26 Bible Verses About Charity

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Charity
  1. 1 আমি যদি সব মানুষের ও দূতদেরও ভাষায় কথা বলি, কিন্তু আমার ভালোবাসা না থাকে, তাহলে আমি শুধু এক অনুনাদী কাঁসরঘণ্টা বা ঝনঝনকারী করতাল। 2 যদি আমার ভাববাণী বলার বরদান আছে এবং আমি সকল গুপ্তরহস্য ও সমস্ত জ্ঞানে পারদর্শী হই এবং আমার যদি এমন বিশ্বাস থাকে, যা পাহাড়-পর্বতকে স্থানান্তরিত করতে পারে, অথচ আমার ভালোবাসা না থাকে, তাহলে আমি কিছুই নই। 3 যদি আমি আমার সর্বস্ব দরিদ্রদের দান করি এবং আগুনে পুড়ে যাওয়ার জন্য আমার দেহ সমর্পণ করি, কিন্তু ভালোবাসা না থাকে, আমার কোনোই লাভ হয় না।

    4 প্রেম চিরসহিষ্ণু, প্রেম সদয়। তা ঈর্ষা করে না, আত্মঅহংকার করে না, গর্বিত হয় না। 5 তা রূঢ় আচরণ করে না, স্বার্থ অন্বেষণ করে না, সহজে ক্রুদ্ধ হয় না, অন্যায় আচরণ মনে রাখে না। 6 প্রেম মন্দ কিছুতে আনন্দ করে না, কিন্তু সত্যে উল্লসিত হয়। 7 তা সবসময় সুরক্ষা দেয়, সবসময়ই বিশ্বাস করে, সবসময়ই প্রত্যাশায় থাকে, সবসময়ই ধৈর্য ধরে।

    8 প্রেম কখনও ব্যর্থ হয় না। কিন্তু যদি ভাববাণী থাকে, সেগুলির অবসান হবে। যদি ভিন্ন ভিন্ন ভাষা থাকে, সেগুলি স্তব্ধ হয়ে যাবে; যদি জ্ঞান থাকে, তা অবলুপ্ত হবে। 9 এখন, আমাদের জ্ঞান অসম্পূর্ণ ও অসম্পূর্ণরূপে ভাববাণী বলি, 10 কিন্তু পূর্ণতা উপস্থিত হলে যা কিছু অসম্পূর্ণ, সেগুলি বিলীন হবে। 11 আমি যখন শিশু ছিলাম, আমি শিশুর মতো কথা বলতাম, শিশুর মতো চিন্তা করতাম, শিশুর মতো বিচার করতাম। যখন আমি পরিণত বয়স্ক হয়ে উঠলাম, আমি শিশুসুলভ সবকিছুই ত্যাগ করলাম। 12 কারণ এখন আমরা আয়নায় অস্পষ্ট প্রতিফলন দেখছি, কিন্তু তখন আমরা দেখব মুখোমুখি। এখন আমার জ্ঞান অসম্পূর্ণ; কিন্তু তখন আমি সম্পূর্ণরূপে জানতে পারব যেমন আমি সম্পূর্ণ পরিচিত হয়েছি।

    13 আর এখন এই তিনটি অবশিষ্ট আছে: বিশ্বাস, প্রত্যাশা ও প্রেম। কিন্তু এদের মধ্যে প্রেমই সর্বশ্রেষ্ঠ।

  2. 1 “সতর্ক থেকো তোমরা যেন প্রকাশ্যে কোনো লোক-দেখানো ধর্মকর্ম না করো। যদি করো, তাহলে তোমরা তোমাদের স্বর্গস্থ পিতার কাছ থেকে কোনো পুরস্কারই পাবে না।

    2 “তাই তোমরা যখন কোনো দরিদ্র মানুষকে দান করো, তখন ভণ্ডেরা যেমন সমাজভবনগুলিতে বা পথে পথে মানুষদের কাছে প্রশংসা পাওয়ার জন্য তূরী বাজিয়ে ঘোষণা করে, তোমরা তেমন কোরো না। আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। 3 কিন্তু যখন তুমি দরিদ্রদের দান করো, তোমার ডান হাত কী করছে, তা যেন তোমার বাঁ হাত জানতে না পায়, যেন তোমার দান গোপনে হয়। 4 তাহলে তোমার পিতা, যিনি গোপনে সবকিছু দেখেন, তিনি তোমাকে পুরস্কার দেবেন।

  3. 7 তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে দেশ তোমাদের দিতে যাচ্ছেন সেই দেশের কোনো জায়গায় যদি তোমাদের কোনো ইস্রায়েলী ভাই গরিব হয়, তার প্রতি তোমাদের হৃদয় কঠিন কোরো না কিংবা তার জন্য তোমাদের হাত মুঠো কোরো না। 8 বরং, তোমরা হাত খোলা রেখো এবং তাদের প্রয়োজন অনুসারে তাদের ঋণ দিয়ো। 9 সাবধান, তোমাদের মনে এই মন্দ চিন্তাকে আমল দিয়ো না “সপ্তম বছর, ঋণ মকুবের বছর, প্রায় এসে গেছে,” সেইজন্য তোমাদের সেই অভাবী ইস্রায়েলী ভাইয়ের প্রতি এই মনোভাব নিয়ে তাকে খালি হাতে বিদায় কোরো না। সে তখন সদাপ্রভুর কাছে তোমাদের বিরুদ্ধে আবেদন করতে পারে, এবং তোমরা এই পাপের জন্য দোষী হবে। 10 মনে অনিচ্ছা না রেখে খোলা হাতে তাকে দেবে; তাহলে এর জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সব কাজে আশীর্বাদ করবেন এবং তোমরা যাতে হাত দেবে তাতেই আশীর্বাদ পাবে। 11 দেশের মধ্যে সবসময়ই গরিব মানুষজন থাকবে। সেইজন্য আমি তোমাদের এই আদেশ দিচ্ছি যে, তোমাদের দেশে যেসব ইস্রায়েলী ভাই গরিব এবং অভাবী তাদের প্রতি তোমাদের হাত খোলা রাখবে।

  4. 6 একথা স্মরণে রেখো: যে অল্প পরিমাণে বীজ বোনে, সে অল্প পরিমাণেই ফসল কাটবে এবং যে অনেক পরিমাণে বীজ বোনে, সে অনেক পরিমাণে ফসলও কাটবে। 7 প্রত্যেক ব্যক্তি তার মনে যা দেওয়ার সংকল্প করেছে, তার তাই দেওয়া উচিত, অনিচ্ছুকরূপে বা বাধ্যবাধকতা বলে নয়, কারণ ঈশ্বর উৎফুল্ল দাতাকে প্রেম করেন। 8 আর ঈশ্বর তোমাদের সমস্ত অনুগ্রহে সমৃদ্ধ করতে সমর্থ, যেন সকল বিষয়ে, সবসময়, সব ধরনের পর্যাপ্ততা থাকায়, তোমরা সব ধরনের সৎকর্মে উপচে পড়ো।

  5. 17 যারা দরিদ্রদের প্রতি দয়া দেখায় তারা সদাপ্রভুকেই ঋণ দেয়,

    ও তারা যা করেছে সেজন্য সদাপ্রভু তাদের পুরস্কৃত করবেন।

  6. 16 প্রেম করার অর্থ আমরা এভাবেই বুঝতে পারি: যীশু খ্রীষ্ট আমাদের জন্য জীবন দিয়েছেন। আমাদেরও তেমনই ভাইবোনদের জন্য নিজেদের প্রাণ দেওয়া উচিত। 17 জাগতিক সম্পদের অধিকারী হয়ে কেউ যদি তার ভাইবোনকে অভাবগ্রস্ত দেখে কিন্তু তার প্রতি করুণাবিষ্ট না হয়, তাহলে তার অন্তরে ঈশ্বরের প্রেম কীভাবে থাকতে পারে? 18 প্রিয় সন্তানেরা, এসো, মুখের কথায় অথবা ভাষণে নয়, কিন্তু কাজ করে ও সত্যের মাধ্যমেই আমরা প্রেম করি।

    19 আমাদের কাজকর্ম প্রমাণ করবে যে আমরা সত্যের, এবং যখন আমরা ঈশ্বরের সামনে দাঁড়াব তখন আমাদের হৃদয়ে আশ্বাস থাকবে।

  7. 6 “আমি কি এই ধরনের উপবাস মনোনীত করিনি:

    অন্যায় বিচারের শৃঙ্খল ভেঙে ফেলা

    ও জোয়ালের দড়িগুলি খুলে ফেলা,

    অত্যাচারিত ব্যক্তিদের মুক্ত করা

    ও প্রত্যেক জোয়াল ভেঙে ফেলা?

    7 এই কি নয়, যে ক্ষুধার্ত লোকেদের কাছে তোমার খাবার বণ্টন করা

    এবং দরিদ্র ভবঘুরে ব্যক্তিকে আশ্রয় দেওয়া—

    যখন তুমি উলঙ্গ ব্যক্তিকে দেখো, তাকে পোশাক পরিহিত করা,

    আর নিজের আপনজনদের কাছ থেকে মুখ ফিরিয়ে না নেওয়া?

    8 তখন তোমার আলো প্রত্যূষকালের মতো প্রকাশ পাবে,

    আর তুমি সত্বর আরোগ্যতা লাভ করবে,

    তখন তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হবে,

    আর সদাপ্রভুর মহিমা তোমার পিছন দিকের রক্ষক হবেন।

    9 তখন তুমি ডাকলে সদাপ্রভু উত্তর দেবেন;

    তুমি সাহায্যের জন্য কাঁদলে তিনি বলবেন: এই যে আমি।

    “তুমি যদি অত্যাচারের জোয়াল, অর্থাৎ

    অঙ্গুলিতর্জন ও বিদ্বেষপূর্ণ কথাবার্তা দূর করো,

    10 যদি তুমি ক্ষুধার্তকে নিজের অন্ন দাও

    এবং অত্যাচারিত ব্যক্তির সব প্রয়োজন মিটিয়ে দাও,

    তখন তোমার জ্যোতি অন্ধকারে উদিত হবে

    এবং তোমার রাত্রি দুপুরবেলার মতো হবে।

    11 আর সদাপ্রভু সবসময়ই তোমাকে পথ প্রদর্শন করবেন;

    তিনি শুষ্ক-ভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করবেন

    ও তোমার অস্থিকাঠামো শক্তিশালী করবেন।

    তুমি ভালোভাবে জল-সিঞ্চিত একটি বাগানের মতো হবে,

    তুমি হবে এমন এক উৎসের মতো, যার জল কখনও শুকায় না।

  8. সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।

    1 ধন্য সেই ব্যক্তি, যে দীনহীনদের জন্য চিন্তা করে;

    সংকটের দিনে সদাপ্রভু তাদের উদ্ধার করেন।

    2 সদাপ্রভু তাকে রক্ষা করেন আর জীবিত রাখেন—

    তিনি তাদের দেশে তাদের সমৃদ্ধি দেন—

    সদাপ্রভু তাকে তার শত্রুদের ইচ্ছায় সমর্পণ করেন না।

    3 সদাপ্রভু রোগশয্যায় তাকে বাঁচিয়ে রাখবেন

    এবং অসুস্থতার বিছানা থেকে তাকে সুস্থ করবেন।

    4 আমি বলি “হে সদাপ্রভু, আমার প্রতি দয়া করো;

    আমাকে সুস্থ করো, কারণ আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি।”

  9. 3 ম্যাসিডোনিয়া যাওয়ার পথে, আমি তোমাকে অনুরোধ করেছিলাম, যেন তুমি ইফিষে থেকে কতগুলি লোককে আদেশ দাও, তারা যেন আর ভুল শিক্ষা না দেয় এবং 4 তারা যেন পুরাকাহিনী ও অন্তহীন বংশাবলির আলোচনাতেই নিজেদের মনপ্রাণ ঢেলে না দেয়। ঈশ্বরের কাজের পরিবর্তে এগুলি বিতর্কের সৃষ্টি করে। কারণ ঈশ্বরের কাজ হয় বিশ্বাসের উপর নির্ভর করে। 5 এই আদেশের লক্ষ্য হল ভালোবাসা, যা শুচিশুদ্ধ হৃদয়, সৎ বিবেক ও অকপট বিশ্বাস থেকে উৎপন্ন হয়।

  10. 38 দান কোরো, তোমাদেরও দেওয়া হবে। প্রচুর পরিমাণে, ঠেসে, ঝাঁকিয়ে তোমাদের পাত্র এমনভাবে তোমাদের কোলে ভরিয়ে দেওয়া হবে, যেন তা উপচে পড়ে। কারণ যে মানদণ্ডে তোমরা পরিমাপ করবে, সেই একই মানদণ্ডে পরিমাপ করে তোমাদের ফেরত দেওয়া হবে।”

  11. 33 তোমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দীনদরিদ্রদের মাঝে বিলিয়ে দাও। নিজেদের জন্য এমন টাকার থলি তৈরি করো, যা কোনোদিন জীর্ণ হবে না; স্বর্গে এমন ঐশ্বর্য সংগ্রহ করো, যা কোনোদিন নিঃশেষ হবে না, সেখানে কোনো চোর কাছে আসে না, কোনো কীটপতঙ্গ তা নষ্ট করে না।

  12. 7 সবকিছুরই অন্তিমকাল সন্নিকট। অতএব তোমরা শুদ্ধমন ও আত্মসংযমী হও, যেন প্রার্থনা করতে পারো। 8 সর্বোপরি, পরস্পরকে গভীরভাবে ভালোবাসো, কারণ “ভালোবাসা পাপকে আবৃত করে।” 9 বিরক্তি বোধ না করে তোমরা একে অপরের আতিথ্য করো। 10 প্রত্যেকেই অন্যদের সেবা করার উদ্দেশে যে বরদান লাভ করেছে, ঈশ্বরের সেই অনুগ্রহ তারা বিশ্বস্ত কর্মাধ্যক্ষের মতো ব্যবহার করুক।

  13. 27 যারা দরিদ্রদের দান করে তাদের কোনো কিছুর অভাব হয় না,

    কিন্তু যারা তাদের দেখে চোখ বন্ধ করে থাকে তারা প্রচুর অভিশাপ কুড়ায়।

  14. 42 কেউ যদি তোমার কাছে কিছু চায়, তাকে তা দাও; যে তোমার কাছে ঋণ চায়, তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ো না।

  15. 34 “তখন রাজা তাঁর ডানদিকের লোকদের বলবেন, ‘আমার পিতার আশিস ধন্য তোমরা এসো; জগৎ সৃষ্টির সময় থেকে যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে, তোমরা তার অধিকারী হও। 35 কারণ আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাবার দিয়েছিলে; আমি তৃষ্ণার্ত ছিলাম, তোমরা আমাকে পান করতে দিয়েছিলে; আমি অপরিচিত ছিলাম, তোমরা আমাকে আশ্রয় দিয়েছিলে; 36 আমার পোশাকের প্রয়োজন ছিল, তোমরা পোশাক দিয়েছিলে; আমি অসুস্থ ছিলাম, তোমরা আমার দেখাশোনা করেছিলে; আমি কারাগারে ছিলাম, তোমরা আমাকে দেখতে গিয়েছিলে।’

  16. 41 কিন্তু পাত্রের ভিতরে যা আছে, তা দরিদ্রদের বিলিয়ে দাও, দেখবে, তোমাদের কাছে সবকিছুই শুচিশুদ্ধ হয়ে উঠবে।

  17. 1 যীশু চোখ তুলে দেখলেন ধনী ব্যক্তিরা মন্দিরের ভাণ্ডারে উপহার দান করছে। 2 তিনি এক দরিদ্র বিধবাকেও খুব ছোটো দুটি তামার পয়সা রাখতে দেখলেন। 3 তিনি বললেন, “আমি তোমাদের সত্যিই বলছি, এই দরিদ্র বিধবা অন্য সবার চেয়ে বেশি দান করেছে। 4 কারণ এসব লোক তাদের প্রাচুর্য থেকে দান করেছে, কিন্তু সে তার দরিদ্রতা সত্ত্বেও, তার বেঁচে থাকার জন্য যা কিছু ছিল, তা থেকে সর্বস্ব দিয়ে দিয়েছে।”

  18. 35 আমার সমস্ত কাজের মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছি যে, এই ধরনের কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের অবশ্যই দুর্বলদের সাহায্য করতে হবে। স্বয়ং প্রভু যীশুর বলা বাক্য আমাদের মনে রাখতে হবে, ‘গ্রহণ করার চেয়ে দান করাতেই বেশি আশীর্বাদ।’ ”

  19. 14 এসব গুণের ঊর্ধ্বে ভালোবাসাকে পরিধান করো, যা সেইসব গুণকে পূর্ণ ঐক্যের বাঁধনে আবদ্ধ করে।

  20. 24 কেউ একজন মুক্তহস্তে দান করে, অথচ সে আরও বেশি লাভবান হয়;

    অন্য কেউ অযথা কৃপণতা করে, কিন্তু দারিদ্রে পৌঁছে যায়।

    25 অকৃপণ ব্যক্তি উন্নতি লাভ করবে;

    যে কেউ অন্যান্য লোকদের পুনরুজ্জীবিত করে সেও পুনরুজ্জীবিত হবে।

    26 যে শস্য মজুত করে রাখে লোকে তাকে অভিশাপ দেয়,

    কিন্তু যে তা বিক্রি করতে চায় তার জন্য তারা ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রার্থনা করে।

  21. 12 যীশু তখন তাঁর নিমন্ত্রণকর্তাকে বললেন, “তুমি যখন দুপুরের, বা রাতের ভোজ আয়োজন করবে, তোমার বন্ধুবান্ধব, ভাইবোন অথবা আত্মীয়স্বজন, বা তোমার ধনী প্রতিবেশীদের নিমন্ত্রণ করবে না; তাহলে তারা তার প্রতিদানে আবার তোমাকে নিমন্ত্রণ করবে। আর তাই হবে তোমার কেবলমাত্র পুরস্কার। 13 পরিবর্তে, দীনদরিদ্র, পঙ্গু, খোঁড়া ও দৃষ্টিহীনদের নিমন্ত্রণ করো। 14 তখনই তুমি আশীর্বাদধন্য হবে। তারা তোমাকে প্রতিদান কিছু দিতে না পারলেও, ধার্মিকদের পুনরুত্থানকালে তুমি প্রতিদান লাভ করবে।”

    15 তাঁর সঙ্গে ভোজে খাচ্ছিলেন এমন এক ব্যক্তি একথা শুনে যীশুকে বলল, “ধন্য সেই মানুষ, যে ঈশ্বরের রাজ্যের ভোজে আহার করবে।”

    16 যীশু উত্তর দিলেন, “কোনো ব্যক্তি এক বিশাল ভোজের আয়োজন করে বহু অতিথিকে নিমন্ত্রণ করলেন।

  22. 1 এখন ঈশ্বরের লোকদের জন্য দান সংগ্রহ প্রসঙ্গে লিখছি: আমি গালাতিয়ায় অবস্থিত মণ্ডলীগুলিকে যা করতে বলেছি, তোমরাও তাই করো। 2 প্রত্যেক সপ্তাহের প্রথম দিনে, তোমাদের প্রত্যেকে নিজ নিজ উপার্জনের সঙ্গে সংগতি রেখে কিছু অর্থ আলাদা করে সরিয়ে রাখো, যেন আমি যখনই আসি, তখন কোনো অর্থ সংগ্রহ করতে না হয়। 3 তারপর, আমি উপস্থিত হলে, তোমরা যাদের উপযুক্ত মনে করবে, আমি তাদের পরিচয়-পত্র দিয়ে তোমাদের সেই দান তাদের মাধ্যমে জেরুশালেমে পাঠিয়ে দেব।

  23. 5 যে উদার ও মুক্তহস্তে দান করে, তার মঙ্গল হবে,

    সে নিজের বিষয়গুলি ন্যায়ের সঙ্গে নিষ্পত্তি করে।

    6 নিশ্চয় সে কখনও বিচলিত হবে না;

    কিন্তু ধার্মিককে চিরকাল মনে রাখা হবে।

    7 অশুভ সংবাদে সে ভয় করবে না;

    তার হৃদয় অবিচল, তা সদাপ্রভুতে আস্থা রাখে।

    8 তার হৃদয় সুস্থির, সে ভয় করবে না;

    অবশেষে সে বিজয়ীর মতো তার শত্রুদের দিকে তাকাবে।

    9 সে অবাধে দরিদ্রদের মাঝে দান বিতরণ করেছে,

    তার ধার্মিকতা চিরস্থায়ী;

    তার শিং গৌরবে উন্নত হবে।

  24. 10 লোকেরা প্রশ্ন করল, “আমরা তাহলে কী করব?”

    11 যোহন উত্তর দিলেন, “যার দুটি পোশাক আছে সে, যার একটিও নেই, তার সঙ্গে ভাগ করে নিক; আর যার কাছে কিছু খাদ্যসামগ্রী আছে, সেও তাই করুক।”

  25. 16 আর অপরের উপকার ও অন্যদের সঙ্গে তোমাদের সম্পদ ভাগ করার কথা ভুলে যেয়ো না, কারণ এ ধরনের বলিদানেই ঈশ্বর সন্তুষ্ট হন।

  26. 13 কারণ যে দয়া দেখায়নি, নির্দয়ভাবে তার বিচার করা হবে। দয়াই বিচারের উপরে জয়লাভ করে।

    14 কোনো মানুষ যদি দাবি করে তার বিশ্বাস আছে, কিন্তু সেইমতো কোনো কর্ম না থাকে, তাহলে আমার ভাইবোনেরা, এতে কী লাভ হবে? এ ধরনের বিশ্বাস কি তাকে পরিত্রাণ দিতে পারে? 15 মনে করো, কোনো ভাই বা বোনের পোশাক ও দৈনন্দিন খাবারের সংস্থান নেই। 16 তোমাদের মধ্যে কেউ যদি তাকে বলে, “শান্তিতে যাও, তুমি উষ্ণ ও তৃপ্ত থাকো,” কিন্তু তার শারীরিক প্রয়োজন সম্পর্কে সে কিছুই না করে, তাহলে, তাতে কী লাভ হবে? 17 একইভাবে, বিশ্বাসের সঙ্গে যদি কর্ম যুক্ত না হয়, তাহলে সেই বিশ্বাস মৃত।