44 Bible Verses About Patience

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Patience
  1. 1 আমি যদি সব মানুষের ও দূতদেরও ভাষায় কথা বলি, কিন্তু আমার ভালোবাসা না থাকে, তাহলে আমি শুধু এক অনুনাদী কাঁসরঘণ্টা বা ঝনঝনকারী করতাল। 2 যদি আমার ভাববাণী বলার বরদান আছে এবং আমি সকল গুপ্তরহস্য ও সমস্ত জ্ঞানে পারদর্শী হই এবং আমার যদি এমন বিশ্বাস থাকে, যা পাহাড়-পর্বতকে স্থানান্তরিত করতে পারে, অথচ আমার ভালোবাসা না থাকে, তাহলে আমি কিছুই নই। 3 যদি আমি আমার সর্বস্ব দরিদ্রদের দান করি এবং আগুনে পুড়ে যাওয়ার জন্য আমার দেহ সমর্পণ করি, কিন্তু ভালোবাসা না থাকে, আমার কোনোই লাভ হয় না।

    4 প্রেম চিরসহিষ্ণু, প্রেম সদয়। তা ঈর্ষা করে না, আত্মঅহংকার করে না, গর্বিত হয় না। 5 তা রূঢ় আচরণ করে না, স্বার্থ অন্বেষণ করে না, সহজে ক্রুদ্ধ হয় না, অন্যায় আচরণ মনে রাখে না। 6 প্রেম মন্দ কিছুতে আনন্দ করে না, কিন্তু সত্যে উল্লসিত হয়। 7 তা সবসময় সুরক্ষা দেয়, সবসময়ই বিশ্বাস করে, সবসময়ই প্রত্যাশায় থাকে, সবসময়ই ধৈর্য ধরে।

    8 প্রেম কখনও ব্যর্থ হয় না। কিন্তু যদি ভাববাণী থাকে, সেগুলির অবসান হবে। যদি ভিন্ন ভিন্ন ভাষা থাকে, সেগুলি স্তব্ধ হয়ে যাবে; যদি জ্ঞান থাকে, তা অবলুপ্ত হবে।

  2. 6 যারা প্রতিরোধ করেনি সেইসব নির্দোষ মানুষকেও তোমরা অপরাধী সাব্যস্ত করে হত্যা করেছ।

    7 তাই ভাইবোনেরা, তোমরা প্রভুর আগমন পর্যন্ত ধৈর্যধারণ করো। দেখো, মূল্যবান ফসলের জন্য চাষি জমির দিকে তাকিয়ে কত প্রতীক্ষা করে, প্রথম ও শেষ বৃষ্টির জন্য সে কতই না সহিষ্ণুতা অবলম্বন করে। 8 তোমরাও তেমনই ধৈর্যধারণ করো ও অবিচল থাকো, কারণ প্রভুর আগমন সন্নিকট। 9 ভাইবোনেরা, পরস্পরের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ কোরো না, নতুবা তোমাদের বিচার করা হবে। বিচারক দুয়ারেই দাঁড়িয়ে আছেন!

    10 ভাইবোনেরা, কষ্টযন্ত্রণা ভোগের সময় সেইসব ভাববাদীর দীর্ঘসহিষ্ণুতার আদর্শ গ্রহণ করো, যাঁরা প্রভুর নামে কথা বলেছিলেন। 11 যেমন তোমরা জানো, যারা কষ্টভোগের সময় নিষ্ঠাবান ছিল তাদের আমরা ধন্য বলে মনে করি। তোমরা ইয়োবের নিষ্ঠার কথা শুনেছ এবং দেখেছ, শেষে প্রভু কী করলেন। প্রভু সহানুভূতিশীল ও করুণায় পূর্ণ।

  3. 3 শুধু তাই নয়, আমরা আমাদের দুঃখকষ্টেও আনন্দ করি, কারণ আমরা জানি, দুঃখকষ্ট সহিষ্ণুতাকে, 4 সহিষ্ণুতা অভিজ্ঞতাকে ও অভিজ্ঞতা প্রত্যাশার জন্ম দেয়। 5 সেই প্রত্যাশা আমাদের নিরাশ করে না, কারণ আমাদের প্রতি দেওয়া পবিত্র আত্মা দ্বারা ঈশ্বর তাঁর প্রেম আমাদের হৃদয়ে উজাড় করে ঢেলে দিয়েছেন।

  4. 8 প্রিয় বন্ধুরা, এই একটি কথা কিন্তু ভুলে যেয়ো না: প্রভুর কাছে একদিন হাজার বছরের সমান ও হাজার বছর একদিনের সমান। 9 প্রভু তাঁর প্রতিশ্রুতি পালনে দেরি করেন না যেমন কেউ কেউ তা মনে করে। তিনি তোমাদের প্রতি দীর্ঘসহিষ্ণু, তিনি চান না, কেউ যেন বিনষ্ট হয়, কিন্তু চান, প্রত্যেকেই যেন মন পরিবর্তন করে।

    10 কিন্তু প্রভুর সেদিন আসবে চোরের মতো। আকাশমণ্ডল গুরুগম্ভীর গর্জনে অদৃশ্য হয়ে যাবে; এর মৌলিক পদার্থগুলি আগুনে ধ্বংস হবে এবং পৃথিবী ও তার মধ্যে সবকিছুই আগুনে পুড়ে বিলীন হবে।

    11 সবকিছুই যখন এভাবে ধ্বংস হয়ে যাবে, তখন তোমাদের কী ধরনের মানুষ হওয়া উচিত? তোমাদের অবশ্যই পবিত্র ও ভক্তিপূর্ণ জীবনযাপন করতে হবে, 12 যখন তোমরা ঈশ্বরের সেই দিনের আগমনের জন্য প্রতীক্ষা করছ ও চাইছ যে তা যেন দ্রুত আসে। সেদিনে আকাশমণ্ডল ধ্বংস হয়ে যাবে এবং মৌলিক পদার্থগুলি আগুনে পুড়ে গলে যাবে। 13 কিন্তু তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী আমরা এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবীর প্রতীক্ষায় আছি, তা হবে ধার্মিকতার আবাস।

    14 তাহলে, প্রিয় বন্ধুরা, তোমরা যেহেতু এরই প্রতীক্ষা করে আছ তাই সব ধরনের প্রয়াস করো, যেন তোমাদের নিষ্কলঙ্ক ও নির্দোষ অবস্থায় ও শান্তিতে তাঁর কাছে দেখতে পাওয়া যায়। 15 মনে রাখবে, আমাদের প্রভুর দীর্ঘসহিষ্ণুতা মানুষকে পরিত্রাণ পাওয়ার সুযোগ দেয়। আমাদের প্রিয় ভাই পৌলও ঈশ্বরের দেওয়া জ্ঞান ব্যবহার করে তোমাদের একথা লিখেছেন।

  5. 1 আমরা যারা বলবান, আমাদের উচিত দুর্বলদের ব্যর্থতা বহন করা এবং নিজেদের সন্তুষ্ট না করা। 2 আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিবেশীকে গঠন করার উদ্দেশে তার মঙ্গলের জন্য তাকে সন্তুষ্ট করা। 3 কারণ, এমনকি খ্রীষ্টও নিজেকে সন্তুষ্ট করলেন না, কিন্তু যেমন লেখা আছে, “যারা তোমাকে অপমান করে, তাদের করা সব অপমান আমার উপরে এসে পড়েছে।” 4 এই কারণে, অতীতে যা কিছু লেখা হয়েছিল, তা আমাদের শিক্ষার জন্যই লেখা হয়েছিল, যেন সহিষ্ণুতা ও শাস্ত্রবাণীর আশ্বাসের মাধ্যমে আমরা প্রত্যাশা লাভ করি।

    5 যে ঈশ্বর সহিষ্ণুতা ও আশ্বাস দেন, তিনি তোমাদের মধ্যে পরস্পরের সঙ্গে ঐক্যের মনোভাব নিয়ে বাস করার ক্ষমতা প্রদান করুন যা খ্রীষ্ট যীশুর বিশ্বাসীদের পক্ষে মানানসই। 6 তখন তোমরা এক মনে ও একস্বরে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতার মহিমাকীর্তন করতে পারবে।

  6. 19 শারীরিক লালসার সব কাজ সুস্পষ্ট: ব্যভিচার, বিবাহ-বহির্ভূত যৌনাচার ও উচ্ছৃঙ্খলতা; 20 প্রতিমাপূজা ও ডাকিনীবিদ্যা; ঘৃণা, ঈর্ষা, ক্রোধের উত্তেজনা, স্বার্থকেন্দ্রিক উচ্চাকাঙ্ক্ষা, মতবিরোধ, দলাদলি ও 21 হিংসা; মত্ততা, রঙ্গরস ও এ ধরনের আরও অনেক বিষয়। আগের মতোই আমি আবার তোমাদের সতর্ক করছি, যারা এ ধরনের জীবনযাপন করে, তারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না।

    22 কিন্তু পবিত্র আত্মার ফল হল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, পরোপকারিতা, বিশ্বস্ততা, 23 বিনম্রতা ও আত্মসংযম। এসব বিষয়ের বিরুদ্ধে কোনও বিধান নেই। 24 আর যারা খ্রীষ্ট যীশুর, তারা শারীরিক লালসার সমস্ত আসক্তি ও অভিলাষকে ক্রুশার্পিত করেছে।

  7. 2 হে আমার ভাইবোনেরা, যখনই তোমরা বিভিন্ন প্রকারের পরীক্ষার সম্মুখীন হও, সেগুলিকে নির্মল আনন্দের বিষয় বলে মনে করো, 3 কারণ তোমরা জানো যে, তোমাদের বিশ্বাসের পরীক্ষা ধৈর্য উৎপন্ন করে। 4 ধৈর্যকে অবশ্যই তার কাজ শেষ করতে হবে, যেন তোমরা পরিপক্ব ও সম্পূর্ণ হয়ে উঠতে পারো, কোনো বিষয়ের অভাব তোমাদের না থাকে। 5 তোমাদের কারও যদি প্রজ্ঞার অভাব থাকে, সে ঈশ্বরের কাছে তা চাইবে, যিনি কোনও ত্রুটি না ধরে উদারভাবে সকলকে দান করে থাকেন, আর তাকে তা দেওয়া হবে।

  8. 10 প্রেমে তোমরা পরস্পরের প্রতি অনুরক্ত হও। নিজেদের থেকেও বেশি একে অপরকে সম্মান করো। 11 কর্ম উদ্যোগে শিথিল হোয়ো না, কিন্তু আত্মায় উদ্দীপিত থেকো ও প্রভুর সেবা করো। 12 প্রত্যাশায় আনন্দ করো, কষ্ট-সংকটে সহিষ্ণু হও, প্রার্থনায় বিশ্বস্ত থেকো। 13 ঈশ্বরভক্তদের অভাবে সাহায্য করো। আতিথেয়তার চর্চা করো।

  9. 1 অতএব, প্রভুতে বন্দি আমি তোমাদের কাছে মিনতি করছি, যে আহ্বান তোমরা লাভ করেছ, তার যোগ্য হয়ে জীবনযাপন করো। 2 সম্পূর্ণ নম্র ও অমায়িক হও, ধৈর্যশীল হয়ে প্রেমে পরস্পরের প্রতি সহনশীল হও। 3 শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করার জন্য বিশেষভাবে সচেষ্ট হও। 4 দেহ এক এবং আত্মা এক, তেমনই তোমাদের প্রত্যাশাও এক, যে প্রত্যাশার উদ্দেশে তোমরা আহূত হয়েছিলে। 5 প্রভু এক, বিশ্বাস এক, বাপ্তিষ্ম এক, 6 সকলের ঈশ্বর ও পিতা এক, তিনি সকলের উপরে, সকলের কাছে এবং সকলের অন্তরে আছেন।

  10. 22 আমরা জানি যে, সমস্ত সৃষ্টি বর্তমানকাল পর্যন্ত সন্তান প্রসবের যন্ত্রণার মতো আর্তনাদ করছে। 23 শুধু তাই নয়, কিন্তু আমরা নিজেরাও, যারা আত্মার প্রথম ফল পেয়েছি, আমাদের দত্তকপুত্র হয়ে স্বীকৃতি পাওয়ার গভীর প্রতীক্ষায় ও শরীরের মুক্তির জন্য অন্তরে আর্তনাদ করছি। 24 কারণ এই প্রত্যাশাতেই আমরা পরিত্রাণ লাভ করেছি। কিন্তু যে প্রত্যাশা দৃষ্টিগোচর, তা আদৌ কোনো প্রত্যাশা নয়। যার ইতিমধ্যে কিছু আছে, তার জন্য কেন সে প্রত্যাশা করবে? 25 কিন্তু যা আমাদের নেই, তার জন্য যদি আমরা প্রত্যাশা করি, তাহলে তার জন্য ধৈর্যসহ প্রতীক্ষা করি।

  11. 12 অতএব, ঈশ্বরের মনোনীত, পবিত্র ও প্রিয়জনরূপে সহানুভূতি, দয়া, নম্রতা, সৌজন্যবোধ এবং সহিষ্ণুতায় নিজেদের আবৃত করো। 13 পরস্পরের প্রতি সহনশীল হও। একের বিরুদ্ধে অপরের কোনো ক্ষোভ থাকলে, পরস্পরকে ক্ষমা করো। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন, তোমরাও তেমনই করো।

  12. 5 তোমার চলার পথ সদাপ্রভুতে সমর্পণ করো;

    তাঁর উপর নির্ভর করো আর তিনি এসব করবেন:

    6 তিনি তোমার ধার্মিকতার পুরস্কার ভোরের মতো,

    আর তোমার সততা মধ্যাহ্নের সূর্যের মতো উজ্জ্বল করবেন।

    7 সদাপ্রভুর সামনে নীরব হও,

    ধৈর্য ধরে তাঁর প্রতীক্ষায় থাকো;

    যখন দুষ্ট ব্যক্তিরা তাদের জীবনে সফল হয়,

    যখন তারা তাদের মন্দ পরিকল্পনা কার্যকর করে, তখন বিচলিত হোয়ো না।

    8 রাগ থেকে দূরে থাকো আর ক্রোধ থেকে মুখ ফেরাও;

    বিচলিত হোয়ো না, তা কেবল মন্দের দিকে নিয়ে যায়।

    9 কারণ যারা দুষ্ট তারা ধ্বংস হবে,

    কিন্তু যারা সদাপ্রভুতে আশা রাখে তারা দেশের অধিকারী হবে।

    10 আর কিছুকাল পরেই দুষ্টদের অস্তিত্ব লোপ পাবে;

    তুমি তাদের খোঁজ করতে পারো কিন্তু তাদের পাওয়া যাবে না।

    11 কিন্তু যারা নম্র তারা দেশের অধিকারী হবে,

    এবং শান্তি ও প্রাচুর্য উপভোগ করবে।

    12 যারা দুষ্ট তারা ধার্মিকদের বিরুদ্ধে চক্রান্ত করে

    আর তাদের প্রতি ক্রোধে দন্তঘর্ষণ করে;

    13 কিন্তু সদাপ্রভু দুষ্টদের দিকে তাকিয়ে হাসেন

    কারণ তিনি জানেন যে তাদের দিন ঘনিয়ে আসছে।

  13. 8 কোনো কাজের শুরুর চেয়ে শেষ ভালো,

    আর অহংকারের চেয়ে ধৈর্য ভালো।

    9 তোমার অন্তরকে তাড়াতাড়ি রেগে উঠতে দিয়ো না,

    কারণ ক্রোধ বোকাদেরই কোলে বাস করে।

  14. 14 ভাইবোনেরা, আমরা তোমাদের মিনতি করছি, যারা অলস, তাদের সতর্ক করো, ভীরু প্রকৃতির ব্যক্তিকে প্রেরণা দিয়ো, দুর্বলকে সাহায্য করো, প্রত্যেকের প্রতি সহনশীলতা দেখিয়ো।

  15. 10 কারণ ঈশ্বর অবিচার করেন না; অতীতে তোমরা তাঁর ভক্তদাসদের প্রতি যে সাহায্য করেছ এবং এখনও করে যাচ্ছ এবং তাঁর প্রতি যে ভালোবাসার নিদর্শন দেখিয়েছ, ঈশ্বর তোমাদের সেসব কাজ ভুলে যাবেন না। 11 আমরা চাই, তোমরা প্রত্যেকে তোমাদের প্রত্যাশা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সমান আগ্রহ বজায় রাখো। 12 আমরা চাই না, তোমরা শিথিল হও, বরং বিশ্বাস ও ধৈর্যের দ্বারা যারা প্রতিশ্রুতির অধিকারী, তাদেরই অনুসরণ করো।

  16. 1 সুতরাং, আমরা এরকম এক বিশাল সাক্ষীবাহিনী দ্বারা পরিবেষ্টিত হওয়ায়, এসো বাধাদায়ক সমস্ত বিষয় ও যেসব পাপ সহজেই আমাদের জড়িয়ে ধরে, সেগুলি ছুঁড়ে ফেলি। আর যে দৌড় আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে, এসো ধৈর্যের সঙ্গে সেই অভিমুখে ছুটে চলি। 2 এসো, আমাদের বিশ্বাসের আদি-উৎস ও সিদ্ধিদাতা যীশুর উপরে আমাদের দৃষ্টি নিবদ্ধ করি, যিনি তাঁর সামনে স্থিত আনন্দের জন্য ক্রুশ সহ্য করলেন, সেই লজ্জাকে উপেক্ষা করলেন ও ঈশ্বরের সিংহাসনের ডানদিকে উপবেশন করলেন। 3 পাপী মানুষের এত বিরোধিতা যিনি সহ্য করলেন, তাঁর কথা বিবেচনা করো, তাহলে তোমরাও ক্লান্তিতে অবসন্ন ও নিরুৎসাহ হবে না।

  17. সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।

    1 আমি ধৈর্যসহ সদাপ্রভুর প্রতীক্ষায় ছিলাম;

    তিনি আমার প্রতি মনোযোগ দিলেন আর আমার প্রার্থনা শুনলেন।

    2 তিনি হতাশার গহ্বর থেকে আমাকে টেনে তুললেন,

    কাদা এবং পাঁক থেকে;

    তিনি এক শৈলের উপর আমার পা স্থাপন করলেন

    এবং আমাকে দাঁড়াবার জন্য এক সুদৃঢ় স্থান দিলেন।

  18. 25 যারা সদাপ্রভুর উপরে তাদের আশা রাখে,

    এবং যারা তাঁর অন্বেষণ করে,

    তিনি তাদের পক্ষে মঙ্গলময়;

    26 সদাপ্রভুর পরিত্রাণের জন্য

    শান্তভাবে অপেক্ষা করা ভালো।

    27 মানুষের যৌবনকালে

    জোয়াল বহন করা উত্তম।

  19. 9 এসো, সৎকর্ম করতে করতে আমরা যেন ক্লান্তিবোধ না করি, কারণ হাল ছেড়ে না দিলে আমরা যথাসময়ে ফসল তুলব।

  20. 12 আমাদের প্রভু, খ্রীষ্ট যীশু, যিনি আমাকে শক্তি দান করেছেন এবং আমাকে বিশ্বস্ত বিচার করে যিনি তাঁর পরিচর্যাকাজে আমাকে নিযুক্ত করেছেন, তাঁকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। 13 যদিও আমি এক সময় ঈশ্বরনিন্দুক, নির্যাতনকারী এবং নৃশংস ছিলাম, কিন্তু তিনি আমার প্রতি করুণা প্রদর্শন করেছেন, কারণ অজ্ঞতা ও অবিশ্বাসের বশেই আমি সেসব করেছিলাম। 14 আমাদের প্রভুর অনুগ্রহ, খ্রীষ্ট যীশুতে স্থিত বিশ্বাস ও প্রেম আমার উপরে প্রচুর পরিমাণে বর্ষিত হয়েছে।

    15 এই উক্তি বিশ্বাসযোগ্য এবং সম্পূর্ণরূপে গ্রহণের যোগ্য যে, খ্রীষ্ট যীশু পাপীদের উদ্ধার করার জন্য পৃথিবীতে এসেছেন এবং তাদের মধ্যে আমিই নিকৃষ্টতম। 16 কিন্তু শুধু এই কারণেই ঈশ্বর আমার প্রতি করুণা প্রদর্শন করলেন যে, আমার মতো জঘন্যতম পাপীর মধ্য দিয়ে খ্রীষ্ট যীশু যেন তাঁর অসীম সহিষ্ণুতা প্রদর্শন করতে পারেন, যেন তাঁর উপর বিশ্বাস করে যারা অনন্ত জীবনের অধিকারী হবে, তাদের কাছে তিনি আমাদের উদাহরণস্বরূপ উপস্থাপন করতে পারেন। 17 এখন অনন্ত রাজাধিরাজ, অবিনশ্বর, অদৃশ্য, একমাত্র ঈশ্বর, তাঁরই প্রতি যুগে যুগে সম্মান ও মহিমা অর্পিত হোক। আমেন।

  21. 3 তাহলে, তোমরা যখন নিছক মানুষ হয়ে তাদের উপরে শাস্তি ঘোষণা করো অথচ নিজেরাও একই কাজ করো, তখন কি মনে হয় যে তোমরা ঈশ্বরের ন্যায়বিচার এড়াতে পারবে? 4 অথবা তোমরা কি তাঁর দয়া, সহিষ্ণুতা ও ধৈর্যের ঐশ্বর্যের প্রতি অবজ্ঞা করছ, একথা না বুঝে যে ঈশ্বরের করুণা তোমাদের অনুতাপের পথে নিয়ে যায়?

    5 কিন্তু তোমাদের একগুঁয়ে ও অনুতাপহীন হৃদয়ের কারণে, তোমরা নিজেদেরই উপরে ঈশ্বরের সেই ক্রোধ প্রকাশ করার দিনের জন্য ঈশ্বরের ক্রোধ জমা করছ, যেদিন তাঁর ধর্মময় ন্যায়বিচার প্রকাশিত হবে। 6 ঈশ্বর “প্রত্যেক মানুষকে তার কাজ অনুযায়ী পুরস্কার দেবেন।” 7 যারা নিরবচ্ছিন্ন সৎকর্মের দ্বারা মহিমা, সমাদর ও অক্ষয়তা অনুসরণ করে তিনি তাদের অনন্ত জীবন দেবেন। 8 কিন্তু যারা স্বার্থচেষ্টা করে সত্যকে প্রত্যাখ্যান করে এবং মন্দের অনুসারী হয়, তাদের উপরে ক্রোধ ও রোষ নেমে আসবে।

  22. 5 বিশেষ এই কারণেই তোমরা সর্বতোভাবে চেষ্টা করে তোমাদের বিশ্বাসের সঙ্গে যুক্ত করো সৎ আচরণ, সৎ আচরণের সঙ্গে জ্ঞান, 6 জ্ঞানের সঙ্গে আত্মসংযম, আত্মসংযমের সঙ্গে নিষ্ঠা, নিষ্ঠার সঙ্গে ভক্তি 7 ও ভক্তির সঙ্গে একে অপরের প্রতি স্নেহ এবং একে অপরের প্রতি স্নেহের সঙ্গে ভালোবাসা। 8 কারণ তোমরা যদি এই সমস্ত গুণের অধিকারী হয়ে সেগুলির বৃদ্ধি ঘটাও, তাহলে সেগুলিই তোমাদের প্রভু যীশু খ্রীষ্টের সম্বন্ধে জ্ঞানলাভের পথে তোমাদের নিষ্ক্রিয় বা নিষ্ফল হতে দেবে না। 9 কিন্তু কারও মধ্যে যদি সেগুলি না থাকে, সে অদূরদর্শী ও অন্ধ, সে ভুলে গেছে যে, তার অতীতের সব পাপ থেকে সে শুদ্ধ হয়েছে।

    10 সেই কারণে ভাইবোনেরা, তোমাদের আহ্বান ও মনোনীত হওয়া সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য তোমরা সবাই আরও বেশি আগ্রহী হও। কারণ তোমরা এসব বিষয় সম্পন্ন করলে তোমরা কখনও ব্যর্থ হবে না।

  23. 11 “এই রূপকের অর্থ হল এরকম: সেই বীজ ঈশ্বরের বাক্য। 12 পথের উপর পতিত বীজ হল এমন কিছু লোক, যারা বাক্য শোনে, আর পরে দিয়াবল এসে তাদের অন্তর থেকে বাক্য হরণ করে, যেন তারা বিশ্বাস করতে না পারে ও পরিত্রাণ না পায়। 13 পাথুরে জমির উপরে পতিত বীজ হল তারাই, যারা ঈশ্বরের বাক্য শোনামাত্র সানন্দে গ্রহণ করে, কিন্তু মূল না থাকায় তাদের বিশ্বাস ক্ষণস্থায়ী হয়, কিন্তু পরীক্ষার সময় তারা বিপথগামী হয়। 14 কাঁটাঝোপের মধ্যে পতিত বীজ তারা, যারা বাক্য শোনে, কিন্তু জীবনে চলার পথে বিভিন্ন দুশ্চিন্তা, ধনসম্পত্তি ও বিলাসিতায় ব্যাহত হয়ে পরিপক্ব হতে পারে না। 15 কিন্তু উৎকৃষ্ট জমিতে পতিত বীজ তারাই, যারা উদার ও শুদ্ধচিত্ত, তারা বাক্য শুনে তা আঁকড়ে থাকে এবং নিষ্ঠার সঙ্গে প্রচুর শস্য উৎপন্ন করে।

  24. 29 যে ধৈর্যশীল সে অত্যন্ত বিচক্ষণ,

    কিন্তু যে বদরাগি সে মূর্খতাই প্রকাশ করে ফেলে।

  25. 19 তোমরা যদি অবিচলিত থাকো, তাহলে জীবন লাভ করবে।

  26. 19 আমার প্রিয় ভাইবোনেরা, তোমরা এ বিষয়ে মনোনিবেশ করো: প্রত্যেকেই শুনতে আগ্রহী হও ও কথা বলায় ধীর হও এবং ক্রোধে ধীর হও। 20 কারণ মানুষের ক্রোধ ঈশ্বরের কাঙ্ক্ষিত ধর্মময় জীবনের বিকাশ ঘটাতে পারে না।

  27. 13 তোমাদের পোশাক নয়,

    কিন্তু তোমরা নিজের নিজের হৃদয় বিদীর্ণ করো।

    তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে এসো,

    কারণ তিনি অনুগ্রহকারী ও সহানুভূতিশীল,

    বিলম্বে ক্রোধ করেন ও সীমাহীন তাঁর ভালোবাসা।

    তিনি বিপর্যয় প্রেরণ করে দয়ার্দ্র হন।

  28. 1 ঈশ্বর এবং যিনি জীবিত ও মৃতদের বিচার করবেন, সেই খ্রীষ্ট যীশুর সাক্ষাতে এবং তাঁর আগমন ও তাঁর রাজ্যের প্রেক্ষিতে আমি তোমাকে এই দায়িত্ব অর্পণ করছি: 2 তুমি বাক্য প্রচার করো; সময়ে-অসময়ে প্রস্তুত থেকো; অসীম ধৈর্য ও সুপরামর্শ দিয়ে সবাইকে সংশোধন, তিরস্কার এবং উৎসাহ প্রদান করো।

  29. 2 বয়স্ক ব্যক্তিদের মিতাচারী, শ্রদ্ধেয়, আত্মসংযমী হতে এবং বিশ্বাস, প্রেম ও ধৈর্যে মজবুত হতে শিক্ষা দাও।

  30. 30 কিন্তু তবুও অনেক বছর ধরে তুমি তাদের উপর ধৈর্য ধরেছিলে। তোমার ভাববাদীদের মাধ্যমে তোমার আত্মার দ্বারা তুমি তাদের সতর্ক করেছিলে। অথচ তাতে তারা কান দেয়নি, সেইজন্য প্রতিবেশী অন্য জাতির লোকদের হাতে তুমি তাদের তুলে দিয়েছিলে। 31 কিন্তু তোমার প্রচুর করুণার জন্য তুমি তাদের নিঃশেষ অথবা ত্যাগ করোনি, কারণ তুমি কৃপাময় ও স্নেহশীল ঈশ্বর।

  31. 13 আমি এই বিষয়ে আত্মবিশ্বাসী,

    আমি জীবিতদের দেশে

    সদাপ্রভুর মঙ্গল কাজ দেখব।

    14 সদাপ্রভুর অপেক্ষায় থাকো;

    শক্ত হও ও সাহস করো

    এবং সদাপ্রভুর অপেক্ষায় থাকো।

  32. 19 কারণ ঈশ্বরসচেতন কোনো ব্যক্তি যদি অন্যায্য যন্ত্রণা পেয়ে কষ্টভোগ করে, তাহলে তা প্রশংসার যোগ্য। 20 কিন্তু অন্যায় কাজের জন্য যদি মার খাও ও তা সহ্য করো, তাহলে এতে তোমাদের কৃতিত্ব কোথায়? বরং সৎকর্মের জন্য যদি কষ্টভোগ করো ও তা সহ্য করো, তাই ঈশ্বরের কাছে প্রশংসনীয়। 21 এই উদ্দেশ্যেই তোমাদের আহ্বান করা হয়েছ, কারণ খ্রীষ্টও তোমাদের জন্য কষ্টভোগ করেছেন ও তোমাদের কাছে এক দৃষ্টান্ত রেখে গেছেন, যেন তোমরাও তাঁর চলার পথ অনুসরণ করো।

    22 “তিনি কোনও পাপ করেননি,

    তাঁর মুখেও কোনো ছলনার বাণী পাওয়া যায়নি।”

    23 তাঁর প্রতি যখন নিন্দা-অপমান বর্ষিত হল, তিনি প্রতিনিন্দা করলেন না। যখন কষ্টভোগ করলেন, তিনি কোনও কটু বাক্য উচ্চারণ করলেন না। পরিবর্তে, যিনি ন্যায়বিচারক, তিনি তাঁরই হাতে বিচারের ভার অর্পণ করলেন।

  33. 1 ঈশ্বরের সহকর্মীরূপে আমরা তোমাদের নিবেদন করছি, তোমরা ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ কোরো না। 2 কারণ তিনি বলেন,

    “আমার অনুগ্রহ প্রদর্শনকালে, আমি তোমার কথা শুনেছি,

    আর পরিত্রাণের দিনে আমি তোমাকে সাহায্য প্রদান করেছি।”

    আমি তোমাদের বলি, এখনই ঈশ্বরের সেই অনুগ্রহের সময়, আজই সেই পরিত্রাণের দিন।

    3 আমরা কারও পথে কোনো বাধার সৃষ্টি করি না, যেন আমাদের পরিচর্যা কলঙ্কিত না হয়। 4 বরং, আমরা যেহেতু ঈশ্বরের পরিচারক, সবদিক দিয়ে নিজেদের যোগ্যপাত্ররূপে দেখাতে চাই: মহা ধৈর্যে, কষ্ট-সংকটে, কষ্টভোগ ও দুর্দশায়; 5 প্রহারে, কারাবাসে ও গণবিক্ষোভে, কঠোর পরিশ্রমে, নিদ্রাহীন রাত্রিযাপনে ও অনাহারে; 6 শুদ্ধতায়, জ্ঞানে, সহিষ্ণুতায় ও সদয়ভাবে, পবিত্র আত্মায় ও অকপট ভালোবাসায়; 7 সত্যভাষণে ও ঐশ্বরিক পরাক্রমে, ডান ও বাঁ হাতে ধার্মিকতার অস্ত্রশস্ত্র নিয়ে; 8 গৌরব ও অসম্মানের মধ্যে, অখ্যাতি ও সুখ্যাতিক্রমে; আমরা সত্যনিষ্ঠ, অথচ বিবেচিত হই প্রতারকরূপে; 9 পরিচিত, অথচ যেন অপরিচিতের মতো; মরণাপন্ন, তবুও বেঁচে আছি; প্রহারিত, তবুও নিহত নই; 10 দুঃখার্ত, তবু যেন সবসময়ই আনন্দ করছি; দরিদ্র, তবুও অনেককে সমৃদ্ধ করছি; আমাদের কিছুই নেই, তবুও সবকিছুর অধিকারী।

  34. 10 যেহেতু তুমি ধৈর্যের সঙ্গে সহ্য করে আমার আদেশ পালন করেছ, আমিও তোমাকে সেই পরীক্ষাকাল থেকে রক্ষা করব, যা সকল পৃথিবীবাসীর জন্য সমগ্র জগতে আসতে চলেছে। 11 আমি শীঘ্রই আসছি। তোমার কাছে যা আছে, সযত্নে ধরে থাকো, যেন কেউই তোমার মুকুট কেড়ে নিতে না পারে। 12 যে বিজয়ী হয়, তাকে আমি আমার ঈশ্বরের মন্দিরের এক স্তম্ভস্বরূপ করব। তারা কখনও সেখান থেকে বাইরে যাবে না। আমি তার উপরে আমার ঈশ্বরের নাম ও আমার ঈশ্বরের সেই নগর সেই নতুন জেরুশালেমের নাম লিখব, যা আমার ঈশ্বরের কাছ থেকে, স্বর্গ থেকে নেমে আসছে; এবং তার উপরেও আমি আমার নতুন নাম লিখব।

  35. 10 যদি কেউ বন্দি হওয়ার জন্য নির্ধারিত,

    সে বন্দি হবে।

    যদি কেউ তরোয়ালের দ্বারা হত হওয়ার জন্য নির্ধারিত,

    সে তরোয়ালের দ্বারা হত হবে।

    এর অর্থ, পবিত্রজনেরা ধৈর্যের সঙ্গে নিপীড়ন সহ্য করবে ও বিশ্বস্ত থাকবে।

  36. 20 অতএব যাকোব রাহেলকে পাওয়ার জন্য সাত বছর দাসত্ব করলেন, কিন্তু যেহেতু তিনি রাহেলকে ভালোবেসেছিলেন তাই এতগুলি বছর তাঁর কাছে মাত্র কয়েক দিন বলে মনে হল।

  37. 18 তবুও সদাপ্রভু তোমাদের প্রতি দয়া প্রদর্শনের প্রতীক্ষায় আছেন,

    তোমাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য তিনি উত্থিত হয়েছেন।

    কারণ সদাপ্রভু ন্যায়পরায়ণ ঈশ্বর,

    ধন্য তারা সবাই যারা তাঁর অপেক্ষায় থাকে!

  38. 19 তোমাদের মধ্যে কেউ হয়তো আমাকে বলবে, “তাহলে কেন ঈশ্বর এসব সত্ত্বেও আমাদের প্রতি দোষারোপ করেন? কারণ, কে তাঁর ইচ্ছার প্রতিরোধ করতে পারে?” 20 কিন্তু ওহে মানুষ, তুমি কে যে ঈশ্বরের প্রতিবাদ করো? “সৃষ্টবস্তু কি তার নির্মাতাকে একথা বলতে পারে, ‘তুমি কেন আমাকে এরকম গঠন করেছ?’ ” 21 একই মাটির তাল থেকে অভিজাত উদ্দেশে ব্যবহারের জন্য কিছু পাত্র এবং সাধারণ ব্যবহারের জন্য কিছু পাত্র নির্মাণ করার অধিকার কি কুমোরের নেই?

    22 কী হবে, যদি ঈশ্বর তাঁর ক্রোধ ও ক্ষমতা প্রকাশ করার জন্য ধ্বংসের উদ্দেশে নির্দিষ্ট তাঁর ক্রোধের পাত্রদের অসীম ধৈর্য সহকারে সহ্য করেন? 23 আর এতেই বা কী, তিনি যদি তাঁর করুণার পাত্রদের, যাদের মহিমাপ্রাপ্তির জন্য তিনি পূর্ব থেকেই প্রস্তুত করেছিলেন, তাদের কাছে তাঁর মহিমার ঐশ্বর্য প্রকাশ করেন— 24 এমনকি, আমাদের কাছেও, যাদের তিনি কেবলমাত্র ইহুদি জাতির মধ্য থেকে নয়, কিন্তু অইহুদিদের মধ্য থেকেও আহ্বান করেছেন?

  39. 15 কিন্তু, হে প্রভু, তুমি স্নেহশীল এবং কৃপাময় ঈশ্বর,

    ক্রোধে ধীর, দয়া আর বিশ্বস্ততায় মহান।

  40. 15 ধৈর্যের মাধ্যমে শাসককে প্ররোচিত করা যায়,

    ও অমায়িক জিভ অস্থি ভেঙে দিতে পারে।

  41. 42 “সেই কারণে সতর্ক থেকো, কারণ তোমরা জানো না, কোন দিন তোমাদের প্রভু এসে পড়বেন।

  42. 6 কোনো বিষয়েই উৎকণ্ঠিত হোয়ো না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও।

  43. 24 আর প্রভুর সেবক কখনোই ঝগড়ায় লিপ্ত হবে না; বরং সে সবার প্রতি হবে সদয়, শিক্ষাদানে নিপুণ এবং সহনশীল। 25 যারা তার বিরোধিতা করে সে এই প্রত্যাশায় নম্রভাবে তাদের সুপরামর্শ দেবে, যেন ঈশ্বর সত্যের জ্ঞানের দিকে তাদের মন পরিবর্তন করেন এবং 26 তারা যেন চেতনা ফিরে পেয়ে দিয়াবলের ফাঁদ থেকে নিষ্কৃতি লাভ করে যে তার ইচ্ছা পালনের জন্য তাদের বন্দি করে রেখেছে।

  44. 28 আর আমরা জানি যে, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তাঁর ইচ্ছা অনুসারে আহূত, তিনি সব বিষয়ে তাদের মঙ্গলসাধনের জন্য কাজ করেন।