48 Bible Verses About False Prophets
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
15 “ভণ্ড ভাববাদীদের থেকে সাবধান। তারা মেষের ছদ্মবেশে তোমাদের কাছে আসে, কিন্তু অন্তরে তারা হিংস্র নেকড়ের মতো। 16 তাদের ফল দ্বারাই তোমরা তাদের চিনতে পারবে। লোকে কি কাঁটাঝোপ থেকে আঙুর, বা শিয়ালকাঁটা থেকে ডুমুরফল পায়? 17 একইভাবে, প্রত্যেক ভালো গাছে ভালো ফল ধরে, কিন্তু মন্দ গাছে মন্দ ফল ধরে। 18 কোনো ভালো গাছে মন্দ ফল ধরতে পারে না এবং কোনো মন্দ গাছে ভালো ফল ধরতে পারে না। 19 যে গাছে ভালো ফল ধরে না, সেই গাছ কেটে আগুনে ফেলে দেওয়া হয়। 20 এভাবে, তাদের ফল দ্বারাই তোমরা তাদের চিনতে পারবে।
21 “যারা আমাকে ‘প্রভু, প্রভু’ বলে, তারা সবাই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না; কিন্তু যে আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করবে, সেই প্রবেশ করতে পারবে। 22 সেদিন, অনেকে আমাকে বলবে, ‘প্রভু, প্রভু; আমরা কি আপনার নামে ভবিষ্যদ্বাণী করিনি? আপনার নামে কি ভূত তাড়াইনি ও বহু অলৌকিক কাজ করিনি?’ 23 তখন আমি তাদের স্পষ্ট বলব, ‘আমি তোমাদের কোনোকালেও জানতাম না। দুষ্টের দল, আমার সামনে থেকে দূর হও!’
24 “অতএব, যে আমার এসব বাক্য শুনে পালন করে, সে এমন এক বুদ্ধিমান লোকের মতো, যে পাথরের উপরে তার বাড়ি নির্মাণ করল। 25 পরে বৃষ্টি নামল, বন্যা এল, ঝড় বইল ও সেই বাড়িতে আঘাত করল; তবুও তার পতন হল না, কারণ পাথরের উপরে তার ভিত্তিমূল প্রতিষ্ঠিত ছিল। 26 কিন্তু যে কেউ আমার এসব বাক্য শুনেও পালন করে না, সে এমন এক মূর্খ মানুষের মতো, যে বালির উপরে তার বাড়ি নির্মাণ করল। 27 পরে বৃষ্টি নামল, বন্যা এল, ঝড় বইল ও সেই বাড়িতে আঘাত করল, আর তার ভয়ংকর পতন হল।”
-
13 “শমরিয়ার ভাববাদীদের মধ্য
আমি এই বিরক্তিকর ব্যাপার দেখেছি,
তারা বায়াল-দেবতার নামে ভাববাণী করে
আমার প্রজা ইস্রায়েলকে বিপথগামী করেছে।
14 আবার জেরুশালেমের ভাববাদীদের মধ্যে,
আমি এই ভয়ংকর ব্যাপার দেখেছি,
তারা ব্যভিচার করে ও মিথ্যাচারের জীবন কাটায়।
তারা অন্যায়কারীদের হাত শক্ত করে,
যেন কেউই তার দুষ্টতার পথ থেকে না ফেরে।
তারা সবাই আমার কাছে সদোমের লোকদের মতো;
জেরুশালেমের লোকেরা ঘমোরার মতো।”
15 অতএব, ভাববাদীদের সম্পর্কে বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন:
“আমি তাদের খেতে দেব তেতো আহার,
পান করার জন্য বিষাক্ত জল,
কারণ জেরুশালেমের সব ভাববাদীর কাছ থেকে
ভক্তিহীনতা ছড়িয়ে পড়েছে সমস্ত দেশে।”
16 বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন,
“ভাববাদীরা তোমাদের কাছে যে ভাববাণী বলে, তোমরা সেই কথা শুনো না;
তারা মিথ্যা আশা তোমাদের মনে ভরায়।
তাদের মনগড়া দর্শনের কথা তারা বলে,
যা সদাপ্রভুর মুখ থেকে নির্গত হয়নি।
17 যারা আমাকে অবজ্ঞা করে, তারা তাদের কাছে বলে যায়,
‘সদাপ্রভু বলেন: তোমাদের শান্তি হবে।’
আর যারাই তাদের হৃদয়ের একগুঁয়েমির অধীনে চলে,
তারা বলে, ‘তোমাদের কোনো ক্ষতি হবে না।’
18 কিন্তু তাদের মধ্যে কে সদাপ্রভুর সভায় দাঁড়িয়েছে
তাঁকে দেখার বা তাঁর কথা শোনার জন্য?
কে তাঁর বাক্য শুনে তা অবধান করেছে?
-
1 কিন্তু, সেই ইস্রায়েলী প্রজাদের মধ্যে ভণ্ড ভাববাদীরাও ছিল, যেমন তোমাদের মধ্যে ভণ্ড শিক্ষকদের দেখা যাবে। তারা গোপনে ধ্বংসাত্মক মতবাদ প্রচার করবে, এমনকি, যিনি তাদের কিনে নিয়েছেন, সেই সার্বভৌম প্রভুকেই অস্বীকার করবে—তারা দ্রুত নিজেদের বিনাশ ডেকে আনবে। 2 বহু মানুষই তাদের ঘৃণ্য আচরণের অনুসারী হবে; আর তাদের জন্য সত্যের পথ নিন্দিত করবে। 3 এসব শিক্ষক লোভের বশবর্তী হয়ে তাদেরই রচিত কল্পকাহিনির দ্বারা তোমাদের শোষণ করবে। দীর্ঘ সময় ধরে তাদের উপরে শাস্তি নির্ধারিত রয়েছে এবং তাদের বিনাশের আর দেরি নেই।
4 কারণ স্বর্গদূতেরা পাপ করলে, ঈশ্বর তাদের নিষ্কৃতি না দিয়ে নরকে পাঠিয়ে দিলেন, বিচারের জন্য অন্ধকারাচ্ছন্ন পাতালে শিকল দিয়ে বন্দি করে রেখে দিলেন। 5 তিনি প্রাচীন পৃথিবীকে নিষ্কৃতি না দিয়ে ভক্তিহীন লোকদের উপরে মহাপ্লাবন এনেছিলেন, কিন্তু ধার্মিকতার প্রচারক নোহ ও অপর আরও সাতজনকে রক্ষা করেছিলেন; 6 তিনি সদোম ও ঘমোরা নগর দুটিকে দোষী সাব্যস্ত করে ভস্মীভূত করেছিলেন, যেন ভবিষ্যতে ভক্তিহীন লোকদের প্রতি কী ঘটবে তার দৃষ্টান্ত স্থাপন করেন। 7 কিন্তু লোট নামের এক ধার্মিক ব্যক্তিকে, যিনি উচ্ছৃঙ্খল মানুষদের স্বেচ্ছাচারে যন্ত্রণাভোগ করতেন, তাঁকে তিনি উদ্ধার করেছিলেন। 8 (কারণ সেই ধার্মিক ব্যক্তি দিনের পর দিন তাদের মধ্যে বাস করে, তাদের অনাচার দেখে ও শুনে, তাঁর ধর্মময় প্রাণে কষ্ট পেতেন)— 9 যদি তাই হয়, তাহলে প্রভু জানেন, কীভাবে ধার্মিকদের বিভিন্ন পরীক্ষা থেকে উদ্ধার করতে হয় এবং অধার্মিকদের কীভাবে বিচারদিনের জন্য রাখতে হয়, যদিও সেই সময় পর্যন্ত তাদের শাস্তি অব্যাহত রাখেন। 10 একথা বিশেষরূপে তাদের ক্ষেত্রে সত্য, যারা পাপময় প্রবৃত্তির কলুষিত কামনাবাসনার অনুসারী হয় ও কর্তৃত্বকে অবজ্ঞা করে।
এরা দুঃসাহসী ও উদ্ধত, এরা দিব্যজনেদের নিন্দা করতে ভয় পায় না; 11 তবুও স্বর্গদূতেরা, যদিও তাঁরা বেশি শক্তিশালী ও বেশি ক্ষমতাসম্পন্ন, তাঁরা কিন্তু এদের বিরুদ্ধে প্রভুর সাক্ষাতে কুৎসাপূর্ণ অভিযোগ করেন না। 12 কিন্তু এই লোকেরা যে বিষয় বোঝে না, সেই বিষয়েরই নিন্দা করে। তারা হিংস্র পশুর মতো, ইতর প্রবৃত্তির প্রাণী, তাদের জন্ম কেবলমাত্র ধরা পড়ে ধ্বংস হওয়ার জন্যই হয়েছে। পশুর মতোই তারা বিনষ্ট হবে।
13 তারা যে অনিষ্ট করেছে, তার প্রতিফলে তারা অনিষ্টই ভোগ করবে। তাদের কাছে সুখভোগের অর্থ হল প্রকাশ্যে দিনের আলোয় ভোজনপানে মত্ত হওয়া। তোমাদের সঙ্গে ভোজসভায় যোগ দেওয়ার সময় তারা উচ্ছৃঙ্খল ভোগবাসনায় কলঙ্ক ও লজ্জার কারণ হয়। 14 তাদের চোখ ব্যভিচারে পূর্ণ, তারা পাপ করতে কখনও ক্ষান্ত হয় না; যাদের মতিগতির কোনো ঠিক নেই তাদের ব্যভিচারে প্রলুব্ধ করে; তারা অর্থলালসায় অভ্যস্ত, তারা অভিশপ্ত বংশ। 15 তারা সহজসরল পথ ত্যাগ করে, বিয়োরের পুত্র বিলিয়মের পথ অনুসরণ করেছে, যে দুষ্টতার পারিশ্রমিক ভালোবাসতো। 16 কিন্তু সে তার দুষ্কর্মের জন্য কথা বলতে পারে না এমন এক পশু—এক গর্দভের দ্বারা তিরস্কৃত হল; সেই গর্দভ মানুষের ভাষায় কথা বলে সেই ভাববাদীর অন্যায় কাজ সংযত করেছিল।
17 এই লোকেরা জলহীন উৎস ও ঝড়ে উড়ে যাওয়া কুয়াশার মতো। তাদের জন্য ঘোরতর অন্ধকার সংরক্ষিত আছে। 18 কারণ তারা অসার ও দাম্ভিক উক্তি করে এবং পাপপূর্ণ দৈহিক কামনাবাসনার কথা বলে। তারা সেইসব মানুষদের প্রলোভিত করে, যারা বিপথে জীবনযাপন করার হাত থেকে সবেমাত্র উদ্ধার পেয়েছে। 19 এই ভণ্ড শিক্ষকেরা তাদের কাছে স্বাধীনতার প্রতিশ্রুতি দেয়, অথচ তারা নিজেরাই অনৈতিকতার ক্রীতদাস, কারণ মানুষের উপরে যা প্রভুত্ব করে, মানুষ তারই দাস। 20 আমাদের প্রভু ও পরিত্রাতা যীশু খ্রীষ্টকে জানার পর তারা যদি জগতের কলুষতা থেকে মুক্ত হয়ে আবার তারই মধ্যে জড়িয়ে পড়ে ও পরাজিত হয়, তাহলে তাদের প্রথম অবস্থার চেয়ে শেষের অবস্থা হবে আরও শোচনীয়। 21 তাদের পক্ষে ধার্মিকতার পথ জেনে ও তাদের কাছে যে পবিত্র অনুশাসন দেওয়া হয়েছিল, তা অমান্য করার চেয়ে, সেই পথ না-জানাই তাদের পক্ষে ভালো ছিল। 22 তাদের পক্ষে এই প্রবাদ সত্যি: “কুকুর তার বমির দিকে ফিরে যায়,” আর “পরিচ্ছন্ন শূকর কাদায় গড়াগড়ি দিতে ফিরে যায়।”
-
18 আমি তাদের ইস্রায়েলী ভাইদের মধ্য থেকে তাদের জন্য তোমার মতো একজন ভাববাদী উঠাব, এবং আমি তার মুখে আমার বাক্য দেব। তাকে আমি যা বলতে আদেশ দেব সে তাই বলবে। 19 সেই ভাববাদী আমার নাম করে যে কথা বলবে কেউ আমার সেই কথা যদি না শোনে, তবে আমি নিজেই সেই লোককে প্রতিফল দেব। 20 কিন্তু আমি আদেশ করিনি এমন কোনও কথা যদি কোনও ভাববাদী আমার নাম করে বলে কিংবা সে যদি অন্য দেবতার নামে কথা বলে, তবে তাকে মেরে ফেলতে হবে।”
21 তোমরা মনে মনে বলতে পারো, “সদাপ্রভু এই কথা বলেছেন কি না তা আমরা কেমন করে জানব?” 22 কোনও ভাববাদী যদি সদাপ্রভুর নাম করে কোনও কথা বলে আর তা যদি অসত্য হয় কিংবা না ঘটে, তবে বুঝতে হবে সেই কথা সদাপ্রভু বলেননি। সেই ভাববাদী নিজের ধারণার উপর ভিত্তি করে বলেছে, সুতরাং ভয় পেয়ো না।
-
1 প্রিয় বন্ধুরা, সব আত্মাকে বিশ্বাস কোরো না, বরং তারা ঈশ্বর থেকে এসেছে কি না তা জানার জন্য তাদের পরীক্ষা করো, কারণ বহু ভণ্ড ভাববাদী পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। 2 তোমরা এভাবেই ঈশ্বরের আত্মাকে চিনতে পারবে: যে আত্মা স্বীকার করে যে যীশু খ্রীষ্ট মানবদেহে আগমন করেছেন, সে ঈশ্বর থেকে, 3 কিন্তু যে আত্মা যীশু খ্রীষ্টকে শরীরে আগত বলে স্বীকার করে না, সে ঈশ্বর থেকে নয়। এ হল সেই খ্রীষ্টারির আত্মা, যার আগমন সম্পর্কে তোমরা শুনেছ, এমনকি ইতিমধ্যেই সে জগতে উপস্থিত হয়েছে।
4 প্রিয় সন্তানেরা, তোমরা ঈশ্বর থেকে। তোমরা খ্রীষ্ট বিরোধীদের পরাস্ত করেছ, কারণ তোমাদের অন্তরে যিনি আছেন, তিনি জগতে যে বিচরণ করে, তার চেয়ে মহান। 5 তারা জগৎ থেকে, তাই জাগতিক দৃষ্টিভঙ্গিতেই তারা কথা বলে এবং জগৎ তাদের কথা শোনে। 6 কিন্তু আমরা ঈশ্বর থেকে এবং ঈশ্বরকে যে জানে, সে আমাদের কথা শোনে; কিন্তু যে ঈশ্বর থেকে নয়, সে আমাদের কথায় কর্ণপাত করে না। এভাবেই আমরা সত্যের আত্মা ও বিভ্রান্তির আত্মাকে চিনতে পারি।
-
13 কিন্তু আমি বললাম, “আহ্, সার্বভৌম সদাপ্রভু, ভাববাদীরা নিরন্তর তাদের বলে এসেছে, ‘তোমরা তরোয়ালের সম্মুখীন হবে না বা দুর্ভিক্ষেও কষ্ট পাবে না। প্রকৃতপক্ষে, আমি তোমাদের এই স্থানে চিরস্থায়ী শান্তি ভোগ করতে দেব।’ ”
14 তখন সদাপ্রভু আমাকে বললেন, “ভাববাদীরা আমার নামে মিথ্যা ভাববাণী বলে। আমি তাদের পাঠাইনি বা নিযুক্ত করিনি বা তাদের সঙ্গে কথা বলিনি। তারা তোমাদের কাছে মিথ্যা দর্শন, অসার দৈব বাক্য ও তাদের মনগড়া ভ্রান্তির কথা বলে। 15 অতএব, যারা তাঁর নাম ব্যবহার করে ভাববাণী বলেছে, সদাপ্রভু সেইসব ভাববাদীর উদ্দেশে এই কথা বলেন, আমি তাদের পাঠাইনি, অথচ তারা বলছে, ‘কোনো যুদ্ধ বা দুর্ভিক্ষ এই দেশকে স্পর্শ করবে না।’ ওই ভাববাদীরাই যুদ্ধে ও দুর্ভিক্ষে ধ্বংস হবে। 16 আর যে লোকদের কাছে তারা ভাববাণী বলেছে, যুদ্ধ ও দুর্ভিক্ষের কারণে তাদের জেরুশালেমের পথে পথে নিক্ষেপ করা হবে। তাদের, কিংবা তাদের স্ত্রী ও ছেলেমেয়েদের কবর দেওয়ার জন্য কেউ থাকবে না। তাদের প্রাপ্য যে দুর্দশা, তা আমি তাদের উপরে ঢেলে দেব।
-
1 তোমাদের মধ্যে কোনো ভাববাদী বা স্বপ্নদর্শক যদি তোমাদের সামনে উপস্থিত হয় এবং তোমাদের কোনো আশ্চর্য চিহ্ন বা কাজের কথা বলে, 2 এবং যদি সেই আশ্চর্য চিহ্ন বা কাজ ঘটে, ও সেই ভাববাদী বলে, “চলো আমরা অন্য দেবতাদের অনুগামী হই (যে দেবতাদের সম্বন্ধে তোমরা জানো না) এবং তাদের পূজা করি,” 3 তোমরা সেই ভাববাদী বা স্বপ্নদর্শকের কথা শুনবে না। তোমরা তোমাদের সমস্ত মনপ্রাণ দিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসো কি না তা জানার জন্য তিনি তোমাদের পরীক্ষায় ফেলেছেন। 4 তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথামতো তোমাদের চলতে হবে এবং তাঁকে গভীর শ্রদ্ধা করতে হবে। তাঁর আজ্ঞা পালন করবে ও তাঁর বাধ্য হবে; তাঁর সেবা করবে এবং তাঁকে আঁকড়ে ধরবে। 5 সেই ভাববাদী কিংবা স্বপ্নদর্শককে প্রাণদণ্ড দেবে কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর থেকে তোমাদের বের করে এনেছেন এবং সেই দাসত্বের দেশ থেকে তোমাদের মুক্ত করেছেন, সে তাঁরই বিরুদ্ধে বিদ্রোহের উসকানি দিয়েছে। সেই ভাববাদী কিংবা স্বপ্নদর্শক তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে পথে চলতে তোমাদের আদেশ করেছেন সেই পথ থেকে তোমাদের ফিরাতে চেষ্টা করেছে। তোমাদের মধ্য থেকে সেই দুষ্টতা তোমরা লোপ করে দেবে।
-
3 যীশু যখন জলপাই পর্বতের উপরে বসেছিলেন, শিষ্যেরা এক প্রকার গোপনে তাঁর কাছে এসে বললেন, “আমাদের বলুন, কখন এসব ঘটনা ঘটবে এবং আপনার আগমনের, বা যুগান্তের চিহ্নই বা কী কী হবে?”
4 যীশু উত্তর দিলেন, “সতর্ক থেকো, কেউ যেন তোমাদের সঙ্গে প্রতারণা না করে। 5 কারণ অনেকে এসে আমার নামে দাবি করবে, ‘আমিই সেই খ্রীষ্ট’ আর এভাবে বহু মানুষকে ঠকাবে। 6 তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের সব জনরব শুনবে। কিন্তু দেখো, তোমরা যেন ব্যাকুল না হও। এ সমস্ত বিষয় অবশ্যই ঘটবে, কিন্তু তখনও অন্তিমলগ্ন উপস্থিত হয়নি। 7 এক জাতি অন্য জাতির বিপক্ষে, এক রাজ্য অন্য রাজ্যের বিপক্ষে অভিযান করবে। বিভিন্ন স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হবে। 8 এসব প্রসব যন্ত্রণার সূচনা মাত্র।
9 “তখন তোমাদেরকে অত্যাচার করার ও মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সমর্পণ করা হবে। আমার কারণে সমস্ত জাতির মানুষেরা তোমাদের ঘৃণা করবে। 10 সেই সময়ে অনেকেই বিশ্বাস হারাবে, বিশ্বাসঘাতকতা করবে ও পরস্পরকে ঘৃণা করবে। 11 বহু ভণ্ড ভাববাদী উপস্থিত হয়ে বহু মানুষের সঙ্গে প্রতারণা করবে। 12 আর দুষ্টতা বৃদ্ধি পাওয়ার কারণে অধিকাংশ মানুষেরই প্রেম শীতল হয়ে যাবে, 13 কিন্তু যে কেউ শেষ পর্যন্ত অবিচল থাকবে, সেই পরিত্রাণ পাবে।
-
28 তোমরা নিজেদের বিষয়ে সাবধান থাকো ও পবিত্র আত্মা যে মেষদের উপরে তোমাদের তত্ত্বাবধায়করূপে নিযুক্ত করেছেন, তাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখো। ঈশ্বরের যে মণ্ডলীকে তিনি তাঁর রক্তের দ্বারা কিনেছেন, তার প্রতিপালন করো। 29 আমি জানি, আমার চলে যাওয়ার পর, তোমাদের মধ্যে হিংস্র নেকড়েদের আবির্ভাব হবে, তারা মেষপালকে নিষ্কৃতি দেবে না। 30 এমনকি, তোমাদের নিজেদের মধ্য থেকেই তাদের উত্থান হবে। তারা সত্যকে বিকৃত করবে, যেন তাদের অনুগামী হওয়ার জন্য শিষ্যদের টেনে নিয়ে যেতে পারে। 31 তাই তোমরা সতর্ক থাকো! মনে রেখো যে, সেই তিন বছর আমি তোমাদের প্রত্যেকজনকে দিনরাত চোখের জলে সাবধান করে এসেছি, কখনও ক্ষান্ত হইনি।
32 “এখন আমি ঈশ্বর ও তাঁর অনুগ্রহের বাক্যের কাছে তোমাদের সমর্পণ করছি, যা তোমাদের গঠন করতে ও যারা পবিত্র তাঁদের মধ্যে অধিকার দান করতে সমর্থ।
-
13 কারণ এসব মানুষ হল ভণ্ড প্রেরিত, প্রতারক সব কর্মী, তারা খ্রীষ্টের প্রেরিতশিষ্যদের ছদ্মবেশ ধারণ করে। 14 বিস্ময়ের কিছু নেই, কারণ শয়তান স্বয়ং দীপ্তিময় স্বর্গদূতের ছদ্মবেশ ধারণ করে। 15 তাহলে এতেও অবাক হওয়ার কিছু নেই যে, তার পরিচারকেরা ধার্মিকতার পরিচারকদের ছদ্মবেশ ধারণ করবে। তাদের কাজের নিরিখেই তাদের যোগ্য পরিণতি হবে।
-
25 “যে ভাববাদীরা আমার নামে মিথ্যা ভাববাণী বলে, সেই ভাববাদীরা কী বলে, আমি তা শুনেছি। তারা বলে, ‘আমি একটি স্বপ্ন দেখেছি! আমি একটি স্বপ্ন দেখেছি!’ 26 এসব ভণ্ড ভাববাদীর মনে কত কাল এসব থাকবে, যারা নিজেদের ভ্রান্ত মন থেকে উৎপন্ন এসব ভাববাণী বলে? 27 তারা মনে করে, পরস্পরের কাছে তারা যে স্বপ্নের কথা বলে, তার ফলে আমার প্রজারা আমার নাম ভুলে যাবে, যেভাবে তাদের পূর্বপুরুষেরা বায়াল-দেবতার উপাসনার মাধ্যমে আমার নাম ভুলে গিয়েছিল। 28 যে ভাববাদী স্বপ্ন দেখেছে, সে তার স্বপ্নের কথা বলুক, কিন্তু যার কাছে আমার বাক্য আছে, সে তা বিশ্বস্তভাবে বলুক। কারণ শস্যদানার সঙ্গে খড়ের কী সম্পর্ক?” সদাপ্রভু এই কথা বলেন। 29 “আমার বাক্য কি আগুনের মতো নয়,” সদাপ্রভু এই কথা বলেন, “এবং তা কি কোনো হাতুড়ির মতো নয়, যা পাথরকে খণ্ড খণ্ড করে?
30 “সেই কারণে,” সদাপ্রভু বলেন, “আমি সেইসব ভাববাদীর বিরুদ্ধে, যারা পরস্পরের কাছ থেকে বাক্য চুরি করে ও দাবি করে যে সেই বাক্যগুলি আমার কাছ থেকে পেয়েছে।” 31 সদাপ্রভু বলেন, “হ্যাঁ, আমি সেইসব ভাববাদীর বিরুদ্ধে, যারা নিজেরা নিজেদের জিভ নাড়ায়, অথচ বলে, ‘সদাপ্রভু ঘোষণা করেন।’ 32 প্রকৃতপক্ষে, আমি তাদের বিরুদ্ধে, যারা আমার নামে মিথ্যা স্বপ্নের ভাববাণী বলে,” সদাপ্রভু এই কথা বলেন। “তারা তাদের সেগুলি বলে এবং তাদের ভাবনাচিন্তাহীন মিথ্যার দ্বারা আমার প্রজাদের বিপথগামী করে, যদিও আমি তাদের পাঠাইনি বা নিয়োগ করিনি। তারা এই লোকদের বিন্দুমাত্রও উপকার করতে পারে না,” সদাপ্রভু এই কথা বলেন।
-
23 সেই সময়, কেউ যদি তোমাদের বলে, ‘দেখো, খ্রীষ্ট এখানে!’ অথবা, ‘তিনি ওখানে!’ তোমরা বিশ্বাস কোরো না। 24 কারণ ভণ্ড খ্রীষ্টেরা ও ভণ্ড ভাববাদীরা উপস্থিত হয়ে বহু বড়ো বড়ো চিহ্ন ও অলৌকিক কাজ করে দেখাবে, যেন সম্ভব হলে মনোনীতদেরও প্রতারিত করতে পারে। 25 দেখো, ঘটনা ঘটবার পূর্বেই আমি তোমাদের একথা বলে দিলাম।
26 “তাই, কেউ যদি তোমাদের বলে, ‘দেখো, তিনি মরুপ্রান্তরে আছেন,’ তোমরা বেরিয়ে যেয়ো না; কিংবা, ‘তিনি এখানে ভিতরের ঘরে আছেন,’ তা বিশ্বাস কোরো না। 27 কারণ বিদ্যুতের ঝলক যেমন পূর্বদিক থেকে পশ্চিমদিক পর্যন্ত দৃশ্যমান হয়, মনুষ্যপুত্রের আগমনও সেইরূপ হবে। 28 যেখানেই মৃতদেহ, সেখানেই শকুনের ঝাঁক জড়ো হবে।
-
3 কারণ এমন সময় আসবে যখন মানুষ অভ্রান্ত শিক্ষা সহ্য করতে পারবে না। বরং তাদের নিজস্ব কামনাবাসনা চরিতার্থ করতে শ্রুতিসুখকর কথা শোনার জন্য তারা অনেক গুরু জোগাড় করবে। 4 তারা সত্যের প্রতি কর্ণপাত না করে কল্পকাহিনির দিকে ঝুঁকে পড়বে।
-
11 তারপর আমি অন্য একটি পশু দেখলাম, সে পৃথিবীর গর্ভ থেকে উঠে এল। তার ছিল মেষশাবকের মতো দুটি শিং, কিন্তু সে দানবের মতো কথা বলত। 12 সে ওই প্রথম পশুটির পক্ষে তার সমস্ত কর্তৃত্ব প্রয়োগ করল এবং যার মারাত্মক ক্ষত নিরাময় করা হয়েছিল, সেই প্রথম পশুটির পূজা করতে পৃথিবী ও তার অধিবাসীদের বাধ্য করল। 13 আর সে মহা অলৌকিক চিহ্নকাজ করতে লাগল, এমনকি, লোকদের চোখের সামনে মহাকাশ থেকে পৃথিবীতে আগুন নামিয়ে আনল। 14 এভাবে প্রথম পশুর সামনে যেসব চিহ্নকাজ করার ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল তা দিয়ে সে পৃথিবীবাসীদের প্রতারণা করল। সেই পশুর সম্মানে সে তাদের একটি প্রতিমা স্থাপন করার আদেশ দিল; যে পশুকে তরোয়ালের দ্বারা আঘাত করলেও সে জীবিত ছিল। 15 তাকে ক্ষমতা দেওয়া হল যেন সে প্রথম পশুটির প্রতিমায় প্রাণবায়ু দিতে পারে ও সেই প্রতিমা কথা বলতে পারে। তখন সেই পশুর প্রতিমা আদেশ দিল যে, যারাই তাকে পূজা করতে অস্বীকার করে তাদের হত্যা করা হয়।
-
6 আমি আশ্চর্য বোধ করছি যে, যিনি তোমাদের খ্রীষ্টের অনুগ্রহে আহ্বান করেছেন, তাঁকে তোমরা এত শীঘ্র ছেড়ে দিয়ে, অন্য এক সুসমাচারের দিকে ঝুঁকে পড়েছ— 7 যা আসলে কোনো সুসমাচারই নয়। স্পষ্টত, কিছু লোক তোমাদের বিভ্রান্ত করছে এবং খ্রীষ্টের সুসমাচারকে বিকৃত করার চেষ্টা করছে। 8 কিন্তু যে সুসমাচার আমরা তোমাদের কাছে প্রচার করেছিলাম, তা ছাড়া অন্য কোনো সুসমাচার যদি আমরা বা স্বর্গ থেকে আগত কোনো দূতও প্রচার করে, তাহলে সে চিরকালের জন্য অভিশপ্ত হোক। 9 যেমন আমরা এর আগে বলেছি, তেমনই আমি এখন আবার বলছি, তোমরা যে সুসমাচার গ্রহণ করেছ, তা ছাড়া অন্য কোনও সুসমাচার কেউ যদি প্রচার করে, তাহলে সে চিরকালের জন্য অভিশপ্ত হোক।
-
3 কেউ যদি ভ্রান্ত ধর্মশিক্ষা দেয় এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অভ্রান্ত নির্দেশ ও ঐশ্বরিক শিক্ষার সঙ্গে একমত না হয়, 4 তাহলে সে গর্বে অন্ধ ও নির্বোধ। ঝগড়া ও তর্কবিতর্কের প্রতিই তার অকারণ আগ্রহ, ফলে সৃষ্টি হয় ঈর্ষা, বিবাদ, বিদ্বেষপূর্ণ কথাবার্তা, হীন সন্দেহ; 5 এবং কলুষিতমনা লোকদের মধ্যে সৃষ্টি হয় অবিরত দ্বন্দ্ব। তারা সত্যভ্রষ্ট হয়েছে এবং ভক্তিকে তারা অর্থলাভের উপায় বলে মনে করে।
6 প্রকৃতপক্ষে ভক্তি মহালাভজনক, যদি তার সঙ্গে থাকে পরিতৃপ্তি;
-
19 যখন লোকেরা তোমাদের প্রেতমাধ্যম ও ভুতুড়েদের সঙ্গে যোগাযোগ করে বিড়বিড় ও ফিসফিস করতে বলে, তখন কোনো জাতি কি তাদের ঈশ্বরের কাছে অনুসন্ধান করবে না? জীবিতদের পক্ষে কেন মৃতদের সঙ্গে পরামর্শ করতে হবে? 20 তোমরা ঈশ্বরের বিধান ও সতর্কীকরণের সাক্ষ্য অন্বেষণ করো! যদি তারা এই বাক্য অনুযায়ী কথা না বলে, তাহলে তারা ভোরের আলো দেখবে না।
-
17 ভাইবোনেরা, আমি তোমাদের অনুনয় করছি, তোমরা যে শিক্ষায় শিক্ষিত হয়েছ, তার বিরোধিতা করে যারা বিভেদ সৃষ্টি করে ও তোমাদের পথে বাধার সৃষ্টি করে, তোমরা তাদের চিনে নিয়ো। তাদের থেকে দূরে থেকো। 18 কারণ এই ধরনের লোকেরা আমাদের প্রভু খ্রীষ্টের দাসত্ব করে না, কিন্তু নিজেদের পেটের দাসত্ব করে। মধুর কথাবার্তা ও স্তাবকতার দ্বারা তারা সরল মানুষদের প্রতারিত করে।
-
11 তিনিই কয়েকজনকে প্রেরিতশিষ্য, কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক, কয়েকজনকে পালক ও শিক্ষকরূপে দান করেছেন, 12 পবিত্রগণকে পরিপক্ব করার জন্য করেছেন, যেন পরিচর্যার কাজ সাধিত হয়, খ্রীষ্টের দেহ যেন গঠন করে তোলা হয়, 13 যতদিন না আমরা সবাই ঈশ্বরের পুত্রের জ্ঞান ও বিশ্বাসের ঐক্যে উপনীত হতে পারি ও পরিণত হই এবং খ্রীষ্টের সকল পূর্ণতা অর্জন করতে পারি।
14 তখন আমরা আর নাবালক থাকব না। যে কোনো মতবাদের হাওয়ায় বিচলিত হব না বা বাতাসে ভেসে যাব না। আমরা প্রভাবিত হব না যখন লোকেরা মিথ্যার সাহায্য নিয়ে, যা শুনে মনে হয় সত্য, আমাদের ঠকানোর চেষ্টা করবে। 15 এর পরিবর্তে আমরা প্রেমে সত্য প্রকাশ করব এবং সব বিষয়ে খ্রীষ্টের মতো হয়ে উঠব, যিনি তাঁর দেহের মস্তক; আর সেই দেহ হল মণ্ডলী। 16 তিনি সমগ্র দেহকে সুন্দরভাবে সন্নিবদ্ধ করেন। প্রতিটি অঙ্গ নিজের নিজের বিশেষ কাজ করে, যার ফলে অন্যান্য অংশ বৃদ্ধিলাভ করে। এই কারণে সমগ্র দেহ সুস্থ, বৃদ্ধিপ্রাপ্ত ও প্রেমে পূর্ণতা লাভ করে।
-
1 ঈশ্বরের আত্মা সুস্পষ্টভাবে বলছেন যে, পরবর্তীকালে বেশ কিছু লোক বিশ্বাস ত্যাগ করে বিভ্রান্তি সৃষ্টিকারী দুষ্টাত্মা দ্বারা প্রভাবিত হবে ও সেসব আত্মা ও তাদের বিভিন্ন বিষয় অনুসরণ করবে। 2 এসব শিক্ষা ভণ্ড মিথ্যাবাদীদের মাধ্যমে আসে, যাদের বিবেক উত্তপ্ত লোহার দ্বারা যেন পুড়ে গেছে। 3 তারা লোকদের বিবাহ করতে নিষেধ করে ও কোনো কোনো খাবার থেকে দূরে থাকার জন্য আদেশ দেয়, যা ঈশ্বর এই উদ্দেশে সৃষ্টি করেছেন যেন যারা বিশ্বাসী এবং সত্য জানে তারা ধন্যবাদ জ্ঞাপনের সঙ্গে সেইসব খাবার গ্রহণ করে।
-
30 “এক রোমহর্ষক ও ভয়ংকর ঘটনা
এই দেশে ঘটেছে;
31 ভাববাদীরা মিথ্যা ভাববাণী বলে,
যাজকেরা নিজেদের অধিকারবশত কর্তৃত্ব ফলায়,
আর আমার প্রজারা এরকমই ভালোবাসে।
কিন্তু শেষে তোমরা কী করবে?
-
3 ম্যাসিডোনিয়া যাওয়ার পথে, আমি তোমাকে অনুরোধ করেছিলাম, যেন তুমি ইফিষে থেকে কতগুলি লোককে আদেশ দাও, তারা যেন আর ভুল শিক্ষা না দেয় এবং 4 তারা যেন পুরাকাহিনী ও অন্তহীন বংশাবলির আলোচনাতেই নিজেদের মনপ্রাণ ঢেলে না দেয়। ঈশ্বরের কাজের পরিবর্তে এগুলি বিতর্কের সৃষ্টি করে। কারণ ঈশ্বরের কাজ হয় বিশ্বাসের উপর নির্ভর করে। 5 এই আদেশের লক্ষ্য হল ভালোবাসা, যা শুচিশুদ্ধ হৃদয়, সৎ বিবেক ও অকপট বিশ্বাস থেকে উৎপন্ন হয়। 6 কিছু লোক এসব থেকে বিচ্যুত হয়ে অর্থহীন আলোচনাতে মন দিয়েছে। 7 তারা শাস্ত্রবিদ হতে চায়, কিন্তু তারা কোন বিষয়ে বলছে বা যেসব বিষয়ে এত জোরের সঙ্গে বলেছে, তা সম্বন্ধে তারা নিজেরাই জানে না।
-
16 কিন্তু, ঈশ্বরবিরোধী বাক্যালাপ এড়িয়ে চলো, কারণ যারা এগুলিতে জড়িয়ে পড়ে, তারা দিনে দিনে ভক্তিহীন হয়। 17 তাদের শিক্ষা দূষিত ক্ষতের মতো ছড়িয়ে পড়বে। হুমিনায় ও ফিলিত তাদেরই অন্তর্ভুক্ত। 18 তারা সত্য থেকে দূরে চলে গেছে। তারা এই কথা বলে কিছু লোকের বিশ্বাস নষ্ট করছে যে পুনরুত্থান ইতিমধ্যে হয়ে গেছে। 19 তবুও, ঈশ্বরের স্থাপিত বনিয়াদ দৃঢ় ও অটল হয়ে দাঁড়িয়ে আছে, তার উপর মোহরাঙ্কিত আছে এই বাক্য: “প্রভু জানেন কে কে তাঁর” এবং “প্রভুর নাম যে কেউ স্বীকার করে, দুষ্কর্ম থেকে সে দূরে থাকুক।”
-
20 তা সত্ত্বেও, তোমার বিরুদ্ধে আমার অভিযোগ এই: তুমি ওই নারী ঈষেবলকে সহ্য করে আসছ, যে নিজেকে মহিলা ভাববাদী বলে। তার শিক্ষার মাধ্যমে সে আমার দাসদের অবৈধ যৌনাচার ও প্রতিমাদের কাছে উৎসর্গ করা বলি আহার করতে বলে তাদের ভ্রান্তপথে চালিত করছে।
-
1 পরে সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল, 2 “হে মানবসন্তান, ইস্রায়েলের যে ভাববাদীরা ভাববাণী বলে, তুমি তাদের বিরুদ্ধে ভাববাণী বলো। যারা নিজেদের মনগড়া কথা বলছে তুমি তাদের বলো যে: ‘সদাপ্রভুর বাক্য শোনো! 3 সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন ধিক্ সেই নির্বোধ ভাববাদীরা যারা কোনও দর্শন না পেয়ে তাদের মনগড়া কথা বলে! 4 হে ইস্রায়েল, তোমার ভাববাদীরা ধ্বংসস্থানের শিয়ালদের মতো। 5 তোমরা ইস্রায়েল কুলের দেয়ালের ফাটল মেরামত করতে ওঠোনি যেন সদাপ্রভুর দিনে যুদ্ধের সময়ে সেটি দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারে। 6 তাদের দর্শন অলীক ও তাদের ভবিষ্যৎ-কথন মিথ্যা। তারা বলে, “সদাপ্রভু বলেন,” অথচ সদাপ্রভু তাদের পাঠাননি; তবুও তারা আশা করে যে তাদের কথা সফল হবে। 7 তোমরা কি অলীক দর্শন দেখোনি এবং মিথ্যা ভবিষ্যদ্বাণী উচ্চারণ করোনি যখন তোমরা বলো, “সদাপ্রভু বলেন,” যদিও আমি বলিনি?
8 “ ‘সুতরাং সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তোমাদের অলীক কথা ও মিথ্যা দর্শনের জন্য, আমি তোমাদের বিরুদ্ধে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন। 9 আমার হাত সেই ভাববাদীদের বিরুদ্ধে যারা অলীক দর্শন দেখে এবং মিথ্যা ভবিষ্যদ্বাণী উচ্চারণ করে। তারা আমার প্রজাদের সভায় থাকবে না এবং ইস্রায়েল কুলের বংশতালিকায় তাদের নাম থাকবে না আর তারা ইস্রায়েল দেশে ঢুকবে না। তখন তারা জানবে যে, আমিই সার্বভৌম সদাপ্রভু।
10 “ ‘কারণ যখন কোনও শান্তি নেই তখন তারা “শান্তি” বলে আমার প্রজাদের বিপথে চালায় এবং তারা যেন লোকদের গাঁথা এমন দেয়ালের উপর চুনকাম করে যা শক্ত নয়, 11 সেইজন্য, যারা চুনকাম করছে তুমি তাদের বলো যে, সেই দেয়াল পড়ে যাবে। প্রবল বৃষ্টি পড়বে ও আমি বড়ো বড়ো শিলা পাঠাব এবং ঝোড়ো বাতাস সজোরে বইবে। 12 দেয়াল যখন ভেঙে পড়বে তখন লোকেরা কি তোমাদের জিজ্ঞাসা করবে না, “তোমরা যে চুনকাম করেছিলে তার কি হল?”
-
6 সম্পূর্ণ দ্বীপটির এদিক-ওদিক যাতায়াত করে তাঁরা পাফোতে পৌঁছালেন। সেখানে তাঁরা বর-যীশু নামে একজন ইহুদি জাদুকর ও ভণ্ড ভাববাদীর সাক্ষাৎ পেলেন। 7 সে ছিল প্রদেশপাল সের্গীয় পৌলের একজন পরিচারক। প্রদেশপাল ছিলেন একজন বুদ্ধিমান ব্যক্তি। তিনি বার্ণবা ও শৌলকে ডেকে পাঠালেন, কারণ তিনি ঈশ্বরের বাক্য শুনতে চাইছিলেন। 8 কিন্তু ইলুমা, সেই জাদুকর (কারণ সেই ছিল তার নামের অর্থ), তাদের বিরোধিতা করল এবং প্রদেশপালকে বিশ্বাস থেকে ফেরাতে চাইল। 9 তখন শৌল, যাঁকে পৌল নামেও অভিহিত করা হত, পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে ইলুমার দিকে একদৃষ্টে তাকিয়ে বললেন, 10 “তুমি দিয়াবলের সন্তান এবং সর্বপ্রকার ধার্মিকতার বিপক্ষ! তুমি সর্বপ্রকার ছলনা ও ধূর্ততায় পরিপূর্ণ। প্রভুর প্রকৃত পথকে বিকৃত করতে তুমি কি কখনোই ক্ষান্ত হবে না? 11 এখন প্রভুর হাত তোমার বিপক্ষে রয়েছে। তুমি দৃষ্টিহীন হবে এবং কিছু সময় পর্যন্ত তুমি সূর্যের আলো দেখতে পাবে না।”
সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা ও অন্ধকার তাকে আচ্ছন্ন করল। সে হাতড়ে বেড়াতে লাগল, খুঁজতে লাগল, কেউ যেন তার হাত ধরে নিয়ে যায়। 12 যা ঘটেছে, প্রদেশপাল তা লক্ষ্য করে বিশ্বাস করলেন, কারণ তিনি প্রভুর সম্পর্কিত উপদেশে চমৎকৃত হয়েছিলেন।
-
10 আর তাদের প্রতারণাকারী দিয়াবলকে জ্বলন্ত গন্ধকের হ্রদে নিক্ষেপ করা হল, যেখানে সেই পশু ও ভণ্ড ভাববাদীকেও নিক্ষেপ করা হয়েছিল। তারা যুগে যুগে চিরকাল, দিনরাত যন্ত্রণাভোগ করবে।
-
11 আমি যে তোমাদের রুটির কথা বলিনি তা তোমরা বুঝতে পারোনি? তোমরা ফরিশী ও সদ্দূকীদের খামির থেকে সাবধান থেকো।” 12 তখন তারা বুঝতে পারলেন যে, তিনি তাদের রুটিতে ব্যবহৃত খামির থেকে সতর্ক থাকতে বলেননি, কিন্তু ফরিশী ও সদ্দূকীদের দেওয়া শিক্ষা থেকে সতর্ক থাকতে বলেছেন।
-
8 দেখো, কেউ যেন অসার ও বিভ্রান্তিকর দর্শনের দ্বারা তোমাদের বন্দি না করে, যা কেবল মানবিক ঐতিহ্য এবং জাগতিক মূলনীতির উপর নির্ভরশীল, খ্রীষ্টের উপর নয়।
-
8 তারপর, সেই পাপ-পুরুষের প্রকাশ হবে, প্রভু যীশু তাঁর মুখের নিঃশ্বাসে তাকে সংহার করবেন এবং তাঁর আগমনের জৌলুসে তাকে ধ্বংস করবেন। 9 সেই অধর্মাচারী পুরুষের আগমন শয়তানের ক্রিয়াকলাপের সঙ্গে হবে। সে সব ধরনের ক্ষমতার প্রদর্শন বিভিন্ন চিহ্ন ও আশ্চর্য কাজকর্মের মাধ্যমে করবে, যেগুলি মিথ্যাচারিতার সেবা করে। 10 সে সব ধরনের মন্দের দ্বারা যারা বিনাশের পথে চলেছে তাদের প্রতারণা করবে। তারা ধ্বংস হবে, কারণ তারা সত্যের অনুরাগী হতে অস্বীকার করেছে ও পরিত্রাণ পেতে চায়নি। 11 সেইজন্য, ঈশ্বর তাদের মধ্যে এক বিভ্রান্তিকর শক্তিকে প্রেরণ করবেন, যেন তারা মিথ্যাকেই বিশ্বাস করে, 12 এবং তারা সকলেই যেন শাস্তি পায় যারা সত্যে বিশ্বাস করেনি, কিন্তু দুষ্টতায় উল্লসিত হয়েছে।
-
16 অতএব, সদাপ্রভু এই কথা বলেন: ‘আমি তোমাকে ভূপৃষ্ঠ থেকে সরিয়ে ফেলতে চলেছি। এই বছরেই তোমার মৃত্যু হবে, কারণ তুমি সদাপ্রভুর বিরুদ্ধে বিদ্রোহের বাক্য প্রচার করেছ।’ ”
17 সেই বছরের সপ্তম মাসে, ভাববাদী হনানিয়ের মৃত্যু হল।
-
8 হ্যাঁ, এই কথাই বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেন: “তোমাদের মধ্যে স্থিত ভাববাদীরা ও গণকেরা তোমাদের বিভ্রান্ত না করুক। তোমরা তাদের স্বপ্নের কথায় বিশ্বাস কোরো না। 9 তারা আমার নামে তোমাদের কাছে মিথ্যা ভাববাণী বলে। আমি তাদের প্রেরণ করিনি,” সদাপ্রভু এই কথা বলেন।
-
28 তার ভাববাদীরা মিথ্যা দর্শন এবং মিথ্যা ভবিষ্যদ্বাণী করে এই কাজের উপর চুনকাম করে। তারা বলে, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন,’ যখন সদাপ্রভু কোনও কথা বলেননি।
-
5 সদাপ্রভু এই কথা বলেন,
“যেসব ভাববাদী
আমার লোকদের বিপথে নিয়ে যায়,
যদি তারা কিছু খেতে পায় তো
‘শান্তি’ ঘোষণা করে,
কিন্তু যারা তাদের খাবার দিতে অস্বীকার করে
তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়।
6 সুতরাং তোমাদের উপর রাত্রি আসবে, তোমরা দর্শন পাবে না,
অন্ধকারাচ্ছন্ন হবে, ভবিষ্যৎ-কথন করতে পারবে না।
ভাববাদীদের উপর সূর্য অস্ত যাবে,
আর দিন তাদের জন্য অন্ধকার হবে।
7 দর্শনকারীরা লজ্জা পাবে
এবং গণকেরা অসম্মানিত হবে।
তারা সবাই মুখ ঢাকবে
কারণ ঈশ্বর কোনও উত্তর দেবেন না।”
-
2 “সেদিন, দেশ থেকে প্রতিমাগুলি দূর করে দেওয়া হবে এবং তাদের নাম পর্যন্ত আর কারও মনে থাকবে না,” সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। “আমি দেশ থেকে ভাববাদীদের ও অশুচিতার আত্মাকে দূর করে দেব। 3 আর যদি কেউ ভাববাণী বলে, তবে তার জন্মদাতা মা ও বাবা, তাকে বলবে, ‘তোমাকে মরতে হবে, কারণ তুমি সদাপ্রভুর নাম করে মিথ্যা কথা বলেছ।’ সে ভাববাণী বললে, তার নিজের মা ও বাবা তাকে অস্ত্রবিদ্ধ করবে।
4 “সেদিন প্রত্যেক ভাববাদী তাদের ভাববাণীমূলক দর্শনের বিষয়ে লজ্জা পাবে। প্রতারণা করার জন্য তারা ভাববাদীদের লোমের পোশাক আর পরবে না। 5 সে বলবে, ‘আমি ভাববাদী নই। আমি একজন কৃষক; যুবাকাল থেকে জমিই আমার জীবিকা।’ 6 তাকে যদি কেউ জিজ্ঞাসা করে, ‘তোমার শরীরের এই ক্ষতগুলি কীসের?’ সে উত্তর দেবে, ‘আমার বন্ধুর বাড়িতে এসব আঘাত পেয়েছি।’
-
22 কারণ ভণ্ড খ্রীষ্টেরা ও ভণ্ড ভাববাদীরা উপস্থিত হয়ে বহু চিহ্ন ও অলৌকিক কাজ করে দেখাবে, যেন সম্ভব হলে মনোনীতদেরও প্রতারিত করতে পারে। 23 তাই, সতর্ক থেকো, সময়ের আগেই আমি তোমাদের সবকিছু জানালাম।
-
2 আমি তোমাদের জন্য ঈর্ষান্বিত, তবে সেই ঈর্ষা ঐশ্বরিক। আমি তোমাদেরকে এক বর, খ্রীষ্টের কাছে সমর্পণ করার জন্য বাগদান করেছি, যেন শুচিশুদ্ধ কুমারীর মতো আমি তাঁর কাছে তোমাদের উপস্থাপিত করি। 3 কিন্তু আমার ভয় হয়, হবা যেমন সেই সাপের চতুরতায় প্রতারিত হয়েছিলেন, খ্রীষ্টের প্রতি তোমাদের আন্তরিক ও অমলিন ভক্তি থেকে তোমাদের মন যেন কোনোভাবে বিপথে চালিত না হয়। 4 কারণ কেউ যদি তোমাদের কাছে এসে যে যীশুকে আমরা প্রচার করেছি, তাঁকে ছাড়া এমন এক যীশুকে তোমাদের কাছে প্রচার করে বা যে পবিত্র আত্মা তোমরা পেয়েছ, তা ছাড়া অন্য কোনো আত্মাকে তোমরা গ্রহণ করো, কিংবা যে সুসমাচার তোমরা গ্রহণ করেছ, তা ছাড়া অন্য কোনো সুসমাচার পাও, তাহলে তো দেখছি তোমরা যথেষ্ট সহজেই সেসব সহ্য করছ।
-
20 সর্বোপরি, তোমাদের অবশ্যই বুঝে নিতে হবে যে, শাস্ত্রের কোনো ভবিষ্যদ্বাণী ভাববাদীর নিজের ব্যাখ্যার বিষয় নয়। 21 কারণ মানুষের ইচ্ছা থেকে কখনও ভাববাণীর উদ্ভব হয়নি, মানুষেরা পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে ঈশ্বর থেকে যা পেয়েছেন, তাই বলেছেন।
-
9 খ্রীষ্টের শিক্ষায় অবিচল না থেকে যে তা অতিক্রম করে চলে, সে ঈশ্বরকে পায়নি। সেই শিক্ষায় যে অবিচল থাকে, সে পিতা ও পুত্র উভয়কেই পেয়েছে। 10 কেউ যদি এই শিক্ষা না নিয়েই তোমার কাছে আসে, তাকে তোমার বাড়িতে স্থান দিয়ো না বা স্বাগত জানিয়ো না।
-
3 প্রিয় বন্ধুরা, যে পরিত্রাণের আমরা অংশীদার সেই বিষয়ে আমি তোমাদের কাছে লিখবার জন্য প্রবল আগ্রহী ছিলাম। কিন্তু এমন আমি বুঝতে পারলাম যে তোমাদের কাছে অন্য কিছু লেখা প্রয়োজন; তোমরা সেই বিশ্বাসের জন্য প্রাণপণ সংগ্রাম করো যে বিশ্বাস সর্বসময়ের জন্য একবারই পবিত্রগণের কাছে দেওয়া হয়েছে। 4 কারণ কয়েকজন ব্যক্তি গোপনে তোমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে, যাদের শাস্তি অনেক আগেই লেখা হয়েছিল। তারা সব ভক্তিহীন, যারা আমাদের ঈশ্বরের অনুগ্রহকে লাম্পট্যের ছাড়পত্রে পরিণত করে এবং আমাদের একমাত্র সার্বভৌম ও প্রভু, যীশু খ্রীষ্টকে অগ্রাহ্য করে।
-
13 তারপর আমি তিনটি মন্দ-আত্মা দেখলাম, যেগুলি দেখতে ছিল ব্যাঙের মতো। সেগুলি সেই নাগ-দানবের মুখ থেকে, সেই পশুর মুখ থেকে ও সেই ভণ্ড ভাববাদীর মুখ থেকে বেরিয়ে এল। 14 তারা ভূতদের আত্মা, অলৌকিক সব চিহ্নকাজ করে, আর তারা সমস্ত জগতের রাজাদের কাছে যায়, যেন সর্বশক্তিমান ঈশ্বরের সেই মহাদিনের জন্য সেইসব রাজাদের যুদ্ধে একত্র করতে পারে।
-
10 একদিন আমি দলায়ের ছেলে শময়িয়ের বাড়ি গেলাম, দলায় ছিল মহেটবেলের ছেলে। শময়িয় তার বাড়িতে বদ্ধ ছিল। সে বলল, “আসুন, আমরা ঈশ্বরের ঘরে, মন্দিরের ভিতরে একত্র হই, এবং মন্দিরের দ্বার বন্ধ করি, কারণ লোকেরা আপনাকে হত্যা করার জন্য আসছে, রাত্রেই আপনাকে হত্যা করতে আসবে।”
11 কিন্তু আমি বললাম, “আমার মতো লোকের কি পালিয়ে যাওয়া উচিত? কিংবা আমার মতো কারো কি তার প্রাণরক্ষা করার জন্য মন্দিরের মধ্যে যাওয়া উচিত? আমি যাব না!” 12 আমি বুঝতে পারলাম যে ঈশ্বর তাকে পাঠাননি, কিন্তু সে আমার বিরুদ্ধে ভাবোক্তি বলেছে যেহেতু টোবিয় ও সন্বল্লট তাকে ভাড়া করেছে। 13 তাকে ভাড়া করা হয়েছিল যেন ভয়ে এই কাজ করে আমি পাপ করি, এবং তারা যেন আমার দুর্নাম করার সুযোগ পেয়ে আমাকে টিট্কারি দিতে পারে।
14 হে আমার ঈশ্বর, টোবিয় ও সন্বল্লট যা করেছে তা স্মরণ করো: ভাববাদিনী নোয়দিয়া ও অন্য যে ভাববাদীরা আমাকে ভয় দেখাবার চেষ্টা করছিল তাদেরকেও স্মরণ করো।
-
15 প্রাচীনেরা ও প্রমুখ লোকেরা হলেন মস্তক,
আর যে ভাববাদীরা মিথ্যা কথা শিক্ষা দেয়, তারা হল লেজ।
16 যারা লোকদের পথ প্রদর্শন করে, তারাই তাদের বিপথে চালিত করে,
আর যারা চালিত হয়, তারা বিপথগামী হয়ে পড়ে।
-
11 তাদের প্রধানেরা ঘুস নিয়ে বিচার করে,
তাদের যাজকেরা পারিশ্রমিক নিয়ে শিক্ষা দেয়,
এবং তাদের ভাববাদীরা অর্থের বিনিময়ে ভবিষ্যৎ বলে দেয়।
তবুও তারা সদাপ্রভুর সাহায্যের আশা করে বলে,
“সদাপ্রভু কি আমাদের মধ্যে নেই?
আমাদের উপর কোনও বিপদ আসবে না।”
-
2 প্রতিমাগুলি ছলনার কথা বলে,
গণকেরা মিথ্যা দর্শন দেখে;
তারা যে স্বপ্নের কথা বলে তা মিথ্যা,
তারা বৃথাই সান্ত্বনা দেয়।
সেইজন্য লোকেরা মেষপালের মতো ঘুরে বেড়ায়
মেষপালকের অভাবে তারা অত্যাচারিত।
-
6 যীশু তাদের বললেন, “সতর্ক হও, ফরিশী ও সদ্দূকীদের খামির থেকে তোমরা সাবধান থেকো।”
-
20 কিন্তু সেই পশু বন্দি হল ও তার সঙ্গে যে ভণ্ড ভাববাদী তার হয়ে অলৌকিক সব চিহ্নকাজ করেছিল, সেও ধরা পড়ল। যারা সেই পশুর ছাপ ধারণ ও তার মূর্তির পূজা করেছিল, সে এসব চিহ্নকাজের দ্বারা তাদের বিভ্রান্ত করেছিল। সেই দুজনকে জীবন্ত অবস্থায় জ্বলন্ত গন্ধকের আগুনের হ্রদে নিক্ষেপ করা হল।
-
13 “নগণ্যতম জন থেকে মহান ব্যক্তি পর্যন্ত,
সকলেই লোভ-লালসায় লিপ্ত;
ভাববাদী ও যাজকেরা সব এক রকম,
তারা সকলেই প্রতারণার অনুশীলন করে।
Shows Read in context, Share and Copy.