51 Bible Verses About Mental Health
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
4 তোমরা প্রভুতে সবসময় আনন্দ করো। আমি আবার বলব, আনন্দ করো। 5 তোমাদের শান্তভাব সবার কাছে প্রত্যক্ষ হোক। প্রভু শীঘ্রই আসছেন। 6 কোনো বিষয়েই উৎকণ্ঠিত হোয়ো না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। 7 এতে সব বোধবুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি, খ্রীষ্ট যীশুতে তোমাদের অন্তর ও মন রক্ষা করবে।
8 অবশেষে বলি, ভাইবোনেরা, যা কিছু সত্য, যা কিছু মহান, যা কিছু যথার্থ, যা কিছু বিশুদ্ধ, যা কিছু আদরণীয়, যা কিছু আকর্ষণীয়—যদি কোনো কিছু উৎকৃষ্ট বা প্রশংসার যোগ্য হয়—তোমরা সেই সমস্ত বিষয়ের চিন্তা করো। 9 তোমরা আমার কাছ থেকে যা শিক্ষা পেয়েছ, যা কিছু পেয়েছ, যা কিছু শুনেছ বা আমার মধ্যে দেখেছ, সেসব অনুশীলন করো। তাহলে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে অবস্থিতি করবেন।
-
3 আমি শুদ্ধবিবেকে আমার পূর্বপুরুষদের মতোই যে ঈশ্বরের উপাসনা করি, আমার প্রার্থনায় আমি দিনরাত তোমাকে স্মরণ করে সেই ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে থাকি। 4 তোমার চোখের জলের কথা স্মরণ করে তোমাকে দেখার জন্য আমি আকুল হয়ে উঠেছি, যেন আমি আনন্দে পূর্ণ হয়ে উঠতে পারি। 5 তোমার অকপট বিশ্বাসের কথা আমি স্মরণ করি, যা প্রথমে তোমার দিদিমা লোয়িস ও মা ইউনিসের মধ্যেও ছিল। আমি সুনিশ্চিত, তোমার মধ্যেও এখন তা বর্তমান।
6 এই কারণেই আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, তোমার উপরে আমার হাত রাখার ফলে ঈশ্বরের যে বরদান তুমি লাভ করেছিলে, তা উদ্দীপ্ত করে তোলো। 7 কারণ ঈশ্বর আমাদের ভীরুতার আত্মা দেননি, কিন্তু দিয়েছেন পরাক্রম, প্রেম ও সুবুদ্ধির আত্মা।
-
28 “ওহে, তোমরা যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। 29 আমার জোয়াল তোমরা নিজেদের উপরে তুলে নাও ও আমার কাছে শিক্ষা নাও, কারণ আমার স্বভাব কোমল ও নম্র। এতে তোমরা নিজেদের অন্তরে বিশ্রাম পাবে। 30 কারণ আমার জোয়াল সহজ ও আমার বোঝা হালকা।”
-
17 ধার্মিকরা কেঁদে ওঠে, আর সদাপ্রভু শোনেন;
তিনি তাদের সব সংকট থেকে মুক্ত করেন।
18 সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী,
এবং যারা অন্তরে চূর্ণবিচূর্ণ, তাদের তিনি উদ্ধার করেন।
19 ধার্মিক ব্যক্তি অনেক দুর্ভোগের সম্মুখীন হয়,
কিন্তু সদাপ্রভু তাকে সেইসব থেকে মুক্ত করেন;
20 তিনি ধার্মিকের হাড়গোড় রক্ষা করেন,
তাদের মধ্যে একটিও ভাঙে না।
-
6 সেই কারণে, ঈশ্বরের পরাক্রমী হাতের নিচে, নিজেদের নতনম্র করো, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদের উন্নত করেন। 7 তোমাদের সমস্ত দুশ্চিন্তার ভার তাঁরই উপরে দিয়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন।
-
9 আমি তোমাকে পৃথিবীর প্রান্তসীমা থেকে এনেছি,
তার সুদূরতম প্রান্ত থেকে আমি তোমাকে আহ্বান করেছি।
আমি বলেছি, ‘তুমি আমার দাস’;
আমি তোমাকে মনোনীত করেছি, অগ্রাহ্য করিনি।
10 তাই ভয় কোরো না, কারণ আমি তোমার সঙ্গে আছি;
হতাশ হোয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর।
আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব;
আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব।
-
1 অতএব, ভাইবোনেরা, ঈশ্বরের বহুবিধ করুণার পরিপ্রেক্ষিতে, আমি তোমাদের কাছে মিনতি করছি, তোমরা তোমাদের শরীরকে জীবন্ত বলিরূপে, পবিত্র ও ঈশ্বরের গ্রহণযোগ্যরূপে উৎসর্গ করো—তাই হবে তোমাদের যুক্তিসংগত আরাধনা। 2 আর তোমরা এই জগতের রীতি অনুযায়ী জীবনযাপন করো না, কিন্তু তোমাদের মনের নতুনীকরণের দ্বারা রূপান্তরিত হও। তখন তোমরা ঈশ্বরের ইচ্ছাকে যাচাই ও অনুমোদন করতে পারবে, যা উৎকৃষ্ট, প্রীতিজনক ও সিদ্ধ।
-
7 এই সমস্ত অসাধারণ, মহৎ প্রত্যাদেশের কারণে, আমি যেন গর্বে ফুলেফেঁপে না উঠি, আমার শরীরে এক কাঁটা, শয়তানের এক দূত, দেওয়া হয়েছে যেন সে আমাকে কষ্ট দেয়। 8 আমার কাছ থেকে এটা সরিয়ে নেওয়ার জন্য তিনবার আমি প্রভুর কাছে মিনতি করেছিলাম। 9 কিন্তু তিনি আমাকে বলেছেন, “আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কারণ আমার শক্তি দুর্বলতায় সিদ্ধিলাভ করে।” অতএব, আমার দুর্বলতা সম্পর্কে আমি সানন্দে আরও বেশি গর্ব করব, যেন খ্রীষ্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। 10 এই কারণে, খ্রীষ্টের জন্য আমি বিভিন্ন দুর্বলতায়, অপমানে, অনটনে, ক্লেশভোগ ও কষ্ট-সংকটে আনন্দ করি, কারণ যখন আমি দুর্বল, তখনই আমি শক্তিমান।
-
19 শারীরিক লালসার সব কাজ সুস্পষ্ট: ব্যভিচার, বিবাহ-বহির্ভূত যৌনাচার ও উচ্ছৃঙ্খলতা; 20 প্রতিমাপূজা ও ডাকিনীবিদ্যা; ঘৃণা, ঈর্ষা, ক্রোধের উত্তেজনা, স্বার্থকেন্দ্রিক উচ্চাকাঙ্ক্ষা, মতবিরোধ, দলাদলি ও 21 হিংসা; মত্ততা, রঙ্গরস ও এ ধরনের আরও অনেক বিষয়। আগের মতোই আমি আবার তোমাদের সতর্ক করছি, যারা এ ধরনের জীবনযাপন করে, তারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না।
22 কিন্তু পবিত্র আত্মার ফল হল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, পরোপকারিতা, বিশ্বস্ততা, 23 বিনম্রতা ও আত্মসংযম। এসব বিষয়ের বিরুদ্ধে কোনও বিধান নেই। 24 আর যারা খ্রীষ্ট যীশুর, তারা শারীরিক লালসার সমস্ত আসক্তি ও অভিলাষকে ক্রুশার্পিত করেছে। 25 আমরা যেহেতু পবিত্র আত্মার বশে জীবনযাপন করি, এসো আমরা আত্মার সঙ্গে তাল মিলিয়ে চলি।
-
3 কারণ যদিও আমরা এই জগতে বসবাস করি, আমরা এই জগতের মতো যুদ্ধের অভিযান করি না। 4 যে অস্ত্রশস্ত্র নিয়ে আমরা সংগ্রাম করি, তা জাগতিক নয়, কিন্তু দুর্গসকল ধ্বংস করার জন্য সেগুলির মধ্যে আছে ঐশ্বরিক পরাক্রম। আমরা সব তর্কবিতর্ক ধ্বংস করে 5 এবং ঈশ্বরজ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত ভণিতা ও সমস্ত চিন্তাকে বন্দি করে খ্রীষ্টের আজ্ঞাবহ করি। 6 আর একবার তোমাদের আজ্ঞাবহতা সম্পূর্ণ হলে, আমরা বাকিদের সমস্ত অবাধ্যতার শাস্তি দিতে প্রস্তুত আছি।
-
34 অতএব, কালকের বিষয়ে দুশ্চিন্তা কোরো না, কারণ কাল স্বয়ং নিজের বিষয়ে দুশ্চিন্তা করবে। প্রত্যেকটি দিনের কষ্ট প্রতিটি দিনের জন্য যথেষ্ট।
-
27 আমি তোমাদের মধ্যে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিয়ে যাচ্ছি। জগৎ যেভাবে দেয়, আমি সেভাবে তোমাদের দান করি না। তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয় এবং তোমরা ভীত হোয়ো না।
28 “তোমরা আমার কাছে শুনেছ, ‘আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাদের কাছে আবার ফিরে আসছি।’ তোমরা যদি আমাকে প্রেম করতে, আমি পিতার কাছে যাচ্ছি বলে তোমরা উল্লসিত হতে, কারণ পিতা আমার চেয়ে মহান। 29 এসব ঘটবার আগেই আমি এখন তোমাদের সেসব বলে দিলাম, যেন তা ঘটলে তোমরা বিশ্বাস করতে পারো। 30 আমি তোমাদের সঙ্গে আর বেশিক্ষণ কথা বলব না, কারণ এই জগতের অধিকর্তা আসছে। আমার উপর তার কোনো অধিকার নেই। 31 কিন্তু জগৎ যেন শিক্ষাগ্রহণ করে যে, আমি পিতাকে প্রেম করি এবং পিতা আমাকে যা আদেশ করেন, আমি ঠিক তাই পালন করি।
“এখন চলো, আমরা এখান থেকে যাই।
-
28 আর আমরা জানি যে, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তাঁর ইচ্ছা অনুসারে আহূত, তিনি সব বিষয়ে তাদের মঙ্গলসাধনের জন্য কাজ করেন।
-
দাউদের গীত।
1 সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না।
2 তিনি সবুজ চারণভূমিতে আমাকে শয়ন করান,
তিনি শান্ত জলের ধারে আমাকে নিয়ে যান,
3 তিনি আমার প্রাণ সঞ্জীবিত করেন।
নিজের নামের মহিমায়
তিনি আমাকে সঠিক পথে পরিচালনা করেন।
4 যদিও আমি হেঁটে যাই
অন্ধকারাচ্ছন্ন উপত্যকার মধ্য দিয়ে,
আমি কোনও অমঙ্গলের ভয় করব না,
কারণ তুমি আমার সঙ্গে আছ;
তোমার লাঠি ও তোমার ছড়ি,
সেগুলি আমাকে সান্ত্বনা দেয়।
-
5 আমার চারপাশের জলরাশি আমাকে ভীত করল,
অগাধ জলরাশি আমাকে ঘিরে ধরল;
সাগরের আগাছা আমার মাথায় জড়িয়ে গেল।
6 আমি সমুদ্রে পর্বতসমূহের তলদেশ পর্যন্ত ডুবে গেলাম;
নিচের পৃথিবী চিরতরে আমাকে বন্দি করল।
কিন্তু হে সদাপ্রভু, আমার ঈশ্বর,
তুমি গভীর গর্ত থেকে আমার প্রাণকে তুলে ধরলে।
7 “আমার প্রাণ যখন আমার মধ্যে ক্ষীণ হচ্ছিল,
সদাপ্রভু, আমি তোমাকে স্মরণ করলাম,
আর আমার প্রার্থনা তোমার কাছে গেল
তোমার পবিত্র মন্দিরে উপস্থিত হল।
-
27 সদাপ্রভু তোমাদের মিশরীয়দের সেই ফোঁড়া, আব, ফোস্কা এবং চুলকানি দিয়ে যন্ত্রণা দেবেন, যা তোমরা ভালো করতে পারবে না। 28 সদাপ্রভু তোমাদের পাগলামি, অন্ধতা দিয়ে এবং চিন্তাশক্তি নষ্ট করে যন্ত্রণা দেবেন। 29 অন্ধ লোক যেমন অন্ধকারে হাতড়ে বেড়ায় তেমনি করে তোমরা দিনের বেলাতেই হাতড়ে বেড়াবে। তোমরা যে কাজ করবে তাতেই বিফল হবে; দিনের পর দিন তোমরা অত্যাচারিত ও লুন্ঠিত হবে, তোমাদের উদ্ধার করার জন্য কেউ থাকবে না।
-
33 “আমি তোমাদের এসব কথা জানালাম, যেন আমার মধ্যে তোমরা শান্তি লাভ করো। এই জগতে তোমরা সংকটের সম্মুখীন হবে, কিন্তু সাহস করো! আমি এই জগৎকে জয় করেছি।”
-
5 যারা পাপময় প্রকৃতি অনুযায়ী জীবনযাপন করে, সেই প্রকৃতি যা চায়, তার উপর তারা তাদের মনোনিবেশ করে। কিন্তু যারা পবিত্র আত্মার বশে জীবনযাপন করে, তাদের মন পবিত্র আত্মা যা চান, তার প্রতিই নিবিষ্ট থাকে। 6 রক্তমাংসের উপরে নিবদ্ধ মানসিকতার পরিণাম হল মৃত্যু, কিন্তু পবিত্র আত্মার দ্বারা নিয়ন্ত্রিত মানিসকতা হল জীবন ও শান্তি। 7 রক্তমাংসের মানসিকতা হল ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতা। তা ঈশ্বরের বিধানের প্রতি বশীভূত থাকে না, আর তেমন করতেও পারে না। 8 যারা রক্তমাংসের স্বভাব দ্বারা নিয়ন্ত্রিত, তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না।
-
3 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক, যিনি করুণাময় পিতা ও সমস্ত সান্ত্বনার ঈশ্বর, 4 যিনি আমাদের সকল কষ্টের জন্য সান্ত্বনা প্রদান করেন, যেন আমরা স্বয়ং যে সান্ত্বনা ঈশ্বরের কাছ থেকে লাভ করেছি, যারা যে কোনো কষ্টভোগ করছে, তাদের সেই সান্ত্বনা দ্বারা সান্ত্বনা প্রদান করতে পারি। 5 কারণ যেমন খ্রীষ্টের কষ্টভোগ আমাদের জীবনে প্রচুররূপে প্রবাহিত হয়েছে, তেমনই খ্রীষ্টের মাধ্যমে আমাদের সান্ত্বনাও যেন প্রবলরূপে উপচে পড়ে। 6 আমরা যদি যন্ত্রণাগ্রস্ত হই, তা তোমাদের সান্ত্বনা ও পরিত্রাণের জন্য; যদি আমরা সান্ত্বনা লাভ করি, তা তোমাদের সান্ত্বনার জন্য, যা তোমাদের মধ্যে ধৈর্যসহ, আমরা যে কষ্টভোগ করি, সেই একই কষ্টভোগে সহ্যশক্তি উৎপন্ন করে। 7 আর তোমাদের জন্য আমাদের প্রত্যাশা অবিচল, কারণ আমরা জানি যে, যেমন তোমরা আমাদের কষ্টভোগের অংশীদার হও, তেমনই তোমরা আমাদের সান্ত্বনারও সহভাগী হয়ে থাকো।
8 ভাইবোনেরা, আমি চাই না, এশিয়া প্রদেশে যে দুর্দশা আমরা ভোগ করেছিলাম, তা তোমাদের অজানা থাকে। আমাদের সহ্যশক্তির থেকেও বহুগুণে বেশি আমরা নিদারুণ চাপের মধ্যে ছিলাম, যার ফলে আমরা প্রাণের আশা ছেড়ে দিয়েছিলাম। 9 প্রকৃতপক্ষে, আমরা আমাদের অন্তরে মৃত্যুর শাস্তি অনুভব করেছিলাম। কিন্তু এরকম ঘটল, যেন আমরা নিজের উপরে নির্ভর না করে ঈশ্বরের উপরে করি, যিনি মৃতদের উত্থাপিত করেন। 10 তিনিই আমাদের এরকম মৃত্যুজনক সংকট থেকে উদ্ধার করেছেন এবং তিনি আমাদের উদ্ধার করবেন। তাঁরই উপর আমরা আশা রেখেছি যে, তিনি আমাদের পুনরায় উদ্ধার করবেন, 11 যেমন তোমরা তোমাদের প্রার্থনা দ্বারা আমাদের সাহায্য করে থাকো। এরপর অনেকের প্রার্থনার উত্তরে আমরা যে মহা-অনুগ্রহ লাভ করেছি, সেই কারণে, অনেকেই আমাদের পক্ষে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করবে।
-
13 যিনি আমাকে শক্তি দান করেন, তাঁর মাধ্যমে আমি সবকিছুই করতে পারি।
-
1 ইত্যবসরে এলিয় যা যা করলেন এবং কীভাবে তিনি ভাববাদীদের সবাইকে তরোয়াল দিয়ে হত্যা করলেন, সেসব কথা আহাব ঈষেবলকে বলে দিলেন। 2 তাই ঈষেবল এলিয়ের কাছে একথা বলার জন্য একজন দূত পাঠালেন, “আগামীকাল এই সময়ের মধ্যে আমি যদি তোমার দশা সেই ভাববাদীদের একজনের মতোও না করি, তবে যেন দেবদেবীরা আমাকে কঠোর থেকে কঠোরতর দণ্ড দেন।”
3 এলিয় ভয় পেয়ে গেলেন এবং প্রাণ বাঁচাতে তিনি দৌড় লাগালেন। যিহূদার বের-শেবায় পৌঁছে তিনি তাঁর দাসকে সেখানে রেখে 4 নিজে একদিনের পথ পাড়ি দিয়ে মরুপ্রান্তরে চলে গেলেন। একটি খেংরা ঝোপের কাছে এসে, সেটির তলায় বসে তিনি নিজের মৃত্যু কামনা করে প্রার্থনা করলেন। “হে সদাপ্রভু, যথেষ্ট হয়েছে,” তিনি বললেন। “আমার জীবন নিয়ে নাও; আমার পূর্বপুরুষদের চেয়ে আমি কোনোমতেই ভালো নই।” 5 এই বলে তিনি খেংরা ঝোপের তলায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন।
হঠাৎ করে একজন স্বর্গদূত তাঁকে স্পর্শ করে বলে উঠেছিলেন, “উঠে পড়ো ও খেয়ে নাও।” 6 তিনি চারপাশে তাকিয়েছিলেন, আর দেখতে পেয়েছিলেন যে তাঁর মাথার কাছে গরম কয়লার আগুনে সেঁকা কয়েকটি রুটি ও এক বয়াম জল রাখা আছে। তিনি ভোজনপান করে আবার শুয়ে পড়েছিলেন।
7 সদাপ্রভুর দূত দ্বিতীয়বার ফিরে এসে তাঁকে স্পর্শ করে বললেন, “উঠে পড়ো ও খেয়ে নাও, কারণ এই যাত্রাটি তোমার পক্ষে বড়ো বেশি লম্বা হতে চলেছে।” 8 অতএব তিনি উঠে ভোজনপান করলেন। খাবার খেয়ে শক্তি লাভ করে তিনি সদাপ্রভুর পর্বত হোরেবে না পৌঁছানো পর্যন্ত চল্লিশ দিন চল্লিশ রাত হেঁটে গেলেন।
-
18 আমি এরকম মনে করি যে, আমাদের মধ্যে যে মহিমার প্রকাশ ঘটবে, আমাদের বর্তমানকালের কষ্টভোগের সঙ্গে তার কোনো তুলনা হতে পারে না।
-
22 আমরা জানি যে, সমস্ত সৃষ্টি বর্তমানকাল পর্যন্ত সন্তান প্রসবের যন্ত্রণার মতো আর্তনাদ করছে। 23 শুধু তাই নয়, কিন্তু আমরা নিজেরাও, যারা আত্মার প্রথম ফল পেয়েছি, আমাদের দত্তকপুত্র হয়ে স্বীকৃতি পাওয়ার গভীর প্রতীক্ষায় ও শরীরের মুক্তির জন্য অন্তরে আর্তনাদ করছি। 24 কারণ এই প্রত্যাশাতেই আমরা পরিত্রাণ লাভ করেছি। কিন্তু যে প্রত্যাশা দৃষ্টিগোচর, তা আদৌ কোনো প্রত্যাশা নয়। যার ইতিমধ্যে কিছু আছে, তার জন্য কেন সে প্রত্যাশা করবে? 25 কিন্তু যা আমাদের নেই, তার জন্য যদি আমরা প্রত্যাশা করি, তাহলে তার জন্য ধৈর্যসহ প্রতীক্ষা করি।
26 একইভাবে পবিত্র আত্মা আমাদের দুর্বলতায় আমাদের সাহায্য করেন। সঠিক কী প্রার্থনা করতে হয়, তা আমরা জানি না, কিন্তু পবিত্র আত্মা স্বয়ং আমাদের পক্ষে আর্তস্বরে প্রার্থনা করেন, যা ভাষায় প্রকাশ করা যায় না।
-
7 প্রিয় বন্ধুরা, এসো আমরা পরস্পরকে প্রেম করি, কারণ প্রেম ঈশ্বর থেকে আসে। যে প্রেম করে, সে ঈশ্বর থেকে জাত এবং সে ঈশ্বরকে জানে। 8 যে প্রেম করে না, সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বরই প্রেম।
-
3 তাকে তুমি পূর্ণ শান্তিতেই রাখবে,
যার মন সুস্থির,
কারণ সে তোমার উপরে নির্ভর করে।
4 তোমরা চিরকাল সদাপ্রভুর উপরে নির্ভর করো,
কারণ সদাপ্রভু, সেই সদাপ্রভুই হলেন শাশ্বত শৈল।
-
11 কারণ তোমাদের জন্য কৃত পরিকল্পনার কথা আমি জানি,” সদাপ্রভু এই কথা বলেন। “তা হল তোমাদের সমৃদ্ধির পরিকল্পনা, তোমাদের ক্ষতি করার নয়, তোমাদের এক আশা ও ভবিষ্যৎ মঙ্গলদানের পরিকল্পনা।
-
9 আমি কি তোমাকে এই আদেশ দিইনি? তুমি শক্তিশালী ও সাহসী হও। তুমি ভীত হোয়ো না; হতাশ হোয়ো না, কারণ তুমি যেখানেই যাবে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে সঙ্গে থাকবেন।”
-
28 তুমি কি জানো না?
তুমি কি কখনও শোনোনি?
সদাপ্রভুই সনাতন ঈশ্বর,
তিনি পৃথিবীর প্রান্তসীমার সৃষ্টিকর্তা।
তিনি শ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না,
তাঁর বুদ্ধির গভীরতা কেউ পরিমাপ করতে পারে না।
29 তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন,
দুর্বলের শক্তিবৃদ্ধি করেন।
30 এমনকি, যুবকেরাও শ্রান্ত ও ক্লান্ত হয়,
তরুণেরা হোঁচট খেয়ে পতিত হয়;
31 কিন্তু যারা সদাপ্রভুতে প্রত্যাশা রাখে,
তারা তাদের শক্তি নবায়িত করবে।
তারা ঈগল পাখির মতোই ডানা মেলবে,
তারা দৌড়াবে, কিন্তু ক্লান্ত হবে না,
তারা চলাফেরা করবে, কিন্তু মূর্ছিত হবে না।
-
19 তোমরা কি জানো না যে, তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে বাস করেন, যাঁকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছ? 20 তোমরা আর তোমাদের নিজের নও, তোমাদের মূল্য দিয়ে কিনে নেওয়া হয়েছে। অতএব, তোমাদের দেহ দিয়ে তোমরা ঈশ্বরের গৌরব করো।
-
13 মানুষের কাছে সাধারণভাবে যেমন ঘটে থাকে, তা ছাড়া অন্য কোনো প্রলোভন তোমাদের প্রতি ঘটেনি। আর ঈশ্বর বিশ্বস্ত। তোমরা যা সহ্য করতে পারো, তার অতিরিক্ত কোনো প্রলোভনে তিনি তোমাদের পড়তে দেবেন না। কিন্তু তোমরা যখন প্রলোভিত হও, তিনিই তোমাদের রক্ষা পাওয়ার পথও করে দেবেন, যেন তার মধ্যেও তোমরা দাঁড়িয়ে থাকতে পারো।
-
17 অতএব, আমি তোমাদের এই কথা বলি এবং প্রভুর নামে অনুনয় করি, তোমরা অইহুদিদের মতো আর অসার চিন্তায় জীবনযাপন কোরো না। 18 তাদের বুদ্ধি হয়েছে অন্ধকারে আচ্ছন্ন এবং ঐশ্বরিক-জীবন থেকে তারা হয়েছে বিচ্ছিন্ন। তাদের কঠিন হৃদয়ের অজ্ঞতাই তার কারণ। 19 সমস্ত চেতনা হারিয়ে তারা কামনাবাসনায় নিজেদের সমর্পণ করেছে, যেন সকল প্রকার কলুষতা ও ইন্দ্রিয়লালসায় তারা বেশি আসক্ত হয়ে পড়ে।
20 খ্রীষ্টের সম্বন্ধে তোমরা অবশ্য সেরকম শিক্ষা লাভ করোনি। 21 নিঃসন্দেহে, তোমরা তাঁর বিষয়ে শুনেছ এবং যীশুর মধ্যে যে সত্য আছে, সেই অনুযায়ী শিক্ষা পেয়েছ। 22 তোমাদের অতীত জীবনধারা সম্বন্ধে তোমরা শিক্ষা পেয়েছ যে, তোমাদের পুরোনো সত্তাকে ত্যাগ করতে হবে, যা তার বহুবিধ ছলনাময় অভিলাষের দ্বারা কলুষিত হয়ে উঠেছে। 23 তোমাদের মানসিকতাকে নতুন করতে হবে; 24 প্রকৃত ধার্মিকতা এবং পবিত্রতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট নতুন সত্তাকে পরিধান করতে হবে।
-
10 তিনি বলেন, “শান্ত হও, আর জানো, আমিই ঈশ্বর;
সমস্ত জাতিতে আমি মহিমান্বিত হব,
সমস্ত পৃথিবীতে আমি মহিমান্বিত হব।”
11 সর্বশক্তিমান সদাপ্রভু আমাদের সঙ্গে আছেন;
যাকোবের ঈশ্বর আমাদের উচ্চদুর্গ।
-
24 তাঁর সংবাদ সমস্ত সিরিয়ায় ছড়িয়ে পড়ল। লোকেরা তাঁর কাছে বিভিন্ন রোগে আক্রান্ত অসুস্থদের, যারা প্রচণ্ড যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল তাদের, ভূতগ্রস্তদের, মৃগী-রোগীদের ও পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের নিয়ে এল। তিনি তাদের সুস্থ করলেন।
-
13 স্বর্গলোক থেকে আগত সেই একজন, অর্থাৎ, মনুষ্যপুত্র ব্যতীত আর কেউ কখনও স্বর্গে প্রবেশ করেননি। 14 মরুপ্রান্তরে মোশি যেমন সেই সাপকে উঁচুতে স্থাপন করেছিলেন, মনুষ্যপুত্রকেও তেমনই উন্নত হতে হবে, 15 যেন যারা তাঁকে বিশ্বাস করে তারা প্রত্যেকেই অনন্ত জীবন পায়।
16 “কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে, তিনি তাঁর একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাঁকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। 17 কারণ জগতের বিচার করতে ঈশ্বর তাঁর পুত্রকে জগতে পাঠাননি, কিন্তু তাঁর মাধ্যমে জগৎকে উদ্ধার করতেই পাঠিয়েছিলেন। 18 যে ব্যক্তি তাঁকে বিশ্বাস করে না, তার বিচার ইতিমধ্যেই হয়ে গেছে, কারণ ঈশ্বরের একজাত পুত্রের নামে সে বিশ্বাস করেনি। 19 এই হল দণ্ডাদেশ: জগতে জ্যোতির আগমন হয়েছে, কিন্তু মানুষ জ্যোতির পরিবর্তে অন্ধকারকে ভালোবাসলো কারণ তাদের সব কাজ ছিল মন্দ। 20 যে দুষ্কর্ম করে, সে জ্যোতিকে ঘৃণা করে ও জ্যোতির সান্নিধ্যে আসতে ভয় পায়, পাছে তার দুষ্কর্মগুলি প্রকাশ হয়ে পড়ে। 21 কিন্তু যে সত্যে জীবনযাপন করে সে জ্যোতির সান্নিধ্যে আসে, যেন তার সমস্ত কাজই ঈশ্বরে সাধিত বলে প্রকাশ পায়।”
-
18 প্রেমে কোনো ভয় নেই। কিন্তু নিখাদ ভালোবাসা ভয় দূর করে, কারণ ভয়ের সঙ্গে জড়িত থাকে শাস্তি। আর যে ভয় করে, তার প্রেম পূর্ণতা লাভ করেনি।
19 আমরা প্রেম করি, কারণ তিনিই প্রথমে আমাদের প্রেম করেছেন। 20 কেউ যদি বলে, “আমি ঈশ্বরকে প্রেম করি,” অথচ তার ভাইবোনকে ঘৃণা করে, সে মিথ্যাবাদী। যে ভাই বা বোনকে সে দেখতে পায় তাকে যদি সে প্রেম না করে, তাহলে যে ঈশ্বরকে সে দেখেনি তাঁকে সে প্রেম করতে পারে না। 21 তিনি আমাদের এই আদেশ দিয়েছেন: ঈশ্বরকে যে প্রেম করে, সে তার ভাইবোনকেও প্রেম করবে।
-
8 সদাপ্রভু নিজেই তোমার আগে আগে যাবেন এবং তোমার সঙ্গে থাকবেন; তিনি কখনও তোমাকে ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না। তুমি ভয় পেয়ো না; নিরাশ হোয়ো না।”
-
সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।
1 আমি ধৈর্যসহ সদাপ্রভুর প্রতীক্ষায় ছিলাম;
তিনি আমার প্রতি মনোযোগ দিলেন আর আমার প্রার্থনা শুনলেন।
2 তিনি হতাশার গহ্বর থেকে আমাকে টেনে তুললেন,
কাদা এবং পাঁক থেকে;
তিনি এক শৈলের উপর আমার পা স্থাপন করলেন
এবং আমাকে দাঁড়াবার জন্য এক সুদৃঢ় স্থান দিলেন।
3 তিনি আমার মুখে এক নতুন গান দিলেন,
আমাদের ঈশ্বরের জন্য এক প্রশংসার গীত দিলেন।
অনেকে এসব দেখবে আর সদাপ্রভুকে সম্ভ্রম করবে
আর তাঁর উপর আস্থা স্থাপন করবে।
-
11 হে আমার প্রাণ, কেন তুমি অবসন্ন?
কেন তুমি অন্তরে এত হতাশ?
ঈশ্বরে তুমি আশা রাখো,
কারণ আমি আবার তাঁর প্রশংসা করব
যিনি আমার পরিত্রাতা ও আমার ঈশ্বর।
-
9 সেই স্থান ছেড়ে চলে যাওয়ার সময় যীশু দেখলেন, মথি নামে এক ব্যক্তি কর আদায়কারীর চালাঘরে বসে আছেন। তিনি তাঁকে বললেন, “আমাকে অনুসরণ করো!” মথি তখনই উঠে পড়লেন ও তাঁকে অনুসরণ করতে লাগলেন।
10 মথির বাড়িতে যীশু যখন রাতের খাওয়া খেতে বসেছিলেন, তখন বহু কর আদায়কারী ও পাপী মানুষ এসে যীশু ও তাঁর শিষ্যদের সঙ্গে খেতে বসল। 11 ফরিশীরা তা লক্ষ্য করে তাঁর শিষ্যদের জিজ্ঞাসা করল, “কর আদায়কারী ও পাপীদের সঙ্গে বসে তোমাদের গুরুমহাশয় কেন খাওয়াদাওয়া করেন?”
12 একথা শুনে যীশু বললেন, “পীড়িত ব্যক্তিরই চিকিৎসকের প্রয়োজন, সুস্থ ব্যক্তির নয়। 13 কিন্তু তোমরা যাও এবং এই বাক্যের মর্ম কি তা শিক্ষা নাও: ‘আমি দয়া চাই, বলিদান নয়।’ কারণ আমি ধার্মিকদের নয়, কিন্তু পাপীদের আহ্বান করতে এসেছি।”
-
27 এরপর যীশু বেরিয়ে লেবি নামে এক কর আদায়কারীকে তাঁর নিজের কর আদায়ের চালাঘরে বসে থাকতে দেখলেন। যীশু তাঁকে বললেন, “আমাকে অনুসরণ করো।” 28 লেবি তখনই উঠে পড়লেন, সবকিছু ত্যাগ করলেন ও তাঁকে অনুসরণ করতে লাগলেন।
29 পরে লেবি তাঁর বাড়িতে যীশুর সম্মানে এক বিরাট ভোজসভার আয়োজন করলেন। বহু কর আদায়কারী এবং আরও অনেকে তাঁদের সঙ্গে আহার করছিল। 30 কিন্তু ফরিশীরা ও তাঁদের দলভুক্ত শাস্ত্রবিদরা যীশুর শিষ্যদের কাছে অভিযোগ করল, “কর আদায়কারী ও পাপীদের সঙ্গে তোমরা কেন খাওয়াদাওয়া করছ?”
31 যীশু তাদের উত্তর দিলেন, “পীড়িত ব্যক্তিরই চিকিৎসকের প্রয়োজন, সুস্থ ব্যক্তির নয়। 32 আমি ধার্মিকদের নয়, কিন্তু পাপীদের আহ্বান করতে এসেছি, যেন তারা মন পরিবর্তন করে।”
-
10 চোর আসে কেবল চুরি, হত্যা ও ধ্বংস করতে, কিন্তু আমি এসেছি যেন তারা জীবন পায় এবং তা পূর্ণরূপেই পায়।
-
38 কারণ আমি নিশ্চিতরূপে জানতে পেরেছি যে, মৃত্যু বা জীবন, স্বর্গদূতেরা বা ভূতেরা, বর্তমান বা ভাবীকালের কোনো বিষয়, না কোনো পরাক্রম, 39 ঊর্ধ্বলোক বা অধোলোক বা সমস্ত সৃষ্টির অন্য কোনো বিষয়, কোনো কিছুই আমাদের প্রভু, খ্রীষ্ট যীশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না।
-
16 সমস্ত শাস্ত্রলিপি ঈশ্বর-নিশ্বসিত এবং শিক্ষা, তিরস্কার, সংশোধন ও ধার্মিকতায় প্রশিক্ষণের জন্য উপযোগী, 17 যেন ঈশ্বরের লোক পরিপক্ব ও সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়।
-
2 করুণা, শান্তি ও প্রেম প্রচুর পরিমাণে তোমাদের প্রতি বর্ষিত হোক।
-
21 দাউদ শৌলের কাছে এসে তাঁর সেবাকাজে বহাল হলেন। শৌলের তাকে খুব পছন্দ হল, এবং দাউদ তাঁর অস্ত্র-বহনকারীদের মধ্যে একজন হয়ে গেলেন। 22 পরে শৌল যিশয়কে বলে পাঠালেন, “দাউদকে আমার সেবাকাজে বহাল থাকতে দাও, কারণ আমার ওকে ভালো লেগেছে।”
23 যখনই ঈশ্বরের কাছ থেকে আত্মাটি নেমে আসত, দাউদ তার বীণাটি নিয়ে বাজাতে শুরু করতেন। তখনই শৌল স্বস্তি পেতেন; তাঁর ভালো লাগত, ও মন্দ আত্মাটি তাঁকে ছেড়ে চলে যেত।
-
12 দাউদ সেকথা মনে রেখেছিলেন আর গাতের রাজা আখীশকে দেখে খুব ভয় পেয়ে গেলেন। 13 তাই তাদের উপস্থিতিতে তিনি পাগল হওয়ার ভান করলেন; আর তাদের কাছে থাকার সময় তিনি পাগলের মতো সদর-দরজার কপাটে আঁকিবুকি কাটছিলেন ও তাঁর দাড়ির উপর লালা ঝরাচ্ছিলেন।
14 আখীশ তাঁর দাসদের বললেন, “লোকটির দিকে তাকাও দেখি! এ তো পাগল! একে আমার কাছে এনেছ কেন? 15 আমার কাছে কি পাগলের অভাব আছে যে তোমরা আমার সামনে পাগলামি করার জন্য একে নিয়ে এসেছ? এ লোকটি আমার বাড়িতে আসবে নাকি?”
-
5 তুমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর উপর আস্থা রাখো
ও নিজের বিচক্ষণতার উপর নির্ভর কোরো না;
6 তোমার সমস্ত পথে তাঁর বশ্যতাস্বীকার করো,
ও তিনি তোমার পথগুলি সোজা করে দেবেন।
7 নিজের দৃষ্টিতে জ্ঞানবান হোয়ো না;
সদাপ্রভুকে ভয় করো ও কুকর্ম এড়িয়ে চলো।
8 এটি তোমার দেহে স্বাস্থ্য ফিরাবে
ও তোমার অস্থির পুষ্টিসাধন করবে।
-
1 কিন্তু এখন, সদাপ্রভু এই কথা বলেন,
ওহে যাকোব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন,
ওহে ইস্রায়েল, যিনি তোমাকে গঠন করেছেন,
“তুমি ভয় পেয়ো না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি;
আমি নাম ধরে তোমাকে ডেকেছি; তুমি আমার।
-
4 সেদিন, আমি প্রত্যেকটা ঘোড়াকে আতঙ্কে আঘাত করব এবং তার আরোহীকে পাগল করব,” সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। “আমি যিহূদা কুলের উপর সতর্ক নজর রাখব, কিন্তু আমি অন্যান্য জাতির সব ঘোড়াকে অন্ধ করব।
-
9 প্রেম অকপট হোক। যা মন্দ, তা ঘৃণা করো, যা ভালো, তার প্রতি আসক্ত হও। 10 প্রেমে তোমরা পরস্পরের প্রতি অনুরক্ত হও। নিজেদের থেকেও বেশি একে অপরকে সম্মান করো। 11 কর্ম উদ্যোগে শিথিল হোয়ো না, কিন্তু আত্মায় উদ্দীপিত থেকো ও প্রভুর সেবা করো। 12 প্রত্যাশায় আনন্দ করো, কষ্ট-সংকটে সহিষ্ণু হও, প্রার্থনায় বিশ্বস্ত থেকো।
-
12 অতএব, ঈশ্বরের মনোনীত, পবিত্র ও প্রিয়জনরূপে সহানুভূতি, দয়া, নম্রতা, সৌজন্যবোধ এবং সহিষ্ণুতায় নিজেদের আবৃত করো। 13 পরস্পরের প্রতি সহনশীল হও। একের বিরুদ্ধে অপরের কোনো ক্ষোভ থাকলে, পরস্পরকে ক্ষমা করো। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন, তোমরাও তেমনই করো। 14 এসব গুণের ঊর্ধ্বে ভালোবাসাকে পরিধান করো, যা সেইসব গুণকে পূর্ণ ঐক্যের বাঁধনে আবদ্ধ করে।
15 খ্রীষ্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক, কারণ একই দেহের অঙ্গপ্রত্যঙ্গরূপে তোমরা শান্তির উদ্দেশে আহূত হয়েছ। আর তোমরা কৃতজ্ঞ হও। 16 তোমাদের অন্তরে খ্রীষ্টের বাক্য প্রচুর পরিমাণে অবস্থিতি করুক; তোমরা সমস্ত বিজ্ঞতায় বিভূষিত হয়ে পরস্পরকে শিক্ষাদান ও সচেতন করো এবং গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে মুখর হয়ে ঈশ্বরের প্রতি তোমাদের হৃদয়ের কৃতজ্ঞতায় তা করো। 17 আর কথায় ও কাজে, তোমরা যা কিছুই করো, সবই প্রভু যীশুর নামে করো, তাঁরই মাধ্যমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে তা করো।
Shows Read in context, Share and Copy.