49 Bible Verses About Trusting God
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
5 তুমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর উপর আস্থা রাখো
ও নিজের বিচক্ষণতার উপর নির্ভর কোরো না;
6 তোমার সমস্ত পথে তাঁর বশ্যতাস্বীকার করো,
ও তিনি তোমার পথগুলি সোজা করে দেবেন।
7 নিজের দৃষ্টিতে জ্ঞানবান হোয়ো না;
সদাপ্রভুকে ভয় করো ও কুকর্ম এড়িয়ে চলো।
8 এটি তোমার দেহে স্বাস্থ্য ফিরাবে
ও তোমার অস্থির পুষ্টিসাধন করবে।
-
1 এখন বিশ্বাস হল, যা আমরা আশা করি, সে বিষয়ের নিশ্চয়তা এবং যা আমরা দেখতে পাই না, তার অস্তিত্ব সম্পর্কে সুনিশ্চিত হওয়া। 2 এই কারণেই প্রাচীনকালের লোকেরা প্রশংসিত হয়েছিলেন।
3 বিশ্বাসে আমরা বুঝতে পারি যে, সমগ্র বিশ্ব ঈশ্বরের আদেশে রচিত হয়েছিল; যার ফলে, যা কিছু এখন আমরা দেখি, তা কোনো দৃশ্য বস্তু থেকে নির্মিত হয়নি।
-
18 কিন্তু সদাপ্রভুর দৃষ্টি তাদের প্রতি আবদ্ধ যারা তাঁকে সম্ভ্রম করে
আর যারা তাঁর অবিচল প্রেমে আস্থা রাখে,
19 তিনি মৃত্যু থেকে তাদের উদ্ধার করেন,
এবং দুর্ভিক্ষের সময় তাদের প্রাণরক্ষা করেন।
20 আমরা সদাপ্রভুর প্রতীক্ষায় আছি;
তিনি আমাদের সহায় ও আমাদের ঢাল।
21 আমাদের হৃদয় সদাপ্রভুতে আনন্দ করে,
কারণ আমরা তাঁর পবিত্র নামে আস্থা রাখি।
22 হে সদাপ্রভু, তোমার অবিচল প্রেম আমাদের উপর বিরাজ করুক,
কারণ তোমার উপরেই আমরা আশা করি।
-
4 কিন্তু তাদের প্রতিমাগুলি রুপো ও সোনা দিয়ে তৈরি,
মানুষের হাতে গড়া।
5 তাদের মুখ আছে, কিন্তু তারা কথা বলতে পারে না,
চোখ আছে, কিন্তু তারা দেখতে পায় না।
6 তাদের কান আছে, কিন্তু তারা শুনতে পায় না,
নাক আছে, কিন্তু তারা গন্ধ পায় না।
7 হাত আছে, কিন্তু তারা অনুভব করতে পারে না,
পা আছে, কিন্তু তারা চলতে পারে না,
এমনকি তারা মুখ দিয়ে একটি শব্দও উচ্চারণ করতে পারে না।
8 যারা প্রতিমা তৈরি করে তারা তাদের মতোই হবে,
আর যারা সেগুলির উপর আস্থা রাখে তারাও তেমনই হবে।
9 হে ইস্রায়েল, সদাপ্রভুর উপর আস্থা রাখো—
তিনি তাদের সহায় ও ঢাল।
10 হে হারোণের কুল, সদাপ্রভুর উপর আস্থা রাখো—
তিনি তাদের সহায় ও ঢাল।
11 তোমরা যারা তাঁকে সম্ভ্রম করো, সদাপ্রভুর উপর আস্থা রাখো—
তিনি তাদের সহায় ও ঢাল।
12 সদাপ্রভু আমাদের মনে রাখেন আর আমাদের আশীর্বাদ করবেন:
তিনি তাঁর ইস্রায়েল কুলকে আশীর্বাদ করবেন,
তিনি হারোণের কুলকে আশীর্বাদ করবেন,
13 তিনি তাদের আশীর্বাদ করবেন যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে—
ক্ষুদ্র বা মহান সবাইকে করবেন।
14 সদাপ্রভু তোমাদের সমৃদ্ধি করুন,
তোমাদের ও তোমাদের ছেলেমেয়েদের প্রতি।
-
23 আমি তোমাদের সত্যিই বলছি, কেউ যদি এই পর্বতটিকে বলে, ‘যাও, উপড়ে গিয়ে সমুদ্রে পড়ো,’ কিন্তু তার মনে কোনো সন্দেহ পোষণ না করে বিশ্বাস করে যে, সে যা বলেছে, তাই ঘটবে, তার জন্য সেরকমই করা হবে। 24 সেই কারণে আমি তোমাদের বলছি, তোমরা প্রার্থনায় যা কিছু চাও, বিশ্বাস করো যে তোমরা তা পেয়ে গিয়েছ, তবে তোমাদের জন্য সেরকমই হবে।
-
16 তখন থেকেই আমার প্রার্থনায় তোমাদের স্মরণ করে তোমাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে বিরত হইনি। 17 আমি অবিরত মিনতি করি, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর, গৌরবময় পিতা, তোমাদের প্রজ্ঞা ও প্রত্যাদেশের আত্মা দান করুন, যেন তোমরা তাঁর পরিচয় অনেক বেশি জানতে পারো। 18 আমি আরও প্রার্থনা করি যে, তোমাদের অন্তর্দৃষ্টি আলোকিত হয়ে উঠুক, যেন তাঁর আহ্বানের প্রত্যাশা, পবিত্রগণের মধ্যে তাঁর গৌরবময় উত্তরাধিকারের ঐশ্বর্য 19 এবং আমাদের মতো বিশ্বাসীদের জন্য তাঁর অতুলনীয় মহান শক্তি তোমরা জানতে পারো। সেই শক্তি তাঁর প্রবল পরাক্রমের সঙ্গে কৃতকর্মের মতো সক্রিয়। 20 তিনি সেই শক্তি খ্রীষ্টে প্রয়োগ করেছেন, যখন তিনি তাঁকে মৃতলোক থেকে উত্থাপন করেছেন এবং স্বর্গীয় স্থানে তাঁর ডানদিকে তাঁকে বসিয়েছেন, 21 শুধু বর্তমান কালে নয়, কিন্তু আগামী দিনেও যে সমস্ত শাসন ও কর্তৃত্ব, ক্ষমতা ও আধিপত্য এবং পদাধিকার দেওয়া যেতে পারে, তারও ঊর্ধ্বে তিনি তাঁকে স্থাপন করেছেন।
-
5 ধার্মিকতার বলি উৎসর্গ করো
এবং সদাপ্রভুতে বিশ্বাস করো।
-
দাউদের গীত।
1 হে সদাপ্রভু, আমার ঈশ্বর,
আমি তোমাতেই আস্থা রাখি।
2 আমি তোমাতে আস্থা রাখি;
আমাকে লজ্জিত হতে দিয়ো না।
আমার উপর আমার শত্রুদের জয়লাভ করতে দিয়ো না।
-
6 সদাপ্রভু আমার সঙ্গে আছেন; আমি ভীত হব না।
সামান্য মানুষ আমার কী করতে পারে?
7 সদাপ্রভু আমার সঙ্গে আছেন; তিনি আমার সহায়।
আমি বিজয়ীর দৃষ্টিতে আমার শত্রুদের দিকে দেখব।
8 মানুষের উপর আস্থা রাখার চেয়ে
সদাপ্রভুর কাছে শরণ নেওয়া শ্রেয়।
9 অধিপতিদের উপর আস্থা রাখার চেয়ে
সদাপ্রভুর কাছে শরণ নেওয়া শ্রেয়।
-
5 সদাপ্রভু এই কথা বলেন:
“অভিশপ্ত সেই জন, যে মানুষের উপরে নির্ভর করে,
যে তার শক্তির জন্য নিজের শরীরের উপরে আস্থা রাখে
এবং যার হৃদয় সদাপ্রভুর কাছ থেকে বিমুখ হয়।
6 সে হবে পতিত জমিতে কোনো ঝাউ গাছের মতো;
সমৃদ্ধির সময় এলে সে তা দেখতে পাবে না।
মরুভূমির শুকনো স্থানগুলিতে, এক লবণাক্ত ভূমিতে,
সে বসবাস করবে, যেখানে কেউ থাকে না।
7 “কিন্তু ধন্য সেই মানুষ, যে সদাপ্রভুর উপরে নির্ভর করে,
যার আস্থা থাকে তাঁরই উপর।
8 সে জলের তীরে রোপিত বৃক্ষের মতো হবে,
যার শিকড় ছড়িয়ে যায় জলের দিকে।
গ্রীষ্মের আগমনে সে ভয় পায় না,
তার পাতাগুলি সবসময়ই সবুজ থাকে।
খরার বছরে তার দুশ্চিন্তা হয় না
ফল উৎপন্ন করতে সে কখনও ব্যর্থ হয় না।”
-
1 অতএব, বিশ্বাসের মাধ্যমে যেহেতু আমরা নির্দোষ গণ্য হয়েছি, তাই আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি স্থাপিত হয়েছে। 2 তাঁরই মাধ্যমে বিশ্বাসে আমরা এই অনুগ্রহে প্রবেশের অধিকার অর্জন করেছি ও তার মধ্যেই এখন আমরা অবস্থান করছি। আর আমরা ঈশ্বরের মহিমার প্রত্যাশায় উল্লসিত হচ্ছি।
-
13 ভাইবোনেরা, আমরা চাই না যে, যারা নিদ্রাগত হয়েছে, তাদের সম্পর্কে তোমরা অজ্ঞ থাকো বা যাদের প্রত্যাশা নেই, তাদের মতো দুঃখে ভারাক্রান্ত হও। 14 কারণ আমরা বিশ্বাস করি, যীশু মৃত্যুবরণ করেছিলেন এবং পুনরুত্থিত হয়েছেন। তাই আমাদের বিশ্বাস যে, যীশুতে যারা নিদ্রাগত হয়েছে, ঈশ্বর তাঁর সঙ্গে তাদেরও নিয়ে আসবেন। 15 প্রভুর নিজের কথা অনুসারে আমরা তোমাদের বলছি যে, আমরা যারা বেঁচে আছি, প্রভুর আগমন পর্যন্ত যারা অবশিষ্ট থাকব, তারা নিদ্রাগতদের আগে কিছুতেই যেতে পারব না। 16 কারণ প্রভু স্বয়ং উচ্চধ্বনির সঙ্গে, প্রধান স্বর্গদূতের উচ্চ রব এবং ঐশ্বরিক তূরীধ্বনির আহ্বানের সঙ্গে স্বর্গ থেকে অবতরণ করবেন এবং খ্রীষ্টে যারা মৃত্যুবরণ করেছে, প্রথমে তারা উত্থাপিত হবে। 17 এরপর, আমরা যারা জীবিত আছি, যারা অবশিষ্ট থাকব, আমরা প্রভুর সঙ্গে অন্তরীক্ষে মিলিত হওয়ার জন্য তাদের সঙ্গে মেঘযোগে উন্নীত হব। আর এইভাবে আমরা চিরকাল প্রভুর সঙ্গে থাকব। 18 সেইজন্য, এসব কথা বলে তোমরা পরস্পরকে আশ্বাস দাও।
-
17 এই বর্তমান জগতে যারা ধনবান, তাদের আদেশ দাও, তারা যেন উদ্ধত না হয়, তাদের অনিশ্চিত সম্পদের উপরে তারা যেন আশাভরসা না করে, কিন্তু ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখে, যিনি আমাদের উপভোগের জন্য সবকিছুই সম্পূর্ণরূপে জুগিয়ে দেন।
-
30 ঈশ্বরের সমস্ত পথ সিদ্ধ:
সদাপ্রভুর বাক্য নিখুঁত;
যারা তাঁতে শরণ নেয় তিনি তাদের ঢাল।
-
15 আমার চোখ সর্বদা সদাপ্রভুর দিকে স্থির,
কারণ তিনিই কেবল শত্রুদের ফাঁদ থেকে আমায় উদ্ধার করবেন।
16 আমার প্রতি ফিরে চাও ও আমায় কৃপা করো,
কারণ আমি একাকী ও পীড়িত।
17 আমার হৃদয়ের কষ্ট মোচন করো
ও মনের যন্ত্রণা থেকে মুক্ত করো।
18 আমার দুর্দশা ও বেদনার প্রতি দৃষ্টিপাত করো
এবং আমার সমস্ত পাপ দূর করো।
19 দেখো আমার শত্রুরা কত অসংখ্য
এবং কী উগ্রভাবে তারা আমায় ঘৃণা করে।
20 আমার জীবন সুরক্ষিত করো ও উদ্ধার করো;
আমাকে লজ্জায় পড়তে দিয়ো না,
কারণ আমি তোমাতে আশ্রয় নিয়েছি।
-
3 তিনি আমার মুখে এক নতুন গান দিলেন,
আমাদের ঈশ্বরের জন্য এক প্রশংসার গীত দিলেন।
অনেকে এসব দেখবে আর সদাপ্রভুকে সম্ভ্রম করবে
আর তাঁর উপর আস্থা স্থাপন করবে।
4 ধন্য সেই ব্যক্তি
যে সদাপ্রভুর উপর আস্থা রাখে,
যে দাম্ভিকের উপর নির্ভর করে না,
বা ভুয়ো দেবতার আরাধনাকারীদের উপর নির্ভর করে না।
-
48 অইহুদিরা একথা শুনে আনন্দিত হল। তারা প্রভুর বাক্যের সমাদর করল। যারাই অনন্ত জীবনের জন্য নিরূপিত হয়েছিল, তারা সকলে বিশ্বাস করল।
-
6 কিন্তু বিশ্বাস দ্বারা যে ধার্মিকতা, তা বলে, “তুমি তোমার মনে মনে বোলো না, ‘কে স্বর্গে আরোহণ করবে?’ ” (অর্থাৎ, খ্রীষ্টকে নামিয়ে আনার জন্য), 7 “অথবা, ‘কে অতলে নেমে যাবে?’ ” (অর্থাৎ, খ্রীষ্টকে মৃতলোক থেকে তুলে আনার জন্য)। 8 কিন্তু এ কী কথা বলে? “সেই বাক্য তোমাদের খুব কাছেই আছে; তা তোমাদের মুখে ও তোমাদের হৃদয়ে রয়েছে,” এর অর্থ, বিশ্বাসেরই এই বার্তা আমরা ঘোষণা করছি: 9 যদি তুমি “যীশুই প্রভু,” বলে মুখে স্বীকার করো ও হৃদয়ে বিশ্বাস করো যে, ঈশ্বর তাঁকে মৃতলোক থেকে উত্থাপিত করেছেন, তাহলে তুমি পরিত্রাণ পাবে। 10 কারণ হৃদয়েই তুমি বিশ্বাস করো ও ধার্মিক বলে গণ্য হও এবং তোমার মুখে তা স্বীকার করো ও পরিত্রাণ পাও।
-
8 কারণ বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহের দ্বারাই তোমরা পরিত্রাণ লাভ করেছ। তা তোমাদের থেকে হয়নি, কিন্তু ঈশ্বরেরই দান। 9 তা কোনো কাজের ফল নয় যে তা নিয়ে কেউ গর্ববোধ করবে।
-
15 সেইজন্য, ভাইবোনেরা, অবিচল থাকো; আমরা মুখের কথায়, অথবা পত্রের মাধ্যমে যেসব শিক্ষা তোমাদের দিয়েছি, তা আঁকড়ে ধরে থাকো।
16 প্রভু যীশু খ্রীষ্ট স্বয়ং এবং আমাদের পিতা ঈশ্বর, যিনি আমাদের ভালোবেসেছেন এবং যাঁর অনুগ্রহে আমরা চিরন্তন সান্ত্বনা ও উত্তম প্রত্যাশা লাভ করেছি, 17 তিনি তোমাদের অন্তরকে আশ্বাস প্রদান করুন এবং প্রত্যেকটি শুভকর্মে ও উত্তম বাক্যে সবল করুন।
-
17 কারণ ঈশ্বর তাঁর অপরিবর্তনীয় ইচ্ছাকে প্রতিশ্রুতির উত্তরাধিকারীদের কাছে স্পষ্ট করে প্রকাশ করতে চেয়েছিলেন বলে, তিনি শপথের দ্বারা তা সুনিশ্চিত করলেন। 18 ঈশ্বর আমাদের প্রতিশ্রুতি ও শপথ দুই-ই দিয়েছেন। এই দুটি বিষয় অপরিবর্তনীয় কারণ ঈশ্বরের পক্ষে মিথ্যা কথা বলা অসম্ভব। তাই, আমাদের সামনের প্রত্যাশা আঁকড়ে ধরে আমরা শরণ নেওয়ার জন্য তাঁর দিকে ছুটে গিয়েছি যেন আমরা দৃঢ় আশ্বাস প্রাপ্ত হই। 19 আমাদের সেই প্রত্যাশা আছে যা প্রাণের নোঙরের মতো, সুদৃঢ় ও নিশ্চিত। তা পর্দার অন্তরালে থাকা মহাপবিত্র স্থানে প্রবেশ করে, 20 যেখানে আমাদের অগ্রগামী যীশু আমাদের পক্ষে প্রবেশ করেছেন। মল্কীষেদকের পরম্পরা অনুসারে তিনি চিরকালের জন্য মহাযাজক হয়েছেন।
-
23 এসো, আমরা অবিচলভাবে আমাদের প্রত্যাশার স্বীকারোক্তি আঁকড়ে ধরে থাকি, কারণ যিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি বিশ্বস্ত।
-
2 তিনি বললেন:
“সদাপ্রভু আমার শৈল, আমার উচ্চদুর্গ ও আমার উদ্ধারকর্তা;
3 আমার ঈশ্বরই আমার শৈল, যাঁতে আমি আশ্রয় নিই,
আমার ঢাল ও আমার ত্রাণশৃঙ্গ।
তিনিই আমার দুর্গ, আমার আশ্রয়স্থল ও আমার পরিত্রাতা।
মারমুখী লোকদের হাত থেকে তুমিই আমাকে রক্ষা করে থাকো।
4 “আমি সদাপ্রভুকে ডাকলাম, যিনি প্রশংসার যোগ্য,
এবং শত্রুদের হাত থেকে উদ্ধার পেয়েছি।
5 মৃত্যুর বাঁধন আমাকে আবদ্ধ করেছিল;
ধ্বংসের স্রোত আমাকে বিধ্বস্ত করেছিল।
-
9 সদাপ্রভু পীড়িতদের আশ্রয়,
সংকটকালে তিনি নিরাপদ আশ্রয় দুর্গ।
10 যারা তোমার নাম জানে তারা তোমাতেই আস্থা রাখে,
কারণ, হে সদাপ্রভু, যারা তোমার অন্বেষণ করে, তাদের তুমি কখনও পরিত্যাগ করোনি।
-
5 কিন্তু আমি তোমার অবিচল প্রেমে বিশ্বাস করি,
আমার প্রাণ তোমার পরিত্রাণে উল্লাস করে।
6 আমি সদাপ্রভুর প্রশংসা করব,
কারণ তিনি আমার মঙ্গল করেছেন।
-
5 তোমার জয়ে আমরা আনন্দগান করব
আর আমাদের ঈশ্বরের নামে আমরা বিজয় পতাকা উড়াব।
সদাপ্রভু তোমার সমস্ত নিবেদন মঞ্জুর করুন।
6 এখন আমি জানি:
যে, সদাপ্রভু তাঁর অভিষিক্ত ব্যক্তিকে বিজয় প্রদান করেন।
তিনি নিজের ডান হাতের বিজয়ী শক্তিতে
স্বর্গীয় পবিত্রস্থান থেকে তাকে উত্তর দেন।
7 কেউ রথে এবং কেউ ঘোড়ায় আস্থা রাখে,
কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে আস্থা রাখি।
-
3 সদাপ্রভুতে আস্থা রাখো আর সদাচরণ করো;
এই দেশে বসবাস করো আর নিরাপদ আশ্রয় উপভোগ করো।
-
সংগীত পরিচালকের জন্য। তারযন্ত্র সহযোগে দাউদের গীত।
1 হে ঈশ্বর, আমার কান্না শোনো;
আমার প্রার্থনায় কর্ণপাত করো।
2 পৃথিবীর সুদূর প্রান্ত থেকে আমি তোমাকে ডাকি,
আমি তোমাকে ডাকি যখন আমার হৃদয় নিস্তেজ হয়;
আমার থেকে সুরক্ষিত উচ্চ শৈলের উপরে আমাকে নিয়ে চলো।
3 কারণ তুমি আমার আশ্রয় হয়েছ,
বিপক্ষের বিরুদ্ধে তুমি আমার সুদৃঢ় দুর্গ।
4 আমি চিরকাল তোমার তাঁবুতে বসবাস করার আকাঙ্ক্ষা করি
এবং তোমার ডানার ছায়াতে আশ্রয় নিই।
-
5 হে আমার প্রাণ, ঈশ্বরে বিশ্রাম খুঁজে নাও;
কারণ তাঁতেই আমি আশা রেখেছি।
6 সত্যিই তিনি আমার শৈল ও আমার পরিত্রাণ;
তিনি আমার আশ্রয় দুর্গ, আমি কখনও বিচলিত হব না।
7 আমার পরিত্রাণ ও আমার সম্মান ঈশ্বরের কাছ থেকে আসে;
তিনি আমার শক্তিশালী শৈল, আমার আশ্রয়।
8 হে আমার ভক্তেরা, তাঁর উপর নিয়ত আস্থা রাখো;
তাঁরই কাছে তোমাদের হৃদয় ঢেলে দাও,
কারণ ঈশ্বর আমাদের আশ্রয়।
-
ו বৌ
41 হে সদাপ্রভু, তোমার প্রতিশ্রুতি অনুযায়ী তোমার অবিচল প্রেম,
আর তোমার পরিত্রাণ আমার উপর আসুক,
42 তখন তাদের আমি সদুত্তর দিতে পারব যারা আমাকে ব্যঙ্গ করে,
কারণ আমি তোমার বাক্যে আস্থা রাখি।
43 তোমার সত্যের বাক্য আমার মুখ থেকে কখনও নিয়ে নিয়ো না,
কারণ তোমার অনুশাসনে আমি আশা রেখেছি।
44 আমি চিরকাল তোমার বিধান পালন করব,
যুগে যুগে চিরকাল করব।
45 জীবনে আমি স্বাধীনভাবে চলব,
কারণ আমি তোমার অনুশাসন অন্বেষণ করেছি।
-
3 তোমরা অধিপতিদের উপর আস্থা রেখো না,
মানুষের উপর রেখো না, যারা রক্ষা করতে পারে না।
4 যখন তাদের প্রাণবায়ু বেরিয়ে যায় তখন তারা ধুলোতে ফিরে আসে,
সেই দিনই তাদের সব পরিকল্পনার অবসান ঘটে।
5 ধন্য সেই ব্যক্তি, যার সহায় যাকোবের ঈশ্বর,
ঈশ্বর সদাপ্রভুতেই তার সব প্রত্যাশা।
6 তিনি আকাশমণ্ডল ও পৃথিবী,
সাগর ও তাদের মধ্যে যা কিছু আছে, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা—
তিনি চিরকাল বিশ্বস্ত থাকেন।
7 তিনি অত্যাচারিতদের পক্ষে ন্যায়বিচার করেন,
আর ক্ষুধার্তদের খাবার জোগান দেন।
সদাপ্রভু বন্দিদের মুক্ত করেন।
-
22 আনন্দিত হৃদয় ভালো ওষুধ,
কিন্তু ভগ্নচূর্ণ আত্মা অস্থি শুকনো করে দেয়।
-
4 তোমরা চিরকাল সদাপ্রভুর উপরে নির্ভর করো,
কারণ সদাপ্রভু, সেই সদাপ্রভুই হলেন শাশ্বত শৈল।
-
10 তোমাদের মধ্যে কে সদাপ্রভুকে ভয় করে
এবং তাঁর দাসের বাণীর প্রতি বাধ্য হয়?
যে অন্ধকারে পথ চলে,
যার কাছে আলো নেই,
সে সদাপ্রভুর নামে বিশ্বাস করুক
এবং তার ঈশ্বরের উপরে আস্থা স্থাপন করুক।
-
36 তাদের কথা অগ্রাহ্য করে যীশু সেই অধ্যক্ষকে বললেন, “ভয় পেয়ো না, শুধু বিশ্বাস করো।”
-
22 যীশু উত্তর দিলেন, “ঈশ্বরে বিশ্বাস রাখো।
-
43 ভাববাদীরা সকলে তাঁর সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন, যে তাঁকে বিশ্বাস করে, সে তাঁর নামের মাধ্যমে নিজের সব পাপের ক্ষমা লাভ করে।”
-
31 তাঁরা উত্তর দিলেন, “প্রভু যীশুতে বিশ্বাস করো, তাহলে তুমি ও তোমার পরিবার পরিত্রাণ পাবে।”
-
8 সমাজভবনের অধ্যক্ষ ক্রীষ্প ও তাঁর সমস্ত পরিজন প্রভুকে বিশ্বাস করলেন। করিন্থীয়দের মধ্যেও বহু ব্যক্তি তাঁর কথা শুনে বিশ্বাস করল ও বাপ্তাইজিত হল।
-
16 আমি সুসমাচারের জন্য লজ্জাবোধ করি না, কারণ যারা বিশ্বাস করে, তাদের সকলের পরিত্রাণ লাভের জন্য এ হল ঈশ্বরের পরাক্রম: প্রথমত, ইহুদিদের জন্য, পরে অইহুদিদের জন্যও। 17 কারণ সুসমাচারে ঈশ্বর থেকে এক ধার্মিকতা প্রকাশিত হয়েছে—প্রথম থেকে শেষ পর্যন্ত বিশ্বাসের দ্বারা এক ধার্মিকতা, যেমন লেখা আছে, “ধার্মিক ব্যক্তি বিশ্বাসের দ্বারাই জীবিত থাকবে।”
-
20 কারণ সৃষ্টি অলীকতার বশীভূত হয়েছিল, তার নিজের ইচ্ছায় নয়, কিন্তু যিনি বশীভূত করেছিলেন, তাঁর ইচ্ছায়; 21 প্রত্যাশা ছিল এই যে, সৃষ্টি স্বয়ং অবক্ষয়ের বাঁধন থেকে মুক্ত হবে এবং ঈশ্বরের সন্তানদের গৌরবোজ্জ্বল স্বাধীনতায় অংশীদার হবে।
22 আমরা জানি যে, সমস্ত সৃষ্টি বর্তমানকাল পর্যন্ত সন্তান প্রসবের যন্ত্রণার মতো আর্তনাদ করছে। 23 শুধু তাই নয়, কিন্তু আমরা নিজেরাও, যারা আত্মার প্রথম ফল পেয়েছি, আমাদের দত্তকপুত্র হয়ে স্বীকৃতি পাওয়ার গভীর প্রতীক্ষায় ও শরীরের মুক্তির জন্য অন্তরে আর্তনাদ করছি। 24 কারণ এই প্রত্যাশাতেই আমরা পরিত্রাণ লাভ করেছি। কিন্তু যে প্রত্যাশা দৃষ্টিগোচর, তা আদৌ কোনো প্রত্যাশা নয়। যার ইতিমধ্যে কিছু আছে, তার জন্য কেন সে প্রত্যাশা করবে?
-
14 তাহলে, যাঁর উপরে তারা বিশ্বাস করেনি তারা কীভাবে তাঁকে ডাকবে? আর যাঁর কথাই তারা শোনেনি, কীভাবে তাঁর উপর বিশ্বাস স্থাপন করবে? আবার কেউ তাদের কাছে প্রচার না করলে তারা কীভাবে শুনতে পাবে? 15 আর তারা প্রচারই বা কীভাবে করবে, যদি তারা প্রেরিত না হয়? যেমন লেখা আছে, “যারা সুসমাচার প্রচার করে, তাদের চরণ কতই না সুন্দর!”
16 কিন্তু ইস্রায়েলীরা সকলেই সেই সুসমাচার গ্রহণ করেনি। কারণ যিশাইয় বলেছেন, “হে প্রভু, আমাদের দেওয়া সংবাদ কে বিশ্বাস করেছে?” 17 সুতরাং, সুসমাচারের প্রচার শুনে বিশ্বাস উৎপন্ন হয় ও প্রচার হয় খ্রীষ্টের বাক্য দ্বারা।
-
9 প্রকৃতপক্ষে, আমরা আমাদের অন্তরে মৃত্যুর শাস্তি অনুভব করেছিলাম। কিন্তু এরকম ঘটল, যেন আমরা নিজের উপরে নির্ভর না করে ঈশ্বরের উপরে করি, যিনি মৃতদের উত্থাপিত করেন। 10 তিনিই আমাদের এরকম মৃত্যুজনক সংকট থেকে উদ্ধার করেছেন এবং তিনি আমাদের উদ্ধার করবেন। তাঁরই উপর আমরা আশা রেখেছি যে, তিনি আমাদের পুনরায় উদ্ধার করবেন,
-
7 কিন্তু, যা ছিল আমার কাছে লাভজনক, খ্রীষ্টের জন্য আজ সেই সবকিছুকে আমি লোকসান বলে মনে করছি। 8 তার চেয়েও বেশি, আমার প্রভু, খ্রীষ্ট যীশুকে জানার বহুগুণে শ্রেষ্ঠতর মহত্ত্বের তুলনায়, বাকি সবকিছুকে আমি লোকসান মনে করি, যাঁর জন্য আমি সবকিছু হারিয়েছি। খ্রীষ্টকে লাভ করার প্রচেষ্টায় আমি সে সমস্তকে আবর্জনাতুল্য মনে করি এবং 9 তাঁরই মধ্যে যেন আমাকে খুঁজে পাওয়া যায়। যে ধার্মিকতা বিধান থেকে পাওয়া যায় তা আজ আর আমার মধ্যে নেই; কিন্তু সেই ধার্মিকতা আছে যা খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমে প্রাপ্য—যে ধার্মিকতা ঈশ্বর থেকে বিশ্বাসের মাধ্যমে আসে। 10 আমি খ্রীষ্টকে এবং তাঁর পুনরুত্থানের পরাক্রমকে জানতে চাই; তাঁর কষ্টভোগের সহভাগীও হতে চাই; এভাবেই তাঁর মৃত্যুতে যেন তাঁরই মতো হই। 11 আর তাই, যেভাবেই হোক, যেন আমি মৃত্যু থেকে পুনরুত্থানের অভিজ্ঞতা লাভ করতে পারি।
-
6 তাই, অন্যদের মতো আমরা যেন নিদ্রামগ্ন না হই। আমরা যেন সচেতন থাকি ও আত্মসংযমী হই। 7 কারণ যারা নিদ্রা যায়, তারা রাত্রেই নিদ্রা যায় এবং মদ্যপানকারীরা রাত্রেই মত্ত হয়। 8 কিন্তু আমরা যেহেতু দিনের সন্তান, তাই এসো, আমরা আত্মসংযমী হয়ে উঠি; বিশ্বাস এবং ভালোবাসাকে বুকপাটা করি, আর পরিত্রাণের প্রত্যাশাকে করি শিরস্ত্রাণ। 9 কারণ ঈশ্বর তাঁর ক্রোধের শিকার হওয়ার জন্য নয়, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে পরিত্রাণ লাভের জন্য আমাদের নিযুক্ত করেছেন। 10 আমরা জীবিত থাকি বা নিদ্রাগত হই, তাঁরই সঙ্গে যেন জীবনধারণ করি, এই উদ্দেশ্যে তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন। 11 অতএব তোমরা এখন যেমন করছ, সেভাবেই পরস্পরকে প্রেরণা দাও এবং একজন আর একজনকে গড়ে উঠতে সাহায্য করো।
-
10 কারণ এজন্যই আমরা পরিশ্রম ও কষ্ট স্বীকার করছি। কারণ সেই জীবন্ত ঈশ্বরেরই উপরে আমরা প্রত্যাশা করেছি, যিনি সব মানুষের বিশেষত বিশ্বাসীদের পরিত্রাতা।
-
7 আমি উত্তম সমরে সংগ্রাম করেছি। আমার দৌড় শেষ হয়েছে। আমি বিশ্বাস রক্ষা করেছি। 8 এখন আমার জন্য সঞ্চিত আছে সেই ধার্মিকতার মুকুট যা ধর্মময় বিচারক, সেই প্রভু, সেদিন আমাকে তা দান করবেন। শুধুমাত্র আমাকে নয়, কিন্তু যতজন তাঁর আবির্ভাবের প্রতীক্ষায় রয়েছে তাদের সবাইকেই তা দেবেন।
-
6 কিন্তু বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। কারণ যে ব্যক্তি তাঁর সান্নিধ্যে আসে, তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে, তিনি আছেন এবং যারা আন্তরিকভাবে তাঁর অন্বেষণ করে, তিনি তাদের পুরস্কার দেন।
-
10 তোমাকে যে কষ্টভোগ করতে হবে, তার জন্য ভয় পেয়ো না। আমি তোমাকে বলি, তোমাদের পরীক্ষা করার জন্য দিয়াবল তোমাদের কাউকে কাউকে কারাগারে নিক্ষেপ করবে। এতে দশদিন পর্যন্ত তোমরা নির্যাতন ভোগ করবে। তুমি মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থেকো, আর আমি তোমাকে জীবনমুকুট দেব।
Shows Read in context, Share and Copy.