106 Bible Verses About Love and Compassion
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
29 তোমরা কোনো অশালীন কথা বোলো না, প্রয়োজন অনুসারে যা অপরকে গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক, যা শ্রোতার পক্ষে কল্যাণকর, তোমাদের মুখ থেকে শুধু এমন কথাই বের হোক। 30 ঈশ্বরের পবিত্র আত্মাকে দুঃখার্ত কোরো না, তাঁরই দ্বারা তোমরা মুক্তিদিনের জন্য মোহরাঙ্কিত হয়েছ। 31 সব রকমের তিক্ততা, রোষ ও ক্রোধ, কলহ ও নিন্দা, সেই সঙ্গে সব ধরনের হিংসা ত্যাগ করো। 32 পরস্পরের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল হও। ঈশ্বর যেমন খ্রীষ্টে তোমাদের ক্ষমা করেছেন, তেমনই তোমরাও পরস্পরকে ক্ষমা করো।
-
12 অতএব, ঈশ্বরের মনোনীত, পবিত্র ও প্রিয়জনরূপে সহানুভূতি, দয়া, নম্রতা, সৌজন্যবোধ এবং সহিষ্ণুতায় নিজেদের আবৃত করো। 13 পরস্পরের প্রতি সহনশীল হও। একের বিরুদ্ধে অপরের কোনো ক্ষোভ থাকলে, পরস্পরকে ক্ষমা করো। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন, তোমরাও তেমনই করো। 14 এসব গুণের ঊর্ধ্বে ভালোবাসাকে পরিধান করো, যা সেইসব গুণকে পূর্ণ ঐক্যের বাঁধনে আবদ্ধ করে।
15 খ্রীষ্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক, কারণ একই দেহের অঙ্গপ্রত্যঙ্গরূপে তোমরা শান্তির উদ্দেশে আহূত হয়েছ। আর তোমরা কৃতজ্ঞ হও।
-
35 যীশু বিভিন্ন নগর ও গ্রাম পরিক্রমা করতে লাগলেন। তিনি তাদের সমাজভবনগুলিতে শিক্ষা দিতে ও স্বর্গরাজ্যের সুসমাচার প্রচার করতে লাগলেন। তিনি সব ধরনের রোগ ও ব্যাধি দূর করলেন। 36 যখন তিনি লোকের ভিড় দেখলেন তিনি তাদের প্রতি সহানুভূতিশীল হলেন, কারণ তারা পালকহীন মেষপালের মতো বিপর্যস্ত ও দিশেহারা ছিল। 37 তখন তিনি তাঁর শিষ্যদের বললেন, “ফসল প্রচুর, কিন্তু কর্মী সংখ্যা অল্প। 38 তোমরা ফসলের মালিকের কাছে প্রার্থনা করো, যেন তিনি তাঁর শস্যক্ষেত্রে কর্মচারীদের পাঠান।”
-
8 সবশেষে বলি, তোমরা সবাই পরস্পরের সঙ্গে মিল রেখে বসবাস করো; তোমরা সহানুভূতিশীল, একে অপরকে ভালোবাসো, দরদি ও নতনম্র হও। 9 মন্দের পরিশোধে মন্দ বা অপমানের পরিশোধে অপমান কোরো না, বরং আশীর্বাদ কোরো; কারণ এর জন্যই তোমাদের আহ্বান করা হয়েছ, যেন তোমরা আশীর্বাদের অধিকারী হতে পারো।
-
8 আর সদাপ্রভুর বাক্য সখরিয়ের কাছে উপস্থিত হল, 9 “সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, ‘তোমরা ন্যায়ভাবে বিচার করো, একে অন্যের প্রতি করুণা করো ও সহানুভূতি দেখাও। 10 তোমরা বিধবাদের বা অনাথদের, বিদেশিদের বা গরিবদের উপর অত্যাচার কোরো না। একে অন্যের বিষয় হৃদয়ে মন্দ চিন্তা কোরো না।’
-
22 সদাপ্রভুর মহৎ প্রেমের জন্য আমরা নষ্ট হইনি,
কেননা তাঁর সহানুভূতি কখনও শেষ হয় না।
23 প্রতি প্রভাতে তা নতুন করে দেখা দেয়;
তোমার বিশ্বস্ততা মহৎ।
-
29 যীশু ও তাঁর শিষ্যেরা যখন যিরীহো ছেড়ে যাচ্ছিলেন, অনেক লোক তাঁকে অনুসরণ করল। 30 দুজন অন্ধ মানুষ পথের পাশে বসেছিল। তারা যখন শুনল, যীশু সেই পথ দিয়ে যাচ্ছেন, তারা চিৎকার করে বলল, “প্রভু, দাউদ-সন্তান, আমাদের প্রতি কৃপা করুন!”
31 লোকেরা তাদের ধমক দিয়ে শান্ত থাকতে বলল, কিন্তু তারা আরও জোরে চিৎকার করতে লাগল, “প্রভু, দাউদ-সন্তান, আমাদের প্রতি কৃপা করুন!”
32 যীশু পথ চলা থামিয়ে তাদের ডাকলেন। তিনি জিজ্ঞাসা করলেন, “তোমরা কী চাও, আমি তোমাদের জন্য কী করব?”
33 তারা উত্তর দিল, “প্রভু, আমরা দৃষ্টিশক্তি পেতে চাই।”
34 যীশু তাদের প্রতি করুণায় পূর্ণ হয়ে তাদের চোখ স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে তারা দৃষ্টিশক্তি লাভ করল ও তাঁকে অনুসরণ করতে লাগল।
-
13 সেই ঘটনার সংবাদ শুনে যীশু নৌকায় একান্তে এক নির্জন স্থানে গেলেন। একথা শুনতে পেয়ে অনেক লোক বিভিন্ন নগর থেকে পায়ে হেঁটে তাঁকে অনুসরণ করল। 14 তীরে নেমে যীশু যখন অনেক লোককে দেখতে পেলেন, তিনি তাদের প্রতি করুণায় পূর্ণ হলেন ও তাদের মধ্যে অসুস্থ লোকদের সুস্থ করলেন।
-
16 প্রেম করার অর্থ আমরা এভাবেই বুঝতে পারি: যীশু খ্রীষ্ট আমাদের জন্য জীবন দিয়েছেন। আমাদেরও তেমনই ভাইবোনদের জন্য নিজেদের প্রাণ দেওয়া উচিত। 17 জাগতিক সম্পদের অধিকারী হয়ে কেউ যদি তার ভাইবোনকে অভাবগ্রস্ত দেখে কিন্তু তার প্রতি করুণাবিষ্ট না হয়, তাহলে তার অন্তরে ঈশ্বরের প্রেম কীভাবে থাকতে পারে? 18 প্রিয় সন্তানেরা, এসো, মুখের কথায় অথবা ভাষণে নয়, কিন্তু কাজ করে ও সত্যের মাধ্যমেই আমরা প্রেম করি।
-
18 তখন মোশি বললেন, “তোমার মহিমা এখন আমাকে দেখাও।”
19 আর সদাপ্রভু বললেন, “আমি আমার সব চমৎকারিত্ব তোমার সামনে দিয়ে পার হতে দেব, এবং তোমার উপস্থিতিতে আমি আমার সেই সদাপ্রভু নামটি ঘোষণা করব। যার প্রতি আমি দয়া দেখাতে চাই, তার প্রতি আমি দয়া দেখাব, এবং যার প্রতি করুণা করতে চাই, তার প্রতি করুণা করব। 20 কিন্তু,” তিনি বললেন, “তুমি আমার মুখ দেখতে পাবে না; কারণ কেউ আমাকে দেখে বেঁচে থাকে না।”
21 পরে সদাপ্রভু বললেন, “আমার কাছাকাছি একটি স্থান আছে যেখানে তুমি পাষাণ-পাথরের উপরে গিয়ে দাঁড়াতে পারো। 22 আমার মহিমা যখন পার হবে, তখন আমি তোমাকে সেই পাষাণ-পাথরের এক ফাটলে রেখে দেব এবং যতক্ষণ না আমি পার হয়ে যাচ্ছি ততক্ষণ তোমাকে আমি আমার হাত দিয়ে ঢেকে রাখব। 23 পরে আমি আমার হাত সরিয়ে নেব ও তুমি আমার পিঠ দেখতে পাবে; কিন্তু আমার মুখ দেখা যাবে না।”
-
16 “তবুও আমাদের পূর্বপুরুষদের ব্যবহার ছিল অহংকারপূর্ণ ও একগুঁয়ে, তারা তোমার আজ্ঞার বাধ্য হয়নি। 17 তারা শুনতে অস্বীকার করেছিল, আর তুমি তাদের মধ্যে যেসব আশ্চর্য কাজ করেছিলে তাও তারা মনে রাখেনি। তারা একগুঁয়েমি করে আবার দাসত্বে ফিরে যাবার জন্য বিদ্রোহভাবে একজন নেতাকে নিযুক্ত করেছিল। কিন্তু তুমি ক্ষমাবান ঈশ্বর, কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর ও দয়াতে মহান, তাই তাদের তুমি ত্যাগ করোনি, 18 এমনকি, তারা নিজেদের জন্য ছাঁচে ফেলে একটি বাছুরের মূর্তি তৈরি করে বলেছিল, ‘এই তোমাদের ঈশ্বর, মিশর থেকে যিনি তোমাদের বের করে এনেছেন,’ অথবা তারা যখন তোমাকে ভীষণ অপমান করেছিল।
-
9 “আমার কাছে এ যেন নোহের সময়ের মতো,
যখন আমি শপথ করেছিলাম যে,
নোহের সময়কালীন জলরাশি আর কখনও পৃথিবীকে প্লাবিত করবে না।
সেরকমই, এখন আমি প্রতিজ্ঞা করছি, তোমার উপরে আর ক্রুদ্ধ হব না,
তোমাকে আর কখনও তিরস্কার করব না।
10 যদিও পর্বতসকল কম্পিত হয়,
পাহাড়গুলি অপসারিত হতে থাকে,
তবুও তোমার প্রতি আমার অফুরান ভালোবাসা
কখনও সরে যাবে না,
আমার শান্তিচুক্তিও অপসারিত হবে না,”
একথা বলেন সদাপ্রভু, যিনি তোমার প্রতি অনুকম্পা করেন।
-
15 কিন্তু, হে প্রভু, তুমি স্নেহশীল এবং কৃপাময় ঈশ্বর,
ক্রোধে ধীর, দয়া আর বিশ্বস্ততায় মহান।
16 আমার দিকে ফেরো আর আমার প্রতি দয়া করো;
তোমার দাসের পক্ষ হয়ে তোমার পরাক্রম দেখাও;
আমাকে রক্ষা করো, কারণ আমি তোমার সেবা করি,
ঠিক যেমন আমার মা করেছিলেন।
-
দাউদের গীত।
1 হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো;
হে আমার অন্তিম সত্তা, তাঁর পবিত্র নামের প্রশংসা করো।
2 হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো,
এবং তাঁর সব উপকার ভুলে যেয়ো না—
3 যিনি তোমার সমস্ত পাপ ক্ষমা করেন
আর তোমার সব রোগ ভালো করেন,
4 যিনি তোমার জীবন মৃত্যু থেকে মুক্ত করেন
আর তোমাকে প্রেম ও করুণার মুকুটে ভূষিত করেন,
5 তিনি উত্তম দ্রব্যে তোমার মনোবাসনা পূর্ণ করেন
যেন ঈগল পাখির মতো তোমার যৌবন নতুন হয়।
-
8 ক্রোধের আবেশে আমি তোমার কাছ থেকে
ক্ষণিকের জন্য আমার মুখ লুকিয়েছিলাম,
কিন্তু চিরন্তন করুণায়
আমি তোমার প্রতি মমতা করব,”
বলেন সদাপ্রভু, তোমার মুক্তিদাতা।
-
সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত। বৎশেবার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়ার পরে যখন ভাববাদী নাথন দাউদের কাছে গিয়েছিলেন।
1 হে ঈশ্বর, তোমার অবিচল প্রেম অনুযায়ী
আমার উপর দয়া করো;
তোমার অপার করুণা অনুযায়ী
আমার সমস্ত অপরাধ মার্জনা করো।
2 আমার সমস্ত অন্যায় মুছে দাও
আর আমার পাপ থেকে আমাকে শুচি করো।
-
31 কারণ প্রভু মানুষকে
চিরকালের জন্য পরিত্যাগ করেন না।
32 যদিও তিনি তাকে দুঃখ দেন, তাহলেও তিনি করুণা প্রদর্শন করবেন,
তাঁর অব্যর্থ ভালোবাসা এমনই মহান।
33 কারণ তিনি ইচ্ছা করে মানবসন্তানদের
কষ্ট বা মনোদুঃখ দেন না।
34 দেশের সব বন্দিকে যদি লোকেরা
পদতলে দলিত করে,
35 পরাৎপর ঈশ্বরের সামনে যদি
মানুষকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে,
36 তারা যদি ন্যায়বিচার না পায়—
তাহলে প্রভু কি এসব বিষয় দেখবেন না?
-
4 প্রেম চিরসহিষ্ণু, প্রেম সদয়। তা ঈর্ষা করে না, আত্মঅহংকার করে না, গর্বিত হয় না। 5 তা রূঢ় আচরণ করে না, স্বার্থ অন্বেষণ করে না, সহজে ক্রুদ্ধ হয় না, অন্যায় আচরণ মনে রাখে না। 6 প্রেম মন্দ কিছুতে আনন্দ করে না, কিন্তু সত্যে উল্লসিত হয়। 7 তা সবসময় সুরক্ষা দেয়, সবসময়ই বিশ্বাস করে, সবসময়ই প্রত্যাশায় থাকে, সবসময়ই ধৈর্য ধরে।
8 প্রেম কখনও ব্যর্থ হয় না। কিন্তু যদি ভাববাণী থাকে, সেগুলির অবসান হবে। যদি ভিন্ন ভিন্ন ভাষা থাকে, সেগুলি স্তব্ধ হয়ে যাবে; যদি জ্ঞান থাকে, তা অবলুপ্ত হবে।
-
1 খ্রীষ্টের সঙ্গে সংযুক্ত থাকার জন্য তোমরা যদি কোনো অনুপ্রেরণা, তাঁর প্রেমে যদি কোনো সান্ত্বনা, যদি আত্মায় কোনো সহভাগিতা, যদি কোনো কোমলতা ও সহমর্মিতা লাভ করে থাকো, 2 তাহলে তোমরা এক চিত্ত, এক প্রেম, এক আত্মা এবং একই ভাববিশিষ্ট হয়ে আমার আনন্দকে পূর্ণ করো। 3 স্বার্থযুক্ত উচ্চাকাঙ্ক্ষা বা ভ্রান্ত দম্ভের বশবর্তী হয়ে কিছু কোরো না, কিন্তু নম্রতা সহকারে অন্যকে নিজেদের চেয়েও শ্রেষ্ঠ বিবেচনা করো।
-
6 আর তিনি একথা ঘোষণা করতে করতে মোশির সামনে দিয়ে পার হয়ে গেলেন, “সদাপ্রভু, সদাপ্রভু, তিনি করুণাময় ও অনুগ্রহকারী ঈশ্বর, ক্রোধে ধীর, প্রেম ও বিশ্বস্ততায় সমৃদ্ধ, 7 হাজার হাজার জনের প্রতি প্রেম প্রদর্শনকারী, এবং দুষ্টতা, বিদ্রোহ ও পাপ ক্ষমাকারী। তবুও অপরাধীকে শাস্তি না দিয়ে তিনি ছেড়ে দেন না; তৃতীয় ও চতুর্থ প্রজন্ম পর্যন্ত তিনি বাবা-মার পাপের জন্য তাদের সন্তানদের ও নাতি-নাতনিদের শাস্তি দেন।”
-
13 বাবা যেমন তার সন্তানসন্ততিদের প্রতি করুণা করেন,
যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে তিনি ততটাই তাদের প্রতি করুণা করেন;
-
8 সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল,
ক্রোধে ধীর ও দয়াতে মহান।
9 সদাপ্রভু সকলের প্রতি মঙ্গলময়;
নিজের সব সৃষ্টির প্রতি তাঁর করুণা অপার।
-
18 কে তোমার মতো ঈশ্বর,
যিনি তাঁর অধিকারভুক্ত অবশিষ্ট লোকদের পাপ ও অপরাধ
ক্ষমা করেন?
তুমি চিরকাল ক্রুদ্ধ হয়ে থেকো না
কিন্তু দয়া দেখিয়ে আনন্দ পাও।
19 তুমি আমাদের উপর আবার করুণা করবে;
তুমি আমাদের সব পাপ পায়ের তলায় মাড়াবে
এবং আমাদের সব অন্যায় সমুদ্রের গভীর জলে ফেলে দেবে।
20 তুমি যাকোবের প্রতি বিশ্বস্ত থাকবে
এবং অব্রাহামকে তোমার ভালোবাসা দেখাবে,
যেমন তুমি আমাদের পূর্বপুরুষদের কাছে প্রতিশ্রুতি দিয়ে শপথ করেছিলে
অনেক দিন আগে।
-
34 তীরে নেমে যীশু যখন অনেক লোককে দেখতে পেলেন, তিনি তাদের প্রতি করুণায় পূর্ণ হলেন। কারণ তারা ছিল পালকহীন মেষপালের মতো। তাই তিনি তাদের বহু বিষয়ে শিক্ষা দিতে লাগলেন।
-
1 আমি তোমাদের সামনে যে আশীর্বাদ ও অভিশাপগুলি তুলে ধরলাম তার সমস্ত কথা যখন তোমাদের উপরে ফলবে আর তোমাদের ঈশ্বর সদাপ্রভু যেসব জাতির মধ্যে তোমাদের ছড়িয়ে দেবেন তাদের মধ্যে বসবাস করবার সময় এসব কথায় তোমরা মন দেবে, 2 সেই সময় তোমরা ও তোমাদের সন্তানেরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে আসবে এবং সমস্ত হৃদয় ও সমস্ত প্রাণ দিয়ে তাঁর বাধ্য হবে আর আমি আজ তোমাদের যেসব আদেশ দিচ্ছি তা পালন করবে, 3 তাহলে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের ধন ফিরিয়ে দেবেন। তিনি তোমাদের প্রতি করুণা করবেন এবং যেসব জাতির মধ্যে তোমাদের ছড়িয়ে দেবেন তাদের মধ্য থেকে তিনি আবার তোমাদের সংগ্রহ করবেন। 4 পৃথিবীর শেষ সীমানায়ও যদি তোমাদের দূর করে দেওয়া হয় সেখান থেকেও তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সংগ্রহ করবেন। 5 তোমাদের পূর্বপুরুষদের দেশেই তিনি তোমাদের ফিরিয়ে আনবেন আর তোমরা তা আবার অধিকার করবে। তিনি তোমাদের আরও সমৃদ্ধিশালী করবেন ও তোমাদের পূর্বপুরুষদের থেকেও তোমাদের লোকসংখ্যা বৃদ্ধি করবেন।
-
7 তোমার মহান প্রেমের আশ্চর্য কাজগুলি আমাকে দেখাও,
যারা শত্রুর কবল থেকে বাঁচতে তোমাতে আশ্রয় নেয়
তুমি তোমার ডান হাত দিয়ে তাদের উদ্ধার করো।
-
8 সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল,
ক্রোধে ধীর, দয়াতে মহান।
-
7 আমি সদাপ্রভুর বিভিন্ন করুণার কীর্তন করব,
প্রশংসা করব তাঁর বহু কীর্তির কথা,
তিনি আমাদের জন্য যা কিছু করেছেন, তার জন্য,
হ্যাঁ, তিনি ইস্রায়েল কুলের জন্য
বহু উৎকৃষ্ট কাজ করেছেন,
তাঁর মহা করুণা ও বহুবিধ দয়ার গুণে করেছেন।
-
8 হে মানুষ, যা ভালো তা তো তিনি তোমাকে দেখিয়েছেন।
সদাপ্রভু তোমার কাছ থেকে কী চাইছেন জানো?
শুধুমাত্র এইটা যে, ন্যায্য কাজ করা ও ভালোবাসা
এবং তোমার সদাপ্রভুর সঙ্গে নম্র হয়ে চলা।
-
40 একবার একজন কুষ্ঠরোগী যীশুর কাছে এসে নতজানু হয়ে মিনতি করল, “প্রভু, আপনি ইচ্ছা করলেই আমাকে শুচিশুদ্ধ করতে পারেন।”
41 করুণায় পূর্ণ হয়ে যীশু তাঁর হাত বাড়িয়ে সেই ব্যক্তিকে স্পর্শ করলেন। বললেন, “আমার ইচ্ছা, তুমি শুচিশুদ্ধ হও।” 42 সঙ্গে সঙ্গে তার কুষ্ঠ মিলিয়ে গেল, সে শুচিশুদ্ধ হয়ে উঠল।
43 যীশু তাকে তক্ষুনি অন্যত্র পাঠিয়ে এই বলে দৃঢ়ভাবে সতর্ক করে দিলেন, 44 “দেখো, তুমি একথা কাউকে বোলো না; কিন্তু যাজকদের কাছে গিয়ে নিজেকে দেখাও এবং তোমার শুচিশুদ্ধ হওয়ার বিষয়ে তাদের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য মোশির আদেশমতো নৈবেদ্য উৎসর্গ করো।” 45 কিন্তু সে তা না করে, ফিরে গিয়ে মুক্তকণ্ঠে ঘটনাটির কথা সবাইকে বলে বেড়াতে লাগল, ফলে এই সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়ল। এর ফলে যীশু আর কোনো নগরে প্রকাশ্যে প্রবেশ করতে পারলেন না; নগরের বাইরে নির্জন স্থানেই তিনি থাকতে লাগলেন। তবুও বিভিন্ন জায়গা থেকে দলে দলে মানুষ তাঁর কাছে আসতে লাগল।
-
12 তিনি নগরদ্বারের কাছে এসে পৌঁছালেন। তখন দেখলেন, লোকেরা এক মৃত ব্যক্তিকে বয়ে নিয়ে যাচ্ছে। তার মা ছিল বিধবা এবং সে ছিল তার একমাত্র পুত্র। নগরের বিস্তর লোক তাদের সঙ্গে ছিল। 13 তাকে দেখে প্রভুর হৃদয় তার প্রতি করুণায় ভরে উঠল। তিনি তাকে বললেন, “কেঁদো না।”
14 তারপর তিনি এগিয়ে গিয়ে শবদেহ রাখা খাট স্পর্শ করলেন। আর যারা বাহক তারা দাঁড়িয়ে পড়ল। তিনি বললেন, “ওহে যুবক, আমি তোমাকে বলছি, তুমি ওঠো!” 15 মৃত মানুষটি উঠে বসে কথা বলতে লাগল। যীশু তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন।
-
3 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক, যিনি করুণাময় পিতা ও সমস্ত সান্ত্বনার ঈশ্বর, 4 যিনি আমাদের সকল কষ্টের জন্য সান্ত্বনা প্রদান করেন, যেন আমরা স্বয়ং যে সান্ত্বনা ঈশ্বরের কাছ থেকে লাভ করেছি, যারা যে কোনো কষ্টভোগ করছে, তাদের সেই সান্ত্বনা দ্বারা সান্ত্বনা প্রদান করতে পারি।
-
6 তিনি সেটি খুললেন ও সেই শিশুটিকে দেখতে পেলেন। সে কাঁদছিল, আর তার জন্য তাঁর দুঃখ হল। “এ হিব্রু শিশুদের মধ্যেই একজন,” তিনি বললেন।
-
1 সদাপ্রভু যাকোব কুলের প্রতি সহানুভূতি দেখাবেন;
আর একবার তিনি ইস্রায়েলকে বেছে নেবেন
এবং তাদের স্বদেশে তাদের অধিষ্ঠিত করবেন।
বিদেশিরা তাদের সঙ্গে যোগ দেবে
এবং যাকোব কুলের সঙ্গে সংযুক্ত হবে।
2 অন্যান্য জাতি তাদের নিয়ে
তাদের স্বদেশে পৌঁছে দেবে।
আর ইস্রায়েল কুল সদাপ্রভুর দেশে
জাতিসমূহকে তাদের দাস-দাসীরূপে অধিকার করবে।
তারা তাদের বন্দিকারীদের বন্দি করবে
এবং তাদের পীড়নকারীদের উপরে শাসন করবে।
3 যেদিন সদাপ্রভু তোমাদের কষ্টভোগ, উদ্বেগ ও নির্মম দাসত্ব থেকে মুক্তি দেবেন,
-
15 “দুধের শিশুকে কোনো মা কি ভুলতে পারে?
তার গর্ভজাত সন্তানের প্রতি সে কি মমতা করবে না?
সে তাকে ভুলে যেতেও পারে,
কিন্তু আমি তোমাকে ভুলে যাব না!
16 দেখো, তোমার আকৃতি আমার হাতের তালুতে খোদাই করা আছে;
তোমার প্রাচীরগুলি সবসময়ই আমার সামনে আছে।
-
33 কিন্তু একজন শমরীয় পথ চলতে চলতে, সেই ব্যক্তি যেখানে ছিল, সেখানে এসে পৌঁছাল; তাকে দেখে সে তার প্রতি করুণাবিষ্ট হল। 34 সে তার কাছে গিয়ে ক্ষতস্থানে তেল ও দ্রাক্ষারস লাগিয়ে বেঁধে দিল। তারপর সেই ব্যক্তিকে তার নিজের গাধায় চাপিয়ে একটি পান্থশালায় নিয়ে এসে তার সেবাযত্ন করল। 35 পরদিন পান্থশালার মালিককে সে দুটি রুপোর মুদ্রা দিল। সে বলল, ‘ওই ব্যক্তির সেবাযত্ন কোরো। এর অতিরিক্ত কিছু ব্যয় হলে, ফেরার পথে আমি পরিশোধ করে দেব।’
36 “এই তিনজনের মধ্যে কে দস্যুদের হাতে পড়া ওই লোকটির কাছে প্রতিবেশী হয়ে উঠল? তোমার কী মনে হয়?”
37 সেই শাস্ত্রবিদ উত্তর দিল, “লোকটির প্রতি যে করুণা দেখিয়েছিল, সেই।”
যীশু তাকে বললেন, “যাও, ফিরে গিয়ে তুমিও সেরকম করো।”
-
15 কারণ আমাদের মহাযাজক এমন নন, যিনি আমাদের দুর্বলতায় সহানুভূতি দেখাতে অক্ষম; বরং আমরা এমন একজনকে পেয়েছি, যিনি আমাদেরই মতো সব বিষয়ে প্রলোভিত হয়েছিলেন, অথচ নিষ্পাপ থেকেছেন। 16 তাই এসো, আস্থার সঙ্গে আমরা তাঁর অনুগ্রহ-সিংহাসনের সামনে উপস্থিত হই, যেন আমরা করুণা লাভ করতে পারি ও আমাদের প্রয়োজনের সময়ে অনুগ্রহ পাই।
-
3 মৃত্যুর দড়ি আমাকে বেঁধে ফেলল,
পাতালের যন্ত্রণা আমার উপর নেমে এল,
দুর্দশায় ও দুঃখে আমি জর্জরিত হলাম।
4 তখন আমি সদাপ্রভুর নামে ডাকলাম:
“হে সদাপ্রভু, আমাকে রক্ষা করো!”
5 সদাপ্রভু কৃপাবান ও ধর্মময়,
আমাদের ঈশ্বর করুণায় পরিপূর্ণ।
-
12 তোমাদের ঈশ্বর সদাপ্রভু যেসব নগরে তোমাদের বসবাস করবার জন্য দিতে যাচ্ছেন তার কোনো একটির সম্বন্ধে হয়তো তোমরা শুনতে পাবে যে, 13 সেখানকার ইস্রায়েলীদের মধ্যে কিছু দুষ্টলোক উদিত হয়েছে যারা নগরবাসী লোকদের এই বলে বিপথে টেনে নিয়ে গিয়েছে, “চলো আমরা অন্য দেবতার আরাধনা করি” (যে দেবতাদের সম্বন্ধে তোমরা জানো না), 14 তবে তুমি জিজ্ঞাসা করবে, অনুসন্ধান করবে ও যত্নের সঙ্গে প্রশ্ন করবে। আর সেই কথা যদি সত্যি হয় এবং প্রমাণিত হয় যে তোমাদের মধ্যে এই ঘৃণ্য কাজ সম্পন্ন হয়েছে, 15 তবে সেখানকার সব বাসিন্দাকে অবশ্যই তরোয়ালের আঘাতে মেরে ফেলতে হবে। সেই নগর এবং তার লোকজন ও পশুপাল তোমরা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। 16 সেখানকার সব লুট করা জিনিসপত্র তোমরা নগরের চকের মাঝখানে একত্র করে সেই নগর ও সেইসব জিনিসপত্র তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে আগুনে পুড়িয়ে দেবে। তাতে সেই নগর চিরকালের জন্য ধ্বংসাবশেষ হয়ে থাকবে, সেটি আর কখনও যেন তৈরি করা না হয়, 17 এবং এসব বর্জিত জিনিসপত্রের একটিও যেন তোমাদের হাতে দেখা না যায়। তবে সদাপ্রভু তাঁর ভীষণ ক্রোধ থেকে ফিরবেন, তোমাদের প্রতি কৃপা করবেন ও করুণাবিষ্ট হবেন। তিনি তোমাদের সংখ্যা বৃদ্ধি করবেন, যেমন তিনি তোমাদের পূর্বপুরুষদের কাছে প্রতিজ্ঞা করে শপথ করেছিলেন,
-
22 যিহোয়াহসের রাজত্বকালের শুরু থেকে শেষ পর্যন্ত অরামের রাজা হসায়েল ইস্রায়েলের উপর অত্যাচার চালিয়ে গেলেন। 23 কিন্তু সদাপ্রভু অব্রাহাম, ইস্হাক ও যাকোবের সাথে যে পবিত্র নিয়ম স্থাপন করলেন, তার খাতিরে তাদের প্রতি অনুগ্রহকারী হলেন এবং তাদের করুণা দেখিয়েছিলেন ও তাদের যত্নও নিয়েছিলেন। আজও পর্যন্ত তিনি তাদের ধ্বংস করতে বা তাঁর উপস্থিতি থেকে তাদের নির্বাসিত করতে অনিচ্ছুক হয়েই আছেন।
-
38 তবুও তিনি কৃপাময় ছিলেন;
তিনি তাদের অপরাধ ক্ষমা করলেন
এবং তাদের ধ্বংস করলেন না।
অনেকবার তিনি তাঁর রাগ সংযত করলেন
তাঁর সম্পূর্ণ ক্রোধ জাগিয়ে তুললেন না।
-
18 তবুও সদাপ্রভু তোমাদের প্রতি দয়া প্রদর্শনের প্রতীক্ষায় আছেন,
তোমাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য তিনি উত্থিত হয়েছেন।
কারণ সদাপ্রভু ন্যায়পরায়ণ ঈশ্বর,
ধন্য তারা সবাই যারা তাঁর অপেক্ষায় থাকে!
-
6 “আমি যিহূদা কুলকে শক্তিশালী করব
আর যোষেফ-কুলকে রক্ষা করব।
আমি তাদের ফিরিয়ে আনব
কেননা তাদের প্রতি আমার করুণা আছে।
তারা এমন হবে যেন
আমি তাদের অগ্রাহ্য করিনি।
কারণ আমি সদাপ্রভু তাদের ঈশ্বর
এবং আমি তাদের উত্তর দেব।
-
32 যীশু তাঁর শিষ্যদের তাঁর কাছে ডেকে বললেন, “এই লোকদের প্রতি আমার করুণা হচ্ছে; এরা তিন দিন ধরে আমার সঙ্গে আছে এবং এদের কাছে খাওয়ার জন্য কিছুই নেই। আমি এদের ক্ষুধার্ত অবস্থায় ফেরত পাঠাতে চাই না, হয়তো এরা পথেই অজ্ঞান হয়ে পড়বে।”
33 তাঁর শিষ্যেরা উত্তর দিলেন, “এত লোককে খাওয়ানোর জন্য এই প্রত্যন্ত স্থানে আমরা কোথায় যথেষ্ট খাবার পাব?”
34 যীশু জিজ্ঞাসা করলেন, “তোমাদের কাছে কতগুলি রুটি আছে?”
তাঁরা উত্তর দিলেন, “সাতটি, আর কয়েকটি ছোটো মাছ।”
35 তিনি সবাইকে মাটির উপরে বসার আদেশ দিলেন। 36 তারপর তিনি সেই সাতটি রুটি ও মাছগুলি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। তারপর সেগুলি ভেঙে শিষ্যদের দিলেন ও তারা লোকদের দিলেন। 37 সবাই খেয়ে পরিতৃপ্ত হল। পরে শিষ্যেরা অবশিষ্ট রুটির টুকরো সংগ্রহ করে সাতটি ঝুড়ি পূর্ণ করলেন।
-
16 “কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে, তিনি তাঁর একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাঁকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। 17 কারণ জগতের বিচার করতে ঈশ্বর তাঁর পুত্রকে জগতে পাঠাননি, কিন্তু তাঁর মাধ্যমে জগৎকে উদ্ধার করতেই পাঠিয়েছিলেন।
-
34 “আমি তোমাদের এক নতুন আজ্ঞা দিচ্ছি, তোমরা পরস্পরকে প্রেম করো। আমি যেমন তোমাদের প্রেম করেছি, তোমাদেরও তেমন পরস্পরকে প্রেম করতে হবে। 35 তোমাদের এই পারস্পরিক প্রেমের দ্বারাই সব মানুষ জানতে পারবে যে, তোমরা আমার শিষ্য।”
-
15 কারণ তিনি মোশিকে বলেছেন,
“যার প্রতি আমি দয়া দেখাতে চাই, তার প্রতি আমি দয়া দেখাব,
এবং যার প্রতি আমি করুণা করতে চাই,
তার প্রতি আমি করুণা করব।”
-
2 সম্পূর্ণ নম্র ও অমায়িক হও, ধৈর্যশীল হয়ে প্রেমে পরস্পরের প্রতি সহনশীল হও। 3 শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করার জন্য বিশেষভাবে সচেষ্ট হও।
-
11 যেমন তোমরা জানো, যারা কষ্টভোগের সময় নিষ্ঠাবান ছিল তাদের আমরা ধন্য বলে মনে করি। তোমরা ইয়োবের নিষ্ঠার কথা শুনেছ এবং দেখেছ, শেষে প্রভু কী করলেন। প্রভু সহানুভূতিশীল ও করুণায় পূর্ণ।
-
20 কিন্তু প্রিয় বন্ধুরা, তোমরা তোমাদের পরম পবিত্র বিশ্বাসের উপরে নিজেদের গেঁথে তোলো ও পবিত্র আত্মার শক্তিতে প্রার্থনা করো, 21 ঈশ্বরের প্রেমে অবিচল থাকো এবং সেই দিনের জন্য প্রতীক্ষা করো যেদিন আমাদের প্রভু যীশু খ্রীষ্ট সদয় হয়ে তোমাদের অনন্ত জীবন দান করবেন।
22 যারা সন্দেহ করে তাদের প্রতি করুণা করো; 23 অন্যদের বিচারের আগুন থেকে টেনে এনে রক্ষা করো; অন্যদের প্রতি সম্ভ্রমে করুণা করো, কিন্তু অত্যন্ত সাবধানতার সাথেই তা করো, তাদের দেহ কলুষিত করেছে সেসব পাপকে ঘৃণা করো।
-
8 সদাপ্রভু এই কথা বলেন,
“আমার অনুগ্রহ প্রদর্শনকালে আমি তোমাকে উত্তর দেব,
পরিত্রাণের দিনে আমি তোমাকে সাহায্য করব;
আমি তোমাকে রক্ষা করব এবং প্রজাদের কাছে
তোমাকে আমার চুক্তিস্বরূপে দেব,
যেন তুমি দেশের পুনঃপ্রতিষ্ঠা করো এবং
এর পরিত্যক্ত অধিকারকে পুনরায় ফিরিয়ে আনো,
9 যেন বন্দিদের বলতে পারো, ‘বেরিয়ে এসো,’
ও যারা অন্ধকারে আছে তাদের বলতে পারো, ‘মুক্ত হও!’
“তারা পথের ধারে খাবার খাবে
এবং প্রত্যেক বৃক্ষহীন পর্বতে চারণভূমি পাবে।
10 তারা আর ক্ষুধিত কি তৃষ্ণার্ত হবে না,
মরুভূমির উত্তাপ বা সূর্যের প্রখর তাপ তাদের যন্ত্রণা করবে না।
যে তাদের প্রতি সহানুভূতিশীল, সে তাদের পথ দেখাবে,
এবং তাদের নিয়ে যাবে জলস্রোতের কিনারায়।
11 আমি আমার সমস্ত পর্বতকে পথে পরিণত করব,
আমার রাজপথগুলি সব উন্নত হবে।
12 দেখো, তারা আসবে বহুদূর থেকে—
কেউ উত্তর দিক থেকে, কেউ পশ্চিমদিক থেকে,
আবার কেউ বা আসবে সীনীম দেশ থেকে।”
-
13 আকাশমণ্ডল, আনন্দে চিৎকার করো;
পৃথিবী, উল্লসিত হও;
পর্বতমালা সকলে, আনন্দগানে ফেটে পড়ো!
কারণ সদাপ্রভু তাঁর প্রজাদের সান্ত্বনা দিয়েছেন,
তাঁর অত্যাচারিত লোকেদের তিনি সহানুভূতি দেখাবেন।
-
18 সেদিন আমি তাদের হয়ে মাঠের সমস্ত পশু, আকাশের সমস্ত পাখি
এবং মাটিতে বিচরণকারী যাবতীয় সরীসৃপের সঙ্গে একটি চুক্তি করব।
আমি দেশ থেকে লোপ করব
ধনুক, তরোয়াল ও যুদ্ধ
যেন সকলে নিরাপদে শয়ন করতে পারে।
19 আমি তোমাকে চিরকালের জন্য আমার আপন করার জন্য বাগ্দান করব;
আমি তোমাকে ধার্মিকতায়, ন্যায়বিচারে,
প্রেমে ও করুণায় বাগ্দান করব।
20 আমি বিশ্বস্ততার সঙ্গে তোমাকে বাগ্দান করব,
এর ফলে তুমি সদাপ্রভুকে জানতে পারবে।”
-
2 তিনি সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, “হে সদাপ্রভু, আমি যখন বাড়িতে ছিলাম তখনই কি আমি একথা বলিনি? সেই কারণেই তর্শীশে পালিয়ে গিয়ে আমি এটা বন্ধ করার চেষ্টা করেছিলাম। আমি জানতাম যে, তুমি এক কৃপাময় ও স্নেহশীল ঈশ্বর, ক্রোধে ধীর ও প্রেমে মহান। তুমি এমন ঈশ্বর, যে শাস্তি দিতে উদ্যত হয়েও মন পরিবর্তন করো।
-
4 কিন্তু যখন আমাদের উদ্ধারকর্তা ঈশ্বরের করুণা ও প্রেমের প্রকাশ ঘটল, 5 তখন তিনি আমাদের পরিত্রাণ দিলেন, আমাদের সৎকর্মের জন্য নয়, কিন্তু তাঁর করুণার গুণে। তিনি নতুন জন্মের স্নান ও পবিত্র আত্মার নবীকরণের মাধ্যমে আমাদের পরিত্রাণ সাধন করলেন। 6 যাঁকে তিনি আমাদের পরিত্রাতা যীশু খ্রীষ্টের মাধ্যমে উদারভাবে সঙ্গে ঢেলে দিলেন,
-
1 দাউদ জিজ্ঞাসা করলেন, “শৌলের বংশে এমন কেউ কি অবশিষ্ট আছে, যার প্রতি আমি যোনাথনের খাতিরে দয়া দেখাতে পারি?”
2 সীব নামে শৌলের এক পারিবারিক দাস ছিল। তাকে দাউদের সামনে উপস্থিত হওয়ার জন্য ডেকে পাঠানো হল, এবং রাজামশাই তাকে বললেন, “তুমিই কি সীব?”
“আপনার দাস তাই বটে,” সে উত্তর দিয়েছিল।
3 রাজামশাই জিজ্ঞাসা করলেন: “শৌলের বংশে আর কি কেউ জীবিত নেই, যার প্রতি আমি ঐশ্বরিক দয়া দেখাতে পারি?”
সীব রাজাকে উত্তর দিয়েছিল, “যোনাথনের এক ছেলে এখনও অবশিষ্ট আছেন; তিনি দুই পায়েই খঞ্জ।”
4 “সে কোথায়?” রাজামশাই জিজ্ঞাসা করলেন।
সীব উত্তর দিয়েছিল, “তিনি লো-দবারে অম্মীয়েলের ছেলে মাখীরের বাসায় আছেন।”
-
50 এবং তোমার সেই প্রজাদের ক্ষমা কোরো, যারা তোমার বিরুদ্ধে পাপ করেছে; তোমার বিরুদ্ধে করা তাদের সব অপরাধ ক্ষমা কোরো, এবং তাদের বন্দিকারীদের মনে এমন ভাব উৎপন্ন কোরো, যেন তারা তাদের প্রতি দয়া দেখায়;
-
6 হে সদাপ্রভু, তোমার মহান দয়া ও প্রেম স্মরণ করো,
যা অনাদিকাল থেকে অবিচল।
7 আমার যৌবনের পাপসকল স্মরণে রেখো না,
মনে রেখো না আমার বিদ্রোহী আচরণ;
তোমার অবিচল প্রেমের গুণে আমায় মনে রেখো;
কারণ, হে সদাপ্রভু, তুমি উত্তম।
-
3 ধনসম্পদ ও ঐশ্বর্য তার গৃহে আছে,
এবং তার ধার্মিকতা চিরস্থায়ী হয়।
4 ন্যায়পরায়ণের জন্য অন্ধকারের মাঝে আলো উদয় হয়,
সে কৃপাময়, স্নেহশীল ও ধার্মিক।
5 যে উদার ও মুক্তহস্তে দান করে, তার মঙ্গল হবে,
সে নিজের বিষয়গুলি ন্যায়ের সঙ্গে নিষ্পত্তি করে।
-
7 দশদিন পরে, সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল। 8 তাই তিনি কারেহের পুত্র যোহানন, তার সঙ্গী সমস্ত সৈন্যাধ্যক্ষ ও ক্ষুদ্র ও মহান নির্বিশেষে সব লোককে ডেকে পাঠালেন। 9 তিনি তাদের বললেন, “সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, যাঁর কাছে তোমাদের নিবেদন রাখতে তোমরা আমাকে পাঠিয়েছিলে, তিনি এই কথা বলেন, 10 ‘তোমরা যদি এই দেশে থেকে যাও, আমি তোমাদের গড়ে তুলব, ভেঙে ফেলব না; আমি তোমাদের রোপণ করব, উৎপাটন করব না, কারণ আমি তোমাদের উপরে যে বিপর্যয় এনেছিলাম, তার জন্য আমি দুঃখ পেয়েছি। 11 তোমরা এখন যাকে ভয় পাও, সেই ব্যাবিলনের রাজাকে ভয় পেয়ো না। সদাপ্রভু এই কথা বলেন, তোমরা তাকে ভয় পেয়ো না, কারণ আমি তোমাদের সঙ্গে আছি। আমি তোমাদের রক্ষা করব ও তার হাত থেকে তোমাদের উদ্ধার করব। 12 আমি তোমাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করব তাই সে তোমাদের প্রতি করুণা করবে এবং তোমাদের দেশে আবার তোমাদের নিয়ে বসাবে।’
-
8 “ইফ্রয়িম, আমি কীভাবে তোমাকে ত্যাগ করতে পারি?
ইস্রায়েল, আমি কীভাবে তোমাকে অন্যের হাতে সমর্পণ করব?
আমি কীভাবে তোমার প্রতি অদ্মার মতো আচরণ করব?
কীভাবেই বা আমি তোমাকে সবোয়িমের তুল্য করে তুলবো?
তোমার জন্য আমার অন্তর ব্যাকুল হচ্ছে;
আমার সমস্ত অনুকম্পা উথলে উঠছে।
9 আমার ভয়ংকর ক্রোধ আমি কার্যকর করব না,
কিংবা ইফ্রয়িমের প্রতি মুখ ফিরিয়ে নিয়ে তাঁকে ছারখার করব না।
কারণ আমি ঈশ্বর, মানুষ নই,
তোমাদের মধ্যবর্তী আমি সেই এক ও অদ্বিতীয় পবিত্রজন।
তাই আমি সক্রোধে উপস্থিত হব না।
-
13 তোমাদের পোশাক নয়,
কিন্তু তোমরা নিজের নিজের হৃদয় বিদীর্ণ করো।
তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে এসো,
কারণ তিনি অনুগ্রহকারী ও সহানুভূতিশীল,
বিলম্বে ক্রোধ করেন ও সীমাহীন তাঁর ভালোবাসা।
তিনি বিপর্যয় প্রেরণ করে দয়ার্দ্র হন।
14 কে জানে? তিনি ফিরে আবার করুণা করবেন
এবং পিছনে আশীর্বাদ রেখে যাবেন—
ভক্ষ্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য,
তোমাদের ঈশ্বর সদাপ্রভুর জন্য।
-
15 যারা আনন্দ করে, তাদের সঙ্গে আনন্দ করো; যারা শোক করে, তাদের সঙ্গে শোক করো।
-
22 কিন্তু পবিত্র আত্মার ফল হল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, পরোপকারিতা, বিশ্বস্ততা, 23 বিনম্রতা ও আত্মসংযম। এসব বিষয়ের বিরুদ্ধে কোনও বিধান নেই।
-
33 কখনও কখনও তোমরা প্রকাশ্যে অপমানিত হয়েছ, অত্যাচার ভোগ করছ; অন্য সময়ে যাদের প্রতি এরকম আচরণ করা হয়েছিল, তোমরা তাদের সহভাগী হয়েছ। 34 তোমরা কারাগারে বন্দিদের প্রতি সহানুভূতি দেখিয়েছ এবং তোমাদের সম্পত্তি বাজেয়াপ্ত হলেও তা সানন্দে মেনে নিয়েছ, কারণ তোমরা জানতে যে, তোমাদের জন্য এক উৎকৃষ্টতর ও স্থায়ী সম্পত্তি রাখা আছে।
-
11 ও আমার প্রজা ইস্রায়েলের উপর আমি নেতা নিযুক্ত করার সময় থেকেই যেমনটি তারা করে আসছিল। আমি তোমার সব শত্রুর দিক থেকে তোমাকে বিশ্রামও দেব।
“ ‘সদাপ্রভু তোমার কাছে এই ঘোষণা করছেন যে সদাপ্রভু স্বয়ং তোমার জন্য এক গৃহ স্থির করবেন: 12 তোমার দিন ফুরিয়ে যাওয়ার পর ও তোমার পূর্বপুরুষদের সঙ্গে তুমি যখন বিশ্রাম নেবে, তখন আমি তোমার স্থলাভিষিক্ত হওয়ার জন্য তোমার সেই বংশধরকে তুলে আনব, যে হবে তোমারই মাংস ও তোমারই রক্ত, এবং আমি তার রাজ্য স্থির করব। 13 সেই আমার নামের জন্য এক গৃহ নির্মাণ করবে, ও আমি তার রাজ্যের সিংহাসন চিরস্থায়ী করব। 14 আমি তার বাবা হব, ও সে আমার ছেলে হবে। সে যখন ভুলচুক করবে, আমি তখন তাকে লোকজনের চালানো ছড়ি দিয়ে, মানুষের হাতে ধরা চাবুক দিয়ে শাস্তি দেব। 15 কিন্তু আমার প্রেম কখনও তার উপর থেকে সরে যাবে না, যেভাবে আমি সেই শৌলের কাছ থেকে তা সরিয়ে নিয়েছিলাম, যাকে আমি তোমার সামনে থেকে উৎখাত করলাম। 16 তোমার বংশ ও তোমার রাজ্য আমার সামনে চিরস্থায়ী হবে; তোমার সিংহাসনও চিরস্থায়ী হবে।’ ”
-
6 শৌলের নাতি ও যোনাথনের ছেলে মফীবোশৎ দাউদের কাছে এসে তাঁকে সম্মান জানানোর জন্য মাটিতে উবুড় হয়ে প্রণাম করলেন।
দাউদ বললেন, “মফীবোশৎ!”
“এই তো আমি, আপনার দাস,” তিনি উত্তর দিলেন।
7 “ভয় পেয়ো না,” দাউদ তাঁকে বললেন, “কারণ নিঃসন্দেহে তোমার বাবা যোনাথনের খাতিরে আমি তোমার প্রতি দয়া দেখাব। তোমার বাবামহ শৌলের সব জমি আমি তোমাকে ফিরিয়ে দেব, ও তুমি সবসময় আমার টেবিলে বসে ভোজনপান করবে।”
-
10 তোমার ধর্মশীলতার কথা আমি হৃদয়ে লুকিয়ে রাখিনি;
আমি তোমার বিশ্বস্ততা ও পরিত্রাণ ঘোষণা করেছি।
তোমার প্রেম ও বিশ্বস্ততা
মহাসমাবেশ থেকে আমি লুকিয়ে রাখিনি।
11 হে সদাপ্রভু, তোমার করুণা থেকে আমাকে বঞ্চিত কোরো না,
তোমার প্রেম ও বিশ্বস্ততা আমাকে সর্বদা সুরক্ষিত করুক।
-
16 হে সদাপ্রভু, তোমার প্রেমের উত্তমতায় আমাকে উত্তর দাও;
তোমার মহান দয়াতে আমার দিকে ফেরো।
-
4 তিনি তাঁর আশ্চর্য কাজগুলি স্মরণীয় করেছেন;
সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল।
-
17 যারা দরিদ্রদের প্রতি দয়া দেখায় তারা সদাপ্রভুকেই ঋণ দেয়,
ও তারা যা করেছে সেজন্য সদাপ্রভু তাদের পুরস্কৃত করবেন।
-
22 সদাপ্রভু এই কথা বলেন:
“দেখো, উত্তরের দেশ থেকে
এক সৈন্যদল আসছে;
পৃথিবীর প্রান্তসীমা থেকে
এক মহাজাতিকে উত্তেজিত করা হয়েছে।
23 তাদের হাতে আছে ধনুক ও বর্শা;
তারা নিষ্ঠুর, মায়ামমতা প্রদর্শন করে না।
তারা ঘোড়ায় চড়লে
সমুদ্রগর্জনের মতো শব্দ শোনায়;
সিয়োন-কন্যা, তোমাকে আক্রমণ করার জন্য
তারা যুদ্ধের সাজ পরে আসছে।”
-
31 “সময় আসছে,” সদাপ্রভু এই কথা বলেন,
“যখন আমি ইস্রায়েলের কুল
ও যিহূদার বংশধরদের সঙ্গে,
একটি নতুন নিয়ম স্থাপন করব।
32 তাদের পূর্বপুরুষদের সঙ্গে স্থাপন করা
নিয়মের মতো হবে না,
যখন আমি তাদের হাত ধরে
মিশর থেকে বের করে এনেছিলাম,
কারণ তারা আমার নিয়ম ভেঙেছিল,
যদিও তাদের কাছে আমি এক স্বামীর মতো ছিলাম,”
সদাপ্রভু এই কথা বলেন।
33 “সেই সময়ের পরে, আমি ইস্রায়েল কুলের সঙ্গে এই নিয়ম স্থাপন করব,”
সদাপ্রভু এই কথা বলেন,
“আমি তাদের মনে আমার বিধান দেব
এবং তাদের হৃদয়ে তা লিখে দেব।
আমি তাদের ঈশ্বর হব
আর তারা আমার প্রজা হবে।
34 কোনো মানুষ তার প্রতিবেশীকে শেখাবে না
বা একে অপরকে বলবে না, ‘তুমি সদাপ্রভুকে জেনে নাও,’
কারণ নগণ্যতম জন থেকে মহত্তম ব্যক্তি পর্যন্ত,
তারা সবাই আমার পরিচয় পাবে,”
সদাপ্রভু এই কথা বলেন।
“কারণ আমি তাদের পাপ ক্ষমা করব
এবং তাদের অনাচারগুলি আর কোনোদিন স্মরণ করব না।”
-
6 কারণ আমি দয়া চাই, বলিদান নয়,
এবং হোমবলির চেয়ে চাই ঈশ্বরকে স্বীকৃতি দান।
-
43 “তোমরা শুনেছ, বলা হয়েছিল, ‘তোমার প্রতিবেশীকে প্রেম কোরো’ ও ‘তোমার শত্রুকে ঘৃণা কোরো।’ 44 কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুদের ভালোবেসো এবং যারা তোমাদের অত্যাচার করে, তোমরা তাদের জন্য প্রার্থনা কোরো, 45 যেন তোমরা তোমাদের স্বর্গস্থ পিতার সন্তান হও। কারণ তিনি ভালোমন্দ, সব মানুষের উপরে সূর্য উদিত করেন এবং ধার্মিক অধার্মিক নির্বিশেষে সকলের উপরে বৃষ্টি দেন। 46 যারা তোমাদের ভালোবাসে, তোমরা যদি তাদেরই ভালোবাসো, তাহলে তোমরা কী পুরস্কার পাবে? কর আদায়কারীরাও কি সেরকম করে না? 47 আর তোমরা যদি কেবলমাত্র তোমাদের ভাইদেরই নমস্কার করো, তাহলে অন্যদের চেয়ে বেশি আর কী করছ? পরজাতীয়েরাও কি সেরকম করে না? 48 অতএব, তোমাদের স্বর্গস্থ পিতা যেমন সিদ্ধ, তোমরাও সেইরূপ সিদ্ধ হও।
-
13 কিন্তু তোমরা যাও এবং এই বাক্যের মর্ম কি তা শিক্ষা নাও: ‘আমি দয়া চাই, বলিদান নয়।’ কারণ আমি ধার্মিকদের নয়, কিন্তু পাপীদের আহ্বান করতে এসেছি।”
14 এরপর যোহনের শিষ্যেরা এসে তাঁকে জিজ্ঞাসা করল, “এ কী রকম যে, ফরিশীরা ও আমরা উপোস করি, কিন্তু আপনার শিষ্যেরা উপোস করে না?”
15 যীশু উত্তর দিলেন, “বর সঙ্গে থাকতে তার অতিথিরা কীভাবে দুঃখ করতে পারে? সময় আসবে, যখন বরকে তাদের মধ্য থেকে সরিয়ে নেওয়া হবে; তখন তারা উপোস করবে।
16 “পুরোনো পোশাকে কেউ নতুন কাপড়ের তালি লাগায় না, কারণ তা করলে সেই কাপড়ের টুকরোটি পুরোনো পোশাক থেকে ছিঁড়ে বেরিয়ে আসবে ও সেই ছিদ্র আরও বড়ো হয়ে উঠবে।
-
20 তাই সে উঠে তার বাবার কাছে ফিরে গেল।
“সে তখনও অনেক দূরে, তার বাবা তাকে দেখতে পেলেন। ছেলের জন্য তাঁর অন্তর করুণায় ভরে উঠল। তিনি দৌড়ে তাঁর ছেলের কাছে গেলেন, তার গলা জড়িয়ে ধরলেন ও তাকে চুম্বন করলেন।
-
7 যেন খ্রীষ্ট যীশুতে আমাদের প্রতি তাঁর যে করুণা প্রকাশ পেয়েছে, আগামী দিনেও তিনি তাঁর সেই অতুলনীয় অনুগ্রহের ঐশ্বর্য প্রদর্শন করতে পারেন।
-
10 প্রত্যেকেই অন্যদের সেবা করার উদ্দেশে যে বরদান লাভ করেছে, ঈশ্বরের সেই অনুগ্রহ তারা বিশ্বস্ত কর্মাধ্যক্ষের মতো ব্যবহার করুক।
-
6 কিন্তু যারা আমাকে ভালোবাসে ও আমার আজ্ঞাগুলি পালন করে, হাজার প্রজন্ম পর্যন্ত তাদের প্রতি ভালোবাসা দেখাই।
-
21 শৌল উত্তর দিলেন, “আমার জন্য তোমরা উদ্বিগ্ন হয়েছ বলে সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করুন।
-
34 সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়;
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
-
প্রধান সংগীত পরিচালকের জন্য। সদাপ্রভুর দাস দাউদের। সদাপ্রভু যেদিন তাঁর দাস দাউদকে সমস্ত শত্রু এবং শৌলের হাত থেকে উদ্ধার করেছিলেন সেদিন দাউদ সদাপ্রভুর উদ্দেশে এই গীত গেয়েছিলেন। দাউদ বলেছিলেন:
1 হে সদাপ্রভু, আমি তোমায় ভালোবাসি, তুমি আমার শক্তি।
-
21 সদাপ্রভুর প্রশংসা হোক,
কারণ যখন আমি অবরুদ্ধ নগরীতে ছিলাম
তিনি তাঁর প্রেমের আশ্চর্য ক্রিয়াসকল আমাকে দেখিয়েছেন।
-
3 আমার মুখ তোমার মহিমা করবে,
কারণ তোমার প্রেম জীবনের থেকে উত্তম।
-
77 তোমার অসীম করুণা আমাকে ঘিরে রাখুক যেন আমি বাঁচতে পারি,
কারণ তোমার নিয়মবিধান আমার আনন্দের বিষয়।
-
2 তোমার পবিত্র মন্দিরের উদ্দেশে আমি নত হব
এবং তোমার অবিচল প্রেম ও তোমার বিশ্বস্ততার কারণে
তোমার নামের প্রশংসা করব,
কারণ তুমি তোমার বিধিসম্মত নিয়মাবলি উচ্চে স্থাপন করেছ;
যেন তোমার খ্যাতি ছাপিয়ে যায়।
-
18 তাদের ধনুর্ধরেরা যুবকদের সংহার করবে;
শিশুদের প্রতি তাদের কোনো করুণা থাকবে না,
ছেলেমেয়েদের প্রতি তারা কোনো সহানুভূতি দেখাবে না।
-
11 গাছপালার কচি পাতা শুকিয়ে গেলে সেগুলি ভেঙে ফেলা হবে,
আর স্ত্রীলোকেরা সেগুলি নিয়ে আগুন জ্বালাবে।
কারণ এই এক জাতি, যাদের বুদ্ধি নেই;
তাই তাদের নির্মাতা তাদের প্রতি সহানুভূতিশীল নন,
এবং তাদের স্রষ্টা তাদের প্রতি কোনো কৃপা প্রদর্শন করেন না।
-
14 সদাপ্রভু এই কথা বলেন: “আমার প্রজা ইস্রায়েলকে আমি অধিকাররূপে যে দেশ দিয়েছি, আমার দুষ্ট প্রতিবেশীরা তা অবরুদ্ধ করেছে। তাদের ভূমি থেকে আমি সেই শত্রুদের উৎখাত করব এবং তার মধ্য থেকে যিহূদা কুলের লোকদেরও আমি উৎপাটন করব। 15 কিন্তু উৎপাটন করার পর, আমি ফিরে তাদের প্রতি মমতা করব, আর তাদের প্রত্যেকজনকে তাদের স্বদেশে, নিজস্ব অধিকারে ফিরিয়ে আনব।
-
14 আমি তাদেরকে পরস্পরের বিরুদ্ধে চূর্ণবিচূর্ণ করব, এমনকি, পিতা-পুত্র নির্বিশেষে চূর্ণ করব, সদাপ্রভু এই কথা বলেন। তাদের যেন ধ্বংস না করি, এজন্য আমি কোনো দয়া বা করুণা বা মমতাবোধকে মনে স্থান দেব না।’ ”
-
7 তারপরে, সদাপ্রভু বলেন, যারা মহামারি, তরোয়ালের আঘাত ও দুর্ভিক্ষ থেকে রক্ষা পাবে, অর্থাৎ যিহূদার রাজা সিদিকিয়, তার সমস্ত কর্মচারী ও এই নগরের লোকেদের আমি ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার এবং তাদের শত্রুদের হাতে সমর্পণ করব, যারা তাদের প্রাণনাশ করতে চায়। নেবুখাদনেজার তাদের তরোয়ালের আঘাতে হত্যা করবে; সে তাদের প্রতি কোনো করুণা, মমতা বা সহানুভূতি প্রদর্শন করবে না।’
-
26 তাহলে আমি যাকোব ও আমার দাস দাউদের বংশধরদের অগ্রাহ্য করব এবং অব্রাহাম, ইস্হাক ও যাকোবের বংশধরদের উপরে শাসন করার জন্য তার বংশ থেকে কাউকে মনোনীত করব না। কারণ আমি তাদের অবশ্যই তাদের দেশে ফিরিয়ে আনব এবং তাদের প্রতি সহানুভূতিশীল হব।’ ”
-
42 তাদের হাতে আছে ধনুক ও বর্শা;
তারা নিষ্ঠুর ও মায়ামমতা প্রদর্শন করে না।
তারা ঘোড়ায় চড়লে
সমুদ্রগর্জনের মতো শব্দ শোনায়;
হে ব্যাবিলনের কন্যা, তোমাকে আক্রমণ করার জন্য
তারা যুদ্ধের সাজ পরে আসছে।
-
1 হে ইস্রায়েলীরা, তোমরা সদাপ্রভুর বাণী শোনো,
কারণ তোমরা যারা দেশে বাস করো,
সেই তোমাদের বিরুদ্ধে সদাপ্রভু একটি অভিযোগ আনতে চান:
“দেশে কোনো বিশ্বস্ততা, কোনো ভালোবাসা নেই
এবং ঈশ্বরকে কেউ স্বীকৃতি দেয় না।
-
7 ধন্য তারা, যারা দয়াবান,
কারণ তাদের প্রতি দয়া প্রদর্শিত হবে।
-
33 আমি যেমন তোমাকে দয়া করেছিলাম, তোমারও কি উচিত ছিল না তোমার সহদাসকে দয়া করা?’
-
19 যীশু তাকে সেই অনুমতি দিলেন না, কিন্তু বললেন, “তুমি বাড়িতে তোমার পরিবারের কাছে যাও ও তাদের বলো, প্রভু তোমার জন্য যে যে মহান কাজ করেছেন এবং কেমন করে তিনি তোমার প্রতি দয়া প্রদর্শন করেছেন।”
-
27 “কিন্তু তোমরা, যারা আমার কথা শুনছ, তাদের আমি বলছি, তোমরা শত্রুদের ভালোবেসো; যারা তোমাদের ঘৃণা করে, তাদের মঙ্গল কোরো। 28 যারা তোমাদের অভিশাপ দেয়, তাদের আশীর্বাদ দিয়ো; যারা তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করে, তাদের জন্য প্রার্থনা কোরো। 29 কেউ যদি তোমার এক গালে চড় মারে, অন্য গালও তার দিকে ফিরিয়ে দিয়ো। কেউ যদি তোমার গায়ের চাদর নিয়ে নেয়, তাকে তোমার জামাও নিতে বাধা দিয়ো না। 30 যারা তোমার কাছে চায়, তাদের তুমি দাও। আর কেউ যদি তোমার কাছ থেকে তোমার কোনো জিনিস নিয়ে নেয়, তা ফেরত চেয়ো না। 31 তোমরা অপরের কাছ থেকে যেরূপ ব্যবহার পেতে চাও, তাদের প্রতি তোমরাও সেরূপ ব্যবহার কোরো।
-
8 তোমরা কারও কাছে কোনো ঋণ কোরো না, কেবলমাত্র পরস্পরের কাছে ভালোবাসার ঋণ কোরো; কারণ যে তার অপরকে ভালোবাসে, সে বিধান পূর্ণরূপে পালন করেছে। 9 “ব্যভিচার কোরো না,” “নরহত্যা কোরো না,” “চুরি কোরো না,” “লোভ কোরো না,” এই আজ্ঞাগুলি এবং আরও যে কোনো আজ্ঞা থাকুক না কেন, এই একটি আজ্ঞায় সেসবই সংকলিত হয়েছে, “তোমার প্রতিবেশীকে নিজের মতোই প্রেম করো।” 10 ভালোবাসা প্রতিবেশীর কোনও অনিষ্ট করে না। সেই কারণে, প্রেম করাই বিধানের পূর্ণতা।
-
2 প্রত্যেকে একে অপরের ভারবহন করো, এভাবে তোমরা খ্রীষ্টের বিধান পূর্ণ করবে।
-
1 অতএব, যেহেতু তোমরা ঈশ্বরের প্রিয় সন্তান, তোমরা ঈশ্বরেরই অনুকরণ করো 2 এবং প্রেমে জীবনযাপন করো, যেমন খ্রীষ্ট আমাদের ভালোবেসেছেন এবং নিজেকে সুরভিত নৈবেদ্য ও বলিরূপে ঈশ্বরের উদ্দেশে উৎসর্গ করেছেন।
-
2 যারা অজ্ঞ, যারা পথভ্রান্ত, তাদের সঙ্গে তিনি কোমল আচরণ করতে সমর্থ, যেহেতু তিনি স্বয়ং দুর্বলতার অধীন।
-
27 পিতা ঈশ্বরের কাছে বিশুদ্ধ ও নির্দোষরূপে গ্রহণযোগ্য ধর্ম হল এই: অনাথ ও বিধবাদের দুঃখকষ্টে তত্ত্বাবধান করা এবং সাংসারিক কলুষতা থেকে নিজেকে রক্ষা করা।
-
1 দেখো, ঈশ্বর কেমন তাঁর প্রেম পর্যাপ্ত পরিমাণে আমাদের ঢেলে দিয়েছেন, যেন আমরা ঈশ্বরের সন্তান বলে অভিহিত হই। আর আমরা প্রকৃতপক্ষে তাই। জগৎ এজন্য আমাদের জানে না, কারণ সে তাঁকে জানে না। 2 প্রিয় বন্ধুরা, বর্তমানে আমরা ঈশ্বরের সন্তান এবং আমরা কী হব, তা এখনও প্রকাশিত হয়নি। কিন্তু আমরা জানি, যখন তিনি প্রকাশিত হবেন আমরা তাঁরই মতো হব, কারণ তিনি যেমন আছেন, আমরা তেমনই তাঁকে দেখতে পাব।
-
7 প্রিয় বন্ধুরা, এসো আমরা পরস্পরকে প্রেম করি, কারণ প্রেম ঈশ্বর থেকে আসে। যে প্রেম করে, সে ঈশ্বর থেকে জাত এবং সে ঈশ্বরকে জানে। 8 যে প্রেম করে না, সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বরই প্রেম।
Shows Read in context, Share and Copy.