60 Bible Verses About Justice
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
6 আমি কি নিয়ে সদাপ্রভুর সামনে যাব
এবং স্বর্গের ঈশ্বরের উপাসনা করব?
আমি কি হোমবলির জন্য তাঁর সামনে যাব,
কয়েকটি এক বছরের বাছুর নিয়ে?
7 সদাপ্রভু কি হাজার হাজার মেষ,
কিংবা দশ হাজার নদী ভরা জলপাই তেলে খুশি হবেন?
আমার অন্যায়ের জন্য কি আমি আমার প্রথম সন্তান,
আমার পাপের জন্য নিজের শরীরের ফল উৎসর্গ করব?
8 হে মানুষ, যা ভালো তা তো তিনি তোমাকে দেখিয়েছেন।
সদাপ্রভু তোমার কাছ থেকে কী চাইছেন জানো?
শুধুমাত্র এইটা যে, ন্যায্য কাজ করা ও ভালোবাসা
এবং তোমার সদাপ্রভুর সঙ্গে নম্র হয়ে চলা।
9 শোনো! সদাপ্রভু নগরের লোকদের ডাকছেন,
আর তোমার নামের ভয় করা হল প্রজ্ঞা,
“শাস্তির লাঠি এবং সেটিকে যিনি নিযুক্ত করেছেন তাঁর দিকে মনোযোগ দাও!
-
19 অন্যায় বিচার করবে না কিংবা কারোর পক্ষ নেবে না। ঘুস নিয়ো না, কারণ ঘুস জ্ঞানীদের চোখ অন্ধ করে এবং নির্দোষ লোকদের কথা পরিবর্তন করে। 20 ন্যায্য কেবল ন্যায্যরই অনুগামী হবে, যেন তোমরা বেঁচে থেকে তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে দেশ দেবেন তা অধিকার করতে পারো।
-
16 তোমরা সেইসব ধুয়ে ফেলো ও নিজেদের শুচিশুদ্ধ করো।
তোমাদের সব মন্দ কর্ম আমার দৃষ্টিপথ থেকে দূর করো!
অন্যায় সব কর্ম করা থেকে নিবৃত্ত হও।
17 যা ন্যায়সংগত, তাই করতে শেখো; ন্যায়বিচার অনুধাবন করো।
অত্যাচারিত লোকেদের পাশে দাঁড়াও।
পিতৃহীনদের পক্ষসমর্থন করো,
বিধবাদের সপক্ষে ওকালতি করো।
18 “এবারে এসো, আমরা পরস্পর যুক্তিবিচার করি,”
সদাপ্রভু একথা বলেন।
“তোমাদের পাপের রং টকটকে লাল হলেও
সেগুলি বরফের মতো সাদা হবে;
যদিও তা গাঢ় লাল রংয়ের হয়,
সেগুলি পশমের মতোই শুভ্র হবে।
-
21 কিন্তু এখন, বিধান ছাড়াই ঈশ্বর থেকে এক ধার্মিকতা প্রকাশিত হয়েছে, যে বিষয়ে সেই বিধান ও ভাববাদীরা সাক্ষ্য দিয়েছেন। 22 এই ধার্মিকতা, যারা বিশ্বাস করে, তাদের প্রতি যীশু খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে আসে। এখানে কোনও পার্থক্য-বিভেদ নেই, 23 কারণ সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরব-বিহীন হয়েছে। 24 তারা বিনামূল্যে, তাঁরই অনুগ্রহে, খ্রীষ্ট যীশুতে প্রাপ্ত মুক্তির দ্বারা নির্দোষ গণ্য হয়। 25 তাঁর রক্তে বিশ্বাসের মাধ্যমে, ঈশ্বর তাঁকেই প্রায়শ্চিত্ত-বলিরূপে উপস্থাপিত করেছেন। তিনি তাঁর ন্যায়পরায়ণতা প্রদর্শনের জন্য এরকম করেছেন, কারণ তাঁর সহনশীলতার গুণে তিনি অতীতে করা সকল পাপের শাস্তি দেননি। 26 বর্তমান যুগে তাঁর ন্যায়পরায়ণতা প্রদর্শনের জন্য তিনি এরকম করেছিলেন, যেন তিনি ন্যায়পরায়ণ থাকেন এবং যারা যীশুতে বিশ্বাস করে, তাদের নির্দোষ গণ্য করেন।
-
2 কত কাল তুমি যারা অসৎ তাদের পক্ষ নেবে
আর দুষ্টদের পক্ষপাতিত্ব করবে?
3 যারা দুর্বল আর অনাথ তাদের প্রতি তুমি সুবিচার করো,
যারা দরিদ্র আর পীড়িত তাদের অধিকার রক্ষা করো।
4 যারা দুর্বল আর অভাবী তাদের মুক্ত করো;
দুষ্টদের দেশ থেকে তাদের উদ্ধার করো।
-
8 তাদের হয়ে কথা বলো যারা নিজেদের কথা নিজেরা বলতে পারে না,
সেইসব লোকের অধিকারের স্বপক্ষে কথা বলো যারা সর্বস্বান্ত।
9 উচ্চকণ্ঠে বলো ও ন্যায়বিচার করো:
দরিদ্র ও অভাবগ্রস্তদের অধিকারের স্বপক্ষে ওকালতি করো।
-
8 “কারণ আমি সদাপ্রভু, আমি ন্যায়বিচার ভালোবাসি;
আমি দস্যুবৃত্তি ও অধর্ম ঘৃণা করি।
আমার বিশ্বস্ততায় আমি তাদের পুরস্কৃত করব
এবং তাদের সঙ্গে প্রতিষ্ঠিত করব এক চিরস্থায়ী নিয়ম।
9 তাদের বংশধরেরা জাতিসমূহের মধ্যে
ও তাদের সন্তানেরা লোকবৃন্দের মধ্যে পরিচিত হবে।
যারাই তাদের দেখবে, স্বীকার করবে যে,
তারা এমন জাতি, যাদের সদাপ্রভু আশীর্বাদ করেছেন।”
-
9 “সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, ‘তোমরা ন্যায়ভাবে বিচার করো, একে অন্যের প্রতি করুণা করো ও সহানুভূতি দেখাও। 10 তোমরা বিধবাদের বা অনাথদের, বিদেশিদের বা গরিবদের উপর অত্যাচার কোরো না। একে অন্যের বিষয় হৃদয়ে মন্দ চিন্তা কোরো না।’
-
6 “তোমাদের মধ্যবর্তী দরিদ্র লোকজনের মামলায় তাদের প্রতি যেন ন্যায়বিচার অস্বীকার করা না হয়। 7 মিথ্যা দোষারোপ করা থেকে দূরে সরে থেকো এবং কোনও নির্দোষ বা সৎলোককে মৃত্যুর মুখে ঠেলে দিয়ো না, কারণ আমি সেই দোষীকে বেকসুর খালাস হতে দেব না।
8 “ঘুস নিয়ো না, কারণ যাদের দৃষ্টিশক্তি আছে, ঘুস তাদের অন্ধ করে তোলে এবং নির্দোষ লোকদের কথা পরিবর্তন করে।
9 “কোনও বিদেশির উপর জোরজুলুম কোরো না; তোমরা নিজেরাই জানো বিদেশি হয়ে থাকতে কেমন লাগে, কারণ তোমরাও মিশরে বিদেশিই হয়ে ছিলে।
-
13 তোমাদের থলিতে যেন দুই রকম ওজনের বাটখারা না থাকে—একটি ভারী, একটি হালকা। 14 তোমাদের বাড়িতে যেন দুই রকম পরিমাণ মাপার পাত্র না থাকে—একটি বড়ো, একটি ছোটো। 15 তোমরা সঠিক মাপের বাটখারা ও পাত্র রাখবে, যেন তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যে দেশ দিতে যাচ্ছেন সেখানে অনেক দিন বেঁচে থাকতে পারো। 16 কারণ যে এসব কাজ করে, যে অসাধুতা করে, সে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর ঘৃণার পাত্র।
-
3 আমি সদাপ্রভুর নাম ঘোষণা করব,
তোমরা আমাদের ঈশ্বরের মহিমাকীর্তন করো!
4 তিনিই শৈল, তাঁর কাজ নিখুঁত,
আর তাঁর সমস্ত পথ ন্যায্য।
একজন বিশ্বস্ত ঈশ্বর যিনি কোনও অন্যায় করেন না,
তিনি ন্যায়পরায়ণ ও সঠিক।
-
11 তাই ঈশ্বর তাঁকে বললেন, “যেহেতু তুমি নিজের জন্য দীর্ঘায়ু বা ধনসম্পদ না চেয়ে এই বিষয়টি চেয়েছ, বা তুমি তোমার শত্রুদের মৃত্যু কামনা না করে ন্যায়ের শাসন কায়েম করার জন্য দূরদর্শিতা চেয়েছ, 12 তাই তুমি যা চেয়েছ, আমি তাই করব। আমি তোমাকে সুবিবেচক ও দূরদর্শিতাসম্পন্ন এমন এক অন্তঃকরণ দেব, যেমনটি তোমার আগেও কেউ পায়নি, আর তোমার পরেও কেউ পাবে না।
-
3 ধন্য তারা, যারা ন্যায় কাজ করে,
এবং যা সঠিক তা সর্বদা পালন করে।
4 আমাকে মনে রেখো, হে সদাপ্রভু, যখন তুমি তোমার প্রজাদের উপর অনুগ্রহ করো,
যখন তুমি তাদের রক্ষা করো, আমাকে সাহায্য করো,
-
1 সদাপ্রভু এই কথা বলেন:
“তোমরা ন্যায়বিচার মেনে চলো
এবং যা ন্যায়সংগত, তাই করো,
কারণ আমার পরিত্রাণ অতি নিকটবর্তী,
আমার ধার্মিকতা সত্বর প্রকাশিত হবে।
-
4 সদাপ্রভুর বাক্য সঠিক ও সত্য;
তিনি যা কিছু করেন সবকিছুতেই বিশ্বস্ত।
5 সদাপ্রভু ন্যায়বিচার ও ধার্মিকতা ভালোবাসেন;
পৃথিবী তাঁর অবিচল প্রেমে পূর্ণ।
-
3 বলিদানের পরিবর্তে যা যথার্থ ও ন্যায্য, তা করাই
সদাপ্রভুর কাছে বেশি গ্রহণযোগ্য।
-
13 “ ‘তোমাদের প্রতিবেশীকে নির্যাতন করবে না কিংবা তার কোনো জিনিস হরণ করবে না।
“ ‘বেতনজীবীর বেতন রাত্রি অতিবাহিত না হওয়া পর্যন্ত ধরে রেখো না।
14 “ ‘বধিরকে অভিশাপ দিয়ো না, অথবা অন্ধজনের সামনে বাধা রেখো না; কিন্তু তোমাদের ঈশ্বরকে ভয় কোরো। আমি সদাপ্রভু।
15 “ ‘তোমরা বিচারে অন্যায় করবে না; দরিদ্রের প্রতি পক্ষপাতিত্ব দেখাবে না, অথবা ধনবানকে তোষণ করবে না, কিন্তু তোমাদের প্রতিবেশীর প্রতি ন্যায়বিচার করবে।
-
27 মন্দতা বর্জন করো আর সৎকাজ করো;
তাহলে চিরকাল তোমরা দেশে বসবাস করবে।
28 কারণ সদাপ্রভু ন্যায়পরায়ণকে ভালোবাসেন
আর তিনি তাঁর বিশ্বস্তজনেদের পরিত্যাগ করবেন না।
তারা চিরতরে রক্ষিত হবে;
কিন্তু দুষ্টদের ছেলেমেয়েরা বিনষ্ট হবে।
29 ধার্মিকেরাই দেশের অধিকারী হবে
এবং তারা চিরকাল সেখানে বসবাস করবে।
-
15 যখন ন্যায়বিচার করা হয়, তা ধার্মিকদের জীবনে আনন্দ এনে দেয়
কিন্তু অনিষ্টকারীদের জীবনে আতঙ্ক জাগায়।
-
1 “মিথ্যা গুজব ছড়িয়ো না। এক বিদ্বেষপরায়ণ সাক্ষী হওয়ার দ্বারা কোনও দোষী লোককে সাহায্য কোরো না।
2 “অন্যায় করার ক্ষেত্রে জনসাধারণের অনুগামী হোয়ো না। কোনো মামলায় তুমি যখন সাক্ষ্য দাও, তখন জনসাধারণের পক্ষ নিয়ে ন্যায়বিচার বিকৃত কোরো না,
-
16 তোমাদের হৃদয়ের সুন্নত করো, আর একগুঁয়ে হয়ে থেকো না। 17 তোমাদের ঈশ্বর সদাপ্রভু ঈশ্বরদের ঈশ্বর এবং প্রভুদের প্রভু, তিনিই মহান ঈশ্বর, ক্ষমতাশালী ও ভয়ংকর, যিনি কারোর মুখাপেক্ষা করেন না এবং ঘুষও নেন না। 18 পিতৃহীনদের ও বিধবাদের অধিকার তিনি রক্ষা করেন, এবং তোমাদের মধ্যে বসবাস করা বিদেশিদের খেতে পরতে দিয়ে তাঁর ভালোবাসা দেখান। 19 আর তোমরা বিদেশিদের ভালোবাসবে, কারণ তোমরা নিজেরাও মিশরে বিদেশি হয়েছিলে।
-
23 “শাস্ত্রবিদ ও ফরিশীরা, ভণ্ডের দল, ধিক্ তোমাদের! তোমরা তোমাদের মশলাপাতি—পুদিনা, মৌরি ও জিরার দশমাংশ দিয়ে থাকো কিন্তু বিধানের আরও গুরুত্বপূর্ণ বিষয়, যেমন ন্যায়বিচার, করুণা, বিশ্বস্ততা—এগুলি উপেক্ষা করে থাকো। ভালো হত, তোমরা আগের বিষয়গুলি উপেক্ষা না করে যদি এগুলিও পালন করতে।
-
35 “ ‘দৈর্ঘ্য, ওজন অথবা পরিমাণ পরিমাপ করার সময় অবৈধ বাটখারা ব্যবহার করবে না। 36 ন্যায্য মাপনী, ন্যায্য বাটখারা, ন্যায্য ঐফা ও ন্যায্য হিন ব্যবহার করবে। আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ থেকে তোমাদের বের করে এনেছেন।
37 “ ‘আমার সব অনুশাসন ও বিধিবিধান পালন করবে, এবং সেগুলির অনুগামী হবে। আমি সদাপ্রভু।’ ”
-
6 সদাপ্রভু ধার্মিকতার কাজ করেন
আর পীড়িতদের পক্ষে ন্যায়বিচার করেন।
-
13 তোমার বাহু পরাক্রমে পূর্ণ;
তোমার হাত বলবান, তোমার ডান হাত মহিমান্বিত।
14 ধার্মিকতা আর ন্যায় তোমার সিংহাসনের ভিত্তি;
প্রেম আর বিশ্বস্ততা তোমার সম্মুখবর্তী হয়।
-
16 এবং আমি সূর্যের নিচে আরও একটি বিষয় দেখলাম
বিচারের জায়গায়—দুষ্টতা ছিল,
সততার জায়গায়—দুষ্টতা ছিল।
17 আমি নিজে মনে মনে বললাম,
“ঈশ্বর ধার্মিকের ও দুষ্টের
দুজনেরই বিচার করবেন,
কারণ সেখানে সমস্ত কাজের জন্য সময় আছে,
সমস্ত কাজের বিচারের জন্য সময় আছে।”
-
3 আর তিনি সদাপ্রভুর ভয়ে আনন্দিত হবেন।
তিনি চোখের দৃষ্টি অনুযায়ী বিচার করবেন না,
কিংবা কানে যা শোনেন, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন না;
4 কিন্তু ধার্মিকতায় তিনি নিঃস্ব ব্যক্তির বিচার করবেন,
ন্যায়ের সঙ্গে তিনি পৃথিবীর দরিদ্রদের বিচার নিষ্পত্তি করবেন।
তিনি তাঁর মুখের লাঠি দিয়ে পৃথিবীকে আঘাত করবেন;
তাঁর ওষ্ঠাধরের শ্বাসে তিনি দুষ্টদের সংহার করবেন।
5 ধার্মিকতা হবে তাঁর কোমরবন্ধনী
এবং বিশ্বস্ততা হবে তাঁর কোমরে জড়ানো পটুকা।
-
1 “এই আমার দাস, যাঁকে আমি ধরে রাখি,
আমার মনোনীত জন, যাঁর কারণে আমি আনন্দ পাই;
আমি তাঁর উপরে আমার আত্মা স্থাপন করব,
তিনি জাতিসমূহের জন্য ন্যায়বিচার নিয়ে আসবেন।
2 তিনি চিৎকার বা উচ্চশব্দ করবেন না,
কিংবা পথে পথে নিজের কণ্ঠস্বর শোনাবেন না।
3 তিনি দলিত নলখাগড়া ভেঙে ফেলবেন না,
এবং ধূমায়িত সলতে নির্বাপিত করবেন না।
বিশ্বস্ততায় তিনি ন্যায়বিচার আনয়ন করবেন;
4 তিনি মনোবল হারাবেন না বা হতাশ হবেন না,
যতক্ষণ না পৃথিবীতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করেন।
দ্বীপপুঞ্জ তাঁর বিধিবিধানে আস্থা রাখবে।”
-
26 আবার সত্যের তত্ত্বজ্ঞান লাভ করার পর আমরা যদি স্বেচ্ছায় পাপ করতে থাকি, তাহলে ওইসব পাপ ক্ষমা করার জন্য বলিদানের আর ব্যবস্থা থাকে না, 27 থাকে শুধু বিচারের জন্য ভয়াবহ প্রতীক্ষা এবং ঈশ্বরের শত্রুদের গ্রাস করার জন্য প্রচণ্ড আগুন। 28 কেউ মোশির বিধান লঙ্ঘন করলে, দুজন বা তিনজনের সাক্ষ্য প্রমাণে তাকে নির্দয়ভাবে হত্যা করা হত। 29 তাহলে যে ঈশ্বরের পুত্রকে পদদলিত করেছে, নিয়মের রক্ত দ্বারা শুচিশুদ্ধ হয়েও যে তা অপবিত্র জ্ঞান করেছে এবং যে অনুগ্রহের আত্মাকে অপমান করেছে, সে আরও কত না কঠোর শাস্তির যোগ্য বলে তোমাদের মনে হয়? 30 কারণ যিনি বলেছেন, “প্রতিশোধ নেওয়া আমারই কাজ, আমি প্রতিফল দেব,” তাঁকে আমরা জানি। আবার, “প্রভুই তাঁর প্রজাদের বিচার করবেন।” 31 জীবন্ত ঈশ্বরের হাতে পড়া ভয়ংকর বিষয়!
-
12 হে সদাপ্রভু, জাগ্রত হও, হে ঈশ্বর, তোমার হাত তোলো।
অসহায়কে ভুলে যেয়ো না।
13 দুষ্ট ব্যক্তি কেন ঈশ্বরের অপমান করে?
কেন সে মনে মনে বলে,
“তিনি আমার হিসেব চাইবেন না?”
14 কিন্তু তুমি, হে ঈশ্বর, পীড়িতদের কষ্ট সবই দেখো;
তুমি তাদের দুর্দশা দেখো ও নিজের হাতে তার প্রতিকার করো।
অসহায় মানুষ তোমারই শরণ নেয়;
তুমিই অনাথের আশ্রয়।
15 দুষ্টলোকের হাত ভেঙে দাও;
অনিষ্টকারীদের কাছে তাদের কাজের হিসেব চাও
যতক্ষণ তার লেশমাত্র অবশিষ্ট না থাকে।
16 সদাপ্রভু নিত্যকালের রাজা;
অধার্মিক জাতিরা তাঁর দেশ থেকে বিনষ্ট হবে।
17 হে সদাপ্রভু, তুমি পীড়িতদের মনোবাসনার কথা শোনো;
তুমি তাদের উৎসাহিত করো এবং তাদের কাতর প্রার্থনা শোনো।
18 তুমি অনাথ ও পীড়িতদের প্রতি ন্যায়বিচার করবে,
যেন সামান্য মানুষ
আর কোনোদিন আঘাত না করতে পারে।
-
5 দুষ্টদের প্রতি পক্ষপাতিত্ব দেখানো ঠিক নয়
ও নির্দোষদের ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত করাও ভালো নয়।
-
5 এসব কিছুই প্রমাণ করছে যে, ঈশ্বরের বিচার ন্যায়সংগত এবং এর ফলে, যে ঐশ-রাজ্যের জন্য তোমরা দুঃখভোগ করছ, তার যোগ্য বলে গণ্য হয়ে উঠবে। 6 ঈশ্বর ন্যায়পরায়ণ; যারা তোমাদের নির্যাতন করে, তিনি প্রতিদানে তাদের কষ্ট দেবেন 7 এবং তোমরা যারা নিপীড়িত, তিনি সেই তোমাদের এবং আমাদের স্বস্তি দেবেন। প্রভু যীশু যখন তাঁর পরাক্রান্ত দূতবাহিনী নিয়ে জ্বলন্ত আগুনের শিখার মাঝে স্বর্গ থেকে প্রকাশিত হবেন, এ সমস্ত তখনই ঘটবে। 8 যারা ঈশ্বরকে জানে না এবং আমাদের প্রভু যীশুর সুসমাচার পালন করে না, তাদের তিনি শাস্তি দেবেন। 9 তাদের দণ্ড হবে চিরকালীন বিনাশ এবং প্রভুর সান্নিধ্য ও তাঁর পরাক্রমের গৌরব থেকে তারা বিচ্ছিন্ন হবে। 10 এই ঘটনা সেদিন ঘটবে, যেদিন তাঁর পুণ্যজনদের মাঝে তিনি মহিমান্বিত হওয়ার জন্য এবং যারা বিশ্বাস করেছে তাদের চমৎকৃত হওয়ার জন্য তিনি আসবেন। তোমরাও তাদের মধ্যে অন্তর্ভুক্ত, কারণ তোমাদের কাছে আমরা যে সাক্ষ্য দিয়েছি, তোমরা তা বিশ্বাস করেছ।
-
1 সদাপ্রভু অসাধু দাঁড়িপাল্লা ঘৃণা করেন,
কিন্তু সঠিক বাটখারা তাঁকে সন্তুষ্ট করে।
-
জ্ঞানবানেদের অতিরিক্ত কয়েকটি নীতিবচন
23 এগুলিও জ্ঞানবানদের বলা নীতিবচন:
বিচারে পক্ষপাতিত্ব দেখানো উচিত নয়:
24 যে অপরাধীদের বলে, “তুমি নির্দোষ,”
সে লোকজনের দ্বারা অভিশপ্ত হবে ও জাতিদের দ্বারা নিন্দিত হবে।
25 কিন্তু যারা অপরাধীদের দোষী সাব্যস্ত করে তাদের মঙ্গল হবে,
ও তাদের উপরে প্রচুর আশীর্বাদ বর্ষিত হবে।
-
14 তোমরা মঙ্গলের অন্বেষণ করো, মন্দের নয়,
যেন তোমরা বাঁচতে পারো।
তখন সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু তোমাদের সঙ্গে থাকবেন,
যেমন তোমরা বলে থাকো যে তিনি থাকেন।
15 তোমরা মন্দকে ঘৃণা করো, উত্তমতাকে ভালোবাসো;
ন্যায়ালয়ে ন্যায়বিচার রক্ষা করো।
হয়তো সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু,
যোষেফের অবশিষ্টাংশের উপরে করুণা করবেন।
-
23 মানুষের জন্য নয়, প্রভুরই জন্য করছ মনে করে, যা কিছুই করো, মনপ্রাণ দিয়ে করো, 24 কারণ তোমাদের জানা আছে, প্রভুর কাছ থেকে তোমরা পুরস্কাররূপে এক অধিকার লাভ করবে। তোমরা প্রভু খ্রীষ্টেরই সেবায় রত আছ। 25 অন্যায়কারী তার অন্যায়ের প্রতিফল পাবে, কারণ ঈশ্বরের কাছে কোনও পক্ষপাতিত্ব নেই।
-
23 পরে অব্রাহাম তাঁর দিকে এগিয়ে গিয়ে বললেন: “তুমি কি দুষ্টদের সাথে ধার্মিকদেরও দ্রুত নিশ্চিহ্ন করে ফেলবে? 24 নগরে যদি পঞ্চাশ জন ধার্মিক লোক থাকে তবে কী হবে? তুমি কি সত্যিই নগরটি নিশ্চিহ্ন করে ফেলবে এবং সেখানকার পঞ্চাশ জন ধার্মিক লোকের খাতিরে সেই স্থানটিকে অব্যাহতি দেবে না? 25 এমন কাজ করা থেকে তুমি বিরত থাকো—দুষ্টদের সাথে ধার্মিকদের হত্যা করা, ধার্মিকদের ও দুষ্টদের প্রতি একইরকম আচরণ করা—এমন কাজ করা থেকে তুমি বিরত থাকো! সমগ্র পৃথিবীর বিচারক কি ন্যায়বিচার করবেন না?”
26 সদাপ্রভু বললেন, “সদোম নগরে আমি যদি পঞ্চাশ জন ধার্মিক লোক পাই, তবে তাদের খাতিরে সমগ্র স্থানটিকে আমি অব্যাহতি দেব।”
-
11 আমার কথা শুনে সবাই সাধুবাদ জানাত,
ও আমাকে দেখে সবাই আমার প্রশংসা করত,
12 যেহেতু আমি সাহায্যের আশায় আর্তনাদ করা দরিদ্রকে,
ও অসহায় পিতৃহীনকে উদ্ধার করতাম।
13 মৃত্যুপথযাত্রী মানুষ আমাকে আশীর্বাদ করত;
বিধবার অন্তরে আমি গানের সঞ্চার করতাম।
14 আমি আমার ধার্মিকতা পোশাকরূপে গায়ে দিতাম;
ন্যায়বিচার ছিল আমার আলখাল্লা ও আমার পাগড়ি।
15 অন্ধের কাছে আমি ছিলাম চোখ
ও খঞ্জের কাছে পা।
16 অভাবগ্রস্তের কাছে আমি ছিলাম একজন বাবা;
অপরিচিত লোকের মামলা আমি হাতে তুলে নিতাম।
17 দুষ্টদের বিষদাঁত আমি ভেঙে দিতাম
ও তাদের দাঁত থেকে শিকারদের ছিনিয়ে আনতাম।
-
7 কারণ সদাপ্রভু ধার্মিক,
তিনি ন্যায় ভালোবাসেন;
ন্যায়পরায়ণ লোক তাঁর মুখদর্শন করবে।
-
5 ধন্য সেই ব্যক্তি, যার সহায় যাকোবের ঈশ্বর,
ঈশ্বর সদাপ্রভুতেই তার সব প্রত্যাশা।
6 তিনি আকাশমণ্ডল ও পৃথিবী,
সাগর ও তাদের মধ্যে যা কিছু আছে, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা—
তিনি চিরকাল বিশ্বস্ত থাকেন।
7 তিনি অত্যাচারিতদের পক্ষে ন্যায়বিচার করেন,
আর ক্ষুধার্তদের খাবার জোগান দেন।
সদাপ্রভু বন্দিদের মুক্ত করেন।
8 সদাপ্রভু দৃষ্টিহীনকে দৃষ্টি দান করেন,
সদাপ্রভু অবনতদের উত্থাপন করেন,
সদাপ্রভু ধার্মিকদের প্রেম করেন।
9 সদাপ্রভু বিদেশিদের রক্ষা করেন
অনাথ ও বিধবাদের তিনি বহন করেন,
কিন্তু তিনি দুষ্টদের সংকল্প ব্যর্থ করেন।
-
26 অনেকেই শাসকের প্রিয়পাত্র হয়ে থাকতে চায়,
কিন্তু সদাপ্রভুর কাছেই মানুষ ন্যায়বিচার পায়।
27 ধার্মিকেরা অসাধুদের ঘৃণা করে;
দুষ্টেরা ন্যায়পরায়ণদের ঘৃণা করে।
-
3 সদাপ্রভু এই কথা বলেন, যা কিছু যথার্থ ও ন্যায়সংগত, তোমরা তাই করো। যাদের সবকিছু হরণ করা হয়েছে, তাদের অত্যাচারীদের হাত থেকে তাদের রক্ষা করো। বিদেশি, পিতৃহীন বা বিধবাদের প্রতি কোনো অন্যায় বা হিংস্রতার কাজ কোরো না এবং এই স্থানে কোনো নির্দোষ ব্যক্তির রক্তপাত কোরো না।
-
1 প্রত্যেকেই ক্ষমতায় অধিষ্ঠিত কর্তৃপক্ষের কাছে অবশ্যই বশ্যতাস্বীকার করুক, কারণ ঈশ্বর ব্যতিরেকে কোনও কর্তৃপক্ষের শাসন প্রতিষ্ঠিত হয় না। যে সমস্ত কর্তৃপক্ষের অস্তিত্ব আছে, সেগুলি ঈশ্বর প্রতিষ্ঠিত করেছেন। 2 কাজেই, যে কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করে, সে ঈশ্বর যা স্থাপন করেছেন, তারই বিরুদ্ধে বিদ্রোহ করে, আর যারা তা করে, তারা নিজেদের উপরে শাস্তি নিয়ে আসে। 3 কারণ যারা ন্যায়সংগত কাজ করে, তাদের কাছে নয়, কিন্তু যারা অন্যায় করে, তাদের কাছে শাসকেরা ভীতির কারণস্বরূপ। কর্তৃত্বে যিনি আছেন, তাঁর কাছে তুমি কি নির্ভয় হতে চাও? তাহলে যা ন্যায়সংগত, তাই করো, তিনি তোমার প্রশংসা করবেন। 4 কারণ তোমাদের মঙ্গল করার জন্যই তিনি ঈশ্বরের পরিচারক। কিন্তু তুমি যদি অন্যায় করো, তাহলে ভীত হও, কারণ তিনি বিনা কারণে তরোয়াল ধারণ করেন না। তিনি ঈশ্বরের পরিচারক, দুষ্কৃতীকে শাস্তিদানের জন্য তিনি ঈশ্বরের প্রতিনিধি।
-
1 মনিবেরা, তোমরা তোমাদের দাসদের সঙ্গে ন্যায়সংগত ও শোভনীয় আচরণ করো, কারণ তোমরা জানো, স্বর্গে তোমাদেরও এক প্রভু আছেন।
-
17 যেহেতু তোমরা এমন পিতার নামে আহ্বান করো, যিনি সব মানুষের কাজ নিরপেক্ষভাবে বিচার করেন, তাই তোমরা সম্ভ্রমপূর্ণ ভয়ে প্রবাসীর মতো এখানে নিজেদের জীবনযাপন করো। 18 কারণ তোমরা জানো যে, তোমাদের পিতৃপুরুষদের কাছ থেকে পাওয়া অলীক আচার-ব্যবহার থেকে, রুপো বা সোনার মতো ক্ষয়িষ্ণু বস্তুর বিনিময়ে তোমরা মুক্তি পাওনি, 19 কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক, অর্থাৎ খ্রীষ্টের বহুমূল্য রক্তের দ্বারা মুক্তি পেয়েছ। 20 জগৎ সৃষ্টির আগে থেকে ঈশ্বর তাঁকে মনোনীত করেছিলেন, কিন্তু তোমাদের কারণে এই শেষ সময়ে তিনি প্রকাশিত হয়েছেন। 21 তাঁরই মাধ্যমে তোমরা ঈশ্বরকে বিশ্বাস করেছ, যিনি তাঁকে মৃতলোক থেকে উত্থাপিত করে মহিমান্বিত করেছেন। সেই কারণে, তোমাদের বিশ্বাস ও প্রত্যাশা ঈশ্বরের উপরে রয়েছে।
-
5 তখন আমি শুনলাম, জলরাশির উপরে ভারপ্রাপ্ত স্বর্গদূত বলছেন:
“যিনি আছেন ও যিনি ছিলেন,
সেই পবিত্রজন,
এই সমস্ত বিচারে তুমিই ধর্মময়,
যেহেতু তুমি এরকম বিচার করেছ;
6 কারণ তারা তোমার পবিত্রগণের ও ভাববাদীদের রক্তপাত করেছিল,
আর তুমি তাদের রক্ত পান করতে দিয়েছ,
কারণ তারা তারই উপযুক্ত।”
7 আর আমি সেই যজ্ঞবেদির প্রত্যুত্তর শুনতে পেলাম:
“হ্যাঁ, প্রভু ঈশ্বর, সর্বশক্তিমান,
তোমার সব বিচারাদেশ যথার্থ ও ন্যায়সংগত।”
-
11 আমি দেখলাম, স্বর্গ খুলে গেল এবং সেখানে আমার সামনে ছিল একটি সাদা ঘোড়া। এর আরোহী বিশ্বস্ত ও সত্যময় নামে আখ্যাত। ন্যায়পরায়ণতার সঙ্গে তিনি বিচার ও যুদ্ধ করেন।
-
দাউদের গীত।
1 হে সদাপ্রভু, আমার প্রার্থনা শোনো,
আমার বিনতিতে কর্ণপাত করো;
তোমার বিশ্বস্ততায় ও ধার্মিকতায়
আমার সহায় হও।
2 তোমার দাসকে বিচারে নিয়ে এসো না,
কারণ জীবিত কেউ তোমার দৃষ্টিতে ধার্মিক নয়।
-
5 অনিষ্টকারীরা যা উচিত তা বোঝে না,
কিন্তু যারা সদাপ্রভুর খোঁজ করে তারা তা পুরোপুরি বুঝতে পারে।
-
14 রাজা যদি দরিদ্রদের প্রতি সুবিচার করেন,
তবে তাঁর সিংহাসন চিরকালের জন্য স্থির থাকবে।
-
14 তাই ন্যায়বিচার পিছু হটে যায়,
ধার্মিকতা দূরে দাঁড়িয়ে থাকে;
সত্য পথে পথে হোঁচট খেয়েছে,
সততা প্রবেশ করতেই পারে না।
15 সত্যের সন্ধান কোথাও পাওয়া যায় না,
আর কেউ যদি মন্দতাকে ত্যাগ করে, সে অত্যাচারের শিকার হয়ে যায়।
সেখানে ন্যায়বিচার নেই লক্ষ্য করে
সদাপ্রভু অসন্তুষ্ট হলেন।
-
5 সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, “তাই আমি তোমাদের বিচার করতে আসব। আর জাদুকর, ব্যভিচারী এবং মিথ্যাশপথকারী, যারা শ্রমিকদের বেতনে ঠকায় এবং বিধবা ও অনাথদের অত্যাচার করে, বিদেশিদের ন্যায় থেকে বঞ্চিত করে, অথচ আমাকে ভয় করে না, তাদের সকলের বিপক্ষে আমি দ্রুত সাক্ষী দেব।”
-
19 হে আমার প্রিয় বন্ধুগণ, তোমরা প্রতিশোধ নিয়ো না, কিন্তু ঈশ্বরের ক্রোধের জন্য স্থান ছেড়ে দাও, কারণ একথা লেখা আছে: “প্রতিশোধ নেওয়া আমারই কাজ, আমি প্রতিফল দেব,” একথা প্রভু বলেন। 20 বরং,
“তোমার শত্রু যদি ক্ষুধার্ত হয়, তাকে খেতে দাও;
যদি সে তৃষ্ণার্ত হয়, তাকে পান করার কিছু দাও।
এরকম করলে, তুমি তার মাথায় জ্বলন্ত কয়লার স্তূপ চাপিয়ে দেবে।”
-
8 অবশেষে বলি, ভাইবোনেরা, যা কিছু সত্য, যা কিছু মহান, যা কিছু যথার্থ, যা কিছু বিশুদ্ধ, যা কিছু আদরণীয়, যা কিছু আকর্ষণীয়—যদি কোনো কিছু উৎকৃষ্ট বা প্রশংসার যোগ্য হয়—তোমরা সেই সমস্ত বিষয়ের চিন্তা করো।
-
27 পিতা ঈশ্বরের কাছে বিশুদ্ধ ও নির্দোষরূপে গ্রহণযোগ্য ধর্ম হল এই: অনাথ ও বিধবাদের দুঃখকষ্টে তত্ত্বাবধান করা এবং সাংসারিক কলুষতা থেকে নিজেকে রক্ষা করা।
-
7 সদাপ্রভু যুগে যুগে শাসন করেন;
তিনি বিচার করার জন্য তাঁর সিংহাসন প্রতিষ্ঠা করেছেন।
8 ধার্মিকতায় তিনি জগৎ শাসন করেন
এবং মানুষের ন্যায়বিচার করেন।
-
13 অব্রাহাম, ইস্হাক ও যাকোবের ঈশ্বর, আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, তাঁর সেবক সেই যীশুকে গৌরবান্বিত করেছেন। তোমরা তাঁকে হত্যা করার জন্য সমর্পণ করেছিলে এবং পীলাতের বিচারালয়ের সামনে তাঁকে অস্বীকার করেছিলে, যদিও তিনি তাঁকে মুক্তি দিতে চেয়েছিলেন। 14 তোমরা সেই পবিত্র ও ধার্মিক জনকে অস্বীকার করে চেয়েছিলে যেন এক হত্যাকারীকে তোমাদের জন্য মুক্তি দেওয়া হয়। 15 যিনি জীবনের স্রষ্টা, তোমরা তাঁকে হত্যা করেছিলে, কিন্তু ঈশ্বর তাঁকে মৃত্যু থেকে উত্থাপিত করেছেন। আমরা এই ঘটনার সাক্ষী।
-
3 তাহলে, তোমরা যখন নিছক মানুষ হয়ে তাদের উপরে শাস্তি ঘোষণা করো অথচ নিজেরাও একই কাজ করো, তখন কি মনে হয় যে তোমরা ঈশ্বরের ন্যায়বিচার এড়াতে পারবে? 4 অথবা তোমরা কি তাঁর দয়া, সহিষ্ণুতা ও ধৈর্যের ঐশ্বর্যের প্রতি অবজ্ঞা করছ, একথা না বুঝে যে ঈশ্বরের করুণা তোমাদের অনুতাপের পথে নিয়ে যায়?
5 কিন্তু তোমাদের একগুঁয়ে ও অনুতাপহীন হৃদয়ের কারণে, তোমরা নিজেদেরই উপরে ঈশ্বরের সেই ক্রোধ প্রকাশ করার দিনের জন্য ঈশ্বরের ক্রোধ জমা করছ, যেদিন তাঁর ধর্মময় ন্যায়বিচার প্রকাশিত হবে। 6 ঈশ্বর “প্রত্যেক মানুষকে তার কাজ অনুযায়ী পুরস্কার দেবেন।” 7 যারা নিরবচ্ছিন্ন সৎকর্মের দ্বারা মহিমা, সমাদর ও অক্ষয়তা অনুসরণ করে তিনি তাদের অনন্ত জীবন দেবেন। 8 কিন্তু যারা স্বার্থচেষ্টা করে সত্যকে প্রত্যাখ্যান করে এবং মন্দের অনুসারী হয়, তাদের উপরে ক্রোধ ও রোষ নেমে আসবে।
-
2 কারণ স্বর্গদূতদের দ্বারা কথিত বাণী যদি বাধ্যতামূলক হয় এবং তা কোনও ভাবে লঙ্ঘন বা অমান্য করার ফলে যদি ন্যায্য শাস্তি প্রাপ্য হয়, 3 তাহলে, এমন এক মহা পরিত্রাণ অবহেলা করলে আমরা কীভাবে নিষ্কৃতি পাব? এই পরিত্রাণের কথা প্রভুই প্রথমে ঘোষণা করেছিলেন; তাঁর কথা যারা শুনেছিলেন, তারাই আমাদের কাছে তার সত্যতা প্রতিপন্ন করেছেন।
-
9 আমরা যদি আমাদের পাপস্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ, তাই তিনি আমাদের সব পাপ ক্ষমা করে সমস্ত অধার্মিকতা থেকে শুচিশুদ্ধ করবেন।
Shows Read in context, Share and Copy.