75 Bible Verses About Vanity

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Vanity
  1. 1 উপদেশকের কথা; তিনি দাউদের ছেলে, জেরুশালেমের রাজা:

    2 উপদেশক বলেন,

    “অসার! অসার!

    অসারের অসার!

    সকলই অসার।”

    3 সূর্যের নিচে মানুষ যে পরিশ্রম করে

    সেইসব পরিশ্রমে তার কী লাভ?

    4 এক পুরুষ চলে যায় এবং আর এক পুরুষ আসে,

    কিন্তু পৃথিবী চিরকাল থাকে।

    5 সূর্য ওঠে এবং সূর্য অস্ত যায়,

    আর তাড়াতাড়ি নিজের জায়গায় ফিরে যায়।

    6 বাতাস দক্ষিণ দিকে বয়

    তারপর ঘুরে যায় উত্তরে;

    এইভাবে সেটা ঘুরতে থাকে,

    আর নিজের পথে ফিরে আসে।

    7 সমস্ত নদী সাগরে গিয়ে পড়ে,

    তবুও সাগর কখনও পূর্ণ হয় না।

    যেখান থেকে সব নদী বের হয়ে আসে,

    আবার সেখানেই তার জল ফিরে যায়।

    8 সবকিছুই ক্লান্তিকর,

    এত যে বলা যায় না।

    যথেষ্ট দেখে চোখ তৃপ্ত হয় না,

    কিংবা কান শুনে তৃপ্ত হয় না।

    9 যা হয়ে গেছে তা আবার হবে,

    যা করা হয়েছে তা আবার করা হবে,

    সূর্যের নিচে নতুন কিছুই নেই।

    10 এমন কিছু কি আছে যার বিষয়ে লোকে বলবে,

    “দেখো! এটি নতুন”?

    ওটি অনেক দিন আগে থেকেই ছিল;

    আমাদের কালের আগেই ছিল।

    11 আগেকার কালের লোকদের বিষয় কেউ মনে রাখে না,

    যারা ভবিষ্যতে আসবে তাদের কথাও

    মনে রাখবে না

    যারা তাদের পরে আসবে।

  2. 12 আমি, উপদেশক, জেরুশালেমে ইস্রায়েলের উপরে রাজা ছিলাম। 13 আকাশের নিচে যা কিছু করা হয় তা জ্ঞান দ্বারা পরীক্ষা ও খোঁজ করতে মনোযোগ করলাম। ঈশ্বর মানুষের উপরে কী ভারী কষ্ট চাপিয়ে দিয়েছেন! 14 সূর্যের নিচে যা কিছু হয় তা সবই আমি দেখেছি; সে সকলই অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো।

    15 যা বাঁকা তা সোজা করা যায় না;

    যা অসম্পূর্ণ তা গণনা করা যায় না।

    16 আমি মনে মনে বললাম, “দেখো, আমার আগে যারা জেরুশালেমে রাজত্ব করে গেছেন তাদের সকলের চেয়ে আমি প্রজ্ঞায় অনেক বৃদ্ধিলাভ করেছি; আমার অনেক প্রজ্ঞা ও বিদ্যা অভিজ্ঞতা লাভ হয়েছে।” 17 তারপর আমি প্রজ্ঞা এবং উন্মত্ততা ও মূর্খতা বুঝবার চেষ্টা করলাম, কিন্তু আমি বুঝতে পারলাম যে তাও বাতাসের পিছনে দৌড়ানো।

    18 কারণ প্রজ্ঞা বাড়লে তার সঙ্গে দুঃখও বৃদ্ধি পায়;

    যত বেশি বিদ্যা, তত বেশি বিষাদ।

  3. 1 আমি মনে মনে বললাম, “এখন এসো, আমি তোমাকে আমোদ দিয়ে পরীক্ষা করব যে কী ভালো।” কিন্তু তাও পরীক্ষা করে দেখা গেল যে তা অসার। 2 আমি বললাম, “হাসিও উন্মত্ততা। আর আমোদ কী করে?” 3 আমি মদ্যপান দ্বারা নিজেকে আনন্দ দেবার চেষ্টা করলাম এবং মূর্খতাকে আলিঙ্গন করলাম প্রজ্ঞা তখনও আমার মনকে পরিচালিত করছিল। আমি দেখতে চাইলাম, আকাশের নিচে মানুষের জীবনকালে তার জন্য কোনটা ভালো।

    4 আমি কতগুলি বড়ো বড়ো কাজ করলাম আমি নিজের জন্য অনেক ঘরবাড়ি তৈরি করলাম আর আমি দ্রাক্ষাক্ষেত তৈরি করলাম। 5 আমি বাগান ও পার্ক তৈরি করে সেখানে সব রকমের ফলের গাছ লাগালাম। 6 বেড়ে ওঠা গাছে জল দেবার জন্য আমি কতগুলি পুকুর কাটালাম। 7 আমি অনেক দাস ও দাসী কিনলাম আর অনেক দাস-দাসী আমার বাড়িতে জন্মেছিল। আমার আগে যারা জেরুশালেমে ছিলেন তাদের চেয়েও আমার অনেক বেশি গরু-মেষ ছিল। 8 আমি অনেক রুপো ও সোনা এবং অন্যান্য দেশের রাজাদের ও বিভিন্ন প্রদেশের সম্পদ নিজের জন্য জড়ো করলাম। আমি অনেক গায়ক গায়িকা এবং মানুষের হৃদয়ের আনন্দ অনুসারে হারেমও অর্জন করলাম। 9 আমার আগে যারা জেরুশালেমে ছিলেন তাদের চেয়েও আমি অনেক বড়ো হলাম। এই সবে আমার প্রজ্ঞা আমার সঙ্গে ছিল।

    10 আমার চোখে যা ভালো লাগত আমি তা অস্বীকার করতাম না;

    আমার হৃদয়ের কোনো আনন্দ আমি প্রত্যাখ্যান করতাম না।

    আমার সবকাজেই আমার মন খুশি হত,

    আর এটাই ছিল আমার সব পরিশ্রমের পুরস্কার।

    11 তবুও আমি যা কিছু করেছি আর যা পাওয়ার জন্য পরিশ্রম করেছি

    তার দিকে যখন তাকিয়াছি,

    সবকিছুই অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো;

    সূর্যের নিচে কোনো কিছুতেই লাভ নেই।

  4. 12 তারপর আমি প্রজ্ঞা, এবং উন্মত্ততা ও মূর্খতার

    কথা চিন্তা করলাম।

    যা কিছু আগেই করা হয়ে গেছে

    তার থেকে রাজার উত্তরাধিকারী আর বেশি কী করতে পারে?

    13 আমি দেখলাম প্রজ্ঞা মূর্খতার থেকে ভালো,

    যেমন আলো অন্ধকারের থেকে ভালো।

    14 জ্ঞানবানের মাথাতেই চোখ থাকে,

    কিন্তু বোকা অন্ধকারে চলাফেরা করে;

    তবুও আমি বুঝতে পারলাম

    যে ওই দুজনের শেষ দশা একই।

    15 তারপর আমি নিজের মনে মনে বললাম,

    “বোকার যে দশা হয় তা তো আমার প্রতি ঘটে।

    তাহলে জ্ঞানবান হয়ে আমার কী লাভ?”

    আমি নিজের মনে মনে বললাম,

    “এটাও তো অসার।”

    16 বোকাদের মতো জ্ঞানবানদেরও লোকে বেশি দিন মনে রাখবে না;

    সেদিন উপস্থিত যখন উভয়কেই ভুলে যাবে।

    বোকাদের মতো জ্ঞানবানদেরও মরতে হবে!

    17 সুতরাং আমি জীবনকে ঘৃণা করলাম, কারণ সূর্যের নিচে যে কাজ করা হয় সেগুলি আমার কাছে দুঃখজনক মনে হল। সবকিছুই অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো। 18 সূর্যের নিচে যেসব জিনিসের জন্য আমি পরিশ্রম করেছি সেগুলি আমি এখন ঘৃণা করতে লাগলাম, কারণ আমার পরে যে আসবে তার জন্যই আমাকে সেইসব রেখে যেতে হবে। 19 আর কে জানে সেই লোক জ্ঞানী না বুদ্ধিহীন হবে? তবুও সেই আমার পরিশ্রমের সব ফল নিয়ন্ত্রণ করবে, যার জন্য আমি সূর্যের নিচে সমস্ত প্রচেষ্টা ও দক্ষতা ঢেলেছি। এটাও অসার। 20 অতএব সূর্যের নিচে যেসব পরিশ্রমের কাজ করেছি তার জন্য আমার অন্তর নিরাশ হতে লাগল। 21 কেননা জ্ঞান, বুদ্ধি ও দক্ষতা দিয়ে একজন পরিশ্রম করতে পারে, কিন্তু তারপরে তার সবকিছু অধিকার হিসেবে এমন একজনের জন্য রেখে যেতে হয় যে লোক তার জন্য কোনো পরিশ্রম করেনি। এটাও অসার এবং দুর্ভাগ্যের বিষয়। 22 সূর্যের নিচে মানুষের যে সকল পরিশ্রম ও উদ্বেগ হয়, তাতে তার কী লাভ হয়? 23 সারাদিন তার কাজে থাকে মনস্তাপ ও ব্যথা; রাতেও তার মন বিশ্রাম পায় না। এটাও অসার।

    24 মানুষের পক্ষে খাওয়াদাওয়া করা এবং নিজের কাজে সন্তুষ্ট থাকা ছাড়া ভালো আর কিছুই নেই। এটাও আমি দেখলাম, এসব ঈশ্বরের হাত থেকে আসে, 25 কেননা তাঁকে ছাড়া কে খেতে পায় কিংবা আনন্দ উপভোগ করে? 26 যে তাঁকে সন্তুষ্ট করে, ঈশ্বর তাকে প্রজ্ঞা, বুদ্ধি ও আনন্দ দান করেন, কিন্তু পাপীকে তিনি ধনসম্পদ জোগাড় করবার ও তা জমাবার কাজ দেন, যেন সে তা সেই লোককে দিয়ে যায় যে ঈশ্বরকে সন্তুষ্ট করে। এটাও অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো।

  5. 1 পরে আমি তাকালাম আর দেখলাম সূর্যের নিচে যেসব অত্যাচার হয়

    আমি নিপীড়িতদের চোখের জল দেখলাম—

    আর তাদের কোনো সান্ত্বনাকারী নেই;

    সমস্ত ক্ষমতা তাদের নিপীড়নকারীদের পক্ষে—

    আর তাদের কোনো সান্ত্বনাকারী নেই।

    2 এবং আমি ঘোষণা করলাম যে মৃতেরা,

    যারা আগেই মারা গেছে,

    তারা জীবিতদের থেকে আনন্দে আছে,

    যারা এখনও জীবিত।

    3 কিন্তু উভয়ের চেয়েও ভালো হল

    যার এখনও জন্ম হয়নি,

    যে কখনও মন্দ দেখেনি

    যা কিছু সূর্যের নিচে করা হয়।

    4 আর আমি দেখলাম একজনের প্রতি হিংসার দরুনই মানুষ সব পরিশ্রম করে এবং সফলতা লাভ করে। এটাও অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো।

    5 বোকারা হাত গুটিয়ে রাখে

    এবং নিজেদের ধ্বংস করে।

    6 দুই মুঠো পরিশ্রম পাওয়া

    এবং কেবল বাতাসের পিছনে দৌড়ানোর চেয়ে

    এক হাত শান্তি পাওয়া ভালো।

    7 আবার আমি সূর্যের নিচে অসারতা দেখতে পেলাম

    8 কোনো একজন লোক একেবারে একা;

    তার ছেলেও নেই কিংবা ভাইও নেই,

    তার পরিশ্রমের শেষ নেই,

    তবুও তার ধনসম্পদে তার চোখ তৃপ্ত নয়।

    সে জিজ্ঞাসা করল, “আমি কার জন্য পরিশ্রম করছি,

    আর আমি কেন নিজেকে আনন্দ থেকে বঞ্চিত করছি?”

    এটাও অসার—

    ভারী কষ্টজনক!

  6. 7 আলো মিষ্ট,

    আর সূর্য দেখলে চোখ সন্তুষ্ট হয়।

    8 কোনো একজন অনেক দিন বাঁচতে পারে,

    সে যেন সেই দিনগুলিতে আনন্দ ভোগ করে।

    কিন্তু অন্ধকারের দিনগুলির কথা যেন সে মনে রাখে,

    কারণ সেগুলি হবে অনেক।

    যা কিছু ঘটে তা সবই অসার।

    9 হে যুবক, তোমার যৌবনকালে তুমি সুখী হও,

    আর তোমার যৌবনে তোমার হৃদয় তোমাকে আনন্দ দিক।

    তোমার হৃদয়ের ইচ্ছামতো পথে চলো

    এবং তোমার চোখ যা কিছু দেখে,

    তুমি কিন্তু জেনে রাখো এসব বিষয়ের জন্য

    ঈশ্বর তোমার বিচার করবেন।

    10 সেইজন্য, তোমার হৃদয় থেকে উদ্বেগ দূর করো

    আর তোমার শরীর থেকে দুঃখ সরিয়ে ফেলো,

    কারণ যৌবন ও তেজ অসার।

  7. 4 “হে সদাপ্রভু, আমার জীবনের সমাপ্তি আমাকে দেখাও

    আমাকে মনে করিয়ে দাও যে আমার জীবনের দিনগুলি সীমিত;

    আমাকে বোঝাও আমার জীবন কত ক্ষণস্থায়ী।

    5 তুমি আমার জীবনের আয়ু আমার হাতের মুঠোর মতো ছোটো করেছ;

    আমার সম্পূর্ণ জীবনকাল তোমার কাছে কিছুই নয়।

    সবাই তোমার কাছে নিঃশ্বাসের সমান,

    এমনকি তারাও যাদের সুরক্ষিত মনে হয়।

    6 “সবাই সামান্য চলমান ছায়ার মতো;

    বৃথাই তারা ব্যস্ত, সম্পদ সঞ্চয়ে ব্যতিব্যস্ত

    কিন্তু জানে না, কে এই সম্পদ ভোগ করবে।

  8. 18 আমি এরকম মনে করি যে, আমাদের মধ্যে যে মহিমার প্রকাশ ঘটবে, আমাদের বর্তমানকালের কষ্টভোগের সঙ্গে তার কোনো তুলনা হতে পারে না। 19 ঈশ্বরের পুত্রগণের প্রকাশ পাওয়ার প্রতীক্ষায় সমস্ত সৃষ্টি সাগ্রহে অপেক্ষা করে আছে। 20 কারণ সৃষ্টি অলীকতার বশীভূত হয়েছিল, তার নিজের ইচ্ছায় নয়, কিন্তু যিনি বশীভূত করেছিলেন, তাঁর ইচ্ছায়; 21 প্রত্যাশা ছিল এই যে, সৃষ্টি স্বয়ং অবক্ষয়ের বাঁধন থেকে মুক্ত হবে এবং ঈশ্বরের সন্তানদের গৌরবোজ্জ্বল স্বাধীনতায় অংশীদার হবে।

    22 আমরা জানি যে, সমস্ত সৃষ্টি বর্তমানকাল পর্যন্ত সন্তান প্রসবের যন্ত্রণার মতো আর্তনাদ করছে। 23 শুধু তাই নয়, কিন্তু আমরা নিজেরাও, যারা আত্মার প্রথম ফল পেয়েছি, আমাদের দত্তকপুত্র হয়ে স্বীকৃতি পাওয়ার গভীর প্রতীক্ষায় ও শরীরের মুক্তির জন্য অন্তরে আর্তনাদ করছি।

  9. 1 তোমার যৌবনকালে

    তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো,

    দুঃখের দিনগুলি আসার আগে

    আর সেই বছর সকল কাছে আসার সময় তুমি যখন বলবে,

    “এই সবে আমার কোনো আনন্দ নেই”—

    2 তখন সূর্য ও আলো

    আর চাঁদ ও তারা যখন অন্ধকার হবে,

    আর বৃষ্টির পরে মেঘ ফিরে আসে;

    3 সেদিনে বাড়ির রক্ষাকারীরা কাঁপবে,

    আর শক্তিশালী লোকেরা নত হবে,

    যারা পেষণ করে তারা অল্প সংখ্যক বলে কাজ ছেড়ে দেবে।

    আর যারা জানালার ভিতর থেকে দেখে তাদের দৃষ্টি অস্পষ্ট হবে;

    4 যখন রাস্তার দিকের দরজা বন্ধ হয়ে যাবে

    আর জাঁতার আওয়াজ কমে যাবে;

    যখন পাখির আওয়াজে লোকে উঠবে,

    কিন্তু তাদের সব গান ক্ষীণ হয়ে যাবে;

    5 যখন লোকেরা উঁচু জায়গাকে

    আর রাস্তার বিপদকে ভয় পাবে;

    যখন কাঠবাদাম গাছে ফুল ফুটবে

    আর ফড়িং টেনে টেনে হাঁটবে

    এবং বাসনা আর উত্তেজিত হবে না।

    তখন লোকে তাদের অনন্তকালের বাড়িতে চলে যাবে

    আর বিলাপকারীরা পথে পথে ঘুরবে।

    6 রুপোর তার ছিঁড়ে যাওয়ার আগে,

    কিংবা সোনার পাত্র ভেঙে যাওয়ার আগে;

    ফোয়ারার কাছে কলশি চুরমার করার আগে,

    কিংবা কুয়োর জল তোলার চাকা ভেঙে যাওয়ার আগে—তাকে স্মরণ করো।

    7 আর ধুলো মাটিতেই ফিরে যাবে যেখান থেকে সে এসেছে,

    এবং আত্মা যাঁর দান, সেই ঈশ্বরের কাছেই ফিরে যাবে।

    8 উপদেশক বললেন, “অসার! অসার!

    সবকিছুই অসার!”

    9 উপদেশক নিজেই কেবল জ্ঞানবান ছিলেন না, কিন্তু তিনি লোকদের জ্ঞান শিক্ষা দিয়েছেন। তিনি চিন্তা করে ও পরীক্ষা করে অনেক প্রবাদ সাজিয়েছেন। 10 উপদেশক উপযুক্ত শব্দের খোঁজ করেছেন, আর তিনি যা লিখেছেন তা খাঁটি ও সত্যিকথা।

    11 জ্ঞানবান লোকদের কথা রাখালের অঙ্কুশের মতো, তাদের কথাগুলি একত্র করলে মনে হয় যেন সেগুলি সব শক্ত করে গাঁথা পেরেক—যা একজন রাখাল বলেছেন। 12 হে আমার সন্তান, এর সঙ্গে কিছু যোগ করা হচ্ছে কি না সেই বিষয় সতর্ক থেকো।

    বই লেখার শেষ নেই আর অনেক পড়াশোনায় শরীর ক্লান্ত হয়।

    13 এখন সবকিছু তো শোনা হল;

    তবে শেষ কথা এই যে

    ঈশ্বরকে ভয় করো এবং তাঁর আজ্ঞাসকল পালন করো,

    কেননা এটাই সমস্ত মানুষের কর্তব্য।

    14 কারণ ঈশ্বর প্রত্যেকটি কাজের বিচার করবেন,

    এমনকি সমস্ত গুপ্ত বিষয়,

    তা ভালো হোক বা মন্দ হোক।

  10. 1 সূর্যের নিচে আমি আরও একটি মন্দতা দেখলাম, আর তা মানুষের জন্য বড়ো কষ্টের 2 ঈশ্বর কিছু মানুষকে এত ধন, সম্পত্তি ও সম্মান দান করেন যে, তাদের হৃদয়ে আর কোনো বাসনা থাকে না, কিন্তু ঈশ্বর তাদের তা ভোগ করবার ক্ষমতা দেন না, অপরিচিতেরা তা ভোগ করে। এটি অসার, এক ভীষণ মন্দতা।

    3 কোনো লোকের একশো জন ছেলেমেয়ে থাকতে পারে; তবুও যতদিন সে বাঁচে, সে যদি তার সমৃদ্ধি উপভোগ করতে না পারে এবং উপযুক্তভাবে কবর না হয়, তবে আমি বলি তার চেয়ে মৃত সন্তানের জন্ম হওয়া অনেক ভালো। 4 তার আসা অর্থহীন, সে অন্ধকারে বিদায় নেয়, আর অন্ধকারেই তার নাম ঢাকা পড়ে যায়। 5 যদিও সে কখনও সূর্য দেখেনি কিংবা কিছু জানেনি, তবুও সেই লোকের চেয়ে সে অনেক বিশ্রাম পায়— 6 সেই লোক যদিও বা দুই হাজার বছরের বেশি বাঁচে কিন্তু তার সমৃদ্ধি উপভোগ করতে পারে না। সবাই কি একই জায়গায় যায় না?

    7 প্রত্যেকের পরিশ্রম তার মুখের জন্য,

    তবুও তাদের আকাঙ্ক্ষা তৃপ্ত হয় না।

    8 বোকার চেয়ে জ্ঞানীর সুবিধা কী?

    অন্যদের সামনে কীভাবে চলতে হবে তা জানলে

    একজন গরিবের কী লাভ হয়?

    9 আরও পাবার ইচ্ছার চেয়ে বরং

    চোখ যা দেখতে পায় তাতে সন্তুষ্ট থাকা ভালো।

    এটাও অসার,

    কেবল বাতাসের পিছনে দৌড়ানো।

    10 যা কিছু আছে তার নামকরণ আগেই হয়ে গেছে,

    আর মানুষ যে কী, তাও জানা গেছে;

    নিজের চেয়ে যে শক্তিশালী

    তাঁর সঙ্গে কেউ তর্কাতর্কি করতে পারে না।

    11 যত বেশি কথা বলা হয়,

    ততই অসারতা বাড়ে,

    আর তাতে মানুষের কী লাভ হয়?

    12 সেই অল্প ও অর্থহীন দিনগুলি ছায়ার মতো কাটাবার সময় মানুষের জীবনকালে তার জন্য কী ভালো তা কে জানে? সেগুলি চলে গেলে সূর্যের নিচে কী ঘটবে তা কে তাদের বলতে পারবে?

  11. 10 যে লোক অর্থ ভালোবাসে সে কখনও তৃপ্ত হয় না;

    যে লোক ধনসম্পদ ভালোবাসে সে তার আয়ে কখনও সন্তুষ্ট হয় না।

    এটাও অসার।

  12. 11 যখন তুমি কাউকে তার পাপের জন্য তিরস্কার ও শাসন করো,

    কীটের মতো তাদের সম্পত্তি তুমি গ্রাস করো,

    সত্যি সকলে নিঃশ্বাসের মতোই ক্ষণস্থায়ী।

  13. 30 লাবণ্য বিভ্রান্তিকর, ও সৌন্দর্য অস্থায়ী;

    কিন্তু যে নারী সদাপ্রভুকে ভয় করেন তাঁরই প্রশংসা করতে হবে।

  14. 17 অতএব, আমি তোমাদের এই কথা বলি এবং প্রভুর নামে অনুনয় করি, তোমরা অইহুদিদের মতো আর অসার চিন্তায় জীবনযাপন কোরো না। 18 তাদের বুদ্ধি হয়েছে অন্ধকারে আচ্ছন্ন এবং ঐশ্বরিক-জীবন থেকে তারা হয়েছে বিচ্ছিন্ন। তাদের কঠিন হৃদয়ের অজ্ঞতাই তার কারণ।

  15. 3 হে সদাপ্রভু, মানুষ কে যে তুমি তাদের যত্ন নাও,

    সামান্য মানুষ কে যে তুমি তাদের কথা চিন্তা করো?

    4 মানুষ নিঃশ্বাসের মতো;

    তাদের আয়ু ছায়ার মতো যা মিলিয়ে যায়।

  16. 15 তাঁর সেই বিধিবিধান ও পবিত্র নিয়ম তারা প্রত্যাখ্যান করল, যা তিনি তাদের পূর্বপুরুষদের দিলেন এবং সেই ঐশ্বরিক বিধানও তারা অগ্রাহ্য করল, যা পালন করার জন্য তিনি তাদের সতর্ক করে দিলেন। তারা অযোগ্য সব প্রতিমার অনুগামী হল এবং নিজেরাও অযোগ্য হয়ে পড়েছিল। তারা তাদের চারপাশে থাকা জাতিদের অনুকরণ করল, যদিও সদাপ্রভু তাদের আদেশ দিলেন, “তোমরা তাদের মতো কাজকর্ম কোরো না।”

  17. 37 মূল্যহীন বস্তু থেকে আমার দৃষ্টি ফেরাও,

    তোমার বাক্য অনুযায়ী আমার জীবন বাঁচিয়ে রাখো।

  18. 11 অসাধু উপায়ে অর্জিত অর্থ কমে যায়,

    কিন্তু যে অল্প অল্প করে অর্থ সংগ্রহ করে, তার অর্থ বাড়তে থাকে।

    12 বিলম্বিত আশা হৃদয়কে অসুস্থ করে তোলে,

    কিন্তু পূর্ণ আকাঙ্ক্ষা এক জীবনবৃক্ষ।

  19. 5 সদাপ্রভু এই কথা বলেন:

    “তোমাদের পূর্বপুরুষেরা আমার মধ্যে কী এমন অন্যায় খুঁজে পেয়েছিল,

    যে তারা আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল?

    তারা অসার সব প্রতিমার অনুসারী হয়েছিল

    ফলে নিজেরাই অসার প্রতিপন্ন হয়েছিল।

  20. 17 এই লোকেরা জলহীন উৎস ও ঝড়ে উড়ে যাওয়া কুয়াশার মতো। তাদের জন্য ঘোরতর অন্ধকার সংরক্ষিত আছে। 18 কারণ তারা অসার ও দাম্ভিক উক্তি করে এবং পাপপূর্ণ দৈহিক কামনাবাসনার কথা বলে। তারা সেইসব মানুষদের প্রলোভিত করে, যারা বিপথে জীবনযাপন করার হাত থেকে সবেমাত্র উদ্ধার পেয়েছে। 19 এই ভণ্ড শিক্ষকেরা তাদের কাছে স্বাধীনতার প্রতিশ্রুতি দেয়, অথচ তারা নিজেরাই অনৈতিকতার ক্রীতদাস, কারণ মানুষের উপরে যা প্রভুত্ব করে, মানুষ তারই দাস। 20 আমাদের প্রভু ও পরিত্রাতা যীশু খ্রীষ্টকে জানার পর তারা যদি জগতের কলুষতা থেকে মুক্ত হয়ে আবার তারই মধ্যে জড়িয়ে পড়ে ও পরাজিত হয়, তাহলে তাদের প্রথম অবস্থার চেয়ে শেষের অবস্থা হবে আরও শোচনীয়। 21 তাদের পক্ষে ধার্মিকতার পথ জেনে ও তাদের কাছে যে পবিত্র অনুশাসন দেওয়া হয়েছিল, তা অমান্য করার চেয়ে, সেই পথ না-জানাই তাদের পক্ষে ভালো ছিল। 22 তাদের পক্ষে এই প্রবাদ সত্যি: “কুকুর তার বমির দিকে ফিরে যায়,” আর “পরিচ্ছন্ন শূকর কাদায় গড়াগড়ি দিতে ফিরে যায়।”

  21. 2 হে মানুষেরা, কত কাল আমার সম্মান অপমানে পরিণত করবে?

    আর কত কাল তোমরা অলীকতা ভালোবাসবে ও ভুয়ো দেবতার সন্ধান করবে

  22. 8 হে লোকেদের মধ্যে বসবাসকারী শুভ বুদ্ধিহীনেরা, বিবেচনা করো;

    হে মূর্খেরা, কবে তোমাদের সুবুদ্ধি হবে?

    9 যিনি কান তৈরি করেছেন তিনি কি শুনবেন না?

    যিনি চোখ নির্মাণ করেছেন তিনি কি দেখবেন না?

    10 যিনি সমস্ত জাতিকে শাসন করেন তিনি কি শাস্তি দেবেন না?

    যিনি মানবজাতিকে শিক্ষা দেন তাঁর কি জ্ঞানের অভাব?

    11 সদাপ্রভু মানুষের সব সংকল্প জানেন;

    তিনি জানেন যে তারা তুচ্ছ।

  23. 8 ছলনা ও মিথ্যা কথা আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখো;

    আমাকে দারিদ্র বা ধনসম্পত্তি কিছুই দিয়ো না,

    কিন্তু আমার দৈনিক আহারটুকুই শুধু আমাকে দাও।

  24. 19 হে সদাপ্রভু, আমার শক্তি ও আমার দুর্গ,

    দুর্দশার সময়ে আমার আশ্রয়স্থান,

    তোমার কাছেই সমস্ত জাতি আসবে,

    পৃথিবীর প্রান্তসীমা থেকে এসে তারা বলবে,

    “মিথ্যা দেবতা ছাড়া আমাদের পিতৃপুরুষদের কাছে আর কিছুই ছিল না,

    অসার প্রতিমারা তাদের কোনো উপকারই করতে পারেনি।

  25. 16 আমি আমার জীবনকে ঘৃণা করি; আমি চিরকাল বাঁচতে চাই না।

    আমায় একা থাকতে দাও; আমার জীবনের দিনগুলি অর্থহীন।

  26. 7 তার মুখ মিথ্যা ও হুমকিতে পূর্ণ;

    উপদ্রব ও অন্যায় তার জিভে লেগে রয়েছে।

  27. 6 যারা অলীক মূর্তির আরাধনা করে আমি তাদের ঘৃণা করি;

    কিন্তু আমি সদাপ্রভুতে আস্থা রাখি।

  28. 16 সেই লোকদের কোনো সীমা ছিল না যারা তাদের আগে ছিল। কিন্তু যারা পরে এসেছিল তারা সেই উত্তরাধিকারীর উপরে সন্তুষ্ট হল না। এটাও অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো।

  29. 9 যারা প্রতিমা নির্মাণ করে, তারা কিছুই নয়,

    তাদের নির্মিত মনোহর বস্তুগুলি কোনো উপকারে আসে না।

    যারা তাদের হয়ে কথা বলে, তারা অন্ধ;

    নিজেদেরই লজ্জা উদ্রেকের জন্য তারা অজ্ঞ প্রতিপন্ন হয়।

    10 কে কোনো প্রতিমার আকার দেয় ও কোনো মূর্তি ছাঁচে ঢালে,

    যা তার কোনো উপকারে আসে না?

    11 সে ও তার অনুগামী সকলে লজ্জিত হবে;

    শিল্পকরেরা মানুষ ছাড়া আর কিছুই নয়।

    তারা সকলে এসে নিজের অবস্থান গ্রহণ করুক;

    তাদের সকলকে আতঙ্কগ্রস্ত ও নীচ প্রতিপন্ন করা হবে।

  30. 6 যখন তাদের মধ্যে কেউ আমাকে দেখতে আসে,

    সে হৃদয়ে আমার সম্বন্ধে কুৎসা সঞ্চয় করে এবং মুখে মিথ্যা বলে,

    পরে সে চলে যায় এবং এসব সর্বত্র রটিয়ে দেয়।

  31. 9 সাধারণ মানুষ নিঃশ্বাসমাত্র,

    সম্ভ্রান্ত মানুষ মিথ্যাতুল্য।

    যদি দাঁড়িপাল্লায় মাপা যায়, তারা কিছুই নয়;

    একত্রে তারা সামান্য নিঃশ্বাস।

  32. 33 তাই তিনি তাদের আয়ু ব্যর্থতায়

    আর তাদের বছর আতঙ্কে শেষ করলেন।

  33. 6 মিথ্যাবাদী জিভ দ্বারা যে প্রচুর ধন অর্জিত হয়

    তা অস্থায়ী বাষ্প ও সাংঘাতিক ফাঁদবিশেষ।

  34. 13 যখন তুমি সাহায্যের জন্য কাঁদতে থাকবে,

    তখন তোমার সঞ্চিত প্রতিমারাই যেন তোমাকে রক্ষা করে!

    বাতাস তাদের সবাইকে উড়িয়ে নিয়ে যাবে,

    সামান্য এক শ্বাসের ফুৎকারে তারা উড়ে যাবে।

    কিন্তু যে মানুষ আমার শরণাপন্ন হয়,

    সে দেশের অধিকার পাবে

    এবং আমার পবিত্র পর্বতের অধিকারী হবে।”

  35. 6 কিছু লোক এসব থেকে বিচ্যুত হয়ে অর্থহীন আলোচনাতে মন দিয়েছে। 7 তারা শাস্ত্রবিদ হতে চায়, কিন্তু তারা কোন বিষয়ে বলছে বা যেসব বিষয়ে এত জোরের সঙ্গে বলেছে, তা সম্বন্ধে তারা নিজেরাই জানে না।

  36. 31 মূল্যহীন কোনো কিছুতে আস্থা স্থাপন করে সে নিজেকে প্রতারিত না করুক,

    যেহেতু তার পরিবর্তে সে কিছুই পাবে না।

  37. 1 কেন জাতিরা চক্রান্ত করে

    আর লোকেরা কেন বৃথাই সংকল্প করে?

  38. 7 তুমি যাও, আনন্দের সঙ্গে তোমার খাবার খাও, আনন্দিত হৃদয়ে দ্রাক্ষারস পান করো, কারণ তোমার এসব কাজ ঈশ্বর আগেই গ্রাহ্য করেছেন। 8 সবসময় সাদা কাপড় পরবে আর মাথায় তেল দেবে। 9 সূর্যের নিচে ঈশ্বর তোমাকে যে অসার জীবন দিয়েছেন, তোমার জীবনের সেইসব দিনগুলি তোমার স্ত্রী, যাকে তুমি ভালোবাসো, তার সঙ্গে আনন্দে তোমার সকল অসার দিনগুলি কাটাও। কারণ সূর্যের নিচে যে পরিশ্রমে পরিশ্রান্ত হচ্ছো তা তোমার জীবনের পাওনা। 10 তোমার হাতে যে কোনো কাজ আসুক না কেন তা তোমার সমস্ত শক্তি দিয়েই কোরো, কারণ তুমি যে জায়গায় যাচ্ছ, সেই মৃতস্থানে, সেখানে কোনো কাজ বা পরিকল্পনা বা বৃদ্ধি কিংবা বিদ্যা বা প্রজ্ঞা বলে কিছুই নেই।

  39. 29 দেখো, ওরা সকলে ভ্রান্ত!

    ওদের কাজগুলি সমস্তই অসার;

    ওদের মূর্তিগুলি যেন বাতাস ও বিভ্রান্তিস্বরূপ।

  40. 18 যেসব মানুষ তাদের দুষ্টতার দ্বারা সত্যকে চেপে রাখছে, তাদের সমস্ত ভক্তিহীনতা ও দুষ্টতার বিরুদ্ধে স্বর্গ থেকে ঈশ্বরের ক্রোধ প্রকাশিত হচ্ছে। 19 কারণ ঈশ্বর সম্পর্কে যা জানা যেতে পারে, তা তাদের কাছে সুস্পষ্ট, কারণ ঈশ্বর তা তাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। 20 এর কারণ হল, জগৎ সৃষ্টি হওয়ার সময় থেকে, ঈশ্বরের অদৃশ্য গুণাবলি—তাঁর অনন্ত পরাক্রম ও ঐশী-চরিত্র—স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। সমস্ত সৃষ্ট বস্তুর মধ্য দিয়ে তা বোঝা যায়, যেন কোনো মানুষ অজুহাত দিতে না পারে।

    21 কারণ তারা ঈশ্বরকে জানলেও, ঈশ্বর বলে তাঁর মহিমাকীর্তন করেনি, তাঁকে ধন্যবাদও দেয়নি, কিন্তু তাদের ভাবনাচিন্তা অসার হয়ে পড়েছে এবং তাদের মূর্খ হৃদয় অন্ধকারাচ্ছন্ন হয়েছে। 22 যদিও তারা নিজেদের বিজ্ঞ বলে দাবি করে, কিন্তু তারা মূর্খে পরিণত হয়েছে। 23 তারা নশ্বর মানুষ, পশুপাখি ও সরীসৃপের মতো দেখতে প্রতিমূর্তির সঙ্গে অক্ষয় ঈশ্বরের মহিমার পরিবর্তন করেছে।

  41. 8 শরীরচর্চার কিছু মূল্য আছে, কিন্তু ভক্তির মূল্য আছে সব বিষয়ে। তা এই জীবন এবং পরের জীবন, উভয় জীবনেরই জন্য মঙ্গলময়।

  42. 2 বৃথাই তোমরা খুব সকালে ওঠো

    আর অনেক রাত পর্যন্ত জেগে থাকো,

    অন্ন-সংস্থানের জন্য পরিশ্রম করো—

    কারণ তিনি যাদের ভালোবাসেন তাদের চোখে ঘুম দেন।

  43. 19 যারা নিজেদের জমি চাষ করে তারা প্রচুর খাদ্য পাবে,

    কিন্তু যারা উদ্ভট কল্পনার পিছনে ছুটে বেড়ায় দারিদ্র তাদের সঙ্গী হয়।

  44. 13 ঈশ্বরের কাজ ভেবে দেখো

    তিনি যা বাঁকা করেছেন

    কে তা সোজা করতে পারে?

    14 যখন সুখের সময়, তখন সুখী হও;

    কিন্তু যখন দুঃখের সময়, এই কথা ভেবে দেখো

    ঈশ্বর একটি সৃষ্টি করেছেন

    পাশাপাশি আরেকটিও করেছেন।

    কিন্তু, কেউ আবিষ্কার করতে পারবে না

    তাদের ভবিষ্যতের কিছুই।

    15 আমার এই অসার জীবনকালে আমি এই দুটোই দেখেছি

    কোনো ধার্মিক লোক নিজের ধার্মিকতায় ধ্বংস হয়,

    এবং কোনো দুষ্টলোক নিজের দুষ্টতায় অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে।

  45. 10 তারপর, আমি এও দেখলাম দুষ্টদের কবর দেওয়া হল—যারা পবিত্রস্থানে যাতায়াত করত এবং যে নগরে তারা তা করত সেখানে তারা প্রশংসা পেত। এটাও অসার।

    11 অন্যায় কাজের শাস্তি যদি তাড়াতাড়ি দেওয়া না হয় তাহলে লোকদের হৃদয় অন্যায় করবার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়। 12 যদিও দুষ্টলোক একশোটি দুষ্কর্ম করে অনেক দিন বেঁচে থাকে তবুও আমি জানি ঈশ্বরকে যারা ভয় করে তাদের মঙ্গল হবে। 13 কিন্তু দুষ্টরা ঈশ্বরকে ভয় করে না বলে তাদের মঙ্গল হবে না এবং তাদের আয়ু ছায়ার মতো হবে।

    14 পৃথিবীতে আরও একটি অসার বিষয় ঘটে দুষ্টের যা পাওনা তা ধার্মিক লোক পায় এবং ধার্মিক লোকের যা পাওনা তা দুষ্টলোক পায়। এটাও আমি বলি অসার। 15 সেইজন্য আমি জীবনে আমোদের প্রশংসা করছি, কারণ সূর্যের নিচে খাওয়াদাওয়া ও আমোদ করা ছাড়া মানুষের জন্য ভালো আর কিছুই নেই। তাহলে সূর্যের নিচে ঈশ্বরের দেওয়া মানুষের জীবনের সমস্ত দিনগুলিতে তার কাজে আনন্দই হবে তার সঙ্গী।

    16 প্রজ্ঞা পাবার জন্য এবং পৃথিবীতে যা হয় তা বুঝবার জন্য যখন আমি মনোযোগ দিলাম—দিনে কিংবা রাতে মানুষের ঘুম হয় না— 17 তখন আমি ঈশ্বরের সমস্ত কাজ দেখলাম। সূর্যের নিচে যে কাজ হয় তা কেউ বুঝতে পারে না। যদিও তা খুঁজে পাবার জন্য তাদের প্রচেষ্টা থাকে তবুও কেউ তার অর্থ খুঁজে পায় না। এমনকি জ্ঞানবানেরা দাবি করে যে তারা জানে, কিন্তু তারা সত্যিই সম্পূর্ণ বুঝতে পারে না।

  46. 13 তারা গম রোপণ করবে কিন্তু কাটবে কাঁটাগাছ,

    তারা কঠোর পরিশ্রম করবে কিন্তু লাভ হবে না কিছুই।

    তাই, সদাপ্রভুর প্রচণ্ড ক্রোধের কারণে

    তোমাদের ফসল কাটার লজ্জা বহন করো।”

  47. 20 আবার, “প্রভু জানেন যে, জ্ঞানীদের চিন্তাভাবনা অসার।”

  48. 3 যদি আমি আমার সর্বস্ব দরিদ্রদের দান করি এবং আগুনে পুড়ে যাওয়ার জন্য আমার দেহ সমর্পণ করি, কিন্তু ভালোবাসা না থাকে, আমার কোনোই লাভ হয় না।

  49. 20 তিমথি, তোমার তত্ত্বাবধানে যা দেওয়া হয়েছে, তা সযত্নে রক্ষা করো। অসার বাক্যালাপ এবং বিরুদ্ধ মতবাদ থেকে দূরে থেকো, যা ভ্রান্তিরূপে “জ্ঞান” বলে অভিহিত। 21 কিছু মানুষ তা স্বীকার করেছে, এর ফলে বিশ্বাস থেকে বিচ্যুত হয়েছে।

    অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক।

  50. 14 এ সমস্ত বিষয় তুমি তাদের সবসময় স্মরণ করিয়ে দাও। ঈশ্বরের সাক্ষাতে তাদের সতর্ক করে দাও যেন তারা তর্কবিতর্ক না করে। এর কোনও মূল্য নেই, তা শুধু শ্রোতাদের ধ্বংস করে। 15 সর্বোত্তম প্রচেষ্টার দ্বারা তুমি ঈশ্বরের কাছে নিজেকে অনুমোদিতরূপে উপস্থাপন করো; এমন কার্যকারী হও, যার লজ্জিত হওয়ার প্রয়োজন নেই, যে সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার করতে জানে। 16 কিন্তু, ঈশ্বরবিরোধী বাক্যালাপ এড়িয়ে চলো, কারণ যারা এগুলিতে জড়িয়ে পড়ে, তারা দিনে দিনে ভক্তিহীন হয়। 17 তাদের শিক্ষা দূষিত ক্ষতের মতো ছড়িয়ে পড়বে। হুমিনায় ও ফিলিত তাদেরই অন্তর্ভুক্ত। 18 তারা সত্য থেকে দূরে চলে গেছে। তারা এই কথা বলে কিছু লোকের বিশ্বাস নষ্ট করছে যে পুনরুত্থান ইতিমধ্যে হয়ে গেছে। 19 তবুও, ঈশ্বরের স্থাপিত বনিয়াদ দৃঢ় ও অটল হয়ে দাঁড়িয়ে আছে, তার উপর মোহরাঙ্কিত আছে এই বাক্য: “প্রভু জানেন কে কে তাঁর” এবং “প্রভুর নাম যে কেউ স্বীকার করে, দুষ্কর্ম থেকে সে দূরে থাকুক।”

    20 কোনো বড়ো বাড়িতে শুধু সোনারুপোর বাসনই নয়, কিন্তু কাঠ ও মাটিরও পাত্র থাকে; কতগুলি ব্যবহত হয় বিশেষ কাজে, আবার কতগুলি সাধারণ কাজে। 21 কোনো মানুষ যদি নিজেকে ইতরতা থেকে মুক্ত রাখতে পারে, সে হবে মহৎ কাজে ব্যবহারের উপযুক্ত, পবিত্রীকৃত, মনিবের কাজের উপযোগী এবং যে কোনো সৎকর্মে ব্যবহারের জন্য প্রস্তুত।

    22 তুমি যৌবনের সব কু-অভিলাষ থেকে পালিয়ে যাও এবং যারা শুদ্ধচিত্তে প্রভুকে ডাকে, তাদের সঙ্গে ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তিলাভের অনুধাবন করো। 23 বিচারবুদ্ধিহীন ও নির্বুদ্ধিতার তর্কবিতর্কে রত হোয়ো না, কারণ তুমি জানো, এসব থেকে বিবাদের সূত্রপাত হয়। 24 আর প্রভুর সেবক কখনোই ঝগড়ায় লিপ্ত হবে না; বরং সে সবার প্রতি হবে সদয়, শিক্ষাদানে নিপুণ এবং সহনশীল। 25 যারা তার বিরোধিতা করে সে এই প্রত্যাশায় নম্রভাবে তাদের সুপরামর্শ দেবে, যেন ঈশ্বর সত্যের জ্ঞানের দিকে তাদের মন পরিবর্তন করেন এবং 26 তারা যেন চেতনা ফিরে পেয়ে দিয়াবলের ফাঁদ থেকে নিষ্কৃতি লাভ করে যে তার ইচ্ছা পালনের জন্য তাদের বন্দি করে রেখেছে।

  51. 9 কিন্তু বিচারবুদ্ধিহীন মতবিরোধ, বংশতালিকা, তর্কবিতর্ক এবং বিধিবিধান সম্পর্কিত সব ঝগড়া এড়িয়ে চলো, কারণ এসব লাভজনক নয় এবং নিরর্থক। 10 বিভেদ সৃষ্টিকারী ব্যক্তিকে একবার বা প্রয়োজন হলে দু-বার সতর্ক করে দাও। এরপর তার সঙ্গে আর সম্পর্ক রেখো না। 11 তুমি নিশ্চিতভাবে জেনো যে, এই ধরনের লোকেরা বিকৃতমনা এবং তারা পাপে লিপ্ত; তারা নিজেরাই নিজেদের দোষী করে।

  52. 13 অতএব, কর্মে তৎপর হওয়ার জন্য তোমাদের মনকে প্রস্তুত করো, আত্মসংযমী হও; যীশু খ্রীষ্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের দেওয়া হবে, তার উপরে পূর্ণ প্রত্যাশা রাখো। 14 বাধ্য সন্তানদের মতো চলো, অজ্ঞতাবশত আগে যেভাবে মন্দ বাসনার বশে চলতে, তার মতো আর হোয়ো না। 15 কিন্তু যিনি তোমাদের আহ্বান করেছেন, তিনি যেমন পবিত্র, তোমরাও তেমনই সমস্ত আচার-আচরণে পবিত্র হও। 16 কারণ লেখা আছে, “তোমরা পবিত্র হও, কারণ আমি পবিত্র।”

    17 যেহেতু তোমরা এমন পিতার নামে আহ্বান করো, যিনি সব মানুষের কাজ নিরপেক্ষভাবে বিচার করেন, তাই তোমরা সম্ভ্রমপূর্ণ ভয়ে প্রবাসীর মতো এখানে নিজেদের জীবনযাপন করো। 18 কারণ তোমরা জানো যে, তোমাদের পিতৃপুরুষদের কাছ থেকে পাওয়া অলীক আচার-ব্যবহার থেকে, রুপো বা সোনার মতো ক্ষয়িষ্ণু বস্তুর বিনিময়ে তোমরা মুক্তি পাওনি, 19 কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক, অর্থাৎ খ্রীষ্টের বহুমূল্য রক্তের দ্বারা মুক্তি পেয়েছ। 20 জগৎ সৃষ্টির আগে থেকে ঈশ্বর তাঁকে মনোনীত করেছিলেন, কিন্তু তোমাদের কারণে এই শেষ সময়ে তিনি প্রকাশিত হয়েছেন। 21 তাঁরই মাধ্যমে তোমরা ঈশ্বরকে বিশ্বাস করেছ, যিনি তাঁকে মৃতলোক থেকে উত্থাপিত করে মহিমান্বিত করেছেন। সেই কারণে, তোমাদের বিশ্বাস ও প্রত্যাশা ঈশ্বরের উপরে রয়েছে।

    22 এখন তোমরা সত্যের বাধ্য হয়ে নিজেদের পরিশুদ্ধ করেছ যেন ভাইবোনেদের প্রতি তোমাদের আন্তরিক ভালোবাসা থাকে, তোমরা অন্তর থেকেই পরস্পরকে ভালোবাসো। 23 কারণ তোমরা ক্ষয়িষ্ণু বীর্য থেকে নয়, কিন্তু অক্ষয় বীর্য থেকে, অর্থাৎ, ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্যের দ্বারা নতুন জন্ম লাভ করেছ। 24 কারণ,

    “সব মানুষই ঘাসের মতো,

    আর তাদের সব সৌন্দর্য মেঠো-ফুলের মতো;

    ঘাস শুকিয়ে যায় ও ফুল ঝরে পড়ে,

    25 কিন্তু প্রভুর বাক্য থাকে চিরকাল।”

    আর সুসমাচারের এই বাক্যই তোমাদের কাছে প্রচার করা হয়েছে।

  53. 15 জগৎকে বা জাগতিক কোনো কিছুই তোমরা ভালোবেসো না। কেউ যদি জগৎকে ভালোবাসে, তাহলে পিতার প্রেম তার অন্তরে নেই। 16 কারণ এ জগতের সমস্ত বিষয়—শারীরিক অভিলাষ, চোখের অভিলাষ ও জীবনের অহংকার—পিতা থেকে নয়, কিন্তু জগৎ থেকে আসে। 17 আর জগৎ ও তার কামনাবাসনা বিলুপ্ত হবে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে চিরকাল জীবিত থাকবে।

  54. 11 আমাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করো,

    কারণ মানুষের সাহায্য নিষ্ফল।

  55. 11 যারা নিজেদের জমি চাষ করে তারা প্রচুর খাদ্য পাবে,

    কিন্তু যারা উদ্ভট কল্পনার পিছনে ছুটে বেড়ায় তাদের কোনও বোধবুদ্ধি নেই।

  56. 16 এবং আমি সূর্যের নিচে আরও একটি বিষয় দেখলাম

    বিচারের জায়গায়—দুষ্টতা ছিল,

    সততার জায়গায়—দুষ্টতা ছিল।

    17 আমি নিজে মনে মনে বললাম,

    “ঈশ্বর ধার্মিকের ও দুষ্টের

    দুজনেরই বিচার করবেন,

    কারণ সেখানে সমস্ত কাজের জন্য সময় আছে,

    সমস্ত কাজের বিচারের জন্য সময় আছে।”

    18 আমি আরও নিজে মনে মনে বললাম, “মানুষের ক্ষেত্রে, ঈশ্বর তাদের পরীক্ষা করেন যেন তারা দেখতে পায় তারা পশুদেরই মতো। 19 কেননা মানুষের প্রতি যা ঘটে পশুর প্রতিও তাই ঘটে; উভয়ের জন্য একই পরিণতি অপেক্ষা করে এ যেমন মরে সেও তেমন মরে। তাদের সবার প্রাণবায়ু একই রকমের; পশুর থেকে মানুষের কোনো প্রাধান্য নেই। সবই অসার। 20 সকলেই এক জায়গায় যায়; সবাই মাটি থেকে তৈরি, আর মাটিতেই ফিরে যায়। 21 মানুষের আত্মা যে উপরে যায় আর পশুর আত্মা মাটির তলায় যায় তা কে জানে?”

    22 অতএব আমি দেখলাম যে নিজের কাজে আনন্দ করা ছাড়া আর ভালো কিছু মানুষের জন্য নেই, কারণ ওটিই তার পাওনা। কারণ তাদের মৃত্যুর পরে কি ঘটবে তা কে তাদের দেখাতে পারে?

  57. 6 যেমন হাঁড়ির নিচে কাঁটার শব্দ,

    বোকাদের হাসিও ঠিক তেমনি।

    এটাও অসার।

  58. 13 অর্থহীন সব বলিদান আমার কাছে আর এনো না!

    তোমাদের ধূপদাহ আমার কাছে ঘৃণ্য মনে হয়।

    অমাবস্যা, সাব্বাথের দিন ও ধর্মীয় সভাগুলি—

    আমি তোমাদের এসব মন্দ জমায়েত সহ্য করতে পারি না।

  59. 32 প্রকৃতপক্ষে, আমি তাদের বিরুদ্ধে, যারা আমার নামে মিথ্যা স্বপ্নের ভাববাণী বলে,” সদাপ্রভু এই কথা বলেন। “তারা তাদের সেগুলি বলে এবং তাদের ভাবনাচিন্তাহীন মিথ্যার দ্বারা আমার প্রজাদের বিপথগামী করে, যদিও আমি তাদের পাঠাইনি বা নিয়োগ করিনি। তারা এই লোকদের বিন্দুমাত্রও উপকার করতে পারে না,” সদাপ্রভু এই কথা বলেন।

  60. 13 “তোমরা আমার বিরুদ্ধে অহংকারের সাথে কথা বলেছ,” সদাপ্রভু বলেন।

    “তবুও তোমরা জিজ্ঞাসা করো, ‘আমরা তোমার বিরুদ্ধে কি বলেছি?’

    14 “তোমরা বলেছ, ‘ঈশ্বরের সেবা করা অর্থহীন। তাঁর আদেশ পালন করে কী লাভ হয় এবং সর্বশক্তিমান সদাপ্রভুর সাক্ষাতে শোকে যাওয়া-আসা করে আমাদের কী লাভ? 15 কিন্তু এখন আমরা অহংকারীকে ধন্য বলি। নিশ্চয়ই দুষ্ট আচরণকারী সমৃদ্ধিলাভ করে, এমনকি যখন তারা ঈশ্বরকে পরীক্ষায় ফেলে, তারা তা করেও রক্ষা পায়।’ ”

    16 তারপর যারা সদাপ্রভুকে ভয় করত তারা একে অপরের সাথে কথা বলল এবং সদাপ্রভু তাদের কথা মন দিয়ে শুনলেন। যারা সদাপ্রভুকে ভয় ও তাঁর নাম সম্মান করত, তাদের সম্মন্ধে স্মরণীয় পুঁথি তাঁর সামনে লেখা হল।

    17 “সেদিন যখন আমি আমার কাজ করব,” সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, তারা আমার প্রিয় অধিকার হবে। আমি তাদের প্রতি ক্ষমাপরায়ণ হব, যেমন একজন বাবা তার সেবায় রত ছেলেকে করুণার চোখে দেখে এবং তার প্রতি ক্ষমাপরায়ণ হয়। 18 আর তোমরা আবার ধার্মিক ও দুষ্টদের মধ্যে পার্থক্য দেখতে পাবে, যারা ঈশ্বরের সেবা করে ও যারা করে না তাদের মধ্যে পার্থক্য দেখতে পাবে।

  61. 7 আর তুমি প্রার্থনা করার সময় পরজাতীয়দের মতো অর্থহীন পুনরাবৃত্তি কোরো না, কারণ তারা মনে করে, বাগবাহুল্যের জন্যই তারা প্রার্থনার উত্তর পাবে।

  62. 23 মুক্তিলাভের পর, পিতর ও যোহন, তাঁদের নিজেদের লোকজনের কাছে ফিরে গেলেন এবং প্রধান যাজকেরা ও প্রাচীনবর্গ, যা কিছু তাঁদের বলেছিলেন, সেই সংবাদ তাঁদের দিলেন। 24 তাঁরা যখন একথা শুনলেন, তখন তাঁরা সম্মিলিতভাবে উচ্চকণ্ঠে প্রার্থনায় ঈশ্বরের উদ্দেশে বলতে লাগলেন, “হে সার্বভৌম প্রভু, তুমিই আকাশমণ্ডল ও পৃথিবী ও সমুদ্র ও সেগুলির মধ্যে যা কিছু আছে সেসব সৃষ্টি করেছ। 25 তুমি, তোমার দাস, আমাদের পিতৃপুরুষ দাউদের মাধ্যমে, পবিত্র আত্মার দ্বারা বলেছিলে,

    “ ‘কেন জাতিগণ চক্রান্ত করে

    আর লোকেরা কেন বৃথাই সংকল্প করে?

    26 পৃথিবীর রাজারা উদিত হয়

    এবং শাসকেরা সংঘবদ্ধ হয়,

    সদাপ্রভুর বিরুদ্ধে

    ও তাঁর অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে।’

    27 সত্যিই হেরোদ ও পন্তীয় পীলাত পরজাতিদের ও ইস্রায়েলী জনগণের সঙ্গে এই নগরে মিলিত হয়ে তোমার সেই পবিত্র সেবক যীশু, যাঁকে তুমি অভিষিক্ত করেছিলে, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। 28 তারা তাই করেছিল, যা তোমার পরাক্রম ও ইচ্ছা অনুসারে অবশ্যই ঘটবে বলে অনেক আগে থেকে স্থির করে রেখেছিল। 29 এখন হে প্রভু, ওদের ভয় দেখানোর কথা বিবেচনা করো ও সম্পূর্ণ সাহসিকতার সঙ্গে তোমার বাক্য বলার জন্য তোমার এই দাসেদের ক্ষমতা দাও। 30 তোমার পবিত্র সেবক যীশুর নামের মাধ্যমে রোগনিরাময় ও অলৌকিক সব নিদর্শন এবং বিস্ময়কর কাজগুলি সম্পন্ন করতে তোমার হাত বাড়িয়ে দাও।”

    31 তাঁদের প্রার্থনা শেষ হলে, তাঁরা যে স্থানে মিলিত হয়েছিলেন, সেই স্থান কেঁপে উঠল। আর তাঁরা সকলেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হলেন এবং সাহসের সঙ্গে ঈশ্বরের বাক্য বলতে লাগলেন।

  63. 1 অতএব, ভাইবোনেরা, ঈশ্বরের বহুবিধ করুণার পরিপ্রেক্ষিতে, আমি তোমাদের কাছে মিনতি করছি, তোমরা তোমাদের শরীরকে জীবন্ত বলিরূপে, পবিত্র ও ঈশ্বরের গ্রহণযোগ্যরূপে উৎসর্গ করো—তাই হবে তোমাদের যুক্তিসংগত আরাধনা। 2 আর তোমরা এই জগতের রীতি অনুযায়ী জীবনযাপন করো না, কিন্তু তোমাদের মনের নতুনীকরণের দ্বারা রূপান্তরিত হও। তখন তোমরা ঈশ্বরের ইচ্ছাকে যাচাই ও অনুমোদন করতে পারবে, যা উৎকৃষ্ট, প্রীতিজনক ও সিদ্ধ।

  64. 9 তোমরা বিভিন্ন ধরনের বিচিত্র শিক্ষায় বিপথে চালিত হোয়ো না। অনুগ্রহের দ্বারা আমাদের হৃদয়কে শক্তিশালী করাই ভালো, কোনো সংস্কারগত খাবার দিয়ে নয়, কারণ যারা তা ভোজন করে, তাদের কাছে এর কোনো মূল্য নেই।

  65. 14 কোনো মানুষ যদি দাবি করে তার বিশ্বাস আছে, কিন্তু সেইমতো কোনো কর্ম না থাকে, তাহলে আমার ভাইবোনেরা, এতে কী লাভ হবে? এ ধরনের বিশ্বাস কি তাকে পরিত্রাণ দিতে পারে?

  66. 2 অসৎ উপায়ে অর্জিত ধনসম্পত্তির দীর্ঘস্থায়ী কোনও মূল্য নেই,

    কিন্তু ধার্মিকতা মৃত্যু থেকে উদ্ধার করে।

  67. 12 আমি তোমার ধার্মিকতা ও তোমার কাজগুলি প্রকাশ করে দেব,

    সেগুলি তোমার কোনো উপকারে আসবে না।

  68. 8 কিন্তু দেখো, তোমরা প্রতারণামূলক কথাবার্তায় বিশ্বাস করছ, যা নিতান্তই অসার।

  69. 14 অতএব সদাপ্রভু ঈশ্বর সাপকে বললেন, “যেহেতু তুমি এমনটি করেছ, তাই,

    “সব গবাদি পশুর মধ্যে

    ও সব বন্যপশুর মধ্যে তুমিই হলে অভিশপ্ত!

    তুমি বুকে ভর দিয়ে চলবে

    আর সারা জীবনভর

    ধুলো খেয়ে যাবে।

    15 তোমার ও নারীর মধ্যে

    আর তোমার ও তার সন্তানসন্ততির মধ্যে

    আমি শত্রুতা জন্মাব;

    সে তোমার মাথা গুঁড়িয়ে দেবে

    আর তুমি তার পায়ের গোড়ালিতে আঘাত হানবে।”

    16 সদাপ্রভু ঈশ্বর নারীকে বললেন,

    “আমি তোমার সন্তান প্রসবের ব্যথা খুব বাড়িয়ে দেব;

    প্রচণ্ড প্রসববেদনা সহ্য করে তুমি সন্তানের জন্ম দেবে।

    তোমার স্বামীর প্রতি তোমার আকুল বাসনা থাকবে,

    আর সে তোমার উপর কর্তৃত্ব করবে।”

    17 আদমকে তিনি বললেন, “যেহেতু তুমি তোমার স্ত্রীর কথা শুনে সেই গাছের ফল খেয়েছ, যেটির বিষয়ে আমি তোমাকে আদেশ দিয়েছিলাম, ‘তুমি এর ফল অবশ্যই খাবে না,’ তাই

    “তোমার জন্য ভূমি অভিশপ্ত হল;

    আজীবন তুমি

    কঠোর পরিশ্রম করে তা থেকে খাবার খাবে।

    18 তা তোমার জন্য কাঁটাগাছ ও শিয়ালকাঁটা ফলাবে,

    আর তুমি ক্ষেতের লতাগুল্ম খাবে,

    19 যতদিন না তুমি মাটিতে ফিরে যাচ্ছ,

    ততদিন তুমি কপালের ঘাম ঝরিয়ে তোমার খাবার খাবে,

    যেহেতু সেখান থেকেই তোমাকে আনা হয়েছে;

    কারণ তুমি তো ধুলো,

    আর ধুলোতেই তুমি যাবে ফিরে।”

  70. 47 মনে রেখো আমার জীবন কত স্বল্পস্থায়ী।

    কত শূন্য ও ব্যর্থ এই মানবজীবন!

  71. 3 কারণ সেই লোকদের ধর্মীয় প্রথা সব অসার;

    তারা বন থেকে একটি গাছ কেটে আনে,

    কারুশিল্পী তার বাটালি দিয়ে তাতে আকৃতি দেয়।

    4 তারা সোনা ও রুপো দিয়ে তা অলংকৃত করে,

    হাতুড়ি ও পেরেক দিয়ে তারা সুদৃঢ় করে,

    যেন তা নড়ে না যায়।

    5 কোনো শসা ক্ষেতে যেমন কাকতাড়ুয়া,

    তাদের মূর্তিগুলিও তেমনই কথা বলতে পারে না;

    তাদের বহন করে নিয়ে যেতে হয়,

    কারণ তারা চলতে পারে না।

    তোমরা তাদের ভয় পেয়ো না;

    তারা কোনো ক্ষতি করতে পারবে না,

    ভালো কিছুও তারা করতে পারে না।”

  72. 15 “বন্ধুগণ, আপনারা কেন এরকম করছেন? আমরাও মানুষ, আপনাদেরই মতো মানুষমাত্র। আমরা আপনাদের কাছে এই সুসমাচার নিয়ে এসেছি ও আপনাদের বলছি যে, এসব অসার বস্তু থেকে জীবন্ত ঈশ্বরের প্রতি ফিরে আসতে যিনি আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও সেগুলির মধ্যে যা কিছু আছে সেসব সৃষ্টি করেছেন। 16 অতীতে, তিনি সব জাতিকেই তাদের ইচ্ছামতো জীবনাচরণ করতে দিয়েছেন।

  73. 10 কিন্তু এখন আমি যা হয়েছি তা ঈশ্বরের অনুগ্রহেই হয়েছি এবং আমার প্রতি তাঁর অনুগ্রহ নিরর্থক হয়নি। বরং, আমি তাঁদের সকলের চেয়ে বেশি পরিশ্রম করেছি—তবুও আমি নই, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ আমার সহবর্তী ছিল।

  74. 17 অতএব, কেউ যদি খ্রীষ্টে থাকে, সে এক নতুন সৃষ্টি; পুরোনো বিষয় সব অতীত হয়েছে, দেখো সব নতুন হয়ে উঠেছে।

  75. 15 সুন্নত বা অত্বকছেদ, উভয়ই মূল্যহীন, নতুন সৃষ্টিই হল মূলকথা।