদ্বেষপূর্ণভাবে তোমাদের বিরুদ্ধে কথা বলে, তারা তাদের কটূক্তির জন্য লজ্জিত হয়। 17 যদি ঈশ্বরের ইচ্ছা হয়, তবে দুষ্কর্ম করে দুঃখকষ্ট ভোগ করার চেয়ে বরং সৎকর্ম করে কষ্টভোগ করা শ্রেয়।
-
37 পরে সকালে নাবল যখন ভদ্রস্থ হল, তার স্ত্রী তাকে সব কথা বলে শুনিয়েছিলেন, ও সে মনমরা হয়ে পাথরের মতো স্তব্ধ হয়ে গেল।
-
9 তাই তোমার প্রজাদের পরিচালনা করার ও ভালোমন্দ বিচার করার জন্য তোমার দাসকে দূরদর্শিতাসম্পন্ন এক অন্তঃকরণ দিয়ো। কারণ তোমার এই বিশাল প্রজাদলকে পরিচালনা করার ক্ষমতা কারই বা আছে?”
-
11 তাই ঈশ্বর তাঁকে বললেন, “যেহেতু তুমি নিজের জন্য দীর্ঘায়ু বা ধনসম্পদ না চেয়ে এই বিষয়টি চেয়েছ, বা তুমি তোমার শত্রুদের মৃত্যু কামনা না করে ন্যায়ের শাসন কায়েম করার জন্য দূরদর্শিতা চেয়েছ, 12 তাই তুমি যা চেয়েছ, আমি তাই করব। আমি তোমাকে সুবিবেচক ও দূরদর্শিতাসম্পন্ন এমন এক অন্তঃকরণ দেব, যেমনটি তোমার আগেও কেউ পায়নি, আর তোমার পরেও কেউ পাবে না।
-
7 তাদের ফসল ও নতুন দ্রাক্ষারসের প্রাচুর্য থেকেও
তুমি আমার হৃদয় আনন্দে পূর্ণ করেছ।
-
প্রধান সংগীত পরিচালকের জন্য। সুর: “পুত্রের মৃত্যু” দাউদের গীত।
1 আমার সমস্ত অন্তর দিয়ে, হে সদাপ্রভু, আমি তোমার স্তব করব;
আমি তোমার আশ্চর্য কাজসকল ঘোষণা করব।
-
6 কোনও রুষ্টমনা নিমন্ত্রণকর্তার দেওয়া খাদ্য খেয়ো না,
তার সুস্বাদু খাদ্যের প্রতি আকাঙ্ক্ষিত হোয়ো না;
7 কারণ সে এমন এক ধরনের লোক
যে সবসময় অর্থব্যয়ের কথা ভাবে।
সে তোমাকে বলবে “ভোজনপান করো,”
কিন্তু সে তোমার প্রতি আন্তরিক নয়।
-
3 সূর্যের নিচে যা কিছু ঘটে তার মধ্যে দুঃখের বিষয় হল: সকলের একই দশা ঘটে। এছাড়া মানুষের হৃদয় মন্দে পরিপূর্ণ এবং যতদিন তারা বেঁচে থাকে ততদিন তাদের হৃদয়ে বিচারবুদ্ধিহীনতা থাকে, আর তারপরে সে মারা যায়।
-
9 কিন্তু আমি যদি বলি, “আমি তাঁর কথা উল্লেখ করব না
বা তাঁর নামে আর কিছু বলব না,”
তাঁর বাক্য আমার হৃদয়ে যেন আগুনের মতো হয়,
যেন আমার হাড়গুলির মধ্যে দাহকারী আগুন বদ্ধ হয়।
আমি তা অন্তরে রেখে ক্লান্ত হই,
সত্যিসত্যিই আমি তা ধরে রাখতে পারি না।
-
28 “ওহে, তোমরা যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। 29 আমার জোয়াল তোমরা নিজেদের উপরে তুলে নাও ও আমার কাছে শিক্ষা নাও, কারণ আমার স্বভাব কোমল ও নম্র। এতে তোমরা নিজেদের অন্তরে বিশ্রাম পাবে। 30 কারণ আমার জোয়াল সহজ ও আমার বোঝা হালকা।”
-
23 আমি তোমাদের সত্যিই বলছি, কেউ যদি এই পর্বতটিকে বলে, ‘যাও, উপড়ে গিয়ে সমুদ্রে পড়ো,’ কিন্তু তার মনে কোনো সন্দেহ পোষণ না করে বিশ্বাস করে যে, সে যা বলেছে, তাই ঘটবে, তার জন্য সেরকমই করা হবে।
-
14 যারা আমাদের কথা শুনছিলেন তাদের মধ্যে লিডিয়া নামে এক মহিলা ছিলেন। থুয়াতীরা নগরের বেগুনি কাপড়ের ব্যবসায়ী এই মহিলাটি ছিলেন ঈশ্বরের উপাসক। পৌলের বার্তায় মনোনিবেশ করার জন্য প্রভু তাঁর হৃদয় খুলে দিলেন। 15 যখন তিনি ও তাঁর পরিজনেরা বাপ্তিষ্ম গ্রহণ করলেন, তিনি আমাদের তাঁর বাড়িতে আমন্ত্রণ জানালেন। তিনি বললেন, “আপনারা যদি আমাকে প্রভুতে বিশ্বাসী বলে মনে করেন, তাহলে এসে আমার বাড়িতে থাকুন।” তিনি আমাদের বুঝিয়ে রাজি করালেন।
-
26 “ ‘তুমি এই জাতির কাছে যাও ও বলো,
“তোমরা সবসময়ই শুনতে থাকবে,
কিন্তু কখনও বুঝতে পারবে না;
তোমরা সবসময়ই দেখতে থাকবে, কিন্তু কখনও উপলব্ধি করবে না।”
27 কারণ এই লোকেদের হৃদয় অনুভূতিহীন হয়েছে,
তারা কদাচিৎ তাদের কান দিয়ে শোনে,
তারা তাদের চোখ মুদ্রিত করেছে।
অন্যথায়, তারা হয়তো তাদের চোখ দিয়ে দেখবে,
তাদের কান দিয়ে শুনবে,
তাদের মন দিয়ে বুঝবে,
ও ফিরে আসবে
যেন আমি তাদের আরোগ্য দান করি।’
-
28 কোনো ব্যক্তি বাহ্যিকরূপে ইহুদি হলে সে ইহুদি নয়, আবার সুন্নতও নিছক বাহ্যিক ও শরীরে কৃত কোনও কাজ নয়। 29 না, অন্তরে যে ইহুদি হয় সেই প্রকৃত ইহুদি; আবার প্রকৃত সুন্নত হল হদয়ের সুন্নত, তা আত্মার দ্বারা হয়, লিখিত বিধির দ্বারা নয়। এ ধরনের মানুষের প্রশংসা মানুষের কাছ থেকে নয়, কিন্তু ঈশ্বর থেকে হয়।
-
1 খ্রীষ্টের সঙ্গে সংযুক্ত থাকার জন্য তোমরা যদি কোনো অনুপ্রেরণা, তাঁর প্রেমে যদি কোনো সান্ত্বনা, যদি আত্মায় কোনো সহভাগিতা, যদি কোনো কোমলতা ও সহমর্মিতা লাভ করে থাকো, 2 তাহলে তোমরা এক চিত্ত, এক প্রেম, এক আত্মা এবং একই ভাববিশিষ্ট হয়ে আমার আনন্দকে পূর্ণ করো। 3 স্বার্থযুক্ত উচ্চাকাঙ্ক্ষা বা ভ্রান্ত দম্ভের বশবর্তী হয়ে কিছু কোরো না, কিন্তু নম্রতা সহকারে অন্যকে নিজেদের চেয়েও শ্রেষ্ঠ বিবেচনা করো। 4 নিজেদেরই বিষয়ে নয়, কিন্তু তোমরা অন্যদের বিষয়েও চিন্তা করো।
5 খ্রীষ্ট যীশুর যে মনোভাব ছিল, তোমাদেরও ঠিক তেমনই হওয়া উচিত:
6 তিনি স্বভাবগতভাবে ঈশ্বর হয়েও
ঈশ্বরের সমকক্ষ হওয়ার অবস্থান
আঁকড়ে ধরে রাখার কথা ভাবেননি,
7 কিন্তু নিজেকে শূন্য করে দিয়ে,
ক্রীতদাসের রূপ ধারণ করলেন,
মানব-সদৃশ হয়ে জন্ম নিলেন ও
8 মানব দেহ ধারণ করে
নিজেকে অবনত করলেন;
মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশে মৃত্যু পর্যন্ত,
অনুগত থাকলেন।
9 সেই কারণে, ঈশ্বর তাঁকে সর্বোচ্চ স্থানে উন্নীত করলেন
এবং সব নাম থেকে শ্রেষ্ঠ সেই নাম তাঁকে দান করলেন,
10 যেন যীশুর নামে স্বর্গ-মর্ত্য-পাতালনিবাসী
সকলে নতজানু হয়
11 এবং পিতা ঈশ্বরের মহিমার জন্য
প্রত্যেক জিভ স্বীকার করে যে, যীশু খ্রীষ্টই প্রভু।
12 সুতরাং, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবসময় যেমন বাধ্য থেকেছ—কেবলমাত্র আমার উপস্থিতিতে নয়, কিন্তু এখন আমার অনুপস্থিতিতে আরও বেশি করে সভয়ে ও কম্পিত হৃদয়ে, কঠোর পরিশ্রমের দ্বারা তোমাদের পরিত্রাণ সম্পন্ন করো। 13 কারণ ঈশ্বর তাঁর শুভ-সংকল্পের জন্য তোমাদের অন্তরে ইচ্ছা উৎপন্ন ও কাজ করার জন্য সক্রিয় আছেন।
-
15 খ্রীষ্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক, কারণ একই দেহের অঙ্গপ্রত্যঙ্গরূপে তোমরা শান্তির উদ্দেশে আহূত হয়েছ। আর তোমরা কৃতজ্ঞ হও।
-
3 ম্যাসিডোনিয়া যাওয়ার পথে, আমি তোমাকে অনুরোধ করেছিলাম, যেন তুমি ইফিষে থেকে কতগুলি লোককে আদেশ দাও, তারা যেন আর ভুল শিক্ষা না দেয় এবং 4 তারা যেন পুরাকাহিনী ও অন্তহীন বংশাবলির আলোচনাতেই নিজেদের মনপ্রাণ ঢেলে না দেয়। ঈশ্বরের কাজের পরিবর্তে এগুলি বিতর্কের সৃষ্টি করে। কারণ ঈশ্বরের কাজ হয় বিশ্বাসের উপর নির্ভর করে। 5 এই আদেশের লক্ষ্য হল ভালোবাসা, যা শুচিশুদ্ধ হৃদয়, সৎ বিবেক ও অকপট বিশ্বাস থেকে উৎপন্ন হয়। 6 কিছু লোক এসব থেকে বিচ্যুত হয়ে অর্থহীন আলোচনাতে মন দিয়েছে। 7 তারা শাস্ত্রবিদ হতে চায়, কিন্তু তারা কোন বিষয়ে বলছে বা যেসব বিষয়ে এত জোরের সঙ্গে বলেছে, তা সম্বন্ধে তারা নিজেরাই জানে না।
-
19 অতএব ভাইবোনেরা, যীশুর রক্তের মাধ্যমে মহাপবিত্র স্থানে প্রবেশ করার আমাদের দৃঢ় নিশ্চয়তা আছে। 20 পর্দা অর্থাৎ তাঁর দেহের মাধ্যমে তিনি আমাদের জন্য এক নতুন ও জীবন্ত পথ উন্মুক্ত করেছেন, 21 এবং যেহেতু ঈশ্বরের গৃহের উপরে নিযুক্ত আমাদের একজন মহান যাজক আছেন, 22 তাই এসো রক্ত সিঞ্চনের দ্বারা অপরাধী বিবেক থেকে আমাদের হৃদয়কে শুচিশুদ্ধ করে এবং নির্মল জলে আমাদের দেহ ধুয়ে বিশ্বাসের পূর্ণ নিশ্চয়তায় সরল হৃদয়ে ঈশ্বরের কাছে উপস্থিত হই।
-
13 হান্না মনে মনে প্রার্থনা করছিলেন, এবং তাঁর ঠোঁট দুটি কাঁপছিল কিন্তু তাঁর কণ্ঠস্বর শোনা যাচ্ছিল না। এলি ভেবেছিলেন, হান্না মদ্যপান করেছেন।
-
1 যখন দাউদের মৃত্যুর সময়কাল ঘনিয়ে এসেছিল, তাঁর ছেলে শলোমনকে তিনি তখন কিছু নির্দেশ দিলেন।
2 “পৃথিবীতে সবাই যে পথে যায়, আমিও সেই পথেই যাচ্ছি,” তিনি বললেন। “তাই বলবান হও, একজন পুরুষের মতো আচরণ করো, 3 এবং তোমার ঈশ্বর সদাপ্রভু যা চান, তা লক্ষ্য করো: তাঁর প্রতি বাধ্য হয়ে চলো, আর মোশির বিধানে তাঁর যে হুকুম ও আদেশ, তাঁর বিধান ও বিধিনিয়ম লেখা আছে, তা পালন করো। এরকমটি করো, যেন তুমি যা যা করো ও যেখানে যেখানে যাও, সবেতেই সফল হতে পারো 4 এবং সদাপ্রভু যেন আমার কাছে করা তাঁর সেই প্রতিজ্ঞাটি রক্ষা করতে পারেন: ‘যদি তোমার বংশধররা তাদের জীবনযাপনের প্রতি লক্ষ্য রাখতে পারে, ও যদি তারা আমার সামনে তাদের সমস্ত মনপ্রাণ দিয়ে বিশ্বস্ততাপূর্বক চলে, তবে ইস্রায়েলের সিংহাসনে বসার জন্য তোমার কোনও উত্তরাধিকারীর অভাব হবে না।’
-
3 তিনি সেইসব পাপ করলেন, যা তাঁর বাবা তাঁর আগে করে গেলেন; তাঁর পূর্বপুরুষ দাউদের অন্তর যেমন তাঁর ঈশ্বর সদাপ্রভুর প্রতি পুরোপুরি সমর্পিত ছিল, অবিয়র অন্তর কিন্তু সেভাবে তাঁর ঈশ্বর সদাপ্রভুর প্রতি পুরোপুরি সমর্পিত ছিল না।
-
27 ধন্য আমাদের পিতৃপুরুষদের আরাধ্য ঈশ্বর, প্রভু সদাপ্রভু যিনি সম্রাটের অন্তঃকরণে জেরুশালেমে প্রভু সদাপ্রভুর মন্দিরের মর্যাদা এইভাবে পুনরুদ্ধার করার বাসনা দান করেছেন 28 এবং সেই সঙ্গে যিনি সম্রাট ও তাঁর মন্ত্রণাদাতা ও সম্রাটের ক্ষমতাশালী কর্মকর্তাদের সামনে আমাকে এই মহা-অনুগ্রহ দান করেছেন। আমার আরাধ্য ঈশ্বর সদাপ্রভুর হাত আমার উপরে ছিল, তাই আমি সাহস করে আমার সঙ্গে যাওয়ার জন্য ইস্রায়েলীদের মধ্যে থেকে নেতাদের সংগ্রহ করেছিলাম।
-
3 দুষ্টদের ও অধর্মাচারীদের সঙ্গে,
আমাকে টেনে নিয়ো না,
ওরা প্রতিবেশীদের সঙ্গে বন্ধুর মতো কথা বলে
অথচ অন্তরে তারা বিদ্বেষভাব পোষণ করে।
-
তৃতীয় খণ্ড
আসফের গীত।
1 নিশ্চয়, ঈশ্বর ইস্রায়েলের পক্ষে মঙ্গলময়,
যারা হৃদয়ে শুদ্ধ তাদের পক্ষে।
-
2 আমার প্রাণ সদাপ্রভুর প্রাঙ্গণের জন্য আকুল হয়,
এমনকি মূর্চ্ছিতপ্রায় হয়;
জীবন্ত ঈশ্বরের জন্য
আমার হৃদয় আর আমার দেহ কেঁদে ওঠে।
-
11 হে সদাপ্রভু, আমাকে তোমার পথসকল শিক্ষা দাও,
যেন আমি তোমার বিশ্বস্ততায় নির্ভর করতে পারি;
আমাকে এক অখণ্ড হৃদয় দাও,
যেন আমি তোমার নাম সম্ভ্রম করতে পারি।
-
12 আমাদের দিন গুনতে আমাদের শিক্ষা দাও,
যেন আমরা প্রজ্ঞার হৃদয় লাভ করি।
-
1 হে আমার বাছা, তুমি যদি আমার কথা শোনো
ও আমার আদেশগুলি হৃদয়ে সঞ্চয় করে রাখো,
2 প্রজ্ঞার প্রতি কর্ণপাত করো
ও বুদ্ধিতে মনোনিবেশ করো—
3 সত্যিই, তুমি যদি অন্তর্দৃষ্টিকে ডাক দাও
ও বুদ্ধি লাভের জন্য জোর গলায় কাকুতিমিনতি করো,
4 ও যদি রুপোর মতো তার খোঁজ করো
ও গুপ্তধনের মতো তা খুঁজে বেড়াও,
5 তবেই তুমি সদাপ্রভুর ভয় বুঝতে পারবে
ও ঈশ্বরের জ্ঞান খুঁজে পাবে।
-
33 বিচক্ষণদের অন্তরে প্রজ্ঞা বিশ্রাম করে,
ও মূর্খদের মধ্যেও সে নিজের আত্মপরিচয় দেয়।
-
1 দুষ্টদের প্রতি হিংসা কোরো না,
তাদের সঙ্গলাভের বাসনা রেখো না;
2 কারণ তাদের হৃদয় হিংস্রতার চক্রান্ত করে,
ও তাদের ঠোঁট অশান্তি উৎপন্ন করার কথা বলে।
-
13 সদাপ্রভু বলেন:
“এই লোকেরা কেবল মুখেরই কথায় আমার কাছে এগিয়ে আসে,
তারা কেবলমাত্র ওষ্ঠাধরে আমার সম্মান করে,
কিন্তু তাদের হৃদয় থাকে আমার থেকে বহুদূরে।
তারা আমার যে উপাসনা করে,
তা মানুষের শিখিয়ে দেওয়া কিছু নিয়মবিধি মাত্র।
14 সেই কারণে, আমি আর একবার
পরপর আশ্চর্য কর্ম করে এদের চমৎকৃত করব;
জ্ঞানীদের জ্ঞান বিনষ্ট হবে,
বুদ্ধিমানদের বুদ্ধি উধাও হবে।”
-
17 “কিন্তু তোমাদের চোখ ও তোমাদের মন
কেবলমাত্র অন্যায্য লাভের প্রতি নিবদ্ধ থাকে,
তোমরা নির্দোষের রক্তপাত করে থাকো,
অত্যাচার ও অন্যায় শোষণ।”
-
29 “আমরা মোয়াবের অহংকারের কথা শুনেছি,
তার লাগামছাড়া দম্ভ ও কল্পনার কথা,
তার অশিষ্টতা, অহংকার ও ঔদ্ধত্য
এবং তার তাচ্ছিল্যপূর্ণ মনোভাবের কথা।
-
16 তুমি যে বড়ো বড়ো পাথরের ফাটলে বসবাস করো,
তোমরা যারা পাহাড়ের উঁচু উঁচু স্থানের অধিকারী,
তোমরা অন্যদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে থাকো
সেই কারণে ও তোমার অহংকারের জন্য, তুমি নিজেই প্রতারিত হয়েছ।
যদিও তুমি ঈগলের মতো অনেক উঁচুতে তোমার বাসস্থান নির্মাণ করো,
সেখান থেকে আমি তোমাকে নামিয়ে আনব,”
সদাপ্রভু এই কথা বলেন।
-
31 তোমাদের সমস্ত অন্যায় তোমাদের নিজেদের মধ্য থেকে দূর করো এবং তোমাদের অন্তর ও মন নতুন করে গড়ে তোলো। হে ইস্রায়েল কুল, তুমি কেন মরবে?
-
2 তাদের হৃদয় প্রবঞ্চনায় পূর্ণ,
তাই এখন তারা অবশ্যই তাদের অপরাধ বহন করবে।
সদাপ্রভু তাদের যজ্ঞবেদিগুলি ভেঙে ফেলবেন
ও তাদের পবিত্র পাথরের স্তম্ভগুলি ধ্বংস করবেন।
-
27 “তোমরা শুনেছ, এরকম বলা হয়েছিল, ‘তোমরা ব্যভিচার কোরো না।’ 28 কিন্তু আমি তোমাদের বলছি যে, কেউ যদি কোনো নারীর প্রতি কামলালসা নিয়ে দৃষ্টিপাত করে, সে তক্ষুনি মনে মনে তার সঙ্গে ব্যভিচার করে।
-
42 আর তারা প্রেরিতশিষ্যদের শিক্ষায় ও সহভাগিতায়, রুটি-ভাঙায় ও প্রার্থনায় একান্তভাবে অংশগ্রহণ করল। 43 প্রেরিতশিষ্যদের মাধ্যমে বহু আশ্চর্য ঘটনা ও অলৌকিক নিদর্শন সম্পন্ন হতে দেখে প্রত্যেকে ভক্তিপূর্ণ ভয়ে পূর্ণ হয়ে উঠল। 44 যারা বিশ্বাস করল তারা সকলেই একসঙ্গে থাকত ও একই ভাণ্ডার থেকে তাদের প্রয়োজন মেটাতো। 45 তাদের বিষয়সম্পত্তি ও জিনিসপত্র বিক্রি করে তাদের প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী তা ভাগ করে দিত। 46 প্রতিদিন তারা একসঙ্গে মন্দির-প্রাঙ্গণে মিলিত হত। তারা নিজেদের ঘরে রুটি ভাঙত এবং আনন্দের সঙ্গে ও হৃদয়ের সরলতায় একসঙ্গে খাওয়াদাওয়া করত। 47 তারা ঈশ্বরের প্রশংসা করত এবং সব মানুষ তাদের শ্রদ্ধা করত। আর যারা পরিত্রাণ লাভ করল, প্রভু দিন-প্রতিদিন তাঁদের সঙ্গে পরিত্রাণপ্রাপ্তদের যুক্ত করে তাঁদের সংখ্যা বৃদ্ধি করলেন।
-
1 খ্রীষ্টে আমি সত্যি কথাই বলছি—মিথ্যা বলছি না, পবিত্র আত্মায় আমার বিবেক তা সমর্থন করছে যে— 2 আমার গভীর দুঃখ আছে ও হৃদয়ে আমি নিরন্তর মর্মযন্ত্রণা অনুভব করছি।
-
11 করিন্থের মানুষেরা, আমরা অবাধে তোমাদের সঙ্গে কথা বলছি এবং তোমাদের কাছে আমাদের হৃদয় উন্মুক্ত করেছি। 12 আমরা আমাদের ভালোবাসা তোমাদের দিতে অস্বীকার করিনি, কিন্তু তোমরা তোমাদের ভালোবাসা আমাদের দিতে অস্বীকার করছ। 13 শোভনীয় বিনিময়রূপে—আমি আমার সন্তানরূপে তোমাদের বলছি—তোমরাও তোমাদের হৃদয় উন্মুক্ত করো।
-
6 যেহেতু আমরা পুত্র, তাই ঈশ্বর তাঁর পুত্রের আত্মাকে আমাদের হৃদয়ে পাঠালেন, যে আত্মা “আব্বা, পিতা” বলে ডেকে ওঠেন। 7 তাই তোমরা আর ক্রীতদাস নও, কিন্তু পুত্র; আর যেহেতু তোমরা পুত্র, ঈশ্বর তোমাদের উত্তরাধিকারীও করেছেন।
-
15 তাই, কীভাবে জীবনযাপন করবে সে সম্বন্ধে অত্যন্ত সতর্ক থেকো। জ্ঞানবানের মতো চলো, মূর্খের মতো নয়। 16 সব সুযোগের সর্বাধিক সদব্যবহার করো, কারণ এই যুগ মন্দ। 17 এই জন্য নির্বোধ হোয়ো না, প্রভুর ইচ্ছা কী, তা উপলব্ধি করো। 18 সুরা পান করে মত্ত হোয়ো না, তা ভ্রষ্টাচারের পথে নিয়ে যায়; তার পরিবর্তে আত্মায় পরিপূর্ণ হও। 19 গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে পরস্পর ভাব বিনিময় করো। প্রভুর উদ্দেশে গীত গাও, হৃদয়ে সুরের ঝংকার তোলো। 20 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে সব বিষয়ের জন্য সবসময় পিতা ঈশ্বরকে ধন্যবাদ দাও।
21 খ্রীষ্টের জন্য সম্ভ্রমবশত একে অপরের বশীভূত হও।
-
61 আর তোমাদের অন্তর যেন আমাদের ঈশ্বর সদাপ্রভুর বিধিবিধান অনুসারে চলার ও তাঁর আদেশের বাধ্য হওয়ার জন্য তাঁর প্রতি পুরোপুরি সমর্পিত থাকে, যেমনটি এসময় হয়েছে।”
-
8 তোমাকে নিয়ে আমার অন্তর বলে “তাঁর মুখ অন্বেষণ করো!”
তোমার মুখ, হে সদাপ্রভু, আমি অন্বেষণ করি।
-
69 যদিও দাম্ভিকরা মিথ্যায় আমাকে কলঙ্কিত করেছে,
আমি তোমার বিধিসকল সমস্ত হৃদয় দিয়ে পালন করি।
-
ק কফ
145 হে সদাপ্রভু, আমি সমস্ত অন্তর দিয়ে তোমাকে ডাকি, আমাকে উত্তর দাও,
এবং আমি তোমার আজ্ঞাগুলি পালন করব।
-
20 যার অন্তর দুর্নীতিগ্রস্ত সে উন্নতি লাভ করে না;
যার জিভ কলুষিত সে বিপদে পড়ে।
-
12 পতনের আগে অন্তর উদ্ধত হয়,
কিন্তু সম্মানের আগে আসে নম্রতা।
-
15 হে আমার বাছা, তোমার অন্তর যদি জ্ঞানে পরিপূর্ণ হয়,
তবে সত্যিই আমি আন্তরিকভাবে আনন্দিত হব;
-
12 প্রভু যখন সিয়োন পর্বত ও জেরুশালেমের বিরুদ্ধে তাঁর সব কর্ম সমাপ্ত করবেন, তিনি বলবেন, “অহংকারে পূর্ণ হৃদয় ও উদ্ধত দৃষ্টির জন্য আমি আসিরীয় রাজাকে শাস্তি দেব।
-
20 সে যেন ছাই ভোজন করে, এক মোহগ্রস্ত হৃদয় তাকে বিপথগামী করে;
সে নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, কিংবা বলে না,
“আমার ডান হাতে রাখা এই বস্তুটি কি মিথ্যা নয়?”
-
14 হে জেরুশালেম, রক্ষা পাওয়ার জন্য তোমার হৃদয়
থেকে দুষ্টতা ধুয়ে তা পরিষ্কার করো।
কত কাল তুমি তোমার মন্দ চিন্তাগুলি মনে পুষে রাখবে?
-
19 আহ্, এ আমার কি নিদারুণ মনোবেদনা, কী নিদারুণ মনোবেদনা!
আমি যন্ত্রণায় ছটফট করছি।
আহা, আমার হৃদয়ে এ এক নিদারুণ যন্ত্রণা!
আমার হৃদয় উদ্বেগে ধকধক করছে,
আমি নীরব থাকতে পারছি না।
কেননা আমি তূরীর শব্দ শুনেছি;
আমি রণহুঙ্কারের শব্দ শুনেছি।
-
12 হে বাহিনীগণের সদাপ্রভু, তুমি যে ধার্মিকদের পরীক্ষা করে থাকো
এবং তাদের হৃদয় ও মনের অনুসন্ধান করো,
শত্রুদের উপরে তোমার প্রতিশোধ নেওয়া আমাকে দেখতে দাও,
কারণ তোমারই কাছে আমি আমার অভিযোগের বিষয় জানিয়েছি।
-
20 কিন্তু যখন তার হৃদয় অহংকারী হল এবং গর্বে কঠিন হল, তিনি আপন সিংহাসন হারালেন এবং সব গৌরব থেকে বিচ্যুত হলেন।
-
8 “ ‘এই লোকেরা তাদের ওষ্ঠাধরে আমাকে সম্মান করে,
কিন্তু তাদের হৃদয় থাকে আমার থেকে বহুদূরে।
9 বৃথাই তারা আমার উপাসনা করে;
তাদের শিক্ষামালা বিভিন্ন মানুষের শেখানো নিয়মবিধি মাত্র।’ ”
-
2 সান্ধ্যভোজ পরিবেশন করা হচ্ছিল। দিয়াবল ইতিমধ্যেই যীশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য শিমোনের পুত্র যিহূদা ইষ্কারিয়োৎকে প্ররোচিত করেছিল। 3 যীশু জানতেন যে, পিতা সবকিছু তাঁর ক্ষমতার অধীন করেছেন এবং ঈশ্বরের কাছ থেকেই তিনি এসেছেন ও তিনি ঈশ্বরের কাছেই ফিরে যাচ্ছেন। 4 তাই তিনি ভোজ থেকে উঠে তাঁর উপরের পোশাক খুলে কোমরে একটি তোয়ালে জড়ালেন। 5 এরপর তিনি একটি গামলায় জল নিয়ে তাঁর শিষ্যদের পা ধুয়ে, ও তাঁর কোমরে জড়ানো তোয়ালে দিয়ে মুছিয়ে দিতে লাগলেন।
Shows Read in context, Share and Copy.