90 Bible Verses About God's Strength
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
28 তুমি কি জানো না?
তুমি কি কখনও শোনোনি?
সদাপ্রভুই সনাতন ঈশ্বর,
তিনি পৃথিবীর প্রান্তসীমার সৃষ্টিকর্তা।
তিনি শ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না,
তাঁর বুদ্ধির গভীরতা কেউ পরিমাপ করতে পারে না।
29 তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন,
দুর্বলের শক্তিবৃদ্ধি করেন।
30 এমনকি, যুবকেরাও শ্রান্ত ও ক্লান্ত হয়,
তরুণেরা হোঁচট খেয়ে পতিত হয়;
31 কিন্তু যারা সদাপ্রভুতে প্রত্যাশা রাখে,
তারা তাদের শক্তি নবায়িত করবে।
তারা ঈগল পাখির মতোই ডানা মেলবে,
তারা দৌড়াবে, কিন্তু ক্লান্ত হবে না,
তারা চলাফেরা করবে, কিন্তু মূর্ছিত হবে না।
-
8 আমার কাছ থেকে এটা সরিয়ে নেওয়ার জন্য তিনবার আমি প্রভুর কাছে মিনতি করেছিলাম। 9 কিন্তু তিনি আমাকে বলেছেন, “আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কারণ আমার শক্তি দুর্বলতায় সিদ্ধিলাভ করে।” অতএব, আমার দুর্বলতা সম্পর্কে আমি সানন্দে আরও বেশি গর্ব করব, যেন খ্রীষ্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। 10 এই কারণে, খ্রীষ্টের জন্য আমি বিভিন্ন দুর্বলতায়, অপমানে, অনটনে, ক্লেশভোগ ও কষ্ট-সংকটে আনন্দ করি, কারণ যখন আমি দুর্বল, তখনই আমি শক্তিমান।
11 আমি নিজেকে নির্বোধ প্রতিপন্ন করেছি, কিন্তু তোমরাই তা করতে আমাকে বাধ্য করেছ। তোমাদের দ্বারা আমার প্রশংসা হওয়া উচিত ছিল, কারণ যদিও আমি কিছু নই, সেই “প্রেরিতশিষ্য-শিরোমণিদের” তুলনায় কিন্তু কোনো অংশে নিকৃষ্ট নই।
-
11 আমি অভাবগ্রস্ত বলেই যে একথা তোমাদের বলছি, তা নয়। কারণ যে কোনো পরিস্থিতিতেই আমি সন্তুষ্ট থাকার শিক্ষা লাভ করেছি। 12 অভাব কী, তা আমি জানি এবং প্রাচুর্য কী, তাও আমি জানি। যে কোনো এবং প্রত্যেকটি পরিস্থিতিতে আমি সন্তুষ্ট থাকার গোপন রহস্য শিখেছি—ভালোভাবে উদরপূর্তি করার বা ক্ষুধার্ত থাকার, প্রাচুর্যের মধ্যে থাকার, কিংবা অনটনে থাকার। 13 যিনি আমাকে শক্তি দান করেন, তাঁর মাধ্যমে আমি সবকিছুই করতে পারি।
-
10 পরিশেষে, তোমরা প্রভুতে এবং তাঁর প্রবল পরাক্রমে বলীয়ান হও। 11 ঈশ্বরের সম্পূর্ণ রণসাজ পরে নাও, যেন দিয়াবলের বিভিন্ন চাতুরী প্রতিহত করতে পারো। 12 কারণ আমাদের সংগ্রাম রক্তমাংসের বিরুদ্ধে নয়, কিন্তু আধিপত্য ও কর্তৃত্বের বিরুদ্ধে, অন্ধকারে আচ্ছন্ন এই জগতের শক্তির বিরুদ্ধে এবং স্বর্গীয় স্থানের মন্দ আত্মিক শক্তির বিরুদ্ধে।
-
8 “কিন্তু তুমি, আমার দাস ইস্রায়েল,
তুমি যাকোব, যাকে আমি মনোনীত করেছি,
তুমি আমার বন্ধু অব্রাহামের বংশ,
9 আমি তোমাকে পৃথিবীর প্রান্তসীমা থেকে এনেছি,
তার সুদূরতম প্রান্ত থেকে আমি তোমাকে আহ্বান করেছি।
আমি বলেছি, ‘তুমি আমার দাস’;
আমি তোমাকে মনোনীত করেছি, অগ্রাহ্য করিনি।
10 তাই ভয় কোরো না, কারণ আমি তোমার সঙ্গে আছি;
হতাশ হোয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর।
আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব;
আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব।
11 “যারা তোমার বিরুদ্ধে রেগে ওঠে,
তারা অবশ্যই লজ্জিত ও অপমানিত হবে;
যারা তোমার বিরোধিতা করে,
তারা অসার প্রতিপন্ন হয়ে ধ্বংস হবে।
12 তুমি যদিও তোমার শত্রুদের খুঁজবে,
তুমি তাদের সন্ধান পাবে না।
যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে,
তাদের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না।
-
17 “অহো, সার্বভৌম সদাপ্রভু, তুমি তোমার মহাপরাক্রমে ও প্রসারিত বাহু দিয়ে আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছ। তোমার পক্ষে কোনো কিছুই করা কঠিন নয়। 18 তুমি সহস্র-অযুত জনকে তোমার ভালোবাসা প্রদর্শন করে থাকো, কিন্তু বাবাদের পাপের প্রতিফল, তাদের পরে তাদের সন্তানদের কোলে দিয়ে থাকো। মহান ও পরাক্রমী ঈশ্বর, তোমার নাম বাহিনীগণের সদাপ্রভু, 19 তোমার অভিপ্রায় সকল মহান এবং তোমার কাজগুলি শক্তিশালী। তোমার দৃষ্টি মানুষের সমস্ত জীবনাচরণের প্রতি থাকে; তুমি প্রত্যেকের আচরণ ও তার যেমন কর্ম, সেই অনুযায়ী তাকে প্রতিফল দিয়ে থাকো। 20 তুমি মিশরে যেসব চিহ্নকাজ ও বিস্ময়কর সব কাজ করেছিলে, তা ইস্রায়েল ও সমস্ত মানবসমাজে আজও করে যাচ্ছ। তার দ্বারা তুমি তোমার সুনাম আজও অক্ষুণ্ণ রেখেছ। 21 তুমি তোমার প্রজা ইস্রায়েলকে বিভিন্ন চিহ্ন ও বিস্ময়কর সব কাজ, এক পরাক্রমী বাহু ও প্রসারিত বাহুর দ্বারা মহা আতঙ্কের সঙ্গে মিশর থেকে বের করে এনেছিলে। 22 তুমি তাদের এই দেশ দান করেছিলে, যে দুধ ও মধু প্রবাহিত দেশ দেওয়ার প্রতিশ্রুতি তুমি তাদের পূর্বপুরুষদের দিয়েছিলে।
-
সংগীত পরিচালকের জন্য। কোরহ বংশের সন্তানদের গীত। অলামোৎ অনুসারে।
1 ঈশ্বর আমাদের আশ্রয় ও বল,
সংকটকালে সদা উপস্থিত সহায়।
2 অতএব আমরা ভয় করব না, যদিও পৃথিবী কম্পিত হয়
এবং সমুদ্রের বুকে পর্বতসকল পতিত হয়,
3 যদিও সমুদ্র গর্জন করে ও প্রচণ্ড হয়,
এবং উথাল জলে পর্বতসকল কেঁপে উঠে।
-
প্রধান সংগীত পরিচালকের জন্য। সদাপ্রভুর দাস দাউদের। সদাপ্রভু যেদিন তাঁর দাস দাউদকে সমস্ত শত্রু এবং শৌলের হাত থেকে উদ্ধার করেছিলেন সেদিন দাউদ সদাপ্রভুর উদ্দেশে এই গীত গেয়েছিলেন। দাউদ বলেছিলেন:
1 হে সদাপ্রভু, আমি তোমায় ভালোবাসি, তুমি আমার শক্তি।
2 সদাপ্রভু আমার শৈল, আমার উচ্চদুর্গ, আমার উদ্ধারকর্তা;
আমার ঈশ্বর আমার শৈল, আমি তাঁর শরণাগত,
আমার ঢাল, আমার পরিত্রাণের শিং, আমার আশ্রয় দুর্গ।
3 আমি সদাপ্রভুকে ডাকলাম, যিনি প্রশংসার যোগ্য,
এবং আমি শত্রুদের হাত থেকে উদ্ধার পেয়েছি।
-
1 তখন মোশি ও ইস্রায়েলীরা সদাপ্রভুর উদ্দেশে এই গান গাইলেন:
“আমি সদাপ্রভুর উদ্দেশে গান গাইব,
কারণ তিনি অত্যন্ত মহিমান্বিত।
ঘোড়া ও সওয়ার উভয়কেই
তিনি সমুদ্রে নিক্ষেপ করেছেন।
2 “সদাপ্রভু আমার শক্তি ও আমার সুরক্ষা;
তিনি হলেন আমার পরিত্রাণ।
তিনি আমার ঈশ্বর, এবং আমি তাঁর প্রশংসা করব,
আমার পৈত্রিক ঈশ্বর, এবং আমি তাঁকে মহিমান্বিত করব।
3 সদাপ্রভু এক যোদ্ধা;
তাঁর নাম সদাপ্রভু।
4 ফরৌণের রথ ও তাঁর সৈন্যদলকে
তিনি সমুদ্রে নিক্ষেপ করলেন।
ফরৌণের সেরা কর্মকর্তারা
লোহিত সাগরে ডুবে গেল।
-
7 কারণ ঈশ্বর আমাদের ভীরুতার আত্মা দেননি, কিন্তু দিয়েছেন পরাক্রম, প্রেম ও সুবুদ্ধির আত্মা। 8 সেইজন্য আমাদের প্রভুর বিষয়ে সাক্ষ্য দিতে বা তাঁরই বন্দি আমার বিষয়ে বলতে লজ্জাবোধ কোরো না। বরং, ঈশ্বরের শক্তিতে আমার সঙ্গে সুসমাচারের জন্য কষ্টভোগ স্বীকার করো।
-
34 ঈশ্বরের শক্তির প্রচার করো,
যাঁর মহিমা ইস্রায়েলের উপরে উজ্জ্বল হয়,
যাঁর শক্তি আকাশমণ্ডলে মহৎ।
35 হে ঈশ্বর, তোমার পবিত্রস্থানে তুমি ভয়াবহ;
ইস্রায়েলের ঈশ্বর তাঁর ভক্তদের শক্তি আর সামর্থ্য প্রদান করেন।
ঈশ্বরের প্রশংসা হোক!
-
26 আমার মাংস আর আমার অন্তর ব্যর্থ হতে পারে,
কিন্তু ঈশ্বর আমার হৃদয়ের শক্তি
আর আমার চিরকালের উত্তরাধিকার।
-
11 হে সদাপ্রভু, মহত্ত্ব ও ক্ষমতা তোমারই
আর প্রতাপ ও রাজসিকতা ও ঐশ্বর্যও তোমারই,
কারণ স্বর্গে ও মর্ত্যে সবকিছু তোমারই।
হে সদাপ্রভু, রাজ্য তোমারই;
সবকিছুর উপরে তুমিই মস্তকরূপে উন্নত।
12 ধনসম্পত্তি ও সম্মান তোমারই কাছ থেকে আসে;
তুমিই সবকিছুর শাসনকর্তা।
সবাইকে উন্নত করার ও শক্তি জোগানোর জন্য
শক্তি ও বল তোমারই হাতে আছে।
-
15 এই কারণে, প্রভু যীশুর প্রতি তোমাদের বিশ্বাসের ও পবিত্রগণের প্রতি তোমাদের ভালোবাসার কথা যখন শুনেছি, 16 তখন থেকেই আমার প্রার্থনায় তোমাদের স্মরণ করে তোমাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে বিরত হইনি। 17 আমি অবিরত মিনতি করি, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর, গৌরবময় পিতা, তোমাদের প্রজ্ঞা ও প্রত্যাদেশের আত্মা দান করুন, যেন তোমরা তাঁর পরিচয় অনেক বেশি জানতে পারো। 18 আমি আরও প্রার্থনা করি যে, তোমাদের অন্তর্দৃষ্টি আলোকিত হয়ে উঠুক, যেন তাঁর আহ্বানের প্রত্যাশা, পবিত্রগণের মধ্যে তাঁর গৌরবময় উত্তরাধিকারের ঐশ্বর্য 19 এবং আমাদের মতো বিশ্বাসীদের জন্য তাঁর অতুলনীয় মহান শক্তি তোমরা জানতে পারো। সেই শক্তি তাঁর প্রবল পরাক্রমের সঙ্গে কৃতকর্মের মতো সক্রিয়। 20 তিনি সেই শক্তি খ্রীষ্টে প্রয়োগ করেছেন, যখন তিনি তাঁকে মৃতলোক থেকে উত্থাপন করেছেন এবং স্বর্গীয় স্থানে তাঁর ডানদিকে তাঁকে বসিয়েছেন, 21 শুধু বর্তমান কালে নয়, কিন্তু আগামী দিনেও যে সমস্ত শাসন ও কর্তৃত্ব, ক্ষমতা ও আধিপত্য এবং পদাধিকার দেওয়া যেতে পারে, তারও ঊর্ধ্বে তিনি তাঁকে স্থাপন করেছেন। 22 আর ঈশ্বর সমস্তই খ্রীষ্টের পদানত করেছেন, তাঁকেই মণ্ডলীর সবকিছুর উপরে মস্তকরূপে প্রতিষ্ঠা করলেন, 23 সেই মণ্ডলীই তাঁর দেহ, তাঁরই পূর্ণতাস্বরূপ, যিনি সব বিষয় সমস্ত উপায়ে পূর্ণ করেন।
-
15 তিনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমগ্র সৃষ্টির প্রথমজাত। 16 কারণ তাঁর দ্বারা সমস্ত কিছু সৃষ্ট হয়েছে, স্বর্গ কি মর্ত্য, দৃশ্য কি অদৃশ্য, সিংহাসন কি আধিপত্য, আধিপত্য কি কর্তৃত্ব, সমস্ত বস্তু তাঁরই দ্বারা ও তাঁরই জন্য সৃষ্ট হয়েছে। 17 সব বিষয়ের পূর্ব থেকেই তিনি বিরাজমান। তাঁরই মধ্যে সমস্ত বস্তু সন্নিবদ্ধ। 18 তিনি দেহের, অর্থাৎ মণ্ডলীর মস্তক; তিনিই সূচনা, তিনিই মৃতগণের মধ্য থেকে উত্থিত প্রথমজাত, যেন সমস্ত কিছুর উপরে তাঁর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়। 19 কারণ ঈশ্বর এতেই প্রীত হলেন যে, তাঁর সমস্ত পূর্ণতা খ্রীষ্টের মধ্যে অধিষ্ঠান করে এবং 20 ক্রুশে পাতিত তাঁর রক্তের মাধ্যমে শান্তি স্থাপন করে, তাঁর দ্বারা স্বর্গ কি মর্ত্যের সবকিছুকে তাঁর সঙ্গে সম্মিলিত করেন।
-
10 নহিমিয় বললেন, “তোমরা গিয়ে ভালো ভালো খাবার খাও ও মিষ্টি রস পান করে আনন্দ করো, এবং যারা কিছু প্রস্তুত করতে পারেনি তাদের পাঠিয়ে দাও। এই দিনটি প্রভুর উদ্দেশে পবিত্র। তোমরা দুঃখ করো না, কারণ সদাপ্রভুতে যে আনন্দ, তাই তোমাদের শক্তি।”
-
দাউদের গীত।
1 সদাপ্রভু আমার জ্যোতি ও আমার পরিত্রাণ,
তাই আমি কেন ভীত হব?
সদাপ্রভু আমার জীবনের আশ্রয় দুর্গ,
তাই আমি কেন কম্পিত হব?
2 আমায় গ্রাস করতে
যখন দুষ্টরা আমার দিকে এগিয়ে আসে,
আমার শত্রুরা ও আমার বিপক্ষরা
হোঁচট খাবে ও পতিত হবে।
3 যদিও এক সৈন্যদল আমাকে ঘিরে ধরে,
আমার হৃদয় ভয় করবে না;
আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষিত হলেও,
আমি আত্মবিশ্বাসী রইব।
-
6 তোমরা বলবান হও ও সাহস করো। তাদের তোমরা ভয় পেয়ো না কিংবা আতঙ্কগ্রস্ত হোয়ো না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সঙ্গে যাবেন; তিনি কখনও তোমাদের ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না।”
-
7 সদাপ্রভু আমার শক্তি ও আমার ঢাল;
আমার হৃদয় তাঁর উপর আস্থা রাখে এবং তিনি আমাকে সাহায্য করেন।
আমার হৃদয় আনন্দে উল্লসিত
এবং গানের মাধ্যমে আমি তাঁর প্রশংসা করব।
8 সদাপ্রভু তাঁর লোকদের শক্তি,
তাঁর অভিষিক্ত-জনের মুক্তিদুর্গ।
-
1 তোমাদের কাছে এ হবে আমার তৃতীয় পরিদর্শন। “দুই বা তিনজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে কোনো বিষয় সত্যি বলে প্রমাণিত হবে।” 2 দ্বিতীয়বার তোমাদের সঙ্গে থাকার সময় ইতিমধ্যে আমি তোমাদের সতর্ক করে দিয়েছি। এখন আমি অনুপস্থিত থাকাকালীন তার পুনরাবৃত্তি করছি। আমি যখন ফিরে আসব তখন, ইতিপূর্বে যারা পাপ করেছে, অথবা অন্য কাউকেই আমি অব্যাহতি দেব না, 3 কারণ খ্রীষ্ট যে আমার মাধ্যমে কথা বলেন, তোমরা তার প্রমাণ দাবি করছ। তোমাদের সঙ্গে আচরণে তিনি দুর্বল নন, বরং তোমাদের মধ্যে তিনি পরাক্রমী। 4 কারণ নিশ্চিতরূপে বলতে গেলে, তিনি দুর্বলতায় ক্রুশার্পিত হয়েছিলেন, তবুও ঈশ্বরের পরাক্রমের দ্বারা তিনি জীবিত আছেন। একইভাবে, আমরা তাঁতে দুর্বল, তবুও তোমাদের প্রতি আচরণে, আমরা তাঁর সঙ্গে ঐশ্বরিক পরাক্রমে জীবিত থাকব।
-
14 এই কারণের জন্য আমি পিতার কাছে নতজানু হই, 15 যাঁর কাছ থেকে স্বর্গে ও পৃথিবীতে তাঁর সমগ্র পরিবার এই নাম প্রাপ্ত হয়েছে। 16 আমি প্রার্থনা করি, যেন তাঁর গৌরবময় ঐশ্বর্য থেকে তিনি তাঁর আত্মার মাধ্যমে তোমাদেরকে আন্তরিক সত্তায় ও শক্তিতে সবল করে তোলেন, 17 যেন বিশ্বাসের মাধ্যমে খ্রীষ্ট তোমাদের অন্তরে অধিষ্ঠান করেন। আমি প্রার্থনা করি, তোমরা প্রেমে দৃঢ়মূল ও প্রতিষ্ঠিত হয়ে,
-
11 কেউ যদি কথা বলে, সে এমনভাবে বলুক, যেন ঈশ্বরের বাণীই বলছে। কেউ যদি সেবা করে, সে ঈশ্বরের দেওয়া শক্তির গুণেই তা করুক, যেন সব বিষয়ে যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বর প্রশংসিত হন। মহিমা ও পরাক্রম যুগে যুগে চিরকাল তাঁরই হোক। আমেন।
-
19 সার্বভৌম সদাপ্রভুই আমার শক্তি;
তিনি আমার পা হরিণীর পায়ের মতো করেন,
তিনি আমাকে উচ্চ স্থানে চলতে ক্ষমতা দেন।
প্রধান বাদকের জন্য; আমার তারযুক্ত যন্ত্রে।
-
11 সদাপ্রভুর ও তাঁর শক্তির দিকে চেয়ে দেখো;
সর্বদা তাঁর শ্রীমুখের খোঁজ করো।
-
14 সদাপ্রভু আমার বল ও আমার সুরক্ষা;
তিনি আমার পরিত্রাণ হয়েছেন।
-
2 নিশ্চয়ই ঈশ্বর আমার পরিত্রাণ;
আমি আস্থা রাখব ও ভয় পাব না।
সদাপ্রভু, সদাপ্রভুই আমার শক্তি ও আমার গান;
তিনি আমার পরিত্রাণ হয়েছেন।”
3 তোমরা পরিত্রাণের কুয়োগুলি থেকে
আনন্দের সঙ্গে জল তুলে আনবে।
4 সেদিন তোমরা বলবে:
“সদাপ্রভুকে ধন্যবাদ দাও, তাঁর নামে ডাকো;
তাঁর কৃত সমস্ত কর্ম জাতিসমূহকে জানাও,
তাঁর নাম উচ্চ বলে ঘোষণা করো।
5 সদাপ্রভুর উদ্দেশে গীত গাও, কারণ তিনি মহিমাময় অনেক কাজ করেছেন;
সমস্ত জগৎকে একথা জানাও।
-
20 জ্ঞানবান মানুষ কোথায়? বিধানের শিক্ষকই বা কোথায়? এই যুগের দার্শনিক কোথায়? ঈশ্বর কি জগতের জ্ঞানকে মূর্খতায় পরিণত করেননি? 21 কারণ, যেহেতু ঈশ্বরের জ্ঞান অনুসারে জগৎ তার জ্ঞানে তাঁকে জানতে পারেনি, তাই যা প্রচারিত হয়েছিল সেই মূর্খতার মাধ্যমে যারা বিশ্বাস করে ঈশ্বর তাদের পরিত্রাণ দিতে প্রীত হলেন। 22 ইহুদিরা অলৌকিক বিভিন্ন চিহ্ন দাবি করে এবং গ্রিকেরা জ্ঞানের খোঁজ করে, 23 কিন্তু আমরা ক্রুশবিদ্ধ খ্রীষ্টকে প্রচার করি; তিনি ইহুদিদের কাছে প্রতিবন্ধকতাস্বরূপ ও অইহুদিদের কাছে মূর্খতাস্বরূপ। 24 কিন্তু ইহুদি ও গ্রিক নির্বিশেষে, ঈশ্বর যাদের আহ্বান করেছেন, তাদের কাছে খ্রীষ্টই হলেন ঈশ্বরের পরাক্রম ও ঈশ্বরের জ্ঞান। 25 কারণ ঈশ্বরের মূর্খতা মানুষের জ্ঞান থেকেও বেশি জ্ঞানসম্পন্ন এবং ঈশ্বরের দুর্বলতা মানুষের শক্তি থেকেও বেশি শক্তিশালী।
-
11 সদাপ্রভু তাঁর লোকদের শক্তি দেন;
সদাপ্রভু তাঁর লোকদের শান্তি দিয়ে আশীর্বাদ করেন।
-
3 কিন্তু প্রভু বিশ্বস্ত। তিনি তোমাদের শক্তি দেবেন এবং সেই পাপাত্মা থেকে রক্ষা করবেন।
-
24 “হে সার্বভৌম সদাপ্রভু, তুমি যে কত মহান ও শক্তিশালী তা তোমার দাসকে দেখাতে আরম্ভ করেছ। স্বর্গে বা পৃথিবীতে এমন ঈশ্বর কে আছে যে, তুমি যেসব কাজ করেছ তা করতে পারে এবং তুমি যে শক্তি দেখিয়েছ তা দেখাতে পারে?
-
16 কিন্তু আমি তোমার পরাক্রমের গান গাইব,
সকালে আমি তোমার দয়ার গান গাইব;
কারণ তুমি আমার উচ্চদুর্গ,
সংকটকালে আমার সহায়।
17 তুমি আমার বল, আমি তোমার প্রশংসাগান করব;
তুমি, হে ঈশ্বর, আমার উচ্চদুর্গ,
আমার ঈশ্বর, আমি যার উপর নির্ভর করতে পারি।
-
10 সদাপ্রভুর নাম এক সুরক্ষিত মিনার;
ধার্মিকেরা সেখানে দৌড়ে যায় ও নিরাপদ বোধ করে।
-
8 কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে এলে তোমরা শক্তি লাভ করবে, আর তোমরা জেরুশালেমে ও সমস্ত যিহূদিয়ায় ও শমরিয়ায় এবং পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত আমার সাক্ষী হবে।”
-
34 তখন পিতর কথা বলা শুরু করলেন: “এখন আমি বুঝতে পারছি যে, একথা কেমন সত্যি যে ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না, 35 কিন্তু যারাই তাঁকে ভয় করে ও ন্যায়সংগত আচরণ করে, সেইসব জাতির মানুষকে তিনি গ্রহণ করেন। 36 ইস্রায়েল জাতির কাছে এই হল সুসমাচারের বার্তা যে যীশু খ্রীষ্ট, যিনি সকলের প্রভু, তাঁর মাধ্যমে, ঈশ্বরের সঙ্গে শান্তি স্থাপিত হয়েছে। 37 যোহন বাপ্তিষ্মের বিষয়ে প্রচার করার পর গালীল থেকে শুরু করে সমস্ত যিহূদিয়ায় যা যা ঘটেছে, তা আপনাদের অজানা নেই— 38 ঈশ্বর কীভাবে নাসরতের যীশুকে পবিত্র আত্মায় ও পরাক্রমে অভিষিক্ত করেছিলেন এবং কীভাবেই বা তিনি বিভিন্ন স্থানে সকলের কল্যাণ করে বেড়াতেন ও দিয়াবলের ক্ষমতাধীন ব্যক্তিদের সুস্থ করতেন, কারণ ঈশ্বর তাঁর সহবর্তী ছিলেন।
39 “ইহুদিদের দেশে ও জেরুশালেমে তিনি যা যা করেছিলেন, আমরা সেই সমস্ত বিষয়ের সাক্ষী। তারা তাঁকে ক্রুশে টাঙিয়ে হত্যা করেছিল। 40 কিন্তু ঈশ্বর তৃতীয় দিনে তাঁকে মৃতলোক থেকে উত্থাপিত করেছিলেন এবং তাঁকে প্রত্যক্ষ হতে দিয়েছিলেন। 41 সব মানুষ তাঁকে দেখতে পায়নি, কিন্তু ঈশ্বর যাদের আগে থেকেই সাক্ষীরূপে মনোনীত করে রেখেছিলেন, সেই আমরাই মৃতলোক থেকে তাঁর উত্থাপিত হওয়ার পর তাঁকে দেখেছি ও তাঁর সঙ্গে খাওয়াদাওয়া করেছি। 42 তিনি সব জাতির কাছে প্রচার করতে ও সাক্ষ্য দিতে আমাদের এই আদেশ দিয়েছেন যে, তিনিই সেই ব্যক্তি, যাঁকে ঈশ্বর জীবিত ও মৃতদের বিচারক হওয়ার জন্য নিযুক্ত করেছেন। 43 ভাববাদীরা সকলে তাঁর সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন, যে তাঁকে বিশ্বাস করে, সে তাঁর নামের মাধ্যমে নিজের সব পাপের ক্ষমা লাভ করে।”
-
20 তবুও তিনি অবিশ্বাস করে ঈশ্বরের প্রতিশ্রুতি সম্পর্কে দ্বিধাগ্রস্ত হলেন না, কিন্তু তাঁর বিশ্বাসে বলীয়ান হয়ে ঈশ্বরকে গৌরবান্বিত করলেন। 21 তিনি পূর্ণরূপে বিশ্বাস করেছিলেন যে, ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছেন তা সফল করার ক্ষমতা তাঁর আছে।
-
7 কিন্তু এই সম্পদ আমরা মাটির পাত্রে ধারণ করছি, যেন এরকম প্রত্যক্ষ হয় যে সর্বগুণে উৎকৃষ্টতর এই পরাক্রম আমাদের থেকে নয়, কিন্তু ঈশ্বরের কাছ থেকে আসে। 8 আমরা চতুর্দিক থেকেই প্রবলরূপে নিষ্পেষিত হচ্ছি, কিন্তু চূর্ণ হচ্ছি না; হতবুদ্ধি হচ্ছি, কিন্তু নিরাশ হচ্ছি না; 9 নির্যাতিত হচ্ছি, কিন্তু পরিত্যক্ত হচ্ছি না; আঘাতে ধরাশায়ী হচ্ছি, কিন্তু বিধ্বস্ত হচ্ছি না। 10 আমরা সবসময়ই, আমাদের শরীরে যীশুর মৃত্যুকে বহন করে চলেছি, যেন আমাদের শরীরে যীশুর জীবনও প্রকাশ পায়। 11 কারণ আমরা যারা জীবিত আছি, তাদের সবসময়ই যীশুর কারণে মৃত্যুর কাছে সমর্পণ করা হচ্ছে, যেন আমাদের এই মানবিক দেহে তাঁর জীবনও প্রকাশিত হতে পারে। 12 তাহলে এখন, মৃত্যু আমাদের শরীরে সক্রিয় ঠিকই, কিন্তু তোমাদের মধ্যে জীবন সক্রিয় আছে।
-
5 এসব কিছুই প্রমাণ করছে যে, ঈশ্বরের বিচার ন্যায়সংগত এবং এর ফলে, যে ঐশ-রাজ্যের জন্য তোমরা দুঃখভোগ করছ, তার যোগ্য বলে গণ্য হয়ে উঠবে। 6 ঈশ্বর ন্যায়পরায়ণ; যারা তোমাদের নির্যাতন করে, তিনি প্রতিদানে তাদের কষ্ট দেবেন 7 এবং তোমরা যারা নিপীড়িত, তিনি সেই তোমাদের এবং আমাদের স্বস্তি দেবেন। প্রভু যীশু যখন তাঁর পরাক্রান্ত দূতবাহিনী নিয়ে জ্বলন্ত আগুনের শিখার মাঝে স্বর্গ থেকে প্রকাশিত হবেন, এ সমস্ত তখনই ঘটবে। 8 যারা ঈশ্বরকে জানে না এবং আমাদের প্রভু যীশুর সুসমাচার পালন করে না, তাদের তিনি শাস্তি দেবেন। 9 তাদের দণ্ড হবে চিরকালীন বিনাশ এবং প্রভুর সান্নিধ্য ও তাঁর পরাক্রমের গৌরব থেকে তারা বিচ্ছিন্ন হবে। 10 এই ঘটনা সেদিন ঘটবে, যেদিন তাঁর পুণ্যজনদের মাঝে তিনি মহিমান্বিত হওয়ার জন্য এবং যারা বিশ্বাস করেছে তাদের চমৎকৃত হওয়ার জন্য তিনি আসবেন। তোমরাও তাদের মধ্যে অন্তর্ভুক্ত, কারণ তোমাদের কাছে আমরা যে সাক্ষ্য দিয়েছি, তোমরা তা বিশ্বাস করেছ।
-
1 অতীতে ঈশ্বর ভাববাদীদের মাধ্যমে আমাদের পূর্বপুরুষদের সঙ্গে বহুবার বিভিন্নভাবে কথা বলেছেন, 2 কিন্তু এই শেষ যুগে, তিনি তাঁর পুত্রের মাধ্যমেই আমাদের কাছে কথা বলেছেন, যাঁকে তিনি সবকিছুর উত্তরাধিকারী করেছেন, এবং যাঁর মাধ্যমে তিনি সমগ্র বিশ্ব সৃষ্টি করেছেন। 3 সেই পুত্রই ঈশ্বরের মহিমার বিচ্ছুরণ এবং তাঁর সত্তার যথার্থ প্রতিরূপ, যিনি তাঁর তেজোদৃপ্ত বাক্যের দ্বারা সবকিছুই ধারণ করে আছেন। সব পাপ ক্ষমা করার কাজ সম্পন্ন করার পর, তিনি স্বর্গে ঐশ-মহিমার ডানদিকে উপবেশন করেছেন।
4 তিনি উত্তরাধিকার বলে স্বর্গদূতদের তুলনায় যে উচ্চতর পদের অধিকারী হয়েছেন, সেই অনুযায়ী তাদের থেকেও মহান হয়ে উঠেছেন।
-
12 পরে আমি দেখলাম, তিনি ষষ্ঠ সিলমোহরটি খুললেন। তখন এক মহা ভূমিকম্প হল। সূর্য ছাগলের লোমে বোনা কম্বলের মতো কালো রংয়ের আর সম্পূর্ণ চাঁদ রক্তের মতো লাল রংয়ে রূপান্তরিত হল, 13 আর ঠিক যেভাবে প্রবল বাতাসে আন্দোলিত ডুমুর গাছ থেকে কাঁচা ডুমুর ঝরে পড়ে সেভাবে আকাশের তারা সকল পৃথিবীতে ঝরে পড়ল। 14 যেভাবে পুঁথিকে গুটিয়ে ফেলা হয় সেভাবে আকাশমণ্ডল দৃষ্টিপথ থেকে দূরে সরে গেল এবং সমস্ত পর্বত ও দ্বীপ নিজের নিজের স্থান থেকে উপড়ে ফেলা হল।
15 তখন পৃথিবীর সব রাজা, রাজপুত্র ও রাজকন্যা, সৈন্যাধ্যক্ষ, ধনী, পরাক্রমী, এবং সকলে, ক্রীতদাস ও সব স্বাধীন মানুষ বিভিন্ন গুহায় ও পর্বতশিলায় নিজেদের লুকিয়ে রাখল। 16 তারা পর্বতসকল ও মহাশিলাকে ডেকে বলতে লাগল, “আমাদের উপরে পতিত হও, যিনি সিংহাসনে উপবিষ্ট, তাঁর সামনে থেকে ও মেষশাবকের কোপ থেকে আমাদের লুকিয়ে রাখো! 17 কারণ তাঁদের ক্রোধ প্রকাশের মহাদিন এসে পড়েছে, আর কে তাঁর সামনে দাঁড়াতে পারে?”
-
28 আমার প্রাণ দুঃখে অবসন্ন;
তোমার বাক্য অনুযায়ী আমাকে শক্তি দাও।
-
3 আমি যখন ডেকেছি, তুমি আমাকে উত্তর দিয়েছ;
আমার প্রাণে শক্তি দিয়ে আমাকে অতিশয় উৎসাহিত করেছ।
4 হে সদাপ্রভু, পৃথিবীর সব রাজা তোমার প্রশংসা করবে,
কারণ তারা সবাই তোমার বাক্য শুনবে।
-
4 তাদের মনিবদের জন্য এই বার্তা পাঠিয়ে তাদের বলো, ‘বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: “তোমরা তোমাদের মনিবদের কাছে গিয়ে এই কথা বলো: 5 আমার মহাপরাক্রম ও প্রসারিত বাহু দ্বারা আমি পৃথিবী, তার অধিবাসী ও তার উপরে স্থিত পশুদের সৃষ্টি করেছি। আমি যাকে যা দেওয়া উপযুক্ত মনে করেছি, তাকে তা দিয়েছি।
-
26 যীশু তাদের দিকে তাকিয়ে বললেন, “মানুষের পক্ষে এটা অসম্ভব, কিন্তু ঈশ্বরের পক্ষে সবকিছুই সম্ভব।”
-
24 “ঈশ্বর, যিনি এই জগৎ ও তার অন্তর্গত সমস্ত বস্তু রচনা করেছেন, তিনিই স্বর্গ ও মর্ত্যের প্রভু। তিনি হাত দিয়ে তৈরি দেবালয়ে বাস করেন না। 25 তাঁর কোনো কিছুর প্রয়োজন আছে বলে মানুষের হাতে তাঁর সেবা গ্রহণের প্রয়োজন হয় না। কারণ তিনি স্বয়ং সমস্ত মানুষকে জীবন ও শ্বাস এবং সবকিছুই দান করেন। 26 তিনি একজন ব্যক্তি থেকে সব জাতিকে সৃষ্টি করেছেন, যেন তারা সমস্ত পৃথিবীতে বসবাস করে। তিনি আগেই তাদের নির্দিষ্ট কাল ও বসবাসের জন্য স্থান স্থির করে রেখেছিলেন। 27 ঈশ্বর এ কাজ করেছেন, যেন মানুষ তাঁর অন্বেষণ করে এবং সম্ভব হলে অনুসন্ধান করে তাঁর সন্ধান পায়, যদিও তিনি আমাদের কারও কাছ থেকে দূরে নেই। 28 কারণ তাঁর মধ্যেই আছে আমাদের প্রাণ, আমাদের জীবনাচরণ ও আমাদের অস্তিত্ব। যেমন তোমাদেরই কয়েকজন কবি বলেছেন, ‘আমরা তাঁর বংশ।’
29 “অতএব, আমরা যখন ঈশ্বরের বংশ, তখন আমাদের এরকম চিন্তা করা উচিত নয় যে ঈশ্বর মানুষের কলাকুশলতা ও কল্পনাপ্রসূত সোনা, রুপো বা পাথরের তৈরি করা কোনো প্রতিমূর্তি।
-
28 আর আমরা জানি যে, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তাঁর ইচ্ছা অনুসারে আহূত, তিনি সব বিষয়ে তাদের মঙ্গলসাধনের জন্য কাজ করেন।
-
31 এসবের প্রত্যুত্তরে তাহলে আমরা কী বলব? ঈশ্বর যদি আমাদের পক্ষে থাকেন, তাহলে কে আমাদের বিরোধী হতে পারে?
-
18 কারণ যারা ধ্বংস হচ্ছে সেই ক্রুশের বার্তা তাদের কাছে মূর্খতা, কিন্তু আমরা যারা পরিত্রাণ লাভ করছি, এই বাক্য হল ঈশ্বরের পরাক্রমস্বরূপ।
-
8 একজনকে আত্মার মাধ্যমে দেওয়া হয়েছে জ্ঞানের বাণী, অপর একজনকে সেই একই আত্মার দ্বারা প্রজ্ঞার বাণী, 9 অপর একজনকে সেই আত্মার দ্বারা বিশ্বাস, অপর একজনকে সেই একই আত্মার দ্বারা সুস্থ করার বরদান, 10 অপর একজনকে অলৌকিক কাজ করার পরাক্রম, অপর একজনকে ভাববাণী, আর একজনকে আত্মার মধ্যে পার্থক্য নির্ণয়ের ক্ষমতা, অপর একজনকে ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলার ক্ষমতা এবং আরও অপরজনকে বিশেষ বিশেষ ভাষার তর্জমা করার ক্ষমতা দেওয়া হয়েছে। 11 এসবই সেই এক ও অদ্বিতীয় আত্মার কাজ, তিনি প্রত্যেকের জন্য যেমন নির্ধারণ করেন, তেমনই বরদান দিয়ে থাকেন।
12 দেহ যেমন এক, যদিও তা বহু অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে গঠিত; আর যদিও এর অঙ্গপ্রত্যঙ্গ অনেক, সেগুলি এক দেহ গঠন করে। খ্রীষ্টের ক্ষেত্রেও সেই কথা।
-
15 কারণ আমাদের মহাযাজক এমন নন, যিনি আমাদের দুর্বলতায় সহানুভূতি দেখাতে অক্ষম; বরং আমরা এমন একজনকে পেয়েছি, যিনি আমাদেরই মতো সব বিষয়ে প্রলোভিত হয়েছিলেন, অথচ নিষ্পাপ থেকেছেন। 16 তাই এসো, আস্থার সঙ্গে আমরা তাঁর অনুগ্রহ-সিংহাসনের সামনে উপস্থিত হই, যেন আমরা করুণা লাভ করতে পারি ও আমাদের প্রয়োজনের সময়ে অনুগ্রহ পাই।
-
17 তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে আছেন,
সেই মহাযোদ্ধা যিনি তোমাকে বাঁচান।
তিনি তোমাকে নিয়ে খুবই আনন্দিত হবেন;
তাঁর ভালোবাসায় তিনি তোমাকে আর তিরস্কার করবেন না,
কিন্তু গান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করবেন।”
-
20 এখন আমাদের অন্তরে যিনি তাঁর সক্রিয় ক্ষমতা অনুসারে আমাদের সকল চাহিদা পূর্ণ করতে অথবা কল্পনারও অতীত কাজ করতে সমর্থ, 21 মণ্ডলীতে এবং খ্রীষ্ট যীশুতে, যুগ যুগ ধরে সকল প্রজন্মে চিরকাল তাঁর গৌরব কীর্তিত হোক! আমেন।
-
7 কিন্তু, যা ছিল আমার কাছে লাভজনক, খ্রীষ্টের জন্য আজ সেই সবকিছুকে আমি লোকসান বলে মনে করছি। 8 তার চেয়েও বেশি, আমার প্রভু, খ্রীষ্ট যীশুকে জানার বহুগুণে শ্রেষ্ঠতর মহত্ত্বের তুলনায়, বাকি সবকিছুকে আমি লোকসান মনে করি, যাঁর জন্য আমি সবকিছু হারিয়েছি। খ্রীষ্টকে লাভ করার প্রচেষ্টায় আমি সে সমস্তকে আবর্জনাতুল্য মনে করি এবং 9 তাঁরই মধ্যে যেন আমাকে খুঁজে পাওয়া যায়। যে ধার্মিকতা বিধান থেকে পাওয়া যায় তা আজ আর আমার মধ্যে নেই; কিন্তু সেই ধার্মিকতা আছে যা খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমে প্রাপ্য—যে ধার্মিকতা ঈশ্বর থেকে বিশ্বাসের মাধ্যমে আসে। 10 আমি খ্রীষ্টকে এবং তাঁর পুনরুত্থানের পরাক্রমকে জানতে চাই; তাঁর কষ্টভোগের সহভাগীও হতে চাই; এভাবেই তাঁর মৃত্যুতে যেন তাঁরই মতো হই। 11 আর তাই, যেভাবেই হোক, যেন আমি মৃত্যু থেকে পুনরুত্থানের অভিজ্ঞতা লাভ করতে পারি।
-
6 কোনো বিষয়েই উৎকণ্ঠিত হোয়ো না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। 7 এতে সব বোধবুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি, খ্রীষ্ট যীশুতে তোমাদের অন্তর ও মন রক্ষা করবে।
-
13 তোমাদের সকল পাপে এবং পাপময় স্বভাবে সুন্নতহীন অবস্থায় তোমরা যখন মৃত ছিলে, তখন ঈশ্বর তোমাদের খ্রীষ্টে জীবিত করেছেন। 14 বিধানের যেসব লিখিত নির্দেশনামা আমাদের বিরুদ্ধে ও প্রতিকূলে ছিল, তা তিনি বাতিল করেছেন; ক্রুশে বিদ্ধ করে তিনি তা দূর করেছেন। 15 আর পরাক্রম এবং কর্তৃত্বকে পরাস্ত করে ক্রুশের মাধ্যমে তাদের উপরে বিজয়ী হয়েছেন এবং তাদের প্রকাশ্যে দৃশ্যমান করেছেন।
-
10 যারা সদাপ্রভুর বিরোধিতা করে তারা চুরমার হবে।
স্বর্গ হতে পরাৎপর বজ্রাঘাত করবেন;
সদাপ্রভু সমগ্র মর্ত্যলোকের বিচার করবেন।
“তিনিই তাঁর রাজাকে শক্তি সামর্থ্য দেবেন
আর অভিষিক্ত-জনের শৃঙ্গ উন্নত করবেন।”
-
6 তোমার পরাক্রমে তুমি পর্বতমালাকে নির্মাণ করেছ,
এবং মহা শক্তিবলে নিজেকে সজ্জিত করেছ।
-
1 সদাপ্রভু রাজত্ব করেন, তিনি মহিমায় সজ্জিত;
সদাপ্রভু গৌরবে আবৃত ও পরাক্রমে সজ্জিত;
সত্যিই, এই পৃথিবী প্রতিষ্ঠিত, সুদৃঢ় ও সুরক্ষিত।
2 তোমার সিংহাসন প্রাচীনকাল থেকে বিদ্যমান;
তুমি স্বয়ং অনন্তকাল থেকে।
3 হে সদাপ্রভু, সমুদ্রেরা উঠেছে,
সমুদ্রেরা তাদের আওয়াজ তুলেছে;
সমুদ্রেরা তাদের উত্তাল ঢেউ তুলেছে।
4 মহাজলধির গর্জন থেকেও,
সমুদ্রের উত্তাল ঢেউ থেকেও
উচ্চে অবস্থিত সদাপ্রভু বলবান।
-
1 হে সদাপ্রভু, তুমিই আমার ঈশ্বর;
আমি তোমার নাম উঁচুতে তুলে ধরব ও তোমার নামের প্রশংসা করব,
কারণ নিখুঁত বিশ্বস্ততায়,
তুমি বিস্ময়কর সব কাজ করেছ,
যেগুলির পরিকল্পনা তুমি বহুপূর্বেই করেছিলে।
2 তুমি নগরকে এক পাথরের ঢিবিতে এবং
সুরক্ষিত নগরীকে এক ধ্বংসস্তূপে পরিণত করেছ,
বিদেশিদের দুর্গ আর নগর নয়;
তা আর কখনও পুনর্নির্মিত হবে না।
3 সেই কারণে, শক্তিশালী লোকেরা তোমাকে সম্মান করবে;
নির্মম জাতিদের নগরগুলি তোমার প্রতি সম্ভ্রম প্রদর্শন করবে।
4 তুমি দরিদ্রদের জন্য এক আশ্রয়স্থান হয়েছ,
দুর্দশায় হয়েছ নিঃস্ব ব্যক্তির শরণস্থান,
প্রবল ঝড়ে রক্ষা পাওয়ার জায়গা
ও উত্তাপ থেকে রক্ষা পাওয়ার ছায়াসদৃশ।
কারণ নির্মম ব্যক্তিদের শ্বাসপ্রশ্বাস,
যেমন কোনো দেওয়ালে প্রতিহত হওয়া হল্কার মতো
-
3 তাকে তুমি পূর্ণ শান্তিতেই রাখবে,
যার মন সুস্থির,
কারণ সে তোমার উপরে নির্ভর করে।
4 তোমরা চিরকাল সদাপ্রভুর উপরে নির্ভর করো,
কারণ সদাপ্রভু, সেই সদাপ্রভুই হলেন শাশ্বত শৈল।
-
33 এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য, আমার শক্তিশালী হাত ও বিস্তারিত বাহু বাড়িয়ে ক্রোধ ঢেলে তোমাদের উপরে রাজত্ব করব। 34 আমার শক্তিশালী হাত ও বিস্তারিত বাহু বাড়িয়ে ক্রোধ ঢেলে—বিভিন্ন জাতির মধ্য থেকে আমি তোমাদের নিয়ে আসব এবং যেসব দেশে তোমাদের ছড়িয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে তোমাদের একত্র করব। 35 আমি তোমাদের জাতিদের মরুভূমিতে নিয়ে এসে সেখানে তোমাদের, মুখোমুখি হয়ে, বিচার করব।
-
8 কিন্তু আমি যাকোবকে তার অপরাধ,
এবং ইস্রায়েলকে তাদের পাপ জানাবার জন্য,
সদাপ্রভুর আত্মার দ্বারা,
ন্যায়বিচার এবং শক্তিতে
আমি পূর্ণ হয়েছি।
-
29 যীশু উত্তর দিলেন, “তোমরা ভুল করছ, কারণ তোমরা শাস্ত্র জানো না, ঈশ্বরের পরাক্রমও জানো না।
-
4 আমার বার্তা ও আমার প্রচার কোনও জ্ঞানের বা প্রেরণা দেওয়ার বাক্যযুক্ত ছিল না, কিন্তু ছিল পবিত্র আত্মার পরাক্রমের প্রদর্শনযুক্ত, 5 যেন তোমাদের বিশ্বাস মানবীয় জ্ঞানের উপরে প্রতিষ্ঠিত না হয়ে ঈশ্বরের পরাক্রমের উপরে হয়।
-
1 খ্রীষ্টের মৃদুভাব ও সৌজন্যবোধের জন্য, আমি তোমাদের কাছে অনুরোধ করছি—তোমরা বলো, আমি পৌল নাকি তোমাদের সাক্ষাতে “ভীরু,” কিন্তু অসাক্ষাতে “সাহসী!” 2 আমি তোমাদের কাছে মিনতি করছি যে, যখন আমি আসি, আমাকে যেন তেমন সাহসী হতে না হয়, যেমন কয়েকজন ব্যক্তির প্রতি সাহসী হওয়া আবশ্যক বলে আমি মনে করি, কারণ তারা মনে করে যে, আমরা এই জগতের মানদণ্ড অনুযায়ী জীবনযাপন করি। 3 কারণ যদিও আমরা এই জগতে বসবাস করি, আমরা এই জগতের মতো যুদ্ধের অভিযান করি না। 4 যে অস্ত্রশস্ত্র নিয়ে আমরা সংগ্রাম করি, তা জাগতিক নয়, কিন্তু দুর্গসকল ধ্বংস করার জন্য সেগুলির মধ্যে আছে ঐশ্বরিক পরাক্রম। আমরা সব তর্কবিতর্ক ধ্বংস করে 5 এবং ঈশ্বরজ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত ভণিতা ও সমস্ত চিন্তাকে বন্দি করে খ্রীষ্টের আজ্ঞাবহ করি। 6 আর একবার তোমাদের আজ্ঞাবহতা সম্পূর্ণ হলে, আমরা বাকিদের সমস্ত অবাধ্যতার শাস্তি দিতে প্রস্তুত আছি।
-
15 সপ্তম স্বর্গদূত তাঁর তূরী বাজালেন, আর স্বর্গে উচ্চনাদে এই বাণী শোনা গেল:
“জগতের রাজ্য পরিণত হল, আমাদের প্রভু ও তাঁর খ্রীষ্টের রাজ্যে,
আর তিনি যুগে যুগে চিরকাল
রাজত্ব করবেন।”
16 আর যে চব্বিশজন প্রাচীন ঈশ্বরের সামনে নিজেদের সিংহাসনে উপবিষ্ট ছিলেন, তাঁরা অধোমুখে প্রণাম করে ঈশ্বরের উপাসনা করলেন:
17 তাঁরা বললেন,
“হে সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, যিনি আছেন ও ছিলেন,
আমরা তোমাকে ধন্যবাদ দিই,
কারণ তুমি তোমার মহাপরাক্রম গ্রহণ করেছ
ও রাজত্ব শুরু করেছ।
18 সব জাতি ক্রুদ্ধ হয়েছিল;
তাই তোমার রোষও উপস্থিত হয়েছে।
মৃতদের বিচার করার সময় এবং
তোমার দাস সেই ভাববাদীদের ও পবিত্রগণের,
আর যতজন তোমার নামে সম্ভ্রম প্রকাশ করে,
ক্ষুদ্র ও মহান নির্বিশেষে সবাইকে
পুরস্কার দেওয়ার জন্য—এবং
পৃথিবী-বিনাশকদের ধ্বংস করার
সময় উপস্থিত হল।”
-
29 কিন্তু তারা তোমার লোক, তোমারই উত্তরাধিকারী যাদের তুমি তোমার হাত বাড়িয়ে দিয়ে মহাশক্তিতে বের করে এনেছ।”
-
2 তিনি বললেন:
“সদাপ্রভু আমার শৈল, আমার উচ্চদুর্গ ও আমার উদ্ধারকর্তা;
3 আমার ঈশ্বরই আমার শৈল, যাঁতে আমি আশ্রয় নিই,
আমার ঢাল ও আমার ত্রাণশৃঙ্গ।
তিনিই আমার দুর্গ, আমার আশ্রয়স্থল ও আমার পরিত্রাতা।
মারমুখী লোকদের হাত থেকে তুমিই আমাকে রক্ষা করে থাকো।
-
1 পরে ইয়োব সদাপ্রভুকে উত্তর দিলেন:
2 “আমি জানি যে তুমি সবকিছু করতে পার;
তোমার কোনও অভিষ্ট খর্ব করা যায় না।
3 তুমি জিজ্ঞাসা করলে, ‘এ কে যে জ্ঞান ছাড়াই আমার পরিকল্পনাগুলি ম্লান করে দিচ্ছে?’
নিশ্চয় আমি যা বুঝিনি,
আমার জানার পক্ষে যা খুবই অদ্ভুত, তাই বলেছি।
4 “তুমি বললে, ‘এখন শোনো, আমি কথা বলব;
আমি তোমাকে প্রশ্ন করব,
ও তুমি আমাকে উত্তর দেবে।’
5 তোমার কথা আমি কানে শুনেছিলাম
কিন্তু এখন আমি স্বচক্ষে তোমাকে দেখলাম।
6 তাই নিজেকে আমি ঘৃণা করছি
এবং ধুলোয় ও ছাইভস্মে বসে অনুতাপ করছি।”
-
1 হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো।
হে আমার ঈশ্বর সদাপ্রভু, তুমি কত মহান;
তুমি প্রভা আর পরাক্রমে ভূষিত।
2 তিনি আলোর পোশাকে সজ্জিত;
তিনি আকাশমণ্ডল তাঁবুর মতো প্রসারিত করেন
3 আর তিনি জলধিতে তাঁর উচ্চকক্ষের কড়িকাঠ স্থাপন করেন।
তিনি মেঘরাশিকে তাঁর রথ করেন
আর বায়ুর ডানায় চড়ে ভেসে চলেন।
-
6 আকাশমণ্ডলে ও পৃথিবীতে,
সমুদ্রে ও সমস্ত জলধির মধ্যে,
সদাপ্রভুর যা ইচ্ছা তাই করেন।
7 তিনি পৃথিবীর প্রান্তদেশ থেকে মেঘ উত্থাপন করেন;
তিনি বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ প্রেরণ করেন,
আর তাঁর ভাণ্ডার থেকে বায়ু বের করে আনেন।
-
12 কে তার করতলে সমুদ্রের জলরাশি পরিমাপ করেছে,
কিংবা তার বিঘত দিয়ে আকাশমণ্ডল নিরূপণ করেছে?
কে বালতিতে ধারণ করেছে পৃথিবীর সব ধুলো,
কিংবা দাঁড়িপাল্লায় ওজন করেছে পর্বতসকল
এবং তরাজুতে যত পাহাড়?
-
6 হে সদাপ্রভু, তোমার তুল্য আর কেউ নেই;
তুমি তো মহান,
তোমার নামও পরাক্রমে শক্তিশালী।
-
16 যিনি যাকোবের অধিকারস্বরূপ, তিনি এরকম নন,
কারণ তিনিই সব বিষয়ের স্রষ্টা,
যার অন্তর্ভুক্ত হল ইস্রায়েল ও তাঁর প্রজাবৃন্দ, তাঁর নিজস্ব বিশেষ অধিকার—
সর্বশক্তিমান সদাপ্রভু তাঁর নাম।
-
27 দানিয়েল উত্তরে বললেন, “কোনো জ্ঞানী, মায়াবী, মন্ত্রবেত্তা বা গনকের পক্ষে আপনার স্বপ্নের রহস্য ব্যাখ্যা করা সম্ভব নয়। 28 কিন্তু স্বর্গে এক ঈশ্বর আছেন যিনি রহস্য প্রকাশ করেন। তিনি ভবিষ্যতে যা ঘটবে তা রাজা নেবুখাদনেজারকে দেখিয়েছেন। আপনি যখন বিছানায় শুয়েছিলেন তখন যে স্বপ্ন ও দর্শন দেখেছেন তা এই:
-
4 তিনি দাঁড়িয়ে সদাপ্রভুর শক্তিতে
তাঁর ঈশ্বর সদাপ্রভুর নামের মহিমাতে,
রাখালের মতো তাঁর লোকদের চালাবেন।
এবং তারা নিরাপদে বাস করবে, কারণ তখন তাঁর মহত্ত্ব
পৃথিবীর শেষ সীমা পর্যন্ত পৌঁছাবে।
-
27 যীশু তাদের দিকে তাকিয়ে বললেন, “মানুষের পক্ষে এ অসম্ভব, কিন্তু ঈশ্বরের কাছে নয়। ঈশ্বরের পক্ষে সবকিছুই সম্ভব।”
-
37 কারণ ঈশ্বর যা বলেন তা সবসময় সত্যি হয়।”
-
51 তাঁর বাহু সব পরাক্রম কাজ সাধন করেছে;
যারা অন্তরের গভীরতম ভাবনায় গর্বিত, তিনি তাদের ছত্রভঙ্গ করেছেন।
-
17 একদিন যীশু শিক্ষা দিচ্ছিলেন। গালীলের প্রতিটি গ্রাম থেকে এবং যিহূদিয়া ও জেরুশালেম থেকে আগত ফরিশী ও শাস্ত্রবিদরা সেখানে বসেছিল। এবং রোগীদের সুস্থ করবার জন্য প্রভুর শক্তি যীশুর মধ্যে ছিল।
-
28 আমি তাদের অনন্ত জীবন দান করি; তারা কোনোদিনই বিনষ্ট হবে না। আর কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না। 29 আমার পিতা, যিনি তাদের আমাকে দিয়েছেন, তিনি সবার চেয়ে মহান। আমার পিতার হাত থেকে কেউ তাদের কেড়ে নিতে পারে না। 30 আমি ও পিতা, আমরা এক।”
-
33 “আমি তোমাদের এসব কথা জানালাম, যেন আমার মধ্যে তোমরা শান্তি লাভ করো। এই জগতে তোমরা সংকটের সম্মুখীন হবে, কিন্তু সাহস করো! আমি এই জগৎকে জয় করেছি।”
-
22 “হে ইস্রায়েলবাসী, একথা শুনুন, নাসরতীয় যীশু অনেক অলৌকিক কাজ, বিস্ময়কর ঘটনা ও নিদর্শনের মাধ্যমে প্রকাশ্যে আপনাদের কাছে ঈশ্বরের দ্বারা স্বীকৃত মানুষ ছিলেন। সেইসব কাজ ঈশ্বর তাঁরই মাধ্যমে সম্পন্ন করেছেন, যেমন আপনারা নিজেরাই অবগত আছেন। 23 সেই ব্যক্তিকে ঈশ্বর তাঁর নিরূপিত পরিকল্পনা ও পূর্বজ্ঞান অনুসারে তোমাদের হাতে সমর্পণ করেছিলেন, আর তোমরা দুর্জন ব্যক্তিদের সহায়তায় তাঁকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছ। 24 কিন্তু ঈশ্বর তাঁকে মৃত্যুযন্ত্রণা থেকে মুক্ত করে মৃত্যুর কবল থেকে উত্থাপিত করেছেন, কারণ মৃত্যুর পক্ষে তাঁকে ধরে রাখা অসম্ভব ছিল।
-
16 আমি সুসমাচারের জন্য লজ্জাবোধ করি না, কারণ যারা বিশ্বাস করে, তাদের সকলের পরিত্রাণ লাভের জন্য এ হল ঈশ্বরের পরাক্রম: প্রথমত, ইহুদিদের জন্য, পরে অইহুদিদের জন্যও।
-
54 আর এই ক্ষয়প্রাপ্ত যখন অক্ষয়তা পরিধান করবে ও এই মরদেহ অমরতা পরিধান করবে, তখন এই যে কথা লেখা আছে, তা সত্য প্রমাণিত হবে: “চিরকালের জন্য মৃত্যুকে গ্রাস করা হয়েছে।”
55 “মৃত্যু, তোমার জয় কোথায়?
মৃত্যু, তোমার হুল কোথায়?”
56 মৃত্যুর হুল পাপ ও পাপের পরাক্রম হল বিধান। 57 কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক! তিনি প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের বিজয় দান করেন।
-
8 আর ঈশ্বর তোমাদের সমস্ত অনুগ্রহে সমৃদ্ধ করতে সমর্থ, যেন সকল বিষয়ে, সবসময়, সব ধরনের পর্যাপ্ততা থাকায়, তোমরা সব ধরনের সৎকর্মে উপচে পড়ো।
-
16 একমাত্র অমর, অগম্য জ্যোতির মাঝে যাঁর অবস্থান, যাঁকে কেউ কখনও দেখেনি এবং দেখতেও পারে না—তাঁরই প্রতি হোক সমাদর এবং চিরস্থায়ী পরাক্রম। আমেন।
-
13 আমরা যদি বিশ্বাসবিহীন হই,
তিনি থাকবেন চির বিশ্বস্ত,
কারণ তিনি নিজেকে অস্বীকার করতে পারেন না।
-
12 কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত ও সক্রিয়, উভয় দিকে ধারবিশিষ্ট যে কোনো তরোয়াল থেকে তীক্ষ্ণ; প্রাণ ও আত্মা এবং শরীরের গ্রন্থি ও মজ্জা পর্যন্ত তা ভেদ করে যায়; তা হৃদয়ের চিন্তা ও আচরণের বিচার করে।
-
25 তাই তাঁর মাধ্যমে যারা ঈশ্বরের কাছে আসে, তাদের তিনি সম্পূর্ণভাবে পরিত্রাণ করতে সমর্থ, কারণ তাদের পক্ষে মিনতি করার জন্য তিনি সবসময়ই জীবিত আছেন।
-
8 এই কারণে একদিনেই তার সমস্ত বিপর্যয়, মৃত্যু, শোকবিলাপ ও দুর্ভিক্ষ,
তার উপরে এসে পড়বে।
আগুন তাকে গ্রাস করবে,
কারণ তার বিচারকর্তা প্রভু ঈশ্বর, শক্তিমান।
Shows Read in context, Share and Copy.