60 Bible Verses About Mercy

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Mercy
  1. 1 তোমাদের কথা বলতে হলে, তোমরা নিজের নিজের অপরাধে ও পাপে মৃত ছিলে, 2 যেগুলির মধ্যে তোমরা জীবনযাপন করতে। তখন তোমরা এই জগতের ও আকাশের রাজ্যশাসকের পথ অনুসরণ করতে, যে আত্মা এখন যারা অবাধ্য, তাদের মধ্যে কার্যকরী রয়েছে। 3 আমরাও সকলে এক সময় তাদেরই মধ্যে জীবনযাপন করতাম। আমাদের পাপময় প্রকৃতির বাসনাকে চরিতার্থ করার জন্য আমরা তার কামনা ও ভাবনার বশে চলতাম। অন্য সকলের মতো, স্বভাবগতভাবে আমরা ছিলাম (ঈশ্বরের) ক্রোধের পাত্র। 4 কিন্তু আমাদের প্রতি মহাপ্রেমের জন্য ঈশ্বর, যিনি অপার করুণাময়, 5 আমরা যখন অপরাধের ফলে মৃত হয়েছিলাম, তখনই তিনি খ্রীষ্টের সঙ্গে আমাদের জীবিত করলেন। আর তোমরা অনুগ্রহেই পরিত্রাণ লাভ করেছ।

  2. 7 ধন্য তারা, যারা দয়াবান,

    কারণ তাদের প্রতি দয়া প্রদর্শিত হবে।

  3. 35 কিন্তু তোমরা শত্রুদেরও ভালোবেসো, তাদের মঙ্গল কোরো এবং কোনো কিছু ফেরত পাওয়ার প্রত্যাশা না করে, তাদের ঋণ দিয়ো। তাহলে তোমাদের পুরস্কার হবে প্রচুর। আর তোমরা হবে পরাৎপরের সন্তান, কারণ তিনি অকৃতজ্ঞ ও দুর্জনদের প্রতিও কৃপাবান। 36 অতএব, তোমাদের পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনই দয়ালু হও।

    37 “বিচার কোরো না, তাহলে তোমাদের বিচার করা হবে না। কাউকে দোষী কোরো না, তাহলে তোমাদেরও দোষী সাব্যস্ত করা হবে না। ক্ষমা কোরো, তাহলে তোমাদেরও ক্ষমা করা হবে।

  4. 14 অতএব, আমরা এমন এক মহান মহাযাজককে পেয়েছি, যিনি আকাশমণ্ডল অতিক্রম করে উন্নীত হয়েছেন, তিনি ঈশ্বরের পুত্র যীশু; তাই এসো, আমরা যে বিশ্বাস স্বীকার করি, তা দৃঢ়রূপে আঁকড়ে ধরে থাকি। 15 কারণ আমাদের মহাযাজক এমন নন, যিনি আমাদের দুর্বলতায় সহানুভূতি দেখাতে অক্ষম; বরং আমরা এমন একজনকে পেয়েছি, যিনি আমাদেরই মতো সব বিষয়ে প্রলোভিত হয়েছিলেন, অথচ নিষ্পাপ থেকেছেন। 16 তাই এসো, আস্থার সঙ্গে আমরা তাঁর অনুগ্রহ-সিংহাসনের সামনে উপস্থিত হই, যেন আমরা করুণা লাভ করতে পারি ও আমাদের প্রয়োজনের সময়ে অনুগ্রহ পাই।

  5. 12 যে বিধানের দ্বারা তোমরা স্বাধীনতা লাভ করেছ তারই দ্বারা তোমাদের বিচার হতে চলেছে, তোমরা সেইমতো কথা বলো ও কাজ করো। 13 কারণ যে দয়া দেখায়নি, নির্দয়ভাবে তার বিচার করা হবে। দয়াই বিচারের উপরে জয়লাভ করে।

  6. 19 আমি আমার কষ্ট ও অস্থির বিচরণ স্মরণ করি,

    আমার তিক্ততা ও পিত্তের কথা।

    20 সেগুলি আমার ভালোভাবেই স্মরণে আছে,

    এবং আমার প্রাণ আমারই মধ্যে অবসন্ন হয়েছে।

    21 তবুও আমি আবার একথা স্মরণ করি,

    আর তাই আমার আশা জেগে আছে:

    22 সদাপ্রভুর মহৎ প্রেমের জন্য আমরা নষ্ট হইনি,

    কেননা তাঁর সহানুভূতি কখনও শেষ হয় না।

    23 প্রতি প্রভাতে তা নতুন করে দেখা দেয়;

    তোমার বিশ্বস্ততা মহৎ।

    24 আমি নিজেকে বলি, “সদাপ্রভু আমার অধিকার;

    এজন্য আমি তাঁর প্রতীক্ষায় থাকব।”

  7. 15 কারণ তিনি মোশিকে বলেছেন,

    “যার প্রতি আমি দয়া দেখাতে চাই, তার প্রতি আমি দয়া দেখাব,

    এবং যার প্রতি আমি করুণা করতে চাই,

    তার প্রতি আমি করুণা করব।”

    16 সেই কারণে, তা মানুষের ইচ্ছা বা চেষ্টার উপরে নির্ভর করে না, কিন্তু ঈশ্বরের করুণার উপর তা নির্ভর করে। 17 কারণ শাস্ত্র ফরৌণকে বলে, “আমি এই বিশেষ উদ্দেশ্যেই তোমাকে উন্নত করেছি, যেন আমি তোমাকে আমার ক্ষমতা দেখাতে পারি ও সমগ্র পৃথিবীতে আমার নাম প্রচারিত হয়।” 18 সেই কারণে, ঈশ্বর যার প্রতি দয়া করতে চান, তার প্রতি তিনি দয়া করেন, কিন্তু যাকে কঠিন করতে চান, তাকে কঠিন করেন।

    19 তোমাদের মধ্যে কেউ হয়তো আমাকে বলবে, “তাহলে কেন ঈশ্বর এসব সত্ত্বেও আমাদের প্রতি দোষারোপ করেন? কারণ, কে তাঁর ইচ্ছার প্রতিরোধ করতে পারে?” 20 কিন্তু ওহে মানুষ, তুমি কে যে ঈশ্বরের প্রতিবাদ করো? “সৃষ্টবস্তু কি তার নির্মাতাকে একথা বলতে পারে, ‘তুমি কেন আমাকে এরকম গঠন করেছ?’ ” 21 একই মাটির তাল থেকে অভিজাত উদ্দেশে ব্যবহারের জন্য কিছু পাত্র এবং সাধারণ ব্যবহারের জন্য কিছু পাত্র নির্মাণ করার অধিকার কি কুমোরের নেই?

    22 কী হবে, যদি ঈশ্বর তাঁর ক্রোধ ও ক্ষমতা প্রকাশ করার জন্য ধ্বংসের উদ্দেশে নির্দিষ্ট তাঁর ক্রোধের পাত্রদের অসীম ধৈর্য সহকারে সহ্য করেন? 23 আর এতেই বা কী, তিনি যদি তাঁর করুণার পাত্রদের, যাদের মহিমাপ্রাপ্তির জন্য তিনি পূর্ব থেকেই প্রস্তুত করেছিলেন, তাদের কাছে তাঁর মহিমার ঐশ্বর্য প্রকাশ করেন— 24 এমনকি, আমাদের কাছেও, যাদের তিনি কেবলমাত্র ইহুদি জাতির মধ্য থেকে নয়, কিন্তু অইহুদিদের মধ্য থেকেও আহ্বান করেছেন?

  8. 17 “খাঁটি সোনা দিয়ে প্রায় 1.1 মিটার লম্বা এবং 68 সেন্টিমিটার চওড়া একটি প্রায়শ্চিত্ত-আচ্ছাদন তৈরি কোরো। 18 আর সেই আচ্ছাদনের শেষ প্রান্তের দিকে পিটানো সোনা দিয়ে দুটি করূব তৈরি কোরো। 19 একটি করূব এক প্রান্তে এবং দ্বিতীয়টি অন্য প্রান্তে তৈরি কোরো; দুই প্রান্তেই আবরণসহ একটি করে করূব তৈরি কোরো। 20 করূবেরা তাদের ডানা উপর দিকে ছড়িয়ে রেখে, সেই আবরণটির উপরে নিজেদের দেহ দিয়ে ছায়া ফেলবে। করূবেরা পরস্পরের দিকে মুখ করে, সেই আবরণের দিকে তাকিয়ে থাকবে। 21 আবরণটি সিন্দুকের চূড়ায় রাখবে এবং সিন্দুকে সেই বিধিনিয়মের ফলকগুলি রাখবে, যেগুলি আমি তোমাদের দেব। 22 সেখানে, সেই দুই করূবের মাঝখানে বিধিনিয়মের সিন্দুকের উপরে রাখা সেই আবরণের উপরেই আমি তোমার সঙ্গে দেখা করব ও ইস্রায়েলীদের জন্য তোমাকে আমার সমস্ত আজ্ঞা দেব।

  9. 4 কিন্তু যখন আমাদের উদ্ধারকর্তা ঈশ্বরের করুণা ও প্রেমের প্রকাশ ঘটল, 5 তখন তিনি আমাদের পরিত্রাণ দিলেন, আমাদের সৎকর্মের জন্য নয়, কিন্তু তাঁর করুণার গুণে। তিনি নতুন জন্মের স্নান ও পবিত্র আত্মার নবীকরণের মাধ্যমে আমাদের পরিত্রাণ সাধন করলেন। 6 যাঁকে তিনি আমাদের পরিত্রাতা যীশু খ্রীষ্টের মাধ্যমে উদারভাবে সঙ্গে ঢেলে দিলেন, 7 যেন তাঁর অনুগ্রহে আমরা ধার্মিক সাব্যস্ত হয়ে অনন্ত জীবনের প্রত্যাশায় তাঁর উত্তরাধিকারী হয়ে উঠতে পারি।

  10. 4 হে সদাপ্রভু, তোমার পথসকল আমাকে দেখাও,

    তোমার পন্থাসকল আমায় শেখাও।

    5 তোমার সত্যের পথে আমাকে চালাও ও শিক্ষা দাও,

    কারণ তুমিই আমার ঈশ্বর, আমার পরিত্রাতা,

    এবং সারাদিন আমি তোমারই প্রত্যাশায় থাকি।

    6 হে সদাপ্রভু, তোমার মহান দয়া ও প্রেম স্মরণ করো,

    যা অনাদিকাল থেকে অবিচল।

    7 আমার যৌবনের পাপসকল স্মরণে রেখো না,

    মনে রেখো না আমার বিদ্রোহী আচরণ;

    তোমার অবিচল প্রেমের গুণে আমায় মনে রেখো;

    কারণ, হে সদাপ্রভু, তুমি উত্তম।

    8 সদাপ্রভু উত্তম ও ন্যায়পরায়ণ;

    তাই তিনি পাপীদের তাঁর পথে চলার উপদেশ দেন।

    9 যারা নম্র তাদের তিনি সঠিক পথে চালনা করেন;

    এবং তাঁর পথ তাদের তিনি শিক্ষা দেন।

  11. 18 কে তোমার মতো ঈশ্বর,

    যিনি তাঁর অধিকারভুক্ত অবশিষ্ট লোকদের পাপ ও অপরাধ

    ক্ষমা করেন?

    তুমি চিরকাল ক্রুদ্ধ হয়ে থেকো না

    কিন্তু দয়া দেখিয়ে আনন্দ পাও।

    19 তুমি আমাদের উপর আবার করুণা করবে;

    তুমি আমাদের সব পাপ পায়ের তলায় মাড়াবে

    এবং আমাদের সব অন্যায় সমুদ্রের গভীর জলে ফেলে দেবে।

    20 তুমি যাকোবের প্রতি বিশ্বস্ত থাকবে

    এবং অব্রাহামকে তোমার ভালোবাসা দেখাবে,

    যেমন তুমি আমাদের পূর্বপুরুষদের কাছে প্রতিশ্রুতি দিয়ে শপথ করেছিলে

    অনেক দিন আগে।

  12. 1 অতএব, ভাইবোনেরা, ঈশ্বরের বহুবিধ করুণার পরিপ্রেক্ষিতে, আমি তোমাদের কাছে মিনতি করছি, তোমরা তোমাদের শরীরকে জীবন্ত বলিরূপে, পবিত্র ও ঈশ্বরের গ্রহণযোগ্যরূপে উৎসর্গ করো—তাই হবে তোমাদের যুক্তিসংগত আরাধনা। 2 আর তোমরা এই জগতের রীতি অনুযায়ী জীবনযাপন করো না, কিন্তু তোমাদের মনের নতুনীকরণের দ্বারা রূপান্তরিত হও। তখন তোমরা ঈশ্বরের ইচ্ছাকে যাচাই ও অনুমোদন করতে পারবে, যা উৎকৃষ্ট, প্রীতিজনক ও সিদ্ধ।

  13. 8 হে মানুষ, যা ভালো তা তো তিনি তোমাকে দেখিয়েছেন।

    সদাপ্রভু তোমার কাছ থেকে কী চাইছেন জানো?

    শুধুমাত্র এইটা যে, ন্যায্য কাজ করা ও ভালোবাসা

    এবং তোমার সদাপ্রভুর সঙ্গে নম্র হয়ে চলা।

  14. 6 আর তিনি একথা ঘোষণা করতে করতে মোশির সামনে দিয়ে পার হয়ে গেলেন, “সদাপ্রভু, সদাপ্রভু, তিনি করুণাময় ও অনুগ্রহকারী ঈশ্বর, ক্রোধে ধীর, প্রেম ও বিশ্বস্ততায় সমৃদ্ধ, 7 হাজার হাজার জনের প্রতি প্রেম প্রদর্শনকারী, এবং দুষ্টতা, বিদ্রোহ ও পাপ ক্ষমাকারী। তবুও অপরাধীকে শাস্তি না দিয়ে তিনি ছেড়ে দেন না; তৃতীয় ও চতুর্থ প্রজন্ম পর্যন্ত তিনি বাবা-মার পাপের জন্য তাদের সন্তানদের ও নাতি-নাতনিদের শাস্তি দেন।”

  15. 76 “আর তুমি, আমার শিশুসন্তান,

    তুমি পরাৎপরের ভাববাদী বলে আখ্যাত হবে,

    কারণ প্রভুর পথ প্রস্তুতির জন্য

    তুমি তাঁর অগ্রগামী হবে;

    77 তাঁর প্রজাবৃন্দকে, তাদের পাপসমূহ ক্ষমার মাধ্যমে

    পরিত্রাণের জ্ঞান দেওয়ার জন্য।

    78 আমাদের ঈশ্বরের স্নেহময় করুণার গুণে,

    স্বর্গ থেকে আমাদের মাঝে স্বর্গীয় জ্যোতির উদয় হবে।

    79 যারা অন্ধকারে, মৃত্যুচ্ছায়ায় বসবাস করছে,

    তাদের উপর আলো বিকীর্ণ করতে,

    আমাদের পা শান্তির পথে চালিত করতে।”

  16. সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত। বৎশেবার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়ার পরে যখন ভাববাদী নাথন দাউদের কাছে গিয়েছিলেন।

    1 হে ঈশ্বর, তোমার অবিচল প্রেম অনুযায়ী

    আমার উপর দয়া করো;

    তোমার অপার করুণা অনুযায়ী

    আমার সমস্ত অপরাধ মার্জনা করো।

    2 আমার সমস্ত অন্যায় মুছে দাও

    আর আমার পাপ থেকে আমাকে শুচি করো।

    3 কারণ আমি আমার অপরাধসকল জানি,

    আর আমার পাপ সর্বদা আমার সামনে আছে।

    4 তোমার বিরুদ্ধে, তোমারই বিরুদ্ধে, আমি পাপ করেছি

    আর তোমার দৃষ্টিতে যা অন্যায় তাই করেছি;

    অতএব তুমি তোমার বাক্যে ধর্মময়

    আর যখন বিচার করো তখন ন্যায়পরায়ণ।

  17. 14 আমাদের প্রভুর অনুগ্রহ, খ্রীষ্ট যীশুতে স্থিত বিশ্বাস ও প্রেম আমার উপরে প্রচুর পরিমাণে বর্ষিত হয়েছে।

    15 এই উক্তি বিশ্বাসযোগ্য এবং সম্পূর্ণরূপে গ্রহণের যোগ্য যে, খ্রীষ্ট যীশু পাপীদের উদ্ধার করার জন্য পৃথিবীতে এসেছেন এবং তাদের মধ্যে আমিই নিকৃষ্টতম। 16 কিন্তু শুধু এই কারণেই ঈশ্বর আমার প্রতি করুণা প্রদর্শন করলেন যে, আমার মতো জঘন্যতম পাপীর মধ্য দিয়ে খ্রীষ্ট যীশু যেন তাঁর অসীম সহিষ্ণুতা প্রদর্শন করতে পারেন, যেন তাঁর উপর বিশ্বাস করে যারা অনন্ত জীবনের অধিকারী হবে, তাদের কাছে তিনি আমাদের উদাহরণস্বরূপ উপস্থাপন করতে পারেন।

  18. 8 সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল,

    ক্রোধে ধীর ও দয়াতে মহান।

    9 সদাপ্রভু সকলের প্রতি মঙ্গলময়;

    নিজের সব সৃষ্টির প্রতি তাঁর করুণা অপার।

  19. 6 সদাপ্রভু তোমাকে আবার ডাকবেন,

    তুমি যেন এক পরিত্যক্ত ও আত্মায় বিপর্যস্ত এক স্ত্রীর মতো—

    এক স্ত্রী, যার যৌবনকালে বিবাহ হয়েছিল

    কেবলমাত্র অগ্রাহ্য হওয়ার জন্য,” বলেন তোমার ঈশ্বর।

    7 “ক্ষণিক মুহূর্তের জন্য আমি তোমাকে পরিত্যাগ করেছিলাম,

    কিন্তু গভীর মমতায় আমি তোমাকে ফিরিয়ে আনব।

    8 ক্রোধের আবেশে আমি তোমার কাছ থেকে

    ক্ষণিকের জন্য আমার মুখ লুকিয়েছিলাম,

    কিন্তু চিরন্তন করুণায়

    আমি তোমার প্রতি মমতা করব,”

    বলেন সদাপ্রভু, তোমার মুক্তিদাতা।

  20. 13 কিন্তু তোমরা যাও এবং এই বাক্যের মর্ম কি তা শিক্ষা নাও: ‘আমি দয়া চাই, বলিদান নয়।’ কারণ আমি ধার্মিকদের নয়, কিন্তু পাপীদের আহ্বান করতে এসেছি।”

  21. 21 তখন পিতর যীশুর কাছে এসে জিজ্ঞাসা করলেন, “প্রভু, আমার ভাই কতবার আমার বিরুদ্ধে অপরাধ করলে আমি তাকে ক্ষমা করব? সাতবার পর্যন্ত?”

    22 যীশু উত্তর দিলেন, “আমি তোমাকে বলছি, সাতবার নয়, কিন্তু সত্তর গুণ সাতবার পর্যন্ত।

  22. 12 অতএব, ঈশ্বরের মনোনীত, পবিত্র ও প্রিয়জনরূপে সহানুভূতি, দয়া, নম্রতা, সৌজন্যবোধ এবং সহিষ্ণুতায় নিজেদের আবৃত করো। 13 পরস্পরের প্রতি সহনশীল হও। একের বিরুদ্ধে অপরের কোনো ক্ষোভ থাকলে, পরস্পরকে ক্ষমা করো। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন, তোমরাও তেমনই করো। 14 এসব গুণের ঊর্ধ্বে ভালোবাসাকে পরিধান করো, যা সেইসব গুণকে পূর্ণ ঐক্যের বাঁধনে আবদ্ধ করে।

  23. 15 কিন্তু, হে প্রভু, তুমি স্নেহশীল এবং কৃপাময় ঈশ্বর,

    ক্রোধে ধীর, দয়া আর বিশ্বস্ততায় মহান।

    16 আমার দিকে ফেরো আর আমার প্রতি দয়া করো;

    তোমার দাসের পক্ষ হয়ে তোমার পরাক্রম দেখাও;

    আমাকে রক্ষা করো, কারণ আমি তোমার সেবা করি,

    ঠিক যেমন আমার মা করেছিলেন।

  24. 1 আমি যিহূদা, যীশু খ্রীষ্টের দাস ও যাকোবের ভাই,

    যাঁরা পিতা ঈশ্বরের প্রীতির পাত্র ও যীশু খ্রীষ্টের জন্য সংরক্ষিত, সেই আহ্বানপ্রাপ্ত লোকদের উদ্দেশে এই পত্র লিখছি।

    2 করুণা, শান্তি ও প্রেম প্রচুর পরিমাণে তোমাদের প্রতি বর্ষিত হোক।

  25. 49 কারণ যিনি পরাক্রমী, যিনি আমার জন্য কত মহৎ কাজ সাধন করেছেন—

    তাঁর নাম পবিত্র।

    50 যারা তাঁকে ভয় করে, তাদেরই জন্য

    পুরুষ-পরম্পরায় তাঁর করুণার হাত প্রসারিত।

  26. 14 দাউদ গাদকে বললেন, “আমি খুব বিপদে পড়েছি। সদাপ্রভুর হাতেই পড়া যাক, কারণ তাঁর দয়া সুমহান; তবে আমরা যেন মানুষের হাতে না পড়ি।”

  27. 12 যাও, উত্তর দিকে গিয়ে এই কথা ঘোষণা করো।

    “ ‘অবিশ্বস্ত ইস্রায়েল, ফিরে এসো,’ সদাপ্রভু ঘোষণা করেন,

    ‘আমি আর তোমার প্রতি বিরাগ ভাব দেখাব না,

    কারণ আমি বিশ্বস্ত,’ সদাপ্রভু এই কথা বলেন।

    ‘আমি তোমার প্রতি চিরকাল ক্রোধী থাকব না।

  28. 16 অনীষিফরের পরিজনদের প্রতি ঈশ্বর করুণা প্রদর্শন করুন, কারণ বারবার তিনি আমার প্রাণ জুড়িয়েছেন এবং আমার শিকলের জন্য লজ্জাবোধ করেননি। 17 বরং, তিনি যখন রোমে ছিলেন, আমার সন্ধান না পাওয়া পর্যন্ত, তিনি সবিশেষ চেষ্টা করে আমার খোঁজ করেছিলেন। 18 ইফিষে তিনি যে কতভাবে আমাকে সাহায্য করেছিলেন, তা তুমি ভালোভাবেই জানো। প্রভু তাঁকে এমনই বর দিন যেন সেইদিন তিনি প্রভুর করুণা লাভ করতে পারেন।

  29. 31 কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু এক করুণাময় ঈশ্বর; তিনি তোমাদের ছেড়ে যাবেন না বা ধ্বংস করবেন না, কিংবা তোমাদের পূর্বপুরুষদের জন্য শপথ করে যে নিয়ম স্থাপন করেছেন তা ভুলে যাবেন না।

  30. 10 তিনি আমাদের প্রতি আমাদের পাপ অনুযায়ী আচরণ করেন না

    অথবা আমাদের অপরাধ অনুযায়ী আমাদের প্রতিফল দেন না।

    11 কারণ জগতের ঊর্ধ্বে আকাশমণ্ডল যত উচ্চ,

    যারা তাঁকে সম্ভ্রম করে তাদের প্রতি তাঁর প্রেম ততটাই মহান;

    12 পূর্ব থেকে পশ্চিম যত দূরে,

    ততটাই আমাদের অপরাধ তিনি আমাদের থেকে দূর করেছেন।

    13 বাবা যেমন তার সন্তানসন্ততিদের প্রতি করুণা করেন,

    যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে তিনি ততটাই তাদের প্রতি করুণা করেন;

    14 কারণ তিনি জানেন আমরা কীভাবে নির্মিত হয়েছি,

    তিনি স্মরণে রাখেন যে আমরা কেবল ধুলো।

  31. 13 যারা নিজেদের পাপগুলি লুকায় তারা উন্নতি লাভ করতে পারে না,

    কিন্তু যারা সেগুলি স্বীকার ও ত্যাগ করে তারা দয়া লাভ করে।

    14 ধন্য তারাই যারা সবসময় ঈশ্বরের সামনে ভীত হয়,

    কিন্তু যারা তাদের হৃদয় কঠোর করে তারা বিপদে পড়বে।

  32. 30 দুজন অন্ধ মানুষ পথের পাশে বসেছিল। তারা যখন শুনল, যীশু সেই পথ দিয়ে যাচ্ছেন, তারা চিৎকার করে বলল, “প্রভু, দাউদ-সন্তান, আমাদের প্রতি কৃপা করুন!”

    31 লোকেরা তাদের ধমক দিয়ে শান্ত থাকতে বলল, কিন্তু তারা আরও জোরে চিৎকার করতে লাগল, “প্রভু, দাউদ-সন্তান, আমাদের প্রতি কৃপা করুন!”

    32 যীশু পথ চলা থামিয়ে তাদের ডাকলেন। তিনি জিজ্ঞাসা করলেন, “তোমরা কী চাও, আমি তোমাদের জন্য কী করব?”

    33 তারা উত্তর দিল, “প্রভু, আমরা দৃষ্টিশক্তি পেতে চাই।”

    34 যীশু তাদের প্রতি করুণায় পূর্ণ হয়ে তাদের চোখ স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে তারা দৃষ্টিশক্তি লাভ করল ও তাঁকে অনুসরণ করতে লাগল।

  33. 17 কিন্তু স্বর্গ থেকে যে জ্ঞান আসে, প্রথমত তা বিশুদ্ধ, তারপরে তা শান্তিপ্রিয়, সুবিবেচক, অনুগত, করুণায় ও উৎকৃষ্ট ফলে পূর্ণ, পক্ষপাতশূন্য ও অকপট।

  34. 23 “শাস্ত্রবিদ ও ফরিশীরা, ভণ্ডের দল, ধিক্ তোমাদের! তোমরা তোমাদের মশলাপাতি—পুদিনা, মৌরি ও জিরার দশমাংশ দিয়ে থাকো কিন্তু বিধানের আরও গুরুত্বপূর্ণ বিষয়, যেমন ন্যায়বিচার, করুণা, বিশ্বস্ততা—এগুলি উপেক্ষা করে থাকো। ভালো হত, তোমরা আগের বিষয়গুলি উপেক্ষা না করে যদি এগুলিও পালন করতে।

  35. 3 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক, যিনি করুণাময় পিতা ও সমস্ত সান্ত্বনার ঈশ্বর, 4 যিনি আমাদের সকল কষ্টের জন্য সান্ত্বনা প্রদান করেন, যেন আমরা স্বয়ং যে সান্ত্বনা ঈশ্বরের কাছ থেকে লাভ করেছি, যারা যে কোনো কষ্টভোগ করছে, তাদের সেই সান্ত্বনা দ্বারা সান্ত্বনা প্রদান করতে পারি।

  36. 8 সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল,

    ক্রোধে ধীর, দয়াতে মহান।

  37. 7 দুষ্টলোক তার পথ,

    মন্দ ব্যক্তি তার চিন্তাধারা পরিত্যাগ করুক।

    সে সদাপ্রভুর কাছে ফিরে আসুক, তাহলে তিনি তার প্রতি করুণা প্রদর্শন করবেন,

    সে আমাদের ঈশ্বরের কাছে ফিরে আসুক, তাহলে তিনি অবাধে ক্ষমা করবেন।

  38. 9 আমরা তোমার বিরুদ্ধে বিদ্রোহী হওয়া সত্ত্বেও হে প্রভু আমাদের ঈশ্বর, তুমি দয়ালু ও ক্ষমাশীল;

  39. 17 কিন্তু প্রিয় বন্ধুরা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের প্রেরিতশিষ্যেরা ইতিপূর্বে কী বলে গিয়েছেন, তা মনে করো। 18 তাঁরা তোমাদের বলেছিলেন, “শেষ সময়ে এমন ব্যঙ্গ-বিদ্রুপকারীদের উদয় হবে, যারা তাদের নিজস্ব ভক্তিহীন কামনাবাসনা অনুসারে চলবে।” 19 এই লোকেরাই তোমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করে, যারা নিজেদের সহজাত প্রবৃত্তি অনুসারে চলে এবং তাদের মধ্যে পবিত্র আত্মা নেই।

    20 কিন্তু প্রিয় বন্ধুরা, তোমরা তোমাদের পরম পবিত্র বিশ্বাসের উপরে নিজেদের গেঁথে তোলো ও পবিত্র আত্মার শক্তিতে প্রার্থনা করো, 21 ঈশ্বরের প্রেমে অবিচল থাকো এবং সেই দিনের জন্য প্রতীক্ষা করো যেদিন আমাদের প্রভু যীশু খ্রীষ্ট সদয় হয়ে তোমাদের অনন্ত জীবন দান করবেন।

    22 যারা সন্দেহ করে তাদের প্রতি করুণা করো; 23 অন্যদের বিচারের আগুন থেকে টেনে এনে রক্ষা করো; অন্যদের প্রতি সম্ভ্রমে করুণা করো, কিন্তু অত্যন্ত সাবধানতার সাথেই তা করো, তাদের দেহ কলুষিত করেছে সেসব পাপকে ঘৃণা করো।

    24 যিনি তোমাদের বিশ্বাসে হোঁচট খাওয়া থেকে রক্ষা করতে সমর্থ, ও যিনি তোমাদের নির্দোষরূপে ও মহা আনন্দের সঙ্গে তাঁর মহিমাময় উপস্থিতিতে উপস্থাপন করবেন, 25 সেই একমাত্র ঈশ্বর, আমাদের পরিত্রাতা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে মহিমা, রাজকীয় প্রতাপ, পরাক্রম ও কর্তৃত্ব, সকল যুগের শুরু থেকে বর্তমানে ও যুগপর্যায়ের সমস্ত যুগেই হোক! আমেন।

  40. 13 তোমাদের পোশাক নয়,

    কিন্তু তোমরা নিজের নিজের হৃদয় বিদীর্ণ করো।

    তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে এসো,

    কারণ তিনি অনুগ্রহকারী ও সহানুভূতিশীল,

    বিলম্বে ক্রোধ করেন ও সীমাহীন তাঁর ভালোবাসা।

    তিনি বিপর্যয় প্রেরণ করে দয়ার্দ্র হন।

  41. 16 তিনি যখন ইতস্তত বোধ করছিলেন, তখন সেই ব্যক্তিরা তাঁর হাত, তাঁর স্ত্রীর হাত ও তাঁর দুই মেয়ের হাত চেপে ধরে নিরাপদে তাঁদের নগরের বাইরে নিয়ে গেলেন, কারণ সদাপ্রভু তাঁদের প্রতি দয়াবান ছিলেন।

  42. 10 প্রেম ও বিশ্বস্ততা একত্রে মিলিত হয়,

    ধার্মিকতা ও শান্তি পরস্পরকে চুম্বন করে।

  43. 10 এক সময় তোমরা তাঁর প্রজা ছিলে না, কিন্তু এখন তোমরা ঈশ্বরের প্রজা হয়েছ; এক সময় তোমরা করুণা পাওনি, কিন্তু এখন তোমরা করুণা লাভ করেছ।

  44. 29 কিন্তু সে নিজের সততা প্রতিপন্ন করতে যীশুকে প্রশ্ন করল, “বেশ, আমার প্রতিবেশী কে?”

    30 প্রত্যুত্তরে যীশু বললেন, “এক ইহুদি ব্যক্তি জেরুশালেম থেকে যিরীহোতে নেমে যাচ্ছিল। পথে সে দস্যুদের কবলে পড়ল। তারা তার পোশাক খুলে নিয়ে এবং তাকে মেরে আধমরা করে ফেলে রেখে চলে গেল। 31 ঘটনাক্রমে একজন যাজক সেই পথ দিয়ে যাচ্ছিল। লোকটিকে দেখে সে রাস্তার অন্য প্রান্ত দিয়ে চলে গেল। 32 সেভাবে একজন লেবীয়ও সেখানে এসে তাকে দেখে অন্য দিক দিয়ে চলে গেল। 33 কিন্তু একজন শমরীয় পথ চলতে চলতে, সেই ব্যক্তি যেখানে ছিল, সেখানে এসে পৌঁছাল; তাকে দেখে সে তার প্রতি করুণাবিষ্ট হল। 34 সে তার কাছে গিয়ে ক্ষতস্থানে তেল ও দ্রাক্ষারস লাগিয়ে বেঁধে দিল। তারপর সেই ব্যক্তিকে তার নিজের গাধায় চাপিয়ে একটি পান্থশালায় নিয়ে এসে তার সেবাযত্ন করল। 35 পরদিন পান্থশালার মালিককে সে দুটি রুপোর মুদ্রা দিল। সে বলল, ‘ওই ব্যক্তির সেবাযত্ন কোরো। এর অতিরিক্ত কিছু ব্যয় হলে, ফেরার পথে আমি পরিশোধ করে দেব।’

    36 “এই তিনজনের মধ্যে কে দস্যুদের হাতে পড়া ওই লোকটির কাছে প্রতিবেশী হয়ে উঠল? তোমার কী মনে হয়?”

    37 সেই শাস্ত্রবিদ উত্তর দিল, “লোকটির প্রতি যে করুণা দেখিয়েছিল, সেই।”

    যীশু তাকে বললেন, “যাও, ফিরে গিয়ে তুমিও সেরকম করো।”

  45. 18 আমি বাড়ি ফিরে আমার বাবার কাছে যাব; তাঁকে বলব, “বাবা, আমি স্বর্গের বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে পাপ করেছি, 19 তোমার ছেলে বলে পরিচয় দেওয়ার যোগ্যতা আর আমার নেই; আমাকে তোমার এক মজুরের মতো করে নাও।” ’ 20 তাই সে উঠে তার বাবার কাছে ফিরে গেল।

    “সে তখনও অনেক দূরে, তার বাবা তাকে দেখতে পেলেন। ছেলের জন্য তাঁর অন্তর করুণায় ভরে উঠল। তিনি দৌড়ে তাঁর ছেলের কাছে গেলেন, তার গলা জড়িয়ে ধরলেন ও তাকে চুম্বন করলেন।

  46. 11 জেরুশালেমের দিকে যাওয়ার সময় যীশু শমরিয়া ও গালীল প্রদেশের মধ্যবর্তী সীমান্ত অঞ্চল দিয়ে যাচ্ছিলেন। 12 তিনি যখন একটি গ্রামে প্রবেশ করছেন, দশজন কুষ্ঠরোগী তাঁর কাছে এল। তারা দূরে দাঁড়িয়ে রইল 13 এবং উচ্চকণ্ঠে চিৎকার করে বলল, “যীশু, প্রভু, আমাদের প্রতি দয়া করুন!”

  47. 22 এই ধার্মিকতা, যারা বিশ্বাস করে, তাদের প্রতি যীশু খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে আসে। এখানে কোনও পার্থক্য-বিভেদ নেই, 23 কারণ সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরব-বিহীন হয়েছে। 24 তারা বিনামূল্যে, তাঁরই অনুগ্রহে, খ্রীষ্ট যীশুতে প্রাপ্ত মুক্তির দ্বারা নির্দোষ গণ্য হয়। 25 তাঁর রক্তে বিশ্বাসের মাধ্যমে, ঈশ্বর তাঁকেই প্রায়শ্চিত্ত-বলিরূপে উপস্থাপিত করেছেন। তিনি তাঁর ন্যায়পরায়ণতা প্রদর্শনের জন্য এরকম করেছেন, কারণ তাঁর সহনশীলতার গুণে তিনি অতীতে করা সকল পাপের শাস্তি দেননি। 26 বর্তমান যুগে তাঁর ন্যায়পরায়ণতা প্রদর্শনের জন্য তিনি এরকম করেছিলেন, যেন তিনি ন্যায়পরায়ণ থাকেন এবং যারা যীশুতে বিশ্বাস করে, তাদের নির্দোষ গণ্য করেন।

    27 তাহলে গর্বের স্থান কোথায়? তা বর্জন করা হয়েছে। কোন নীতির দ্বারা? তা কি বিধান পালনের জন্য? না, কিন্তু বিশ্বাসের কারণে।

  48. 28 ইস্রায়েলের অনেকে এখন সুসমাচারের শত্রু, আর এর ফলে তোমরা অইহুদিরা লাভবান হয়েছে। কিন্তু ঈশ্বর তাদের এখনও প্রেম করেন কারণ তিনি তাদের পিতৃপুরুষদের মনোনীত করেছিলেন। 29 কারণ ঈশ্বরের অনুগ্রহ-দানসকল ও তাঁর আহ্বান তিনি কখনও প্রত্যাহার করেন না। 30 যেমন তোমরা এক সময় ঈশ্বরের অবাধ্য ছিলে, কিন্তু এখন তাদের অবাধ্যতার কারণে করুণা লাভ করেছ, 31 তেমনই তারাও এখন অবাধ্য হয়েছে, যেন তোমরা ঈশ্বরের করুণা লাভ করেছে বলে তারাও একদিন করুণা লাভ করবে। 32 কারণ ঈশ্বর সব মানুষকে অবাধ্যতার কাছে রুদ্ধ করেছেন, যেন তিনি তাদের সকলেরই প্রতি করুণা করতে পারেন।

  49. 11 যেমন তোমরা জানো, যারা কষ্টভোগের সময় নিষ্ঠাবান ছিল তাদের আমরা ধন্য বলে মনে করি। তোমরা ইয়োবের নিষ্ঠার কথা শুনেছ এবং দেখেছ, শেষে প্রভু কী করলেন। প্রভু সহানুভূতিশীল ও করুণায় পূর্ণ।

  50. 4 তখন আমি সদাপ্রভুর নামে ডাকলাম:

    “হে সদাপ্রভু, আমাকে রক্ষা করো!”

    5 সদাপ্রভু কৃপাবান ও ধর্মময়,

    আমাদের ঈশ্বর করুণায় পরিপূর্ণ।

    6 যারা সরলচিত্ত, সদাপ্রভু তাদের রক্ষা করেন;

    গভীর সংকটকালে তিনি আমাকে রক্ষা করেছিলেন।

  51. 2 আমার প্রতি দয়া করো, হে সদাপ্রভু, কারণ আমি দুর্বল;

    আমায় সুস্থ করো, হে সদাপ্রভু, কারণ আমার হাড়গোড় ব্যথায় পূর্ণ।

  52. 16 হে সদাপ্রভু, তোমার প্রেমের উত্তমতায় আমাকে উত্তর দাও;

    তোমার মহান দয়াতে আমার দিকে ফেরো।

    17 তোমার দাসের কাছ থেকে তোমার মুখ লুকিয়ে রেখো না;

    আমাকে তাড়াতাড়ি উত্তর দাও, কারণ আমি বিপদে রয়েছি।

    18 আমার কাছে এসো আর আমাকে উদ্ধার করো;

    আমার শত্রুদের হাত থেকে আমাকে মুক্ত করো।

    19 তুমি জানো আমি কীভাবে তুচ্ছ, অপমানিত আর লজ্জিত হয়েছি;

    আমার সব শত্রু তোমার সামনে।

    20 উপহাস আমার হৃদয় ভেঙেছে

    আর আমাকে অসহায় করেছে;

    আমি সহানুভূতি খুঁজলাম কিন্তু পেলাম না,

    সান্ত্বনাকারীদের খুঁজলাম কিন্তু কাউকে পেলাম না।

    21 তারা আমার খাবারে পিত্তরস মিশিয়েছে

    আর আমার তৃষ্ণা মেটাতে অম্লরস দিয়েছে।

  53. 2 হে সদাপ্রভু, আমি তোমার খ্যাতি শুনেছি;

    আমি তোমার আশ্চর্য কাজে সম্ভ্রমে দাঁড়িয়ে আছি, হে সদাপ্রভু।

    আমাদের দিনে এই সবের পুনরাবৃত্তি করো,

    আমাদের সময়ে তা প্রকাশিত করো;

    তোমার ক্রোধে করুণা স্মরণ করো।

  54. 13 সেই ঘটনার সংবাদ শুনে যীশু নৌকায় একান্তে এক নির্জন স্থানে গেলেন। একথা শুনতে পেয়ে অনেক লোক বিভিন্ন নগর থেকে পায়ে হেঁটে তাঁকে অনুসরণ করল। 14 তীরে নেমে যীশু যখন অনেক লোককে দেখতে পেলেন, তিনি তাদের প্রতি করুণায় পূর্ণ হলেন ও তাদের মধ্যে অসুস্থ লোকদের সুস্থ করলেন।

  55. 13 তোমার চিরস্থায়ী প্রেমে করবে তুমি পরিচালনা

    তোমার মুক্তিপ্রাপ্ত জাতিকে।

    তোমার শক্তিতে তুমি তাদের পথ দেখাবে

    তোমার পবিত্র বাসস্থানের দিকে।

  56. 1 আমি সদাপ্রভুকে ভালোবাসি, কারণ তিনি আমার কণ্ঠস্বর শুনেছেন;

    তিনি আমার বিনতি প্রার্থনা শুনেছেন।

    2 তিনি আমার প্রতি কর্ণপাত করেছেন,

    সেই কারণে আমি সারা জীবন তাঁর কাছে প্রার্থনা করব।

  57. একটি আরোহণ সংগীত।

    1 হে সদাপ্রভু, আমি অতল থেকে তোমার সাহায্য চেয়েছি;

    2 হে সদাপ্রভু, আমার কণ্ঠস্বর শোনো।

    আমার বিনতি প্রার্থনার প্রতি

    তোমার কান মনযোগী হোক।

    3 হে সদাপ্রভু, যদি তুমি পাপের হিসেব রাখতে,

    তবে প্রভু, কে বাঁচতে পারত?

    4 কিন্তু তোমার কাছে ক্ষমা আছে,

    যেন আমরা, সম্ভ্রমে তোমার সেবা করতে পারি।

  58. 10 “বিজাতিয়েরা তোমার প্রাচীরগুলি পুনর্নির্মাণ করবে,

    তাদের রাজারা তোমার সেবা করবে।

    যদিও ক্রোধে আমি তোমাকে আঘাত করেছিলাম,

    অনুগ্রহে আমি তোমার প্রতি সহানুভূতি প্রদর্শন করব।

  59. 13 “কিন্তু কর আদায়কারী দূরে দাঁড়িয়ে রইল। এমনকি, সে স্বর্গের দিকে তাকাতে পর্যন্ত পারল না। সে তার বুক চাপড়ে বলতে লাগল, ‘হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি কৃপা করো।’

  60. 9 প্রভু তাঁর প্রতিশ্রুতি পালনে দেরি করেন না যেমন কেউ কেউ তা মনে করে। তিনি তোমাদের প্রতি দীর্ঘসহিষ্ণু, তিনি চান না, কেউ যেন বিনষ্ট হয়, কিন্তু চান, প্রত্যেকেই যেন মন পরিবর্তন করে।