69 Bible Verses About Hope

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Hope
  1. 1 অতএব, বিশ্বাসের মাধ্যমে যেহেতু আমরা নির্দোষ গণ্য হয়েছি, তাই আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি স্থাপিত হয়েছে। 2 তাঁরই মাধ্যমে বিশ্বাসে আমরা এই অনুগ্রহে প্রবেশের অধিকার অর্জন করেছি ও তার মধ্যেই এখন আমরা অবস্থান করছি। আর আমরা ঈশ্বরের মহিমার প্রত্যাশায় উল্লসিত হচ্ছি। 3 শুধু তাই নয়, আমরা আমাদের দুঃখকষ্টেও আনন্দ করি, কারণ আমরা জানি, দুঃখকষ্ট সহিষ্ণুতাকে, 4 সহিষ্ণুতা অভিজ্ঞতাকে ও অভিজ্ঞতা প্রত্যাশার জন্ম দেয়। 5 সেই প্রত্যাশা আমাদের নিরাশ করে না, কারণ আমাদের প্রতি দেওয়া পবিত্র আত্মা দ্বারা ঈশ্বর তাঁর প্রেম আমাদের হৃদয়ে উজাড় করে ঢেলে দিয়েছেন।

  2. 18 আমি এরকম মনে করি যে, আমাদের মধ্যে যে মহিমার প্রকাশ ঘটবে, আমাদের বর্তমানকালের কষ্টভোগের সঙ্গে তার কোনো তুলনা হতে পারে না। 19 ঈশ্বরের পুত্রগণের প্রকাশ পাওয়ার প্রতীক্ষায় সমস্ত সৃষ্টি সাগ্রহে অপেক্ষা করে আছে। 20 কারণ সৃষ্টি অলীকতার বশীভূত হয়েছিল, তার নিজের ইচ্ছায় নয়, কিন্তু যিনি বশীভূত করেছিলেন, তাঁর ইচ্ছায়; 21 প্রত্যাশা ছিল এই যে, সৃষ্টি স্বয়ং অবক্ষয়ের বাঁধন থেকে মুক্ত হবে এবং ঈশ্বরের সন্তানদের গৌরবোজ্জ্বল স্বাধীনতায় অংশীদার হবে।

    22 আমরা জানি যে, সমস্ত সৃষ্টি বর্তমানকাল পর্যন্ত সন্তান প্রসবের যন্ত্রণার মতো আর্তনাদ করছে। 23 শুধু তাই নয়, কিন্তু আমরা নিজেরাও, যারা আত্মার প্রথম ফল পেয়েছি, আমাদের দত্তকপুত্র হয়ে স্বীকৃতি পাওয়ার গভীর প্রতীক্ষায় ও শরীরের মুক্তির জন্য অন্তরে আর্তনাদ করছি। 24 কারণ এই প্রত্যাশাতেই আমরা পরিত্রাণ লাভ করেছি। কিন্তু যে প্রত্যাশা দৃষ্টিগোচর, তা আদৌ কোনো প্রত্যাশা নয়। যার ইতিমধ্যে কিছু আছে, তার জন্য কেন সে প্রত্যাশা করবে? 25 কিন্তু যা আমাদের নেই, তার জন্য যদি আমরা প্রত্যাশা করি, তাহলে তার জন্য ধৈর্যসহ প্রতীক্ষা করি।

  3. 12 আবার যিশাইয় বলেন,

    “যিশয়ের মূল অঙ্কুরিত হবে,

    যিনি সব জাতির উপরে কর্তৃত্ব করতে

    উত্থিত হবেন, অইহুদিরা তাঁরই উপরে প্রত্যাশা রাখবে।”

    13 প্রত্যাশার ঈশ্বর তোমাদের সমস্ত আনন্দ ও শান্তিতে পূর্ণ করুন, যেমন তোমরা তাঁর উপরে বিশ্বাস করো, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমের দ্বারা প্রত্যাশায় উপচে পড়ো।

  4. 5 সদাপ্রভু এই কথা বলেন:

    “অভিশপ্ত সেই জন, যে মানুষের উপরে নির্ভর করে,

    যে তার শক্তির জন্য নিজের শরীরের উপরে আস্থা রাখে

    এবং যার হৃদয় সদাপ্রভুর কাছ থেকে বিমুখ হয়।

    6 সে হবে পতিত জমিতে কোনো ঝাউ গাছের মতো;

    সমৃদ্ধির সময় এলে সে তা দেখতে পাবে না।

    মরুভূমির শুকনো স্থানগুলিতে, এক লবণাক্ত ভূমিতে,

    সে বসবাস করবে, যেখানে কেউ থাকে না।

    7 “কিন্তু ধন্য সেই মানুষ, যে সদাপ্রভুর উপরে নির্ভর করে,

    যার আস্থা থাকে তাঁরই উপর।

    8 সে জলের তীরে রোপিত বৃক্ষের মতো হবে,

    যার শিকড় ছড়িয়ে যায় জলের দিকে।

    গ্রীষ্মের আগমনে সে ভয় পায় না,

    তার পাতাগুলি সবসময়ই সবুজ থাকে।

    খরার বছরে তার দুশ্চিন্তা হয় না

    ফল উৎপন্ন করতে সে কখনও ব্যর্থ হয় না।”

  5. 18 সব আশার প্রতিকূলে, অব্রাহাম প্রত্যাশাতেই বিশ্বাস করলেন এবং এভাবে বহু জাতির পিতা হয়ে উঠলেন, যেমন তাঁকে বলা হয়েছিল, “তোমার বংশ এরকমই হবে।” 19 তাঁর বিশ্বাসে দুর্বল না হয়েও, তিনি এই সত্যের সম্মুখীন হয়েছিলেন যে, তাঁর শরীর মৃত মানুষেরই সদৃশ ছিল—কারণ তাঁর বয়স হয়েছিল প্রায় একশো বছর—আবার সারার গর্ভও অসাড় হয়েছিল। 20 তবুও তিনি অবিশ্বাস করে ঈশ্বরের প্রতিশ্রুতি সম্পর্কে দ্বিধাগ্রস্ত হলেন না, কিন্তু তাঁর বিশ্বাসে বলীয়ান হয়ে ঈশ্বরকে গৌরবান্বিত করলেন। 21 তিনি পূর্ণরূপে বিশ্বাস করেছিলেন যে, ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছেন তা সফল করার ক্ষমতা তাঁর আছে। 22 এই কারণেই “এটি তাঁর পক্ষে ধার্মিকতা বলে গণ্য হয়েছিল।”

  6. 3 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক! মৃতলোক থেকে যীশু খ্রীষ্টের পুনরুত্থানের মাধ্যমে, তাঁর মহা করুণায় তিনি এক জীবন্ত প্রত্যাশায় আমাদের নতুন জন্ম দান করেছেন 4 এবং তিনি এক অধিকার দিয়েছেন, যা অক্ষয়, অম্লান এবং নিষ্কলঙ্ক; তা তোমাদেরই জন্য স্বর্গে সঞ্চিত আছে। 5 যে পরিত্রাণ অন্তিমকালে প্রকাশিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, যা প্রভুর আগমনের সময় পর্যন্ত বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের পরাক্রমের দ্বারা সুরক্ষিত রয়েছে।

  7. 18 কিন্তু সদাপ্রভুর দৃষ্টি তাদের প্রতি আবদ্ধ যারা তাঁকে সম্ভ্রম করে

    আর যারা তাঁর অবিচল প্রেমে আস্থা রাখে,

    19 তিনি মৃত্যু থেকে তাদের উদ্ধার করেন,

    এবং দুর্ভিক্ষের সময় তাদের প্রাণরক্ষা করেন।

    20 আমরা সদাপ্রভুর প্রতীক্ষায় আছি;

    তিনি আমাদের সহায় ও আমাদের ঢাল।

    21 আমাদের হৃদয় সদাপ্রভুতে আনন্দ করে,

    কারণ আমরা তাঁর পবিত্র নামে আস্থা রাখি।

    22 হে সদাপ্রভু, তোমার অবিচল প্রেম আমাদের উপর বিরাজ করুক,

    কারণ তোমার উপরেই আমরা আশা করি।

  8. 11 কারণ ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হয়েছে, তা সব মানুষের কাছে পরিত্রাণ নিয়ে আসে। 12 এই অনুগ্রহ অভক্তি এবং সাংসারিক অভিলাষকে উপেক্ষা করতে এবং এই বর্তমান যুগে আত্মসংযমী, সৎ ও ভক্তিপূর্ণ জীবনযাপন করতে আমাদের শিক্ষা দেয়, 13 যখন আমরা সেই পরমধন্য আশা নিয়ে, আমাদের মহান ঈশ্বর ও পরিত্রাতা যীশু খ্রীষ্টের মহিমাময় প্রকাশের প্রতীক্ষায় আছি, 14 যিনি আমাদের জন্য নিজেকে দান করেছেন, যেন সব দুষ্টতা থেকে আমাদের মুক্ত করেন এবং নিজের জন্য এক জাতিকে, যারা তাঁর একান্তই আপন, তাদের শুচিশুদ্ধ করেন, যেন তারা সৎকর্মে আগ্রহী হয়।

  9. 15 কিন্তু তোমাদের হৃদয়ের মধ্যে খ্রীষ্টকেই প্রভু বলে মান্য করো। তোমাদের অন্তরের প্রত্যাশার কারণ সম্পর্কে কেউ জানতে চাইলে, তাকে উত্তর দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থেকো। কিন্তু তা কোমলতা ও শ্রদ্ধার সঙ্গে কোরো,

  10. 2 প্রিয় বন্ধুরা, বর্তমানে আমরা ঈশ্বরের সন্তান এবং আমরা কী হব, তা এখনও প্রকাশিত হয়নি। কিন্তু আমরা জানি, যখন তিনি প্রকাশিত হবেন আমরা তাঁরই মতো হব, কারণ তিনি যেমন আছেন, আমরা তেমনই তাঁকে দেখতে পাব। 3 তাঁর প্রতি যার এই প্রত্যাশা আছে, তিনি যেমন শুদ্ধ, সে নিজেকেও তেমনই শুদ্ধ করে।

  11. 17 কারণ ঈশ্বর তাঁর অপরিবর্তনীয় ইচ্ছাকে প্রতিশ্রুতির উত্তরাধিকারীদের কাছে স্পষ্ট করে প্রকাশ করতে চেয়েছিলেন বলে, তিনি শপথের দ্বারা তা সুনিশ্চিত করলেন। 18 ঈশ্বর আমাদের প্রতিশ্রুতি ও শপথ দুই-ই দিয়েছেন। এই দুটি বিষয় অপরিবর্তনীয় কারণ ঈশ্বরের পক্ষে মিথ্যা কথা বলা অসম্ভব। তাই, আমাদের সামনের প্রত্যাশা আঁকড়ে ধরে আমরা শরণ নেওয়ার জন্য তাঁর দিকে ছুটে গিয়েছি যেন আমরা দৃঢ় আশ্বাস প্রাপ্ত হই। 19 আমাদের সেই প্রত্যাশা আছে যা প্রাণের নোঙরের মতো, সুদৃঢ় ও নিশ্চিত। তা পর্দার অন্তরালে থাকা মহাপবিত্র স্থানে প্রবেশ করে, 20 যেখানে আমাদের অগ্রগামী যীশু আমাদের পক্ষে প্রবেশ করেছেন। মল্কীষেদকের পরম্পরা অনুসারে তিনি চিরকালের জন্য মহাযাজক হয়েছেন।

  12. 16 তখন থেকেই আমার প্রার্থনায় তোমাদের স্মরণ করে তোমাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে বিরত হইনি। 17 আমি অবিরত মিনতি করি, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর, গৌরবময় পিতা, তোমাদের প্রজ্ঞা ও প্রত্যাদেশের আত্মা দান করুন, যেন তোমরা তাঁর পরিচয় অনেক বেশি জানতে পারো। 18 আমি আরও প্রার্থনা করি যে, তোমাদের অন্তর্দৃষ্টি আলোকিত হয়ে উঠুক, যেন তাঁর আহ্বানের প্রত্যাশা, পবিত্রগণের মধ্যে তাঁর গৌরবময় উত্তরাধিকারের ঐশ্বর্য 19 এবং আমাদের মতো বিশ্বাসীদের জন্য তাঁর অতুলনীয় মহান শক্তি তোমরা জানতে পারো। সেই শক্তি তাঁর প্রবল পরাক্রমের সঙ্গে কৃতকর্মের মতো সক্রিয়। 20 তিনি সেই শক্তি খ্রীষ্টে প্রয়োগ করেছেন, যখন তিনি তাঁকে মৃতলোক থেকে উত্থাপন করেছেন এবং স্বর্গীয় স্থানে তাঁর ডানদিকে তাঁকে বসিয়েছেন, 21 শুধু বর্তমান কালে নয়, কিন্তু আগামী দিনেও যে সমস্ত শাসন ও কর্তৃত্ব, ক্ষমতা ও আধিপত্য এবং পদাধিকার দেওয়া যেতে পারে, তারও ঊর্ধ্বে তিনি তাঁকে স্থাপন করেছেন।

  13. 8 কিন্তু আমরা যেহেতু দিনের সন্তান, তাই এসো, আমরা আত্মসংযমী হয়ে উঠি; বিশ্বাস এবং ভালোবাসাকে বুকপাটা করি, আর পরিত্রাণের প্রত্যাশাকে করি শিরস্ত্রাণ।

  14. 13 ভাইবোনেরা, আমরা চাই না যে, যারা নিদ্রাগত হয়েছে, তাদের সম্পর্কে তোমরা অজ্ঞ থাকো বা যাদের প্রত্যাশা নেই, তাদের মতো দুঃখে ভারাক্রান্ত হও। 14 কারণ আমরা বিশ্বাস করি, যীশু মৃত্যুবরণ করেছিলেন এবং পুনরুত্থিত হয়েছেন। তাই আমাদের বিশ্বাস যে, যীশুতে যারা নিদ্রাগত হয়েছে, ঈশ্বর তাঁর সঙ্গে তাদেরও নিয়ে আসবেন।

  15. 23 এসো, আমরা অবিচলভাবে আমাদের প্রত্যাশার স্বীকারোক্তি আঁকড়ে ধরে থাকি, কারণ যিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি বিশ্বস্ত।

  16. 5 কিন্তু যে ধার্মিকতার আমরা প্রত্যাশা করি, তার জন্য আমরা বিশ্বাসের দ্বারা পবিত্র আত্মার মাধ্যমে সাদর আগ্রহে অপেক্ষা করে আছি। 6 কারণ খ্রীষ্ট যীশুতে সুন্নত বা অত্বকছেদ, উভয়ই মূল্যহীন। কেবলমাত্র বিষয় যা গণ্য করা হয়, তা হল বিশ্বাস, যা ভালোবাসার মাধ্যমে নিজেকে প্রকাশ করে।

  17. 13 আর এখন এই তিনটি অবশিষ্ট আছে: বিশ্বাস, প্রত্যাশা ও প্রেম। কিন্তু এদের মধ্যে প্রেমই সর্বশ্রেষ্ঠ।

  18. 4 এই কারণে, অতীতে যা কিছু লেখা হয়েছিল, তা আমাদের শিক্ষার জন্যই লেখা হয়েছিল, যেন সহিষ্ণুতা ও শাস্ত্রবাণীর আশ্বাসের মাধ্যমে আমরা প্রত্যাশা লাভ করি।

  19. 28 ধার্মিকদের প্রত্যাশা হল আনন্দ,

    কিন্তু দুষ্টদের আশাগুলি নিষ্ফল হয়ে যায়।

  20. 11 কারণ তোমাদের জন্য কৃত পরিকল্পনার কথা আমি জানি,” সদাপ্রভু এই কথা বলেন। “তা হল তোমাদের সমৃদ্ধির পরিকল্পনা, তোমাদের ক্ষতি করার নয়, তোমাদের এক আশা ও ভবিষ্যৎ মঙ্গলদানের পরিকল্পনা। 12 তখন তোমরা আমার নামে ডাকবে ও আমার কাছে এসে প্রার্থনা করবে। আর আমি তোমাদের কথা শুনব।

  21. 10 প্রকৃতপক্ষে, যা ছিল মহিমাময়, তা বর্তমানের বহুগুণে শ্রেষ্ঠতর মহিমার তুলনায় কোনো মহিমাই নয়। 11 আবার যা ক্রমশ নিষ্প্রভ হয়ে যাচ্ছিল, তা যদি মহিমার সঙ্গে উপস্থিত হয়েছিল, তাহলে যা স্থায়ী, তার মহিমা আরও কত না মহত্তর হবে!

    12 সেই কারণে, আমাদের এরকম প্রত্যাশা আছে বলেই আমরা এরকম অতি সাহসী হয়েছি। 13 আমরা মোশির মতো নই; তিনি তাঁর মুখের উপরে আবরণ দিতেন যেন, যে মহিমার কিরণ ম্লান হয়ে আসছিল, ইস্রায়েল-সন্তানদের দৃষ্টি শেষ পর্যন্ত তা থেকে সরিয়ে রাখতে পারেন। 14 কিন্তু তাদের মনকে কঠিন করা হয়েছিল, কারণ পুরোনো নিয়মের পাঠে আজও পর্যন্ত সেই আবরণ থেকেই গেছে। তা অপসারিত করা হয়নি, কারণ কেবলমাত্র খ্রীষ্টেই তা অপসারিত করা যায়।

  22. 4 দেহ এক এবং আত্মা এক, তেমনই তোমাদের প্রত্যাশাও এক, যে প্রত্যাশার উদ্দেশে তোমরা আহূত হয়েছিলে।

  23. 1 এখন বিশ্বাস হল, যা আমরা আশা করি, সে বিষয়ের নিশ্চয়তা এবং যা আমরা দেখতে পাই না, তার অস্তিত্ব সম্পর্কে সুনিশ্চিত হওয়া। 2 এই কারণেই প্রাচীনকালের লোকেরা প্রশংসিত হয়েছিলেন।

  24. 11 অতএব স্মরণ করো, এক সময় তোমরা, যারা জন্মসূত্রে অইহুদি ছিলে, মানুষের হাতে করা “সুন্নতপ্রাপ্ত” ব্যক্তিরা তোমাদের “সুন্নতহীন” বলে অভিহিত করত। 12 স্মরণ করো, সেই সময় তোমরা খ্রীষ্টের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলে, ইস্রায়েলের নাগরিকত্বের সঙ্গে তোমরা ছিলে সম্পর্কহীন এবং প্রতিশ্রুতির নিয়মের কাছে ছিলে অসম্পর্কিত। তোমাদের কোনও আশা ছিল না এবং পৃথিবীতে তোমরা ছিলে ঈশ্বরবিহীন। 13 কিন্তু তোমরা যারা এক সময় বহু দূরবর্তী ছিলে, এখন খ্রীষ্ট যীশুতে তাঁর রক্তের মাধ্যমে নিকটবর্তী হয়েছ।

    14 কারণ তিনি স্বয়ং আমাদের শান্তি। তিনি উভয়কে এক করেছেন এবং প্রতিবন্ধকতাকে ধ্বংস করেছেন, বিদ্বেষের প্রাচীর ভেঙে ফেলেছেন, 15 বিধান ও তার নির্দেশমালা, নিয়ন্ত্রণবিধি, সব নিজের শরীরে বিলোপ করেই তা করেছেন। উভয়কে নিয়ে নিজের মধ্যে এক নতুন মানুষ গড়ে তোলা এবং এভাবে শান্তি প্রতিষ্ঠা করাই ছিল তাঁর উদ্দেশ্য। 16 আর এই এক দেহে, ক্রুশের মাধ্যমে তিনি উভয়কে ঈশ্বরের সঙ্গে সম্মিলিত করেছেন, যার দ্বারা তিনি দু-পক্ষের শত্রুতার অবসান ঘটিয়েছেন।

  25. 9 প্রিয় বন্ধুরা, আমরা এসব কথা বললেও আমরা বিশ্বাস করি না যে এইসব বিষয় তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা নিশ্চিত যে তোমরা এর থেকে উৎকৃষ্ট বিষয়ের সহযোগী যা পরিত্রাণের মাধ্যমে আসে। 10 কারণ ঈশ্বর অবিচার করেন না; অতীতে তোমরা তাঁর ভক্তদাসদের প্রতি যে সাহায্য করেছ এবং এখনও করে যাচ্ছ এবং তাঁর প্রতি যে ভালোবাসার নিদর্শন দেখিয়েছ, ঈশ্বর তোমাদের সেসব কাজ ভুলে যাবেন না। 11 আমরা চাই, তোমরা প্রত্যেকে তোমাদের প্রত্যাশা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সমান আগ্রহ বজায় রাখো। 12 আমরা চাই না, তোমরা শিথিল হও, বরং বিশ্বাস ও ধৈর্যের দ্বারা যারা প্রতিশ্রুতির অধিকারী, তাদেরই অনুসরণ করো।

  26. 7 হে ইস্রায়েল, সদাপ্রভুর উপর আশা রাখো,

    কারণ সদাপ্রভুর কাছে অবিচল প্রেম আছে,

    এবং তাঁর কাছে পূর্ণ মুক্তি আছে।

    8 তিনি নিজেই ইস্রায়েলকে

    সব পাপ থেকে মুক্ত করবেন।

  27. 24 তোমরা যারা সদাপ্রভুর উপর আশা রাখো,

    তোমরা বলবান হও ও সাহস করো।

  28. 3 তোমরা অধিপতিদের উপর আস্থা রেখো না,

    মানুষের উপর রেখো না, যারা রক্ষা করতে পারে না।

    4 যখন তাদের প্রাণবায়ু বেরিয়ে যায় তখন তারা ধুলোতে ফিরে আসে,

    সেই দিনই তাদের সব পরিকল্পনার অবসান ঘটে।

  29. 6 তারপর পৌল যখন বুঝতে পারলেন যে, তাদের একাংশ সদ্দূকী ও একাংশ ফরিশী, তখন মহাসভার মধ্যে চিৎকার করে বললেন, “আমার ভাইয়েরা, আমি ফরিশী, একজন ফরিশীর সন্তান। মৃতদের পুনরুত্থান সম্পর্কে আমার প্রত্যাশার জন্যই আমার বিচার করা হচ্ছে।”

  30. 19 কেবলমাত্র এই জীবনের জন্য যদি আমাদের খ্রীষ্টে প্রত্যাশা থাকে, তাহলে সব মানুষের চেয়ে আমরাই বেশি দুর্ভাগ্যপূর্ণ।

  31. 11 যেখানে কোনও জলাভূমি নেই সেখানে কি নলখাগড়া বেড়ে ওঠে?

    জল ছাড়া কি নলবন মাথা চাড়া দেয়?

    12 বাড়তে বাড়তেই ও আকাটা অবস্থাতেই,

    সেগুলি ঘাসের চেয়েও দ্রুত শুকিয়ে যায়।

    13 যারা ঈশ্বরকে ভুলে যায়, তাদেরও এই গতি হয়;

    অধার্মিকদের আশাও এভাবে বিনষ্ট হয়।

    14 তারা যার উপরে নির্ভর করে তা ভঙ্গুর;

    যার উপরে তারা ভরসা করে তা মাকড়সার এক জাল।

    15 তারা জালের উপরে হেলান দেয়, কিন্তু তা সরে যায়;

    তারা তা জড়িয়ে ধরে থাকে, কিন্তু তা ধরে রাখতে পারে না।

  32. 10 কারণ এজন্যই আমরা পরিশ্রম ও কষ্ট স্বীকার করছি। কারণ সেই জীবন্ত ঈশ্বরেরই উপরে আমরা প্রত্যাশা করেছি, যিনি সব মানুষের বিশেষত বিশ্বাসীদের পরিত্রাতা।

  33. 18 পূর্বেকার বিধান নিষ্ফল ও অপ্রয়োজনীয় হয়ে পড়ায়, তা অগ্রাহ্য করা হয়েছে 19 (কারণ বিধানের দ্বারা কিছুই পূর্ণতা লাভ করেনি), বরং এক মহত্তর প্রত্যাশা উপস্থিত হয়েছে, যার দ্বারা আমরা ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারি।

    20 আবার শপথ ছাড়া কিন্তু এরকম হয়নি! অন্যেরা কোনো শপথ ছাড়াই যাজক হয়েছেন, 21 তিনি কিন্তু শপথ সহ যাজক হয়েছিলেন, যখন ঈশ্বর তাঁকে বলেছিলেন,

    “প্রভু এই শপথ করেছেন,

    তাঁর সংকল্পের পরিবর্তন হবে না;

    ‘তুমিই চিরকালীন যাজক।’ ”

    22 এই শপথের জন্য যীশু এক উৎকৃষ্টতর নিয়মের প্রতিভূ হয়েছেন।

  34. 13 অতএব, কর্মে তৎপর হওয়ার জন্য তোমাদের মনকে প্রস্তুত করো, আত্মসংযমী হও; যীশু খ্রীষ্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের দেওয়া হবে, তার উপরে পূর্ণ প্রত্যাশা রাখো। 14 বাধ্য সন্তানদের মতো চলো, অজ্ঞতাবশত আগে যেভাবে মন্দ বাসনার বশে চলতে, তার মতো আর হোয়ো না।

  35. 7 “কিন্তু এখন, হে সদাপ্রভু, আমি কীসের আশায় থাকব?

    আমার আশা একমাত্র তোমাতেই।

  36. 14 কিন্তু আমি, সর্বদা আশা রাখব;

    আমি উত্তর উত্তর তোমার প্রশংসা করব।

  37. 17 এই বর্তমান জগতে যারা ধনবান, তাদের আদেশ দাও, তারা যেন উদ্ধত না হয়, তাদের অনিশ্চিত সম্পদের উপরে তারা যেন আশাভরসা না করে, কিন্তু ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখে, যিনি আমাদের উপভোগের জন্য সবকিছুই সম্পূর্ণরূপে জুগিয়ে দেন। 18 তাদের সৎকর্ম করতে আদেশ দাও, তারা যেন ভালো কাজে সমৃদ্ধ হয়ে উঠতে পারে, দানশীল হয় এবং নিজেদের সম্পদ অপরের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছুক হয়। 19 এভাবে তারা নিজেদের জন্য ধন সঞ্চয় করে তাদের ভবিষ্যতে দৃঢ় ভিত্তিমূল স্থাপন করবে এবং যা প্রকৃতই জীবন, সেই জীবন ধরে রাখতে পারবে।

  38. 11 সদাপ্রভু তাদের উপর সন্তুষ্ট যারা তাঁকে সম্ভ্রম করে,

    যারা তাঁর অবিচল প্রেমে আস্থা রাখে।

  39. 12 বিলম্বিত আশা হৃদয়কে অসুস্থ করে তোলে,

    কিন্তু পূর্ণ আকাঙ্ক্ষা এক জীবনবৃক্ষ।

  40. 5 কারণ, হে সার্বভৌম ঈশ্বর, তুমিই আমার আশা,

    আমার যৌবনকাল থেকে তুমি আমার আত্মবিশ্বাস।

  41. 17 তোমার হৃদয় যেন পাপীদের হিংসা না করে,

    কিন্তু সবর্দা তুমি সদাপ্রভুকে ভয় করার জন্য তৎপর থেকো।

    18 নিশ্চয় তোমার জন্য ভবিষ্যতের এক আশা আছে,

    ও তোমার আশা বিচ্ছিন্ন করা হবে না।

  42. 20 জগৎ সৃষ্টির আগে থেকে ঈশ্বর তাঁকে মনোনীত করেছিলেন, কিন্তু তোমাদের কারণে এই শেষ সময়ে তিনি প্রকাশিত হয়েছেন। 21 তাঁরই মাধ্যমে তোমরা ঈশ্বরকে বিশ্বাস করেছ, যিনি তাঁকে মৃতলোক থেকে উত্থাপিত করে মহিমান্বিত করেছেন। সেই কারণে, তোমাদের বিশ্বাস ও প্রত্যাশা ঈশ্বরের উপরে রয়েছে।

  43. 18 কিন্তু, ঈশ্বর দরিদ্রদের কখনও ভুলবেন না;

    পীড়িতদের আশা কখনও বিফল হবে না।

  44. 9 তাই আমার হৃদয় আনন্দিত এবং আমার জিভ উল্লাস করে;

    আমার দেহ নিরাপদে বিশ্রাম নেবে,

    10 কারণ তুমি কখনও আমাকে পাতালের গর্ভে পরিত্যাগ করবে না,

    তুমি তোমার বিশ্বস্তদের ক্ষয় দেখতে দেবে না।

  45. 2 আমি তোমাতে আস্থা রাখি;

    আমাকে লজ্জিত হতে দিয়ো না।

    আমার উপর আমার শত্রুদের জয়লাভ করতে দিয়ো না।

    3 যারা তোমার উপর আশা রাখে,

    তারা কখনও লজ্জিত হবে না,

    কিন্তু যারা অকারণে বিশ্বাসঘাতকতা করে

    তারা লজ্জার পাত্র হবে।

  46. 11 হে আমার প্রাণ, কেন তুমি অবসন্ন?

    কেন তুমি অন্তরে এত হতাশ?

    ঈশ্বরে তুমি আশা রাখো,

    কারণ আমি আবার তাঁর প্রশংসা করব

    যিনি আমার পরিত্রাতা ও আমার ঈশ্বর।

  47. 5 হে আমার প্রাণ, ঈশ্বরে বিশ্রাম খুঁজে নাও;

    কারণ তাঁতেই আমি আশা রেখেছি।

  48. 5 আমি সদাপ্রভুর প্রতীক্ষায় থাকি, আমার সমস্ত অন্তর প্রতীক্ষা করে,

    এবং তাঁর বাক্যে আমি আশা রাখি।

  49. 4 জীবিত লোকদের আশা আছে—এমনকি, মরা সিংহের চেয়ে জীবিত কুকুরও ভালো!

    5 কারণ জীবিত লোকেরা জানে যে তাদের মরতে হবে,

    কিন্তু মৃতেরা কিছুই জানে না;

    তাদের আর কোনো পুরস্কার নেই,

    আর তাদের কথাও লোকে ভুলে গেছে।

    6 তাদের ভালোবাসা, তাদের ঘৃণা

    এবং তাদের হিংসা অনেক আগেই অদৃশ্য হয়ে গেছে;

    সূর্যের নিচে যা কিছু ঘটবে তাতে

    তাদের আর কখনও কোনো অংশ থাকবে না।

  50. 16 সদাপ্রভু সিয়োন থেকে গর্জন করবেন

    এবং জেরুশালেম থেকে করবেন বজ্রধ্বনি;

    পৃথিবী ও আকাশ কম্পিত হবে।

    কিন্তু সদাপ্রভু তাঁর প্রজাদের জন্য আশ্রয়স্থান হবেন,

    ইস্রায়েলের জন্য হবেন এক দৃঢ় দুর্গ।

  51. 26 তাই আমার হৃদয় আনন্দিত এবং আমার জিভ উল্লাস করে;

    আমার দেহ প্রত্যাশায় বিশ্রাম নেবে,

    27 কারণ তুমি কখনও আমাকে পাতালের গর্ভে পরিত্যাগ করবে না,

    তুমি তোমার পবিত্রজনকে ক্ষয় দেখতে দেবে না।

  52. 13 আর তোমরা যখন সত্যের বাণী, তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনেছ, তখনই তোমরা খ্রীষ্টে অন্তর্ভুক্ত হয়েছ। বিশ্বাস করে তোমরা তাঁর মাধ্যমে প্রতিশ্রুত পবিত্র আত্মার মুদ্রাঙ্কণে চিহ্নিত হয়েছ, 14 যিনি আমাদের উত্তরাধিকার সুনিশ্চিত করার জন্য অগ্রিম বায়নাস্বরূপ, যতক্ষণ না তিনি নিজের মহিমার প্রশস্তির জন্য তাঁর আপনজনদের মুক্ত করেন।

  53. 18 তুমি নিশ্চিন্ত হবে, যেহেতু আশা আছে;

    তুমি সুরক্ষিত থাকবে ও নিরাপদে বিশ্রাম ভোগ করবে।

    19 তুমি শুয়ে পড়বে, ও কেউ তোমাকে ভয় দেখাবে না,

    ও অনেকেই তোমার সাহায্যপ্রার্থী হবে।

  54. 8 যেহেতু অনীশ্বররা যখন বিচ্ছিন্ন হয়,

    যখন ঈশ্বর তাদের প্রাণ কেড়ে নেন,

    তখন তাদের কাছে কী প্রত্যাশা থাকে?

  55. 24 “আমি যদি সোনার উপরে আস্থা স্থাপন করেছি

    বা খাঁটি সোনাকে বলেছি, ‘তুমিই আমার জামানত,’

    25 আমি যদি আমার সম্পদের প্রাচুর্যের বিষয়ে,

    আমার হাত যে প্রচুর ধন অর্জন করেছে, সেই ধনের বিষয়ে আনন্দ করেছি,

    26 আমি যদি প্রভাকর সূর্যকে

    বা উজ্জ্বল দীপ্তি ছড়িয়ে যাওয়া চাঁদকে দেখেছি,

    27 যেন আমার অন্তর গোপনে আকৃষ্ট হয়

    ও আমার হাত তাদের উদ্দেশে সম্মানের চুম্বন উৎসর্গ করে,

    28 তবে এসবও দণ্ডনীয় পাপ হবে,

    যেহেতু আমি ঊর্ধ্ববাসী ঈশ্বরের কাছে অবিশ্বস্ত হয়েছি।

  56. 19 দেখো আমার শত্রুরা কত অসংখ্য

    এবং কী উগ্রভাবে তারা আমায় ঘৃণা করে।

    20 আমার জীবন সুরক্ষিত করো ও উদ্ধার করো;

    আমাকে লজ্জায় পড়তে দিয়ো না,

    কারণ আমি তোমাতে আশ্রয় নিয়েছি।

    21 সততা ও ন্যায়পরায়ণতা আমায় রক্ষা করুক,

    কারণ, হে সদাপ্রভু, আমি তোমাতেই আশা রাখি।

  57. 16 সেই কারণে, আমরা নিরুৎসাহ হই না। যদিও বাহ্যিকভাবে আমরা ক্ষয়প্রাপ্ত হচ্ছি, তবুও অভ্যন্তরীণভাবে দিন-প্রতিদিন আমরা নতুন হচ্ছি। 17 কারণ আমাদের তুচ্ছ ও ক্ষণস্থায়ী কষ্টসমস্যাগুলি আমাদের জন্য যে চিরন্তন মহিমা অর্জন করছে, তা সেইসব কষ্টসমস্যাকে বিপুলরূপে অতিক্রম করে। 18 তাই কোনো দৃশ্যমান বস্তুর দিকে নয়, কিন্তু যা অদৃশ্য তার প্রতি আমরা দৃষ্টি নিবদ্ধ করি। কারণ যা কিছু দৃশ্যমান, তা ক্ষণস্থায়ী, কিন্তু যা কিছু অদৃশ্য তাই চিরন্তন।

  58. 18 কিন্তু তাতেই বা কী? গুরুত্বপূর্ণ বিষয় হল, ছলনা বা সত্য, যেভাবেই হোক, খ্রীষ্টকে প্রচার করা হচ্ছে। আর সেই কারণেই আমি আনন্দিত।

    হ্যাঁ, আমার এই আনন্দ অব্যাহত থাকবে, 19 কারণ আমি জানি, আমার জীবনে যা ঘটেছে, তোমাদের প্রার্থনার মাধ্যমে এবং যীশু খ্রীষ্টের আত্মা দ্বারা যে সহায়তা দেওয়া হয়েছে, সেসব আমার মুক্তির কারণ হবে। 20 আমার আকুল আকাঙ্ক্ষা ও প্রত্যাশা এই যে, আমি কোনোভাবেই লজ্জিত হব না, বরং পর্যাপ্ত সাহসের সঙ্গে চলব, যেন সবসময় যেমন করে এসেছি আজও তেমনি—জীবনে হোক বা মৃত্যুতে হোক—আমার এই শরীরে খ্রীষ্ট মহিমান্বিত হবেন।

  59. 15 অভাবগ্রস্তকে তিনি শব্দবাণ থেকে রক্ষা করেন;

    তিনি তাদের শক্তিশালীদের খপ্পর থেকে রক্ষা করেন।

    16 তাই দরিদ্র আশায় বুক বাঁধে,

    আর অবিচার নিজের মুখে কুলুপ আঁটে।

  60. 13 যদি কবরকেই আমি আমার একমাত্র ঘর বলে ধরে নিই,

    যদি অন্ধকারের রাজত্বেই আমি আমার বিছানা পাতি,

    14 যদি দুর্নীতিকে আমি বলি, ‘তুমি আমার বাবা,’

    ও পোকামাকড়কে বলি, ‘তুমি আমার মা’ বা ‘আমার বোন,’

    15 তবে কোথায় আমার আশা—

    আমার আশা কে দেখতে পাবে?

  61. 5 হে আমার প্রাণ, কেন তুমি অবসন্ন?

    কেন তুমি অন্তরে এত হতাশ?

    ঈশ্বরে তুমি আশা রাখো,

    কারণ আমি আবার তাঁর প্রশংসা করব

    যিনি আমার পরিত্রাতা ও আমার ঈশ্বর।

  62. 11 কারণ সদাপ্রভু ঈশ্বর ঢাল ও সূর্যের মতো;

    তিনি দয়া ও সম্মান দান করেন;

    যাদের চলার পথ সিদ্ধ

    তাদের তিনি কোনো প্রকার মঙ্গল থেকে বঞ্চিত করেন না।

  63. 4 তিনি মনোবল হারাবেন না বা হতাশ হবেন না,

    যতক্ষণ না পৃথিবীতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করেন।

    দ্বীপপুঞ্জ তাঁর বিধিবিধানে আস্থা রাখবে।”

  64. 13 ইস্রায়েলের আশা, হে সদাপ্রভু,

    যারা তোমাকে ত্যাগ করে, তারা লজ্জিত হবে।

    যারা তোমার কাছ থেকে বিমুখ হয়, তাদের নাম ধুলোয় লেখা হবে,

    কারণ তারা জীবন্ত জলের উৎস,

    সদাপ্রভুকে ত্যাগ করেছে।

  65. 18 তাই আমি বলি, “আমার জৌলুস শেষ হয়ে গেছে,

    এবং সদাপ্রভুর কাছ থেকে আমার সব প্রত্যাশার অবসান হয়েছে।”

  66. 21 তবুও আমি আবার একথা স্মরণ করি,

    আর তাই আমার আশা জেগে আছে:

    22 সদাপ্রভুর মহৎ প্রেমের জন্য আমরা নষ্ট হইনি,

    কেননা তাঁর সহানুভূতি কখনও শেষ হয় না।

    23 প্রতি প্রভাতে তা নতুন করে দেখা দেয়;

    তোমার বিশ্বস্ততা মহৎ।

  67. 7 কিন্তু আমি সদাপ্রভুর উপর আশা রাখব,

    আমি উদ্ধারকারী ঈশ্বরের জন্য অপেক্ষা করব;

    আমার সদাপ্রভু আমার কথা শুনবেন।

  68. 21 আর সর্বজাতি তাঁরই নামে তাদের প্রত্যাশা রাখবে।”

  69. 1 তারপর আমি এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবী দেখলাম, কারণ প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হয়েছিল এবং কোনো সমুদ্র আর ছিল না। 2 আর আমি দেখলাম, পবিত্র নগরী, সেই নতুন জেরুশালেম, স্বর্গ থেকে, ঈশ্বরের কাছ থেকে নেমে আসছে। সে তার বরের জন্য সুন্দর কনের বেশে সজ্জিত হয়েছিল। 3 আর আমি সেই সিংহাসন থেকে এক উচ্চ রব শুনতে পেলাম, তা বলছিল, “দেখো, এখন মানুষের মাঝে ঈশ্বরের আবাস, তিনি তাদের সঙ্গে বসবাস করবেন। তারা তাঁর প্রজা হবে এবং ঈশ্বর স্বয়ং তাদের সঙ্গে থাকবেন ও তাদের ঈশ্বর হবেন। 4 তিনি তাদের সমস্ত চোখের জল মুছে দেবেন। আর কোনো শোক বা মৃত্যু বা কান্না বা ব্যথাবেদনা হবে না, কারণ পুরোনো সমস্ত বিষয় গত হয়েছে।”

    5 যিনি সিংহাসনে উপবিষ্ট ছিলেন, তিনি বললেন, “আমি সবকিছুই নতুন করছি!” তারপর তিনি বললেন, “লিখে নাও, কারণ এসব বাক্য বিশ্বাসযোগ্য ও সত্যি।”