36 Bible Verses About Restoration

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Restoration
  1. 19 সুতরাং, এখন তোমরা মন পরিবর্তন করো ও ঈশ্বরের প্রতি ফিরে এসো, যেন তোমাদের সব পাপ মুছে ফেলা হয় ও প্রভুর কাছ থেকে পুনরুজ্জীবনের সময় উপস্থিত হয়। 20 তখন তিনি সেই মশীহকে, অর্থাৎ যীশুকে, আবার পাঠাবেন যাঁকে তিনি তোমাদের জন্য নিযুক্ত করেছেন। 21 তাঁকে সেই সময় পর্যন্ত স্বর্গে থাকতেই হবে, যতক্ষণ না সবকিছু পুনরায় প্রতিষ্ঠা করার জন্য ঈশ্বরের সময় উপস্থিত হয়, যেমন তিনি তাঁর পবিত্র ভাববাদীদের মাধ্যমে বহুকাল আগেই প্রতিশ্রুতি দান করেছিলেন।

  2. 18 তারপরে সদাপ্রভু তাঁর দেশের বিষয়ে উদ্যোগী হলেন

    এবং তাঁর প্রজাদের প্রতি দয়া করলেন।

    19 সদাপ্রভু তাদের প্রত্যুত্তর করবেন:

    “আমি তোমাদের কাছে শস্য, নতুন দ্রাক্ষারস ও তেল প্রেরণ করতে চলেছি,

    যা তোমাদের পরিতৃপ্ত করার জন্য পর্যাপ্ত হবে;

    আমি আর কখনও তোমাদের

    অন্যান্য জাতির কাছে নিন্দার পাত্র করব না।

    20 “উত্তরের সৈন্যদলকে আমি তোমাদের কাছ থেকে তাড়িয়ে দেব,

    তাদের এক শুকনো ও অনুর্বর দেশে নিক্ষেপ করব,

    পূর্ব সমুদ্রের দিকে তার সামনের ভাগ

    ও পশ্চিম সমুদ্রের দিকে তার পেছনের ভাগ নিক্ষেপ করব।

    তার দুর্গন্ধ উপরে উঠে যাবে,

    তার পূতিগন্ধ উঠতে থাকবে।”

    21 ওহে দেশ, ভয় কোরো না;

    আনন্দিত হও ও উল্লাস করো।

    সদাপ্রভু নিশ্চয়ই মহৎ সব কাজ করেছেন।

    22 ওহে বুনো পশুরা, তোমরা ভয় কোরো না,

    কারণ খোলা চারণভূমিগুলি সবুজ হয়ে উঠছে।

    গাছগুলি তাদের ফল উৎপন্ন করছে,

    ডুমুর গাছ ও দ্রাক্ষালতা তাদের ফলভারে সমৃদ্ধ হচ্ছে।

    23 ওহে সিয়োনের অধিবাসীরা, তোমরা আনন্দিত হও,

    আমাদের ঈশ্বর সদাপ্রভুতে আনন্দিত হও,

    কারণ তিনি তাঁর ধর্মশীলতায়

    তোমাদের অগ্রিম বৃষ্টি দান করবেন।

    তিনি তোমাদের কাছে প্রচুর বৃষ্টি প্রেরণ করবেন,

    পূর্বের মতোই প্রথম ও শেষ বর্ষা প্রেরণ করবেন।

    24 খামারগুলি শস্যে পরিপূর্ণ হবে;

    ভাঁটিগুলি নতুন দ্রাক্ষারসে ও তেলে উপচে পড়বে।

    25 “বছর বছর ধরে পঙ্গপালে যা খেয়েছে, তা আমি ফিরিয়ে দেব—

    অর্থাৎ বড়ো পঙ্গপাল, ও অল্পবয়স্ক পঙ্গপাল,

    অন্যান্য পঙ্গপাল ও পঙ্গপালের ঝাঁক—

    আমার মহা সৈন্যদল, যাদের আমি প্রেরণ করেছিলাম।

    26 যতক্ষণ না তোমরা তৃপ্ত হবে, তোমরা পর্যাপ্ত পরিমাণে আহার করবে,

    আর তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করবে,

    যিনি তোমাদের জন্য বিস্ময়কর সব কর্ম করেছেন;

    আমার প্রজারা আর কখনও লজ্জিত হবে না।

  3. 12 তোমার পরিত্রাণের আনন্দ আবার আমাকে ফিরিয়ে দাও

    আর আমাকে বাঁচিয়ে রাখতে এক ইচ্ছুক আত্মা দাও।

    13 তখন আমি অপরাধীদের তোমার পথ শিক্ষা দেব,

    যেন পাপীরা তোমার দিকে ফিরে আসে।

  4. 1 ভাইবোনেরা, কেউ যদি কোনো পাপকাজে ধরা পড়ে, তাহলে তোমরা যারা আত্মিক, তোমরা কোমল মনোভাব নিয়ে তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনো। কিন্তু নিজেদের সম্পর্কে সতর্ক থেকো, নইলে তোমরাও প্রলোভিত হতে পারো।

  5. 1 তারপর আমি এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবী দেখলাম, কারণ প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হয়েছিল এবং কোনো সমুদ্র আর ছিল না। 2 আর আমি দেখলাম, পবিত্র নগরী, সেই নতুন জেরুশালেম, স্বর্গ থেকে, ঈশ্বরের কাছ থেকে নেমে আসছে। সে তার বরের জন্য সুন্দর কনের বেশে সজ্জিত হয়েছিল। 3 আর আমি সেই সিংহাসন থেকে এক উচ্চ রব শুনতে পেলাম, তা বলছিল, “দেখো, এখন মানুষের মাঝে ঈশ্বরের আবাস, তিনি তাদের সঙ্গে বসবাস করবেন। তারা তাঁর প্রজা হবে এবং ঈশ্বর স্বয়ং তাদের সঙ্গে থাকবেন ও তাদের ঈশ্বর হবেন। 4 তিনি তাদের সমস্ত চোখের জল মুছে দেবেন। আর কোনো শোক বা মৃত্যু বা কান্না বা ব্যথাবেদনা হবে না, কারণ পুরোনো সমস্ত বিষয় গত হয়েছে।”

    5 যিনি সিংহাসনে উপবিষ্ট ছিলেন, তিনি বললেন, “আমি সবকিছুই নতুন করছি!” তারপর তিনি বললেন, “লিখে নাও, কারণ এসব বাক্য বিশ্বাসযোগ্য ও সত্যি।”

  6. 17 কিন্তু তোমার স্বাস্থ্য আমি ফিরিয়ে দেব

    ও তোমার ক্ষতসকলের নিরাময় করব,’ সদাপ্রভু এই কথা বলেন,

    ‘কারণ তোমাকে জাতিভ্রষ্ট বলা হয়,

    সিয়োনের তত্ত্বাবধান কেউ করে না।’

  7. 10 ইয়োব তাঁর বন্ধুদের জন্য প্রার্থনা করার পর, সদাপ্রভু তাঁর অবস্থা ফিরিয়ে দিলেন এবং আগে তাঁর যে পরিমাণ ধনসম্পত্তি ছিল, তাঁকে তার দ্বিগুণ সম্পত্তি দিলেন।

  8. দাউদের গীত।

    1 সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না।

    2 তিনি সবুজ চারণভূমিতে আমাকে শয়ন করান,

    তিনি শান্ত জলের ধারে আমাকে নিয়ে যান,

    3 তিনি আমার প্রাণ সঞ্জীবিত করেন।

    নিজের নামের মহিমায়

    তিনি আমাকে সঠিক পথে পরিচালনা করেন।

    4 যদিও আমি হেঁটে যাই

    অন্ধকারাচ্ছন্ন উপত্যকার মধ্য দিয়ে,

    আমি কোনও অমঙ্গলের ভয় করব না,

    কারণ তুমি আমার সঙ্গে আছ;

    তোমার লাঠি ও তোমার ছড়ি,

    সেগুলি আমাকে সান্ত্বনা দেয়।

    5 আমার শত্রুদের উপস্থিতিতে

    তুমি আমার সামনে এক ভোজসভায় আয়োজন করেছ।

    তুমি আমার মাথা তেল দিয়ে অভিষিক্ত করেছ;

    আমার পানপাত্র উপচে পড়ে।

    6 নিশ্চয় তোমার মঙ্গল ও প্রেম আমার পিছু নেবে

    আমার জীবনের সব দিন পর্যন্ত,

    এবং চিরকাল

    আমি সদাপ্রভুর গৃহে বসবাস করব।

  9. 13 “এমন সময় আসছে,” সদাপ্রভু ঘোষণা করেন,

    “যখন চাষি শস্যচ্ছেদকের সঙ্গে

    ও দ্রাক্ষাফল মাড়াইকারী বীজবপনকারীর সঙ্গে মিলিত হবে।

    পর্বতগুলি থেকে নতুন দ্রাক্ষারস ফোঁটায় ফোঁটায় ঝরে পড়বে

    ও সব পাহাড় থেকে তা প্রবাহিত হবে।

    14 আমি আমার নির্বাসিত প্রজা ইস্রায়েলকে আবার ফিরিয়ে আনব।

    “তারা ধ্বংসিত নগরগুলিকে পুনর্নির্মাণ করে সেগুলির মধ্যে বসবাস করবে।

    তারা দ্রাক্ষাক্ষেত রোপণ করে সেগুলি থেকে উৎপন্ন দ্রাক্ষারস পান করবে;

    তারা বিভিন্ন উদ্যান তৈরি করে সেগুলির ফল ভোজন করবে।

    15 আমি ইস্রায়েলকে তাদের স্বদেশে রোপণ করব,

    আমি তাদের যে দেশ দিয়েছি, সেখান থেকে

    তারা আর কখনও উৎপাটিত হবে না,”

    তোমার ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন।

  10. 20 যদিও তুমি আমাকে অনেক তিক্ত

    কষ্ট দেখিয়েছ,

    তুমি আমার জীবন পুনরুদ্ধার করবে;

    তুমি আমাকে পৃথিবীর গভীরস্থান থেকে

    আবার বের করে আনবে।

    21 আর একবার তুমি আমার

    সম্মান ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবে।

  11. 10 সদাপ্রভু এই কথা বলেন: “ব্যাবিলন সম্বন্ধে যে সত্তর বছরের কথা বলা হয়েছিল, তা সম্পূর্ণ হলে, আমি তোমাদের কাছে আসব এবং এই স্থানে ফিরিয়ে আনার মূল্যবান প্রতিশ্রুতি আমি পূর্ণ করব। 11 কারণ তোমাদের জন্য কৃত পরিকল্পনার কথা আমি জানি,” সদাপ্রভু এই কথা বলেন। “তা হল তোমাদের সমৃদ্ধির পরিকল্পনা, তোমাদের ক্ষতি করার নয়, তোমাদের এক আশা ও ভবিষ্যৎ মঙ্গলদানের পরিকল্পনা। 12 তখন তোমরা আমার নামে ডাকবে ও আমার কাছে এসে প্রার্থনা করবে। আর আমি তোমাদের কথা শুনব। 13 তোমরা যখন সম্পূর্ণ মনেপ্রাণে আমার অন্বেষণ করবে, তখন আমাকে খুঁজে পাবে। 14 তোমরা আমার সন্ধান পাবে,” সদাপ্রভু এই কথা বলেন, “আমি তোমাদের বন্দিত্ব থেকে ফিরিয়ে আনব। আমি তোমাদের যেখানে যেখানে নির্বাসিত করেছিলাম, সেই সমস্ত জাতি ও স্থান থেকে তোমাদের সংগ্রহ করব এবং যে দেশ থেকে তোমাদের নির্বাসনে পাঠিয়েছিলাম, সেই দেশে ফিরিয়ে আনব,” সদাপ্রভু এই কথা বলেন।

  12. 12 হে আশায় পূর্ণ বন্দিরা, তোমরা তোমাদের দুর্গে ফিরে যাও;

    আমি আজই প্রতিজ্ঞা করছি যে আমি তোমাদের দুই গুণ আশীর্বাদ করব।

  13. 22 তাঁরা বেথসৈদায় উপস্থিত হলে কয়েকজন লোক এক দৃষ্টিহীন ব্যক্তিকে নিয়ে এল ও তাকে স্পর্শ করার জন্য যীশুকে অনুরোধ করল। 23 তিনি সেই দৃষ্টিহীন ব্যক্তির হাত ধরে তাকে গ্রামের বাইরে নিয়ে গেলেন। যীশু তার দুই চোখে থুতু দিয়ে তার উপর হাত রাখলেন। যীশু জিজ্ঞাসা করলেন, “তুমি কিছু দেখতে পাচ্ছ কি?”

    24 সে চোখ তুলে চাইল ও বলল, “আমি মানুষ দেখতে পাচ্ছি, তারা দেখতে গাছের মতো, ঘুরে বেড়াচ্ছে।”

    25 যীশু আর একবার তার চোখে হাত রাখলেন। তখন তার দৃষ্টি স্থির হল। আরোগ্য লাভ করে সে সবকিছু স্পষ্ট দেখতে লাগল।

  14. 1 “এসো, আমরা সদাপ্রভুর কাছে ফিরে যাই।

    তিনি আমাদের খণ্ড খণ্ড করেছেন,

    কিন্তু তিনিই আমাদের আরোগ্য করবেন;

    তিনি আমাদের জখম করেছেন,

    কিন্তু তিনিই আমাদের ক্ষতসকল বেঁধে দেবেন।

  15. 14 মরুপ্রান্তরে মোশি যেমন সেই সাপকে উঁচুতে স্থাপন করেছিলেন, মনুষ্যপুত্রকেও তেমনই উন্নত হতে হবে, 15 যেন যারা তাঁকে বিশ্বাস করে তারা প্রত্যেকেই অনন্ত জীবন পায়।

    16 “কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে, তিনি তাঁর একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাঁকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। 17 কারণ জগতের বিচার করতে ঈশ্বর তাঁর পুত্রকে জগতে পাঠাননি, কিন্তু তাঁর মাধ্যমে জগৎকে উদ্ধার করতেই পাঠিয়েছিলেন।

  16. 5 যীশু সেই স্থানে উপস্থিত হয়ে উপর দিকে তাকালেন ও তাকে বললেন, “সক্কেয়, এখনই নেমে এসো, আজ আমাকে অবশ্যই তোমার ঘরে থাকতে হবে।” 6 তাই সে তখনই নেমে এসে সানন্দে তাঁকে স্বাগত জানাল।

    7 এই দেখে লোকেরা গুঞ্জন করতে লাগল, “ইনি একজন ‘পাপীর’ ঘরে অতিথি হতে যাচ্ছেন।”

    8 কিন্তু সক্কেয় দাঁড়িয়ে প্রভুকে বলল, “প্রভু দেখুন, আমি এখনই আমার সম্পত্তির অর্ধেক দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিচ্ছি। আর কাউকে প্রতারণা করে যদি কিছু নিয়েছি, তাহলে তার চারগুণ অর্থ আমি তাকে ফিরিয়ে দেব।”

    9 যীশু তাকে বললেন, “আজই এই পরিবারে পরিত্রাণ উপস্থিত হল, কারণ এই ব্যক্তিও অব্রাহামের সন্তান।

  17. 10 চোর আসে কেবল চুরি, হত্যা ও ধ্বংস করতে, কিন্তু আমি এসেছি যেন তারা জীবন পায় এবং তা পূর্ণরূপেই পায়।

  18. 6 পরে তাঁরা যখন একত্র মিলিত হলেন, তাঁরা তাঁকে জিজ্ঞাসা করলেন, “প্রভু, আপনি কি এই সময়ে ইস্রায়েলীদের কাছে রাজ্য ফিরিয়ে দিতে চলেছেন?”

    7 তিনি তাঁদের বললেন, “পিতা তাঁর নিজস্ব অধিকারে যে সময় ও দিন নির্দিষ্ট করে রেখেছেন, সেসব তোমাদের জানার কথা নয়।

  19. 17 অতএব, কেউ যদি খ্রীষ্টে থাকে, সে এক নতুন সৃষ্টি; পুরোনো বিষয় সব অতীত হয়েছে, দেখো সব নতুন হয়ে উঠেছে।

  20. 4 কারণ ঈশ্বর থেকে জাত প্রত্যেক ব্যক্তি জগৎকে জয় করে। আমাদের জয় এই যে, আমাদের বিশ্বাসই জগতকে পরাস্ত করেছে।

  21. 33 কিন্তু তোমরা প্রথমে তাঁর রাজ্য ও ধার্মিকতার অন্বেষণ করো, তাহলে এই সমস্ত বিষয়ও তোমাদের দেওয়া হবে।

  22. 1 সদাপ্রভু মোশিকে বললেন, 2 “যদি কেউ পাপ করে, এবং তার প্রতি অর্পিত কোনো বিষয় সম্বন্ধে তার প্রতিবেশীকে প্রবঞ্চিত করার দ্বারা সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হয়, অথবা তার কাছে গচ্ছিত বস্তু চুরি করে, কিংবা সে প্রতিবেশীকে প্রবঞ্চিত করে, 3 অথবা হারানো সম্পত্তি খুঁজে পায়, অথচ মিথ্যা কথা বলে, কিংবা মিথ্যা শপথ করে, কিংবা তার কৃত পাপের মতো অন্য কেউ একই পাপ করে এভাবে যখন সে পাপ করে, 4 যখন সে এরকম কোনো পাপ করে এবং বুঝতে পারে যে সে অপরাধী, তখন চুরি করা বস্তু বা লুন্ঠিত জিনিস, অথবা তার প্রতি অর্পিত জিনিস কিংবা হারানো প্রাপ্ত সম্পদ পেয়ে নিজের কাছে রেখেছে 5 অথবা মিথ্যা শপথ করা যে কোনো বস্তু সে অবশ্যই ফেরত দেবে। যেদিন সে তার দোষার্থক-নৈবেদ্য উৎসর্গ করবে, সেদিন নির্ধারিত পরিমাণের পঞ্চমাংশ সমেত পরিশোধ যোগ্য সমস্ত দ্রব্যের ক্ষতিপূরণ প্রাপকের হাতে দেবে।

  23. 7 আহা, ইস্রায়েলের পরিত্রাণ আসবে সিয়োন থেকে!

    যখন সদাপ্রভু তাঁর ভক্তজনদের পুনরুদ্ধার করবেন,

    তখন যাকোব উল্লসিত হবে আর ইস্রায়েল আনন্দ করবে।

  24. 17 “দরিদ্র ও নিঃস্ব লোকেরা জলের অন্বেষণ করে,

    কিন্তু কোনো জল পাওয়া যায় না;

    তাদের জিভ পিপাসায় শুকিয়ে গেছে।

    কিন্তু আমি সদাপ্রভু তাদের উত্তর দেব;

    আমি ইস্রায়েলের ঈশ্বর, তাদের পরিত্যাগ করব না।

    18 আমি বৃক্ষহীন পর্বতশ্রেণীতে নদী প্রবাহিত করব,

    উপত্যকাগুলিতে উৎপন্ন করব জলের ফোয়ারা।

    মরুভূমিকে আমি পরিণত করব জলাশয়ে,

    শুষ্ক-ভূমিতে আমি বইয়ে দেব ঝর্ণাধারা।

    19 আমি মরুভূমিতে স্থাপন করব সিডার ও বাবলা,

    মেদি গাছ ও জলপাই গাছ।

    পরিত্যক্ত স্থানে আমি রোপণ করব দেবদারু,

    একইসঙ্গে ঝাউ ও চিরহরিৎ সব বৃক্ষ,

    20 যেন লোকেরা দেখে ও জানতে পায়,

    বিবেচনা করে ও বুঝতে পারে,

    যে সদাপ্রভুরই হাত এসব করেছে,

    ইস্রায়েলের পবিত্রতম জন এ সকল সৃষ্টি করেছেন।

  25. 18 “সদাপ্রভু এই কথা বলেন:

    “ ‘আমি যাকোবের তাঁবুগুলি পুনঃপ্রতিষ্ঠিত করব

    এবং তার আবাসগুলির প্রতি মমতা করব;

    ধ্বংসস্তূপের মধ্য থেকে সেই নগর পুনর্নির্মিত হবে

    এবং রাজপ্রাসাদ পুনরায় যথাস্থানে নির্মিত হবে।

    19 তাদের মধ্য থেকে উঠে আসবে ধন্যবাদের গান,

    আর শোনা যাবে আনন্দোল্লাসের স্বর।

    আমি তাদের সংখ্যা বৃদ্ধি করব,

    তাদের সংখ্যা হ্রাস হবে না;

    আমি তাদের সম্মান ফিরিয়ে দেব,

    তারা আর কখনও উপেক্ষিত হবে না।

    20 তাদের ছেলেমেয়েরা পুরোনো দিনের মতো হবে,

    তাদের সমাজ আমার সামনে প্রতিষ্ঠিত হবে;

    আমি তাদের অত্যাচারীদের শাস্তি দেব।

    21 তাদের নেতা তাদেরই মধ্যে একজন হবে;

    তাদের শাসক তাদেরই মধ্য থেকে উঠে আসবে।

    আমি তাকে কাছে ডেকে নেব, আর সে আমার কাছে আসবে,

    কারণ আমি না ডাকলে, কে সাহস করে

    আমার কাছে আসতে পারে?’

    সদাপ্রভু এই কথা বলেন।

    22 ‘তাই, তোমরা আমার প্রজা হবে,

    আর আমি তোমাদের ঈশ্বর হব।’ ”

  26. 27 “আমি সদাপ্রভু, সর্বমানবের ঈশ্বর। আমার পক্ষে কোনো কিছু করা কি খুব কঠিন?

  27. 32 সেখানে কয়েকজন লোক এক কালা ও তোৎলা ব্যক্তিকে তাঁর কাছে নিয়ে এল। সে ভালো করে কথা বলতে পারত না। তারা তার উপর হাত রেখে প্রার্থনা করার জন্য যীশুকে মিনতি করল।

    33 তখন তিনি সকলের মধ্য থেকে সেই ব্যক্তিকে এক পাশে নিয়ে গেলেন। তিনি তার দুই কানে আঙুল রাখলেন, থুতু ফেললেন ও তার জিভ স্পর্শ করলেন। 34 আর তিনি স্বর্গের দিকে ঊর্ধ্বদৃষ্টি করে দীর্ঘশ্বাস ফেলে বললেন, “ইপফাথা!” (যার অর্থ, “খুলে যাক!”)। 35 এতে সেই লোকটির দুই কান খুলে গেল, তার জিভ জড়তামুক্ত হল এবং সে স্পষ্টভাবে কথা বলতে লাগল।

  28. 43 সেখানে এক নারী ছিল, যে বারো বছর ধরে রক্তস্রাবের ব্যাধিতে ভুগছিল। সে চিকিৎসকদের পিছনে তার সর্বস্ব ব্যয় করেছিল, কিন্তু কেউ তাকে সুস্থ করতে পারেনি। 44 নারী ভিড়ের মধ্যে যীশুর পিছনে এসে তাঁর পোশাকের আঁচল স্পর্শ করল এবং সঙ্গে সঙ্গে তার রক্তক্ষরণ বন্ধ হয়ে গেল।

  29. 2 সেখানে তাঁর সামনে ছিল এক ব্যক্তি যার শরীর রোগের কারণে অস্বাভাবিক ফুলে উঠেছিল। 3 যীশু ফরিশী ও শাস্ত্রবিদদের প্রশ্ন করলেন, “বিশ্রামদিনে রোগনিরাময় করা বৈধ, না অবৈধ?” 4 তারা কিন্তু নিরুত্তর রইল। তাই যীশু তাকে ধরে সুস্থ করলেন ও তাকে বিদায় দিলেন।

  30. 25 ভাইবোনেরা, আমি চাই না যে এই গুপ্তরহস্য সম্পর্কে তোমরা অজ্ঞাত থাকো, যেন তোমরা আত্মঅহংকারী না হও: যতক্ষণ না অইহুদিরা পূর্ণ সংখ্যায় মণ্ডলীতে প্রবেশলাভ করে ততক্ষণ ইস্রায়েল জাতি আংশিক কঠোর হয়েছে। 26 আর এভাবেই সমস্ত ইস্রায়েল পরিত্রাণ লাভ করবে, যেমন লেখা আছে,

    “সিয়োন থেকে মুক্তিদাতা আসবেন;

    তিনি যাকোব কুল থেকে ভক্তিহীনতা দূর করবেন।

    27 আর এই হবে তাদের সঙ্গে আমার নিয়ম,

    যখন তাদের পাপসকল আমি হরণ করি।”

  31. 16 সেই কারণে, তোমরা পরস্পরের কাছে পাপস্বীকার করো ও পরস্পরের জন্য প্রার্থনা করো, যেন তোমরা আরোগ্য লাভ করতে পারো। ধার্মিকদের প্রার্থনা শক্তিশালী ও কার্যকরী।

  32. 10 আমি, আমার ভাইয়েরা ও আমার লোকেরা তাদের অর্থ এবং শস্য ধার দিই। এসো আমরা এই সুদ নেওয়া বন্ধ করি! 11 তোমরা এখনই তাদের শস্যক্ষেত্র, দ্রাক্ষাক্ষেত্র, জলপাইক্ষেত্র এবং গৃহ সকল ফিরিয়ে দাও। আর অর্থের, শস্যের, নতুন দ্রাক্ষারসের এবং তেলের শতকার যে বৃদ্ধি নিয়ে ঋণ দিয়েছ তা তাদের ফিরিয়ে দাও।”

    12 তারা বলল, “আমরা তা ফিরিয়ে দেব এবং আমরা তাদের কাছে আর কিছুই দাবি করব না। আপনি যা বললেন আমরা তাই করব।”

    তারপর আমি যাজকদের ডেকে গণ্যমান্য লোকদের ও উচ্চপদস্থ কর্মচারীদের শপথ করালাম যে তারা প্রতিজ্ঞানুসারে কাজ করবে।

  33. 31 কিন্তু যারা সদাপ্রভুতে প্রত্যাশা রাখে,

    তারা তাদের শক্তি নবায়িত করবে।

    তারা ঈগল পাখির মতোই ডানা মেলবে,

    তারা দৌড়াবে, কিন্তু ক্লান্ত হবে না,

    তারা চলাফেরা করবে, কিন্তু মূর্ছিত হবে না।

  34. 14 হে সদাপ্রভু, আমাকে সুস্থ করো, তাহলে আমি সুস্থ হব;

    আমাকে উদ্ধার করো, তাহলে আমি উদ্ধার পাব,

    কারণ আমি কেবলই তোমার প্রশংসা করি।

  35. 9 “অতএব, তোমরা এভাবে প্রার্থনা কোরো:

    “ ‘হে আমাদের স্বর্গস্থ পিতা,

    তোমার নাম পবিত্র বলে মান্য হোক,

    10 তোমার রাজ্য আসুক,

    তোমার ইচ্ছা যেমন স্বর্গে,

    তেমন পৃথিবীতেও পূর্ণ হোক।

    11 আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও।

    12 আমরা যেমন আমাদের বিরুদ্ধে অপরাধীদের

    ক্ষমা করেছি, তেমন তুমিও আমাদের অপরাধসকল ক্ষমা করো।

    13 আর আমাদের প্রলোভনে পড়তে দিয়ো না,

    কিন্তু সেই পাপাত্মা থেকে রক্ষা করো।’

  36. 11 এর কিছুকাল পরেই যীশু নায়িন নামে এক নগরে গেলেন। তাঁর শিষ্যেরা ও বিস্তর লোক তাঁর সঙ্গী হল। 12 তিনি নগরদ্বারের কাছে এসে পৌঁছালেন। তখন দেখলেন, লোকেরা এক মৃত ব্যক্তিকে বয়ে নিয়ে যাচ্ছে। তার মা ছিল বিধবা এবং সে ছিল তার একমাত্র পুত্র। নগরের বিস্তর লোক তাদের সঙ্গে ছিল। 13 তাকে দেখে প্রভুর হৃদয় তার প্রতি করুণায় ভরে উঠল। তিনি তাকে বললেন, “কেঁদো না।”

    14 তারপর তিনি এগিয়ে গিয়ে শবদেহ রাখা খাট স্পর্শ করলেন। আর যারা বাহক তারা দাঁড়িয়ে পড়ল। তিনি বললেন, “ওহে যুবক, আমি তোমাকে বলছি, তুমি ওঠো!” 15 মৃত মানুষটি উঠে বসে কথা বলতে লাগল। যীশু তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন।