77 Bible Verses About Hard Work

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Hard Work
  1. 22 ক্রীতদাসেরা, তোমরা সব বিষয়ে জগতের মনিবদের আজ্ঞা পালন করো; তাদের অনুগ্রহ লাভের জন্য বা তারা যখন তোমাদের প্রতি লক্ষ্য রাখে, তখনই শুধু নয়, কিন্তু অকপট হৃদয়ে প্রভুর প্রতি সম্ভ্রমবশত তা করো। 23 মানুষের জন্য নয়, প্রভুরই জন্য করছ মনে করে, যা কিছুই করো, মনপ্রাণ দিয়ে করো, 24 কারণ তোমাদের জানা আছে, প্রভুর কাছ থেকে তোমরা পুরস্কাররূপে এক অধিকার লাভ করবে। তোমরা প্রভু খ্রীষ্টেরই সেবায় রত আছ।

  2. 6 হে অলস, তুমি পিঁপড়েদের কাছে যাও;

    তাদের চালচলন বিবেচনা করো ও জ্ঞানবান হও!

    7 তাদের কোনও সেনাপতি নেই,

    কোনও তত্ত্বাবধায়ক বা শাসনকর্তাও নেই,

    8 তবুও তারা গ্রীষ্মকালে রসদ মজুত করে রাখে,

    ও ফসল কাটার মরশুমে খাদ্য সংগ্রহ করে রাখে।

    9 হে অলস, আর কতক্ষণ তুমি সেখানে শুয়ে থাকবে?

    কখন তুমি ঘুম থেকে উঠবে?

    10 আর একটু ঘুম, আর একটু তন্দ্রা,

    হাত পা গুটিয়ে আরও কিছুক্ষণ বিশ্রাম নেওয়া—

    11 ও দারিদ্র এক চোরের মতো

    ও অভাব এক সশস্ত্র সৈনিকের মতো তোমার উপরে এসে পড়বে।

  3. 6 ভাইবোনেরা, প্রভু যীশু খ্রীষ্টের নামে আমরা তোমাদের আদেশ দিচ্ছি, যে ভাই অলস এবং আমাদের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করে না, তার সঙ্গ ত্যাগ করো। 7 কারণ তোমরা নিজেরা জানো, কীভাবে আমাদের আদর্শ অনুকরণ করতে তোমরা বাধ্য। তোমাদের সঙ্গে থাকার সময় আমরা আলস্যে কাল কাটাইনি; 8 অথবা বিনামূল্যে আমরা কারও খাবার গ্রহণ করিনি। বরং আমরা যেন তোমাদের কারও কাছে বোঝা না হই, সেজন্য দিনরাত কাজ করেছি, কঠোর পরিশ্রম ও কষ্ট করেছি। 9 এই সাহায্য লাভের অধিকার যে আমাদের নেই, তা নয়, কিন্তু তোমরা যেন অনুসরণ করো, সেজন্য নিজেদের এক আদর্শরূপে স্থাপন করেছি। 10 কারণ তোমাদের সঙ্গে থাকার সময়েও আমরা তোমাদের এই নিয়ম দিয়েছি, “যদি কেউ পরিশ্রম না করে, সে আহারও করবে না।”

    11 আমরা শুনতে পাচ্ছি, তোমাদের মধ্যে কেউ কেউ অলস হয়ে পড়েছে। তারা কর্মব্যস্ত নয়; পরের ব্যাপারে অনর্থক চর্চায় তারা সবসময় ব্যস্ত। 12 এরকম লোকদের আমরা প্রভু যীশু খ্রীষ্টে নির্দেশ ও উপদেশ দিচ্ছি, যেন তারা শান্তভাব বজায় রেখে পরিশ্রম করে এবং তাদের খাবারের সংস্থান করে।

  4. 1 অতএব, বৎস আমার, খ্রীষ্ট যীশুতে স্থিত অনুগ্রহে তুমি শক্তিশালী হও। 2 আর বহু সাক্ষীর উপস্থিতিতে তুমি আমাকে যেসব বিষয় বলতে শুনেছ, সেগুলি এমন নির্ভরযোগ্য ব্যক্তিদের হাতে অর্পণ করো, যারা অন্যদের কাছে সেগুলি শিক্ষা দিতে সমর্থ হবে। 3 তুমি খ্রীষ্ট যীশুর একজন উত্তম সৈনিকের মতো আমার সঙ্গে কষ্টভোগ করো। 4 যে সৈনিক সে সাংসারিক বিষয়ে নিজেকে জড়াতে চায় না, কিন্তু সে তার সেনানায়ককেই সন্তুষ্ট করতে চায়। 5 সেরকমই, ক্রীড়া প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করে সে নিয়ম মেনে না চললে, বিজয়ীর মুকুট লাভ করতে পারে না। 6 যে কৃষক কঠোর পরিশ্রম করে, ফসলে তারই প্রথম অধিকার হয়। 7 আমি যা বলছি তা বিবেচনা করো। প্রভু তোমাকে এসব বিষয়ে অন্তর্দৃষ্টি দান করবেন।

    8 যীশু খ্রীষ্টকে স্মরণ করো, যিনি মৃতলোক থেকে পুনরুত্থিত হয়েছেন এবং যিনি দাউদের বংশজাত। এই হল আমার সুসমাচার। 9 এরই জন্য, আমি অপরাধীর মতো শিকলে বন্দি হয়ে দুঃখযন্ত্রণা ভোগ করছি, কিন্তু ঈশ্বরের বাণী শিকলে বন্দি হয়নি। 10 অতএব, মনোনীতদের জন্য আমি সবকিছুই সহ্য করি, যেন তারাও অনন্ত মহিমার সঙ্গে সেই মুক্তি অর্জন করতে পারে যার আধার খ্রীষ্ট যীশু।

    11 একটি বিশ্বাসযোগ্য উক্তি হল:

    আমরা যদি তাঁর সঙ্গে মৃত্যুবরণ করে থাকি,

    তাহলে তাঁর সঙ্গে জীবিতও থাকব;

    12 যদি সহ্য করি,

    তাহলে তাঁর সঙ্গে রাজত্বও করব।

    যদি তাঁকে অস্বীকার করি,

    তিনিও আমাদের অস্বীকার করবেন।

    13 আমরা যদি বিশ্বাসবিহীন হই,

    তিনি থাকবেন চির বিশ্বস্ত,

    কারণ তিনি নিজেকে অস্বীকার করতে পারেন না।

  5. 23 সব কঠোর পরিশ্রমই লাভের মুখ দেখে,

    কিন্তু নিছক কথাবার্তা শুধু দারিদ্রই নিয়ে আসে।

    24 জ্ঞানবানদের ধন তাদের মুকুট,

    কিন্তু মূর্খদের মূর্খতা মূর্খতাই উৎপন্ন করে।

  6. 9 আবার বিশ্বাসীদের প্রতি ভালোবাসা সম্পর্কে তোমাদের কাছে কিছু লেখার প্রয়োজন নেই। কারণ পরস্পরকে ভালোবাসতে স্বয়ং ঈশ্বরই তোমাদের শিক্ষা দিয়েছেন। 10 বস্তুত, সমগ্র ম্যাসিডোনিয়ার ভাইবোনেদের তোমরা ভালোবাসো। তবুও ভাইবোনেরা, আমরা তোমাদের মিনতি করছি, তোমরা আরও বেশি করে তা করো। 11 শান্ত জীবনযাপনই হোক তোমাদের লক্ষ্য। আমাদের নির্দেশমতো, নিজের কাজে মন দাও, স্বনির্ভর হও, 12 যেন তোমাদের দৈনিক জীবনচর্যা বাইরের লোকদের শ্রদ্ধা উদ্রেক করতে পারে এবং তোমরা যেন পরনির্ভরশীল না হও।

  7. 4 অলসের খিদে কখনও মেটে না,

    কিন্তু পরিশ্রমীদের বাসনাগুলি পুরোপুরি চরিতার্থ হয়।

  8. 15 সদাপ্রভু ঈশ্বর মানুষটিকে নিয়ে এদন বাগানে কাজ করার এবং সেটির যত্ন নেওয়ার জন্য তাকে সেখানে রাখলেন।

  9. 24 পরিশ্রমী হাত শাসন করবে,

    কিন্তু অলসতা শেষ পর্যন্ত বেগার শ্রমিকে পরিণত হয়।

  10. 4 অলসতার হাত দারিদ্র ডেকে আনে,

    কিন্তু পরিশ্রমী হাত ধনসম্পত্তি নিয়ে আসে।

    5 যে গ্রীষ্মকালে ফসল সংগ্রহ করে সে বিচক্ষণ ছেলে,

    কিন্তু যে ফসল কাটার মরশুমে ঘুমিয়ে থাকে সে মর্যাদাহানিকর ছেলে।

  11. 10 তোমার হাতে যে কোনো কাজ আসুক না কেন তা তোমার সমস্ত শক্তি দিয়েই কোরো, কারণ তুমি যে জায়গায় যাচ্ছ, সেই মৃতস্থানে, সেখানে কোনো কাজ বা পরিকল্পনা বা বৃদ্ধি কিংবা বিদ্যা বা প্রজ্ঞা বলে কিছুই নেই।

  12. 11 যারা নিজেদের জমি চাষ করে তারা প্রচুর খাদ্য পাবে,

    কিন্তু যারা উদ্ভট কল্পনার পিছনে ছুটে বেড়ায় তাদের কোনও বোধবুদ্ধি নেই।

  13. 31 অতএব, তোমরা ভোজন, কি পান, বা যা কিছুই করো, সবকিছুই ঈশ্বরের গৌরবের জন্য করো।

  14. 4 প্রত্যেকেই তার নিজের কাজ যাচাই করে দেখবে। তাহলেই সে অপর কারও সঙ্গে নিজের তুলনা না করেই নিজের বিষয়ে গর্ব করতে পারবে। 5 কারণ প্রত্যেকেরই উচিত, তার নিজের ভারবহন করা। 6 যে ব্যক্তি ঈশ্বরের বাক্য সম্পর্কে শিক্ষা লাভ করে, সে তার শিক্ষককে অবশ্যই সমস্ত উৎকৃষ্ট বিষয়ের সহভাগী করবে।

    7 তোমরা বিভ্রান্ত হোয়ো না, ঈশ্বরকে উপহাস করা যায় না। কোনো মানুষ যা বোনে, তাই কাটে। 8 যে তার শারীরিক লালসা নিবৃত্তির উদ্দেশে বীজ বোনে, সেই শরীর থেকেই সে বিনাশরূপ শস্য সংগ্রহ করবে। যে পবিত্র আত্মাকে প্রীত করার জন্য বীজ বোনে, তা থেকেই অনন্ত জীবনের ফসল আসবে। 9 এসো, সৎকর্ম করতে করতে আমরা যেন ক্লান্তিবোধ না করি, কারণ হাল ছেড়ে না দিলে আমরা যথাসময়ে ফসল তুলব। 10 তাই, আমরা যখন সুযোগ পেয়েছি, এসো, আমরা সব মানুষের প্রতি সৎকর্ম করি, বিশেষত তাদের প্রতি যারা বিশ্বাসীদের পরিজন।

  15. 3 তোমার কাজের ভার সদাপ্রভুর হাতে সমর্পণ করো,

    ও তিনি তোমার পরিকল্পনাগুলি সফল করবেন।

  16. 13 যিনি আমাকে শক্তি দান করেন, তাঁর মাধ্যমে আমি সবকিছুই করতে পারি।

  17. 58 তাই, আমার প্রিয় ভাইবোনেরা, সুস্থির থাকো। কোনো কিছুই তোমাদের বিচলিত না করুক। প্রভুর কাজে তোমরা সর্বদা নিজেদের সম্পূর্ণ উৎসর্গ করো, কারণ তোমরা জানো যে, প্রভুতে তোমাদের পরিশ্রম ব্যর্থ হবে না।

  18. 5 ক্রীতদাসেরা, তোমরা শ্রদ্ধায় ও ভয়ে, হৃদয়ের সরলতার সঙ্গে তোমাদের জাগতিক প্রভুদের আদেশ মেনে চলো, যেমন তোমরা খ্রীষ্টের আদেশ মেনে থাকো। 6 তাদের আদেশ পালন করো, কেবলমাত্র তাদের দৃষ্টি যখন তোমাদের প্রতি থাকে, তখন তাদের অনুগ্রহ লাভের জন্য নয়, কিন্তু খ্রীষ্টের ক্রীতদাসদের মতো, অন্তর দিয়ে যেন তোমরা ঈশ্বরের ইচ্ছা পালন করছ, সেভাবে। 7 তোমরা সমস্ত অন্তর দিয়ে তাদের সেবা করো, যেন তোমরা মানুষের নয়, কিন্তু প্রভুরই সেবা করছ। 8 কারণ তোমরা জানো যে, ক্রীতদাস হোক, বা স্বাধীন হোক, প্রভু তাদের সকলকেই সৎকর্মের জন্য পুরস্কৃত করবেন।

    9 আর গৃহস্বামীরা, তোমরাও ক্রীতদাসদের প্রতি অনুরূপ আচরণ করো। তাদের ভয় দেখিয়ো না, কারণ তোমরা জানো, যিনি স্বর্গে আছেন, তিনি তাদের এবং তোমাদের, উভয়েরই প্রভু। তিনি কারও পক্ষপাতিত্ব করেন না।

  19. 12 সুতরাং, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবসময় যেমন বাধ্য থেকেছ—কেবলমাত্র আমার উপস্থিতিতে নয়, কিন্তু এখন আমার অনুপস্থিতিতে আরও বেশি করে সভয়ে ও কম্পিত হৃদয়ে, কঠোর পরিশ্রমের দ্বারা তোমাদের পরিত্রাণ সম্পন্ন করো। 13 কারণ ঈশ্বর তাঁর শুভ-সংকল্পের জন্য তোমাদের অন্তরে ইচ্ছা উৎপন্ন ও কাজ করার জন্য সক্রিয় আছেন।

    14 তোমরা অভিযোগ ও তর্কবিতর্ক না করে সব কাজ করো, 15 যেন তোমরা এই কুটিল ও অবক্ষয়ের যুগে “ঈশ্বরের নিষ্কলঙ্ক ও শুচিশুদ্ধ সন্তান হতে পারো।” তোমরা তখন তাদের মধ্যে আকাশের তারার মতো এই জগতে উজ্জ্বল হয়ে উঠবে, 16 কারণ তোমরা সেই জীবনের বাক্য ধারণ করে আছ। এর ফলে যেন খ্রীষ্টের দিনে আমি গর্ব করতে পারি যে, আমি বৃথা দৌড়াইনি বা পরিশ্রম করিনি। 17 যেমন তোমাদের বিশ্বস্ত সেবা ঈশ্বরের কাছে এক নৈবেদ্য, তেমন যদি আমাকে পেয়-নৈবেদ্যের মতো ঢেলে দেওয়া হয় ও তার ফলে আমি জীবন হারাই, তবুও আমি আনন্দ করব। আর আমি চাই যে তোমরাও আমার সেই আনন্দের ভাগীদার হও। 18 সুতরাং তোমরাও আনন্দিত হও এবং আমার সঙ্গে আনন্দ করো।

  20. 30 আমি অলসের ক্ষেতজমির পাশ দিয়ে গেলাম,

    এমন একজনের দ্রাক্ষাক্ষেতের পাশ দিয়ে গেলাম যার কোনও বোধশক্তি নেই;

    31 সর্বত্র কাঁটাগাছ জন্মেছে,

    জমি আগাছায় ভরে গিয়েছে,

    ও পাথরের প্রাচীর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

    32 আমি যা লক্ষ্য করেছিলাম তা নিয়ে একটু ভাবলাম

    ও যা দেখেছিলাম তা থেকে এই শিক্ষা পেলাম:

    33 আর একটু ঘুম, আর একটু তন্দ্রা,

    হাত পা গুটিয়ে আরও কিছুক্ষণ বিশ্রাম নেওয়া—

    34 ও দারিদ্র এক চোরের মতো

    ও অভাব এক সশস্ত্র সৈনিকের মতো তোমার উপরে এসে পড়বে।

  21. 11 কর্ম উদ্যোগে শিথিল হোয়ো না, কিন্তু আত্মায় উদ্দীপিত থেকো ও প্রভুর সেবা করো। 12 প্রত্যাশায় আনন্দ করো, কষ্ট-সংকটে সহিষ্ণু হও, প্রার্থনায় বিশ্বস্ত থেকো।

  22. 8 কেউ যদি তার আত্মীয়স্বজনের, বিশেষত পরিবারের আপনজনদের ভরণ-পোষণ না করে, সে বিশ্বাস অস্বীকার করেছে এবং অবিশ্বাসীর চেয়েও নিকৃষ্ট প্রতিপন্ন হয়েছে।

  23. 28 যে চুরি করতে অভ্যস্ত, সে যেন আর চুরি না করে, বরং নিজের হাতে পরিশ্রমের দ্বারা সৎ উপায়ে উপার্জন করে; দুস্থদের সাহায্য করার মতো তার হাতে যেন কিছু উদ্বৃত্ত থাকে।

  24. 17 আর কথায় ও কাজে, তোমরা যা কিছুই করো, সবই প্রভু যীশুর নামে করো, তাঁরই মাধ্যমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে তা করো।

  25. 2 আমি তোমার সব কাজ, তোমার কঠোর পরিশ্রম ও তোমার ধৈর্যের কথা জানি। আমি জানি তুমি দুষ্ট লোকদের সহ্য করতে পারো না এবং যারা নিজেদের প্রেরিতশিষ্য বলে দাবি করলেও প্রেরিতশিষ্য নয়, তাদের তুমি যাচাই করে মিথ্যাবাদী প্রমাণ করেছ। 3 তুমি আমার নামের জন্য ধৈর্য অবলম্বন করেছ ও কষ্ট সহ্য করেছ, অথচ পরিশ্রান্ত হওনি।

  26. 9 যে তার কাজে শিথিল

    সে বিনাশকারীর সহোদর ভাই।

  27. 33 আমি কোনো মানুষের রুপো, সোনা বা পোশাকের প্রতি লোভ করিনি। 34 তোমরা নিজেরা জানো যে, আমার এই দু-হাত আমার ও আমার সঙ্গীদের সব প্রয়োজন মিটিয়েছে। 35 আমার সমস্ত কাজের মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছি যে, এই ধরনের কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের অবশ্যই দুর্বলদের সাহায্য করতে হবে। স্বয়ং প্রভু যীশুর বলা বাক্য আমাদের মনে রাখতে হবে, ‘গ্রহণ করার চেয়ে দান করাতেই বেশি আশীর্বাদ।’ ”

  28. 7 সৎকর্মের দ্বারা প্রত্যেক বিষয়ে তাদের সামনে আদর্শ স্থাপন করো। শিক্ষাদানকালে তুমি সততা এবং আন্তরিকতা দেখাও, 8 আর তোমার কথা এমন সারগর্ভ হোক যেন কেউ তা অগ্রাহ্য করতে না পারে, যারা তোমার বিরোধিতা করে তারা যেন লজ্জিত হয়, কারণ আমাদের বিষয়ে তাদের খারাপ কিছুই বলার নেই।

  29. 3 শুধু তাই নয়, আমরা আমাদের দুঃখকষ্টেও আনন্দ করি, কারণ আমরা জানি, দুঃখকষ্ট সহিষ্ণুতাকে, 4 সহিষ্ণুতা অভিজ্ঞতাকে ও অভিজ্ঞতা প্রত্যাশার জন্ম দেয়। 5 সেই প্রত্যাশা আমাদের নিরাশ করে না, কারণ আমাদের প্রতি দেওয়া পবিত্র আত্মা দ্বারা ঈশ্বর তাঁর প্রেম আমাদের হৃদয়ে উজাড় করে ঢেলে দিয়েছেন।

  30. 12 আমরা নিজেদের হাত দিয়ে কঠোর পরিশ্রম করি। আমাদের অভিশাপ দেওয়া হলে, আমরা আশীর্বাদ করি, যখন আমাদের নির্যাতন করা হয়, আমরা সহ্য করি। 13 আমাদের যখন নিন্দা করা হয়, আমরা নম্রতায় তার উত্তর দিই। এই মুহূর্ত পর্যন্ত আমরা সমাজের আবর্জনা, জগতের জঞ্জাল হয়ে আছি।

  31. 17 আদমকে তিনি বললেন, “যেহেতু তুমি তোমার স্ত্রীর কথা শুনে সেই গাছের ফল খেয়েছ, যেটির বিষয়ে আমি তোমাকে আদেশ দিয়েছিলাম, ‘তুমি এর ফল অবশ্যই খাবে না,’ তাই

    “তোমার জন্য ভূমি অভিশপ্ত হল;

    আজীবন তুমি

    কঠোর পরিশ্রম করে তা থেকে খাবার খাবে।

    18 তা তোমার জন্য কাঁটাগাছ ও শিয়ালকাঁটা ফলাবে,

    আর তুমি ক্ষেতের লতাগুল্ম খাবে,

    19 যতদিন না তুমি মাটিতে ফিরে যাচ্ছ,

    ততদিন তুমি কপালের ঘাম ঝরিয়ে তোমার খাবার খাবে,

    যেহেতু সেখান থেকেই তোমাকে আনা হয়েছে;

    কারণ তুমি তো ধুলো,

    আর ধুলোতেই তুমি যাবে ফিরে।”

  32. 16 আমরা, তোমার দাস, যেন তোমার কার্যাবলি আবার দেখতে পাই,

    যেন আমাদের ছেলেমেয়েরা তোমার মহিমা দেখতে পায়।

    17 আমাদের ঈশ্বর সদাপ্রভুর অনুগ্রহ আমাদের উপরে বিরাজ করুক;

    আর তুমি আমাদের জন্য আমাদের হাতের প্রচেষ্টা স্থায়ী করো,

    হ্যাঁ! আমাদের হাতের প্রচেষ্টা স্থায়ী করো।

  33. 2 তুমি তোমার পরিশ্রমের ফলভোগ করবে;

    আশীর্বাদ ও সমৃদ্ধি তোমার হবে।

  34. 5 পরিশ্রমীদের পরিকল্পনা লাভের মুখ দেখে

    ঠিক যেভাবে হঠকারিতা দারিদ্র নিয়ে আসে।

  35. 25 অলসের তীব্র আকাঙ্ক্ষা তার মৃত্যু ডেকে আনে,

    কারণ তার হাত দুটি কাজ করতে অস্বীকার করে।

    26 সারাটি দিন ধরে সে আরও বেশি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করে,

    কিন্তু ধার্মিকেরা অকাতরে দান করে।

  36. 4 ধৈর্যকে অবশ্যই তার কাজ শেষ করতে হবে, যেন তোমরা পরিপক্ব ও সম্পূর্ণ হয়ে উঠতে পারো, কোনো বিষয়ের অভাব তোমাদের না থাকে।

  37. 2 সপ্তম দিনে এসে ঈশ্বর তাঁর সব কাজকর্ম সমাপ্ত করলেন; তাই সপ্তম দিনে তিনি তাঁর সমস্ত কাজ থেকে বিশ্রাম নিলেন। 3 আর ঈশ্বর সপ্তম দিনকে আশীর্বাদ করে সেটিকে পবিত্র করলেন, কারণ এই দিনেই তিনি তাঁর সব সৃষ্টিকর্ম সম্পূর্ণ করে বিশ্রাম নিয়েছিলেন।

  38. 13 ঘুম ভালোবেসো না পাছে তুমি দরিদ্র হয়ে যাও;

    জেগে থাকো ও তোমার কাছে অতিরিক্ত খাদ্যদ্রব্য থাকবে।

  39. 37 কারণ ঈশ্বর যা বলেন তা সবসময় সত্যি হয়।”

  40. 8 পবিত্রতায় বিশ্রামদিন পালন করে স্মরণ কোরো। 9 ছয় দিন তুমি পরিশ্রম করবে ও তোমার সব কাজকর্ম করবে, 10 কিন্তু সপ্তম দিনটি তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামদিন। সেদিন তুমি, তোমার ছেলে বা মেয়ে, তোমার দাস বা দাসী, তোমার পশুপাল, বা তোমার নগরে বসবাসকারী কোনো বিদেশি, কেউ কোনও কাজ কোরো না। 11 কারণ ছয় দিনে সদাপ্রভু আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও সেগুলির মধ্যে থাকা সমস্ত কিছু তৈরি করেছিলেন, কিন্তু সপ্তম দিন তিনি বিশ্রাম নিয়েছিলেন। তাই সদাপ্রভু সাব্বাথবারকে আশীর্বাদ করে সেটি পবিত্র করলেন।

  41. একটি আরোহণ সংগীত। শলোমনের গীত।

    1 যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন,

    তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে।

    যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন,

    তবে নগররক্ষীরা বৃথাই রাতে জেগে থাকে।

    2 বৃথাই তোমরা খুব সকালে ওঠো

    আর অনেক রাত পর্যন্ত জেগে থাকো,

    অন্ন-সংস্থানের জন্য পরিশ্রম করো—

    কারণ তিনি যাদের ভালোবাসেন তাদের চোখে ঘুম দেন।

  42. 1 হে আমার বাছা, তুমি আমার শিক্ষা ভুলে যেয়ো না,

    কিন্তু তোমার হৃদয়ে আমার আদেশগুলি সঞ্চয় করে রেখো,

    2 কারণ সেগুলি তোমার আয়ু বহু বছর বাড়িয়ে তুলবে

    ও তোমার জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে।

    3 ভালোবাসা ও বিশ্বস্ততা যেন কখনও তোমাকে ত্যাগ করে না যায়;

    সেগুলি তোমার গলায় বেঁধে রাখো,

    সেগুলি তোমার হৃদয়-ফলকে লিখে রাখো।

    4 তবেই তুমি ঈশ্বরের ও মানুষের দৃষ্টিতে

    অনুগ্রহ ও সুখ্যাতি লাভ করবে।

    5 তুমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর উপর আস্থা রাখো

    ও নিজের বিচক্ষণতার উপর নির্ভর কোরো না;

    6 তোমার সমস্ত পথে তাঁর বশ্যতাস্বীকার করো,

    ও তিনি তোমার পথগুলি সোজা করে দেবেন।

  43. 6 আমরা যদি যন্ত্রণাগ্রস্ত হই, তা তোমাদের সান্ত্বনা ও পরিত্রাণের জন্য; যদি আমরা সান্ত্বনা লাভ করি, তা তোমাদের সান্ত্বনার জন্য, যা তোমাদের মধ্যে ধৈর্যসহ, আমরা যে কষ্টভোগ করি, সেই একই কষ্টভোগে সহ্যশক্তি উৎপন্ন করে।

  44. 27 যাই ঘটুক না কেন, তোমরা খ্রীষ্টের সুসমাচারের যোগ্য আচরণ করো। তাহলে আমি কাছে এসে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করি বা আমার অনুপস্থিতিতে তোমাদের কথা শুধু শুনেই থাকি, আমি জানব যে তোমরা এক আত্মায় অবিচল আছ, এবং এক মন হয়ে সুসমাচারে তোমাদের স্থির বিশ্বাসের জন্য সংগ্রাম করছ,

  45. 9 এই কারণে আমরাও, যেদিন থেকে তোমাদের কথা শুনেছি সেইদিন থেকে তোমাদের জন্য প্রার্থনা করা থেকে বিরত হইনি। আমরা ঈশ্বরের কাছে প্রতিনিয়ত নিবেদন করি, যেন তোমরা সমস্ত আত্মিক জ্ঞানে ও বোধশক্তিতে তাঁর ইচ্ছার তত্ত্বজ্ঞানে পূর্ণ হও। 10 আমরা এজন্য এই প্রার্থনা করছি যে, তোমরা যেন প্রভুর যোগ্যরূপে জীবনযাপন করো, জীবনের প্রতি ক্ষেত্রেই তোমাদের আচরণ দ্বারা তাঁকে সন্তুষ্ট করে তোলো, সমস্ত শুভকাজে সফল হয়ে ওঠো ও ঐশ্বরিক জ্ঞানে বৃদ্ধিলাভ করো। 11 ঈশ্বরের গৌরবময় শক্তিতে তোমরা পরাক্রান্ত হয়ে যেন অসীম সহিষ্ণুতা ও ধৈর্যের অধিকারী হও এবং 12 সানন্দে পিতাকে ধন্যবাদ জ্ঞাপন করো, যিনি জ্যোতির রাজ্যে পবিত্রগণের যে অধিকার তার অংশীদার হওয়ার জন্য তোমাদের যোগ্য করে তুলেছেন।

  46. 4 তাই সমস্ত নির্যাতন এবং দুঃখকষ্টের মধ্যেও তোমাদের সহনশীলতা ও বিশ্বাসের জন্য ঈশ্বরের মণ্ডলীগুলিতে আমরা গর্ব করি।

  47. 10 তুমি অবশ্য আমার শিক্ষা, আমার জীবনচর্যা, আমার উদ্দেশ্য, বিশ্বাস, ধৈর্য, ভালোবাসা, সহিষ্ণুতা, 11 লাঞ্ছনা, দুঃখকষ্ট, সবকিছু জানো—যেসব ঘটনা আন্তিয়খ, ইকনিয় ও লুস্ত্রাতে আমার প্রতি ঘটেছিল এবং যেসব নির্যাতন আমি সহ্য করেছিলাম। তবুও প্রভু সে সমস্ত থেকে আমাকে উদ্ধার করেছেন।

  48. 36 তোমাদের ধৈর্য ধরার প্রয়োজন আছে, যেন ঈশ্বরের ইচ্ছা পালন করে তিনি যা প্রতিজ্ঞা করেছেন, তা লাভ করতে পারো। 37 কারণ,

    আর অতি অল্পকাল পরেই,

    “যাঁর আগমন সন্নিকট, তিনি আসবেন,

    বিলম্ব করবেন না।

    38 কিন্তু আমার ধার্মিক ব্যক্তি,

    বিশ্বাসের দ্বারাই জীবিত থাকবে।

    যদি সে পিছিয়ে পড়ে,

    আমি তার প্রতি প্রসন্ন হব না।”

  49. 1 সুতরাং, আমরা এরকম এক বিশাল সাক্ষীবাহিনী দ্বারা পরিবেষ্টিত হওয়ায়, এসো বাধাদায়ক সমস্ত বিষয় ও যেসব পাপ সহজেই আমাদের জড়িয়ে ধরে, সেগুলি ছুঁড়ে ফেলি। আর যে দৌড় আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে, এসো ধৈর্যের সঙ্গে সেই অভিমুখে ছুটে চলি। 2 এসো, আমাদের বিশ্বাসের আদি-উৎস ও সিদ্ধিদাতা যীশুর উপরে আমাদের দৃষ্টি নিবদ্ধ করি, যিনি তাঁর সামনে স্থিত আনন্দের জন্য ক্রুশ সহ্য করলেন, সেই লজ্জাকে উপেক্ষা করলেন ও ঈশ্বরের সিংহাসনের ডানদিকে উপবেশন করলেন। 3 পাপী মানুষের এত বিরোধিতা যিনি সহ্য করলেন, তাঁর কথা বিবেচনা করো, তাহলে তোমরাও ক্লান্তিতে অবসন্ন ও নিরুৎসাহ হবে না।

  50. 15 অলসতা অগাধ ঘুম নিয়ে আসে,

    ও অপারদর্শী মানুষ ক্ষুধার্তই থেকে যায়।

  51. 24 মানুষের পক্ষে খাওয়াদাওয়া করা এবং নিজের কাজে সন্তুষ্ট থাকা ছাড়া ভালো আর কিছুই নেই। এটাও আমি দেখলাম, এসব ঈশ্বরের হাত থেকে আসে,

  52. 18 ভালো হলে কী হয় তা আমি লক্ষ্য করলাম ঈশ্বর সূর্যের নিচে মানুষকে যে কয়টা দিন বাঁচতে দিয়েছেন তাতে খাওয়াদাওয়া করা এবং কঠিন পরিশ্রমের মধ্যে তৃপ্ত হওয়াই তার পক্ষে ভালো এবং উপযুক্ত কারণ ওটিই তার পাওনা। 19 এছাড়া, ঈশ্বর যখন কোনো মানুষকে ধন ও সম্পত্তি দেন তখন তাকে তা ভোগ করতে দেন, তার নিজের জন্য একটি অংশগ্রহণ করতে দেন ও নিজের কাজে আনন্দ করতে দেন—এটাই ঈশ্বরের দান। 20 তারা কদাচিৎ তাদের জীবনের দিনগুলির দিকে ফিরে তাকায়, কারণ ঈশ্বর তার মনে আনন্দ দিয়ে তাকে ব্যস্ত রাখেন।

  53. 8 কারণ বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহের দ্বারাই তোমরা পরিত্রাণ লাভ করেছ। তা তোমাদের থেকে হয়নি, কিন্তু ঈশ্বরেরই দান। 9 তা কোনো কাজের ফল নয় যে তা নিয়ে কেউ গর্ববোধ করবে। 10 কারণ আমরা ঈশ্বরের রচনা, সৎকর্ম করার জন্য খ্রীষ্ট যীশুতে সৃষ্ট, যা তিনি পূর্ব থেকেই আমাদের করার জন্য প্রস্তুত করেছিলেন।

  54. 2 হে আমার ভাইবোনেরা, যখনই তোমরা বিভিন্ন প্রকারের পরীক্ষার সম্মুখীন হও, সেগুলিকে নির্মল আনন্দের বিষয় বলে মনে করো, 3 কারণ তোমরা জানো যে, তোমাদের বিশ্বাসের পরীক্ষা ধৈর্য উৎপন্ন করে।

  55. 12 তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যেমন আদেশ করেছেন, তেমনি করে বিশ্রামদিন পালন করে পবিত্র রেখো। 13 ছয় দিন তুমি পরিশ্রম করবে ও তোমার সব কাজকর্ম করবে, 14 কিন্তু সপ্তম দিনটি তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামদিন। সেদিন তুমি, তোমার ছেলে বা মেয়ে, তোমার দাস বা দাসী, তোমার বলদ বা তোমার গাধা বা অন্য কোনও পশুপাল বা তোমার নগরে বসবাসকারী কোনো বিদেশি, কেউ কোনও কাজ কোরো না, যেন তোমার দাস বা দাসী বিশ্রাম পায়, যেমন তুমিও পাও। 15 মনে রেখো যে তোমরা মিশরে দাস ছিলে এবং তোমার ঈশ্বর সদাপ্রভু বলবান হাত ও বিস্তারিত বাহু দিয়ে সেখান থেকে তোমাকে বের করে এনেছেন। সেইজন্যই তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে বিশ্রামদিন পালন করার আদেশ দিয়েছেন।

  56. 14 যে দিনমজুর গরিব বা অভাবগ্রস্ত তার কাছ থেকে সুবিধা নেবে না, সেই মজুর এক ইস্রায়েলী ভাই কিংবা একজন বিদেশি যে তোমাদের কোনও এক নগরে বাস করছে। 15 প্রতিদিন সূর্য অস্ত যাওয়ার আগেই তার মজুরি দিয়ে দেবে, কারণ সে গরিব এবং তার উপরেই নির্ভর করে। তা না করলে সে তোমাদের বিরুদ্ধে সদাপ্রভুর কাছে কাতর হয়ে বিচার চাইবে, আর তোমরা পাপে দোষী হবে।

  57. 11 অসাধু উপায়ে অর্জিত অর্থ কমে যায়,

    কিন্তু যে অল্প অল্প করে অর্থ সংগ্রহ করে, তার অর্থ বাড়তে থাকে।

  58. 13 অলস বলে, “বাইরে সিংহ আছে!

    নগরের চকে গেলেই আমি নিহত হব!”

  59. 38 আমি তোমাদের এমন ফসল সংগ্রহ করতে পাঠিয়েছি, যার জন্য তোমরা পরিশ্রম করোনি। অন্যেরা কঠোর পরিশ্রম করেছে, আর তোমরা তাদের শ্রমের ফসল সংগ্রহ করেছ।”

  60. 9 ভাইবোনেরা, আমাদের কঠোর পরিশ্রম এবং কষ্টস্বীকারের কথা তোমাদের নিশ্চয় মনে আছে। তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচারের সময়, আমরা যেন কারও বোঝা না হই, সেজন্য আমরা দিনরাত পরিশ্রম করেছি।

  61. 15 সর্বোত্তম প্রচেষ্টার দ্বারা তুমি ঈশ্বরের কাছে নিজেকে অনুমোদিতরূপে উপস্থাপন করো; এমন কার্যকারী হও, যার লজ্জিত হওয়ার প্রয়োজন নেই, যে সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার করতে জানে।

  62. 30 পরে মোশি ইস্রায়েলীদের বললেন, “দেখো, সদাপ্রভু যিহূদা গোষ্ঠীভুক্ত হূরের নাতি তথা ঊরির ছেলে বৎসলেলকে মনোনীত করেছেন, 31 এবং তিনি তাকে ঈশ্বরের আত্মায়, প্রজ্ঞায়, বুদ্ধিতে, জ্ঞানে এবং সব ধরনের দক্ষতায় পরিপূর্ণ করেছেন— 32 যেন সে সোনা, রুপো ও ব্রোঞ্জ দিয়ে শিল্পবোধসম্পন্ন নকশা ফুটিয়ে তোলে, 33 মণিরত্ন কেটে বসায়, কাঠের কাজ করে এবং সব ধরনের শিল্পবোধসম্পন্ন কারুশিল্পের কাজে লিপ্ত হয়। 34 আর তিনি তাকে ও দান গোষ্ঠীভুক্ত অহীষামকের ছেলে অহলীয়াব, এই দুজনকেই অন্যান্য মানুষজনকে শিক্ষা দেওয়ার ক্ষমতা দিয়েছেন। 35 তিনি তাদের ও তাঁতিদের খোদাইকারী, নকশাকার ও সূচিশিল্পীরূপে নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতো ও মিহি মসিনা দিয়ে সব ধরনের কাজ করার দক্ষতায় পরিপূর্ণ করেছেন—তারা সবাই দক্ষ কারিগর ও নকশাকার।

  63. 23 তারপর মানুষ তাদের কাজের জন্য বাইরে যায়

    সেখানে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রমে রত থাকে।

  64. 26 দাঁতের পক্ষে সিরকা ও চোখের পক্ষে ধোঁয়া যেমন,

    অলসরাও তাদের যারা পাঠায় তাদের পক্ষে ঠিক তেমনই।

  65. 27 অলসেরা শিকার করা কোনো কিছু উনুনে সেঁকে না,

    কিন্তু পরিশ্রমীরা শিকারের ধন উপভোগ করে।

  66. 4 অলসেরা যথাসময়ে লাঙ্গল চষে না;

    অতএব ফসল কাটার সময় তারা চেয়ে দেখে কিন্তু কিছুই পায় না।

  67. 19 আর কে জানে সেই লোক জ্ঞানী না বুদ্ধিহীন হবে? তবুও সেই আমার পরিশ্রমের সব ফল নিয়ন্ত্রণ করবে, যার জন্য আমি সূর্যের নিচে সমস্ত প্রচেষ্টা ও দক্ষতা ঢেলেছি। এটাও অসার। 20 অতএব সূর্যের নিচে যেসব পরিশ্রমের কাজ করেছি তার জন্য আমার অন্তর নিরাশ হতে লাগল। 21 কেননা জ্ঞান, বুদ্ধি ও দক্ষতা দিয়ে একজন পরিশ্রম করতে পারে, কিন্তু তারপরে তার সবকিছু অধিকার হিসেবে এমন একজনের জন্য রেখে যেতে হয় যে লোক তার জন্য কোনো পরিশ্রম করেনি। এটাও অসার এবং দুর্ভাগ্যের বিষয়। 22 সূর্যের নিচে মানুষের যে সকল পরিশ্রম ও উদ্বেগ হয়, তাতে তার কী লাভ হয়? 23 সারাদিন তার কাজে থাকে মনস্তাপ ও ব্যথা; রাতেও তার মন বিশ্রাম পায় না। এটাও অসার।

  68. 4 আর আমি দেখলাম একজনের প্রতি হিংসার দরুনই মানুষ সব পরিশ্রম করে এবং সফলতা লাভ করে। এটাও অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো।

    5 বোকারা হাত গুটিয়ে রাখে

    এবং নিজেদের ধ্বংস করে।

    6 দুই মুঠো পরিশ্রম পাওয়া

    এবং কেবল বাতাসের পিছনে দৌড়ানোর চেয়ে

    এক হাত শান্তি পাওয়া ভালো।

    7 আবার আমি সূর্যের নিচে অসারতা দেখতে পেলাম

  69. 62 যীশু উত্তর দিলেন, “লাঙ্গলে হাত দিয়ে যে পিছনে ফিরে তাকায়, সে ঈশ্বরের রাজ্যের সেবাকাজের উপযুক্ত নয়।”

  70. 24 তোমাদের জন্য আমি আমার দেহে যে দুঃখকষ্ট আমি ভোগ করেছি তার জন্য এখন আমি আনন্দ বোধ করছি কারণ এভাবে আমি খ্রীষ্টের কষ্টভোগে অংশগ্রহণ করছি যা তাঁর দেহ অর্থাৎ মণ্ডলীর ক্ষেত্রে বজায় রয়েছে। 25 তোমাদের কাছে ঈশ্বরের বাক্যকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য ঈশ্বর আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন, সেজন্য আমি মণ্ডলীর দাসত্ব বরণ করেছি। 26 যুগযুগাম্ত এবং বহু প্রজন্ম ধরে এই গুপ্তরহস্য গোপন রাখা হয়েছিল, কিন্তু এখন তা পবিত্রগণের কাছে প্রকাশ করা হয়েছে। 27 কারণ ঈশ্বর চেয়েছিলেন, তাঁরা জানবে যে খ্রীষ্টের ঐশ্বর্য ও গৌরব অইহুদিদের জন্যও। আর এই হল সেই গুপ্তরহস্য: খ্রীষ্ট তোমাদের মধ্যে বাস করেন; এই সত্য তোমাদের আশ্বাস দেয় যে তোমরাও তাঁর গৌরবের ভাগীদার হবে।

    28 আমরা তাঁকেই প্রচার করি। প্রত্যেককে আমরা পূর্ণরূপে সতর্ক করে তুলি এবং শিক্ষা দিই যেন প্রত্যেককে খ্রীষ্টে নিখুঁতরূপে উপস্থিত করতে পারি। 29 এই উদ্দেশ্যে খ্রীষ্টের যেসব শক্তি আমার মধ্যে প্রবলভাবে সক্রিয়, তাঁরই সহায়তায় আমি পরিশ্রম ও সংগ্রাম করে চলেছি।

  71. 6 সুতরাং, খ্রীষ্ট যীশুকে যেমন প্রভুরূপে গ্রহণ করেছ, তেমনই তাঁর মধ্যেই জীবনযাপন করতে থাকো। 7 তাঁর মধ্যেই তোমাদের বিশ্বাসের মূল গভীর হোক ও গড়ে ওঠো। তোমরা যে শিক্ষা পেয়েছ তা অনুযায়ী বিশ্বাসে দৃঢ় হও ও ধন্যবাদ অর্পণে উচ্ছ্বসিত হও।

  72. 2 আমাদের প্রার্থনায় তোমাদের নাম উল্লেখ করে আমরা তোমাদের সবার জন্য ঈশ্বরের কাছে সবসময় ধন্যবাদ নিবেদন করি। 3 বিশ্বাসের বলে তোমরা যে কাজ করেছ, প্রেমের বশে যে পরিশ্রম দিয়েছ এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের উপর প্রত্যাশা রেখে যে সহিষ্ণুতার পরিচয় রেখেছ—আমাদের ঈশ্বর ও পিতার সমক্ষে আমরা সেকথা বারবার মনে করি।

  73. 16 তোমার জীবন ও শাস্ত্রশিক্ষা সম্বন্ধে একান্তভাবে সচেতন থেকো। এসব পালন করে চলো তাহলে তুমি নিজেকে এবং তোমার কথা যারা শোনে, তাদেরও রক্ষা করতে পারবে।

  74. 7 আমি উত্তম সমরে সংগ্রাম করেছি। আমার দৌড় শেষ হয়েছে। আমি বিশ্বাস রক্ষা করেছি।

  75. 14 আমাদের লোকদের সৎকর্মে আত্মনিয়োগ করতে শেখা উচিত, যেন তারা দৈনিক প্রয়োজন মেটাতে পারে এবং তাদের জীবন ফলহীন হয়ে না পড়ে।

  76. 12 ধন্য সেই ব্যক্তি, যে পরীক্ষার মধ্যেও ধৈর্য ধরে, কারণ পরীক্ষা সহ্য করলে সে জীবনমুকুট লাভ করবে, যা দেওয়ার প্রতিশ্রুতি ঈশ্বর তাদের দিয়েছেন, যারা তাঁকে ভালোবাসে।

  77. 5 বিশেষ এই কারণেই তোমরা সর্বতোভাবে চেষ্টা করে তোমাদের বিশ্বাসের সঙ্গে যুক্ত করো সৎ আচরণ, সৎ আচরণের সঙ্গে জ্ঞান, 6 জ্ঞানের সঙ্গে আত্মসংযম, আত্মসংযমের সঙ্গে নিষ্ঠা, নিষ্ঠার সঙ্গে ভক্তি 7 ও ভক্তির সঙ্গে একে অপরের প্রতি স্নেহ এবং একে অপরের প্রতি স্নেহের সঙ্গে ভালোবাসা। 8 কারণ তোমরা যদি এই সমস্ত গুণের অধিকারী হয়ে সেগুলির বৃদ্ধি ঘটাও, তাহলে সেগুলিই তোমাদের প্রভু যীশু খ্রীষ্টের সম্বন্ধে জ্ঞানলাভের পথে তোমাদের নিষ্ক্রিয় বা নিষ্ফল হতে দেবে না।