74 Bible Verses About Lying

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Lying
  1. 19 সত্যবাদী ঠোঁট চিরকাল স্থায়ী হয়,

    কিন্তু মিথ্যাবাদী জিভ শুধু এক মুহূর্তের জন্য স্থায়ী হয়।

    20 যারা অমঙ্গলের চক্রান্ত করে তাদের অন্তরে ছলনা থাকে,

    কিন্তু যারা শান্তির উদ্যোক্তা হয় তারা আনন্দ পায়।

    21 কোনও অনিষ্টই ধার্মিকদের আতঙ্কগ্রস্ত করে না,

    কিন্তু দুষ্টদের অসুবিধা ভোগ করতে হয়।

    22 সদাপ্রভু মিথ্যাবাদী ঠোঁট ঘৃণা করেন,

    কিন্তু যারা নির্ভরযোগ্য তাদের নিয়ে তিনি আনন্দ করেন।

  2. 43 আমার ভাষা তোমাদের বোধগম্য হচ্ছে না কেন? কারণ তোমরা আমার কথা শুনতে অক্ষম। 44 তোমরা তোমাদের পিতা দিয়াবলের আর তোমাদের পিতার সব অভিলাষ পূর্ণ করাই তোমাদের ইচ্ছা। প্রথম থেকেই সে এক হত্যাকারী। তার মধ্যে সত্যের লেশমাত্র নেই, কারণ সে সত্যনিষ্ঠ নয়। সে তার নিজস্ব স্বভাববশেই মিথ্যা বলে, কারণ সে এক মিথ্যাবাদী এবং সব মিথ্যার জন্মদাতা। 45 কিন্তু আমি সত্যিকথা বললেও তোমরা আমাকে বিশ্বাস করো না। 46 তোমরা কি কেউ আমাকে পাপের দোষী বলে প্রমাণ করতে পারো? আমি যদি সত্যি বলি, তাহলে কেন তোমরা আমাকে বিশ্বাস করো না? 47 যে ঈশ্বরের আপনজন, সে ঈশ্বরের সব কথা শোনে। তোমরা যে শোনো না তার কারণ হল, তোমরা ঈশ্বরের আপনজন নও।”

  3. 20 খ্রীষ্টের সম্বন্ধে তোমরা অবশ্য সেরকম শিক্ষা লাভ করোনি। 21 নিঃসন্দেহে, তোমরা তাঁর বিষয়ে শুনেছ এবং যীশুর মধ্যে যে সত্য আছে, সেই অনুযায়ী শিক্ষা পেয়েছ। 22 তোমাদের অতীত জীবনধারা সম্বন্ধে তোমরা শিক্ষা পেয়েছ যে, তোমাদের পুরোনো সত্তাকে ত্যাগ করতে হবে, যা তার বহুবিধ ছলনাময় অভিলাষের দ্বারা কলুষিত হয়ে উঠেছে। 23 তোমাদের মানসিকতাকে নতুন করতে হবে; 24 প্রকৃত ধার্মিকতা এবং পবিত্রতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট নতুন সত্তাকে পরিধান করতে হবে।

    25 অতএব, তোমাদের প্রত্যেকে মিথ্যাচার ত্যাগ করে প্রতিবেশীর সঙ্গে সত্য কথা বলো, কারণ আমরা সকলে একই দেহের অঙ্গপ্রত্যঙ্গ।

  4. 1 আমার প্রিয় সন্তানেরা, আমি তোমাদের এসব লিখছি, যেন তোমরা পাপ না করো। কিন্তু কেউ যদি পাপ করে, তাহলে আমাদের একজন পক্ষসমর্থনকারী আছেন; তিনি আমাদের হয়ে পিতার কাছে মিনতি করেন। তিনি যীশু খ্রীষ্ট, সেই ধার্মিক পুরুষ। 2 তিনি আমাদের সব পাপের প্রায়শ্চিত্ত, শুধুমাত্র আমাদের জন্য নয়, কিন্তু সমস্ত জগতের পাপের প্রায়শ্চিত্ত করেছেন।

    3 আমরা যদি তাঁর আদেশ পালন করি, তাহলেই বুঝতে পারব যে আমরা তাঁকে জেনেছি। 4 যে ব্যক্তি বলে, “আমি তাঁকে জানি,” কিন্তু তাঁর আদেশ পালন করে না, সে মিথ্যাচারী, তার অন্তরে সত্য নেই।

  5. 16 ছটি জিনিস সদাপ্রভু ঘৃণা করেন,

    সাতটি জিনিস তাঁর কাছে ঘৃণিত;

    17 উদ্ধত দৃষ্টি,

    মিথ্যাবাদী জিভ,

    নির্দোষের রক্তপাতকারী হাত,

    18 দুষ্ট ফন্দি আঁটা হৃদয়,

    অনিষ্টের দিকে বেগে ধাবমান পা,

    19 মিথ্যা কথা উগরে দেওয়া মিথ্যাসাক্ষী

    ও এমন এক লোক যে সমাজে মতবিরোধ উৎপন্ন করে।

    20 হে আমার বাছা, তোমার বাবার আদেশ পালন করো

    ও তোমার মায়ের শিক্ষা পরিত্যাগ কোরো না।

  6. 7 যে জয়ী হয়, সে এসবের অধিকারী হবে, আর আমি তার ঈশ্বর হব ও সে আমার পুত্র বা কন্যা হবে। 8 কিন্তু যারা কাপুরুষ, অবিশ্বাসী, ঘৃণ্য স্বভাববিশিষ্ট, খুনি, অবৈধ যৌনাচারী, যারা তন্ত্রমন্ত্র-মায়াবিদ্যা অভ্যাস করে, যারা প্রতিমাপূজা করে এবং যত মিথ্যাবাদী, তাদের স্থান হবে জ্বলন্ত গন্ধকের আগুনের হ্রদে। এই হল দ্বিতীয় মৃত্যু।”

  7. 16 তুমি তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ো না।

  8. 1 এখন অননিয় নামে একজন ব্যক্তি, তার স্ত্রী সাফিরার সঙ্গে সম্পত্তির এক অংশ বিক্রি করল। 2 তার স্ত্রীর সম্পূর্ণ জ্ঞাতসারে, সে তার নিজের জন্য অর্থের কিছু অংশ রেখে দিল, কিন্তু অবশিষ্ট অংশ এনে প্রেরিতশিষ্যদের চরণে রাখল।

    3 তখন পিতর বললেন, “অননিয়, এ কী রকম হল, শয়তান তোমার অন্তরকে এমন পূর্ণ করল যে, তুমি পবিত্র আত্মার কাছে মিথ্যা বললে এবং জমির বিক্রি করা অর্থের কিছু অংশ নিজের জন্য রেখে দিলে? 4 বিক্রি করার আগে তা কি তোমারই ছিল না? আর বিক্রি করার পরেও সেই অর্থ কি তোমারই অধিকারে ছিল না? এরকম একটি কাজ করার কথা তুমি কী করে চিন্তা করলে? তুমি মানুষের কাছে নয়, কিন্তু ঈশ্বরেরই কাছে মিথ্যা বললে।”

    5 অননিয় একথা শোনামাত্র মাটিতে পড়ে গেল ও প্রাণত্যাগ করল। ওই ঘটনার কথা যারা শুনল, তারা সকলেই মহা আতঙ্কে কবলিত হল।

  9. 7 যেহেতু অধ্যক্ষের উপরে ঈশ্বরের কাজের ভার দেওয়া হয়েছে, তাই তাঁকে হতে হবে অনিন্দনীয়; তিনি উদ্ধত, বদমেজাজি, মদ্যপ, উগ্র বা অসৎ পথে অর্থ উপার্জনের জন্য লালায়িত হবেন না; 8 বরং তাঁকে হতে হবে অতিথিবৎসল, মঙ্গলজনক সবকিছুর প্রতি অনুরক্ত, আত্মসংযমী, ন্যায়নিষ্ঠ, পবিত্র এবং শৃঙ্খলাপরায়ণ। 9 যেমন শিক্ষা দেওয়া হয়েছে তেমনই তাঁকে বিশ্বাসযোগ্য বাণী দৃঢ়ভাবে আঁকড়ে থাকতে হবে, যেন সঠিক তত্ত্বজ্ঞান শিক্ষা দেওয়ার মাধ্যমে তিনি অন্যদের অনুপ্রাণিত করতে পারেন ও যারা সেই শিক্ষার বিরোধিতা করে তাদের ভুল প্রমাণিত করতে পারেন।

  10. 11 “ ‘চুরি কোরো না।

    “ ‘মিথ্যা কথা বোলো না।

    “ ‘একজন অন্যজনকে প্রতারণা কোরো না।

    12 “ ‘আমার নাম নিয়ে মিথ্যা দিব্যি করবে না এবং এইভাবে তোমাদের ঈশ্বরের নাম অপবিত্র করবে না। আমি সদাপ্রভু।

  11. 1 এখন সদাপ্রভু ঈশ্বরের নির্মিত যে কোনো বন্যপশুর মধ্যে সাপই ছিল সবচেয়ে ধূর্ত। সে নারীকে বলল, “সত্যিই কি ঈশ্বর বলেছেন, ‘তোমরা অবশ্যই বাগানের কোনও গাছের ফল খেয়ো না’?”

    2 নারী সাপকে বললেন, “আমরা বাগানের গাছগুলি থেকে ফল খেতে পারি, 3 কিন্তু ঈশ্বর বলেছেন, ‘বাগানের মাঝখানে যে গাছটি আছে, তার ফল তোমরা অবশ্যই খাবে না, আর এটি তোমরা ছোঁবেও না, এমনটি করলে তোমরা মারা যাবে।’ ”

    4 “অবশ্যই তোমরা মরবে না,” সাপ নারীকে বলল। 5 “কারণ ঈশ্বর জানেন যে, যখন তোমরা এটি খাবে, তখন তোমাদের চোখ খুলে যাবে, ও তোমরা ভালোমন্দ জানার ক্ষেত্রে ঈশ্বরের মতো হয়ে যাবে।”

  12. 14 “ধন্য তারা, যারা নিজেদের পোশাক পরিষ্কার করে, যেন তারা জীবনদায়ী গাছের অধিকার লাভ করে ও নগরের দরজা দিয়ে প্রবেশ করে। 15 বাইরে রয়েছে কুকুরেরা, আর যারা তন্ত্রমন্ত্র-মায়াবিদ্যা অভ্যাস করে, যারা অবৈধ যৌনাচারী, যারা খুনি, যারা প্রতিমাপূজা করে, আর যারা মিথ্যা কথা বলতে ভালোবাসে ও তা অনুশীলন করে।

  13. 24 শত্রুরা তাদের ঠোঁট দিয়ে নিজেদের আড়াল করে রাখে,

    কিন্তু মনে মনে তারা প্রতারণার আশ্রয় নেয়।

    25 যদিও তাদের কথাবার্তা মনোমোহিনী, তাদের বিশ্বাস কোরো না,

    কারণ তাদের অন্তর সাতটি জঘন্য বিষয়ে পরিপূর্ণ হয়ে আছে।

    26 প্রতারণা দ্বারা তাদের আক্রোশ লুকিয়ে রাখা যেতে পারে,

    কিন্তু তাদের দুষ্টতা লোকসমাজে প্রকাশিত হয়ে যাবে।

    27 যারা খাত খনন করে তারা তাতেই গিয়ে পড়ে;

    যারা পাথর গড়িয়ে দেয়, সেটি তাদেরই উপর গড়িয়ে এসে পড়বে।

    28 মিথ্যাবাদী জিভ যাদের আহত করে তাদের ঘৃণাও করে,

    ও তোষামোদকারী মুখ সর্বনাশ করে ছাড়ে।

  14. 7 যারা প্রতারক

    তারা কেউ আমার গৃহে বসবাস করবে না;

    যারা মিথ্যা কথা বলে

    তারা আমার সামনে দাঁড়াবে না।

    8 প্রতি সকালে, দেশের সব দুষ্টকে

    আমি নাশ করব;

    সদাপ্রভুর নগর থেকে

    আমি সব অনিষ্টকারীকে উচ্ছেদ করব।

  15. 1 ঈশ্বরের আত্মা সুস্পষ্টভাবে বলছেন যে, পরবর্তীকালে বেশ কিছু লোক বিশ্বাস ত্যাগ করে বিভ্রান্তি সৃষ্টিকারী দুষ্টাত্মা দ্বারা প্রভাবিত হবে ও সেসব আত্মা ও তাদের বিভিন্ন বিষয় অনুসরণ করবে। 2 এসব শিক্ষা ভণ্ড মিথ্যাবাদীদের মাধ্যমে আসে, যাদের বিবেক উত্তপ্ত লোহার দ্বারা যেন পুড়ে গেছে।

  16. 8 তারপর, সেই পাপ-পুরুষের প্রকাশ হবে, প্রভু যীশু তাঁর মুখের নিঃশ্বাসে তাকে সংহার করবেন এবং তাঁর আগমনের জৌলুসে তাকে ধ্বংস করবেন। 9 সেই অধর্মাচারী পুরুষের আগমন শয়তানের ক্রিয়াকলাপের সঙ্গে হবে। সে সব ধরনের ক্ষমতার প্রদর্শন বিভিন্ন চিহ্ন ও আশ্চর্য কাজকর্মের মাধ্যমে করবে, যেগুলি মিথ্যাচারিতার সেবা করে। 10 সে সব ধরনের মন্দের দ্বারা যারা বিনাশের পথে চলেছে তাদের প্রতারণা করবে। তারা ধ্বংস হবে, কারণ তারা সত্যের অনুরাগী হতে অস্বীকার করেছে ও পরিত্রাণ পেতে চায়নি। 11 সেইজন্য, ঈশ্বর তাদের মধ্যে এক বিভ্রান্তিকর শক্তিকে প্রেরণ করবেন, যেন তারা মিথ্যাকেই বিশ্বাস করে, 12 এবং তারা সকলেই যেন শাস্তি পায় যারা সত্যে বিশ্বাস করেনি, কিন্তু দুষ্টতায় উল্লসিত হয়েছে।

  17. 27 কোনও অশুচি কিছু কিংবা লজ্জাজনক মূর্তিপূজক বা প্রতারণাকারী, কেউই এর মধ্যে প্রবেশ করতে পারবে না; কেবলমাত্র যাদের নাম মেষশাবকের জীবনপুস্তকে লেখা আছে, তারাই প্রবেশ করবে।

  18. 11 এসো আমার সন্তানেরা, আমার কথা শোনো;

    আমি তোমাকে সদাপ্রভুর সম্ভ্রম শিক্ষা দেবো।

    12 তোমাদের মধ্যে যে জীবন ভালোবাসে

    এবং বিস্তর ভালো দিন দেখতে চায়,

    13 তোমার জিভ মন্দ থেকে সংযত রাখো

    এবং মিথ্যা বাক্য থেকে মুখ সাবধানে রাখো।

    14 মন্দ থেকে মন ফেরাও আর সৎকর্ম করো;

    শান্তির সন্ধান করো ও তা অনুসরণ করো।

    15 সদাপ্রভুর দৃষ্টি ধার্মিকদের প্রতি রয়েছে,

    এবং তাদের আর্তনাদে তিনি কর্ণপাত করেন;

  19. 3 “তাদের জিভ প্রস্তুত রাখে

    ধনুকের মতো, মিথ্যা কথার তির ছোড়ার জন্য;

    তারা সত্য অবলম্বন না করে

    দেশে বিজয়লাভ করে।

    তারা একটির পর অন্য একটি পাপ করতে থাকে,

    তারা আমাকে স্বীকার করে না,”

    সদাপ্রভু এই কথা বলেন।

    4 “তোমার বন্ধুদের থেকে সাবধানে থেকো;

    তোমার গোষ্ঠীর কাউকে বিশ্বাস কোরো না।

    কারণ প্রত্যেকেই এক একজন প্রতারক,

    আর প্রত্যেক বন্ধু নিন্দা করে বেড়ায়।

    5 বন্ধু বন্ধুর সঙ্গে প্রতারণা করে,

    তারা কেউই সত্যিকথা বলে না।

    তারা নিজেদের জিভকে মিথ্যা বলা শিখিয়েছে;

    ক্রমাগত পাপ করে তারা নিজেদের ক্লান্ত করেছে।

  20. 3 জন্ম থেকেই দুষ্টরা বিপথে যায়;

    মাতৃগর্ভ থেকেই তারা বিপথগামী ও মিথ্যাবাদী।

  21. 9 মিথ্যাসাক্ষী অদণ্ডিত থাকবে না,

    ও যে মিথ্যা কথার স্রোত বইয়ে দেয় তার সর্বনাশ হবে।

  22. 8 আমরা যদি নিজেদের নিষ্পাপ বলে দাবি করি, তাহলে আমরা নিজেদের প্রতারণা করি এবং সত্য আমাদের মধ্যে বাস করে না। 9 আমরা যদি আমাদের পাপস্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ, তাই তিনি আমাদের সব পাপ ক্ষমা করে সমস্ত অধার্মিকতা থেকে শুচিশুদ্ধ করবেন। 10 যদি আমরা বলি যে আমরা পাপ করিনি, আমরা তাঁকে মিথ্যাবাদী প্রতিপন্ন করি এবং আমাদের জীবনে তাঁর বাক্যের কোনও স্থান নেই।

  23. 5 ধার্মিকেরা মিথ্যাচারিতা ঘৃণা করে,

    কিন্তু দুষ্টেরা নিজেদের এক দুর্গন্ধে পরিণত করে

    ও নিজেদের উপরে লজ্জা ডেকে আনে।

  24. 7 বাক্‌পটু ঠোঁট যদি মূর্খের পক্ষে অনুপযোগী—

    তবে একজন শাসকের পক্ষে মিথ্যাবাদী ঠোঁট কতই না বেশি মন্দ!

  25. 10 কারণ,

    “কেউ যদি জীবন ভালোবাসতে চায়,

    মঙ্গলের দিন দেখতে চায়,

    সে অবশ্যই মন্দ থেকে তার জিভ

    ও ছলনাপূর্ণ বাক্য থেকে তার ঠোঁট রক্ষা করবে।

    11 তারা মন্দ থেকে মন ফেরাবে আর সৎকর্ম করবে

    তারা অবশ্যই শান্তির সন্ধান করবে ও তা অনুসরণ করবে।

    12 কারণ প্রভুর দৃষ্টি ধার্মিকদের প্রতি রয়েছে,

    আর তাদের প্রার্থনায় তিনি কর্ণপাত করেন,

    কিন্তু যারা দুষ্কর্ম করে প্রভুর মুখ তাদের বিরুদ্ধে।”

  26. 11 তাদেরকে ধিক্! তারা কয়িনের পথ বেছে নিয়েছে; তারা টাকার লোভে বিলিয়মের দেখানো ভুল পথে দ্রুত ছুটে চলেছে; তারা কোরহের মতো বিদ্রোহ করে ধ্বংস হয়েছে।

    12 এই লোকেরা তোমাদের সব প্রীতিভোজে কলঙ্ক নিয়ে আসে, তোমাদের সঙ্গে খাওয়াদাওয়া করার সময় এদের সামান্যতমও বিবেক-দংশন হয় না। এরা এমন পালক, যারা কেবলমাত্র নিজেদেরই পেটপূজা করে। এরা বাতাসে উড়ে চলা বৃষ্টিহীন মেঘের মতো; হেমন্ত ঋতুর গাছ, ফলশূন্য ও মূল থেকে উপড়ানো—দু-বার মৃত। 13 এরা সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো, নিজেদের লজ্জা ফেনার মতো ফাঁপিয়ে তোলে; কক্ষপথ থেকে বিচ্যুত তারার মতো, যাদের জন্য অনন্তকালীন ঘোরতর অন্ধকার নির্দিষ্ট করা আছে।

    14 আদম থেকে সাত পুরুষ যে হনোক, তিনি এসব লোকের বিষয়ে ভবিষ্যদ্‌বাণী করেছেন: “দেখো, প্রভু তাঁর হাজার হাজার পবিত্রজনেদের সঙ্গে নিয়ে আসছেন 15 যেন তিনি জগতের প্রত্যেকের বিচার করেন। তিনি প্রত্যেক ভক্তিহীন মানুষকে ভক্তিবিরুদ্ধ কাজ করার জন্য এবং তাঁর বিরুদ্ধে যেসব ভক্তিহীন পাপী কটুকথা বলেছে, তাদের দোষী সাব্যস্ত করবেন।”

  27. 5 মিথ্যাসাক্ষী অদণ্ডিত থাকবে না,

    ও যে মিথ্যা কথার স্রোত বইয়ে দেয় সে নিষ্কৃতি পাবে না।

  28. 2 তুমি মিথ্যা কথা বলতে দক্ষ,

    তোমার জিভ ধ্বংসের পরিকল্পনা করে;

    এবং তা ধারালো ক্ষুরের মতো।

    3 তুমি ভালোর চেয়ে মন্দ,

    আর সত্য বলার চেয়ে মিথ্যা বলতে বেশি ভালোবাসো।

    4 তুমি মিথ্যাবাদী!

    তোমার বাক্য দিয়ে তুমি অপরকে বিনাশ করতে ভালোবাসো।

    5 নিশ্চয় ঈশ্বর তোমাকে চিরকালীন ধ্বংসে অবনত করবেন:

    তিনি তোমাকে ছিনিয়ে নিয়ে তোমার তাঁবু থেকে উপড়ে ফেলবেন;

    আর তোমাকে জীবিতদের দেশ থেকে নির্মূল করবেন।

  29. 4 দুষ্টলোক প্রতারণাপূর্ণ ঠোঁটের কথাই শোনে;

    মিথ্যাবাদী মানুষ ধ্বংসাত্মক জিভের কথায় মনোযোগ দেয়।

  30. 6 মিথ্যাবাদী জিভ দ্বারা যে প্রচুর ধন অর্জিত হয়

    তা অস্থায়ী বাষ্প ও সাংঘাতিক ফাঁদবিশেষ।

  31. 1 হে ইস্রায়েলীরা, তোমরা সদাপ্রভুর বাণী শোনো,

    কারণ তোমরা যারা দেশে বাস করো,

    সেই তোমাদের বিরুদ্ধে সদাপ্রভু একটি অভিযোগ আনতে চান:

    “দেশে কোনো বিশ্বস্ততা, কোনো ভালোবাসা নেই

    এবং ঈশ্বরকে কেউ স্বীকৃতি দেয় না।

    2 এদেশে আছে কেবলই অভিশাপ, মিথ্যাচার ও নরহত্যা,

    চুরি ও ব্যভিচার;

    এরা সমস্ত সীমা লঙ্ঘন করে,

    এবং রক্তপাতের উপরে রক্তপাত করে।

  32. 19 সদাপ্রভু মানব নন যে তাঁকে মিথ্যা বলতে হবে,

    মনুষ্য সন্তান নন যে তাঁর মতের পরিবর্তন করবেন।

    তিনি কথা দিয়ে কি কাজে রূপায়িত করেন না?

    প্রতিজ্ঞা করে তিনি কি পূর্ণ করেন না?

  33. 4 তারা নিশ্চয় আমাকে

    আমার উঁচু স্থান থেকে বিচ্যুত করতে চায়;

    তারা মিথ্যা কথায় আমোদ করে।

    তারা মুখ দিয়ে আশীর্বাদ করে,

    কিন্তু অন্তরে অভিশাপ দেয়।

  34. 163 অসত্যকে আমি ঘৃণা ও অবজ্ঞা করি,

    কিন্তু আমি তোমার আইনব্যবস্থাকে ভালোবাসি।

  35. 18 যে কেউ মিথ্যাবাদী ঠোঁট দিয়ে ঘৃণা লুকিয়ে রাখে

    ও অপবাদ ছড়ায় সে মূর্খ।

  36. 5 বিশ্বস্ত সাক্ষী প্রতারণা করে না,

    কিন্তু মিথ্যাসাক্ষী মিথ্যা কথা উগরে দেয়।

  37. 18 যাকোব তাঁর বাবার কাছে গিয়ে বললেন, “বাবা।”

    “হ্যাঁ বাছা,” তিনি উত্তর দিলেন, “তুমি কে?”

    19 যাকোব তাঁর বাবাকে বললেন, “আমি আপনার বড়ো ছেলে এষৌ। আপনি আমায় যা বলেছিলেন, আমি তাই করেছি। দয়া করে উঠে বসুন এবং আমার শিকার করা পশুর মাংসের খানিকটা অংশ খান, যেন আপনি আমাকে আপনার আশীর্বাদ দিতে পারেন।”

  38. 29 প্রতারণার পথ থেকে আমাকে দূরে রাখো;

    আমার প্রতি দয়া করো এবং আমাকে তোমার নিয়মকানুন শেখাও।

  39. 8 আমরা জানি, যথার্থভাবে ব্যবহার করলেই বিধান মঙ্গলজনক হয়ে ওঠে। 9 আমরা আরও জানি যে, ধার্মিকদের জন্য বিধানের সৃষ্টি হয়নি, বরং যারা বিধানভঙ্গকারী, ভক্তিহীন ও উচ্ছৃঙ্খল এবং পাপী, অপবিত্র, ধর্মবিরোধী, যারা তাদের বাবা-মাকে বা অন্যদের হত্যা করে, 10 ব্যভিচারী, সমকামী ব্যক্তি ও ক্রীতদাস-ব্যবসায়ী এবং মিথ্যাবাদী ও মিথ্যাশপথকারী, তাদের জন্য এবং যা কিছু সঠিক শিক্ষার বিরোধী, তারই জন্য বিধানের সৃষ্টি। 11 পরমধন্য ঈশ্বরের গৌরবময় সুসমাচারের সঙ্গে সংগতিপূর্ণ সেই বিষয়টি প্রচার করার দায়িত্ব তিনি আমার উপরে দিয়েছেন।

  40. 9 তখন সদাপ্রভু কয়িনকে বললেন, “তোমার ভাই হেবল কোথায়?”

    “আমি জানি না,” সে উত্তর দিল, “আমি কি আমার ভাইয়ের তত্ত্বাবধায়ক?”

  41. 8 ছলনা ও মিথ্যা কথা আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখো;

    আমাকে দারিদ্র বা ধনসম্পত্তি কিছুই দিয়ো না,

    কিন্তু আমার দৈনিক আহারটুকুই শুধু আমাকে দাও।

    9 পাছে, অনেক কিছু পেয়ে আমি তোমাকে অস্বীকার করে বসি

    ও বলে ফেলি, ‘সদাপ্রভু কে?’

    বা দরিদ্র হয়ে গিয়ে চুরি করে বসি,

    ও এভাবে আমার ঈশ্বরের নামের অসম্মান করে ফেলি।

  42. 13 ঈশ্বর যখন অব্রাহামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, শপথ করার মতো আর মহত্তর কেউ না থাকায়, তিনি নিজের নামেই শপথ করেছিলেন 14 এবং বলেছিলেন, “আমি নিশ্চয়ই তোমাকে আশীর্বাদ করব এবং তোমাকে বহু বংশধর দান করব।” 15 তাই অব্রাহাম ধৈর্যের সঙ্গে প্রতীক্ষার পরে প্রতিশ্রুত বিষয় লাভ করেছিলেন।

    16 আর মানুষ নিজের চেয়েও মহত্তর কারও নামে শপথ করে। আবার যা বলা হয়েছে শপথ তার নিশ্চয়তা দেয় ও সব যুক্তিতর্কের অবসান ঘটায়। 17 কারণ ঈশ্বর তাঁর অপরিবর্তনীয় ইচ্ছাকে প্রতিশ্রুতির উত্তরাধিকারীদের কাছে স্পষ্ট করে প্রকাশ করতে চেয়েছিলেন বলে, তিনি শপথের দ্বারা তা সুনিশ্চিত করলেন। 18 ঈশ্বর আমাদের প্রতিশ্রুতি ও শপথ দুই-ই দিয়েছেন। এই দুটি বিষয় অপরিবর্তনীয় কারণ ঈশ্বরের পক্ষে মিথ্যা কথা বলা অসম্ভব। তাই, আমাদের সামনের প্রত্যাশা আঁকড়ে ধরে আমরা শরণ নেওয়ার জন্য তাঁর দিকে ছুটে গিয়েছি যেন আমরা দৃঢ় আশ্বাস প্রাপ্ত হই। 19 আমাদের সেই প্রত্যাশা আছে যা প্রাণের নোঙরের মতো, সুদৃঢ় ও নিশ্চিত। তা পর্দার অন্তরালে থাকা মহাপবিত্র স্থানে প্রবেশ করে, 20 যেখানে আমাদের অগ্রগামী যীশু আমাদের পক্ষে প্রবেশ করেছেন। মল্কীষেদকের পরম্পরা অনুসারে তিনি চিরকালের জন্য মহাযাজক হয়েছেন।

  43. 12 তাই একথা ভেবে সারা মনে মনে হেসেছিলেন, “আমি জরাগ্রস্ত ও আমার স্বামী বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও কি এখন আমি এই সুখ পাব?”

    13 তখন সদাপ্রভু অব্রাহামকে বললেন, “সারা কেন হেসে বলল, ‘সত্যিই কি আমি এক সন্তান লাভ করব, আমি যে এখন বৃদ্ধা হয়ে গিয়েছি?’ 14 সদাপ্রভুর কাছে কোনো কিছু কি খুব কঠিন? আগামী বছর নিরূপিত সময়ে আমি তোমার কাছে ফিরে আসব, এবং সারার কাছে তখন এক পুত্রসন্তান থাকবে।”

    15 সারা ভয় পেয়েছিলেন, তাই তিনি মিথ্যামিথ্যি বললেন, “আমি হাসিনি।”

    কিন্তু তিনি বললেন, “হ্যাঁ, তুমি অবশ্যই হেসেছিলে।”

  44. 31 তখন তাঁরা যোষেফের আলখাল্লাটি নিয়ে, একটি ছাগল জবাই করলেন এবং সেই আলখাল্লাটি রক্তে চুবিয়ে নিলেন। 32 তাঁরা সেই রংচঙে আলখাল্লাটি তাঁদের বাবার কাছে ফিরিয়ে নিয়ে গিয়ে বললেন, “আমরা এটি খুঁজে পেয়েছি। পরীক্ষা করে দেখুন এটি আপনার ছেলেরই আলখাল্লা কি না।”

    33 তিনি সেটি চিনতে পেরে বললেন, “এটি আমার ছেলেরই আলখাল্লা! কোনো হিংস্র জন্তু তাকে গিলে ফেলেছে। যোষেফকে নিশ্চয় টুকরো টুকরো করে ফেলা হয়েছে।”

    34 তখন যাকোব তাঁর পোশাক ছিঁড়ে ফেলে দিলেন, গুনচট গায়ে দিলেন ও তাঁর ছেলের জন্য অনেক দিন ধরে শোক পালন করলেন। 35 তাঁর সব ছেলেমেয়ে তাঁকে সান্তনা দিতে এলেন, কিন্তু তিনি সান্তনা পেতে চাননি। “না,” তিনি বললেন, “যতদিন না পর্যন্ত আমি কবরে গিয়ে আমার ছেলের সঙ্গে মিলিত হচ্ছি, আমি শোক পালন করেই যাব।” অতএব তাঁর বাবা তাঁর জন্য কান্নাকাটি করলেন।

  45. 15 মিশরের রাজা শিফ্রা ও পূয়া নামাঙ্কিত হিব্রু ধাত্রীদের বললেন, 16 “প্রসব-শয্যায় তোমরা যখন সন্তান প্রসবের সময় হিব্রু মহিলাদের সাহায্য করছ, তখন যদি তোমরা দেখো যে শিশুটি এক পুত্রসন্তান, তবে তাকে মেরে ফেলো; কিন্তু সে যদি এক কন্যাসন্তান হয়, তবে তাকে বাঁচিয়ে রেখো।” 17 সেই ধাত্রীরা অবশ্য ঈশ্বরকে ভয় করত ও মিশরের রাজা তাদের যা করতে বললেন, তারা তা করল না; তারা শিশুপুত্রদের বাঁচিয়ে রাখল। 18 তখন মিশরের রাজা সেই ধাত্রীদের ডেকে পাঠিয়ে তাদের জিজ্ঞাসা করলেন, “তোমরা এরকম কেন করলে? তোমরা শিশুপুত্রদের বাঁচিয়ে রাখলে কেন?”

    19 তারা ফরৌণকে উত্তর দিল, “হিব্রু মহিলারা মিশরীয় মহিলাদের মতো নয়; তারা সবলা ও ধাত্রীরা পৌঁছানোর আগেই তারা সন্তান প্রসব করে ফেলে।”

    20 অতএব ঈশ্বর সেই ধাত্রীদের প্রতি দয়ালু হলেন এবং ইস্রায়েলীরা বৃদ্ধি পেয়ে আরও বহুসংখ্যক হয়ে উঠল। 21 আর যেহেতু সেই ধাত্রীরা ঈশ্বরকে ভয় করত, তাই তিনি তাদের নিজস্ব পরিবার দিলেন।

  46. 2 সেই করবে যে আচরণে নির্দোষ,

    যে নিয়মিত সঠিক কাজ করে,

    যে অন্তর থেকে সত্য কথা বলে;

    3 যার জিভ কোনও অপবাদ করে না,

    প্রতিবেশীর প্রতি কোনও অন্যায় করে না,

    এবং অপরের কোনও নিন্দা করে না;

    4 যে দুষ্ট ব্যক্তিকে অবজ্ঞা করে

    কিন্তু তাদের শ্রদ্ধা করে যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে,

    লোকসান হলেও সে প্রতিশ্রুতি রক্ষা করে,

    এবং তার মন পরিবর্তন করে না;

    5 যে বিনা সুদে দরিদ্রদের অর্থ ধার দেয়;

    যে নির্দোষের বিরুদ্ধে ঘুস নেয় না।

    যে এসব করে

    সে কখনোই বিচলিত হবে না।

  47. 9 হৃদয় সব বিষয়ের চেয়ে বেশি প্রবঞ্চক,

    তার রোগের নিরাময় হয় না।

    কে বা তা বুঝতে পারে?

    10 “আমি সদাপ্রভু, হৃদয়ের অনুসন্ধান করি

    এবং মন যাচাই করি,

    যেন মানুষকে তার আচরণ ও কাজকর্মের জন্য

    উপযুক্ত পুরস্কার দিতে পারি।”

  48. 14 আবার জেরুশালেমের ভাববাদীদের মধ্যে,

    আমি এই ভয়ংকর ব্যাপার দেখেছি,

    তারা ব্যভিচার করে ও মিথ্যাচারের জীবন কাটায়।

    তারা অন্যায়কারীদের হাত শক্ত করে,

    যেন কেউই তার দুষ্টতার পথ থেকে না ফেরে।

    তারা সবাই আমার কাছে সদোমের লোকদের মতো;

    জেরুশালেমের লোকেরা ঘমোরার মতো।”

  49. 16 এসব কাজ তোমাদের করতে হবে: একে অন্যের কাছে সত্যিকথা বলবে এবং তোমাদের আদালতে সত্য ও ন্যায়বিচার করবে; 17 তোমাদের প্রতিবেশীর বিরুদ্ধে অনিষ্ট পরিকল্পনা করবে না, এবং মিথ্যা শপথ ভালোবেসো না। আমি এগুলি ঘৃণা করি,” সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।

  50. 6 তাঁর সঙ্গে আমাদের সহভাগিতা আছে, এমন দাবি করেও যদি অন্ধকারে চলি, তবে আমরা মিথ্যা কথা বলি এবং সত্যে জীবনযাপন করি না।

  51. 2 হে মানুষেরা, কত কাল আমার সম্মান অপমানে পরিণত করবে?

    আর কত কাল তোমরা অলীকতা ভালোবাসবে ও ভুয়ো দেবতার সন্ধান করবে

  52. 4 ধন্য সেই ব্যক্তি

    যে সদাপ্রভুর উপর আস্থা রাখে,

    যে দাম্ভিকের উপর নির্ভর করে না,

    বা ভুয়ো দেবতার আরাধনাকারীদের উপর নির্ভর করে না।

  53. 25 সত্যবাদী সাক্ষী প্রাণরক্ষা করে,

    কিন্তু মিথ্যাসাক্ষী বিশ্বাসঘাতক হয়।

  54. 12 শাসক যদি মিথ্যা কথা শোনেন,

    তবে তাঁর কর্মকর্তারা দুষ্ট হয়ে পড়ে।

  55. 11 “ধন্য তোমরা, যখন লোকে আমার জন্য তোমাদের অপমান করে, নির্যাতন করে ও মিথ্যা অভিযোগে তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে।

  56. 11 মিশরে প্রবেশ করার ঠিক আগে তিনি তাঁর স্ত্রী সারীকে বললেন, “আমি জানি তুমি খুব সুন্দরী। 12 মিশরীয়রা যখন তোমায় দেখে বলবে, ‘এ তো এই লোকটির স্ত্রী।’ তখন তারা আমায় হত্যা করবে কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখবে। 13 তুমি বোলো, তুমি আমার বোন, যেন তোমার খাতিরে আমি ভালো ব্যবহার পাই ও তোমার জন্য আমার প্রাণরক্ষা হয়।”

  57. 6 অতএব ইস্‌হাক গরারেই থেকে গেলেন।

    7 সেখানকার লোকজন যখন তাঁকে তাঁর স্ত্রীর বিষয়ে জিজ্ঞাসা করল, তখন তিনি বললেন, “সে আমার বোন,” কারণ “সে আমার স্ত্রী” একথা বলতে তাঁর ভয় হল। তিনি ভাবলেন, “এখানকার লোকজন রিবিকার জন্য আমাকে হয়তো মেরে ফেলবে, কারণ সে সুন্দরী।”

    8 বেশ কিছুকাল ইস্‌হাক সেখানে থেকে যাওয়ার পর, ফিলিস্তিনীদের রাজা অবীমেলক জানালা থেকে নিচে তাকালেন এবং দেখতে পেলেন যে ইস্‌হাক তাঁর স্ত্রী রিবিকাকে আদর-সোহাগ করছেন। 9 অতএব অবীমেলক ইস্‌হাককে ডেকে পাঠিয়ে বললেন, “উনি সত্যিই আপনার স্ত্রী! আপনি কেন তবে বললেন, ‘সে আমার বোন’?”

    ইস্‌হাক তাঁকে উত্তর দিলেন, “কারণ আমি ভেবেছিলাম, তার জন্য আমাকে হয়তো প্রাণ হারাতে হবে।”

  58. 2 হে সদাপ্রভু, মিথ্যাবাদী মুখ,

    ও ধাপ্পাবাজ জিভের কবল থেকে

    আমাকে রক্ষা করো।

  59. 18 যে প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়

    সে গদা বা তরোয়াল বা ধারালো তিরের মতো।

  60. 6 তাদের দর্শন অলীক ও তাদের ভবিষ্যৎ-কথন মিথ্যা। তারা বলে, “সদাপ্রভু বলেন,” অথচ সদাপ্রভু তাদের পাঠাননি; তবুও তারা আশা করে যে তাদের কথা সফল হবে। 7 তোমরা কি অলীক দর্শন দেখোনি এবং মিথ্যা ভবিষ্যদ্‌বাণী উচ্চারণ করোনি যখন তোমরা বলো, “সদাপ্রভু বলেন,” যদিও আমি বলিনি?

    8 “ ‘সুতরাং সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তোমাদের অলীক কথা ও মিথ্যা দর্শনের জন্য, আমি তোমাদের বিরুদ্ধে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন। 9 আমার হাত সেই ভাববাদীদের বিরুদ্ধে যারা অলীক দর্শন দেখে এবং মিথ্যা ভবিষ্যদ্‌বাণী উচ্চারণ করে। তারা আমার প্রজাদের সভায় থাকবে না এবং ইস্রায়েল কুলের বংশতালিকায় তাদের নাম থাকবে না আর তারা ইস্রায়েল দেশে ঢুকবে না। তখন তারা জানবে যে, আমিই সার্বভৌম সদাপ্রভু।

  61. 69 সেই সময় পিতর বাইরের উঠানে বসেছিলেন। একজন দাসী তাঁর কাছে এসে বলল, “তুমিও সেই গালীলীয় যীশুর সঙ্গে ছিলে।”

    70 কিন্তু তিনি তাদের সবার সামনে সেকথা অস্বীকার করলেন। তিনি বললেন, “আমি জানি না, তুমি কী বলছ।”

    71 তখন তিনি ফটকের কাছে গেলেন। সেখানে অন্য একজন দাসী তাঁকে দেখে, সেখানকার লোকজনকে বলল, “এই লোকটিও নাসরতীয় যীশুর সঙ্গে ছিল।”

    72 তিনি শপথ করে আবার তা অস্বীকার করলেন, বললেন, “আমি ওই মানুষটিকে চিনি না!”

    73 আরও কিছুক্ষণ পরে, যারা সেখানে দাঁড়িয়েছিল, তারা পিতরের কাছে গিয়ে বলল, “নিশ্চিতরূপে তুমি তাদেরই একজন, কারণ তোমার উচ্চারণভঙ্গিই তা প্রকাশ করছে।”

    74 তখন তিনি নিজের উপরে অভিশাপ ডেকে এনে তাদের কাছে শপথ করে বললেন, “আমি ওই মানুষটিকে চিনিই না!”

    সেই মুহূর্তে একটি মোরগ ডেকে উঠল।

  62. 20 যে দুষ্কর্ম করে, সে জ্যোতিকে ঘৃণা করে ও জ্যোতির সান্নিধ্যে আসতে ভয় পায়, পাছে তার দুষ্কর্মগুলি প্রকাশ হয়ে পড়ে। 21 কিন্তু যে সত্যে জীবনযাপন করে সে জ্যোতির সান্নিধ্যে আসে, যেন তার সমস্ত কাজই ঈশ্বরে সাধিত বলে প্রকাশ পায়।”

  63. 29 তোমরা কোনো অশালীন কথা বোলো না, প্রয়োজন অনুসারে যা অপরকে গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক, যা শ্রোতার পক্ষে কল্যাণকর, তোমাদের মুখ থেকে শুধু এমন কথাই বের হোক। 30 ঈশ্বরের পবিত্র আত্মাকে দুঃখার্ত কোরো না, তাঁরই দ্বারা তোমরা মুক্তিদিনের জন্য মোহরাঙ্কিত হয়েছ। 31 সব রকমের তিক্ততা, রোষ ও ক্রোধ, কলহ ও নিন্দা, সেই সঙ্গে সব ধরনের হিংসা ত্যাগ করো। 32 পরস্পরের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল হও। ঈশ্বর যেমন খ্রীষ্টে তোমাদের ক্ষমা করেছেন, তেমনই তোমরাও পরস্পরকে ক্ষমা করো।

  64. 1 দেখো, ঈশ্বর কেমন তাঁর প্রেম পর্যাপ্ত পরিমাণে আমাদের ঢেলে দিয়েছেন, যেন আমরা ঈশ্বরের সন্তান বলে অভিহিত হই। আর আমরা প্রকৃতপক্ষে তাই। জগৎ এজন্য আমাদের জানে না, কারণ সে তাঁকে জানে না। 2 প্রিয় বন্ধুরা, বর্তমানে আমরা ঈশ্বরের সন্তান এবং আমরা কী হব, তা এখনও প্রকাশিত হয়নি। কিন্তু আমরা জানি, যখন তিনি প্রকাশিত হবেন আমরা তাঁরই মতো হব, কারণ তিনি যেমন আছেন, আমরা তেমনই তাঁকে দেখতে পাব। 3 তাঁর প্রতি যার এই প্রত্যাশা আছে, তিনি যেমন শুদ্ধ, সে নিজেকেও তেমনই শুদ্ধ করে।

    4 যে কেউ পাপ করে, সে বিধান লঙ্ঘন করে; প্রকৃতপক্ষে, বিধান লঙ্ঘন করাই হল পাপ। 5 কিন্তু তোমরা জানো যে, আমাদের পাপ হরণের জন্য তিনি প্রকাশিত হয়েছিলেন এবং তাঁর মধ্যে পাপের লেশমাত্র নেই। 6 যে তাঁর মধ্যে বাস করে, সে পাপে লিপ্ত থাকে না। যে অবিরত পাপ করতেই থাকে, সে তাঁকে দেখেনি বা তাঁকে জানেও না।

    7 প্রিয় সন্তানেরা, কাউকে তোমাদের বিপথে চালিত করতে দিয়ো না। যে ন্যায়সংগত আচরণ করে, সে ধার্মিক, যেমন তিনি ধার্মিক। 8 যে পাপ করে, সে দিয়াবলের, কারণ দিয়াবল প্রথম থেকেই পাপ করে আসছে। ঈশ্বরের পুত্র এই কারণেই প্রকাশিত হয়েছেন, যেন দিয়াবলের সব কাজ ধ্বংস করেন। 9 ঈশ্বর থেকে জাত কোনো ব্যক্তি পাপে লিপ্ত থাকতে পারে না, কারণ ঈশ্বরের স্বভাব তার মধ্যে থাকে; সে ক্রমাগত পাপ করতে পারে না, কারণ সে ঈশ্বর থেকে জাত। 10 এভাবেই আমরা জানতে পারি, কারা ঈশ্বরের সন্তান, আর কারা দিয়াবলের সন্তান। যে ন্যায়সংগত আচরণ করে না, সে ঈশ্বরের সন্তান নয়; যে তার ভাইবোনকে ভালোবাসে না, সেও নয়।

  65. 20 তুমি তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ো না।

  66. 12 তাদের মুখের পাপের জন্য,

    তাদের ঠোঁটের বাক্যের জন্য,

    তারা তাদের গর্বে ধরা পড়ুক।

    তাদের অভিশাপ ও মিথ্যা উচ্চারণে,

  67. 18 কিন্তু যেসব বিষয় মুখ থেকে বার হয়ে আসে, তা হৃদয় থেকে আসে এবং সেগুলিই কোনো মানুষকে অশুচি করে তোলে। 19 কারণ মানুষের হৃদয় থেকে উৎপন্ন হয় কুচিন্তা, নরহত্যা, ব্যভিচার, বিবাহ-বহির্ভূত যৌনাচার, চুরি, মিথ্যা সাক্ষ্য, পরনিন্দা। 20 এগুলিই কোনো মানুষকে অশুচি করে, কিন্তু হাত না ধুয়ে খাবার খেলে সে ‘অশুচি’ হয় না।”

  68. 59 প্রধান যাজকেরা ও সমস্ত মহাসভা যীশুকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য-প্রমাণ খুঁজছিল। 60 বহু মিথ্যাসাক্ষী এগিয়ে এলেও তারা সেরকম কিছুই পেল না।

    শেষে দুজন এগিয়ে 61 এসে বলল, “এই লোকটি বলেছিল, ‘আমি ঈশ্বরের মন্দির ভেঙে ফেলতে ও তিনদিনের মধ্যে তা পুনর্নির্মাণ করতে পারি।’ ”

  69. 10 “অল্প বিষয়ে যার উপরে নির্ভর করা যায়, বহু বিষয়েও তার উপর নির্ভর করা যায়। আবার অতি অল্প বিষয়ে যে অসৎ, বহু বিষয়েও সে অসৎ।

  70. 13 কারণ এসব মানুষ হল ভণ্ড প্রেরিত, প্রতারক সব কর্মী, তারা খ্রীষ্টের প্রেরিতশিষ্যদের ছদ্মবেশ ধারণ করে। 14 বিস্ময়ের কিছু নেই, কারণ শয়তান স্বয়ং দীপ্তিময় স্বর্গদূতের ছদ্মবেশ ধারণ করে। 15 তাহলে এতেও অবাক হওয়ার কিছু নেই যে, তার পরিচারকেরা ধার্মিকতার পরিচারকদের ছদ্মবেশ ধারণ করবে। তাদের কাজের নিরিখেই তাদের যোগ্য পরিণতি হবে।

  71. 1 তাহলে, তোমরা যেহেতু খ্রীষ্টের সঙ্গে উত্থাপিত হয়েছ, তাই ঈশ্বরের ডানদিকে, যেখানে খ্রীষ্ট উপবিষ্ট আছেন, সেই স্বর্গীয় বিষয়সমূহে মনোনিবেশ করো। 2 তোমরা পার্থিব বিষয়সমূহে নয়, স্বর্গীয় বিষয়ে মনোযোগী হও। 3 কারণ তোমাদের মৃত্যু হয়েছে এবং এখন তোমাদের জীবন খ্রীষ্টের সঙ্গে ঈশ্বরে নিহিত আছে। 4 তোমাদের জীবনস্বরূপ খ্রীষ্ট যখন প্রকাশিত হবেন, তখন তোমরাও তাঁর সঙ্গে মহিমায় প্রকাশিত হবে।

  72. 7 সৎকর্মের দ্বারা প্রত্যেক বিষয়ে তাদের সামনে আদর্শ স্থাপন করো। শিক্ষাদানকালে তুমি সততা এবং আন্তরিকতা দেখাও, 8 আর তোমার কথা এমন সারগর্ভ হোক যেন কেউ তা অগ্রাহ্য করতে না পারে, যারা তোমার বিরোধিতা করে তারা যেন লজ্জিত হয়, কারণ আমাদের বিষয়ে তাদের খারাপ কিছুই বলার নেই।

  73. 1 প্রিয় বন্ধুরা, সব আত্মাকে বিশ্বাস কোরো না, বরং তারা ঈশ্বর থেকে এসেছে কি না তা জানার জন্য তাদের পরীক্ষা করো, কারণ বহু ভণ্ড ভাববাদী পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। 2 তোমরা এভাবেই ঈশ্বরের আত্মাকে চিনতে পারবে: যে আত্মা স্বীকার করে যে যীশু খ্রীষ্ট মানবদেহে আগমন করেছেন, সে ঈশ্বর থেকে, 3 কিন্তু যে আত্মা যীশু খ্রীষ্টকে শরীরে আগত বলে স্বীকার করে না, সে ঈশ্বর থেকে নয়। এ হল সেই খ্রীষ্টারির আত্মা, যার আগমন সম্পর্কে তোমরা শুনেছ, এমনকি ইতিমধ্যেই সে জগতে উপস্থিত হয়েছে।

  74. 13 আর সে মহা অলৌকিক চিহ্নকাজ করতে লাগল, এমনকি, লোকদের চোখের সামনে মহাকাশ থেকে পৃথিবীতে আগুন নামিয়ে আনল। 14 এভাবে প্রথম পশুর সামনে যেসব চিহ্নকাজ করার ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল তা দিয়ে সে পৃথিবীবাসীদের প্রতারণা করল। সেই পশুর সম্মানে সে তাদের একটি প্রতিমা স্থাপন করার আদেশ দিল; যে পশুকে তরোয়ালের দ্বারা আঘাত করলেও সে জীবিত ছিল। 15 তাকে ক্ষমতা দেওয়া হল যেন সে প্রথম পশুটির প্রতিমায় প্রাণবায়ু দিতে পারে ও সেই প্রতিমা কথা বলতে পারে। তখন সেই পশুর প্রতিমা আদেশ দিল যে, যারাই তাকে পূজা করতে অস্বীকার করে তাদের হত্যা করা হয়।