40 Bible Verses About Disappointment

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Disappointment
  1. 1 অতএব, বিশ্বাসের মাধ্যমে যেহেতু আমরা নির্দোষ গণ্য হয়েছি, তাই আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি স্থাপিত হয়েছে। 2 তাঁরই মাধ্যমে বিশ্বাসে আমরা এই অনুগ্রহে প্রবেশের অধিকার অর্জন করেছি ও তার মধ্যেই এখন আমরা অবস্থান করছি। আর আমরা ঈশ্বরের মহিমার প্রত্যাশায় উল্লসিত হচ্ছি। 3 শুধু তাই নয়, আমরা আমাদের দুঃখকষ্টেও আনন্দ করি, কারণ আমরা জানি, দুঃখকষ্ট সহিষ্ণুতাকে, 4 সহিষ্ণুতা অভিজ্ঞতাকে ও অভিজ্ঞতা প্রত্যাশার জন্ম দেয়। 5 সেই প্রত্যাশা আমাদের নিরাশ করে না, কারণ আমাদের প্রতি দেওয়া পবিত্র আত্মা দ্বারা ঈশ্বর তাঁর প্রেম আমাদের হৃদয়ে উজাড় করে ঢেলে দিয়েছেন।

  2. 6 কোনো বিষয়েই উৎকণ্ঠিত হোয়ো না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। 7 এতে সব বোধবুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি, খ্রীষ্ট যীশুতে তোমাদের অন্তর ও মন রক্ষা করবে।

  3. 28 আর আমরা জানি যে, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তাঁর ইচ্ছা অনুসারে আহূত, তিনি সব বিষয়ে তাদের মঙ্গলসাধনের জন্য কাজ করেন।

  4. 28 তুমি কি জানো না?

    তুমি কি কখনও শোনোনি?

    সদাপ্রভুই সনাতন ঈশ্বর,

    তিনি পৃথিবীর প্রান্তসীমার সৃষ্টিকর্তা।

    তিনি শ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না,

    তাঁর বুদ্ধির গভীরতা কেউ পরিমাপ করতে পারে না।

    29 তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন,

    দুর্বলের শক্তিবৃদ্ধি করেন।

    30 এমনকি, যুবকেরাও শ্রান্ত ও ক্লান্ত হয়,

    তরুণেরা হোঁচট খেয়ে পতিত হয়;

    31 কিন্তু যারা সদাপ্রভুতে প্রত্যাশা রাখে,

    তারা তাদের শক্তি নবায়িত করবে।

    তারা ঈগল পাখির মতোই ডানা মেলবে,

    তারা দৌড়াবে, কিন্তু ক্লান্ত হবে না,

    তারা চলাফেরা করবে, কিন্তু মূর্ছিত হবে না।

  5. 6 সেই কারণে, ঈশ্বরের পরাক্রমী হাতের নিচে, নিজেদের নতনম্র করো, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদের উন্নত করেন। 7 তোমাদের সমস্ত দুশ্চিন্তার ভার তাঁরই উপরে দিয়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন।

    8 তোমরা আত্মসংযমী হও ও সতর্ক থাকো। তোমাদের শত্রু, সেই দিয়াবল, গর্জনকারী সিংহের মতো কাকে গ্রাস করবে, তাকে চারদিকে খুঁজে বেড়াচ্ছে। 9 বিশ্বাসে অটল থেকে তোমরা তার প্রতিরোধ করো, কারণ তোমরা জানো যে, সমগ্র জগতে বিশ্বাসী মণ্ডলীও একই রকমের কষ্ট-লাঞ্ছনা ভোগ করছে।

    10 আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর, যিনি খ্রীষ্টে তাঁর অনন্ত মহিমা প্রদানের জন্য তোমাদের আহ্বান করেছেন, সাময়িক কষ্টভোগ করার পর তিনি স্বয়ং তোমাদের পুনঃপ্রতিষ্ঠিত করবেন এবং তোমাদের শক্তিশালী, সুদৃঢ় ও অবিচল করবেন। 11 যুগে যুগে চিরকাল তাঁর পরাক্রম হোক। আমেন।

  6. 11 কারণ তোমাদের জন্য কৃত পরিকল্পনার কথা আমি জানি,” সদাপ্রভু এই কথা বলেন। “তা হল তোমাদের সমৃদ্ধির পরিকল্পনা, তোমাদের ক্ষতি করার নয়, তোমাদের এক আশা ও ভবিষ্যৎ মঙ্গলদানের পরিকল্পনা। 12 তখন তোমরা আমার নামে ডাকবে ও আমার কাছে এসে প্রার্থনা করবে। আর আমি তোমাদের কথা শুনব। 13 তোমরা যখন সম্পূর্ণ মনেপ্রাণে আমার অন্বেষণ করবে, তখন আমাকে খুঁজে পাবে। 14 তোমরা আমার সন্ধান পাবে,” সদাপ্রভু এই কথা বলেন, “আমি তোমাদের বন্দিত্ব থেকে ফিরিয়ে আনব। আমি তোমাদের যেখানে যেখানে নির্বাসিত করেছিলাম, সেই সমস্ত জাতি ও স্থান থেকে তোমাদের সংগ্রহ করব এবং যে দেশ থেকে তোমাদের নির্বাসনে পাঠিয়েছিলাম, সেই দেশে ফিরিয়ে আনব,” সদাপ্রভু এই কথা বলেন।

  7. 21 কিন্তু আমরা আশা করেছিলাম যে, তিনিই সেই ব্যক্তি, যিনি ইস্রায়েলকে মুক্ত করতে চলেছেন। আর তিন দিন হল এই সমস্ত ঘটনা ঘটেছে।

  8. 15 সদাপ্রভুর দৃষ্টি ধার্মিকদের প্রতি রয়েছে,

    এবং তাদের আর্তনাদে তিনি কর্ণপাত করেন;

    16 কিন্তু সদাপ্রভুর মুখ তাদের বিরুদ্ধে যারা দুষ্কর্ম করে,

    তিনি তাদের স্মৃতি পৃথিবী থেকে মুছে ফেলবেন।

    17 ধার্মিকরা কেঁদে ওঠে, আর সদাপ্রভু শোনেন;

    তিনি তাদের সব সংকট থেকে মুক্ত করেন।

    18 সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী,

    এবং যারা অন্তরে চূর্ণবিচূর্ণ, তাদের তিনি উদ্ধার করেন।

    19 ধার্মিক ব্যক্তি অনেক দুর্ভোগের সম্মুখীন হয়,

    কিন্তু সদাপ্রভু তাকে সেইসব থেকে মুক্ত করেন;

  9. 5 তুমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর উপর আস্থা রাখো

    ও নিজের বিচক্ষণতার উপর নির্ভর কোরো না;

    6 তোমার সমস্ত পথে তাঁর বশ্যতাস্বীকার করো,

    ও তিনি তোমার পথগুলি সোজা করে দেবেন।

    7 নিজের দৃষ্টিতে জ্ঞানবান হোয়ো না;

    সদাপ্রভুকে ভয় করো ও কুকর্ম এড়িয়ে চলো।

    8 এটি তোমার দেহে স্বাস্থ্য ফিরাবে

    ও তোমার অস্থির পুষ্টিসাধন করবে।

  10. 14 অতএব, আমরা এমন এক মহান মহাযাজককে পেয়েছি, যিনি আকাশমণ্ডল অতিক্রম করে উন্নীত হয়েছেন, তিনি ঈশ্বরের পুত্র যীশু; তাই এসো, আমরা যে বিশ্বাস স্বীকার করি, তা দৃঢ়রূপে আঁকড়ে ধরে থাকি। 15 কারণ আমাদের মহাযাজক এমন নন, যিনি আমাদের দুর্বলতায় সহানুভূতি দেখাতে অক্ষম; বরং আমরা এমন একজনকে পেয়েছি, যিনি আমাদেরই মতো সব বিষয়ে প্রলোভিত হয়েছিলেন, অথচ নিষ্পাপ থেকেছেন। 16 তাই এসো, আস্থার সঙ্গে আমরা তাঁর অনুগ্রহ-সিংহাসনের সামনে উপস্থিত হই, যেন আমরা করুণা লাভ করতে পারি ও আমাদের প্রয়োজনের সময়ে অনুগ্রহ পাই।

  11. 23 মানুষের জন্য নয়, প্রভুরই জন্য করছ মনে করে, যা কিছুই করো, মনপ্রাণ দিয়ে করো, 24 কারণ তোমাদের জানা আছে, প্রভুর কাছ থেকে তোমরা পুরস্কাররূপে এক অধিকার লাভ করবে। তোমরা প্রভু খ্রীষ্টেরই সেবায় রত আছ। 25 অন্যায়কারী তার অন্যায়ের প্রতিফল পাবে, কারণ ঈশ্বরের কাছে কোনও পক্ষপাতিত্ব নেই।

  12. 19 টেমার বণিক দল জলের খোঁজ করে,

    শিবার ভ্রমণকারী বণিকেরা আশা নিয়ে তাকায়।

    20 তারা আকুল হয়, কারণ তারা আত্মবিশ্বাসী হয়েছিল;

    তারা সেখানে পৌঁছায়, শুধু নিরাশ হওয়ার জন্য।

  13. 12 বিলম্বিত আশা হৃদয়কে অসুস্থ করে তোলে,

    কিন্তু পূর্ণ আকাঙ্ক্ষা এক জীবনবৃক্ষ।

  14. 17 তোমার হৃদয় যেন পাপীদের হিংসা না করে,

    কিন্তু সবর্দা তুমি সদাপ্রভুকে ভয় করার জন্য তৎপর থেকো।

    18 নিশ্চয় তোমার জন্য ভবিষ্যতের এক আশা আছে,

    ও তোমার আশা বিচ্ছিন্ন করা হবে না।

  15. 25 যীশু তাঁদের বললেন, “তোমরা কত অবোধ! আর ভাববাদীরা যেসব কথা বলে গেছেন, সেগুলি বিশ্বাস করতে তোমাদের মন কেমন শিথিল! 26 এই প্রকার দুঃখ বরণ করার পরই কি খ্রীষ্ট স্বমহিমায় প্রবেশ করতেন না?” 27 এরপর মোশি ও সমস্ত ভাববাদী গ্রন্থ থেকে শুরু করে সমগ্র শাস্ত্রে তাঁর সম্পর্কে যা লেখা আছে, সে সমস্তই তিনি তাঁদের কাছে ব্যাখ্যা করলেন।

  16. 16 সেই কারণে, আমরা নিরুৎসাহ হই না। যদিও বাহ্যিকভাবে আমরা ক্ষয়প্রাপ্ত হচ্ছি, তবুও অভ্যন্তরীণভাবে দিন-প্রতিদিন আমরা নতুন হচ্ছি। 17 কারণ আমাদের তুচ্ছ ও ক্ষণস্থায়ী কষ্টসমস্যাগুলি আমাদের জন্য যে চিরন্তন মহিমা অর্জন করছে, তা সেইসব কষ্টসমস্যাকে বিপুলরূপে অতিক্রম করে। 18 তাই কোনো দৃশ্যমান বস্তুর দিকে নয়, কিন্তু যা অদৃশ্য তার প্রতি আমরা দৃষ্টি নিবদ্ধ করি। কারণ যা কিছু দৃশ্যমান, তা ক্ষণস্থায়ী, কিন্তু যা কিছু অদৃশ্য তাই চিরন্তন।

  17. 22 পরে মোশি লোহিত সাগর থেকে ইস্রায়েলীদের চালিত করলেন এবং তারা শূর মরুভূমিতে চলে গেল। তিন দিন ধরে তারা মরুভূমিতে জল না পেয়ে ভ্রমণ করল।

  18. 19 তাই তারা দুজন চলতে লাগল, যতক্ষণ পর্যন্ত না তারা বেথলেহেমে পৌঁছাল। তারা যখন বেথলেহেমে পৌঁছাল, তখন তাদের কারণে সমগ্র নগর আলোড়িত হল, এবং মহিলারা বলল, “এ মহিলাটি কি নয়মী?”

    20 নয়মী তাদের বলল, “আমাকে নয়মী বোলো না। আমাকে মারা বলে ডাকো। কারণ সর্বশক্তিমান ঈশ্বর আমার জীবনে অনেক সমস্যা নিয়ে এসেছেন। 21 আমি পরিপূর্ণা হয়ে মোয়াবে গিয়েছিলাম, কিন্তু সদাপ্রভু আমাকে শূন্য করে ফিরিয়ে নিয়ে এসেছেন। কেন আমাকে নয়মী বলছ? সদাপ্রভু আমার বিরুদ্ধে কথা বলেছেন। সর্বশক্তিমান আমাকে দুঃখভোগ করতে অনুমতি দিয়েছেন।”

    22 তাই নয়মী তার বউমা মোয়াবীয় রূতের সঙ্গে মোয়াব দেশ থেকে বেথলেহেমে ফিরে এল। যব কাটা শুরু হওয়ার সময় তারা বেথলেহেমে এসে পৌঁছাল।

  19. 5 তোমার কাছেই তাঁরা কেঁদেছিলেন ও পরিত্রাণ পেয়েছিলেন;

    তোমার উপরেই তাঁরা নির্ভর করেছিলেন আর তাঁরা লজ্জিত হননি।

  20. 9 আমার শৈল ঈশ্বরকে আমি বলি,

    “কেন তুমি আমায় ভুলে গিয়েছ?

    কেন আমি আমার শত্রুর অত্যাচারে

    বিষণ্ণ মনে এদিক-ওদিক ঘুরে বেড়াব?”

    10 যখন আমার বিপক্ষ আমাকে ব্যঙ্গ করে

    আমার হাড়গোড় সব চূর্ণ হয়

    তারা সারাদিন আমাকে অবজ্ঞা করে বলে,

    “তোমার ঈশ্বর কোথায়?”

    11 হে আমার প্রাণ, কেন তুমি অবসন্ন?

    কেন তুমি অন্তরে এত হতাশ?

    ঈশ্বরে তুমি আশা রাখো,

    কারণ আমি আবার তাঁর প্রশংসা করব

    যিনি আমার পরিত্রাতা ও আমার ঈশ্বর।

  21. 116 হে ঈশ্বর, তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে সামলে রাখো এবং তাতে আমি বাঁচব;

    আমার প্রত্যাশা বিফল হতে দিয়ো না।

  22. 22 পরামর্শের অভাবে সব পরিকল্পনা ব্যর্থ হয়,

    কিন্তু মন্ত্রণাদাতাদের সংখ্যা বেশি হলে সেগুলি সফল হয়।

  23. 8 আমার কাছ থেকে এটা সরিয়ে নেওয়ার জন্য তিনবার আমি প্রভুর কাছে মিনতি করেছিলাম। 9 কিন্তু তিনি আমাকে বলেছেন, “আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কারণ আমার শক্তি দুর্বলতায় সিদ্ধিলাভ করে।” অতএব, আমার দুর্বলতা সম্পর্কে আমি সানন্দে আরও বেশি গর্ব করব, যেন খ্রীষ্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। 10 এই কারণে, খ্রীষ্টের জন্য আমি বিভিন্ন দুর্বলতায়, অপমানে, অনটনে, ক্লেশভোগ ও কষ্ট-সংকটে আনন্দ করি, কারণ যখন আমি দুর্বল, তখনই আমি শক্তিমান।

  24. 12 অভাব কী, তা আমি জানি এবং প্রাচুর্য কী, তাও আমি জানি। যে কোনো এবং প্রত্যেকটি পরিস্থিতিতে আমি সন্তুষ্ট থাকার গোপন রহস্য শিখেছি—ভালোভাবে উদরপূর্তি করার বা ক্ষুধার্ত থাকার, প্রাচুর্যের মধ্যে থাকার, কিংবা অনটনে থাকার। 13 যিনি আমাকে শক্তি দান করেন, তাঁর মাধ্যমে আমি সবকিছুই করতে পারি।

  25. 6 পৃথিবীতে মানবজাতিকে তৈরি করেছেন বলে সদাপ্রভু মর্মাহত হলেন, এবং তাঁর অন্তর গভীর মর্মবেদনায় ভরে উঠল।

  26. 43 এভাবে সদাপ্রভু ইস্রায়েলের পূর্বপুরুষদের কাছে যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তাদের দিলেন ও তারা ওই দেশের দখল নিয়ে সেখানে বসতি স্থাপন করল। 44 সদাপ্রভু চারদিক থেকে তাদের বিশ্রাম দিলেন, যেমন তিনি তাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলেন। তাদের কোনও শত্রু তাদের সামনে দাঁড়াতে পারল না। সদাপ্রভু তাদের সব শত্রুকে তাদের হাতে সমর্পণ করলেন। 45 ইস্রায়েল কুলকে সদাপ্রভুর দেওয়া সমস্ত সুন্দর প্রতিশ্রুতির মধ্যে একটিও ব্যর্থ হয়নি; সব প্রতিশ্রুতিই পূর্ণ হল।

  27. 11 “আমি শৌলকে রাজা করেছি বলে আমার আক্ষেপ হচ্ছে, কারণ সে আমার কাছ থেকে সরে গিয়েছে এবং আমার নির্দেশ পালন করেনি।” শমূয়েল ক্রুদ্ধ হলেন, এবং সারারাত সেদিন তিনি সদাপ্রভুর কাছে কান্নাকাটি করলেন।

  28. 26 অথচ আমি যখন মঙ্গলের প্রত্যাশা করেছি, তখন অমঙ্গল এসেছে;

    আমি যখন আলোর খোঁজ করেছি, তখন অন্ধকার ঘনিয়ে এসেছে।

  29. প্রধান সংগীত পরিচালকের জন্য। সদাপ্রভুর দাস দাউদের। সদাপ্রভু যেদিন তাঁর দাস দাউদকে সমস্ত শত্রু এবং শৌলের হাত থেকে উদ্ধার করেছিলেন সেদিন দাউদ সদাপ্রভুর উদ্দেশে এই গীত গেয়েছিলেন। দাউদ বলেছিলেন:

    1 হে সদাপ্রভু, আমি তোমায় ভালোবাসি, তুমি আমার শক্তি।

    2 সদাপ্রভু আমার শৈল, আমার উচ্চদুর্গ, আমার উদ্ধারকর্তা;

    আমার ঈশ্বর আমার শৈল, আমি তাঁর শরণাগত,

    আমার ঢাল, আমার পরিত্রাণের শিং, আমার আশ্রয় দুর্গ।

    3 আমি সদাপ্রভুকে ডাকলাম, যিনি প্রশংসার যোগ্য,

    এবং আমি শত্রুদের হাত থেকে উদ্ধার পেয়েছি।

  30. 13 আমি এই বিষয়ে আত্মবিশ্বাসী,

    আমি জীবিতদের দেশে

    সদাপ্রভুর মঙ্গল কাজ দেখব।

    14 সদাপ্রভুর অপেক্ষায় থাকো;

    শক্ত হও ও সাহস করো

    এবং সদাপ্রভুর অপেক্ষায় থাকো।

  31. 4 যারা আমার প্রাণনাশের চেষ্টা করে

    তারা অপমানিত হোক ও লজ্জায় নত হোক;

    যারা আমার ধ্বংসের চক্রান্ত করে

    তারা হতাশায় ফিরে যাক।

  32. 22 সদাপ্রভুতে নিজের ভার অর্পণ করো

    আর তিনি তোমাকে বাঁচিয়ে রাখবেন;

    তিনি কখনও ধার্মিকদের

    বিচলিত হতে দেবেন না।

  33. 15 আমরা শান্তির আশা করলাম

    কিন্তু কোনো মঙ্গল হল না,

    আমরা রোগনিরাময়ের অপেক্ষা করেছিলাম,

    কিন্তু কেবলমাত্র আতঙ্কের সম্মুখীন হলাম।

  34. 18 কেন আমার বেদনা অন্তহীন

    এবং আমার ক্ষতসকল এত মারাত্মক ও নিরাময়ের অযোগ্য?

    তুমি আমার কাছে এক ছলনাময়ী ঝর্ণা,

    নির্জলা জলের উৎসের মতো।

  35. 5 অস্কিলোন তা দেখে ভয় পাবে;

    গাজা নিদারুণ যন্ত্রণায় কষ্ট পাবে,

    এবং ইক্রোণের দশাও তাই হবে, কারণ তার আশা পূর্ণ হবে না।

    গাজা তার রাজাকে হারাবে

    আর অস্কিলোনে কেউ বাস করবে না।

  36. 29 দুটি চড়ুইপাখি কি এক পয়সায় বিক্রি হয় না? তবুও, তোমাদের পিতার ইচ্ছা ব্যতিরেকে তাদের একটিও মাটিতে পড়ে না। 30 এমনকি, তোমাদের মাথার চুলগুলিরও সংখ্যা গোনা আছে। 31 তাই ভয় পেয়ো না কারণ চড়ুইপাখি থেকেও তোমরা অনেক বেশি মূল্যবান।

  37. 16 “কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে, তিনি তাঁর একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাঁকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। 17 কারণ জগতের বিচার করতে ঈশ্বর তাঁর পুত্রকে জগতে পাঠাননি, কিন্তু তাঁর মাধ্যমে জগৎকে উদ্ধার করতেই পাঠিয়েছিলেন।

  38. 33 “আমি তোমাদের এসব কথা জানালাম, যেন আমার মধ্যে তোমরা শান্তি লাভ করো। এই জগতে তোমরা সংকটের সম্মুখীন হবে, কিন্তু সাহস করো! আমি এই জগৎকে জয় করেছি।”

  39. 8 যে তার শারীরিক লালসা নিবৃত্তির উদ্দেশে বীজ বোনে, সেই শরীর থেকেই সে বিনাশরূপ শস্য সংগ্রহ করবে। যে পবিত্র আত্মাকে প্রীত করার জন্য বীজ বোনে, তা থেকেই অনন্ত জীবনের ফসল আসবে। 9 এসো, সৎকর্ম করতে করতে আমরা যেন ক্লান্তিবোধ না করি, কারণ হাল ছেড়ে না দিলে আমরা যথাসময়ে ফসল তুলব। 10 তাই, আমরা যখন সুযোগ পেয়েছি, এসো, আমরা সব মানুষের প্রতি সৎকর্ম করি, বিশেষত তাদের প্রতি যারা বিশ্বাসীদের পরিজন।

  40. 13 তোমরা যারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করো, তাদের কাছে আমি এসব বিষয় লিখছি, যেন তোমরা জানতে পারো যে, তোমরা অনন্ত জীবন লাভ করেছ। 14 ঈশ্বরের কাছে আসার জন্য আমরা এই ভরসা পেয়েছি যে, আমরা যদি তাঁর ইচ্ছানুসারে কিছু প্রার্থনা করি, তিনি আমাদের প্রার্থনা শোনেন।